14 Oct 2023, 02:17 PM
14 Oct 2023, 02:12 PM
চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াই
ভারত-পাকিস্তানের যে কোনো ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। এবারের লড়াই ভারতের মাঠে হওয়ায় উত্তেজনার পারদ চরমে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের ম্যাচ দিয়েই শুরু হবে বিশ্বকাপের আসল রোমাঞ্চ, এমনটাও বলছেন কেউ কেউ।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শনিবার আলোচিত ম্যাচে মাঠে নামছে ভারত ও পাকিস্তান। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে খেলা।
সার্বিক পরিসংখ্যানে জয়-পরাজয়ের হিসেবে এগিয়ে পাকিস্তান। তবে বিশ্বকাপে সাত ম্যাচের একটিতেও ভারতকে হারাতে পারেনি তারা। এবার ব্যবধান ৮-০ করার লড়াইয়ে নামবে স্বাগতিকরা।
পাকিস্তান অধিনায়ক বাবর আজমসহ দেশটির ক্রিকেটাররা জানিয়েছেন, অতীত রেকর্ড নিয়ে ভাবতে রাজি নন তারা। বরং নতুন গল্প লেখার অভিযানে মাঠে নামবেন তারা। একই মত ভারত অধিনায়ক রোহিত শার্মার। মাঠে সেরাটা খেলেই জয়ের আশাবাদী তিনি।
14 Oct 2023, 02:17 PM
টস জিতে ফিল্ডিংয়ে ভারত
রোমাঞ্চ, উত্তেজনার আভাস ছড়ানো লড়াইয়ে টস জিতলেন রোহিত শার্মা। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত জানালেন তিনি।
ম্যাচের পরের দিকে শিশিরের উপদ্রব হতে পারে, এমন ভাবনায় রান তাড়া করছে ভারত। পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, টস জিতলে তিনিও আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতেন।
14 Oct 2023, 02:17 PM
সুস্থ হয়ে ফিরলেন গিল, বাইরে কিষান
ডেঙ্গু জ্বরের কবল থেকে সুস্থ হয়ে দলে ফিরলেন শুবমান গিল। তাকে জায়গা দিতে বাইরে রাখা হলো প্রথম দুই ম্যাচে ওপেনিংয়ে নামা ইশান কিষানকে।
সবশেষ আফগানিস্তানের বিপক্ষে জেতা ম্যাচের একাদশে এই একটিই পরিবর্তন এনেছে ভারত।
ভারত একাদশ: রোহিত শার্মা, শুবমান গিল, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদিপ ইয়াদাভ, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
14 Oct 2023, 02:26 PM
পাকিস্তানের অপরিবর্তিত একাদশ
শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড রান তাড়া করে জয়ের পর নিজেদের একাদশে কোনো পরিবর্তন করেনি পাকিস্তান।
পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শাফিক, ইমাম উল হাক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ।
