২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুতিন-জেলেনস্কির বৈঠকের আয়োজন চলছে: ট্রাম্প

সবার নজর এখন হোয়াইট হাউসে; ট্রাম্প-জেলেনস্কি বৈঠকে কী ফল আসবে?

19 Aug 2025, 04:28 AM

পুতিন ও জেলেনস্কির বৈঠকের আয়োজন চলছে: ট্রাম্প

ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি বৈঠক আয়োজনের কাজ শুরু করে দিয়েছেন। 

সোমবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার মাঝপথে তিনি ফোন করে এ ব্যাপারে পুতিনের সঙ্গে আলোচনা করেছেন। 

তিনি বলেন, কোথায় বৈঠকটি হবে সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

কতদিনের মধ্যে এ বৈঠক হতে পারে, সে আভাস অবশ্য দেননি মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: সিএনএন।

19 Aug 2025, 04:19 AM

রাশিয়া কৌশলগত বিমান হামলার জন্য আসছে: ইউক্রেইন বিমান বাহিনী

যুক্তরাষ্ট্রে ওভাল অফিসে নেতাদের মধ্যে শান্তি ফিরিয়ে আনা নিয়ে আলোচনার মধ্যে যুদ্ধক্ষেত্র থেকে নতুন খবর এসেছে; রাশিয়ার কৌশলগত বোমারু বিমান উড়াল দিয়েছে।

ইউক্রেইনের বিমান বাহিনী এমন খবর দিয়ে বলেছে, তাদের ভূখণ্ডে হামলা চালাতে বোমারু বিমান 'টেক অফ' করেছে।

সূত্রের বরাতে এমন খবর দিয়েছে রয়টার্স।

19 Aug 2025, 04:05 AM

কতবার ধন্যবাদ বললেন জেলেনস্কি

একবারও আপনি ধন্যবাদ দিয়েছেন? ফেব্রুয়ারির বৈঠকে জেলেনস্কির ওপর এভাবে চড়াও হয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ডান্স। 

ইউক্রেইন যুদ্ধে মার্কিন সহায়তার বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা নিয়ে এমন ঠেস দিয়ে কথা বলেছিলেন ভান্স।

সোমবার জেলেনস্কি আটবার ধন্যবাদ দিয়েছেন। 

হোয়াইট হাউজে বক্তব্যের শুরুতে ধন্যবাদ দিয়েছেন ট্রাম্পের উদ্দেশ্যেই বেশি।

ধন্যবাদ দিয়েছেন মার্কিন ফার্স্ট লেডিকেও, যিনি পুতিনকে চিঠি লিখেছিলেন।

রয়টার্স।

19 Aug 2025, 03:52 AM

১০ হাজার কোটি ডলারের মার্কিন অস্ত্র কেনার প্রস্তাব দেবেন জেলেনস্কি: এফটি

ছবি: রয়টার্স

ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের (এফটি) এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তির পর ইউক্রেইন তাদের নিজেদের নিরাপত্তার নিশ্চয়তার অংশ হিসেবে ইউরোপের অর্থায়নে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১০ হাজার কোটি ডলারের অস্ত্র কেনার একটি প্রস্তাব দেবে।

এ সংক্রান্ত নথির ব্যাপারে নিশ্চিত হওয়ার দাবি জানিয়ে সংবাদমাধ্যমটি বলছে, ইউক্রেইন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাঁচ হাজার কোটি ডলারের আরেকটি চুক্তি হওয়ার কথা রয়েছে। ওই চুক্তির আওতায় ইউক্রেইনের কোম্পানির মাধ্যমে ড্রোন তৈরি করা হবে।

সূত্র: রয়টার্স। 

19 Aug 2025, 03:37 AM

ইউক্রেইনে নেটোর সেনা মানবে না রাশিয়া

ইউক্রেইনে নেটোর সৈন্য মোতায়েনকে গ্রহণযোগ্য সমাধান মনে করে না রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বলেছে, তারা যুক্তরাজ্যের সাম্প্রতিক বিবৃতিকে ‘উসকানিমূলক’ হিসেবে দেখছে। 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “যখন ইউক্রেইন ঘিরে সংঘাতের সমাধানের জন্য একটি সমন্বিত, ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী প্রচেষ্টা চলছে, তখন লন্ডন থেকে এমন বিবৃতি আসছে, যা মস্কো ও ওয়াশিংটনের প্রচেষ্টার সঙ্গে সাংঘর্ষিক এবং আলোচনা ভেস্তে দেওয়ার লক্ষ্য বলেই মনে হচ্ছে।”

