২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোহলির স্বপ্নের রেকর্ড, শামির ৭ উইকেট, ফাইনালে ভারত

15 Nov 2023, 02:04 PM

15 Nov 2023, 02:04 PM

ফাইনালের টিকেট পাওয়ার লড়াইয়ে ভারত-নিউ জিল্যান্ড

উড়তে থাকা ভারতের সঙ্গে উজ্জীবিত নিউ জিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু এবারের বিশ্বকাপের নক আউট পর্ব। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে খেলা।

বিশ্বকাপের গত আসরেও প্রথম সেমি-ফাইনালে খেলে দুই দল। সেবারও প্রথম পর্বের সেরা দল হয়েই সেরা চারে নাম লেখায় ভারত। তবে নক-আউট পর্বে তাদের যাত্রা থামিয়ে ১৮ রানে ম্যাচ জিতে নেয় নিউ জিল্যান্ড।

সব মিলিয়ে বহুজাতিক টুর্নামেন্টের নক-আউট পর্বে সবশেষ তিন ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি ভারত। সবশেষ ১৯৮৮ সালের শারজাহ কাপে কিউইদের বিপক্ষে নক-আউটে জয় পায় তারা।

অতীত ইতিহাস ভুলে নতুন শুরুর বার্তা দিয়েছেন দলের অধিনায়ক রোহিত শার্মা। আর নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন 'আন্ডারডগ' তকমা গায়ে রেখেই বাজিমাত করার প্রত্যয় জানিয়েছেন।

15 Nov 2023, 02:09 PM

টস জিতে ব্যাটিংয়ে ভারত

Image

গুরুত্বপূর্ণ ম্যাচে কয়েন ভাগ্য পাশে পেলেন রোহিত শার্মা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক।

ভালো উইকেটে বড় সংগ্রহ দাঁড় করার লক্ষ্য তার দলের। উইকেট কিছুটা মন্থর থাকতে পেরে ভেবে বাড়তি সতর্কতারও তাগিদ দিলেন তিনি।

নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন জানিয়েছেন, টস জিতলে তিনিও আগে ব্যাটিং নিতেন।

15 Nov 2023, 02:32 PM

দুই দলেরই অপরিবর্তিত একাদশ

প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি দুই দল। একই ১১ জন নিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামতে তারা।

ভারত একাদশ: রোহিত শার্মা, শুবমান গিল, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সুরিয়াকুমার ইয়াদাভ, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদিপ ইয়াদাভ, মোহাম্মদ সিরাজ।

নিউ জিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

15 Nov 2023, 02:32 PM

শেষ মুহূর্তে বদলে গেছে পিচ

পরিবর্তিত পিচে হবে ভারত, নিউ জিল্যান্ডের সেমি-ফাইনাল ম্যাচ। প্রাথমিকভাবে এই ম্যাচের জন্য ঠিক করা হয়েছিল ৭ নম্বর। তবে শেষ মুহূর্তে স্বাগতিক দলের অনুরোধে ৬ নম্বর পিচে খেলার সিদ্ধান্ত হয়েছে।

টুর্নামেন্টে এখন পর্যন্ত ৭ নম্বর পিচে কোনো ম্যাচ খেলা হয়নি। নক-আউট পর্বের জন্যই মূলত অব্যবহৃত রাখা হয়েছিল এটি।

৬ নম্বর পিচে হয়েছে দুটি ম্যাচ। ইংল্যান্ডের বিপক্ষে ৩৯৯ রান করে ২২৯ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। আর ৩৫৫ রান করে শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারিয়েছিল ভারত।

15 Nov 2023, 02:57 PM

রোহিতের ব‍্যাটে উড়ন্ত শুরু

ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির উপর চড়াও হয়েছেন রোহিত শার্মা। অধিনায়কের বিস্ফোরক ব‍্যাটিংয়ে উড়ন্ত সূচনা পেয়ে গেছে ভারত।

৫ ওভারে স্বাগতিকদের রান বিনা উইকেটে ৪৭। ১৮ বলে তিনটি করে ছক্কা ও চারে ৩৪ রানে খেলছেন রোহিত। আরেক প্রান্তে দুটি চারে ১২ বলে ১১ রানে ব‍্যাট করছেন শুবমান গিল।

৩ ওভারে ২৬ রান দিয়েছেন বোল্ট। সাউদির ২ ওভারে এসেছে ২১ রান।

15 Nov 2023, 03:03 PM

৩২ বলে জুটির পঞ্চাশ

Image

বিস্ফোরক ব‍্যাটিংয়ে ভারতে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন রোহিত শার্মা। 

পেসারদের উপরে চড়াও হওয়া রোহিত শার্মার ঝড় থেকো রক্ষা পেলেন না মিচেল স‍্যান্টনার। ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে ছক্কা ও চারে হজম করলেন ১১ রান।

দ্বিতীয় বলে সুইপ করে চার মারেন রোহিত। এই বাউন্ডারিতে ৩২ বলে দল ও উদ্বোধনী জুটির রান স্পর্শ করে পঞ্চাশ। পরের বল ছিল শর্ট, পিছিয়ে গিয়ে পুল করে গ‍্যালারিতে পাঠান ভারত অধিনায়ক।

৬ ওভারে ভারতের রান বিনা উইকেটে ৫৮। ২২ বলে রোহিতের রান ৪৫। ১৪ বলে শুবমান গিল খেলছেন ১১ রানে।

15 Nov 2023, 03:29 PM

উইলিয়ামসনের দারুণ ক‍্যাচে ফিরলেন রোহিত

Image

মিড অফ থেকে পেছন দিকে অনেকটা গিয়ে দুর্দান্ত এক ক‍্যাচ নিলেন কেন উইলিয়ামসন।

খরুচে দুই ওভারের পর কিছুটা বিরতি নিয়ে আক্রমণে ফিরেই আঘাত হানলেন টিম সাউদি। তাকে ছক্কা মারার চেষ্টায় কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়লেন রোহিত শার্মা।

সাউদির স্লোয়ার বলে টাইমিং করতে পারেননি ভারত অধিনায়ক। বল উঠে যায় বেশ উঁচু, সঙ্গে দূরত্বও পায় বেশ। মিড অফ থেকে পেছন অনেকটা পেছন দিকে গিয়ে শেষ মুহূর্তে ঝাঁপিয়ে দারুণ এক ক‍্যাচ নেন উইলিয়ামসন। ভাঙে ৫০ বল স্থায়ী ৭১ রানের জুটি।

২৯ বলে চারটি করে ছক্কা ও চারে ৪৭ রান করেন রোহিত।

৮.২ ওভারে ভারতের রান ১ উইকেটে ৭১। ক্রিজে শুবমান গিলের সঙ্গী ভিরাট কোহলি।

15 Nov 2023, 03:29 PM

নিউ জিল‍্যান্ডের ব‍্যর্থ রিভিউ

এলবিডব্লিউর জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন কেন উইলিয়ামসন। তাতে অবশ‍্য কাজ হয়নি। উল্টো নবম ওভারে নষ্ট হয় নিউ জিল‍্যান্ডের একটি রিভিউ।

রোহিত শার্মার বিদায়ের পর ক্রিজে যাওয়া ভিরাট কোহলি প্রথম বল ডিফেন্স করেন। পরের বল ঠিক মতো খেলতে পারেননি। প্রাথমিকভাবে মনে হচ্ছিল, বল লেগেছে ডান ঊরুতে।

রিভিউয়ে দেখা যায়, ব‍্যাটের কানা একটু ছুঁয়ে গিয়েছিল বল। কিপার বল ধরতে না পারায় বাউন্ডারি পেয়ে যান কোহলি।

৯ ওভারে ভারতের রান ১ উইকেটে ৭৫। ৪ বলে চার রানে খেলছেন কোহলি। ওপেনার শুবমান গিল ব‍্যাট করছেন ২১ বলে ২১ রানে।

15 Nov 2023, 03:35 PM

ত্রয়োদশ ওভারে ভারতের একশ

রোহিত শার্মা ফিরে যাওয়ার পর একটু কমেছিল রানের গতি। তবে ফের সেটা বাড়িয়ে নিচ্ছেন শুবমান গিল। অধিনায়কের বিদায়ের পর থেকে বড় শট খেলতে শুরু করা ওপেনারের ব‍্যাটে ত্রয়োদশ ওভারে একশ ছুঁয়েছে ভারতের রান।

গতিময় পেসার লকি ফার্গুসনের বলে চারের পর ছক্কা মারেন গিল। এই ছক্কাতেই দলের রান যায় তিন অঙ্কে।

৩২ বলে পঞ্চাশ ছুঁয়েছিল ভারত, একশ হলো ৭৪ বলে।

১৩ ওভারে ভারতের রান ১ উইকেটে ১০৪। ৪০ বলে ৪৯ রানে খেলছেন গিল। ৯ বলে ভিরাট কোহলির রান ৫।

15 Nov 2023, 03:40 PM

৪১ বলে গিলের পঞ্চাশ

Image

রোহিত শার্মার বিদায়ের পর রানের গতি বাড়িয়ে ৪১ বলে পঞ্চাশ স্পর্শ করলেন শুবমান গিল।

দারুণ ব‍্যাটিংয়ে পঞ্চাশ স্পর্শ করলেন শুবমান গিল। সবশেষ চার ইনিংসে আইসিসি ওয়ানডে ব‍্যাটসম‍্যানের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড়ের এটি তৃতীয় পঞ্চাশ।

রাচিন রবীন্দ্রর বলে সিঙ্গেল নিয়ে পঞ্চাশ স্পর্শ করেছেন গিল। এই সময়ে ৪১ বলে তার ব‍্যাট থেকে এসেছে সাত চার ও একটি ছক্কা।

১৪ ওভারে ভারতের রান ১ উইকেটে ১১৪। ৪১ বলে ৫০ রানে খেলছেন গিল। ১২ বলে দুই চারে ভিরাট কোহলির রান ১৪।

15 Nov 2023, 03:55 PM

গিল-কোহলির জুটিতে পঞ্চাশ

মিচেল স‍্যান্টনার ও রাচিন রবীন্দ্রর দুটি আঁটসাঁট ওভারে একটু কমেছে রান রেট। ৪৬ বলে পঞ্চাশ স্পর্শ করেছে শুবমান গিল ও ভিরাট কোহলির দ্বিতীয় উইকেট জুটির রান।

শুরুতে একটু সময় নিচ্ছেন কোহলি। ২২ বলে দুই চারে তিনি খেলছেন ১৮ রানে।

শুরুতে বলে-বলে রান করে যাওয়া গিল বাড়িয়েছেন গতি। ৪৫ বলে এক ছক্কা ও সাত চারে এই ওপেনার ব‍্যাট করছেন ৫৩ রানে।

১৬ ওভারে ভারতের রান ১ উইকেটে ১২১।

15 Nov 2023, 04:32 PM

উঠে গেলেন গিল

মিচেল স্যান্টনারের কিছুটা টেনে দেওয়া ডেলিভারি লং অনের দিকে খেললেন ভিরাট কোহলি। সহজেই এক রানের জন্য ছুটলেন তিনি। নন স্ট্রাইকে থাকা শুবমান গিলও বেশ ধীরে সুস্থেই শুরু করেন দৌড়।

