২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

‘দিদি’কে ডুবিয়ে পশ্চিমবঙ্গের দখল নিল মোদীর বিজেপি

  • ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি।
  • ২৯৪ আসনের বিধানসভায় গত ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হয়। তাতে রেকর্ড ৯৩ শতাংশ ভোট পড়ে।
  • দক্ষিণ ২৪ পরগনার ফলতায় এক কেন্দ্রের ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন। ওই কেন্দ্রে ফের ভোট হবে ২১ মে। ফলে সোমবার প্রকাশ করা হচ্ছে ২৯৩ আসনের ফল।
  • সরকার গঠন করার জন্য প্রয়োজন ছিল ১৪৭টি আসন। বিজেপি সব মিলিয়ে ২০৮টি আসনে জয় পেয়েছে। 
  • টানা তিন মেয়াদ পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের দুর্গ পতন ঘটেছে এ নির্বাচনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আসনেও হেরেছেন। 
     

05 May 2026, 12:55 AM

লাইভ ব্লগের সমাপ্তি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা নিয়ে আমাদের আয়োজনের এখানেই সমাপ্তি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
 

05 May 2026, 12:55 AM

চূড়ান্ত ফল

  • বিজেপি ২০৭
  • তৃণমূল কংগ্রেস ৮০
  • কংগ্রেস ২
  • আম জনতা উন্নয়ন পার্টি ২
  • সিপিআইএম ১
  • অল ইনডিয়া সেকুলার ফ্রন্ট ১

04 May 2026, 09:30 PM

পশ্চিমবঙ্গে নীল ধুয়ে গেরুয়ার জয়

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৩ আসনের মধ্যে ১৪৭টি আসন জিতে নিয়ে প্রথমবারের মত এ রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি।   

এর মধ্য দিয়ে বাংলাদেশের লাগোয়া এই রাজ্যে মমত বন্দ্যোপাধ্যায়ের দেড় দশকের শাসনের অবসান ঘটতে যাচ্ছে। তার দল তৃণমূল কংগ্রেস শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৫টি আসনে জয় পেয়েছে। 

২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হয়। তাতে রেকর্ড ৯৩ শতাংশ ভোট পড়ে, যা পুরো ভারতেই নজিরবিহীন।

অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। ওই কেন্দ্রে ফের ভোট হবে ২১ মে। ফলে সোমবার প্রকাশ করা হবে ২৯৩ আসনের ফল।

অধিকাংশ বুথফেরত জরিপে এবার বিজেপির জয়ের আভাসই দেওয়া হচ্ছিল। সোমবার সকাল ৮টায় ভোট গণনা শুরুর পর থেকেই সে আভাস ফলতে শুরু করে। 

শেষ পর্যন্ত রাত ৯টার আগে আগে ২০৭টি আসনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। আর ওই সময়ই ১৪৭ আসনের ম্যাজিক নম্বর স্পর্শ করে বিজেপি, নিশ্চিত হয়ে যায়, আগামী পাঁচ বছর কারা শাসন করবে পশ্চিমবঙ্গ।

অবশ্য আরো বড় জয়ের দিকেই যাচ্ছে বিজেপি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে ২০৮টি আসনে এগিয়ে আছে দলটি। আর তৃণমূল এগিয়ে আছে ৬৯ আসনে। 

একে একে ভারতের বিভিন্ন রাজ্যের দখল পেলেও পশ্চিমবঙ্গে পেরে উঠছিল না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। এবার তারা মমতার রাজ্যেরও পতন ঘটাল। 

04 May 2026, 09:09 PM

ভবানীপুরে এগিয়ে গেলেন শুভেন্দু, গণনাকেন্দ্র থেকে বেরিয়ে গেলেন মমতা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে তৃণমূল নেত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছনে ফেলে এগিয়ে গেছেন রাজ্যের বিরোধী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। 

দক্ষিণ কলকতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে এ আসনের ভোট গণনা চলছে। স্থানীয় সময় রাত পৌনে ৮টা পর্যন্ত গণনায় শুভেন্দু ২৯৫৬ ভোটে এগিয়ে ছিলেন মমতার চেয়ে।

এই আসনের ভোট গণনায় সারাদিন দুই নেতার হাড্ডাহাড্ডি লড়াই চলে। সকালের ভাগে মমতা এগিয়ে থাকলেও দুপুরের পর শুভেন্দু ব্যবধান কমাতে থাকেন।

