১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

রেয়ালকে হারিয়েই চ‍্যাম্পিয়ন বার্সেলোনা

11 May 2026, 03:09 AM

লাইভ ব্লগের সমাপ্তি

কাম্প নউয়ে বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদের মহারণ নিয়ে আমাদের লাইভ ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

11 May 2026, 02:58 AM

ক্লাসিকোয় জিতেই চ‍্যাম্পিয়ন বার্সেলোনা

দীর্ঘ ইতিহাসে প্রথমবার ক্লাসিকোয় লা লিগা শিরোপা নিশ্চিত করতে পারল বার্সেলোনা। চির প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ধরে রাখল শিরোপা।

লা লিগায় সব মিলিয়ে নিজেদর ২৯তম শিরোপা জিতল বার্সেলোনা। তাদের চেয়ে শিরোপা আছে কেবল রেয়াল মাদ্রিদের- ৩৬।

৫৬.৬ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ১০টি শট নেয় বার্সেলোনা, এর সাতটি ছিল লক্ষ‍্যে। অন‍্যদিকে রেয়াল আট শটে কেবল একটি লক্ষ‍্যে রাখতে পারে। ম‍্যাচের শুরুতে যে দুর্বল শটটি নিয়েছিলেন ভিনিসিউস জুনিয়র।

ক্লাসিকোয় জয়ের দিক থেকে রেয়ালকে স্পর্শ করল বার্সেলোনা। দুই দলের লড়াইয়ে তাদেরও জয় হলো ১০৬টি।

শিরোপা জয়ের দিক থেকে ব‍্যবধান কমাল বার্সেলোনা। নিজেদের দীর্ঘ ইতিহাসে ১০৫টি শিরোপা জিতেছে রেয়াল। বার্সেলোনা জিতল ১০৪টি।

সকালে বাবার মৃত‍্যুর পরও এই মাচে ডাগ আউটে দাঁড়ানো কোচ হান্সি ফ্লিককে জয় উপহার দিলেন খেলোয়াড়রা।

11 May 2026, 02:46 AM

দুই দলেই পরিবর্তন

বার্সেলোনা কোচ আরও দুটি পরিবর্তন আনলেন। গাভি ও ফেররান তরেসকে তুলে নিলেন তিনি। মাঠে নামলেন মার্ক বের্নাল ও রবের্ত লেভানদোভস্কি। 

দুটি পরিবর্তন আনলেন রেয়াল মাদ্রিদ কোচ। তুলে দিলেন ব্রাহিম দিয়াস ও গন্সালো গার্সিয়াকে। বদলি নামালেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও সেসার পালাসিওসকে। 

৮২তম মিনিটে রাফিনিয়ার শট ঝাঁপিয়ে ঠেকান থিবো কোর্তোয়া। দুই মিনিট পর রবের্ত লেভানদোভস্কির গতিময় শটও ব‍্যর্থ করে দেন তিনি। 

৮৬তম মিনিটে সুযোগ পান পালাসিওসভ কিন্তু তার শট যায় ক্রসবারের অনেক উপর দিয়ে। হতাশা বাড়ে রেয়ালের।

11 May 2026, 02:40 AM

বাকি আর ১৫ মিনিট, সঙ্গে ইনজুরি সময়

শিরোপা লড়াই জারি রাখতে অন্তত তিনটি গোল করতে হবে রেয়াল মাদ্রিদকে। তবে তাদের পারফরম্যান্সে এখনও তেমন আভাস নেই।

11 May 2026, 02:33 AM

নিষ্প্রভ অ‍্যালেকজ‍্যান্ডার-আর্নল্ড

প্রথম ঘণ্টায় বল স্পর্শ করলেন ৪৯ বার, পাস দিলেন ৩০টি। গোলের জন‍্য চেষ্টা করতে পারলেন না একবারও। পাসে সফলতার হার ৭৬.৭ শতাংশ।

৬৪তম মিনিটে এক সঙ্গে দুটি পরিবর্তন এনেছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তুলে নিয়েছেন মার্কাস র‍্যাশফোর্ড ও দানি ওলমোকে। বদলি নামিয়েছেন রাফিনিয়া ও ফ্রেংকি ডি ইয়ংকে।

৭০তম মিনিটে রেয়াল মাদ্রিদের প্রথম পরিবর্তন আনেন কোচ আলভারো আরবেলোয়া। এদুয়ার্দো কামাভিঙ্গার জায়গায় নামেন থিয়াগো পিত্রাচ।

