০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিএনপি ২০৯, জামায়াত ৬৮

  • জুলাই গণঅভ্যুত্থানের দেড় বছর পর ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং সংস্কার প্রশ্নে গণভোট শেষ হল শান্তিপূর্ণভাবে।
  • বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
  • বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কোথাও বড় কোনো গোলযোগের খবর পাওয়া যয়নি।
  • ভোট চলাকালে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় ৬ জনের মৃত্যু হয়েছে। 
  • তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে অসুস্থবোধ করার পর। অপরজনকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে।
  • জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে ‘ভোটগ্রহণে বিশৃঙ্খলার’ অভিযোগ তুলেছে।
  • এনসিপি বলেছে, দুপুর ১২টা পর্যন্ত ভোটগহণ ‘সন্তোষজনক’ হলেও তারপর থেকেই সারা দেশ থেকে তারা বিভিন্ন অভিযোগ পেয়েছে।
  • ভোটের সময় বিভিন্ন স্থানে অনিয়মের অভিযোগ সামনে এনেছে ইসলামী আন্দোলন বাংলাদেশও।
  • নির্বাচন কমিশন বলেছে, আশঙ্কাজনক কোনো পরিস্থিতি তৈরি হয়নি, কোনো কেন্দ্র ভোট স্থগিতও হয়নি।
  • আওয়ামী লীগকে বাইরে রেখে ৫০টি দলের অংশগ্রহণে এ নির্বাচনে প্রার্থী ছিলেন ২০২৮ জন।
  • ভোটগ্রহণ হয় ২৯৯টি আসনে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসন স্থগিত রয়েছে।
  • গণভোট হয়েছে জুলাই সনদের সংবিধান সংস্কার সংক্রান্ত ৪৮ দফা বাস্তবায়নে জনগণের সম্মতি নিতে। 
  • এবারের ভোটে মোটাদাগে বিএনপি নেতৃত্বাধীন জোটের সঙ্গে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। 
  • এবার ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। 
  • সংসদ নির্বাচন ও গণভোটের ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭ পোস্টাল ব্যালট গণনায় নিয়েছে নির্বাচন কমিশন।
     

13 Feb 2026, 07:30 PM

লাইভ ব্লগের সমাপ্তি

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আমাদের লাইভ ব্লগের এখানেই সমাপ্তি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

13 Feb 2026, 07:30 PM

এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের: বিএনপি



ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিজেদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাকে ‘গণতন্ত্রের বিজয়’ হিসেবে অভিহিত করেছে বিএনপি।
শুক্রবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এমন প্রতিক্রিয়া তুলে ধরেন।
তিনি বলেন, “বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল। বিএনপির সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের আপামর জনসাধারণের আবেগ আকাঙ্ক্ষা এবং অনুভূতি। বিএনপি গণ-মানুষের দল, তৃণমূলের দল।
“বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন, যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয়। আজকের এই বিজয় শুধু বিএনপির নয়, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের।”

13 Feb 2026, 07:27 PM

গাজীপুরের ৫ আসনে বাতিল দেড় লাখ ব্যালট!

গাজীপুরে পাঁচটি আসনের প্রায় দেড় লাখ ব্যালট বাতিল হয়েছে। এর মধ্যে সংসদ নির্বাচনের ব্যালট যেমন রয়েছে গণভোটের ব্যালটও রয়েছে। তবে গণভোটের ব্যালট ব্যাপক হারে বাতিল হয়েছ।
একটি আসনেই সর্বোচ্চ সাড়ে ৩১ হাজার গণভোটের ব্যালট বাতিল হয়েছে বলে নির্বাচন পরবর্তী ফলাফলের তথ্যে দেখা যাচ্ছে।
স্থানীয়ভাবে যারা রাজনীতি পর্যবেক্ষণ করেন, তাদের কাছে বিষয়টি ‘স্বাভাবিক’ মনে হয়নি।
বৃহস্পতিবার দিনভর নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করতে করতে শুক্রবার ভোররাত হয়ে যায়। স্থানীয়ভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত ভোট সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের ঘোষিত ফলাফলে দেখা যায়, গাজীপুরের পাঁচ আসনের মধ্যে চারটি আসনে বিএনপি এবং একটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী জয়ী হয়েছেন।
সিল ও স্বাক্ষর না থাকাসহ বিভিন্ন কারণে ব্যালট বাতিল করার কথা বলেছেন নির্বাচন কর্মকর্তারা।

13 Feb 2026, 07:22 PM

গণভোট: হ্যাঁ ভোট পড়েছে ৬৮.০৬%



জুলাই সনদের সংবিধান সংস্কার সংক্রান্ত ৪৮ দফা বাস্তবায়নে বেশিরভাগ ভোটার সম্মতি দিয়েছেন।
ইসি সচিব আখতার আহমেদ জানান, ত্রয়োদশ সংসদের সঙ্গে অনুষ্ঠিত চতুর্থ গণভোটে অংশ নিয়েছেন ৭ কোটি ৬ লাখ ৪০ হাজার ৫৬ জন। অর্থ্যাৎ ভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ।
এর মধ্যে ‘হ্যাঁ’ ভোটে রায় দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন (৬৮.০৬%)। আর সংস্কার বাস্তবায়নে অসম্মতি জানিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন (৩১.৯৪%)।
শুক্রবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে একটানা ভোট চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এদিন ২৯৯ আসনে ভোট হয়েছে।
জুলাই সনদের অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার সংক্রান্ত ৪৮ দফা বাস্তবায়নে জনগণের সম্মতি নেওয়ার জন্য এই গণভোটের আয়োজন।

13 Feb 2026, 02:26 PM

ভোট পড়েছে ৫৯%

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৫৯ দশমিক ৪৪ ভোট পড়ার তথ্য দিয়েছে নির্বাচন কমিশন।

শুক্রবার এ তথ্য দিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ২৯৯ আসনের ভোটে ৫০টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ২,০২৮ জন। এদিনই সংস্কার প্রশ্নে গণভোটও হয়েছেন। 

প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের নির্বাচন হবে নতুন তফসিলে। এবারে নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।

নির্বাচন

মোট ভোটার (জন)

