- আলোচনা চলছে, তবে যুদ্ধের জন্যও প্রস্তুত ইরান: কলিবফ
- লেবাননে ফরাসি সেনা নিহত: মাক্রোঁ
- শত্রুদের আরেকটি পরাজয়ের ‘তিক্ত স্বাদ’ দিতে ইরান প্রস্তুত: মুজতাবা খামেনি
- হরমুজে ৩ ট্যাঙ্কার লক্ষ্য করে ‘ইরানি গানবোট থেকে হামলা’
- চুক্তির ‘রূপরেখা’ ঠিক না হলে আলোচনার নতুন দিনক্ষণ নয়: ইরান
- ট্রাম্প ‘বেশি কথা বলেন’: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী
- ইরানের ৬ বিমানবন্দর চালু
- গুপচরবৃত্তি ‘সেল’ নির্মূলের দাবি আইআরজিসির
- হরমুজ প্রণালি ফের বন্ধের খবর
- আংশিক আকাশপথ খুলেছে ইরান
- ইরানে প্রায় ১১ হাজার হামলা ইসরায়েলের
- সমঝোতা না হলে যুদ্ধবিরতির মেয়াদ নাও বাড়াতে পারেন ট্রাম্প
- হরমুজ নিয়ে শি জিনপিং ‘খুবই খুশি’: ট্রাম্প
- হরমুজ পার হলো প্রমোদতরি
- যুক্তরাষ্ট্রের অবরোধ ‘মেনেছে’ ২১ জাহাজ
- হরমুজের দিকে যাত্রা করেছে ‘বাংলার জয়যাত্রা’
- ইরান থেকে ধীরে ধীরে ইউরেনিয়াম উদ্ধার করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- হরমুজে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি তেহরানের
- ইরান আলোচনায় আর কোনো ‘জটিলতা নেই’: ট্রাম্প
- হরমুজ পার হতে আইআরজিসির অনুমতি লাগবে: ইরান
- ইরানে নৌ-অবরোধের দায়িত্বে ১০ হাজারের বেশি মার্কিন সেনা: যুক্তরাষ্ট্র
- মার্কিন সংবাদমাধ্যমের সমালোচনায় ট্রাম্প, ইরান বিষয়ে নিজের প্রশংসা দাবি
- ইরান আর কখনো হরমুজ বন্ধ না করতে রাজি: ট্রাম্প
- ইরানের সব ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র নিয়ে নেবে: ট্রাম্প
- মার্কিন সহায়তায় সমুদ্র থেকে মাইন সরাচ্ছে ইরান: ট্রাম্প
- তেলের দামে স্বস্তি, শেয়ারবাজারও চাঙ্গা
- বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ খোলা: ইরান
- পারস্য উপসাগর ছেড়েছে ইরানের তেলবোঝাই ৩ ট্যাঙ্কার: কেপলার
- লেবাননে যুদ্ধবিরতিতে যেতে ইসরায়েল বাধ্য হয়েছে: পেজেশকিয়ান
- ইরান পারমাণবিক অস্ত্রের চেষ্টা থেকে দূরে থাকার প্রস্তাব দিয়েছে: ট্রাম্প
- লেবাননে যুদ্ধবিরতির আগমুহূর্তে নিহত ১৩
- লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ইরান
- দক্ষিণ কোরিয়ার ট্যাঙ্কারের মধ্যপ্রাচ্য ত্যাগ
- লেবাননে ঘরে ফেরার ধুম
- হরমুজ প্রণালি নিয়ে ৪০ দেশের বৈঠক শুক্রবার
- দক্ষিণ লেবাননের বাসিন্দাদের ইসরায়েলের সতর্কতা
- লেবাননের জন্য ‘ঐতিহাসিক’ দিন: ট্রাম্প
- হিজবুল্লাহর কাছে শান্তি প্রত্যাশা ট্রাম্পের
- ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি কার্যকর
- ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে ট্রাম্প আশাবাদী
- সরাসরি আলোচনায় বসতে রাজি ইসরায়েল ও লেবানন
- ওয়াশিংটনে ইসরায়েল-লেবাননের দুই ঘণ্টার বৈঠক
- লেবাননের জন্য ৪ কোটি ডলার বরাদ্দ কানাডার
- ইরান যুদ্ধ চলতে থাকলে বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়বে: আইএমএফ
- ইসরায়েলের ১৩টি স্থাপনায় হামলার দাবি হিজবুল্লাহর
- দুই দিনের মধ্যে ফের ইসলামাবাদে আলোচনার ইঙ্গিত ট্রাম্পের
- লেবানন-ইসরায়েল আলোচনা ঐতিহাসিক সুযোগ: রুবিও
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনার কোনো তথ্য নেই: ইরানি সংবাদমাধ্যম
- হরমুজ প্রণালিতে অচলাবস্থা বিশ্বে ‘চরম খাদ্য সংকট’ ডেকে আনতে পারে: এফএও
- মেলোনির সাহসের অভাব আছে: ট্রাম্প
- ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল-লেবানন, হিজবুল্লাহর আপত্তি
- আবারও ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা হতে পারে ‘চলতি সপ্তাহেই’
- ইরান যুদ্ধের মধ্যে রাশিয়ার তেলের আয় বেড়ে প্রায় দ্বিগুণ
- হরমুজে ইরানি বন্দর অবরোধ বন্ধে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব
- ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করছে ইতালি
- সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের তৈরি সমস্যা আরও বাড়াবে: পেজেশকিয়ান
- তেহরান, তাবরিজ ও মাশহাদের মধ্যে রেল যোগাযোগ সচল
- ইরানের বন্দর অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
- তেল ফের ১০০ ডলারের উপরে
- ইরানের সঙ্গে এখনো চুক্তি সম্ভব, বিশ্বাস ভ্যান্সের
- ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রে সমর্থন কমেছে
- হরমুজ নিয়ে ট্রাম্পের ‘হুঙ্কার ইরানকে নতজানু করতে পারবে না’
- হরমুজ প্রণালি থেকে মাইন সরাতে নেটো সহায়তার আশ্বাস দিয়েছে: ট্রাম্প
- হরমুজ খোলা, তবে সামরিক জাহাজ ঢুকলে ‘কঠোর ব্যবস্থা’: ইরান
- এবার হরমুজ প্রণালি ‘অবরোধ’ শুরুর ঘোষণা দিলেন ট্রাম্প
- ইরানকে অস্ত্র পাঠালে পরিণতি হবে মারাত্মক: চীনকে ট্রাম্পের হুঁশিয়ারি
- ইরানি প্রতিনিধিদলের আস্থা অর্জনে যুক্তরাষ্ট্র ব্যর্থ: বাকের কালিবাফ
- হরমুজ প্রণালি পার হতে হলে টোল দিতে হবে: ইরান
- ইরানে নিহত বেড়ে ৩,৩৭৫
- নতুন করে আলোচনা শুরু করতে তাড়াহুড়ো করছে না ইরান
- উভয় পক্ষকে আলোচনায় ফেরার আহ্বান অস্ট্রেলিয়ার
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬
- ইরানে ১৪৪ স্বাস্থ্যকর্মী হতাহত
- ইরানে দুই সহস্রাধিক শিশু আহত
- লেবাননে শিশু নিহত বেড়ে ১৬৫
- ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদ ছেড়েছে
- দুই-তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে: ইরান
- আমরা খুব সহজ প্রস্তাব রেখে যাচ্ছি: ভ্যান্স
- ওয়াশিংটনে ফিরছেন ভ্যান্স
- আলোচনায় হরমুজ প্রণালি নিয়ে ‘গুরুতর মতপার্থক্য’: ইরানি সংবাদমাধ্যম
- ট্রাম্প যেভাবে নিজেকে ইসলামাবাদের আলোচনায় ‘জড়াতে চাইছেন’
- ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা রোববারও চলতে পারে
- ইসলামাবাদে আলোচনার প্রথম পর্ব শেষ
- লেবাননে ইসরায়েলি হামলায় আরও ৫ জন নিহত
- ইসলামাবাদে বৈঠকের ফলাফলের দিকে তাকিয়ে তেহরান
- মার্কিন যুদ্ধজাহাজের ‘হরমুজ পার হওয়ার দাবি’ প্রত্যাখ্যান ইরানের
- আলোচনা নিয়ে আগাম মন্তব্য করবেন না: পাকিস্তানি কূটনীতিক
- মার্কিন বাহিনী হরমুজ প্রণালি পরিষ্কার করছে: ট্রাম্প
- ইরানের সর্বোচ্চ নেতা ‘মারাত্মক আহত হয়েছেন, মুখ বিকৃত হয়ে গেছে’
- ‘ইরান বড় ব্যবধানে হারছে’, দাবি ট্রাম্পের
- ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা কভারে বিশ্বের অর্ধশত সাংবাদিক ইসলামাবাদে
- ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা শুরু
- ইরানের অর্থছাড়ের দাবি নাকচ করলেন মার্কিন এক কর্মকর্তা
- পাকিস্তানি সামরিক বাহিনীর একটি দল যুদ্ধবিমান নিয়ে সৌদি আরবে
- তেহরানের শর্ত পূরণ না হলে আলোচনা বাতিল হতে পারে: ইরানি সংবাদমাধ্যম
- ইরানের ১০ দফা পরিকল্পনা: মধ্যস্থতাকারীদের প্রত্যাশা কী?
- শরিফ-ভ্যান্স বৈঠক সম্পর্কে যা জানা যাচ্ছে
- যুক্তরাষ্ট্রের উচিত ‘আমেরিকা প্রথম’ নীতিতে মনোযোগ দেওয়া: ইরান
- পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফের সঙ্গে বৈঠকে ভ্যান্স
- ইরানের আটকে থাকা অর্থ ছেড়ে দিতে সম্মত যুক্তরাষ্ট্র: রয়টার্স
- শান্তি আলোচনাকে স্বাগত জানাল হামাস
- হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নয়: ইসরায়েল
- ইরান ও যুক্তরাষ্ট্র ‘গঠনমূলকভাবে’ আলোচনা করবে, আশা ইসহাক দারের
- শেহবাজের সঙ্গে বৈঠক ইরানি প্রতিনিধি দলের
- ‘টেকসই সমাধান’ খোঁজার আহ্বান ইন্দোনেশিয়ার
- ‘সদিচ্ছা’ নিয়ে আলোচনার আহ্বান জাতিসংঘের
- ‘চরম অবিশ্বাস নিয়ে আলোচনায় বসছে ইরান’
- চার যুগ পর সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান
- জে ডি ভ্যান্স ইসলামাবাদে
- কেন পাকিস্তান?
- আলোচনার টেবিলে কী থাকছে?
- আলোচনার রূপরেখা কেমন হবে
- বৈঠক কখন, কোথায়
- লাইভ ব্লগে স্বাগতম
19 Apr 2026, 04:23 PM
আলোচনা চলছে, তবে যুদ্ধের জন্যও প্রস্তুত ইরান: কলিবফ
ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের কলিবফ বলেছেন, তেহরান কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাওয়ার পাশাপাশি সামরিক সংঘাতের জন্যও প্রস্তুত রয়েছে।
ইরান যে তার শত্রুদের মোটেও বিশ্বাস করে না এবং যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত, তার এ কথাতেই বোঝা যাচ্ছে বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম।
শনিবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে কলিবফ বলেন, যুক্তরাষ্ট্রের ছলনায় আলোচনার মাঝেই ‘ইরানের ওপর চাপিয়ে দেওয়া তৃতীয় যুদ্ধ’ শুরু হয়েছিল।
আগের সংঘাতগুলোও ইরানি সামরিক কমান্ডারদের হত্যা করার মাধ্যমে শুরু হয়েছিল জানিয়ে তিনি বলেন, ২০২৫ সালের জুনে হওয়া ১২ দিনের যুদ্ধে অর্জিত অভিজ্ঞতা নিয়েই তেহরান সাম্প্রতিক এ যুদ্ধে প্রবেশ করে।
কলিবফ আরও বলেন, পরিকল্পনা, গুণগত মান ও বাস্তবায়নে ‘শ্রেষ্ঠত্ব দেখিয়েছে ইরান’। শত্রুরা যদি এটা মেনে নাও নেয়, যুদ্ধক্ষেত্রে তারা তা প্রত্যক্ষ করেছে।
ব্যাপক জনসমর্থন ও সাম্প্রতিক সামরিক অর্জনের কথা উল্লেখ করে ইরানি এ রাজনীতিক বলেন, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আগ্রাসন যুদ্ধে’ ইরানের সেনারা ১৭০ থেকে ১৮০টি ড্রোন প্রতিহত করেছে।
কয়েক মাসের বিস্তৃত ছক ও কার্যকরী পদক্ষেপের ফলে একাধিক অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করতে পারার কথাও জানান তিনি।
18 Apr 2026, 07:00 PM
লেবাননে ফরাসি সেনা নিহত: মাক্রোঁ
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলায় এক ফরাসি সেনা নিহত ও তিনজনের আহত হওয়ার তথ্য দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ।
নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে তিনি এ হামলার জন্য হিজবুল্লাহর দিকে অভিযোগ তুলেছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লেবানন সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।
শান্তিরক্ষীদের ওপর হামলার নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম।
18 Apr 2026, 06:18 PM
শত্রুদের আরেকটি পরাজয়ের ‘তিক্ত স্বাদ’ দিতে ইরান প্রস্তুত: মুজতাবা খামেনি
শত্রুপক্ষকে আরেকটি পরাজয়ের ‘তিক্ত স্বাদ’ দিতে ইরানের নৌবাহিনী প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি।
শনিবার ইরানের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া বার্তায় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে এ হুঁশিয়ারি দেন।
মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে ‘অবিশ্বাসী’ ও ‘চরম উগ্র’ হিসেবে অভিহিত করে তিনি তাদের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
টেলিগ্রামে দেওয়া এ বার্তায় মুজতাবা খামেনি বলেন, ইরানি সেনাবাহিনী তাদের দুর্বলতা ও অপমানিত হওয়ার বিষয়টি বিশ্ববাসীর সামনে উন্মোচন করেছে।
“ইরানের ড্রোন আমেরিকান ও জায়নবাদী অপরাধীদের ওপর বজ্রপাতের মতো আঘাত হেনেছে।”
তিনি আরও বলেন, ইরানের “সাহসী নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের তিক্ত স্বাদ দিতে প্রস্তুত রয়েছে।”
সূত্র: আল জাজিরা
18 Apr 2026, 05:26 PM
হরমুজে ৩ ট্যাঙ্কার লক্ষ্য করে ‘ইরানি গানবোট থেকে হামলা’
হরমুজ প্রণালিতে তিনটি নৌযান লক্ষ্য করে ইরানি গানবোট থেকে হামলা হওয়ার খবর পাওয়া গেছে।
এরমধ্যে একটি ট্যাঙ্কার লক্ষ্য করে হামলা হওয়ার কথা বলেছে ‘ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস’ (ইউকেএমটিও)। বাকি দুটি নৌযানে হামলার খবর দিয়েছে রয়টার্স।
ব্রিটিশ নৌবাহিনীর ইউনিট ইউকেএমটিওর ভাষ্য, ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ড কোর (আইআরজিসি) পরিচালিত দুটি গানবোট থেকে গুলি চালানো হয়।
ইউকেএমটিওর ভাষ্য, ওমান উপকূলের ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে হামলার ঘটনাটি ঘটেছে। তবে ট্যাঙ্কার ও নাবিকরা নিরাপদে আছেন।
সূত্র: বিবিসি
18 Apr 2026, 05:02 PM
চুক্তির ‘রূপরেখা’ ঠিক না হলে আলোচনার নতুন দিনক্ষণ নয়: ইরান
চুক্তির ‘রূপরেখা’ ঠিক না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার দিনক্ষণ নির্ধারণ করার সুযোগ নেই বলে ইরানের তরফে বলা হয়েছে।
দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে বলেছেন, “যতক্ষণ না আমরা চুক্তির রূপরেখা নিয়ে একমত হচ্ছি, ততক্ষণ আমরা আলোচনার দিনক্ষণ নির্ধারণ করতে পারব না।”
খতিবজাদে বলেন, আলোচনায় ইরান যা-ই মেনে নিক না কেন, তা অবশ্যই আন্তর্জাতিক আইনের অধীন সংরক্ষণ করতে হবে।
“ইরান আন্তর্জাতিক আইনের বাইরে যেতে রাজি নয় এবং তারা নিজেদের কোনো অধিকার ছেড়ে দেবে না।”
সূত্র: আল জাজিরা
18 Apr 2026, 04:41 PM
ট্রাম্প ‘বেশি কথা বলেন’: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী
তুরস্কের আন্টালিয়া ডিপ্লোম্যাটিক ফোরামের সাইডলাইনে সংবাদমাধ্যমের সাথে কথা বলেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ।
বুধবারের মধ্যে ইরানের সঙ্গে কোনো সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র ‘আবারও বোমা ফেলা শুরু করবে’—ট্রাম্পের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে খাতিবজাদেহ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ‘বেশি কথা বলেন’।
ইরানি এই কর্মকর্তা বলেন, “তিনি একই বক্তব্যের মধ্যে পরস্পরবিরোধী কথা বলেছেন। তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন তা আমি জানি না।”
খাতিবজাদেহ বলেন, ইরান বিশ্বাস করে যে ‘যুদ্ধ কোনো ইতিবাচক ফল বয়ে আনতে পারে না’, তবে আক্রান্ত হলে নিজেদের রক্ষা করতে তারা প্রস্তুত।
তিনি বলেন, “শেষ ইরানি সেনা থাকা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।”
18 Apr 2026, 03:25 PM
ইরানের ৬ বিমানবন্দর চালু
ইরান তাদের পূর্বাঞ্চলীয় আকাশপথের কিছু অংশ উন্মুক্ত করার খবরের পর ছয়টি বিমানবন্দর চালু করার কথা জানিয়েছে 'অ্যাসোসিয়েশন অব ইরানি এয়ারলাইনস'।
সংগঠনটির সম্পাদকের বরাতে তাসনিম নিউজ লিখেছে, নতুন করে খুলে দেওয়া বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে—তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর এবং মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়া মাশহাদ, বিরজান্দ, গোরগান এবং জাহেদান শহরের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোও খুলে দেওয়া হয়েছে।
এয়ারলাইনসগুলো এখন অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক—উভয় ধরনের ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানিয়েছেন।
18 Apr 2026, 03:16 PM
গুপচরবৃত্তি ‘সেল’ নির্মূলের দাবি আইআরজিসির
ইরানের সামরিক বাহিনী (আইআরজিসি) জানিয়েছে যে, তারা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও যুক্তরাজ্যের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু গোয়েন্দা ‘সেল’ শনাক্ত ও নির্মূল করেছে।
আইআরজিসির গোয়েন্দা শাখার বরাতে ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, এই সেলগুলোর লক্ষ্য ছিল গোয়েন্দাগিরি করা, ‘নেটওয়ার্ক তৈরি’ এবং ইরানে অশান্তি উসকে দেওয়া।
আইআরজিসি জানিয়েছে, এই গোয়েন্দা চক্রগুলো পূর্ব আজারবাইজান, কেরমান এবং মাজান্দারান প্রদেশে সক্রিয় ছিল।
18 Apr 2026, 03:01 PM
হরমুজ প্রণালি ফের বন্ধের খবর
ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধের জেরে হরমুজ প্রণালি বন্ধ করার কথা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
আইআরজিসি’র যৌথ সামরিক কমান্ড বলেছে, যুক্তরাষ্ট্র ‘কথিত অবরোধের ছদ্মবেশে জলদস্যুতা এবং সামুদ্রিক চুরির মতো কর্মকাণ্ড অব্যাহত রেখেছে’।
ইরানি সংবাদমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, “এই কারণে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরেছে এবং এই কৌশলগত জলপথটি এখন সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে।”
