২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ইউক্রেইন নিয়ে চূড়ান্ত সমঝোতা হয়নি, তবে অগ্রগতি হয়েছে: পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প

ট্রাম্প নিজেকে শান্তির দূত ও সফল মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরতে ভালোবাসেন। তবে সম্ভবত আলাস্কায় এ দুটোর কোনোটিই তিনি অর্জন করতে পারেননি।

16 Aug 2025, 06:10 AM

কে কী বললেন

তিন ঘণ্টা বৈঠকের পর দশ মিনিট পাশাপাশি মঞ্চে দাঁড়িয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন ট্রাম্প ও পুতিন। দুজনই বলেছেন, তাদের একান্ত আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, তবে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। 

Image

মূল বক্তব্যগুলো হলো—

  • পুতিন বলেছেন, তিনি সংঘাতের অবসান ঘটাতে ‘আন্তরিকভাবে আগ্রহী’ এবং এ সংঘাতকে তিনি বর্ণনা করেছেন ‘একটি ট্র্যাজেডি’ হিসেবে।
  • তবে তিনি বলেছেন, রাশিয়াকে সংঘাতের ‘মূল কারণগুলো’ দূর করতে হবে এবং সতর্ক করেছেন, ইউক্রেন ও ইউরোপ যেন এ আলোচনা ‘নষ্ট না করে’।
  • পুতিন এ বৈঠককে সংঘাতের অবসানে একটি ‘সূচনা বিন্দু’ হিসেবে বর্ণনা করেন।
  • পুতিন বলেছেন, ‘যেমনটা প্রয়োজন’, ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ঠিক তেমনই।  
  • মার্কিন প্রেসিডেন্টের মত তিনিও মনে করেন, ট্রাম্প যদি ২০২০ সালের নির্বাচন জিতে হোয়াইট হাউসে থেকে যেতেন, তাহলে হয়ত এ যুদ্ধ শুরুই হত না।
  • ট্রাম্প বলেছেন, এখনও কিছু বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।  তার ভাষায়, “চুক্তি তখনই হবে, যখন সমঝোতা হবে।” 
  • তবে তিনি এও বলেছেন, “দারুণ অগ্রগতি হয়েছে, কিন্তু আমরা শেষ পর্যায়ে পৌঁছাইনি।”
  • ট্রাম্প বলেছেন, “অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে, কিছু বাকি আছে এবং এর মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।” তবে সেটি কী, তিনি তা নির্দিষ্ট করে বলেননি।
  • মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তিনি শিগগিরই জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের ফোন করবেন, এবং “শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তাদেরই।”
  • বক্তব্যের সমাপ্তি টেনে ট্রাম্প বলেন, তিনি সম্ভবত শিগগিরই আবার রুশ নেতার সঙ্গে দেখা করবেন। পুতিন জবাব বলেন, “পরের বা মস্কোতে।”
     

16 Aug 2025, 05:43 AM

ট্রাম্পের সঙ্গে পরের বৈঠক মস্কোতে হতে পারে, ইঙ্গিত পুতিনের

সংবাদ সম্মেলন শেষ হওয়ার আগে ট্রাম্প বলেন, তারা প্রতি সপ্তাহে ‘হাজার হাজার মানুষের মৃত্যুর এই ধারা’ বন্ধ করবেন।

তিনি বলেন, “আমার মত প্রেসিডেন্ট পুতিনও সেটা চান।”

ট্রাম্প যৌথ সংবাদ সম্মেলন শেষ করার সময় পুতিনকে ধন্যবাদ জানান এবং তাকে ‘ভ্লাদিমির’ সম্বোধন করেন।

তিনি বলেন, “শিগগিরই আপনাদের সঙ্গে আবার কথা হবে। সম্ভবত শিগগিরই আবার দেখা হবে।

জবাবে পুতিন ইংরেজিতে বলেন, “নেক্সট টাইম ইন মস্কো।”

16 Aug 2025, 05:40 AM

প্রশ্নোত্তর পর্ব ছাড়াই শেষ হল যৌথ সংবাদ সম্মেলন

আঙ্করেজের বৈঠক শেষে সংবাদ সম্মেলন শেষ হয়েছে কোনো প্রশ্নোত্তর পর্ব ছাড়াই। 

সংবাদ সম্মেলন শেষে ট্রাম্প ও পুতিন করমর্দন করেছেন, ছবি তোলার জন্য পোজ দিয়েছেন এবং তারপর মঞ্চ থেকে নেমে গেছেন।

সামনে থাকা সাংবাদিকদের প্রশ্নগুলো তারা কানে তোলেননি।

16 Aug 2025, 05:37 AM

‘অত্যন্ত ফলপ্রসূ’ আলোচনা, আরও অগ্রগতির ‘সুযোগ আছে’: ট্রাম্প

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “আমি সবসময় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে, ভ্লাদিমিরের সঙ্গে চমৎকার সম্পর্ক বজায় রেখেছি।” 

এই বৈঠককে ‘অত্যন্ত ফলপ্রসূ’ হিসেবে বর্ণনা করেন ট্রাম্প। সঙ্গে এও বলেন, কিছু বিষয়ে এখনও সিদ্ধান্ত বাকি আছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমাদের আরও অগ্রগতির খুব ভালো সুযোগ রয়েছে।”

16 Aug 2025, 05:31 AM

চুক্তি তখনই হবে, যখন সমঝোতা হবে: ট্রাম্প

ডনাল্ড ট্রাম্প বলেছেন, পুতিনের সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং ‘কিছু অগ্রগতি’ হয়েছে।

তিনি বলেছেন, তিনি নেটো মিত্র এবং ইউক্রেইনের জেলেনস্কিসহ অন্যান্যদের সঙ্গে ফোনে কথা বলবেন। চূড়ান্ত সমঝোতার আসলে তাদের ওপরই নির্ভর করবে এবং তাদের একমত হতে হবে।