বিকালে কেন্দ্র ঘিরে তৃণমূল ও বিজেপিকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগও তোলে। ওই উত্তেজনার মধ্যে গণনাকেন্দ্রে হাজির হন মমতা ও শুভেন্দু। নির্বাচন কমিশন নিয়ম অনুযায়ী দুই প্রার্থীরই মোবাইল ফোন বাজেয়াপ্ত করে।

সন্ধ্যার পর এক পর্যায়ের খবর আসে, মমতার চেয়ে এগিয়ে গেছেন শুভেন্দু। এর পরপরই গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যান পশ্চিমবঙ্গের দেড় দশকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবারের নির্বাচনে ভবানীপুর ছাড়াও নন্দীগ্রাম আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শুভেন্দু অধিকারী। সেখানে তৃণমূলের প্রার্থীকে ১০ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। 

২০২১ সালের বিধানসভা নির্বাচনে ওই নন্দীগ্রামেই মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই হয়েছিল। তাতে জিতেছিলেন শুভেন্দু। মমতা হেরেছিলেন ১,৯৫৬ ভোটে।

এবার মমতা কেবল ভবানীপুর থেকেই নির্বাচন করছেন। ফলে হেরে গেলে তার আর বিধানসভায় যাওয়া হবে না।
 

04 May 2026, 08:38 PM

সিপিআইএম এর বিবৃতি

04 May 2026, 07:45 PM

পশ্চিমবঙ্গের প্রত্যেক নাগরিকের প্রতি আমার প্রণাম: মোদী

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল বিজয়ের সম্ভাবনায় সোশাল মিডিয়ায় বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

এক এক্স পোস্টে তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে! ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তিএবং বিজেপির সুশাসনের রাজনীতির জয় হয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেক নাগরিকের প্রতি আমার প্রণাম রইল। 

“জনগণ বিজেপিকে এক অভূতপূর্ব রায় দিয়েছে এবং আমি তাদের প্রতিশ্রুতি দিচ্ছি, পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সবকিছু আমাদের দল করবে। আমরা এমন একটি সরকার দেব, যা সমাজের সকল স্তরের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করবে।”

04 May 2026, 05:18 PM

২০৪ আসনে এগিয়ে বিজেপি

ছবি: পিটিআই/হিন্দু

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ৯ ঘণ্টার ফল গণনায় দুই তৃতীয়াংশ আসনে এগিয়ে আছে কেন্দ্র সরকারের ক্ষমতায় থাকা বিজেপি। 

ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ৩৪টি আসনে জয়ী হয়েছে এবং ১৭০টি আসনে এগিয়ে আছে। 

আর গত তিন মেয়াদে রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস ১৩টি আসনে জয় পেয়েছে এবং ৭০টি আসনে এগিয়ে আছে। 

এ রাজ্যের ২৯৪ আসনের মধ্যে একটি আসনের ভোট স্থগিত হওয়ায় সোমবার ২৯৩ আসনের ফল জানা যাবে। সরকার গঠন করতে হলে একটি দলকে কমপক্ষে ১৪৭টি আসন পেতে হবে।

রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, "বাংলার সমস্ত হিন্দুরা আজ একজোট হয়েছেন। তারা নরেন্দ্র মোদীর উন্নয়নের পাশে দাঁড়িয়েছেন। বিজেপি নিশ্চিতভাবেই বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে।" 
 

04 May 2026, 04:04 PM

দুই আসনের চূড়ান্ত ফল ঘোষণা

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ২৯৩ আসনের মধ্যে দুটি আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 
আনন্দবাজার জানিয়েছে, মন্তেশ্বর আসনে ১৪ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সৈকত পাঁজা।
আর ভগবানগোলায় ৫৬ হাজারের বেশি ভোট পেয়ে জিতেছেন তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকার।
ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতের কেন্দ্রীয় সরকারে থাকা বিজেপি আরো ১৯৪টি এবং গত তিন মেয়াদে রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস ৯১টি আসনে এগিয়ে আছে। 
 

04 May 2026, 03:35 PM

পশ্চিমবঙ্গে দুপুর দেড়টা পর্যন্ত ৩০% ভোট গণনা

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দুপুর দেড়টা পর্যন্ত মাত্র ৩০ দশমিক ০৩ শতাংশ ভোট গণনার তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। 
ভোট গণনায় ধীরগতি নিয়ে অভিযোগ করেছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস।
দলটির নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “প্রথম দুই-তিন রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় দুই-তিন রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় ১০০টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এবং কল্যাণীতে ধরা পড়েছে সাতটা মেশিন, যেখানে কোনো মিল নেই।” 
দুপুর ২টা ৫৫ মিনিট পর্যন্ত পাওয়া খবরে কেন্দ্র সরকারে থাকা বিজেপি ১৯২টি আসনে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৯৬টি আসনে এগিয়ে ছিল।
 

