31 Oct 2023, 01:49 PM
31 Oct 2023, 01:49 PM
সেমির স্বপ্ন 'পেছনে ফেলে' নতুন লক্ষ্যে বাংলাদেশ
একের পর এক পরাজয়ে ধূসর হয়েছে সেমি-ফাইনাল খেলার আশা। তবে বিশ্বকাপ থেকে এখনও প্রাপ্তির সুযোগ রয়েছে বাংলাদেশ দলের। এবার পয়েন্ট টেবিলের সেরা আটে থেকে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেট নিশ্চিত করার অভিযানে নামছে তারা।
কলকাতার ইডেন গার্ডেন্সে মঙ্গলবার সেই অভিযানে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের দল। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু খেলা।
প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর টানা পাঁচ ম্যাচে হেরেছে বাংলাদেশ। পরপর দুই জয়ে যাত্রা শুরু করা পাকিস্তান হেরেছে পরের চার ম্যাচ। দুই দলের জন্যই তাই জয়ে ফেরার সুযোগ এই ম্যাচ।
১৯৯৯ সালের আসরে প্রথমবার মুখোমুখি হয় দুই দল। নর্দাম্পটনে ৬২ রানে জিতে বিশ্বকে চমকে দেয় বাংলাদেশ। এরপর গত আসরে ফের একে অপরের মোকাবিলা করে তারা। যেখানে পাকিস্তানের জয় ৯৪ রানে।
সব মিলিয়ে ওয়ানডেতে ৩৮ ম্যাচে বাংলাদেশের জয় ৫টি। বাকি সব জিতেছে পাকিস্তান। শেষ ছয় ম্যাচের মধ্যে অবশ্য চারটি জিতেছে বাংলাদেশ।
31 Oct 2023, 02:10 PM
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ পর কয়েন ভাগ্য পাশে পেলেন সাকিব আল হাসান। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক।
শুষ্ক উইকেটে ভালো সংগ্রহ দাঁড় করানোর কথা বলেছেন সাকিব। নেদারল্যান্ডসের বিপক্ষে আগের ম্যাচের অভিজ্ঞতা থেকে তার আশা, দ্বিতীয় ইনিংসে মন্থর হবে উইকেট। পরে বোলিং করে সেই সুবিধা কাজে লাগাতে চায় বাংলাদেশ।
পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেছেন, টস জিতলে তিনিও আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন।
31 Oct 2023, 02:17 PM
শেখ মেহেদির জায়গায় এলেন তাওহিদ হৃদয়
দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ম্যাচে বাইরে থাকার পর একাদশে ফিরলেন তাওহিদ হৃদয়। তাকে জায়গা করে দিতে বাদ পড়লেন শেখ মেহেদি হাসান। বাংলাদেশের একাদশে পরিবর্তন এই একটিই।
মেহেদিকে বাইরে রাখায় বাংলাদেশের বোলিং বিভাগ এখন থাকছেন তিন পেসারের সঙ্গে দুই স্পিনার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ। দলের প্রুয়োজনে হাত ঘোরাতে পারেন মাহমুদউল্লাহ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
31 Oct 2023, 02:23 PM
পাকিস্তান দলে তিন পরিবর্তন
টানা চার হারের পর ঘুরে দাঁড়ানোর অভিযানে নিজেদের একাদশে তিন পরিবর্তন এনেছে পাকিস্তান।
আগের ম্যাচের দল থেকে বাইরে রাখা হয়েছে ইমাম উল হাক, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজকে। তাদের জায়গায় এসেছেন ফাখার জামান, আঘা সালমান, উসামা মীর।
পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শাফিক, ফাখার জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, আঘা সালমান, শাহিন শাহ আফ্রিদি, উসামা মীর, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ।
31 Oct 2023, 02:28 PM