বিবৃতিতে এও বলা হয়েছে, “যুক্তরাষ্ট্র যতক্ষণ না ইরান থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী জাহাজে জন্য পূর্ণ নৌ-চলাচলের স্বাধীনতা ফিরিয়ে দিচ্ছে, ততক্ষণ হরমুজ প্রণালির অবস্থা কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং আগের অবস্থাতেই থাকবে।”
18 Apr 2026, 01:50 PM
আংশিক আকাশপথ খুলেছে ইরান
পূর্ব ইরানের আকাশপথের একটি অংশ বিমান চলাচলের জন্য খোলা হয়েছে বলে জানিয়েছে দেশটির সম্প্রচারমাধ্যম আইআরআইবি।
এখন এয়ারলাইন্স টিকেট কেনা যাচ্ছে বলেও খবরে বলা হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, ইরানের আকাশপথ আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আংশিকভাবে পুনরায় খুলে দেওয়া হয়েছে।
ইরনা লিখেছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নোটিসে জানানো হয়েছে যে, স্থানীয় সময় সকাল ৭টা আকাশপথ এবং বেশ কিছু বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে। শনিবার থেকে পর্যায়ক্রমে ফ্লাইট চলাচল শুরু হবে।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরানের আকাশপথ বন্ধ ছিল।
18 Apr 2026, 11:28 AM
ইরানে প্রায় ১১ হাজার হামলা ইসরায়েলের
ইরানে বোমাবর্ষণের নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী আইডিএফ। এ পর্যন্ত তারা ইরানে প্রায় ১০,৮০০টি হামলা চালানোর কথা জানিয়েছে তারা।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা 'হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি'র প্রতিবেদন অনুযায়ী, ৭ এপ্রিল পর্যন্ত ইরানে ১,৭০১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সেদিন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন।
আইডিএফ জানিয়েছে, তারা লেবাননে ১৪ হাজার ৯০০টিরও বেশি কামান হামলা এবং ২,৫০০টি বিমান হামলা চালিয়েছে। লেবাননের ১৬৫টির মতো বহুতল ভবনে আঘাত হানারও দাবি করেছে তারা।
লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ছয় সপ্তাহের সংঘর্ষে লেবাননে ২,১০০ জন নিহত হয়েছে এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বাস্তুচ্যুত হওয়া মানুষের এ সংখ্যা মোট জনসংখ্যার প্রায় পাঁচ ভাগের এক ভাগ।
18 Apr 2026, 11:20 AM
সমঝোতা না হলে যুদ্ধবিরতির মেয়াদ নাও বাড়াতে পারেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনার মাধ্যমে আগামী বুধবারের মধ্যে যদি কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হয়, তবে তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ আর নাও বাড়াতে পারেন।
সিএনএন লিখেছে, তার এই মন্তব্য ফের সামরিক অভিযানের সম্ভাবনাকে বাড়িয়ে তুলেছে।
শুক্রবার ইরানি সূত্রগুলো সিএনএনকে জানিয়েছে, আগামী সোমবার মার্কিন ও ইরানি প্রতিনিধি দল দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসবেন বলে আশা করা হচ্ছে।
মার্কিন কর্মকর্তারা আলোচনার দিনক্ষণ এখনও না জানালেও ট্রাম্প এর আগে বলেছিলেন, উভয় পক্ষই একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছে।
18 Apr 2026, 10:52 AM
হরমুজ নিয়ে শি জিনপিং ‘খুবই খুশি’: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ট্রুথ সোশাল পোস্টে বলেছেন, ‘হরমুজ প্রণালি খোলায় এবং/অথবা দ্রুত খুলতে চলায় অত্যন্ত খুশি’ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
ট্রাম্প বলেন, আগামী ১৪-১৫ মে চীনে অনুষ্ঠেয় তাদের বৈঠক ‘বিশেষ কিছু এবং সম্ভবত ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে’।
তিনি এও বলেন, “অনেক বড় কিছু অর্জন হতে চলেছে!”
ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা দেশ চীন তাদের প্রয়োজনীয় তেলের প্রায় ৩৮ শতাংশ হরমুজ প্রণালির মাধ্যমে সংগ্রহ করে।
ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বেইজিং তাদের যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা পুনরায় শুরুর বিষয়ে সমর্থন জানিয়েছে।
18 Apr 2026, 10:36 AM
হরমুজ পার হলো প্রমোদতরি
জাহাজ ট্র্যাকিং সাইট 'মেরিনট্রাফিক' জানিয়েছে যে, একটি প্রমোদতরি হরমুজ প্রণালি পার হতে পেরেছে। যুদ্ধ শুরু হওয়ার পর এটিই প্রথম কোনো যাত্রীবাহী জাহাজ, যা এই পথ দিয়ে যেতে সক্ষম হলো।
যাত্রী ছাড়াই জাহাজটি যাত্রা করে বলে ধারণা করা হচ্ছে।
‘মেরিনট্রাফিক’র তথ্য অনুযায়ী, মাল্টার পতাকাবাহী 'সেলেস্টিয়াল ডিসকভারি' জাহাজটি মার্চের শুরুতে দুবাই পৌঁছানোর পর প্রায় ৪৭ দিন সেখানে নোঙর করে ছিল।
‘মেরিনট্রাফিক’ বলছে, জাহাজটি শুক্রবার হরমুজ প্রণালি অতিক্রম করে ওমানের মাস্কাটের দিকে অগ্রসর হচ্ছে। শনিবার কোনো সময়ে এটি সেখানে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
18 Apr 2026, 08:59 AM
যুক্তরাষ্ট্রের অবরোধ ‘মেনেছে’ ২১ জাহাজ
যেসব জাহাজ ইরানি বন্দরে প্রবেশ বা ত্যাগের চেষ্টা করছিল, তারা মার্কিন বাহিনীর নির্দেশ মেনে ফিরে গেছে বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড।
শুক্রবার গভীর রাতে সেন্টকম এক্স পোস্টে বলেছে, এ পর্যন্ত ২১টি জাহাজ এই নির্দেশনা মেনে পথ পরিবর্তন করেছে।
১৩ই এপ্রিল থেকে শুরু হওয়া এই অবরোধটি মূলত ইরানের বন্দর এবং উপকূলীয় অঞ্চলগুলোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে এবং এটি যেকোনো দেশের জাহাজের জন্যই প্রযোজ্য।
অবরোধ শুরু হওয়ার পর গত চার দিনে কোনো জাহাজই এই সামুদ্রিক বেষ্টনী লঙ্ঘন করেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এ অবরোধকে অবৈধ বলে নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের কালিবাফ শুক্রবার সতর্ক করেছে, এ অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি আর উন্মুক্ত থাকবে না।
18 Apr 2026, 12:57 AM
হরমুজের দিকে যাত্রা করেছে ‘বাংলার জয়যাত্রা’
বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা পর সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দরের বহির্নোঙরে থাকা ‘এমভি বাংলার জয়যাত্রা’ ওই প্রণালির দিকে রওনা হয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি হরমুজের দিকে রওনা দেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন বাংলাদেশে শিপিং করপোরেশনের এমডি কমডোর মাহমুদুল মালেক।
তিনি বলেন, “হরমুজ প্রণালি থেকে ২০ নটিক্যাল মাইল দূরে আছে ‘বাংলার জয়যাত্রা’। চূড়ান্ত ক্লিয়ারেন্স পেলে আজ (শুক্রবার) রাতেই আশা করি প্রণালি অতিক্রম করবে জাহাজটি।”
বাংলার জয়যাত্রার ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা নোঙর তুলে হরমুজের দিকে রওনা হয়েছি। হরমুজ অভিমুখে আমরা এগিয়ে যাচ্ছি।”
‘বাংলার জয়যাত্রা’ জাহাজে ৩৭ হাজার টন সার আছে, যার পরবর্তী গন্তব্য দক্ষিণ আফ্রিকার কেপ টাউন ও ডারবান।
18 Apr 2026, 12:42 AM
ইরান থেকে ধীরে ধীরে ইউরেনিয়াম উদ্ধার করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে তেহরানের সঙ্গে ওয়াশিংটন একযোগে কাজ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি একথা জানান।
ট্রাম্প বলেন, “আমরা একসঙ্গে এটি (ইউরেনিয়াম) সংগ্রহ করতে যাচ্ছি। আমরা ইরানের সঙ্গে মিলে ধীরে ধীরে কাজটি করব। বড় যন্ত্রপাতি নিয়ে সেখানে খনন শুরু করব এবং ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসব।”
সাক্ষাৎকারে ট্রাম্প সমৃদ্ধ ইউরেনিয়ামকে ‘পারমাণবিক ধূলিকণা’ উল্লেখ করে বলেন, খুব শিগগিরই এগুলো উদ্ধার করা হবে।
18 Apr 2026, 12:02 AM
হরমুজে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি তেহরানের
হরমুজ প্রণালি খোলা রাখার যে ঘোষণা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দিয়েছেন, তা স্পষ্ট করতে একটি বক্তব্য দিয়েছে তেহরান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই তাসনিম নিউজ এজেন্সিকে বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারণ করে দেওয়া পথ অনুসরণ করতে হবে।
আর ইরানের বন্দরগুলোর ওপর যদি নৌ-অবরোধ অব্যাহত থাকে, তবে ইরানও পাল্টা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
বাগেই বলেন, “ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রক। প্রয়োজন অনুযায়ী ইরান এ বিষয়ে শিথিলতা দেখাবে।”
সূত্র: আল-জাজিরা
17 Apr 2026, 11:32 PM
ইরান আলোচনায় আর কোনো ‘জটিলতা নেই’: ট্রাম্প
ইরানের সঙ্গে শান্তি আলোচনায় আর কোনো বড় জটিলতা নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ফ্রান্সের একটি সংবাদ সংস্থার কাছে তিনি এমন মন্তব্য করেছেন বলে আল জাজিরার খবরে বলা হয়েছে।
চুক্তির সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, “আমরা খুব কাছাকাছি। মনে হচ্ছে, এটি সবার জন্যই ভালো হতে যাচ্ছে। আমরা একটি চুক্তিতে পৌঁছানোর একদম দ্বারপ্রান্তে।”
তবে ইরানের কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্যের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সূত্র: আল জাজিরা
17 Apr 2026, 11:02 PM
হরমুজ পার হতে আইআরজিসির অনুমতি লাগবে: ইরান
হরমুজ প্রণালি পার হতে জাহাজগুলোর এখন থেকে ইরানর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অনুমতি লাগবে বলে রাষ্ট্রীয় টিভিতে জানিয়েছেন ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা।
অন্যদিকে, বার্তা সংস্থা রয়টার্সকে এক ইরানি কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজসহ সব বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পাবে। তবে নৌবাহিনীর জাহাজগুলো এই অনুমতি পাবে না।
অর্থাৎ, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিলেও সামরিক জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে ইরান।
শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি-কে দেওয়া সাক্ষাৎকারে ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেন, “হরমুজ প্রণালি দিয়ে সামরিক জাহাজ চলাচল নিষিদ্ধই থাকছে। শুধুমাত্র অসামরিক বা বাণিজ্যিক জাহাজগুলো এই পথ ব্যবহারের অনুমতি পাবে।
“তবে এ ক্ষেত্রে তাদের নির্ধারিত রুট অনুসরণ করতে হবে এবং ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌ-শাখার কাছ থেকে পূর্বানুমতি নিতে হবে।”
17 Apr 2026, 10:59 PM
ইরানে নৌ-অবরোধের দায়িত্বে ১০ হাজারের বেশি মার্কিন সেনা: যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড তাদের বিমানবাহী রণতরী থেকে তোলা ছবি শেয়ার করেছে, যা ইরানের ওপর নৌ-অবরোধে অংশ নিচ্ছে।
বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী বলেছে, “যুক্তরাষ্ট্রের সেনা, নৌ ও বিমান বাহিনীর ১০ হাজারের বেশি সদস্য ইরানের বন্দর ও উপকূলীয় এলাকা অবরোধ কার্যকরের দায়িত্ব পালন করছে।”
এর আগে ট্রাম্প বলেছেন, ইরান হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত ঘোষণা করলেও এই সমুদ্রপথে তাদের ওপর মার্কিন অবরোধ অব্যাহত থাকবে।
সূত্র: আল জাজিরা
17 Apr 2026, 09:55 PM
মার্কিন সংবাদমাধ্যমের সমালোচনায় ট্রাম্প, ইরান বিষয়ে নিজের প্রশংসা দাবি
ইরান যুদ্ধ নিয়ে নেতিবাচক মূল্যায়নের জন্য যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ট্রুথ সোশালে তিনি লিখেছেন, “ব্যর্থ নিউ ইয়র্ক টাইমস, ভুয়া খবরের সিএনএন বা অন্যান্য সংবাদমাধ্যম, তারা ঠিক বুঝতেই পারছে না কী করবে।”
তিনি আরো লেখেন, “তারা ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড জে. ট্রাম্পের সমালোচনার করার ছুতা খুঁজছে, কিন্তু কিছুই পাচ্ছে না। যখন সময় হয়েছে, তখন তারা কেন বলছে না, ‘দারুণ কাজ করেছেন, মি. প্রেসিডেন্ট’। এর মাধ্যমে তারা কেন নিজেদের বিশ্বাসযোগ্যতা ফেরত আনার চেষ্টা করে না???”
সূত্র: আল জাজিরা
17 Apr 2026, 09:08 PM
ইরান আর কখনো হরমুজ বন্ধ না করতে রাজি: ট্রাম্প
হরমুজ প্রণালি ভবিষ্যতে আর বন্ধ না করার প্রস্তাবে ইরান রাজি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ট্রুথ সোশালে তিনি লিখেছেন, “এটা বিশ্বকে চাপে ফেলার হাতিয়ার হিসেবে আর ব্যবহার করা যাবে না।”
সূত্র: আল জাজিরা
17 Apr 2026, 08:56 PM
ইরানের সব ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র নিয়ে নেবে: ট্রাম্প
ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্র নিয়ে নেবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে দেওয়া পোস্টে তিনি এসব রাসয়নিক পদার্থকে ‘পারমাণবিক ধূলিকণা’ হিসেবে অভিহিত করেন।
সঙ্গে লেখেন, এর বিনিময়ে কোনোভাবেই বা কোনো রকমের অর্থের লেনদেন হবে না এবং এই চুক্তির সঙ্গে লেবাননকে টেনে আনা যাবে না।
সূত্র: আল জাজিরা
17 Apr 2026, 08:38 PM
মার্কিন সহায়তায় সমুদ্র থেকে মাইন সরাচ্ছে ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইরান সমুদ্রের তলদেশ থেকে মাইন সরানোর কাজ করছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশালে তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরান সমুদ্রের সব মাইন সরিয়ে ফেলছে।”
ইরানের তরফ থেকে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা আসার পর এ তথ্য দিলেন ট্রাম্প।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে নেটোর পক্ষ থেকে সহযোগিতার প্রস্তাব আসার কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।
সূত্র: আল জাজিরা
17 Apr 2026, 07:54 PM
তেলের দামে স্বস্তি, শেয়ারবাজারও চাঙ্গা
ইরান হরমুজ প্রণালি সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত ঘোষণা করার পর বিশ্ববাজারে তেলের দাম নাটকীয়ভাবে কমেছে; চাঙ্গা হয়ে উঠেছে শেয়ার বাজার।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার এক এক্স পোস্টে বলেন, লেবাননে চলমান যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গতি রেখে অবশিষ্ট সময় হরমুজ প্রণালি সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত থাকবে।
এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেল প্রতি ৯ শতাংশ কমে ৯০ ডলারে নেমে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের তেলের দাম ১০ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮১.৫ ডলারে দাঁড়িয়েছে।
যদিও এ দাম যুদ্ধ শুরুর আগের সময়ের চেয়ে বেশি, তারপরও এটা গত মার্চের সর্বোচ্চ পর্যায়ের তুলনায় অনেক কম। সে সময় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১২০ ডলারের কাছাকাছি পৌঁছেছিল।
প্রণালি উন্মুক্ত হওয়ার খবরে বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজারেও চাঙ্গাভাব দেখা দিয়েছে। সবচেয়ে বেশি দরের শেয়ারগুলোর দাম এই খবরে আরও বেড়েছে। ইউরোপের ‘স্টক্স ৬০০’ সূচক ১.৩ শতাংশ এবং এসঅ্যান্ডপি ফিউচার ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
পেপারস্টোনের সিনিয়র রিসার্চ স্ট্র্যাটেজিস্ট মাইকেল ব্রাউন বলেন, “উত্তেজনা প্রশমনের সম্ভাবনা যখন বাড়বে, হরমুজ প্রণালি দিয়ে পণ্য সরবরাহ যখন যুদ্ধপূর্ব স্বাভাবিক অবস্থায় ফেরার ইঙ্গিত পাওয়া যাবে, তখন স্বাভাবিকভাবেই বিশ্ব অর্থনীতির একটি বড় ঝুঁকি দূর হবে। এ কারণেই বাজার ইতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছে।”
সূত্র: রয়টার্স
17 Apr 2026, 07:39 PM
বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ খোলা: ইরান
বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি পুরোপুরি খোলা রাখার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
তিনি বলেছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যকার ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর থাকাকালীন তেহরান গুরুত্বপূর্ণ নৌপথটি বাণিজ্যিক চলাচলের জন্য উন্মুক্ত রাখবে।
এ ঘোষণা আসার পর তেহরানকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ট্রুথ সোশালে তিনি লিখেছেন, “ইরান এইমাত্র ঘোষণা করেছে যে, হরমুজ প্রণালি এখন পুরোপুরি খোলা এবং জাহাজ চলাচলের জন্য প্রস্তুত। ধন্যবাদ!”
