- লাইভ ব্লগের সমাপ্তি
- গেজেট প্রকাশ
- মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন হাফিজ উদ্দিন
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী
- নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিলেন সংসদ নেতা
- ফখরুলকে অভিনন্দন জানাল চীন
- ভোটে অনুপস্থিত ৬ জন
- ভোটে জিতে বাংলাদেশের তেইশতম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল
- ফলের অপেক্ষা
- রাষ্ট্রপতি ছিলেন যারা
- সংসদ কক্ষে প্রধানমন্ত্রীর সোয়া ঘণ্টা অবস্থান
- শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার
- শপথ শুক্রবার সন্ধ্যায়
- ফখরুলকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী
- ভোটের আনুষ্ঠানিকতা শুরু
- ভোট যেভাবে
- ভোটের সামগ্রী নিয়ে সংসদে ২০ কর্মকর্তা
- লাইভ ব্লগে স্বাগতম
20 Aug 2026, 07:54 PM
লাইভ ব্লগের সমাপ্তি
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আমাদের আয়োজনের এখানেই সমাপ্তি। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
20 Aug 2026, 07:52 PM
গেজেট প্রকাশ
দেশের তেইশতম রাষ্ট্রপতি নির্বাচনের ফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন সচিবালয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করে এই গেজেট প্রকাশ করা হয়।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, “গেজেট প্রকাশ হয়েছে। এখন শপথ আয়োজনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
20 Aug 2026, 06:46 PM
মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন হাফিজ উদ্দিন
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি কার্যালয়ের এক বার্তায় এ অভিনন্দন জানানোর তথ্য দেওয়া হয়।
বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে গেল ২৪ জুলাই পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন বেলা সাড়ে ১১টায় হাফিজ উদ্দিন আহমদকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)।
20 Aug 2026, 06:45 PM
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিএনপি মহাসচিবের ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরপরই বিএনপির দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করার কথা জানানো হয়।
20 Aug 2026, 06:39 PM
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিলেন সংসদ নেতা
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ভোটের ফল ঘোষণা করেন নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন।
বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট পেয়েছেন ২৫৫ ভোট। আর জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
নির্বাচনি কর্তা নাসির বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট পেয়েছেন ২৫৫ ভোট। আমি ঘোষণা করছি যে, সর্বোচ্চ সংখ্যাক ভোট পাওয়ায় রাষ্ট্রপতি হিসেবে তিনি যথাযথভাবে নির্বাচিত হয়েছেন।”
এ ঘোষণার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান দাঁড়িয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রথমে করমর্দন করেন, এরপর তুলে দেন লাল গোলাপ।
এ সময়ে সংসদ কক্ষের সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।
এরপর নতুন রাষ্ট্রপতি হাত নেড়ে সংসদ সদস্যদের শুভেচ্ছার জবাব দেন। সংসদ সদস্যরা তখনও টেবিল চাপাড়াচ্ছিলেন।
বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ও বিরোধী উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিরোধী সংসদ সদস্যরা ট্রেজারি বেঞ্চের কাছে এলে নতুন রাষ্ট্রপতি নিজের আসন থেকে বেরিয়ে বিরোধী দলের নেতার সঙ্গে কোলাকুলি করেন।
