- জুলাই গণঅভ্যুত্থানের দেড় বছর পর ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং সংস্কার প্রশ্নে গণভোট শেষ হল শান্তিপূর্ণভাবে।
- বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
- বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কোথাও বড় কোনো গোলযোগের খবর পাওয়া যয়নি।
- ভোট চলাকালে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় ৬ জনের মৃত্যু হয়েছে।
- তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে অসুস্থবোধ করার পর। অপরজনকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে।
- জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে ‘ভোটগ্রহণে বিশৃঙ্খলার’ অভিযোগ তুলেছে।
- এনসিপি বলেছে, দুপুর ১২টা পর্যন্ত ভোটগহণ ‘সন্তোষজনক’ হলেও তারপর থেকেই সারা দেশ থেকে তারা বিভিন্ন অভিযোগ পেয়েছে।
- ভোটের সময় বিভিন্ন স্থানে অনিয়মের অভিযোগ সামনে এনেছে ইসলামী আন্দোলন বাংলাদেশও।
- নির্বাচন কমিশন বলেছে, আশঙ্কাজনক কোনো পরিস্থিতি তৈরি হয়নি, কোনো কেন্দ্র ভোট স্থগিতও হয়নি।
- আওয়ামী লীগকে বাইরে রেখে ৫০টি দলের অংশগ্রহণে এ নির্বাচনে প্রার্থী ছিলেন ২০২৮ জন।
- ভোটগ্রহণ হয় ২৯৯টি আসনে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসন স্থগিত রয়েছে।
- গণভোট হয়েছে জুলাই সনদের সংবিধান সংস্কার সংক্রান্ত ৪৮ দফা বাস্তবায়নে জনগণের সম্মতি নিতে।
- এবারের ভোটে মোটাদাগে বিএনপি নেতৃত্বাধীন জোটের সঙ্গে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
- এবার ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।
- সংসদ নির্বাচন ও গণভোটের ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭ পোস্টাল ব্যালট গণনায় নিয়েছে নির্বাচন কমিশন।
13 Feb 2026, 03:08 AM
৩৮৫ ভোটে জয়ী হানজালা
শিবচর উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-১ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৩৮৫ ভোটে জয় পেয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
রিকশা প্রতীকে তিনি পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট। তার সঙ্গে সমান তালে লড়ে হেরে গেছেন বিএনপির নাদিরা আক্তার। তিনি পেয়েছেন ৬৪ হাজার ৫২৪ ভোট।
মাদারীপুর জেলার এই একটি আসনেই বাংলাদেশ খেলাফত মজলিশ জয় পেয়েছে। বাকি দুটিতে বিএনপি জয়ী হয়েছে।
মাদারীপুর-২ (রাজৈর উপজেলা ও সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত) আসনে বিএনপির প্রার্থী জাহান্দার আলী মিয়া ৬১ হাজার ৭৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য ৪৬ হাজার ৪৭৬ ভোট পেয়েছেন।
মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদরের একাংশ নিয়ে গঠিত) আসনে বিএনপির প্রার্থী আনিসুর রহমান তালুকদার ৯৭ হাজার ২০২ ভোট পেয়েছে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের রফিকুল ইসলাম মৃধা পেয়েছেন ৮৭ হাজার ৩৩১ ভোট।

13 Feb 2026, 03:04 AM
মানিকগঞ্জের তিন আসনের সবই ধানের শীষের
মানিকগঞ্জ-১ আসনে বিএনপির এস এ জিন্নাহ কবীর এক লাখ ৩৭ হাজার ৭৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক ঘোড়া প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ৮১৮ ভোট।
মানিকগঞ্জ-২ আসনে বিএনপির মঈনুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে এক লাখ ৭৫ হাজার ৭৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মো. সালাহ উদ্দিন দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৫৩১ ভোট।
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির আফরোজা খানম ধানের শীষ প্রতীকে এক লাখ ৬৭ হাজার ৩৪৫ পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মুহাম্মদ সাঈদ নূর রিক্সা প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ২৪২ ভোট।
13 Feb 2026, 02:59 AM
ঝিনাইদহের ৩ আসন জামায়াতের, হারলেন রাশেদ খাঁন
ঝিনাইদহ-১ আসনটি বিএনপি পেলেও বাকি তিনটিতেই জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা।
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামান।
ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনে ১ লাখ ৯৫ হাজার ৭০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের আলী আজম মোঃ আবু বকর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আব্দুল মজিদ পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৮৪ ভোট।
ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে জামায়াতের মোঃ মতিয়ার রহমান ১ লাখ ৭৫ হাজার ৮৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ মেহেদী হাসান পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৮২১ ভোট।
ঝিনাইদহ-৪ (কালিগঞ্জ-সদরের আংশিক) আসনে জামায়াতের মোঃ আবু তালেব ১ লাখ ৫ হাজার ৯৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ‘বিদ্রোহী’ সাইফুল ইসলাম ফিরোজ পেয়েছেন ৭৭ হাজার ১০৪ ভোট। এ আসনে বিএনপির প্রার্থী মো. রাশেদ খাঁন। তিনি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী হন।
13 Feb 2026, 02:51 AM
জামালপুর-৪ ধানের শীষের
জামালপুর-৪ আসনে বিএনপির মো. ফরিদুল কবীর তালুকদার ধানের শীষ প্রতীকে এক লাখ ৪৭ হাজার ৪০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের
মোহাম্মদ আব্দুল আওয়াল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৪ হাজর ৯৪৭ ভোট।
13 Feb 2026, 02:48 AM
মাদারীপুরে একটিতে বাংলাদেশ খেলাফত মজলিশ, দুটিতে বিএনপি জয়ী
মাদারীপুর জেলার তিনটি আসনের মধ্যে দুটিতে বিএনপি এবং একটিতে মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী জয়ী হয়েছেন।
মাদারীপুর-১ (শিবচর উপজেলা নিয়ে গঠিত) সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিশের রিকশা প্রতীকের প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর সামান্য ভোটের ব্যবধানে হেরে গেছেন বিএনপির নাদিরা আক্তার। তিনি পেয়েছে ৬৪ হাজার ৫২৪ ভোট।
মাদারীপুর-২ (রাজৈর উপজেলা ও সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত) আসনে বিএনপির প্রার্থী জাহান্দার আলী মিয়া ৬১ হাজার ৭৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য ৪৬ হাজার ৪৭৬ ভোট পেয়েছেন।
মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদরের একাংশ নিয়ে গঠিত) আসনে বিএনপির প্রার্থী আনিসুর রহমান তালুকদার ৯৭ হাজার ২০২ ভোট পেয়েছে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের রফিকুল ইসলাম মৃধা পেয়েছেন ৮৭ হাজার ৩৩১ ভোট।
13 Feb 2026, 02:45 AM
ব্রাহ্মণবাড়িয়া-৩: দেড় লাখ ভোটের ব্যবধানে জয়ী ইঞ্জিনিয়ার শ্যামল
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন।
ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৯ হাজার ৬৩৬টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মো. আতাউল্লাহ শাপলা কলি প্রতীকে ৬২ হাজার ৫৪৭ ভোট পেয়েছেন।
13 Feb 2026, 02:42 AM
হবিগঞ্জের ৪ আসনের সবই ধানের শীষের
হবিগঞ্জের চারটি আসনের সবগুলোতেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
হবিগঞ্জ জেলা রিটার্নি কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এই ফলাফল ঘোষণা করেন।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির রেজা কিবরিয়া। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাজুল ইসলাম রিকশা প্রতীকে ৫৫ হাজার ২৪৫ ভোট পেয়েছেন।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপির আবু মনসুর সাখাওয়াত হাসান ১ লাখ ২৫ হাজার ৯৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের আমির আব্দুল বাছিত আজাদ দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ৮৫১ ভোট।
হবিগঞ্জ-৩ (সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী জি কে গউছ ১ লাখ ৪১ হাজার ৫২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী মহসিন আহমেদ দাঁড়িপাল্লা প্রতীকে ৪৪ হাজার ৫৮১ ভোট পেয়েছেন।
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির এস এম ফয়সল। তিনি পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৬৭৪ ভোট ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী ধর্মীয় বক্তা গিয়াস উদ্দিন তাহেরী মোমবাতি প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ৮৯৬ ভোট।
13 Feb 2026, 02:39 AM
মুন্সীগঞ্জের তিন আসনই বিএনপির
মুন্সীগঞ্জ জেলার তিনটি আসনেই বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন। একটিতে জামায়াতে ইসলামী, একটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও একটিতে স্বতন্ত্র প্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন।
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহ এক লাখ ৬৫ হাজার ৭১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী এ কে এম ফখরুদ্দিন রাজী পেয়েছেন ৯৮ হাজার ১৯২ ভোট।
মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ ধানের শীষ প্রতীকে এক লাখ ১৯ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকে মাজেদুল ইসলাম পেয়েছেন ৫৬ হাজার ৭৫০ ভোট৷
মুন্সীগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মো. কামরুজ্জামান ধানের শীষ প্রতীকে এক লাখ ২৪ হাজার ৬৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের মো. মহিউদ্দিন পেয়েছেন ৮৮ হাজার ৯৩৬ ভোট।
13 Feb 2026, 02:33 AM
খাগড়াছড়িতে ধানের শীষের জয়
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫১ হাজার ৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধর্মজ্যোতি চাকমা ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬৮ হাজার ৩১৫ ভোট।
13 Feb 2026, 02:31 AM
সিলেটের তিন আসনে ধানের শীষের জয়
সিলেট-২ আসনে বিএনপি প্রার্থী মোছা. তাহসিনা রুশদীর লুনা এক লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মুনতাসির আলী দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট।
সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক পেয়েছেন এক লাখ ১৪ হাজার ২৫৫ ভোট ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মুসলেহ উদ্দিন রাজু রিকশা প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৬১৪।
সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী এক লাখ আট হাজার ৬১২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন পেয়েছেন ৯৭ হাজার ৭৪৮ ভোট।
13 Feb 2026, 02:28 AM
সুনামগঞ্জ জেলার ৫ আসনই বিএনপির
সুনামগঞ্জের ৫টি আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থীরা।
জেলা রিটার্নিং কর্মকর্তারা বৃহস্পতিবার রাতে এসব আসনের ফল ঘোষণা করেন।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল ১,৬১,৭৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর তোফায়েল আহমদ খান ৯২,৯৬৬ ভোট পেয়েছেন।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জয়ী হয়েছেন বিএনপির নাছির উদ্দিন চৌধুরী। তিনি ধানের শীষ প্রতীকে ৯৯,৫২২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শিশির মনির পেয়েছেন ৬৩,২২০ ভোট।
সুনামগঞ্জ-৩ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির কয়ছর এম আহমদ। ধানের শীষ প্রতীকে তিনি ৯৭,৩১৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন পেয়েছেন ৪২,২২৬ ভোট।
সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির নূরুল ইসলাম নূরুল ৯৮ হাজার ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শামছ উদ্দিন পেয়েছেন ৭৫ হাজার ৭৩৫ ভোট।
সুনামগঞ্জ-৫ আসনে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। তিনি পেয়েছেন ১,৫১,৯১৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুস সালাম আল মাদানী ১,২১,২১ ভোট পেয়েছেন।
13 Feb 2026, 02:24 AM
বগুড়ার বাকি তিন আসনও বিএনপির
বগুড়ার সাতটি আসনের মধ্যে বাকি তিনটিতেও জয় পেয়েছে বিএনপি। বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ধানের শীষ প্রতীকের কাজী রফিকুল ইসলাম জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৮৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামীর মো. শাহাবুদ্দিন পেয়েছেন ৫৬ হাজার ৯৩৩ ভোট।
বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে জয় পেয়েছেন বিএনপির আব্দুল মহিত তালুকদার। তিনি ১ লাখ ২৭ হাজার ৪০৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের নূর মোহাম্মদ ১ লাখ ১১ হাজার ২৬ ভোট পেয়েছেন।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে জয় পেয়েছেন বিএনপির জিএম সিরাজ। ২ লাখ ৪৮ হাজার ৮৪১ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী দবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৩২৯ ভোট।
13 Feb 2026, 02:17 AM
ঢাকার আসনগুলোর ফল প্রকাশ দেরিতে
রাজধানীসহ ঢাকার ২০টি আসনের মধ্যে ফল প্রকাশ হতে অন্য এলাকার আসনগুলোর তুলনরায় সময় বেশি লাগছে।
বৃহস্পতিবার রাত ২টা পর্যন্ত শুধু দুটি আসনের পূর্ণাঙ্গ ফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এ দুটোতেই জয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা।
রাজধানীর দুই আসন থেকে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধানরা প্রতিযোগিতা করছেন।
ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতের আমির শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এখন পর্যন্ত তাদের ভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়নি।
অপরদিকে ঢাকা ১১ আসন থেকে লড়ছেন এনসিপির নাহিদ ইসলাম। এ আসনের কিছু কেন্দ্রের ফল এসেছে। ১৬৩টি কেন্দ্রের মধ্যে ৩২টির ফলে শাপলা কলির নাহিদ এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ১৬ হাজার ৮৫৭ ভোট। আর ধানের শীষের এম এ কাইয়ুম পেয়েছেন ১৫ হাজার ৪০০ ভোট।
এখন পর্যন্ত রিটার্নিং অফিসারের ঘোষণা করা ফলে ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমান বড় জয় পেয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৭৯৩ ভোট। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুল হক পেয়েছেন ৮০ হাজার ৫৩ ভোট।

অপরদিকে ঢাকা-১ আসনে বিএনপির আবু আশফাক জয় পেয়েছেন। ধানের শীষের প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৪০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯১০ ভোট।
ফল ঘোষণা না হওয়া অন্য আসনগুলোর মধ্যে ঢাকা-৪ এর ১১৬ কেন্দ্রের মধ্যে চারটির ফলে জামায়াতের সৈয়দ জয়নুল আবেদিন ২৩৪৩ ভোট নিয়ে এগিয়ে আছেন। বিএনপির তানভীর আহমেদ পেয়েছেন ২২৯৬ ভোট।
ঢাকা- ৬ এ ১০১টি ভোটকেন্দ্রের মধ্যে ২২টির ফলে এগিয়ে রয়েছে ধানের শীষের ইশরাক হোসেন। তিনি পেয়েছেন ১৭ হাজার ২০ ভোট। আর দাঁড়িপাল্লার আব্দুল মান্নান পেয়েছেন ১০ হাজার ৯৩৫ ভোট।
ঢাকা- ৭ এর ১৬৫ কেন্দ্রের মধ্যে ১৬টিতে দাঁড়িপাল্লার এনায়াত উল্লা পেয়েছেন ৯৬২১ ভোট। আর ধানের শীষের হামিদুর রহমান ৯৩৯৭ ভোট।
ঢাকা- ৮ এর ১০৯টির মধ্যে ৩৩ কেন্দ্রের ফলে ধানের শীষের মির্জা আব্বাস সামান্য এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ১৬ হাজার ৭৯০ ভোট। আর শাপলা কলি প্রতীকে নাসীরউদ্দীন পাটওয়ারী পেয়েছেন ১৫ হাজার ৪৭০ ভোট।
ঢাকা- ৯ এ ১৭০টি কেন্দ্রের মধ্যে ১১টির ফলে ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ৫৯৫৯ ভোট। তার কাছের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তাসনীম জারা পেয়েছেন ২৫১৭ ভোট।
ঢাকা- ১৬ এ ১৩৮টির মধ্যে ২৯টির ফল এসেছে। তাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। ধানের শীষের আমিনুল হক পেয়েছেন ১৬ হাজার ১৭৫ ভোট আর দাড়িপাল্লার আব্দুল বাতেন পেয়েছেন ১৫ হাজার ৫১৬ ভোট।
ঢাকা- ১৮ এ ২১৯টি কেন্দ্রের মধ্যে ৩৪টির ফলে এগিয়ে আছেন ধানের শীষের এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি পেয়েছেন ২০ হাজার ৮৩৬ ভোট। আর শাপলা কলির আরিফুল ইসলাম পেয়েছেন ১৪ হাজার ৮৮৯ ভোট।
13 Feb 2026, 02:02 AM
নরসিংদীর ৫ আসনের সবগুলোই বিএনপির
নরসিংদী জেলার পাঁচটি আসনের সবগুলোতেই বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থীরা।
নরসিংদী-০১ (সদর) আসনে বিজয়ী হয়েছেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৬০,৬৭৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. ইব্রাহিম ভুইয়া দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২,৯৩০ ভোট।
নরসিংদী-০২ (পলাশ) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯২,৩৫২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আমজাদ হোসাইন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫,১৬৮ ভোট।
নরসিংদী-০৩ (শিবপুর) আসনে বিজয়ী হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। তিনি পেয়েছেন ৮১,৪১৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম মৃধা হাঁস প্রতীকে পেয়েছেন ৪৫,৪০১ ভোট।
নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব) আসনে বিজয়ী হয়েছেন জেলা বিএনপির সহ সভাপতি সরদার সাখাওয়াত হোসেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৬১,৯১২ ভোট।
তার নিকটতম জামায়াতে ইসলামীর জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৬,৪৪৫ ভোট।
নরসিংদী-০৫ (রায়পুরা) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আশরাফ উদ্দিন। তিনি পেয়েছেন ১,৩৫,৫১২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের তাজুল ইসলাম রিকশা প্রতীকে পেয়েছেন ৪৩,৬৮২ ভোট।
13 Feb 2026, 02:01 AM
ময়মনসিংহ-২ বাংলাদেশ খেলাফত মজলিসের
ময়মনসিংহ-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদুল্লাহ রিকশা প্রতীকে এক লাখ ৪৪ হাজার ২৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মোতাহার হোসেন তালুকদার পেয়েছেন এক লাখ ১৭ হাজার ৩৪৪ ভোট।
13 Feb 2026, 01:59 AM
মানিকগঞ্জ-২ এ জিতেছেন বিএনপির মঈনুল
মানিকগঞ্জ-২ (সিংগাইর, হরিরামপুর, সদর) আসনে বিএনপির মঈনুল ইসলাম খান জয়ী
হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৭৭৬টি। তার প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের
মো. সালাহ উদ্দিন (দেওয়াল ঘড়ি) পেয়েছেন ৮১ হাজার ৫৩১টি ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী এসএম
আব্দুল মান্নান পেয়েছেন ৭০৮১টি ভোট।
13 Feb 2026, 01:56 AM
ঠাকুরগাঁওয়ে ফখরুলের জয়, জেলার ৩ আসনই বিএনপির
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকে ২ লাখ ৩৪ হাজার ১৪৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন এক লাখ ৩৭ হাজার ২৮১ ভোট।

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি প্রার্থী ডা. আব্দুস সালাম এক লাখ ২১ হাজার ১৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ১৫ হাজার ৭০৭ ভোট।
ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান জাহিদ এক লাখ ৩২ হাজার ৮৭৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মিজানুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৭৬৭ ভোট।
13 Feb 2026, 01:52 AM
গোপালগঞ্জের দুই আসনে বিএনপির জয়
গোপালগঞ্জের তিনটি আসনের মধ্যে দুটি জিতে নিয়েছে বিএনপি, অন্য আসনেও এগিয়ে আছেন ধানের শীষের প্রার্থী।
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের ১০৮ কেন্দ্রের সবগুলোর ফলাফলে
বিএনপির প্রার্থী এস এম জিলানী ৬০ হাজার ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ প্রামানিক ৩৩ হাজার ৮৬৭ ভোট পেয়েছেন।
গোপালগঞ্জ-২ (সদর ও কাশিয়ানির একাংশ) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী কে এম বাবর। ১৫১ কেন্দ্রের মধ্যে সবগুলোর ফলাফলে ধানের শীষের এই প্রার্থী ৪০ হাজার ৪৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এমএইচ খান মনজু পেয়েছেন ৩৩ হাজার ৩৯ ভোট।
এদিকে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানির একাংশ) আসনে ১৩৮টি কেন্দ্রের মধ্যে ৪২টির ফল পাওয়া গেছে।
তাতে বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিম ২৩ হাজার ৭৬৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল হামিদ মোল্লা পেয়েছেন ১২ হাজার ১০৮ ভোট।
13 Feb 2026, 01:50 AM
খুলনা-৫: ধানের শীষের জয়, হেরে গেছেন জামায়াতের পরওয়ার
খুলনা-৫ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আলি আসগার ধানের শীষ প্রতীকে এক লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন এক লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট।

13 Feb 2026, 01:46 AM
নরসিংদী-২ এ আবদুল মঈন খান জয়ী
নরসিংদী-২ আসনে বিএনপির প্রার্থী ড. আবদুল মঈন খান (ধানের শীষ) ৯২ হাজার ৩৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের (দাঁড়িপাল্ল) মো. আমজাদ হোসেন ৫৫ হাজার ১৬৮ ভোট পেয়েছেন।
13 Feb 2026, 01:44 AM
সুনামগঞ্জ-৩ আসন বিএনপির
সুনামগঞ্জ-৩ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী কয়ছর এম আহমদ। ধানের শীষ প্রতীকে তিনি ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী আনোয়ার হোসেন পেয়েছেন ৪২ হাজার ২২৬ ভোট। তৃতীয় হয়েছেন জামায়াত জোটের প্রার্থী খেলাফত মজলিসের শাহীনূর পাশা চৌধুরী।
13 Feb 2026, 01:42 AM
লক্ষ্মীপুর-১ আসনে ধানের শীষের জয়
লক্ষ্মীপুর-১ আসনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিম জয় পেয়েছেন। তিনি ধানের শীষের প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৪৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাহবুব আলম পেয়েছেন ৫৬ হাজার ৪৩৭ ভোট।
13 Feb 2026, 01:40 AM
জামালপুর-২ বিএনপির
জামালপুর-২ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী এ ই সুলতান মাহমুদ বাবু ৯৫ হাজার ৮৬০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. ছামিউল হক পেয়েছেন ৬১ হাজার ৬৫৫ ভোট।
13 Feb 2026, 01:37 AM
বান্দরবানে বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরী জয়ী
বান্দরবান আসনে বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরী ধানের শীষে ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির আবু সাঈদ মো. সুজা উদ্দিন পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট।
13 Feb 2026, 01:33 AM
শেরপুর-২ আসনে জয়ী বিএনপির ফাহিম
নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-২ আসনে বিএনপির ফাহিম চৌধুরী নির্বাচিত হয়েছেন।
ধানের শীষের প্রার্থী ফাহিম চৌধুরী ভোট পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ১ লাখ ৫ হাজার ৭৮২ ভোট পেয়েছেন।
13 Feb 2026, 01:31 AM
বগুড়ার আরও তিন আসন বিএনপির, হেরে গেলেন মান্না
বগুড়ার তিনটি আসনে বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন। এর মধ্যে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মীর শাহে আলম, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোশাররফ হোসেন ও বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জয় পেয়েছেন মোরশেদ মিল্টন।
তাদের মধ্যে মীর শাহে আলম পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ১৩৭ ভোট। এই আসনে হেরে গেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
মোশাররফ হোসেন ১ লাখ ৫৪ হাজার ৬১৪ এবং মোরশেদ মিল্টন ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

13 Feb 2026, 01:26 AM
বরিশাল-২ সরদার সরফুদ্দিনের
বরিশাল-২ আসনে বিএনপি প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ এক লাখ ৪০ হাজার ৮৫ ভোট পেয়েছেন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবদুল মন্নান পেয়েছেন ৭২ হাজার ১৭১ ভোট।
13 Feb 2026, 01:24 AM
ব্রাহ্মণবাড়িয়া-১ এ ধানের শীষের জয়
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপি প্রার্থী এম এ হান্নান ধানের শীষে ৬৭ হাজার ৭৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের ‘বিদ্রোহী’ মো. কামরুজ্জামান মামুন ঘোড়া প্রতীকে ৩৫ হাজার ১২১ ভোট পেয়েছেন।
13 Feb 2026, 01:23 AM
টাঙ্গাইল-৭: বিএনপির বড় জয়
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে ১২৬টি কেন্দ্রের মধ্যে সবগুলোর ফলাফলে ৭০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী।
তিনি পেয়েছেন এক লাখ ৪১ হাজার ২৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ এবনে আবুল হোসেন পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট।
এ আসনে মোট ভোটার ছিলেন তিন লাখ ৭০ হাজার ৮২৭ জন।
13 Feb 2026, 01:20 AM
ফলাফলে ‘কারচুপি’: সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
নির্বাচনের ফলাফলে ‘স্পষ্ট কারচুপির’ অভিযোগে রাত দেড়টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন বক্তব্য রাখবেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সেক্রেটারি মনিরা শারমিন।
13 Feb 2026, 01:17 AM
কুড়িগ্রাম-৩ এ জামায়াতের জয়
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াতে ইসলামীর ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী জয় পেয়েছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এক লাখ পাঁচ হাজার ১৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাসভীরুল ইসলাম ধানের শীষ মার্কায় পেয়েছেন ৭৮ হাজার ৪০৩ ভোট।
13 Feb 2026, 01:10 AM
ব্রাহ্মণবাড়িয়া-৬: গণসংহতির জোনায়েদ সাকি জয়ী
বিএনপি জোটের প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী জোনায়েদ সাকি জয়ী হয়েছেন।
মাথাল প্রতীকে ৯৮ হাজার ২৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মহসিন পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৯৬৫ ভোট।
13 Feb 2026, 01:06 AM
কক্সবাজার-১ এ বিএনপির সালাহউদ্দিন জয়ী

চকরিয়া-পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকে ২ লাখ ২০ হাজার ৫৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ আল ফারুক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭২৬ ভোট।
13 Feb 2026, 12:50 AM
ঢাকা-২: বড় ব্যবধানে আমানের জয়
ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমান জয় পেয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৭৯৩ ভোট। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুল হক পেয়েছেন ৮০ হাজার ৫৩ ভোট।
13 Feb 2026, 12:32 AM
নরসিংদী-৩ বিএনপির
নরসিংদী-৩ আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী ৮১ হাজার ৪১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম মৃধা হাঁস প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৪০১ ভোট।

13 Feb 2026, 12:29 AM
মাগুরা-২ আসনে নিতাই রায়ের জয়
মাগুরা-২ আসনে বিএনপি প্রার্থী নিতাই রায় চৌধুরী ১ লাখ ৫০১৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের মুশতারশেদ বিল্লাহ পেয়েছেন ১ লাখ ১৭৮০৭ ভোট।
13 Feb 2026, 12:26 AM
ঢাকা-১ আসনে বিএনপির আবু আশফাকের জয়
ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক জয় পেয়েছেন। ধানের শীষের প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৪০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯১০ ভোট।
13 Feb 2026, 12:18 AM
বগুড়া-৬ তারেকের
বগুড়া-৬ আসনে তারেক রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

13 Feb 2026, 12:13 AM
দিনাজপুর-৩: ৪ হাজার ভোটে ধানের শীষের জয়
দিনাজপুর-৩ আসনে বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম জয় পেয়েছেন। ধানের শীষের প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ ৪০ হাজার ৬০৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. মাইনুল আলম পেয়েছেন এক লাখ ৩৬ হাজার ২৩৯ ভোট।

13 Feb 2026, 12:09 AM
নোয়াখালী-৫ এ বিএনপির জয়
নোয়াখালী-৫ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম জয়ী হয়েছেন। ধানের শীষের প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ৮৭৬ ভোট। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ বেলায়েত হোসেন পেয়েছেন এক লাখ ১৪ হাজার ৬১০ ভোট।
13 Feb 2026, 12:04 AM
ভাইকে হারিয়ে কুড়িগ্রাম-৪ এ জামায়াত প্রার্থী মোস্তাফিজুরের জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান জয় পেয়েছেন। চিলমারী, রৌমারী ও রাজিবপুর নিয়ে গঠিত এ আসনে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ৯৪৩ ভোট। ধানের শীষের প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আজিজুর রহমান পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট। বিজয়ী এবং পরাজিত প্রার্থী আপন দুই ভাই।
12 Feb 2026, 11:55 PM
মাগুরা-১ বিএনপির
মাগুরা-১ আসনে বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান জয় পেয়েছেন। সদর উপজেলা ও শ্রীপুর নিয়ে গঠিত এ আসনে ধানের শীষের প্রার্থী মনোয়ার পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ১৮৩ ভোট।
দাঁড়িপাল্লা প্রতীকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুল মতিন পেয়েছেন ৮৩ হাজার ৭৮৩ ভোট।
12 Feb 2026, 11:52 PM
রিটার্নিং অফিসারের কার্যালয়ে মির্জা আব্বাসের স্ত্রী
ভোটের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে নাসীরউদ্দিন পাটওয়ারীর অবস্থানের পর সেখানে গেলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কার্যালয়ে যান আফরোজা আব্বাস।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে যান এনসিপি নেতা নাসীরউদ্দিন পাটওয়ারী। ঘণ্টা দুই সেখানে অবস্থান করে বের হয়ে যান। এসময় সাংবাদিকদের সঙ্গে কথাও বলেননি পাটওয়ারী।
তার চলে যাওয়ার কিছুক্ষণ পরই রিটার্নিং অফিসারের কার্যলয়ে যান আফরোজা আব্বাস।
তার আগমনের ব্যাপারে ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাটওয়ারীর অভিযোগের বিষয়ে স্যার (শরফ উদ্দিন আহমদ চৌধুরী) জানতে চেয়েছিলেন। এর জবাব দিতেই তিনি (আফরোজা আব্বাস) এখানে এসেছেন।”
মির্জা আব্বাসের স্ত্রীর রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসার খবর পেয়ে কয়েকশ নেতাকর্মী বাইরে মিছিল করেন।

12 Feb 2026, 11:50 PM
দিনাজপুর-৪ এ বিএনপির
দিনাজপুর-৪ আসনে বিএনপির প্রার্থী মো. আখতারুজ্জামান মিয়া জয় পেয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক লাখ ৬৬ হাজার ৭১৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. ফতাব উদ্দীন মোল্লা দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লাখ ২৯ হাজার ৫৬ ভোট।
12 Feb 2026, 11:47 PM
মৌলভীবাজার-৪ ধানের শীষের
মৌলভীবাজার-৪ আসনে বিএনপি প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী জয় পেয়েছেন। শ্রীমঙ্গল-কমলগঞ্জ নিয়ে গঠিত এ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন এক লাখ ৬৯ হাজার ৬০৮ ভোট। তার নিকটতম প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের নূরে আলম হামিদীর বাক্সে ভোট পড়েছে ৪৯ হাজার ১৮৯ ভোট। সেই হিসাবে প্রায় ১ লাখ ২০ হাজার ভোটে জয় পেয়েছেন মুজিবুর রহমান।
12 Feb 2026, 11:41 PM
যশোর-১ দাঁড়িপাল্লার
যশোর-১ আসনে জামায়াতে ইসলামীর মুহাম্মদ আজীজুর রহমান জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ১৭ হাজার ৩৭৭ ভোট। ধানের শীষ তার মার্কা নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. নুরুজ্জামান লিটন পেয়েছেন ৯২ হাজার ৯৯৫ ভোট।
12 Feb 2026, 11:33 PM
লালমনিরহাট-২ এ বিএনপি জয়ী
লালমনিরহাট-২ আসনে ধানের শীষের মো. রোকন উদ্দীন বাবুল জয় পেয়েছেন। তিনি এক লাখ ২৩ হাজার ৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. ফিরোজ হায়দার দাঁড়িপাল্লা মার্কা নিয়ে পেয়েছেন এক লাখ ১৬ হাজার ২৩৬ ভোট।