17 Apr 2026, 06:55 PM
পারস্য উপসাগর ছেড়েছে ইরানের তেলবোঝাই ৩ ট্যাঙ্কার: কেপলার
মার্কিন বাহিনী অবরোধ শুরুর পর প্রথমবারের মতো ইরানের তেলবোঝাই তিনটি ট্যাঙ্কারের পারস্য উপসাগর ত্যাগ করার তথ্য দিয়েছে কেপলার।
সমুদ্রে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানটি বলেছে, ‘ডিপ সি’, ‘সোনিয়া ১’ এবং ‘ডিওনা’ নামে তিনটি জাহাজে ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে।
তেহরানের তেল রপ্তানি বন্ধ করার লক্ষ্যে গত সোমবার ইরানর বন্দরগুলোতে নৌ-অবরোধ শুরু করে মার্কিন বাহিনী।
কেপলারের তথ্য অনুযায়ী, সবশেষ গত ১০ এপ্রিল ‘স্টারলা’ নামে একটি জাহাজ পারস্য উপসাগর ত্যাগ করে।
সূত্র: আল জাজিরা
17 Apr 2026, 06:33 PM
লেবাননে যুদ্ধবিরতিতে যেতে ইসরায়েল বাধ্য হয়েছে: পেজেশকিয়ান
লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে ইসরায়েল বাধ্য হয়েছে বলে দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
শুক্রবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, “শক্তিশালী কূটনীতির কারণে ইসরায়েল যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে।”
হিজবুল্লাহ কিংবা লেবাননের অন্যান্য গোষ্ঠীর ওপর হামলা চালানোর কোনো অধিকার ইসরায়েলের নেই মন্তব্য করে তিনি বলেন, ইরান কখনও পারমাণবিক অস্ত্র চায়নি এবং তারা এই অঞ্চলে কোনো ধরনের অশান্তি বা সন্ত্রাসবাদ চান না।
ইরানের ‘মর্যাদা ও গর্ব’ অটুট রেখে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে যুদ্ধের ইতি টানার চেষ্টা করায় তিনি পাকিস্তান সরকারকে ধন্যবাদও জানান।
সূত্র: আল জাজিরা
17 Apr 2026, 06:18 PM
ইরান পারমাণবিক অস্ত্রের চেষ্টা থেকে দূরে থাকার প্রস্তাব দিয়েছে: ট্রাম্প
ইরান ২০ বছরের বেশি সময়ের জন্য পারমাণবিক অস্ত্রের চেষ্টা থেকে দূরে প্রস্তাব দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী বৈঠক হতে পারে বলেও আভাস দিয়েছেন তিনি।
তিনি বলেছেন, ইরান যুদ্ধ সম্ভবত শেষের দিকে।
17 Apr 2026, 05:10 PM
লেবাননে যুদ্ধবিরতির আগমুহূর্তে নিহত ১৩
লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ মুহূর্তে টায়ার শহরে ইসরায়েলি হামলায় ১৩ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে।
রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল নিউজ এজেন্সি লিখেছে, নিখোঁজ ১৫ জনের খোঁজে শুক্রবার সকালে ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চলেছে।
শহরের এক কর্মকর্তা বলেছেন, স্থানীয় সময় মধ্যরাতে ইসরায়েলের সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ মুহূর্তে এ হামলা হয়।
17 Apr 2026, 03:05 PM
লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ইরান
লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত ইরান একে কূটনৈতিক সাফল্য এবং হিজবুল্লাহর ‘প্রতিরোধের’ ফল হিসেবে বর্ণনা করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, তেহরান এ যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বৃহত্তর সমঝোতার অংশ হিসেবে দেখছে, যা পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে অর্জিত হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, ইরান শুরু থেকেই বিস্তৃত আঞ্চলিক যুদ্ধবিরতির জন্য চাপ দিয়ে আসছিল।
ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারাও হিজবুল্লাহর ভূমিকার প্রশংসা করেছেন।
পার্লামেন্টের স্পিকার বাকের কালিবাফ এক্স পোস্টে লিখেছেন, এই চুক্তি ‘হিজবুল্লাহর দৃঢ়তা’ এবং ‘প্রতিরোধ অক্ষ’র ঐক্যের ফল। 'প্রতিরোধ অক্ষ’ শব্দবন্ধটি তেহরান তার আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর নেটওয়ার্ক বোঝাতে ব্যবহার করে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশ শাখা কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি হিজবুল্লাহকে ‘বিজয়ী’ হিসেবে বর্নাণ করেছেন। তিনি দাবি করেন, এই চুক্তি লেবাননের প্রতিরোধের দৃঢ় সহনশীলতা এবং ইরানের সমর্থনের ফলাফল।
17 Apr 2026, 02:10 PM
দক্ষিণ কোরিয়ার ট্যাঙ্কারের মধ্যপ্রাচ্য ত্যাগ
দক্ষিণ কোরীয় তেলবাহী একটি জাহাজ সৌদি আরব থেকে লোহিত সাগর হয়ে মধ্যপ্রাচ্য ত্যাগ করেছে।
আল জাজিরা লিখেছে, ইরান হরমুজ প্রণালিতে অবরোধ শুরু করার পর ওই অঞ্চল থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে এটিই প্রথম অপরিশোধিত তেলের চালান।
মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে জ্বালানি ঘাটতি মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।
17 Apr 2026, 01:45 PM
লেবাননে ঘরে ফেরার ধুম
যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ঘরে ফিরতে শুরু করেছেন লেবাননের বাসস্তুচ্যুত
ক্ষণিকের জন্য নিস্তার পাওয়া মানুষের চিত্র তুলে ধরেছে রয়টার্স-
17 Apr 2026, 12:58 PM
হরমুজ প্রণালি নিয়ে ৪০ দেশের বৈঠক শুক্রবার
হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারে শুক্রবার যুক্তরাজ্য ও ফ্রান্সের সভাপতিত্বে একটি বৈঠক হতে যাচ্ছে।
মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবেব তেহরান তাদের উপকূলের এই গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে দিয়েছে। অন্যদিকে ইরানি বন্দরগুলোতে অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানির দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
কিয়ার স্টারমারের কার্যালয় জানিয়েছে, বাংলাদেশ সময় শুক্রবার রাতে অনুষ্ঠেয় বৈঠকে ৪০টির মতো দেশ যোগ দেবে বলে আশা করা হচ্ছে।
17 Apr 2026, 12:51 PM
দক্ষিণ লেবাননের বাসিন্দাদের ইসরায়েলের সতর্কতা
ইসরায়েলি সেনা মোতায়েন থাকায় লেবাননের বাসিন্দাদের লিটানি নদীর দক্ষিণে যাতায়াত না করার জন্য সতর্ক ইসরায়েলি বাহিনী আইডিএফ।
বৃহস্পতিবার লেবাননের সেনাবাহিনী জানিয়েছে যে, ইসরায়েলি হামলার কারণে দেশটির সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত লিটানি নদীর দক্ষিণাঞ্চল বাকি দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত মাসে ইসরায়েলি বাহিনীকে লিটানি নদীর ওপরের ক্রসিংগুলো ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছিল, কারণ তাদের দাবি ছিল হিজবুল্লাহ এগুলো ব্যবহার করে সেনা পাঠাচ্ছে।
17 Apr 2026, 12:47 PM
লেবাননের জন্য ‘ঐতিহাসিক’ দিন: ট্রাম্প
যুদ্ধবিরতিকে লেবাননের জন্য ‘ঐতিহাসিক দিন’ বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
তিনি এক পোস্টে বলেছেন, “ভালো কিছু ঘটছে!!!”
এর আগের একটি পোস্টে তিনি আশা প্রকাশ করেন যে, হিজবুল্লাহ এই গুরুত্বপূর্ণ সময়ে সংযত আচরণ করবে।
17 Apr 2026, 12:42 PM
হিজবুল্লাহর কাছে শান্তি প্রত্যাশা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দক্ষিণ লেবাননের ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
নিজের প্লাটফর্ম ‘ট্রুথ সোশালে’ তিনি লিখেছেন, "আমি আশা করি এই গুরুত্বপূর্ণ সময়ে হিজবুল্লাহ ভালো ও সুন্দর আচরণ করবে। যদি তারা তা করে, তবে এটি তাদের জন্য একটি দারুণ মুহূর্ত হবে। আর কোনো হত্যা নয়। এবার অবশ্যই শান্তি আসতে হবে!"
ইসরায়েলি একজন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছেন, যুদ্ধবিরতি চলাকালীনইসরায়েল কেবল হিজবুল্লাহর পক্ষ থেকে আসা ‘আসন্ন হুমকি’ মোকাবিলায় সামরিক পদক্ষেপ নেবে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার বলেছেন, দীর্ঘস্থায়ী শান্তির জন্য হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ প্রয়োজন।
17 Apr 2026, 12:39 PM
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি কার্যকর
বাংলাদেশ সময় শুক্রবার ভোররাতে ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এ বিষয়ে যা যা জানা যাচ্ছে-
17 Apr 2026, 12:29 PM
ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে ট্রাম্প আশাবাদী
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি হয়েছে, যা যুদ্ধ বন্ধের আলোচনার একটি অন্যতম প্রধান বাধা ছিল।
লাস ভেগাসে মার্কিন অর্থনীতি বিষয়ক এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যুদ্ধ শেষের প্রক্রিয়াটি ‘মসৃণভাবে’ চলছে। ওয়াশিংটন ও তেহরান চুক্তির ‘খুব কাছাকাছি’ রয়েছে এবং এই সপ্তাহান্তেই নতুন করে আলোচনা শুরু হতে পারে।
এর আগে হোয়াইট হাউসে তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র না বানাতে সম্মত হয়েছে এবং তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে। তবে ইরানের পক্ষ থেকে এখনও এই দাবির বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ট্রাম্প এতটাই আত্মবিশ্বাসী যে, তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি বাড়ানোর প্রয়োজনীয়তাও দেখছেন না।
15 Apr 2026, 01:37 AM
সরাসরি আলোচনায় বসতে রাজি ইসরায়েল ও লেবানন
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাতে রয়টার্সের খবরে বলা হয়েছে, ওয়াশিংটনে আলোচনার পর ইসরায়েল ও লেবানন একটি নির্ধারিত সময় ও স্থানে সরাসরি আলোচনায় বসতে রাজি হয়েছে।
যুক্তরাষ্ট্রে মঙ্গলবার ত্রিপক্ষীয় বৈঠকের পর এই সমঝোতার খবর এল।
সীমান্তে উত্তেজনা প্রশমনের পথে এই সমঝোতাকে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
15 Apr 2026, 12:18 AM
ওয়াশিংটনে ইসরায়েল-লেবাননের দুই ঘণ্টার বৈঠক
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল, লেবানন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শেষ হয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, বৈঠক চলেছে প্রায় দুই ঘণ্টা।
বিবিসি লিখেছে, ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসও আলোচনা শেষ করার তথ্য দিয়েছে।
14 Apr 2026, 11:34 PM
লেবাননের জন্য ৪ কোটি ডলার বরাদ্দ কানাডার
লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের জন্য মানবিক সহায়তা হিসেবে ৪ কোটি মার্কিন ডলার মানবিক সহায়তা বরাদ্দ করেছে কানাডা। এই অর্থ আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে লেবাননে বিতরণ করা হবে।
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের মধ্যে এক ফোনালাপের সময় এই সহায়তা ঘোষণা দেওয়া হয়।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী লেবাননের সার্বভৌমত্বের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে সেখানে ইসরায়েলি হামলার নিন্দাও জানিয়েছেন।
14 Apr 2026, 11:18 PM
ইরান যুদ্ধ চলতে থাকলে বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়বে: আইএমএফ
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ দীর্ঘায়িত হলে এবং জ্বালানির দাম আকাশচুম্বী হয়ে থাকলে বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
‘দ্য ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুক’ শীর্ষক প্রতিবেদনে আইএমএফ বলেছে, ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ২ শতাংশের নিচে চলে যেতে পারে।
তেল, গ্যাস, খাবারের দাম বেড়ে চলতি বছর ও আগামী বছরজুড়ে তা অপরিবর্তিত থাকলে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে এমনটি ঘটতে পারে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
“এর মানে হচ্ছে- বিশ্ব অর্থনীতিতে মন্দার খুব কাছাকাছি পরিস্থিতি তৈরি হওয়া, যা ১৯৮০ সালের পর মাত্র চারবার ঘটেছে। এর সর্বশেষ উদাহরণ হল কোভিড-১৯ মহামারীর সময়”, বলা হয়েছে প্রতিবেদনে।
ছয় সপ্তাহেরও বেশি সময় আগে ইরানে যুদ্ধ শুরুর পরপরই গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানির দাম বেড়েছে।
এরপর গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলেও পাকিস্তানে দুই দেশের শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে।
হরমুজ প্রণালিতে সংকট না কাটায় জ্বালানির দামেও এর প্রভাব পড়ে চলেছে।
আইএমএফ বলছে, “আবারও বিশ্ব অর্থনীতি লক্ষ্যচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এবার গত ফেব্রুয়ারির শেষদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার কারণে এই ঝুঁকি সৃষ্টি হয়েছে।”
সংস্থাটি আরও বলেছে, তেলের দাম চলতি বছর গড়ে ব্যারেলপ্রতি ১১০ ডলার থেকে ২০২৭ সালে ১২৫ ডলারে পৌঁছলে তা বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধির গতি শ্লথ করে দিতে পারে।
এই মূল্যায়নের ওপর ভিত্তি করে আইএমএফ বলেছে, আগামী বছর মূল্যস্ফীতি প্রায় ৬ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। এতে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়াতে বাধ্য হতে পারে।
আইএমএফ-এর প্রধান অর্থনীতিবিদ পিয়েরে-অলিভিয়ের গোরিনচা বিবিসি-কে বলেন, “বৈশ্বিক পরিসংখ্যানের দিকে তাকালে বিশ্ব মন্দার ধারণা কিছুটা অস্পষ্ট হয়ে পড়ে।
“সুতরাং, ২ শতাংশ প্রবৃদ্ধি এমন এক পরিস্থিতি, যা বিশ্বের বেশিরভাগ মানুষের কাছে মন্দার সময়ের মতো মনে হবে। বেকারত্ব বাড়বে। কিছু দেশের জন্য, খাবারের দাম এবং খাদ্য নিরাপত্তাহীনতা বাড়তে পারে।
ইরান যুদ্ধের সময় তেলের দাম প্রায় ১২০ ডলারে উঠেছিল। কিন্তু তারপর থেকে তা কমেছে। মঙ্গলবার এক ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৯৮ দশমিক ৮৫ ডলারে দাঁড়িয়েছে।
আইএমএফ বলছে, গুরুতর পরিস্থিতি দুই বছরের বেশি সময় ধরে চলতে থাকলে মন্দার ঝুঁকি কেবল বাড়বে।
সংস্থাটি বলেছে যে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সংঘাতের সমাধান হলে এবং এ বছরের মাঝামাঝি সময়ে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি উৎপাদন ও রপ্তানি স্বাভাবিক হতে শুরু করলে ২০২৬ সালের জন্য বৈশ্বিক প্রবৃদ্ধি ৩ দশমিক ১ শতাংশে দাঁড়াবে।
তবে এই প্রবৃদ্ধিও আগের ৩ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাসের চেয়ে কম হবে। আইএমএফ অবশ্য আগামী বছরের জন্য তাদের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ দশমিক ২ শতাংশে অপরিবর্তিত রেখেছে।
বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোর বিষয়ে আইএমএফ পূর্বাভাস দিয়ে বলেছে, ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকটে যুক্তরাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
আইএমএফ চলতি বছরের জন্য যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ১ দশমিক ৩ শতাংশ থেকে কমিয়ে ০ দশমিক ৮ শতাংশ করেছে।
তবে সংস্থাটি আশা করছে যে, এরপর যুক্তরাজ্য ১ দশমিক ৩ শতাংশ অর্থনৈতিক সম্প্রসারণের মাধ্যমে আবার ঘুরে দাঁড়াবে।
তাছাড়া, আইএমএফ আরও পূর্বাভাস দিয়েছে যে, উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানিকারক দেশগুলোতে এবছর অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তীব্র মন্দা বা সংকোচন দেখা যেতে পারে।
ওদিকে, আইএমএফ এর হিসাবে, চলতি বছর ইরানের অর্থনীতি ৬ দশমিক ১ শতাংশ সংকুচিত হবে। তবে যদি আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হয়, তাহলে ২০২৭ সালে ৩ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।
তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রধান সরবরাহকারী দেশ কাতারের মতো কিছু দেশে ইরানের হামলায় অনেক শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সেগুলো পুরোপুরি চালু হতে কিছু সময় লাগবে।
এই প্রেক্ষাপটে আইএমএফ পূর্বাভাস দিয়েছে যে, এবছর কাতারের অর্থনীতি ৮ দশমিক ৬ শতাংশ সংকুচিত হবে। তবে পরের বছর তা ৮ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ঘুরে দাঁড়াবে।
তাছাড়া, যুদ্ধের কারণে এবছর ইরানের প্রতিবেশী দেশ ইরাকের অর্থনীতি ৬ দশমিক ৮ শতাংশ কমবে। তবে ২০২৭ সালে তা ১১ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে অর্থনীতি পুনরুদ্ধার হবে বলেও আইএমএফ আশা প্রকাশ করেছে।
আইএমএফ বলেছে, কোনও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বেশ কিছু বিষয়ের ওপর নির্ভর করবে। এর মধ্যে আছে- জ্বালানি অবকাঠামোর ক্ষয়ক্ষতির বিষয়টি ছাড়া হরমুজ প্রণালির ওপর নির্ভরশীলতা এবং বিকল্প রপ্তানি পথের সহজলভ্যতা।
14 Apr 2026, 11:15 PM
ইসরায়েলের ১৩টি স্থাপনায় হামলার দাবি হিজবুল্লাহর
ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে আলোচনার চলার মধ্যেই উত্তর ইসরায়েলের ১৩টি নিশনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।
ইরান সমর্থিত সংগঠনটি বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই আক্রমণ অব্যাহত থাকবে।
14 Apr 2026, 11:03 PM
দুই দিনের মধ্যে ফের ইসলামাবাদে আলোচনার ইঙ্গিত ট্রাম্পের
আগামী দুই দিনের মধ্যে পাকিস্তানে ফের ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
টেলিফোন সাক্ষাৎকারে নিউ ইয়র্ক পোস্টের সাংবাদিককে তিনি বলেন, “আপনাদের সেখানেই (ইসলামাবাদ) থাকা উচিত। কারণ আগামী দুই দিনের মধ্যে সেখানে কিছু একটা ঘটতে চলেছে। আমরা সেখানেই যাওয়ার ব্যাপারে বেশি আগ্রহী।”
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কয়েক ঘণ্টারে আলোচনা হলেও সেখান থেকে কার্যকরী ফল আসেনি। কোনো চুক্তি ছাড়াই আলোচনা ভেস্তে যায়। এরপর চলতি সপ্তাহেই ফের দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে বলে জল্পনা চলছে।
এর আগে আলোচনা সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স জানায়, চলতি সপ্তাহেই ফের ইসলামাবাদে আলোচনা শুরু হতে পারে। তবে এরপরই ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানায়, পুনরায় আলোচনা শুরুর ব্যাপারে কোনো তথ্য নেই।
এখন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও ফের আলোচনার ব্যাপারে ইঙ্গিত দিলেন।
14 Apr 2026, 10:49 PM
লেবানন-ইসরায়েল আলোচনা ঐতিহাসিক সুযোগ: রুবিও
যুক্তরাষ্ট্রে চলা ইসরায়েল-লেবানন আলোচনাকে ঐতিহাসিক সুযোগ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
তিনি বলেন, যদিও আগামী কয়েক ঘণ্টার মধ্যে সব জটিলতার সমাধান সম্ভব নয়, তবুও আলোচনায় জড়িত পক্ষগুলো সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করবে।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়েছে। এর আগে সর্বশেষ দুই পক্ষের মধ্যে বৈঠক হয়েছিল ১৯৯৩ সালে।
এবারের বৈঠকে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েশিয়েল লাইটার এবং লেবাননের পক্ষে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত নাদা হামাদেহ মাওয়াদ আলোচনায় বসেন। ইরান-সমর্থিত হিজবুল্লাহ বৈঠক শুরুর আগেই এই প্রচেষ্টাকে ‘নিরর্থক’ আখ্যা দিয়ে লেবানন সরকারকে আলোচনা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হওয়ার পরও ইসরায়েল লেবাননে হামলা বন্ধ করেনি। ইসরায়েল দক্ষিণ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
এই হামলার ফলে বহু মানুষ নিহত হওয়া ছাড়াও লাখ লাখ মানুষ ঘরছাড়া হয়েছে।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এ পর্যন্ত ইসরায়েলের হামলায় দুই হাজারের বেশি মানুষ নিহত ও ছয় হাজার পাঁচশোর বেশি মানুষ আহত হয়েছেন।
লেবানন বলেছে, দেশটিতে ইসরায়েলের হামলা বন্ধ করাই আলোচনার লক্ষ্য।
তবে ইসরায়েল বলছে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা নয়, বরং হিজবুল্লাহর অস্ত্র সমর্পণ করা নিয়ে তারা আলোচনা করতে চায়।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি হয় গত সপ্তাহে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেই যুদ্ধবিরতির আওতায় লেবানন পিড়ে না বলে সাফ জানিয়ে দিয়ে দেশটিতে হামলা আরও জোরদার করেন।
এরপর তিনি লেবানন সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসার ঘোষণা দেন।
14 Apr 2026, 09:50 PM
যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনার কোনো তথ্য নেই: ইরানি সংবাদমাধ্যম
যুদ্ধ বন্ধের ব্যাপারে ইরান ও যুক্তরাষ্ট্রের পুনরায় আলোচনার খবরে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরান ও মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তানের মধ্যে বার্তা আদান-প্রদান হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও আলোচনার বিষয়ে কোনো শর্ত বা চুক্তির ‘তথ্য নেই’।
একটি কূটনৈতিক সূত্রের বরাতে আইআরএনএ জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পর বর্তমান পরিস্থিতি নিয়ে বার্তা আদান-প্রদান হচ্ছে।
এর আগে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স এক প্রতিবেদনে বলে, যুদ্ধ অবসানে পুনরায় আলোচনা করতে চলতি সপ্তাহেই মার্কিন ও ইরানি প্রতিনিধি দল ফের ইসলামাবাদে ফিরতে পারেন।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর প্রথমবারের মত গত সপ্তাহে ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা হয়েছে। যদিও সেই আলোচনায় কোনো সুরাহা হয়নি। কোনো প্রকার চুক্তি ছাড়াই দুই দেশের প্রতিনিধিরা ইসলামাবাদ ছেড়ে চলে যান।
তবে দুই পক্ষের আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে মঙ্গলবার রয়টার্স জানায়, উভয় দেশই চলতি সপ্তাহের শেষ নাগাদ পুনরায় আলোচনায় ফিরতে পারে। তাদের প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে একটি প্রস্তাব ওয়াশিংটন ও তেহরানের কাছে পাঠানো হয়েছে।
ইরানের একটি ঊর্ধ্বতন সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, “এখনো কোনো সুনির্দিষ্ট তারিখ নির্ধারিত হয়নি, তবে প্রতিনিধিদলগুলো শুক্রবার থেকে রোববার পর্যন্ত সময় হাতে রাখছে।”
যদিও ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ বলেছে, ওই সংক্রান্ত কোনো তথ্য নেই।
ডনাল্ড ট্রাম্প গত ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন, যার মেয়াদ শেষ হবে আগামী ২২ এপ্রিল।
সূত্র: বিবিসি।
14 Apr 2026, 09:27 PM
হরমুজ প্রণালিতে অচলাবস্থা বিশ্বে ‘চরম খাদ্য সংকট’ ডেকে আনতে পারে: এফএও
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্য শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর মার্কিন নৌ অবরোধ এবং তেহরানের অনড় অবস্থানের কারণে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌ-রুট হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অচলাবস্থা কাটছে না।
হরমুজ প্রণালিতে দিয়ে গুরুত্বপূর্ণ কৃষি উপকরণ সরবরাহ বন্ধ থাকায় বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সতর্ক করে বলেছে, এমন অচলাবস্থা অব্যাহত থাকলে বৈশ্বিক খাদ্য পরিস্থিতি ‘মহাবিপর্যয়’-এর সম্মুখীন হতে পারে।
মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের এই সংস্থাটি প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো সোমবার এক সাক্ষাৎকারে বৈশ্বিক খাদ্য পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, বিদ্যমান মজুদ উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের এই ধাক্কা সামলে নিচ্ছে বলে খাদ্যমূল্য এখনো বাড়েনি।
ম্যাক্সিমোর সঙ্গে থাকা এফএও’র কৃষি-খাদ্য অর্থনীতি বিভাগের পরিচালক ডেভিড লাবোর্দে যোগ করেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে জ্বালানি ও সারের সংকটের কারণে বছরের শেষ ভাগে এবং ২০২৭ সাল পর্যন্ত ভোগ্যপণ্য ও খুচরা দামে উল্লম্ফন ঘটতে পারে।
এফএও এর মতে, ২০ থেকে ৪৫ শতাংশ গুরুত্বপূর্ণ কৃষি-খাদ্য উৎপাদন উপকরণ হরমুজ প্রণালি দিয়ে রপ্তানি হয়।
লাবোর্দে বলেন, “আমরা এখন বিভিন্ন উপকরণ সংকটের মধ্যে আছি। এটিকে ‘মহাবিপর্যয়ে’ পরিণত করতে আমরা চাই না। তবে পার্থক্যটি নির্ভর করবে আমরা কী পদক্ষেপ নিচ্ছি তার ওপর।”
ম্যাক্সিমো বলেন, “এই মুহূর্তে আমাদের কোনো খাদ্য সংকট নেই; কারণ প্রাপ্যতা রয়েছে। একটি ভালো ফসলের মৌসুমের কারণে প্রচুর সরবরাহ থাকায় গ্যাস ও তেলের দাম বৃদ্ধি এখনো রুটি এবং গমের মতো খাদ্যপণ্যের মূল্য বাড়িয়ে দেয়নি। কিন্তু এটা শুধুমাত্র বর্তমান পরিস্থিতি।”
14 Apr 2026, 09:21 PM
মেলোনির সাহসের অভাব আছে: ট্রাম্প
ইরান যুদ্ধ নিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ‘সাহসের ঘাটতি আছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
পোপ লিওকে নিয়ে ট্রাম্পের সমালোচনাকে মেলোনি ‘অগ্রহণযোগ্য’ বলার পর একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
ইতালির এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি মেলোনির ওপর বিস্মিত। ভেবেছিলাম তার সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম।”
সমলোচনা করে তিনি বলেন, “মেলোনি মনে করেন আমেরিকার উচিত তার হয়ে সব কাজ করে দেওয়া।”
প্রেসিডেন্ট ট্রাম্প পোপ লিও চতুর্দশের কড়া সমালোচনা চালিয়ে যাচ্ছেন। ট্রাম্প বলেন, ইরান যুদ্ধ নিয়ে পোপের বিরোধিতা ‘ভুল’ ছিল। পোপের বিরুদ্ধে ‘অপরাধে নমনীয়’ হওয়ার অভিযোগ করেন তিনি।
এই সমালোচনাকে ‘অগ্রহণযোগ্য’ বলেছেন মেলোনি।
তবে ইতালির প্রধানমন্ত্রীর সেই মন্তব্যের জবাবে ট্রাম্প বলেন, “মেলোনি নিজেই অগ্রহণযোগ্য। কারণ ইরান পারমাণবিক অস্ত্র পেল কি না, সে বিষয়ে তার কোনো মাথাব্যথা নেই। সুযোগ পেলে ইরান দুই মিনিটের মধ্যে ইতালিকে উড়িয়ে দেবে “
14 Apr 2026, 08:53 PM
ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল-লেবানন, হিজবুল্লাহর আপত্তি
চলমান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চলেছে লেবানন সরকার।
মঙ্গলবার ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হবে। কয়েক দশক পর দু’পক্ষে এটিই হবে প্রথম সরাসরি আলোচনা। এর আগে সর্বশেষ দুই পক্ষের মধ্যে বৈঠক হয়েছিল ১৯৯৩ সালে।
এবারের বৈঠকে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েশিয়েল লাইটার এবং লেবাননের পক্ষে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত নাদা হামাদেহ মাওয়াদ ওয়াশিংটনের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় মার্কিন পররাষ্ট্রদপ্তরে আলোচনায় বসবেন।
বৈঠকে উপস্থিত থাকবেন লেবাননে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইকেল ইসাও। তবে হিজবুল্লাহর আপত্তির কারণে এ প্রচেষ্টায় কোনও অগ্রগতি হওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।
ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী বৈঠক শুরুর আগেই এই প্রচেষ্টাকে ‘নিরর্থক’ আখ্যা দিয়ে লেবানন সরকারকে আলোচনা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে।
হিজবুল্লাহ নেতা কাশেম নঈম সোমবার বলেছেন, এই আলোচনা ইসরায়েলের সঙ্গে লড়াই করে আসা সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে অস্ত্র সমর্পণ করানোর জন্য একটি চাল।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর হিজবুল্লাহ এর জবাবে ইসরায়েলে হামলা চালায়। পাল্টা হামলা চালায় ইসরায়েলও।
এখনও ইসরায়েল লেবাননে জোর হামলা চালিয়ে যাচ্ছে। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির অংশ হিসাবে লেবাননে হামলা বন্ধ করতেও ইসরায়েল অস্বীকৃতি জানিয়েছে।
এই পরিস্থিতিতে লেবানন ও ইসরায়েলের মধ্যে আলোচনার পট প্রস্তুত হয় গত সপ্তাহান্তে দুই দেশের রাষ্ট্রদূতের মধ্যে এক নজিরবিহীন ফোনকলের মাধ্যমে। কারণ, দুই দেশের মধ্যে কোনও আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।
লেবাননে ইসরায়েলের চলমান সামরিক হামলা বন্ধে আন্তর্জাতিক মহলের বাড়তে থাকা চাপের মধ্যে দুই দেশ এই আলোচনায় বসতে চলেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর এই বৈঠককে ‘হিজবুল্লাহর বেপরোয়া কর্মকাণ্ডের’ জবাব হিসাবে অতি প্রয়োজনীয় বলে বর্ণনা করেছে। এক মার্কিন কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে লড়াই করছে, লেবাননের সঙ্গে নয়। সেকারণে দুই দেশ আলোচনায় না বসতে পারার কোনো কারণ নেই।
14 Apr 2026, 08:45 PM
আবারও ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা হতে পারে ‘চলতি সপ্তাহেই’
যুদ্ধ বন্ধের ব্যাপারে আলোচনা শুরু করতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী দলগুলো চলতি সপ্তাহেই ইসলামাবাদে ফিরতে পারে।
গত সপ্তাহের আলোচনা ভেস্তে যাওয়া এবং এরপর ইরানের বন্দরে মার্কিন অবরোধ চলার মধ্যে এ খবর দিয়েছে রয়টার্স।
বার্তা সংস্থাটি লিখেছে, বন্দরে মার্কিন অবরোধের প্রতিক্রিয়ায় তেহরান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেও কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকার ইঙ্গিত দিয়েছে ইরান, যা তেলের বাজারে স্বস্তি ফিরিয়েছে। এর ফলে মঙ্গলবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলারের নিচে নেমে নামে।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর প্রথমবারের মত গত সপ্তাহে ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা হয়েছে। যদিও সেই আলোচনায় কোনো সুরাহা হয়নি। কোনো প্রকার চুক্তি ছাড়াই দুই দেশের প্রতিনিধিরা ইসলামাবাদ ছেড়ে চলে যান।
তবে দুই পক্ষের আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে মঙ্গলবার রয়টার্স জানিয়েছে, উভয় দেশই চলতি সপ্তাহের শেষ নাগাদ পুনরায় আলোচনায় ফিরতে পারে। তাদের প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে একটি প্রস্তাব ওয়াশিংটন ও তেহরানের কাছে পাঠানো হয়েছে।
ইরানের একটি ঊর্ধ্বতন সূত্র বলছে, “এখনো কোনো সুনির্দিষ্ট তারিখ নির্ধারিত হয়নি, তবে প্রতিনিধিদলগুলো শুক্রবার থেকে রোববার পর্যন্ত সময় হাতে রাখছে।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান সোমবার যোগাযোগ করেছে। তারা একটি চুক্তিতে পৌঁছাতে চায়। তবে তেহরানকে পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেওয়ার মত এমন কোনো চুক্তিতে তিনি সম্মতি দেবেন না।
14 Apr 2026, 07:53 PM
ইরান যুদ্ধের মধ্যে রাশিয়ার তেলের আয় বেড়ে প্রায় দ্বিগুণ
ইরান যুদ্ধ চলাকালে মার্চ মাসে রাশিয়ার তেল রপ্তানির আয় প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়তে থাকার মুখে মস্কোর তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করে ওয়াশিংটন।
