২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

নির্বাসনের অবসান, ফিরলেন তারেক রহমান

  • লন্ডন থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইট সিলেট হয়ে ঢাকায় পৌঁছায় বেলা পৌনে ১২টায়; এ ফ্লাইটেই দেশে আসেন তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা।
  • বিমানবন্দরে আলিঙ্গনে-করমর্দনে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান বিএনপির জ্যেষ্ঠ নেতারা। 
  • ভিআইপি লাউঞ্জের আনুষ্ঠানিকতা শেষ করে বাসে করে তারেক রহমান পৌঁছান জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের (তিনশ ফিট সড়ক) কাছে সংবর্ধনার অনুষ্ঠানস্থলে। সেখানে মঞ্চে উঠে নেতা-কর্মীসহ দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন তিনি।
  • ঐক্যের ডাক দিয়ে তারেক বলেন, “আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার।”
  • সংবর্ধনা অনুষ্ঠান শেষ করে তারেক রহমান তার মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। বসুন্ধরার এই হাসপাতালে গত ২৩ নভেম্বর থেকে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
  • এভারকেয়ার থেকে পরে তারেক রহমান যান গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে। সেখানেই পরিবার নিয়ে থাকবেন তিনি।

25 Dec 2025, 08:54 PM

তারেক রহমানের গৃহপ্রবেশ

যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে ঢাকায় নামার পর তারেক রহমানের বাড়ি পৌঁছাতে লেগে গেল প্রায় ৯ ঘণ্টা।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গুলশানে ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছান তিনি। পাশের বাড়ি ‘ফিরোজা’ মা খালেদা জিয়ার আবাসস্থল।
এদিন বেলা পৌনে ১২টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট। তাতে তারেক রহমান তার সহধর্মিণী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে ঢাকায় পৌঁছান। 
সেখানে উষ্ণ অভ্যর্থনা শেষে বেলা সাড়ে ১২টায় নেতাকর্মীদের নিয়ে বাসে চেপে ৩০০ ফিটের পথে রওনা হন বিএনপি নেতা। খুব ধীরগতিতে চলা গাড়িবহর সমাবেশস্থলে পৌঁছাতে লেগে যায় সোয়া ৩ ঘণ্টা। এসময় বাসের সামনে দাঁড়িয়ে তারেক রহমান হাত নেড়ে সড়কের দুই পাশে অপেক্ষমান নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।
সমাবেশ মঞ্চে উঠে বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসেন তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সংক্ষিপ্ত বক্তব্য শেষে ১৫ মিনিটের মত বক্তব্য দেন তারেক।
এরপর বিকাল সোয়া ৪টায় তিনশ ফিট হয়ে পাশের বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছান বিকাল ৫টা ৫০ মিনিটে। সেখানে মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখে গুলশানের বাড়ির পথে রওনা হন সন্ধ্যা সাড়ে ৭টায়।
এরপর এক ঘণ্টায় তারেক এবং পরিবারের সদস্যরা পৌঁছান গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে। 
তারেকের বাবা রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার মাকে বাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছিল। মাস কয়েক আগে এ বাড়ির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু।

25 Dec 2025, 07:46 PM

মা খালেদা জিয়াকে দেখে হাসপাতাল থেকে বাসার পথে তারেক

এভারকেয়ার হাসপাতালে দেড় ঘণ্টা মা খালেদা জিয়ার সঙ্গে কাটিয়ে গুলশানের ১৯৬ নম্বর বাড়ির পথে রওনা হয়েছেন তারেক রহমান। ওই বাড়িতেই তিনি পরিবার নিয়ে থাকবেন।  
তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে এভারকেয়ারে এসেছিলেন। ৩০০ ফিট সড়কে সংবর্ধনা অনুষ্ঠান শেষ করে তারেকও কাছাকাছি সময়ে হাসপাতালে আসেন। 
যে বাসে করে বিমানবন্দর থেকে এসেছিলেন, সেই বাসে করেই স্ত্রী ও মেয়েকে নিয়ে তিনি বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
 

25 Dec 2025, 06:03 PM

আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা ‘ষড়যন্ত্রে’ লিপ্ত: তারেক

দেশে এখনো বিভিন্ন আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র দেখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, “বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে; আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। 

“বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন; এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। শক্ত ভিত্তির উপরে—গণতান্ত্রিক ভিত্তি, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি।”

যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফিরে ঢাকার তিনশ ফিটে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন তারেক রহমান। 

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, “প্রিয় ভাই-বোনেরা, কয়েকদিন আগে এই বাংলাদেশের চব্বিশের আন্দোলনের এক সাহসী, প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই-বোনেরা, ওসমান হাদি চেয়েছিল—এদেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক। এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক। 

“আজ চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদিসহ, একাত্তরে যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময়ে বিভিন্নভাবে গুম খুনের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়—আসুন, আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব; যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব।“

25 Dec 2025, 05:52 PM

এভারকেয়ারে তারেক রহমান

ঢাকার তিনশ ফিট সড়কে জনসমুদ্রে সংবর্ধনা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পৌঁছেছেন বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে। গত ২৩ নভেম্বর থেকে সেখানে ভর্তি আছেন তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে মঙ্গলবার বেলা পৌনে ১২টায় ঢাকার শাহজালাল বন্দরে পৌঁছান তারেক রহমান। সেখানে উষ্ণ অভ্যর্থনা নিয়ে সোয়া ৩ ঘণ্টায় পৌঁছান ৩০০ ফিটের সমাবেশে। সেখানে ১৫ মিনিটের মতো বক্তৃতা করেই বিএনপি নেতা হাসপাতালে মাকে দেখতে গেছেন।

এভারকেয়ার থেকে তিনি যাবেন গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে। এর পাশেই ‘ফিরোজা’ নামের বাড়িটি তার মা খালেদা জিয়ার আবাসস্থল।

তারেক রহমানকে দেখতে বিমানবন্দর থেকে সমাবেশস্থল পর্যন্ত যেমন উপচেপড়া ভিড় দেখা গেছে, তেমনই তারেক রহমানের হাসপাতালযাত্রার পুরো পথেই নেতাকর্মীদের ভিড় সামাল দিতে গলদঘর্ম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর।

বগুড়ার গাবতলী থেকে আসা সত্তরোর্ধ্ব আব্দুল হাই সকাল থেকেই এভারকেয়ারের সামনে অপেক্ষা করছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা জানি উনারা সম্ভ্রান্ত পরিবারের। তাদের সুনাম অনেক। ৩০০ ফিটে অনেক ভিড়, তাই নেতাকে দেখতে এখানে অপেক্ষা করছি।”

25 Dec 2025, 05:41 PM

বিশেষ চেয়ার সরিয়ে সাধারণে তারেক রহমান

দেড় যুগের নির্বাসিত জীবন পেরিয়ে দেশে ফিরেই তারেক রহমান যে মঞ্চে বক্তৃতা করেছেন, সেই মঞ্চে উঠে বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসে পড়েন বিএনপি নেতা।

