24 Dec 2022, 09:56 AM
ভারতের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিনের চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ।
24 Dec 2022, 09:56 AM
শুরুতেই ফিরলেন শান্ত
দিনের দ্বিতীয় ওভারেই ফিরলেন নাজমুল হোসেন শান্ত। আগের বলে একটুর জন্য বেঁচে যাওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান হলেন এলবিডব্লিউ।
দিনের প্রথম ওভারে করেন মোহাম্মদ সিরাজ। পরের ওভারে শান্তকে বেশ ভোগান রবিচন্দ্রন অশ্বিন। তার পঞ্চম বলে রিভিউ নিয়ে ব্যর্থ হয় ভারত। বল যেন স্টাম্পের উপর দিয়ে।
পরের বলে ডিফেন্ড করার চেষ্টায় সফল হননি শান্ত। জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। শান্ত রিভিউ নেন কিন্তু কোনো কাজ হয়নি। ভাঙে ১৩ রানের উদ্বোধনী জুটি।
৩১ বলে এক চারে শান্ত করেন ৫ রান।
৮ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১৩। ক্রিজে জাকির হাসানের সঙ্গী মুমিনুল হক।
24 Dec 2022, 10:14 AM
ভারতের ব্যর্থ রিভিউ
পরপর দুই ওভারে দুটি রিভিউ হারাল ভারত। সফরকারীদের বাকি থাকল কেবল একটি রিভিউ।
মোহাম্মদ সিরাজের বল ব্যাটে খেলতে পারেননি জাকির হাসান। বোলার, কিপার ও ফিল্ডারদের সঙ্গে কথা বলে শেষ মুহূর্তে রিভিউ নেন অধিনায়ক লোকেশ রাহুল। বল পিচ করেছিল লেগ স্টাম্পের বেশ বাইরে।
দিনের শুরুতে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে স্বাগতিক ব্যাটসম্যানদের। বেশ চেপে ধরেছেন সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিন।
এর মধ্যেই দুটি বাউন্ডারি মেরেছেন জাকির হাসান। আস্থার সঙ্গে খেলছেন বাঁহাতি এই ওপেনার। প্রথম ইনিংসে দলের একমাত্র ফিফটি করা মুমিনুল হকের সামনে আবার দলকে টানার চ্যালেঞ্জ।
24 Dec 2022, 10:14 AM
টিকলেন না মুমিনুল
প্রথম আধ ঘণ্টায় দুটি উইকেট হারাল বাংলাদেশ। নাজমুল হাসান শান্তর পর ফিরে গেলেন মুমিনুল হক।
আগের ওভারগুলোতে ওভার দা উইকেটে বোলিং করেছিলেন মোহাম্মদ সিরাজ। মুমিনুলের জন্যই হয়তো রাউন্ড দা উইকেটে আসেন তিনি। কাজেও লেগে গেল সেটা। প্রথম ইনিংসে ৮৪ রানের চমৎকার ইনিংস খেলা বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান হলেন কট বিহাইন্ড।
সুইংয়ের প্রভাব কমাতে এগিয়ে এসে খেলেছিলেন মুমিনুল। আগের বলে বাউন্ডারি হজম করা সিরাজ এবার বল একটু টেনে দেন। শেষ মুহূর্তে ডিফেন্স করার চেষ্টা করেন মুমিনুল। সুইংয়ের জন্য ঠিক মতো পারেননি। ব্যাটের কানা ছুঁয়ে বল কিপারের গ্লাভসে জমা হতেই হাঁটা ধরেন তিনি।
৯ বলে এক চারে ৫ রান করেন মুমিনুল। সবশেষ ১১ ইনিংসে দশমবার এক অঙ্কের ঘরে আউট হলেন তিনি।
১৩ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ২৬। দুই চারে ১৬ বলে খেলছেন জাকির হাসান। ক্রিজে তার সঙ্গী সাকিব আল হাসান।
24 Dec 2022, 10:34 AM
প্রথম ঘণ্টায় ২ উইকেট