ট্রাম্প বলেন, “চুক্তি তখনই হবে, যখন সমঝোতা হবে।” 

তিনি এও বলেছেন, “দারুণ অগ্রগতি হয়েছে, কিন্তু আমরা শেষ পর্যায়ে পৌঁছাইনি।”

16 Aug 2025, 05:27 AM

রাশিয়ারও নিজস্ব স্বার্থ আছে, ট্রাম্প সেটা বোঝেন: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, তিনি আশা করেন ইউক্রেন এবং ইউরোপীয়রা এই শান্তি প্রক্রিয়ায় ‘বাধা সৃষ্টি’ করবে না।

“আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাই, তার সদয় বক্তব্যের জন্য। উভয় পক্ষেরই ফলাফলের জন্য কাজ করা উচিত।”

তিনি বলেন, “ট্রাম্প স্পষ্টভাবে তার দেশের সমৃদ্ধি নিয়ে চিন্তিত। তবে তিনি এটাও বোঝেন যে রাশিয়ারও নিজস্ব স্বার্থ আছে।”

16 Aug 2025, 05:24 AM

ইউক্রেন যুদ্ধ শেষ করতে ‘মূল কারণগুলো’ দূর করতে হবে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, তাদের আলোচনার প্রধান বিষয় ছিল ইউক্রেন যুদ্ধ।

তিনি বলেন, “একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধান আনতে হলে আমাদের সংঘাতের মূল কারণগুলো দূর করতে হবে।”

তবে ‘মূল কারণ’ বলতে কী বোঝাচ্ছেন, তা ব্যাখ্যা করেননি পুতিন।

16 Aug 2025, 05:22 AM

‘দীর্ঘ অপেক্ষিত’ বৈঠক: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, দুই দেশের মধ্যে কয়েক বছর ধরে কোনো শীর্ষ বৈঠক হয়নি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক শীতল যুদ্ধের পর সবচেয়ে বাজে অবস্থায় পৌঁছেছে।

তিনি বলেছেন, এখন সময় এসেছে সংঘাত থেকে সংলাপে যাওয়ার। এ বৈঠককে ‘দীর্ঘ অপেক্ষিত’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।

16 Aug 2025, 05:10 AM

পুতিন ও ট্রাম্পের যৌথ সংবাদ সম্মেলন

Image

প্রায় তিন ঘণ্টা বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও পুতিন।

16 Aug 2025, 02:47 AM

এবং এখন অপেক্ষা

এখন আলাস্কার আঙ্করেজে এলমেনডর্ফ-রিচার্ডসন ঘাঁটিতে সাংবাদিকদেরম এবং বিশ্বজুড়ে মানুষের অপেক্ষার পালা।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে তাদের ঘনিষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে নিয়ে বৈঠক করছেন, এর পরে তারা ‘ওয়ার্কিং লাঞ্চ’ এ অংশ নেবেন, যেখানে আরো অনেকে উপস্থিত থাকবেন।

সব কিছুই হবে সাধারণ মানুষের চোখের বাইরে। 

ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন থেকে আলাস্কায় যাওয়া সাংবাদিকরা বাইরের একটি তাঁবুতে বসেছেন।

কোনো এক সময় তাদের যৌথ সংবাদ সম্মেলনের জন্য প্রস্তুত হতে বলা হবে। সেটা হবে কাছের একটি বলরুমে। সেই মুহূর্তে বিশ্ব জানতে পারবে এই আলোচনা থেকে কী ফল এল।।

16 Aug 2025, 02:41 AM

আলাস্কা বৈঠক নিয়ে কিইভের বাসিন্দাদের ভাবনা কী?

ইউক্রেইন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক বিশ্বজুড়ে সংবাদ শিরোনাম হচ্ছে।

কিন্তু ইউক্রেইনের রাজধানী কিইভে যেখানে মানুষ তিনবছর ধরে বিমান হামলার মধ্য দিয়ে যাচ্ছে, সময়ে সময়ে সমর্থনের প্রতিশ্রুতি পেয়েছে, কখনও পরিত্যাক্ত হওয়ার হুমকিও পেয়েছে- সেখানে ট্রাম্প-পুতিনের এই বৈঠক নিয়ে খুব বেশি আগ্রহ কিংবা আস্থার কথা তেমন কেউ বলেনি।

কিইভের আইটি কর্মী এক বাসিন্দা বলেন, “আমি মনে করি না যে এই বৈঠক নতুন কোনও ফল বয়ে আনবে কিংবা কোনও সমাধান আসবে। পরিস্থিতি যেমন চলছে তেমনই চলবে।”

কিইভের বাসিন্দারা মনে করেন, ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ছাড়া অনুষ্ঠিত হতে চলা আলাস্কার বৈঠক কেবলমাত্র দূর প্রান্তে হওয়া আরেকটি রাজনৈতিক ঘটনা। এতে যুদ্ধের বাস্তবতার কোনও পরিবর্তন ঘটবে না।

কিইভের এক হৃদরোগ বিশেষজ্ঞ বলেন, বৈঠক নিয়ে তার যথেষ্ট সংশয় আছে। তাছাড়া, যুদ্ধের সমস্যার ব্যাপারে ইউক্রেইনের প্রেসিডেন্টকে ছাড়া কোনও সিদ্ধান্ত নেওয়াও পুরোপুরি ভুল বলে মনে করেন তিনি।

রাশিয়া গত কয়েকদিনে ইউক্রেইনে যুদ্ধের সম্মুখসারিতে অগ্রগতি করেছে, এমন খবরের মাঝে কিইভের অনেকেই উদ্বিগ্ন যে, ট্রাম্প-পুতিন আলোচনার ফলে ইউক্রেইনের মনোবল আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।

কিইভের বাসিন্দা ক্যাটেরিনা ডুবোভিক বলেন, “সম্মুখভাগ দুর্বল। ফলে আমি মনে করি, যদি নতুন কোনও আল্টিমেটাম আসে তাতে আমাদের অবস্থান আরও দুর্বল হবে।

