- লাইভ ব্লগের সমাপ্তি
- ঢাকার পথে তারেক রহমান
- কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান
- ‘জিয়াবাড়িতে’ পা রাখলেন তারেক রহমান
- বাগবাড়িতে খাল খনন কর্মসূচি উদ্বোধন
- ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
- হাম টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বাগবাড়ির পথে তারেক রহমান
- ন্যায়বিচার প্রতিষ্ঠায় দরকার ন্যায়পরায়ণ বিচারক: প্রধানমন্ত্রী
- বগুড়া সিটি করপোরেশনের যাত্রা
- বগুড়া সিটি করপোরেশন উদ্বোধনে প্রধানমন্ত্রী
- ৭ জেলায় ই-বেইলবন্ড চালু
- একনজরে প্রধানমন্ত্রীর দিনভর কর্মসূচি
- বগুড়ায় পৌঁছেছেন তারেক রহমান
- তারেক রহমানকে বরণে অপেক্ষায় বগুড়াবাসী
- ২০ বছরের মাথায় বাগবাড়ি সফর
- কখন কোথায় কী কর্মসূচি
- বগুড়ার পথে প্রধানমন্ত্রী
- লাইভ ব্লগে স্বাগত
20 Apr 2026, 08:15 PM
লাইভ ব্লগের সমাপ্তি
প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফর নিয়ে আমাদের লাইভ ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
20 Apr 2026, 08:15 PM
ঢাকার পথে তারেক রহমান
জনসভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রেস ক্লাবের নির্মিত ভবন এবং বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনঃনির্মাণ কাজ উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর বগুড়ায় এটিই তার প্রথম সফর। এর আগে গত ২৯ জানুয়ারি আলতাফুন্নেছা মাঠেই নির্বাচনি জনসভা করেছিলেন বিএনপি চেয়ারম্যান।
জনসভার আগে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে পৈতৃক ভিটা ‘জিয়াবাড়িতে’ কিছু সময় অবস্থান করেন সরকারপ্রধান।
বাবার বাড়ি যাওয়ার আগে প্রধানমন্ত্রী বাগবাড়ির জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে শিশুদের হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। এরপর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে নারীদের হাতে ফ্যামিলি কার্ড বিতরণ করেন তিনি। এছাড়া বাগবাড়ির নশিপুরে সরকারপ্রধান কোদাল দিয়ে মাটি কেটে চৌকিদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন।
এর আগে বগুড়া পৌর ভবনে সিটি করপোরেশন কার্যক্রম এবং আদালত ভবন থেকে বগুড়াসহ সাত জেলায় ই-বেইলবন্ড সিস্টেম চালু করেন।
20 Apr 2026, 05:54 PM
কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান
জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতি দিলেও ‘কিছু রাজনৈতিক দল’ জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, “আজ এই হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে, এই মিডিয়ার সামনে পরিষ্কারভাবে আমি আবারও বলে দিতে চাই—সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাল্লাহ এক এক করে বাস্তবায়ন করব।
“কিন্তু বারবার পরিষ্কারভাবে এই কথা বলে দেওয়ার পরেও আমরা দেখলাম যে কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে।”
সোমবার বিকালে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপির জনসভায় বক্তব্য দিচ্ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার ১১টি কমিশন করেছিল। ১১টি কমিশনের মধ্যে সংবিধান আছে, বিচারের বিষয় আছে, প্রশাসনিক আছে, স্বাস্থ্য আছে, নারী আছে। আজকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা।
“খেয়াল করে দেখবেন, যারা এই সংস্কার সংস্কার করে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে, জুলাই সনদ সম্পর্কে বিভ্রান্ত করতে চাচ্ছে; তারা কিন্তু নারীর স্বাধীনতা অথবা নারীর উন্নয়ন নিয়ে কোনো কথা বলে না।