রাশিয়া ফেব্রুয়ারিতে যেখানে দৈনিক মাত্র তিন লাখ ২০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল ও তেল পণ্য রপ্তানি করতো সেখানে মার্চে এটি বেড়ে দৈনিক ৭১ লাখে পৌঁছে যায়, এর ফলে গত মাসে দেশটি এক হাজার ৯০০ কোটি ডলার আয় করতে সক্ষম হয়; জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) ।
ইউক্রেইন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। কিন্তু তাদের শুরু করা ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তেলের দাম বাড়তে থাকায় চাপে পড়ে রাশিয়ার তেলের ওপার আরোপ করা নিষেধাজ্ঞায় ছাড় দিতে বাধ্য হয়ে যুক্তরাষ্ট্র। ১১ এপ্রিল পর্যন্ত ইতোমধ্যেই সাগরে থাকা রাশিয়ার তেল কিনতে দেশগুলোকে অনুমতি দেয় তারা।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি কার্যকরভাবে বন্ধ করে দেয় ইরান। বিশ্বের ২০ শতাংশ জ্বালানির সরবরাহ পথটি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেল ও গ্যাসের বাজার অস্থির হয়ে ওঠে।
গত দেড় মাসে বেশ কয়েকবার অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি মূল্য ১০০ ডলার ছাড়িয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র।
এদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ফিলিপিন্স জানিয়েছে, তারা রাশিয়ার আরও অপরিশোধিত তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমোদন চেয়েছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত কোনো সাড়া না দিলেও ফিলিপিন্সের জ্বালানিমন্ত্রী শ্যারন গ্যারিন বলেছেন, “এই সুযোগটি পাওয়ার বিষয়ে আমরা খুব আশাবাদী। তবে এটি যদি সফল না হয় তাহলে আমাদের কাছে অন্য বিকল্পও আছে।”
14 Apr 2026, 07:47 PM
হরমুজে ইরানি বন্দর অবরোধ বন্ধে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব
হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ থেকে সরে এসে আলোচনার টেবিলে ফেরার জন্য যুক্তরাষ্ট্রের ডনাল্ড ট্রাম্প প্রশাসনকে চাপ দিচ্ছে সৌদি আরব।
রিয়াদের আশঙ্কা, এই অবরোধের ফলে ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথগুলো বন্ধ করে দিতে পারে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে যে, ইরানি বন্দরগুলো বন্ধের যুক্তরাষ্ট্রের পদক্ষেপে তেহরান উত্তেজনা আরও বাড়াতে পারে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে বিঘ্ন ঘটাতে পারে।
বাব আল-মান্দেব নিয়ে শঙ্কা
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধ মূলত ইরানের পঙ্গু হয়ে যাওয়া অর্থনীতির ওপর চাপ আরও বাড়ানোর লক্ষ্যেই দেওয়া হয়েছে।
তবে সৌদি আরবের আশঙ্কা, এর প্রতিশোধ হিসেবে ইরান ‘বাব আল-মান্দেব’ প্রণালি বন্ধ করে দিতে পারে।
লোহিত সাগরের এই প্রবেশপথটি সৌদি আরবের তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গত ছয় সপ্তাহের যুদ্ধে ইরান ইতিমধ্যে হরমুজ প্রণালি বন্ধ করা এবং আঞ্চলিক অবকাঠামোতে আঘাত হানার সক্ষমতা দেখিয়েছে।
এর ফলে উপসাগরীয় দেশগুলোর দীর্ঘমেয়াদী তেল ও গ্যাস কৌশল এখন হুমকির মুখে।
বিকল্প নৌপথেও বিপদ
হরমুজ প্রণালি বন্ধ থাকার সময় সৌদি আরব পাইপলাইনের মাধ্যমে মরুভূমি পাড়ি দিয়ে লোহিত সাগর পর্যন্ত তেল পৌঁছে দিয়ে তাদের দৈনিক ৭০ লাখ ব্যারেল রপ্তানি বজায় রাখতে সক্ষম হয়েছিল।
কিন্তু এখন বাব আল-মান্দেব বন্ধ হয়ে গেলে সেই বিকল্প পথটিও রুদ্ধ হয়ে যাবে।
ইয়েমেনের ইরান-পন্থি হুতি বিদ্রোহীরা বর্তমানে বাব আল-মান্দেবের উপকূলীয় একটি বড় অংশ নিয়ন্ত্রণ করছে। হুতিরা গাজায় ইসরায়েলের যুদ্ধের সময় এই নৌপথে ব্যাপক বিঘ্ন ঘটিয়েছিল।
আরব কর্মকর্তারা বলছেন, ইরান এখন হুতিদেরকে চাপ দিচ্ছে এই নৌপথটি বন্ধ করে দেওয়ার জন্য।
নিউ আমেরিকা পলিসি ইনস্টিটিউট-এর ইয়েমেন বিশেষজ্ঞ অ্যাডাম ব্যারন মনে করেন, ইরান বাব এল-মান্দেব প্রণালি বন্ধ করতে চাইলে হুতিরাই তাদের জন্য উপযুক্ত অংশীদার।
কারণ, গাজা সংকটের সময় হুতিরা এই নৌপথ বন্ধে তাদের সক্ষমতা প্রমাণ করেছে।
ইরানের হুঁশিয়ারি
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রাখা ইরানের রেভল্যুশনারি গার্ডের ঘনিষ্ঠ তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, হরমুজে বন্দর অবরোধের কারণে ইরান লোহিত সাগরের প্রবেশদ্বারও বন্ধ করে দিতে পারে।
ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা আলি আকবর বেলায়েতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, তেহরান বাব আল-মান্দেবকে ‘হরমুজ প্রণালির মতোই’ দেখে।
তিনি সতর্ক করে বলেন, “হোয়াইট হাউজ যদি তাদের বোকার মতো ভুলের পুনরাবৃত্তি করে, তবে তারা দ্রুতই বুঝতে পারবে যে, একটি মাত্র সংকেতেই বিশ্ব জ্বালানি প্রবাহ এবং বাণিজ্য ব্যাহত হতে পারে।”
সোমবার ইরানের সশস্ত্র বাহিনীও এক বিবৃতিতে বলেছে, পারস্য উপসাগর ও ওমান সাগরে ইরানের বন্দরগুলো অনিরাপদ হলে এই অঞ্চলের কোনও বন্দরই আর নিরাপদ থাকবে না।
হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধ সোমবার থেকে কার্যকর হয়েছে। হোয়াইট হাউজের মুখপাত্র আনা কেলি জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকুক।
তিনি দাবি করেন, উপসাগরীয় মিত্রদের সহায়তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে ইরান যুক্তরাষ্ট্র বা অন্য কোনও দেশকে জিম্মি করতে না পারে।
তবে ছয় সপ্তাহের ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে তেহরানের দীর্ঘদিনের অঘোষিত সমঝোতাকে চূর্ণবিচূর্ণ করে দিয়েছে।
সৌদি আরবসহ উপসাগরীয় মিত্র দেশগুলো এখন চাইছে ইরান যেন কোনোভাবেই হরমুজ প্রণালির ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রাখতে না পারে।
আর এই সংকট কাটাতে তারা যুদ্ধের বদলে দ্রুত আলোচনার মাধ্যমেই সমাধান চাইছে।
14 Apr 2026, 07:40 PM
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করছে ইতালি
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েলের সঙ্গে ইতালির প্রতিরক্ষা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছেন।
ইতালির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি লিখেছে, মঙ্গলবার ভেরোনায় সাংবাদিকদের সঙ্গে আলাপে মেলোনি বলেন, হরমুজ প্রণালি পুনরায় সচল করতে ‘সম্ভাব্য সকল প্রচেষ্টা’ অবশ্যই গ্রহণ করতে হবে।
14 Apr 2026, 07:29 PM
সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের তৈরি সমস্যা আরও বাড়াবে: পেজেশকিয়ান
ইরানের ওপর যেকোনো হুমকি, চাপ ও সামরিক পদক্ষেপ কোনো কাজে আসবে না এবং সেগুলো যুক্তরাষ্ট্রের নিজের তৈরি সমস্যা আরও বাড়াবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সঙ্গে ফোনালাপে তিনি একথা বলেন বলে ইরানি সংবাদমাধ্যমের বরাতে বিবিসি লিখেছে।
মাক্রোঁকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান শান্তি আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। বিরোধ নিষ্পত্তিতে কূটনীতিই তাদের পছন্দের পথ।
“ইউরোপের উচিত যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন ও নীতিমালা মেনে চলতে উৎসাহিত করা,” যোগ করেন ইরানের প্রেসিডেন্ট।
13 Apr 2026, 01:06 PM
তেহরান, তাবরিজ ও মাশহাদের মধ্যে রেল যোগাযোগ সচল
ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, তেহরান ও তাবরিজ এবং তাবরিজ ও মাশহাদের মধ্যবর্তী ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করে রেল যোগাযোগ পুনরায় চালু করা হয়েছে।
এই লাইনগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। ক্ষতিগ্রস্ত হওয়ার পর চার থেকে পাঁচ দিন এ পথগুলোতে রেল চলাচল বন্ধ ছিল।
ইরনা জানায়, মেরামত করা লাইন ধরে রাতে তেহরান থেকে তাবরিজ হয়ে তুরস্কের ভ্যান শহরের দিকে গেছে একটি ট্রেন।
13 Apr 2026, 11:44 AM
ইরানের বন্দর অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, তারা সোমবার ইরানের বন্দরগুলোতে অবরোধ শুরু করবে, তবে অন্যান্য দেশে যাওয়া বা সেখান থেকে আসা জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে তারা ‘বাধা দেবে না’।
ইউএস সেন্ট্রাল কমান্ডের ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ৮টায় এ অবরোধ শুরু হবে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ‘ইচ্ছে করেই’ হরমুজ প্রণালি চালু না করায় তিনি এ নির্দেশ দিয়েছেন।
তিনি সতর্ক করে বলেছেন, কোনো ইরানি বাহিনী আক্রমণ করলে মার্কিন নৌবাহিনী তাদের ‘সম্পূর্ণ ধ্বংস করে দেবে’ এবং ইরানকে টোল দেওয়া যেকোনো জাহাজকে আটক করা হবে।
পাকিস্তানে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর নতুন উত্তেজনার মধ্যে তেলের দর ইতোমধ্যে ১০০ ডলারের উপরে উঠে গেছে।
ট্রাম্প দাবি করেছেন, ইসলামাবাদে ইরানের সঙ্গে সরাসরি আলোচনা ব্যর্থ হয়েছে, কারণ ‘ইরান তাদের পারমাণবিক কর্মসূচি ছাড়তে রাজি নয়’।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় তেহরান ‘সৎ উদ্দেশ্যে’ নিয়ে অংশ নিয়েছিল। ইরানের প্রতিনিধি দলের নেতা পার্লামেন্টের স্পিকার বাকের কালিবাফ বলেছেন ইরান ‘হুমকির কাছে আত্মসমর্পণ করবে না’।
13 Apr 2026, 09:42 AM
তেল ফের ১০০ ডলারের উপরে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর এবং ডনাল্ড ট্রাম্প ইরানের বন্দর অবরোধ করার কথা বলার পর জ্বালানি বাজার অস্থির হয়ে উঠেছে। এর মধ্যে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের উপরে উঠে গেছে।
বিশ্ববাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুড ৭.৫% বেড়ে ১০২.৩৭ ডলারে দাঁড়িয়েছে, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ৮.৩% বেড়ে ১০৪.৫৬ ডলারে পৌঁছেছে।
আলোচনা ব্যর্থ হওয়ায় এ উদ্বেগ তৈরি হয়েছে যে যুদ্ধ চলতে থাকলে জ্বালানি সংকট আরও গভীর হতে পারে।
13 Apr 2026, 01:26 AM
ইরানের সঙ্গে এখনো চুক্তি সম্ভব, বিশ্বাস ভ্যান্সের
ইরানের সঙ্গে একটি চুক্তির সম্ভাবনা এখনো রয়েছে বলে বিশ্বাস যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের।
তবে তেহরান তাদের পারমাণিক কর্মসূচি ত্যাগ করতে রাজি না হওয়ায় কোনো চুক্তি ছাড়াই ইসলামাবাদের শান্তি আলোচনা শেষ করে দেশে ফিরে গেছেন।
একজন মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ‘চূড়ান্ত প্রস্তাব’ দিলেও ইরান তাতে সাড়া দেয়নি।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন, আলোচনায় অংশ নেওয়া মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ভ্যান্স মনে করেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় নিজেদের প্রভাব সম্পর্কে ইরান ভুল ধারণা পোষণ করছে।
শনিবার ২১ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ আলোচনায় ভ্যান্সের সঙ্গে বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নেন।
মার্কিন কর্মকর্তার মতে, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি।
এর মধ্যে ছিল—ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা, আঞ্চলিক মিত্রদের অন্তর্ভুক্ত করে বিস্তৃত শান্তি কাঠামো তৈরি, হরমুজ প্রণালি পুনরায় চালু করার সমাধান, যেখানে টোল আরোপ থাকবে না।
তারা আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা প্রায় সব বিষয়েই অগ্রগতি পেয়েছি, শুধু তারা তাদের পারমাণবিক আকাঙ্ক্ষা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে।”
সব মিলিয়ে, দীর্ঘ আলোচনার পরও মূল বিষয়গুলোতে অচলাবস্থা বজায় থাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার সম্ভাবনা এখনো অনিশ্চিত রয়ে গেছে।
সূত্র: বিবিসি
13 Apr 2026, 01:22 AM
ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রে সমর্থন কমেছে
ইরান যুদ্ধে মার্কিনিদের সমর্থন আরো কমে আসার তথ্য উঠেছে নতুন এক জরিপে।
সিবিএস ও ইউগভের এ জরিপে দেখা গেছে, মার্চের শেষ দিকের তুলনায় সমর্থন ২ শতাংশ পয়েন্ট কমে ৩৬ শতাংশে ঠেকেছে।
মার্চের শেষ দিকে এই যুদ্ধের বিরোধিতা করেছিলেন যুক্তরাষ্ট্রের ৬২ শতাংশ মানুষ।
এদিকে যুক্তরাষ্ট্রের সর্বশেষ ভোক্তা মূল্যসূচক অনুযায়ী, দেশটিতে মূল্যস্ফীতি বেড়েছে, যা ইরান যুদ্ধের একটা নেতিবাচক প্রভাব হিসেবে দেখছেন মার্কিনিরা।
13 Apr 2026, 12:50 AM
হরমুজ নিয়ে ট্রাম্পের ‘হুঙ্কার ইরানকে নতজানু করতে পারবে না’
পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ও প্রতিরক্ষা বিশ্লেষক মুশাহিদ হুসেইন সাইয়েদ মনে করেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কার্যত ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।
আল জাজিরাকে তিনি বলেন, ডনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ‘বাড়াবাড়ি’ ছাড়া আর কিছু নয়।
“আমি মনে করি, এই হুঙ্কার ও বাড়াবাড়ির মাধ্যমে ইরানিদের ভয় দেখিয়ে নতজানু করা সম্ভব হবে না। যা ৪৩ দিনে হয়নি, তা নিকট ভবিষ্যতেও হবে না।”
13 Apr 2026, 12:13 AM
হরমুজ প্রণালি থেকে মাইন সরাতে নেটো সহায়তার আশ্বাস দিয়েছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে পাতা মাইন অপসারণ করতে নেটো সহায়তার আশ্বাস দিয়েছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ এই জলপথ অবরোধের হুঁশিয়ারি দেওয়ার পরই ‘ফক্স নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান ট্রাম্প।
তিনি বলেন, আগে যুক্তরাষ্ট্র নেটো জোটকে নিয়ে খুবই হতাশ ছিল। তবে এখন তারা এসে প্রণালিটি মাইনমুক্ত করতে সহায়তা করতে চায়।
ট্রাম্প বলেন, “প্রণালিটি পরিষ্কার করতে খুব বেশি সময় লাগবে না। আমরা এই প্রণালি পরিষ্কার করব এবং এটি খুব শিগগিরই জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হবে।”
তিনি বলেন, “যুক্তরাষ্ট্র মাইন অপসারণকারী জাহাজ নিয়ে আসছে এবং যুক্তরাজ্যসহ পশ্চিমা সামরিক জোট নেটোর আরও কয়েকটি দেশও তা করবে।
“আমার জানা মতে, যুক্তরাজ্য এবং আরও কয়েকটি দেশ মাইন অপসারণকারী জাহাজ পাঠাচ্ছে।”
12 Apr 2026, 11:42 PM
হরমুজ খোলা, তবে সামরিক জাহাজ ঢুকলে ‘কঠোর ব্যবস্থা’: ইরান
বেসামিরক নৌযানের জন্য খোলা থাকলেও হরমুজ প্রণালিতে কোনো সামরিক জাহাজ চলতে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
রোববার ইসলামিক রেভলুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালি বেসামরিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত।
“তবে কোনো সামরিক জাহাজ এই প্রণালির আশপাশে এলে তা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সূত্র: আল জাজিরা
12 Apr 2026, 11:21 PM
এবার হরমুজ প্রণালি ‘অবরোধ’ শুরুর ঘোষণা দিলেন ট্রাম্প
ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর এবার হরমুজ প্রণালি ‘অবরোধ’ শুরু করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প
রোববার তিনি এ ঘোষণা দিয়ে জানিয়েছেন, হরমুজে প্রবেশ বা সেখান থেকে বেরোনোর চেষ্টা করা সব জাহাজকে আটকে দেবে যুক্তরাষ্ট্রের নৌসেনারা।
