১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার’ পেলেন কামরুল হাসান ও গোলাম শফিক

২৫ হাজার টাকা, ক্রেস্ট, উত্তরীয় ও শংসাবচন তুলে দেওয়া হয় পুরস্কারপ্রাপ্তদের হাতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2025, 01:18 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

এবার 'আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার' পেয়েছেন কথাসাহিত্যিক সৈয়দ কামরুল হাসান ও লেখক, প্রাবন্ধিক ও নাট্যকার গোলাম শফিক।

আবু খালেদ পাঠান ফাউন্ডেশন প্রবর্তিত এই পুরস্কারটি দেওয়া হল দ্বিতীয়বারের মত। 

ঢাকার বাংলামটরে শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে এই পুরস্কার দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পুরস্কারপ্রাপ্ত লেখকদের পুরস্কারের নগদ অর্থমূল্য ২৫ হাজার টাকা, ক্রেস্ট, উত্তরীয় ও শংসাবচন তুলে দেওয়া হয়। প্রশংসাবচন পাঠ করেন মার্জিয়া লিপি ও অর্চনা সাহা।

অনুষ্ঠানের শুরুতেই গত বছরের পুরস্কার প্রদান অনুষ্ঠানের উপর একটি ভিডিওচিত্র দেখানো হয়। গত বছর এই পুরস্কার পেয়েছিলেন কবি কফিল আহমেদ ও আফরোজা সোমা।

মার্জিয়া লিপির সঞ্চলনায় অনুষ্ঠানে পুরস্কার প্রদান শেষে গান পরিবেশন করেন সর্বপ্রাণ বোধের শিল্পী ও কবি কফিল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ, লেখক ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, "আশাবাদ একটি মোমবাতির মত। একটা মোমবাতি থাকলেই হয়। একটি মোমবাতি দিয়ে অনেকগুলো মোমবাতিতে আলোকপ্রজ্জ্বলন করা যায়। যার হাতে আশাবাদের মোমবাতি আছে, তার পক্ষে পুরো দেশকে জাগিয়ে তোলা সম্ভব। সংস্কৃতির শিক্ষা আছে, শিক্ষার সংস্কৃতি আছে- এই দুটো মিলে গেলেই দেশ এগিয়ে যাবে।"

লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেন, "ইট, বালু, সিমেন্ট আর টাকা এখন মানুষ এই চারটি বিষয়কে ভালোবাসে। এই সময়ে আমাদের নতুন করে ভাবতে হবে। লক্ষ্যটাকে বড় করতে হবে। দুঃসাহসিক কাজ করতে হবে। আমাদের সাহিত্যধর্মী কাজ দরকার, সংস্কৃতিধর্মী কাজ দরকার। না হয় বাংলাদেশ পিছিয়ে পড়বে।"

পুরস্কার প্রদান কমিটির আহ্বায়ক লেখক ও সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, "এই পুরস্কার প্রদানের উদ্দেশ্য হচ্ছে- সাহিত্য চর্চায় নিবেদিত প্রাণ কবি, লেখক, গবেষকবৃন্দকে সম্মানীত করা ,উৎসাহ ও অনুপ্রেরণা দেয়া। আমাদের প্রত্যাশা, এই পুরস্কার তাদের সাহিত্য চর্চায় কার্যকর ভূমিকা রাখবে।"

আবু খালেদ পাঠান ফাউন্ডেশনের সভাপতি নায়লা ইয়াসমিন বলেন, "পুরস্কার দেওয়া সহজ কাজ। কিন্তু পুরস্কারের জন্য কবি, লেখকদের নির্বাচন করা যে অত্যন্ত কঠিন তা মূল্যায়ন কার্য পরিচালনা করতে গিয়ে টের পাওয়া গিয়েছে। তথাপি আমরা চেষ্টা করেছি যোগ্য দুইজনকে নির্বাচন করতে।"

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কবি সদরুল উলা, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, লেখক গবেষক মু আ লতিফ, শিশুসাহিত্যিক মাহফুজুর রহমান, এয়ার ভাইস মার্শাল আব. এম সানাউল হক।