04 May 2026, 03:23 PM

বিজেপি কার্যালয়ে ঝালমুড়ি বিতরণ

ছবি: বিবিসি বাংলা

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে থাকা বিজেপি কার্যালয়ে চলছে উৎসবের আমেজ। 

বিবিসি বাংলা জানিয়েছে, কলকাতায় বিজেপি অফিসে একদিকে যেমন মিষ্টি বিতরণ হচ্ছে, তেমনি ঝালমুড়িতে মেতেছেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা।

পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী ননেদ্র মোদী। নিজেই সামাজিক মাধ্যমে তার ছবি পোস্ট করেছিলেন। তার সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়। সোমবার সেই ঝালমুড়িই বিতরণ করা হচ্ছে বিজেপি কার্যালয়ে।
 

04 May 2026, 03:14 PM

পশ্চিমবঙ্গে বিজয় মিছিলে মানা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার মধ্যে রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজয় মিছিলে কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন। 
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়ে দিয়েছেন, ভোট গণনার সময় রাজ্যের কোথাও কোনো বিজয় মিছিল বা রাজনৈতিক জমায়েতের অনুমতি দেওয়া হবে না। 
হিন্দুস্থান টাইমস জানিয়েছে, জেলা প্রশাসকদেরও প্রতি কড়া নির্দেশ দিয়েছেন আগরওয়াল; বলেছেন, কোথাও যেন বিজয় মিছিলের অনুমতি দেওয়া না হয়। তবে মঙ্গলবার নির্ধারিত নিয়ম মেনে এবং সংশ্লিষ্ট থানা থেকে যথাযথ অনুমতি নিয়ে মিছিল করা যাবে।
সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে এই নির্বাচনি কর্মকর্তা বরেন, “রাজ্যের ইতিহাসে এই প্রথমবার নির্বাচনের সময় এবং আজ গণনার দিন কোনো বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি।" 
 

04 May 2026, 03:09 PM

কোচবিহার ও ব্যারাকপুরে সংঘর্ষ

ভোট গণনার মধ্যে কোচবিহারের দিনহাটায় বিজেপি ও তৃণমূলকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে কেন্দ্রীয় পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে খবর দিয়েছে হিন্দুস্থান টাইমস।

ব্যারাকপুরেও রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ গণনা কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে নিরাপত্তা কর্মীরা উপস্থিত রয়েছেন।

04 May 2026, 02:49 PM

পশ্চিমবঙ্গে ১৯৫ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল ৯২

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পাঁচ ঘণ্টার ফল গণনায় দুই তৃতীয়াংশ আসনে এগিয়ে আছে কেন্দ্র সরকারের ক্ষমতায় থাকা বিজেপি। 

ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ১৯৫টি এবং গত তিন মেয়াদে রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস ৯২টি আসনে এগিয়ে আছে। এখনো কোনো আসনের চূড়ান্ত ফল ঘোষণা হয়নি। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলোও অধিকাংশ আসনে বিজেপির এগিয়ে থাকার তথ্য দিচ্ছে।   

আনন্দবাজার বলছে, এখন পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে ১৯২ আসনে এবং তৃণমূল ৯৫ আসনে এগিয়ে আছে। 

হিন্দুস্থান টাইমস ১৯৮ আসনে বিজেপির এবং ৭৮ আসনে তৃণমূলের এগিয়ে থাকার খবর দিচ্ছে। 

এনডিটিভি যে হিসাব দিয়েছে, তাতে বিজেপি ১৯৫ এবং তৃণমূল ৯২ আসনে এগিয়ে রয়েছে। 

এ রাজ্যের ২৯৪ আসনের মধ্যে একটি আসনের ভোট স্থগিত হওয়ায় সোমবার ২৯৩ আসনের ফল জানা যাবে। সরকার গঠন করতে হলে একটি দলকে কমপক্ষে ১৪৭টি আসন পেতে হবে।

