16 Nov 2023, 01:51 PM
বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
16 Nov 2023, 01:51 PM
কলকাতায় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার লড়াই
শিরোপা পুনরুদ্ধারের অভিযানে টানা সাত জয়ে এখন সেমি-ফাইনালের অপেক্ষায় অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার সামনে হাতছানি প্রথম ফাইনালের। দুই দলের শেষ চারের লড়াইয়ে জানা যাবে বিশ্বকাপের দ্বিতীয় ফাইনালিস্ট দলের নাম।
কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে এবারের বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনাল ম্যাচ।
পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সবশেষ শিরোপা জিতেছে ২০১৫ সালে। সাফল্যের মুকুটে এবার নতুন পালক যোগ করার নেশায় বুদ প্যাট কামিন্সের দল। কখনও সেমির বাধা পেরোতে না পারা প্রোটিয়ারা আগ্রাসী ক্রিকেটের মন্ত্রে উজ্জীবিত নতুন ইতিহাস গড়তে।
দারুণ ছন্দে থাকা দুই দলের লড়াইয়ে অবশ্য বাধ সাধতে পারে প্রকৃতি। ম্যাচের দিন সকাল থেকেই মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ, রয়েছে বৃষ্টির শঙ্কাও।
তবে ভালো বিষয় হলো, নক-আউট পর্বের ম্যাচগুলোর জন্য আছে রিজার্ভ ডে। তাই আজ খেলা শেষ না হলেও সুযোগ থাকছে দ্বিতীয় দিন ফল পাওয়ার।
16 Nov 2023, 01:57 PM
তৃতীয়বার সেমির লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া
বিশ্বকাপে তৃতীয়বার সেরা চারে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। এর আগে ১৯৯৯ ও ২০০৭ আসরে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামে তারা। দুইবার বিজয়ীর হাসি অস্ট্রেলিয়ার।
ইংল্যান্ডে ১৯৯৯ বিশ্বকাপে 'টাই' হয় দুই দলের লড়াই। শেষ ওভারে তিন বলে এক রান বাকি থাকা অবস্থায় পাগলাটে দৌড়ে রান আউট হন অ্যালান ডোনাল্ড। অমীমাংসিত অবস্থায় ম্যাচ শেষ হলে সুপার সিক্সে শ্রেয়তর নেট রান রেটের সৌজন্যে ফাইনালের টিকেট পায় অস্ট্রেলিয়া।
৮ বছর পর ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে তেমন লড়াই জমাতে পারেনি প্রোটিয়ারা। গ্লেন ম্যাকগ্রা, শন টেইটের দারুণ বোলিংয়ে দেড়শর আগেই গুটিয়ে যায় তারা। মাইকেল ক্লার্কের অপরাজিত ফিফটিতে অনায়াস জয় পায় অস্ট্রেলিয়া।
16 Nov 2023, 01:57 PM
ফাইনালে যাওয়ার লড়াইয়ে বৃষ্টির শঙ্কা
দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার ফাইনালে ওঠার লড়াইয়ে বাধ সাধতে প্রস্তুত প্রকৃতি। ম্যাচের দিন সকাল থেকে মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ। সাগরে নিম্ন চাপের প্রভাবে দিনের পরের অংশে বৃষ্টিরও শঙ্কা রয়েছে।
নক-আউট পর্বের ম্যাচগুলোর জন্য অবশ্য রয়েছে রিজার্ভ ডে। তাই প্রথম দিন বৃষ্টিতে খেলা বিঘ্নিত হলে, পরের দিন থাকছে ফল আনার সুযোগ। বৃহস্পতিবার যে অবস্থায় থামবে, পর দিন সেখান থেকেই শুরু হবে বাকি অংশের খেলা।
16 Nov 2023, 02:12 PM
টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা
ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে আগে ব্যাটিং নিলেন টেম্বা বাভুমা। বৃষ্টির শঙ্কা থাকলেও নিজ দলের শক্তিমত্তায় জোর দিয়েই এমন সিদ্ধান্তের কথা জানালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, টস জিতলে তিনিও আগে ব্যাটিং নিতেন। তবে মেঘলা কন্ডিশনে আগে বোলিং করার সুবিধা কাজে লাগাতে চান তিনি।
16 Nov 2023, 02:12 PM
অস্ট্রেলিয়া একাদশে ফিরলেন ম্যাক্সওয়েল-স্টার্ক
প্রথম পর্বের শেষ ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ককে বিশ্রাম দিয়েছিল অস্ট্রেলিয়া। ফাইনালে যাওয়ার লড়াইয়ে দুজনকেই ফেরানো হয়েছে একাদশে। বাদ পড়েছেন মার্কাস স্টয়নিস ও শন অ্যাবট।
অস্ট্রেলিয়া একাদশ: ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা, জশ হেইজেলউড।
16 Nov 2023, 02:14 PM
এনগিডির বদলে শামসি