কিন্তু পপিং ক্রিজে ঢোকার আগ মুহূর্তে পায়ে কিছুটা অস্বস্তি অনুভব করেন গিল। খুঁড়িয়ে খুঁড়িয়ে সম্পন্ন করেন রান। এরপর ব্যথার তীব্রতা বাড়ায় মাঠে আসেন ফিজিও। কিছুক্ষণ শুশ্রূষা নিলেও আর খেলা চালিয়ে নিতে পারলেন না গিল।

দলীয় ১৬৪ ও ব্যক্তিগত ৭৯ রানে মাঠ ছেড়ে গেলেন ভারতের তরুণ ওপেনার। ফলে ৯৩ রানে ছেদ পড়ল কোহলির সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে।

২৩ ওভারে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৬৫ রান। চার নম্বরে নেমেছেন শ্রেয়াস আইয়ার। কোহলি খেলছেন ৪২ বলে ৩৫ রানে।

15 Nov 2023, 04:38 PM

বিশ্বকাপে কোহলির নতুন রেকর্ড

রাচিন রবীন্দ্রর স্টাম্পের ওপর করা ডেলিভারি লং অনে ঠেলে এক রান নিলেন ভিরাট কোহলি। বিশ্বকাপের নক আউট ম্যাচে প্রথমবারের মতো ছুঁলেন পঞ্চাশ।

এর পাশাপাশি দারুণ ছন্দে থাকা বিশ্বকাপে নতুন রেকর্ডও গড়লেন কোহলি। প্রথম ব্যাটসম্যান হিসেবে এক আসরে খেললেন ৮টি পঞ্চাশ ছোঁয়া ইনিংস।

২০০৩ সালে এক সেঞ্চুরির সঙ্গে ছয়টি ফিফটি করেন সাচিন টেন্ডুলকার। গত আসরে দুই সেঞ্চুরির পাশাপাশি সাকিব আল হাসান খেলেন পাঁচটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস।

এবার দশ ম্যাচে দুইটি সেঞ্চুরি ছাড়াও কোহলির ফিফটির সংখ্যা ছয়টি।

৪ চারে ৫৯ বলে এই মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। ইনিংসে ষষ্ঠ রান নেওয়ার সময় প্রথমবার বিশ্বকাপের এক আসরে ৬শ রানও পূর্ণ করেছেন ভারতের তারকা ব্যাটসম্যান।

15 Nov 2023, 04:44 PM

২৯ ওভারে দুইশ

রানের গতি একটু কমেছে ভারতের। তবে এখনও স্বাগতিকদের রান রেট সাতের বেশি।

২৯ ওভারের প্রথম বলে ট্রেন্ট বোল্ট চার মেরে দলকে দুইশ রানে নিয়ে গেছেন ভিরাট কোহলি।

৩২ বলে পঞ্চাশ স্পর্শ করেছিল ভারত। একশ হয়েছিল ৭৪ বলে। দুইশ এলো ১৬৯ বলে।

২৯ ওভারে ভারতের. রান ১ উইকেটে ২০৩। ১২ বলে একটি করে চার ও ছক্কায় ১৬ রানে খেলছেন শ্রেয়াস আইয়ার। ৬৮ বলে পাঁচ চারে কোহলির রান ৫৭।

15 Nov 2023, 04:56 PM

কোহলি-শ্রেয়াসের জুটিতে পঞ্চাশ

শুবমান গিল মাঠ ছাড়ার পর ভিরাট কোহলির সঙ্গে জুটি গড়েছেন শ্রেয়াস আইয়ার। সাবলীল গতিতেই এগিয়ে যাচ্ছেন দুই ডানহাতি ব‍্যাটসম‍্যান। তাদের জুটি পঞ্চাশ ছুঁয়েছে ৪৪ বলে।

৩০ ওভারে ভারতের রান ১ উইকেটে ২১৪। ৭১ বলে ৬৫ রানে ব‍্যাট করছেন কোহলি। ১৫ বলে শ্রেয়াসের রান ১৯।

15 Nov 2023, 05:17 PM

টেন্ডুলকারকে ছাড়িয়ে চূড়ায় কোহলি

উড়ন্ত ছন্দে থাকা ভিরাট কোহলির নামের পাশে যুক্ত হলো আরও একটি রেকর্ড। সাচিন টেন্ডুলকারকে টপকে বিশ্বকাপের এক আসরে তিনিই এখন সর্বোচ্চ রানের মালিক।

২০০৩ সালের আসরে ১১ ইনিংসে ৬৭৩ রান করেছিলেন টেন্ডুলকার। ২০ বছর পর এক ইনিংস কম খেলেই তাকে টপকে গেলেন কোহলি।

নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম সেমি-ফাইনালে ৮০তম রান নেওয়ার সময় টেন্ডুলকারকে ছাড়িয়ে যান কোহলি। একই ইনিংসে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ পঞ্চাশ ছোঁয়া ইনিংসের রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি।

15 Nov 2023, 05:19 PM

কোহলি-শ্রেয়াসের জুটিতে একশ

শুবমান গিলের মাঠ ছাড়ার পর ভারতকে ছন্দ হারাতে দেননি ভিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। ইতিবাচক ব্যাটিংয়ে দুজন গড়লেন একশ ছোঁয়া জুটি।

স্রেফ ৭৯ বলে পূর্ণ হয়েছে দুজনের জুটির একশ। যেখানে কোহলির অবদান ৫০, শ্রেয়াস ৪৯।

৩৭ ওভারে ভারতের সংগ্রহ ১ উইকেটে ২৭০ রান। কোহলি ৮৯ ও শ্রেয়াস ৫১ রানে অপরাজিত।

15 Nov 2023, 05:40 PM

শ্রেয়াসের ঝড়ো ফিফটি

ক্রিজে গিয়ে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকা শ্রেয়াস আইয়ার এবার পেলেন পঞ্চাশের দেখা। আগের ম্যাচে ৯৪ বলে অপরাজিত ১২৮ রানের ইনিংস খেলা শ্রেয়াস এবার স্রেফ ৩৫ বলেই করলেন ফিফটি।

