Published : 29 Dec 2025, 02:20 PM
কবি রফিক আজাদ স্মৃতি পর্ষদ প্রবর্তিত ‘কবি রফিক আজাদ স্মৃতি পুরস্কার’ পাচ্ছেন কবি ও গবেষক ড. ময়ুখ চৌধুরী এবং দৈনিক সংবাদ পত্রিকার সাহিত্য সম্পাদক ও লিটল ম্যাগাজিন শালুক সম্পাদক কবি ওবায়েদ আকাশ।
ময়ুখ চৌধুরী ২০২৫ সালের জন্য এবং ওবায়েদ আকাশ ২০২৬ সালের জন্য এই পুরস্কার পাচ্ছেন বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ‘কবি রফিক আজাদ স্মৃতি পর্ষদ’।
আগামী ১৪ জানুয়ারি বিকেল ৪টায় ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারের অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা।
ময়ুখ চৌধুরী ১৯৫০ সালের ২২ অক্টোবর চট্টগ্রামের দক্ষিণ নালাপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, গবেষক, প্রাবন্ধিক এবং বাংলা সাহিত্যের অধ্যাপক।
তিনি শিক্ষাজীবন শেষ করেন চট্টগ্রাম কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ‘রবীন্দ্রনাথের পোয়েটিক ওরিয়েন্টেশন’ বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
চার দশকের বেশি সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা শেষে বর্তমানে অবসর জীবন যাপন করছেন ময়ুখ চৌধুরী। তার প্রথম কাব্যগ্রন্থ ‘কালো বরফের প্রতিবেশী’ প্রকাশিত হয় ১৯৮৯ সালে।
এ পর্যন্ত ময়ুখ চৌধুরীর দশটি কাব্যগ্রন্থ, দুটি কাব্যসংকলন, একটি উপন্যাস, একটি গবেষণা গ্রন্থসহ পনেরোটির বেশি বই প্রকাশিত হয়েছে। তিনি ‘প্রতীতি’ এবং ‘কবিতা’ নামে দুটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন।
ওবায়েদ আকাশের জন্ম ১৯৭৩ সালের ১৩ জুন, রাজবাড়ী জেলার সুলতানপুর গ্রামে। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর করেছেন। তার ধ্যানজ্ঞান কবিতা, আর পেশা সাংবাদিকতা।
১৯৯৯ সাল থেকে দীর্ঘ ২৭ বছর সম্পাদনা করছেন অধুনাবাদী চিন্তার লিটল ম্যাগাজিন ‘শালুক’। কবিতা, অনুবাদ, গল্প, প্রবন্ধ, সম্পাদনা মিলিয়ে ওবায়েদ আকাশের প্রকাশিত বইয়ের সংখ্যা ৫০টি।