দক্ষিণ আফ্রিকার একাদশে পরিবর্তন একটি। ফাস্ট বোলার লুঙ্গি এনগিডির জায়গায় তারা দলে নিয়েছে বাঁহাতি রিস্ট স্পিনার তাবরাইজ শামসিকে।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রাসি ফন ডার ডাসেন, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, জেরাল্ড কুটসিয়া, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি।
16 Nov 2023, 02:57 PM
প্রথম ওভারেই ফিরলেন বাভুমা
টসের সময়ই টেম্বা বাভুমা বলেছিলেন, শতভাগ ফিট নন তিনি। তবে যথেষ্ট ভালো হতে হবে মাঠে। ব্যাটিংয়ে অন্তত সেটি করতে পারলেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। প্রথম ওভারেই তিনি খালি হাতে ফিরলেন ড্রেসিং রুমে।
মিচেল স্টার্কের অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করা ডেলিভারি বেরিয়ে যাওয়ার মুখে খোঁচা মারেন বাভুমা। ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় পেছনে। ডান দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন জশ ইংলিস।
কুইন্টন ডি ককের সঙ্গে জুটি বাধতে তিন নম্বরে নেমেছেন রাসি ফন ডার ডাসেন।
16 Nov 2023, 02:57 PM
আঁটসাঁট বোলিংয়ে শুরু অস্ট্রেলিয়ার
অধিনায়কের প্রত্যাশা অনুযায়ী মেঘলা কন্ডিশন দারুণভাবেই কাজে লাগাচ্ছেন মিচেল স্টার্ক, জশ হেইজেলউড। নতুন বলে দুই প্রান্ত থেকেই নিখুঁত বোলিং করছেন অস্ট্রেলিয়ার দুই ফাস্ট বোলার।
ফলে প্রথম পাঁচ ওভারে একদমই হাত খোলার সুযোগ পায়নি দক্ষিণ আফ্রিকা। এই সময়ে হয়নি কোনো বাউন্ডারি। বেশ কয়েকবার ব্যাটের কানার আশপাশ ঘেঁষে কিপারের গ্লাভসে জমা পড়েছে বল।
৫ ওভারে স্কোর বোর্ডে জমা হয়েছে স্রেফ ৮ রান।
16 Nov 2023, 03:04 PM
চাপ কমাতে গিয়ে বাড়িয়ে ফিরলেন ডি কক
মিচেল স্টার্ক ও জশ হেইজেলউডের আঁটসাঁট বোলিংয়ের সামনে একদমই সুবিধা করতে পারছিলেন না কুইন্টন ডি কক। ষষ্ঠ ওভারে অনেকটা ধৈর্য হারিয়েই নিজের উইকেট দিয়ে এলেন এই কিপার-ব্যাটসম্যান।
হেইজেলউডের লেংথ ডেলিভারি বেরিয়ে এসে ছক্কায় ওড়াতে চেয়েছিলেন ডি কক। একদমই টাইমিং হয়নি। উঠে যায় অনেক উঁচুতে। বলে চোখ রেখে মিড অন থেকে বেশ কিছুটা পিছিয়ে গিয়ে মাথার উপর থেকে চমৎকার ক্যাচ নেন প্যাট কামিন্স।
১৪ বলে কেবল ৩ রান করেন ডি কক।
৬ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ৮। ক্রিজে রাসি ফন ডার ডাসেনের সঙ্গী এইডেন মার্করাম।
16 Nov 2023, 03:24 PM
স্টার্ক-হেইজেলউডের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ. আফ্রিকার ভোগান্তি
সহায়ক কন্ডিশন পেয়ে দারুণ বোলিং করছেন মিচেল স্টার্ক ও জশ জেইজেলউড। সঙ্গে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ফিল্ডিংও হচ্ছে দুর্দান্ত। তাতে রানের জন্য হাঁসফাঁস করছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা।
পাওয়ার প্লেতে কেবল একটি বাউন্ডারি মারতে পেরেছেন তারা, সেটিও নবম ওভারে।
১০ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ১৮। ২৭ বলে ৫ রানে ব্যাট করছেন রাসি ফন ডার ডাসেন। ১৫ বলে এইডেন মার্করামের রান ৬। একমাত্র বাউন্ডারি এসেছে তার ব্যাট থেকেই।
৫ ওভারে ১০ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন স্টার্ক। হেইজেলউড কেবল ৬ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট।
16 Nov 2023, 03:29 PM
টিকলেন না মার্করামও
স্কোর বোর্ডে রান নেই খুব একটা। এর মধ্যে তিন উইকেট হারিয়ে ধুঁকছে দক্ষিণ আফ্রিকার। দুই ওপেনার টেম্বা বাভুমা ও কুইন্টন ডি ককের মতো কম রানেই ফিরেছেন এইডেন মার্করাম।
আগের ওভারে চার হজম করেছিলেন মিচেল স্টার্ক। নতুন ওভারের প্রথম বলে হজম করেছিলেন আরেকটি বাউন্ডারি। তবে মার্করামের সঙ্গে দ্বৈরথে শেষ হাসি হাসলেন বাঁহাতি এই পেসারই। তার বলে ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে ধরা পড়লেন মার্করাম।
দক্ষিণ আফ্রিকার এই মিডল অর্ডার ব্যাটসম্যান ২০ বলে দুই চারে করেছেন ১০ রান।
১১ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ২২। ক্রিজে রাসি ফন ডার ডাসেনের সঙ্গী হাইনরিখ ক্লসেন।
16 Nov 2023, 03:36 PM