ভোটদাতা

ভোটের হার

১৯৭৩: প্রথম সংসদ

৩,৫২,০৫,৬৪২

১,৯৩,২৯,৬৮৩

৫৫

১৯৭৯: দ্বিতীয় সংসদ

৩,৮৩,৬৩,৮৫৮

১,৯৬,৭৬,১২৪

৫১.১২

১৯৮৬: তৃতীয় সংসদ

৪,৭৮,৭৬,৯৭৯

২,৮৫,২৬,৬৫০

৫৯.৫৮

১৯৮৮: চতুর্থ সংসদ

৪,৯৮,৬৩,৮২৯

২,৫৮,৩২,৮৫৮

৫৪.৯২

১৯৯১: পঞ্চম সংসদ

৬,২১,৮১,৭৪৩

৩,৪৪,৭৭,৮০৩

৫৫.৪৫

১৯৯৬, ফেব্রুয়ারি: ষষ্ঠ সংসদ

৫,৬৭,০২,৪১২

১,১৭,৭৬,৪৮১

২৬.৫

১৯৯৬, জুন: সপ্তম সংসদ

৫,৬৭,১৬,৯৫৩

৪,২৮,৮০,৫৭৬

৭৪.৯৬

২০০১: অষ্টম সংসদ

৭,৪৯,৪৬,৩৬৪

৫,৬১,৮৫,৭০৭

৭৫.৫৯

২০০৮: নবম সংসদ

(ছবিসহ ভোটার তালিকা শুরু) ৮,১০,৮৭,০০৩

৭,০৬,৪৮,৪৮৫

৮৭.১৩

২০১৪: দশম সংসদ

(১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা) ৯১,১৯,৬৫,১৬৭

(ভোট ১৪৭ আসনে) ১,৭৩,৯২,৮৮৭

৪০.০৪

২০১৮: একাদশ সংসদ

১০, ৪১,৯০,৪৮০

৮,৩৫,৩২,৯১১

৮০.২০

২০২৪: দ্বাদশ সংসদ

১১,৯৩,৩২,৯৩৪

৪ কোটি ৯৯ লাখের বেশি

৪১.৮

২০২৬: ত্রয়োদশ সংসদ

১২ কোটি ৭৭ লাখের বেশি

-

৫৯.৪৪

13 Feb 2026, 01:57 PM

বরগুনার একটি হাতাপাখার, অন্যটি ধানের শীষের

বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী, কেওরাবুনিয়া দরবারের পীর মাহমুদুল হোসাইন অলিউল্লাহ হাতপাখা প্রতীকে ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট। এ আসনে ভোটার উপস্থিতি ছিল ৫৫ দশমিক ৫৩ শতাংশ।

বরগুনা-২ (বামনা-বেতাগী- পাথরঘাটা) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি ধানের শীষ প্রতীক নিয়ে ৯০ হাজার ৬৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সুলতান আহমদ পেয়েছেন ৮৫ হাজার ২৪৭ ভোট। এ আসনে ভোটার উপস্থিতি ছিল ৫৮ দশমিক ৬৬ শতাংশ।


 

13 Feb 2026, 01:53 PM

মেহেরপুরে দুই আসনই জামায়াতের

মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী তাজউদ্দীন খান ১ লাখ ২২ হাজার ৮২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি মাসুদ অরুন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪ হাজার ২২৪- ভোট। 

অন্যদিকে মেহেরপুর-২ (গাংনী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল হুদা ৯৪ হাজার ১৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি আমজাদ হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৬৮৯ ভোট।

13 Feb 2026, 01:48 PM

ফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরাজয়কে ‘সাজানো’ বলে মন্তব্য করে সবাইকে ‘ধৈর্য্য ধরার আহ্বান’ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

১১ দলীয় জোটের নেতৃত্বে থাকা দলটি বলছে, নির্বাচনে প্রশাসন ‘নিরপেক্ষ ভূমিকা পালন করেনি’। 

আনুষ্ঠানিক কর্মসূচির জন্য সমর্থকদের অপেক্ষা করতে বলছে তারা।

শুক্রবার সকালে ফেইসবুক পোস্টে এই আহ্বান জানানো হয়।

সংসদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে দলটি। 

তবে নির্বাচনের প্রার্থীদের পরাজয়ে প্রশাসনের ভূমিকাকে দুষেছে জামায়াত। প্রশ্ন তুলেছে ‘নির্বাচনের স্বচ্ছতা’ নিয়ে।

দলটির ভাষ্য, “ফলাফল তৈরি ও ঘোষণার ধরন আমাদের কাছে পরিষ্কার নয়। অনেক জায়গায় আমাদের প্রার্থীরা অল্প ভোটে রহস্যজনকভাবে হেরে গেছেন। ফলাফলে বারবার গরমিল ও সাজানো দেখা যাচ্ছে এবং প্রশাসনও নিরপেক্ষ ভূমিকা পালন করেনি বলে মনে হচ্ছে। এসব কারণে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।”

সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে জোটের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত সবাইকে অপেক্ষা করার অনুরোধ জানিয়েছে। 

পোস্টে বলা হয়, “একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ন্যায়ের লড়াই চলবেই, ইনশাআল্লাহ।”

জুলাই অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় ফিরছে দলটি। আর ভরাডুবি হয়েছে বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতের। 

13 Feb 2026, 12:42 PM

হেরে গেলেন তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া তাসনিম জারা ভোটের ফলে তৃতীয় হয়েছেন। সোশাল মিডিয়ার পরিচিত এ মুখ প্রার্থী হিসেবে জোরালো আলোচনায় ছিলেন।

রিটার্নিং কর্মকর্তা, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ঘোষিত ফল অনুযাযী, তাসনিম জারা যে দল ছেড়ে এসেছেন, সেই এনসিপির প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া হয়েছেন দ্বিতীয়। জামায়াত জোটের শাপলা কলির এ প্রার্থী পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট। 

আর এক লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে জয়ের হাসি ফুটেছে ধানের শীষের হাবিবুর রশিদ হাবিবের মুখে। আর তৃতীয় হওয়া তাসনিম জারা ফুটবল মার্কায় পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট।

 

ঢাকা-৯ আসন সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত।

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে জাতীয় নাগরিক পার্টির যোগদানের প্রশ্নে গত ২৭ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা ১ শতাংশ ভোটারের তালিকা নিয়ে গড়মিলের কারণে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিলে গিয়ে ১০ জানুয়ারি নিজের পক্ষে রায় পান তাসনিম জারা।

13 Feb 2026, 12:11 PM

নিরঙ্কুশ জয়ে তারেককে অভিনন্দন পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

এক্স পোস্টে বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এই বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানিয়েছে শেহবাজ শরীফ। 

এছাড়া সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন জারদারি। 

 

বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে ‘ঐতিহাসিক, ভ্রাতৃসূলভ’ বর্ণনা করে শেহবাজ শরীফ বলেন, “দুই দেশের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে ও শান্তি, স্থিতিশীলতা, দক্ষিণ এশিয়া তথা সামগ্রিক উন্নয়নের অভিন্ন লক্ষ্য পূরণে আমি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।”

আর জারদারি বলেন, “গণতান্ত্রিক অংশীদারিত্ব এবং একসঙ্গে এগিয়ে চলার অগ্রগতির প্রতি পাকিস্তান দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে।”

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসতে চলা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এছাড়া ‘ঐতিহাসিক বিজয়ের জন্য’ বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাসও।

জুলাই গণঅভ্যুত্থানের দেড় বছর পর ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং সংস্কার প্রশ্নে বৃহস্পতিবার গণভোট হয়েছে শান্তিপূর্ণভাবে।

১৯৭৮ সালে জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে তিনবার সরকারগঠন করেছিল তার স্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে।

আর এবার তাদেরই সন্তান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি চতুর্থবারের মত দেশ শাসনের ভার নিতে যাচ্ছে।


 

13 Feb 2026, 12:07 PM

কুমিল্লার আটটি বিএনপির, একটি বিদ্রোহীর; জামায়াত ও এনসিপির একটি করে

দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ১ লাখ ৪১ হাজার ৪৪০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনিরুজ্জামান পেয়েছেন ৯৪ হাজার ৮৪৫ ভোট।

