Published : 26 Aug 2025, 01:12 AM
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের চার দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতীয় প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য দিয়ে বলেছে, মঙ্গলবার ৫৬তম এ সীমান্ত সম্মেলন শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দলটি সোমবার বিকালে ঢাকায় পৌঁছে।
ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও আছেন।
ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ভারতীয় প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান।
এবারের সম্মেলনে সীমান্ত হত্যা, ‘পুশইন’, মাদক ও অস্ত্র চোরাচালানসহ আন্তঃসীমান্ত নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রতিনিধি দলের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বৈঠক হওয়ার আভাসও পাওয়া গেছে।
২৮ অগাস্ট প্রতিনিধি দলটি ভারতে ফিরে যাবে বলে বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়।