এরপর সংসদ নেতা তারেক রহমানও নিজের আসন থেকে এসে নতুন রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি করেন। তিনি বিরোধী দলীয় নেতার সঙ্গেও কোলাকুলি করেন।
এরপর সংসদ সদস্যরা নিজ নিজ আসন থেকে এসে নতুন রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন।
একপর্যায়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে করমর্দন করেন এবং অন্যান্য কর্মকর্তাদের সালাম জানান।
৩৪৯ ভোটারের মধ্যে ছয়জন সংসদ সদস্য অনুপস্থিত ছিলেন।
তাদের মধ্যে অসুস্থতার কারণে ভোট দিতে না আসার কথা জানিয়ে আগেই ভারপ্রাপ্ত স্পিকারের কাছে চিঠি দিয়েছিলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস ও চট্টগ্রাম- ৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। অনুপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ওসমান ফারুক।
এছাড়া জামায়াতের সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রুমিন ফারহানা এবং সিলেট-৫ আসনের মোহাম্মদ আবুল হাসান (খেলাফত মজলিস) অনুপস্থিত ছিলেন।
20 Aug 2026, 06:07 PM
ফখরুলকে অভিনন্দন জানাল চীন
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় চীন দূতাবাস।
বৃহস্পতিবার বিকালে ফল ঘোষণার কয়েক মিনিটের মাথায় দূতাবাসের ফেইসবুক পেইজে এক পোস্টে এ অভিনন্দন জানানো হয়।
চীন দূতাবাস বলেছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন অনেক গুরুত্ব দেয় এবং নতুন এই যুগে যৌথ প্রচেষ্টায় ‘অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ার ক্ষেত্রে নিবিড়ভাবে কাজ করতে প্রস্তুত; যাতে দুই দেশ ও দুই দেশের জন্য জনগণ বড় রকমের উপকার হয়।
20 Aug 2026, 06:03 PM
ভোটে অনুপস্থিত ৬ জন
সাড়ে তিন দশক পর বৃহস্পতিবার যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাতে ছয়জন ভোটার (সংসদ সদস্য) অনুপস্থিত ছিলেন।
এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। ছয়জন অনুপস্থিত থাকায় ভোট পড়েছে ৩৪৩টি। এর মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। আর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
যে ছয় ভোটার অনুপস্থিত ছিলেন, তারা হলেন- ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (বিএনপি), সাতক্ষীরা-৪ আসনের জি এম নজরুল ইসলাম (জামায়াত), কিশোরগঞ্জ-৩ আসনের মুহাম্মদ ওসমান ফারুক (বিএনপি), চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা (বিএনপি), ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনের রুমিন ফারহানা (স্বতন্ত্র) ও সিলেট-৫ আসনের মোহাম্মদ আবুল হাসান (খেলাফত মজলিস)।
20 Aug 2026, 05:23 PM
ভোটে জিতে বাংলাদেশের তেইশতম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
রাষ্ট্রপতি নির্বাচনে শেষে বৃহস্পতিবার বিকাল ৫টা ২৫ মিনিটে এ ফল ঘোষণা করেন নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন।
ফল ঘোষণা মাত্র মির্জা ফখরুলের সঙ্গে করমর্দন করেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এ সময় সংসদ নেতা তারেক রহমানও নিজের আসন থেকে উঠে এসে নতুন রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন। মির্জা ফখরুল ইসলাম নির্বাচনি কর্তা নাসির উদ্দিনসহ সহায়ক কর্মকর্তাদের সঙ্গেও করমর্দন করেন।
অসুস্থতার কারণে ভোট দিতে না আসার কথা জানিয়ে আগেই ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে চিঠি দেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস ও চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। স্বতন্ত্র প্রার্থী ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রুমিন ফারহানাও ভোটাভুটিতে অনুপস্থিত ছিলেন।
এদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনিকর্তা এ এস এম নাসির উদ্দিনের পরিচালনায় বিকাল ৫টা ২মিনিটে ভোট গণণা শুরু হয়। এসময় দুই প্রার্থীর এজেন্ট প্রধান হুইপ নূরুল ইসলাম মনি ও বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম ছাড়াও হুইপ মিয়া নুরুউদ্দিন অপু ও রকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন।
সংসদীয় পদ্ধতি পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থী থাকায় কেবল সেবারই ভোটাভুটি হয়। এরপর গত সাতটি নির্বাচনে একজন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
একানব্বইয়ের পর কেবল এবারই একাধিক প্রার্থীর দেখা মিলেছে। ফলে ভোট আয়োজন করতে হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন আইনের বাধ্যবাধকতা মেনে।
এবারের ভোটে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করা বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে তেইশতম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তা আগেই নিশ্চিত ছিল, কারণ সংসদ সদস্যদের দলের বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই।
20 Aug 2026, 05:00 PM
ফলের অপেক্ষা
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটাভুটি শেষ হলো।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ। গণনা শেষ খানিক বাদেই এ ভোটের ফল ঘোষণা করবেন নির্বাচনি কর্তা এ এমএম নাসির উদ্দিন।
ভোটগ্রহণের সময় শেষ হওয়ার পর তিনি বলেন, “আপনাদের সহযোগিতায় ভোটগ্রহণ শেষ। এখন ভোট গণনা শুরু হবে। গণনা শেষ হওয়া মাত্রই ফলাফল জানিয়ে দেওয়া হবে।”
এরপর নির্বাচনি কর্তার সহায়তাকারীরা তিনটি ব্যালট বাক্স টেবিলে এক টেবিলে নিয়ে খুলে ফেলেন।
ভোটগ্রহণের প্রথম সোয়া ঘণ্টা নিজ আসনে অবস্থান করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে নিজের কার্যালয়ে চলে যান। পরে ৪টা ৪১ মিনিটে প্রার্থীকে নিয়ে সংসদ কক্ষে ফিরে আসনে প্রধানমন্ত্রী।
এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। তাদের মধ্যে অনুপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, স্বতন্ত্র প্রার্থী ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরদিনই শপথ অনুষ্ঠান রয়েছে।
জাতীয় সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ২১ অগাস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কায়সার কামাল।
20 Aug 2026, 04:53 PM
রাষ্ট্রপতি ছিলেন যারা
শেখ মুজিবুর রহমান: ২৬ মার্চ ১৯৭১ থেকে ১২ জানুয়ারি ১৯৭২
সৈয়দ নজরুল ইসলাম (ভারপ্রাপ্ত): ২৬ মার্চ ১৯৭১ থেকে ১০ জানুয়ারি ১৯৭২
আবু সাইদ চৌধুরী: ১২ জানুয়ারি ১৯৭২ থেকে ২৪ ডিসেম্বর ১৯৭৩
মোহাম্মদ উল্লাহ: ২৪ ডিসেম্বর ১৯৭৩ থেকে ২৫ জানুয়ারি ১৯৭৫
শেখ মুজিবুর রহমান: ২৫ জানুয়ারি ১৯৭৫ থেকে ১৫ অগাস্ট ১৯৭৫
খন্দকার মোশতাক আহমেদ: ১৫ অগাস্ট ১৯৭৫ থেকে ৬ নভেম্বর ১৯৭৫
আবু সাদাত মোহাম্মদ সায়েম: ৬ নভেম্বর ১৯৭৫ থেকে ২১ এপ্রিল ১৯৭৭
জিয়াউর রহমান: ২১ এপ্রিল ১৯৭৭ থেকে ৩০ মে ১৯৮১
আবদুস সাত্তার (ভারপ্রাপ্ত): ৩০ মে ১৯৮১ থেকে ২০ নভেম্বর ১৯৮১
আবদুস সাত্তার: ২০ নভেম্বর ১৯৮১ থেকে ২৪ মার্চ ১৯৮২
আবুল ফজল মোহাম্মদ আহ্সানউদ্দিন চৌধুরী: ২৭ মার্চ ১৯৮২ থেকে ১১ ডিসেম্বর ১৯৮৩
হুসেইন মুহম্মদ এরশাদ: ১১ ডিসেম্বর ১৯৮৩ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০
শাহাবুদ্দিন আহমদ (অস্থায়ী): ৬ ডিসেম্বর ১৯৯০ থেকে ৯ অক্টোবর ১৯৯১
আবদুর রহমান বিশ্বাস: ৯ অক্টোবর ১৯৯১ থেকে ৯ অক্টোবর ১৯৯৬
শাহাবুদ্দিন আহমদ: ৯ অক্টোবর ১৯৯৬ থেকে ১৪ নভেম্বর ২০০১
একিউএম বদরুদ্দোজা চৌধুরী: ১৪ নভেম্বর ২০০১ থেকে ২১ জুন ২০০২