14 Oct 2023, 02:58 PM
আঁটসাঁট বুমরাহ, খরুচে সিরাজ
দারুণ বোলিং করছেন জাসপ্রিত বুমরাহ। ৩ ওভারে কেবল ৫ রান দিয়েছেন এই পেসার। তার বলে স্কোরিং শট কেবল দুটি, একটি চার ও একটি সিঙ্গেল।
অন্য প্রান্তে বেশ খরুচে মোহাম্মদ সিরাজ। নিজের প্রথম ওভারে তিনি হজম করেন তিনটি চার, পরের ওভারে একটি চারে দেন ৬ রান। সব মিলিয়ে তার ২ ওভার থেকে আসে ১৮ রান।
৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে পাকিস্তানের রান ২৩।
১৪ বলে দুই চারে ১০ রানে খেলছেন আব্দুল্লাহ শাফিক। ১৬ বলে তিন চারে ইমাম-উল-হকের রান ১৩।
14 Oct 2023, 03:21 PM
শাফিককে ফিরিয়ে জুটি ভাঙলেন সিরাজ
খরুচে বোলিং করা মোহাম্মদ সিরাজ-ই এনে দিলেন প্রথম সাফল্য।
অন্য প্রান্তে জাসপ্রিত বুমরাহর আঁটসাঁট বোলিংয়ের বিপরীতে শুরুটা কিছুটা খরুচে করেন মোহাম্মদ সিরাজ। তবে তার হাত ধরেই প্রথম সাফল্য পেল ভারত। পাকিস্তান হারাল আব্দুল্লাহ শাফিকের উইকেট।
অষ্টম ওভারে কয়েকটি শর্ট ডেলিভারি দিয়ে শাফিককে ব্যাকফুটে নেন সিরাজ। শেষ বলের আগে রোহিত শার্মার সঙ্গে কথা বলে তিনি ফাইন লেগের ফিল্ডারকে আরও ডিপে পাঠিয়ে ফাঁদ পাতেন আরেকটি বাউন্সারের জন্য।
এরপর সিরাজ দেখান মুনশিয়ানা। বাউন্সারের ফাঁদ পেতে তিনি ক্রস সিমে করেন ব্যাক অব লেংথ ডেলিভারি। যা পিচ করার পর নিচু হয়ে আঘাত করে শাফিকের প্যাডে। খালি চোখেই বোঝা যাচ্ছিল, পরিষ্কার আউট। তাই রিভিউ নেননি পাকিস্তানি ওপেনার।
৩ চারে ২৪ বলে ২০ রান করেছেন শাফিক। তিন নম্বরে নেমেছেন অধিনায়ক বাবর আজম। ২০ রানে খেলছেন ইমাম উল হাক।
14 Oct 2023, 03:28 PM
পাওয়ার প্লেতে পাকিস্তান ৪৯/১
শুরুটা খারাপ হয়নি পাকিস্তানের। প্রথম পাওয়ার প্লেতে ওভার প্রতি প্রায় ৫ রান করে নিতে পেরেছে তারা। এই সময়ে তাদের শুরুর জুটি ভাঙতে পেরেছে ভারত।
১০ ওভারে পাকিস্তানের রান ১ উইকেটে ৪৯। ২৯ বলে ২৩ রানে খেলছেন ইমাম-উল-হক। ৭ বলে অধিনায়ক বাবর আজমের রান ৫।
আব্দুল্লাহ শাফিককে এলবিডব্লিউ করে অষ্টম ওভারে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন মোহাম্মদ সিরাজ। নতুন বলে দারুণ বোলিং করলেও কোনো উইকেট পাননি আরেক পেসার জাসপ্রিত বুমরাহ।
14 Oct 2023, 03:41 PM
ইমামকে ফিরিয়ে দ্রুত এগোনো জুটি ভাঙলেন পান্ডিয়া
ভারতের বিপক্ষে অনুজ্জ্বল রেকর্ড কিছুটা ভালো করার সম্ভাবনা জাগিয়েছিলেন ইমাম-উল-হক। তবে ভালো শুরুটা বড় করতে পারলেন না বাঁহাতি এই ওপেনার। হার্দিক পান্ডিয়ার অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করে ধরা পড়লেন লোকেশ রাহুলের গ্লাভসে।
আগের বলে ডিপ পয়েন্ট দিয়ে চার মেরেছিলেন ইমাম। পরের বল ছিল অফ স্টাম্পের আরও বাইরে, চলে যাচ্ছিল আরও দূরে। তবুও তাড়া করার চেষ্টা করেন ইমাম। ঠিক মতো পারেননি, ব্যাটের কানা ছুঁয়ে ক্যাচ যায় উইকেট রক্ষকের কাছে। ভাঙে ২৭ বল স্থায়ী ৩২ রানের জুটি।
৩৮ বলে ৬ চারে ৩৬ রান করেন ইমাম।
১৩ ওভারে পাকিস্তানের রান ২ উইকেটে ৭৪। ক্রিজে বাবর আজমের সঙ্গী দারুণ ছন্দে থাকা মোহাম্মদ রিজওয়ান।
14 Oct 2023, 03:52 PM
রিভিউ নিয়ে বাঁচলেন রিজওয়ান
শুরুতেই ফিরে পারতেন মোহাম্মদ রিজওয়ান। ছন্দে থাকা কিপার-ব্যাটসম্যান বাঁচলেন রিভিউ নিয়ে।
১৪তম ওভারে আক্রমণে আসেন রবীন্দ্র জাদেজা। প্রথম বলেই পান টার্ন, একটুর জন্য বাইরের কানা নেয়নি বল। পরের বলে সুইপ করার চেষ্টায় সফল হননি রিজওয়ান। আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর নেন রিভিউ।
বাঁহাতি স্পিনারের বল পিচ করে লেগ-মিডল স্টাম্পে। ইম্প্যাক্ট ছিল লেগ স্টাম্পে, কিন্তু একটুর জন্য মিস করতো স্টাম্প! তাই বেঁচে যান রিজওয়ান। সে সময় ১ রানে ছিলেন তিনি।
১৪ ওভার শেষে পাকিস্তানের রান ২ উইকেটে ৭৫। বাবর ১৪ বলে খেলছেন ১৬ রানে। ৮ বলে রিজওয়ানের রান ২।
14 Oct 2023, 04:42 PM
বাবর-রিজওয়ানের জুটিতে পঞ্চাশ
স্পিন দিয়ে রানের গতি কমিয়ে রাখার চেষ্টা করছে ভারত। তবে তাতে খু্ব একটা কাজ হচ্ছে না। সাবলীল ব্যাটিংয়েই দলকে এগিয়ে নিচ্ছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তাদের জুটিতে পঞ্চাশ এসেছে ৬৯ বলে।
২৪ ওভারে পাকিস্তানের রান ২ উইকেটে ১২৩। ৪২ বলে ৩৪ রানে খেলছেন বাবর। ৪০ বলে রিজওয়ান খেলছেন ৩২ রানে।
14 Oct 2023, 04:46 PM
দারুণ ব্যাটিংয়ে বাবরের ফিফটি
প্রথম দুই ম্যাচে রান পাননি বাবর আজম। বেশ চাপে থাকা পাকিস্তান অধিনায়ক দারুণ ব্যাটিংয়ে করলেন ফিফটি, ৫৭ বলে।
কুলদিপ ইয়াদাভের বলে পয়েন্ট দিয়ে চার মেরে আসরে নিজের প্রথম পঞ্চাশ স্পর্শ করেন বাবর। ওই শটেই দেড়শ স্পর্শ করে দলের রান।
২৯ ওভারে পাকিস্তানের রান ২ উইকেটে ১৫০।
14 Oct 2023, 04:51 PM
বাবরকে বোল্ড করে বিপজ্জনক জুটি ভাঙলেন সিরাজ