04 May 2026, 02:40 PM

আসাম থাকছে এনডিএ-র ব্যাগেই, পুদুচেরিতে তুমুল লড়াই

ছবি: হিন্দু

আসামে হ্যাটট্রিক করার পথে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। দুপুর পর্যন্ত গণনার ফলে তারা ৯৭টি আসনে এগিয়ে রয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। 
১২৬ আসনের বিধানসভায় এ রাজ্যে কংগ্রেস ও তার মিত্ররা এগিয়ে মাত্র ২৭টি আসনে। বাংলাদেশলাগোয়া এ রাজ্যটিতে এবারও এনডিএ জিতবে বলে আগে থেকেই অনুমান করা হচ্ছিল। সেক্ষেত্রে হিমন্ত বিশ্ব শর্মাকে ফের মুখ্যমন্ত্রী পদেই দেখা যাবে বলে অনেকের ধারণা।
পুদুচেরিতে এনডিএ এগিয়ে থাকলেও ইনডিয়া জোট জোর লড়াই চালাচ্ছে। দুপুর পর্যন্ত কেন্দ্রশাসিত এ অঞ্চলের ৩০টি আসনের মধ্যে ১৫টিতে অল ইন্ডিয়া এনআর কংগ্রেস (এআইএনআরসি) নেতৃত্বাধীন এনডিএর প্রার্থীদের ১৫টি আসনে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। রাহুল গান্ধীর দল কংগ্রেস ও তার ইনডিয়া জোট শরিকরা এগিয়ে ১১টি আসনে। 
টানা দুইবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা এআইএনআরসির এন রঙ্গস্বামী তার নিজের আসনেই পিছিয়ে রয়েছেন। 
আগের দুইবারের বিধানসভা ভোটেও এ অঞ্চলটি এনডিএ শিবিরকেই জিতিয়েছিল।
 

04 May 2026, 02:01 PM

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার অফিসের বাইরে বিজেপিকর্মীদের স্লোগান

04 May 2026, 01:59 PM

কেরালায় কংগ্রেসের পুনরুত্থান, বামেদের হ্যাটট্রিক ‘হচ্ছে না’

ছবি: হিন্দু

ভারতের দক্ষিণের আরেক রাজ্য কেরালায় এখন পর্যন্ত গণনাকৃত ভোটে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের পুনরুত্থানের আভাস মিলেছে। রাজ্যটিতে টানা ১০ বছর ক্ষমতায় থাকা বামেরা ডুবছে। 

স্থানীয় সময় বেলা সাড়ে ১২টা পর্যন্ত যে ভোট গণনা হয়েছে তাতে ১৪০ আসনের মধ্যে কংগ্রেস ও তার মিত্রদের জোট ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউডিএফ) প্রার্থীদের ৮৫টিতে এগিয়ে থাকার তথ্য এসেছে, যেখানে সরকার গঠন করতে লাগে ৭১টি আসন। 

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সিস্ট)-সিপিআইএম নেতৃত্বাধীন বামদের জোট লেফট ডেমোক্রেটিক ফ্রন্টের (এলডিএফ) প্রার্থীরা এগিয়ে মাত্র ৩৯টি আসনে। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি ও তার মিত্ররাও ৩টি আসনে এগিয়ে রয়েছে।

কংগ্রেস জোটে থাকা ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) এবারের ভোটে অভাবনীয় চমক দেখিয়েছে। যে ২৭টি আসনে দাঁড়িয়েছে, তার ২৩টিতেই তাদের প্রার্থীদের এগিয়ে থাকতে দেখা যাচ্ছে।  

দুপুর পর্যন্ত গণনায় এগিয়ে থাকার খবরে ইউডিএফ শিবিরে দেখা যাচ্ছে ব্যাপক উচ্ছ্বাস। “এটা হবে এ রাজ্যের লোকজনের বড় বিজয়,” এক্সে দেওয়া পোস্টে এমনটাই বলেছেন কংগ্রেসের এমপি শফি পরমবিল।

এর আগে ২০১৬ ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এলডিএফ ব্যাপক ব্যবধানে জয়ী হয়ে ক্ষমতায় বসেছিল। ২০১১ সালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ের হাসি হেসেছিল ইউডিএফ।

04 May 2026, 01:34 PM

মমতার জরুরি বার্তা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বড় হারের আভাসের মধ্যেই ফেইসবুকের জরুরি ভিডিও বার্তায় হাজির হয়েছেন দলটির নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

নেতাকর্মীদের আশ্বস্ত করে তিনি বলেছেন, প্রাথমিক গণনায় বিজেপিকে এগিয়ে থাকতে দেখা গেলেও সেটা আসলে কেন্দ্রীয় সরকারের ‘চাল’। শেষ পর্যন্ত তৃণমূলই জিতবে বলে তিনি আত্মবিশ্বাসী। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো বক্তব্য– 

“সবাইকে নমস্কার জানিয়ে বলছি, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্ট, কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী, ক্যান্ডিডেটরা, তারা কাউন্টিং এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে, মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান।

“প্রথম দুই-তিন রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় দুই-তিন রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় ১০০টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এবং কল্যাণীতে ধরা পড়েছে সাতটা মেশিন, যেখানে কোনো মিল নেই। 

“এটা টোটাল ফোর্সফুলি সেন্ট্রাল ফোর্সেসকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের ওপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর-এর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে, যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন ৭০টা সিট আছে, ১০০টা সিট আছে, যেগুলো আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না।

“টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেইঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটা ইলেকশন কমিশন নিজের ইচ্ছেমতো খেলছে এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে।

“সুতরাং আমি সব আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলব—অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন রাউন্ড, চার রাউন্ড কাউন্ট হলেও এটা ১৪ রাউন্ড থেকে ১৮ রাউন্ড কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন। 

“ওয়েট অ্যান্ড সি। ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।"

 



 

04 May 2026, 01:12 PM

তামিল নাড়ুতে প্রথমবারেই বাজিমাত থালাপতি বিজয়ের

দল গড়ার পর প্রথমবার ভোটে দাঁড়িয়েই দুই আঞ্চলিক পরাশক্তিকে হটিয়ে বিজয়কেতন ওড়াতে চলেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি চলচ্চিত্রজগতে বিজয় থালাপতি নামেই বেশি পরিচিত। 

তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) তামিল নাড়ু বিধানসভার ২৩৪ আসনের মধ্যে ১০৪টিতে এগিয়ে আছে বলে এনডিটিভির সর্বশেষ টালিতে দেখা যাচ্ছে।

ক্ষমতাসীন দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে) ও তার মিত্ররা এগিয়ে মাত্র ৫৮টি আসনে। এই রাজ্যে ডিএমকের সঙ্গে জোট বেঁধেছিল কংগ্রেস ও দেশিয়া মুরপোক্কু দ্রাবিড়া কাজাগাম (ডিএমডিকে)। 

তাদের দীর্ঘদিনের প্রতিপক্ষ, তামিল নাড়ুর অন্যতম প্রভাবশালী দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (এআইএডিএমকে) নেতৃত্বাধীন জোট এগিয়ে ৭১টি আসনে।

২০২১ সালের নির্বাচনে এ রাজ্যে ডিএমকে ও তার মিত্ররা পেয়েছিল ১৫৯টি আসন। এআইএডিএমকে জিতেছিল ৭৫টি।

বিজয়ের টিভিকের যাত্রা শুরু হয় ২০২৪ সালে। দুই বছরের মধ্যেই তারা ডিএমকে ও এআইএডিএমকেকে হটিয়ে বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। 

এ রাজ্যে এককভাবে সরকার গড়তে কোনো দল বা জোটের ১১৮টি আসন লাগবে।

04 May 2026, 12:36 PM

বিজেপি শিবিরে সুবাতাস

ছবি: আনন্দবাজার

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিন ঘণ্টার ফল গণনায় অধিকাংশ আসনে এগিয়ে থাকা বিজেপির প্রথমবারের মত বাংলাদেশের লাগোয়া এ রাজ্যে সরকার গঠনের সম্ভাবনা দেখতে পাচ্ছে। 
ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, কেন্দ্র সরকারের ক্ষমতায় থাকা বিজেপি ১৬৮টি এবং গত তিন মেয়াদে রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস ৮২টি আসনে এগিয়ে আছে। এখনো কোনো আসনের চূড়ান্ত ফল ঘোষণা হয়নি। 
ভারতীয় সংবাদমাধ্যমগুলোও অধিকাংশ আসনে বিজেপির এগিয়ে থাকার তথ্য দিচ্ছে।   
আনন্দবাজার বলছে, এখন পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে ১৭৯ আসনে এবং তৃণমূল ১০৭ আসনে এগিয়ে আছে। 
হিন্দুস্থান টাইমস ১৬৭ আসনে বিজেপির এবং ৯৯ আসনে তৃণমূলের এগিয়ে থাকার খবর দিচ্ছে। 
এনডিটিভি যে হিসাব দিয়েছে, তাতে বিজেপি ১৯৮ এবং তৃণমূল ৯২ আসনে এগিয়ে রয়েছে। 
এ রাজ্যের ২৯৪ আসনের মধ্যে একটি আসনের ভোট স্থগিত হওয়ায় সোমবার ২৯৩ আসনের ফল জানা যাবে। সরকার গঠন করতে হলে একটি দলকে কমপক্ষে ১৪৭টি আসন পেতে হবে।
 