ভারতকে আড়াইশ রানের আশেপাশের লিড দিতে চায় বাংলাদেশ। এর জন্য তৃতীয় দিন সকালে যে শুরু প্রয়োজন ছিল সেটা পায়নি স্বাগতিকরা। প্রথম ঘণ্টায় হারিয়েছে দুটি উইকেট।
নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক ফিরে গেছেন প্রথম আধ ঘণ্টায়। পরের আধ ঘণ্টায় কোনো ক্ষতি হতে দেননি জাকির হাসান ও সাকিব আল হাসান।
প্রথম পানি পানের বিরতির সময় বাংলাদেশের রান ২ উইকেটে ৪২। ২১ বলে এক চারে ১২ রানে খেলছেন অধিনায়ক সাকিব। দুই চারে ওপেনার জাকিরের রান ৫৯ বলে ১৯।
প্রথম ঘণ্টায় ১৪ ওভারে ৩৫ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে ৮৭ রানের লিড নেওয়া ভারত এখনও ৪৫ রানে এগিয়ে।
একটি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সিরাজ। প্রথম চার ব্যাটসম্যান বাঁহাতি, স্বাভাবিকভাবেই কিছুটা সুবিধা পাচ্ছেন অফ স্পিনার অশ্বিন। পেসার সিরাজও প্রথম ঘণ্টায় ভুগিয়েছেন বেশ।
24 Dec 2022, 11:02 AM
থিতু হয়ে ফিরলেন সাকিব
সবে একটা জুটি গড়ে উঠছিল। সেটা ভেঙে গেল অধিনায়ক সাকিব আল হাসানের বিদায়ে।
উমেশ যাদবের জায়গায় বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারেই উইকেট পেলেন জয়দেব উনাদকাট। তার অফ স্টাম্পের বাইরের লেংথ বলে ড্রাইভ করেছিলেন সাকিব। বল একটু থেমে আসায় আর ব্যাটের উপরের দিকে লাগায় যেখানে পাঠাতে চেয়েছিলেন সেখানে যায়নি। এক্সট্রা-কাভারে সহজ ক্যাচ নেন শুবমান গিল। ভাঙে ৭১ বল স্থায়ী ২৫ রানের জুটি।
৩৬ বলে এক চারে ১৩ রান করেন সাকিব।
২৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৫১। ক্রিজে জাকির হাসানের সঙ্গী মুশফিকুর রহিম।
24 Dec 2022, 11:35 AM
মুশফিককে ফেরালেন আকসার
লাঞ্চের একটু আগে আরেকটি উইকেট হারাল বাংলাদেশ। আকসার প্যাটেলের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন মুশফিকুর রহিম।
আকসারের ভেতরে ঢোকা বল পিছিয়ে গিয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। ব্যাটে খেলতে পারেননি, ছোবল দেয় প্যাডে।
আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নেন মুশিফক। কাজ হয়নি, বল আঘাত হানতো লেগ-মিডল স্টাম্পে। বাংলাদেশ হারায় দ্বিতীয় রিভিউ।
৩২ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৭০। ক্রিজে জাকির হাসানের সঙ্গী লিটন দাস।
24 Dec 2022, 11:48 AM
৪ উইকেটে ভারতের দারুণ সেশন
প্রথম ঘণ্টায় দুই উইকেট নেওয়া ভারত পরের ঘণ্টায় নিয়েছে আরও দুটি। এক সেশনে নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে হারিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ।
তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় স্বাগতিকদের রান ৩৩ ওভারে ৪ উইকেটে ৭১। ৯৬ বলে পাঁচ চারে ৩৭ রানে ব্যাট করছেন জাকির হাসান। ৭ বল খেলে রানের খাতা খুলতে পারেননি লিটন দাস।
প্রথম ইনিংসে ৮৭ রানের লিড নেওয়া ভারত এখনও ১৬ রানে।
রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সিরাজ, জয়দেব উনাদকাট নিয়েছেন একটি করে উইকেট।
আগের দিন সংবাদ সম্মেলনে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম বলেছিলেন, সম্ভব হলে চতুর্থ দিনেও ব্যাটিং করতে চান তারা। তবে প্রথম সেশনে চার উইকেট হারিয়ে সেই আশায় লেগেছে বড় চোট।
24 Dec 2022, 12:35 PM
শেষ রিভিউ হারাল ভারত
জাকির হাসানের প্রতিরোধ ভাঙার মরিয়া চেষ্টায় শেষ রিভিউ হারাল ভারত। জয়দেব উনাদকাটের বল ব্যাটেই খেলেন বাঁহাতি ওপেনার। প্যাড অবশ্য কাছেই ছিল। সবার সঙ্গে কথা বলে শেষ মুহূর্তে রিভিউ নেন লোকেশ রাহুল।
জাকির অবশ্য ইশারায় তখনই ভারতীয়দের জানান, ব্যাটেই খেলেছেন। পরে রিপ্লেতে দেখা যায়, সেটাই ঘটেছে। ব্যাটের কানায় লেগে ছোবল দিয়েছিল প্যাডে। এতে তৃতীয় ও শেষ রিভিউও হারাল ভারত।
৩৭ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৮৪।
24 Dec 2022, 12:40 PM
লিড নিল বাংলাদেশ
দ্বিতীয় সেশনের শুরুতে লিড নিল বাংলাদেশ। সেটা বাড়িয়ে নেওয়ার গুরু দায়িত্ব জাকির হাসান ও লিটন দাসের কাঁধে।
৩৮ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৮৮। স্বাগতিকরা এগিয়ে ১ রানে।
১১৭ বলে পাঁচ চারে ৪৫ রানে খেলছেন জাকির। ১৬ বলে ৮ রানে ব্যাট করছেন লিটন।
24 Dec 2022, 12:51 PM
জাকিরের ফিফটি
এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিচ্ছেন জাকির হাসান। দারুণ আস্থার সঙ্গে খেলে ছুঁয়েছেন পঞ্চাশ, ১২৯ বলে।
চলতি সিরিজে চট্টগ্রাম টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক বাঁহাতি এই ব্যাটসম্যানের। দ্বিতীয় ইনিংসে করেন ফিফটি। মিরপুরে প্রথম ইনিংসে থিতু হয়ে ফেরার পর এবার করলেন ফিফটি।
উমেশ যাদবের বলে চমৎকার স্ট্রেইট ড্রাইভে তিন রান নিয়ে পঞ্চাশ যান জাকির। ভারতের বিপক্ষে বড় একটা লিড নিতে তার ও লিটন দাসের দিকে তাকিয়ে বাংলাদেশ।
দেশের কেবল তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নিজেদের প্রথম দুই টেস্ট পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন জাকির। প্রথম দুই জন আমিনুল ইসলাম ও মুমিনুল হক।
৪১ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১০০। লিড এখন ১৩ রানের।
১৩০ বলে পাঁচ চারে ৫১ রানে খেলছেন জাকির। ২১ বলে লিটনের রান ১৪।
24 Dec 2022, 01:02 PM
উইকেট ছুড়ে এলেন জাকির
পঞ্চাশ ছোঁয়ার পর যেন মনোযোগ হারালেন জাকির হাসান। অফ স্টাম্পের বাইরে আপাত সাদামাটা বলে চালিয়ে দিয়ে ধরা পড়লেন ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে।
উমেশ যাদবের শর্ট ও স্টাম্পের বেশ বাইরের বল অনায়াসে ছেড়ে দিতে পারতেন জাকির। তবুও তাড়া করতে গেলেন বাঁহাতি এই ওপেনার। সেই চেষ্টায় ধরা পড়লেন মোহাম্মদ সিরাজের হাতে। ভাঙল ৬৯ বল স্থায়ী ৩২ রানের জুটি।
১৩৫ বলে পাঁচ চারে ৫১ রান করেন জাকির।
৪৩ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১০২। ক্রিজে লিটন দাসের সঙ্গী মেহেদী হাসান মিরাজ। আবারও উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের আগে ব্যাটিংয়ে পাঠানো হলো এই অফ স্পিনিং অলরাউন্ডারকে।
লিড এখন রানের। তাই কার্যত স্বাগতিকদের স্কোর ১৫/৫। এখন থেকে দলকে লড়াই করার মতো একটা পুঁজির জন্য দল তাকিয়ে লিটনের দিকে।
24 Dec 2022, 01:09 PM
জীবন পেলেন লিটন
এক বল আগে ব্যাটের কানায় লেগে বিরাট কোহলির ডান দিক দিয়ে বাউন্ডারি পেয়েছিলেন লিটন দাস। সে জন্য একটু ডান দিকে চেপে গিয়েছিলেন সাবেক ভারত অধিনায়ক। এক বল পর লিটনের ব্যাটের কানা ছুঁয়ে ক্যাচ গেল স্লিপে। শুরুতে কোহলি ভাবলেন বল যাবে ডানে, পরে টের পেলেন বল আসছে বাঁয়ে। দারুণ রিফ্লেক্স দেখিয়ে হাত ছোঁয়ালেন বটে কিন্তু ধরে রাখতে পারলেন না। জীবন পাওয়ার সঙ্গে বাউন্ডারিও পেলেন লিটন।
সে সময় ২০ রানে ছিলেন তিনি।
৪৪ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১১১। ৩১ বলে ২৫ রানে খেলছেন লিটন। এখনও রানের খাতা খুলতে পারেননি মেহেদী হাসান মিরাজ।
24 Dec 2022, 01:14 PM
শূন্যতেই ফিরলেন মিরাজ
সাতে নেমে আরও একবার ব্যর্থ মেহেদী হাসান মিরাজ। অফ স্পিনিং অলরাউন্ডার ফিরলেন শূন্য রানে।
আকসার প্যাটেলের অফ স্টাম্পের একটু বাইরে পড়ে ভেতরে ঢোকা বলে সুইপ করেছিলেন মিরাজ। বলে-ব্যাটে করতে পারেননি। আম্পায়ার আউট দিলে রিভিউ না নিয়ে ফিরে যান এই অফ স্পিনিং অলরাউন্ডার।
প্রতি ঘণ্টায় দুই উইকেট হারানোর ধারা ধরে রাখল বাংলাদেশ। লাঞ্চের পর প্রথম ঘণ্টায় জাকির হাসানের পর হারাল মিরাজের উইকেট।
৪৫.৩ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১১৩। ৩৮ বলে ২ চারে ২৭ রানে খেলছেন লিটন দাস। স্বাগতিকরা এগিয়ে ২৬ রানে।
24 Dec 2022, 01:29 PM
সোহানের পাল্টা আক্রমণ
আটে নেমে বোলারদের উপর চড়াও হয়েছেন নুরুল হাসান সোহান। উমেশ যাদবকে চার মারার পর ছক্কা মেরেছেন রবিচন্দ্রন অশ্বিনকে।
৪৯ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৩৮। লিড এখন ৫১ রান।
১৬ বলে একটি করে ছক্কা ও চারে সোহানের রান ২৪। ৪৩ বলে দুই চারে লিটন দাসের রান ২৮।
24 Dec 2022, 01:42 PM
বাঁচলেন সোহান
একটুর জন্য বেঁচে গেলেন নুরুল হাসান সোহান। আকসার প্যাটেলের বলে ক্যাচ দিয়েছিলেন এই কিপার-ব্যাটসম্যান। ব্যাটের কানা ছুঁয়ে ক্যাচ গিয়েছিল রিশাভ পান্তের কাছে। তার গ্লাভসে লাগার পর সুযোগ এসেছিল বিরাট কোহলির সামনে। কিন্তু স্লিপে তিনি রিফ্লেক্স দেখাতে দেরি করায় বেঁচে যান সোহান। সে সময় ২৭ রানে ছিলেন তিনি।
দুই বল পর একটুর জন্য কোহলির হাতে যায়নি ক্যাচ। সোহানের ব্যাটের কানা ছুঁয়ে এক ড্রপে যায় ভারতীয় ফিল্ডারের হাতে।