একটু খরুচে হলেও উইকেটের দিক থেকে এখন পর্যন্ত ভারতের সফলতম বোলার মোহাম্মদ সিরাজ। নতুন স্পেলে এই পেসার বাবর আজমকে বোল্ড করে ভাঙলেন বিপজ্জনক জুটি।
অফ স্টাম্পের একটু বাইরে পড়ে ভেতরে ঢোকা বল থার্ড ম্যানে খেলে সিঙ্গেল নিতে চেয়েছিলেন বাবর। একটু নিচু হওয়া বলের লাইনে যেতে পারেননি পাকিস্তান অধিনায়ক। আঘাত হানে অফ স্টাম্পে! ভাঙে ১০৩ বল স্থায়ী ৮২ রানের জুটি।
৫৮ বলে ৭ চারে ৫০ রান করেন বাবর।
গোল্ডেন ডাকের তেতো স্বাদ পেতে যাচ্ছিলেন সাউদ শাকিল। সিরাজের থ্রো স্টাম্পে লাগলে রান আউট হয়ে ফিরে যেতে হতো এই মিডল অর্ডার ব্যাটসম্যানের।
৩০ ওভারে পাকিস্তানের রান ৩ উইকেটে ১৫৬।
14 Oct 2023, 05:08 PM
টিকলেন না শাকিল
বাবর আজমের বিদায়ের পর দ্রুত আরেকটি উইকেট হারিয়ে চাপে পাকিস্তান। রিভিউ নিয়ে সাউদ শাকিলকে ফেরাল ভারত।
কুলদিপ ইয়াদাভের লেগ স্টাম্পে পিচ করে অনেকটা সোজা আসা বল লেগে খেলতে চেয়েছিলেন শাকিল। ব্যাটে-বলে করতে পারেননি বাঁহাতি ব্যাটসম্যান। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন রোহিত শর্মা। তাতে পাল্টায় সিদ্ধান্ত, কারণ বল আঘাত হানত লেগ-মিডল স্টাম্পে।
১০ বলে ৬ রান করেন শাকিল।
14 Oct 2023, 05:11 PM
ইফতেখারের বিদায়ে চাপে পাকিস্তান
সাউদ শাকিলকে এলবিডব্লিউ করার পর সেই ওভারেই ইফতিখার আহমেদকে বোল্ড করে দিলেন কুলদিপ ইয়াদাভ। দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে গেল পাকিস্তান।
বাঁহাতি রিস্ট স্পিনারের গুগলি বুঝতে পারেননি ইফতিখার। সুইপ করার চেষ্টায় সফল হননি এই মিডল অর্ডার ব্যাটসম্যান। গ্লাভসে লেগে বল আঘাত হানে স্টাম্পে!
৩৩ ওভারে পাকিস্তানের রান ৫ উইকেটে ১৬৬। ক্রিজে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গী শাদাব খান।
14 Oct 2023, 05:16 PM
রিজওয়ানের প্রতিরোধ ভাঙলেন বুমরাহ
হুট করেই যেন বদলে গেল ম্যাচের গতিপথ। দ্রুত ৪ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে গেল পাকিস্তান।
দ্বিতীয় স্পেলে ফিরে দারুণ এক ডেলিভারিতে মোহাম্মদ রিজওয়ানের প্রতিরোধ ভাঙলেন জাসপ্রিত বুমরাহ। এই পেসারের স্লোয়ার অফ কাটার বুঝতেই পারেননি পাকিস্তানের কিপার-ব্যাটসম্যান। বল তার ব্যাটের কানা এড়িয়ে এলোমেলো করে দেয় স্টাম্প।
৬৯ বলে ৭ চারে ৪৯ রান করেন রিজওয়ান। তার বিদায়ে পুরো ৫০ ওভার খেলাই কঠিন হয়ে গেল পাকিস্তানের জন্য।
৩৪ ওভারে পাকিস্তানের রান ৬ উইকেটে ১৬৮। ক্রিজে শাদাব খানের সঙ্গী মোহাম্মদ নাওয়াজ।
