০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পুরো নাম রহমতউল্লাহ আল মাহমুদ সেলিম। বর্তমানে তিনি উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। ১৯৭১ সালে তিনি সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং ১১ নভেম্বর ১৯৭১ বেতিয়ারা যুদ্ধে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭২-৭৪ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, নারায়ণগঞ্জ মহকুমা সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭৪ সালে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সম্পাদকমণ্ডলির সদস্য নির্বাচিত হন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যার পর সমগ্র দেশ যখন স্তম্ভিত, তখন তিনি ‘ইতিহাস কথা কও’ গীতিআলেখ্য রচনা করে ১৯৭৬ সালের ১৬ ডিসেম্বর প্রথম মঞ্চায়ন করেন। এটি উদীচীর শত শত শাখার মাধ্যমে সারা দেশে বহু সহস্রবার মঞ্চায়িত হয়। ১৯৭৮ থেকে ২০০৮ পর্যন্ত ৯ বারে মোট ২৬ বছর উদীচীর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আশৈশব সংগীপ্রেমী মাহমুদ সেলিম বেতার টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী। বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি ২০১৭ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হন।
যে সমাজে বৈষম্য, মৌলবাদ আর দমননীতি বেড়ে চলে, সেখানে উদীচী দাঁড়ায় এক অনমনীয় প্রতীকে—অসাম্প্রদায়িক, মানবিক ও সমাজতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে।