২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

এমবাপে-রদ্রিগোর গোলে রেয়ালের স্বস্তির জয়

15 Dec 2025, 04:00 AM

আলাভেস ১-২ রেয়াল মাদ্রিদ

প্রবল চাপের মুখে পারফরম্যান্স দিয়ে মন ভরাতে না পারলেও, কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হলো রেয়াল মাদ্রিদের। ঘরের মাঠে টানা দুই ম্যাচে হারের পর, আলাভেসের মাঠে জয়ের দেখা পেল দলটি।

তাতে আপাতত কিছুটা স্বস্তি ফিরল মাদ্রিদ শিবিরে। লা লিগার টেবিলেও চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান কমাতে পারল রেয়াল।

১৭ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রেয়াল মাদ্রিদ। তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।

পরের ম্যাচে আগামী বুধবার কোপা দে রের শেষ বত্রিশে আর সিএফ তালাভেরার মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ।

15 Dec 2025, 03:53 AM

পেনাল্টির জোরাল দাবি রেয়ালের

ডি বক্সে বল নিয়ে ছুটছিলেন ভিনিসিউস জুনিয়র। আলাভেসের একজন চ‍্যালেঞ্জ জানাতে গিয়ে লাথি মারলেন। একটু সামনে এগিয়ে পড়ে গেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

রেয়াল মাদ্রিদের খেলোয়াড় ও কোচরা পেনাল্টির জোরাল দাবি তুললেন। তাতে সাড়া দিলেন না রেফারি। ভিএআরও জানাল, শাস্তি পাওয়ার মতো ছিল না ওই চ‍্যালেঞ্জ।

এর একটু পরে ভিনিসিউসকে তুলে নেন শাবি আলোন্সো।

15 Dec 2025, 03:44 AM

দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে রেয়ালের দ্বিতীয় গোল

৭৬তম মিনিটে বাঁ দিক থেকে আক্রমণ শাণান ভিনিসিউস জুনিয়র। দ্রুত এগিয়ে ডি-বক্সে তিনি খুঁজে নেন জাতীয় দল সতীর্থ রদ্রিগোকে। নিখুঁত শটে দলকে আবার এগিয়ে নেন তিনি।

লা লিগার চলতি আসরে এটাই রদ্রিগোর প্রথম গোল। সব মিলিয়ে মৌসুমের দ্বিতীয়; গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-১ ব্যবধানে হারের ম্যাচে তার গোলে এগিয়ে গিয়েছিল রেয়াল।

15 Dec 2025, 03:41 AM

মার্তিনেসের লক্ষ্যভ্রষ্ট শট

৭৩তম মিনিটে আবার রেয়ালের রক্ষণ ভেঙে আবার ডি-বক্সে ঢুকে পড়ে আলাভেস। কিন্তু প্রতিপক্ষের শেষ পর্যন্ত ঠিকঠাক শট নিতে পারেননি তিরি, পড়ে যান প্রতিপক্ষের বাধায়।

পেনাল্টির আবেদন ওঠে আলাভেসের পক্ষ থেকে, যদিও রেফারির সাড়া মেলেনি।

15 Dec 2025, 03:38 AM

টাচলাইনে আলোন্সোর কপালে ভাঁজ

দ্বিতীয়ার্ধে নিজেরা আহমরি কিছু করতে পারেনি রেয়াল। দারুণ দুটি সুযোগও নষ্ট করেছেন এমবাপে ও ভিনিসিউস। তারপরও আলাভেস আক্রমণে তেমন কিছু করতে না পারায়, কিছুটা হয়তো নির্ভারই ছিল রুডিগার-ভালভের্দেরা।

সেটাই কি বিপদ ডেকে আনল? প্রতিপক্ষের আচমকা এক পাল্টা আক্রমণেই ঘাটতি ফুটে উঠল দলটির ভাঙাচোরা রক্ষণের। টাচলাইনে কপালে ভাঁজ পড়ল আলোন্সো। হতাশায় বসে পড়লেন তিনি।

15 Dec 2025, 03:37 AM

মাঠে নেমেই রেয়ালের জালে গোল!