এদিন বেলা পৌনে ১২টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছার পর তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়। এরপর বেলা সাড়ে ১২টা থেকে সোয়া ৩ ঘণ্টায় তিনি বিমানবন্দর থেকে ৩০০ ফিটের সমাবেশস্থলে পৌঁছান তিনি। সেখানে বক্তৃতা করে এভারকেয়ার হাসপাতালে মাকে দেখতে গেছেন তারেক রহমান।

 

25 Dec 2025, 05:34 PM

এভারকেয়ারের পথে তারেক রহমান

ঢাকার ৩০০ ফিট সড়কে জনসমুদ্রে সংবর্ধনা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাচ্ছেন বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে। গত ২৩ নভেম্বর থেকে সেখানে ভর্তি আছেন তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে মঙ্গলবার বেলা পৌনে ১২টায় ঢাকার শাহজালাল বন্দেরে পৌঁছান তারেক রহমান। সেখানে উষ্ণ অভ্যর্থনা নিয়ে সোয়া ৩ ঘণ্টায় পৌঁছান ৩০০ ফিটের সমাবেশে। সেখানে পনের মিনিটের মতো বক্তৃতা করেই বিএনপি নেতা হাসপাতালে মাকে দেখতে যাচ্ছেন।

এভারকেয়ার থেকে তিনি যাবেন গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে। এর পাশেই ‘ফিরোজা’ নামের বাড়িটি তার মা খালেদা জিয়ার আবাসস্থল।

25 Dec 2025, 05:08 PM

মানুষ কথা বলার অধিকার ফিরে চায়: তারেক

নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, “আমরা চাই, সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যে বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন; অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। 

“যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু—যেই হোক না কেন, নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে।”

যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফিরে ঢাকার তিনশ ফিটে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন তারেক রহমান। 

তিনি বলেন, “আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায়, তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। 

“প্রিয় ভাই-বোনেরা, আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে; এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুসহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে।”
 

25 Dec 2025, 04:50 PM

তারেক রহমানের দেশে ফেরা: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টুডিও থেকে

25 Dec 2025, 04:12 PM

আই হ্যাভ এ প্ল্যান: তারেক রহমান

প্রায় ১৮ বছর পর দেশে ফিরে পূর্বাচলে লাখো মানুষের সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে বিএনপি নেতা তারেক রহমান স্মরণ করলেন মার্টিন লুথার কিংয়ের অমর বাণী; সেই সুরে সুর মিলিয়ে বললেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’।

দেশবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, “প্রিয় ভাই-বোনেরা, মার্টিন লুথার কিং—নাম শুনেছেন না আপনারা? নাম শুনেছেন তো আপনারা? মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়ালগ আছে— ‘আই হ্যাভ এ ড্রিম‘। 

“আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে আপনাদের সামনে আমি বলতে চাই—আই হ্যাভ এ প্ল্যান ফর দি পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি।”

তিনি বলেন, “আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য; যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়—প্রিয় ভাই-বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন; প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। 

“আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা ‘আ হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়ন করতে সক্ষম হব।“

25 Dec 2025, 04:03 PM

বক্তব্য দিচ্ছেন তারেক রহমান

বিমানবন্দর থেকে সোয়া ৩ ঘণ্টায় ৩০০ ফিট সড়কে সমাবেশস্থলে পৌঁছান তারেক রহমান। তিনি ৩টা ৫০ মিনিটে মঞ্চে ওঠেন, এরপর প্রথমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এরপর স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সংক্ষিপ্ত বক্তব্য দেন। এরপরই বক্তৃতা শুরু করেছেন দেড় যুগ বাদে দেশে ফেরা তারেক রহমান।

সংবর্ধনা অনুষ্ঠান সেরে তারেক রহমান যাবেন এভারকেয়ার হাসপাতালে। গত ২৩ নভেম্বর থেকে সেখানে ভর্তি আছেন তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

এভারকেয়ার থেকে তিনি যাবেন গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে। এর পাশেই ‘ফিরোজা’ নামের বাড়িটিতে থাকেন তার মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

25 Dec 2025, 03:51 PM

বিমানবন্দর থেকে সোয়া ৩ ঘণ্টায় সমাবেশস্থলে তারেক

দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেই ঢাকার ৩০০ ফিট সড়কে সংবর্ধনা অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন বিএনপি নেতা তারেক রহমান। সেখানে দলের তরফে তাকে সংবর্ধনা দেওয়া হবে; নেতাকর্মীসহ দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি নেতা।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় তারেক রহমান ও তার পরিবারকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে উষ্ণ অভ্যর্থনার পর বেলা সাড়ে ১২টায় নেতাকর্মীদের নিয়ে বাসে চড়ে তিনি ৩০০ ফিটের পথে রওনা হন। খুব ধীরে চলা গাড়িবহরটি বিকাল পৌনে ৪টায় সমাবেশস্থলে পৌঁছায়।

সংবর্ধনা অনুষ্ঠান সেরে তারেক রহমান যাবেন এভারকেয়ার হাসপাতালে। গত ২৩ নভেম্বর থেকে সেখানে ভর্তি আছেন তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

এভারকেয়ার থেকে তিনি যাবেন গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে। এর পাশেই ‘ফিরোজা’ নামের বাড়িটিতে থাকেন তার মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

25 Dec 2025, 03:49 PM

আবু তালেবের তারেক দর্শন

তারেক রহমানকে দেখবেন বলে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলেন আবু তালেব। কুড়িল পর্যন্ত আসতে আসতেই ৯টা বেজে গেছে। ততক্ষণে পুরো এলাকা জনসমুদ্র।
উপায়ান্তর না পেয়ে সকাল ১০টার দিকে খিলক্ষেত থানার ঠিক উল্টো দিকে কুড়িল ফ্লাই ওভারের মুখে রোড ডিভাইডারের ওপর উঠে দাঁড়ান তিনি। সেখানেও তখন সার বেঁধে শত শত লোক দাঁড়িয়ে।
তারেক রহমানের গাড়িবহর যখন কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে, তখন বাজে বেলা ২টা। চার ঘণ্টা ধরে কখনো দাঁড়িয়ে, কখনো বসে, কখনো পা ঝুলিয়ে বসে সময় পার করছিলেন ৬০ ছুঁই ছুঁই আবু তালেব।
গাড়িবহর চলে যাওয়ার পর যখন জানতে চাওয়া হল, কেন এখানে এসেছেন, আবু তালেব বললেন, "তারেক রহমানরে দেখতে আইছি। আমি সংসদ ভবনের স্টাফ, হাওয়া ভবনে তারে দেখছিলাম। সেখানকার মসজিদে তার সাথে ফজরের নামাজও পড়ছি অনেকদিন। সেজন্য এক নজর চাইতে আইছি।"
ওই দূরত্বটা থেকে কাউকে ভালোভাবে একনজর দেখা কঠিনই বটে। তবে তাতেই মোটামুটি সন্তুষ্ট আবু তালেব।
হাঁটার গতিতে চলার বাসের ভেতর থেকে তারেক রহমান যখন হাত নাড়ছিলেন, তখন ডিভাইডারের ওপর থেকে তালেবসহ অনেকে চিৎকার করে উল্লাস করছিলেন।
কেন উল্লাস করছিলেন জানতে চাইলে আবু তালেবের সোজা উত্তর, "উনি আসছেন। দেখবেন এখন দেশটা ঠাণ্ডা হইয়া যাইব। চারদিকে এত গ্যাঞ্জাম ভালো লাগে না।"
দৈনিক মজুরির ভিত্তিতে সংসদ ভবনের বার্তাবাহক হিসেবে কর্মরত আবু তালেব এক সময় ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর ব্যক্তিগত কর্মী ছিলেন। সেই সুবাদেই তারেক রহমানের সঙ্গে এক মসজিদে নামাজ আদায়ের সুযোগ ঘটেছিল বলে জানালেন।

