Published : 18 Sep 2025, 11:49 PM
ঢাকার গুলশানে ভারতীয় দূতাবাসের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (আইজিসিসি) শুরু হয়েছে বাংলাদেশি ‘ভিজ্যুয়াল আর্টিস্ট’ সুনীল কুমারের একক চিত্রকলা প্রদর্শনী ‘ইমর্শন ইন দ্য ওয়ার্ল্ড পাথ’।
বৃহস্পতিবার ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা প্রদর্শনীর উদ্বোধন করেন। আগামী ১ অক্টোবর পর্যন্ত সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী সন্ধ্যায় গৌড়ীয় নৃত্য ‘দ্য কালারস অব শক্তি’ পরিবেশন করেন বাংলাদেশি নৃত্যশিল্পী র্যাচেল প্রিয়াঙ্কা পেরিস ও তার দল।
অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, “বাংলাদেশ ও ভারতের আধুনিক শিল্প আন্দোলন একে অপরকে গভীরভাবে প্রভাবিত করেছে। দুই দেশের শিল্পীরা পরস্পরের কাজ থেকে অনুপ্রেরণা গ্রহণ করেছেন, যা দুই সমাজকে আরও কাছাকাছি এনেছে।
“এই প্রদর্শনী দর্শকদেরকে সেই বহুস্তরীয় মিলিত পথসমূহ নিয়ে ভাবনার সুযোগ করে দেয়, যা দুই জাতির মধ্যে একটি সেতুবন্ধন গড়ে তোলে।”
সুনীল কুমার ২৫ বছরের বেশি সময় ধরে শিল্পচর্চায় যুক্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা সুনীল কুমার চিত্রাঙ্কন, ইলাস্ট্রেশন ও গ্রাফিক ডিজাইনে পারদর্শিতা অর্জন করেছেন। তার চিত্রকর্ম বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং বিভিন্ন ব্যক্তিগত সংগ্রহে স্থান পেয়েছে।
ভারতীয় হাই কমিশনার বলেন, “সুনীল কুমারের এই একক প্রদর্শনী আমাদের মানবজীবনের জটিল বর্ণনা এবং অর্থের নিরন্তর অনুসন্ধানের ভেতরে প্রবেশ করতে আহ্বান জানায়। তার শিল্পকর্মে জীবনের নানা পথ, তার সৌন্দর্য ও বৈপরীত্য ফুটে উঠেছে।
“নারীদের চিত্রায়ণে তিনি তুলে ধরেছেন সমাজে তাদের সংগ্রাম, সহনশীলতা ও সৌন্দর্যের এক শক্তিশালী প্রতিচ্ছবি। এই প্রদর্শনী জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আশাবাদের শৈল্পিক প্রকাশের এক অনন্য উদাহরণ।”
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে চিত্রশিল্পী মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক অ্যান মেরি জর্জও অনুষ্ঠানে বক্তব্য দেন।