12 Feb 2026, 11:29 PM
ভোলা-১ আসনে পার্থের জয়
ভোলা-১ আসনে বিএনপি মনোনীত বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ এক লাখ ৪ হাজার ৪৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রার্থী জামায়াতে ইসলামীর মো. নজরুল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট।
12 Feb 2026, 11:20 PM
নীলফামারী-২ এ দাঁড়িপাল্লার জয়
নীলফামারী-২ সদর আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২০২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভোট পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৭৯।
সেই হিসাবে আব্দুল লতিফ ১০ হাজার ৫২৩ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।
12 Feb 2026, 11:16 PM
খাগড়াছড়ির ১১৪ কেন্দ্রে ধানের শীষ এগিয়ে
খাগড়াছড়ি আসনের ২০৩ কেন্দ্রের মধ্যে ১১৪টির ফলাফলে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। ধানের শীষ প্রতীকের নিয়ে তিনি পেয়েছেন ৮১ হাজার ৭৬৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা পেয়েছেন ৪৪ হাজার ৪৯৯ ভোট।
12 Feb 2026, 11:13 PM
জয়ের পথে বাবর
নেত্রকোণা-৪ আসনে ১৫০টির মধ্যে ১৪৯টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। বিএনপির মো. লুৎফুজ্জামান বাবর ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ৫৮ হাজার ১৬৭ ভোট। জামায়াতে ইসলামীর মো, আল-হেলাল পেয়েছেন ৩৯ হাজার ৩৪৩ ভোট।
12 Feb 2026, 11:10 PM
ময়মনসিংহের ৪ আসনে ধানের শীষের জয়
ময়মনসিংহ-৭ আসনে ধানের শীষের প্রার্থী ডা. মো. মাহাবুবুর রহমান লিটন ৯৮ হাজার ৫৭৯ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আছাদুজ্জামান পেয়েছেন ৮২ হাজার ৯৬২ ভোট।
ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জে ধানের শীষ প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ এক লাখ ৭ হাজার ৫৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডিপির প্রার্থী আওরঙ্গজেব বেলাল ৪৫ হাজার ৭৯১ ভোট পেয়েছেন।
ময়মনসিংহ -৩ আসনে ধানের শীষ ইকবাল হোসেন ৭৪ হাজার ৪৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহম্মেদ তায়েবুর রহমান (ঘোড়া) ৬৫ হাজার ৫১৩ ভোট পেয়েছেন।
ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী ফখর উদ্দিন আহমেদ এক লাখ ১০ হাজার ২১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হরিণ প্রতীকের মুহাম্মদ মোর্শেদ আলম পেয়েছেন ৬৫ হাজার ৫৯১ ভোট।
12 Feb 2026, 11:05 PM
নেত্রকোণা-৫ আসনে জয়ের পথে মাসুম মোস্তফা
নেত্রকোণা-৫ আসনে ৮৩টির মধ্যে ৮২টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। জামায়াতে ইসলামীর মাসুম মোস্তফা দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ২৫২ ভোট। বিএনপির মো. আবু তাহের তালুকদার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ৬৭৯ ভোট।
12 Feb 2026, 11:02 PM
ভোট গণনায় সময় লাগলেও 'অনিয়মের সুযোগ' নেই: সিইসি
গণভোট ও পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত থাকায় ফলাফল চূড়ান্ত করতে সময় লাগছে। তবে এতে কোনো 'কারসাজি' বা 'অনিয়মের সুযোগ' নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন।


ত্রয়োদশ সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে ‘অন্যতম ভালো, গ্রহণযোগ্য ও উৎসবমুখর’ নির্বাচন হিসেবে বর্ণনা করেছেন তিনি।
সিইসি বলেছেন, "নির্বাচন কমিশন জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে।"
বৃহস্পতিবার রাত ১০টার দিকে নির্বাচন ভবনের ফলাফল কেন্দ্রে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সিইসি বলেন, "কিছু সীমাবদ্ধতা ও ত্রুটি থাকলেও সামগ্রিকভাবে নির্বাচন একটি উচ্চ মানদণ্ডে অনুষ্ঠিত হয়েছে।"
গণভোটসহ বিশাল ভোট কার্যক্রম সফলভাবে পরিচালনায় প্রায় ১৭ লাখ কর্মকর্তা-কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেছেন, সে কথাও তিনি বলেন।
সিইসি স্পষ্ট করে বলেন, "কোনো বেসরকারি বা অপ্রমাণিত ফলাফল নির্বাচন কমিশনের পক্ষ থেকে গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র রিটার্নিং কর্মকর্তাদের স্বাক্ষরিত এবং আনুষ্ঠানিকভাবে প্রাপ্ত ফলাফলই প্রকাশ করা হবে।"
তার ভাষ্য, নির্বাচন কমিশন কোনো গোপনীয়তায় বিশ্বাস করে না এবং গণমাধ্যমের মাধ্যমেই সারাদেশের জনগণের সামনে নির্বাচন প্রক্রিয়া ও ফলাফল সম্পূর্ণ স্বচ্ছভাবে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ।
সিইসি দাবি করেন, "অতীতের বিতর্কিত নির্বাচনগুলোর তুলনায় এবারের নির্বাচন যে কোনো মানদণ্ডে অধিক গ্রহণযোগ্য ও আস্থাযোগ্য হিসেবে বিবেচিত হবে।"
12 Feb 2026, 10:59 PM
মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির জয়
মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুস সালাম জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮৩৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাজেদুল ইসলামের বাক্সে ভোট পড়েছে ৫৬ হাজার ৭৫০টি।
12 Feb 2026, 10:53 PM
যশোর-১ আসনে ৭৪ কেন্দ্রে দাঁড়িপাল্লা এগিয়ে
যশোর-১ শার্শা আসনে ১০২টি কেন্দ্রের মধ্যে ৭৪টির ফল প্রকাশ হয়েছে। এর মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর আজীজুর রহমান পেয়েছেন ৮৩ হাজার ৮৭৪ ভোট।
বিএনপির নুরুজ্জামান লিটন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ৮১৩ ভোট।
জাতীয় পাটির জাহাঙ্গীর আলম চঞ্চল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৯৪১ ভোট। হাতপাখা প্রতীকে ১২৫৬ ভোট পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বখতিয়ার রহমান।
12 Feb 2026, 10:33 PM
লালমনিরহাট-৩ এ ধানের শীষের জয়
লালমনিরহাট-৩ আসনে ধানের শীষের প্রার্থী আসাদুল হাবীব দুলুকে জয়ী হয়েছেন।
এ আসনের ৯৪টি কেন্দ্র রয়েছে। এরমধ্যে ধানের শীষ আসাদুল হাবীব দুলু পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৬৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবু তাহের (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৫৫ হাজার ৬৭১ ভোট।
12 Feb 2026, 10:29 PM
পটুয়াখালী-৩ আসনের ৮০ কেন্দ্রে নুর এগিয়ে
পটুয়াখালী-৩ আসনে ১২৪টি কেন্দ্রের মধ্যে ৮০টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এর মধ্যে গণঅধিকার পরিষদের মো. নুরুল হক নুর ট্রাক প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৯৩৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৯৩০ ভোট।

12 Feb 2026, 10:21 PM
বান্দরবানে ৯০ কেন্দ্রে বিএনপি এগিয়ে
বান্দরবানে ১৮৬টির মধ্যে ৯০টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এরমধ্যে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু পেয়েছেন ৬০ হাজার ৭৯৪ ভোট। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আবু সাঈদ মো. সুজা উদ্দিন শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১০ হাজার ২৭৪ ভোট।
12 Feb 2026, 10:14 PM
গণনায় পৌনে ১১ লাখ পোস্টাল ব্যালট
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭ পোস্টাল ব্যালট গণনায় নিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন বলছে, তাদের হাতে আরও ব্যালট পৌঁছালেও ওই ব্যালটগুলো গণনায় নেওয়া হয়েছে।
দেশে ও দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেন, যাদের অর্ধেকের বেশি প্রবাসী।
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করেন। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ ছিল।
12 Feb 2026, 10:11 PM
ব্রাহ্মণবাড়িয়া-২: ৪৫ কেন্দ্রে রুমিন ফারহানার ভোট ১২২৩৪
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রাপ্ত ফলাফলে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ৪৫টি কেন্দ্রে ১২ হাজার ২৩৪ ভোটে এগিয়ে রয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে পোস্টাল ভোটসহ ১৫২টি কেন্দ্র রয়েছে। এরমধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রাপ্ত ৪৫টি কেন্দ্রের ফলাফলে রুমিন ফারহানা হাঁস প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৪৬০ ভোট।
তার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীব খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ২২৬ ভোট।
12 Feb 2026, 10:06 PM
চট্টগ্রাম-৯: ৭৬ কেন্দ্রে ধানের শীষ এগিয়ে
চট্টগ্রাম-৯ আসনে ১২১টি কেন্দ্রের মধ্যে ৭৬টির ফল পাওয়া গেছে। এরমধ্যে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান পেয়েছেন ৬৬ হাজার ৪৭৭ ভোট।
দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. একেএম ফজলুল হজ পেয়েছেন ৩১ হাজার ৩৩০ ভোট।
12 Feb 2026, 09:55 PM
ফলাফলে ভোটের ধারা বজায় থাকলে মেনে নেবে জামায়াত: শফিকুর
যেভাবে ভোট হয়েছে ফলাফলে যদি একই ধারা থাকে, তাহলে জামায়াত ফলাফল মেনে নেওয়ার কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
বৃহস্পতিবার ভোটগ্রহণের পর সন্ধ্যা ৭টায় ঢাকা-১৫ আসনে তার প্রধান নির্বাচনি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন তিনি।
জামায়াত আমির বলেন, “নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। অগ্রিম বলা সমীচীন নয়। জনগণের ওপর আস্থা আছে। প্রাথমিক ফলাফলে আভাস পাওয়া যাচ্ছে। এটাকে নিশ্চয়তা দেওয়া যাবে না।

“দেশের স্বার্থ আমাদের কাছে বড়। এ পর্যন্ত যে ফলাফল এসেছে বেশিভাগ জায়গায় এগিয়ে আছে। আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে।”
এদিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়। শান্তিপূর্ণভাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জামায়াত আমির বলেন, “অনেক শঙ্কা ছড়ানো হয়েছিল। বড় কোনও কেলেঙ্কারি হয়নি। সমাজে একসাথে চলতে গেলে ভুলভ্রান্তি হতেই পারে।”
12 Feb 2026, 09:43 PM
ফল পাল্টানোর অভিযোগ নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাটওয়ারী
ঢাকা-৮ আসনের ছয়টি কেন্দ্রের ফলাফল পালটে দেওয়ার অভিযোগ নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গেছেন এনসপির প্রার্থী নাসীরউদ্দিন পাটওয়ারী।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করতে তার কক্ষে প্রবেশ করেন।
নাসীরউদ্দিন পাটওয়ারীর সঙ্গে থাকা প্রধান নির্বাচনি এজেন্ট শাহিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিদ্বেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইস্কাটন বালক উচ্চ বিদ্যালয়, পল্টনের পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস কলেজে এসব অনিয়ম করা হচ্ছে।
“মির্জা আব্বাস কলেজে ১৫ ভোট বেশি পাওয়ার পরেও আবার ভোট গণনার জন্য এজেন্টদের আটকে রাখা হয়েছে। কেন্দ্রগুলোতে তিনবার ভোট গণনা করে এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।”
শাহিন বলেন, “এই কেন্দ্রগুলোর খবর আমরা পেয়েছি, আরও কয়েকটি কেন্দ্রেও এজেন্টদের আটকে রাখার খবর পাচ্ছি। এই কেন্দ্রগুলোতে আমরা এগিয়ে থাকার পরেও ফলাফল ঘোষণা করছে না। এগুলোর অভিযোগ দিতেই এসেছেন তিনি (পাটওয়ারী)।”
রাত পৌনে ১০টার দিকেও রিটার্নিং অফিসারের কার্যালয়ে জামায়াত নেতৃত্বাধীন জোটের এ প্রার্থী বসেছিলেন।
12 Feb 2026, 09:26 PM
ভোটে ‘কারচুপি’: কুমিল্লা-১১ আসনে ৩ কেন্দ্রের ভোট গণনা স্থগিত
ভোটে কারচুপির অভিযোগে কুমিল্লা-১১ আসনের তিনটি কেন্দ্রের গণনা স্থগিত করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চৌদ্দগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল আমিন।
স্থগিত হওয়া কেন্দ্র তিনটি হল- গুণবতী উচ্চবিদ্যালয়, আলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
কুমিল্লা-১১ আসনে মোট ভোটার চার লাখ ১৫ হাজার ৬১৬। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির (ধানের শীষ) প্রার্থী কামরুল হুদা এবং জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
12 Feb 2026, 09:24 PM
কুষ্টিয়া-১ আসনে ধানের শীষ এগিয়ে
কুষ্টিয়া-১ আসনে ১৩৫টি কেন্দ্রের মধ্যে ৯৩টির ফল পাওয়া গেছে। এর মধ্যে ধানের শীষ মার্কায় বিএনপির রেজা আহমেদ পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৯৬৮ ভোট। দাঁড়িপাল্লা মার্কা নিয়ে জামায়াতের বেলাল উদ্দিন পেয়েছেন ৬৩১৬০ ভোট।
কুষ্টিয়া-২ আসনে ১৭০টি কেন্দ্রের মধ্যে ৭৬টিতে বিএনপির রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ৬৩ হাজার ৩৪৫ ভোট। জামায়াতের মো. আব্দুল গফুর পেয়েছেন ৮৬ হাজার ৬০৭ ভোট।
কুষ্টিয়া-৩ আসনে ১৪২ কেন্দ্রের মধ্যে ৪৫টিতে বিএনপির মো. জাকির হোসেন সরকার পেয়েছেন ৪১ হাজার ৯৯৮ ভোট। জামায়াতের মো.আমির হামজার বাক্সে ভোট পড়েছে ৬৩ হাজার ৪৮৮টি।
কুষ্টিয়া ৪ আসনে ১৫২টি কেন্দ্রের ৮৩টিতে বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমী পেয়েছেন ৪৮ হাজার ৩৫৩ ভোট। জামায়াতের আবজাল হোসেন পেয়েছেন ৪৮ হাজার ৮৫৫ ভোট।
12 Feb 2026, 09:14 PM
কত ভোট পড়েছিল আগের ৩ গণভোটে
|
ফিরে দেখা: আগের ৩ গণভোট |
||
|
নির্বাচন |
প্রশ্ন |
ভোটের হার |
|
১৯৭৭ সালের ৩০ মে, প্রথম গণভোট |
রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার অনুসৃত নীতি ও কর্মপন্থার প্রতি আস্থা আছে কি না? |
৯৮ দশমিক ৮ শতাংশ ‘হ্যাঁ’ ভোট এবং ১ দশমিক ১২ শতাংশ ‘না’ ভোট |
|
১৯৮৫ সালের ২১ মার্চ, দ্বিতীয় গণভোট |
রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের অনুসৃত নীতি ও কর্মপন্থার প্রতি আস্থা এবং স্থগিত সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত তার রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকার বিষয়ে সম্মতি আছে কি না? |
৯৪ শতাংশ ‘হ্যাঁ’ ভোট এবং ৬ শতাংশের মতো ‘না’ ভোট |
|
১৯৯১ সালের ১৫ সেপ্টেম্বর, তৃতীয় গণভোট |
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান (দ্বাদশ সংশোধন) বিল, ১৯৯১-এ রাষ্টপতির সম্মতি দেওয়া উচিত কি না? (দেশে কোন ধরনের সরকার পদ্ধতি চলবে) |
৮৪ শতাংশ ‘হ্যাঁ’ ভোট এবং ১৬ শতাংশ ‘না’ ভোট |
12 Feb 2026, 08:26 PM
ঠাকুরগাঁও-১: ১২৩ কেন্দ্রে ফখরুলের ১৫২৩১৩
ঠাকুরগাঁও-১ আসনে ১৮৫টির মধ্যে ১২৩টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এর মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৩১৩ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৮৯ হাজার ৪৯৩ ভোট।
ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলাম পেয়েছেন ২৬৫৩ ভোট।
এ কেন্দ্রে মোট ভোটার ৫ লাখ ১১ হাজার ৬৩১ জন।
ঠাকুরগাঁও-১ আসন
মোট কেন্দ্রঃ ১৮৫
প্রাপ্ত কেন্দ্রঃ ১২৩
ধানের শীষঃ ১ লাখ ৫২ হাজার ৩১৩
দাড়িপাল্লাঃ ৮৯ হাজার ৪৯৩
হাতপাখাঃ ২৬৫৩
12 Feb 2026, 08:08 PM
গণনার মধ্যে ভোট বর্জনের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বীর
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী জসিম উদ্দীন। এ আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।
ভোট শেষে গণনার মধ্যে বৃহস্পতিবার বিকাল ৫টায় ফেইসবুক লাইভে এসে জসিম এই ঘোষণা দেন।
কারচুপির অভিযোগ এনে তিনি বলেন, “কেন্দ্রগুলোতে ব্যালট ছিনতাই, নেতাকর্মীদের মারধর করা হয়েছে। অনেককে রক্তাক্ত করে বের করে দেওয়া হয়েছে। অনেকের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে।
“টাকা দিয়ে ভোট কিনেছে। আজ তারা নিজেরা নিজেরা ভোট কাটছে। এমন পরিস্থিতিতে জনগণের সার্বিক দিক বিবেচনা করে তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।”
ঋণখেলাপি হওয়ার অভিযোগে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হয়। ফলে এখানে প্রার্থী শূন্য হয়ে পড়ে বিএনপি।
এ অবস্থায় জোটগত সিদ্ধান্ত অনুযায়ী, ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেয় বিএনপি। তার পক্ষে দলের নেতা-কর্মীরা মাঠে নামেন।
12 Feb 2026, 07:56 PM
ঢাকার ভোটকেন্দ্রে সিল-সইবিহীন ব্যালটের মুড়ি
12 Feb 2026, 07:43 PM
কত ভোট পড়েছে কোন নির্বাচনে
|
কোন নির্বাচনে ভোটের হার কত |
||
|
নির্বাচন |
ভোটের হার |
দলের সংখ্যা |
|
১৯৭৩: প্রথম সংসদ |
৫৫.৬১ |
১৪ |
|
১৯৭৯: দ্বিতীয় সংসদ |
৪৯.৬৭ |
২৯ |
|
১৯৮৬: তৃতীয় সংসদ |
৬০.৩৭ |
২৮ |
|
১৯৮৮: চতুর্থ সংসদ |
৫৭.২০ |
০৯ |
|
১৯৯১: পঞ্চম সংসদ |
৫৪.৯৩ |
৭৫ |
|
১৯৯৬, ফেব্রুয়ারি: ষষ্ঠ সংসদ |
২৬.৫৪ |
৪৩ |
|
১৯৯৬, জুন: সপ্তম সংসদ |
৭৪.৯৬ |
৮১ |
|
২০০১: অষ্টম সংসদ |
৭৫.৫৯ |
৫৫ |
|
২০০৮: নবম সংসদ |
৮৭.১৩ |
৩৮ |
|
২০১৪: দশম সংসদ |
৩৯.০৮ |
১২ |
|
২০১৮: একাদশ সংসদ |
৮০.২০ |
৩৯ |
|
২০২৪: দ্বাদশ সংসদ |
৪১.৮ |
২৮ |
12 Feb 2026, 07:34 PM
দেশবাসীর প্রতি ইসির কৃতজ্ঞতা
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ‘উৎসবমুখর’ করতে সহযোগিতা করায় দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে নির্বাচন কমিশন।
ভোট সুষ্ঠু হওয়ায় শুক্রবার বিশেষ দোয়া ও প্রার্থনা আয়োজনের অনুরোধও জানিয়ে কমিশন।
বৃহস্পতিবার ভোটের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন বলছে, “গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে সার্বিক সহযোগিতা করায় বাংলাদেশ নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দল, প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী, ভোটার-সহ দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
এর আগেই একইভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস।
12 Feb 2026, 07:22 PM
ময়মনসিংহে কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার ভিডিও
ময়মনসিংহ-১১ আসনে ভোটকেন্দ্রে প্রবেশ করে একটি ভোটকক্ষ দখলে নিয়ে ব্যালটে সিল মারার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
এ ঘটনায় ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। ঘটনার পর কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ রাখার পর ফের চালু হয়।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে দিকে ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের লোহাবৈ বরাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানান ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফিরোজ হোসেন।

12 Feb 2026, 07:15 PM
চট্টগ্রামে শেষ ঘণ্টায় ভোট পড়েছে কম
চট্টগ্রামে নির্বাচনের দিন সকালে ও দুপুরে ভোটকেন্দ্রে ভোটারদের ভিড় দেখা গেলেও বেলা ১টার পর থেকে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। বেলা আড়াইটার পর কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি একেবারেই কমে যায়।
বৃহস্পতিবার সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে শেষ ঘণ্টায় নগরী ও জেলার চারটি আসনের কমপক্ষে আটটি কেন্দ্রে গিয়ে ভোটার উপস্থিতির এমন চিত্র পাওয়া গেছে।
সকাল সাড়ে ৭টা শুরু হয়ে বিকালে সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
বেলা ২টা পর্যন্ত সাড়ে ছয় ঘণ্টায় ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়ার তথ্য দেয় নির্বাচন কমিশন।
বিকাল সোয়া ৪টার দিকে ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ ব্রিফিংয়ে বলেন, ৬ হাজার ৬২০টা কেন্দ্রের ভোটগ্রহণের হার তখনো তারা পাননি।

চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের এনায়েত বাজার মহিলা কলেজ কেন্দ্রে বেলা ৩টা ৩৫ মিনিটে গিয়ে দেখা যায় পুরো প্রাঙ্গণ খালি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছেন।
নিচতলার পুরুষ বুথ-৩ এ গিয়ে দেখা যায়, ধানের শীষের ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর দুজন এজেন্ট আছেন। অন্য কোনো প্রার্থীর এজেন্ট ওই বুথে নেই। এই বুথের ৭৭৩ জন ভোটারের মধ্যে বেলা ৩টা ৩৫ মিনিট পর্যন্ত ৩৩২টি ভোট পড়েছে।
12 Feb 2026, 05:33 PM
ফিরে দেখা
|
কোন নির্বাচনে কত আসন বিএনপি ও জামায়াতের |
||
|
নির্বাচন |
বিএনপি |
জামায়াত |
|
১৯৭৩: প্রথম সংসদ |
প্রতিষ্ঠিত হয়নি |
নিষিদ্ধ |
|
১৯৭৯: দ্বিতীয় সংসদ |
২০৭ |
- |
|
১৯৮৬: তৃতীয় সংসদ |
বর্জন |
১০ |
|
১৯৮৮: চতুর্থ সংসদ |
বর্জন |
বর্জন |
|
১৯৯১: পঞ্চম সংসদ |
১৪০ |
১৮ |
|
১৯৯৬, ফেব্রুয়ারি: ষষ্ঠ সংসদ |
২৭৮ |
বর্জন |
|
১৯৯৬, জুন: সপ্তম সংসদ |
১১৬ |
৩ |
|
২০০১: অষ্টম সংসদ |
১৯৩ |
১৭ |
|
২০০৮: নবম সংসদ |
৩০ |
২ |
|
২০১৪: দশম সংসদ |
বর্জন |
নিবন্ধন বাতিল |
|
২০১৮: একাদশ সংসদ |
৬ |
নিবন্ধন বাতিল |
|
২০২৪: দ্বাদশ |
বর্জন |
নিবন্ধন বাতিল |
12 Feb 2026, 05:32 PM
জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট ‘শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে’ শেষ হওয়ায় জাতিকে ‘আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা’ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
নির্বাচনে ভোট গ্রহণ শেষে তিনি বলেন, “ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলসমূহের দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম ও নির্বাচন-সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের পেশাদারত্ব—এই সম্মিলিত প্রচেষ্টাই প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন।”
সরকারপ্রধান বলেন, “আমি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যমকর্মী এবং ভোটগ্রহণে সম্পৃক্ত সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি বিশেষ ধন্যবাদ জানাই। তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই এই বিশাল গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।”
রাজনৈতিক দল ও প্রার্থীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, “চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকে। মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি বলেন, “বাংলাদেশ আজ আবারও প্রমাণ করেছে—জনগণই সকল ক্ষমতার উৎস। আমরা সম্মিলিতভাবে একটি জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাব।
“এই নির্বাচন আমাদের জন্য মহা আনন্দের ও উৎসবের। এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রা শুরু হল।”
প্রধান উপদেষ্টা দাবি করেন, এই নির্বাচন দেশের “ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর” ছিল।
এই ধারা ধরে রাখা সম্ভব হলে বাংলাদেশের গণতন্ত্র “উৎকর্ষের শিখরে” পৌঁছাবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।
12 Feb 2026, 05:25 PM
ভোটকেন্দ্রের সিঁড়িতে অচেতন হয়ে ভোটারের মৃত্যু
যাত্রাবাড়ীর অগ্রদূত বিদ্যা নিকেতনে ভোট দিতে গিয়ে সিঁড়িতে অসুস্থ হয়ে মারা গিয়েছেন এক ভোটার।
মারা যাওয়া আলী আবু সাঈদ সরকার (৫৩) মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। পরিবার বলছে, তিনি হৃদরোগে ভুগছিলেন, এর আগে তার স্ট্রোক হয়েছিল। তিনি চিকিৎসকের পরামর্শে চলতেন।
দুই ছেলের বাবা আবু সাঈদ পরিবার নিয়ে ঢাকার মানিকনগরে থাকতেন। তার গ্রামের বাড়ি পাবনা বেড়া থানার নাকালিয়া গ্রামে।
এ নিয়ে ভোট চলাকালে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় ভোটকেন্দ্রে ছয়জনের মৃত্যু হয়।
তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে অসুস্থবোধ করার পর। অপরজনকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে।
12 Feb 2026, 05:02 PM
ভোট শেষ, এবার গণনার পালা

বড় কোনো সংঘাত-সংঘর্ষ ছাড়াই ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট দিতে যাওয়ার সময় শেষ হয়েছে।
এখন যারা ভোটকেন্দ্রের ভেতরে লাইনে আছেন শুধু তাদের ভোট নেওয়া হবে। এরপর কেন্দ্রে কেন্দ্রে প্রস্তুতি শুরু হবে ভোট গণনার পালা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোট শুরু হয়ে একটানা ভোট চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের সঙ্গে এবার গণভোট হয়েছে।
শেষ পর্যন্ত কত ভোট পড়ল তা জানতে আরো সময় লাগবে। তবে বেলা ২টা পর্যন্ত সারাদেশে ৪৩ হাজারের মধ্যে ৩৬ হাজার কেন্দ্রে ৪৮ শতাংশের মতো ভোট পড়ার তথ্য দিয়েছে নির্বাচন কমিশন।
এই হিসাব অনুযায়ী শেষ পর্যন্ত ৫৫ থেকে ৬০ শতাংশের মত ভোট পড়তে পারে বলে কর্মকর্তাদের ধারণা।
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় কোনো গোলযোগ না হলেও ভোট চলাকালে সারাদেসেহ ৬ জনের মৃত্যু হয়েছে।
12 Feb 2026, 04:45 PM
পোলিং এজেন্টদের ‘আগাম সই’: চট্টগ্রামে প্রিজাইডিং অফিসার প্রত্যাহার
ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই ফলাফলের কাগজে পোলিং এজেন্টদের সই নেওয়ার অভিযোগে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে এক প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।
উত্তর সাতকানিয়ার আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. ফরিদুল আলমকে বৃহস্পতিবার দুপুরে প্রত্যাহার করা হয়।
কেন্দ্রটি সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশের পর পোলিং এজেন্টদের সই নেয়ার নিয়ম থাকলেও ওই প্রিসাইডিং কর্মকর্তা ভোট চলাকালে নিয়েছেন। সে কারণে তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে প্রিসাইডিং অফিসার মো. ফরিদুল আলম বলেন, “ভুলবশত আগেই সই নেয়া হয়েছে। ইচ্ছে করে এ কাজ করিনি।”
কেন্দ্রটিতে মোট ভোটার তিন হাজার। দুপুর দেড়টা পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছিল।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ এবং সাতকানিয়া উপজেলার কেওচিয়া, কালিয়াইশ, বাজালিয়া, ধর্মপুর ও পুরানগড়) আসনে ভোটার ৩ লাখ ১৩ হাজার ৪৩১ জন। তারা ১০০টি কেন্দ্রে ভোট দিচ্ছে।
এই আসনের ৮জন প্রার্থী হলেন- বিএনপির জসীম উদ্দীন আহমেদ (ধানের শীষ), এলডিপির ওমর ফারুক (ছাতা), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের এইচএম ইলিয়াছ (আপেল), ইসলামী আন্দোলনের মোহাম্মদ আবদুল হামিদ (হাতপাখা), জাতীয় পার্টির মোহাম্মদ বাদশা মিয়া (লাঙ্গল), ইসলামী ফ্রন্টের মো. সোলাইমান (মোমবাতি), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুল হক চৌধুরী (ফুটবল) ও শফিকুল ইসলাম রাহী (মোটর সাইকেল)।
12 Feb 2026, 04:43 PM
অনিয়মের নালিশ: ৩ আসনে 'বিশৃঙ্খল কেন্দ্র', ভোট স্থগিত চায় ১১ দলীয় জোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে ‘ভোটগ্রহণে বিশৃঙ্খলার’ অভিযোগ তুলে সেখানকার ভোট স্থগিত করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
এই তিন আসন হল-কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১।
বৃহস্পতিবার নির্বাচনের দিন বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারএ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ দাবি জানিয়েছেন জোটের প্রতিনিধিদল।
12 Feb 2026, 04:42 PM
দুপুর পর্যন্ত নির্বাচন ‘সন্তোষজনক ছিল’, এরপরই ‘হামলা-বাধা’: এনসিপি