অবিলম্বে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে এই নির্দেশ কার্যকর করতে বলেছেন ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, “অবিলম্বে কার্যকর হওয়া এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজ প্রণালিতে ঢোকা বা সেখান থেকে বের হওয়ার চেষ্টায় থাকা যেকোনও জাহাজ অবরোধ করা শুরু করবে।
12 Apr 2026, 11:21 PM
ইরানকে অস্ত্র পাঠালে পরিণতি হবে মারাত্মক: চীনকে ট্রাম্পের হুঁশিয়ারি
চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য উল্লেখ করে সিএনএন-এ খবর প্রকাশের পর বেইজিংকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
শনিবার হোয়াইট হাউজ থেকে মায়ামি যাওয়ার পথে সংবাদমাধ্যমকে তিনি বলেন, “ইরানকে কোনওভাবেই চীন যেন সহযোগিতা না করে। ইরানকে অস্ত্র দিয়ে সহযোগিতা করলে চীনকে মারাত্মক পরিণতি ভোগ করবে হবে।”
সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়ন সম্পর্কে অবগত তিনজনের বরাত দিয়ে শুক্রবার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন খবর দেয়, অস্ত্রের উৎস আড়াল করতে চীন তৃতীয় কোনো দেশ হয়ে অস্ত্র চালান পাঠাতে কাজ করছে।
12 Apr 2026, 11:12 PM
ইরানি প্রতিনিধিদলের আস্থা অর্জনে যুক্তরাষ্ট্র ব্যর্থ: বাকের কালিবাফ
পাকিস্তানে শান্তি আলোচনা শেষের পর প্রথম আনুষ্ঠানিক বিবৃতিতে ইরানের পার্লামেন্টের স্পিকার ও তেহরানের প্রতিনিধিদলের প্রধান মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে।
এখন যুক্তরাষ্ট্রকেই ঠিক করতে হবে তারা ইরানের আস্থা অর্জন করতে চায় কী-না- এক্সে এ দেওয়া এক পোস্টে কালিবাফ একথা বলেন।
কালিবাফ বলেন, আলোচনার আগে তিনি জোর দিয়ে বলেছিলেন যে, “ইরানের সদিচ্ছা ও আন্তরিকতা রয়েছে। কিন্তু আগের দুই যুদ্ধে অভিজ্ঞতার কারণে প্রতিপক্ষের ওপর তাদের (যুক্তরাষ্ট্র) কোনও আস্থা নেই।”
12 Apr 2026, 11:08 PM
হরমুজ প্রণালি পার হতে হলে টোল দিতে হবে: ইরান
হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে আছে। এই প্রণালি পার হতে হলে টোল দিতে হবে বলে ঘোষণা করেছেন ইরানের ডেপুটি স্পিকার হাজি বাবেয়ি।
পাকিস্তানের ইসলামাবাদে ইরানের প্রতিনিধি দলের সঙ্গে কয়েক ঘণ্টার বৈঠকের পর সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স হরমুজ প্রণালির বিষয়টি উল্লেখ করেননি।
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন হয়।
হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে আছে। এই প্রণালি পার হতে হলে টোল দিতে হবে বলে ঘোষণা করেছেন ইরানের ডেপুটি স্পিকার হাজি বাবেয়ি।
12 Apr 2026, 05:43 PM
ইরানে নিহত বেড়ে ৩,৩৭৫
ইরানের ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশনের প্রধান আব্বাস মাসজেদি আরানি, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিহত ৩,৩৭৫ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে।
ইরানের গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, নিহতদের মধ্যে ২,৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী রয়েছে।
এর আগে ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধ চলাকালে সেখানে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
তেহরানে আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সাইয়েদ মাজিদ খাদেমির শেষ বিদায় অনুষ্ঠানে শোক করেন বিপুল সংখ্যক মানুষ। ছবি: রয়টার্স
12 Apr 2026, 02:15 PM
নতুন করে আলোচনা শুরু করতে তাড়াহুড়ো করছে না ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে আরেক দফা আলোচনা শুরু করার বিষয়ে ‘ইরান কোনো তাড়াহুড়ো করছে না’ বলে খবর দিয়েছে ফার্স।
একটি সূত্রের বরাতে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থাটি এ খবর দিয়েছে।
সূত্রটি বলেছে, “যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত একটি যুক্তিসঙ্গত চুক্তিতে সম্মত না হবে, ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালির বর্তমানকার পরিস্থিতি নিয়ে কোনো পরিবর্তন আসবে না।”
12 Apr 2026, 02:10 PM
উভয় পক্ষকে আলোচনায় ফেরার আহ্বান অস্ট্রেলিয়ার
যুদ্ধবিরতি বজায় রাখতে এবং আবার আলোচনায় ফিরতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং।
তিনি বলেছেন, “ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা চুক্তি ছাড়াই শেষ হওয়ায় আমরা হতাশ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যুদ্ধবিরতি বজায় রাখা এবং আবার আলোচনা শুরু করা। আমরা দ্রুত এই সংঘাতের সমাধান দেখতে চাই।”
সতর্ক করে পেনি ওং বলেন, “সংঘাত আরও বাড়লে মানুষের ক্ষয়ক্ষতি বাড়বে এবং বিশ্ব অর্থনীতির ওপরও বড় প্রভাব পড়বে।”
12 Apr 2026, 02:07 PM
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬
লেবাননের দক্ষিণাঞ্চলের টাইর জেলার মারউব শহরে ইসরায়েলি হামলায় ছয়জন নিহত হয়েছে বলে খবর দিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ।
এদিকে হিজবুল্লাহ দাবি করেছে,উত্তরাঞ্চলে ইয়ার’অন এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর তারা ড্রোন হামলা চালিয়েছে।
গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, “আমাদের দেশ ও জনগণের ওপর ইসরায়েল-আমেরিকার আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রতিক্রিয়া চলতে থাকবে।”
12 Apr 2026, 02:05 PM
ইরানে ১৪৪ স্বাস্থ্যকর্মী হতাহত
ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১১৮ জন স্বাস্থ্যকর্মী আহত এবং ২৬ জন নিহত হয়েছে।
দেশটির জরুরি বিভাগের প্রধান জাফর মিয়াদফার এ তথ্য জানিয়ে বলেছেন, চার শতাধিক চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ৫৭টি জরুরি ঘাঁটি, ৪৭টি অ্যাম্বুলেন্স, ২টি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার এবং একটি সামুদ্রিক অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, “হাসপাতালে আমাদের সহকর্মীদের অবস্থা উদ্বেগজনক।”
12 Apr 2026, 02:02 PM
ইরানে দুই সহস্রাধিক শিশু আহত
ইরানের জরুরি বিভাগের প্রধান জাফর মিয়াদফার জানিয়েছেন, মার্কিন-ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২,১১৫ জন শিশু আহত হয়েছে। এর মধ্যে ১২৪ জনের বয়স ৫ বছরের কম এবং ২৪ জনের বয়স ২ বছরের নিচে।
প্রায় পাঁচ হাজার নারীও আহত হয়েছে। হামলার বেশিরভাগ ঘটনাই তেহরান, খুজেস্তান, লোরেস্তান, ইসপাহান, কেরমানশাহ ও ইলাম প্রদেশে ঘটেছে।
12 Apr 2026, 01:32 PM
লেবাননে শিশু নিহত বেড়ে ১৬৫
হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েল গত ২ মার্চ থেকে লেবাননে যে হামলা শুরু করেছে তাতে এ পর্যন্ত ১৬৫ জন শিশু মারা গেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত দুই হাজার ২০ জন নিহত এবং ছয় হাজার চারশ ৩৬ জন আহত হয়েছে।
নিহতদের মধ্যে ১৬৫ জন শিশু, ২৪৮ জন নারী এবং ৮৫ জন চিকিৎসাকর্মী রয়েছে।
শনিবার একদিনেই ইসরায়েলি বাহিনী ৯৭ জনকে হত্যা করেছে এবং আরও ১৩৩ জনকে আহত করেছে।
ইরানের পক্ষ নিয়ে ২ মার্চ থেকে ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুদ্ধ যোগ দেয় লেবাননের সশস্ত্র শিয়া রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহ। তারপর মার্চের মাঝামাঝি দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যোদ্ধাদের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।
12 Apr 2026, 01:02 PM
ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদ ছেড়েছে
পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর তেহরানের উদ্দেশে রওনা হয়েছে ইরানি প্রতিনিধি দল।
রোববার ইরানের আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা মেহর জানিয়েছে, মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনার পর ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদ ছেড়েছে।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলটি পাকিস্তানের স্থানীয় সময় সকাল ৯টার কিছুক্ষণ পরে ইসলামাবাদ ছাড়ে।
তাদের আগে শান্তি আলোচনায় অংশ নেওয়া মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদ ছেড়ে যায়। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন।
এই প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনারও ছিলেন।
12 Apr 2026, 01:02 PM
দুই-তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে: ইরান
পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্র ‘বেশ কয়েকটি বিষয়ে বোঝাপড়ায় পৌঁছেছে’ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি।
তিনি বলেছেন, “কেবল দুই থেকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।”
ইরানের আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসলামাবাদে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা মার্কিন পক্ষের ‘বাড়তি’ দাবির কারণে কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে।
ইসলামাবাদে এক সংবাদ সম্মেলেন ইসমাইল বাকায়ি বলেন, এই পর্বের আলোচনা গত এক বছরের মধ্যে দীর্ঘতম ছিল, যা ২৪ থেকে ২৫ ঘণ্টা স্থায়ী হয়েছে।
তিনি বলেন, “চাপিয়ে দেওয়া একটি যুদ্ধের ৪০ দিন পরে এই আলোচনাটি হয়েছে পুরোপুরি অবিশ্বাস আর সন্দেহের বাতাবরণের মধ্যে। তাই এটি স্বাভাবিক আমরা প্রথম থেকেই এক আলোচনার মধ্য দিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর আশা করিনি। কেউই এটি আশা করেনি।”
ইসমাইল জোর দিয়ে বলেন, “কূটনীতি কখনো শেষ হয় না। এই উপায়টি জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য আর কূটনীতিকদের অবশ্যই যুদ্ধ ও শান্তিকালীন, উভয় সময়ে তাদের দায়িত্ব পালন করে যেতে হবে।”
তিনি বলেন, এই আলোচনার সাফল্যগুলো ‘বিরোধী পক্ষগুলোর শুভ বিশ্বাস ও আন্তরিকতার ওপর’ এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থের স্বীকৃতি দেওয়ার ওপর নির্ভর করছিল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র সমস্যাগুলোর জটিলতার দিকটিও তুলে ধরেন।
তিনি বলেন, “কিছু নতুন সমস্যা, যেমন হরমুজ প্রণালির বিষয়টি আলোচনায় যুক্ত হয়। এগুলোর প্রত্যেকটির নিজস্ব জটিলতা আছে।
“যেকোনো পরিস্থিতিতে, কূটনৈতিক মহলকে ইরানি জনগণের অধিকার ও স্বার্থের দিকটি দেখতে হবে।”
তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সামরিক বাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারসহ দেশটির সরকার, জনগণ ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
12 Apr 2026, 09:40 AM
আমরা খুব সহজ প্রস্তাব রেখে যাচ্ছি: ভ্যান্স
ইরানের সঙ্গে দীর্ঘ সময় ধরে অতি গুরুত্বপূর্ণ আলোচনার পর কোনো শান্তি চুক্তি না হওয়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান থেকে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হয়েছেন।
ভ্যান্স রওনা হওয়ার আগে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউস উপদেষ্টা জ্যারেড কুশনারের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেছেন, ইসলামাবাদে ২১ ঘণ্টার শান্তি আলোচনার পরও যুদ্ধ শেষ করার জন্যযুক্তরাষ্ট্র ও ইরান কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি।
ভ্যান্স বলেন, “ইরানিদের সঙ্গে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে—এটাই ভালো দিক। কিন্তু খারাপ দিক হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি এবং আমি মনে করি, এটা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই বেশি খারাপ খবর।”
তিনি বলেন, “আমরা এমন অবস্থায় পৌঁছাতে পারিনি যেখানে ইরান আমাদের শর্ত মেনে নেবে।”
ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা করেন। তিনি বলেন, আলোচনায় যদি কোনো ঘাটতি থেকেও থাকে, তা পাকিস্তানিদের কারণে নয়; তারা ‘দারুণ কাজ করেছে’।
বিবিসি লিখেছে, এ সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকরা খুব কম প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন।
ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে প্রশ্ন করা হলে ভ্যান্স বলেন, এখন এবং ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরানকে থামানোই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘মূল লক্ষ্য’।
তিনি বলেন, ট্রাম্প আলোচনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং আলোচনার সময় তিনি প্রেসিডেন্টের সঙ্গে প্রায় ছয় থেকে ডজন খানেক বার কথা বলেছেন।
শেষে তিনি বলেন, “আমরা এখানে একটি খুব সহজ প্রস্তাব রেখে যাচ্ছি—এটাই আমাদের চূড়ান্ত এবং সেরা প্রস্তাব। এখন দেখার বিষয় ইরান এটি গ্রহণ করে কি না।”
12 Apr 2026, 09:15 AM
ওয়াশিংটনে ফিরছেন ভ্যান্স
ইরানের সঙ্গে ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর এয়ার ফোর্স টু-তে চেপে বসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
বিমানটি ইসলামাবাদ থেকে উড্ডয়নের আগে তিনি সিঁড়ির উপর থেকে হাত নাড়েন। তিনি ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল এখন ওয়াশিংটনে ফিরে যাচ্ছেন।
12 Apr 2026, 12:36 AM
আলোচনায় হরমুজ প্রণালি নিয়ে ‘গুরুতর মতপার্থক্য’: ইরানি সংবাদমাধ্যম
আলোচনার জন্য একটি সাধারণ জায়গায় পৌঁছানোর চেষ্টায় মার্কিন ও ইরানি প্রতিনিধিরা এখন লিখিত বার্তা বিনিময় করছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থানরত প্রতিনিধিকে উদ্ধৃত করে তাসনিম নিউজ জানিয়েছে, ‘সচরাচর ওয়াশিংটন যেরকম মাত্রাতিরিক্ত দাবি করে’ তার কারণে অগ্রগতি ব্যাহত হচ্ছে। তারপরও আলোচনা অব্যাহত আছে, কিন্তু যে বিষয়গুলো নিয়ে গুরুতর মতভেদ দেখা দিয়েছে তার মধ্যে হরমুজ প্রণালির বিষয়টি অন্যতম।
12 Apr 2026, 12:18 AM
ট্রাম্প যেভাবে নিজেকে ইসলামাবাদের আলোচনায় ‘জড়াতে চাইছেন’
পাকিস্তানের ইসলামাবাদে অবস্থানরত মার্কিন প্রতিনিধি দল শান্তি আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ক্রমাগত প্রচার করা সুরের চেয়ে ভিন্ন একটি সুর প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে আল জাজিরা লিখেছে।
যুক্তরাষ্ট্র থেকে সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট করে ট্রাম্প এই আলোচনায় নিজেকে জড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছেন। তার সর্বশেষ পোস্টে তিনি মার্কিন গণমাধ্যমের তীব্র সমালোচনা করে সেগুলোকে ‘ভুয়া খবরের মাধ্যম’ বলে উপহাস করেন আর তার কাছে যা গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাতেই জোর দিচ্ছেন।
ট্রাম্প লিখেছেন, “যুক্তরাষ্ট্র ইরানের পুরো নৌবাহিনী ও বিমান বাহিনী এবং অন্য সবকিছুসহ সামরিক বাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। তাদের নেতৃবৃন্দ মৃত! হরমুজ প্রণালি শিগগিরিই উন্মুক্ত হবে আর খালি জাহাজগুলো ‘পণ্য বোঝাই’ করতে যুক্তরাষ্ট্রে এসে ভিড় জমাবে।”