14 Oct 2023, 05:23 PM
শাদাবকেও ফেরালেন বামুরাহ
পরপর দুই ওভারে দুটি উইকেট নিলেন জাসপ্রিত বুমরাহ। মোহাম্মদ রিজওয়ানের পর শাদাব খানকেও বোল্ড করে দিলেন এই পেসার।
বলে লাইনেই যেতে পারেননি ডানহাতি ব্যাটসম্যান। বুমরাহর গতিময় ডেলিভারি উপড়ে ফেলে তার অফ স্টাম্প।
৫ বলে ২ রান করেন শাদাব।
৩৬ ওভারে পাকিস্তানের রান ৭ উইকেটে ১৭২। ক্রিজে মোহাম্মদ নাওয়াজের সঙ্গী হাসান আলি।
14 Oct 2023, 05:43 PM
উইকেট বিলিয়ে এলেন নাওয়াজ
লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব ছিল মোহাম্মদ নাওয়াজের কাঁধে। দৃষ্টিকটু শটে উইকেট বিলিয়ে এলেন এই অলরাউন্ডার।
হার্দিক পান্ডিয়ার আপাত সাদামাটা ডেলিভারিতে মিড অনে ক্যাচ জাসপ্রিত বুমরাহর হাতে ধরা পড়েন নাওয়াজ। ১৪ বলে তিনি করেন ৪ রান।
৪০ ওভারে পাকিস্তানের রান ৮ উইকেটে ১৮৭।
14 Oct 2023, 05:53 PM
অল আউটের দুয়ারে পাকিস্তান
ঝাঁকে ঝাঁকে উইকেট হারিয়ে গুটিয়ে যাওয়ার দুয়ারে দাঁড়িয়ে পাকিস্তান। রবীন্দ্র জাদেজার বলে ক্যাচ আউট হয়ে নবম ব্যাটসম্যান হিসেবে ড্রেসিং রুমে ফিরলেন হাসান আলি।
মিডল স্টাম্পে হালকা ঝুলিয়ে দেওয়া ডেলিভারি স্লগ সুইপের চেষ্টায় হাওয়ায় ভাসিয়ে দেন হাসান। নিরাপদে সহজ ক্যাচ নেন শুবমান গিল।
২ চারে ১৯ বলে ১২ রান করেন হাসান। ১৮৭ রানে ৯ উইকেট হারাল পাকিস্তান।
14 Oct 2023, 06:35 PM
রিভিউয়ে আরেকটি উইকেট
ফের রিভিউ নিয়ে সফল হলেন রোহিত শর্মা। হারিস রউফকে এলবিডব্লিউ করে রবীন্দ্র জাদেজা পেলেন নিজের দ্বিতীয় উইকেট।
বাঁহাতি স্পিনারের বল পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন রউফ। ব্যাটে খেলতে পারেননি, আম্পায়ার জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নেয় ভারত। তাতে পাল্টায় সিদ্ধান্ত।
পুরো ৫০ ওভার খেলতে ব্যর্থ হলো পাকিস্তান। নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় ৪২.৫ ওভারে ১৯১ রানে গুটিয়ে গেল তাদের ইনিংস।
14 Oct 2023, 06:35 PM
নাটকীয় ধসে ১৯১ রানেই শেষ পাকিস্তান
৩০তম ওভার, ২ উইকেটে পাকিস্তানের রান ১৫৫। ফিফটি করে তখন ক্রিজে অধিনায়ক বাবর আজম, পঞ্চাশ কাছাকাছি রান মোহাম্মদ রিজওয়ানের। জুটির রানও একশর কাছাকাছি। এখানে থেকে তিনশ রানেই চোখ থাকার কথা। কিন্তু ভারতীয়দের দারুণ বোলিং আর পাকিস্তানীদের দুঃস্বপ্নের ব্যাটিংয়ে ইনিংস শেষ ১৯১ রানেই!