11 May 2026, 02:33 AM

জালে বল পাঠিয়েও গোল পেল না রেয়াল

৬৩তম মিনিটে একবার জালে বল পাঠাতে পারেন বেলিংহ্যাম, তবে সঙ্গে সঙ্গেই বাজে অফসাইডের বাঁশি, যা কেবল রেয়ালের হতাশাই বাড়ায়।

ছোট কর্নারের পর রেয়ালের খেলোয়াড়দের জন‍্য অফসাইডের ফাঁদ পাতেন বার্সেলোনার খেলোয়াড়রা। তাতেই ধরা পড়েন বেলিংহ‍্যাম। তিনিসহ রেয়ালের পাঁচ খেলোয়াড় ছিলেন অফসাইডে।

11 May 2026, 02:25 AM

গার্সিয়ার কনুইয়ে আঘাত পেলেন বেলিংহ‍্যাম

৫৩তম মিনিটে বার্সেলোনার ডি-বক্সে বলের নেওয়ার সময় এরিক গার্সিয়ার কনুইয়ে মুখে একটু আঘাত লাগে বেলিংহ্যামের। কিছুক্ষণ মাঠেই পড়ে ছিলেন তিনি। কিছুক্ষণ পর উঠে দাঁড়ান, ইশারায় দেখান তাকে কনুই মারা হয়েছে।

তিন মিনিট পর ব‍্যবধান বাড়ানোর সুযোগ পান ফেররান তরেস। তাকে হতাশ করেন থিবো কর্তোয়া। স্প‍্যানিশ ফরোয়ার্ডের আড়াআড়ি শট বাম পা বাড়িয়ে একটু দিক পাল্টে দেন রেয়াল মাদ্রিদ গোলরক্ষক। চোট কাটিয়ে ফেরার ম‍্যাচে দারুণ দুটি সেভ করলেন তিনি।  

11 May 2026, 02:13 AM

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণে বার্সেলোনা

বিরতির পর প্রথম সুযোগ পেল বার্সেলোনা। এরিক গার্সিয়ার ক্রস অনায়াসে গ্লাভসে নিলেন থিবো কোর্তোয়া।

৪৭তম মিনিটে আরেকটি ক্রস করলেন মার্কাস র‍্যাশফোর্ড। এবার ঝাঁপ দিয়ে ঠিকঠাক ফেরাতে পারলেন না রেয়াল মাদ্রিদ গোলরক্ষক। কর্নার পেল বার্সেলোনা। 

কর্নারে অবশ‍্য কিছু করতে পারল না স্বাগতিকরা।

একটু পরে রেয়ালের একটি ব্যর্থ আক্রমণের সময় হঠাৎ করেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা শুর। ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন কয়েকজন। হলুদ কার্ড দেখেন ফ্রান গার্সিয়া ও দানি ওলমো। 

11 May 2026, 01:59 AM

৪৫ মিনিটেই শিরোপার আরও কাছে বার্সেলোনা

লক্ষ্যের হাত-ছোঁয়া দূরত্বে থেকেই মাঠে নামে বার্সেলোনা। আত্মবিশ্বাসী পারফরম্যান্সে ম্যাচের প্রথম ১৮ মিনিটে গোলের জন্য দুটি শট নিয়েই ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। সুযোগ আসে পরেও, যদিও ব্যবধান আর বাড়েনি। তবে, পথেই আছে ফ্লিকের দল।

আর দ্বিতীয় গোলের মতো রেয়ালের রক্ষণ বারবার আলগা হয়েছে, তাতে প্রতিপক্ষের কাজটা হয়েছে সহজ। রক্ষণের ঘাটতি আক্রমণে পুষিয়ে দেওয়ার মতো কিছুও এখনও করতে পারেনি সফরকারীরা।

11 May 2026, 01:46 AM

কোর্তোয়ার দুর্দান্ত সেভ

৩৮তম মিনিটে স্কোর লাইন ৩-০ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেন মার্কাস র‍্যাশফোর্ড।বলা ভালো দুর্দান্ত সেভে তাকে সফল হতে দিলেন না থিবো কোর্তোয়া।

দারুণ গতিতে এগিয়ে গিয়ে কর্তোয়াকে একা পান র‍্যাশফোর্ড ডি বক্সে ঢুকে আড়াআড়ি শট নেন তিনি, কিন্তু পরাস্ত হননি রেয়াল মাদ্রিদ গোলরক্ষক। চমৎকার রিফ্লেক্সে হাত বাড়িয়ে একটু দিক পাল্টে দেন কোর্তোয়া। 

পরে কর্নার থেকে বিপজ্জনক জায়গায় বল পান দানি ওলমো। কিন্তু শট লক্ষ‍্যে রাখতে পারেননি স্প‍্যানিশ মিডফিল্ডার। 