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে দুপুর ১২টা পর্যন্ত ভোটগহণ ‘সন্তোষজনক’ হলেও তারপর থেকেই সারা দেশ থেকে বিভিন্ন অভিযোগ পাওয়ার কথা বলছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনীরা শারমীন বলেছেন, “বিভিন্ন কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। দুপুরের পর থেকে আমাদের নেতাকর্মী ও কেন্দ্র পরিদর্শকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
“একটি নির্দিষ্ট দলের কর্মী ভোটকেন্দ্রে ভোটারদের ওপর একটা প্রভাব বিস্তার করতে দেখা গেছে।”
ভোট চলার মধ্যে বৃহস্পতিবার বিকালে বাংলামোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মনীরা শারমীন।
ঢাকা-১৮ আসন নিয়ে তিনি বলেন, “এই আসনে ধানের শীষের পোলিং এজেন্টরা দলীয় কার্ড ঝুলিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করে প্রভাব বিস্তার করেছে। ঘটনাটি উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ঘটেছে।
“ঢাকা-৮ আসনের কেন্দ্র পরিদর্শনে গেলে এনসিপির প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারীর ওপর স্থানীয় বিএনপির কর্মীরা হামলা করেছে, যা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখেছি। আর ওই আসনের মীর্জা আব্বাস মহিলা ডিগ্রিকলেজে কেন্দ্রে এনসিপির পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দিয়েছে বিএনপির কর্মীরা। একই প্রভাব বিস্তার আমরা ঢাকা ৯ আসনেও লক্ষ্য করেছি।”
12 Feb 2026, 04:40 PM
আরো একজনের মৃত্যু
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ভোট দিয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জহুরুল ইসলাম।
মারা যাওয়া বাশেদ আলী মধ্য ওসমানেরপাড়া গ্রামের কুদ্দুর আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয়রা জানান, বাশেদ আলী ভোট দিয়ে বাইরে বের হওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
প্রিজাইডিং অফিসার জহুরুল ইসলাম বলেন, নিহতের ছোট ভাই সাইদুর রহমান ওই কেন্দ্রে একটি প্রতীকের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বড় ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে লিখিতভাবে অবহিত করে অন্য একজনকে দায়িত্ব দিয়ে তিনি চলে যান।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল কবির বলেন, “বৃদ্ধের মৃত্যুর খবর পেয়েছি। এটি স্বাভাবিক মৃত্যু বলে জানা গেছে।”
এ নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে চট্টগ্রাম, খুলনা, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় ভোটকেন্দ্রে পাঁচজনের মৃত্যু হল।
তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে অসুস্থবোধ করার পর। অপরজনকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে।
12 Feb 2026, 04:34 PM
ভোটে আশঙ্কাজনক কোনো ‘পরিস্থিতি নেই’: ইসি সচিব
কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণে আশঙ্কাজনক কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের ভাষ্য।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, "কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল সেগুলো নিয়ন্ত্রণে আছে এবং স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে প্রয়োজনের ব্যবস্থা নিয়েছে। আশঙ্কাজনক কোন পরিস্থিতি নেই।"
বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও কোনো কেন্দ্রের ভোট স্থগিত হয়নি বলে জানিয়েছেন তিনি।
তবে নির্বাচনে বিচ্ছিন্নভাবে কিছু কিছু ঘটনা হয়েছে জানিয়ে সচিব আখতার আহমেদ বলেন, "মূলত কেন্দ্রের বাইরে এগুলো হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এবং তাৎক্ষণিকভাবে এই জিনিসটা ইন্টারসেপ্ট করার কারণে কোনো ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত বা বন্ধ করা হয়নি।"
কুমিল্লা-১৪ আসনের একটি কেন্দ্রে নারীদের একজনের ভোট আরেকজনকে দেওয়ার এবং ১০ জনের একসঙ্গে ভোট দেওয়ার ভিডিওর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আখতার আহমেদ বলেন, “আমাকে জানান আমি এখনি ব্যবস্থা নেব।…প্রেস সেকশনকে দেন, আমি ব্যবস্থা নেব। এটা যদি হয়ে থাকে নিন্দনীয়। আমরা ইন্টারসেপ করব।”
সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর ভোটের প্রথম ব্রিফিং নিয়ে ইসি সচিব বলেন, “এবার এই ইনফরমেশনের ডাটা কালেকশনের মেথডটা আমরা চেঞ্জ করেছি। সে কারণে আমাদের লিড টাইমটা একটু বেশি লাগছে।
“কেননা আমরা অতীতে দেখেছি, প্রিজাইডিং অফিসারদের থেকে এই ডাটাটা ইম্পোর্ট করতে গেলে সমস্যা হত। মূলত তারাই আসলে ভোটারদের ভোটের প্রবাহটাকে সামাল দেন। এতে অসুবিধা হত। সেজন্য আমরা পদ্ধতিগত পরিবর্তন করেছি। আমরা আবারো আরেকটা আপডেট দেব।”
ভোটের তথ্য আনার পদ্ধতিতে কী পরিবর্তন আনা হয়েছে-সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, "এখন এটা অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসারের কাছ থেকে তথ্য আনা হচ্ছে।"
ভোট গ্রহণে ইসি সন্তুষ্ট কি না জানতে চাইলে তিনি বলেন, "সন্তুষ্ট কি না এটার তো জবাব আপনারা দেবেন মাননীয় ভোটারদেরকে নিয়ে, তারা সন্তুষ্ট কি না? আমরা তো চাইবোই যে টার্নআউট বেশি হোক। আপনারাই বলেন যে এটাতে আমাদের সন্তুষ্ট হওয়া উচিত কি না বা আপনারা সন্তুষ্ট কিনা।"
ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিনিয়র সচিব বলেন, "আপনাদেরকে নিশ্চিত করছি যে আমাদের যতগুলা ভোট কেন্দ্র আছে ৪২ হাজার ৫৬৫১টির সবকটাতেই ভোট গ্রহণ চালু আছে এবং স্বতঃস্ফূর্ততা আপনারা দেখেছেন। স্বতঃস্ফূর্ততার জন্য আমি ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।"
যারা এখনো ভোট দেননি তারা ভোট দিয়ে ইসির প্রচেষ্টাকে ‘সাফল্যমণ্ডিত’ করবেন বলে আশা প্রকাশ করেন সিনিয়র সচিব।
12 Feb 2026, 04:31 PM
পুলিশের অশ্বারোহী ইউনিটের মহড়া
বৃহস্পতিবার ভোটের দিন মহড়া দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অশ্বারোহী ইউনিট।
12 Feb 2026, 04:28 PM
সাড়ে ৬ ঘণ্টায় কত ভোট পড়ল?
প্রথম সাড়ে ছয় ঘণ্টায় ৩৬ হাজার ৩১টি কেন্দ্রের ভোটগ্রহণের হার জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসি সচিব আখতার আহমেদ বিকাল সোয়া ৪টায় বলেন, “দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে।”
বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
12 Feb 2026, 04:23 PM
পঞ্চগড়ে অবৈধ ব্যালটসহ আটক এনসিপি নেতার কারাদণ্ড

পঞ্চগড়-১ আসনে আটোয়ারী উপজেলায় অবৈধ ব্যালট পেপারসহ এক এনসিপি নেতাকে আটক করেছে পুলিশ। পরে তাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র হতে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিচারিক আদালতের বিচারক ও সহকারী জজ রানা পারভেজ।
দণ্ডিত সুকুমার দাস বাবু এনসিপি যুবশক্তির আটোয়ারী উপজেলা শাখার আহ্বায়ক।
রানা পারভেজ বলেন, “নিবাচন চলাকালীন ওই ব্যাক্তিকে ভোটকেন্দ্রে অবৈধ ব্যালট পেপারসহ আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ৩ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে জেল হাজতে পাঠানো হয়েছে।”
12 Feb 2026, 04:18 PM
বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের ভোট

বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
ভোটের সম্ভাবনা ও আশঙ্কা, কারা পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে তা নিয়ে ভারত, পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর পাশাপাশি বিবিসি, রয়টার্স, ডয়েচে ভেলে, গার্ডিয়ানের মতো গণমাধ্যম গুরুত্ব দিয়ে খবর প্রকাশ করেছে।
ভোটের দিনেও বিশ্ব গণমাধ্যমের চোখ রয়েছে বাংলাদেশের দিকে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ভোটের শুরু থেকে বাংলাদেশের নির্বাচন লাইভ করে যাচ্ছে। ‘বাংলাদেশ ভোটস ইন ফার্স্ট ইলেকশন সিন্স জেন-জি আউস্টেড ফর্মার পিএম শেখ হাসিনা’ শিরোনামের খবরে তারা জুলাই সনদ নিয়ে হওয়া গণভোট বিষয়ে মানুষের বিভ্রান্তি, ভোটের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই-নির্মিত ভিডিওর ছড়াছড়ি, নির্বাচনে তরুণদের প্রাধান্যসহ নানান বিষয় উঠে এসেছে।
এখানেই বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) শাফকাত মুনির বলেছেন, ১৭ বছর ধরে বাংলাদেশিরা সত্যিকারের নির্বাচনে ভোট দিতে পারেনি। এবার সেই অধিকার ফেরত পাওয়ার উচ্ছ্বাস যেমন আছে, তেমনি আছে সতর্কতাও।
প্রতিবেদনে ভোটের সারাদিনকার নানান গুরুত্বপূর্ণ খবরাখবরও দেওয়া হচ্ছে।
জেন-জি আন্দোলনের কারণে বিশ্বে প্রথম কোনো সরকার পতনের পর হওয়া বাংলাদেশের ‘ভোট উৎসব’ নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ সারির উল্লেখ আছে। হাসিনাবিরোধী আন্দোলনের পর বাংলাদেশজুড়ে অস্থিরতায় পোশাক খাতসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতকে নানান বাধাবিঘ্ন পাড়ি দিতে হচ্ছে জানিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতি ভোটারদের আকাঙ্ক্ষার বিষয়টিও তারা তুলে এনেছে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ইঙ্গিত দিয়ে বাংলাদেশের ‘গুরুত্বপূর্ণ’ জাতীয় নির্বাচনের খবর দিয়েছে। ক্ষমতায় গেলে তার দুর্নীতির বিরুদ্ধে ‘নো টলারেন্স’, পরিচ্ছন্ন রাজনীতির আশ্বাসের কথাও আছে ‘তারেক রহমান প্রমিজেজ এরা অব ক্লিন পলিটিক্স এজ বাংলাদেশ হোল্ডস ফার্স্ট ইলেকশন সিন্স ফল অব হাসিনা’ শিরোনামের প্রতিবেদনে।
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অর্থনৈতিক স্থবিরতার বিষয়টিকেও বেশ গুরুত্ব দিয়েছে তারা। বিএনপি জিতলেও জামায়াত এবং তার নেতৃত্বাধীন ইসলামী জোট তারেক রহমান এবং বাংলাদেশের সেক্যুলার রাজনীতির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হবে এমন আশঙ্কাও আছে তাদের।
‘বাংলাদেশ: ভোটারস হেড টু দ্য পোলস আফটার ২০২৪ আপরাইজিং’ শিরোনামে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে কড়া নিরাপত্তার মধ্যে ফেব্রুয়ারির ভোটের খবর প্রকাশ করেছে। এতে হাসিনার দল আওয়ামী লীগের ভোটে অংশগ্রহণে নিষেধাজ্ঞা, ভোট নিয়ে তরুণদের আগ্রহের কথা উঠে এসেছে। আছে গণভোট এবং নির্বিঘ্নে ভোটদান প্রসঙ্গও।
নিউ ইয়র্ক টাইমসে ‘স্টুডেন্টস ওন রেভ্যুলেশন ইন বাংলাদেশ, দে ওয়ান্ট সো মাচ মোর’ শিরোনামে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনেও বাংলাদেশের ভোটের খবর এসেছে। এখানে গণআন্দোলনপরবর্তী বাংলাদেশের তরুণ নেতৃত্বের আকাঙ্ক্ষার বিষয়টি ফুটে উঠেছে।
খুলনায় জামায়াত নেতার ‘ধাক্কায়’ বিএনপি নেতার মৃত্যু, গোপালগঞ্জে ভোটকেন্দ্রে হাতবোমা হামলায় তিনজন আহত হওয়াসহ নির্বাচনে সহিংসতার খবর গুরুত্ব পেয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। ভোটের প্রাক্কালে মৌলভীবাজারে ২৮ বছর বয়সী এক হিন্দু ধর্মাবলম্বীর মৃত্যুর খবর এসেছে এনডিটিভি। গোপালগঞ্জে ভোটকেন্দ্রে বোমা হামলার খবর দিয়েছে চীনা গণমাধ্যম সিনহুয়াও।
রয়টার্সের প্রতিবেদন তুলে ধরেছে পাকিস্তানি গণমাধ্যম ডন। সেখানে ভোটের নানা খুঁটিনাটির পাশাপাশি ২০২৪ সালের গণআন্দোলন, হাসিনার ক্ষমতাচ্যুত, অন্তর্বর্তী সরকারের ১৮ মাস পরবর্তী ভোট নিয়ে মানুষের উচ্ছ্বাসের কথাও এসেছে।
২৯৯ আসনের সাংসদ নির্বাচন ও গণভোটের খবর নিয়ে লাইভ করছে কাতারভিত্তিক বার্তা সংস্থা আল-জাজিরাও। এখানেও এসেছে ভোটকে ঘিরে অনলাইনজুড়ে নানান গুজব ও অপপ্রচারের কথা। এসেছে নির্বিঘ্নে ভোট দিতে যেতে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের আহ্বানের কথাও। ঢাকার এক আসনে স্বতন্ত্র এক প্রার্থীর নারী এজেন্টদের বাধা দেওয়ার খবর, দেশের তিন স্থানে কর্মীদের ওপর হামলা হয়েছে বলে জামায়াতের অভিযোগ, গণভোট নিয়ে তরুণ-যুবাদের আগ্রহের খবরও দিয়েছে তারা।
12 Feb 2026, 04:14 PM
একসঙ্গে ভোট দিলেন ঢাকাই সিনেমার ‘তিন কন্যা’

কোহিনূর আক্তার সুচন্দা, ফরিদা আক্তার পপি ববিতা ও গুলশান আরা আক্তার চম্পা- ঢাকাই চলচ্চিত্রের ‘তিন কন্যা’ একসঙ্গে ভোট দিয়েছেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।
বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে ভোট দিয়েছেন তারা।
ভোট দিয়ে চিত্রনায়িকা চম্পা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক সুন্দর পরিবেশ, অনেক ভালো লাগছে। ঈদ ঈদ লাগছে।”
এসময় চম্পার সঙ্গে ছিলেন বড় বোন ববিতা ও সুচন্দা।
এবার ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন প্রয়াত চলচ্চিত্রকার জহির রায়হান ও অভিনেত্রী সুচন্দার ছেলে তপু রায়হান। তিনি ‘বাইসাইকেল’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
12 Feb 2026, 04:09 PM
এজেন্টদের ‘আগাম সই’, প্রিজাইডিং অফিসার প্রত্যাহার
ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই ফলাফলের কাগজে পোলিং এজেন্টদের সই নেওয়ার অভিযোগে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে এক প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।
উত্তর সাতকানিয়ার আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. ফরিদুল আলমকে বৃহস্পতিবার দুপুরে প্রত্যাহার করা হয়।
কেন্দ্রটি সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশের পর পোলিং এজেন্টদের সই নেয়ার নিয়ম থাকলেও ওই প্রিসাইডিং কর্মকর্তা ভোট চলাকালে নিয়েছেন। সে কারণে তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে প্রিসাইডিং অফিসার মো. ফরিদুল আলম বলেন, “ভুলবশত আগেই সই নেয়া হয়েছে। ইচ্ছে করে এ কাজ করিনি।”
কেন্দ্রটিতে মোট ভোটার তিন হাজার। দুপুর দেড়টা পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছিল।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ এবং সাতকানিয়া উপজেলার কেওচিয়া, কালিয়াইশ, বাজালিয়া, ধর্মপুর ও পুরানগড়) আসনে ভোটার ৩ লাখ ১৩ হাজার ৪৩১ জন। তারা ১০০টি কেন্দ্রে ভোট দিচ্ছে।
এ আসনের ৮ প্রার্থী হলেন- বিএনপির জসীম উদ্দীন আহমেদ (ধানের শীষ), এলডিপির ওমর ফারুক (ছাতা), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের এইচএম ইলিয়াছ (আপেল), ইসলামী আন্দোলনের মোহাম্মদ আবদুল হামিদ (হাতপাখা), জাতীয় পার্টির মোহাম্মদ বাদশা মিয়া (লাঙ্গল), ইসলামী ফ্রন্টের মো. সোলাইমান (মোমবাতি), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুল হক চৌধুরী (ফুটবল) ও শফিকুল ইসলাম রাহী (মোটর সাইকেল)।
12 Feb 2026, 04:08 PM
নির্বাচনে অনিয়মের অভিযোগ ইসলামী আন্দোলনের
ভোটের দিনের দুপুরে দেশের বিভিন্ন স্থানে অনিয়মের অভিযোগ সামনে এনেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।
সংবামাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেছেন, ভোলা-১ আসনে “বহু কেন্দ্রে ভোট আগে হয়ে গেছে।”
পটুয়াখালী-৪ নং আসনের বিভিন্ন কেন্দ্র ও বিভিন্ন জায়গায় বিএনপি সমর্থকরা হাতপাখার নেতাকর্মীদের ওপর ‘হামলা’ করেছে বলেও তার অভিযোগ।
এছাড়া ময়পুর মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পোলিং এজেন্টদের ‘মারধর করে বের করে দেওয়া’ এবং ‘জাল ভোট’ দেওয়ার অভিযোগ করেছেন তিনি।
শেখ ফজলুল করীম মারুফ বলছেন, ভোলা-১ আসনে ভেদুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ব্যাংকের হাট বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের নারী এজেন্টরা “ভোটারদের ব্যালট নিয়ে জোর করে নিজেদের মার্কায় ভোট দিয়েছেন।”
ভোলা-১ আসনের আওতাধীন উত্তর দিঘোলদী ৭ নম্বর ওয়ার্ডে ইসলামী আন্দোলনের ভোলা জেলা উত্তরের সেক্রেটারি ও প্রার্থীর নির্বাচনি এজেন্টসহ পর্যবেক্ষণ টিমকে স্থানীয় বিজেপি নেতাকর্মীরা ‘দীর্ঘ সময় অবরুদ্ধ করে’ রাখে এবং পরে ‘সেনাবাহিনীর হস্তক্ষেপে’ তাদের উদ্ধার করা হয় বলে তার ভাষ্য।
ভোলা-৪ সংসদীয় আসনের আওতাধীন চরকলমী ইউনিয়ন এর ৬০ ও ৬১ নম্বর কেন্দ্রে “ভোট কারচুপিতে বাঁধা দেওয়ায় বিএনপি কর্মীরা হাতপাখার নেতাকর্মীদের ওপর হামলা” করেছে বলে ইসলামী আন্দোলনের এ নেতার অভিযোগ।
তিনি বলছেন, এ ঘটনায় কয়েকজন ‘গুরুতর’ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ইসলামী আন্দোলন বলছে, নরসিংদী-৫ আসনের রায়পুরায় “ভোট চুরিতে বাধা দেওয়ায় বিএনপি কর্মীরা হাতপাখার এজেন্টকে পিটিয়ে রক্তাক্ত করে কেন্দ্র থেকে বের করে দেওয়া দিয়েছে।”
এছাড়া ঝালকাঠি-০১ আসনে রাজাপুর থানার বড়ইয়া ইউনিয়নে দলের এজেন্টদের “কুপিয়ে জখম” করা এবং “পিটিয়ে কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়ার” অভিযোগ করা হয়েছে বার্তায়।
ইসলামী আন্দোলন বলছে, বিষয়গুলো স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। ঢাকার প্রধান নির্বাচন কমিশনারের কাছেও লিখিত অভিযোগ করা হবে।
12 Feb 2026, 04:07 PM
সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা: মৎস্য উপদেষ্টা
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “সরকার শুরু থেকেই তিনটি ম্যান্ডেট সামনে রেখেছিল—বিচার, সংস্কার এবং নির্বাচন। এর মধ্যে সর্বশেষ ম্যান্ডেট ছিল নির্বাচন আয়োজন। সরকার সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এমন একটি পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করেছে, যাতে ভোটাররা স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।”
রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত আনন্দ স্কুল (সরকারি জামিলা আইনুল আনন্দ স্কুল অ্যান্ড কলেজ) ভোটকেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, “ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করছেন; এখানে কারও ব্যক্তিগত পছন্দ চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, মানুষের মধ্যে ভোট নিয়ে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী বুথগুলো অত্যন্ত সুশৃঙ্খল এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।”
তিনি বলেন, “এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উন্মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে আয়োজনের চেষ্টা করা হয়েছে এবং এখন পর্যন্ত নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে।”
12 Feb 2026, 03:45 PM
‘কম-বেশি’ সব দলকে নিয়ে দেশ চালাতে চান তারেক রহমান

বিএনপির জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে তারেক রহমান বলেছেন, আন্দোলনের সময়কার সঙ্গীদের পাশাপাশি ‘কম-বেশি’ আরও রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে তারা দেশ পরিচালনা করতে চান।
রাজধানীর বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে এসে ভোট শেষ হওয়ার আড়াই ঘণ্টা আগে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সামনে আসেন তিনি।
তারেক রহমান বলেন, “আমরা বলেছি যে আমরা যে সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা চাই কম-বেশি সকলকে নিয়ে একসাথে দেশ পরিচালনা করতে।”
ঢাকা সেনানিবাসের আদমজী স্কুল অ্যান্ড কলেজ, মহাখালী, পান্থপথ, ভাষাণটেক, মানিক মিয়া অ্যাভিনিউ, ধানমন্ডির ২৭ নং সড়ক, সোহানবাগ ঘুরে নিজের কার্যালয়ে আসেন তিনি।
এসব কেন্দ্র ঘুরে দেখে এবং দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি দেশজুড়ে ভোটার উপস্থিতিতে সন্তোষও প্রকাশ করেন।
তিনি বলেন, ‘‘আমার কাছে মনে হয়েছে যে ভোটার উপস্থিতি আমি যতটুকু ঢাকা শহরে দেখেছি আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ মানুষ অত্যন্ত উৎসাহ ভরে তার ভোট প্রয়োগ করতে যাচ্ছে।
“আমি বিশ্বাস করি, গত দুই দিনে যেভাবে দেখেছি মানুষজন লঞ্চ, স্টিমারে, ট্রেনে, বাসে করে বিভিন্ন উৎসাহ নিয়ে দেশে ফিরে গিয়েছে, যার যার এলাকায় ফিরে গিয়েছে, ভোট দেয়ার জন্য আমরা প্রত্যাশা করি যে, ইনশাআল্লাহ আজকে সেই প্রত্যাশা নিশ্চয়ই থাকবে।”
12 Feb 2026, 03:39 PM
ভোট কেন্দ্রে এসে ভাই হত্যার বিচার চাইলেন ওসমান হাদির বোন
ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট দিতে এসে ভাইয়ের হত্যার বিচার দাবি করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি।
বৃহস্পতিবার সকালে ঝালকাঠির সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে যান তিনি।
এ সময় তার হাতে ওসমান হাদির ছবিসহ একটি প্ল্যাকার্ড দেখা যায়, যেখানে লেখা ছিল- “আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই।”
ভোটকেন্দ্রে প্রবেশের আগে ও পরে প্ল্যাকার্ডটি উপস্থিত ভোটার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে।
এ বিষয়ে মাসুমা হাদি বলেন, “আমার ভাইয়ের হত্যার বিচার আজও হয়নি। আমরা ন্যায়বিচার চাই। বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
তিনি আরও বলেন, “১৭০০ শহীদ ও তিন হাজারের বেশি মানুষ অন্ধ হওয়ার মতো রক্তঝরার বিনিময়ে আজকের এই নির্বাচন হয়েছে। জুলাইয়ের পর আমার ভাইকে হত্যা করা হয়েছে। যে সরকারই আসুক, আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার করতেই হবে।
মাসুমা আরও বলেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক হিসেবে ভোট দেওয়া যেমন দায়িত্ব, তেমনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাও সাংবিধানিক অধিকার।”
তার এই প্রতিবাদ ঘিরে ভোটকেন্দ্রে কিছু সময়ের জন্য কৌতূহল ও আলোচনা তৈরি হলেও সার্বিক পরিবেশ শান্ত ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখেন।
12 Feb 2026, 03:37 PM
জাতীয় পার্টি শেষ পর্যন্ত লড়বে: মহাসচিব

জাতীয় পার্টি নির্বাচনে শেষ মুহূর্ত পর্যন্ত লড়বে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
তিনি বলেন, “যদি নির্বাচনে অনিয়মের কোনো আলামত পরিপূর্ণভাবে আমরা পাই তাহলে সেটা নিয়ে দলীয় চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করব। যদি দেখি ভোট সুষ্ঠু হচ্ছে না তখন আমরা দলীয় ফোরাম থেকে সিদ্ধান্ত নেব।
“তবে আমরা শেষ পর্যন্ত লড়ে যেতে চাই।”
শামীম হায়দার পাটোয়ার গাইবান্ধা-১ আসন থেকে লাঙ্গল প্রতীকে লড়াই করছেন। তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তেলানীপাড়া মফিজুল হক পাটোয়ারী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন।
পরে তিনি উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন। দুপুর ১২টার দিকে তিনি বামনডাঙ্গা আব্দুল হক মহাবিদ্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন পর্যন্ত ভোটারদের মধ্যে আমরা উৎসাহ দেখছি। তবে প্রচুর বাইরের লোক দেখছি। আমরা অনুভব করছি, বিভিন্ন জায়গায় সনাতন ধর্মের লোকজনকে বাধো দেওয়ার চেষ্টা করা হতে পারে। নেটা জাতীয় পার্টি প্রতিহত করবে।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, “বিভিন্ন মামলার হুমকি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের সমর্থকদের হুমকি দেওয়া হয়েছে। গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়েছে। যাতে তারা কেন্দ্রে যেতে না পারে। এটা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি। সবার নির্বাচনে সহায়তা করা উচিত। সুষ্ঠু ভোট হলে ফলাফল যাই হোক আমরা মেনে নেব।”
12 Feb 2026, 03:24 PM
‘লাইন দীর্ঘ, ভোট স্লো করা হচ্ছে’: বিএনপি প্রার্থী মিল্টনের অভিযোগ
ঢাকা-১৫ আসনে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি থাকলেও ভোট গ্রহণে ‘কৃত্রিমভাবে ধীরতা’ তৈরির অভিযোগ তুলেছেন বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন।
বৃহস্পতিবার বেলা ২টা ২৫ মিনিটে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের (মূল মনিপুর বালিকা শাখা) কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এই অভিযোগ তোলেন।
ভোটের পরিবেশ নিয়ে বিএনপি প্রার্থী মিল্টন বলেন, “আমি সব কেন্দ্রে ঢুকতে পারিনি এখনো। যেটি বললাম-লাইন দীর্ঘ, ভোট স্লো করা হচ্ছে। এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে জানিয়েছি।
“আপনারা আপনাদের মতো করে খবর নেবেন। কাজীপাড়া সিদ্দিকীয়া মাদ্রাসায়, কাজীপাড়া সিদ্দিকীয়া মাদ্রাসায় দুই-তিনজন জালভোট ধরা খেয়েছে, সেখানে আপনারা রিপোর্ট করেন।”
এর আগে এই ভোটকেন্দ্রে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হলে সেনাসদস্যরা দুপক্ষকে নিবৃত্ত করেন।
বিএনপি প্রার্থী অভিযোগ করেছেন, প্রিজাইডিং অফিসাররা ভোটগ্রহণ ‘ধীর’ হতে সাহায্য করছেন।
তিনি বলেন, “যাতে, আমাদের অনেক বছর পরে একটা ভোট, ভোট থেকে যাতে কেউ বঞ্চিত না হয়। আপনারা বিষয়টাকে একটু দেখেন, আমি বলেছি।
“এই বিষয়টা এখন আমার কাছে মনে হচ্ছে তারা ইচ্ছা করে স্লো করছে। এটা আমার কাছে মনে হয়েছে। আমি আশা করব যে এতদিন পরে ভোট, জনগণ তাদের ভোটটা যাতে প্রয়োগ করতে পারে, এটাই মনে করি।”
এ আসনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াত আমির শফিকুর রহমান। তিনি ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি জোট থেকে প্রার্থী হয়ে পরাজিত হন।
জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বিএনপি প্রার্থী বলেন, “ভোটের রেজাল্ট এখনো হয়নি, তবে আমি আগেও বলেছি এখনও বলছি, ঢাকা-১৫ আসনের মানুষ তাদের স্থানীয় প্রতিনিধিকে বেছে নেবেন।
“আমি সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা থেকে আসিনি, আমার জন্ম এখানে, আমি বড় হয়েছি এখানে।
“তাই ঢাকা-১৫ আসনের ভোটাররা ধানের শীষকে বিপুল ভোটে, ধানের শীষকে বিজয়ী করবে।”
শেষতক ভোট সুষ্ঠু হবে কিনা এমন প্রশ্নের জবাবে মিল্টন বলেন, “আমি একজন প্রার্থী হিসেবে আমি কামনা করি যে ভোট সুষ্ঠুভাবে হোক।”
12 Feb 2026, 03:21 PM
‘১ সেকেন্ডে’ গণভোট

গণভোটের ব্যালটে দেওয়া প্রশ্নপত্র না পড়েই ‘১ সেকেন্ডে’ গণভোটে ‘হ্যাঁ’ কিংবা ‘না’ তে সিল মারার কথা বলেছেন অনেক ভোটার।
গণভোট দিতে কত সময় লেগেছে এবং জেনে-বুঝে দিয়েছেন কিনা, সেই প্রশ্নে ঢাকার শাজাহানপুরের ভোটার সুভা সিদ্দিকী বলেন, "গণভোট দিতে ১ সেকেন্ড লেগেছে। এত কিছু পড়ার দরকার কী, মা যেখানে দিতে বলছে দিয়েছি।"
২২ বছরের এ শিক্ষার্থী ভোট দেন মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে।
একই কেন্দ্রে ভোট দিতে আসা আরেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হ্যাপি আক্তার বলেন, "গণভোট দিয়েছি এটাই, ভোট দিতে তো এক সেকেন্ডও লাগেনি; পড়ে দিতে হবে কেন; বুঝেই দিয়েছি।"
৬০ বছর বয়সী সামসুল আলম শাজাহানপুর হাই স্কুল কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পড়া লেখা জানলে তো! ছেলে কইছে যেখানে, সেখানে দিছি। হ্যাঁ-না বুঝি না। দিছি এক জায়গায়। দুইটা ভোট দিতে এক মিনিটও লাগে নাই।"
মো. কবির হোসেন নামের এক ভোটার বলেন বলেন, "এক মিনিটও সময় লাগছে না, বোঝেন না!”
রেলওয়ে স্কুলে ভোট দিতে আসা ৫৫ বছর বয়সী খলিল মিয়া বলেন, "গণভোট দিছি ১ মিনিটে।”
৪৪ বছর বয়সী বাবুর্চি মো. বাবুল মিয়া বলেন, "এক মিনিটে দুইটা দিছি, ভোট কই দিমু হেইডা তো আগেই জানি।“
12 Feb 2026, 03:19 PM
ভোট দেওয়ার ধাপগুলো
12 Feb 2026, 03:17 PM
ভোট হয়ে গেছে, হয়নি!