“তারা বাংলাদেশের মানুষের চিকিৎসার জন্য যে চিকিৎসা কমিশন করা হয়েছিল, বাংলাদেশের মানুষ যাতে ওষুধ সহজে পেতে পারে, চিকিৎসা সহজে পেতে পারে—সেটির ব্যাপারে তারা কোনো কথা বলে না।
“কীভাবে প্রশাসনকে ঠিক করতে হবে সেটির কথা তারা বলে না, কীভাবে আইনশৃঙ্খলা ঠিক করতে হবে সেটির কথা তারা বলে না; তারা শুধু সংবিধান সংবিধান এই বিষয়ে কথা বলে।”
প্রধানমন্ত্রী তারেক রহমান সমর্থকদের উদ্দেশে বলেন, “নির্বাচনের সময় আমি আপনাদের বলেছিলাম যে কীভাবে তারা বিভ্রান্ত করছে। এই গুপ্ত বিভ্রান্তকারীরা আবারও এই বিভ্রান্তের কাজ শুরু করেছে তারা। দুদিন আগের ঘটনা, এই গতকালকের ঘটনা— ময়মনসিংহের ওদিকে একটি জেলায় একটি ব্যক্তিগত তুচ্ছ ঘটনা ঘটেছে।
“এক ছেলে এক মেয়ের সাথে প্রেম করত, তারা বিয়ে-শাদি করেছে, তাদের পরিবারের সমস্যা; দেখেছেন আপনারা, ফেসবুকে দেখেননি? কিন্তু সাথে কি এটাও দেখেছেন—একটি পারিবারিক, একটি ব্যক্তিগত ঘটনাকে কারা রাজনৈতিক রূপ দিয়ে দেশে অশান্তির সৃষ্টির চেষ্টা করেছে, দেখেছেন আপনারা সবাই?”
এদিন বিকাল পৌনে ৫টায় প্রধানমন্ত্রী তারেক রহমান মঞ্চে এসে পৌঁছালে হাজারো সমর্থক মুহুর্মুহু করতালি দিয়ে সরকারপ্রধানকে শুভেচ্ছা জানান। হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর বগুড়ায় এটিই তারেক রহমানের প্রথম জনসভা। এর আগে গত ২৯ জানুয়ারি আলতাফুন্নেছা মাঠেই নির্বাচনি জনসভা করেছিলেন বিএনপি চেয়ারম্যান।
তারেক রহমানের পৈতৃক ভিটা বগুড়ায় আগমন উপলক্ষে সোমবার জনসভার আয়োজন করে জেলা বিএনপি।
দুপুর থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় আসতে শুরু করেন। বিকাল ৩টার মধ্যে পুরো মাঠ প্রাঙ্গণ জনসমুদ্রে রূপ নেয়।
মাঠ প্রাঙ্গণ ছাড়িয়ে আশপাশের সড়কগুলোতে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।
বগুড়ার গাবতলীর বাগবাড়িতে পৈতৃক ভিটা ‘জিয়াবাড়িতে’ কিছু সময় অবস্থানের পর জনসভা স্থলে আসেন তারেক রহমান।
20 Apr 2026, 03:56 PM
‘জিয়াবাড়িতে’ পা রাখলেন তারেক রহমান
দুই দশকের মাথায় পৈতৃকভিটা ‘জিয়াবাড়ি’তে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার বিকাল ৪টায় বগুড়ার গাবতলীর বাগবাড়ির এ বাড়িতে পৌঁছান তিনি। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান।
বাগবাড়ি বাজারের চা দোকানি মোয়াজ্জেম হোসেন বলেন, “হামাগর ছোল নিজের বাড়ি আইছে…এডাই বড় খুশি। আগে একবার আছছিল, তখন প্রধানমন্ত্রী ছিলেন না। এখন প্রধানমন্ত্রী। এক নজর দেখলাম তাকে।”
বাগবাড়ি গ্রামের বাসিন্দা তুহিন মিঞা বলেন, “১৮ বছর বাগবাড়িতে রাস্তা-ব্রিজ কিছুর উন্নয়ন হয়নি। এবার গ্রামের ছেলে প্রধানমন্ত্রী, সব হইব।
“গাবতলী থেকে বাগবাড়ি অনেক দূর। আমরা চাই বাগবাড়ি উপজেলা হোক।”
তারেক রহমান সবশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর ‘জিয়াবাড়ি’তে গিয়েছিলেন।
‘জিয়াবাড়ি’তে যাওয়ার আগে প্রধানমন্ত্রী বাগবাড়ির জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে শিশুদের হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। এরপর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে নারীদের হাতে ফ্যামিলি কার্ড বিতরণ করেন তিনি। এছাড়া বাগবাড়ির নশিপুরে তারেক রহমান কোদাল দিয়ে মাটি কেটে চৌকিদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন।
এর আগে বগুড়া পৌর ভবনে সিটি করপোরেশন কার্যক্রম এবং আদালত ভবন থেকে বগুড়াসহ সাত জেলায় ই-বেইলবন্ড সিস্টেম চালু করেন।
20 Apr 2026, 03:31 PM
বাগবাড়িতে খাল খনন কর্মসূচি উদ্বোধন
পৈতৃকভিটা বগুড়ার গাবতলীর বাগবাড়িতে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার বেলা পৌনে ৪টায় নশিপুরে সরকারপ্রধান কোদাল দিয়ে মাটি কেটে চৌকিদহ খালের খনন কার্যক্রমের সূচনা করেন।