11 May 2026, 01:41 AM

আবার ব‍্যর্থ চুয়ামেনি

৩২তম মিনিটে আরেকবার বার্সেলোনার রক্ষণে ভীতি ছড়ায় রেয়াল; তবে ফলাফল ওই একই। এবার ভিনিসিউসের কাট ব‍্যাকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে অহেলিয়া চুয়ামেনির জোরাল শট পোস্টের বাইরে যায়।

যেখানে বল পেয়েছিলেন চুয়ামেনি এবং যতটা সময় পেয়েছিলেন আরও ভালো করতে পারতেন তিনি। অন্তত বাঁকানো শট লক্ষ‍্যে রাখতে পারতেন ফরাসি মিডফিল্ডার। 

11 May 2026, 01:29 AM

সুবর্ণ সুযোগ হারালেন গন্সালো গার্সিয়া

ব‍্যবধান কমানোর দারুণ সুযোগ এনেছিল গন্সালো গার্সিয়ার সামনে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারলেন না তরুণ স্প‍্যানিশ ফরোয়ার্ড। 

এক মিনিট পর আরেকটি সুযোগ পেয়েছিল রেয়াল মাদ্রিদ। এবার পারল না তারা এরিক গার্সিয়ার জন‍্য। দারুণ স্লাইড ট্যাকলে কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন তিনি। 

11 May 2026, 01:23 AM

তরেসের গোলে ব্যবধান হলো দ্বিগুণ

১৮তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করলেন বার্সেলোনার স্প‍্যানিশ ফরোয়ার্ড ফেররান তরেস। 

বাঁ দিক থেকে আসা ক্রস ডি-বক্সে আন্টোনিও রুডিগারের চ্যালেঞ্জ সামণে দারুণভাবে কাটব্যাক করেন দানি ওলমো, আর ফাঁকায় বল পেয়ে জোরাল শটে থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন তরেস।টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন তিনি।

এবারের লিগে স্প্যানিশ ফরোয়ার্ডের এটি ১৬তম গোল, মৌসুমে সব মিলিয়ে ২১টি।

এখন পর্যন্ত বার্সেলোনা গোলের জন্য দুই শট নিল, দুটিই লক্ষ্যে রাখল এবং শতভাগ সাফল‍্যও পেল। 

11 May 2026, 01:21 AM

চুয়ামেনির ব‍্যর্থ চেষ্টা

ত্রয়োদশ মিনিটে কর্নার থেকে সুযোগ এলো অহেলিয়া চুয়ামেনির সামনে। গত কিছু দিন আলোচনার কেন্দ্রে থাকা ফরাসি মিডফিল্ডার পারলেন না সুযোগ কাজে লাগাতে। রেয়াল মাদ্রিদ তারকার হেড থাকল না লক্ষ‍্যের ধারে কাছে। এখান থেকে আরও অনেক ভালো করতে পারতেন তিনি।

11 May 2026, 01:15 AM

দারুণ ফ্রি কিকে র‍্যাশফোর্ডের গোল

ম‍্যাচের নবম মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত ফ্রি কিকে বার্সেলোনাকে এগিয়ে নিলেন মার্কাস র‍্যাশফোর্ড।

ডি-বক্সের একটু বাইরে ফেররান তরেস ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় বার্সেলোনা এবং দারুণ বাঁকানো শটে রক্ষণ দেয়ালকে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে নেন মার্কাস র‌্যাশফোর্ড।

এই নিয়ে লিগে সবশেষ ছয় ম্যাচে চারটি গোল করলেন র‌্যাশফোর্ড। আসরে তার গোল হলো আটটি, মৌসুমে সব মিলিয়ে ১৪টি।

ক‍্যারিয়ারে ষষ্ঠবার ফ্রি কিক থেকে গোল করলেন র‍্যাশফোর্ড। লিওনেল মেসির (২০১২) পর বার্সেলোনার হয়ে ক্লাসিকোয় সরাসরি ফ্রি কিক থেকে প্রথম গোল করলেন তিনি।

থিবো কোর্তোয়ার মতো অভিজ্ঞ গোলরক্ষকেরও তেমন কিছু করার ছিল না। 

11 May 2026, 01:12 AM

বার্সেলোনার দারুণ আক্রমণ

প্রথম কয়েক মিনিট খেলা হলো বার্সেলোনার অর্ধে। পঞ্চম মিনিটে পাল্টা আক্রমণে দারুণ সুযোগ পেল স্বাগতিকরা। ফের্মিন লোপেসের ক্রস ধরতে যে গতি প্রয়োজন ছিল, সেটা ছিল মার্কাস র‍্যাশফোর্ডের। সুযোগ কাজে লাগিয়ে ফ্রান গার্সিয়া।