৫২ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৫৭। জুটির রান ৪৪।
24 Dec 2022, 01:51 PM
সোহানকে ফিরিয়ে জুটি ভাঙলন আকসার
দ্রুত এগোনো জুটি ভাঙলেন আকসার প্যাটেল। বাঁহাতি স্পিনারকে বেরিয়ে এসে খেলার চেষ্টায় স্টাম্পড হলেন নুরুল হাসান সোহান।
বাঁহাতি স্পিনারের আগের ওভারে দুবার একটুর জন্য বেঁচে গিয়েছিলেন এই কিপার-ব্যাটসম্যান। সে জন্যই হয়তো বাড়তি কিছু করার চেষ্টায় ছিলেন তিনি।
বেরিয়ে এসে খেলতে গিয়ে বলের লাইনে যেতে পারেননি সোহান। গ্লাভসে জমিয়েই বেলস ফেলে দেন রিশাভ পান্ত। ভাঙে ৪৮ বল স্থায়ী ৪৬ রানের জুটি।
২৯ বলে দুই চার ও এক ছক্কায় ৩১ রান করেন সোহান।
৫৪ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১৫৯। ক্রিজে লিটন দাসের সঙ্গী তাসকিন আহমেদ। স্বাগতিকরা এগিয়ে ৭২ রানে।
24 Dec 2022, 02:07 PM
রিভিউ নিয়ে বাঁচলেন লিটন
এলবিডব্লিউ হয়ে রিভিউ নেবেন কি না লিটন দাসের কাছে জানতে চেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। নিলে শেষ হয়ে যেত বাংলাদেশের শেষ রিভিউ। সেই সময়ের সঠিক সিদ্ধান্ত বাঁচিয়ে দিল লিটনকে। এবার তিনি নিজে বাঁচলেন রিভিউ নিয়ে।
আকসার প্যাটেলের বল পা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন লিটন। তার প্রত্যাশার বেশি স্পিন করে ছোবল দেয় প্যাডে। সঙ্গে সঙ্গেই রিভিউ নেন ব্যাটসম্যান। বল ট্র্যাকিয়ে দেখা যায়, লেগ স্টাম্পের বাইরে দিয়ে যেত বল! বেঁচে যান লিটন।
24 Dec 2022, 02:11 PM
বাঁচলেন লিটন, করলেন ফিফটি
রবিচন্দ্রন অশ্বিনের বলে স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে গেলেন লিটন দাস। সিঙ্গেল নিয়ে স্পর্শ করলেন ফিফটি, ৭৪ বলে।
লিটনের ব্যাটের কানা ছুঁয়ে আসা ক্যাচ ঝাঁপিয়ে স্লিপে জমাতে পারেননি কোহলি। হাতছাড়া হয় ভারতের আরেকটি সুযোগ।
24 Dec 2022, 02:22 PM
শতরানের লিড নিয়ে চা-বিরতিতে
আকসার প্যাটেলের বলে স্লগ করে বাউন্ডারি মারলেন তাসকিন আহমেদ। বাংলাদেশের লিড পৌছে গেল শতরানে।
তৃতীয় দিনের চা-বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের রান ৭ উইকেটে ১৯৫। স্বাগতিকরা এখন ১০৮ রানে এগিয়ে।
৭৮ বলে পাঁচ চারে ৫৮ রানে খেলছেন লিটন দাস। ১৮ বলে দুই চারে তাসকিনের রান ১৫। দুই জনে ৩৯ বলে গড়েছেন ৩৬ রানের জুটি।
প্রথম সেশনে চার উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় সেশনে হারিয়েছে তিন উইকেট। ২৭ ওভারে স্বাগতিকরা যোগ করেছে ১২৪ রান।
বিরাট কোহলির হাতে দুইবার জীবন পেয়েছেন লিটন, একবার তার ক্যাচ ছেড়েছেন কিপার। রিভিউ নিয়ে একবার বেঁচে গেছেন লিটন। লিড যতটা সম্ভব বাড়িয়ে নিতে তিনিই বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা।