আল জাজিরা লিখেছে, অন্যরা বেশি মনোযোগ পাচ্ছে, এমনটি মনে করার পর ট্রাম্প প্রাসঙ্গিক থাকার জন্য যেসব চেষ্টা চালাচ্ছেন, এই পোস্ট তার একটা উদাহরণ। ইসলামাবাদে তার প্রতিনিধিরা ১৯৭৯ সালের পর থেকে ইরানি প্রতিপক্ষদের সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় যুক্ত হয়েছে।
12 Apr 2026, 12:06 AM
ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা রোববারও চলতে পারে
ইসলামাবাদে ইরানের প্রতিনিধি দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে তাসনিম নিউজ জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরবর্তী দফার আলোচনা শনিবার রাতে কিংবা রোববারও হতে পারে।
শনিবার রাতে ইসলামাবাদে থাকা তাসনিম নিউজের সংবাদদাতা বলেন, সেখানে মুখোমুখি আলোচনার একটি ধাপ শেষ হয়েছে। বর্তমানে দুই প্রতিনিধি দল একে অপরের সঙ্গে লিখিত খসড়া বিনিময় করছে।
তিনি বলেন, শনিবার কয়েক ঘণ্টা ধরে চলা আলোচনায় দুই দেশের বিশেষজ্ঞ দলগুলো অংশ নেয়। সরাসরি আলোচনার একটি পর্যায় শেষ করার পর তারা এখন আলোচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে লিখিত নথিপত্র বিনিময় করছে।
11 Apr 2026, 11:25 PM
ইসলামাবাদে আলোচনার প্রথম পর্ব শেষ
ইসলামাবাদের মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে চলমান শান্তি আলোচনার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনার প্রথম পর্ব শেষ হয়েছে।
এখন দুই প্রতিনিধি দল লিখিত বার্তা বিনিময় করছে বলে জানিয়েছেন তারা।
শনিবারের আলোচনায় দুই পক্ষের মধ্যে যে সমঝোতা হয়েছে, সে বিষয়ে যে তারা একমত সেটি পরিষ্কার করতেই লিখিত বার্তা বিনিময় করছেন তারা।
11 Apr 2026, 11:15 PM
লেবাননে ইসরায়েলি হামলায় আরও ৫ জন নিহত
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর আরও হামলা চালিয়েছে বলে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে।
এসব হামলার একটিতে অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে আল জাজিরা জানিয়েছে।
তেফাহতাতে এই প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। এনএনএ জানিয়েছে, সেখানে ‘শত্রুর ড্রোন’ এখনো মাথার উপর উড়ছে। যে হামলায় পাঁচজন নিহত হয়েছে, সেখানে উদ্ধার কাজ চালানোর সময় আবার হামলা চালানো হয়। এতে একজন চিকিৎসাকর্মী আহত হন।
এর পাশাপাশি সেদ্দিকিন, তিবনিন ও দিব্বিন শহরে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে এ শহরগুলোতে কতোজন হতাহত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
11 Apr 2026, 10:51 PM
ইসলামাবাদে বৈঠকের ফলাফলের দিকে তাকিয়ে তেহরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে ইরানি যে প্রতিনিধি দল গেছে তাতে ইরানের প্রায় সব স্তরের কর্মকর্তারা রয়েছেন। তাদের মধ্যে দেশটির পার্লামেন্ট, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রতিনিধিরা রয়েছেন।
আল জাজিরা লিখেছে, যুক্তরাষ্ট্র ও ইরান, শান্তি আলোচনায় অংশ নেওয়া এই দুই পক্ষের মধ্যে ব্যাপক ফারাক রয়েছে। আর তাদের কাছে পর্যালোচনা করার মতো ও সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রচুর নথি রয়েছে।
এটি শুধু একটি যুদ্ধবিরতির বিষয় না, বরং প্রায় ৪৭ বছর ধরে যুক্তরাষ্ট্র ও ইসলামিক প্রজাতন্ত্র ইরানের মধ্যে যে শত্রুতা বিরাজ করছে সেটিও বিষয়।
দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ শান্তি আলোচনায় অংশ নিয়েছেন। অতীতে সবাই যে সেতুবন্ধ গড়ে তুলতে ব্যর্থ হয়েছিল, এবার দুই দেশের কর্মকর্তারা সেটি সম্ভব করে তুলতে পারবেন কিনা, সেটিই দেখার অপেক্ষায় তেহরানের সবাই।
উৎকণ্ঠা নিয়ে বৈঠকের ফলাফলের জন্য অপেক্ষা করছেন তারা।
11 Apr 2026, 10:00 PM
মার্কিন যুদ্ধজাহাজের ‘হরমুজ পার হওয়ার দাবি’ প্রত্যাখ্যান ইরানের
‘যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে’ বলে সংবাদমাধ্যমে অ্যাক্সিওস এক অনামা মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে খবর দিলেও সেটি প্রত্যাখ্যান করেছে ইরান।
ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তা ওই খবর অস্বীকার করেছেন।
তাসনিম লিখেছে, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসী যুদ্ধে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ দাবিটি করা হল। কিন্তু ঘটনা হচ্ছে তারপর থেকে কোনো জাহাজ হরমুজ প্রণালি পার হয়নি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমায়েল বাগায়ি ‘ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংৎ’ কে (আইআরআইবি) বলেন, তাৎক্ষণিক কূটনৈতিক প্রতিক্রিয়া ও ইরানের সশস্ত্র বাহিনীর দৃঢ় হুঁশিয়ারির মধ্য দিয়ে ‘সম্ভাব্য যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা’ প্রতিরোধ করা হয়েছে।
11 Apr 2026, 08:53 PM
আলোচনা নিয়ে আগাম মন্তব্য করবেন না: পাকিস্তানি কূটনীতিক
ইসলামাবাদে চলা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনার সফলতা বা ব্যর্থতা নিয়ে তড়িঘড়ি কোনো মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লোদি।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, “কূটনীতি একটি দীর্ঘ প্রক্রিয়া, কোনো একক ঘটনা নয়। যারা ভাবছেন এই প্রক্রিয়া থেকে খুব দ্রুত কোনো ফলাফল আসবে, তারা ভুল করছেন।
“এই আলোচনাকে বিশাল সাফল্য বা ব্যর্থতা হিসেবে দেখার প্রয়োজন নেই। এ ধরনের জটিল কূটনৈতিক বিষয়গুলো ধাপে ধাপে আগায় এবং চূড়ান্ত ফলের জন্য ধৈর্য ধরা প্রয়োজন।”
সূত্র: ডন
11 Apr 2026, 08:36 PM
মার্কিন বাহিনী হরমুজ প্রণালি পরিষ্কার করছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালি পরিষ্কার করা শুরু করেছে আর ইরানের মাইন পাতার সব জাহাজ ডুবিয়ে দিয়েছে।
শনিবার ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, “আমরা এখন হরমুজ প্রণালি পরিষ্কার করার প্রক্রিয়া শুরু করেছি।”
তিনি আরও লিখেছেন, “ইরানের মাইন ফেলার ২৮ জাহাজের সবগুলো সাগরের তলদেশে শুয়ে আছে।”
ট্রাম্পের পোস্টের কয়েক মিনিট আগে হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর জাহাজ উপস্থিত হয়েছে, গণমাধ্যমে এমন খবর আসতে শুরু করে, জানিয়েছে রয়টার্স।
11 Apr 2026, 08:20 PM
ইরানের সর্বোচ্চ নেতা ‘মারাত্মক আহত হয়েছেন, মুখ বিকৃত হয়ে গেছে’
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি বিমান হামলায় পায়ে ও মুখে মারাত্মক আঘাত পেয়েছেন আর ধীরে ধীরে সেরে উঠছেন বলে রয়টার্সকে জানিয়েছেন তার ঘনিষ্ঠ চক্রের তিন সদস্য।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হয়। এ দিন সকালে তেহরানে মার্কিন, ইসরায়েলি যৌথ বিমান হামলায় মুজতবার বাবা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনি, তার পরিবারের কয়েকজন সদস্য ও দেশটির সামরিক বাহিনীর বেশ কয়েকজন কমান্ডার নিহত হন। একই হামলায় মুজতবা খামেনিও আহত হয়েছিলেন।
ওই তিন ব্যক্তি জানান, তেহরানের কেন্দ্রস্থলে সর্বোচ্চ নেতার বাড়িতে চালানো ওই হামলায় মুজতবার মুখে আঘাত লাগে আর তাতে তার মুখ বিকৃত হয়ে গেছে, পাশাপাশি তার এক পা বা উভয় পা মারাত্মক জখম হয়েছে।
তারা জানান, তারপরও ৫৬ বছর বয়সী মুজতবা সুস্থ হয়ে উঠছেন আর মানসিকভাবেও তীক্ষ্ণ আছেন। তিনি অডিও কনফারেন্সের মাধ্যমে ঊধ্র্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন এবং যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্ত তৈরিতে ভূমিকা রাখছেন।
বিষয়গুলো সংবেদনশীল হওয়ায় নিজেদের পরিচয় গোপন রাখার অনুরোধ জানিয়েছেন তারা।
শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা শুরু হয়েছে। ইরানের জন্য এই গুরুত্বপূর্ণ সময়ে মুজতবা খামেনির শারীরিক অবস্থা তাকে রাষ্ট্রীয় বিষয়াদি পরিচালনার জন্য উপযুক্ত রেখেছে কি না, এ প্রশ্ন সামনে এসেছে।
কয়েক সপ্তাহ ধরেই এই নেতার ঘনিষ্ঠজনরা তার শারীরিক অবস্থার বিস্তারিত বর্ণনা সরবরাহ করছিলেন, কিন্তু রয়টার্স সেগুলো স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।
ওই বিমান হামলার পর ৮ মার্চ মুজতবা খামেনিকে ইরানোর সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়। তারপর থেকে তার কোনো ছবি, ভিডিও বা অডিও রেকর্ডিং প্রকাশ করা হয়নি। তাই তিনি কোথায় আছেন, তার শারীরিক অবস্থা ও তিনি শাসন করার সক্ষমতা রাখেন কি না, তা নিয়ে রহস্য রয়েই গেছে।
২৮ ফেব্রুয়ারির ওই হামলায় মুজতবা খামেনির স্ত্রী, তার এক শ্যালক ও শ্যালিকাও নিহত হন। ওই হামলায় তার আহত মা পারে মারা যান।
মুজতবা খামেনির আহত হওয়ার বিষয়ে ইরান আনুষ্ঠানিক কোনো বিবৃতি দিয়ে কিছু জানায়নি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নের বিষয়ে অবগত এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, মুজতবা একটি পা হারিয়েছেন বলে বিশ্বাস তাদের।
11 Apr 2026, 08:12 PM
‘ইরান বড় ব্যবধানে হারছে’, দাবি ট্রাম্পের
ইসলামাবাদে শান্তি আলোচনা শুরুর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধে ইরান ব্যাপকভাবে ‘বড় ব্যবধানে হারছে’।
শনিবার ‘ট্রুথ সোশালে’ এক পোস্টে তিনি বলেন, সংবাদমাধ্যমগুলো এটা বলতে পছন্দ করে যে ইরান ‘জিতছে’, কিন্তু বাস্তবে সবাই জানে যে তারা হারছে এবং বড় ব্যবধানেই হারছে।
“তাদের (ইরান) নৌবাহিনী শেষ, বিমান বাহিনী ধ্বংস হয়ে গেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন অস্তিত্বহীন এবং রেডার অকেজো হয়ে পড়েছে।”
11 Apr 2026, 07:51 PM
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা কভারে বিশ্বের অর্ধশত সাংবাদিক ইসলামাবাদে
যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক শান্তি আলোচনার খবর সংগ্রহে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ৫০ জন সাংবাদিক পাকিস্তানে রয়েছেন।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য দিয়েছেন বলে ডিও পাকিস্তান লিখেছে।
আতাউল্লাহ তারার বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সাংবাদিকদের পাশাপাশি চীন, জাপান, জার্মানি, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইসলামাবাদে অবস্থান করছেন।
সাংবাদিকদের সুবিধার্থে জিন্নাহ কনভেনশন সেন্টারে একটি মিডিয়া সেন্টার করা হয়েছে। সেখানে উচ্চগতির ইন্টারনেট, বড় পর্দাসহ সংবাদ সংগ্রহের জন্য প্রয়োজনীয় সব ধরনের আধুনিক সরঞ্জাম রাখা হয়েছে।
সূত্র: ডন
11 Apr 2026, 07:07 PM
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা শুরু
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা।
পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির বরাতে ডন লিখেছে, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়েছে। উভয় পক্ষই ‘একই টেবিলে’ বসেছে।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই আলোচনা ইতিবাচকভাবে অগ্রসর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
পাকিস্তানের কূটনৈতিক সূত্রের বরাতে আল জাজিরাও আলোচনা শুরুর কথা লিখেছে।
এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি এর বরাতে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, এই আলোচনা সরাসরি নাকি মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে পরিচালিত হচ্ছে, সেটি স্পষ্ট নয়।
সংবাদমাধ্যমটি বলেছে, যদি এই আলোচনা সরাসরি হয়, তবে এটি হবে ১৯৭৯ সালে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের প্রথম মুখোমুখি বৈঠক।
একটি ভঙ্গুর যুদ্ধবিরতির পরিস্থিতির মধ্যেই এই আলোচনা শুরু হয়েছে। যদিও আলোচনার পরিধি বা বিষয়বস্তু সম্পর্কে এখনো কোনো পক্ষ থেকেই নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
11 Apr 2026, 06:41 PM
ইরানের অর্থছাড়ের দাবি নাকচ করলেন মার্কিন এক কর্মকর্তা
কাতারসহ বিভিন্ন বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানি অর্থ ছেড়ে দিতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলে যে খবর বেরিয়েছে, সেটি অস্বীকার করেছেন এক মার্কিন কর্মকর্তা।
মার্কিন সংবাদমাধ্যমগুলো সেই কর্মকর্তার বরাতে এ খবর দিচ্ছে বলে বিবিসি জানিয়েছে।
এর আগে ইরানি প্রতিনিধি দলের প্রধান ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছিলেন, আলোচনা শুরুর আগে ওয়াশিংটনকে অবশ্যই ইরানের জব্দ করা অর্থ ফেরত দিতে হবে।
বিবিসি লিখেছে, ডনাল্ড ট্রাম্পের সমর্থকদের কাছে এ ধরনের কোনো পদক্ষেপ বা ছাড় দেওয়ার বিষয়টি রাজনৈতিকভাবে বেশ জটিল হতে পারে।
11 Apr 2026, 06:31 PM
পাকিস্তানি সামরিক বাহিনীর একটি দল যুদ্ধবিমান নিয়ে সৌদি আরবে
পাকিস্তানি সামরিক বাহিনীর একটি দল যুদ্ধবিমান নিয়ে সৌদি আরবে পৌঁছেছে।
শনিবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির’ অংশ হিসেবে পাকিস্তানের সামরিক বাহিনীর একটি দল সৌদি আরবের ইস্টার্ন সেক্টরের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে এসে পৌঁছেছে।
সৌদি আরব বলছে, পাকিস্তানি সামিরিক বাহিনীর সেই দলটির সঙ্গে রয়েছে যুদ্ধবিমান ও সহায়ক বিমান। দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে যৌথ সামরিক সমন্বয় বাড়ানো এবং অপারেশনাল কার্যক্রম শুরুর প্রস্তুতির মান আরও উন্নত করা এর মূল উদ্দেশ্য।
আলআরাবিয়া লিখেছে, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন খাতে অত্যন্ত শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে। ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর উভয় দেশ ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ সই করে।
এ চুক্তির অধীনে যেকোনো একটি দেশের ওপর আক্রমণ হলে তা উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে ধরা হবে।
এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে যুদ্ধবিরতি নিয়ে শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠক শুরুর আগেই ওই বহর পাঠিয়েছে পাকিস্তান।
11 Apr 2026, 06:21 PM
তেহরানের শর্ত পূরণ না হলে আলোচনা বাতিল হতে পারে: ইরানি সংবাদমাধ্যম
তেহরানের দেওয়া পূর্বশর্তগুলো পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরিকল্পিত শান্তি আলোচনা এখনো বাতিল হতে পারে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ চ্যানেল আইআরআইএনএনের এক সাংবাদিক ইসলামাবাদ থেকে এমনটিই জানিয়েছেন, লিখেছে বিবিসি।
ওই সাংবাদিক বলেন, ইরানের স্বার্থ, দাবি আর রেড লাইনের (চূড়ান্ত সীমা) শর্ত পূরণ না হলে সেই আলোচনা থেকে বেরিয়ে আসাকেইএকটি ‘সাফল্য’ হিসেবে দেখতে পারে ইরান; কর্মকর্তারা যাকে বলছেন ‘জোরালো কূটনীতি’।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বর্তমানে ওয়াশিংটনের প্রতি বিশ্বাসের ঘাটতি এবং তেহরানের নিজস্ব শর্তগুলোর ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে ইরান সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং দাবি পূরণ না হলে আলোচনা ছাড়াই তারা পরবর্তী পদক্ষেপ নিতে পারে দেশটি।
সূত্র: বিবিসি
11 Apr 2026, 05:57 PM
ইরানের ১০ দফা পরিকল্পনা: মধ্যস্থতাকারীদের প্রত্যাশা কী?