ফন ডার ডাসেনের বিদায়ে বাড়ল বিপদ
অনেকটা সময় ক্রিজে পড়ে থেকেও যেন থিতু হতে পারছিলেন না রাসি ফন ডার ডাসেন। তার ভোগান্তির ইতি টানলেন জশ হেইজেলউড।
অনেকটা ফুলার লেংথের বল পা বাড়িয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন ফন ডার ডাসেন। ঠিক মতো খেলতে পারেননি, ব্যাটের কানায় লেগে জমে পড়ে স্লিপে, স্টিভেন স্মিথের হাতে।
৩১ বলে ফন ডার ডাসেন করেন ৬ রান।
ক্রিজে গিয়ে প্রথম বলেই চার পেয়ে যান ডেভিড মিলার। ব্যাটের কানা ছুঁয়ে দুই স্লিপ ফিল্ডারের মাঝ দিয়ে বল চলে যায় বাউন্ডারিতে।
১২ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৪ উইকেটে ২৮। ক্রিজে মিলারের সঙ্গী হাইরিখ ক্লসেন।
16 Nov 2023, 03:57 PM
বৃষ্টিতে বন্ধ খেলা
শঙ্কাই সত্যি হলো। খেলা শুরুর এক ঘণ্টার কিছু বেশি সময় যেতে নামল বৃষ্টি। বন্ধ হয়ে গেল খেলা। টিভির পর্দায় বৃষ্টির মাত্রা তেমন বেশি দেখা যাচ্ছে না। তবে মেঘের কারণে অন্ধকারাচ্ছান্ন হয়ে আছে পুরো মাঠ।
নক-আউট পর্বের ম্যাচগুলোর জন্য অবশ্য রয়েছে রিজার্ভ ডে। তাই প্রথম দিন বৃষ্টিতে খেলা বিঘ্নিত হলে, পরের দিন থাকছে ফল আনার সুযোগ। বৃহস্পতিবার যে অবস্থায় থামবে, পর দিন সেখান থেকেই শুরু হবে বাকি অংশের খেলা।
খেলা বন্ধ হওয়ার আগে কঠিন চাপে দক্ষিণ আফ্রিকা। ১৪ ওভারে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৪৪ রান। এর মধ্যে প্যাট কামিন্সের করা সবশেষ ওভার থেকে তারা নিয়েছে ১২ রান।
16 Nov 2023, 04:18 PM
থেমেছে বৃষ্টি, সরছে কভার
প্রায় ত্রিশ মিনিট পর সুখবর কলকাতায়। থেমে গেছে বৃষ্টি। খেলা শুরুর জন্য মাঠ প্রস্তুত করতে সরানো হচ্ছে কভার। বৃষ্টির মাত্রা খুব বেশি না থাকায় মাঠে পানি জমেনি তেমন একটা। তাই খেলা শুরু হতে খুব বেশি সময় লাগার কথা নয়।
16 Nov 2023, 04:26 PM
৪৩ মিনিট পর শুরু খেলা
বৃষ্টির কারণে ৪৩ মিনিটের বিরতির পর আবার শুরু হয়েছে খেলা। তবে কোনো ওভার কাটা পড়েনি এই দফায়। আবহাওয়ার পূর্বাভাসে রয়েছে আরও বৃষ্টির শঙ্কা। সেক্ষেত্রে কর্তিত ওভারের ম্যাচ হতে পারে।
16 Nov 2023, 04:40 PM
ধুঁকতে ধুঁকতে দ. আফ্রিকার পঞ্চাশ
বোলিংয়ে আসার পর দ্বিতীয় ওভারে ছক্কা হজম করলেন অ্যাডাম জ্যাম্পা। ডেভিড মিলারের ওই ছক্কায় পঞ্চাশ স্পর্শ করল দক্ষিণ আফ্রিকার রান, ১৭তম ওভারে!
শুরুতে রান একদমই আসছিল না। অনেকটা সময় দুইয়ের নিচে ছিল রান রেট। পঞ্চম উইকেটে একটু দ্রুত রান তোলার চেষ্টা করছেন হাইনরিখ ক্লসেন ও মিলার। তাতে একটু একটু বাড়ছে রানের গতি।
১৭ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ৫৫। ১৬ বলে ১২ রানে খেলছেন ক্লসেন। ১৭ বলে মিলারের রান ১৯।
16 Nov 2023, 05:03 PM
ক্লসেন-মিলার জুটিতে পঞ্চাশ
মন্থর ব্যাটিংয়ের পাশাপাশি দ্রুত ৪ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যাওয়া দক্ষিণ আফ্রিকাকে টানছেন হাইনরিখ ক্লসেন ও ডেভিড মিলার।
দায়িত্বশীল ব্যাটিংয়ে দুই জনে উপহার দিয়েছেন ম্যাচের প্রথম পঞ্চাশ ছোঁয়া জুটি, ৭১ বলে। প্যাট কামিন্সের বলে পয়েন্টের ফিল্ডার মাথার উপর দিয়ে চার মেরে জুটির রান পঞ্চাশে নিয়ে গেছেন ক্লসেন।
২৪ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৪ উইকেটে ৭৭। ৪৪ বলে ৩২ রানে খেলছেন মিলার। ৩১ বলে ক্লসেনের রান ২১।
16 Nov 2023, 05:18 PM
২৮ ওভারে দক্ষিণ আফ্রিকার একশ
ডেভিড মিলার, হাইনরিখ ক্লসেনের জুটিতে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দক্ষিণ আফ্রিকা। এরই মধ্যে ২৮ ওভারে তারা করে ফেলেছে ১০০ রান।
বৃষ্টি নামার আগে প্রথম ১৪ ওভারে ৪ উইকেটে স্রেফ ৪৪ রান করে প্রোটিয়ারা। পরের ১৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ক্লসেন ও মিলার নেন ৫৬ রান।
দুজনের জুটির সংগ্রহ ৯৭ বলে ৭৬ রান। ২৮ ওভারে দক্ষিণ আফ্রিকা করেছে ৪ উইকেটে ১০০ রান। ক্লসেন ৪০ বলে ৩৬, মিলার ৫৯ বলে ৪০ রানে অপরাজিত।
16 Nov 2023, 05:36 PM
হেডের 'গোল্ডেন আর্ম' ধরে অস্ট্রেলিয়ার ফেরা