কোনো বল স্পিন করছে, কোনোটা করছে না। ফুট মার্কে পড়লে কখনও কখনও শার্প টার্ন করছে। এমন পরিস্থিতিতে টেল এল্ডারদের নিয়ে খেলার কঠিন চ্যালেঞ্জ সামলাতে হবে লিটনকে। তাসকিন অবশ্য চা-বিরতির আগে দেখিয়েছেন দারুণ দৃঢ়তা। বেশিরভাগ বলই খেলেছেন মাঝ ব্যাটে, মেরেছেন দুটি চমৎকার বাউন্ডারি।
24 Dec 2022, 02:48 PM
লিটন-তাসকিনের জুটিতে পঞ্চাশ
মিরপুর টেস্টে অবশেষে পঞ্চাশ ছোঁয়া জুটি পেল বাংলাদেশ। সেটি এলো তাসকিন আহমেদ ও লিটন দাসের ব্যাটে, ৫২ বলে।
মোহাম্মদ সিরাজের বলে তাসকিনের বাউন্ডারিতে অষ্টম উইকেট জুটির রান স্পর্শ করে পঞ্চাশ। দুই ইনিংস মিলিয়ে এর আগে স্বাগতিকদের সাতটি জুটি ত্রিশ ছাড়ালেও থমকে যায় পঞ্চাশের আগেই।
৬৩ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ২১২। ৮৭ বলে ৭ চারে ৬৯ রানে খেলছেন লিটন। তিন চারে ২৭ বলে তাসকিনের রান ২১।
24 Dec 2022, 02:58 PM
রিভিউ নিয়ে বাঁচলেন তাসকিন
ভারতের জোরাল আবেদনে সাড়া দিয়ে এলবিডব্লিউ দিলেন আম্পায়ার। তাসকিন আহমেদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করতে গেলেন না লিটন দাস, নিতে বললেন রিভিউ।
মোহাম্মদ সিরাজের বল লেগ স্টাম্পের বেশ বাইরে পিচ করেছিল। তাই টিকে গেলেন তাসকিন। ক্রিজে থাকা দুই ব্যাটসম্যানই এখন একবার করে বাঁচলেন রিভিউ নিয়ে।
৬৫ রানে ৭ উইকেটে বাংলাদেশের রান ২১৬। ৯২ বলে ৭১ রানে খেলছেন লিটন। ৩৪ বলে তাসকিনের রান ২৩। জুটির রান ৫৭।
বাংলাদেশ এগিয়ে ১২৯ রানে।
24 Dec 2022, 03:05 PM
লিটনের প্রতিরোধ ভাঙলেন সিরাজ
একের পর এক ইনসুইঙ্গারে পরীক্ষা নিচ্ছেলন মোহাম্মদ সিরাজ। সাফল্য এলো তেমনই এক ডেলিভারিতে। বোল্ড করে দিলেন বাংলাদেশের ভরসা হয়ে টিকে থাকা লিটন দাসকে।
জায়গায় দাঁড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন লিটন। বলের লাইনে যেতে পারেননি তিনি। ব্যাটে কানা এড়িয়ে আঘাত হানে অফ স্টাম্পের চূড়ায়। ভাঙে ৭৬ বল স্থায়ী ৬০ রানের জুটি।
সাত চারে ৯৮ বলে ৭৩ রান করেন লিটন।
৬৭ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ২২০। ক্রিজে তাসকিন আহমেদের সঙ্গী তাইজুল ইসলাম।
24 Dec 2022, 03:12 PM
তাইজুলকে ফেরালেন অশ্বিন
পরপর দুই ওভারে দুটি উইকেট হারাল বাংলাদেশ। তাইজুল ইসলামকে এলবিডব্লিউ করে দিলেন রবিচন্দ্রন অশ্বিন।
স্পিন করে ভেতরে ঢোকা বল ব্যাটে খেলতে পারেননি তাইজুল। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেন তিনি। বল ছুঁয়ে যেত লেগ স্টাম্প। টিকে যায় রিভিউ, ফিরে যান তাইজুল।
৫ বলে ১ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
৬৮ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ২২৪। ক্রিজে তাসকিন আহমেদের রান ৯ উইকেটে ২২৪। স্বাগতিকরা এগিয়ে ১৩৭ রানে।
24 Dec 2022, 03:31 PM
রান আউট খালেদ
দ্রুত রান নেওয়ার চেষ্টায় রান আউট হয়ে গেলেন সৈয়দ খালেদ আহমেদ। এতে ২৩১ রানে গুটিয়ে গেল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।