জমির উদ্দিন সরকার (দায়িত্বপ্রাপ্ত): ২১ জুন ২০০২ থেকে ৬ সেপ্টেম্বর ২০০২
ইয়াজউদ্দিন আহম্মেদ: ৬ সেপ্টেম্বর ২০০২ থেকে ১২ ফেব্রুয়ারি ২০০৯
জিল্লুর রহমান: ১২ ফেব্রুয়ারি ২০০৯ থেকে ২০ মার্চ ২০১৩
আবদুল হামিদ (ভারপ্রাপ্ত ও অস্থায়ী): ১৪ মার্চ ২০১৩ থেকে ২৪ এপ্রিল ২০১৩
আবদুল হামিদ: ২৪ এপ্রিল ২০১৩ থেকে ২৪ এপ্রিল ২০২৩
মো. সাহাবুদ্দিন: ২৪ এপ্রিল ২০২৩ থেকে ২৪ জুলাই ২০২৬
হাফিজ উদ্দিন আহমদ (ভারপ্রাপ্ত): ২৪ জুলাই ২০২৬-
20 Aug 2026, 03:34 PM
সংসদ কক্ষে প্রধানমন্ত্রীর সোয়া ঘণ্টা অবস্থান
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শুরুর থেকে সোয়া ঘণ্টার বেশি সময় সংসদ কক্ষে নিজের আসনে অবস্থান করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
পাশের আসনে ছিলেন দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
প্রধানমন্ত্রী যখন নিজের আসনে বসেছিলেন, তখন সংসদ সদস্যরা সামনে ভিড় করে দাঁড়িয়ে ছিলেন। সংসদ নেতা হাসিমুখে সংসদ সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রী বিকাল ৩টা ১৩ মিনিটে সংসদ কক্ষ ছেড়ে সংসদ ভবনের নিজের কার্যালয়ে যান। সঙ্গে নেন দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।
বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
প্রধানমন্ত্রী প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, সুজাদ্দৌলা, সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক সাংবাদিক গ্যালারিতে এসে ভোট গ্রহণ প্রক্রিয়া দেখেন এবং সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এদিন সাংবাদিকদের দুটি গ্যালারি ছাড়া বাকিগুলো বন্ধ ছিল।
20 Aug 2026, 03:00 PM
শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার
নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন—ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ নাকি ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল শপথ পড়াবেন। এ নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ দ্বিধান্বিত হয়ে আইন মন্ত্রণালয়ের মতামত নিয়েছে।
আইন মন্ত্রণালয় বলেছে, সংবিধান অনুযায়ী স্পিকারের দায়িত্বে থাকা কায়সার কামাল রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর যথাযথ ব্যক্তি।
আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মতামত) এ এ আউয়াল বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সংশ্লিষ্ট বিভাগের এ ব্যাপারে মতামত দিয়ে বলেছি, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শপথ বাক্য পাঠ করালে আইনের কোনো ব্যত্যয় ঘটবে না।”
20 Aug 2026, 02:52 PM
শপথ শুক্রবার সন্ধ্যায়
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরদিনই শপথ অনুষ্ঠান রয়েছে।
জাতীয় সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ২১ অগাস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
20 Aug 2026, 02:44 PM
ফখরুলকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী
বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে ভোট দিলেন সংসদ নেতা তারেক রহমান।
বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী নিজের আসন থেকে উঠে পাশে বসা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে ব্যালট বাক্সের পথ ধরেন। ঘড়ির কাঁটা যখন ২টা ১১ মিনিট, তখন সংসদ নেতা নিজের ব্যালট পেপার ফেলেন ব্যালট বাক্সে।
এই সময়ে সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এর পরপরই ভোট বাক্সে ব্যালট পেপার ফেলেন রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময়ে সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়িয়ে তাকে শুভেচ্ছা জানান।