বদলি নামার পর মিনিটও পার হয়নি, জালের দেখা পেয়ে গেলেন কার্লোস ভিনসেন্তে। নিজেদের অর্ধ থেকে উঁচু করে বল পাঠান আন্তোনিও ব্লানকো। ছুটে গিয়ে বুক দিয়ে বল নামিয়ে দেখেশুনে পোস্ট ঘেঁষে গতিমতয় শটে ঠিকানা খুঁজে নেন ভিনসেন্তে।

৬৮তম মিনিটের গোলে ম‍্যাচে এখন ১-১ সমতা।

শুরুতে অফসাইডের বাঁশি বাজলে থেমে যায় স্বাগতিকদের উল্লাস। কিন্তু ভিএআর পরীক্ষা করে জানায়, অনসাইডেই ছিলেন ভিনসেন্তে। উল্লসে ফেটে পড়ে পুরো গ‍্যালারি।

এই গোলে দায় সবচেয়ে বেশি আন্টোনি রুডিগারের। ভিনসেন্তেকে পাহারায় রাখেননি তিনি। পরে দৌড় শুরু করতেও অনেক সময় নেন তিনি। এতো সময় পেয়ে দেখেশুনে ঠাণ্ডা মাথায় শট নেন ভিনসেন্তে। ঝাঁপ দিয়েও জালের দেখা পাননি থিবো কোর্তোয়া।

15 Dec 2025, 03:29 AM

লড়াই মাঝমাঠে


কোনো দলই আক্রমণে সুবিধা করতে পারছে না। প্রতিপক্ষের ডি বক্সের আশেপাশে গিয়ে বল হারাচ্ছে নিয়মিত। খেলা চলছে মূলত মাঝমাঠে।

গোল হজম করার দিকে মনোযোগী রেয়াল মাদ্রিদ। লা লিগায় সবশেষ ৫ ম‍্যাচে মাত্র একটি জয় পাওয়া শাবি আলোন্সোর দল ৩ পয়েন্টের জন‍্য মরিয়া।

15 Dec 2025, 03:19 AM

আন্তোনিওর ডাবল সেভ

আক্রমণ-প্রতি আক্রমণ দিয়ে দ্বিতীয়ার্ধের শুরুতে আরও জমে উঠল লড়াই। এই অর্ধের প্রথম ভালো সুযোগ পেল রেয়াল।

৫১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে শট নিয়ে লক্ষ্যে রাখতে পারলেন না ফেদে ভালভের্দে।

এর দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ হতে পারতো। কিন্তু প্রতি আক্রমণে ডি-বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানেও ব্যর্থ হলেন এমবাপে; তার শট ঠেকাতে বেগ পেতে হলো না আন্তোনিও সিভেরার। ফিরতি বল পেয়ে জোরাল শট নিলেন ভিনিসিউস, সেটাও ঝাঁপিয়ে আটকে দিলেন এই স্প্যানিশ গোলরক্ষক।

15 Dec 2025, 03:06 AM

আলাভেসে হোঁচট খেলেই 'চাকরি হারাবেন' শাবি

শাবি আলোন্সোর সমালোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। ঘরের মাঠে টানা দুই ম্যাচ হারের পর সেটা আরও বেড়েছে বহুগুনে।

মুন্দো দেপোর্তিভোর রোববারের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আলাভেসের বিপক্ষে রেয়াল মাদ্রিদ জিততে ব্যর্থ হলেই, কয়েক ঘণ্টার মধ্যেই আলোন্সোর ছাঁটাইয়ে ঘোষণা আসতে পারে।

প্রথমার্ধের ফলে তাই কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারেন আলোন্সো। তবে, ন্যুনতম ব্যবধান কখনোই নিশ্চয়তা দেয় না।

15 Dec 2025, 03:06 AM

প্রথমার্ধ যেন রেয়ালের মৌসুমের প্রতিচ্ছবি

একটা সময়ে ৭৫ শতাংশ সময় বল দখলে রেখে আক্রমণ করছিল রেয়াল মাদ্রিদ। বিরতির আগের সেটা কমতে কমতে নেমে আসে প্রায় ৪৮ শতাংশে।

আলাভেসের মাঠে প্রথমার্ধে শাবি আলোন্সোর দল যে ফুটবল খেলল, সেটা যেন তাদের এই মৌসুমের প্রতিচ্ছবি।

গোলের পর গোল করে দলকে টানছেন কিলিয়ান এমবাপে। নিজের ১৭তম গোলে তিনিই বিরতিতে এগিয়ে রেখেছেন দলকে।

একের পর এক সেভে দলকে আরও ভরাডুবির হাত থেকে বাঁচাচ্ছেন থিবো কোর্তোয়া। বিরতির একটু আগে তিনিই রেয়ালকে বাচিয়েছেন গোল হজম থেকে।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ধার বাড়ছে আলাভেসের খেলায়। হাতছানি দিচ্ছে দ্বিতীয়ার্ধে জমজমাট লড়াইয়ের।

