২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জের সেই এমপিপুত্রকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

সজীবের বিরুদ্ধে ‘চাঁদাবাজির বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে’ বলে ভাষ্য পুলিশের।

নারায়ণগঞ্জের সেই এমপিপুত্রকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ
নারায়ণগঞ্জ-৩ আসনের এমপির ছেলে খাইরুল ইসলাম সজীব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2026, 12:56 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপির ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। 

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজের বাসা থেকে রোববার বিকালে আটকের পর মুচলেকা নিয়ে সজীবকে রাতেই তাকে ছেড়ে দেওয়া হয় বলে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের এডিসি নিয়াজ মেহেদী জানিয়েছেন।

সোমবার সকালে এডিসি নিয়াজ মেহেদী বলেন, "রোববার রাত ১১টার দিকে তাকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে।"

সজীব নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে। জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের পদেও ছিলেন সজীব।

চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় সজীবকে আটক করা হয় বলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানিয়েছিলেন।

তিনি বলেছিলেন, “রোববার বিকাল ৫টার দিকে সজীবকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।”

পরবর্তীতে তাকে মিন্টো রোডে ঢাকা মহানগর ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখান থেকে রাতে সজীবকে ছেড়ে দেওয়া হয়।

তবে সজীবকে আটকের কিছুক্ষণ পরেই যুবদল বিজ্ঞপ্তি পাঠিয়ে তাকে বহিষ্কারের খবর জানিয়েছে।