এরপর বিএনপির প্রার্থী উপস্থিত সংসদ সদস্যদের সঙ্গে করমর্দন করেন। পরে বিরোধী দলের নেতা শফিকুর রহমান ও বিরোধী উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুর ২টায় কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে ভোটের আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোট শুরুর আগে নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ভোট দেওয়ার পদ্ধতি সংসদ সদস্যদের সামনে তুলে ধরেন।
প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। তারা ভোট দেওয়ার পর বিরোধী দলের নেতা শফিকুর রহমানসহ সংসদ সদস্যদের সঙ্গে করমর্দন করেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সংসদ নেতা তারেক রহমান ও প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও করমর্দন করেন।
প্রায় ৮ মিনিট সংসদ কক্ষে অবস্থানের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সংসদ কক্ষ ত্যাগ করেন।
দুপুর ২টা ১৯ মিনিটে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান তার সহকর্মীদের নিয়ে ভোট দেন।
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অলি আহমদ।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন সংসদ সদস্য। সবশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর সংসদ সভাকক্ষে রাষ্ট্রপতি পদে ভোট অনুষ্ঠিত হয়েছিল।
20 Aug 2026, 02:12 PM
ভোটের আনুষ্ঠানিকতা শুরু
সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দুপুর ২টায় এ ভোটের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন ভোটের নির্দেশিকা তুলে ধরেন। এর পরপরই ভোটদান শুরু হয়েছে।
প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। কক্ষের মাঝে বসানো চেয়ার-টেবিলে তারা ভোট দেন। তাপর তারা বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানসহ কয়েকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
তাদের পর বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দেন সংসদ নেতা তারেক রহমান।
তারপর ভোট দিয়েছেন মির্জা ফখরুল। পরে বিএনপির প্রার্থী বিরোধী দলের সদস্যদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় ভোট দিতে পারবেন না।
এরপর আবদুল আউয়াল মিন্টু ও গয়েশ্বর চন্দ্র রায় ভোট দেন। পর্যায়ক্রমে অন্য সংসদ সদস্যরা এখন ভোট দিচ্ছেন।
বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ভোট দেন ২টা ১৯ মিনিটে। ব্যালট পেপার জমা দিতে রাখা হয়েছে তিনটি বাক্স।
ভোটের সময় স্পিকারের আসন খালি দেখা গেছে। তার সামনের অংশে যেখানে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বসেন, সেখানে বসে নির্বাচন পরিচালনা করছেন নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন। তা সঙ্গে আছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, ইসি সচিব আখতার আহমেদ।
এ নির্বাচনের শুরুর আনুষ্ঠানিকতা সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন।
20 Aug 2026, 01:58 PM
ভোট যেভাবে
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দেওয়ার নির্দেশিকায় বলা হয়েছে—
- দুপুর ২টা থেকে বিকাল ৫টার মধ্যে সংসদ কক্ষে ব্যালট সংগ্রহ করে ভোট দিতে হবে। এ সময়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ কার্যক্রম চলবে।
- সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয়ের সরবরাহ করা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।
- সংসদ কক্ষে নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ হতে নিজ নাম ও বিভক্তি সংখ্যা (আসন নম্বর) মুদ্রিত ব্যালট পেপার প্রাপ্তির পর ব্যালট পেপারের কাউন্টার ফয়েল বা চেকমুড়িতে ভোটারের সইয়ের জন্য নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে তা সহায়তাকারী কর্মকর্তাকে ফেরত দিতে হবে।