৩১তম ওভারে বল হাতে নিয়েই মাথাব্যথার কারণ হয়ে ওঠা জুটি ভাঙলেন ট্র্যাভিস হেড। হাইনরিখ ক্লসেনের পর তিনি ফেরালেন মার্কো ইয়ানসেনকেও।
হেডের অফ স্ট্যাম্পের বাইরে পিচ করে সাদামাটা এক অফ স্পিন ভুল লাইনে খেলেন ক্লসেন। বল তার ব্যাটের বাইরের কানা ঘেঁষে আঘাত করে মিডল স্ট্যাম্পে।
ক্লসেনের বিদায়ে ভাঙল ডেভিড মিলারের সঙ্গে গড়া ৯৫ রানের পঞ্চম উইকেট জুটি। ৪ চার ও ২ ছক্কায় ৪৮ বলে ৪৭ রান করেন ক্লসেন।
পরের বলে আরও বেশি বাঁক খাওয়া ডেলিভারিতে এলবিডব্লিউ হন ইয়ানসেন। হ্যাটট্রিক বল ঠেকিয়ে দেন জেরাল্ড কুটসিয়া।
৩১ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ১১৯ রান। মিলার অপরাজিত ৪৮ রানে।
16 Nov 2023, 05:34 PM
৭০ বলে মিলারের ফিফটি
এক প্রান্ত আগলে রেখে লড়াই করে যাচ্ছেন ডেভিড মিলার। গ্লেন ম্যাক্সওয়েলকে চার মেরে স্পর্শ করেছেন পঞ্চাশ, ৭০ বলে।
এই সময়ে বিস্ফোরক এই বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান মেরেছেন তিনটি ছক্কা ও চারটি চার।
৩২ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৬ উইকেটে ১২৫। ৫৩ রানে ব্যাট করছেন মিলার। আরেক প্রান্তে ২ বলে ১ রানে খেলছেন জেরল্ড কুটসিয়া।
16 Nov 2023, 06:15 PM
মিলার-কুটসিয়ার জুটিতে পঞ্চাশ
পরপর দুই বলে দুই উইকেট হারিয়ে দেড়শর আশেপাশে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়া দক্ষিণ আফ্রিকাকে টানছেন ডেভিড মিলার। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন জেরল্ড কুটসিয়া। সপ্তম উইকেটে দুই জনে পঞ্চাশ রানের জুটি গড়েছেন, ৬৯ বলে।
অস্ট্রেলিয়ার মূল স্পিনার অ্যাডাম জ্যাম্প একদমই সুবিধা করতে পারছেন না। বোলিংয়ে ফিরেই হজম করেছেন ছক্কা। মিলারের এই ছক্কাতেই জুটির রান যায় পঞ্চাশে।
৬ ওভারে জ্যাম্পা দিয়েছেন ৪৭ রান, হজম করেছেন ৬ ছক্কা!
৪৩ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৬ উইকেটে ১৭১।
16 Nov 2023, 06:21 PM
জুটি ভাঙলেন কামিন্স
প্যাট কামিন্সের শর্ট বলে কট বিহাইন্ড হয়ে ফিরে গেলেন জেরল্ড কুটসিয়া। ভাঙল ৭৬ বলে গড়া ৫৩ রানের জুটি।
অস্ট্রেলিয়া অধিনায়কের বাউন্সের ঠিক মতো পুল করতে পারেননি কুটসিয়া। গ্লাভস ঘেঁষে বেরিয়ে গিয়েছিল বল, লেগেছিল কাঁধে। আম্পায়ার আউট দেওয়ার পর ডেভিড মিলারের সঙ্গে অনেকক্ষণ কথা বলে রিভিউ না নিয়েই ফিরে যান তিনি।
রিভিউ নিলেই বেঁচে যেতেন কুটিসিয়া। ব্যাট বা গ্লাভসে কোনো স্পর্শ ছিল না। কিন্তু আউটের ব্যাপারে এতোটা নিশ্চিত ছিলেন যে রিভিউ নেননি কুটিসিয়া। টিভিতে দেখে মনে হচ্ছিল, মিলার তাকে রিভিউ নেওয়ারই পরামর্শ দিচ্ছিলেন।
৩৯ বলে দুই চারে ১৯ রান করেন কুটসিয়া।
৪৪ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৭ উইকেটে ১৭৪। ক্রিজে মিলারের সঙ্গী কেশভ মহারাজ।
16 Nov 2023, 06:41 PM
টিকলেন না মহারাজ
আরেক প্রান্তে খেলছেন ডেভিড মিলার। কেশভ মহারাজের কাজ ছিল সিঙ্গেল নিয়ে তাকে স্ট্রাইক দেওয়া। সেটা না করে মহারাজ মারতে গেলেন ছক্কা। তার মাশুল দিলেন আউট হয়ে।
মিচেল স্টার্কের অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ বল উড়িয়ে মারতে চেয়েছিলেন মহারাজ। টাইমিং করতে পারেননি, ক্যাচ যায় মিড অফে। সেখানে কোনো ভুল করেননি স্টিভেন স্মিথ।
৮ বলে মহারাজ করেন ৪ রান।
৪৭ ওভারে দক্ষিণন আফ্রিকার রান ৮ উইকেটে ১৯৬। ক্রিজে মিলারের সঙ্গী কাগিসো রাবাদা।
16 Nov 2023, 06:41 PM
সেঞ্চুরি ছুঁয়ে ফিরলেন মিলার
অস্ট্রেলিয়াকে পেলেই যেন সেরাটা বের হয়ে আসে ডেভিড মিলারের। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষেই তার রান, সেঞ্চুরি বেশি।
প্যাট কামিন্সের শর্ট অব লেংথ বলে ডিপ মিডউইকেট দিয়ে ছক্কা মেরে সেঞ্চুরি পূরণ করেন মিলার। ওয়ানডেতে তার ষষ্ঠ, অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয়। আর কোনো দলের বিপক্ষে নেই একটির বেশি।
১১৫ বলে সেঞ্চুরি ছুঁয়েই ফিরে যান মিলার। ছক্কার চেষ্টায় কামিন্সের বলে ধরা পড়েন সীমানায়।