মুস্তাফিজের দুই মাইলফলক
বাংলাদেশের ত্রয়োদশ ক্রিকেটার হিসেবে ১০০তম ওয়ানডে খেলতে নামছেন মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার দুইশতম ম্যাচ। বাংলাদেশের হয়ে দুইশ ম্যাচ খেলা অষ্টম ক্রিকেটার তিনি।
৯৯ ওয়ানডেতে মুস্তাফিজের শিকার ১৬০ উইকেট। ম্যাচে পাঁচবার নিয়েছেন ৫ উইকেট। সমান পাঁচবার পেয়েছেন ৪ উইকেটও। দেশের পেসারদের মধ্যে তার চেয়ে বেশি উইকেট শুধু মাশরাফি বিন মুর্তজার ২৬৯টি।
এছাড়া ১৫ টেস্টে ৩১ ও ৮৫ টি-টোয়েন্টিতে ১০৩ উইকেট পেয়েছেন মুস্তাফিজ।
31 Oct 2023, 02:43 PM
প্রথম ওভারেই ফিরলেন তানজিদ
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই ইনিংসের পঞ্চম বলে ড্রেসিং রুমে ফিরে গেলেন তানজিদ হাসান।
শাহিন শাহ আফ্রিদির হালকা ভেতরে ঢোকা ডেলিভারি ব্যাটে লাগাতে পারেননি তানজিদ। বল প্যাডে আঘাত করতেই জোরাল আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার।
কিছুক্ষণ ভেবে রিভিউ নেন বাঁহাতি ওপেনার। টিভি রিপ্লেতে দেখা যায় বলের পিচিং ও ইমপ্যাক্ট ঠিক থাকলেও হিটিংয়ে ক্ষেত্রে ছিল আম্পায়ার্স কল। ফলে রিভিউ বাঁচলেও ফিরতে হয় তানজিদকে।
লিটন দাসের সঙ্গে জুটি বাধতে তিন নম্বরে নেমেছেন নাজমুল হোসেন শান্ত।
31 Oct 2023, 02:46 PM
একশ উইকেটে পাকিস্তানের দ্রুততম আফ্রিদি
তানজিদ হাসানকে ফিরিয়ে ওয়ানডে ক্যারিয়ারের একশ উইকেট পূর্ণ করলেন শাহিন শাহ আফ্রিদি। স্রেফ ৫১ ম্যাচে এই মাইলফলক ছুঁয়ে ফেললেন ২৩ বছর বয়সী বাঁহাতি পেসার।
পাকিস্তানের বোলারদের মধ্যে ওয়ানডেতে তার চেয়ে দ্রুত উইকেটের সেঞ্চুরি করতে পারেননি আর কোনো বোলার। সাকলাইন মুশতাক একশ উইকেট পূর্ণ করেন ৫৩ ম্যাচ খেলে।
সব মিলিয়ে দ্রুততম একশ উইকেটের রেকর্ড সন্দীপ লামিছানের। গত এপ্রিলে নিজের ৪২তম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন নেপালি লেগ স্পিনার।
পেসারদের মধ্যে আফ্রিদিই দ্রুততম। আগের রেকর্ড মিচেল স্টার্কের, ৫২ ম্যাচে।
31 Oct 2023, 02:54 PM
শান্তকেও ফেরালেন আফ্রিদি
শাহিন শাহ আফ্রিদির ফুল লেংথ ডেলিভারি ফ্লিকের মতো খেললেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু টাইমিং পেলেন না যথাযথ। শর্ট মিড উইকেটে দারুণ ক্যাচ নিয়ে তার বিদায়ঘণ্টা বাজালেন উসামা মীর।
৩ বলে ৪ রান করে ড্রেসিং রুমে ফিরলেন শান্ত। এ নিয়ে টানা ছয় ম্যাচে দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ বিশ্বকাপের আগে দারুণ খেলতে থাকা বাঁহাতি ব্যাটসম্যান।
শান্তর বিদায়ে চার নম্বরে নেমেছেন মুশফিকুর রহিম। গত মার্চে সবশেষ এত ওপরে ব্যাটিং করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ২০ ম্যাচ পর আবারও তাকে চার নম্বরে নামিয়েছে বাংলাদেশ।
৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯ রান। লিটন দাস খেলছেন ১৩ বলে ৪ রানে।
31 Oct 2023, 03:09 PM
মুশফিকও ফিরলেন অল্পে
আক্রমণে এসেই আঘাত হানলেন হারিস রউফ। ড্রেসিং রুমে ফেরত পাঠালেন মুশফিকুর রহিমকে।