কুমিল্লা-২ আসনে (হোমনা ও তিতাস) বিএনপির সেলিম ভূঁইয়া ৭৭ হাজার ৩৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আবদুল মতিন তালা প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৪৫ ভোট।

মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৩ আসনে ধানের শীষের কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) জয় পেয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ২৯১। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউছুফ সোহেল পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯৯ ভোট। 

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জয় পেয়েছেন জামায়াত জোট মনোনীত প্রার্থী এনসিপির হাসনাত আবদুল্লাহ। তিনি পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন ট্রাক মার্কায় পেয়েছেন ৪৯ হাজার ৮৮৫ ভোট।

ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৫ আসনে বিএনপি প্রার্থী জসীম উদ্দিন ১ লাখ ৩৪ হাজার ৪৮৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোবারক হোসাইন পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫৪৭ ভোট। 

কুমিল্লা-৬ (কুমিল্লা আদর্শ সদর, সিটি কর্পোরেশন, সদর দক্ষিণ উপজেলা ও কুমিল্লা সেনানিবাস) আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী ২ লাখ ১৭০৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কাজী দ্বীন মোহাম্মদ পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮৫১ ভোট।

চান্দিনা নিয়ে গঠিত কুমিল্লা-৭ আসনে জয় পেয়েছেন বিএনপির বিদ্রোহী আতিকুল আলম শাওন। তিনি পেয়েছেন ৯১ হাজার ৬৯০ ভোট। তার নিকটতম রেদোয়ান আহমেদ পেয়েছেন ৪৮ হাজার ৫০৯ ভোট। 

কুমিল্লা-৮ (বরুড়া উপজেলা) আসনে জয় পেয়েছেন ধানের শীষের জাকারিয়া তাহের। বিএনপির এ প্রার্থী পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল আলম হেলাল পেয়েছেন ৪৫ হাজার ৯১ ভোট। 

লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৯ আসনে বিএনপির আবুল কালাম ১ লাখ ৭০ হাজার ৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দীন ছিদ্দীকি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯৬১ ভোট।

কুমিল্লা-১০ আসনে (নাঙ্গলকোট ও লালমাই) বিএনপির মোবাশ্বের আলম ভূঁইয়া ১ লাখ ৬৩ হাজার ৬৬৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মুহাম্মদ ইয়াছিন আরাফাত পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৭৩৩ ভোট। 

চৌদ্দগ্রাম উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-১১ আসনে জয়ের পথে রয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কামরুল হুদা পেয়েছেন ৭৬ হাজার ৬৩৮ ভোট। এ আসনের তিনটি কেন্দ্রের ভোট স্থগিত রয়েছে।
 

13 Feb 2026, 11:16 AM

তারেককে অভিনন্দন মোদীর, বাংলাদেশের পাশে থাকবে ভারত

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

তারেক রহমানকে উদ্দেশ্য করে এক্স পোস্টে তিনি বলেছেন, “এই জয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত।” 

বাংলাদেশ-ভারতের আগামী সম্পর্ক নিয়ে মোদী বলেন, "আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলিকে এগিয়ে নিতে আপনার সাথে কাজ করার জন্য আমি উন্মুখ।”

১৯৭৮ সালে জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে তিনবার সরকারগঠন করেছিল তার স্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে।

আর এবার তাদেরই সন্তান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি চতুর্থবারের মত দেশ শাসনের ভার নিতে যাচ্ছে।
 

13 Feb 2026, 10:52 AM

‘ঐতিহাসিক জয়ে’ তারেককে অভিনন্দন যুক্তরাষ্ট্রের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ঐতিহাসিক বিজয়ের জন্য’ বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস।

পোস্টে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। 

তাতে বলা হয়েছে, “বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।

“আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য অর্জনে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে অপেক্ষা করছে।”

জুলাই গণঅভ্যুত্থানের দেড় বছর পর ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং সংস্কার প্রশ্নে বৃহস্পতিবার গণভোট হয়েছে শান্তিপূর্ণভাবে। ২৯৯ আসনে অনুষ্ঠিত এই নির্বাচনে বিপুল ব্যাবধানে এগিয়ে আছে বিএনপি।

নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় ফিরছে দলটি।
 

13 Feb 2026, 10:49 AM

চাঁদপুরে চারটি বিএনপির, অপরটি বিদ্রোহীর

চাঁদপুর-১ আসনে বিএনপির আ ন ম এহসানুল হক মিলন ১ লাখ ৩৩ হাজার ৩২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামির আবু নছর মোহাম্মদ মকবুল আহমদ পেয়েছেন ৭০ হাজার ৩৬৮ ভোট।

চাঁদপুর-২ আসনে বিএনপির মোহাম্মদ জালাল উদ্দিন ১ লাখ ৭২ হাজার ৬০৬ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির বিল্লাল হোসেন পেয়েছেন ৫৭ হাজার ৪৭৩ ভোট।

চাঁদপুর-৩ আসনে বিএনপির শেখ ফরিদ আহমেদ মানিক ১ লাখ ৬৫ হাজার ৪০৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর শাহজাহান মিয়া পেয়েছেন ১ লাখ ৮৬৫ ভোট।

চাঁদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) মোহাম্মদ আব্দুল হান্নান ৭৪ হাজার ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হারুনুর রশিদ পেয়েছেন ৬৯ হাজার ১৫৫ ভোট।

চাঁদপুর-৫ আসনে বিএনপির মমিনুল হক ১ লাখ ৮৫ হাজার ৪০৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী এলডিপির নেয়ামুল বশির পেয়েছেন ৭৫ হাজার ৬৬০ ভোট।

13 Feb 2026, 10:43 AM

গাজীপুরে চারটি বিএনপির, অপরটি জামায়াতের

গাজীপুর-১ আসনে বিএনপি প্রার্থী মো. মজিবুর রহমান ধানের শীষ প্রতীকে ২ লাখ ৮ হাজার ৬৮৮টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী শাহ আলম বকশী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৫৩টি ভোট। 

গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৬০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী নাছের খান শাপলাকলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪০হাজার ৯৫০ ভোট। 

গাজীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী এস এম রফিকুল ইসলাম বাচ্চু জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৩৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ এহসানুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৩৯ ভোট।

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সালাহ উদ্দিন আইউবী দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ এক হাজার ৭৭৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শাহ রিয়াজুল হান্নান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৩৯০ ভোট।

গাজীপুর-৫ আসনে বিএনপির প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী খায়রুল হাসান দাঁড়িপাল্লা প্রতীকে ৭৮ হাজার ১২৩ ভোট পেয়েছেন।

13 Feb 2026, 10:37 AM

মৌলভীবাজারের চার আসনই বিএনপির

মৌলভীবাজার-১ আসনে (জুড়ী ও বড়লেখা) বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমদ ৯৮ হাজার ২৭৭ ভোট পেয়ে জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আমিনুল ইসলাম পেয়েছেন ৭৮ হাজার ২১৪ টি ভোট।

মৌলভীবাজার আসন-২ আসনে ধানের শীষের শওকতুল ইসলাম শকু ৬৬ হাজার ৭০৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। দাঁড়িপাল্লা প্রতীকে শাহেদ আলী পেয়েছেন ৫০ হাজার ৫৯৮ ভোট।