এক প্রান্ত আগলে রেখে দক্ষিণ আফ্রিকাকে দুইশ রানে নিয়ে যাওয়ার পথে মিলার খেলেন ১০১ রানের দারুণ ইনিংস। ১১৬ বলের ইনিংসে মারেন পাঁচ ছক্কা ও আট চার।
এই ইনিংস খেলার পথেই অস্ট্রেলিয়ার বিপক্ষে পূরণ করেন হাজার রান। আর কোনো দলের বিপক্ষে নেই সাড়ে পাঁচশ রান।
বিশ্বকাপের নক আউট পর্বে এটাই দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি। টুর্নামেন্টের ইতিহাসে ছয় কিংবা এর নিচে নামা কোনো ব্যাটসম্যানেরও প্রথম।
৪৮ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৯ উইকেটে ২০৩।
16 Nov 2023, 06:58 PM
২১২ রানে থামল দ. আফ্রিকা
প্যাট কামিন্সের বল লং অফ দিয়ে খেলে কাগিসো রাবাদা হয়তো ভেবেছিলেন ছক্কাই পেয়ে যাচ্ছেন। কিন্তু শেষ মুহূর্তে ঝাঁপিয়ে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে তাকে হতাশ করলেন গ্লেন ম্যাক্সওয়েল।
১২ বলে এক ছক্কায় ১০ রান করে ফিরলেন রাবাদা। দুই বল থাকতেই ২১২ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৪৯.৪ ওভারে ২১২ (ডি কক ৩, বাভুমা ৪, ফন ডার ডাসেন ৬, মার্করাম ১০, ক্লসেন ৪৭, মিলার ১০১, ইয়ানসেন ০, কুটসিয়া ১৯, মহারাজ ৪, রাবাদা ১০, শামসি ১*; স্টার্ক ১০-১-৩৪-৩, হেইজেলউড ৮-৩-১২-২, কামিন্স ৯.৪-০-৫১-৩, জ্যাম্পা ৭-০-৫৫-০, ম্যাক্সওয়েল ১০-০-৩৫-০, হেড ৫-০-২১-২)
16 Nov 2023, 06:58 PM
মিলারের একার লড়াই
দ্বাদশ ওভারে মাত্র ২৪ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে রাসি ফন ডার ডাসেনের বিদায়ের পর ক্রিজে যান ডেভিড মিলার। শুরুতে কিছুটা সঙ্গ পান হাইনরিখ ক্লসেনের কাছ থেকে। পরে জেরল্ড কুটসিয়াও গড়েন পঞ্চাশ ছোঁয়া জুটি।
এর বাইরে আর কেউ খুব একটা সঙ্গ দিতে পারেননি মিলারকে। বলতে গেলে একার চেষ্টাতেই দলকে দুইশ রানে নিয়ে যান বাঁহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ১১৬ বলে পাঁচ ছক্কা ও আট চারে খেলেন ১০১ রানের ইনিংস।
অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। ৮ ওভারে তিনটি মেডেনসহ স্রেফ ১২ রানে ২ উইকেট নেওয়া জশ হেইজেলউডকে শেষ দিকে আর বোলিংয়ে আনেননি অধিনায়ক।
16 Nov 2023, 07:43 PM
অস্ট্রেলিয়ার উড়ন্ত সূচনা
রান তাড়ায় দারুণ শুরু করলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ট্র্যাভিস হেড। প্রথম ৫ ওভারে তারা নিলেন ৩৯ রান। ওয়ার্নার ১৩ বলে ১৭, হেড ১৭ বলে ১৮ রান।
মার্কো ইয়ানসেনের করা প্রথম ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি মেরে যাত্রা শুরু করেন হেড। পরের ওভারে কাগিসো রাবাদার বলেও গড়িয়ে পাঠান সীমানায়।
চতুর্থ ওভারে রাবাদাকে বিশাল ছক্কায় ওড়ান ওয়ার্নার। পরের ওভারে ইয়ানসেনের বলেও ছক্কা মারেন তিনি। ওই ওভারের শুরুতে দুটি বাউন্ডারি মারেন হেড।
16 Nov 2023, 07:52 PM
ছয় ওভারে পঞ্চাশ, অস্ট্রেলিয়ার উড়ন্ত সূচনা
রান তাড়ায় ঝড়ো শুরু করলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ট্র্যাভিস হেড। ষষ্ঠ ওভারেই দলের পঞ্চাশ পূর্ণ করে ৬ ওভারে ৬০ রান নিলেন তারা।
মার্কো ইয়ানসেনের করা প্রথম ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি মেরে যাত্রা শুরু করেন হেড। পরের ওভারে কাগিসো রাবাদার বলেও গড়িয়ে পাঠান সীমানায়।
চতুর্থ ওভারে রাবাদাকে বিশাল ছক্কায় ওড়ান ওয়ার্নার। পরের ওভারে ইয়ানসেনের বলেও ছক্কা মারেন তিনি। ওই ওভারের শুরুতে দুটি বাউন্ডারি মারেন হেড।
রাবাদার পরের ওভারে চলে তাণ্ডব। ওভারের তৃতীয় ডেলিভারিটি হয় 'নো' বল, ছক্কা মারেন ওয়ার্নার। পরের ফ্রি হিট বলও যায় একই ঠিকানায়। শেষ বলে ছক্কার উৎসবে যোগ দেন হেড।
ওয়ার্নার ১৭ বলে ২৯, হেড ২০ বলে ২৫ রানে অপরাজিত।
16 Nov 2023, 08:08 PM
বোলিংয়ে এসেই মার্করামের ব্রেক থ্রু
স্পিনার আক্রমণে এনেই সাফল্য পেল দক্ষিণ আফ্রিকা। প্রথম বলেই ডেভিড ওয়ার্নারকে ফেরালেন এইডেন মার্করাম। হালকা ড্রিফট করা ডেলিভারি ভুল লাইনে খেলে বোল্ড হলেন ওয়ার্নার।
