10 Oct 2023, 11:07 AM
10 Oct 2023, 10:25 AM
বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর চ্যালেঞ্জে বাংলাদেশ
আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দিতে হবে কঠিন পরীক্ষা। সামনে এবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
ধারামশালায় মঙ্গলবার সকাল ১১টায় শুরু এই ম্যাচ।
দুই দলের সার্বিক পরিসংখ্যানে বেশ পিছিয়ে বাংলাদেশ। ২৪ ম্যাচে জয় স্রেফ ৫টি। তবে বিশ্বকাপে দুই দল রয়েছে সমান্তরালে। চার ম্যাচের দুটিতে জয় বাংলাদেশের, অন্য দুটি ইংলিশদের। ঘরের মাঠে ২০১১ সালের পর অস্ট্রেলিয়ায় ২০১৫ সালেও ইংলিশদের হারায় বাংলাদেশ।
এর সঙ্গে বাংলাদেশের বাড়তি অনুপ্রেরণা হতে পারে ইংল্যান্ডের প্রথম ম্যাচ। যেখানে নিউ জিল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি জস বাটলারের দল। সেই পথ ধরে ধারামশালায় বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর চ্যালেঞ্জই এবার নিতে হবে সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের।
10 Oct 2023, 10:37 AM
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রথম ম্যাচের মতো এবারও কয়েনভাগ্য পাশে পেলেন সাকিব আল হাসান। টস জিতে ফের আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক।
আফগানিস্তানকে হারানো ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় জানিয়েছেন সাকিব। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলেছেন, টস জিতলে তিনিও আগে ফিল্ডিং নিতেন।
10 Oct 2023, 10:40 AM
মাহমুদউল্লাহর জায়গায় একাদশে শেখ মেহেদি
আফগানিস্তানের বিপক্ষে জেতা ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহর বদলে সুযোগ দেওয়া হয়েছে শেখ মেহেদি হাসানকে। বিশ্বকাপে এটিই তার প্রথম ম্যাচ।
এই পরিবর্তনের ফলে বাংলাদেশ একাদশে এখন তিন পেসারের সঙ্গে থাকছে তিন স্পিনার। পেস বিভাগে আগের মতোই তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। স্পিনে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান, শেখ মেহেদি হাসান।
10 Oct 2023, 10:53 AM
পেসার বাড়িয়ে বাংলাদেশের মুখোমুখি ইংল্যান্ড
বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার ম্যাচে বাংলাদেশ বাড়িয়েছে স্পিন শক্তি। আর ইংল্যান্ড একাদশে বাড়ানো হয়েছে পেসারের সংখ্যা। তাদের প্রথম ম্যাচের একাদশ থেকে বাইরে রাখা হয়েছে মইন আলিকে। দলে নেওয়া হয়েছে রিস টপলিকে।
বাঁহাতি এই পেসারসহ ইংল্যান্ড চার ফাস্ট বোলার নিয়ে খেলতে নামছে। অন্য তিন জন- ক্রিস ওকস, মার্ক উড, স্যাম কারান। স্পিনে থাকছেন আদিল রশিদ, লিয়াম লিভিংস্টোনরা।
নিতম্বের সমস্যা থেকে পুরোপুরি ফিট না হতে পারায় এই ম্যাচের একাদশেও নেই বেন স্টোকস।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, দাভিদ মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ, রিস টপলি।
10 Oct 2023, 11:29 AM
বাংলাদেশের ব্যর্থ রিভিউ
মুস্তাফিজুর রহমানের বলে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে ব্যর্থ হলো বাংলাদেশ। ব্যাট নয়, দাভিদ মালানের কাঁধ ছুঁয়ে গিয়েছিল বল।
বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে পুল করেন মালান। একটুর জন্য ব্যাটের কানা নেয়নি বল। বাংলাদেশের জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন সাকিব আল হাসান। পরে রিপ্লেতে দেখা যায় বল লেগেছিল বাঁহাতি ওপেনারের কাঁধে।