মৌলভীবাজার আসন-৩ আসনে বিএনপির এম নাসের রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ৫৪ হাজার ৫৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নান পেয়েছেন ৭৪ হাজার ৩৬২ ভোট।

মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মুজিবুর রহমান চৌধুরী এক লাখ ৬৮ হাজার ৯৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৩৮৯ ভোট। 
 

13 Feb 2026, 10:26 AM

দুই দশক পর দেশ পরিচালনার ভার বিএনপির

আবারও একটি অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পথযাত্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।

আওয়ামী লীগহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় ফিরছে দলটি।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ১৫১টি জিতে নিয়েছে বিএনপি। প্রধান বিরোধী দল হিসেবে তারা পাচ্ছে তাদের দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতে ইসলামীকে। জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় নতুন শক্তি হিসেবে আবির্ভূত হওয়া ধর্মভিত্তিক দলটি পেয়েছে ৪২টি আসন। 

এছাড়া বিএনপি নেতৃত্বাধীন নির্বাচনি জোটে থাকা বিজেপি ও গণসংহতি আন্দোলন একটি করে আসন পেয়েছে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি তিনটি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং খেলাফত মজলিস একটি আসন পেয়েছে। 

চারটি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ৯৪টি আসনের পূর্ণাঙ্গ ফল ঘোষণা এখনো বাকি। সেখানেও বেশ কিছু আসনে বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন।  

ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে এদিন সংস্কার প্রশ্নে গণভোটও হয়। আর তাতে অনুমিতভাবেই ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে।

এই ফলের অর্থ হল, জুলাই সনদের অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার সংক্রান্ত ৪৮ দফা বাস্তবায়নের সম্মতি দিয়েছেন দেশের নাগরিকরা। 

অবশ্য গণভোটের প্রক্রিয়া ও প্রশ্নের গঠন নিয়ে সমালোচনা রয়েছে; নাগরিকরা ভোট দিয়েছেন না বুঝেই।


 

13 Feb 2026, 10:19 AM

জয়পুরহাটে একটি জামায়াতের, অপরটি বিএনপির

জয়পুরহাট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুর রহমান এক লাখ ৬৫ হাজার ১৯২ ভোট পেয়ে জয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ রানা প্রধান পেয়েছেন এক লাখ ৫৫ হাজার ৩০৯ ভোট।

জয়পুরহাট-২ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল বারী এক লাখ ৫৮ হাজার ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম রাশেদুল আলম পেয়েছেন ৯২ হাজার ৫১৭ জন।
 

13 Feb 2026, 10:10 AM

ঝালকাঠির দুই আসনেই বিএনপির জয়

দুই আসনের ঝালকাঠি জেলায় জয় পেয়েছে বিএনপি।

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে ধানের শীষ প্রতীকে ৬২ হাজার ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফয়জুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১২০ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার চারশ ৩০।

ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ১৩ হাজার ৪১৯ ভোট পেয়ে বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭০ হাজার ৫৫৬ ভোট। এ আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৩৯৬ জন।
 

13 Feb 2026, 09:56 AM

শরীয়তপুরের তিন আসনই ধানের শীষের

শরীয়তপুর-১ আসনে বিএনপির সাঈদ আহমেদ ৫২ হাজার ৭৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের জালালুদ্দীন আহমদ পেয়েছেন ৩০ হাজার ৬০২ ভোট। 

শরীয়তপুর-২ আসনে বিএনপির প্রার্থী সফিকুর রহমান (কিরন) এক লাখ ২৯ হাজার ৮১৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসলামীর মাহমুদ হোসেন পেয়েছেন ৭০ হাজার ৮৯২ ভোট। 

শরীয়তপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এক লাখ ৭ হাজার ৫১৬ ভোট পেয়ে জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসলামীর মুহাম্মদ আজাহারুল ইসলাম পেয়েছেন ৬৯ হাজার ৬৮৪ ভোট।

13 Feb 2026, 09:23 AM

নওগাঁর ছয় আসনের পাঁচটিতে জয় বিএনপির

নওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ১ লাখ ৪৯ হাজার ২০২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের মাহবুবুল আলম পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৩ ভোট। 

নওগাঁ-২ আসনে জামায়াতের এনামুল হক ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সামসুজ্জোহা খান জোহা পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২৯৪ ভোট।

নওগাঁ-৩ আসনে বিএনপির ফজলে হুদা ১ লাখ ৬৫ হাজার ৬৪৬ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাহফুজুর রহমান পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৮৩৮ ভোট।

নওগাঁ-৪ আসনে বিএনপির প্রার্থী ইকরামুল বারী টিপু ১ লাখ ৩৩ হাজার ৮০১ ভোট পেয়ে জয় পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দু্র রাকিব পেয়েছেন ৯৬ হাজার ৮১৪ ভোট।

নওগাঁ-৫ আসনে ধানের শীষের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু ১ লাখ ২৮ হাজার ৩৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাদাত মো. সায়েম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩ হাজার ২৩৬ ভোট।

নওগাঁ-৬ আসনে ১ লাখ ৮ হাজার ৭০ ভোট পেয়ে হাসি ফুটেছে বিএনপির শেখ মো. রেজাউল ইসলামের। সেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের খবিরুল ইসলাম পেয়েছেন ৯৫ হাজার ৮৮৬ ভোট।

13 Feb 2026, 08:56 AM

গোপালগঞ্জের তিন আসনেই ধানের শীষের জয়

আওয়ামী লীগবিহীন নির্বাচনে শেখ হাসিনার নিজের জেলা গোপালগঞ্জের তিনটি আসনের সবগুলোই জিতে নিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার রাত ২ টা ৩০ মিনিটে ভোট গণনা শেষে এসব আসনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।

গোপালগঞ্জ-১ ( মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ)  আসনে বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা ধানের শীষ প্রতীকে ৬৮ হাজার ৮৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী মো. কাবির মিয়া ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ৯৬১ ভোট। 

গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ) আসনে বিএনপির কেএম বাবর  ধানের শীষ প্রতীকে ৪০ হাজার ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী এমএইচ খান মঞ্জু হরিণ প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৩৯ ভোট ।

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া)  আসনে বিএনপির প্রার্থী এসএম জিলানী  ধানের শীষ প্রতীকে ৬০ হাজার ১৬৬  ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নীকটতম প্রতিদ্বন্দ্বী  স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র প্রামানিক ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট ।

13 Feb 2026, 08:54 AM

ভোলা-২ আসনে বিএনপির ইব্রাহিমের জয়

দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা নিয়ে গঠিত ভোলা-২ আসনে জয় পেয়েছেন বিএনপির হাফিজ ইব্রাহিম। তিনি পেয়েছেন ৬৫ হাজার ২৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ ফজলুল করিম পেয়েছেন ৬১ হাজার ৫৪৯ ভোট।

13 Feb 2026, 08:48 AM

খুলনার চারটিতে বিএনপি জয়ী, দুটিতে জামায়াত

খুলনার ছয়টি আসনের মধ্যে খুলনা-১ আসনে জয় পেয়েছেন বিএনপির আমীর এজাজ খান, খুলনা-২ আসনে জামায়াতের শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনে বিএনপির সম্পাদক এস কে আজিজুল বারী হেলাল, খুলনা-৫ (ফুলতলা, ডুমুরিয়া ও গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা) আসনে বিএনপির মোহাম্মদ আলি আসগার লবি এবং খুলনা-৬ আসনে জামায়াতের আবুল কালাম আজাদ জয়ী হয়েছেন।