ষষ্ঠ ওভারে তার প্রথম দুই বলে বাউন্ডারি মারেন লিটন দাস। পঞ্চম বলে স্ট্রাইক পেয়ে চার মারেন মুশফিকও। শেষ বলে গুড লেংথ ডেলিভারি মুশফিকের ব্যাটের বাইরের কানা ছুঁয়ে জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে।
মোহাম্মদ রিজওয়ান আবেদনও করেননি। হারিস রউফের উল্লাস মিশ্রিত আবেদনে সাড়া দেন আম্পায়ার। ৮ বলে ৫ রান করে ফেরেন মুশফিক।
৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৩ রান। ২০ বলে ১৪ রান নিয়ে খেলছেন লিটন দাস।
পাঁচ নম্বরে নেমেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গত বছরের অগাস্টের পর প্রথমবার এই পজিশনে নামানো হয়েছে তাকে।
31 Oct 2023, 03:17 PM
পাকিস্তানের ব্যর্থ রিভিউ
ছন্দে থাকা মাহমুদউল্লাহকে দ্রুত ফেরাতে রিভিউ নিয়ে ব্যর্থ হলেন বাবর আজম। অষ্টম ওভারে প্রথম রিভিউ হারাল পাকিস্তান।
হারিস রউফের বল পা বাগিয়ে খেলতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু ব্যাট ছোঁয়াতে পারেননি অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান। রউফের প্রবল আগ্রহে শেষ মুহূর্তে রিভিউ নেন পাকিস্তান অধিনায়ক।
খালি চোখেই মনে হচ্ছিল, বল উপর দিয়ে যাবে। বল ট্র্যাকিংয়েও সেটাই দেখা যায়। বল যেত লেগ স্টাম্পের উপর দিয়ে। সে সময় ২ রানে ছিলেন মাহমুদউল্লাহ।
৮ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৩২।
31 Oct 2023, 03:28 PM
পাওয়ার প্লেতে ৩ উইকেটে ৩৭
ব্যাটসম্যানদের ব্যর্থতায় আরও একবার পাওয়ার প্লেতে প্রত্যাশামত রান তুলতে ব্যর্থ বাংলাদেশ। প্রথম দশ ওভারে ৩ উইকেটে এলো ৩৭ রান। এ নিয়ে টানা তিন ম্যাচে পাওয়ার প্লেতে চল্লিশ ছুঁতে পারল না তারা।
শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারে ড্রেসিং রুমে ফেরেন তানজিদ হাসান। আফ্রিদির পরের ওভারে একই পথ ধরেন নাজমুল হোসেন শান্ত। প্রমোশন পেয়ে চার নম্বরে নামা মুশফিকুর রহিম আউট হন ষষ্ঠ ওভারে।
তিন জনের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। স্রেফ ২৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ।
চাপ সামাল দেওয়ার অভিযানে চতুর্থ উইকেট জুটিতে লড়ছেন লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ। ৩১ বলে ১৯ রানে অপরাজিত লিটন। মাহমুদউল্লাহ খেলছেন ১৩ বলে ৯ রানে।
31 Oct 2023, 03:59 PM
লিটন-মাহমুদউল্লাহর জুটিতে পঞ্চাশ
পাঁচে নেমে দারুণ আস্থার সঙ্গে খেলছেন মাহমুদউল্লাহ। অন্য প্রান্তে ধীরে ধীরে যেন নিজেকে ফিরে পাচ্ছেন লিটন দাস। তাদের জুটিতে পঞ্চাশ এসেছে ৬২ বলে।
জুটি ভাঙার একটা সম্ভাবনা আগের ওভারে জেগেছিল। উসামা মিরের লেগ স্পিন ছক্কায় ওড়ানোর চেষ্টায় ক্যাচের মতো দিয়েছিলেন লিটন। কিন্তু লং অন সীমানা থেকে প্রাণপণে ছুটেও একটুর জন্য বলের নাগাল পাননি হারিস রউফ।
১৭ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৭৫। ৩৫ বলে ৩১ রানে খেলছেন মাহমুদউল্লাহ। ৫১ বলে লিটনের রান ৩৩।
31 Oct 2023, 04:18 PM
অবিশ্বাস্য আউট লিটন
অফ স্পিনারের একেবারে সাদামাটা ডেলিভারি। অফ স্টাম্পে পড়ে যাচ্ছিল লেগ স্টাম্পে। লেগ সাইডে যে কোনো জায়গায় খেলতে পারতেন লিটন। তিনি ক্যাচ তুলে দিলেন মিডউইকেট ফিল্ডারের হাতে!