তার বিদায়ে ভেঙেছে ৬০ রানের ঝড়ো উদ্বোধনী জুটি। ১ চার ও ৪ ছক্কায় ১৮ বলে ২৯ রান করেছেন ওয়ার্নার। তিন নম্বরে নেমেছেন মিচেল মার্শ।
16 Nov 2023, 08:08 PM
ফন ডার ডাসেনের দুর্দান্ত ক্যাচ
পরপর দুই ওভারে দুটি উইকেট হারাল অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের পর ফিরে গেলেন মিচেল মার্শ। তার আউটে দারুণ অবদান রাসি ফন ডার ডাসেনের।
আগের ওভারে ওয়ার্নারকে ফিরিয়ে শুরুর জুটি ভেঙেছিলেন এইডেন মার্করাম। পরের ওভারে শূন্য রানে মার্শকে ফেরালেন কাগিসো রাবাদা।
এই পেসারের সবশেষ ওভারটি ছিল দক্ষিণ আফ্রিকার জন্য হতাশাজনক। তিন ছক্কায় দিয়েছিলেন ২১ রান। তবুও তার উপর আস্থা রাখেন অধিনায়ক টেম্বা বাভুমা। এর সুফলও পান তিনি।
শরীরের বেশ কাছের বল কাভার দিয়ে তুলে খেলেন মার্শ। দারুণ তৎপর ফন ডার ডাসেন লাফিয়ে নেন দুর্দান্ত এক ক্যাচ।
৮ ওভারে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ৬১। ক্রিজে ট্র্যাভিস হেডের সঙ্গী স্টিভেন স্মিথ।
16 Nov 2023, 08:16 PM
হেডের ঝড়ো ফিফটি
দ্রুত জোড়া উইকেট পতনের পরও থামাথামি নেই ট্র্যাভিস হেডের। একই ছন্দে ব্যাটিং করে স্রেফ ৪০ বলে তিনি করলেন ফিফটি।
জেরাল্ড কুটসিয়ার করা দ্বাদশ ওভারের পরপর তিন চারে এই মাইলফলক স্পর্শ করেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার।
ওই ওভারের প্রথম বলে অল্পের জন্য বেঁচে যান ট্র্যাভিস হেড। ডিপ পয়েন্টে অনেকটা পথ দৌড়ে এসে ডাইভ দিয়েও বল হাতে রাখতে পারেননি বদলি ফিল্ডার রিজা হেন্ডরিকস।
16 Nov 2023, 08:23 PM
এক ওভারে দুই সুযোগ
একের পর এক ঘটনার মধ্য দিয়ে এগোচ্ছে দ্বিতীয় সেমি-ফাইনাল ম্যাচ। বারবার সুযোগ তৈরি করেও হতাশ হতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। অল্পের জন্য বেঁচে যাচ্ছেন ট্র্যাভিস হেড, স্টিভেন স্মিথরা।
তাবরাইজ শামসির করা চতুর্দশ ওভারে প্যাডল করে খেলেন স্মিথ। ব্যাটের ওপরের কানায় লেগে সেটি অল্পের জন্য পড়ে শর্ট ফাইন লেগে থাকা টেম্বা বাভুমার সামনে।
এক বল পর স্লিপে হেডের দেওয়া কঠিন সুযোগ তালুবন্দী করতে পারেননি হাইনরিখ ক্লসেন। বল চলে যায় বাউন্ডারিতে।
ওই ওভারেই পূর্ণ হয়ে অস্ট্রেলিয়ার একশ রান। ১৪ ওভার শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ১০৬ রান। জয়ের জন্য প্রয়োজন আর ১০৭ রান।
হেড ৪৭ বলে ৬২ ও স্মিথ ১৪ বলে ৮ রানে অপরাজিত।
16 Nov 2023, 08:23 PM
আগ্রাসী হেডকে ফেরালেন মহারাজ
আক্রমণে এসেই সাফল্য পেলেন কেশভ মহারাজ। দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে দিলেন কয়েকবার অল্পের জন্য বেঁচে যাওয়া ট্র্যাভিস হেডকে।
ঝুঁকি নিয়েই রান করছিলেন হেড। সে জন্যই হয়তো মহারাজকে একটু দেখার চেষ্টা না করে প্রথম বলেই চালিয়ে দিতে চাইলেন তিনি। কিন্তু ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বাঁহাতি স্পিনার এলোমেলো করে দিলেন স্টাম্প।
অফ স্টাম্পের বাইরে পড়ে স্পিন করে ভেতরে ঢোকা বলের লাইনে যেতে পারেননি হেড। ব্যাট-প্যাডের ফাঁক গলে আঘাত হানে স্টাম্পে। ভাঙে ৩৯ বল স্থায়ী ৪৫ রানের জুটি।
৪৮ বলে ৯ চার ও দুই ছক্কায় হেড করেন ৬২ রান।
১৫ ওভারে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ১০৯। ক্রিজে স্টিভেন স্মিথের সঙ্গী মার্নাস লাবুশেন।
16 Nov 2023, 08:39 PM
অল্পের জন্য 'বাঁচলেন' লাবুশেন
তাবরাইজ শামসির অফ স্ট্যাম্পের বাইরে পিচ করা ডেলিভারি ব্যাক ফুটে খেলতে গিয়ে ব্যর্থ হলেন মার্নাস লাবুশেন। বল আঘাত করল তার পেছনের প্যাডে। জোরাল আবেদনে সাড়া দিলেন না আম্পায়ার।
রিভিউ নিতে দ্বিতীয়বার ভাবলেন না টেম্বা বাভুমা। রিপ্লেতে দেখা গেল বলের 'পিচিং' ও 'উইকেটস' ঠিক থাকলেও ইমপ্যাক্টের ক্ষেত্রে আম্পায়ার্স কল। তাই বেঁচে যান লাবুশেন। আম্পায়ার আউট দিলে রিভিউ নিয়েও কাজ হতো না তার।
১৬ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১১৪ রান। জয়ের জন্য ৩৪ ওভারে তাদের করতে হবে আর ৯৯ রান।
16 Nov 2023, 08:45 PM
জীবন পেলেন স্মিথ