“যুদ্ধের শুরুর দিকে যখন বড় ধরনের অহ্রহতি হত, তখন মানুষজনকে অনেক সক্রিয় মনে হত। কিন্তু এখন অপেক্ষা করা আর পর্যবেকক্ষণ করাটাই ঘটছে বেশি। হতাশাও বেড়েছে।”

কিইভের বাসিন্দাদের কেউ কেউ আবার বলেছেন, ট্রাম্পকে তারা বিশ্বাস করেন না। ট্রাম্পের ওপর তাদের আস্থাও নেই। কারণ, তিনি আজ একথা বলেন, তো কাল অন্য কথা বলেন।

16 Aug 2025, 02:38 AM

শান্তি চুক্তির মূলে ‘ভূমি’, ইউক্রেইনের কোন কোন অঞ্চলে নজর পুতিনের?

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৈঠকে অন্তত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তিন বছর ধরে চলা ইউক্রেইন যুদ্ধ অবসান নিয়েই কথা বলাটাই লক্ষ্য।

আর এই ইউক্রেইন যুদ্ধ বন্ধ নিয়ে কোনওরকম শান্তি চুক্তি হতে গেলে প্রথমেই ভূমি নিয়ে একটি বোঝাপড়ায় আসার দরকার পড়বে, যেহেতু রাশিয়ার দখলে এরই মধ্যে আছে ইউক্রেইনের প্রায় এক পঞ্চমাংশ এলাকা।

পুতিনের সঙ্গে আলাস্কার বৈঠকে যুদ্ধবিরতিতে পৌঁছার জন্য ইউক্রেইন এবং রাশিয়া দুই পক্ষকেই ‘কিছু ভূখণ্ড ছাড় দিতে হতে পারে’ এবং এই ‘ভূমি বিনিময়’ -এর বিষয় নিয়েই বৈঠকে ট্রাম্প কথা বলবেন বলে গত শুক্রবার জানিয়েছিলেন।

তবে ট্রাম্প এই ভূমির কথা বলতে কোন অঞ্চলগুলোকে বোঝাচ্ছেন তা এখনও স্পষ্ট নয়। ইউক্রেইন রাশিয়াকে কোনও ভূমি ছাড় দিতে অস্বীকৃতি জানিয়েছে। রাশিয়াও ভূমি ছাড়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্প-পুতিনের বৈঠক থেকে শেষ পর্যন্ত ইউক্রেইনের মানচিত্রই জোর করে বদলের ঘটনা ঘটতে পারে কিনা তা নিয়ে জল্পনা রয়েছে।

রাশিয়া ২০১৪ সাল থেকেই ইউক্রেইনের বিশাল ভূখণ্ড দাবি করে আসছে। ওই সময় পুতিন অপেক্ষাকৃত রক্তপাতহীন জবরদখল অভিযানে ইউক্রেইনের ক্রাইমিয়া উপদ্বীপ নিয়ে নিয়েছিলেন। ইউক্রেইনের আর কোন কোন অঞ্চল চান পুতিন?

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, মস্কোয় গত সপ্তাহে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফকে দেওয়া একটি প্রস্তাবে উল্লেখ করা হয়েছিল ইউক্রেইনের পূর্ব দোনেৎস্ক এবং লুহান্সক অঞ্চলের কথা- দু’য়ে মিলে যে অঞ্চল ডনবাস নামে পরিচিত।

যুদ্ধবিরতির বিনিময়ে ইউক্রেইনের কাছ থেকে এই অঞ্চলগুলোর বাদবাকী অংশ দাবি করা হয়েছিল প্রস্তাবে। ডনবাসের প্রায় ৭০ শতাংশ এলাকা বর্তমানে রাশিয়ার দখলে। গত তিন মাসে ওই অঞ্চলে আরও অগ্রগতি হয়েছে রুশ বাহিনীর।

তাদের হামলায় পতনের মুখে দোনেৎস্কের ডেব্রোপিলিয়া শহর। এই অঞ্চল ছাড়াও দক্ষিণ-পূর্ব ইউক্রেইনের খেরসন এবং জাপোরিঝিয়া রয়েছে পুতিনের তালিকায়।

দোনেৎস্কের বেশিরভাগ এলাকা এবং লুহান্সকের প্রায় সব এলাকাই মস্কোর দখলে। কিন্তু খেরসন এবং জাপোরিঝিয়ায় রাশিয়ার নিয়ন্ত্রণে আছে মাত্র প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা।

যুদ্ধের শুরুর দিকে ওই অঞ্চলগুলোর বড় অংশের দখল করেছিল রুশ বাহিনী। ২০২২ সালের শেষদিকে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়ায় গণভোট করে সেগুলোকে ইউক্রেইনের নিয়ন্ত্রণমুক্ত করার ঘোষণা দিয়েছিলেন পুতিন।

কিন্তু পরে খেরসন এবং জাপোরিঝিয়ার বড় অংশ পুনরুদ্ধার করে ইউক্রেইনের সেনা বাহিনী। এখন সেখানকার অল্প কিছু অংশই রাশিয়ার হাতে রয়ে গেছে।

এ পরিস্থিতিতে পুতিন কি ইউক্রেইনের নিয়ন্ত্রণে থাকা খেরসন এবং জাপোরিঝিয়ার অংশ কিইভের হাতেই ছেড়ে দেবেন? সেটি স্পষ্ট নয়।

কিন্তু ইউক্রেইনকে এই অঞ্চল ছেড়ে দিতে হলে বিপুল পরিমাণ ভূমি রাশিয়াকে দিয়ে দিতে হবে। আর সেক্ষেত্রে এই বিশাল অঞ্চলের লোকজন সরিয়ে তা খালিও করে দিতে হবে অথবা তাদেরকে রাশিয়ান হয়ে যেতে হবে।