কি বলে কি শটে আউট হয়েছেন, নিজেরও যেন বিশ্বাস হচ্ছিল না লিটনের। চোখে-মুখে ছিল অবিশ্বাস আর ভীষণ হতাশার স্পষ্ট ছাপ। জায়গা থেকেই যেন নড়তে পারছিলেন এই ওপেনার।
ইফতিখার আহমেদের বল লেগে ঘুরাতে চেয়েছিলেন লিটন। ব্যাটের ফেইস আগেভাগেই ঘুরিয়ে ফেলেন তিনি। ব্যাটের কানায় লেগে সহজ ক্যাচ যায় আঘা সালমানের হাতে। ভাঙে ৮৯ বল স্থায়ী ৭৯ রানের জুটি।
কঠিন সময় পার করে দিয়ে থিতু হয়ে ফিরলেন লিটন। ৬৪ বলে খেলা তার ৪৫ রানের ইনিংস গড়া ছয়টি চারে।
এই ওভারেই মাহমুদউল্লাহর চারে তিন অঙ্ক স্পর্শ করে বাংলাদেশের রান।
২১ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১০২। ক্রিজে মাহমুদউল্লাহর সঙ্গী সাকিব আল হাসান।
31 Oct 2023, 04:39 PM
৫৮ বলে মাহমুদউল্লাহর ফিফটি
শুরু থেকে আস্থার সঙ্গে খেলা মাহমুদউল্লাহ ছুঁয়েছেন পঞ্চাশ, ৫৮ বলে। চলতি আসরে এটি তার দ্বিতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংস। এক ম্যাচ আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিলেন সেঞ্চুরি।
চাপের সময় মাঠে নেমে রানের চাকা সচল রাখার কাজটা করছেন মাহমুদউল্লাহ। তার চমৎকার ব্যাটিংয়ের জন্যই থিতু হওয়ার জন্য অনেকটা সময় পেয়েছিলেন লিটন দাস। কিন্তু বাজে আউটে সুযোগ হাতছাড়া করেন তিনি।
ছয়ে নেমে ভুগছেন সাকিব আল হাসান। কিন্তু অন্য প্রান্তে মাহমুদউল্লাহর দারুণ ব্যাটিংয়ে থিতু হতে সময় পাচ্ছেন অধিনায়কও।
২৭ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১১৭। ৬২ বলে ৫২ রানে খেলছেন মাহমুদউল্লাহ। ২০ বলে সাকিবের রান ৬।
31 Oct 2023, 05:00 PM
মাহমুদউল্লাহর প্রতিরোধ ভাঙলেন আফ্রিদি
আক্রমণে ফিরেই সাফল্য পেলেন শাহিন শাহ আফ্রিদি। বাঁহাতি পেসারের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন মাহমুদউল্লাহ।
লেংথ বলের লাইনে যেতে পারেননি অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান। প্যাড ছুঁয়ে বল আঘাত হানে মিডল স্টাম্পে। ভাঙে ৫৯ বল স্থায়ী ২৮ রানের মন্থর জুটি।