সূত্র: রয়টার্স

19 Aug 2025, 03:28 AM

আলোচনা থামিয়ে পুতিনকে ফোন ট্রাম্পের

ইউরোপীয় ইউনিয়নের এক কূটনীতিকের বরাতে রয়টার্স বলছে, হোয়াইট হাউজে ইউরোপের নেতাদের সঙ্গে আলোচনার মাঝপথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন ট্রাম্প। 

ওই কূটনীতিক বলেন, পুতিনের সঙ্গে আলোচনা শেষ করার পর পুনরায় বৈঠক শুরু করেন তিনি। 

যদিও শুরুতে ট্রাম্প বলেছিলেন যে, তিনি জেলেনস্কি ও ইউরোপের নেতাদের সঙ্গে বৈঠকের পর পুতিনকে ফোন দেবেন।

এদিকে পুতিনের এক মুখপাত্রের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা বলেছেন ট্রাম্প। 

19 Aug 2025, 03:16 AM

ট্রাম্প-জেলেনস্কি আলোচনা চলছেই

ইউক্রেইনের প্রতিনিধি দলের বরাতে বিবিসি বলছে, হোয়াইট হাউজে দুই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে এবং সম্ভবত তারা ‘ভিন্ন কোনো ফরম্যাটে’ কথা বলছেন।

ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল জেলেনস্কির, যেটা বাতিল হওয়ার কথা জানিয়েছে ইউক্রেইনের প্রতিনিধি দলের একটি সূত্র।

সূত্র: বিবিসি

19 Aug 2025, 03:07 AM

ইউক্রেইনে শান্তি ফিরবে, `আশা' করছে রাশিয়া

ছবি: রয়টার্স

জাতিসংঘে রাশিয়ার উপ রাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি বলেছেন, তারা ইউক্রেইনে ‘ন্যায্য, সঠিক ও দীর্ঘস্থায়ী’ শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আশাবাদী।

তিনি বলেন, ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক “রাশিয়ার সঙ্গে বৈঠকের মতোই” হবে। এটা ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে, এই বৈঠক দীর্ঘস্থায়ী শান্তির সুযোগ তৈরি করেছে।

পোলিয়ানস্কি নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সাংবাদিকদের বলেন, “আমরা আশা করি, ইউক্রেইনের নেতৃত্ব নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করার বদলে জনগণের কথা ভাববে, যারা যুদ্ধ করতে চায় না এবং শান্তি চায়।”

সূত্র: রয়টার্স

19 Aug 2025, 02:53 AM

যা বললেন ইউরোপের নেতারা

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “আজকের আলোচনা খুবই গঠনমূলক হয়েছে। নিরাপত্তা নিশ্চয়তাসহ বেশ কিছু স্পর্শকাতর বিষয়ে ‘খুবই ভালো আলোচনা’ হওয়ার কথাও বলেছেন তিনি। 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, নিরাপত্তার নিশ্চয়তা এবং রাশিয়া, ইউক্রেইন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক হলে সেটা হবে ‘ঐতিহাসিক অগ্রগতি’।

রাশিয়ার সঙ্গে বৈঠকের আগে শান্তিচুক্তির ওপর জোর দিয়ে ট্রাম্পকে উদ্দেশ করে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস বলেছেন, “আসুন আমরা এ নিয়ে কাজ করি এবং পুতিনের ওপর চাপ প্রয়োগের চেষ্টা চালাই।”

জার্মানির চ্যান্সেলরের মতো শান্তিচুক্তিতে গুরুত্বারোপ করে চলমান আলোচনাকে গোটা ইউরোপের ইউরোপের নিরাপত্তার বিষয় হিসেবে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ।