শান্তি আলোচনার আগে ইরান ও যুক্তরাষ্ট্র শর্তসাপেক্ষে দুই সপ্তাহর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যে সময়টিতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অব্যাহত থাকবে।
ইরান যুক্তরাষ্ট্রের কাছে একটি ১০ দফা পরিকল্পনাও পাঠিয়েছে, যাকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আলোচনার জন্য ‘একটি কার্যকর ভিত্তি’ বলে বর্ণনা করেছেন।
ইরানের প্রস্তাব বা ওয়াশিংটনের ১৫ দফা পরিকল্পনার কোনোটিই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, যদিও উভয় পরিকল্পনার কথিত সংস্করণ সংবাদমাধ্যমে ফাঁস হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তেহরানের ১০ দফার মধ্যে রয়েছে, এই অঞ্চলে যুদ্ধের সম্পূর্ণ অবসান; ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ‘পূর্ণ অঙ্গীকার’; যুক্তরাষ্ট্রে আটকে থাকা ইরানের অর্থ ও সম্পদ অবমুক্ত করা এবং পুনর্গঠন ব্যয়ের জন্য ইরানকে ‘ক্ষতিপূরণের অর্থ প্রদান’।
সূত্র: বিবিসি
11 Apr 2026, 05:06 PM
শরিফ-ভ্যান্স বৈঠক সম্পর্কে যা জানা যাচ্ছে
ইসলামাবাদে শান্তি আলোচনার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মার্কিন প্রতিনিধি দলে ভ্যান্সের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে পাকিস্তানের পক্ষে উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি অংশ নেন।
শরিফ আশা প্রকাশ বলেন, এই আলোচনা অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
একই সঙ্গে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনার ক্ষেত্রে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
এর আগে শনিবার দিনের শুরুতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দলও প্রধানমন্ত্রী শরিফের সঙ্গে সাক্ষাৎ করে।
তবে যুক্তরাষ্ট্র ও ইরান, উভয় পক্ষের সঙ্গে পাকিস্তানি প্রধানমন্ত্রীর আলাদাভাবে হওয়া এসব বৈঠকের বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
11 Apr 2026, 04:42 PM
যুক্তরাষ্ট্রের উচিত ‘আমেরিকা প্রথম’ নীতিতে মনোযোগ দেওয়া: ইরান
ইসলামাবাদে অনুষ্ঠেয় উচ্চপর্যায়ের আলোচনার ফল পুরোপুরিভাবে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ।
তিনি এক্স পোস্টে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যদি তাদের ‘আমেরিকা প্রথম’ নীতির ওপর মনোনিবেশ করেন, তবে পারস্পরিক সুবিধাজনক একটিচুক্তিতে পৌঁছানো সম্ভব।
‘ইসরায়েল প্রথম’ নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে আরেফ বলেন, তেমনটি হলে কোনো চুক্তি হবে না এবং ইরান অনিবার্যভাবেই আগের চেয়ে আরও জোরালোভাবে প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাবে।
এমন পরিস্থিতিতে বিশ্বকে ‘আরও বড় মূল্য’ দিতে হবে বলেও সতর্ক করেন তিনি।
11 Apr 2026, 04:29 PM
পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফের সঙ্গে বৈঠকে ভ্যান্স
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বৈঠকে বসেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
ইরানের সঙ্গে পরিকল্পিত আলোচনার আগে এই দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। উভয় পক্ষের মধ্যে সরাসরি আলোচনার পথ সুগম করতে পাকিস্তান যে মধ্যস্থতা করছে, এই বৈঠককে তারই অংশ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
11 Apr 2026, 04:23 PM
ইরানের আটকে থাকা অর্থ ছেড়ে দিতে সম্মত যুক্তরাষ্ট্র: রয়টার্স
কাতারসহ বিভিন্ন বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানি অর্থ ছেড়ে দিতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলে খবর দিয়েছে রয়টার্স।
এক জ্যেষ্ঠ ইরানি সূত্রের বরাতে বার্তা সংস্থাটি এ তথ্য দিয়েছে।
সূত্রটি এ পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাযর ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’র ইঙ্গিত হিসেবে বর্ণনা করেছে।
রয়টার্স লিখেছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনো প্রকাশ্য মন্তব্য করেনি।
নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি বলেছে, অর্থ ছাড়ের বিষয়টির সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিতের সম্পর্ক রয়েছে।
11 Apr 2026, 03:59 PM
শান্তি আলোচনাকে স্বাগত জানাল হামাস
পাকিস্তানে অনুষ্ঠেয় ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।
যুদ্ধের ‘সম্পূর্ণ ও সর্বাত্মক সমাপ্তি’ প্রত্যাশা করে গোষ্ঠীটি বলেছে, আলোচনার পৃষ্ঠপোষক পাকিস্তান এবং অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলোর প্রচেষ্টা স্থিতিশীলতা বাড়াবে এবং আরব ও ইসলামি দেশগুলোর মধ্যে ঐক্য জোরদার করবে বলে তারা আশা করে।
11 Apr 2026, 03:44 PM
হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নয়: ইসরায়েল
আগামী মঙ্গলবার ওয়াশিংটনে লেবাননের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসতে সম্মত হলেও হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হবে না বলে জানিয়ে দিয়েছে ইসরায়েল।
বৈঠকের প্রস্তুতি চূড়ান্ত করতে ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতরা শুক্রবার গভীর রাতে আলোচনা করেছেন।
সূত্র: আল জাজিরা
11 Apr 2026, 03:35 PM
ইরান ও যুক্তরাষ্ট্র ‘গঠনমূলকভাবে’ আলোচনা করবে, আশা ইসহাক দারের
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইসলামাবাদে স্বাগত জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ও বৈশ্বিক স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতির প্রশংসা করেছেন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে ইসহাক দারকে উদ্ধৃত করে বলা হয়, তিনি আশা করেন ইরান ও যুক্তরাষ্ট্র ‘গঠনমূলকভাবে আলোচনায় যুক্ত হবে’। সংঘাতের একটি দীর্ঘস্থায়ী ও টেকসই সমাধানে পৌঁছাতে পাকিস্তান সহায়তা অব্যাহত রাখতে চায় বলে মন্তব্য করেন তিনি।
11 Apr 2026, 03:23 PM
শেহবাজের সঙ্গে বৈঠক ইরানি প্রতিনিধি দলের
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।
ইসলামাবাদে অনুষ্ঠিত এ বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও উপস্থিত ছিলেন।
সূত্র: আল জাজিরা
11 Apr 2026, 03:20 PM
‘টেকসই সমাধান’ খোঁজার আহ্বান ইন্দোনেশিয়ার
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠেয় ‘আশাজাগানিয়া’ আলোচনাকে স্বাগত জানিয়েছে ইন্দোনেশিয়া। দেশটি বিরোধের ‘টেকসই সমাধান’ খুঁজতে উভয়পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভাহদ নাবিল বলেন, “এটি একটি আশাজাগানিয়া অগ্রগতি, যা যোগাযোগের পথ খোলা রাখতে সাহায্য করবে এবং কূটনীতির জন্য সুযোগ তৈরি করবে।”
তিনি বলেন, জাকার্তা মনে করে এই অগ্রগতি ইতিবাচক পদক্ষেপের প্রাথমিক ধাপ এবং সব পক্ষকে উত্তেজনা প্রশমন করে শান্তিপূর্ণ ও টেকসই সমাধানের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করে।
তিনি বলেন, ইন্দোনেশিয়া ‘সব পক্ষকে’ সর্বোচ্চ সংযম প্রদর্শন, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানো এবং সংলাপ ও কূটনীতি এগিয়ে নেওয়ার আহ্বান জানায়।
11 Apr 2026, 03:05 PM
‘সদিচ্ছা’ নিয়ে আলোচনার আহ্বান জাতিসংঘের
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠেয় শান্তি আলোচনাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি উভয় পক্ষকে ‘সদিচ্ছা’ নিয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্তেফান দ্যুজারিক এ তথ্য জানান।
তিনি বলেন, গুতেরেস দুই পক্ষকে এ কূটনৈতিক সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন, যাতে একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ চুক্তির দিকে অগ্রসর হওয়া যায় এবং উত্তেজনা প্রশমন করা সম্ভব হয়।
পুনরায় যুদ্ধাবস্থায় ফিরে যাওয়ার ঝুঁকি ঠেকাতে সংলাপই একমাত্র কার্যকর পথ বলে গুতেরেস মনে করেন।
দ্যুজারিক বলেন, “মহাসচিব জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ মেনে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের কোনো বিকল্প নেই।”
মধ্যপ্রাচ্যে চলমান এই কূটনৈতিক প্রচেষ্টায় সহায়তা করতে জাতিসংঘ মহাসচিবের একজন ব্যক্তিগত দূত বর্তমানে ওই অঞ্চলে অবস্থান করছেন বলে ব্রিফিংয়ে জানানো হয়েছে।
সূত্র: বিবিসি
11 Apr 2026, 02:45 PM
‘চরম অবিশ্বাস নিয়ে আলোচনায় বসছে ইরান’
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ফোনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইওহান ভাডেফুলের সঙ্গে কথা বলেছেন।
মেহের নিউজের তথ্য অনুযায়ী, আরাকচি বলেছেন, তার দেশ ‘চরম অবিশ্বাস’ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে।
তিনি এও বলেছেন, ইরান তার জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় ‘পূর্ণ শক্তি দিয়ে লড়াই’ করবে। এ ধরনের কঠোর অবস্থানের কারণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এবং ‘কূটনৈতিক বিশ্বাসঘাতকতা’র কথা বলেছেন।
সূত্র: আল জাজিরা
11 Apr 2026, 01:39 PM
চার যুগ পর সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর শনিবার প্রথমবারের মতো ইরান ও যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে।
২০১৫ সালে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তির পর এটিই হবে দ্বিপক্ষীয় প্রথম কোনো আনুষ্ঠানিক ও সরাসরি আলোচনা।
এর আগে ২০১৮ সালে নিজের প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তিটি বাতিল করেছিলেন। একই বছর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের সরাসরি আলোচনা নিষিদ্ধ করেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করে। সেই হামলা থেকে শুরু হওয়া যুদ্ধে হাজারো মানুষ নিহত হয়েছেন, বন্ধ হয়ে গেছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজপ্রণালী, আকাশ ছুঁতে চাইছে জ্বালানির দাম।
11 Apr 2026, 01:32 PM
জে ডি ভ্যান্স ইসলামাবাদে
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং তার প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে।
অবতরণের পর বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং দেশটির ফিল্ড মার্শাল আসিম মুনির।
এই আলোচক দলে আরও রয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার।
ভ্যান্স ও তার আলোচক দল যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হন। যাত্রার আগে তিনি সাংবাদিকদের বলেন, তিনি এই আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
তিনি আরো বলেন, “ইরান যদি সদিচ্ছা নিয়ে আলোচনা করতে রাজি থাকে, তবে আমরা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।”
তবে আলোচনার প্রাক্কালে ইরানকে সতর্ক করে দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, তেহরান যদি কোনো ধরনের ‘চালাকি’ করার চেষ্টা করে তবে যুক্তরাষ্ট্র তা মেনে নেবে না এবং সে ক্ষেত্রে আলোচনা ফলপ্রসূ হবে না।
11 Apr 2026, 01:30 PM
কেন পাকিস্তান?
গত কয়েক সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে পাকিস্তান। দেশ দুটির সঙ্গে অতীতে সম্পর্কের টানাপোড়েন থাকলেও বর্তমানে ইসলামাবাদের সঙ্গে দুই পক্ষেরই কার্যকর সম্পর্ক রয়েছে।
কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের নেতাদের সঙ্গে একাধিকবার ফোনালাপ করেছেন।
ইরানের সঙ্গে পাকিস্তানের ৯০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে এবং ইরানের পর পাকিস্তানেই সবচেয়ে বেশি শিয়া মুসলিম জনগোষ্ঠীর বসবাস। তেহরানের কাছে পাকিস্তানের গুরুত্ব বাড়ার পেছনে এগুলো বড় কারণ।
মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের মত পাকিস্তানে কোনো মার্কিন সামরিক ঘাঁটি নেই, যা ইরানের কাছে দেশটির গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। আর ২০০৪ সাল থেকেই পাকিস্তান নেটোর বাইরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে স্বীকৃত।
এত কিছুর পরও ইসলামাবাদে মার্কিন রাষ্ট্রদূতের পদটি প্রায়ই শূন্য থেকে গেছে। ২০১৮ সালের পর একমাত্র ডনাল্ড ব্লুমি রাষ্ট্রদূত হিসেবে পুরো মেয়াদ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে পদটি শূন্য।
সর্বশেষ ২০০৬ সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পাকিস্তান সফর করেছিলেন। আর সর্বশেষ ২০১১ সালে জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে সেখানে যান।
১৫ বছর পর জে ডি ভ্যান্সের এই সম্ভাব্য সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের চেয়ে যুদ্ধ থামানোর দিকেই সবার মনোযোগ থাকবে। বিষয়টি ইসলামাবাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের সম্পৃক্ততারও ইঙ্গিত দেয়। কোনো দেশে রাষ্ট্রদূত নেই, অথচ ভাইস প্রেসিডেন্ট সফর করছেন—এমন ঘটনা বিরল।
11 Apr 2026, 01:30 PM
আলোচনার টেবিলে কী থাকছে?
উভয় পক্ষই বড় ধরনের মতপার্থক্য নিয়ে আলোচনায় বসছে।
ইরানের ১০ দফা শান্তি প্রস্তাবের মধ্যে হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধের দাবি রয়েছে।
যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এসব শর্ত মেনে নেয়নি, তবে প্রেসিডেন্ট ট্রাম্প ১০ দফা পরিকল্পনাটিকে ‘কার্যকরযোগ্য’ বলেছেন।
হোয়াইট হাউস দাবি করেছে, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ছেড়ে দিতে রাজি আছে। মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, এ বিষয়ে আপসের কোনো সুযোগ নেই।
অবশ্য ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সমৃদ্ধ ইউরেনিয়াম ছেড়ে দেওয়ার বিষয়ে সম্মতি জানায়নি।
আরেকটি বড় বিরোধের বিষয় লেবানন। বুধবার উত্তর লেবাননে ইসরায়েলের হামলায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যা বর্তমান যুদ্ধের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে তেহরান যুদ্ধবিরতি থেকে সরে আসতে পারে।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে হয় যুদ্ধবিরতি নয়ত ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ—এই দুটোর একটি বেছে নিতে হবে।
তিনি পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সেই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন, যেখানে বলা হয়েছিল, যুদ্ধবিরতির আওতায় লেবাননসহ পুরো অঞ্চলেই হামলা বন্ধ থাকবে।
তবে বুদাপেস্টে দেওয়া বক্তব্যে ভ্যান্স বলেছেন, যুদ্ধবিরতির শর্তে লেবানন অন্তর্ভুক্ত নয়। ট্রাম্প এবং হোয়াইট হাউসের অবস্থানও এক্ষেত্রে একই।
চীনে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মাসুদ খালিদ আল জাজিরাকে বলেন, আলোচনা শুরু হওয়ার আগেই পরিবেশ ‘বিষিয়ে’ উঠেছে।
তিনি বলেন, “ইসরায়েল এই প্রক্রিয়াকে ভণ্ডুল করতে বাধা সৃষ্টি করছে। লেবাননে অবিরাম হামলা চালিয়ে তারা এমন পরিস্থিতি তৈরি করতে চায়, যাতে পক্ষগুলো আরও কঠোর অবস্থান নেয় এবং আলোচনা ভেঙে পড়ে।
“এই পর্যায়ে আমরা কেবল সতর্কভাবে আশাবাদী হতে পারি, কারণ আলোচনা নিশ্চিতভাবেই জটিল ও দীর্ঘ হবে এবং তা ১৫ দিনের সময়সীমা ছাড়িয়ে যেতে পারে।”
ওয়াশিংটনভিত্তিক স্বাধীন বিশ্লেষক সাহার খানও একই মত পোষণ করেছেন। তিনি আল জাজিরাকে বলেছেন, ‘আস্থার সংকটই’ সবচেয়ে বড় বাধা।
“ওয়াশিংটন ও তেহরান উভয়ই এখন সর্বোচ্চ দাবি তুলে ধরে নিজেদের ‘বিজয়ী’ হিসেবে প্রমাণের চেষ্টা করছে। তবে এই যুদ্ধবিরতি যদি টিকে থাকে এবং তারা শেষ পর্যন্ত বৈঠকে বসে, সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পার্লামেন্টের স্পিকার বাকের কালিবাফকে ইসলামাবাদে স্বাগত জানান পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি: রয়টার্স
11 Apr 2026, 01:29 PM
আলোচনার রূপরেখা কেমন হবে
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আনুষ্ঠানিকভাবে এই বৈঠকের আয়োজক হিসেবে থাকবেন এবং প্রতিনিধি দলগুলোর আগমনের সময় অনুযায়ী শুক্র বা শনিবার সকালে দুই পক্ষের সঙ্গে আলাদাভাবে প্রাথমিক বৈঠক করতে পারেন।
উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সংঘাতের পুরো সময়টা কূটনৈতিক তৎপরতায় যুক্ত ছিলেন। শনিবার মূল আলোচনায় তিনি সমন্বয়কের ভূমিকা পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।
তবে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আলোচনায় অংশ নেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বা সামরিক বাহিনীর জনসংযোগ শাখা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল আলাদা দুটি কক্ষে বসবেন এবং পাকিস্তানি কর্মকর্তারা তাদের মধ্যে বার্তা আদান-প্রদান করবেন।
এ আলোচনায় জে ডি ভ্যান্সের অন্তর্ভুক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে ফেব্রুয়ারি মাসে মাস্কাট ও জেনিভায় আলোচনা চলাকালেই যুক্তরাষ্ট্র ইরানে বোমা হামলা শুরু করায় তাদের নিয়ে তেহরানের গভীর সংশয় রয়েছে। ইরানের কর্মকর্তারা ভ্যান্সকে সংঘাত অবসানের বিষয়ে তুলনামূলক বেশি আন্তরিক বলে মনে করছেন।
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নের সম্ভাব্য দাবিদার হিসেবে বিবেচিত ভ্যান্স মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী সামরিক সংশ্লিষ্টতার বিষয়ে সবসময়ই সতর্ক অবস্থান নিয়েছেন।
11 Apr 2026, 01:27 PM
বৈঠক কখন, কোথায়
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পূর্ণাঙ্গ সমাধানের লক্ষ্যে দুই পক্ষকে আলোচনার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর পর ইসলামাবাদে আলোচনা শুরু হচ্ছে।
আগামী কয়েক ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ৮ এপ্রিল জানিয়েছে, এই আলোচনা ১৫ দিন পর্যন্ত চলতে পারে। তাতে ধারণা পাওয়া যাচ্ছে, প্রতিনিধি দলের অন্তত কিছু সদস্য শনিবারের পরও ইসলামাবাদে অবস্থান করতে পারেন বা পরবর্তী দফার বৈঠকের জন্য আবার ফিরে আসতে পারেন।
রাজধানীর রেড জোনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে সেরেনা হোটেলে থাকবে প্রতিনিধি দলগুলো। বুধবার সন্ধ্যা থেকে রোববার পর্যন্ত হোটেলটির নিয়ন্ত্রণ নিয়েছে সরকার। সাধারণ অতিথিদের চলে যেতে বলা হয়েছে। ধারণা করা হচ্ছে, এ হোটেলেই আলোচনার মূল পর্ব অনুষ্ঠিত হবে।
নিরাপত্তার কারণে ৯ ও ১০ এপ্রিল ইসলামাবাদে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পুলিশ, হাসপাতাল ও বিদ্যুৎ-গ্যাসের মত জরুরি পরিষেবাগুলো এর আওতামুক্ত থাকবে।
পুরো শহরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে; রেড জোন সিল করে দেওয়ার পাশাপাশি ইসলামাবাদে প্রবেশের প্রধান পথগুলো বন্ধ রাখা হয়েছে।
11 Apr 2026, 01:19 PM
লাইভ ব্লগে স্বাগতম
যুদ্ধ শুরুর দেড় মাস বাদে শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামবাদে শান্তি আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। যুদ্ধে বিশ্ববাজার অস্থিতিশীল হওয়ায় এবং জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোয় বৈঠকের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব।
এই বৈঠক হচ্ছে এমন এক সময়ে, যখন ওয়াশিংটন ও তেহরান পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হলেও শর্ত নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। ইসরায়েল লেবাননে তীব্র হামলা অব্যাহত রাখায় সেই যুদ্ধবিরতিও ঝুঁকির মধ্যে পড়েছে।
বৈঠকের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি রোকন রাকিব ও তনুশ্রী বিশ্বাস।