25 Dec 2025, 03:45 PM

এভারকেয়ারের সামনেও নেতা–কর্মীদের ভিড়

৩০০ ফিট সড়কে সংবর্ধন অনুষ্ঠান সেরে তারেক রহমান তার মা খালেদা জিয়াকে দেখতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যাবেন। হাসপাতালের সামনেও ভিড় করেছেন বিপুল সংখ্যক নেতা-কর্মী। তারেক রহমানকে একনজর দেখতে চান তারা।
ভিড়ের কারণে এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে সেখানে।

25 Dec 2025, 03:40 PM

সার্বভৌম শক্তির মালিক আল্লাহ: তারেক

25 Dec 2025, 03:09 PM

তারেককে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: শহিদুল আলম

নতুন বাংলাদেশ গড়তে জীবনযাত্রায় বড় পরিবর্তন আনতে বিএনপি নেতা তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন আলোকচিত্রী শহিদুল আলম।

যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে তারেক রহমানের রাজসিক প্রত্যাবর্তনের মধ্যে বৃহস্পতিবার দুপুর দেড়টায় ফেইসবুকে তিনি এ আহ্বান জানান।

শহিদুল আলম লিখেছেন, “আমি মনে করতে পারি, মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থাকাকালীন তার সঙ্গে কুয়ালালামপুরের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলের সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে প্রায় ধাক্কা লেগে যাচ্ছিল। সেখানে কোনো নিরাপত্তারক্ষী ছিল না। তার চারপাশে কেবল কয়েকজন স্কুলছাত্রী ছিল, যারা অটোগ্রাফ চাইছিল। আবার মনে আছে, একটি স্কুলের অনুষ্ঠানে আমার পাশে যে মানুষটি নিজের প্লেট নিজেই ধুচ্ছিলেন, তিনি যে নরওয়ের প্রধানমন্ত্রী কিয়েল ম্যাগনে বান্দোভিক তা পরে জানতে পারি।

“তবে বাংলাদেশের প্রেক্ষাপট একেবারেই আলাদা; এখানে ভিআইপি সংস্কৃতি ও নিরাপত্তা-সংক্রান্ত ধারণাগত হুমকির কারণে সরকারপ্রধানদের মানুষের কাছ থেকে অনেক বেশি দূরত্ব বজায় রাখতে হয়। আগামী দিনগুলোতে তারেক রহমানকে তার জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আনতে হবে।”

25 Dec 2025, 02:50 PM

তারেককে স্বাগত জানালেন জামায়াত আমির

দীর্ঘ দেড় যুগের দীর্ঘ নির্বাসন ভেঙে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বৃহস্পতিবার দেড়টার দিকে ফেইসবুক পোস্টে তারেকসহ তার পরিবারকে স্বাগত জানিয়ে শফিকুর লেখেন, “জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম।”

এদিন বেলা ১২টায় রাজধানী ঢাকার মাটিতে নামেন তারেক রহমান। সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদ রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমান।

লন্ডন থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় আসেন তারা।

এর ঘণ্টা দেড়েক পর ফেইসবুকে পোস্ট দিয়ে তাদের স্বাগত জানান জামায়াতের আমির।

এক সময় ভোটে ও সরকারে বিএনপি জোটের সঙ্গী দল জামায়াতের প্রধান শফিকুর রহমান গত এপ্রিলে তার লন্ডন সফরের সময় দেখা করেছিলেন তারেক রহমানের সঙ্গে। সেসময় তারেকের মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন।
শফিকুর বিএনপি চেয়ারপারসনকে দেখতে গিয়েছিলেন। তখন তারেকের সঙ্গে তার বৈঠকের খবর আসে সংবাদমাধ্যম।

তবে চলতি মাসে জামায়াত আমিরের লন্ডন সফরের সময় তাদের দেখা হওয়ার কোনো খবর আসেনি। এক সময়ের জোটের দুই সঙ্গী এখন ভোটের মাঠে প্রতিদ্ব্ন্দ্বী।

25 Dec 2025, 02:45 PM

বাড়ি পৌঁছেছেন জুবাইদা-জাইমা

ঢাকায় পৌঁছার পর শাহজালাল বিমানবন্দর থেকে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছেছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। 

দুপুর আড়াইটায় বিএনপির ফেইসবুক পেইজে জানানো হয়, তাদের বহনকারী গাড়ি বাসায় পৌঁছেছে। ভিডিতে জুবাইদা ও জাইমার পাশাপাশি তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুকেও দেখা গেছে।

১৯৬ নম্বর বাড়ির পাশেই ‘ফিরোজা’ নামের বাড়িটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবাসস্থল।

রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পরে তার সহধর্মিনী খালেদা জিয়াকে বাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছিল। মাস কয়েক আগে এ বাড়ির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু।

তারেকের ছোট ভাই, প্রয়াত আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান দুদিন আগেই ঢাকায় আসেন। 

25 Dec 2025, 02:24 PM

বদলে যাওয়া দেশ, নতুন রাজনীতি

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমান যখন লন্ডনে গেলেন, দেশের ক্ষমতায় তখন একটি সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার। তখন মানুষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল। মানুষ গণতন্ত্রে ফেরার অপেক্ষায় ছিল।

প্রায় ১৮ বছর পর তিনি দেশে ফিরলেন। এখন দেশের ক্ষমতায় আরেকটি অনির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। মানুষ এখনো ভোটের জন্য দিন গুনছে। রাজনৈতিক দলগুলো গণতন্ত্রে ফেরার অপেক্ষায় রয়েছে। 

এত মিল, কিন্তু তারেক রহমান পা রাখছেন অন্য এক বাংলাদেশে। 

আওয়ামী লীগের টানা ১৫ বছরে রাজনীতি, অর্থনীতি আর অবকাঠামোতে বড় পরিবর্তন এসেছে। আরো বড় পরিবর্তন এনে দিয়েছে চব্বিশের গণঅভ্যুত্থান। 

সেই অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার উৎখাত হয়েছে। বিএনপির সামনে খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দুয়ার।

প্রশ্ন হল, তারেক রহমান তার এই ফেরাকে কতটা গুরুত্বপূর্ণ করে তুলতে পারবেন? বিএনপিকে তিনি ভবিষ্যতে কোন পথে নিয়ে যাবেন?