04 May 2026, 11:50 AM

বিজেপি শিবিরে উল্লাস

04 May 2026, 11:47 AM

ব্যবধান বাড়াচ্ছে বিজেপি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল গণনায় বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির অবস্থান শক্তিশালী হওয়ার আভাস মিলছে। গত ১৫ বছর রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ব্যবধান বাড়িয়ে চলেছে তারা।   
ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ১১৭টি এবং তৃণমূল কংগ্রেস ৭০টি আসনে এগিয়ে আছে। এখনো কোনো আসনের চূড়ান্ত ফল ঘোষণা হয়নি। 
তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো অধিকাংশ আসনে বিজেপির এগিয়ে থাকার তথ্য দিচ্ছে।   
আনন্দবাজার বলছে, এখন পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৫৭ আসনে এবং তৃণমূল ১২৫ আসনে এগিয়ে আছে। 
হিন্দুস্থান টাইমস ১৫০ আসনে বিজেপির এবং ১০৭ আসনে তৃণমূলের এগিয়ে থাকার খবর দিচ্ছে। 
এনডিটিভি যে হিসাব দিয়েছে, তাতে বিজেপি ১৮৪ এবং তৃণমূল ১০৭ আসনে এগিয়ে রয়েছে। 
বিবিসি বাংলা ১৫০ আসনে বিজেপির এবং ১২৫ আসনে তৃণমূলের এগিয়ে থাকার খবর দিচ্ছে। 

এ রাজ্যের ২৯৪ আসনের মধ্যে একটি আসনের ভোট স্থগিত হওয়ায় সোমবার ২৯৩ আসনের ফল জানা যাবে। সরকার গঠন করতে হলে একটি দলকে কমপক্ষে ১৪৭টি আসন পেতে হবে।
সে হিসেবে পশ্চিমবঙ্গে প্রথমবারের মত বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে দাবি করেছেন, বিজেপিই পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে।

04 May 2026, 11:12 AM

ভোর চারটা থেকে ভবানীপুর আসনের গণনা কেন্দ্রের সামনে সমর্থকরা

ছবি: বিবিসি বাংলা

পশ্চিমবঙ্গের যে আসনটির ফলাফলের দিকে সবার নজর, সেই ভবানীপুর আসনের ভোট গণনা চলছে কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে।
বিবিসি বাংলা জানিয়েছে, গণনা কেন্দ্রের সামনে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তৃণমূল কংগ্রেস ও বিজেপি- দুই দলেরই সমর্থকরাই সেখানে হাজির রয়েছেন।
ভোর ৪টা থেকে তারা সেখানে অবস্থান করছেন। তবে কাউকেই কাছাকাছি পৌঁছতে দেওয়া হচ্ছে না।
 

04 May 2026, 11:01 AM

অধিকাংশ আসনে বিজেপি এগিয়ে

ছবি: আনন্দবাজার

ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপি ৫৬টি এবং তৃণমূল কংগ্রেস ৩৮টি আসনে এগিয়ে আছে। এখনো কোনো আসনের চূড়ান্ত ফল ঘোষণা হয়নি। 
তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো অধিকাংশ আসনে বিজেপির এগিয়ে থাকার তথ্য দিচ্ছে।   
আনন্দবাজার বলছে, এখন পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৩০ আসনে এবং তৃণমূল ১২৫ আসনে এগিয়ে আছে। 
হিন্দুস্থান টাইমস ১৫৫ আসনে বিজেপির এবং ৬৬ আসনে তৃণমূলের এগিয়ে থাকার খবর দিচ্ছে। 
এনডিটিভি যে হিসাব দিয়েছে, তাতে বিজেপি ১৭২ এবং তৃণমূল ১১২ আসনে এগিয়ে রয়েছে। 
বিবিসি বাংলা ১৫০ আসনে বিজেপির এবং ১২৫ আসনে তৃণমূলের এগিয়ে থাকার খবর দিচ্ছে। 
 

04 May 2026, 10:54 AM

ভবানীপুরে এগিয়ে মমতা

ভবানীপুরে প্রথম রাউন্ড গণনার শেষে ১৯৯৬ ভোটে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন পর্যন্ত তিনি মমতা পেয়েছেন ৩৬৬৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিধানসভার বিরোধীদলীয় নেতা, বিজেপির শুভেন্দু অধিকারী পেয়েছেন ১৬৭০ ভোট। 
এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত কেন্দ্র ভবানীপুর, যা গতবারের ‘নন্দীগ্রাম’ হয়ে উঠেছে। ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই হয়েছিল। জিতেছিলেন শুভেন্দু। এ বার ভবানীপুরে দুজন সম্মুখসমরে। 
আনন্দবাজার লিখেছে, নন্দীগ্রামের থেকে ভবানীপুর গুণগতভাবে এগিয়ে। তার কারণ, পাঁচ বছর আগের লড়াই ছিল মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে বিজেপি নেতা শুভেন্দুর লড়াই। কিন্তু ভবানীপুরে লড়াই মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলীয় নেতার, যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এর আগে ঘটেনি। সে কারণে, সারা রাজ্যের সঙ্গে পৃথকভাবে সকলের নজর রয়েছে দক্ষিণ কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের দিকে। সেখানেই চলছে ভবানীপুরের ভোটগণনা।

04 May 2026, 10:08 AM

প্রত্যাবর্তন না পরিবর্তন?