এর আগে বাগবাড়ির শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেন তিনি।
20 Apr 2026, 02:10 PM
ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বগুড়ার গাবতলীর বাগবাড়িতে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ৯১১ জনের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ অনুষ্ঠানে বিএনপির দলীয় সঙ্গীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ পরিবেশন করা হয়। এ সময় দাঁড়িয়ে কণ্ঠ মেলান সরকারপ্রধান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান। তাতে শামিল হন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন। সমর্থকরাও দাঁড়িয়ে কণ্ঠ মেলান।
নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের উন্নয়নে বিএনপি সরকারের নির্বাচনি অঙ্গীকার পূরণে গত ১০ মার্চ ঢাকায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সরকারপ্রধান।
পরীক্ষামূলকভাবে আগামী জুন মাসের মধ্যে ১৪টি উপজেলায় ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারের হাতে দেওয়া হবে ফ্যামিলি কার্ড। এর আওতায় প্রতি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে পাবে।
স্পর্শবিহীন জিপ, কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই কার্ড। পরিবারের মা অথবা নারী প্রধানের নামে এই কার্ড ইস্যু করবে সরকার। ২০৩০ সালের মধ্যে এই কার্ডকে সর্বজনীন সোশাল আইডি কার্ডে রূপান্তর করা হবে।
20 Apr 2026, 01:49 PM
হাম টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জেলার গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার দুপুর পৌনে ২টার দিকে সরকারপ্রধান এ কর্মসূচি উদ্বোধন করেন।
এদিন প্রধানমন্ত্রী ঢাকা থেকে বগুড়া সার্কিট হাউজে পৌঁছান সকাল ১০টায়। এরপর তিনি জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন এবং পরে তিনি আদালত ভবন থেকে বগুড়াসহ সাত জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করেন। এরপর তিনি উদ্বোধন করেন বগুড়া সিটি করপোরেশনের কার্যক্রম।
20 Apr 2026, 01:28 PM
বাগবাড়ির পথে তারেক রহমান
জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধনে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ির উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর ভবনের সামনে সিটি করপোরেশনের কার্যক্রম উদ্বোধন করে তিনি বাগবাড়ির পথ ধরেন।
এদিন প্রধানমন্ত্রী ঢাকা থেকে বগুড়া সার্কিট হাউজে পৌঁছান সকাল ১০টায়। এরপর তিনি জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন এবং পরে তিনি আদালত ভবন থেকে বগুড়াসহ সাত জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করেন। এরপর তিনি উদ্বোধন করেন বগুড়া সিটি করপোরেশনের কার্যক্রম।
20 Apr 2026, 12:52 PM
ন্যায়বিচার প্রতিষ্ঠায় দরকার ন্যায়পরায়ণ বিচারক: প্রধানমন্ত্রী
জামিন পাওয়ার পরও কারমুক্তি বিলম্ব হওয়াকে ন্যায়বিচার বলা যায় কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, “আদালত থেকে জামিন পাওয়ার পর আদালতের বিভিন্ন দপ্তর ঘুরে জামিননামা হাতে পৌঁছাতে কয়েকদিন সময় লাগার কারণে সংশ্লিষ্ট ব্যক্তির কারামুক্তি হতে দেরি হয়। এটি আইনের শাসন হলেও ন্যায়বিচার কি না এ নিয়ে প্রশ্ন করার সুযোগ হয়তো রয়েছে।
“ফ্যাসিবাদী শাসন আমলে আমরা দেখেছি আইনের দোহাই দিয়েই এমন রাতের বেলা আদালত বসিয়ে ভিন্ন দল এবং মতের শত শত মানুষকে শাস্তি দেওয়া হয়েছে। সেগুলো অবশ্যই ন্যায়বিচার ছিল না। বরং আইনি বিচারে আইনের অবিচার চালানো হয়েছিল।”