শুবমান গিলের থ্রো ধরে তালগোল প্রায় পাকিয়ে ফেলছিলেন আকসার প্যাটেল। তবে শেষ পর্যন্ত বেলস ফেলে দিতে পারেন। সে সময় একটু দূরেই ছিলেন খালেদ।
৯ বলে এক চারে তিনি করেন ৪ রান।
৪৬ বলে চারটি চারে ৩১ রানে অপরাজিত থাকেন তাসকিন।
প্রথম ইনিংসে ৮৭ রানের লিড নেওয়া ভারত পেল ১৪৫ রানের লক্ষ্য।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২২৭
ভারত ১ম ইনিংস: ৩১৪
বাংলাদেশ ২য় ইনিংস: ৭০.২ ওভারে ২৩১ (শান্ত ৫, জাকির ৫১, মুমিনুল ৫, সাকিব ১৩, মুশফিক ৯, লিটন ৭৩, মিরাজ ০, সোহান ৩১, তাসকিন ৩১*, তাইজুল ১, খালেদ ৪; উমেশ ৯-১-৩২-১, অশ্বিন ২২-২-৬৬-২, উনাদকাট ৯-৩-১৭-১, সিরাজ ১১-০-৪১-২, আকসার ১৯.২-১-৬৮-৩)
24 Dec 2022, 03:36 PM
প্রথম বলেই ব্যর্থ রিভিউ
সাকিব আল হাসান নিশ্চিত ছিলেন আউট শুবমান গিল। তাই আম্পায়ার আউট না দিলে সঙ্গে সঙ্গেই রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক। বল ট্র্যাকিংয়ে দেখা যায়, লেগ স্টাম্পের বাইরে দিয়ে যেত বল।
ইনিংসের প্রথম বলেই রিভিউ হারাল বাংলাদেশ।
১ ওভারে ভারতের রান বিনা উইকেটে ২।
24 Dec 2022, 03:44 PM
জীবন পেলেন রাহুল
একটুর জন্য গোল্ডেন ডাকের তেতো স্বাদ পাওয়ার হাত থেকে বেঁচে গেলেন লোকেশ রাহুল। সাকিব আল হাসানের করা প্রথম ওভারের শেষ বলে স্ট্রাইক পান তিনি। তার ব্যাটের কানায় লেগে আসা ক্যাচ লেগ স্লিপে জমাতে পারেননি মুমিনুল হক। হাতছাড়া হয়ে যায় প্রথম সুযোগ।
24 Dec 2022, 03:48 PM
দ্রুতই ফিরলেন রাহুল
শূন্য রানে জীবন পাওয়া লোকেশ রাহুল বিদায় নিলেন ২ রানে। সাকিব আল হাসানের বলে তার চমৎকার ক্যাচ নিলেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।
বাঁহাতি স্পিনারের বল পা বাড়িয়ে পুশ করার চেষ্টা করেন রাহুল। একটু বেরিয়ে যাওয়া বল তার ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে সোহানের গ্লাভসে। তৃতীয় ওভারে ভাঙে ভারতের শুরুর জুটি।
৩ ওভারে ভারতের রান ১ উইকেটে ৪। ক্রিজে শুবামান গিলের সঙ্গী চেতেশ্বর পুজারা।
24 Dec 2022, 04:06 PM
পুজারাকে ফেরালেন মিরাজ
টপ অর্ডারে ভারতের সবচেয়ে বড় ভরসা চেতেশ্বর পুজারার প্রতিরোধ ভাঙলেন মেহেদী হাসান মিরাজ। অফ স্পিনারের বলে দারুণ এক স্টাম্পিংয়ে বড় অবদান রাখলেন নুরুল হাসান সোহান।
বোলিংয়ে পরিবর্তন করেই সাফল্য পেলেন সাকিব আল হাসান। তাইজুল ইসলামের জায়গায় আক্রমণে এসেই আঘাত হানলেন মিরাজ।
অফ স্পিনারের বল বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন পুজারা। ফুট মার্কে পরে একটু নিচু হয়ে যাওয়া বল ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে। তৎপর সোহান গ্লাভসে জমিয়েই ফেলে দেন বেলস।
ঠিক সময়ে পেরেছেন কি না নিশ্চিত ছিলেন না সোহান। তবে রিপ্লেতে দেখা যায়, পুজারা নামিয়ে আনার আগেই বেলস ফেলে দিয়েছিলেন তিনি!