অপহরণের শিকার হওয়া ইউক্রেইনের শিশুদের মুক্তির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েন বলেন, “একজন মা ও দাদি হিসেবে মনে করি, প্রত্যেক শিশুরই তার পরিবারের কাছে ফেরা উচিৎ।”

সূত্র: বিবিসি

19 Aug 2025, 02:33 AM

বৈঠক ফেব্রুয়ারির মতই, তবে মেজাজ ভিন্ন

গত ফেব্রুয়ারির মতো একই কর্মকর্তাদের সঙ্গে ওভাল অফিসে বৈঠকে বসেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এবার পরিবেশ একদম শান্তিপূর্ণ।

ছয় মাস আগে যেমন জেলেনস্কি ট্রাম্পের ডান পাশে বসে ছিলেন, এবারও ঠিক সে অবস্থানেই দেখা গেছে তাকে।

ট্রাম্পের বাম পাশে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। সঙ্গে ছিলেন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ও পররাষ্ট্র সচিব মার্কো রুবিওসহ অন্যান্য কর্মকর্তা।

কিন্তু এবার কোনো রেষারেষি বা উত্তেজনার উপস্থিতি ছিল না। ফেব্রুয়ারিতে জেলেনস্কিকে কঠোর সমালোচনা করা ভ্যান্সও এবার কোনো মন্তব্য করেননি।

19 Aug 2025, 02:27 AM

‘ইউক্রেইনের জনগণ কোনোভাবেই মেনে নেবে না’

ইউক্রেইনীয় সংসদ সদস্য কিরা রুদিক বলেছেন, ইউক্রেইন তাদের সীমান্ত নতুন করে আঁকতে রাজি নয়। কারণ তার মানে হবে সীমান্ত রক্ষার জন্য যারা জীবন দিয়েছে, তাদের পরিত্যাগ করা। 

“প্রথমত, এটি ইউক্রেইনের সংবিধানের বিরোধী। দ্বিতীয়ত, এটি আমাদের জন্য অত্যন্ত আবেগের বিষয়। ইউক্রেইনের প্রতিটি ইঞ্চি জমির জন্য, যা আমরা এখন ধরে রেখেছি, আমরা চরম মূল্য পরিশোধ করেছি। আর তা ছেড়ে দেওয়া মানে হবে যারা জীবন দিয়েছে, চরম মূল্য দিয়েছে, সেটা অস্বীকার করা। এটা রাজনৈতিকভাবেও অসম্ভব।”

তার ভাষায়, “ইউক্রেইনের জনগণ এটা কোনোভাবেই মেনে নেবে না।”

রাশিয়ার ইউক্রেইন পূর্ণ মাত্রায় সামরিক অভিযান শুরুর পর গত সাড়ে তিন বছরে প্রায় ১৪ হাজার বেসামরিক নাগরিকের প্রাণ গেছে, আহত হয়েছেন আরো ৩৫ হাজারের বেশি মানুষ।

সূত্র: সিএনএন

19 Aug 2025, 02:17 AM

রুদ্ধদ্বার আলোচনা চলছে

সাংবাদিকদের বের করে দিয়ে হোয়াইট হাউজে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট 

ট্রাম্প।  

তাদের এ অংশের কথোপকথন সরাসরি শুনতে পাচ্ছেন না সাংবাদিকরা। তবে আলোচনা শেষ হলে বৈঠকে অংশগ্রহণকারীদের কেউ কেউ বাইরে এসে কথা বলতে পারেন বলে আশা করা হচ্ছে।

সূত্র: বিবিসি

19 Aug 2025, 02:13 AM

পুতিন নেই, তবু পুতিন আছেন

ছবি: রয়টার্স

হোয়াইট গাউজে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, তার ইউরোপীয় মিত্র আর ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার টেবিলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সশরীরে উপস্থিত না থাকলেও তার কথা ফিরে এসেছে বার বার।  

ট্রাম্প বলছিলেন, “আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি, সবসময় তার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। আমার মনে হয় প্রেসিডেন্ট পুতিনও একটা সমাধান খুঁজতে চান। দেখা যাক।”