বৃহস্পতিবার গভীররাতে রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার ও ফয়সল কাদের এ ফলাফল ঘোষণা করেন।

খুলনা-১: বিএনপির আমীর এজাজ খান ধানের শীষ প্রতীকে ১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কৃষ্ণ নন্দীর দাঁড়িপাল্লায় পড়েছে ৭০ হাজার ৩৪৬ ভোট। মোট ৩ লাখ ৭ হাজার ১০৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ১০ হাজার ৮৯৯টি।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মো. আবু সাঈদ পেয়েছেন ৫ হাজার ৬১৯ ভোট, জাতীয় পার্টির জাহাঙ্গীর হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬৩০ ভোট, ইসলামিক ফ্রন্টের সুনীল শুভ রায় মোমবাতি প্রতীকে পেয়েছেন ৮৮১ ভোট, সিপিবির কিশোর কুমার রায় কাস্তে প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭৪২ ভোট, কলস প্রতীকে গোবিন্দ হালদার পেয়েছেন ৮৯৪ ভোট, গণঅধিকার পরিষদের জি এম রোকনুজ্জামান ট্রাক প্রতীকে পেয়েছেন ৮৪ ভোট, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির রকেট প্রতীকে প্রবীর গোপাল রায় পেয়েছেন ৫৬৭ ভোট, জাসদের (জেএসডি) তারা প্রতীকে প্রসেনজিৎ দত্ত পেয়েছেন ৫১৩ ভোট, ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী অচিন্ত কুমার পেয়েছেন ৭১০ ভোট, সমঅধিকার পার্টির দোয়াত কলম প্রতীকে সুব্রত মন্ডল পেয়েছেন ১৬৯ ভোট।

খুলনা-২: জামায়াতের মহানগর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল জয়ী হয়েছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৩ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৮ হাজার ১৯৭ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমানুল্লাহ পেয়েছেন ৭ হাজার ২৯৮ ভোট। এ আসনের ১৫৮টি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ২৪৩ জন।

খুলনা-৩: ৭৪ হাজার ৮৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেনবিএনপির কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ১০ ভোট। এ আসনের ১১৬টি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৪০৯ জন। ভোট পড়েছে ১ লাখ ৫২ হাজার ২৪৫টি। 

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল আউয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭০৫ ভোট, জাতীয় পার্টির আব্দুল্লাহ আল মামুন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১০৭০ ভোট, স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান মিঠু হরিণ প্রতীকে পেয়েছেন ৮৩৭ ভোট, বাসদের জনার্দন দত্ত মই প্রতীকে পেয়েছেন ২৪৬ ভোট, মইন মোহাম্মদ মায়াজ ফুটবল প্রতীকে পেয়েছেন ৯৮ ভোট, আবুল হাসনাত সিদ্দিক জাহাজ প্রতীকে পেয়েছেন ৬৮ ভোট, ঘুড়ি প্রতীকে মুরাদ খান লিটন পেয়েছেন ৮৩ ভোট, এনডিএমের শেখ আরমান হোসেন সিংহ প্রতীকে পেয়েছেন ১৪১ ভোট।

খুলনা-৪: বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক এস কে আজিজুল বারী হেলাল ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৩ হাজার ১৬২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত আন্দোলনের সাখাওয়াত হোসেন দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৩০ ভোট। হেলাল ১৩ হাজার ৬৩২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। 

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের ইউনুস আহম্মেদ শেখ হাতপাখা প্রতীকে ১৩ হাজার ৩৪৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে এসএম আজমল হোসেন ৮৫৯ ভোট পেয়েছেন। 

খুলনা-৫: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে হারিয়ে জয়ী হয়েছেন বিএনপির আলি আসগার লবি। আলী আসগার ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট। লাঙ্গল প্রতীকে শামীম আরা পারভীন পেয়েছেন ১ হাজার ৩১৯, চিত্তরঞ্জন গোলদার কাস্তে প্রতীকে প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৯০ ভোট। 

খুলনা-৬: জামায়াতের আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫০ হাজার ৭২৪ জন ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম মনিরুল ইসলাম বাপ্পী  পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭১০ ভোট। সিপিবির প্রশান্ত কুমার মন্ডল কান্তে প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৭১ ভোট, ইসলামী আন্দোলনের মো. আসাদুল্লাহ ফকির হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯৫০ ভোট ও জাতীয় পার্টির মোস্তফা কামাল জাহাঙ্গীর লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৭১৭ ভোট।

13 Feb 2026, 08:25 AM

হেরে গেলেন কৃষ্ণ নন্দী

খুলনা-১ আসনে বিএনপির প্রার্থী আমীর এজাজ খান ১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী পেয়েছেন ৭০ হাজার ৩৪৬ ভোট।

কৃষ্ণ নন্দী দলটির ডুমুরিয়া উপজেলা কমিটির হিন্দু শাখার সভাপতি। দাঁড়িপাল্লা প্রতীকে তার প্রার্থিতা নিয়ে ডুমুরিয়া, দাকোপ ও বটিয়াঘাটা- এই তিন উপজেলাতের রাজনৈতিক অঙ্গন, হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

13 Feb 2026, 07:19 AM

ঢাকা-১৪ জিতেছেন জামায়াতের আরমান

ঢাকা- ১৪ আসনে জিতেছেন জামায়াতের প্রার্থী মীর আহমাদ বিন কাসেম আরমান। গুমের শিকার হয়ে দীর্ঘদিন গোপন কারাগারে বন্দী থাকা আরমানের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলি। তিনি গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন।
এই আসনে দাঁড়িপাল্লার আরমান পেয়েছেন ১ লাখ ১ হাজার ১১৩ ভোট। আর ধানের শীষের তুলি পেয়েছেন ৮৩ হাজার ৩২৩ ভোট।
এই আসনে তৃতীয় অবস্থানে রয়েছেন ফুটবল প্রতীকে নির্বাচন করা ‘বিএনপির বিদ্রোহী’ সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু। তিনি পেয়েছেন ১৬ হাজার ৩২৮ ভোট।

13 Feb 2026, 07:12 AM

ঢাকা-১৮ আসনে বিএনপির জাহাঙ্গীর জয়ী

ঢাকা-১৮ আসনে ৩৩ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর।
নির্বাচনে জাহাঙ্গীর পেয়েছেন এক লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী শাপলা কলি প্রতীকে পেয়েছেন এক লাখ ১১ হাজার ২৯৭ ভোট।
ঢাকার উত্তরা, তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত আসনটির আলোচিত প্রার্থী মাহমুদুর রহমান মান্না নির্বাচনের চার দিন আগে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ভোটে নাগরিক ঐক্যের প্রার্থী মান্না কেটলি প্রতীকে পেয়েছেন ৩৫০ ভোট।