25 Dec 2025, 02:16 PM

‘সবার প্রতি কৃতজ্ঞতা’

দীর্ঘ বিমান যাত্রার পর বিমানবন্দর থেকে তারেক রহমান যাচ্ছেন ৩০০ ফিটের সংবর্ধনা স্থলের দিকে। বিএনপির পতাকার রঙে সাজানো বাসে চড়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গী করে চলেছেন তিনি। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে তার মাতৃভূমিতে ফেরার দিনে নেতাকর্মীদের ভিড়ে জনসমুদ্রে পরিণত হয়েছে বিমানবন্দর থেকে কুড়িল হয়ে ৩০০ ফিটের সড়ক। 

সমাবেশ স্থলের কাছেও কোনো ঠাঁই নেই। শীত উপেক্ষা করে রাত আর ভোর থেকেই তা ভরে উঠেছে নেতাকর্মীদের ভিড়ে। বাকিরা অবস্থান নিয়েছে ৩০০ ফিটের সড়কের দুই ধারে।

বিমানবন্দরের বাইরে থেকে সড়কের দুই ধারে মানুষের দীর্ঘ সারি। সাড়ে ১২টার কিছু পরে ভিআইপি গেট দিয়ে বের হয়ে ধীর গতিতে এগোচ্ছে তার গাড়ি বহর। বাসের সামনের দিকে দাঁড়িয়ে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। গাড়ি এগোচ্ছে আর স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে দুই পাশের এলাকা। 

মানুষের এমন উচ্ছ্বাসে উচ্ছ্বসিত হয়ে তারেক রহমান তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মিনিট ২০ আগে ফেইসবুক ছোট্ট একটি পোস্টে তিনি লেখেন, ‘সবার প্রতি কৃতজ্ঞতা’।

25 Dec 2025, 02:15 PM

‘লিডার ফিরেছেন’

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিএনপি নেতাকর্মীরা দারুণ উজ্জীবিত।

বিভিন্ন সড়কে তারেক রহমানকে স্বাগত জানিয়ে টানানো হয়েছে ব্যানার। কোনো কোনো ব্যানারে লেখা– ‘লিডার আসছেন’।

একজন বিশ্লেষক বলেছেন, তারেক রহমানের সামনে এখন সত্যিকারের ‘স্টেটসম্যান’ হয়ে ওঠার সুযোগ।

25 Dec 2025, 02:07 PM

স্লোগানে মুখরিত ৩০০ ফিট

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জড়ো হওয়া নেতাকর্মীরা বিমানবন্দর থেকে ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চ পর্যন্ত সড়কের দুই পাশে সারি বেঁধে দাঁড়িয়েছেন। কোথাও কোথাও ভিড় উপচে পড়ছে। নেতাকর্মীরা তাদের নেতাকে একনজর দেখার চেষ্টায় আছেন।

তারেকের গাড়ি বহর বিমানবন্দর থেকে ধীর গতিতে এগিয়ে যাওয়ার সময় দুই ধারে অবস্থান করা নেতাকর্মীরা একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন। তাদের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে পুরো এলাকা। কুড়িল থেকে ৩০০ ফিটের পুরো সড়ক মুখরিত নানান স্লোগানে।

এক দলের স্লোগান থামছে তো, শুরু হচ্ছে আরেক দলের। খণ্ড খণ্ড মিছিল আর স্লোগানে সকাল হওয়ার আগেই ভরে গেছে সংবর্ধনাস্থল। পুরো এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে।

25 Dec 2025, 01:37 PM

এসেছে জেবুও

বিএনপি নেতা তারেক রহমানের দেশে ফেরার যাত্রায় সঙ্গী হয়েছে পোষা বিড়াল জেবুও।

বিপুল সংবর্ধনায় তারেকের এই স্বদেশ প্রত্যাবর্তন যাত্রার পাশাপাশি জেবুর দেশে ফেরার খবর দিয়েছে বিএনপি।

মেয়ে জাইমা রহমানের পোষা বিড়াল জেবু যে প্রবাস জীবনে সময় কাটানোর অংশ ছিল, তা ইতোমধ্যে জানিয়েছেন তারেক।

চলতি বছরের এপ্রিলে জেবুর সঙ্গে নিজের তোলা তিনটি ছবি ফেইসবুকে প্রকাশ করেন এই বিএনপি নেতা। ছবিতে দেখা যায়, মুঠোফোনে জেবুকে কী যেন দেখাচ্ছিলেন তিনি, আর জেবুও নিবিষ্টমনে দেখছিল।

অক্টোবরে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রশ্ন আসে, জেবুকে নিয়েও। মেয়ের পোষা বিড়াল কীভাবে পরিবারের আদুরে হয়ে উঠল, সে কথা সেখানে বলেন তিনি।

তারেক রহমান বলেন, “এখানে একটু ক্লিয়ার করে নেই, বিড়ালটি আমার মেয়ের বিড়াল। ও এখন অবশ্য সবারই হয়ে গিয়েছে। আমরা সবাই ওকে আদর করি।”

25 Dec 2025, 01:27 PM

তারেকের ঠিকানা গুলশানের ১৯৬ নম্বর বাড়ি

দেড় যুগ বাদে দেশে ফেরা তারেক রহমান দিনের কর্মসূচি শেষে উঠবেন গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে।

বেলা সাড়ে ১২টার শাহজালাল বিমানবন্দর থেকে নেতাকর্মীদের নিয়ে বাসে চড়ে তিনি ৩০০ ফিটের পথে রওনা হয়েছেন। সেখানে দলের তরফে তাকে সংবর্ধনা দেওয়া হবে।

সংবর্ধনা অনুষ্ঠান সেরে তারেক রহমান যাবেন এভারকেয়ার হাসপাতালে। গত ২৩ নভেম্বর থেকে সেখানে ভর্তি আছেন তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

এভারকেয়ার থেকে তিনি যাবেন গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে। এর পাশেই ‘ফিরোজা’ নামের বাড়িটিতে থাকেন তার মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

১৯৬ নম্বর বাড়িটি রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পরে তার সহধর্মিনী খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। এ সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভা।

মাস কয়েক আগে এ বাড়ির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু।

25 Dec 2025, 12:56 PM

কড়া নিরাপত্তায় এগোচ্ছে গাড়ি বহর

তারেকের গাড়ি বহর বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চের দিকে যাবার পথে তার বাসকে ঘিরে কঠোর নিরাপত্তা দেওয়া হচ্ছে। সেনা, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি সামনে-পেছনে রয়েছে। দুই পাশে হেঁটে হেঁটে নিরাপত্তা বাহিনীর সদস্যরা চলছেন। 

গাড়ি বহর চলছে ধীর গতিতে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা চারপাশে নজর রাখার পাশাপাশি সড়কের দুই পাশে থাকা কর্মী সমর্থকদের গাড়ি বহর থেকে দূরে রাখছেন।

25 Dec 2025, 12:48 PM

বিমানবন্দর থেকে ইউনূসকে তারেকের ফোন

বিএনপি নেতা তারেক রহমান দেড় যুগ বাদে ঢাকায় নেমেই বিমানবন্দর থেকে ফোনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলছেন। নিরাপত্তা ও বিভিন্ন ধরনের সহায়তার জন্য এসময় তিনি সরকারপ্রধানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কথোপকথনে তারেককে বলতে শোনা যায়-

“জি জি...আমার জন্য আমার...জি জি...আপনার শরীর কেমন আছে?”