‘ভোট হয়ে গেছে, হয়নি’- এই বিতর্কের জেরে প্রায় ২৪ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল ঢাকার একটি কেন্দ্রে।
বনানী মডেল স্কুল কেন্দ্রে বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে ভোট দিতে গিয়ে এমন বিপত্তির মুখোমুখি হন কড়াইল বস্তির আকলিমা। অবশ্য শেষ পর্যন্ত তাকে ভোটের সুযোগ দেওয়া হয়।
বনানী মডেল স্কুলের বাইরে এসে আকলিমা বলতে থাকেন, ভেতর থেকে তাকে বলা হয়েছে তার ভোট হয়ে গেছে। তার এই কথা শুনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছুটে আসেন এবং তাকে নিয়ে কেন্দ্রের এক নম্বর বুথে যান। তারা দেখেন, পোলিং এজেন্টের কাছে থাকা ভোটার তালিকায় তার নামের পাশে কাটা চিহ্ন রয়েছে।
এ নিয়ে বুথের ভেতর বেশ হৈ চৈ হয়। তখন ছুটে আসেন প্রিজাইডিং অফিসার ইমরোজ আহসান।
এ নিয়ে বিতর্ক চলে, বন্ধ থাকে ভোটগ্রহণ।
ভোটার আকলিমা সবার সামনে বলতে থাকেন, প্রথম যে পোলিং অফিসারের কাছে এসেছিলেন তিনি বলে দিয়েছেন তার ভোট হয়ে গেছে।
পরে পাশের পোলিং অফিসারকে (যিনি হাতে অমোচনীয় কালি দেন) জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এই ভোটার তার কাছে আসেননি। যিনি ব্যালট পেপার দেন তিনিও একই কথা বলেন।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রশ্ন রাখেন, আকলিমা নামের ভোট কি দুইবার হয়ে গেল?
প্রিজাইডিং অফিসার দাবি করেন, আকলিমা ব্যালট পেপারই নেননি।
এক পর্যায়ে সেখানে থাকা ম্যাজিস্ট্রট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রিজাইডিং অফিসারকে সমাধান দেওয়ার জন্য বলেন।
প্রায় ২৪ মিনিট পর বেলা পৌনে ২টার দিকে প্রিজাইডিং অফিসার আকলিমাকে ভোট দেওয়ার সুযোগ দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
12 Feb 2026, 03:15 PM
দুই ব্যালটের গল্প
12 Feb 2026, 03:15 PM
রিটার্নিং কর্মকর্তার কাছে কত পোস্টাল ব্যালট পৌঁছল
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে দেশে ও দেশের বাইরে থেকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আসা ১০ লাখ ৬২ হাজার ১৭৭ জনের পোস্টাল ভোট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় ইসির আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।
প্রবাসীদের জন্য ৭ লাখ ৬৭ হাজার ১৮৮ টি ব্যালট পাঠানো হয়; এর মধ্যে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ভোট দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে ৪ লাখ ৭০ হাজার ৭০১ জন।
এদিকে দেশের ভেতরে বিভিন্ন স্থানে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জনের কাছে ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ভোট দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে ৫ লাখ ৯১ হাজার ৪৭৬ জনের।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত; পোস্টাল ব্যালট পৌঁছানোর সময় বাকি রয়েছে আর দেড় ঘণ্টা।
12 Feb 2026, 03:07 PM
‘ভোট শেষে কয়, তোমাগোরে চিনি না’
12 Feb 2026, 03:07 PM
ভোটের আইনশৃঙ্খলায় কেন্দ্রীয় সমন্বয় সেল
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের রয়েছে ‘কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল’।
নির্বাচন কমিশন ভবনের ৪১৭ নম্বর কক্ষে এ সেলের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নির্বাচন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে তথ্য আদান-প্রদান, অভিযোগ গ্রহণ এবং জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য সেলটিতে পাঁচটি টেলিফোন নম্বর চালু করা হয়েছে।
নম্বরগুলো হলো-০২-৫৫০০৭৪৭০, ০২-৫৫০০৭৪৭১, ০২-৫৫০০৭৪৭২, ০২-৫৫০০৭৪৭৪ এবং ০২-৫৫০০৭৫০৬।
ইসি কর্মকর্তারা জানান, নির্বাচন চলাকালে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এ সেলটি নিরবচ্ছিন্নভাবে কাজ করবে।
নির্বাচনকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও রয়েছে আইনশৃঙ্খলা সমন্বয় সেল। এ সেলের সঙ্গে যোগাযোগ করে জানানো যাবে আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো অভিযোগ।
যোগাযোগের নম্বরগুলো হল: ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২, ০২-৪৭১১৮৭০৩ এবং মোবাইল নম্বর: ০১৫৫০-০৬৪২২৬ (হোয়াটসঅ্যাপ) ও ০১৫৫০-০৬৪২২৭।
12 Feb 2026, 03:06 PM
রাজপথে তরুণদের রক্ত, ব্যালটের লড়াইয়ে পুরনো শক্তি
12 Feb 2026, 03:05 PM
নির্বাচন: জেনিভা ক্যাম্পের উর্দুভাষীদের চাওয়া কী?
12 Feb 2026, 03:05 PM
হটলাইন ৩৩৩
ভোট উপলক্ষে নাগরিকদের জন্য সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করতে এটুআইয়ের ন্যাশনাল হেল্পলাইন ৩৩৩-এর মাধ্যমে চালু রয়েছে বিশেষ তথ্যসেবা।
দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে টোল ফ্রি নম্বর ৩৩৩-তে কল করে ৯ প্রেসের মাধ্যমে নাগরিকরা সহজেই নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন।
এ সেবার আওতায় ভোটাররা ভোটদানের নিয়ম ও পদ্ধতি, ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য, নির্বাচনকালীন আচরণবিধি, প্রবাসী ভোটারদের ভোটদানের নিয়ম, প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধার পাশাপাশি জরুরি নির্দেশনা ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বর সম্পর্কে জানতে পারবেন।
দেশের যেকোনো নির্বাচনী এলাকার নির্বাচন বিষয়ক যেকোনো জরুরি বার্তা, অভিযোগ, সতর্কবার্তা কিংবা পরামর্শ থাকলে ‘নির্বাচন বন্ধু’ হটলাইন ৩৩৩ নম্বরে কল করলে জরুরি পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করা হবে।
আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
12 Feb 2026, 03:04 PM
ধানের শীষের বিজয় ‘সুনিশ্চিত’: বিএনপি
দেশে ‘অবাধ ও সুষ্ঠু’ ভোট হচ্ছে এবং নির্বাচনে ধানের শীষের বিজয় ‘সুনিশ্চিত’ বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় গুলশান ২ এ নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, "জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ধানের শীষের বিজয়, অর্থাৎ বিএনপির বিজয় সুনিশ্চিত।
“এই নির্বাচনে দীর্ঘদিন পর যেহেতু গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হতে চলেছে, একে কেন্দ্র করে রয়েছে অনেক আবেগ, আকাঙ্ক্ষা এবং অনুভূতি।"

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন প্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে নানা অভিযোগও তুলে ধরেন।
তিনি বলেন, “পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ রাজনৈতিক দল গতকাল রাত থেকে অনেক জায়গায় অনাকাঙ্ক্ষিত ও সহিংস বেশ কিছু ঘটনার জন্ম দিয়েছে, যা সচেতন জনগণ মিডিয়ার গোচরে এনেছেন এবং প্রতিহত করেছেন।
“সংগঠিত ঘটনাগুলো নির্বাচনি আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।”
তিনি বলেন, “বিএনপির অবশ্যম্ভাবী বিজয়কে আঁচ করতে পেরে তাদের এই অপপ্রয়াস সফল হবে না, তার প্রমাণ হিসেবেই দেডশজুড়ে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করছেন।
“আমরা আশা করি, জনগণ দীর্ঘদিন পরে ফিরে পাওয়া ভোটাধিকারের সর্বোত্তম ব্যবহার করবে।”
12 Feb 2026, 03:00 PM
বস্তিবাসীর ভোট
“আমাদের সুবিধা না থাকলেও ভোট তো আছে, তাই ভোট দিতে আসছি।"
ভোট দেওয়া শেষে এমন আক্ষেপের কথা বললেন কড়াইল বস্তির বাসিন্দা, ষাটোর্ধ্ব আমিনা বেগম।
চার দশক ধরে বস্তিজীবনের অনিশ্চয়তা সঙ্গী করেই আগুনের ভয় থেকে মুক্তি আর শান্তির ক্ষীণ আশা নিয়ে পরিবারসহ ভোট দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিটিসিএল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেন আমিনা।

কথায় কথায় আমিনা জানালেন, ৪০ বছর ধরে তারা কড়াইলে থাকেন। এর মধ্যে তিনবার ভোট দিয়েছেন। এবারের ভোটের পরিবেশ ‘ভালো’ বলেই মনে হয়েছে তার।
ভোটকেন্দ্র থেকে বেরিয়ে আমিনা বলেন, “আমার পরিবারের ১০টা ভোট, সবই দিলাম। যদি এবার শান্তি মিলে।”
দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে এই নারী বলেন, “ভোট চাইতে গিয়া সবাই কইছে বিল্ডিং কইরা দিব, একটা কইরা ঘর দিব। আমাদের কিছু না দিক, শুধু যা আছে তা নিয়াই থাকতে দিক, আগুন না দিক। এই আগুনের ভয় থেকে বাঁচতে চাই।”
গণভোট বিষয়ে প্রশ্ন করলে আমিনা বেগমের সরল স্বীকারোক্তি, “বুঝি নাই তো, বলছে এটাতে ভোট দিলে ভালো হইব, আমাগো শান্তি আইব, তাই দিছি।”
মোসাম্মৎ বকুল একসময় কড়াইলে থাকতেন, এখন থাকেন মিরপুরে। ক্রাচে ভর দিয়ে বনানী মডেল স্কুল কেন্দ্রে হাজির হয়েছেন তিনি।
শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও ভোট দিতে পারার আনন্দ ছিল বকুলের চোখেমুখে। তিনি বললেন, “আমি প্রতিবন্ধী, ৩০০ টাকা খরচ করে সিএনজি দিয়ে ভোট দিতে আসছি। এত বছর ভোট দেইনি। এবার দিতে পারব তাই এসেছি। নিজের টাকা খরচ করে আসছি, আবার যাব। দেশের নাগরিক হিসেবে আমার এইটা দায়িত্ব।”
তবে কোনো প্রত্যাশা নেই জানিয়ে তিনি বলেন, "আমাদের কপালের কোনো পরিবর্তন হবে না। আশাও করি না।"

১৭ বছর পর ভোট দিতে পেরে আবেগাপ্লুত কড়াইলের বাসিন্দা আকলিমা। মেয়েকে সঙ্গে নিয়ে কেন্দ্রে এসেছিলেন তিনি।
“১৭ বছর ধরে ভোট দিতে পারি নাই, ভোটকেন্দ্রে আসার পর শুনেছি ভোট হয়ে গেছে। এবার সুন্দর, শান্তিতে নিজের ভোটটা নিজে দিতে পারছি। দেখি এবার সরকার গরিবের পাশে থাকে কি না।”
আকলিমা বলেন, “আমরা বেশি কিছু চাই না, শুধু শান্তিমত থাকতে পারি। পানি-গ্যাস সুবিধাটা যেন আমাদের দেওয়া হয়।”
দুই শিশু সন্তানকে নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন মুন্নী। পাঁচ মাস ও দুই বছর বয়সী সন্তানকে কোলে নিয়ে অপেক্ষার কষ্টের কথা জানিয়ে তিনি বলেন, “দুধের বাচ্চা নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। বাড়িতে কেউ নেই রেখে আসব। কষ্ট হলেও ভোট দিতে আসলাম। কড়াইলে থাকি তো আমরা, যদি এবার উন্নয়ন আমাদের বস্তিতে পৌঁছায় সে আশায়।”
গণভোট নিয়ে মুন্নী বলেন, "‘হ্যাঁ’, ‘না’ ছিল, দেশের উন্নয়নের জন্য এই কাগজ। এটাতেও ভোট দিয়েছি।"
টি অ্যান্ড টি বালক উচ্চবিদ্যালয়ে ভোট দিতে এসেছেন রিকশাচালক আবদুল মালেক। তিনি বলেন, “ভোট দেই, কিন্তু আমাদের সমস্যা তো আগের মতই থাকে। এবার যেন কিছু পরিবর্তন হয়।”

12 Feb 2026, 02:55 PM
চার জেলার কেন্দ্রে ৪ মৃত্যু
ভোটকেন্দ্রে গিয়ে চট্টগ্রাম, খুলনা, মানিকগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় চারজনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে অসুস্থবোধ করার পর। অপরজনকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে।
ব্রাহ্মণবাড়িয়া: সরাইল উপজেলায় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে এক পোলিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।
মুজাহিদুল ইসলাম (৪৮) বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে (ভোটকেন্দ্র নং -৫১) দায়িত্ব পালন করছিলেন। সকাল ৯টার দিকে হঠাৎ করেই তিনি অসুস্থবোধ করেন। সহকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, ‘মস্তিষ্কের রক্তক্ষরণে’ মুজাহিদুল মারা গেছেন বলে চিকিৎসক ধারণা করছেন।
খুলনা: খুলনায় ভোটকেন্দ্রের বাইরে জামায়াতকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডার মধ্যে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
বিএনপি বলছে, এক জামায়াত নেতা ‘ধাক্কা দেওয়ায়’ গাছের সঙ্গে লেগে আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়। তবে জামায়াত নেতারা বলছেন, উত্তেজনার মধ্যে ‘অসুস্থ’ হয়ে পড়েছিলেন তিনি।
মহিবুজ্জামান কচি নামের ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি খুলনা নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। নগরের হাজী মহসিন রোড বাই লেনে তার বাড়ি।
বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
ওই কেন্দ্রে দায়িত্বরত সদর থানা এসআই খান ফয়সাল রাফি বলেন, “সকালে আলিয়া মাদ্রাসার কেন্দ্রের অদূরে সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হলে আমরা ঘটনাস্থলে যাই এবং দুই পক্ষকে সরিয়ে দেই।
“তখন একজনকে অটোরিকশায় করে বাইরে নিয়ে যেতে দেখা যায়। এখানে ধাক্কাধাক্কি বা হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি।”

মানিকগঞ্জ: মানিকগঞ্জ-১ আসনের মহাদেবপুরে ভোট দিতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে তার মৃত্যু হয় বলে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফয়সাল আহমেদ জানিয়েছেন।
মৃত ৬৫ বছর বয়সী বাবু মিয়া মহাদেবপুর ইউনিয়ন পরিষদের মহাদেবপুর গ্রামের বাসিন্দা; তার বাবার নাম হামেদ মিয়া।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাবু মিয়া কেন্দ্রের সামনে থেকে ভোটার স্লিপ (টোকেন) নিয়ে ভেতরে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
বাবু মিয়ার ছেলে রাজু মিয়া বলেন, “বাবা ভোট দিতে গিয়ে স্ট্রোক করে মারা যান।”
চট্টগ্রাম: নগরীতে ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক ভোটারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টা ৩৫ মিনিটে চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম মো. মনু মিয়া (৬২)। তিনি একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
তার দুই ছেলে ও দুই মেয়ে। নগরের ব্যাটারিগলির মধুবন গলিতে তার বাড়ি।
মনু মিয়ার বড় ছেলে শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ভোট দিতে বাবা কাজীর দেউরি বালক স্কুলে যান। তিনি ভোট দেওয়ার জন্য ভোটারের লাইনেও দাঁড়ান।
কিন্তু ভোট কক্ষে প্রবেশের আগে তিনি দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যান। তাকে দ্রুত বেসরকারি ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাকিল বলেন, চিকিৎসকেরা বলেছেন হৃদরোগে বাবার মৃত্যু হয়েছে।
12 Feb 2026, 02:55 PM
কেমন ভোট হচ্ছে, ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোট দেওয়ার পর রাজধানীর কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার সকালেই গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন তিনি। এরপর রাজধানীর বাড্ডা হাই স্কুল কেন্দ্র এবং মিরপুরের এসওএস হারম্যান মেইনার কলেজ ভোটকেন্দ্রে গিয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন।
এ সময় তিনি ভোটার ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন।
পরে প্রধান উপদেষ্টা পুলিশ সদর দপ্তরে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারাদেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম এ সময় তার সঙ্গে ছিলেন।
পরে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় অস্থায়ী পর্যবেক্ষণ কক্ষ থেকে সারাদেশের ভোটদানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
12 Feb 2026, 02:18 PM
প্রতিবন্ধীদের জন্য ভোটের পরিবেশ কেমন?
রাজধানীর টিকাটুলীর কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে হুইলচেয়ারে করে এলেন মুশফিকুজ্জামান, কেন্দ্রের সামনে সিঁড়ির কারণে পারছিলেন না উপরে উঠতে।
কয়েকজন ধরে তাকে তুলে দিলেও পড়লেন আরও বিড়ম্বনায়। ধরাধরি করে সিঁড়ি পার হওয়ার পর শুনলেন ভোট দিতে হবে দ্বিতীয় তলায়। তার এ অবস্থা দেখে এগিয়ে এলেন ছোটপর্দার অভিনেতা লিপু মামা। তিনি কেন্দ্রের পোলিং এজেন্টকে ডেকে মুশফিকুজ্জামানের ভোট দেওয়ার ব্যবস্থা করলেন।

লিপু মামা বলেন, “কেন্দ্রের বাইরের গেইটে দেখি হুইল চেয়ারে বসে আছে। পড়ে তাকে এখানে নিয়ে আসি। তাকে দোতলায় গিয়ে ভোট দিতে হবে। পোলিং এজেন্টকে বিষয়টি জানাই। পরে তিনি ব্যবস্থা করেছেন।”
৩৩ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সেলিম আল মামুন বলেন, “আসলে যারা প্রতিবন্ধী তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হলে ভালো হত। তবে এরকম যারা আসবেন তাদের নিজস্ব ব্যবস্থায় ভোট দেওয়ার ব্যবস্থা করছি।”
কয়েকজন আনসার সদস্য মুশফিকুজ্জামানকে দোতলায় নিয়ে যান। সেখানেই তিনি ভোট দেন। প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মুশফিকুজ্জামান।
তবে ভোট দিতে ভোগান্তির কথা তুলে ধরে তিনি বলেন, “আমি মর্মাহত। আমাদের মত যারা তাদের জন্য আলাদা ব্যবস্থা করার দরকার ছিল।”
নতুন সরকার এলে প্রতিবন্ধীদের জন্য যেন কর্মসংস্থান ও ভাতার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
একই কেন্দ্রে বৃহস্পতিবার স্ক্র্যাচে ভর করে আব্দুল কাদের রিপন, দৃষ্টিপ্রতিবন্ধী হাজেরা বেগমরাও ভোট দেন।
12 Feb 2026, 02:15 PM
ভোট দিয়ে তামিম বললেন ‘এক্সাইটেড’
প্রথমবারের মত সংসদ নির্বাচনে ভোট দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
বৃহস্পতিবার বেলা ১১টার পর চট্টগ্রামের আসকার দিঘীর পাড়ে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভোট দিয়ে তিনি বলেন, “জীবনে প্রথম ভোট ভাই, এক্সাইটেড।”
এ কেন্দ্রের অদূরে কাজীর দেউড়িতে ইকবাল পরিবারের স্থায়ী নিবাস। তামিম ইকবালের সঙ্গে ভোট দিতে আসেন সাবেক ক্রিকেটার তামিমের বড় ভাই নাফিস ইকবাল।

তামিম বলেন, এবারের নির্বাচনে তার পরিবারের সবাই ভোট দিয়েছেন।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে ৪ লাখ ১৬ হাজার ৪৬৩ জন ভোটার ১২১টি কেন্দ্রে ভোট দিচ্ছে।
12 Feb 2026, 02:14 PM
গণভোট: কারও ধারণা ‘মোটামুটি’, কেউ কেউ জানেনই না
ঢাকার তেজগাঁওয়ের আদর্শ স্কুল অ্যান্ড কলেজে ভোট দিতে এসেছিলেন কুনিপাড়ার বাসিন্দা আফসানা আক্তার। গণভোট সম্পর্কে ধারণা আছে কি না জানতে চাইলে এই ভোটার উত্তর দিলেন এক শব্দে, “মোটামুটি।”
আফসানার মোটামুটি ধারণা থাকলেও গণভোট দিতে আসা অনেকেরই গণভোট কী, কেন এই ভোট, সে সম্পর্কে ধারণাই নেই।
বেগুনবাড়ি এলাকার বাসিন্দা মিতু আক্তারও এসেছিলেন একই কেন্দ্রে ভোট দিতে। গণভোট নিয়ে ধারণা আছে কি না জানতে চাইলে, তিনি করলেন পাল্টা প্রশ্ন। বললেন, “গণভোট কিতা?”
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে দেশে চতুর্থবারের মতো গণভোট অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকার অন্তত তিনটি কেন্দ্র ঘুরে এবং কয়েকটি কেন্দ্রের তথ্য নিয়ে দেখা গেছে, অধিকাংশ ভোটারদের গণভোট নিয়ে ধারণা নেই। যাদের ধারণা আছে, তারাও পুরোপুরি অবগত নন।

বনানী আদর্শ বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসা শরিফুল ইসলামের কাছেও প্রশ্ন ছিল গণভোট নিয়ে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ভাই টু বি অনেস্ট, গণভোট নিয়ে খুব-একটা জানি না। তবে, ভোট দিয়ে এসেছি।”
এই কেন্দ্রের আরেক ভোটার সাইফুল আলমও বললেন একই কথা। তিনি বলেন, “গণভোট নিয়ে ধারণা কম। তবু ভোট দিলাম। দল থেকে যেভাবে দিতে বলেছে, সেভাবেই দিলাম।”
এই কেন্দ্রের আরেক ভোটার হাসিব রাইয়ান বলেন, “গণভোট নিয়ে বিস্তারিত পড়া হয়নি। ব্যালটে যা লেখা থাকবে, ওইটুকু মোটামুটি জানি। সেভাবেই ভোট দিলাম।”
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসা নাছির নামের একজন বলেন, “সংস্কার চাইলে গণভোটে হ্যাঁ দেওয়া উচিত।” পাশে থাকা বোন তানিশাও তাতে সায় দিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা কেন্দ্রে ভোট দেওয়া আবদুল কাদের বেপারীও বলছিলেন গণভোট কী, তা তিনি জানেন না।
৮৬ বছর বয়সী এই ভোটার বলেন, “এইডা কিতা, এতো তো জানি না।”
একই কেন্দ্রের আরেক ভোটার আলিম মিয়া বললেন, “ভোট দিতে এসেছি। তবে গণভোটে চারটা প্রশ্ন একসাথে দেওয়াটা জটিল। আলাদা হলে ভালো লাগতো। তবে একটু বেশি টাইম লাগলো। পড়লাম তারপর দিলাম “
কার্জন হল কেন্দ্রে ভোট দিতে আসা আদিত্য কুমারের অবশ্য গণভোট নিয়ে ধোঁয়াশা নেই।
তিনি বললেন, “গণভোট নিয়ে এত দিন দেখেছি নানা বিতর্ক। একটা অভিজ্ঞতা হয়েছে। আর নাগরিক হিসেবে কর্তব্য রাষ্ট্র সংস্কারে অংশ নেওয়া। তাই, বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে এসেছি। জাস্ট ভোটটা দিলাম মাত্র।”
একই কেন্দ্রে ভোট দেওয়া লাবণ্য চৌধুরীও এ বিষয়ে সচেতন।
তিনি বলছিলেন, “গণভোট বিষয়টি বেশ সেন্সিটিভ। পড়লাম, দেখলাম। সবকিছু বিবেচনা করে ভোট দিয়েছি। দেশের ভাগ্য নির্ধারণে এ গণভোটেই তো প্রভাব ফেলবে।”
এর আগে ১৯৭৭, ১৯৮৫ ও ১৯৯১ সালে গণভোট দিয়েছে দেশের মানুষ।
জনগণের মতামত গ্রহণের জন্য এবারের গণভোটের ব্যালট পেপারে ‘জুলাই জাতীয় সনদ’ অনুযায়ী সংবিধান সংস্কারের গুরুত্বপূর্ণ চারটি প্রস্তাব রাখা হয়েছে।
এসব প্রশ্নের বিপরীতে ভোটারদের ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিতে হচ্ছে। ভোটের আগে সরকারের তরফে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ব্যাপক প্রচার চালানো হয়েছিল।
12 Feb 2026, 02:12 PM
ভোটে ‘ইতিবাচক অংশগ্রহণ’ দেখছে ইইউ পর্যবেক্ষক মিশন
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে নাগরিকদের ‘অংশগ্রহণের আগ্রহকে ইতিবাচক’ বলছে ‘ইউরোপিয়ান ইউনিয়ন ইলেক অবজারভেশন মিশন’।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ভোটের চিত্র নিয়ে এ পর্যবেক্ষণ তুলে ধরেছেন মিশন প্রধান আইভার্স আইজাবস।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্র পরিদর্শন করে তিনি বলেন, “আমরা ভোট পর্যবেক্ষণ করছি। এ ব্যাপারে আমরা ১৪ ফেব্রুয়ারি একটি প্রাথমিক প্রতিবেদন দেব।”

সারা দেশে ইউ মিশনের পর্যবেক্ষকদের কাছ থেকে তথ্য পাওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “বিশ্বাসযোগ্য পর্যবেক্ষণ প্রতিবেদন তৈরির জন্য ইতোমধ্যে আমরা তথ্য গোছানোর কাজ করছি।
“দুপুর পর্যন্ত ভোটে বাংলাদেশের জনগণের অংশগ্রহণের আগ্রহ ইতিবাচক দেখতে পাচ্ছি।”
ইইউ পর্যবেক্ষক মিশন পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে রয়েছে মন্তব্য করে তিনি বলেন, কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় তারা যুক্ত হননি।
12 Feb 2026, 01:56 PM
হাস্যোজ্জ্বল তারেক পরিবার
নিজেদের বাড়ির অদূরে গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট দিয়েছে তারেক রহমান পরিবার। পরে তারা হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গুলশান অ্যাভেনিউয়ের বাড়ি থেকে কেন্দ্রে আসেন সকাল ৯টা ৩৪ মিনিটে। সাদা মার্সিডিজ গাড়িতে কেন্দ্রে পৌঁছান তিনি। পেছনের আরেকটি গাড়িতে ছিলেন তার সহধর্মিণী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন তারা প্রায় ২১ মিনিট অবস্থান করেন। এর মধ্যে ভোট দেন তারা।
এরপর বিএনপি নেতা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পরে সেখানে থেকে ১০টা ২০ মিনিটে বাড়িতে ফিরে যান তিনি।
নিরাপত্তা কর্মীরা জানান, তারেক রহমান পরিবারের যে ছবিটি ফেইসবুকে ঘুরছে, সেটি বাড়ির প্রাঙ্গণে তোলা।
এই ছবি পোস্ট করে জাইমা ফেইসবুকে লিখেছেন, “ভোট দিয়েছি!”
12 Feb 2026, 01:42 PM
বিএনপিকে ৯০ মিনিট মাঠে থাকার আহ্বান পাটওয়ারীর
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, তার প্রতিদ্বন্দ্বী ‘ক্ষমতা দেখিয়ে’ তিন ঘণ্টা তার পোলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয়নি।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মির্জা আব্বাসের উদ্দেশে তিনি বলেছেন, “শাপলা কলিতে বেশি সিল পড়ার কারণে অনেকে ভয় পাচ্ছে। এজন্য ভোট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে।
“আমরা তাদের বলব, খেলার মাঠে থাকুন, ভয় পাবেন না। ৯০ মিনিট খেলায় থাকুন। টেস্ট ম্যাচ খেলতে নামছি, খেলায় থাকবেন খেলা থেকে উঠবেন না। ভয় পাবেন না, মাথায় হাত দিবেন না, খেলাতে যেহেতু নামছেন, খেলে তারপরে উঠবেন। এই খেলা শাপলা কলির জয় হবে।"
বৃহস্পতিবার দুপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা বলেন ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী পাটওয়ারী।
তিনি বলেন, "সকাল থেকে অনেক কেন্দ্রে গিয়েছি। অনেক জায়গায় সুষ্ঠ ভোট হচ্ছে। কিন্তু মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে আমাদের এজেন্টকে এক ঘণ্টা দেরি করে ঢুকতে দেওয়া হয়েছে। এবং তাকে তিন ঘণ্টা কাজ করতে দেওয়া হয়নি। ওই তিন ঘণ্টা এই কেন্দ্রের ভেতরে কী হয়েছে সেটা আমরা জানতে চাই।”

সেজন্য সিসিটিভি ভিডিও দেখার দাবি তুলে এনসিপির প্রার্থী বলেন, “আমি এজেন্টের সাথে কথা বলেছি। উনি যেটা জানিয়েছেন আমাকে, উনাকে প্রশাসনের লোক চেকিং করে নাই। চেকিং করেছে দলীয় গুণ্ডা সন্ত্রাসীরা। মির্জা আব্বাসের লোক।
“তাহলে মির্জা আব্বাস মহিলা কলেজে এই যে এজেন্টকে এই ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হল, এটা বাংলাদেশের আসলে গণতন্ত্র না।"
পাটওয়ারী বলেন, "বিএনপির একজন স্ট্যান্ডিং কমিটির সদস্য হয়ে তার এলাকায় তার নামে কলেজ, যেখানে গণতন্ত্রকে হত্যা করার প্রচেষ্টা চালানো হচ্ছে। এই ধরনের কাজগুলো অগ্রহণযোগ্য।"
এনসিপির এই নেতা বলেন, "আমরা শুনতে পাচ্ছি। লাঙ্গল আর ধান মিলেমিশে একাকার হয়ে গেছে। লাঙ্গল এখন ধানের এর পক্ষে কাজ করে। লাঙ্গনের পিছনে আছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের পিছনে আছে ভারত।
“লাঙ্গল, তারপর আওয়ামী লীগ ধান মিলেমিশে একাকার। মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। জেনজি যারা, শাপলা কলিতে ধুমাইয়া ভোট পড়ছে, যারা শাপলাকলিতে ধুমাইয়া হলেও সিল দিতেছে। অনেকেই বলতেছে ভাই স্লিপ নিয়ে আসছি। অন্তরে শাপলাকলি, ভিতরে যাইয়া শাপলাকলিতে সিল দিয়ে আসছি।”
এনসিপি নেতা বলেন, " শাপলাকলির ভূমিধস বিজয় হবে, তবে এই বিজয় নাসীরউদ্দীন পাটওয়ারীর না, এই বিজয় শহীদ ওসমান হাদি ভাইয়ের। সকলে আমাকে বলছেন যে আমরা আপনাকে ভোট দিচ্ছি না, আমরা এই ভোটটা শহীদ ওসমান হাদি ভাইকে, তার ভোটটা আপনাকে দিচ্ছি।"
অনেক জায়গায় ১১ দলীয় জোটের কর্মীদের ওপর ‘হামলা হচ্ছে’ অভিযোগ করে পাটওয়ারী বলেন, “আমরা আমাদের নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছি, কেউ যদি হামলা করতে আসে, আপনারা প্রশাসনকে জানাবেন। আপনারা হামলা করতে যাবেন না, প্রশাসনের মাধ্যমে আমরা সবকিছু দেখব।
“গতকাল সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রে আমাদের ১৩ জনকে আহত করেছে। আমরা পিছনে ব্যাক করেছি। আজকে প্রশাসনের সামনে, প্রশাসনের চোখের সামনে, আর্মির সামনে যদি কাউকে আঘাত করা হয়, আমরা পাল্টা আঘাত করব। এটা আমরা তাদেরকে ওয়ার্ন করে দিচ্ছি।”
12 Feb 2026, 01:39 PM
সারা দেশে শান্তিপূর্ণ ভোট হচ্ছে: সেনাপ্রধান
12 Feb 2026, 01:28 PM
প্রায় ৩৩ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮%
প্রথম সাড়ে চার ঘণ্টায় ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের ভোটগ্রহণের হার জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, “এবারের নির্বাচনে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে এখন পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের ভোট প্রদানের তথ্য আমরা পেয়েছি। সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ তথ্য সংগ্রহ করা হয়েছে।”
বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়নি বলে জানান আখতার আহমেদ।
এ ভোট গ্রহণে ইসি সন্তুষ্ট কি না, জানতে চাইলে সংস্থার সচিব আখতার বলেন, “সন্তুষ্ট কি না এটার তো জবাব আপনারা দেবেন মাননীয় ভোটারদেরকে নিয়ে, তারা সন্তুষ্ট কি না? আমরা তো চাইবোই যে টার্নআউট বেশি হোক। আপনারাই বলেন যে এটাতে আমাদের সন্তুষ্ট হওয়া উচিত কি না বা আপনারা সন্তুষ্ট কি না।"
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।
দেশের ২৯৯টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২ হাজার ২৮ জন প্রার্থী।

ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইসি সচিব আখতার বলেন, “আপনাদেরকে নিশ্চিত করছি যে, আমাদের যতগুলা ভোট কেন্দ্র আছে ৪২ হাজার ৫৬৫১টির সবকটাতেই ভোট গ্রহণ চালু আছে এবং স্তস্ফুর্ততা আপনারা দেখেছেন। সতস্ফুর্ততার জন্য আমি ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।”
একজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যুর তথ্য দিয়ে তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমাদের একজন সহকারী প্রিজাইডিং অফিসার ভোরবেলা ইন্তেকাল করেছেন। তিনি ময়মনসিংহ-১ আসনের একটা কেন্দ্রের দায়িত্বে ছিলেন, কিন্তু উনার রিপ্লেসমেন্টও দেওয়া হয়েছে।”
12 Feb 2026, 01:17 PM
ভাইকে সঙ্গে নিয়ে ভোট দিলেন ইশরাক
ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। এসময় সঙ্গে তার ছোট ভাই ইশফাক হোসেনকেও দেখা যায়।
বৃহস্পতিবার বেলা ১২টা ১৩ মিনিটের টিকাটুলীর কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেন তিনি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে ফলাফল মেনে নেওয়ার কথা জানিয়েছেন।
ভোট দিয়ে বের হয়ে ইশরাক হোসেন বলেন, “নির্বাচনের পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। ভোটার উপস্থিতি ভালোই।
“পুরান ঢাকার মানুষ একটু দেরি করে ঘুম থেকে উঠে তো। আরও ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছি।”