সোমবার দুপুরে বগুড়া জেলা আদালতে ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “আইনের শাসন এবং ন্যায়বিচার বিষয় দুটি একটি আরেকটির পরিপূরক। আমার কাছে মনে হয় রাষ্ট্রে আইনের শাসনের শেষ কথা নয় বরং ন্যায়বিচার প্রতিষ্ঠাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র এবং সমাজে আইন ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায়।
“ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায় পরায়ণ বিচারক। আমি মনে করি জামিন প্রক্রিয়ায় ই-বেইলবন্ড ব্যবস্থা বিচারপ্রার্থীদের ক্ষেত্রে বিচার প্রতিষ্ঠার যাত্রাপথে একটি উল্লেখযোগ্য ধাপ।”
ই-বেইলবন্ড হচ্ছে আদালত থেকে জামিন মঞ্জুর হওয়ার পর জামিননামা সরাসরি ও দ্রুততম সময়ে কারাগারে পাঠানোর অনলাইন সিস্টেম।
বগুড়া ছাড়াও ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়ায় এ কার্যক্রম চালু করা হয়েছে। জামিন প্রক্রিয়া সহজ করা, দুর্নীতি কমানো এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি দূর করতে সরকার এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
তারেক রহমান বলেন, “একজন বিচারক যেহেতু জামিন আদেশটি যাচাই করে সরাসরি অনলাইনেই কারা প্রশাসনের কাছে পাঠাবেন, সেহেতু কারা প্রশাসন জামিন আদেশ পাওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারা মুক্তি দিতে সক্ষম হবেন। ফলে ই-বেইলবন্ড বা ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থা- বিচার ব্যবস্থায় জনগণের অহেতুক হয়রানি এবং দুর্ভোগের অবসান ঘটাবে।
“ই-বেইলবন্ড সিস্টেমকে পুলিশের সিডিএমএস (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) আদালতের কেস ম্যাজিস্ট্রেট সিস্টেম এবং ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশনের সাথে যুক্ত করার বিষয়টিও আমাদের সরকারের পরিকল্পনার ভেতরে রয়েছে।
“জনদুর্ভোগ লাগাবের উদ্দেশ্যে ব্যবস্থার পুরো প্রক্রিয়াটিকে বর্তমান সরকার কম্পিউটারাইজড সিস্টেমের আওতায় এনে বিচার বিভাগে মডারনাইজেশনের উদ্যোগ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।”
20 Apr 2026, 12:10 PM
বগুড়া সিটি করপোরেশনের যাত্রা
পৌরসভা প্রতিষ্ঠার সার্ধশত বছরে সিটি করপোরেশন পেল উত্তরের জেলা বগুড়া।
বেলা সাড়ে ১১টায় পৌর ভবনে সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফলক উন্মোচন করে সরকারপ্রধান বলেন, “আপনাদের অনেকদিনের দাবি ছিল, আজকে সিটি করপোরেশন করার মধ্য দিয়ে আপনাদের দাবি পূরন হলো।
“বগুড়াকে একটি মডেল টাউনে পরিণত করতে হবে; এটা সরকারের একার পক্ষে করা সম্ভব না। আপনাদের সকলের সহযোগিতা করতে হবে।”
এর মধ্য দিয়ে ১৩তম নগর সংস্থা হিসেবে বগুড়া সিটি করপোরেশন যাত্রা করল।
আগে থেকে থাকা ১২টি সিটি করপোরেশন হচ্ছে—ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।
বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচনের সময়ে স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম, বগুড়া সদর (বগুড়া-৬) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রিটিশ শাসনামলে ১৮৭৬ সালের ১ জুলাই বগুড়া পৌরসভার কার্যক্রম শুরু হয়েছিল। উত্তরাঞ্চলের পুরনো পৌরসভার মধ্যে এটি অন্যতম।
এ পৌরসভার অধীনে ২১টি ওয়ার্ড ছিল। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী বগুড়া পৌরসভার জনসংখ্যা প্রায় ৪ লাখ।
২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে বগুড়া পৌরসভার চার পাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে বগুড়া পৌরসভার আয়তন ৬৯ দশমিক ৫৬ বর্গ কিলোমিটারে উন্নীত করা হয়। তখন সংস্থাটি ১২টি ওয়ার্ড থেকে ২১টি ওয়ার্ডে উন্নীত হয়।
সেই সময় এ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনার কথা জানানো হয়েছিল। তবে গত দুই দশকে তা আর আলোর মুখ দেখেনি।