তাছাড়া, ইউক্রেইন এই অঞ্চলগুলো মস্কোর কাছে ছেড়ে দিলে তারা ক্রাইমিয়ায় পূর্ণ প্রবেশের সুযোগ পাবে এবং আজভ সাগর নিয়ন্ত্রণে নিতে পারবে।

ক্রাইমিয়ার উপর পুতিনের নজরের মূল কারণ সামরিক ও বাণিজ্যিক। কৃষ্ণসাগর উপকূলে ক্রাইমিয়ার সেবাস্তিপোল বন্দর শীতের সময়ও সচল থাকে। মূল রুশ ভূখণ্ডের কোনও বন্দরে সেই সুবিধা নাই।

২০১৪ সালে ঝটিকা অভিযানে ক্রাইমিয়া উপদ্বীপ দখল করে গণভোট করিয়ে একে রুশ ভূখণ্ডের সঙ্গে জুড়ে নিয়েছিল পুতিন সরকার। ২০১৮ সালে কের্‌চ সেতুর যান চলাচলের অংশ উদ্বোধন করেন পুতিন। তার দু’বছর পর সেতুতে রেল পরিবহণ চালু হয়।

ফলে ক্রাইমিয়া, আজভ সাগর কিংবা কৃষ্ণ সাগর অঞ্চল রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় সেখানকার কোনও এলাকা ছাড়তে পুতিন নারাজ হওয়ারই কথা।

দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া ছাড়াও খারকিভ, সুমি, মিকোলাইভ এবং নিপ্রোপেট্রোভস্কের কিছু অঞ্চলও রাশিয়ার দখলে আছে। ডনবাসের ক্রামাটোরস্ক ও স্লোভিয়ানস্কের মতো শহরেও অবিরাম হামলা চালানোর চেষ্টা করছে রুশ বাহিনী।

এক বছর আগেই পুতিন যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইউক্রেইনের মানচিত্র বদলের কথা বলেছিলেন। এবার আলাস্কা বৈঠকে তিনি সেই প্রসঙ্গের অবতারণা করতে পারেন বলে মনে করা হচ্ছে।

16 Aug 2025, 01:55 AM

ট্রাম্প ও পুতিন শীর্ষ বৈঠক শুরু

Image

ইউক্রেইন যুদ্ধ থামানোর চেষ্টায় আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠক শুরু হয়েছে।

দুই নেতা আঙ্করেজের এলমেনডর্ফ-রিচার্ডসন ঘাঁটির একটি কক্ষে পাশাপাশি বসেছেন। তাদের সঙ্গে আছেন দুইজন করে সহযোগী।

তাদের পেছনে একটি নীল ব্যানারে লেখা ‘পারসুইং পিস’।

ট্রাম্প বা পুতিন কোনো বক্তব্য দেননি। সাংবাদিকরা প্রশ্ন ছুঁড়লেও কোনো উত্তর দেননি।

ট্রাম্প কেবল বলেন, “ধন্যবাদ। অনেক ধন্যবাদ।”

এরপর সাংবাদিকদের কক্ষ থেকে বের করে দেওয়া হয়।

16 Aug 2025, 01:46 AM

সুযোগ পেয়ে পুতিন ও ট্রাম্পকে সাংবাদিকদের প্রশ্ন

উড়োজাহাজ থেকে নেমে করমর্দন সেরে ট্রাম্প ও পুতিন যখন ছবির জন্য একটি প্ল্যাটফর্মে থামলেন, সুযোগ বুঝে সাংবাদিকরা তাদের দিকে ছুঁড়ে দিলেন প্রশ্ন।

“প্রেসিডেন্ট পুতিন, আপনি কি যুদ্ধবিরতিতে সম্মতি দেবেন”—একজন জিজ্ঞেস করলেন।

আরেকজন জানতে চাইলেন, পুতিনের প্রতি ট্রাম্পের বার্তা কী।

শেষ প্রশ্নের পর, যেখানে একজন সাংবাদিক পুতিনকে জিজ্ঞেস করেছিলেন, তিনি বেসামরিক নাগরিকদের হত্যা থামাবেন কি না।

দুই নেতা এরপর সেখান থেকে হেঁটে চলে যান। ট্রাম্প ও পুতিন একই লিমোজিনে করে বৈঠকে যোগ দিতে চললেন। 

16 Aug 2025, 01:43 AM

পুতিনকে ট্রাম্পের উষ্ণ অভ্যর্থনা, এক লিমোজিনে চললেন বৈঠকে

উড়োজাহাজ থেকে করমর্দন ও সৌজন্য বিনিময় সেরে বৈঠকে যোগ দিতে রওনা হয়েছেন ডনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন।

ভাব দেখে মনে হয়েছে, তাদের মধ্যে বেশ বন্ধুত্ব, তবে আলোচনার ভঙ্গি কিছুটা লোকদেখানো। 

প্রথমবার করমর্দনের পর ট্রাম্প পুতিনের হাতের ওপর মৃদু চাপড়ে দেন। পরে আবারও করমর্দন করেন। 

দুই নেতা বৈঠককক্ষে যাওয়ার পথে একই লিমোজিনে উঠবেন কি না তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত তারা উঠেছেন। বৈঠকের আগে তাদের একান্তে কিছুক্ষণ সময় কাটানোর সুযোগ হয়েছে তাতে। পরে তাদের বৈঠকে তিনজন করে সহযোগী থাকবেন। 

আলাস্কায় নেমে নিঃসন্দেহে উষ্ণ অভ্যর্থনাই পেলেন পুতিন, যা রুশরা আশা করেছিল। যেখানে ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন রুশ প্রেসিডেন্টের নিন্দা করেছিলেন, সেই পুতিনকেই এখন যুক্তরাষ্ট্রের মাটিতে স্বাগত জানানো হল।