ভোটের মাঠের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “প্রথম দিকে গতকাল রাত থেকে জামায়াতের লোকেরা বিভিন্ন অনিয়ম, টাকার ছড়াছড়ি করেছে। তারা বুঝে গেছে- হেরে যাবে। এজন্য টাকা দিয়ে ভোট কিনতে নেমে গেছে।
“যেটি গত রাতে সূত্রাপুরের জামায়াতের নায়েবে আমির এবং এর আগে ঠাকুরগাঁওয়ের আমির প্রায় কোটি টাকা নিয়ে ধরা খেয়ে বুঝিয়ে দিয়েছে।”
ইশরাক হোসেন বলেন, “জনগণ আজকে ভোটের মাধ্যমে তাদের বুঝিয়ে দিবেন।”
জামায়াতের এত টাকার উৎস কী, এমন প্রশ্ন তুলে তিনি বলেন, “তারা ব্যাংক ডাকাতি করে এসব টাকা জমিয়েছেন?”
12 Feb 2026, 01:13 PM
ভোট দিয়ে যা বললেন রুমিন ফারহানা
12 Feb 2026, 01:12 PM
পাল্টা ‘গ্যাঞ্জামের’ হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর
12 Feb 2026, 01:09 PM
রিজভীর অবস্থা ‘একটু উন্নতির দিকে’
স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা ‘একটু উন্নতির দিকে’ বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তবে তাকে আরও কয়েকদিন পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

রিজভীর শারীরিক অবস্থা সম্পর্কে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, “উনার যে অক্সিজেন গ্রহণ করতে হত সেটা এখন কমে এসেছে। অর্থাৎ অক্সিজেনের চাহিদা কমে আসছে।
“উনার শ্বাসতন্ত্রের ইনফেকশন ধরা পড়েছিল সেটা গতকালের রিপোর্টে দেখা গেছে, কিছুটা উন্নতি হয়েছে।”
তবে রুহুল কবির রিজভীকে চিকিৎসকরা ‘পূর্ণ বিশ্রাম’ থাকার জন্য পরামর্শ দিয়েছে বলে রফিকুল ইসলাম জানিয়েছেন।
গত মঙ্গলবার শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে এ হাসপাতালে ভর্তি হন। বুধবার রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রিজভীকে দেখতে স্কয়ার হাসপাতালে যান।
স্কয়ার হাসপাতালের চিকিৎসক রায়হান রাব্বানীর তত্ত্বাবধায়নে চিকিৎসা চলছে রিজভীর।
রিজভীর একান্ত সহকারী আরিফুর রহমান তুষার বলেন, “ভাইকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। সকালের দিকে ঘুম থেকে উঠে জানতে চেয়েছেন নির্বাচন কেমন হচ্ছে? কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন?”
‘‘ভাবী (আরজুমান আরা আইভী) বিকালে আসবেন। ডাক্তাররা বলেছেন, ইনফেকশন ছড়াতে পারে সেজন্য ভিজিটর নো এলাউ। সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য।”
বিএনপি নেতার পরিবার তার আশু আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও তুষার জানিয়েছেন।
12 Feb 2026, 01:07 PM
কার ইশতেহারে কী
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে দেশ ও দেশের মানুষের জন্য কোন দল কী করবে, তার যে তালিকা জাতির সামনে তুলে ধরেছে বিএনপি ও জামায়াতে ইসলামী, সেখানে প্রতিশ্রুতির ফুলঝুরি আছে।
তাদের এই নির্বাচনি ইশতেহার নিয়ে বিশ্লেষকদের কাছ থেকে তিন ধরনের মত এসেছে, যার সারমর্ম হল–‘খুব একটা’ তফাৎ নেই দুই দলের প্রতিশ্রুতিতে।
বরং যেসব অগ্রাধিকার তাদের ইশতেহারে রয়েছে, সেগুলো কতদিনে বাস্তবায়ন করা হবে এবং তাতে কীভাবে ইতিবাচক পরিবর্তন আসবে, তা স্পষ্ট করা হয়নি বলে মনে করছেন তারা।

বিএনপি তাদের ইশতেহারে দেশের প্রতিটি পরিবারের নারী সদস্যের নামে 'ফ্যামিলি কার্ড', কৃষক কার্ড ও কৃষি বীমা, এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগের পরিকল্পনা, শিক্ষাক্ষেত্রে 'মিড ডে মিল' বা দুপুরের খাবার, বিনামূল্যে স্কুল ড্রেস এবং বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষার পাশাপাশি ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য ঘোষণা করেছে।
মোট ৫১টি বিষয়ে বিভিন্ন প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো পরিকল্পনাই বাস্তবায়ন করা যাবে না যদি না দুর্নীতি দমন, আইনের শাসন ও জবাবদিহিতায় সর্বোচ্চ অগ্রাধিকার না দেওয়া যায়।
এই ইশতেহারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টি, প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর, বিচার বিভাগের স্বাধীনতা, সংসদে উচ্চকক্ষ প্রবর্তন, উচ্চকক্ষে ১০ শতাংশ নারী, বিরোধীদলীয় ডেপুটি স্পিকার, ৭০ অনুচ্ছেদ সংশোধন, জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া, জুলাই হত্যার বিচার এবং গণঅভ্যুত্থানকারীদের আইনি সুরক্ষাসহ আরও অনেক বিষয়কে স্থান দিয়েছে বিএনপি।
পাঁচ লাখ সরকারি শূন্য পদে কর্মচারী নিয়োগ, বেসরকারি চাকরিজীবীদের জন্য বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন করা, পেনশন ফান্ড গঠন ও বেকারভাতা চালু, আইটি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির কথাও বলেছে বিএনপি।
আগামীতে রাষ্ট্রক্ষমতায় গেলে ২৬টি বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে জামায়াত। ইশতেহারে আলাদা করে ৪১ দফা প্রতিশ্রুতির কথাও তুলে ধরেছে দলটি।
জামায়াতের নির্বাচনি ইশতেহারের শাসনব্যবস্থার মৌলিক সংস্কারের অংশে বলা হয়েছে, “নারীদের মধ্য থেকে মন্ত্রিসভায় উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে।”
যদিও ত্রয়োদশ সংসদ নির্বাচনে একজন নারীকেও মনোনয়ন দেয়নি জামায়াত।
নারী, শিশু ও পরিবারের উন্নয়নে যে প্রতিশ্রুতি দিয়েছে দলটি, সেখানে পরিবার কাউন্সেলিং ও মোটিভেশন সেন্টার চালু করা, নিরাপদ বিদ্যালয় কর্মসূচি ও মানসিক স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অনুদান ও সেবার পরিসর বাড়ানোর কথা রয়েছে।
ইশতেহারে দলটি বলেছে, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। আর এর বিপরীতে দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গঠন করবে।
জামায়াতের ইশতেহারে বলা হয়, “সাত কোটি কর্মক্ষম যুবকের জন্য দুই ভাগে কর্মসংস্থান তৈরি করা হবে এবং সেটি দেশে ও দেশের বাইরে দুই জায়গাতেই করা হবে।”
জামায়াত জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছে। আর ২০৪০ সালের মধ্যে দেশের অর্থনীতিকে দুই ট্রিলিয়ন ডলারে উন্নীত করার কথা বলেছে, যা বাস্তবসম্মত নয় বলে বিশ্লেষকরা বলছেন।
বিশ্লেষক ফরহাদ হোসেন তালুকদার বলছেন, জামায়াতের এই অঙ্কের অর্থনীতি কীভাবে অর্জিত হবে তার ‘ক্যালকুলেশন’ দেয়নি।
তিনি বলেছেন, যদি সাধারণ হিসাব করা হয়, তাহলে প্রথম ৫ বছরে জিডিপি বেড়ে হবে ৬৮০ বিলিয়ন ডলার। পরের ৫ বছরে ৯৯৯ বিলিয়ন বা এক ট্রিলিয়ন ডলার ধরা যায়। শেষ ৫ বছরে হয় ১ হাজার ৫৩৮ বিলিয়ন ডলার। অর্থাৎ ২০৪০ সালে গিয়ে বাংলাদেশের অর্থনীতি দুই ট্রিলিয়ন নয়, বরং দেড় ট্রিলিয়ন ডলার হতে পারে।
পররাষ্ট্রনীতি নিয়ে জামায়াতের এক নম্বর অগ্রাধিকার হলো, বাংলাদেশের পাসপোর্টের মর্যাদা বাড়ানো। পাশাপাশি ভারত, ভুটান, নেপাল, মিয়ানমারসহ বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা।
গুণগত মানসম্পন্ন ও প্রযুক্তিনির্ভর বাহিনী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ইশতেহারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছে, ১৮ ঊর্ধ্ব তরুণদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের মাধ্যমে গণপ্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।
12 Feb 2026, 01:06 PM
পোস্টাল ব্যালট পৌঁছেছে সোয়া ১১ লাখ
প্রথমবারের মতো প্রবাসে ও দেশে আইটি সাপোর্টেড যে পোস্টাল ভোটিং চালু করা হয়েছে, তার সোয়া ১১ লাখ ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে।
ইসি কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত ১১ লাখ ২৫ হাজার ৩৮২টি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে। এর মধ্যে বিদেশ থেকে এসেছে ৪ লাখ ৮৮ হাজার ২৮১ ভোট। দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে ছয় লাখ ৩৭ হাজার ১০১ ব্যালট।
এবার প্রবাসে ও দেশের ভেতরে প্রায় ১৫ লাখ ২৮ হাজারের বেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে অনুমোদন পান।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন সেরেছেন।
নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকুরে এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাদের ব্যালট পেপার পৌঁছাবে, তাদের ব্যালট গোনা হবে।
12 Feb 2026, 12:49 PM
ইতিহাসের বাঁক বদল শুরু হয়েছে: সালাহউদ্দিন
12 Feb 2026, 12:48 PM
লাঠিতে ভর করে কেন্দ্রে ৯৫ বছরের সত্তার গাজী
বয়সের ভার উপেক্ষা করে সকালে ভোটকেন্দ্রে হাজির হন ঝালকাঠির নলছিটির ৯৫ বছর বয়সী আবদুল সত্তার গাজী। লাঠিতে ভর করে আসতে কষ্ট হলেও ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পরিবারের সদস্যদের সহায়তায় উপজেলার মালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে উপস্থিত হন তিনি।
ভোট দিয়ে বের হয়ে তিনি বলেন, “দীর্ঘদিন পরে এরকম নির্বাচন হয়েছে সেটাতে আমি অনেক খুশি। খুব সহজে আমি নিজের ভোটটা দিয়েছি।”

কেন্দ্রে থাকা স্থানীয় ভোটাররা জানান, লাঠিতে ভর করে তার মতো প্রবীণ মানুষ ভোট দিতে আসায় কেন্দ্র উৎসাহপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। অনেক তরুণ ভোটারও তার এই দায়িত্ববোধকে সাধুবাদ জানিয়েছেন।
প্রিজাইডিং কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সত্তার গাজীর মতো প্রবীণ ভোটারের উপস্থিতি প্রশংসনীয়। তার মতো প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ ভোটারদের ভোটদানে কেন্দ্রে বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে।
12 Feb 2026, 12:45 PM
ঢাকা-১১: এক কেন্দ্রে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩৪%
প্রথম চার ঘণ্টায় ঢাকা-১১ আসনের এ কে এম রহমতউল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট পড়েছে ৩৪ শতাংশ।
প্রিজাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবদুর রহমান বলেন, এখানে তিনটি পুরুষ ও তিনটি নারী ভোটকক্ষ রয়েছে। পুরুষ কেন্দ্রে ১৭৮৫ জন ভোটারের বিপরীতে ৬৪৮ জন ভোট দিয়েছেন। নারী কেন্দ্রে ১৬৬৪ জনের বিপরীতে ৫৩১ জন ভোট দিয়েছেন।
এ দুই কেন্দ্রের সামনে ছয়টি বুথেই বেশ লম্বা লাইন দেখা গেছে। আশপাশ থেকে মানুষজনকে ভোট দিতে আসতে দেখা গেছে।
12 Feb 2026, 12:41 PM
ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বারিধারা ডিওএইচএসের স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে সকাল ১০টায় ভোট দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ।
তিনি সাংবাদিকদের বলেন, “দু-একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।”

পরে উপদেষ্টা জাহাঙ্গীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় সেল এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করেন।
12 Feb 2026, 12:37 PM
পোলিং এজেন্টদের ‘বের করে দেওয়ার’ অভিযোগ তাসনিম জারার
কেন্দ্র থেকে নানা অজুহাতে পোলিং এজেন্টদের ‘বের করে দেওয়ার’ অভিযোগ তুলেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় ঢাকা-১১ আসনের খিলগাঁও তালতলা প্রাইম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তরুণ এই প্রার্থী।
জারা বলেন, “পোলিং এজেন্ট যারা আছে, তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে, ওনারা এখানকার ভোটার না। কিন্তু এমন কোনো নিয়ম নেই যে পোলিং এজেন্ট হতে হলে ওই আসনের ভোটার হতে হবে। পুরুষ কেন্দ্রে নারী এজেন্টের নিয়ম দেখিয়ে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
“বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। বলা হচ্ছে, ফোন নিয়ে ঢোকা যাবে না। অথচ ফোন নিয়ে ঢোকা যাবে, ব্যবহার করা যাবে না।”

নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তুলে তাসনিম জারা বলেন, “বিভিন্ন অজুহাতে আমাদের যারা পোলিং এজেন্ট আছে, তাদের বের করে দেওয়া হয়েছে কিন্তু ভেতরে মানুষ ভোট দিচ্ছে, নির্বাচন হচ্ছে। এটা সুষ্ঠু প্রক্রিয়া কিভাবে হয়! যখন নিয়ম জানতে চাচ্ছি, তখন বলতেও পারছে না।”
তার অভিযোগের বিষয়ে জানতে চাইলে একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেন, “আমাদের এজেন্টদের বাধা দেয়নি। জারা নির্দিষ্ট কোনো দলের বিরুদ্ধেও অভিযোগ করেননি।”
12 Feb 2026, 12:23 PM
‘শেষ ভোটে শান্তি চাই’
দেশে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়, সেই প্রত্যাশার কথা বললেন অশীতিপর ভোটার আবদুল কাদের বেপারী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা কেন্দ্রে ভোট দিয়ে তিনি বললেন, “আমার বয়সী সব বন্ধুবান্ধব মারা গেছে। আমি এহনো বাইছা আছি। বয়স হইছে ৮৬।
“এডাই আমার শেষ ভোট। আর দিতে পারুম না। পোলাই নিয়ে আইসে। দিলাম।”

আবদুল কাদের বলেন, “আর কোনো হানাহানি-মারামারি চাই না। শেষ বয়সে আয়া ভোট দিলাম। আল্লাহ যেন দেশটারে শান্তি দেয়-এটাই চাই।”
কেবল কাদের বেপারী নয়, জীবনের প্রথম ভোট দিতে আসা লাবণ্য চৌধুরীও জানালেন সেই প্রত্যাশার কথা।
কার্জন হল কেন্দ্রের এই ভোটার বলেন, “এই ভোট আমার প্রথম। আমি ২০২৪ সালে ভোটার হয়েছি। মা বলেছিল, ভোট না দিতে।
“এবারই দিতে আসলাম। শুধু একটাই চাওয়া আর কোন অশান্তি চাই না। শান্তিশৃঙ্খলা ফিরে আসুক। কেউ নারীর চলার পথে বাধা হয়ে না দাঁড়াক—এই প্রত্যাশা।”
চারুকলা কেন্দ্রে মাঝ বয়সি আলিম মিয়া বললেন, “ব্যবসা করতে গিয়া দেখলাম দেশটা একটা জাহান্নাম। একজন আরেকজনের পেছনে লেগে আছে। এটা থেকে মুক্তি চাই।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। তার মধ্যে চারুকলায় দুটি ভোটকেন্দ্র, ল্যাবরেটরি স্কুলে তিনটি, উদয়ন স্কুলে একটি, কার্জন হলে একটি, অ্যানেক্স ভবনে একটি ও বিজ্ঞান ক্যাফেটেরিয়ার দুটি কেন্দ্রে ভোট চলমান রয়েছে।

12 Feb 2026, 12:23 PM
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু, ‘ধাক্কা দেওয়ার’ অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে
খুলনায় ভোটকেন্দ্রের বাইরে জামায়াতকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডার মধ্যে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
বিএনপি বলছে, এক জামায়াত নেতা ‘ধাক্কা দেওয়ায়’ গাছের সঙ্গে লেগে আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়। তবে জামায়াত নেতারা বলছেন, উত্তেজনার মধ্যে ‘অসুস্থ’ হয়ে পড়েছিলেন তিনি।
মহিবুজ্জামান কচি নামের ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি খুলনা নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। নগরের হাজী মহসিন রোড বাই লেনে তার বাড়ি।
বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

খুলনা সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু বলেন, “সকাল থেকেই আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে উত্তেজনা ছিল। আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সেখানে জামায়াতের প্রচার করছিলেন।
“তাকে বাধা দিলে তিনি মহিবুজ্জামান কচিকে ধাক্কা দেন। এতে তিনি গাছের সঙ্গে ধাক্কা খান এবং মাথায় আঘাত পান। এতেই তার মৃত্যু হয়েছে।”
অভিযোগ অস্বীকার করে খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম মিয়া বলেন, “আমি সবুরণনেসা কেন্দ্র থেকে ভোট দিয়ে বাড়ি প্রবেশ করছিলাম। তখন দেখি কয়েকজন মহিলাদের বের করে দিচ্ছে। আমি সবাইকে যেতে বলি। কাউকে ধাক্কা দিইনি।”
জামায়াতের কেন্দ্র পরিচালক মাহবুবুর রহমান বলেন, “আমাদের নারী কর্মীদের বিএনপির লোকজন বের করে দিচ্ছিল। আমি বাধা দেই। তখন তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন। পরে শুনি তিনি মারা গেছেন।”
ওই কেন্দ্রে দায়িত্বরত সদর থানা এসআই খান ফয়সাল রাফি বলেন, “সকালে আলিয়া মাদ্রাস একাডেমিক ভবন কেন্দ্রের অদূরে সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হলে আমরা ঘটনাস্থলে যাই এবং দুই পক্ষকে সরিয়ে দেই।
“তখন একজনকে অটোরিকশায় করে বাইরে নিয়ে যেতে দেখা যায়। এখানে ধাক্কাধাক্কি বা হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি।”
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম বলেন, “ঘটনাটি কেন্দ্রের বাইরে ঘটেছে। এটি আমার বিষয় নয়।”
তবে খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, আলিয়া মাদ্রাসায় ‘জামায়াত নেতার ধাক্কাতেই’ মহিবুজ্জামান কচির মৃত্যু হয়েছে।
“আমরা অধ্যক্ষ ও জামায়াত নেতা মাহাবুবকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
খুলনা-২ আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, যেহেতু ঘটনাটি ভোটকেন্দ্রের মধ্যে ঘটেছে। সেখানে সিসি ক্যামেরা রয়েছে। সিসি ক্যামেরার ভিডিও দেখে এ বিষয়ে যদি কেউ দায়ী থাকেন, তাহলে তার শাস্তি হোক।”
12 Feb 2026, 12:20 PM
এদেশের মালিকানা বুঝে নেওয়ার দিন: নাহিদ ইসলাম
উৎসবমুখর পরিবেশে দলে দলে ভোট কেন্দ্রে আসার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন ঢাকা ১১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি - এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
তিনি বলেছেন, তিনি বলেন, “আজকে এদেশের মালিকানা বুঝে নেওয়ার দিন। ১৬ বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না, আমাদের আজকে সুযোগ এসেছে।”
বৃহস্পতিবার সকালে বাড্ডার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ।
তিনি বলেন, “আমি নীরব ও সুন্দর পরিবেশে ভোট দিলাম। ভোটারদের প্রতি আহবান জানাব, আপনারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করুন, গণভোটে হ্যাঁ প্রদানের মাধ্যমে সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়ন করুন এবং এগারো দলের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান।”

এসময় তিনি সেনাবাহিনী, প্রশাসন, অন্যান্য বাহিনী ও গণমাধ্যমের প্রতি নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনের আহবান জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, “সরকার গঠনের জন্যই আমরা জোটবদ্ধ নির্বাচনে অংশ নিয়েছি। আমরা মনে করি ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে।”
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেশের মানুষ নির্বাচন সুষ্ঠু বললে, নির্বাচন সুষ্ঠু হলে নির্বাচনের ফলাফল যাই হোক, তা মেনে নেব।”
12 Feb 2026, 12:07 PM
গোপালগঞ্জ ও মুন্সীগঞ্জে বোমাবাজি
বোমাবাজিতে গোপালগঞ্জ ও মুন্সীগঞ্জের দুটি কেন্দ্রে ভোটগ্রহণ ব্যাহত হয়েছে।
সকাল ১০টায় সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে ১০ থেকে ১২টি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে ওই কেন্দ্রে প্রায় ১৫ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল।
কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মো. তিতুমীর বলেন, “হাতবোমা বিস্ফোরণের কারণে একটু আতঙ্ক ছড়িয়েছিল। এতে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ ছিল। এখন আবার কেন্দ্রটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। মানুষ ভোট দিচ্ছেন।”
সদর থানার ওসি মমিন আলী বলেন, কেন্দ্রটিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে।
এদিকে গোপালগঞ্জ শহরের নিচুপাড়ার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে হাতবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে এক শিশু এবং দুই আনসার সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জহিরুল ইসলাম।
আহতরা হলেন- আনসার সদস্য সুকন্ঠ মজুমদার, জামাল মোল্লা ও গোপালগঞ্জ শহরের আরামবাগ এলাকার আশরাফ আলী মিশুর শিশুকন্যা আমেনা খানম (১৩)। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রিজাইডিং কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, “সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে দুই আনসার সদস্যসহ এক শিশু সামান্য আহত হয়েছে। তবে এখন কেন্দ্রে স্বাভাবিকভাবে ভোটগ্রহণ করা হচ্ছে।”
12 Feb 2026, 12:01 PM
ভোটের পরিবেশ চমৎকার: জামায়াত
উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে মনে করছে জামায়াতে ইসলামী। তবে কয়েকটি আসনে দলীয় এজেন্টদের বাধা ও সন্ত্রাসীদের হামলার অভিযোগও করছে দলটি।
বৃহস্পতিবার মগবাজারে জরুরি সংবাদ সম্মেলন করে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের মূল্যায়ন তুলে ধরেন জামায়াতে ইসলামীর মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের ।
কেন্দ্রীয় কার্যালয়ের এ ব্রিফিংয়ে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি। দেশের ইতিহাসে সবচেয়ে আনন্দঘন, উৎসবমুখর ও প্রত্যাশিত একটি নির্বাচন হচ্ছে। এ নির্বাচনে জাতি, সবাইকে নিয়ে আমরা চমৎকার পরিবেশ দেখতে পাচ্ছি। দেশব্যাপী উৎসবে পরিণত হয়েছে।”

জুবায়ের বলেন, প্রায় সব জায়গায় বিপুল ভোটার- নারী ও পুরুষ, বিশেষ করে যুবক তরুণ ভোটাররা সকাল থেকে ভোটকেন্দ্রের সামনে এসে দাঁড়িয়েছে। ইতোমধ্যে জামায়াত আমিরসহ দলটির নেতারা ভোট দিয়েছেন। তিনি পর্যায়ক্রমে এ আসনের কেন্দ্রে কেন্দ্রে ভোটার, এজেন্টদের খোঁজখবর নিচ্ছেন, সংশ্লিষ্টদের সাথে কথা বলেছেন।
“সবদিক বিবেচনায় এখন পর্যন্ত মনে হচ্ছে আলহামদুলিল্লাহ, স্বতস্ফূর্ত উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক সংখ্যক ভোটারের উপস্থিতিতে গত দেড় যুগের ইতিহাসে সবচেয়ে বেশি উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছি। নতুন প্রজন্মের জন্য সম্পূর্ণ নতুন ইতিহাস।”
ভোলা, কুমিল্লা ও নোয়াখালীতে জামায়াত, এনসিপির প্রার্থীর এজেন্টদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করে জামায়াত।
জামায়াতে ইসলামীর মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “বরিশালের ভোলায় ব্যাপকভাবে গতকাল হামলা হয়েছে আমাদের নেতাকর্মীদের, এজেন্টদের কাজ করতে দেওয়া হয়নি। ভোলা-২ আসনে সংঘাত হচ্ছে। অনেকগুলো সেন্টারে তাণ্ডব হচ্ছে। প্রশাসনের তরফ থেকে খুব কার্যকর সহযোগিতা পাচ্ছি না। ”
তিনি বলেন, “কুমিল্লা-৮ আসনে বরুড়ায় সন্ত্রাসীরা সমস্যা করছে, এজেন্টদের ঢুকতে বাধা দিচ্ছে। প্রশাসনকে জানানো হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় এনসিপির প্রার্থীর আসনে মারাত্মক সমস্যা হচ্ছে, ভোটার এজেন্টদের সমস্যা করা হচ্ছে এবং লাঞ্ছিত করা হচ্ছে।
“এসব যারা করছে তারা হতাশাগ্রস্ত। সামগ্রিকভাবে প্রশাসনকে তৎপরত ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাকি সময়ের মধ্যে ভোটার উপস্থিতি বাড়বে এবং ইসি ও আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন।“
12 Feb 2026, 11:48 AM
নতুন বাংলাদেশের জন্মদিন: ইউনূস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিনটিকে ‘মুক্তির দিন’ বলে বর্ণনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে তিনি বলেন, “খুব ভালো লাগল। এটা আমার জীবনে মহানন্দের দিন। এবং বাংলাদেশের সবার মনে এটা মহানন্দের দিন। মুক্তির দিন।”
ভোটের পরিবেশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, “আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারাদিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব।”

নির্বাচন ও গণভোটকে ‘নতুন সূচনার প্রক্রিয়া’ হিসেবে তুলে ধরেন মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “এর মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হল এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সে অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম।”
গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম সেটাও খুব গুরুত্বপূর্ণ কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।”
দিনটিকে নিজের জীবনের ‘বিশেষ দিন’ হিসেবে বর্ণনা করে প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সেটাই হল আমাদের আজকের এই প্রক্রিয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি।”
12 Feb 2026, 11:43 AM
ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে পোলিং কর্মকর্তার মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে এক পোলিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।
মুজাহিদুল ইসলাম (৪৮) বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে (ভোটকেন্দ্র নং -৫১) দায়িত্ব পালন করছিলেন। তখন হঠাৎ করেই তিনি অসুস্থ বোধ করেন।
সহকর্মীরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, ‘মস্তিষ্কের রক্তক্ষরণে’ মুজাহিদুল মারা গেছেন বলে চিকিৎসক ধারণা করছেন।
মুজাহিদুল ইসলাম উপজেলার হালুয়া পাড়া গ্রামের মৃত গোলাম মওলার সন্তান।
12 Feb 2026, 11:41 AM
ঢাকা-৬: দুই ঘণ্টায় ভোট পড়েছে ৯.৪২ শতাংশ
ঢাকা-৬ আসনের অন্তর্ভুক্ত টিকাটুলীর কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ৩৪৮টি। এ কেন্দ্রে মোট ৩ হাজার ৩৩৭ জন ভোটার রয়েছে। তার মানে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৯ দশমিক ৪২ শতাংশ।
প্রিজাইডিং কর্মকর্তা সেলিম আল মামুন বলেন, “আমার ৩৩ নম্বর সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৩৪৮ ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ২০১ জন ও মহিলা ভোটার ১৪৭ জন।”
এই কেন্দ্রে ভোট দিয়ে ছেলে ইশরাক হোসেনের জয়ের আশা প্রকাশ করেছেন সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সহধর্মিণী ইশমত আরা।
12 Feb 2026, 11:37 AM
ঢাকা-১৫: ধানের শীষের ফিতা পরে প্রজাপতির এজেন্ট
ঢাকা-১৫ আসনের আমজনতার দলের প্রার্থী নিলাভ পারভেজের পোলিং এজেন্টদের ধানের শীষের ফিতা পড়ে থাকতে দেখা গেছে।
এ আসনে মোট আটজন প্রার্থী থাকলেও ধানের শীষ ও দাঁড়িপাল্লার সঙ্গে কিছু বুথে আমজনতার দলের প্রজাপতির পোলিং দেখা যায়। আরও পাঁচজন প্রার্থী থাকলেও তাদের এজেন্ট দেখা যায়নি।
ভোটের দিন সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত মনিপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, পীরেরবাগ প্রাথমিক বিদ্যালয় ও আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১১টি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বুথগুলোতে ঢুকলেই দেখা যায় একই দলের দুইজন করে পোলিং এজেন্ট।
তখন এ বিষয়ে প্রজাপতির এক এজেন্ট বলেন, “আমরা ধানের শীষের পক্ষ থেকে না, প্রজাপতির পক্ষ থেকে আছি। আমাদের ফিতা না দেওয়ায় ধানের শীষের ফিতা পরেছি।”
12 Feb 2026, 11:24 AM
জয় নিয়ে আমি ইনশাল্লাহ আশাবাদী: তারেক
দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে যে কোনো ‘ষড়যন্ত্র রুখে দেবে’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার সকালে ভোট দিয়ে নির্বাচনে বিএনপির জয় নিয়েও আশা প্রকাশ করেন তিনি।
সকাল ৯টা ৩৫ মিনিটে তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রবেশ করেন। ভোট দিয়ে তিনি তার পরিবারকে নিয়ে কেন্দ্রের বাইরে আসলে দেশি-বিদেশি সাংবাদমাধ্যমের কর্মীরা তাকে ঘিরে ধরে। তারেক রহমান এ সময় সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন।
তিনি বলেন, “আমি এই মাত্র আমার সাংবিধানিক অধিকার, ভোটের অধিকার প্রয়োগ করে এসেছি। বিগত এক যুগেরও বেশি সময় বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন। আমরা দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী বাংলাদেশের মানুষ তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবে।”
দলের জয় নিয়ে কতটা আশাবাদী জানতে চাইলে তিনি বলেন, “আমি ইনশাল্লাহ আশাবাদী, আমি দৃঢ়ভাবে আশাবাদী।
“আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজকে সারাদিনে বের হয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।”
বিজয়ী হলে বিএনপির প্রাধান্যে কোন বিষয়টি থাকবে প্রশ্নে তারেক বলেন, “আমরা আগেও বলেছি, আমরা জয়লাভ করলে সব চেয়ে বেশি যেটা আমাদের কাছে প্রাধান্য পাবে সেটা হচ্ছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। যাতে মানুষ নিরাপদ বোধ করে। সমগ্র দেশের সাধারণ মানুষ যাতে নিরাপদ বোধ করে। এটাই আমাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার থাকবে।”
নারীর ক্ষমতায়ন নিয়ে কিছু বলবেন কি না জানতে চাইলে তারেক রহমান বলেন, “দেখুন বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী…এই জনসংখ্যাকে পেছনে রেখে আমরা এগোতে পারব না। কাজেই আমরা আমাদের ইশতেহারসহ যেসব কথা আমরা নারীদেরকে ক্ষমতায় ও তার উন্নয়ন সম্পর্কে বলেছি, তা আমরা সরকার গঠন সম্ভব হলে প্রথম দিন থেকে আমরা এই বিষয়ে কাজ শুরু করব ইনশাল্লাহ।”