13 Feb 2026, 07:08 AM

ঢাকা-১৩: ববি হাজ্জাজ জিতলেন ২৩২০ ভোটে

ঢাকা- ১৩ আসনে ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ জয় পেয়েছেন। 
ঢাকার মোহাম্মদপুর ও ধানমণ্ডি এলাকা নিয়ে গঠিত আসনটি দিনভর আলোচনায় ছিল। বিএনপির ধানের শীষের প্রার্থী ছিলেন ববি হাজ্জাজ। আর রিকশা প্রতীক নিয়ে ১১ দলীয় জোটের প্রার্থী হন খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
এই আসনে ববি হাজ্জাজ পেয়েছেন ৮৮ হাজার ৩৮৭ ভোট। আর মামুনুল হক পান ৮৬ হাজার ৬৭ ভোট।
সেই হিসাবে ২ হাজার ৩২০ ভোটের ব্যবধানে জয়ী হন ববি হাজ্জাজ।
 

13 Feb 2026, 06:59 AM

নোয়াখালীর ছয় আসনের ৫টি ধানের শীষের, একটি হান্নান মাসউদের



নোয়াখালী-১ আসনে ধানের শীষের মাহাবুব উদ্দিন খোকন এক লাখ ২৬ হাজার ৮৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের (দাঁড়িপাল্লা) মো. ছাইফ উল্যাহ পেয়েছেন ৯৮ হাজার ৩৬ ভোট। 
নোয়াখালী-২ বিএনপি প্রার্থী জয়নুল আবদিন ফারুক ধানের শীষ প্রতীকে ৮৩ হাজার ৯৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির সুলতান মুহাম্মদ জাকারিয়া শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ০৫৪ ভোট।
নোয়াখালী-৩ আসনে বিএনপি প্রার্থী মো. বরকত উল্লাহ বুলু ধানের শীষ প্রতীকে এক লাখ ৪১ হাজার ০৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের বোরহান উদ্দিন পেয়েছেন এক লাখ ২৩ হাজার ৯৪১ ভোট। 
নোয়াখালী-৪ আসনে ধানের শীষের মো. শাহজাহান দুই লাখ ১৯ হাজার ১৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসহাক খন্দকার পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট।
নোয়াখালী-৫  আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম এক লাখ ৪৭ হাজার ৮০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের (দাঁড়িপাল্লা) মোহাম্মদ বেলায়েত হোসেন পেয়েছেন এক লাখ ২০ হাজার ৪৫৩ ভোট।
নোয়াখালী-৬ আসনে এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ শাপলা কলি প্রতীকে ৯০ হাজার ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৩৭২ ভোট।

13 Feb 2026, 06:53 AM

আব্বাসের জয় ৪৯৮০ ভোটে

বহুল আলোচিত ঢাকা-৮ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। জয় পেলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারীর তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয় ধানের শীষের এই প্রার্থীকে। 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্বাস ৪৯৮০ ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট। আর পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট।
 

13 Feb 2026, 06:41 AM

ময়মনসিংহে বিএনপির জয়জয়কার

ময়মনসিংহ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) সালমান ওমর রুবেল ঘোড়া প্রতীকে এক লাখ আট হাজার ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ এক হাজার ৯২৬ ভোট।
ময়মনসিংহ-৪ আসনে বিএনপি প্রার্থী মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ধানের শীষ প্রতীকে এক লাখ ৭৭ হাজার ৮৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ কামরুল আহসান পেয়েছেন এক লাখ ৬৯ হাজার ৫৮০ ভোট।
ময়মনসিংহ-৫ আসনে বিএনপি প্রার্থী জাকির হোসেন বাবলু এক লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ পেয়েছেন এক লাখ ৮৭৬ ভোট।
ময়মনসিংহ-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কামরুল হাসান মিলন ৭৫ হাজার ৯৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আখতার সুলতানা ফুটবল প্রতীকে ৫২ হাজার ৬৬৯ ভোট পেয়েছেন।
ময়মনসিংহ-৯ আসনে বিএনপি প্রার্থী ইয়াসের খান চৌধুরী ৮৫ হাজার ৪৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির এ কে এম আনোয়ারুল হক পেয়েছেন 
৭০ হাজার ১৫২ ভোট।
ময়মনসিংহ-১০ আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আখতারুজ্জামান ৭৪ হাজার ৬৩৮ বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিকুর রহমান হাঁস প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৪২৪ ভোট।

13 Feb 2026, 06:36 AM

রাজবাড়ীর দুটি আসনই ধানের শীষের

রাজবাড়ী-১ আসনে বিএনপি প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ধানের শীষে ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. নূরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২ ভোট।
রাজবাড়ী-২ আসনে বিএনপি প্রার্থী মো. হারুন-অর-রশিদ ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির জামিল হিজাযী শাপলা কলি প্রতীকে ৬৭ হাজার ২৯৯ ভোট পেয়েছেন।

13 Feb 2026, 06:33 AM

ঢাকায় রাজধানীর বাইরের ৫ আসনেই বিএনপির জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার অন্তর্গত পাঁচ আসনেই বিএনপির মনোনীত পাঁচ প্রার্থী জয় পেয়েছেন। 
বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে, ঢাকা-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আবু আশফাক ১ লাখ ৭৩ হাজার ৭৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর মো. নজরুল ইসলাম এক লাখ ১২ হাজার ৬২২ ভোট পেয়েছেন। 
ঢাকা-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আমানউল্লাহ আমান এক লাখ ৬৩ হাজার ৭৯৩ ভোট পেয়ে জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক পেয়েছেন ৮০ হাজার ৫৩ ভোট । 
গয়েশ্বর চন্দ্র রায় ৯৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে
ঢাকা-৩ আসন থেকে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শাহীনুর ইসলাম। তিনি ৮২ হাজার ২৩২ ভোট পেয়েছেন।
ঢাকা-১৯ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী দিলশানা পারুল ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট পেয়েছেন।  ঢাকা-২০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. তমিজ উদ্দিন ১ লাখ ৬২ হাজার ৫০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী নাবিলা তাসনিম পেয়েছেন ৫৭ হাজার ৭৮৭ ভোট।
 

13 Feb 2026, 06:28 AM

চট্টগ্রামের ৬ আসনের ফল পেতে আরও অপেক্ষা



চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ছয়টির আনুষ্ঠানিক ফল পেতে আরও অপেক্ষায় রেখেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
এরমধ্যে আদালতের নির্দেশনার কারণে দুই আসনে এবং ভোট গণনার কাজ শেষ না হওয়ায় চারটি আসনের ফল বৃহস্পতিবার গভীর রাতেও দেননি তারা।
এসব কেন্দ্রের ফল প্রকাশ না করেই তারা গভীর রাতে ফলাফল দেওয়ার কার্যক্রম শেষ করেন।
এসব আসন হল- চট্টগ্রাম-২, চট্টগ্রাম-৪, চট্টগ্রাম-৫, চট্টগ্রাম-৮, চট্টগ্রাম-১০ ও চট্টগ্রাম-১১।
এর মধ্যে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল আদালতের নির্দেশনা মেনে ঘোষণা করা হবে না ফলাফল প্রদানের কেন্দ্রে জানান সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
অপরদিকে বাকি চারটি আসনের পোস্টাল ব্যালটের ফল না পাওয়ায় সেগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা থেকে বিরত থেকেছেন তারা। এসব কেন্দ্রের ফল শুক্রবার দুপুর ১২টার পর দেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা।
ভোট গ্রহণ শেষে চট্টগ্রামের তিন স্থান থেকে ফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তারা।
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দীন রাত ৩টায় বলেন, বাকি কেন্দ্রের ফলাফল শুক্রবার বেলা ১২টায় দেওয়া হবে।
 