16 Aug 2025, 01:19 AM

ট্রাম্প ও পুতিনের করমর্দন

দুই উড়োজাহাজ থেকে নেমে করমর্দন সারলেন প্রেসিডেন্ট ট্রাম্প ও পুতিন। 

দুই নেতা নিজেদের উড়োজাহাজ থেকে লাল গালিচা বিছানো পথ ধরে হেঁটে এসে মাঝপথে মিলিত হন।

তারা হাসিমুখে একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন, ফটো সাংবাদিকদের ছবির জন্য পোজ দেন।

16 Aug 2025, 01:02 AM

পুতিনও আলাস্কায়

Image

যুক্তরাষ্ট্র-রাশিয়া শীর্ষ বৈঠকে অংশ নিতে আলাস্কার আঙ্করেজে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এখনও ডোনাল্ড ট্রাম্প এয়ার ফোর্স ওয়ান থেকে নামেননি, তবে ধারণা করা হচ্ছে, রুশ প্রেসিডেন্টের বিমানের সিঁড়িতেই দুই নেতার সাক্ষাৎ হবে।

16 Aug 2025, 12:59 AM

আলাস্কায় ট্রাম্প

Image

ডনাল্ড ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান আলাস্কার আঙ্করেজে অবতরণ করছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী—পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ তার সঙ্গে রয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত দেড়টা) ট্রাম্পের এলমেনডর্ফ-রিচার্ডসন ঘাঁটিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। এটি হবে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার পর দুই নেতার প্রথম মুখোমুখি বৈঠক।

16 Aug 2025, 12:52 AM

আলাস্কা থেকে সরাসরি

16 Aug 2025, 12:49 AM

পুতিনকে যুক্তরাষ্ট্রে কেন গ্রেপ্তার করা হবে না?

পুতিনের বিরুদ্ধে তো আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা আছে, ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে তিনি যুক্তরাষ্ট্রের মাটিতে যাচ্ছেন। আলাস্কায় নামলেই কি তাকে গ্রেপ্তার করা যায় না?

২০২৩ সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে কথিত যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

যদিও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একাধিকবার পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়েছেন, এবং ওই পরোয়ানাকে যৌক্তিক বলেছেন, কিন্তু যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়।

প্রেসিডেন্ট বিল ক্লিনটন ২০০০ সালে ‘রোম সংবিধি’তে সই করেছিলেন, যা এই আদালত প্রতিষ্ঠা করেছিল; কিন্তু মার্কিন সেনেট কখনোই চুক্তিটি অনুমোদন করেনি। ফলে ওই আদালতের আদেশ মানার আইনি বাধ্যবাধকতা যুক্তরাষ্ট্রের নেই। 

আইসিসি প্রতিষ্ঠার দুই বছর পর তখনকার মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আনুষ্ঠানিকভাবে ওই আদালতের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন। তার ভাষ্য ছিল, এ প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের পরিপন্থি।

ফলে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানার কোনো বৈধতা যুক্তরাষ্ট্রে নেই।

ট্রাম্প প্রশাসন প্রকাশ্যেই আইসিসির বিরোধিতা করেছে; এমনকি আফগানিস্তান যুদ্ধে মার্কিন সেনাদের কথিত যুদ্ধাপরাধ তদন্তের কারণে আদালতের কিছু কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞাও দিয়েছে।

ট্রাম্প ও পুতিনের বৈঠকের জন্য আলাস্কা বেছে নেওয়ার এটাও একটা কারণ হতে পারে। 

তবে ২০২৩ সালের আগস্টে পুতিন মঙ্গোলিয়া সফর করেন, যা আইসিসির সদস্য। তবু রুশ নেতার সফরের সময় গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর না করায় দেশটির কোনো সমস্যায় পড়তে হয়নি। 

আন্তর্জাতিক আইন কার্যকর হয় কেবল তখনই, যখন জাতীয় সরকার ও তাদের নেতারা তা বাস্তবায়ন করতে চান। আর এই ক্ষেত্রে, প্রেসিডেন্ট ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করতে চান এবং এ বিষয়ে তাকে বাধা দেওয়ার কেউ নেই।

সূত্র: বিবিসি

15 Aug 2025, 11:30 PM

‘নোবেল’ পাবেন ট্রাম্প?

২০২৪ সালের নির্বাচনি প্রচারে ডনাল্ড ট্রাম্প বলেছিলেন ইউক্রেইন যুদ্ধ বন্ধ করা তার জন্য সহজ। প্রেসিডেন্ট হলে কয়েক দিনের মধ্যে তিনি যুদ্ধের অবসান ঘটিয়ে দেবেন। হোয়াইট হাউসে তার প্রত্যাবর্তনের পর আট মাস পেরিয়ে গেলেও ইউক্রেইনে শান্তি ফেরেনি।

Image

যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অবস্থান এখনো দৃঢ়, তবে অর্থনীতি নিয়ে চাপের মুখে রয়েছে মস্কো। বাজেট ঘাটতি বাড়ছে, তেল ও গ্যাস রপ্তানি থেকে আয় কমছে। যদি এই অর্থনৈতিক সংকট পুতিনকে যুদ্ধ শেষ করতে বাধ্য করে, তাহলে ক্রেমলিন হয়ত কোনো ধরনের সমঝোতায় রাজি হতে পারে।

অন্যদিকে ট্রাম্পের একটি লক্ষ্য শান্তি প্রতিষ্ঠার বাহবা পাওয়া। তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া কেন যৌক্তিক, ইতোমধ্যে সেই প্রচার শুরু করে দিয়েছে হোয়াই হাউস।

15 Aug 2025, 11:25 PM

আলাস্কায় বৈঠক: ‘নির্ধারিত কিছু নেই’, যুদ্ধই বন্ধ চান ট্রাম্প

আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের সফলত কীসের নির্ভর করছে? এমন প্রশ্নে ট্রাম্প শুক্রবার বলেছেন, তিনি ইউক্রেইনের যুদ্ধ বন্ধ দেখতে চান।

মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এয়ার ফোর্স ওয়ানে দাঁড়িয়ে এক সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, “বৈঠক কীসে সফল হবে সেটি আমি বলতে পারছি না। আমি জানি না। কোনো কিছুই একেবারে নির্ধারিত নয়। আমি নির্দিষ্ট কিছু চাই, আমি চাই যুদ্ধবিরতি।”

ট্রাম্প বলেন, “আমি খুব শিগগিরই যুদ্ধবিরতি চাই…। আজকেই যদি সেটা নাহয়, আমি খুশি হব না। আমি হত্যাযজ্ঞ বন্ধ চাই।”

15 Aug 2025, 10:53 PM

ট্রাম্পের কাছে জেলেনস্কির মত ‘কাবাব’ হবেন পুতিন?