সিএনএন লিখেছে, হোয়াইট হাউসে জড়ো হওয়া ইউরোপীয় নেতারা পুতিনের নাম কমই উচ্চারণ করেছেন। কিন্তু ট্রাম্প এমনভাবে কথা বলছিলেন, যেন তিনি পুতিনের পক্ষ নিয়েই আলোচনার টেবিলে বসেছেন। 

আসলে পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রুশ নেতা; এবং ইউক্রেইনের ভবিষ্যৎ অনেকটাই তার ওপর নির্ভর করছে।

ট্রাম্প বলেছেন, শিগগিরই রাশিয়া, ইউক্রেইন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় একটি বৈঠক হবে বলে তিনি আশা করছেন।

“বৈঠক হবে কি না, সেটা এখন প্রশ্ন নয়, প্রশ্নটা হল, বৈঠকটা কখন হবে।”

সিএনএন লিখেছে, এই ‘কখন’ প্রশ্নটা শুধু সময় নয়, আরও বড় বিষয়কে ইঙ্গিত করে। সেটাই দেখাবে, পুতিন আসলেই যুদ্ধের অবসান ঘটাতে আলোচনায় আন্তরিক? নাকি কেবল সময়ক্ষেপণ করছেন?

আশাবাদী সুরে কথা বললেও ট্রাম্প সম্ভাব্য হতাশার কথাও মনে করিয়ে দিয়েছেন।  

তিনি বলেছেন, “হতে পারে যে শেষ পর্যন্ত এটা আর করাই গেল না। অন্যদিকে এটাও সম্ভব যে সত্যিই সেটা হয়ে যাবে। 

“আমাদের সাধ্যমতো চেষ্টা করতে হবে। এটাই একমাত্র করণীয়।”

19 Aug 2025, 02:06 AM

কিয়ার স্টারমার: নিরাপত্তা নিশ্চয়তা হবে ‘ঐতিহাসিক অগ্রগতি’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার হোয়াইট হাউজে বৈঠকে বলেছেন, ইউক্রেইনের যুদ্ধে সমাধান আনতে তারা ‘বাস্তব অগ্রগতি’ করতে পারেন, বিশেষ করে নিরাপত্তা নিশ্চয়তার ক্ষেত্রে।

এছাড়া তিনি সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠককে পরবর্তী পদক্ষেপ হিসেবে ‘যুক্তিসঙ্গত’ বলেও আখ্যায়িত করেছেন।

স্টারমার বলেন, সম্ভাব্য ওই বৈঠক আর নিরাপত্তা নিশ্চয়তার মাধ্যমে ঘটবে ‘ঐতিহাসিক অগ্রগতি’।

19 Aug 2025, 01:52 AM

হাজার বন্দিকে মুক্তি দিতে পারেন পুতিন: ট্রাম্প

ছবি: রয়টার্স।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশা করছেন যে ইউক্রেইনের বন্দিদের পুতিন মুক্তি দেবেন। 

সোমবার হোয়াইট হাউজে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এ সম্ভাবনার কথা শোনান।

তিনি বলেন, “আমি জানি, হাজারের বেশি বন্দি রয়েছে এবং এটাও আমি জানি, রাশিয়া তাদের মুক্তি দিতে যাচ্ছে। সম্ভবত তারা খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছেন।”

সূত্র: রয়টার্স।

19 Aug 2025, 01:43 AM

‘শান্তির প্রেসিডেন্ট’

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের ফাঁকে ফেইসবুকে একটি পোস্ট দিয়েছে হোয়াইট হাউজ, যেখানে মার্কিন প্রেসিডেন্টকে বর্ণনা করা হয়েছে শান্তির প্রেসিডেন্ট হিসেবে।

টোস্টে লেখা হয়েছে, “আমরা ইউক্রেইনের সঙ্গে কাজ করব, সবার সঙ্গে কাজ করব, আর আমরা নিশ্চিত করব—যদি শান্তি আসে, সেই শান্তি যেন দীর্ঘমেয়াদি হয়।”