৭০ বলে ছয় চারে মাহমুদউল্লাহ করেন ৫৬ রান।
ক্রিজে সাকিব আল হাসানের সঙ্গী তাওহিদ হৃদয়। ৩১ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৩৩।
31 Oct 2023, 05:21 PM
ছক্কার পর অক্কা হৃদয়
মিড উইকেট দিয়ে ছক্কা মারার পরের বলেই অক্কা পেলেন তাওহিদ হৃদয়। উসামা মীরের অফ স্টাম্পের বাইরে করা ডেলিভারি দূর থেকেই খেলার চেষ্টা করেন তিনি। ব্যাটের বাইরের কানা ছুঁয়ে যাওয়া বল প্রথম স্লিপে সহজেই ক্যাচ নেন ইফতিখার আহমেদ।
দুই ম্যাচ পর একাদশে ফিরে ৩ বলে ৭ রান করে আউট হলেন হৃদয়। তার বিদায়ে দেড়শর আগেই ৬ উইকেট হারাল বাংলাদেশ।
অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে জুটি বাধতে নেমেছেন মেহেদী হাসান মিরাজ।
৩২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৪১ রান। ১৫ রানে অপরাজিত সাকিব।
31 Oct 2023, 05:28 PM
ইফতিখারের ওভারে সাকিবের হ্যাটট্রিক চার
ব্যাটিংয়ে নেমে শুরু থেকে রানের জন্য ধুঁকতে থাকা সাকিব আল হাসান চড়াও হলেন ইফতিখার আহমেদের ওপর। অফ স্পিনারের করা ৩৭তম ওভারে বাংলাদেশ অধিনায়ক চার মারলেন টানা তিন বলে।
প্রথম বলে ইনসাইড আউট শটে এক্সট্রা কভার দিয়ে বাউন্ডারি মারেন সাকিব। সুইপ করে ডিপ মিড উইকেট দিয়ে মারেন পরেরটি। ক্রিজ ছেড়ে বেরিয়ে বোলারের মাথার ওপর দিয়ে চারের হ্যাটট্রিক পূর্ণ করেন বাংলাদেশ অধিনায়ক।
ওভারের শেষ তিন বল থেকে আসে আরও ২ রান।
৩৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৭২ রান। সাকিব ৩৯ ও মেহেদী হাসান মিরাজ ৮ রানে খেলছেন।
31 Oct 2023, 05:40 PM
শর্ট বলে ফিরলেন সাকিব
২০১৯ বিশ্বকাপে শর্ট বল দারুণভাবে সামাল দিয়েছিলেন সাকিব আল হাসান। করেছিলেন অনেক রান। চলতি আসরে সেই শর্ট বলেই ভুগছেন বাংলাদেশ অধিনায়ক। অনেকটা সময় নিজেকে সামলে রেখে সেই শর্ট বলেই ফিরলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।চলতি আসরে পঞ্চমবার!