11 May 2026, 01:08 AM

মৌসুমের শেষ ক্লাসিকো শুরু

কাম্প নউয়ে শুরু হলো স্পেনের সফলতম দুই দলের লড়াই। ম‍্যাচ শুরুর আগে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের বাবাকে।

বাবার মৃত‍্যুর পরও ডাগ আউটে দাঁড়িয়েছেন জার্মান কোচ।

দ্বিতীয় মিনিটে গোলের জন‍্য প্রথম শট নেন ভিনিসিউস জুনিয়র। রেয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট লক্ষ‍্যেই ছিল, কিন্তু জোর ছিল না। সহজেই গ্লাভসে নেন বার্সেলোনা গোলরক্ষক হোয়ান গার্সিয়া। 

11 May 2026, 01:04 AM

ক্লাসিকোয় নেই ইয়ামাল-এমবাপে

মৌসুমের শেষ ক্লাসিকোয় দুই দল পাচ্ছে না আক্রমণের দুই বড় ভরসা লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপেকে। 

রেয়াল মাদ্রিদ একাদশ: থিবো কোর্তোয়া, ট্রেন্ট অ‍্যালেকজ‍্যান্ডার-আর্নল্ড, আন্টোনিও রুডিগার, ডিন হাউসেন, ফ্রান গার্সিয়া, এদুয়ার্দো কামাভিঙ্গা, অহেলিয়া চুয়ামেনি, জুড বেলিংহ্যাম, ব্রাহিম দিয়াস, গন্সালো গার্সিয়া, ভিনিসিউস জুনিয়র।

বার্সেলোনা একাদশ: হোয়ান গার্সিয়া, এরিক গার্সিয়া, পাউ কুবার্সি, জেরার্দ মার্তিন, জোয়াও কান্সেলো, পেদ্রি, গাভি, দানি ওলমো, ফের্মিন লোপেস, মার্কাস র‍্যাশফোর্ড, ফেররান তরেস।

11 May 2026, 01:01 AM

বার্সেলোনার সামনে যে হাতছানি

জয়ের দিক থেকে রেয়াল মাদ্রিদকে স্পর্শ করার সুযোগ বার্সেলোনার সামনে। ক্লাসিকোয় ১০৬ জয় নিয়ে এখন এগিয়ে সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্লাবটি। স্পেনের দুই পরাশক্তির লড়াইয়ে বাকি ৫২ ম‍্যাচ হয়েছে ড্র।  

দুই দলের শিরোপার ব‍্যবধান এক-এ নামিয়ে আনার সুযোগ হান্সি ফ্লিকের দলের সামনে। হাতের সামনে হাতছানি লা লিগায় টানা দ্বিতীয় ও সব মিলিয়ে ২৯তম শিরোপার।

লা লিগায় রেয়াল মাদ্রিদ জিতেছে ৩৬ শিরোপা। দুই দলের মধ‍্যে সবচেয়ে বড় পার্থক‍্য চ‍্যাম্পিয়ন্স লিগে। ইউরোপ সেরার মঞ্চে সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্লাবটি জিতেছে ১৫ শিরোপা, বার্সেলোনা পাঁচটি।

বার্সেলোনা ব‍্যবধান কমিয়ে এনেছে কোপা দেল রেতে দারুণ সাফল‍্যে। স্পেনের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে কাতালান ক্লাবটির শিরোপটা ৩২টি, রেয়াল মাদ্রিদ এখানে জিতেছে ২০ শিরোপা।

বাকি শিরোপাগুলোয় কমবেশি ভারসাম‍্যপূর্ণ অবস্থায় আছে দুই দল। স্প‍্যানিশ সুপার কাপে বার্সেলোনার শিরোপা ১৬টি, রেয়াল মাদ্রিদের ১৪টি।

কাপ উইনার্স কাপ চারবার জিতেছে বার্সেলোনা,  উয়েফা কাপ দুইবার জিতেছে রেয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান সুপার কাপ ছয়বার জিতেছে রেয়াল মাদ্রিদ, পাঁচবার বার্সেলোনা।

এর বাইরে লিগ কাপ, কোপা দুরাতে ও লাতিন কাপের মতো শিরোপা জিতেছে স্পেনের দুই শীর্ষ ক্লাব।

সব মিলিয়ে ১০৫টি শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ, লা লিগায় এবার জিতলে বার্সেলোনার শিরোপা হবে ১০৪টি। সেক্ষেত্রে আগামী স্প‍্যানিশ সুপার কাপ রেয়াল মাদ্রিদকে স্পর্শ করার সুযোগ থাকবে হান্সি ফ্লিকের দলের সামনে।

11 May 2026, 12:58 AM

এপ্রিলের ক্লাসিকো কেন এমন নিরুত্তাপ?