এ বছরের মার্চে হোয়াইট হাউজের ওভাল অফিসে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের তিক্ত বৈঠক হয়। প্রথা অনুযায়ী দুই প্রেসিডেন্ট হাত মেলানোর মধ্য দিয়ে বৈঠক শুরু করলেও তাদের দুইজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ে বৈঠক বার বার সংঘাতে রূপ নেয়।

একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ট্রাম্পের ভর্ৎসনার শিকার হন জেলেনস্কি। তাকে ‘অভদ্র’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি আরও কৃতজ্ঞ হতে বলেন ট্রাম্প। জেলেনস্কিকে পুতিনের সঙ্গে একটি চুক্তি করতে চাপ দেন তিনি।

Image

আলাস্কায় ট্রাম্প-পুতিনের বৈঠকের মুহূর্তে ওভাল অফিসে জেলেনস্কির সেই নাস্তানুবাদ অবস্থা আর হতাশ হয়ে ফিরে যাওয়ার প্রসঙ্গ সামনে আসছে। জেলেনস্কির মত পুতিনকেও ট্রাম্প সেই অবস্থা করবেন কিনা, সেই কথা বলছেন কেউ কেউ।

বিবিসির উত্তর আমেরিকার করেসপন্ডেন্ট গ্যারি ও’ডোনো বলছেন, আলাস্কার এই বৈঠক থেকে অনেক ফলাফল আসা সম্ভব। তবে ট্রাম্পের সঙ্গে বৈঠকে জেলেনস্কি যেভাবে ‘কাবাব’ হয়েছিলেন, সেরকম কোনো সম্ভাবনা নেই। পারমাণবিক শক্তিধর হিসেবে পুতিন একেবারেই ভিন্ন ধরনের জটিল প্রকৃতির মানুষ। এর মানে তাকে অবিশ্বাস্য রকমের গুরুত্ব সহকারেই নিতে হবে।

বিপরীতে ট্রাম্প হয়ত রাশিয়া ও এর বাণিজ্য অংশীদারদের ওপর নিষেধাজ্ঞা ও ফের শুল্ক আরোপের হুমকি দিতেই পছন্দ করবেন।

গ্যারি ও’ডোনো বলেন, ট্রাম্প রাশিয়ার ব্যাংকগুলোকেও নিষেধাজ্ঞা দিতে পারেন। কারণ দেশটির সব ব্যাংক মার্কিন নিষেধাজ্ঞার আওতায় নেই।

“ফলে পুতিন আলাস্কার বৈঠকে ‘যদি না খেলেন’, তবে আবারও চাপ তৈরি ও তাকে বিচ্ছিন্ন করার পথ খোলা আছে।”

15 Aug 2025, 10:29 PM

রাজি নাহলে চরম পরিণতি: ট্রাম্প

এ সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প বলেছিলেন, ইউক্রেইন যুদ্ধ বন্ধে সম্মত নাহলে পুতিনকে ‘খুব মারাত্মক ফল’ ভোগ করতে হবে। আলস্কায় রুশ প্রেসিডেন্টের বৈঠকের উদ্দেশে উড়াল দেওয়ার আগে এ বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন এক সাংবাদিক।

জবাবে ট্রাম্প বলেন, “অর্থনৈতিকভাবে খুব মারাত্মক, হ্যাঁ। এটা খুবই মারাত্মক হবে।”

ট্রাম্প বলেন, এটা তিনি নিজের জন্য করছেন না। অনেক মানুষের জীবন বাঁচানোর জন্য করছেন।

15 Aug 2025, 10:01 PM

ইউক্রেইনের কতটুকু রাশিয়ার নিয়ন্ত্রণে

যুদ্ধক্ষেত্রের চিত্র অনুযায়ী, ইউক্রেইনের প্রায় ১৯ শতাংশ বা ১ লাখ ১৪ হাজার ৫০০ বর্গ কিলোমিটার রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

অপরদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাশিয়ার কোনো অংশ ইউক্রেইনের নিয়ন্ত্রণে নেই।

Image

রাশিয়া বলছে, ক্রাইমিয়া, দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরঝিয়া ও খেরসন এখন তাদের অংশ। তবে এসব দখল মেনে না নেওয়ার কথা বারবার বলে আসছে ইউক্রেইন।

15 Aug 2025, 09:49 PM

বৈঠক হতে পারে ৬-৭ ঘণ্টা

আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠক ৬/৭ ঘণ্টা হতে পারে বলে তথ্য দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

বৈঠকে প্রধানত ইউক্রেইন যুদ্ধ থামানোর আলোচনা ছাড়াও নানা বিষয় উঠে আসতে পারে।

Image

এর আগে হেলসিংকিতে তাদের বৈঠক দুই ঘণ্টা স্থায়ী হয়েছিল।

সূত্র-বিবিসি

15 Aug 2025, 09:39 PM

পুতিনের কাছে যাবেন ট্রাম্প: ক্রেমলিন

আলাস্কায় পুতিনের উড়োজাহাজ নামার পর সেখানে তাকে ‘স্বাগত জানাবেন’ প্রেসিডেন্ট ট্রাম্প। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিক পাভের জারুবিনকে বলেন, আলাস্কায় রুশ প্রেসিডেন্টের উড়োজাহাজের কাছে যাবেন ট্রাম্প।