হারিস রউফের অফ স্টাম্পের বাইরের শর্ট বলে পুল করেন সাকিব। টাইমিং করতে পারেননি তিনি। মিডউইকেটে সহজ ক্যাচ নেন আঘা সালমান। ভাঙে ৪৮ বল স্থায়ী ৪৫ রানের জুটি।
অনেক ভোগান্তির পর সবে থিতু হচ্ছিলেন সাকিব, এমন সময়ে উইকেট ছুড়ে এলেন তিনি। ৬৪ বলে চারটি চারে ফিরলেন ৪৩ রান করে।
৪০ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১৮৮। ক্রিজে মেহেদী হাসান মিরাজের সঙ্গী তাসকিন আহমেদ।
31 Oct 2023, 05:59 PM
ওয়াসিমের জোড়া আঘাত
বিশেষজ্ঞ সব ব্যাটসম্যানের বিদায়ের পর রান বাড়ানোর জন্য মেহেদী হাসান মিরাজের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। দলকে হতাশ করে ফিরলেন এই অফ স্পিনিং অলরাউন্ডার।
তেড়েফুড়ে মারতে গিয়ে মোহাম্মদ ওয়াসিমের বলের লাইন মিস করেন মিরাজ। কিছুটা রিভার্স সুইং করা বল উড়িয়ে দেয় অফ স্টাম্প।
৩০ বলে একটি করে ছক্কা ও চারে ২৫ রান করেন মিরাজ।
এক বল পরেই বোল্ড হয়ে যান তাসকিন আহেমেদ। বড় শটের চেষ্টায় বলের লাইনে যেতে পারেননি তিনি। ১৩ বলে তাসকিন করেন ৬ রান।
৪৪ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ২০১। ক্রিজে মুস্তাফিজুর রহমানের সঙ্গী শরিফুল ইসলাম।
31 Oct 2023, 06:12 PM
২০৪ রানে থামল বাংলাদেশ
বাজে ব্যাটিংয়ের চক্রেই পড়ে আছে বাংলাদেশ। আরও একবার ব্যর্থ হয়েছে বড় রান করতে।
টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারে শূন্য রানে ভাঙে উদ্বোধনী জুটি। ছয় ওভারের মধ্যে ২৩ রানের মধ্যে হারায় ৩ উইকেট।
সেখান থেকে লিটন দাস ও সাকিব আল হাসানকে নিয়ে দলকে কিছুটা টানেন মাহমুদউল্লাহ। ইনিংসের একমাত্র পঞ্চাশ ছোঁয়া ব্যাটসম্যানের বিদায়ের পর সাকিব ও মেহেদী হাসান মিরাজের জুটিতে দুইশর কাছে যায় বাংলাদেশ।
দুই ব্যাটসম্যানের কেউ কাজ শেষ করতে পারেননি। লোয়ার অর্ডার থেকেও আসেনি তেমন একটা রান। ২৯ বল বাকি থাকতেই থমকে যায় বাংলাদেশের ইনিংস।
আগের ওভারে জোড়া উইকেটের পর মুস্তাফিজুর রহমানকে বোল্ড করে ২০৪ রানে বাংলাদেশের ইনিংস গুঁড়িয়ে দেন মোহাম্মদ ওয়াসিম। নতুন বলে দুই উইকেট নেওয়ার পর আক্রমণে ফিরে মাহমুদউল্লাহকে ফেরানো শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানের সফলতম বোলার। তিনি ২৩ রানে নেন ৩ উইকেট। ওয়াসিম ৩ উইকেট নেন ৩১ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৫.১ ওভারে ২০৪ (তানজিদ ০, লিটন ৪৫, শান্ত ৪, মুশফিক ৫, মাহমুদউল্লাহ ৫৬, সাকিব ৪৩, হৃদয় ৭, মিরাজ ২৫, তাসকিন ৬, মুস্তাফিজ ৩, শরিফুল ১*; আফ্রিদি ৯-১-২৩-৩, ইফতিখার ১০-০-৪৪-১, রউফ ৮-০-৩৬-২, ওয়াসিম ৮.১-১-৩১-৩, উসামা ১০-০-৬৬-১)
31 Oct 2023, 07:00 PM
পাকিস্তানের ইতিবাচক শুরু