একের পর এক সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারছে না দক্ষিণ আফ্রিকা। এবার ক্যাচ দিয়েও বেঁচে গেছেন স্টিভেন স্মিথ।
তাবরাইজ শামসির করা অষ্টাদশ ওভারের চতুর্থ বল পেছনের পায়ে খেলতে গিয়ে স্মিথের ব্যাটের কানা ছুঁয়ে যায়। উইকেটের পেছনে সেটি গ্লাভসে নিতে পারেননি কুইন্টন ডি কক। ১০ রানে জীবন পান স্মিথ।
২০ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১২৪ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন আর ৮৯ রান।
16 Nov 2023, 08:58 PM
আম্পায়ার্স কলেই ফিরলেন লাবুশেন
তাবরাইজ শামসির ষোড়শ ওভারে আম্পায়ার্স কলের সৌজন্যে 'বেঁচে' যান মার্নাস লাবুশেন। একই বোলারের ২২তম ওভারে এবার আম্পায়ার্স কলেই ড্রেসিং রুমের পথ ধরতে হলো অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানকে।
মিডল স্ট্যাম্পে পিচ করা ডেলিভারি রিভার্স সুইপের চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি লাবুশেন। বল তার প্যাডে আঘাত করলে দক্ষিণ আফ্রিকার ফিল্ডারদের জোরালো আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার।
খুব একটা আত্মবিশ্বাসী না হলেও রিভিউ নেয় লাবুশেন। রিপ্লেতে দেখা যায়, বলের পিচিং ও হিটিং ঠিক আছে। তবে 'উইকেটস' এর ক্ষেত্রে ছিল আম্পায়ার্স কল। অর্থাৎ আম্পায়ার আউট না দিলে বেঁচে যেতে লাবুশেন।
২ চারে ৩১ বলে ১৮ রান করেছেন লাবুশেন। ২২ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১৩৩ রান। ছয় নম্বরে নেমেছেন গ্লেন ম্যাক্সওয়েল। স্টিভেন স্মিথ খেলছেন ২৯ বলে ১৩ রান নিয়ে।
16 Nov 2023, 09:04 PM
দক্ষিণ আফ্রিকার ব্যর্থ রিভিউ
কেশব মহারাজের বলে রিভার্স সুইপ করার চেষ্টায় পরাস্ত হলেন গ্লেন ম্যাক্সওয়েল। বল কুইন্টন ডি ককের গ্লাভসে জমা পড়তেই সমস্বরে আবেদন বৃত্তে থাকা দক্ষিণ আফ্রিকার সব ফিল্ডারের। সাড়া দেননি আম্পায়ার।
রিভিউ নিতে একদমই সময় নেননি টেম্বা বাভুমা। রিপ্লেতে দেখা যায়, ব্যাট ও বলের মধ্যে বিস্তর ফারাক। ফলে বিফলেই যায় প্রোটিয়াদের রিভিউ। তখনও রানের খাতা খোলেননি ম্যাক্সওয়েল।
২৩ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১৩৪ রান। জয়ের জন্য ২৭ ওভারে তাদের প্রয়োজন ২৭ ওভারে ৭৯ রান।
16 Nov 2023, 09:04 PM
ম্যাক্সওয়েলকে ফেরালেন শামসি
ইডেন গার্ডেন্সের মন্থর উইকেটে তেড়েফুঁড়ে মারতে চাওয়ার মাশুল গুনলেন গ্লেন ম্যাক্সওয়েল। তাবরাইজ শামসির বলে আগেই ব্যাট চালিয়ে বোল্ড হয়ে তিনি ফিরলেন ড্রেসিং রুমে।
শামসির খানিক টেনে দেওয়া ডেলিভারি পুল খেলার চেষ্টা করেন ম্যাক্সওয়েল। উইকেটে কিছুটা ধীর হয়ে ম্যাক্সওয়েলের ব্যাটের নিচ দিয়ে বল আঘাত করে মিডল স্ট্যাম্পে।
৫ বলে স্রেফ ১ রান করেছেন ম্যাক্সওয়েল। ১৩৭ রানে ৫ উইকেট হারিয়ে খানিক চাপে পড়ে গেছে অস্ট্রেলিয়া। সপ্তম ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমেছেন জশ ইংলিস।
২৪ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ১৪০ রান। স্টিভেন স্মিথ ৩৫ বলে ১৬ রানে অপরাজিত রয়েছেন।
16 Nov 2023, 09:41 PM
ডি ককের দারুণ ক্যাচে ভাঙল স্মিথের প্রতিরোধ
ধীরে সুস্থে ব্যাটিং করে এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে এগিয়ে নিচ্ছিলেন স্টিভেন স্মিথ। কিন্তু হঠাৎই যেন 'ব্রেইন ফেড' হলো অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটসম্যানের। বাজে এক শট খেলে তিনি ফিরলেন ড্রেসিং রুমে।
জেরাল্ড কুটসিয়ার রাউন্ড দ্য উইকেট থেকে করা ডেলিভারি অফ স্ট্যাম্পের বাইরে পিচ করে আরও বেরিয়ে যাচ্ছিল। দূর থেকেই অন সাইডে বড় শটের চেষ্টা করেন স্মিথ। ব্যাটের নিচের অংশে লেগে বল উঠে যায় আকাশে।
দ্রুত দৌড়ে এসে পপিং ক্রিজের পাশ থেকেই দারুণ দক্ষতায় সেটি গ্লাভসবন্দী করেন কুইন্টন ডি কক। ২ চারে ৬২ বলে ৩০ রান করেছেন স্মিথ। আট নম্বরে নেমেছেন মিচেল স্টার্ক।
৩৩.৪ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১৭৫ রান। জয়ের জন্য ৯৮ বলে প্রয়োজন আর ৩৮ রান। জশ ইংলিশ খেলছেন ৩২ বলে ১৯ রানে।