১২ বলে এক চারে ৬ রান করেন পুজারা। ক্যারিয়ারে স্রেফ দ্বিতীয়বার স্টাম্পিং হলেন তিনি। ২০১২ সালের নভেম্বরে ওয়াংখেড়ে টেস্টে গ্রায়েম সোয়ানের বলে প্রথমবার এভাবে আউট হয়েছিলেন তিনি।
৮ ওভারে ভারতের রান ২ উইকেটে ১২। ক্রিজে শুবমান গিলের সঙ্গী আকসার প্যাটেল।
24 Dec 2022, 04:29 PM
গিলকেও ফেরালেন মিরাজ
এক প্রান্ত দারুণ বোলিংয়ে ভীতি ছড়াচ্ছেন মেহেদী হাসান মিরাজ। সেটারই পুরস্কার পেয়েছেন এই অফ স্পিনিং আলরাউন্ডার। ফিরিয়ে দিয়েছেন শুবমান গিলকে।
অফ স্পিনারের বল বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন ভারতীয় ওপেনার। কিন্তু বলের লাইন পুরোপুরি মিস করেন তিনি। গ্লাভসে বল জমিয়েই বেলস ফেলে দেন নুরুল হাসান সোহান। ভারত হারায় তৃতীয় উইকেট।
৩৫ বলে গিল করেন ৭ রান।
১৪ ওভারে ভারতের রান ৩ উইকেটে ২৯। ক্রিজে আকসার প্যাটেলের সঙ্গী বিরাট কোহলি।
24 Dec 2022, 04:37 PM
রিভিউ নিয়ে বাঁচলেন কোহলি
তাইজুল ইসলামের বলে আম্পায়ার এলবিডব্লিউ দিলে রিভিউ নিয়ে বাঁচলেন বিরাট কোহলি। ব্যাটেই খেলেছিলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। সে সময় ১ রানে ছিলেন তিনি।
১৭ ওভারে ভারতের রান ৩ উইকেটে ৩২।
24 Dec 2022, 04:49 PM
শর্ট লেগে মুমিনুলের দুর্দান্ত ক্যাচ
ঠাণ্ডা মাথায় একের পর এক বল খেলে যাচ্ছিলেন বিরাট কোহলি। দারুণ এক ডেলিভারিতে তাকে ফিরিয়ে দিলেন মেহেদী হাসান মিরাজ। শর্ট লেগে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচে বড় অবদান রাখলেন মুমিনুল হক।
অফ স্পিনারর বল পা বাড়িয়ে ডিফেন্স করেছিলেন কোহলি। ব্যাটের কানায় লেগে নিচু ক্যাচ যায় শর্ট লেগে। সেখানে ঝাঁপিয়ে পড়ে সুযোগ কাজে লাগান মুমিনুল।
২২ বলে ১ রান করেন কোহলি।
আউট করার পর হয়তো তাকে কেউ কিছু একটা বলে থাকবেন। ক্ষিপ্ত দেখায় ভারতীয় ব্যাটসম্যানকে। তাকে এগিয়ে এসে শান্ত করেন সাকিব আল হাসান। পরে তাইজুল ইসলামকে কিছু একটা বোঝান বাংলাদেশ অধিনায়ক।
২০ ওভারে ভারতের রান ৪ উইকেটে ৩৮। ক্রিজে আকসার প্যাটেলের সঙ্গী জয়দেব উনাদকাট।
24 Dec 2022, 05:01 PM
ভারতের চাই ১০০ রান, বাংলাদেশের ৬ উইকেট
নাইটওয়াচম্যান জয়দেব উনাদকাটকে নিয়ে দিনের শেষ ১৯ বল কাটিয়ে দিলেন আকসার প্যাটেল। তবে তৃতীয় দিন শেষে সম্ভাবনায় একটু এগিয়েই থাকল বাংলাদেশ।
২৩ ওভারে ভারতের রান ৪ উইকেটে ৪৫। ৮ বলে তিন রানে খেলছেন উনাদকাট। প্রমোশন পেয়ে চারে নেমে তিন চারে ৫৪ বলে ২৬ রান করেছেন আকসার।
জয়ের জন্য ভারতের চাই আরও ১০০ রান, বাংলাদেশের শেষ ৬ উইকেট।
শুবমান গিল, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলি- কেউ যেতে পারেননি দুই অঙ্কে। রাহুলকে ফেরান অধিনায়ক সাকিব আল হাসান। গিল, পুজারা ও কোহলির উইকেট নেন মিরাজ। তার হাত ধরেই অবিশ্বাস্য কিছু করার স্বপ্ন দেখছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২২৭
ভারত ১ম ইনিংস: ৩১৪
বাংলাদেশ ২য় ইনিংস: ২৩১
ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ১৪৫) ২৩ ওভারে ৪৫/৪ (গিল ৭, রাহুল ২, পুজারা ৬, প্যাটেল ২৬*, কোহলি ১, উনাদকাট ৩*; সাকিব ৬-২-২১-১, তাইজুল ৮-৪-৮-০, মিরাজ ৮-৩-১২-৩, তাসকিন ১-০-৪-০)