তুলনামূলক ছোট লক্ষ্য তাড়ায় দেখেশুনে ভালো শুরু করেছেন পাকিস্তানের দুই ওপেনার ফাখার জামান, আব্দুল্লাহ শাফিক। প্রথম পাঁচ ওভারে কোনো বিপদ ঘটতে না দিয়ে তারা করেছে ২৩ রান।
তাসকিন আহমেদের করা প্রথম ওভারে দারুণ কভার ড্রাইভে প্রথম বাউন্ডারি মারেন শাফিক। শরিফুল ইসলামের করা পরের ওভার মেডেন খেলেন ফাখার। শাফিকের বিপক্ষে মেডেন দেন তাসকিনও।
চতুর্থ ওভারে শরিফুলকে বাউন্ডারি মারেন শাফিক। পরের ওভারে তাসকিনের বলে ডিপ মিড উইকেট দিয়ে ৯৯ মিটার ছক্কা মারেন এই ম্যাচ দিয়ে একাদশে ফেরা ফাখার।
১৭ বলে ১১ রানে খেলছেন শাফিক। ফাখার করেছেন ১৩ বলে ১০ রান।
31 Oct 2023, 07:22 PM
পাওয়ার প্লেতে সাফল্য নেই বাংলাদেশের
ব্যাটিংয়ের পর বোলিংয়েও পাওয়ার প্লে ভালো গেল না বাংলাদেশের। প্রথম দশ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫২ রান করল পাকিস্তান। ২০৫ রানের তুলনামূলক সহজ লক্ষ্যে বাকি ৪০ ওভারে তাদের প্রয়োজন আর ১৫৩ রান।
রান তাড়ায় শুরুটা রয়েসয়েই করেন পাকিস্তানের দুই ওপেনার ফাখার জামান, আব্দুল্লাহ শাফিক। প্রথম তিন ওভারের দুটি মেডেন খেলেন দুজন। এরপর ক্রমেই হাত খুলে খেলতে থাকেন তারা।
২টি করে চার-ছক্কায় ৩৩ বলে ৩০ রানে অপরাজিত ফাখার। ৪ চারে ২৭ বলে ২০ রান শাফিকের।
31 Oct 2023, 08:02 PM
২ ওপেনারের ফিফটি, জুটির একশ
শুরুর জুটিতেই বাংলাদেশকে ম্যাচ থেকে প্রায় ছিটকে দিয়েছে পাকিস্তান। পরপর দুই বলে পঞ্চাশ ছুঁয়েছেন দুই ওপেনার আব্দুল্লাহ শাফিক ও ফাখার জামান। একই সঙ্গে শুরুর জুটি স্পর্শ করেছে তিন অঙ্ক।
তাসকিন আহমেদের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি পূর্ণ করেন শাফিক। ৫৬ বলে পঞ্চাশ ছুঁতে তিনি মারেন ৯টি চার।
পরের বলে ছক্কা মেরে পঞ্চাশ স্পর্শ করেন ফাখার। একই সঙ্গে দলের রান যায় তিন অঙ্কে।
৫১ বলে ফিফটি করার পথে ফাখার মেরেছেন পাঁচ ছক্কা ও দুটি চার।
১৮ ওভারে পাকিস্তানের রান বিনা উইকেটে ১০৫। শাফিক ব্যাট করছেন ৫০ রানে। ৫২ বলে ফাখারের রান ৫৩।
31 Oct 2023, 08:23 PM
শুরুর জুটি ভাঙলেন মিরাজ
আক্রমণে ফিরেই আঘাত হানলেন মেহেদী হাসান মিরাজ। অফ স্পিনারের চমৎকার এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে গেলেন আব্দুল্লাহ শাফিক।
অফ স্টাম্পের একটু বাইরে পড়ে স্পিন করে ভেতরে ঢোকা ডেলিভারিতে সুইপ করেছিলেন পাকিস্তানের ওপেনার। ব্যাটে খেলতে পারেননি, বল আঘাত হানে প্যাডে। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ নেন শাফিক। কিন্তু তাতে কোনো কাজ হয়নি, বল লাগতো লেগ-মিডল স্টাম্পে।
১২৭ বল স্থায়ী ১২৮ রানের জুটি ভাঙার সঙ্গে একটি রিভিউও হারায় পাকিস্তান। ৬৯ বলে দুই ছক্কা ও নয় চারে শাফিক করেন ৬৮ রান।