15 Dec 2025, 02:58 AM

বল দখলে এগিয়ে আলাভেস

ম‍্যাচের শুরুর দিকে বল দখলে বেশ এগিয়ে ছিল রেয়াল মাদ্রিদ। কিন্তু বিরতিতে যাওয়ার সময় তাদের ছাড়িয়ে গেল দেপোর্তিভো আলাভেস।

প্রায় ৫২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য দুটি শট নেয় আলাভেস, একটি ছিল লক্ষ‍্যে। অন‍্য দিকে রেয়ালেরও পাঁচ শটের একটি রাখে লক্ষ‍্যে, যেটি যায় জালে।

১০টি ফাউল করেছে রেয়াল, তিনটি আলাভেস। তবে ম‍্যাচের একমাত্র কার্ডটি দেখে স্বাগতিকরাই।

চারটি কর্নার পেয়ে কোনোটিই কাজে লাগে পারেনি আলাভেস। দুটি কর্নার পায় রেয়াল।

15 Dec 2025, 02:58 AM

এগিয়ে থেকে বিরতিতে গেল রেয়াল

কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল রেয়াল মাদ্রিদ। প্রথমার্ধের অন্তিম সময়ে থিবো কোর্তোয়ার বাধায় সমতা ফেরাতে পারল না আলাভেস।

কর্নারের পর পোস্টের খুব কাছে বল পেয়ে যান পাবলো ইবানেস। বল বাড়তি লাফালেও পা ছুঁয়ে দেন তিনি। শরীর যতটা সম্ভব বড় করে এগিয়ে যান বেলজিয়ান গোলরক্ষক। বল লাগে তার মুখে! নষ্ট হয় আলাভেসের দারুণ সুযোগ।

এর আগে একের পর এক ফাউলে বারবার বন্ধ হয় খেলা। তাতে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।

15 Dec 2025, 02:39 AM

হ‍্যান্ডবলে গোল পেলেন না বেলিংহ‍্যাম

সতীর্থের ক্রস ছয় গজ বক্সের বাইরে পান বেলিংহ্যাম। এতো কাছ থেকে ঠিকানা খুঁজে নিতে কোনো সমস‍্যাই হয়নি ইংলিশ মিডফিল্ডারের। কিন্তু শুরুতে বল এসে তার হাতে লাগায় মেলেনি গোল। হ‍্যান্ডবলের ইশারা দেন রেফারি।

স্কোর লাইন ২-০ করার সুযোগ হাতছাড়া হল রেয়ালের।

15 Dec 2025, 02:35 AM

এমবাপের গোলে এগিয়ে গেল রেয়াল

জুড বেলিংহ‍্যামের পাসের জন‍্য অপেক্ষা করলেন কিলিয়ান এমবাপে। ইংলিশ মিডফিল্ডার বল ছাড়তেই দৌড় শুরু করলেন তিনি। চ‍্যালেঞ্জ জানাতে আসা একজনকে এড়িয়ে ঢুকে গেলেন ভেতরে। এরপর জায়গা করে নিয়ে গতিময় শটে খুঁজে নিলেন জাল। কিছুই করার ছিল না গোলরক্ষকের।

২৪তম মিনিটে এগিয়ে গেল রেয়াল মাদ্রিদ।

আসরে এটি ফরাসি তারকার ১৭তম গোল।  

এর দুই মিনিট আগে সুযোগ পেয়েছিলেন ভিনিসিউস জুনিয়র। অক্টোবরের পর লা লিগায় জালের দেখা না পাওয়া ফরোয়ার্ডের সামনে এসেছিল চমৎকার সুযোগ। কিন্তু বাম দিক থেকে ডান দিকে যাওয়ায় হয়তো ঠিকঠাক ভারসাম‍্য রাখতে পারেননি তিনি। চ‍্যালেঞ্জের মুখে হারান বল।

15 Dec 2025, 02:16 AM

রদ্রিগোর ব‍্যর্থ চেষ্টা

ম‍্যানচেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া ম‍্যাচে জালের দেখা পাওয়া রদ্রিগো একাদশ মিনিটে বাঁকানো শট লক্ষ‍্যে রাখতে পারলেন না। ফেদে ভালভের্দের চমৎকার পাস ডি বক্সে পেয়ে আলাভেসের এক খেলোয়াড়ের দুই পায়ের ফাঁক দিয়ে শট নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে দূরের পোস্টের বেশ দূর দিয়েই যায় বল।

মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে রেয়াল মাদ্রিদ। বল দখলে এখন অনেক এগিয়ে ইউরোপের সফলতম দলটি। প্রথম ১২ মিনিটে গোলের জন‍্য তিনটি শট নিয়েছে তারা। এর একটিও অবশ‍্য লক্ষ‍্যে ছিল না।

15 Dec 2025, 02:11 AM

আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু

হাঁটুর চোটে ম‍্যানচেস্টার সিটির বিপক্ষে খেলতে না পারা কিলিয়ান এমবাপে ম‍্যাচের শুরুতেই আলাভেসের একজনের সঙ্গে সংঘর্ষে হাঁটুতেই চোট পেয়েছেন। তাকে হাঁটু চেপে ধরে কিছুক্ষণ খোঁড়াতেও দেখা গেছে।

গতিময় ফুটবলেই শুরু করেছে দুই দল। আক্রমণ আর পাল্টা আক্রমণ চলছে ম‍্যাচের শুরুতেই। রক্ষণ গুটিয়ে না গিয়ে সমানে সমান লড়াইয়ের চেষ্টা করছে আলাভেস।

অষ্টম মিনিটে এমবাপের চমৎকার শট একটুর জন‍্য লক্ষ‍্যে থাকেনি। রেয়ালের তিন মূল ফরোয়ার্ডের মধ‍্যে ছন্দে আছেন কেবল তিনিই। আগের ১২ ম‍্যাচে গোল পাননি ভিনিসিউস জুনিয়র। রদ্রিগো সবমেষ ৩৩ ম‍্যাচে করেছেন কেবল ১ গোল।

15 Dec 2025, 02:02 AM

রেয়ালের একাদশে ৩ পরিবর্তন

ম‍্যানচেস্টার সিটির বিপক্ষে চ‍্যাম্পিয়ন্স লিগের ম‍্যাচে হেরে যাওয়া দল থেকে তিনটি পরিবর্তন এনেছেন কোচ শাবি আলোন্সো।

চোট কাটিয়ে ফিরেছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। শুরুর একাদশে জায়গা ধরে রেখেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।

শুরুর একাদশে ফিরেছেন আর্দা গিলের। চোট ও নিষেধাজ্ঞায় বেশিরভাগ ডিফেন্ডারের অনুপস্থিতিতে রেয়ালের হয়ে অভিষেক হচ্ছে ভাল্দেপেনাসের।

বাদ পড়েছেন গন্সালো গার্সিয়া, দানি সেবাইয়োস। নিষেধাজ্ঞার জন‍্য নেই ডিফেন্ডার আলভারো কারেরাস।

রেয়াল মাদ্রিদ একাদশ: থিবো কোর্তোয়া, আন্টোনিও রুডিগার, রাউল আসেন্সিও, ভাল্দেপেনাস, ফেদেরিকো ভালভের্দে, অঁহেলিয়া চুয়ামেনি, জুড বেলিংহ্যাম, আর্দা গিলের, কিলিয়ান এমবাপে, ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো

15 Dec 2025, 01:54 AM

প্রবল চাপে রেয়াল ও কোচ আলোন্সো

হুট করে যেন দিক ভুলে গেছে রেয়াল মাদ্রিদ। ইউরোপের সফলতম দলটির জন‍্য জয় যেন হয়ে গেছে সোনার হরিণ। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৮ ম‍্যাচে জয় কেবল দুটি। 

এই পরিস্থিতিতে মেন্দিসোরোৎসা স্টেডিয়ামে রোববার দেপোর্তিভো আলাভেসের মুখোমুখি হচ্ছে রেয়াল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়। 

১৬ ম‍্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রেয়াল। এক ম‍্যাচ বেশি খেলা শিরোপাধারী বার্সেলোনা ৪৩ পয়েন্ট নিয়ে চূড়ায়। ব‍্যবধান কমিয়ে আনার চ‍্যালেঞ্জ শাবি আলোন্সোর দলের সামনে। 

১৬ ম‍্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে আলাভেস। তাদের সাত হারের চারটিই এসেছে সবশেষ ছয় ম‍্যাচে। 

দলের বাজে অবস্থায় বেশ চাপে আছেন কোচ আলোন্সো। বিশেষ করে পরপর দুই ম‍্যাচে সান্তিয়াগো বের্নাবেউয়ে সেল্তা ভিগো ও ম‍্যানচেস্টার সিটির বিপক্ষে হারের পর। আলাভেসের বিপক্ষে পয়েন্ট হারালে অনেক-অনেক বেশি চাপে পড়ে যাবেন সাবেক স্প‍্যানিশ মিডফিল্ডার।