২ চারের সঙ্গে ৪টি ছক্কার মারে এই মাইলফলক স্পর্শ করলেন চার নম্বরে নামা শ্রেয়াস।

৪০ ওভারে ভার‍তের সংগ্রহ ১ উইকেটে ২৮৭ রান। সেঞ্চুরির দুয়ারে দাঁড়িয়ে ৯৫ রানে অপরাজিত ভিরাট কোহলি।

15 Nov 2023, 05:49 PM

৫০তম সেঞ্চুরিতে টেন্ডুলকারকে ছাড়িয়ে কোহলি

এক ম‍্যাচে কত রেকর্ড নিজের করে নিলেন ভিরাট কোহলি। ক্রিজে যাওয়ার পর থেকে দারুণ আস্থায় খেলতে থাকা এই টপ অর্ডার ব‍্যাটসম‍্যানের হাতে ধরা দিল আরেকটি বড় অর্জন। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে করলেন ৫০ সেঞ্চুরি।

চলমান আসরেই ৪৯তম সেঞ্চুরিতে ছুঁয়েছিলেন ভারতীয় কিংবদন্তি সাচিন টেন্ডুলকারকে। মুম্বাইয়ে সাবেক অধিনায়কের প্রিয় মাঠে, তারই সামনে রেকর্ড নিজের করে নিলেন কোহলি।

লকি ফার্গুসনের বলে দুই রান নিয়ে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। ফিফটি করেছিলেন ৫৯ বলে, একশ হলো ১০৬ বলে।

২৭৯ ইনিংসেই পঞ্চাশ সেঞ্চুরি পেয়ে গেলেন কোহলি। টেন্ডুলকার ৪৯ সেঞ্চুরি করতে খেলেছিলেন ৪৫২ ইনিংস।

৪২ ওভারে ভারতের রান ১ উইকেটে ৩০৩। ৫০ বলে ৬৬ রানে খেলছেন শ্রেয়াস আইয়ার। ১০৮ বলে কোহলির রান ১০৬।

15 Nov 2023, 05:58 PM

ইতিহাস গড়া কোহলিকে থামালেন সাউদি

রেকর্ড গড়া সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকলেন না ভিরাট কোহলি। টিম সাউদিকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় সীমানায় ধরা পড়লেন এই টপ অর্ডার ব‍্যাটসম‍্যান।

বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান, সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংস, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির কীর্তি গড়ে ফিরলেন কোহলি।

সাইদি লেংথ বল বেরিয়ে এসে ডিপ স্কয়ার লেগের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। টাইমিং করতে পারেননি। সীমানায় ক‍্যাচ নেন ডেভন কনওয়ে। ভাঙে শ্রেয়াস আইয়ারের সঙ্গে তার ১৬৩ রানের জুটি।

১১৩ বলে দুই ছক্কা ও নয় চারে কোহলি করেন ১১৭ রান।

৪৪ ওভারে ভারতের রান ২ উইকেটে ৩২৭। ক্রিজে শ্রেয়াসের সঙ্গী লোকেশ রাহুল।

15 Nov 2023, 06:12 PM

৬৭ বলে শ্রেয়াসের সেঞ্চুরি

মঞ্চ প্রস্তুত-ই ছিল। বিস্ফোরক ব‍্যাটিংয়ে সেটা কাজে লাগিয়েছেন শ্রেয়াস আইয়ার। নিউ জিল‍্যান্ডের বোলিং গুঁড়িয়ে ৬৭ বলে করেছেন সেঞ্চুরি।

টিম সাউদির স্লোয়ার ছক্কায় ওড়ানোর পর সিঙ্গেল নিয়ে তিন অঙ্ক স্পর্শ করেন শ্রেয়াস। আসরে এটি তার টানা দ্বিতীয় সেঞ্চুরি।

৩৫ বলে করেছিলেন পঞ্চাশ, পরের পঞ্চাশ এসেছে ৩২ বলে।

৪৮ ওভারে ভারতের রান ২ উইকেটে ৩৬৬। ৬৮ বলে ১০১ রানে খেলছেন শ্রেয়াস। ১৩ বলে দুই চারে লোকেশ রাহুলের রান ১৪।

15 Nov 2023, 06:19 PM

সেঞ্চুরি ছুঁয়ে ফিরলেন শ্রেয়াস

সময়ের দাবি বড় শট খেলার। সেই দাবি মেটাতে গিয়েই ফিরলেন শ্রেয়াস আইয়ার।

ট্রেন্ট বোল্টের বলে শর্ট বলে লং অনে ড‍্যারিল মিচেলের হাতে ধরা পড়লেন এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান। ভাঙল ২৯ বল স্থায়ী ৫৪ রানের জুটি।

৭০ বলে আট ছক্কা ও চারটি চারে ১০৫ রানের বিস্ফোরক ইনিংস খেলে ফিরলেন শ্রেয়াস।

৪৯ ওভারে ভারতের রান ৩ উইকেটে ৩৮২। ক্রিজে লোকেশ রাহুলের সঙ্গী সূর্যকুমার ইয়াদাভ।

15 Nov 2023, 06:34 PM

ভারতের রান পাহাড়

বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ল ভারত। নিউ জিল‍্যান্ডকে দিল রেকর্ড গড়ার ভীষণ কঠিন লক্ষ‍্য।

৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৯৭ রান করেছে ভারত।

টিম সাউদির করা শেষ ওভারের প্রথম বলে ছক্কার চেষ্টায় গ্লেন ফিলিপসের হাতে ধরা পড়েন সূর্যকুমার ইয়াদাভ। ২ বলে তিনি করেন ১ রান।