...

“হ্যাঁ, দোয়া করবেন, দোয়া করবেন।”

...

“আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। অ্যান্ড উই আর থ্যাঙ্ক ইউ সো মাচ...থ্যাঙ্ক ইউ সো মাচ। সব রকম আয়োজনের জন্য।”

...

“নিশ্চয়ই, নিশ্চয়ই। জি নিশ্চয়ই...ইনশাল্লাহ...ইনশাল্লাহ।”

 

25 Dec 2025, 12:35 PM

কর্মীদের সঙ্গে বাসে চড়ে ৩০০ ফিটের পথে তারেক

বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার পর বিএনপির পতাকা রঙে সাজানো বাসে চড়ে নেতাকর্মীদের সঙ্গে ৩০০ ফিট সড়কের পথে রওনা হয়েছেন তারেক রহমান। সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হবে। বিএনপি নেতা বাসের সামনের অংশ থেকে হাত নেড়ে কর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন।

সেই অনুষ্ঠান হবে খুবই সংক্ষিপ্ত। মঞ্চে উঠে নেতা-কর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান।

সংবর্ধনা অনুষ্ঠান সেরে তারেক রহমান যাবেন এভারকেয়ার হাসপাতালে। গত ২৩ নভেম্বর থেকে সেখানে ভর্তি আছেন তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

এভারকেয়ার থেকে পরে তারেক রহমান যাবেন গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায়। 

25 Dec 2025, 12:33 PM

দেশের মাটির স্পর্শ নিলেন তারেক রহমান

বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জুতা খুলে খালি পায়ে দেশের মাটির স্পর্শ নিলেন তারেক রহমান। এসময় এক টুকরো মাটি হাতে নিয়ে স্পর্শ নেন মাতৃভূমির। 

25 Dec 2025, 12:30 PM

বিমানবন্দর ছাড়লেন জুবাইদা-জাইমা

ঢাকায় পৌঁছার পর শাহজালাল বিমানবন্দর ছেড়েছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তাদের বহনকারী গাড়ি যাবে গুলশানের ১৯৬ নম্বর বাসায়। 

এদিকে তারেক রহমান বিমানবন্দর থেকে যাবেন ৩০০ ফিট সড়কে, সেখানে দলের তরফে তাকে সংবর্ধনা দেওয়া হবে।
 

25 Dec 2025, 12:03 PM

তারেক রহমানের ফেরা: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টুডিও থেকে

25 Dec 2025, 11:58 AM

আলিঙ্গনে তারেককে বরণ

দেড় যুগের নির্বাসিত জীবন পেরিয়ে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিমানবন্দরে আলিঙ্গনে-করমর্দনে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দলের জ্যেষ্ঠ নেতারা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ (টুকু) ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনও উপস্থিত ছিলেন বিমানবন্দরে।


 

25 Dec 2025, 11:40 AM

অবশেষে ঢাকায় তারেক রহমান

সোয়া ছয় হাজার দিন পর দেশের মাটিতে পা রাখলেন বিএনপি নেতা তারেক রহমান। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিএনপি নেতার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা। 

এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে ফ্লাইটটি সিলেটের ওসমানী বিমানবন্দরে পৌঁছায়। সেখানে সোয়া ঘণ্টার যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ১১ মিনিটে বিমানটি ঢাকার পথে রওনা হয়।

যাত্রাবিরতির সময় তারেক রহমান বিমানেই অবস্থান করেন। সকাল ১০টা ১৮ মিনিটে ফেইসবুকে সস্ত্রীক হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে বিএনপি নেতা লেখেন, “অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!”

এর আগে সকাল ৯টা ৩৪ মিনিটে আরেক পোস্টে তিনি লেখেন, “দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”


 

25 Dec 2025, 11:24 AM

দেশকে ঐক্যবদ্ধ করতে পারবেন তারেক?

সবচেয়ে বেশি সময় বাংলাদেশ শাসন করা দুই নেত্রীর একজন শেখ হাসিনা গণঅভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে নির্বাসনে আছেন। আরেকজন খালেদা জিয়া অসুস্থতার কারণে রাজনীতি থেকে কার্যত দূরে।

চব্বিশের অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে দেখা যাচ্ছে নতুন মেরুকরণ, নতুন বিভাজন। আওয়ামী লীগহীন ময়দানে জামায়াতে ইসলামী এখন নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ক্ষমতা থেকে দূরে সাড়ে ১৭ বছরে বিএনপির অনেক জ্যেষ্ঠ নেতা মারা গেছেন, অনেকে রাজনীতিতে নিষ্ক্রিয়। বিএনপির মত সব দলেই এখন নতুনদের জায়গা করে দেওয়ার সময়।

এমন বাস্তবতায় নির্বাসন ভেঙে দেশে ফিরে তারেক রহমান আদৌ রাজনীতিতে গুণগত কোনো পরিবর্তন আনতে পারবেন? 

রাজনীতির বিশ্লেষক অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান মনে করেন, তারেক রহমানের সামনে সে সুযোগ রয়েছে।

“এখন প্রশ্ন হতে পারে কীভাবে পারবেন? আমরা এই গত ১৮-১৯ তারিখে যেসব ঘটনা দেখলাম (সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ) এবং রাইট উইংয়ের যে উল্লম্ফন আমরা দেখলাম এবং তার ফলশ্রুতিতে ইলেকশন হবে কি হবে না- এটা নিয়ে যে অনিশ্চয়তা আছে, আমার ধারণা উনার আসাটা এবং এসে তার মনোনয়নপত্র জমা দেওয়া, সেই অনিশ্চয়তা কাটানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে। এবং এর ফলে অস্থিরতা যেটা আছে, তার ওপর একটা পজিটিভ ইমপ্যাক্ট পড়বে।”

তবে সেক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কিছু স্পষ্ট বার্তা দিতে হবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক ও নাগরিক কোয়ালিশনের সদস্য শাহান।

বিএনপির সর্বশেষ শাসনামলে হাওয়া ভবনের কলঙ্ক মুছতে তারেককে মনোযোগী হতে হবে। সেই সঙ্গে নিজের দলের অপকর্ম ঠেকাতেও তাকে কঠোর বার্তা দিতে হবে।

আসিফ মোহাম্মদ শাহান বলেন, “তিনি যদি এমন একটি অবস্থা দেখাতে পারেন যে তিনি কেবল জনগণের কথা শোনেন। তাহলে তার দল নিয়ন্ত্রণ করা সহজ হবে। কিন্তু যদি তাদের (দলের কর্মীদের) কাছে মনে হয় যে তারেক রহমান ইজ স্টিল উইক বা তারেক রহমানের কথাবার্তাগুলো ওইভাবে রেজোনেট হচ্ছে না, তাহলে আই থিঙ্ক ক্রাইসিস আরও বাড়বে।”