গত ১২ বছরে আওয়ামী লীগ সরকার রংপুর, কুমিল্লা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, গাজীপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করে। তবে বগুড়া দেশের সর্ববৃহৎ পৌরসভা হলেও তা পৌরসভা হিসেবেই থেকে যায়।
এর আগে প্রধানমন্ত্রী ঢাকা থেকে বগুড়া সার্কিট হাউজে পৌঁছান সকাল ১০টায়। এরপর তিনি জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন এবং পরে তিনি আদালতে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন।
20 Apr 2026, 12:00 PM
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধনে প্রধানমন্ত্রী
পৌরসভা প্রতিষ্ঠার সার্ধশত বছরে সিটি করপোরেশন পেতে যাচ্ছে উত্তরের জেলা বগুড়া।
পৌর ভবনে সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ব্রিটিশ শাসনামলে ১৮৭৬ সালের ১ জুলাই বগুড়া পৌরসভার কার্যক্রম শুরু হয়েছিল। উত্তরাঞ্চলের পুরনো পৌরসভার মধ্যে এটি অন্যতম।
এ পৌরসভার অধীনে ২১টি ওয়ার্ড ছিল। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী বগুড়া পৌরসভার জনসংখ্যা প্রায় ৪ লাখ।
২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে বগুড়া পৌরসভার চার পাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে বগুড়া পৌরসভার আয়তন ৬৯ দশমিক ৫৬ বর্গ কিলোমিটারে উন্নীত করা হয়। তখন সংস্থাটি ১২টি ওয়ার্ড থেকে ২১টি ওয়ার্ডে উন্নীত হয়।
সেই সময় এ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনার কথা জানানো হয়েছিল। তবে গত দুই দশকে তা আর আলোর মুখ দেখেনি।
20 Apr 2026, 11:37 AM
৭ জেলায় ই-বেইলবন্ড চালু
বাবার জেলা বগুড়ায় গিয়ে ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বেলা পৌনে ১২টার দিকে বগুড়া আদালত ভবন থেকে মোট সাত জেলায় এ কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান।
ই-বেইলবন্ড হচ্ছে আদালত থেকে জামিন মঞ্জুর হওয়ার পর জামিননামা সরাসরি ও দ্রুততম সময়ে কারাগারে পাঠানোর অনলাইন সিস্টেম।
বগুড়া ছাড়াও ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়ায় এ কার্যক্রম চালু করা হয়েছে। জামিন প্রক্রিয়া সহজ করা, দুর্নীতি কমানো এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি দূর করতে সরকার এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
এর আগে সরকারপ্রধান বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন।
এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়। সেখান থেকে ১১টার দিকে সরকারপ্রধান হেঁটে জজ কোর্ট প্রাঙ্গণে পৌঁছান। এসময় তার সঙ্গে ছিলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
20 Apr 2026, 10:35 AM
একনজরে প্রধানমন্ত্রীর দিনভর কর্মসূচি
বেলা ১১টা: বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন ও ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন
বেলা ১১টা ৩০ মিনিট: পৌর ভবনে বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন
দুপুর ১২ টা ৪৫ মিনিট: গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন
দুপুর ১টা ৩০ মিনিট: শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ
দুপুর ১টা ৪৫ মিনিট: বাগবাড়ির নশিপুরে চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন
দুপুর ২টা ৩০মিনিট: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি বাগবাড়িতে গমন
বিকাল ৪টা: আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগদান
বিকাল ৫টা ৪৫ মিনিট: বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন
বিকাল ৫টা ৫০ মিনিট: বগুড়া বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনঃনির্মাণ কাজ উদ্বোধন