ক্র‍্যাম্পের জন‍্য উঠে যাওয়া শুবমান গিল ফেরেন মাঠে। সিঙ্গেল নিয়ে তিনি স্ট্রাইক দেন লোকেশ রাহুলকে। এই কিপার-ব‍্যাটসম‍্যান শেষ চার বলে ছক্কা ও দুটি চারে দলকে নিয়ে যান চারশ রানের দুয়ারে।

২০ বলে দুই ছক্কা ও পাঁচ চারে ৩৯ রান করেন রাহুল। ৬৬ বলে তিন ছক্কা ও আট চারে ৮০ রানে অপরাজিত থাকেন গিল।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ৩৯৭/৪ (রোহিত ৪৭, গিল ৮০, কোহলি ১১৭, শ্রেয়াস ১০৫, রাহুল ৩৯, সূর্যকুমার ১; বোল্ট ১০-০-৮৬-১, সাউদি ১০-০-১০০-৩, স‍্যান্টনার ১০-১-৫১-০, ফার্গুসন ৮-০-৬৫-০, রবীন্দ্র ৭-০-৬০-০, ফিলিপস ৫-০-৩৩-০)

15 Nov 2023, 06:40 PM

নক আউট ম‍্যাচে সর্বোচ্চ

আইসিসির কোনো নক আউট ম‍্যাচে সর্বোচ্চ রানের কীর্তি গড়েছে ভারত। আগের সেরা ছিল এই ম‍্যাচের প্রতিপক্ষ নিউ জিল‍্যান্ডের। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটে ৩৯৩ রান করেছিল তারা।

শুরুতে ঝড় তোলেন রোহিত শার্মা। দলকে পথ দেখিয়ে যাওয়া অধিনায়ক ফেরেন পঞ্চাশ ছোয়ার আগেই। তার বিদায়ের পর রানের গতি ধরে রাখার কাজটা করেন শুবমান গিল।

সবশেষ চার ইনিংসে তিনটি ফিফটি করা ভারতীয় ওপেনার ছিলেন সেঞ্চুরির পথেই। কিন্তু ক্র‍্যাম্পের জন‍্য ৭৯ রানে মাঠ ছাড়েন তিনি।

শুরুতে একটু সময় নেওয়া ভিরাট কোহলি ধীরে ধীরে খেলতে থাকেন নিজের সব শট। আরেক প্রান্তে ঝড় তোলেন শ্রেয়াস আইয়ার। দুই জনই পান তিন অঙ্কের দেখা।

ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ৫০ সেঞ্চুরির রেকর্ড গড়েন কোহলি। একই সঙ্গে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান, সর্বোচ্চ পঞ্চাশ ছোঁয়া ইনিংসের কীর্তি গড়েন এই টপ অর্ডার ব‍্যাটসম‍্যান।

টানা দুই ম‍্যাচে সেঞ্চুরি পেলেন শ্রেয়াস। মাত্র ৬৭ বলে তিন অঙ্ক ছুঁয়ে তিনিই দলকে নিয়ে যান চারশর কাছে। শেষ দিকে ঝড় তোলেন কিপার-ব‍্যাটসম‍্যান লোকেশ রাহুল। তিনি রান করেন প্রায় দুইশ স্ট্রাইক রেটে।

মিচেল স‍্যান্টনার ১০ ওভারে দেন কেবল ৫১ রান। গ্লেন ফিলিপসের ৫ ওভার থেকে আসে ৩৩ রান। এর বাইরে সবাই ছিলেন খরুচে। ট্রেন্ট বোল্ট ১০ ওভারে দেন ৮৬ রান। সাউদি ৩ উইকেট পেলেও খরচ করেন ১০০ রান।

15 Nov 2023, 07:26 PM

এসেই শামির উইকেট

বোলিংয়ে পরিবর্তন এনেই সাফল‍্য পেল ভারত। মোহাম্মদ শামির প্রথম বলেই ক‍্যাচ দিয়ে ফিরে গেলেন ডেভন কনওয়ে। উইকেটের পেছনে দুর্দান্ত ক‍্যাচ নিয়ে বড় অবদান রাখলেন লোকেশ রাহুলও।

শামির অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ বলে ড্রাইভ করতে চেয়েছিলেন কনওয়ে। সিম মুভমেন্টের জন‍্য ঠিক মতো পারেননি। ব‍্যাটের কানআয় লেগে ক‍্যাচ যায় উইকেটের পেছনে। দারুণ রিফ্লেক্স দেখিয়ে ঝাঁপিয়ে গ্লাভসে জমান রাহুল। ভাঙে ৩০ রানের জুটি।

কনওয়ে তিন চারে ১৫ বলে করেন ১৩ রান।

৬ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ১ উইকেটে ৩৪। ক্রিজে রাচিন রবীন্দ্রর সঙ্গী কেন উইলিয়ামসন।

15 Nov 2023, 07:42 PM

রাচিনকে ফিরিয়ে শামির দ্বিতীয়

পরপর দুই ওভারে উইকেট পেলেন মোহাম্মদ শামি। বিশ্বকাপে দারুণ সময় কাটানো এই পেসার ডেভন কনওয়ের পর ফিরিয়ে দিলেন আরেক ওপেনার রাচিন রবীন্দ্রকেও।

আগের বলে চমৎকার ড্রাইভে চার মারেন রাচিন। পরের বলে খোঁচা মেরে ধরা পড়েন লোকেশ রাহুলের গ্লাভসে।

অফ স্টাম্পের একটু বাইরের বলে কিছুটা সিম মুভমেন্টও ছিল। কি করবেন এ নিয়ে যেন দ্বিধায়ও ছিলেন রাচিন। শেষ পর্যন্ত অনেকটা বাধ‍্য হয়ে খেলতে গিয়ে খোঁচা মেরে বসেন। উইকেটের পেছনে অনায়াসে ক‍্যাচ নেন রাহুল।