13 Feb 2026, 06:23 AM

পাবনার পাঁচ আসন: ৩টি দাঁড়িপাল্লা, দুটিতে জয়ী ধানের শীষ

পাবনা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২৯ হাজার ৯৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ভিপি শামসুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪ হাজার ২৪৫ ভোট।
পাবনা-২ আসনের বিএনপির অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব ধানের শীষ প্রতীকে ২ লাখ ১৫ হাজার ৪০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর কে এম হেসাব উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ২৪২ ভোট।
পাবনা-৩ আসনে জামায়াতে ইসলামীর মাওলানা আলী আছগার দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষকদল সভাপতি হাসান জাফির তুহিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট।
পাবনা-৪ আসনে জামায়াতে ইসলামীর অধ্যাপক আবু তালেব মণ্ডল ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুর রহমান হাবিব ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট।
পাবনা-৫ আসনে বিএনপির অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ১ লাখ ৮১ হাজার ৯২৫ ভোট ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ইকবাল হোসাইন পেয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৯৯৪ ভোট।
 

13 Feb 2026, 06:20 AM

রংপুরের ছয় আসনের ৫টি জামায়াতের, একটি এনসিপির



রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী ১ লাখ ৭৪ হাজার ২৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোকারম হোসেন সুজন ধানের শীষে ৬৯ হজার ১৩১ ভোট পেয়েছেন।
রংপুর-২ আসনে জামায়াতে ইসলামীর এ টি এম আজাহারুল ইসলাম ধানের শীষে ১ লাখ ৩৫ হাজার ৫৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী সরকার ধানের শীষে ৮০ হাজার ৫৩৮ ভোট পেয়েছেন।
রংপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মাহবুবার রহমান বেলাল দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ৭৫ হাজার ৮২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি শামসুজ্জামান সামু ৮৪ হাজার ৫৭৮ ভোট পেয়েছেন।
রংপুর-৪ আসনে এনসিপির আকতার হোসেন শাপলা কলি প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট।
রংপুর-৫ আসনে জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭৬ হাজার ৪১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির গোলাম রব্বানী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১১৬ ভোট।
রংপুর-৬ আসনে জামায়াতে ইসলামীর নুরুল আমীন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২০ হাজার ১২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭০৩ ভোট।

13 Feb 2026, 05:47 AM

ফেনীর সব আসন ধানের শীষের

ফেনী-১ আসনে বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনু ১ লাখ ১৯ হাজার ৯০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন ৮৫ হাজার ৬১৫ ভোট পেয়েছেন। 
ফেনী-২ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন ১ লাখ ৩১ হাজার ২১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু ৮০ হাজার ৫৮ ভোট পেয়েছেন।
ফেনী-৩ আসনে বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টু ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ ফখরুদ্দিন মানিক পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৬০ ভোট।
 

13 Feb 2026, 05:33 AM

রাজশাহীতে ৪টি বিএনপির, দুটি জামায়াতের



রাজশাহী-১ আসনে জামায়াত প্রার্থী মুজিবুর রহমান এক লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শরীফ উদ্দীন পেয়েছেন এক লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। 
রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু এক লাখ ২৫ হাজার ৬৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ৯৭ হাজার ৪৬৬ ভোট।
রাজশাহী-৩ আসনে বিএনপি প্রার্থী শফিকুল হক মিলন এক লাখ ৭৬ হাজার ৪৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন এক লাখ ৩৬ হাজার ৫৬৫ ভোট। 
রাজশাহী-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল বারী সরদার এক লাখ ১৮ হাজার ২৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান পেয়েছেন এক লাখ ৯ হাজার ৭৫৯ ভোট। 
রাজশাহী-৫ আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মণ্ডল এক লাখ ২৩ হাজার ৬১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী মনজুর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৮৭৩ ভোট। 
রাজশাহী-৬ আসনে বিএনপি প্রার্থী আবু সাঈদ চাঁদ এক লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী নাজমুল হক পেয়েছেন  ৯২ হাজার ৯৬৫ ভোট।

13 Feb 2026, 05:29 AM

ঢাকা-১৭ আসনে তারেকের জয়



দিনভরই দেশবাসীর চোখ ছিল ঢাকা-১৭ আসনে। অবশেষে ভোরের দিকে ঘোষণা এল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জয়ের।
বগুড়া-৬ আসনে বড় ব্যবধানে জয়ী হলেও রাজধানীর এ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়েন তিনি। প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে জয় পেয়েছেন ৪৩৯৯ ভোটে।
রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত ফলাফলের তথ্য বলছে, এ আসনে ধানের শীষ প্রতীকে তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকে স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।
এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন। এর মধ্যে ৪৪ দশমিক ৩০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
এর আগে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান বড় ব্যবধানে জয়ী হন।
ফলাফল অনুযায়ী, তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
তারেক রহমান ১ লাখ ১৮ হাজার ৬৫৮ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন।
 

13 Feb 2026, 05:13 AM

ঢাকা- ১৫ জামায়াত আমিরের


ঢাকা-১৫ আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। 
দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এ আসনে প্রায় ২২ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন তিনি।
শফিকুর রহমান পেয়েছেন ৮৫ হাজার ১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের শফিকুল ইসলাম খান মিল্টন পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট।
এই আসনে মোট ভোটারের ৪৪ শতাংশ ভোট দিয়েছেন।  

13 Feb 2026, 04:39 AM

মাঝরাতে অভিযোগ নিয়ে ইসিতে মামুনুল



'জাল ভোট' ও ভোটের ফল ‘বিলম্বে’ দেওয়াসহ কয়েকটি অভিযোগ নিয়ে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে মাঝরাতে হাজির হয়েছেন ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হক।
বাংলাদেশ খেলাফত মজলিসের এই প্রার্থী বলেছেন, তার আসনে অন্তত ৫০টি কেন্দ্রে ১২০০ ভোট বাতিল হয়েছে। সবগুলো কেন্দ্র হিসাবে নিলে সেই সংখ্যা অন্তত সাড়ে তিন হাজার হবে বলে তিনি ধারণা করছেন।
মামুনুল হক বলেন, "আমার ভোটের ব্যবধান যেহেতু ২ হাজার ২০০ এর মতো। আমার আসনের 'জাল ভোট' হয়েছে। এছাড়া ভোট বাতিল করা হয়েছে। যে কারণে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিছু ব্যবধানে বিজয়ী হয়েছে। এটা বড় কষ্টের।"

13 Feb 2026, 04:32 AM

জামালপুর-৩ বিএনপির, জামালপুর-৫ আসনও

জামালপুর-৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মো. মোস্তাফিজুর রহমান বাবুল দুই লাখ সাত হাজার ৪১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. মুজিবুর রহমান আজাদী পেয়েছেন ৮১ হাজার ৪৩০ ভোট।
জামালপুর-৫ আসনে বিএনপির শাহ মো. ওয়ারেছ আলী মামুন ধানের শীষ প্রতীকে এক লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মুহাম্মদ আব্দুস সাত্তার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লাখ ১৩ হাজার ২০১ ভোট।