মাত্র ৩৬ রানে শেষ ৮ উইকেট হারিয়েছে পাকিস্তান। শেষ সাত ব্যাটসম্যানের ছয়জনই পারেননি দুই অঙ্কে যেতে।
দুটি করে উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, কুলদিপ ইয়াদাভ, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সিরাজ।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৪২.৫ ওভারে ১৯১ (শাফিক ২০, ইমাম ৩৬, বাবর ৫০, রিজওয়ান ৪৯, শাকিল ৬, ইফতিখার ৪, শাদাব ২, নাওয়াজ ৪, হাসান ১২, আফ্রিদি ২*, রউফ ২, বুমরাহ ৭-১-১৯-২, সিরাজ ৮-০-৫০-২, পান্ডিয়া ৬-০-৩৪-২, কুলদিপ ১০-০-৩৫-২, জাদেজা ৯.৫-০-৩৮-২, শার্দুল ২-০-১২-০)
14 Oct 2023, 06:41 PM
শুরুতেই ফিরলেন গিল
তৃতীয় ওভারেই ভাঙল ভারতের উদ্বোধনী জুটি। অসুস্থতা কাটিয়ে আন্তর্জাতিক ব্রিকেটে ফেরার ম্যাচে বেশি দূর যেতে পারলেন না শুবমান গিল।
শাহিন শাহ আফ্রিদির বলে সজোরে কাট করেছিলেন এই ওপেনার। কিন্তু পার করতে পারেননি পয়েন্টের ফিল্ডারকে। মাথার উপর থেকে চমৎকার ক্যাচ নেন শাদাব খান।
১১ বলে চারটি চারে ১৬ রান করেন গিল।
৩ ওভারে ভারতের রান ১ উইকেটে ২৩। ক্রিজে রোহিত শর্মার সঙ্গী ভিরাট কোহলি।
14 Oct 2023, 07:28 PM
পাওয়ার প্লেতে ভারত ২ উইকেটে ৭৯
ছোট লক্ষ্যে ঝড়ো শুরু করল ভারত। প্রথম পাওয়ার প্লেতে ৭৯ রান করল তারা। বিপরীতে হারাল ২ উইকেট। পাওয়ার প্লের শেষ ওভারে ড্রেসিং রুমে ফিরলেন ভিরাট কোহলি। তার বিদায়ে ভাঙল ৫৬ রানের দ্বিতীয় উইকেট জুটি।
হাসান আলির শর্ট লেংথ ডেলিভারি সরাসরি মিড অন ফিল্ডারের হাতে পুল করেন কোহলি ৩ চারে ১৮ বলে ১৬ রান করে ফেরেন ভারতের সাবেক অধিনায়ক।
নবম ওভারে হারিস রউফকে লং অফ দিয়ে ছক্কা মেরে ওয়ানডেতে তিনশ ছক্কা পূর্ণ করেছেন রোহিত শার্মা। এই সংস্করণে এই মাইলফলক ছোঁয়া তৃতীয় ব্যাটসম্যান তিনি। অন্য দুজন শাহিদ আফ্রিদি (৩৫১), ক্রিস গেইল (৩৩১)।
৩ চার ও ৪ ছক্কায় ৩০ বলে ৪৫ রানে অপরাজিত রোহিত। চার নম্বরে নেমেছেন শ্রেয়াস আইয়ার।
এর আগে তৃতীয় ওভারে আউট হন ফেরার ম্যাচে ৪ চারে ১৬ রান করা শুবমান গিল।
14 Oct 2023, 07:32 PM
রোহিতের ঝড়ো ফিফটি, ভারতের একশ
আফগানিস্তানের পর পাকিস্তানের বিপক্ষেও ঝড়ো ফিফটি করলেন রোহিত শার্মা। স্রেফ ৩৬ বলে পঞ্চাশ ছুঁলেন ভারত অধিনায়ক। ১৪ ওভারে একশ পূরণ করল ভারত।
ইনিংসের প্রথম বলে চার মেরে শুরু করা রোহিত ফিফটি করেছেন ৩ চার ও ৪ ছক্কায়। বিশ্বকাপে এটি তার চতুর্থ ফিফটি। এর সঙ্গে সাতটি সেঞ্চুরি রয়েছে ৩৬ বছর বয়সী অভিজ্ঞ তারকার।
১৪ ওভারে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১০১ রান। জয়ের জন্য ৩৬ ওভারে আর ৯১ প্রয়োজন তাদের। শ্রেয়াস আইয়ার ১৬ বলে ১৫ রানে অপরাজিত রয়েছেন।
14 Oct 2023, 07:58 PM
রোহিত-আইয়ারের জুটির পঞ্চাশ