৮ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ২ উইকেটে ৪০। ক্রিজে কেন উইলিয়ামসনের সঙ্গী ড‍্যারিল মিচেল।

15 Nov 2023, 08:13 PM

উইলিয়ামসন-মিচেলের জুটিতে পঞ্চাশ

দুই ওপেনারের দ্রুত বিদায়ের পর নিউ জিল‍্যান্ডকে টানছেন কেন উইলিয়ামসন ও ড‍্যারিল মিচেল। তৃতীয় উইকেটে তাদের জুটিতে পঞ্চাশ এসেছে ৪৮ বলে।

শুরু থেকেই ওভার প্রতি রান প্রয়োজন প্রায় আট করে। সেখানে রান আসছে কেবল ছয় করে। ১৬ ওভার শেষেই ওভার প্রতি প্রয়োজনীয়তা বেড়ে দাঁড়িয়েছে নয় রানে।

১৬ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ২ উইকেটে ৯৩। ৩২ বলে ২৫ রানে ব‍্যাট করছেন উইলিয়ামসন। ২৮ বলে মিচেলের রান ২১।

15 Nov 2023, 08:38 PM

১৭ ওভারে একশ

আক্রমণে ফেরা মোহাম্মদ শামির উপর চড়াও হলেন ড‍্যারিল মিচেল। ছক্কার পর মারলেন চার। তার চারেই দলের রান স্পর্শ করল একশ।

১৭ ওভারে নিউ জিল‍্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১০৪।

15 Nov 2023, 08:40 PM

উইলিয়ামসন-মিচেলের জুটিতে একশ

দ্রুত দুই ওপেনারের বিদায়ের পরও দিক হারায়নি নিউ জিল‍্যান্ড। কেন উইলিয়ামসন ও ড‍্যারিল মিচেলের জুটিতে লড়ছে গত দুই আসরের রানার্সআপরা।

দায়িত্বশীল ব‍্যাটিংয়ে দলকে টানছেন দুই অভিজ্ঞ ব‍্যাটসম‍্যান। তাদের জুটি শতরান ছুঁয়েছে ৮৭ বলে। পঞ্চাশ এসেছিল ৪৮ বলে।

২২ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ২ উইকেটে ১৪১।

15 Nov 2023, 08:50 PM

৪৯ বলে মিচেলের ফিফটি

বেশ চাপের সময় নেমে দায়িত্বশীল ব‍্যাটিংয়ে দলকে টানছেন ড‍্যারিল মিচেল। রবীন্দ্র জাদেজার বলে সিঙ্গেল নিয়ে ছুঁয়েছেন পঞ্চাশ।

৪৯ বলে ফিফটি করার পথে দুই ছক্কার পাশাপাশি মেরেছেন পাঁচটি চার।

ওভারের শেষ বলে জাদেজার অহেতুক থ্রোয়ে চার রান উপহার পেয়েছেন কেন উইলিয়ামসন। নিউ জিল‍্যান্ড অধিনায়কও আছেন পঞ্চাশের কাছে।

২৩ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ২ উইকেটে ১৪৮। ৫১ বলে ৫১ রানে ব‍্যাট করছেন মিচেল। ৫১ বলে উইলিয়ামসনের রান ৪৬।

15 Nov 2023, 08:54 PM

৫৮ বলে উইলিয়ামসনের ফিফটি

ম‍্যাচ যতটা সম্ভব গভীরে নিয়ে যাওয়ার জন‍্য লড়াই করছেন কেন উইলিয়ামসন। ড‍্যারিল মিচেলের সঙ্গ গড়েছেন শতরানের জুটি। দায়িত্বশীল ব‍্যাটিংয়ে নিউ জিল‍্যান্ড অধিনায়ক ছুঁয়েছেন পঞ্চাশ, ৫৮ বলে।

খুব একটা ঝুঁকি নিচ্ছেন না উইলিয়ামসন। সহজাত ব‍্যাটিংয়েই এগিয়ে যাচ্ছেন এই টপ অর্ডার ব‍্যাটসম‍্যান। পঞ্চাশ ছোঁয়ার পথে এক ছক্কার সঙ্গে মেরেছেন পাঁচটি চার।

২৬ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ২ উইকেটে ১৬৫। ৫৯ বলে ৫০ রানে খেলছেন উইলিয়ামসন। ৬১ বলে মিচেলের রান ৬৪।

15 Nov 2023, 09:08 PM

উইলিয়ামসনকে জীবন দিলেন শামি

মাথাব‍্যথার কারণ হয়ে ওঠা জুটি ভাঙতে জাসপ্রিত বুমরাহকে আক্রমণে এনেছিলেন রোহিত শার্মা। কাজেও লেগে যাচ্ছিল এই বোলিং পরিবর্তন। কিন্তু মিড অনে সহজ ক‍্যাচ ছেড়ে দিলেন মোহাম্মদ শামি।

অফ স্টাম্পের বাইরের স্লোয়ার বল টেনে খেলার চেষ্টা করেন কেন উইলিয়ামসন। কিন্তু একেবারেই টাইমিং হয়নি। ক‍্যাচ যায় একদম শামি বরাবর। রিভার্স কাপে ক‍্যাচ ধরতে গিয়ে মুঠোয় রাখতে পারেননি তিনি। এমন ক‍্যাচ ছুটে গেছে যেন বিশ্বাসই হচ্ছিল না বুমরাহর।

সে সময় ৫২ রানে ছিলেন নিউ জিল‍্যান্ড অধিনায়ক।

২৯ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ২ উইকেটে ১৮৮।

15 Nov 2023, 09:12 PM

শেষ ২০ ওভারে ১৯৯ রান চাই নিউ জিল‍্যান্ডের

দেড়শ ছাড়িয়ে আরও সামনের দিকে ছুটছে কেন উইলিয়ামসন ও ড‍্যারিল মিচেলের জুটি। তাদের ব‍্যাটে একটু একটু করে বাড়ছে নিউ জিল‍্যান্ডের আশা।