এই বিশ্লেষকের মতে, তারেক রহমানের কার্যকর পদক্ষেপ ও দক্ষতার ওপর কেবল তার দলের রাজনীতি নয়, পুরো দেশের রাজনীতির গতিপথ এখন নির্ভর করছে।

এই চ্যালেঞ্জ তারেক রহমান নিতে পারবেন বলেই মনে করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

তিনি বলেন, “উনি ঐক্যের প্রতীক হিসেবে কাজ করতে পারবেন আশা করি। তাহলে নির্বাচন হবে। শুধু বিএনপি নয়, পুরো দেশ উপকৃত হবে তার উপস্থিতিতে। তা না হলে আমাদের মধ্যে এক দেড় বছরে বৈচিত্র্যের নামে যে বিভাজন, সেটা খুবই ক্ষতিগ্রস্ত করেছে।”
নির্বাচন পর্যবেক্ষক ও রাজনীতি বিশ্লেষক আব্দুল আলীম মনে করেন, দেশে আসার পর ভোটের দিকেই বেশি নজর দেবেন তারেক রহমান। তবে ভোটের কাজের বাইরে দলগুলোর মধ্যে ঐক্য তৈরির ক্ষেত্রে তার ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

“দলগুলোর মধ্যে যে বিভক্তি, হয়ত এখানে উনি একটা রোল প্লে করতে পারেন। অর্থাৎ সব দলকে একটা জায়গায় এনে ঐকমত্যের সূচনা উনি তৈরি করতে পারেন, যেটা খুব দরকার।”

তারেক রহমানের দেশে ফেরা দেশের রাজনীতিতে সুদূরপ্রসারী প্রভাব রাখবে বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান।

তিনি বলেন, “দেশে না থাকার কারণে তিনি যে স্বপ্নগুলো দেখেছেন, প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সেসব স্বপ্ন বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। বিএনপিকে কেন্দ্র করে আরও বেশি ঐক্যবদ্ধ হবে মানুষ।”

25 Dec 2025, 11:21 AM

ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা সারজিসের

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম কাঙিক্ষত বাংলাদেশ গড়ার পথে ‘ঐক্যবদ্ধভাবে’ কাজ করে যাওয়ার প্রত্যাশা করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফেইসবুক পোস্টে তিনি এ প্রত্যাশার কথা বলেন।

 

25 Dec 2025, 11:10 AM

সিলেট থেকে ঢাকার পথে

তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 202 ফ্লাইট বেলা ১১টার পর সিলেট ওসমানী বিমানবন্দর ত্যাগ করেছে। ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে বেলা পৌনে ১২টার দিকে।

ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ জানিয়েছেন, সেখানে ফ্লাইটটি এক ঘণ্টার যাত্রাবিরতি করে। বেলা ১১টা ১১ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।
 

25 Dec 2025, 10:48 AM

ভোট করবেন বগুড়ায়

বিএনপি ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারেক রহমান নির্বাচন করবেন তার মায়ের পুরনো আসন বগুড়া-৬ (সদর) থেকে। দেশে ফেরার পর তিনি ভোটার হবেন। এর আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ তার হয়নি।

দেশে ফিরে তিনি নিয়মিত অফিস করবেন গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে। সেই ভবনে দোতলায় একটি কক্ষ নতুনভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে জন্য সাজানো গুছানো হয়েছে। নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়েও দোতলায় চেয়ারপারসনের কক্ষের পাশে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চেম্বার করা হয়েছে।

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারপারসনের কার্যালয় নতুনভাবে রং করে গোছানো হয়েছে।

নির্বাচন উপলক্ষে গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি বাড়িটি ভাড়া নেওয়া হয়েছে বিএনপির অফিস হিসেবে। চারতলা এই ভবনে কঠোর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এখানে দোতলায় রয়েছে ব্রিফিং রুম। অন্যান্য তলায় বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্তদের বসার ব্যবস্থা রয়েছে। রয়েছে গবেষণা সেল।

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন বলেন, “এটি বিএনপির একটি কার্যালয়। এখান থেকে নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে।”

25 Dec 2025, 10:32 AM

৩০০ ফিট থেকে সরাসরি

25 Dec 2025, 10:29 AM

দেড় যুগের নির্বাসিত জীবন

দেশে তখন জরুরি অবস্থা, ক্ষমতায় সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার; ২০০৭ সালের ৭ মার্চ ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে তারেক রহমানকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

তার বিরুদ্ধে দায়ের করা হয় ১৩ মামলা। যৌথ বাহিনীর হেফাজতে তাকে নির্যাতনের অভিযোগ ওঠে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তারেক রহমানকে ভর্তি করা হয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

জরুরি অবস্থার মধ্যে ২০০৭ সালের ৭ মার্চ গ্রেপ্তার হন তারেক রহমান।

এক বছর পর, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উচ্চ আদালতের জামিনে মুক্তি পান তারেক। সেই রাতেই স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ‘উন্নত চিকিৎসার জন্য’ লন্ডনে চলে যান তিনি। শুরু হয় নির্বাসিত জীবন।

এদিকে দেশে শুরু হয় বিএনপির দুঃসময়। ২০১০ সালে শহীদ মইনুল সড়কের বাসা থেকে উৎখাত হন তারেকের মা খালেদা জিয়া। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন বর্জনের পর বিএনপি সংসদের বাইরে চলে যায়, রাজপথই হয় দলটির ঠিকানা।

তবে বছরের পর বছর আন্দোলন চালিয়েও আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হঠাতে পারেনি বিএনপি। ২০১৫ সালে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মৃত্যু হয়, যা ছিল তার জন্য বড় ধাক্কা। সেই বৈরী সময়েও তারেক দেশে ফিরতে পারেননি।

এর মধ্যে তার পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে যায়। কয়েক ডজন মামলার আসামি তারেক তখন আদালতের দৃষ্টিতে পলাতক। তার পাসপোর্ট আর নবায়ন করা হয়নি। এক সময় শোনা যায়, তারেক যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন।

আওয়ামী লীগের সময়ে তারেকের বিরুদ্ধে আরো ৭২টি মামলা হয়। সব মিলিয়ে ৫টি মামলায় তার সাজার রায় আসে। এর মধ্যে ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় জজ আদালত। হাই কোর্ট বাংলাদেশে তার বক্তব্য-বিবৃতি প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেয়।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে যেদিন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হলে, সেদিনই বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেককে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

এরপর গত সাত বছর ধরে লন্ডন থেকে ভিডিও কলেই তিনি দল চালন। আর দেশে ঝড়-ঝাপটা সামলে বিএনপিকে টিকিয়ে রাখেন মহাসচিব মির্জা ফখরুল আলমগীরসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা।

২০২০ সালে আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয়। কিন্তু দুই শর্তের কারণে তিনি কার্যত বন্দি ছিলেন বাসা আর হাসপাতালের জীবনে। রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে তাকে আর দেখা যায়নি।

৫ অগাস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি সাজা মওকুফ করে খালেদা জিয়াকে পুরোপুরি মুক্তি দেন। পরে উচ্চ আদালতও তাকে দুর্নীতির অভিযোগ থেকে খালাস দেয়।