- ব্যালটের আউটার ফয়েল বা ব্যালট অংশে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্দিষ্ট ফাঁকা স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে।
- ভোট দিয়ে ব্যালটটি সংসদ কক্ষে সংরক্ষিত ব্যালট বাক্সের ভেতরে রাখতে হবে।
- কোনো কারণে সরবরাহ করা ব্যালট পেপার নষ্ট হয়ে গেলে ব্যালট বাক্সের ভেতরে রাখার আগে সেটি নিয়ে নির্বাচনি কর্তার নিকট উপস্থাপন করতে হবে। নির্বাচনি কর্তা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
- ভোট গ্রহণের জন্য সংসদ সদস্যদের বৈঠকে নির্বাচনি প্রচার করা বা এ উদ্দেশ্যে কোনো বক্তব্য কিংবা ভাষণ দেওয়া যাবে না।
- ভোট দেওয়ার সময় তাৎক্ষণিক কোনো সমস্যার উদ্ভব হলে চিফ হুইপ ও বিরোধী দলের চিফ হুইপের শরণাপন্ন হতে হবে।
- ব্যালট পেপারে যেখানে ভোটারের পূর্ণাঙ্গ সইয়ের কথা বলা হয়েছে, সেখানে পুরো নাম লিখতে হবে।
নির্বাচনি কর্তা, সিইসি এ এম এম নাসির উদ্দিন বুধবার জানান, ভোটের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোট শেষেই সংসদ কক্ষে ফল ঘোষণা করা হবে। এরপরই ফলের গেজেট প্রকাশ করা হবে।
সংসদের ৩০০ আসনের মধ্যে একটি আসনে প্রার্থিতা বাতিল হয়েছে। আর সংরক্ষিত আসনে এমপি আছেন ৫০ জন। সব মিলিয়ে ত্রয়োদশ সংসদে ৩৪৯ জন এমপি রয়েছেন, যারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন।
বাংলা নামের আদ্যক্ষর অনুযায়ী প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর নামের তালিকা করা হয়েছে, ব্যালট পেপারে একইভাবে নাম থাকবে। বিভক্তি সংখ্যাসহ (আসন নম্বর) ভোটার তালিকা প্রস্তুত রয়েছে।
20 Aug 2026, 01:13 PM
ভোটের সামগ্রী নিয়ে সংসদে ২০ কর্মকর্তা
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটাভুটি আয়োজন করতে দুপুর সোয়া ১২টার দিকে সংসদ ভবনে পৌঁছেছেন নির্বাচনি কর্মকর্তারা।
এর আগে সকালে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের নেতৃত্বে প্রস্তুতিমূলক সভা হয়।
ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান বলেন, “সচিব মহোদয় আমাদেরকে ব্রিফিং করেছেন। রাষ্ট্রপতি নির্বাচনের সহায়ক কর্মকর্তা ও রাষ্ট্রপতি নির্বাচনে কীভাবে ভোট গ্রহণ করা হবে, কত সময় মধ্যে শেষ করতে হবে—এমন যেসকল বিষয় আছে তা আলোচনা হয়েছে বৈঠকে।”
এ নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচনি কর্তার দায়িত্ব পালন করছেন। তাকে সহায়তা করছেন ইসি সচিবসহ কমিশন সচিবালের ২০ কর্মকর্তা। জাতীয় সংসদ সচিবালয় থেকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
20 Aug 2026, 01:13 PM
লাইভ ব্লগে স্বাগতম
সাড়ে তিন দশকের মাথায় রাষ্ট্রপতি নির্বাচনে বৃহস্পতিবার ভোট দিতে যাচ্ছেন সংসদ সদস্যরা। সংসদ কক্ষে ভোট চলবে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
একানব্বইয়ের পর কেবল এবারই একাধিক প্রার্থীর দেখা মিলেছে। ফলে ভোট আয়োজন করতে হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন আইনের বাধ্যবাধকতা মেনে। মাঝের সাতটি নির্বাচনে একজন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এবারের ভোটে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করা বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে তেইশতম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তা একেবারেই নিশ্চিত, কারণ সংসদ সদস্যদের দলের বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই।
ভোটের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি জাহিদুল কবির ও রোকন রাকিব।