19 Aug 2025, 01:42 AM

বৈঠক ছিল ‘গঠনমূলক’: জেলেনস্কি

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক ছিল গঠনমূলক। তিনি বলেন, খুবই ভালো আলোচনা হয়েছে।

এছাড়া, জেলেনস্কি বারবার ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তার সঙ্গে বৈঠক করার জন্য।

জেলেনস্কি জানিয়েছেন, ট্রাম্প একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের চেষ্টা করছেন এবং ইউক্রেইন খুশি হবে যদি তিনি এতে অংশ নেন।

সূত্র: বিবিসি

19 Aug 2025, 01:39 AM

ভিডিও: জেলেনস্কির পর ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠকে ট্রাম্প

19 Aug 2025, 01:35 AM

ভিডিও: ওভাল অফিসে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক

19 Aug 2025, 01:26 AM

ট্রাম্পের মুখে ‘ত্রিপক্ষীয় বৈঠক’

সংকট নিরসনে যুক্তরাষ্ট্র, ইউক্রেইন ও রাশিয়ার মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের কথা বলেছেন ট্রাম্প।

তিনি বলেন, সোমবার তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং বৈঠকের পর আবার কল করবেন।

ট্রাম্প বলেন, “এরপর আমরা একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন করব এবং চেষ্টা করব যুদ্ধটি শেষ করে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা করতে।”

সূত্র: বিবিসি

19 Aug 2025, 01:17 AM

এখনও স্পষ্ট নয় ট্রাম্পের নিরাপত্তার নিশ্চয়তা

ইউক্রেইনের জন্য যুক্তরাষ্ট্র কী ধরনের নিরাপত্তার নিশ্চয়তা দেবে, সাংবাদিকদের সেই প্রশ্নে স্পষ্ট কোনো জবাব দেননি ডনাল্ড ট্রাম্প। 

এক পর্যায়ে তিনি বলে বসেন, “আমরা তাদের ভালো নিরাপত্তা দেব।” 

ওভাল অফিসে এক সাংবাদিক তখন জানতে চান, যুক্তরাষ্ট্র কি ইউক্রেইনকে নেটার অনুচ্ছেদ ৫ এর মতো প্রতিরক্ষা দেবে?

তখন ট্রাম্প বলেন, “সেই আলোচনা এখনো হয়নি।”

তবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা তাদের নিরাপত্তার বিষয়ে ‘যথেষ্ট আন্তরিক’ এবং হোয়াইট হাউসে এ বিষয়ে আলোচনায় বসতে ইউরোপের নেতারা অপেক্ষায় আছেন।

সূত্র: বিবিসি।

19 Aug 2025, 01:01 AM

পরিবেশ নিরাপদ হলে নির্বাচন দিতে প্রস্তুত জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধ শেষ হলে নিরাপদ পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার ওয়াশিংটনের হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যুদ্ধ শেষ হলে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে জনগণ গণতান্ত্রিক, উন্মুক্ত ও বৈধভাবে ভোট দিতে পারেন।

সূত্র: রয়টার্স

19 Aug 2025, 12:52 AM

বৈঠক হবে একাধিক

সোমবার পরপর কয়েকটি বৈঠকে হওয়ার কথা রয়েছে।

সূত্র: বিবিসি

19 Aug 2025, 12:37 AM

যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের সংশয়

ইউক্রেইনে যুদ্ধবিরতি প্রসঙ্গে ডনাল্ড ট্রাম্পের এক মন্তব্য ওয়াশিংটনের অবস্থানে নতুন মোড় এনেছে, যা ক্রেমলিনে ইতিবাচক সাড়া ফেলবে বলেই মনে করা হচ্ছে।

মাসের পর মাস ধরে ট্রাম্প যুদ্ধবিরতির জন্য চাপ দিয়ে আসছিলেন; এমনকি মস্কো রাজি না হলে নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছিলেন তিনি।

কিন্তু আলাস্কা শীর্ষ বৈঠকের পর হঠাৎ করেই ট্রাম্প জানালেন, তিনি আর রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিরতির প্রত্যাশা করছেন না। বৃহস্পতিবার এর ব্যাখ্যায় তিনি বলেন, “কৌশলগত দিক থেকে এটা এক পক্ষের জন্য ক্ষতির কারণ হতে পারে।”