এপ্রিলের ক্লাসিকো কেন এমন নিরুত্তাপ? এর উত্তর আছে পয়েন্ট টেবিলে। চার ম‍্যাচ বাকি থাকতে ১১ পয়েন্ট এগিয়ে আছে হান্সি ফ্লিকের দল। 

৩৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতালান ক্লাবটি। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রেয়াল।   

11 May 2026, 12:56 AM

বার্সেলোনার চাই ১ পয়েন্ট

চার রাউন্ড আগেই টানা দ্বিতীয়বার লা লিগা জয়ের হাত-ছোঁয়া দূরত্বে পৌঁছে গেছে বার্সেলোনা। আর তাতে অসাধারণ এক ‘প্রথমের’ সামনে দাঁড়িয়ে তারা।

আগে কখনও কাম্প নউয়ে রেয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে লিগ জিততে পারেনি কাতালান ক্লাবটি, সমর্থকদের এবার সেই স্বাদ দিতে মরিয়া তারা। কোনো রাখঢাক না করে সরাসরিই এই লক্ষ্যের কথা বলেছেন ফেররান তরেস।

কোচ হান্সি ফ্লিক বিষয়টিকে ওভাবে না দেখলেও, বাকি কাজটুক দ্রুত সেরে ফেরার তাগাদা দিয়েছেন।

11 May 2026, 12:54 AM

জিততেই হবে রেয়াল মাদ্রিদের

হতাশায় মোড়া চলতি মৌসুমে বাস্তবিক অর্থে বিশেষ কোনো প্রাপ্তির সম্ভাবনা নেই রেয়ালের। তাইতো চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তাদের লড়াইটাও কারো কারো কাছে হয়ে উঠেছে নিরুত্তাপ।

অবশ্য কাগজে কলমে এখনও তাদের লিগ জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়নি। ফিকে হয়ে আসা সেই আশাই বাঁচিয়ে রাখতে জিততেই হবে আলভারো আরবেলোয়ার দলকে।

11 May 2026, 12:51 AM

মহারণের আগে দুই প্রান্তে বার্সেলোনা ও রেয়াল

লা লিগায় দুই দলের সবশেষ মুখোমুখি লড়াইয়ের পর চিত্র বদলে গেছে অনেকটাই। সেই সময়ে ৫ পয়েন্টে এগিয়ে যাওয়া রেয়াল মাদ্রিদ এখন ১১ পয়েন্টে পিছিয়ে। ইউরোপের সফলতম দলটির আরেকটি শিরোপা শূন‍্য মৌসুম কাটানো প্রায় নিশ্চিত। 

মাঠে দল নেই চেনা ছন্দে। সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রায় প্রতি ম‍্যাচে দুয়ো শুনতে হচ্ছে খেলোয়াড়দের। মাঠের বাইরের পরিস্থিতি যেন আরও বেশি খারাপ। ফেদে ভালভের্দে ও অহেলিয়া চুয়ামেনির মধ‍্যে মারামারি বেঁধে যাওয়ার খবর এসেছে স্প‍্যানিশ গণমাধ‍্যমে। তাদের বড় অঙ্কের জরিমানা করেছে ক্লাব। 

অন‍্যদিকে বার্সেলোনা যেন সুখী পরিবারের প্রতিচ্ছবি। টানা দ্বিতীয় লিগ শিরোপা জয়ের দুয়ারে থাকা দলটি হান্সি ফ্লিকের দুর্দান্ত পরিচালনায় মন জয় করে নিয়েছে ভক্তদের। 

কাম্প নউয়ে মৌসুমের শেষ ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় রোববার রাত ১টায়। 

ম‍্যাচের আগে মর্মান্তিক দুঃসংবাদ শুনেছে বার্সেলোনা। বাবাকে হারিয়েছেন কোচ ফ্লিক। তবে ডাগআউটে থাকতে ঠিকই দলের সঙ্গে মাঠে এসেছেন তিনি।

11 May 2026, 12:51 AM

লাইভ ব্লগে স্বাগত

কাম্প নউয়ে বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদের দ্বৈরথের খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত, আমার সঙ্গে আছেন আব্দুল মোমিন ও আবু হোসেন পরাগ।