সন্ধ্যা ৬টা: ঢাকার উদ্দেশে সড়কপথে যাত্রা
20 Apr 2026, 10:26 AM
বগুড়ায় পৌঁছেছেন তারেক রহমান
একদিনের সফরে বগুড়ায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার সকাল ১০টার দিকে সরকারপ্রধানের গাড়িবহর সার্কিট হাউজে পৌঁছায় বলে জানিয়েছেন তার প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গুলশানের বাসা সড়ক পথে বগুড়ায় পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যে তিনি বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন ও ই-বেইলবন্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।”
বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছায় প্রধানমন্ত্রীর গাড়িবহর। এ সময় সরকারপ্রধান তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান; তাকে শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।
20 Apr 2026, 09:59 AM
তারেক রহমানকে বরণে অপেক্ষায় বগুড়াবাসী
সব প্রস্তুতি শেষ, এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষায় বগুড়াবাসী।
রোববার সকাল সাড়ে ১০টায় সরকারপ্রধান বগুড়া পৌঁছাবেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গুলশানের বাসা সড়ক পথে রওনা হয়েছেন। সাড়ে ১০টার মধ্যে বগুড়া পৌঁছানোর কথা রয়েছে।”
বগুড়া জেলা বিএনপির সভাপতি, বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ার সন্তান, বগুড়াবাসীর নয়নের মনি, বাংলাদেশের নেতা। তিনি আগে বগুড়া এসেছেন অনেকবার। কিন্তু এবারে তার আগমন ভিন্ন মাত্রা রয়েছে। তিনি এবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে বগুড়া আসছেন।
“সেজন্য প্রধানমন্ত্রীকে একনজর দেখতে বগুড়াবাসীর উচ্ছ্বাস ও আবেগ অন্যরকম। প্রিয় প্রধানমন্ত্রীকে বরণ করতে বগুড়াবাসী অধীর প্রতীক্ষা আছে।”
বগুড়ার পথে পথে তারেক রহমানকে স্বাগত জানিয়ে ব্যানার-ফ্যাস্টুনও টানানো হয়েছে।
বগুড়ায় এসে প্রধানমন্ত্রী প্রথমে উঠবেন সার্কিট হাউজ। সেখান কিছুক্ষণ অবস্থানের পর প্রধানমন্ত্রী দিনের কর্মসূচি শুরু করবেন।
বগুড়ায় প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস-উদ্দীপনার কমতি নেই। বগুড়া শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা সকাল ৯টা থেকে সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে।
সোনাতলার বৃদ্ধ লোকমান মিয়া বলেন, “বগুড়ার গর্ব তারেক রহমান। এখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাকে দোয়া জানাতে রাস্তার পাশে দাঁড়িয়েছি। আল্লাহ তাকে দীর্ঘজীবন দান করুন।
“প্রেসিডেন্ট জিয়াউর রহমান বগুড়ার সন্তান, তার স্ত্রী দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া…তাদের ছেলে তারেক রহমান এখন প্রধানমন্ত্রী; এটা আমাদের জন্য অন্যরকম গর্ব।”
লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে গত ২৯ জানুয়ারি বগুড়ায় গিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে সোমবারই প্রথম উত্তরের জেলাটিতে যাচ্ছেন তিনি।
20 Apr 2026, 09:12 AM
২০ বছরের মাথায় বাগবাড়ি সফর
দীর্ঘ দুই দশকের মাথায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পৈতৃকবাড়ি বগুড়ার গাবতলির বাগবাড়ি সফরে বেরিয়েছেন।
তার সফর উপলক্ষে ইতোমধ্যে বগুড়া থেকে বাগবাড়ির জিয়াবাড়ি যাওয়ার পথ এবং বগুড়া শহরের যেসব পথে তারেক রহমান যাবেন, সেসব পথ সংস্কার করা হয়েছে।
বনানী এলাকা থেকে বগুড়া জিরো পয়েন্ট সাতমাথা পর্যন্ত সড়কে বিভাজক এবং গাছে রং লাগানো হয়েছে। জজকোর্টের তিন রাস্তা মোড়ে ট্রাফিক আইল্যান্ডের ঘোড়াকেও দেওয়া হয়েছে নতুন রূপ।
জীর্ণদশা কাটিয়ে নতুন রংয়ে সেজেছে ‘জিয়াবাড়ি’। প্রতীক্ষার প্রহর গুনছেন বাড়িটির প্রতিবেশি ও স্থানীয়রা।