ট্রাম্পের এই মন্তব্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের অবস্থানকেই শক্তিশালী করল। পুতিন সবসময়ই বলে আসছেন, যুদ্ধবিরতির আগে মস্কোর শর্তে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি হতে হবে।

এখন মনে হচ্ছে, ট্রাম্পের কাঙ্ক্ষিত যুদ্ধের দ্রুত অবসান নিশ্চিত করতে ওয়াশিংটন হয়ত সেই পথেই রাজি হয়েছে।

প্রশ্ন হচ্ছে, জেলেনস্কিকে রাজি করাতে যুক্তরাষ্ট্র কতদূর যেতে প্রস্তুত।                          

সূত্র: বিবিসি

19 Aug 2025, 12:31 AM

সামরিক প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্য চান জেলেনস্কি

হোয়াইট হাউজে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

হোয়াইট হাউজে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প

ভলোদিমির জেলেনস্কির কাছে এক সাংবাদিক জানতে চান, যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেইন কী ধরনের নিরাপত্তা চাইছে। 

জবাবে তিনি বলেন, “সবকিছু।"

জেলেনস্কি বলেন, ইউক্রেইনের সেনাবাহিনীকে শক্তিশালী করতে প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্য আদান-প্রদানের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

সূত্র: বিবিসি

19 Aug 2025, 12:05 AM

বৈঠকের পরেই পুতিনকে ফোন করবেন ট্রাম্প

ছবি: হোয়াইট হাউজ

গত শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় কোনো বিষয়ে বিচলিত হয়েছিলেন কিনা, সোমবার ওভাল অফিসে ট্রাম্পকে এমন প্রশ্ন করেন এক সাংবাদিক। 

জবাবে ট্রাম্প বলেন, একটু আগেই ‘পরোক্ষভাবে’ পুতিনের সঙ্গে তার কথা হয়েছে এবং জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষ করেই তিনি রুশ প্রেসিডেন্টকে ফোন করবেন। 

রাশিয়া, ইউক্রেইন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা জানতে চাইলে ট্রাম্প বলেন, বৈঠক না হলে যুদ্ধ অব্যাহত থাকবে। আর বৈঠক হলে যুদ্ধ শেষ হওযার জোরালো সম্ভাবনা রয়েছে। 

সূত্র: বিবিসি

18 Aug 2025, 11:49 PM

যুদ্ধবিরতি জরুরি ভাবছেন না ট্রাম্প

যুদ্ধবিরতির চুক্তি না হলে ভয়াবহ কোনো পরিণতি ঘটতে পারে কিনা, এক সাংবাদিক এমন প্রশ্ন করে বসেন মার্কিন প্রেসিডেন্টকে। 

জবাবে ট্রাম্প বলেন, “আমি মনে করি না যুদ্ধবিরতির চুক্তি প্রয়োজন আছে। তবে এটা হলে ভালো।”

সূত্র: বিবিসি

18 Aug 2025, 11:30 PM

বিশ্বাসঘাতকতার ভয়ে ইউক্রেইন

শুক্রবার পুতিনের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পর ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করেন ট্রাম্প। ফোনালাপে তিনি শান্তিচুক্তির বিনিময়ে রুশ প্রেসিডেন্টের যেসব দাবির কথা জেলেনস্কিকে স্মরণ করিয়ে দেন, তার মধ্যে কিছু অঞ্চল রাশিয়ার হাতে তুলে দেওয়ার প্রস্তাবও ছিল। 

জেলেনস্কি যদি এই দাবি মেনে নেন, তাহলে তার নিজ দেশেই তিনি তীব্র বিরোধিতার মুখে পড়তে পারেন। 

একাধিক জরিপ বলছে, ইউক্রেইনের বেশির ভাগ মানুষ তাদের কোনো অঞ্চল, বিশেষ করে এখনো নিজেদের হাতে থাকা অঞ্চলগুলো রাশিয়ার হাতে ছাড়তে রাজি নন।