আওয়ামী লীগের আমলে দেওয়া বিভিন্ন রায়ে তারেকেরও সাজা হয়েছিল। সেসব মামলায় তারেকও খালাস পান। তাতে তার দেশে ফেরার ক্ষেত্র প্রস্তুত হয়। তারপরও অজ্ঞাত কারণে তারেকের দেশে ফেরা হচ্ছিল না। এ বছর জানুয়ারিতে লন্ডনে গিয়ে চিকিৎসা নেন খালেদা জিয়া। সেখানে দীর্ঘদিন পর ছেলের সঙ্গে তার দেখা হয়। চিকিৎসা শেষে খালেদা জিয়া দেশে ফিরলেও তারেক ফেরেননি।

ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরে গেলে সেখানে তার সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়। সেই বৈঠকেই তারা একমত হন, নির্বাচন হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে।

বিএনপি নেতারা বলে আসছিলেন, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘শিগগিরই’ ফিরবেন। তবে কোনো নির্দিষ্ট তারিখ তারা বলতে পারছিলেন না।

এর মধ্যে বিএনপি ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করে। সেখানে জানানো হয়, বগুড়া-৬ আসনে প্রথমবারের মত ভোট করবেন তিনি। ওই ঘোষণার পর তারেকের দেশে ফেরার সম্ভাবনা জোরালো হয়।

২৩ নভেম্বর ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এ অবস্থায় তারেক কেন ফিরছেন না, সেই প্রশ্ন আবার সামনে আসে।

২৯ নভেম্বর তারেক রহমানের এক বক্তব্যের পর পরিস্থিতি আরো ঘোলাটে হয়। এক ফেইসবুক পোস্টে তিনি বলেন, “এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মত আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মত এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।”

তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায়, সেই প্রশ্ন তখন জোরেশোরে উঠতে থাকে। তিনি লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে আছেন কি না, সেখানে তার ‘স্ট্যাটাস’ কী, সেসব প্রশ্নও তোলেন কেউ কেউ।

সরকারের পক্ষ থেকে বলা হয়, তারেক রহমানের পাসপোর্ট নেই, তবে তিনি চাইলেই ট্র্যাভেল পাসের ব্যবস্থা করা হবে।

অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হলেও তার শারীরিক অবস্থার অবনতি হলে যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে। এর মধ্যে গত ১২ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে আসবেন।

দেশে ফেরার প্রস্তুতিতে এক দিনেই লন্ডনে বাংলাদেশ হাই কমিশন থেকে ট্রাভেল পাস পেয়ে যান তারেক রহমান। তার জন্য ঢাকায় বাসা ও অফিস গোছানোর খবর আসে। 

25 Dec 2025, 10:24 AM

হাস্যোজ্জ্বল তারেক রহমান

দেড় যুগ বাদে সিলেটে পৌঁছার পর হাস্যোজ্জ্বল দেখা গেছে তারেক রহমানকে। সকাল সোয়া ১০টার দিকে স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে ফেইসবুকে হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেন তিনি।

  

 

25 Dec 2025, 10:08 AM

১৭ বছর পর দেশের আকাশে

25 Dec 2025, 10:03 AM

ফ্লাইট নেমেছে সিলেটে

তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 202 ফ্লাইট সকাল ১০টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে। তারেক রহমান বিমানের ভেতরেই অবস্থান করবেন, নিচে নামবেন না। যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে বেলা পৌনে ১২টার দিকে।

ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ জানিয়েছেন, তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি সকাল ৯টা ৫৫ মিনিটে বিমানবন্দরে পৌঁছেছে।

25 Dec 2025, 10:00 AM

প্রথম তিন দিন যা যা করবেন তারেক

বৃহস্পতিবার

  • বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা তারেক রহমান এবং তার পরিবারের সদস্যদের।
  • বিমানবন্দর থেকে তারেক রহমান যাবেন পূর্বাচলের তিনশ ফিট সড়কে, সেখানে হবে সংবর্ধনা অনুষ্ঠান।
  • সংবর্ধনা অনুষ্ঠান সেরে তারেক রহমান যাবেন এভারকেয়ার হাসপাতালে। গত ২৩ নভেম্বর থেকে সেখানে ভর্তি আছেন তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

এভারকেয়ার থেকে পরে তারেক রহমান যাবেন গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায়। তাদের থাকার জন্য বাসাটি প্রস্তুত করা হয়েছে।

শুক্রবার

  • জুমার নামাজের পর তারেক যাবেন শেরেবাংলা নগরে। সেখানে তার বাবা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। 
  • জিয়ার সমাধি থেকে তারেক যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। 

শনিবার

  • নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ভোটার তালিকায় নাম লেখাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
  • জাতীয় পরিচয়পত্রের কাজ সেরে তিনি যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে ওসমান হাদির কবর জিয়ারত করবেন। 
  • পরে শ্যামলীতে যাবেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল)।  জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে তিনি সেখানে যাবেন।

25 Dec 2025, 09:50 AM

বিএনপি কর্মীদের উৎসবের দিন

তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে ধান নিয়ে এসেছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সুরুজ মিয়া।  

তিনি বলেন, "আমার ক্ষেতের থিক্কা ধান লইয়া আইছি। ধান আইন্না আমি আনন্দ করতাছি। তারেক জিয়া আইব, এই জন্য নিয়া আসছি।" 

ঠাকুরগাঁও সদর থেকে আসা মজিদুল ইসলাম নিজের গায়ে জড়িয়েছেন ধানের তৈরি পোশাক। এই পোশাক তৈরি করতে ৬৮ দিন সময় লেগেছে বলে জানালেন। 

মজিদুল ইসলাম বলেন, "আমার কোনো জাগা জমি নাই, মানুষের কাছে গেছি- দুইটা একটা করে নিছি। আমার বিশ্বাস ছিল তারেক জিয়া আসবেন।" 

টাঙ্গাইল থেকে এসেছেন লায়লা আরজুমান বানু।  তিনি বলেন, "১৭ বছর পর নেতাকে দেখব, তাকে বরণ করব। সামনে নির্বাচন, সেই নির্বাচনে সে অংশগ্রহণ করবে। নেতাকর্মীদের দিকনির্দেশনা দেবেন।" 

খিলগাঁও থেকে আসা মো. সানি বলেন, "নেতা আসছেন; আজকে আমাদের কাছে ঈদের দিনের মত খুশি লাগছে।" 

খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনেকে তিনশ ফিট সড়কের দিকে যাচ্ছেন। 

চট্টগ্রাম থেকে আসা দুলাল ফরাজী বলেন, “আমাদের নেতা আসছেন অনেকদিন পর; তাকে দেখার জন্য যাচ্ছি।”

25 Dec 2025, 09:45 AM

বিমানবন্দর সড়কে যানজট

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিএনপিকর্মীদের জনস্রোতে বৃহস্পতিবার ভোরেই বিমানবন্দর থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়কে তীব্র যানজট দেখা যায়।

সকাল সাড়ে ৬টার দিকে দেখা যায়, বিমানবন্দর সড়কে গাড়ি চলছে থেমে থেমে।

উত্তরা থেকে নিয়মিত তিনশ ফিট যাতায়াত করেন ইমরান হোসেন রানা। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এত সকালে এই এলাকায় এমন যানজট কোনোদিন দেখিনি।"