Image

বৈঠকের জন্য আলাস্কার পথে রওনা দেওয়ার পর রাশিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর শহর মাগাদানে বিরতি দেন পুতিন। সেখান থেকে ‘সময়মত’ আলাস্কার উদ্দেশে তিনি রওনা হবেন বলে দিমিত্রি পেসকভ বলেন।

সূত্র: বিবিসি

15 Aug 2025, 09:29 PM

পুরোপুরি আশাবাদী নয় ট্রাম্প

ডনাল্ড ট্রাম্প নিজেও আলাস্কার এ বৈঠক নিয়ে খুব বেশি আশাবাদের কথা বলেননি।

তার দাবি, সমঝোতা সম্ভব কি না, প্রথম দু মিনিটেই তিনি বুঝে যাবেন। সমঝোতা নাও হতে পারে। হয়ত তিনি ‘গুড লাক’ বলে উঠে চলে আসবেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিও বলেছেন, আলাস্কার আলোচনা মূলত ‘শুনে যাওয়ার’ বৈঠক। তবে ইউক্রেইন ও ইউরোপীয় নেতাদের উদ্বেগ অন্য জায়গায়। তারা চান, ট্রাম্প যেন এমন কোনো চুক্তি না করেন যা কিইভের জন্য গ্রহণযোগ্য নয়।

তবে একটি বিষয়ে সবাই একমত, যুদ্ধ বন্ধের কৃতিত্ব নিতে পারলে ট্রাম্প সেটাকে বড় রাজনৈতিক সাফল্যে পরিণত করতে চাইবেন। নোবেল শান্তি পুরস্কারের দিকে তাকিয়ে থাকা ট্রাম্প নিশ্চয় সেই সুযোগ হাতছাড়া করবেন না।

15 Aug 2025, 09:06 PM

পরের বৈঠকে জেলেনস্কিকে রাখার আশা ট্রাম্পের

আলাস্কার অ্যাঙ্করেজে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ভ্লাদিমির পুতিন ইউক্রেইনে যুদ্ধ থামাতে প্রস্তুত বলেই তার ধারণা।

তবে শান্তি চুক্তির ক্ষেত্রে ইউক্রেইনের নেতা ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে অন্তত দ্বিতীয় একটি বৈঠক লাগবে, বলেছেন তিনি।

কিইভকে ভবিষ্যতে নতুন হামলার ঝুঁকিতে ফেলে দেবে, শুক্রবার অ্যাঙ্করেজের বৈঠকে পুতিন ও ট্রাম্প যেন এ ধরনের কোনো চুক্তিতে না পৌঁছান, তা নিশ্চিত করতে গত সপ্তাহে জেলেনস্কি ও তার ইউরোপীয় মিত্ররা ব্যাপক দৌড়ঝাঁপ করেছেন।

Image

“আমার ধারণা, প্রেসিডেন্ট পুতিন শান্তি প্রতিষ্ঠায় রাজি হবেন, জেলেনস্কিও রাহি হবেন। দেখা যাক তারা একসঙ্গে কিছু করতে পারেন কিনা,” হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অ্যাঙ্করেজের বৈঠক থেকে কোনো যুদ্ধবিরতি আসবে বলে আশাবাদও কম এ মার্কিন প্রেসিডেন্টের। সে কারণেই সম্ভাব্য দ্বিতীয় বৈঠকের জল্পনাও উসকে দিয়েছেন তিনি, এবং সে বৈঠকে আরও দেশের নেতাদের দেখা যেতে পারে বলেও তার ধারণা।

15 Aug 2025, 08:58 PM

‘উচ্চ-ঝুঁকির’ বৈঠক

২০২১ সালের পর প্রথম রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের নেতার মধ্যে আলাস্কায় বৈঠক হতে চলেছে, যে বৈঠককে ঘিরে বিরাজ করছে উচ্চমাত্রার ঝুঁকি।

কারণ, এই বৈঠক থেকে যে কেবল ইউক্রেইন যুদ্ধের গতিপ্রকৃতি নির্ধারণ হতে পারে তাই নয়, ইউরোপের নিরাপত্তার ভাগ্যও নির্ধারণ করে দিকে পারে এই বৈঠক।

এয়ার ফোর্স ওয়ানে চড়ে রওনা দেওয়ার প্রাক্কালে এক পোস্টে ট্রাম্প লেখেন: “উচ্চ-ঝুঁকি!!!” ইউক্রেইন যুদ্ধ শেষ করতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলোর মীমাংসা করতে হবে দুই নেতাকে।

15 Aug 2025, 08:38 PM

আমরা আমেরিকার ওপর নির্ভর করছি: জেলেনস্কি

আলাস্কায় ট্রাম্প-পুতিনের বৈঠকের মুহূর্তে এক্সে পোস্টে ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, “আমরা আমেরিকার ওপর নির্ভর করছি।”

Image

আলাস্কার এ বৈঠককে ট্রাম্প ‘উচ্চ ঝুঁকি’ বলে যে মন্তব্য করেছেন, সেটি উঠে এসেছে জেলেনস্কির কথায়। তার প্রত্যাশা, এ বৈঠক থেকে টেকসই শান্তির সত্যিকারের পথ খুলবে এবং ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হবে।

তিনি বলেন, দোনেৎস্ক ও ঝাপোরঝিয়াসহ পূর্ব ইউক্রেইনে রাশিয়ার দখল থামানোর দাবি করছে ইউক্রেইন। ট্রাম্পের সঙ্গে বৈঠকের আলোচনাতেও দোনেৎস্ক ও ঝাপোরঝিয়া রয়েছে।

যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে রাশিয়াকে ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নেওয়ার কথা বলেন তিনি।

15 Aug 2025, 08:26 PM

ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান

Image

15 Aug 2025, 08:16 PM

আলাস্কায় বৈঠকে পুতিনের সঙ্গে যারা

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলাস্কার বৈঠকে রুশ প্রেসিডেন্টের সঙ্গী হচ্ছেন পাঁচ কর্মকর্তা।