বাগবাড়ি বাজারে চা দোকানদার মোয়াজ্জেম হোসেন বলেন, “হামাগর ছোল নিজের বাড়ি আসবো। এডাই বড় খুশি। আগে একবার আছছিল তখন প্রধানমন্ত্রী ছিল না। এবার প্রধানমন্ত্রী। এক নজর দেখমু তাকে।”
বাগবাড়ি গ্রামের বাসিন্দা মো. তুহিন মিঞা বলেন, “১৮ বছর বাগবাড়ীতে রাস্তা-ব্রিজ কিছুর উন্নয়ন হয়নি। এবার গ্রামের ছেলে প্রধানমন্ত্রী, সব হবে। গাবতলী থেকে বাগবাড়ী অনেক দূর। আমরা চাই বাগবাড়ি উপজেলা হোক।”
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বজন, প্রতিবেশী বাবলু তালুকদার বলেন, “বাড়ির ছেলে প্রধানমন্ত্রী, এর চেয়ে গৌরবের কী আছে? প্রায় দুই যুগ পর প্রধানমন্ত্রী হয়ে তিনি নিজ বাড়িতে আসছে। তাকে বরণ করার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
বিএনপি চেয়ারম্যান পৈতৃক বাড়িতে সবশেষ গিয়েছিলেন ২০০৬ সালের ২৪ ডিসেম্বরে। তার এবারের সফরে সঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
20 Apr 2026, 09:02 AM
কখন কোথায় কী কর্মসূচি
20 Apr 2026, 08:51 AM
বগুড়ার পথে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার পৈতৃকভিটা বগুড়ায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশান অ্যাভেনিউয়ের বাসা থেকে তিনি উত্তরের পথে রওনা হন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বগুড়ার পথে। সড়ক পথে তিনি বগুড়া যাচ্ছেন। সাথে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আছেন।”
সরকারপ্রধান তার বাসে করে সফরসঙ্গীদের নিয়ে যাচ্ছেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, বগুড়ায় প্রধানমন্ত্রী ব্যস্ত সময় কাটাবেন। ফ্যামিলি কার্ড বিতরণ, হামের টিকাদান ক্যাম্পেইনসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। যাবেন পৈতৃক বাড়িতেও। বিকালে যোগ দেবেন বিএনপির জনসভায়।
এসব কর্মসূচি শেষে রাতে সড়ক পথেই প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন বলে জানান তিনি।
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম তারেক রহমান বগুড়ায় আসছেন।
প্রধানমন্ত্রীর সফরসূচি: সকাল ১১টায় বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন, সোয়া ১১টায় আদালতে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন, সাড়ে ১১টায় বগুড়া পৌর ভবনে সিটি করপোরেশনের ফলক উন্মোচন, দুপুর পৌনে ১টায় গাবতলীর বাগবাড়িতে জিয়াউর রহমানের গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন, ১টায় শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, পৌনে ২টায় নসিপুরে চৌকিদহ খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী যাবেন বাগবাড়ির নিজের পৈতৃক বাড়িতে।
বিকালে ৪টায় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জনসভা শেষে করে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বগুড়া বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
20 Apr 2026, 08:28 AM
লাইভ ব্লগে স্বাগত
দুই দশক বাদে সোমবার পৈতৃকভিটা বগুড়ার বাগবাড়ি সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার কর্মসূচির মধ্যে রয়েছে- বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন, জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন কার্যক্রম উদ্বোধন।
এরপর প্রধানমন্ত্রী যাবেন গাবতলীর বাগবাড়িতে নিজের পৈতৃক বাড়িতে। সবশেষ এ বাড়িতে তিনি গিয়েছিলেন ২০০৬ সালের ডিসেম্বরে। বিকালে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন তিনি।
বিএনপি চেয়ারম্যানের দিনভর কর্মসূচির সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি সুমন মাহমুদ ও রোকন রাকিব।