কুলদিপ ইয়াদাভের বলে স্লগ সুইপ করে চার মারেন উইলিয়ামসন। এক বল পর রিভার্স সুইপ করে আরেকটি চার মারেন মিচেল।

৩০ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ২ উইকেটে ১৯৯। ৬৭ বলে ৫৮ রানে ব‍্যাট করছেন উইলিয়ামসন। ৭৭ বলে মিচেলের রান ৯০।

15 Nov 2023, 09:32 PM

মিচেলের সেঞ্চুরির পর শামির জোড়া আঘাত

কয়েক ওভার আগে কেন উইলিয়ামসনের সহজ ক‍্যাচ ছেড়েছিলেন মোহাম্মদ শামি। সেটা পুষিয়ে দিতে খুব একটা দেরি করলেন না এই পেসার। আক্রমণে ফিরেই বিদায় করলেন নিউ জিল‍্যান্ড অধিনায়ককে।

৩৩তম ওভারে আক্রমণে আসেন শামি। প্রথম বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্ক স্পর্শ করেন মিচেল। ৮৫ বলে সেঞ্চুরি করার পথে তিনি মারেন পাঁচ ছক্কা ও আটটি চারে।

পরে বলে ফ্লিক করে সীমানায় সূর্যকুমার ইয়াদাভের হাতে ধরা পড়েন উইলিয়ামসন। ভাঙে ১৪৯ বল স্থায়ী ১৮১ রানের জুটি।

৭৩ বলে এক ছক্কা ও আট চারে ৬৯ রান করা নিউ জিল‍্যান্ড অধিনায়ক বিশ্বকাপে শামির ৫০তম শিকার।

এক বল পর আাবার আঘাত হানেন শামি। তার দারুণ এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে যান টম ল‍্যাথাম। দুই বল খেলা কিপার-ব‍্যাটসম‍্যান খুলতে পারেননি রানের খাতা।

৩৩ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ৪ উইকেটে ২২০। ক্রিজে মিচেলের সঙ্গী গ্লেন ফিলিপস।

15 Nov 2023, 10:19 PM

মিচেল-ফিলিপসের জুটিতে পঞ্চাশ

জোড়া উইকেটের ধাক্কা সামলে দ্রুত রান তোলার দিকে মনোযোগ দিলেন ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস। মোহাম্মদ সিরাজের করা ৪১তম ওভারে দুজন মিলে নিলেন ২০ রান। একইসঙ্গে পূর্ণ হলো জুটির পঞ্চাশ।

৪১ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২৮৬ রান। রেকর্ড গড়া জয়ের জন্য শেষ ৫৪ বলে তাদের করতে হবে আরও ১১২ রান।

মিচেল ১০৮ বলে ১২৭ ও ফিলিপস ২৭ বলে ৩৬ রানে খেলছেন

15 Nov 2023, 10:31 PM

ফিলিপসকে ফিরিয়ে জুটি ভাঙলেন বুমরাহ

ভয়ঙ্কর হওয়ার আভাস দেওয়া গ্লেন ফিলিপসকে ড্রেসিং রুমে ফেরত পাঠালেন জাসপ্রিত বুমরাহ। তিনশর আগে পঞ্চম উইকেট হারাল নিউ জিল্যান্ড।

স্লোয়ারে বড় শট খেলার চেষ্টায় ওয়াইড লং অফে ধরা পড়েছেন ৩৩ বলে ৪১ রান করা ফিলিপস। সীমানায় দাঁড়িয়ে দারুণ ক্যাচ নিয়েছেন রবীন্দ্র জাদেজা।

৪৩ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২৯৫ রান। শেষ ৪২ বলে তাদের প্রয়োজন ১০৩ রান।

ড্যারেল মিচেল খেলছেন ১৩১ রানে। ক্রিজে নতুন ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান।

15 Nov 2023, 10:41 PM

টিকলেন না চ্যাপম্যান

বাড়তে থাকা রানের চাহিদা মেটানোর চেষ্টায় সফল হলেন না মার্ক চ্যাপম্যান। কুলদিপ ইয়াদাভের বলে ছক্কা মারতে গিয়ে ধরা পড়লেন ডিপ স্কয়ার লেগ সীমানায়। এবারও ক্যাচ নিলেন রবীন্দ্র জাদেজা।

৪৪ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ২৯৯ রান। শেষ ৬ ওভারে তাদের প্রয়োজন ৯৯ রান। আশার প্রদীপ জ্বালিয়ে রেখে ১৩২ রানে অপরাজিত ড্যারেল মিচেল।

নিজের শেষ দুই ওভারে স্রেফ ৫ রান খরচ করেছেন কুলদিপ।

15 Nov 2023, 10:52 PM

মিচেলকে ফিরিয়ে শামির রেকর্ড

উড়ন্ত পথচলায় মোহাম্মদ শামির ডানায় যুক্ত হলো সাফল্যের নতুন পালক। বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার হিসেবে তিনি ৪ বার নিলেন ৫ উইকেট।

ভারতের জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়িয়ে থাকা ড্যারেল মিচেলকে ক্যাচ আউট করে ৫ উইকেট পূর্ণ করেছেন ৩৩ বছর বয়সী পেসার। চলতি আসরে এটি তার তৃতীয় ৫ উইকেট।

একই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট নিয়ে মিচেল স্টার্কের পাশে বসেছিলেন শামি। এবার তাকে ছাড়িয়ে গেছেন ভারতের অভিজ্ঞ পেসার।

এই ম্যাচে তৃতীয় উইকেটের মাধ্যমে বিশ্বকাপে ভারতের প্রথম বোলার হিসেবে ৫০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন শামি।