২২ ওভারে পাকিস্তানের রান ১ উইকেটে ১৩২। ক্রিজে ফাখার জামানের সঙ্গী অধিনায়ক বাবর আজম।
31 Oct 2023, 08:37 PM
বাবরকে ফেরালেন মিরাজ
আরও একটি উইকেট পেলেন মেহেদী হাসান মিরাজ। তাকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় সীমানায় ধরা পড়লেন বাবর আজম।
বেরিয়ে এসে ছ্ক্কা মারতে চেয়েছিলেন পাকিস্তান অধিনায়ক। মিরাজের ফুল লেংথ বলে টাইমিং করতে পারেননি তিনি। লং অনে সহজ ক্যাচ নেন মাহমুদউল্লাহ। ভাঙে ২৭ বল স্থায়ী ৩২ রানের জুটি।
১৬ বলে এক চারে বাবর করেন ৯ রান।
২৬ ওভারে পাকিস্তানের রান ২ উইকেটে ১৬৫। ক্রিজে ফাখার জামানের সঙ্গী মোহাম্মদ রিজওয়ান।
31 Oct 2023, 08:52 PM
মিরাজের শততম শিকার ফাখার
নেট রান রেটের কথা চিন্তা করে দ্রুত ম্যাচ শেষ করার চেষ্টায় আরেকটি উইকেট হারাল পাকিস্তান। মেহেদী হাসান মিরাজকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় সীমানায় ধরা পড়লেন ফাখার জামান।
অফ স্পিনারের বলে সজোরে স্লগ করেন বাঁহাতি এই ওপেনার। কিন্তু টাইমিং করতে পারেননি তিনি। কাউ কর্নারের ক্যাচ নেন তাওহিদ হৃদয়।
৭৪ বলে সাত ছক্কা ও তিন চারে ৮১ রান করেন ফাখার। তিনি ওয়ানডেতে মিরাজের শততম শিকার।
২৮ ওভারে পাকিস্তানের রান ৩ উইকেটে ১৭১। ক্রিজে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গী ইফতিখার আহমেদ।
31 Oct 2023, 09:19 PM
৭ উইকেটে হার
ব্যাটিং হলো ভীষণ বাজে, বোলিংও হলো একই রকম। দুই বিভাগেই বিবর্ণ পারফরম্যান্সে বিশ্বকাপে বাংলাদেশের বাজে সময় প্রলম্বিত হলো আরও। পাকিস্তানের বিপক্ষে একপেশে লড়াইয়ে ৭ উইকেটে হারল সাকিব আল হাসানের দল।
বাংলাদেশের ২০৪ রান ১০৫ বল বাকি থাকতেই পেরিয়ে গেছে পাকিস্তান। টানা চার হারের পর বাবর আজমের দল পেয়েছে জয়ের দেখা।
বিশ্বকাপে লড়াই-ই করতে পারছে না বাংলাদেশ। পাকিস্তান উইকেট হারিয়েছে মূলত দ্রুত ম্যাচ শেষ করার চেষ্টায়। তিনটি উইকেটই নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
মোহাম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদ ফিরেছেন পাকিস্তানের জয়কে সঙ্গে নিয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৫.১ ওভারে ২০৪ (তানজিদ ০, লিটন ৪৫, শান্ত ৪, মুশফিক ৫, মাহমুদউল্লাহ ৫৬, সাকিব ৪৩, হৃদয় ৭, মিরাজ ২৫, তাসকিন ৬, মুস্তাফিজ ৩, শরিফুল ১*; আফ্রিদি ৯-১-২৩-৩, ইফতিখার ১০-০-৪৪-১, রউফ ৮-০-৩৬-২, ওয়াসিম ৮.১-১-৩১-৩, উসামা ১০-০-৬৬-১)
পাকিস্তান: ৩২.৩ ওভারে ২০৫/৩ (শাফিক ৬৮, ফাখার ৮১, বাবর ৯, রিজওয়ান ২৬*, ইফতিখার ১৭*; তাসকিন ৬-০-৩৬-০, শরিফুল ৪-১-২৫-০, মিরাজ ৯-০-৬০-৩, মুস্তাফিজ ৭-০-৪৭-০, সাকিব ৫.৩-০-৩০-০, শান্ত ১-০-৫-০)