16 Nov 2023, 10:13 PM
কুটসিয়ার ইয়র্কারে ইংলিসের বিদায়
স্টিভেন স্মিথের পর শেষ স্বীকৃত ব্যাটসম্যান জশ ইংলিসকেও ফেরালেন জেরাল্ড কুটসিয়া। ক্রস সিমে করা দারুণ এক ইয়র্কারে বোল্ড হলেন ইংলিস।
৩ চারে ৪৯ বলে ২৮ রান করেছেন ইংলিস। পরের বলেই প্যাট কামিন্সের বিপক্ষে এলবিডব্লিউর জোরাল আবেদন করেন কুটসিয়া।
আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় দক্ষিণ আফ্রিকা। তবে সেটি লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করায় বিফলে যায় রিভিউ।
৪০ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ১৯৩ রান।
জয় থেকে এখনও ২০ রানে দূরে অস্ট্রেলিয়া। অষ্টম উইকেট জুটিতে ক্রিজে দুই ব্যাটসম্যান মিচেল স্টার্ক ও কামিন্স।
16 Nov 2023, 10:38 PM
শেষ মুহূর্তেও ক্যাচ ছাড়লেন ডি কক
আবারও গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ছাড়ল দক্ষিণ আফ্রিকা। এইডেন মারক্রামের বলে উইকেটের পেছনে রেগুলেশন ক্যাচ গ্লাভসে নিতে পারলেন না কুইন্টন ডি কক। ৮ রানে বেঁচে গেলেন প্যাট কামিন্স।
৪৫ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ২০৬ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন ৩০ বলে ৭ রান।
16 Nov 2023, 10:52 PM
আরও একবার ফাইনালে অস্ট্রেলিয়া
রোমাঞ্চকর লড়াইয়ে শেষ পর্যন্ত স্নায়ুর চাপ ধরে রেখে ফাইনালের টিকেট পেল অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেমি-ফাইনালে তারা ৩ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকাকে।
মার্কো ইয়ানসেনের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি পয়েন্টের ফিল্ডারের পাশ দিয়ে বাউন্ডারি মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক প্যাট কামিন্স।
এ নিয়ে পাঁচবার সেরা চারেই থামল দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ যাত্রা। অস্ট্রেলিয়া অষ্টমবারের মতো গেল শিরোপা নির্ধারণী ম্যাচে।
শুরুর ব্যাটসম্যানদের ব্যর্থতার পর ডেভিড মিলারের সেঞ্চুরি ও হাইনরিখ ক্লসেনের চল্লিশ ছোঁয়া ইনিংসে দুইশ ছাড়ায় দক্ষিণ আফ্রিকা।
জবাবে ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার উড়ন্ত শুরু করলেও স্পিন দিয়ে অস্ট্রেলিয়াকে টেনে ধরে প্রোটিয়ারা। তবে একের পর এক ক্যাচ ছাড়ার মাশুল দিয়ে শেষ পর্যন্ত হারতেই হলো তাদের।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৪৯.৪ ওভারে ২১২ (ডি কক ৩, বাভুমা ৪, ফন ডার ডাসেন ৬, মার্করাম ১০, ক্লসেন ৪৭, মিলার ১০১, ইয়ানসেন ০, কুটসিয়া ১৯, মহারাজ ৪, রাবাদা ১০, শামসি ১*; স্টার্ক ১০-১-৩৪-৩, হেইজেলউড ৮-৩-১২-২, কামিন্স ৯.৪-০-৫১-৩, জ্যাম্পা ৭-০-৫৫-০, ম্যাক্সওয়েল ১০-০-৩৫-০, হেড ৫-০-২১-২)
অস্ট্রেলিয়া: ৪৭.২ ওভারে ২১৫/৭ (হেড ৬২, ওয়ার্নার ২৯, মার্শ ০, স্মিথ ৩০, লাবুশেন ১৮, ম্যাক্সওয়েল ১, ইংলিস ২৮, স্টার্ক ১৬*, কামিন্স ১৪*; ইয়ানসেন ৪.২-০-৩৫-০, রাবাদা ৬-০-৪১-১, মার্করাম ৮-১-২৩-১, কুটসিয়া ৯-০-৪৭-২, শামসি ১০-০-৪২-২, মহারাজ ১০-০-২৪-১)
ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ট্র্যাভিস হেড
16 Nov 2023, 10:52 PM
বিশ বছর পর আবার ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল
কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ম্যাচের শুরুর দিকেই ফাইনাল খেলতে আহমেদাবাদে পৌঁছে গিয়েছিল ভারত। কয়েক ঘণ্টা পর ওই ম্যাচে তাদের সঙ্গী ঠিক হলো পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
আগামী রোববার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে খেলা। ভারতের খোঁজ তৃতীয় ট্রফির। শিরোপা পুনরুদ্ধারের অভিযানে অস্ট্রেলিয়ার চোখ ষষ্ঠ চ্যাম্পিয়নশিপে।
দক্ষিণ আফ্রিকায় ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল ভারত, অস্ট্রেলিয়া। রিকি পন্টিংয়ের বিধ্বংসী সেঞ্চুরিতে সেদিন ৩৫৯ রান করে অজিরা। জবাবে ২৩৪ রানে থেমে যায় ভারত। অস্ট্রেলিয়া জেতে তাদের তৃতীয় শিরোপা।