সব মিলিয়ে চলতি আসরে তার শিকার ২১টি।

৪৬ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ৩০৮ রান। ভারতের জয়ের জন্য প্রয়োজন আর ৩ উইকেট। কিউইদের ২৪ বলে করতে হবে ৯০ রান।

15 Nov 2023, 10:54 PM

স্যান্টনারকে ফেরালেন সিরাজ

জয়ের সুবাস পেতে শুরু করেছে ভারত। অষ্টম ব্যাটসম্যান হিসেবে ড্রেসিং রুমে ফেরত পাঠানো হয়েছে মিচেল স্যান্টনারকে।

মোহাম্মদ সিরাজের স্লোয়ার বাউন্সারে দূর থেকে ব্যাট চালিয়ে শর্ট এক্সট্রা কভারে ক্যাচ দিয়েছেন স্যান্টনার।

জয় থেকে আর ২ উইকেট দূরে ভারত। নিউ জিল্যান্ডের ১২ বলে প্রয়োজন ৭৮ রান।

15 Nov 2023, 11:04 PM

ফাইনালে ভারত

এক যুগ পর বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। ঘরের মাঠে ২০১১ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর আবারও একই হাতছানির সামনে রোহিত শার্মা, ভিরাট কোহলিরা।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে ৭০ রানে জিতেছে তারা। ৩৯৮ রানের লক্ষ্যে নিউ জিল্যান্ড থেমেছে ৩২৭ রানে।

সব মিলিয়ে চতুর্থ ফাইনালের সামনে এখন ভারত। ১৯৮৩ সালের আসরে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর ২০০৩ সালে রানার্স-আপ হয় তারা। পরে ২০১১ সালে ফের বিশ্বকাপ জেতে তারা।

আগামী রোববার তৃতীয় শিরোপার লড়াইয়ে নামবে রোহিতের দল।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ৩৯৭/৪ (রোহিত ৪৭, গিল ৮০*, কোহলি ১১৭, শ্রেয়াস ১০৫, রাহুল ৩৯*, সূর্যকুমার ১; বোল্ট ১০-০-৮৬-১, সাউদি ১০-০-১০০-৩, স‍্যান্টনার ১০-১-৫১-০, ফার্গুসন ৮-০-৬৫-০, রবীন্দ্র ৭-০-৬০-০, ফিলিপস ৫-০-৩৩-০)

নিউ জিল্যান্ড: ৪৮.৫ ওভারে ৩২৭ (কনওয়ে ১৩, রবীন্দ্র ১৩, উইলিয়ামসন ৬৯, মিচেল ১৩৪, ল্যাথাম ০, ফিলিপস ৪১, চ্যাপম্যান ২, স্যান্টনার ৮, সাউদি ৯, বোল্ট ২*, ফার্গুসন ৬; বুমরাহ ১০-১-৬৪-১, সিরাজ ৯-০-৭৮-১, শামি ৯.৫-০-৫৭-৭, জাদেজা ১০-০-৬৩-০, কুলদিপ ১০-০-৫৫-১)

ফল: ভারত ৭০ রানে জয়ী

15 Nov 2023, 11:10 PM

৭ উইকেটে শামির রেকর্ড বইয়ে ঝড়

ব্যাটিংয়ে রেকর্ডের খাতায় ঝড় তুলেছিলেন ভিরাট কোহলি। নিউ জিল্যান্ডের ইনিংসে বল হাতে একই কাজ করেছেন মোহাম্মদ শামি। ভারতের প্রথম বোলার হিসেবে বিশ্বকাপের ম্যাচে তিনি নিয়েছেন ৭ উইকেট।

দুর্দান্ত বোলিংয়ে ৯.৫ ওভারে ৫৭ রান খরচায় তিনি নিয়েছেন ৭ উইকেট। বিশ্বকাপে ৭ উইকেট নেওয়া পঞ্চম বোলার তিনি। তবে নক-আউট ম্যাচে এটিই সেরা বোলিং। ১৯৭৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে ১৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন গ্যারি গিলমোর।

চলতি আসরে এটি তার তৃতীয় ৫ উইকেট। এক বিশ্বকাপে তিন বার ৫ উইকেট নেওয়া প্রথম বোলার। সব মিলিয়ে বিশ্বকাপে এটি তার চতুর্থ ৫ উইকেট। এই কীর্তিতেও প্রথম তিনি। মিচেল স্টার্ক তিনবার নিয়েছেন ৫ উইকেট।

উড়ন্ত ছন্দে থাকা শামির এবারের বিশ্বকাপে মোট শিকার ২৩টি। ভারতের বোলারদের মধ্যে এক আসরে এটিই রেকর্ড। ২০১১ সালে দলকে চ্যাম্পিয়ন করার পথে জাহির খান নিয়েছিলেন ২১ উইকেট।

সব মিলিয়ে তার সামনে স্রেফ দুজন। মিচেল স্টার্ক, ২০১৯ সালে ২৭ উইকেট ও গ্লেন ম্যাকগ্রা ২০০৭ সালে ২৬ উইকেট।

15 Nov 2023, 11:16 PM

রাহুলের গ্লাভসে শেষ দুই ক্যাচ

চার বলের ব্যবধানে মোহাম্মদ শামির অফ স্টাম্পের বাইরের ডেলিভারি প্রায় একইভাবে উইকেটের পেছনে ক্যাচ দিলেন টিম সাউদি, লকি ফার্গুসন। পরম নির্ভরতায় দুটি ক্যাচই গ্লাভসে পুরে ভারতের জয় নিশ্চিত করলেন লোকেশ রাহুল।

এর আগে একই বোলারের বোলিংয়ে নিউ জিল্যান্ডের দুই ওপেনার ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্রর ক্যাচও নেন রাহুল। বিশ্বকাপে ভারতের চতুর্থ কিপার হিসেবে এক ম্যাচে ৪ ক্যাচ নিলেন তিনি।