কিন্তু জেলেনস্কি যদি ট্রাম্পের সামনে পুতিনের প্রস্তাব নাকচ করে দেন, তাহলে মার্কিন প্রেসিডেন্ট আবারও ইউক্রেইনের সামরিক সহায়তা বন্ধ করে দিতে পারেন। 

আজকের বৈঠক নিয়ে অনেকের ভয়, হোয়াইট হাউসে ১৯৩৮ সালের মতো ‘মিউনিখ বিশ্বাসঘাতকতার’ পুনরাবৃত্তি ঘটে কিনা, যেখানে শান্তি রক্ষার নামে হিটলারের হাতে চেকোস্লোভাকিয়ার সুডেটল্যান্ড তুলে দেওয়া হয়েছিল। 

সূত্র: বিবিসি

18 Aug 2025, 11:11 PM

ইউক্রেইনের প্রতিনিধি দলে যারা আছেন

হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে ইউক্রেইন প্রতিনিধি দলে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গী হয়েছেন চিফ অব স্টাফ আন্দ্রি ইয়েরমাক, উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই কিসলিৎসিয়া, দেশটির জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদের প্রধান রুসটেম উমারভ, প্রেসিডেন্ট দপ্তরের উপ প্রধান ও সাবেক সামরিক কমান্ডার পাভলো পালিসা এবং প্রেসিডেন্ট দপ্তরের আরেক উপ প্রধান আইর ব্রুসিলো।

সূত্র: রয়টার্স।

18 Aug 2025, 10:46 PM

পুতিন কূটনৈতিক প্রচেষ্টাকে হেয় করতে চান: জেলেনস্কি

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করতে ওয়াশিংটনে পৌঁছেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার এই বৈঠকের আগের মুহূর্তেও ইউক্রেইনজুড়ে চলছে রাশিয়ার হামলা।

জেলেনস্কি রাশিয়ার এই হামলার নিন্দা জানিয়েছেন। বৈঠকে বসতে চলার আগে দিয়ে তিনি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভখ্লাদিমির পুতিন কূটনৈতিক প্রচেষ্টা হেয় করতে চান।

ইউক্রেইনজুড়ে রাশিয়ার নিষ্ঠুর হামলায় ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। তিনি রাতে খারকিভেও রাশিয়ার হামলার নিন্দা জানান।

সূত্র: বিবিসি

18 Aug 2025, 10:43 PM

ওয়াশিংটন বৈঠক হতে পারে ‘আলাস্কার চেয়েও গুরুত্বপূর্ণ’

Image

হোয়াইট হাউজে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের যে বৈঠক হতে যাচ্ছে তা ইউক্রেইনের ভবিষ্যৎ নির্ধারণ ও সমগ্র ইউরোপের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এমনকি এই বৈঠকের গুরুত্ব শুক্রবার আলাস্কায় ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে যে বৈঠক হয়েছে তাকেও ছাপিয়ে যেতে পারে, বলছেন বিবিসির নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি ফ্র্যাঙ্ক গার্ডনার।

সূত্র: বিবিসি

18 Aug 2025, 10:23 PM

জেলেনস্কি ও ইউরোপের নেতাদের সঙ্গে বসছেন ট্রাম্প

Image

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় হোয়াইট হাউজে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। 

ইউরোপীয় নেতাদের মধ্যে রয়েছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মানির ফ্রিডরিশ মের্ৎস এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনও।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় সামরিক ঘাঁটিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক করেন ট্রাম্প। এরপর জেলেনস্কিকে সোমবার হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান তিনি।

সূত্র: বিবিসি।

18 Aug 2025, 10:22 PM

লাইভ শুরু

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এবার ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে স্থানীয় সময় সোমবার দুপুর ১টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) শুরু হবে এ বৈঠক। ইউরোপের কয়েকজন শীর্ষ নেতাও সেখানে থাকবেন। বৈঠকের হালনাগাদ তথ্য জানতে বিডিনিউজ টোয়েন্টিফোরের লাইভ ব্লগে স্বাগত। সঙ্গে আছি আসাদুর রহমান ও তনুশ্রী বিশ্বাস।