04 May 2026, 10:08 AM

এগিয়ে বিজেপি

ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি তিনটি, তৃণমূল কংগ্রেস একটি এবং ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা-বিজিপিএম একটি আসনে এগিয়ে আছে। এখনো কোনো আসনের চূড়ান্ত ফল ঘোষণা হয়নি। 
তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো অধিকাংশ আসনে বিজেপির এগিয়ে থাকার তথ্য দিচ্ছে।   
আনন্দবাজার বলছে, এখন পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১০৫ আসনে এবং তৃণমূল ১০৩ আসনে এগিয়ে আছে। 
হিন্দুস্থান টাইমস ৪৬ আসনে বিজেপির এবং ২৪ আসনে তৃণমূলের এগিয়ে থাকার খবর দিচ্ছে। 
এনডিটিভি যে হিসাব দিয়েছে, তাতে বিজেপি ১৫৪ এবং তৃণমূল ১২১ আসনে এগিয়ে রয়েছে। 
 

04 May 2026, 09:50 AM

ভোটার তালিকা বিতর্ক

পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে ‘দিদি’ বলে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এবারের লড়াইটি মূলত নিজের দুর্গ রক্ষার। সেই ২০১১ সাল থেকে টানা তিন মেয়াদ পশ্চিমবঙ্গের ক্ষমতায় আছেন তিনি। 
এ রাজ্যের বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন। এটা ভোটার তালিকা সংশোধনের পোশাকি নাম। ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে ভোটার তালিকা সংশোধন নিয়ে এত বেশি বিতর্ক আর কখনো হয়নি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস টানা ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের ক্ষমতায়। বলা হয় সেখানে সংখ্যালঘু মুসলমান ভোটারদের বড় অংশ তৃণমূলকেই সমর্থন করেছে। তৃণমূলের অভিযোগ, ভোটাার তালিকা সংশোধনের নামে ওই ভোটারদের নির্বাচনি প্রক্রিয়ার বাইরে রাখার চেষ্টা করেছে কেন্দ্রের শাসক দল বিজেপি।
ভোটার তালিকা সংশোধনের বড় প্রভাব যে নির্বাচনে পড়েছে, তাতে কারো সন্দেহ নেই। এসআইআরের আগে পশ্চিমবঙ্গে মোট ভোটার ছিল প্রায় ৭.৬–৭.৭ কোটি। এই প্রক্রিয়ার পরে প্রায় ৮৩–৯১ লাখ নাম বাদ পড়ে। অর্থাৎ মোট ভোটারের প্রায় ১০–১২ শতাংশ কমে যায়। সংশোধনের পর ভোটার সংখ্যা নেমে আসে আনুমানিক ৬.৪–৬.৮ কোটির মধ্যে। 
আনন্দবাজার লিখেছে, এসআইআর-এর কারণে এ র মোট ভোটারের সংখ্যা অনেকটা কমে যাওয়ায় প্রত্যাশিতভাবেই ভোটদানের হার বেড়েছে। কিন্তু সরল পাটিগণিতের বাইরেও এ বার ভোটদাতার সংখ্যা ২০২১-এর তুলনায় ৩০ লাখেরও বেশি। ফলে দুয়ে মিলিয়ে ভোটদানের হার রেকর্ড গড়ে ফেলেছে। 
“সেই ভোটের অভিমুখ কোন দিকে, তৃণমূলের দিকে থাকা সংখ্যালঘু ভোটের সমর্থনে ফাটল ধরেছে কি না, হিন্দু ভোট ঐক্যবদ্ধ ভাবে বিজেপির দিকে গিয়েছে কি না বা বিপুল সংখ্যক মহিলা ভোট গিয়েছে কোন দিকে, এ নিয়ে গত কয়েক দিন ধরে নানা বিশ্লেষণ চলেছে। সোমবার দুপুরের পরে স্পষ্ট হয়ে যাবে পশ্চিমবঙ্গ কেমন পরীক্ষা দিয়েছে।”
 

04 May 2026, 09:29 AM

ভোট গণনা আরো তিন রাজ্যে

পশ্চিমবঙ্গের মত ভারতের অন্য তিন রাজ্য আসাম, কেরালা, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে সোমবার। এসব রাজ্যেও সকাল থেকে ভোট গণনা শুরু হয়েছে। 
এসব রাজ্যে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।
 

04 May 2026, 09:28 AM

রেকর্ড ভোট, জিতবে কে?