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দর এলাকায় বিএনপি নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থায় দেখা যায়।

25 Dec 2025, 09:41 AM

৩০০ ফিট যেন জনসমুদ্র

তারেক রহমানকে স্বাগত জানাতে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (তিনশ ফিট সড়ক) জনসমুদ্রে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টায় তিনশ ফিট সড়ক ঘুরে দেখা গেছে, কুড়িল বিশ্বরোড থেকে শুরু করে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত পুরো সড়ক নেতাকর্মীদের পদচারণায় মুখর।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার নেতাকর্মী রাতেই সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন। অনেককেই রাত কাটিয়েছেন খোলা আকাশের নিচে।

মঞ্চ আর আশপাশের এলাকায় তিল ধারণের ঠাঁই নেই, পুরো এলাকায় চলছে উৎসবের আমেজ।

সবার মুখে মুখে একটি স্লোগান বেশি শোনা যাচ্ছে—‘লিডার আসছেন’। স্লোগান, প্ল্যাকার্ড আর উচ্ছ্বাসে পুরো সমাবেশস্থল উৎসব কেন্দ্রে পরিণত হয়েছে।

মঞ্চের ব্যানারে লেখা রয়েছে- ‘জনাব তারেক রহমান এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’। মঞ্চে রয়েছে ১৯টি চেয়ার। মঞ্চের চারপাশে সতর্ক অবস্থানে রয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

কুষ্টিয়ার কুমার খালী থেকে ভোরে ঢাকায় এসেছেন সানাহ উল্লাহ। তিনি বলেন, “এত দিনে তারেক ভাইকে দেখেছি ফেইসবুকে, আজকে দেখব সামনা-সামনি। উনাকে দেখার জন্য আমরা চার বন্ধু ঢাকায় এসেছি।

“বাড়িতে বলে এসেছি, তারেক ভাইকে দেখতে যাচ্ছি, দেখে এসে মিষ্টি খাওয়াব। “

পশ্চিম ও পূর্ব দিকে মহাসড়ক দিয়ে নেতা-কর্মীদের মিছিল আসছে। বরিশাল, রাজশাহী, দিনাজপুর, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেনগুলোতে নেতা-কর্মীরা রাতেই ঢাকায় পৌঁছেছেন বিভিন্ন সময়ে।

পটুয়াখালীতে থেকে ভোরে লঞ্চে এসেছেন সুবিদ মাস্টার। তিনি বিএনপির একজন সমর্থক। দুই ছেলে, ভাগ্নেকে নিয়ে ঢাকায় এসেছেন তারেক রহমানকে দেখতে।

সুবিদ বলেন, ‘‘এক এগারোর পর থেকে ১৬টা বছর আমরা তারেক রহমানের ওপরে আওয়ামী লীগের নির্মম প্রতিহিংসার স্বরূপ দেখেছি। কী অন্যায়-অবিচারেই না তার ওপরে করা হয়েছে! তার বক্তৃতা পর্যন্ত প্রচার নিষিদ্ধ করা হয়েছিল, আধুনিক বিশ্বে কি এটা চিন্তা করা যায়?

“কিন্তু বাংলাদেশে হয়েছে। আজকে সেজন্য এত শীতের মধ্যে ঢাকায় এসেছি শুধুমাত্র তারেক রহমানকে এক নজর কাছাকাছি থেকে দেখব বলে। দেখেন কত দূর-দূরান্ত থেকে মানুষজন এসেছে, একটা মাত্র কারণে, তারেক রহমানকে ভালোবাসে বলে, বিএনপিকে ভালো লাগে বলে।”

বিমান বন্দর, পূর্বাচল, বননী, যুমনা ফিউচার পার্ক প্রভৃতি পয়েন্ট দিয়ে নেতা-কর্মীরা তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে মিছিল নিয়ে আসছেন। তাদের স্লোগানে স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে। কোনো কোনো মিছিলের সঙ্গে রয়েছে ব্যান্ড বাদকের দল।

নেতাকর্মীদের খাবার ও পানির চাহিদা মেটাতে পথে পথে খাবার ও পানি বিক্রি করছেন হকাররা। কিছুদূর পরপর দেখা যাচ্ছে স্পিকার লাগানো ট্রাক ও বাস। গানের তালে তালে কর্মীরা উজ্জীবিত হয়ে উঠছেন।

25 Dec 2025, 09:35 AM

৩০০ ফিটে এলাহী আয়োজন

  • সবাই যাতে তারেক রহমানের ভাষণ দেখতে পায়, সেজন্য ৩০টি এলইডি স্ক্রিন বসানো হয়েছে। আছে ৯ শতাধিক মাইক। 
  • বিএনপির শরিক দলের নেতাদের পাশাপাশি চব্বিশের অভ্যুত্থানের শীর্ষ নেতাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সারাদেশ থেকে বিএনপি নেতাকর্মীরা এসেছেন। সেজন্য নয়টি বিশেষ ট্রেন এবং কয়েক হাজার বাস ভাড়া করেছে বিএনপি। 
  • মঞ্চের ব্যানারে লেখা রয়েছে- ‘জনাব তারেক রহমান এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’। মঞ্চে রয়েছে ১৯টি চেয়ার। 
  • তারেক রহমানের জন্য সরকারের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বিএনপির বিশেষ নিরাপত্তা বাহিনী কাজ করছে। পূর্বাচলে সংবর্ধনা মঞ্চ ঘিরে রয়েছে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী।

25 Dec 2025, 09:32 AM

বিমানবন্দর থেকে যাবেন ৩০০ ফিটে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানাবেন। এরপর বুলেট প্রুফ গাড়িতে চড়ে বিএনপি নেতা যাবেন পূর্বাচলের তিনশ ফিট সড়কে, সেখানে হবে সংবর্ধনা। সেই অনুষ্ঠান হবে খুবই সংক্ষিপ্ত। মঞ্চে উঠে নেতা-কর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান।

25 Dec 2025, 09:30 AM

তারেক নামবেন কখন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 202 ফ্লাইটে তারেক রহমান দেশে ফিরছেন। তার সঙ্গে আসছেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

বুধবার রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তারা রওনা হন। বিমানটি সিলেট হয়ে ঢাকায় নামবে বেলা পৌনে ১২টার দিকে।


 

25 Dec 2025, 09:25 AM

লাইভ ব্লগে স্বাগতম!

দেড় যুগ ধরে যুক্তরাজ্যে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন বৃহস্পতিবার। তাকে ঢাকার তিনশ ফিট সড়কে দলের তরফে দেওয়া হবে সংবর্ধনা। এ অনুষ্ঠানে যোগ দিতে সারাদেশ থেকে অজস্র মানুষ ঢাকায় এসেছেন। সংবর্ধনা অনুষ্ঠান থেকে তারেক রহমান সরাসরি যাবেন এভারকেয়ার হাসপাতালে। সেখানে তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। মাকে দেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরবেন গুলশানের বাসভবনে।

সারাদিনের কর্মসূচি নিয়ে লাইভ ব্লগে আছি রোকন রাকিবজাহিদুল কবির