বিএনপি চেয়ারম্যান বলেন, “আমরা প্রত্যাশা করব যাতে আমরা সকলে মিলে যাতে নতুন গণতন্ত্রের সূচনা করতে পারি বাংলাদেশে যেটি মানুষের বহু দিনের প্রত্যাশা।
“সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ।”
ভোটের পরিবেশ কেমন দেখছেন প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, “সারা বাংলাদেশের খবর এখনো আমি পাইনি।
“গতকাল রাত্রে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে, এটা কাম্য নয়। দেশের আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সেটা কঠোর হস্তে দমন করেছেন। আমি ভোর রাত পর্যন্ত বিভিন্ন টিভি চ্যানেল খবর দেখেছি।”
তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী; একই সঙ্গে তিনি বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
12 Feb 2026, 11:18 AM
আরেকটি পরিবর্তিত বাংলাদেশ উপহার পাবে মানুষ: গোলাম পারওয়ার
এবারের নির্বাচনের পর মানুষ একটি ‘পরিবর্তিত বাংলাদেশ’ উপহার পাবে বলে আশা করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, “শান্তিপূর্ণভাবে শত শত মানুষ উৎসবমুখর পরিবেশে তারা হাসিমুখে ভোট দিচ্ছে এবং আমি তার মধ্য দিয়ে একজন ভোটার হিসেবে ভোট দিতে পারলাম। এটা তো একটা পরিবর্তিত বাংলাদেশ। আশা করি ভোটের পরে আরেকটা পরিবর্তিত বাংলাদেশ, ইনশাআল্লাহ এই জাতি উপহার পাবে।”
বৃহস্পতিবার সকালে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের পশ্চিম শিরোমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর এই কথা বলেন তিনি।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “আঠারো সালে আমি এখানে নির্বাচনে প্রার্থী ছিলাম। এই কেন্দ্রে আমি ভোটার ছিলাম কিন্তু আমাকে ফোনে বলা হয়েছিল যে আপনি ভোট দিতে আসবেন না, আসলে আপনাকে গ্রেপ্তার করা হবে। “ভোটারদের কথা আমি কী করে ভাববো যে একজন প্রার্থী ভোট কেন্দ্রে আসলে গ্রেফতার হয়ে যাবে। এই কথা ভোটের দিন সকালে আমাকে বলা হয়েছিল।
“তো আজকে সেই বাংলাদেশ পরিবর্তিত হয়েছে, মানুষ হাসিমুখে ভোট দিচ্ছে।”

এ সময় ভোটের পরিবেশ নিয়ে গোলাম পরওয়ার বলেন, আমি যে কেন্দ্রে ভোট দিচ্ছি, এখন তো আমি কোনো শঙ্কা দেখছি না। ফলে ভোট গ্রহণ শেষ হলে সারা দেশের তথ্য আমাদের কাছে আসছে। এ ব্যাপারে আমরা কমেন্ট আরো পরে করব। হ্যাঁ, আমরা এই মুহূর্তে আমি কোনো শঙ্কা আমার কেন্দ্রে বা আমার যতটুকু জানা আছে আমি দেখছি না।”
12 Feb 2026, 11:17 AM
ভোট দিলেন শতবর্ষী ধর্মরাজ
চট্টগ্রামের বাঁশখালীতে ভোট দিলেন ১০৯ বছর বয়সী এক ব্যক্তি।
বৃহস্পতিবার সকালে ধর্মরাজ দে নামের এ ব্যক্তি লাঠিতে ভর দিয়ে বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসেন।
বাণীগ্রাম ৫ নম্বর ওয়ার্ড মাস্টারপাড়ার এই বাসিন্দা এলাকার সবচেয়ে প্রবীণ ব্যক্তি বলে জানিয়েছেন ভোট কেন্দ্রে আসা লোকজন ও কেন্দ্রে দায়িত্বরত গ্রাম চৌকিদাররা।
বয়সের ভারে নুহ্য ধর্মরাজ কানে কম শোনেন। কাছ থাকে নাম জানতে চাইলে অস্পষ্ট কণ্ঠে নিজের নাম বলেন। তাকে কেন্দ্রে নিয়ে এসেছেন তার প্রতিবেশী করুণ দে নামে পঞ্চাশোর্ধ এক ব্যক্তি।
করুণ দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রবীণ ধর্মরাজ সম্পর্কে তার দাদু হয়। একসময় দিন-মজুরের কাজ করতেন। বয়সের কারণে কানে শুনতে পান না।
তিনি বলেন, “ধর্মরাজের চার ছেলের তিনজনই গত (প্রয়াত) হয়েছেন। স্ত্রীও মারা গেছেন বেশ কয়েক বছর আগে। তবে এখনও তিনি লাঠিতে ভার দিয়ে নিজে চলাচল করতে পারেন।”
ধর্মরাজের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ ১৯১৭ সালের ২ মে।
12 Feb 2026, 11:13 AM
ফলের আগে ভোটের পরিবেশ নিয়ে কথা বলার সুযোগ নাই: ফয়জুল করীম
ফলের আগে ভোটের পরিবেশ কেমন তা নিয়ে কথা বলার সুযোগ নাই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।
বরিশাল-৫ আসনের প্রার্থী বলেন, “এখন পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে অস্বাভাবিক কিছু মনে হয়নি। তবে আমি বারবার বলেছি, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোট ভালো হয়েছে, নাকি খারাপ হয়েছে আমি তা বলতে চাই না। অনেক সময়ই দেখা যায় বাইরে পরিবেশ ভালো দেখা গেলেও ভিতরে অন্যকিছু ঘটে। অনেক সময় ভালো দেখা গেলেও ফলাফল ভিন্ন খাতে চলে যায়।”
বৃহস্পতিবার সকালে শহরের রূপাতলী হাউজিং সেন্টার ভোটকেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

ফয়জুল করীম বলেন, "মানুষ দীর্ঘদিন ধরে চাতক পাখির মত যেভাবে ভোট দিতে চেয়েছিলেন তা যেন দিতে পারেন, সেটি প্রশাসন যেন নিশ্চিত করেন। বিভিন্ন জায়গায় গতকাল নানা অঘটন ঘটেছে, আজ আমরা এমন কোনো অঘটন দেখতে চাই না। জনগণ কাউকে ভোট দেবে, আর কেউ তা অন্যভাবে গণনা করে অন্যভাবে ফলাফল ঘোষণা করবে, আমরা এটি চাই না। জনগণ যাকে ভোট দেবে সেই যেন নির্বাচিত হয়, ইঞ্জিনিয়ারিং যেন না হয়।”
12 Feb 2026, 11:10 AM
কী করে তারা বাংলাদেশে স্বপ্ন দেখতে চায়: একাত্তর স্মরণ করে আছিয়া
মুক্তিযুদ্ধের সময় আছিয়া সদ্য কিশোরী, সে সময় রাজাকারদের কর্মকাণ্ড এখনো তার স্মৃতিতে স্পষ্ট।
সেইসব ভয়ঙ্কর স্মৃতি মনে করিয়ে দিয়ে এই নারী বললেন, “তাদের তো লজ্জা করা উচিত। কী করে তারা বাংলাদেশে স্বপ্ন দেখতে চায়।"
ঢাকা-১৫ আসনের পীরেরবাগ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বের হওয়ার সময় কথা হচ্ছিল আছিয়ার সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “২০১৪ সালে ভোট দিয়েছিলাম, তারপর থেকে আর ভোট দিতে পারিনি। আজকে দিয়ে গেলাম, খুব সচ্ছলভাবে। মানে পরিবেশটা খুবই ভালো।”

পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন কিনা প্রশ্ন করলে প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, "আমার পছন্দ একজনই, যে চলে গেছে পৃথিবী ছেড়ে। বলতে চাইছিলাম না, তাও আপনাকে বলে দিলাম।
"ভোট তার জন্যই দিয়েছি। কারণ আমিও এতিম সেও (বিএনপি চেয়ারম্যান তারেক রহমান) এতিম। আমরা চাই সে আসুক। তার অভিজ্ঞতা আছে। অনেকে নতুন আসলেও তাদের আমার পছন্দ না।"
পছন্দ না হওয়ার কারণ হিসেবে একাত্তরের অভিজ্ঞতার কথা বলেন ৬৭ বছর বয়সী আছিয়।
“আমি যুদ্ধ দেখেছি, রাজাকার দেখেছি। তখন আমার ১২ বছর বয়স। তো আমি দেখছি সবই। স্বাধীনতার যুদ্ধ দেখেছি, আমাদের গ্রামের রাজাকার দেখেছি। বহুত কিছু দেখেছি।”
12 Feb 2026, 11:08 AM
১১ দলীয় ঐক্যজোটের সরকার হবে, আশা অলি আহমদের
বৃহস্পতিবারের ভোটের মাধ্যমে ১১ দলীয় ঐক্যজোটের সরকার গঠন হবে বলে আশা প্রকাশ করেছেন এলডিপি সভাপতি অলি আহমদ।
তিনি বৃহস্পতিবার সকালে চন্দনাইশ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে তিনি এ আশা প্রকাশ করেন।
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের হয়ে ছাতা প্রতীকে ভোট করছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলির ছেলে ওমর ফারুক।
ভোট দিয়ে অলি আহমদ বলেন, “এ পর্যন্ত কেন্দ্র দখলের কোনো অভিযোগ আসে নাই। মোটামুটি শান্ত পরিবেশ বিরাজ করছে। তবে গত তিনদিন যাবৎ বিভিন্ন গ্রামে জসিমের (বিএনপি প্রার্থী) পক্ষ থেকে টাকা বিতরণের অভিযোগ আসছে। অনেকে ধরা পড়েছে, অনেককে আর্মি ধরে নিয়ে গেছে, অনেকে পুলিশে ধরে দিয়ে গেছে। এই জিনিসটা ন্যাক্কারজনক।
“আগামীতে আমাদেরকে চিন্তা করতে হবে এই জিনিসটা থেকে কীভাবে দেশকে পরিত্রাণ করা যায়। কারণ সুষ্ঠু নির্বাচন যতদিন পর্যন্ত নিশ্চিত করা যাবে না, ততদিন পর্যন্ত দেশের সুন্দর প্রশাসন গড়ে উঠবে না।”
তিনি বলেন, “তবে আমি আপনাদেরকে এইটাই বলে যাই, ইনশাআল্লাহ আগামীকাল থেকে ১১ দলীয় ঐক্যজোটের সরকার গঠন হবে।”
তার আগে সকাল ৯টায় একই কেন্দ্রে ভোট দিয়ে তার ছেলে ওমর ফারুক বলেন, চন্দনাইশে এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে।
“বড় ধরনের কোনো অভিযোগ নেই। তবে গতকাল কয়েকটি জায়গায় টাকা দেওয়ার খবর শুনেছি।”
ওমর ফারুক বলেন, “এবারে ইতিহাসেরন অন্যতম ভালো নির্বাচন হবে বলে আশা করি। চন্দনাইশ ও সাতকানিয়া আংশিকের ভোটাররা আমাকে সমর্থন দেবেন এ আশা করি।”

এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল ফজল মো. মনসুর উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪০৬ জন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ১০ শতাংশ ভোট পড়েছে। বেশির ভাগ প্রার্থীর পোলিং এজেন্ট উপস্থিত আছেন।
এর পাশের চন্দনাইশ আইডিয়াল স্কুল কেন্দ্রে সকাল থেকেই বিপুল পরিমাণ ভোটারের উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আসাদ সিদ্দিকী বলেন, এ কেন্দ্রে তিনটি বুথে মোট ভোটার ২০৫১ জন। সকাল নয়টা পর্যন্ত ৫ শতাংশ ভোট পড়েছে। বেলা বাড়ার সাথে সাথে চাপ বাড়ছে।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে মোট ভোটার ৩ লাখ ১৩ হাজার ৫১৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ৮৪৭, নারী ১ লাখ ৪৭ হাজার ৬৬৫ এবং হিজড়া ১ জন। ১০০টি কেন্দ্রে আজ ভোট গ্রহণ চলছে। আসনটিতে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
12 Feb 2026, 11:00 AM
ইশরাকের জয়ের আশায় মা ইশমত আরা
ভোট দিয়ে ছেলের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার স্ত্রী এবং ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের মা ইশমত আরা।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ইশমত আরা বলেন, "আজ খুব শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছি। ভোটারদের উপস্থিতিও ভালো। মানুষের মুখে আমি আশার কথা শুনছি। আল্লাহর ওপর ভরসা রাখছি, ইনশাআল্লাহ আমার ছেলে বিজয়ী হবে।"
তিনি বলেন, "দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে, এটি গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক দিক।"
ভোট কেন্দ্রে ঢোকার আগে ইশমত আরা বলেন, "একজন মা হিসেবে সন্তানের জন্য দোয়া করা ছাড়া তার জন্য আর কিছুই করার নেই। তবে ইশরাক হোসেন মানুষের জন্য কাজ করতে চেয়েছেন বলেই ভোটাররা তাকে সমর্থন দিয়েছেন।
“ইশরাক সব সময় ঢাকাবাসীর কথা চিন্তা করে। তার এই আন্তরিকতার প্রতিফলন ভোটে দেখা যাবে।"
12 Feb 2026, 10:58 AM
পাড়া-মহল্লায় ভোট উৎসব, সুনসান ঢাকার সড়ক
ভোরের আলো ফুটতেই পাড়া-মহল্লার ভোটকেন্দ্রগুলো ঘিরে প্রার্থীর কর্মী-সমর্থকদের ব্যস্ততা শুরু হয়, সঙ্গে ছিল বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান।
সকাল সাড়ে ৭টায় ভোট শুরুর আগেই কোনো কোনো কেন্দ্রে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় ছিলেন অনেকে।
বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সকাল থেকেই ঢাকার পাড়া-মহল্লার ভোটকেন্দ্রগুলোতে উৎসবের আমেজ দেখা গেছে।
কোথাও কোথাও হোটেল-রোস্তোরাঁ বাদে বেশিরভাগ দোকানপাটই রয়েছে বন্ধ। কেন্দ্র ও এর আশেপাশের এলাকায় প্রার্থীর কর্মী-সমর্থক এবং ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে।
প্রথম দফার ভোটারদের চাপ শেষের পর কেন্দ্রগুলোতে ক্রমেই আসছেন এলাকার লোকজন, প্রার্থীদের বুথ থেকে ভোটার নম্বর জেনে কেন্দ্রে প্রবেশ করছেন তারা।
শ্যামলীর বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট কেন্দ্রের সামনে ভোট দিতে অপেক্ষমান ছিলেন মিরপুর থেকে আসা সরকারি চাকরিজীবী তরিকুল।
তিনি বলেন, “যখন আমি ভোটার হই, তখন এই এলাকায় ছিলাম; এখন মিরপুরে থাকি। আজ তাই ভোট দিতে মিরপুর থেকে এখানে আসতে হয়েছে।"
সড়কে গাড়ি চলাচল না থাকলেও মেট্রোরেল ও রিকশায় করে ভোট দিতে আসতে কোনো সমস্যা হয়নি বলে জানান তিনি।
পঞ্চাশোর্ধ এই ভোটারের ভাষায়, একজন নাগরিক হিসেবে ভোট দেওয়া 'অন্যতম দায়িত্ব'। সেই দায়িত্ব পালন করতে এসে তার 'ভালোই লাগছে'।
এদিকে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকায় সুনসান নীরবতা দেখা গেছে ঢাকার সড়কে। সব সড়কেই রয়েছে ব্যাটারিচালিত অটোরিকশার দাপট।
সড়কে জরুরি সেবা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যানবাহন ছাড়া অন্য কোনো যান চলাচল নেই বললেই চলে।
ভোটকেন্দ্রগুলো ঘিরে আশেপাশের সড়কে মানুষের চলচাল থাকলেও প্রধান সড়কগুলো প্রায় ফাঁকা।
এদিকে ভোটারদের যাওয়া-আসার সুবিধার্থে এলাকাভিত্তিক প্রার্থীদের পক্ষ থেকে রয়েছে অটোরিকশার ব্যবস্থা। নির্ধারিত প্রার্থীদের ব্যানার টানিয়ে ভোটারদের কেন্দ্রে নিয়ে যেতে আবার ভোট শেষে বাসায় নামিয়ে দিতে সেগুলো ব্যবহৃত হচ্ছে।
মোহাম্মদপুর এলাকায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের পক্ষ থেকে ভোটার আনা-নেওয়ার কাজ করছেন অটোরিকশা চালক মো. পারভেজ।
কথা বলতেই তার জিজ্ঞাসা, ‘কোন কেন্দ্রে যাবেন?’
এরপর জানতে চাইলে তিনি বলেন, “ভোট চলা পর্যন্ত ভোটার আনা নেওয়ার চুক্তি হইছে। সারাদিন চলব। অন্য মার্কারও রিকশা আছে।"

সারাদিনের জন্য ১২০০ টাকায় তার সঙ্গে চুক্তি হয়েছে জানালেও প্রার্থীর পক্ষে মোট কতোটি রিকশা চলাচল করছে সুনির্দিষ্ট করে জানাতে পারেননি তিনি।
তার ভাষ্য, “অনেক রিকশাই আছে, একেক এলাকায় একেক রকম।"
ভোটকেন্দ্রগুলো ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমান সদস্যদের উপস্থিতি দেখা গেছে। আনসার ও পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন প্রতিটি কেন্দ্রে।
এর বাইরে ভোটকেন্দ্রের আশপাশে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা সদস্যদের টহল টিম দেখা গেছে।
নগরীর গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন বাহিনীর তল্লাশিচৌকিসহ রয়েছে টহল টিম। এর বাইরে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে কোথাও চলছে সমন্বিত টহল।
দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
12 Feb 2026, 10:48 AM
ঢাবির উদয়ন স্কুল: তিন ঘণ্টায় ভোট পড়েছে ১১%
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ১১ শতাংশ।
এ তথ্য জানিয়ে পোলিং অফিসার রবিউল হোসেন বলেন, এ কেন্দ্রে ভোটারের সংখ্যা এক হাজার। সেখানে ভোট দিয়েছেন ১১ শতাংশ।
বেলা সাড়ে ১০টায় সরজমিনে দেখা যায়, এ কেন্দ্রে ভোটারের তেমন উপস্থিতি নেই। প্রতিটি বুথই ফাঁকা।

12 Feb 2026, 10:43 AM
ভোট দিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।

12 Feb 2026, 10:41 AM
বাংলাদেশ ‘গণতন্ত্রের ট্রেনে উঠে গেল’: সিইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে বাংলাদেশ ‘গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০ টায় ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে সিইসি নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, “আমি অত্যন্ত আনন্দিত। আজকে গণতান্ত্রায়নের ট্রেনে উঠে গেছি ইনশাল্লাহ। আমি ওয়াদা করেছিলাম, ফেস্টিভ মোডে আমরা একটা ইলেকশন জাতিকে উপহার দেব।
“আপনার দেখেছেন এই কয়দিনে ঈদের দিনের মত ঈদুল ফিতর বা ঈদুল আযহার মত মানুষ ট্রেনে বাসে, লঞ্চে, গ্রামেগঞ্জে চলে গেছে। আমি আমার নিজের গ্রামে এবং বিভিন্ন জায়গায় আমি কথা বলেছি, গ্রামেগঞ্জে মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে।”
সিইসির কথায়, অনেকদিন পরে ভোটের ‘একটা আমেজ যে সৃষ্টি হয়েছে’।
তিনি বলেন, “সবাই ভোট দিতে পারবে, এই আনন্দ তাদেরও উদ্বেলিত করছে।”
নির্বাচন কমিশনের প্রতিশ্রুতির কথা জানিয়ে সিইসি বলেন, “আমরা জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, একটা সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেব এবং সেই লক্ষ্যে ২০২৪ সালের নভেম্বর মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা বিনিদ্র রজনী কাটিয়েছি। সব ধরনের প্রস্তুতি নিয়েছি আমরা ইনশআল্লাহ।”
এ দেশে আর কোনো ‘পাতানো নির্বাচন হবে না’ মন্তব্য করে তিনি বলেন, “আমরা একটা সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। আমার পক্ষে না, আবার কারো বিপক্ষেও না।”
ঠাকুরগাঁওয়ে একটি ভোটকেন্দ্রে বিএনপি ও জামায়াত নেতার একসঙ্গে একসঙ্গে কথা বলার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “আমি অত্যন্ত আনন্দিত ঠাকুরগাঁওয়ে কেন্দ্রের মাঠে জামায়াতের একজন লিডার পাশে একজন বিএনপির লিডার পাশাপাশি দাঁড়িয়ে সাংবাদিকদের সাথে কথা বলছে; হাসিখুশি কথা বলছে এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য।
“আমরা চাই বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেল এই ট্রেন ইনশাল্লাহ গন্তব্যস্থলে পৌঁছাবে আপনাদের সবার সহযোগিতায়। আপনারা জানেন ২০২৬ সালে সারা বিশ্বে সবচাইতে বড় একটা নির্বাচন দিচ্ছে বাংলাদেশ। এত বড় নির্বাচন আর এ বছরে কোথাও হয় নাই।”
আগের দিন বিদেশি সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকের বিষয়ে সিইসি বলেন, “গতকাল দিনের বেলায় যে বিদেশি অবজারভার এবং সাংবাদিকদের সঙ্গে আমরা মতবিনিময় করেছি।বিভিন্ন দেশের চিফ ইলেকশন কমিশনাররা আমার সাথে দেখা করেছেন।
“আমি তাদের সাথে কথা বলেছি, তারা অত্যন্ত আনন্দিত আমাদের অ্যারেঞ্জমেন্ট দেখে। ক্যান ইউ ইমাজিন আমার প্রায় ১৭ লক্ষ লোক কাজ করছে? এই ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য সাড়ে ৯ লক্ষ আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রায় আট লক্ষ হচ্ছে যে পোল কালেক্টর যারা বুথ কালেকশন করবেন; এই সাড়ে ১৭ লক্ষ লোককে এক সুতোই গাঁথা এটা যে একটা কত কঠিন কাজ আপনারা একবার একটু কল্পনা করে দেখুন।
“বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আছে বিভিন্ন সংগঠনের লোকজন আছে সবাইকে নিয়ে এবং সবাইকে প্রশিক্ষিত করে ট্রেনিং দিয়ে ইলেকশন ওরিয়েন্টেড ট্রেনিং দিয়ে সবাইকে এই যে কাজে লাগানো হয়েছে এই যে একটা বিশাল কর্মযজ্ঞ আমার মনে হয়, এর চাইতে বড় কোঅর্ডিনেশনের কাজ আর নাই।”
সিইসি বলেন, “আমরা এ পর্যন্ত আপনাদের সহযোগিতা নিয়ে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে এসেছি। আমরা জানি না সামনে আরো কী চ্যালেঞ্জ আসবে। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করব। বাংলাদেশ যে গণতন্ত্রের পথে রওনা দিয়েছে, গণতন্ত্রের ট্রেন ইনশাল্লাহ স্টেশনে পৌঁছাবে। আপনাদের সবার সহযোগিতা চাই।”

12 Feb 2026, 10:40 AM
ভোটার তালিকায় ‘অমিল’, তদন্ত করতে বললেন ববি হাজ্জাজ
নির্বাচন কমিশনের দেওয়া ভোটার তালিকার সঙ্গে কয়েকটি কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের কাছে থাকা ভোটার তালিকায় ‘অমিল’ রয়েছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা ১৩ আসনের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন তিনি। এসময় ১০১ নম্বর কেন্দ্রটি ঘুরে দেখেন এবং দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, “নির্বাচন কমিশনের ডেটাবেস থেকে আমরা যে ভোটার তালিকা পেয়েছি, আর কেন্দ্রে প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসারদের কাছে থাকা ভোটার তালিকায় দেখছি, কিছু ক্ষেত্রে মিলছে না।"
সকাল থেকে ৭টি কেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, এই সমস্যার কথা তিনি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছেন।
তিনি বলেন, “ভোটার তালিকার যে অমিল, তা তদন্ত করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করব।”
আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতার প্রশংসা করে ববি হাজ্জাজ বলেন, “গত রাত থেকেই কিছু অভিযোগ এসেছে, তা আইনশৃংখলা বাহিনী সুন্দরভাবেই সমাধান করেছেন। তাদের ওপর আমাদের আস্থা আছে।”
ভোটগ্রহণ যদি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তবে ফল মেনে নেবেন বলে জানান তিনি।
“স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা যদি ভোট দিতে পারে, তাহলে অবভিয়াসলি শুধু যেকোনো একটা প্রতিপক্ষ বা আমরা না সবাই মেনে নিতে বাধ্য। এটাই তো গণতন্ত্র।”
12 Feb 2026, 10:33 AM
ঢাকা-৬: পোলিং এজেন্ট বের করে দেওয়ার ঘটনা ‘ফেইক’, বললেন সেনা কর্মকর্তা
ঢাকা-৬ আসনের অন্তর্ভুক্ত টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র থেকে কোনো পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়নি বলে দাবি করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন সিফাত।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রের সামনে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি বলেন, “এই কেন্দ্রের একটি ফেইক নিউজ বর্তমানে অনলাইনে চালু আছে, একটি দলের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে জোর করে।
“আমরা তিনটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলেছি, এরকম কোনো ঘটনা সংঘটিত হয়নি। ব্যক্তিগত কারণে একটি দলের পোলিং এজেন্ট বের হয়েছিলেন। পরবর্তীতে ব্যক্তিগত কাজ শেষ করে পোলিং এজেন্ট কেন্দ্রে প্রবেশ করেছেন।”
ভোটের নিরাপত্তার দায়িত্বে থাকা এই সেনা কর্মকর্তা বলেন, “এ সম্পর্কিত যে নিউজ আছে, তা সম্পূর্ণ ফেইক। আপনারা (সাংবাদিকরা) সবাইকে জানিয়ে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন, নির্বিঘ্নে, নিরাপত্তায় আমরা নিয়োজিত আছি। সুন্দরভাবে ভোট গ্রহণ কার্যক্রম চলমান আছে।"
কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে।
12 Feb 2026, 10:29 AM
গণতন্ত্রের অভিযাত্রায় এক নতুন অধ্যায়: বিএনপি প্রার্থী আবু সুফিয়ান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রায় এক নতুন অধ্যায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান।
সকাল ৯টায় নগরীর কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
এর আগে সকাল ৮টায় নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
কাপাসগোলা কলেজ কেন্দ্র ঘুরে দেখে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোট গ্রহণ চলছে। পরিস্থিতি ভালোই দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এবং কেন্দ্রে ভোটার উপস্থিতি মিলিয়ে এবারে ভালোই পরিবেশ। এই পরিবেশের জন্যই তো আমাদের আন্দোলন সংগ্রাম।
"আজকে এই পরিবেশে ভোট গণতন্ত্রের অভিযাত্রায় এক নতুন অধ্যায়। এই অধ্যায়কে আমরা স্বাগত জানাই। বাংলাদেশের গণতন্ত্র অব্যাহত থাকবে। আগামীতে কোন সরকার, কোন অপশক্তি, কোন স্বৈরাচারী যাতে মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। এটাই আমাদের প্রত্যাশা।"
সকাল ৯টা ১৫ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ নিয়ে কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে ৪ লাখ ১৬ হাজার ৪৬৩ জন ভোটার ১২১টি কেন্দ্রে ভোট দিচ্ছে।
এই আসনের ১১জন প্রার্থী হলেন- বিএনপি’র আবু সুফিয়ান (ধানের শীষ), জামায়াতে ইসলামীর ডা. একেএম ফজলুল হক (দাঁড়িপাল্লা), জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র আবদুল মোমেন চৌধুরী (তারা), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস শুক্কুর(হাতপাখা), ইসলামিক ফ্রন্টের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ নঈম উদ্দিন (আপেল), নাগরিক ঐক্যের নুরুল আবছার মজুমদার (কেটলি), বাসদ (মার্কসবাদী) মো. শফিউদ্দিন কবির (কাঁচি), জনতার দল হায়দার আলী চৌধুরী (কলম) ও গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ (মাথাল)।
12 Feb 2026, 10:27 AM
ভোট দিতে কত সময় লাগছে
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিতে আসা কাদেরাবাদ হাউজিং এর বাসিন্দা আব্দুল মজিদ বললেন ভোটের পরিবেশ শান্তিপূর্ণ হলেও জাতীয় নির্বাচনের ভোট এবং গণভোট একসঙ্গে দেওয়ার কারণে কিছুটা সময় লাগছে।
একটি বেসরকারি মেডিকেল কলেজে কর্মরত মজিদ নিজের ভোট দেওয়ার অভিজ্ঞতা জানিয়ে বলেন, "নিজের ভোট নিজে দিতে পেরেছি, এটাই ভালো লাগছে। তবে সময় একটু বেশি লাগছে।"

কত সময় লাগল জানতে চাইলে তিনি বলেন, "আনুমানিক ১৫ মিনিটের মত লাগছে।"
আব্দুল হামিদ নামে আরেকজন ভোটার অবশ্য বলেছেন, তার লেগেছে ৫ মিনিট।
বছিলায় বসবাস করলেও আব্দুল হামিদ মোহাম্মদপুর এলাকার ভোটার। তিনি পেশায় একজন ব্যবসায়ী। আব্দুল হামিদ বলেন, "দুইটা ভোট একসঙ্গে দেওয়ার কারণে একটু সময় লেগেছে। তবে ভোট দিতে কোনো সমস্যা নাই।"
শারীরিক শিক্ষা কেন্দ্রে সকাল থেকে ভোটারদের ভিড় খুব বেশি ছিল না। তবে বেলা বাড়ার সঙ্গে ভোটার সংখ্যাও বাড়বে বলে কেন্দ্র সংশ্লিষ্টরা মনে করছেন।
12 Feb 2026, 10:27 AM
শান্তিপূর্ণ ভোট চলছে: ইসি
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “কোথাও কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে নির্বিঘ্ন পরিবেশ বজায় থাকবে শেষ পর্যন্ত-এটাই আশা করি।”
আরেক নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “কোনোভাবে ভোটে কারচুপি বরদাশত করা হবে না, আইন শৃঙ্খলঅ বাহিনী সতর্কতার সাথে কাজ করছে। হেলিকপ্টার, ড্রোন, বডিওর্ন ক্যামেরা ও সিসি ক্যামেরা নিয়ে মনিটর করছি আমরা। আলহামদুলিল্লাহ। ছোটেখাটো ঘটনার বাইরে কোনো সমস্যা দেখছি না।”

