Published : 08 Nov 2025, 08:16 PM
শফিউদ্দিন শিল্পালয়ের গ্যালারিতে ঢুকতেই চোখে পড়ল রংধনুর সাত রঙে আঁকা এক নারীর ছবি।
একা নারীর চিন্তাজগতে যে বিভিন্ন রঙের ভাবনা খেলে যায়, তা তুলির আঁচড়ে মূর্ত করার কথা বললেন শিল্পী ফারিন আহমেদ।
নারীর মাতৃত্বকালীন সময়ের ছবিও এঁকেছেন এই চিত্রশিল্পী। মায়ের সবটা জুড়েই যে সন্তান থাকে তাই উঠে এল তার ওই ছবিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফারিন বলেন, “নারীদেরকে আমি ফোকাস করেছি। নারীর বিভিন্ন মুহূর্ত এঁকেছি। এই ধরনের প্রদর্শনী সবসময় হোক এটাই চাই।”
ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে শুক্রবার আর্ট ইকো ফাউন্ডেশনের আয়োজনে চিত্র প্রদর্শনী ‘প্রবর্তনায়’ জায়গা পেয়েছে ফারিনসহ ১২ জন শিল্পীর ছবি।
তুলির আঁচড়ে তারা ফুটিয়ে তুলেছেন জীবনের নানা রঙের গল্প। কেউ দেখিয়েছেন তার চোখে দেখা সময়, কেউবা এঁকেছেন নিজের যাপন করা জীবনের চিত্রকল্প।
আর্ট ইকো ফাউন্ডেশন নারী শিল্পী, স্ব-শিক্ষিত চিত্রশিল্পী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করে। আয়োজকরা বলছেন, প্রতি দুই মাস পরপর দেশের বিভিন্ন স্থানে তারা এমন প্রদর্শনী আর কর্মশালার আয়োজন করবেন।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ওয়েন্স লরেন্স গোমেজ এঁকেছেন তার চোখে দেখা ঢাকা শহরকে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলল, “আমার ছবিতে গাড়ি আছে, ট্রাফিক পুলিশ, বাচ্চারা মাটি তুলছে, স্কুলে যাচ্ছে, বল খেলছে, ঘুড়ি উড়াচ্ছে, গাছপালা আছে, আমি সব ছবি আঁকছি। আমার ছবি আঁকতে ভালো লাগে।”
আরেক চিত্রশিল্পী ইসরাত জাহান এঁকেছেন সীমিত চলাফেরায় বড় হওয়ার নারীর জগত। তার ছবির বিষয়বস্তু, ঘর থেকে জানলা দিয়ে দেখা অনেক কিছু।
ইসরাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘর থেকে বাইরে বের হওয়ার সুযোগ সবসময়ই কম ছিল; এখনও কম। সে জায়গা থেকে আমার চোখে পৃথিবী দেখা বা সৌন্দর্য উপভোগ করা- সেই অনুভূতিগুলোই আমার ছবিতে প্রকাশ পাচ্ছে।”
শুক্রবার সন্ধ্যায় শুরু হয়েছে প্রবর্তনা প্রদর্শনী। চিত্রকলা দেখতে সেখানে ভিড় করেন নানা বয়সী দর্শনার্থী। তারা বললেন, ছুটির সন্ধ্যা সুন্দরভাবে কাটাতে তারা এখানে এসেছেন।
ধানমন্ডির বাসিন্দা নাহিদা মনিষা বলেন, “তাদের নানা চিন্তাভাবনা ছবিতে আসছে। সেটাই দেখতে আসলাম। খুবই ভালো লাগল।”
কলাবাগান থেকে পরিবার নিয়ে আসেন মনীর চৌধুরী। তিনি বলেন, “জানতে পেরে আসলাম। ভাবলাম সবাই মিলে একটু দেখে আসি। ছবিগুলো সুন্দর, দেখতে ভালো লাগছে।”
শুক্রবার প্রদর্শনীর আগে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অতিথিরা বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শিল্প সংশ্লিষ্ট আয়োজন আরও বাড়ানোর আহ্বান রেখেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক আব্দুস সাত্তার বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মানুষের মনের শান্তি নষ্ট হয়ে গেছে। এই ধরনের প্রদর্শনী আমাদের শান্ত হতে, সুন্দর হতে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে। যত বেশি প্রদর্শনী হবে, যত বেশি শিল্পের সঙ্গে আমরা যুক্ত থাকব- আমাদের দেশের জন্য ততই মঙ্গল।”
আর্ট ইকো ফাউন্ডেশনের সহ সভাপতি বহ্নি রহমান বলেন, সংস্থাটি এমন একটি পরিবার যারা সবার কথা বলবে। সব শ্রেণির শিল্পীর কণ্ঠস্বর হয়ে উঠবে।
“তাদের চিত্রকর্ম আপনাদের সামনে তুলে ধরবে, তাদেরকে বহির্বিশ্বেও উপস্থাপন করবে, সেই প্রত্যাশায় আজকে আমাদের আর্ট ইকো ফাউন্ডেশনের পল চলা। আমরা বিশ্বাস করি, আমরা একটা পর্যায়ে গিয়ে আপনাদের সামনে আরও ভালো ভালো আর্টিস্টদের নিয়ে এসে দাঁড়াব, তাদের শিল্পকর্ম নিয়ে এসে দাঁড়াব।”
বুধবার পর্যন্ত শফিউদ্দিন শিল্পালয়ে চলবে প্রদর্শনী প্রবর্তনা। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে প্রদর্শনীর দুয়ার।