পশ্চিমবঙ্গে এবার দুই দফায় ভোট পড়েছে ৯০ শতাংশের কাছাকাছি। আশাতীত ভোটার উপস্থিতি এবার সবাইকে বিস্মিত করেছে। 
সোমবার ভোটগণনার পরপরই নিশ্চিত হওয়া যাবে এবারের নির্বাচনে টানা তিনবার ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে, নাকি বিরোধী দল বিজেপির হাতে যাবে পশ্চিমবঙ্গের ক্ষমতা।
২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। ২০২১ সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল তৃণমূল কংগ্রেস; তারা পেয়েছিল ২১৫টি আসন। ৭৭টি আসন পেয়ে প্রথমবারের মতো বিজেপি বসেছিল বিরোধী দলের আসনে। কংগ্রেস ও বামদের নির্বাচনি ফলাফল ছিল শোচনীয়।
এবারের পশ্চিমবঙ্গে বিজেপি তার সর্বশক্তি প্রয়োগ করেছে ভালো ফলাফল পাওয়ার চেষ্টায়। ভারতের কেন্দ্রে এবং অনেক রাজ্যেই বিজেপি সরকার গঠন করেছে, ফলে পশ্চিমবঙ্গে সরকার গড়তে বিজেপি মরিয়া। 
তাই এবার তাদের লক্ষ্য ছিল নির্বাচনে ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন ব্যবস্থাকে তৃণমূলের প্রভাব থেকে বের করে আনা। নির্বাচন কমিশনও সেভাবেই কাজ করেছে।
গত ২৩ এপ্রিল রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। তার পরে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয় দক্ষিণবঙ্গের সাত জেলার ১৪২টি আসনে।

প্রথম দফায় যে ভোটগ্রহণ হয়েছিল, তার বেশির ভাগ জেলা বিজেপির ‘শক্ত ঘাঁটি’ বলে পরিচিত। আবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয়েছিল তৃণমূলের ‘দুর্গ’ বলে পরিচিত দক্ষিণবঙ্গে।
ফলাফল নিয়ে দুই শিবিরই ‘আত্মবিশ্বাসী’। দ্বিতীয় দফার ভোট শেষে বিভিন্ন জরিপ সংস্থা যে বুথফেরত সমীক্ষা প্রকাশ করেছিল, তার বেশির ভাগেই ইঙ্গিত মিলেছিল রাজ্যে ‘পরিবর্তন’ হতে চলেছে। ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। অবশ্য তৃণমূল পাল্টা দাবি করেছে, ২০২১ এবং ২০২৪ সালের ভোটেও বুথফেরত সমীক্ষা মেলেনি। এ বারও মিলবে না।

04 May 2026, 09:16 AM

ভোট গণনা কীভাবে

২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হয়। অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। ওই কেন্দ্রে ফের ভোট হবে ২১ মে। গণনা হবে ২৪ মে। 
সোমবার রাজ্যের মোট ৭৭টি গণনাকেন্দ্রের ৪৫৮টি হলে সোমবার ভোটগণনা চলছে। প্রথমে পোস্টাল ব্যালট গোনা শুরু হয়। এরপর শুরু হয় ইভিএমের ভোট গণনা।
এর মধ্যে সবচেয়ে বেশি রাউন্ডের গণনা হবে চুঁচুড়ায়। সেখানে ২৭ রাউন্ড ইভিএম গণনা হবে। সবচেয়ে কম রাউন্ড গণনা রয়েছে মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম এবং বীজপুরে। এই তিন আসনেই ১০ রাউন্ড করে গণনা হবে। 
 

04 May 2026, 09:07 AM

লাইভ ব্লগে স্বাগতম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে টান টান উত্তেজনার অবসান ঘটতে চলেছে সোমবার। ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষে শুরু হয়েছে গণনা। এই ফলাফলই নির্ধারণ করে দেবে, আগামী পাঁচ বছর কারা শাসন করবে পশ্চিমবঙ্গ। ভোটের ফলাফল প্রকাশের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আফসার বিপুল, মীর মোশাররফ হোসেন জাহিদুল কবির