এ নির্বাচন কমিশনার বলেন, “মাঠ পর্যায়ে কোথাও কোথাও খবর অতিরিঞ্জত হচ্ছে। রিয়েলিটি হচ্ছে- আইন শৃঙ্খলাবাহিনী, ভোটগ্রহণ কর্মকর্তা সবাই দায়িত্ব নিয়ে সিনসিয়ারলি কাজ করছে।
“ভালো ভোট সবার প্রত্যাশা, ইনশাহআল্লাহ ভালো নির্বাচন হবে। আইন শৃঙ্খলাবাহিনী ও ম্যাজিস্ট্রেটরা টহলে রয়েছে; বিভিন্ন বিভিন্ন জেলায় আচরণ পরিপন্থি যারা কাজ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জালভোট, ভোটারদের বাধা দেওয়া এবং ভোট
কেনাবেচার সাথে যারাই জড়িত হবে, তাদের ধরে আইনের আওতায় আনা হবে। নির্বাচনি সংস্কৃতি নতুনভাবে সাজাতে, পরিবর্তন আনতে আমরা সক্ষম হবো।”
এবারের নির্বাচনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোট দিতে পারবেন। তাদের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, আর নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এছাড়া এক হাজার ২৩২ জন হিজড়া ভোটার ভোট দিতে পারবেন।
12 Feb 2026, 10:27 AM
ঢাকা-১৫: এক কেন্দ্রে ভোট পড়েছে ৯%
ঢাকা-১৫ আসনের পীরেরবাগ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ভোট দিয়েছেন প্রায় ৯ শতাংশ ভোটার।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাশেদুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, এ সময় পর্যন্ত নারীদের ৮ দশমিক ৭৮ শতাংশ ভোট পড়েছে।
মোট ভোটার রয়েছে ২ হাজার ৯৩৮ জন। ভোট দিয়েছেন ২৫৮ জন।
ঢাকা-১৫ আসনের পীরেরবাগ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ভোট দিয়েছেন প্রায় ৯ শতাংশ ভোটার।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাশেদুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, এ সময় পর্যন্ত নারীদের ৮ দশমিক ৭৮ শতাংশ ভোট পড়েছে।
মোট ভোটার রয়েছে ২ হাজার ৯৩৮ জন। ভোট দিয়েছেন ২৫৮ জন।

এ স্কুলের অপর একটি কেন্দ্র ছিল পুরুষের। সেখানে ১০টা পর্যন্ত ১৫ শতাংশ ভোট পড়েছে।
২৯০৪ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪২০ জন।
12 Feb 2026, 10:21 AM
ভোটারদের উচ্ছ্বাস
আওয়ামী লীগ আমলের তিন নির্বাচনের অভিজ্ঞতা পেরিয়ে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভোটাররা।
ঢাকার শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকালেই নারী ও পুরুষ ভোটারদের ভালো উপস্থিতি দেখা যায়।
প্রথমবার ভোট দেওয়ার অভিজ্ঞতা জানিয়ে মিরপুর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি শেষ করা নুসাইবা বলেন, “এক্সাইটেড।”
নতুন সরকার নিয়ে তার প্রত্যাশা, “সৎ থাকা। অনেস্ট থাকা।”
ঢাকা-৬ আসনের অন্তর্ভুক্ত টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে উচ্ছ্বসিত অ্যাডভোকেট মাসুমা আক্তার বলেন, “নতুন বাংলাদেশে ভোট দিয়ে অনেক ভালো লাগছে। আমাদের ত্যাগের বহিঃপ্রকাশ, এটাই চেয়েছিলাম। আশা করি, শেষ পর্যন্ত এমন থাকবে।”
শেওড়াপাড়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খুব ভালো পরিবেশ। সবাই কো-অর্ডিনেট করছে। এবার প্রথমবার ভোট ভোট মনে হচ্ছে।”
12 Feb 2026, 10:16 AM
ভোট দিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন তারেক রহমান
রাজধানীর গুলশান স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
12 Feb 2026, 10:06 AM
প্রথম ভোট ‘সংস্কারের পক্ষে’
প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তরুণ ভোটাররা।
দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে জীবনের প্রথম ভোট দিয়ে আরিয়ান ইসলাম বলেন, যে দলই সরকার গঠন করুক, যাতে সংস্কার উদ্যোগ আলোর মুখ দেখে।
“সংস্কার অবশ্যই লাগবে আমাদের। একটি নতুন বাংলাদেশ চাই। আমরা আর পেছনে ফিরতে চাই না।’’
২০২৪ সালে ভোটার হয়ে এবারই প্রথম ভোট দিচ্ছেন জানিয়ে তিনি বলেন, “প্রথম ভোট দিতে পেরে ভালো লাগছে। ভোটের পরিবেশ ভালো, আমরা চাই তরুণদের ভাবনা সরকার বিবেচনায় নিক।
“ক্ষমতার একটা ভারসাম্য হোক, সব দলই নীতি নির্ধারণী সিদ্ধান্তে অংশ নিক, সবার কাছেই ক্ষমতা যাক।’’
প্রথমবার ভোটের স্বাদ পাওয়া মরিয়ম সুলতানা কেয়া বললেন, “নতুন একটি বাংলাদেশ প্রত্যশা করি। যেখানে জনগণকে নিয়ে সরকার ভাববে।”
আরেক ভোটার আইরিন সুলতানাও এবারই প্রথম ভোট দিলেন।
“প্রত্যাশা একটি ভালো বাংলাদেশ হবে। হ্যাঁ ভোট দিয়েছি, রাষ্ট্রের সংস্কার লাগবে। সব বিচারগুলো যেন হয়, সরকারে যারাই আসুক। তারা যেনো আগের মত না হয়।”
পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার কথা বলছেন তানভীর হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো স্বৈরাচার আর চাই না। রাষ্ট্র সংস্কার দরকার। হ্যাঁ ভোট দিয়েছি সরকারের আচরণ বদলাতে।”
ঢাকা-৪ আসনের অন্তর্ভুক্ত দনিয়া কলেজের স্বাধীনতা ভবন কেন্দ্রে ২ হাজার ৬৮৬ জন, একুশে ভবন কেন্দ্রে ৩ হাজার ১১৪ জন ও বিজয় ভবন কেন্দ্রে ৩ হাজার ৭০৯ জন ভোটার রয়েছেন।
12 Feb 2026, 09:46 AM
‘ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক’
ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে তিনটি কেন্দ্রে সকাল সাড়ে ৯টার দিকে ভোটার উপস্থিতি কম দেখা গেছে।
এ কেন্দ্রে ভোট দিতে আসা নবনীতা নিরুপমা হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জীবনের প্রথম ভোট দিলাম। ভোট দিতে পেরেছি এটাই বেশ আনন্দের।
“বাংলাদেশ আবার এক গণতান্ত্রিক যাত্রা শুরু করেছে। এ যাত্রা যেন অব্যাহত থাকে।
“এ ভোট যেন ন্যায়বিচারের পক্ষে যায়। আমাদের শাসকরা ন্যায়বিচার কখনো চায়নি। এবার শুধু একটাই চাওয়া ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক।”

12 Feb 2026, 09:41 AM
ভোট দিতে কেন্দ্রে তারেক রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ সেন্টারের দ্বিতীয় তলার একটি বুথে তিনি ভোট দেন।
গুলশানের এ কেন্দ্রে প্রথমবার ভোট দিলেন তারেক রহমান। এর আগে ২০০১ সালের নির্বাচনে তিনি ঢাকা সেনানিবাসের আদমজী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোটার ছিলেন।
তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী; একই সঙ্গে তিনি বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট কেন্দ্রে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার প্রধান নির্বাচনি এজেন্ট আবদুস সালাম ও অধ্যাপক ফরহাদ হালিম ডোনার।
12 Feb 2026, 09:39 AM
জনগণ স্বতস্ফূর্তভাবে ভোট দিতে পারলে ফল মেনে নেব: মামুনুল হক
ভোট দিতে কেন্দ্রে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন ঢাকা-১৩ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
রিকশা প্রতীকের এই প্রার্থী সকাল ৮টায় মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে পৌঁছান। ভেতরে দায়িত্বরতদের একজন তাকে দ্বিতীয় তলায় ভোট কক্ষে যাওয়ার পথ দেখিয়ে দেন।
দ্বিতীয় তলায় গেলে সেখানে আরেকজন তাকে বলেন, তার ভোট তৃতীয় তলার একটি কক্ষে দিতে হবে। তৃতীয় তলায় যাওয়ার পর তাকে আবার দ্বিতীয় তলার কক্ষে যাওয়ার জন্য বলা হয়।
এভাবে অন্তত আট মিনিট পার হওয়ার পর জানা যায়, প্রথমে যে ভোটকক্ষে তিনি এসেছিলেন, সেখানেই তার ভোট দিতে হবে। পরে ওই কক্ষেই ভোট দেন মামুনুল হক।

ভোট দেওয়ার এই 'বিড়ম্বনাকে' মামুনুল হক অবশ্য বলছেন, 'সামান্য ভুল বোঝাবোঝি'।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "ভোট কক্ষের সংখ্যার কারণে একটু হয়ত ভুল বোঝাবোঝি হয়েছে। এটা খুব একটা সমস্যা না।"
ভোট দেওয়ার পর সাংবাদিকদের মামুনুল হক বলেন, তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। কোনো রকম ‘অপ্রীতিকর’ ঘটনা না ঘটলে ভোটের ফলাফল যা-ই ঘটুক, তিনি তা মেনে নেবেন।
মামুনুল হকের ভাষ্য, "কৃত্রিম কোনো সংকট যদি না তৈরি করা হয়, স্বাভাবিক ভোটগ্রহণ যদি হয়। জনগণ যদি স্বতস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে ভোটের ফলাফল মেনে নেব এবং তা সবারই মেনে নেওয়া উচিত।"
ঢাকা ১৩ আসনে রাত থেকেই ‘কিছু অনিয়মের’ খবর পেয়েছেন দাবি করে তিনি বলেন, "সে বিষয়গুলো আমরা নিজেরা যাচাই করার সুযোগ পাইনি। আমরা প্রশাসনকে জানিয়েছি।"
12 Feb 2026, 09:29 AM
বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ ‘বড়’ একটি দিন: ইইউ পর্যবেক্ষক দলের প্রধান
বাংলাদেশের জাতীয় নির্বাচনের দিনকে একটি ‘বড়’ দিন বলে বর্ণনা করেছেন ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস।
পর্যবেক্ষণ শেষে তিনি বলেন, “বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি বড় দিন। আমরা সবাই সবার অংশগ্রহণের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচনের দিকে তাকিয়ে আছি।”
প্রাথমিক পর্যবেক্ষণের বিষয়ে জানতে চাইলে ইভার্স ইজাবস বলেন, “এখানে (সিদ্ধেশ্বরী গার্লস কলেজ) যথাসময়ে কেন্দ্র উন্মুক্ত হয়েছে। শুধু এই কেন্দ্র নয়, আমরা সারদেশের বিভিন্ন কেন্দ্রগুলোও নিবিঢ়ভাবে পর্যবেক্ষণ করছি।”
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন দীর্ঘমেয়াদি ও তথ্যভিত্তিক মূল্যায়ানে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।
২০০ সদস্যের এই প্রতিনিধি দলে ইইউ পার্লামেন্টের সদস্যরাও যুক্ত রয়েছেন।
12 Feb 2026, 09:18 AM
ভয়ের কিছু নেই, ভোট হবে উৎসবের: হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ ভোট দিয়েছেন দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
ভোট দেওয়া শেষে তিনি বলেন, “এখনো পর্যন্ত কোনো কেন্দ্র থেকে কোনো প্রক্রিয়াগত জটিলতার কথা আমার কাছে আসেনি। আমরা যেকোনো ধরনের শঙ্কা ও সহিংসতা মুক্ত থাকতে চাই।
“ভোট ভয়ের কিছু নেই, ভোট হবে উৎসবের। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। যার যাকে ইচ্ছা তাকেই ভোট দেবে। দেবিদ্বারে আমরা সামাজিক সৌহার্দ্য বজায় রাখবো।”
ভোটের পরিবেশ শেষ পর্যন্ত ভালো থাকবে আশা প্রকাশ করে হাসনাত বলেন, “গত দুদিন জুলাই আন্দোলনে হামলাকারীরাই ভোটারদের ভয় দেখানোসহ ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে।
“উৎসবমুখর পরিবেশ না থাকে তারা সে চেষ্টা করেছে। আশা করছি যতই বেলা গড়াবে আমরা বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছাব।”
12 Feb 2026, 09:10 AM
কেউ যেন ভিন্ন পথ অবলম্বনের চেষ্টা না করে: চট্টগ্রামে জামায়াতের প্রার্থী
ভোটে কেউ যেন ‘ভিন্ন পথ’ অবলম্বন না করে সেই আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. একেএম ফজলুল হক।
সকাল ৮টায় নগরীর জামালখানে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
ভোট দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফজলুল হক বলেন, "পরিবেশ এখনো শান্তিপূর্ণ আছে। সবাইকে আহ্বান জানাব যাতে জনগণের উপর আস্থা রাখে। যেই জিতবে, আমি স্বাগত জানাব। এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই।
"কেউ যাতে কোনো রকম ভিন্ন পথ অবলম্বনের চেষ্টা না করে। আমাদেরও সে ধরনের কোনো প্রোগ্রাম নাই।"
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে ৪ লাখ ১৬ হাজার ৪৬৩ জন ভোটার ১২১টি কেন্দ্রে ভোট দিচ্ছেন।
এই আসনের ১১জন প্রার্থী হলেন- বিএনপির আবু সুফিয়ান (ধানের শীষ), জামায়াতে ইসলামীর ডা. একেএম ফজলুল হক (দাঁড়িপাল্লা), জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র আবদুল মোমেন চৌধুরী (তারা), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস শুক্কুর (হাতপাখা), ইসলামিক ফ্রন্টের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ নঈম উদ্দিন (আপেল), নাগরিক ঐক্যের নুরুল আবছার মজুমদার (কেটলি), বাসদ (মার্কসবাদী) মো. শফিউদ্দিন কবির (কাঁচি), জনতার দল হায়দার আলী চৌধুরী (কলম) ও গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ (মাথাল)।
12 Feb 2026, 09:08 AM
দনিয়া কলেজ কেন্দ্রে বিলম্বে ভোট শুরু
সকাল সাড়ে ৭টার আগেই ভোটাররা আসেন রাজধানীর শনির আখাড়ার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে।
তিনটি ভবনে স্থাপিত কেন্দ্রগুলোর একটিতেও ভোট শুরু হয়েছে বিলম্বে। বেলা ৭টা ৫৫ মিনিটে প্রথম ব্যালট পান একটি রাজনৈতিক দলের এজেন্ট হেমায়েত উদ্দিন।
বিজয় ভবনের ৪২১ নম্বর কক্ষে তিনি ভোট দেন। তাকে ব্যালট পেপার দেওয়ার সময়েও ভোটের সরঞ্জাম প্রস্তুত করছিলেন অন্যান্য পোলিং অফিসাররা।
বিজয় ভবনে ভোট গ্রহণ শুরু হলেও তখনো একুশে ও স্বাধীনতা ভবনে ভোট গ্রহণ শুরু হয়নি। একুশে ভবনে ভোট গ্রহণ শুরু হয় আরো পরে ৮ টায়। ভবনটির ৩২১ নম্বর কক্ষে ভোটারদের ডাকা হয় ভোট দিতে।
কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘পোলিং এজেন্টরা আসতে দেরি করেছে। এজেন্টরাও আসছে দেরি করে। এজেন্ট দেরি করায় একটু দেরি হলো।
“সকাল সাড়ে ৭টায় আসছেন। এখনো অনেকে আসেনি। তারা না আসলে তো ব্যালট বাক্স, সিল ও ব্যালট বুঝে নিবে কারা-তাদের সামনেই তো বাক্স রেডি করা হবে।”
12 Feb 2026, 09:04 AM
ভোট চলছে ঢাবিতে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে দুটি পুরুষ ও নারীদের জন্য একটি কেন্দ্র।
দিনের শুরুতে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। নারীদের কেন্দ্রে ভিড় নেই।পুরুষের কেন্দ্রে কয়েকজনের লাইনে দেখা গেছে।
কেন্দ্রের বাইরে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের দুটি বুথ থাকলেও অন্য কোনো প্রার্থীর কোনো বুথ দেখা যায়নি।
তিন কেন্দ্রে প্রায় ২৯০০ ভোটার আছেন। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট চলার কথা জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা।
এ কেন্দ্রের অধিকাংশ ভোটার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মাচারী। অনেকে তাদের পরিবার নিয়ে ভোট দিতে এসেছেন।
শেওড়াপাড়া থেকে ভোট দিতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খুব ভালো পরিবেশ। এবার সত্যিকারের ভোট ভোট মনে হচ্ছে।”
প্রথমবার ভোট দিতে আসা শম্পা আক্তার বলেন, “জীবনের প্রথম ভোট দিলাম বেশ ভালো লাগছে। এ ভোটে যেন কারচুপি না হয় এটাই চাই। গত ১৫ বছরের মত ভোটটা না হয় এই প্রত্যাশায় রাখি।”
12 Feb 2026, 08:58 AM
গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: ফখরুল
ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো আজকে। আমরা আমরা আশা করি এই পথ মসৃণ ভাবে আগামী দিনগুলোতে বাংলাদেশের মানুষের জীবনকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে তার লক্ষ্যের দিকে নিয়ে যাবে।”
বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ কথা বলেন।
একই কেন্দ্রে ভোট দেন মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগম, বড় মেয়ে শামারুহ মির্জা, ছোট মেয়ে শাফারুহ মির্জা।

মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৫ বছর পরে ফ্যাসিস্ট শাসনের অবসানের পরে আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশে এই জাতীয় সংসদ নির্বাচনের শুভ দিন আজকে এবং শুভ সূচনা হলো।”
এই নির্বাচনকে অত্যন্ত ‘গুরুত্বপূর্ণ’ বর্ণনা করে তিনি বলেন, “এই নির্বাচন নির্ধারণ করবে এই দেশের ভবিষ্যৎ রাজনীতি কোনদিকে যাবে। ”
ফখরুল বলেন, “অনেক বাধা বিপত্তি পেরিয়ে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের দিনটির শুভ সূচনা হয়েছে।”
তিনি বলেন, “এই দিনটির জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলনের পর আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি ত্যাগ শিকার করে গেছেন। লক্ষ লক্ষ মানুষ পুলিশের হাতে নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, হত্যা হয়েছে। ”
মির্জা ফখরুল বলেন, “চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক প্রাণ হারিয়েছেন। এত আত্মত্যাগের পরে আজকের এই নির্বাচন।
“আশা করছি এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হবে। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে।”
12 Feb 2026, 08:55 AM
উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
দেশের আর সব নাগরিকের মত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও ভোট দিচ্ছেন।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গুলশান-২ এর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। সকাল ১০টার দিকে তার ভোট দিতে যাওয়ার কথা রয়েছে।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। বৃহস্পতিবার বেলা ১২টায় তিনি কেন্দ্রে যাবেন বলে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান জানিয়েছেন।
সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসভুক্ত একই এলাকার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেবেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার।
জালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভোট দেবেন গুলশান-২ এর গুলশান মডেল স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ভোট দেবেন রাজধানীর ধানমন্ডির একটি কেন্দ্রে।
রাজধানীর মিরপুর ১২ নম্বর এলাকার ই ব্লকের একটি কেন্দ্রে ভোট দেবেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
শ্যামলী শিশু মেলার কাছে একটি কেন্দ্রে ভোট দেবেন প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন রাজধানীর মহাখালী ডিওএসএইচ এলাকার একটি স্কুল কেন্দ্রে ভোট দেবেন।
উত্তরা ১০ নম্বর সেক্টর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোট দেবেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
চট্রগ্রাম মহানগরীর মেহেদীবাগের নিজ এলাকার ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন দুর্যোগ উপদেষ্টা ফারুক-ই-আজম।
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনও চট্টগ্রামের ভোটার। তবে জরুরি কাজ থাকায় তিনি ঢাকায় থেকে যাচ্ছেন বলে খবর দিয়েছে বাসস।
12 Feb 2026, 08:49 AM
মত প্রকাশের সুযোগ মানুষ হারাতে চায় না: ফারুক ই আজম
চট্টগ্রামে ভোট দিয়ে উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, ভোট দেওয়ার মাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করার এই যে অবারিত সুযোগ, এটা মানুষ হারাতে চায় না।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় নগরীর বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
ভোট দেওয়া শেষে উপদেষ্টা ফারুক ই আজম বলেন, “অনুভূতি অসাধারণ। গত দুদিন ধরে দেশ উৎসবে মেতে আছে। বাসে-ট্রেনে-লঞ্চে বাড়ি যাওয়া এটা অদৃষ্টপূর্ব। আগে তো আমরা দেখিনি এরকম একটা পরিস্থিতি।
“সারা জাতি উৎফুল্ল আনন্দিত, নিজেদের মতামত প্রকাশ করার এই যে অবারিত সুযোগ। এটা মানুষ হারাতে চায় না। আমরা আশা করছি আগামী ভবিষ্যতের একটা চমৎকার বাংলাদেশ। এটাই অব্যাহত থাকবে। জুলাইয়ের যেসমস্ত তরুণেরা নিজেদের আত্মত্যাগের মাধ্যমে এই সুযোগ করে দিয়েছে, তাদের প্রতি শহীদী আত্মার প্রতি সম্মান জানাই।”
12 Feb 2026, 08:42 AM
সরকার গঠনের ব্যাপারে আশাবাদী জামায়াত আমির
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে (বালক শাখা) কেন্দ্রে ভোট দিয়েছেন জামায়াত আমির শফিকুর রহমান।
তিনি সকাল সাড়ে ৮টায় সেখানে ভোট দেন। তার মিনিট দশেক আগে তিনি কেন্দ্রে প্রবেশ করেন।
ভোটের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শফিকুর রহমান বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর দেড় যুগ দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই। আমিও পারি নাই, ২০১৪ সাল, ’১৮ সাল, ’২৪ সাল জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পর আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রাব্বুল আলামীনের শুকরিয়া আদায় করি।
“আল্লাহ তায়ালা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেই দোয়া করি।”
জামায়াত আমির বলেন, “আমি বিশ্বাস করি, শুধু আমি না; বিশেষ করে যুবসমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, আজকের এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল।
“এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাসমুক্ত হোক, দখলমুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক- এটা আমরা দোয়া করি।”
জামায়াত আমির বলেন, “এই ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক, যে সরকার কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না; বরং যে সরকার হবে ১৮ কোটি মানুষের জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী, আপনারা আমাদের জন্য দোয়া করবেন।”
নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন কি না, এমন প্রশ্নের জবাবে শফিকুর বলেন, “আমি তো কেবল আসলাম, এই কেন্দ্রে এসে ভোটটা দিলাম। এখন বাকি কেন্দ্রগুলো দেখব, সারা দেশের খবর নেব।
“আমরা ছোটখাটো কোনো বিষয় হলে অবশ্যই এগুলোকে ইগনোর করবো। কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না এবং আমাদের যা করা প্রয়োজন, তাই করব। কারণ মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক, এটা আমরা কোনোভাবেই চাই না।”
ফল যাই হোক, মেনে নেবেন কি না? জবাবে শফিকুর রহমান বলেন, “হ্যাঁ, আমরা চাই সুষ্ঠু ভোটের মাধ্যমে রেজাল্ট যেটা হবে সেইটা। ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানবো অন্যদেরকেও মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা এটা চাই, আপনারা দোয়া করবেন।
“আজকের ভোটের আবারও সাফল্য কামনা করে সারা দেশবাসী প্রত্যেকটা ভোট যাতে শান্তিপূর্ণভাবে, নিরাপদে, নিঃশঙ্কচিত্তে সবাই দিতে পারে নারী-পুরুষ সবাই মিলে, এজন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। সবাই আসুন, যার যার ঘর থেকে বেরিয়ে এসে নিজের অধিকার প্রয়োগ করুন এবং রাষ্ট্র গঠনের আপনি গর্বিত অংশীদার হোন এবং আপনার দায়িত্বটাও আপনি পালন করুন।”
ভোটের আগের দিন বিভিন্ন জায়গায় টাকাসহ জামায়াত নেতাদের আটকের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “আপনাদের মিডিয়া এক ধরনের নিউজ সবাই মানে পরিবেশন করে না। মিডিয়ার মধ্যেও একই নিউজ ভিন্নভাবে পরিবেশন হচ্ছে।
“কেউ যদি অপরাধ করে থাকে, সে আমি হলেও আমি এই অপরাধের বিপক্ষে। কিন্তু অপরাধ নয়, সেটাকে আবার জোর করে অপরাধ বানানো- সেটা আরেকটা বড় অপরাধ। তো সেটা আছে, আমাদের এখানে মেলপ্র্যাকটিস আছে।”
12 Feb 2026, 08:37 AM
‘ঈদ ঈদ লাগছে'
ঢাকা-৬ আসনের টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবার প্রথম নারী হিসেবে ভোট দিয়েছেন আইনজীবী মাসুমা আক্তার।
তিনি বললেন, “১৭ বছর পর ভোট দিয়েছি। এত বছর পর ভোট দিয়ে ঈদ ঈদ লাগছে।”
মাসুমার কথায়, “নতুন বাংলাদেশে ভোট দিয়ে অনেক ভালো লাগছে। আমাদের ত্যাগের বহিঃপ্রকাশ, এটাই চেয়েছিলাম।”
পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন জানিয়ে তিনি বলেন, “যিনি নির্বাচিত হবেন, তার কাছে প্রত্যাশা থাকবে এই এলাকাটা যেন সুন্দর করে সাজান।”
ভোট দিতে সকাল থেকেই কেন্দ্রে আসা শুরু করেছেন ভোটাররা। ভোট দিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। অনেককে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
এ আসনে বিএনপি থেকে লড়ছেন ইশরাক হোসেন, জামায়াত জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন আব্দুল মান্নান। এছাড়া লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির আমির উদ্দিন আহমেদ (ডালু), মাছ প্রতীক নিয়ে গণফ্রন্টের আহম্মেদ আলী শেখ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মো. ইউনুস আলী আকন্দ এবং গণঅধিকার পরিষদের ফখরুল ইসলাম ভোটের মাঠে আছেন।।
12 Feb 2026, 08:21 AM
‘সবাই ভোট দিন’
চট্টগ্রামের ১৬টি আসনে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সকালে ভোটারদের জটলা দেখা গেছে।
এখানে ভোট দেওয়া শেষে কাজীর দেউড়ির শাহেদ বক্স বললেন, “ভোট দিয়েছি, কোনো সমস্যা হয়নি। তবে ভোটার ক্রম খুঁজে বের করতে একটু সময় লেগেছে। দুটি ব্যালট দিয়েছে। দুটোতেই ভোট দিয়েছি।”
আরেক ভোটার চৌধুরী মোহাম্মদ রিফাত বলেন, “ভোট দিয়েছি। কোনো সমস্যা হয়নি। যারা জুলাইয়ের পক্ষে, তারা একরকম দিবে। বাকিরা অন্য রকম দিবে। তবে সবাই ভোট দিন।”
চট্টগ্রাম-৯ আসনেরর বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৭টায় ভোট দেন উপদেষ্টা ফারুক ই আজম।
চট্টগ্রাম-১৩ আনোয়ারা আসনের বড় উঠান ইউনিয়নের দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের চারটি বুথে ভোটগ্রহণ চলছে। শুরুতেই ৭০ থেকে ৮০ জনকে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে দেখা যায়।
ষাটোর্ধ মোহাম্মদ হাসান ভোট দিতে এসে বলেন, “অনেকদিন পর ভোট দিতে এসেছি। গত দুই নির্বাচনে ভোট দিতে পারিনি। আমি খুশি।”
এই কেন্দ্রে ভোট দেওয়া ৩২ বছর বয়সি আতাউল্লাহ বলেন, “প্রথমবারের মতো ভোট দিতে পেরে আনন্দিত। এ কেন্দ্রে আমিই প্রথম ভোট দিয়েছি।”
প্রিজাইডিং অফিসার কৌশিক চাকমা বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ২৫৮২ জন, এর মধ্যে পুরুষ ১৪২০ এবং নারী ভোটার ১১৬২ জন।
চট্টগ্রাম জেলার ১৬টি আসনে এবার মোট ভোটার ৬৬ লাখ ৮৫ হাজার ১২৫ জন। ৩৪ লাখ ৮৫ হাজার ৬৫ জন পুরুষ এবং ৩১ লাখ ৯৯ হাজার ৯৯১ জন নারী। এছাড়া হিজড়া ভোটার আছেন ৬৯ জন।
১০টি আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বুধবার বলেছিলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবার ভালো। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর ৪০ হাজারের বেশি ফোর্স, ১১৫ জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করছে। তাদের অধীনে স্ট্রাইকিং ফোর্স কাজ করছে।”
চট্টগ্রাম-৪, ৫, ৮, ৯ ও ১০ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিন বুধবার সাংবাদিকদের বলেছিলেন, “এবারের নির্বাচনের প্রস্তুতি দেশের অতীতের সব নির্বাচনের চেয়ে বড় প্রস্তুতি।”
12 Feb 2026, 08:12 AM
‘ভোটের পরিবেশ খুব ভালো’
মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ (বালক শাখা) কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করছেন ভোটাররা।
ভোট দেওয়ার পর এক নারী বললেন, “ভোটের পরিবেশ ভালো। খুব ভালো।”
পছন্দের প্রার্থীকে ভোট দিতে সমস্যায় পড়তে হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে বললেন, “না, না। সব ঠিক আছে।"
৫৮ বছর বয়সী জান্নাত আরা বেগম ভোটের পর বললেন, “সবকিছু সুন্দর। আলহামদুলিল্লাহ। ভোট দিতে পেরে খুব ভালো লেগেছে।”
অনেক বছর পর ভোট দিতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
বিগত সরকারের আমলে ভোট দেননি? উত্তর দিতে গিয়ে এই নারী বললেন, “তখন ভোট দিতে পারিনি।”
সদ্য কলেজের গণ্ডি পার হয়ে নুসাইবা ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে নেমেই হয়েছেন ভোটার।
ভোট দেখতে এসে তিনি বললেন, ‘এক্সাইটেড’।
নতুন সরকারের কাছে কী প্রত্যাশা? নুসাইবা বললেন, “সৎ থাকা। অনেস্ট থাকা।”
বাবার সঙ্গে কেন্দ্রে এলেও তিনি ঢাকার বাইরের ভোটার হওয়ায় ভোট দিতে না পারার আক্ষেপ প্রকাশ করেন তিনি।

এ কেন্দ্রে প্রথম ভোট দেন তানজিলা বেগম। সকাল সাড়ে ৮টায় এ কেন্দ্রে জামায়াত আমির শফিকুর রহমানের ভোট দেওয়ার কথা রয়েছে।
এবার প্রথমবার ভোট দিয়েছেন ফারিয়া তাবাচ্ছুমও। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়া ফারিয়া এসেছেন তার মা, দাদা ও চাচির সঙ্গে।
ভোট দিতে এসে তিনি বলেন, “খুব ভালো লাগছে। আমি মার সঙ্গে এসেছি। উৎসবমুখর পরিবেশ ভোট দিতে পারছি। আমার দাদু ও চাচিও এসেছি। পুরো পরিবার একসাথে এসেছি।”
তার মা আমেনা ফেরদৌসও বললেন, এবার প্রথম ভোট দিচ্ছেন।
আগে কেন ভোট দেননি, এমন প্রশ্নে তিনি বললেন, “আগে পরিবেশ ছিল না। ভোট দিতে পারিনি। এবার পুরো পরিবার একসাথে ভোট দিচ্ছি। খুবই সুন্দর পরিবেশ। ভালো লাগছে খুব।”
12 Feb 2026, 08:04 AM
ভোটকেন্দ্র থেকে সরাসরি
ঢাকার শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট চলছে।
12 Feb 2026, 07:51 AM
ভোট দিচ্ছে চট্টলা
রাজনীতির নয়া মেরুকরণে নিজেদের প্রতিনিধি নির্বাচনের ভোট দিচ্ছেন চট্টগ্রামের ভোটাররা।
বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার রেজাউল করিম জানান, সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা তিন হাজার ৪৪ জন, যাদের মধ্যে এক হাজার ৫৫৪ জন পুরুষ ও এক হাজার ৪৯৩ জন নারী ভোটার।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৯৩৪ জন। ১১২টি কেন্দ্রে তারা ভোট দেবেন।
এই আসনে বিএনপি'র বিদ্রোহী প্রার্থীসহ মোট সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মোহাম্মদ জহিরুল ইসলাম (দাঁড়িপাল্লা), ইসলামিক ফ্রন্টের আবদুল মালেক (চেয়ার), মুসলিম লীগের এহছানুল হক (হারিকেন), গণঅধিকার পরিষদের আরিফুল হক (ট্রাক), ইসলামী আন্দোলনের হাফেজ রুহল্রাহ (হাতপাখা) ও বিএনপি'র বিদ্রোহী স্বতন্ত্র প্রাথী মোহাম্মদ লেয়াকত আলী (ফুটবল)।
চট্টগ্রাম জেলার ১৬টি আসনে এবার মোট ভোটার ৬৬ লাখ ৮৫ হাজার ১২৫ জন। ৩৪ লাখ ৮৫ হাজার ৬৫ জন পুরুষ এবং ৩১ লাখ ৯৯ হাজার ৯৯১ জন নারী। এছাড়া হিজড়া ভোটার আছেন ৬৯ জন।