Image

তারা হলেন- প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকোভ, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসোভ, অর্থমন্ত্রী অ্যান্টন সিলুয়ানোভ এবং রাশিয়ার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড প্রধান কিরিল দিমিত্রিয়েভ।

15 Aug 2025, 08:03 PM

আলাস্কার পথে ট্রাম্পের সঙ্গী কারা

পুতিনের সঙ্গে বৈঠকের জন্য উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে আলাস্কার পথে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

Image

উড়োজাহাজে তার সঙ্গে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ও বিশেষ দূত স্টিভ উইটকফ।

প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ও সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফকও রয়েছেন সেখানে। ট্রাম্পের আলাস্কা রওনা হওয়ার আগে নামগুলো প্রকাশ করেছে হোয়াইট হাউস।

15 Aug 2025, 07:49 PM

জেলেনস্কিকে ছাড়াই বৈঠক

ইউক্রেইনকে নিয়ে বৈঠক হলেও সেখানে জেলেনস্কির স্থান হচ্ছে না। যুদ্ধের অবসানের জন্য ভূমি বিনিময়ের শর্তের যে ইংগিত ট্রাম্প দিয়েছেন, তা ইউক্রেইনের জন্য স্বস্তি আনেনি।

Image

ইউক্রেইন ও রাশিয়া দুই পক্ষের প্রতি পালাক্রমে বিরক্তি দেখিয়েছেন ট্রাম্প। ফেব্রুয়ারিতে তিনি হোয়াইট হাউসে বসে ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে নাটকীয়ভাবে তিরস্কার করেন, সাময়িকভাবে সামরিক সহায়তা স্থগিত করেন।

আবার পুতিনের আগ্রাসী নীতির নিন্দা করলেও শেষ পর্যন্ত রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেননি ট্রাম্প। এমন অবস্থার মধ্যেই ট্রাম্প এবার পুতিনকে আমেরিকার মাটিতে স্বাগত জানাচ্ছেন।

15 Aug 2025, 07:42 PM

পুতিন-জেলেনস্কি কী চান

সাড়ে তিন বছর ধরে চলা যুদ্ধে এখন পুতিনের লক্ষ্য ইউক্রেইনের চারটি অঞ্চলে রাশিয়ার দখল ধরে রাখা। বাকি অংশ থেকেও কিইভের সৈন্য সরিয়ে নেওয়ার দাবি রেখেছেন তিনি।

অপরদিকে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট করেই বলেছেন, এই জমি দখলদারদের হাতে তুলে দেওয়া হবে না।

ক্রেমলিনের আশা, ট্রাম্প যদি পুতিনের এই দাবিকে সমর্থন করেন, তাহলে কিইভ তা প্রত্যাখ্যান করলে যুক্তরাষ্ট্র ইউক্রেইনের সহায়তা কমিয়ে দিতে পারে। আর তাতেই বাড়বে রাশিয়ার কূটনৈতিক ও অর্থনৈতিক সুযোগ।

15 Aug 2025, 07:31 PM

বৈঠকের স্থান আলাস্কা কেন

ট্রাম্প-পুতিনের বৈঠকের স্থান হিসেবে আলাস্কাকে বেছে নেওয়ারও কৌশলগত তাৎপর্য রয়েছে।

রাশিয়ার চুকোটকা অঞ্চলের ঠিক পাশে, মাত্র ৯০ কিলোমিটার দূরের এক রাজ্য এই আলাস্কা। সেখানে বৈঠকে বসতে পুতিনকে শত্রুভাবাপন্ন আকাশসীমা অতিক্রম করতে হচ্ছে না।

আবার ইউক্রেইন ও ইউরোপীয় নেতাদের অনেক দূরে রেখে শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারাও এক বড় সুবিধা।

15 Aug 2025, 07:23 PM

যুদ্ধ থামাতে পারবেন ট্রাম্প?

ইউক্রেইন যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডনাল্ড ট্রাম্পের আলাস্কার বৈঠকে কী বার্তা আসবে সেদিকে নজর বিশ্বের। ট্রাম্প যুদ্ধ থামাতে পুতিনকে রাজি করাতে পারবেন কিনা, সেই প্রশ্ন সামনে আসছে। কারণ ইউক্রেইন প্রশ্নে ছাড় দিতে বরাবরই রুশ প্রেসিডেন্ট। আর ট্রাম্প নিজেকে ‘শান্তির দূত’ হিসেবে তুলে ধরে আলোচনায় বসছেন।

Image

তবে শুধু যুদ্ধ নয়, দুই নেতা এ বৈঠককে অন্য কৌশলগত সুবিধা আদায়ের মঞ্চ হিসেবেও দেখতে পারেন। পুতিনের দিক থেকে এটি হতে পারে আন্তর্জাতিক কূটনৈতিক পুনর্বাসনের একটি পদক্ষেপ।

তবে ট্রাম্প ঠিক কী চাইছেন, তা এখনও স্পষ্ট নয়। রাশিয়ার প্রেসিডেন্ট সম্পর্কে তিনি একেক সময় একেক কথা বলছেন।

15 Aug 2025, 07:09 PM

লাইভ শুরু!

আন্তর্জাতিক রাজনীতির উত্তপ্ত মঞ্চে আলাস্কায় বৈঠকে বসছেন ডনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। শুক্রবারের এই বহু প্রতীক্ষিত বৈঠকে আলোচ্য বিষয় ইউক্রেইন যুদ্ধ। বিশ্ববাসীর নজর এখন এই বৈঠকের দিকে। দুই নেতা কী চাইছেন, বৈঠক থেকে কী ফল আসবে–তা জানতে সবাই উন্মুখ। এ নিয়ে আমাদের লাইভ ব্লগে স্বাগত! সঙ্গে আছি ফারুক হোসেন, আসাদুর রহমান।