তৃতীয় উইকেটে জোট বেধে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলছেন রোহিত শার্মা, শ্রেয়াস আইয়ার। এরই মধ্যে পূর্ণ হয়েছে জুটির পঞ্চাশ রান। ভারত ছাড়িয়েছে দেড়শ রানের ঘর।
১৯২ রানের লক্ষ্যে ২১ ওভারে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১৫৪ রান। রোহিত-আইয়ারের জুটিতে স্রেফ ৬৭ বলে এসেছে ৭৫ রান।
৬টি করে চার-ছক্কায় ৬১ বলে ৮৫ রানে অপরাজিত রোহিত। শ্রেয়ার খেলছেন ৩৬ বলে ৩৫ রানে।
14 Oct 2023, 08:09 PM
আফ্রিদির স্লোয়ারে থামল রোহিত ঝড়
সম্ভাবনা জাগিয়েও পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করতে পারলেন না রোহিত শার্মা। আশি ছুঁয়ে শাহিন শাহ আফ্রিদির স্লোয়ারে উড়িয়ে মারতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়ে ফিরলেন ভারতের অধিনায়ক।
৬৩ বলে ৬টি করে চার-ছক্কায় ৮৬ রান করেছেন তিনি। এই ইনিংসের পর বিশ্বকাপে তার ছক্কা বেড়ে দাঁড়াল ৩৪টি। বৈশ্বিক এই টুর্নামেন্টে তার চেয়ে বেশি ছক্কা রয়েছে শুধু ক্রিস গেইল (৪৯) ও এবি ডি ভিলিয়ার্সের (৩৭)।
রোহিতের বিদায়ে পাঁচ নম্বরে নেমেছেন লোকেশ রাহুল। ৩৮ বলে ৩৬ রানে খেলছেন শ্রেয়াস আইয়ার। ২২ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৫৭ রান। জয়ের জন্য প্রয়োজন আর ৩৫ রান।
14 Oct 2023, 08:49 PM
ভারত ৮ - ০ পাকিস্তান
রোহিত শার্মার বিধ্বংসী ইনিংসের পর শ্রেয়াস আইয়ারের ফিফটির সৌজন্যে অনায়াসেই পাকিস্তানের করা ১৯১ রান টপকে গেল ভারত। বিশ্বকাপে এ নিয়ে পাকিস্তানের বিপক্ষে ৮ ম্যাচের সবকয়টি জিতল টুর্নামেন্টের স্বাগতিকরা।
বৈশ্বিক এই টুর্নামেন্টে মুখোমুখি দ্বৈরথে এটিই রেকর্ড। এছাড়া পাকিস্তানের বিপক্ষে ৮ ম্যাচের একটিও জিততে পারেনি শ্রীলঙ্কা।
৬টি করে চার-ছক্কায় স্রেফ ৬৩ বলে ৮৬ রান করেছেন রোহিত। শেষ পর্যন্ত অপরাজিত থেকে শ্রেয়াস খেলেছেন ৩ চার ও ২ ছক্কায় ৬২ বলে ৫৩ রানের ইনিংস। স্রেফ ৩ উইকেট হারিয়ে ১১৭ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিয়েছে ভারত।
বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে পাকিস্তানকে দুইশর ভেতরে আটকে রাখে ভারত। জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদিপ ইয়াদাভ নেন ২টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৪২.৫ ওভারে ১৯১ (শাফিক ২০, ইমাম ৩৬, বাবর ৫০, রিজওয়ান ৪৯, শাকিল ৬, ইফতিখার ৪, শাদাব ২, নাওয়াজ ৪, হাসান ১২, আফ্রিদি ২*, রউফ ২, বুমরাহ ৭-১-১৯-২, সিরাজ ৮-০-৫০-২, পান্ডিয়া ৬-০-৩৪-২, কুলদিপ ১০-০-৩৫-২, জাদেজা ৯.৫-০-৩৮-২, শার্দুল ২-০-১২-০)
ভারত: ৩০.৩ ওভারে ১৯২/৩ (রোহিত ৮৬, গিল ১৬, কোহলি ১৬, শ্রেয়াস ৫৩*, রাহুল ১৯*; আফ্রিদি ৬-০-৩৬-২, হাসান ৬-০-৩৪-১, নাওয়াজ ৮.৩-০-৪৭-০, রউফ ৬-০-৪৩-০, শাদাব ৪-০-৩১-০)
ফল: ভারত ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: জাসপ্রিত বুমরাহ