12 Feb 2026, 07:30 AM
ভোটগ্রহণ শুরু
চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর প্রথম নির্বাচনে ভোট দিচ্ছে বাংলাদেশ। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পাশাপাশি সংস্কার প্রশ্নে হচ্ছে গণভোট।
দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এই নির্বাচন ঠিক করে দেবে–আগামী ৫ বছর কারা দেশ শাসন করবে। গণভোটের ফলাফল ঠিক করে দেবে, কেমন হবে আগামীর বাংলাদেশ।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হয়েছে। কোথাও কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে নির্বিঘ্ন পরিবেশ বজায় থাকবে শেষ পর্যন্ত-এটাই আশা করি।”
ভোটে কোনোধরনের কারচুপি বরদাশত করা হবে না জানিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী সতর্কতার সাথে কাজ করছে। হেলিকপ্টার, ড্রোন, বডিওর্ন ক্যামেরা ও সিসি ক্যামেরা নিয়ে মনিটর করছি আমরা। আলহামদুলিল্লাহ। ছোটেখাটো ঘটনার বাইরে কোনো সমস্যা দেখছি না।”
এ নির্বাচন কমিশনার বলেন,আইনশৃঙ্খলা বাহিনী, ভোটগ্রহণ কর্মকর্তা- সবাই সিনসিয়ারলি কাজ করছে।
“ভালো ভোট সবার প্রত্যাশা—ইনশাল্লাহ ভালো নির্বাচন হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেটরা টহলে রয়েছে; বিভিন্ন জেলায় আচরণ পরিপন্থি যারা কাজ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জালভোট, ভোটারদের বাধা দেওয়া এবং ভোট কেনাবেচার সাথে যারাই জড়িত হবে, তাদের ধরে আইনের আওতায় আনা হবে। নির্বাচনি সংস্কৃতি নতুনভাবে সাজাতে, পরিবর্তন আনতে আমরা সক্ষম হব।”

12 Feb 2026, 07:07 AM
ভোট শুরুর অপেক্ষা
শুভ সকাল। আধাঘণ্টার মধ্যে শুরু হবে ভোট। বিভিন্ন কেন্দ্রের সামনে ভোটাররা জড়ো হয়েছেন। এখনও কেন্দ্র খোলা হয়নি।

12 Feb 2026, 02:04 AM
ফল একত্রীকরণ ও ঘোষণা কীভাবে

ভোটগ্রহণের পর দ্রুত সময়ের মধ্যে ফল একীকরণের কাজ শেষ করার নির্দেশনা রয়েছে ইসির।
প্রার্থী ও এজেন্টদের আগেই ফল একত্রীকরণের স্থান ও সময় নোটিসের মাধ্যমে জানিয়ে দেবেন রিটার্নিং কর্মকর্তা।
প্রিজাইডিং অফিসারের পাঠানো সাধারণ ভোটকেন্দ্রের ফল বিবরণী (ফরম-১৬) এবং পোস্টাল ব্যালটের (দেশের ও বিদেশের) ফল বিবরণী (ফরম-১৬ক) একসঙ্গে যোগ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ফল প্রস্তুত হবে।
প্রিজাইডিং অফিসার যেসব ব্যালট পেপার বাতিল করেছেন, ফল একত্রীকরণের আগে প্রয়োজন মনে করলে তা পরীক্ষা করতে পারেন রিটার্নিং কর্মকর্তা।
নির্বাচনের ফল ঠিক হওয়ার পর অবশ্যই ইসি সচিবালয়ে একীভূত ফল বিবরণীসহ একটি রিটার্ন (গেজেট প্রকাশের জন্য) পৌঁছানোর ব্যবস্থা নেবেন রিটার্নিং কর্মকর্তা। একইসঙ্গে গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচিত প্রার্থীর নাম প্রকাশ করতে হবে।
12 Feb 2026, 01:56 AM
লেনদেন থেকে যাতায়াত: ভোট ঘিরে দেশজুড়ে কঠোর বিধিনিষেধ
12 Feb 2026, 01:54 AM
কেমন ছিল পরিবেশ

ছোটখাটো সহিংসতা হলেও ভোটের আবহাওয়া ছিল উৎসবমুখর; মিছিল-সমাবেশের সঙ্গে তুমুল কথার লড়াই বিতর্কের জন্ম দিলেও তা বেশি দূর গড়ায়নি।
তবে নির্বাচনের আগের দিন এসে টাকা দিয়ে ভোট কেনার কয়েকটি ঘটনায় ভোটের উৎসব খানিকটা ম্লান করে দিয়েছে।
এদিন সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা-৬ আসনের একটি ভোটকেন্দ্রের সামনে ‘টাকা বিতরণের’ অভিযোগে একই দিন কারাদণ্ড হয় আরেক জামায়াত নেতার।
টাকায় দিয়ে ভোট কেনার অভিযোগে জামায়াত নেতা আটক হয়েছেন কুমিল্লাতে। একই জেলার চৌদ্দগ্রামে একই ধরনের অভিযোগে বিএনপির দুই কর্মীও আটক হয়েছেন।
ফলে ভোট উৎসবে যোগ দিতে যাওয়া মানুষের মধ্যে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে একটা শঙ্কা এখনও কিছুটা হলেও রয়ে গেছে।
তবে ভোটারদের সেই শঙ্কা ও দ্বিধা ভুলে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন।
এবারের ভোট নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের অন্তত ২০ জনের সঙ্গে কথা বলেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। তাদের মধ্যে নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।
ভোটারদের কেউ কেউ আইনশৃঙ্খলা নিয়ে আশঙ্কার কথা বললেও কেউ আবার নির্ভার রয়েছেন।
কুমিল্লার দেবিদ্বারের বাসিন্দা বেসরকারি চাকরিজীবী রবিউল আউয়াল বিজয় মনে করেন, চব্বিশ পরবর্তী এই নির্বাচন আর দশটা নির্বাচনের মতো হবে না।
“এই নির্বাচনে পূর্ণ গণতান্ত্রিক মতামতের প্রতিফলন ঘটবে, কিংবা টেকসই কোনো সংস্কার হবে বলে আমি বিশ্বাস করি না। তবুও দীর্ঘদিনের গণতান্ত্রিক শূন্যতা কাটিয়ে উঠতে এবং নতুন এক গণতান্ত্রিক যাত্রা শুরুর জন্য এই নির্বাচন একটি মাইলফলক হবে।”
কেউ কেউ আবার ভোট নিয়ে তেমন আগ্রহ পাচ্ছেন না। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাইসা তাবাসসুম এবারই প্রথম ভোটার হয়েছেন। কিন্তু ভোট নিয়ে তার মধ্যে তেমন কোনো আগ্রহ নেই।
রাইসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, “ভোট দেব কিনা, এখনও জানি না।”
অন্যদিকে উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া আক্তার মিম ভোট নিয়ে আশাবাদী।
তার ভাষ্য, “জেন-জিরা যেহেতু একটা ‘বিপ্লব’ করেছে, আমার মনে হয় এবার ভোট হবে একটু আলাদা।”
একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইরিনার ভাষ্য, “এবার রাতের ভোট হবে না, একটু ফেয়ার নির্বাচন হবে, এটাই আশা করি।”
এবার তফসিল ঘোষণার পর থেকে ৩১৭টি নির্বাচনি সহিংসতায় পাঁচজন নিহত এবং ৬১৩ জন আহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ। তবে ভোটের সহিংসতায় ১৫ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে টিআইবির পরিসংখ্যানে।
এর মধ্যে তফসিল ঘোষণার পরদিন ঢাকায় গুলিবিদ্ধ হয়ে সপ্তাহ খানেক পরে প্রাণ হারান ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া শরীফ ওসমান হাদি। শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে প্রাণ গেছে এক জামায়াত নেতার।
নির্বাচন সামনে রেখে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত না হওয়া, আইন-শৃঙ্খলা পরিস্থিতির যথাযথ উন্নতি না হওয়া, প্রশাসনের ‘পক্ষপাত’সহ নানা ধরনের অভিযোগ নিয়ে কমিশনের সমালোচনা করেছে অনেক প্রার্থী ও দল।
ভোট ভণ্ডুলের মতো নানা শঙ্কা, গুজব মাড়িয়ে নির্বাচনের ট্রেন ভালোভাবে স্টেশনে পৌঁছানোকে নির্বাচন কমিশনের ‘সফলতা’ হিসেবে বর্ণনা করে বিশ্লেষক আব্দুল আলীম বলেন, “মানুষের মধ্যে শুরুতে একটা ধারণা ছিল যে পরিস্থিতি খারাপ হবে, নির্বাচন বন্ধ হয়ে যাবে, ভণ্ডুল হয়ে যাবে ইত্যাদি। কিন্তু বড় রকমের আর কোনো ঘটনা ঘটেনি; তারা নির্বাচনকে ভণ্ডুল করতে পারেনি। কাজেই এটা কিন্তু একটা বড় সফলতা।”
আব্দুল আলীম বলেন, “আরেকটা বড় জিনিস হচ্ছে যে, মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী আছে, যেটা গত কয়েকটা নির্বাচনে দেখা যায়নি। তাদের উপস্থিতিও জনমনে এক ধরনের আশা।
“অর্থাৎ যদি শঙ্কার কোনো একটু থাকে, সেটা দূর করতে সাহায্য করবে। তারা তো বিভিন্ন আসনে রাস্তায়, অলিতে-গলিতে টহল দিচ্ছে।”
অতীতের সঙ্গে তুলনা করে এবার ভোটের পরিবেশ স্বাভাবিক দেখলেও শেষ মুহূর্তে ‘টাকার ছড়াছড়ি’ শুরু হয়ে যাওয়ার উদ্বেগ তৈরি হওয়ার কথা বলছেন বিশ্লেষক আসিফ শাহান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশে তো সংঘাত সবসময় হয়ে আসছে। অন্যান্য নির্বাচনের সঙ্গে তুলনা করলে আমার মনে হয়, পরিস্থিতি স্বাভাবিকই আছে। যদিও আমরা দেখতেছি, টাকার বিস্তারটা শুরু হয়ে গেছে।
“প্রশাসনকে খুবই সতর্ক হতে হবে, যেন টাকা দিয়ে ভোটের সিদ্ধান্তটা নির্বাচিত না হয়। এবং আমি মানুষের উপর বিশ্বাস রাখি যে, টাকাপয়সা বিষয় না, মানুষ যাকে চাইবে, তাকেই ভোট দেবে।”
12 Feb 2026, 01:52 AM
পালাবদলের জনরায়

ঘটনাবহুল অন্তর্বর্তী সময় পেরিয়ে নির্বাচিত সরকারের দিকে যাত্রায় এবারের নির্বাচন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর মানুষের ভোট দেওয়ার সুযোগ তৈরি হওয়াই এই নির্বাচনের প্রধান বৈশিষ্ট্য।
সেই সুযোগের পাশাপাশি রাষ্ট্র কাঠামো সংস্কারের গণভোটের কারণে এবারের জনরায় তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষক ও গবেষক অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের এই অধ্যাপক বলেন, “২০১৪ থেকে, মানে ২০০৮ এর পরে বেইসিকলি তো আমরা আর ভোট দিতে পারিনি। এটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার একটা সুযোগ।
“একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক ব্যবস্থার দিকে আমরা আবারও যাত্রাটা শুরু করতেছি। এ কারণে নিজের মতামতটা জানানো খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার প্রতিনিধি যদি আপনি নির্বাচন করতে না পারেন, তাহলে গণতন্ত্রের মূল সূত্রটা, আপনার ন্যূনতম ক্ষমতা প্রয়োগের সুযোগ বা অবাধ-নিরপেক্ষ নির্বাচন, সেটিতো আপনি বাস্তবায়ন করতে পারছেন না।”
আসিফ শাহান বলেন, “গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এর মাধ্যমে নির্ধারণ হবে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রের কাঠামোটা কী রকম হবে।
“আমরা যে ক্ষমতার ভারসাম্যের কথা বলে আসছি, ক্ষমতা-বণ্টনের কথা বলে আসছি, এটা আমরা পেতে যাচ্ছি কি-না, এটা কতখানি সেটার পক্ষে আমরা আছি-কি নাই, সেটার একটা স্পষ্ট সংকেত দেওয়ার সুযোগ হচ্ছে এই নির্বাচন।”
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০৮ সালের নির্বাচনে বিপুল ভোটে ক্ষমতায় আসার পর ২০১১ সালে সংবিধান সংশোধন করে সেই ব্যবস্থাই বাতিল করে দেয় আওয়ামী লীগ সরকার।
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচন আয়োজন করা হয় আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়।
এর মধ্যে দশম ও দ্বাদশ জাতীয় নির্বাচনের নির্দলীয় সরকারের দাবি পূরণ না হওয়ায় নির্বাচনে অংশ নেয়নি বিএনপিসহ বেশিরভাগ বিরোধী রাজনৈতিক দল।
তাদের বর্জনের ফলে দশম নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৫৩টিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়ে যান। সেই সংসদকে ‘বিনা ভোটের সংসদ’ আখ্যা দেয় ভোট বর্জন করা বিএনপি।
বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর একটি অংশ জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ উঠে। অধিকাংশ ভোট আগের রাতে হয়ে যাওয়ার অভিযোগের মধ্যে বিরোধীরা মাত্র সাতটি আসনে জয় পায়। সে নির্বাচনের নাম হয় ‘নিশি রাতের নির্বাচন’।
২০২৪ সালের জানুয়ারিতে বিএনপি ও সমমনাদের বর্জনে দ্বাদশ জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক দেখাতে শরিক ও বিরোধীদল জাতীয় পার্টির জন্য আসন ছেড়ে দেয় আওয়ামী লীগ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয় ক্ষমতাসীন দলের প্রার্থীদের সঙ্গে দলের ‘বিদ্রোহীদের’। এ নির্বাচনের নাম হয় ‘আমি আর ডামি’ নির্বাচন।
প্রশ্নবিদ্ধ ওই তিন নির্বাচনেই আওয়ামী লীগ জয়ী হয় এবং ১৫ বছরের বেশি সময় ধরে দেশ শাসন করে যায়। শেষ পর্যন্ত ২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। বিলুপ্ত করা হয় দ্বাদশ সংসদ।
বিতর্কিত এই তিন ভোটের অনিয়ম তদন্তে গঠিত কমিশনের সদস্য আব্দুল আলীম বলেন, “এই নির্বাচনটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হবে, এটাকে বলা যেতে পারে ‘জনগণের নির্বাচন’। লক্ষ্যটা হচ্ছে পরিবর্তন, এ নির্বাচন দিয়ে তো সব পরিবর্তন হবে না। তবে পরিবর্তনের লক্ষ্যের জন্য নির্বাচন।”
এ নির্বাচন বিশ্লেষক বলছেন, গত যে তিনটা নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু জনগণের ভোটের অধিকার বা সুযোগ ছিল না।
এর ব্যাখ্যায় আব্দুল আলীম বলেন, ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে অনেক মানুষের ভোট দেওয়ার সুযোগ ছিল না। তারপরে ২০১৮ সালে অনেকে ভোট দিতে পারেনি, ভোট কেন্দ্র থেকে ফিরে এসেছে। দ্বাদশ সংসদ নির্বাচনে ২০২৪ সাল-এটা প্রতিযোগিতা ছিল না, অনেক ভোটার কেন্দ্রেই যায়নি। যাওয়ার প্রয়োজন মনে করে নাই, কারণ তারা বুঝতে পেরেছিল যে ফলাফলটা কি হতে যাচ্ছে।
“এ বছর যেটা হচ্ছে-ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ‘জনগণের নির্বাচন’। এ নির্বাচনে ভোটাররা কেন্দ্রে যাবে, তারা নিজের ভোটটা নিজে দিবে। বিশেষ করে এই যে সাড়ে ৪ কোটি ফার্স্ট টাইম ভোটার, আমার ধারণা তাদের ৯৯% ভোটার কেন্দ্রে যাওয়ার জন্য মুখিয়ে আছে। এটা একটা নতুন জিনিস,” বলেন আব্দুল আলীম।
আওয়ামী লীগ ভোটে না থাকায় ফলাফলের গ্রহণযোগ্যতার ওপর প্রভাব পড়বে কি না, সে বিষয়ে বুধবার বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের উদ্দেশে নির্বাচন কমিশনের ব্রিফিংয়ে জানতে চান এক সাংবাদিক।
প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটার উপস্থিতি কমার কোনো সম্ভাবনা দেখছেন না। আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও তাদের শরিক দল অংশ নিচ্ছে।
12 Feb 2026, 01:48 AM
ভোটের পথরেখা
বিরোধীদের বর্জনের মধ্যে ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে। তবে ছয় মাস পরে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের প্রায় দেড় বছর পর ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজন করল।
গেল ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে টানা দুই মাস ভোটের কাজ এগিয়ে নিয়েছে নির্বাচন কমিশন।
ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতার এই নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে সংসদ নির্বাচন ও গণভোট হচ্ছে। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত হয়েছে।
বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৫০টি দল ভোটে রয়েছে। দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে ভোটের মাঠে নেমেছেন ২০২৮ প্রার্থী।
লন্ডনে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে বিপুল সংবর্ধনায় দেশে ফিরে এবার নির্বাচনি যাত্রায় নেমেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশ গঠনের ‘পরিকল্পনা’ নিয়ে দেশে আসার কথা তুলে ধরে তিনি বলেছিলেন, এক্ষেত্রে দেশবাসীর সমর্থন চান তিনি।
তার দেশে ফেরার পাঁচ দিনের মাথায় মারা যান তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া; নির্বাচনি আমেজের মধ্যে তার এই বিদায়ে নির্বাচনে দলের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান।

ভোটের মাঠে নেমে আওয়ামী লীগ সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক কয়েকটি দলের সঙ্গে আসন সমঝোতা করেছে বিএনপি। তাদের আটটি আসন ছেড়েছে দলটি।
২২ জানুয়ারি সিলেটের আলীয়া মাদ্রাসা থেকে নির্বাচনি প্রচার শুরু করে সারাদেশের বিভিন্ন জায়গায় জনসভা করেছেন বিএনপি চেয়ারম্যান।
ভোটের প্রচারে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও ধর্মের নামে রাজনীতি করা দলকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তারেক রহমানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শরিয়াহ আইন প্রতিষ্ঠার কথা বলে এতদিন রাজনীতি করে আসা জামায়াতকে নতুন রূপে দেখানোর চেষ্টা প্রচারের সময় করেছেন তিনি।

ভোটের মাঠে বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের দল এলডিপির পাশাপাশি জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে থাকা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপিকে সঙ্গী করেছে জামায়াত। প্রার্থী করা হয়েছে একজন হিন্দু ধর্মাবলম্বীকেও।
ক্ষমতায় গেলে নারীদের অধিকার প্রতিষ্ঠার কথা জামায়াত বললেও ভোটের প্রচারের সময় নারীদের নিয়ে জামায়াত আমিরসহ কয়েক নেতার বিভিন্ন বক্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
জামায়াতের আমিরও ভোটের প্রচারে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়িয়েছেন; দিয়েছেন দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস।
দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, এমন ইঙ্গিত দেওয়া হয়েছে কয়েকটি জরিপে। তবে ফল ঘোষণা পর্যন্ত অপেক্ষার কথাও বলছেন জরিপকারীরা।
12 Feb 2026, 01:46 AM
কী বলেছিলেন প্রধান উপদেষ্টা
ভোটের আগে মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
12 Feb 2026, 01:45 AM
গণতান্ত্রিক রূপান্তরের স্বপ্নে ভোটের পথে বাংলাদেশ

রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের ঘটনাবহুল সময় পেরিয়ে গণতান্ত্রিক রূপান্তরের স্বপ্নে ভোট দিতে যাচ্ছে বাংলাদেশের মানুষ।
দেশ যখন নতুন বাস্তবতার মুখোমুখি, তখন অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেই ভোটের মাঠে। প্রায় দেড় দশক টানা দেশ শাসন করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন।
দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা আরেক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিরবিদায় নিয়েছেন।
চির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারই দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামী।
রাজনীতির এই নয়া মেরুকরণের মধ্যে দেশ পরিচালনায় নতুন নেতা বেছে নিতে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দেবেন দেশের মানুষ; এর সঙ্গে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে মতামত জানাবেন গণভোটে।
আওয়ামী লীগ সরকারের অধীনে তিনটি ‘বিতর্কিত’ নির্বাচনের পর পরিবর্তনের লক্ষ্যে আয়োজিত এই ভোটে মানুষের মধ্যে বিপুল উৎসাহ যেমন দেখা যাচ্ছে, তেমনি সংঘাতের শঙ্কাও উঁকি দিচ্ছে অনেকের মনে।
বিশ্লেষকের চোখে তাৎপর্যপূর্ণ এই ভোট জনগণের একটা বড় অংশের সমর্থন থাকা আওয়ামী লীগকে বাদ দিয়ে কতটা অংশগ্রহণমূলক হবে?
নির্বাচন কমিশন ও সরকার বলছে, ভোটার উপস্থিতির হারে মিলবে সেই প্রশ্নের উত্তর।
সারাদেশে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্র ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আহ্বান এসেছে কমিশনের তরফে।
সংসদ নির্বাচন ও গণভোটকে শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য করতে অন্তর্বর্তীকালীন সরকার ‘সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ’, এ কথা আবার বলেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
পাশাপাশি এই ভোট যেন তরুণসহ সব ভোটারদের কাছে উৎসবমুখর গণতান্ত্রিক অভিজ্ঞতায় পরিণত হয়, তা নিশ্চিত করার দায়িত্ব সবার বলে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।
বুধবার নির্বাচন উপলক্ষে দেওয়া বাণীতে সরকারপ্রধান বলেন, “এ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমাদের বিশেষভাবে স্মরণ রাখতে হবে যে, দেশের বিপুলসংখ্যক তরুণ নাগরিক এবারই প্রথম তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে পূর্ণবয়স্ক অনেক নাগরিকও দীর্ঘদিন ধরে প্রকৃত অর্থে ভোট প্রদানের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন।
“তাই এ গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন যেন প্রতিটি ভোটারের কাছে একটি আনন্দময়, শঙ্কামুক্ত, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর গণতান্ত্রিক অভিজ্ঞতায় পরিণত হয়-তা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। এ লক্ষ্য অর্জনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ।”
তিনি এ নির্বাচনকে ‘দীর্ঘ সময় ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত’ জাতির জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও আত্মমর্যাদার ঘোষণা দিয়েছিল সে ‘আকাঙ্ক্ষার চূড়ান্ত’ ও ‘প্রাতিষ্ঠানিক বহিঃপ্রকাশ’ হিসেবেও দাবি করেন।
12 Feb 2026, 12:52 AM
ভোটের আগে যা বললেন সিইসি
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের ফল যাই হোক, তা মেনে নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
12 Feb 2026, 12:49 AM
অপেক্ষা ভোটের
12 Feb 2026, 12:39 AM
ভোট দেবেন যেভাবে
>> ভোটের আগে আপনার ভোটার নম্বর, ভোটকেন্দ্র ও ক্রমিক নম্বর জেনে নিন।
>> ভোটার নম্বর ও প্রয়োজনীয় তথ্য জানতে ১০৫ নম্বরে কল করুন। স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপের মাধ্যমেও এসব তথ্য মিলবে।
>> ভোটকেন্দ্রে যাওয়ার সময় ভোটার নম্বর সঙ্গে রাখুন বা ভোটার স্লিপ সংগ্রহ করতে পারেন।
>> ভোটের দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টার মধ্যে নির্ধারিত ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে।
>> ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের লাইনে দাঁড়াতে হবে।
>> আপনার পালা এলে ভোটগ্রহণ কর্মকর্তা ভোটার হিসেবে শনাক্ত করবেন।
>> ভোটারের বাম হাতে বৃদ্ধাঙ্গুলিতে অমোচনীয় কালির চিহ্ন দেওয়া হবে।
>> এবারের নির্বাচনে দুটি ব্যালট পেপার দেওয়া হবে।
>> সংসদ নির্বাচনের জন্য সাদা ব্যালট পেপার ও গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপার থাকবে।
>> ব্যালট পেপারে অফিসিয়াল সিল ও সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর থাকবে। এরপর গোপন কক্ষে গিয়ে ভোট দিতে হবে।
>> পছন্দের প্রার্থীর প্রতীকের ঘরে নির্ধারিত সিল দিতে হবে।
>> সিল দেওয়ার পর সিলের কালি যাতে অন্য প্রতীকের ঘরে না লাগে সেভাবে ভাঁজ করতে হবে। এজন্য সিল দেওয়া প্রতীকের মাঝামাঝি ভাঁজ দিয়ে ব্যালট বাক্সে দুটি ব্যালট ফেলতে হবে।
12 Feb 2026, 12:38 AM
কেন্দ্র কোথায়, ভোটার নম্বর কত? জানবেন যেভাবে

ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানতে এবার চারটি পদ্ধতি চালু করেছে ইসি।
পদ্ধতি ১: স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ
এই অ্যাপে গিয়ে ড্যাশবোর্ড থেকে ‘এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ বাছাই করতে হবে। এরপর ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে গিয়ে এনআইডি নম্বর এবং জন্ম তারিখ ইনপুট দিলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।
পদ্ধতি ২: হটলাইন নম্বর ১০৫
দেশের যেকোনো স্থানের ভোটার হটলাইন নম্বর ১০৫ এ ফোন করে ভোটার নম্বর ও কেন্দ্রসম্পর্কিত তথ্য জানতে পারেন। কল করার পর ৯ চাপলেই অপারেটরের সঙ্গে কথা বলে তথ্য পাওয়া যাবে। হটলাইনে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ জানাতে হবে। এই পরিষেবা প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চালু থাকবে।
পদ্ধতি ৩: ১০৫ নম্বরে এসএমএস
ভোটাররা তাদের মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে ‘PC NID’ লিখে ১০৫ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি বার্তায় ভোটার নম্বর ও তাদের ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।
পদ্ধতি ৪: ইসি ওয়েবসাইট (ecs.gov.bd)
নির্বাচন কমিশনের ওয়েবসাইট ব্যবহার করেও ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এ জন্য ল্যাপটপ, ডেক্সটপ কম্পিউটার বা মোবাইলের যেকোনো ব্রাউজার থেকে (ecs.gov.bd) ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
এরপর ওয়েবসাইটের ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করলেই ভোটকেন্দ্র অনুসন্ধানের অপশন পাওয়া যাবে।
ওয়েবসাইটে দুটি উপায়ে ভোটকেন্দ্র খোঁজা যাবে। প্রথমত, নির্বাচনি এলাকা, উপজেলা/থানা নির্বাচন করে সংশ্লিষ্ট কেন্দ্রের তালিকা দেখা যাবে।
দ্বিতীয়ত, এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এছাড়া ওয়েবসাইটে ভোটকেন্দ্রের অবস্থান সরাসরি গুগল ম্যাপে দেখার সুবিধা রয়েছে। গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের দূরত্ব এবং যাওয়ার পথ সম্পর্কেও বিস্তারিত জানা যাবে।
12 Feb 2026, 12:34 AM
কেন গণভোট

সোমবার সংসদ নির্বাচনের সঙ্গে দেশের ইতিহাসের চতুর্থ গণভোটেও ভোট দেবেন নাগরিকরা। জুলাই সনদের অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার সংক্রান্ত ৪৮ দফা বাস্তবায়নে জনগণের সম্মতি নেওয়ার জন্য এই গণভোটের আয়োজন।
এ সনদে রাষ্ট্রীয় সংস্কারের মোট ৮৪ দফা রয়েছে, সংবিধান সংক্রান্ত বিষয় বাদে বাকিগুলোকে ‘আইন/অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কার’ হিসাবে চিহ্নিত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর আগে দেশে তিনবার গণভোট হলেও এবারই প্রথম এই নির্বাচন হচ্ছে সংসদ নির্বাচনের সঙ্গে।
জাতীয় নির্বাচনে কোনো প্রার্থীকে ভোট দেওয়ার জন্য একটি ব্যালটের বাইরে গণভোটের জন্য একটি অতিরিক্ত ব্যালট পেপার দেওয়া হবে।
সেখানে লেখা থাকবে: “আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন?”
এরপর ওই ব্যালটে চারটি প্রশ্ন থাকবে।
ক) নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।
খ) আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।
গ) সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার-সহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।
ঘ) জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।”
এই চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে আপনি ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে ভোটার তার মতামত জানাবেন।
12 Feb 2026, 12:25 AM
ভোটতথ্য

>> সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে একটানা ভোটগ্রহণ চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
>> মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন; পুরুষ ৬,৪৮,২৫,৩৬১ জন; নারী ৬,২৮,৮৫,২০০; হিজড়া ১,২৩২।
>> ২৯৯টি আসনে মোট প্রার্থী ২০২৮ জন। দলীয় প্রার্থী ১৭৫৫ জন ও স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন।
>> মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৭৯টি। সাধারণ ভোটকেন্দ্র ২১,২৭৩টি; গুরুত্বপূর্ণ ২১,৫০৬টি।
>> মোট ভোটগ্রহণ কর্মকর্তা ৭,৮৫,২২৫ জন। প্রিজাইডিং কর্মকর্তা ৪২,৭৭৯ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ২,৪৭,৪৮২ জন এবং পোলিং অফিসার ৪,৯৪,৯৬৪ জন।
>> রিটার্নিং কর্মকর্তা ৬৯ জন; সহকারী রিটার্নিং কর্মকর্তা: ৫৯৮ জন।
>> আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ৯ লাখ ১৫ হাজার ৭৮০ জন
>> বিচারিক অনুসন্ধান ও তদন্ত কমিটি- ২৯৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা
>> বিচারিক হাকিম ৬৫৭ জন।
>> নির্বাহী হাকিম ২০৯৮ জন।
12 Feb 2026, 12:24 AM
লাইভ শুরু
জুলাই গণঅভ্যুত্থানের দেড় বছর বাদে বৃহস্পতিবার হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং সংস্কার প্রশ্নে গণভোট।
অভ্যুত্থানের পর নিবন্ধন হারানো আওয়ামী লীগ ছাড়াই ছোট-বড় ৫০টি দলের অংশগ্রহণে ২৯৯টি আসনে সংসদ নির্বাচন হচ্ছে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে স্থগিত হওয়া নির্বাচন পরে নতুন তফসিলে অনুষ্ঠিত হবে।
এবারের ভোটে মোটাদাগে বিএনপি নেতৃত্বাধীন জোটের সঙ্গে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
শেষ হাসি ফুটবে কাদের মুখে? সেই প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন বিডিনিউজ টোয়েন্টিফোরের লাইভ ব্লগে।
সঙ্গে আছি জাহিদুল কবির, রোকন রাকিব ও কাজী সারাহ সাদীয়া নূর স্বর্ণ।