13 Feb 2026, 04:23 AM

‘সংবাদমাধ্যম’ ব্যবহার করে ফল ‘ম্যানিপুলেশন’: এনসিপি


সংবাদমাধ্যমের সঙ্গে যোগসাজশে ভোটের ফলাফল ‘কারচুপির ষড়যন্ত্র’ করার অভিযোগ এনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
ঢাকা- ৮ আসনের বিষয়ে তাদের ভাষ্য, এখানে ধানের শীষের ‘ত্রুটিপূর্ণ ভোট’ হিসেবে গণনায় ধরে মির্জা আব্বাসকে বিজয়ী করার ষড়যন্ত্র চলছে। এই আসনের ভোট নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে পুনরায় গণনারও দাবি জানান তিনি।
তিনি বলেন, “যখন তারা দেখলো যে কিছু আসনে বিএনপির প্রার্থীরা হেরে যাচ্ছে তখন ফল টেম্পারিং করে ১১ দলীয় প্রার্থীদের হারানোর স্পষ্ট চেষ্টা দেখতে পাচ্ছি।”
তার ভাষ্য, ঢাকা- ১৫ আসনে যখন ২০ হাজার ভোটের পার্থক্য দেখা যাচ্ছিল। তখন বিএনপির প্রার্থী নিজেকে বিজয়ী ঘোষণা করেন দিলেন ফেইসবুকে। যেখানে চাপ তৈরি করে ফল টেম্পারিংয়ের অপচেষ্টা রয়েছে।
আসিফ মাহমুদ বলেন, “ঢাকা-১৭ আসনে দেখলাম ৫০টি আসনের ভোট গণনা শেষ না করতেই একজনকে বিজয়ী ঘোষণা করা হল। সংবাদমাধ্যমের মাধ্যমে এক ধরনের ম্যানিপুলেশন ও ফলাফল টেম্পারিং করার চেষ্টা করা হয়েছে।
“খুবই শিশুসুলভভাবে ফলাফল টেম্পারিং করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে সুস্পষ্টভাবে বলব এই বিষয়গুলো খতিয়ে দেখে সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত কোনো ওইসব আসনের ফল ঘোষণা করা যাবে না।”
এনসিপির মুখপাত্রের অভিযোগ, ঢাকা-৮ আসনে যে ভোটটি মার্কার বক্সে পড়েনি, খালি জায়গায় পড়া সিলটিকে ধানের শীষের পক্ষে গণনা করে ফলাফল ঘোষণার চেষ্টা করা হচ্ছে। 
মির্জা আব্বাসের ভাগ্নের কল রেকর্ড হিসেবে একটি ফোন রেকর্ডও আসিফ মাহমুদ শোনান সেই সংবাদ সম্মেলনে। তবে সেই কল রেকর্ডটি কোত্থেকে এলো সে বিষয়ে তিনি কোন ব্যাখ্যা দেননি।
 

13 Feb 2026, 04:20 AM

সাঈদীর ছোট ছেলে জিতেছেন, হেরেছেন বড়জন

পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী প্রয়াত দেলোয়ার হোসেন সাইদীর ছোট ছেলে মাসুদ সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী আলমগীর হোসেন পেয়েছেন এক লাখ সাত হাজার ১০৫ ভোট। 
পিরোজপুর-২ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর এক লাখ পাঁচ হাজার ১৮৫ ভোট বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রয়াত নেতা দেলোয়ার হোসেন সাইদীর বড় ছেলে শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট।
পিরোজপুর-৩ আসনে মো. রুহুল আমীন দুলাল ধানের শীষ প্রতীকে ৬৩ হাজার ৭৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মো. শামীম হামিদী (শাপলা কলি) পেয়েছেন ৩৬ হাজার ৬১৬ ভোট।
 

13 Feb 2026, 04:15 AM

নীলফামারীর চার আসনই দাঁড়িপাল্লার

নীলফামারী-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুস সাত্তার দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ৫০ হাজার ৮২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের শরীক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম পেয়েছেন এক লাখ ১৯ হাজার ০৫৯ ভোট। 
নীলফামারী-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আলফারুক আব্দুল লতীফ এক লাখ ৪৬ হাজার ৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শাহরিন ইসলাম পেয়েছেন এক লাখ ৩৫ হাজার ৪১৮ ভোট। 
নীলফামারী-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ওবায়দুল্লাহ সালাফী এক লাখ নয় হাজার ৬৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সৈয়দ আলী পেয়েছেন ৮৯ হাজার ৮০৭ ভোট।
নীলফামারী-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মুনতাকিম এক লাখ ২৬ হাজার ২২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. আব্দুল গফুর সরকার পেয়েছেন ৮২ হাজার ০৮৬ ভোট।
 

13 Feb 2026, 04:13 AM

সিরাজগঞ্জের পাঁচ আসন বিএনপির, একটি জামায়াতের

সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৬ হাজার ৬১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা শাহীনুর আলম পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৮১৫ ভোট।
সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মুহাম্মদ জাহিদুল ইসলাম দাঁড়িপাল্লায় ভোট পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৯৭ ভোট।
সিরাজগঞ্জ-৩- আসনে বিএনপির আয়নুল হক ১ লাখ ৭৩ হাজার ৫১৪র ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মুহা: আব্দুর রউফ সরকার রিকশা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৮৩৩ ভোট।
সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর রফিকুল ইসলাম খান ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম আকবর আলী ধানের শীষে ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট পেয়েছেন। 
সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম ধানের শীষে ১ লাখ ৩৪ হাজার ৯৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আলী আলম দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৮০৫।
সিরাজগঞ্জ-৬ আসনে বিএনপি প্রার্থী এম এ মুহিত এক লাখ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির সাইফ মোস্তাফিজ শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৮২৪ ভোট।

13 Feb 2026, 04:11 AM

পঞ্চগড়ের দুই আসনে বিএনপির জয়, হেরে গেছেন সারজিস


পঞ্চগড়-১ আসনে বিএনপির মুহাম্মদ নওশাদ জমির ধানের শীষ প্রতীকে এক লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ১১ দলীয় জোটের শাপলা কলি প্রার্থী মো. সারজিস আলম পেয়েছেন এক লাখ ৬৮ হাজার ৪৯ ভোট । 
পঞ্চগড়-২ আসনে বিএনপির ফরহাদ হোসেন আজাদ ধানের শীষ প্রতীকে এক লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. সফিউল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লাখ ২৮ হাজার ৮৬২ ভোট।
 

13 Feb 2026, 04:02 AM

রুমিন ফারহানার বড় জয়


ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বড় জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। 
বিএনপির এ বিদ্রোহী প্রার্থী পেয়েছেন এক লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট।
 

13 Feb 2026, 04:02 AM

লাইভ ব্লগের নতুন পৃষ্ঠা শুরু হল

আপনাদের সঙ্গে আছি আসাদুর রহমান ও জাহিদুল কবির 

পুরনো পৃষ্ঠা দেখতে ক্লিক করুন: মাদারীপুরে একটিতে বাংলাদেশ খেলাফত মজলিশ, দুটিতে বিএনপির জয়