সেই ওভারে পরে মুস্তাফিজকে চারের পর ছক্কা মারেন মালান।
৫ ওভারে ইংল্যান্ডের রান বিনা উইকেটে ২৫। ১৬ বলে ১১ রানে খেলছেন জনি বেয়ারস্টো। ১৪ বলে মালানের রান ১৪।
10 Oct 2023, 11:49 AM
ইংল্যান্ডের পঞ্চাশ
শুরুতে একটু সময় নেওয়ার পর রানের গতি বাড়াতে শুরু করেছে ইংল্যান্ড। প্রথম ৫ ওভারে ২৫ রান সংগ্রহ করা দলটির পঞ্চাশ এসেছে নবম ওভারে, ৪৯ বলে।
10 Oct 2023, 11:53 AM
বাংলাদেশের হতাশার পাওয়ার প্লে
শুরুতে কিছুটা ভুগছিলেন জনি বেয়ারস্টো কিন্তু ভাঙা যায়নি ইংল্যান্ডের উদ্বোধনী জুটি। অন্য প্রান্তে বেশ দ্রুত রান তুলছেন দাভিদ মিলান। তার দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশের বিপক্ষে ভালো শুরু পেয়ে গেছে ইংল্যান্ড।
প্রথম পাওয়ার প্লেতে কোনো উইকেট নিতে পারেননি সাকিব আল হাসানরা। ১০ ওভারে ইংল্যান্ড রান বিনা উইকেটে ৬১। ৩৪ বলে ৫ চারে ২৯ রানে খেলছেন বেয়ারস্টো। ২৬ বলে দুই ছক্কা ও চারটি চারে মালানের রান ৩২।
10 Oct 2023, 12:10 PM
৩৯ বলে মালানের ফিফটি
এমনিতে শুরুতে একটু সময় নিতে পছন্দ করেন দাভিদ মালান। কিন্তু বাংলাদেশের বিপক্ষে শুরুতেই চড়াও হয়েছেন বাঁহাতি এই ওপেনার। দারুণ সব শটে বোলারদের হতাশায় ডুবিয়ে পঞ্চাশ ছুঁয়েছেন কেবল ৩৯ বলে।
এই সময়ে তার ব্যাট থেকে এসেছে সাতটি চার ও দুটি ছক্কা।
১৪ ওভারে ইংল্যান্ডের রান বিনা উইকেটে ৮৯।
৩৯ বলে ৫০ রানে খেলছেন মালান। ৪৫ বলে ছয় চারে জনি বেয়ারস্টোর রান ৩৮।
10 Oct 2023, 12:26 PM
বেয়ারস্টোর পঞ্চাশ, ইংল্যান্ডের একশ
গত বিশ্বকাপেরই যেন পুনরাবৃত্তি ঘটালেন ইংল্যান্ডের দুই ওপেনার। গতবারের মতো এবারও বাংলাদেশের বিপক্ষে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন দুই ইংলিশ ওপেনার, গড়লেন শতক ছোঁয়া জুটি।
দাভিদ মালান, জনি বেয়ারস্টোর জুটিতে ষোড়শ ওভারে একশ পূর্ণ করেছে ইংল্যান্ড। মালানের পর পঞ্চাশ ছুঁয়েছেন বেয়ারস্টো। দারুণ ব্যাটিংয়ে ৮ চারের ৫৪ বলে ফিফটি করেছেন তিনি।
১৬ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১০২ রান। মালান ৪২ বলে ৫১ ও বেয়ারস্টো ৫৪ বলে ৫০ রানে খেলছেন বেয়ারস্টো।
10 Oct 2023, 12:34 PM
দারুণ ডেলিভারিতে জুটি ভাঙলেন সাকিব
সাকিব আল হাসানের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন জনি বেয়ারস্টো।
সাকিব আল হাসানের টার্ন করে বেরিয়ে যাওয়া তৃতীয় ডেলিভারি বুঝতেই পারলেন না জনি বেয়ারস্টো। অল্পের জন্য বাঁচলেন কট বিহাইন্ড হওয়া থেকে। এক বল পর জোরের ওপর ঢুকে গেল ভেতরে। পেছনের পায়ে খেলতে গিয়ে পরাস্ত বেয়ারস্টো। বল আঘাত করল লেগ স্ট্যাম্পে।
বিপজ্জনক হয়ে ওঠা উদ্বোধনী জুটি অষ্টাদশ ওভারে ভাঙলেন বাংলাদেশ অধিনায়ক। ক্যারিয়ারের ষোড়শ ফিফটি করা বেয়ারস্টো ফিরলেন ৮ চারে ৫৯ বলে ৫২ রান করে।
১১৬ রানে প্রথম উইকেট পতনের পর তিন নম্বরে নামলেন জো রুট। অন্য প্রান্তে ৪৮ বলে ৬১ রান দাভিদ মালান।
10 Oct 2023, 01:26 PM
মালান-রুটের জুটিতে পঞ্চাশ
বাউন্ডারি কিছুটা কমাতে পেরেছেন বাংলাদেশের বোলাররা। কিন্তু তাতে ইংল্যান্ডের রানের গতি খুব একটা কমেনি।
মাঝে একটু সময়ের জন্য ছয়ের নিচে নেমে গিয়েছিল রান রেট। স্কুপ করে মুস্তাফিজুর রহমানকে ছক্কা মেরে সেটা আবার ছয়ের উপরে নিয়ে গেছেন জো রুট। দাভিদ মালানের সঙ্গে পঞ্চাশ রানের জুটি উপহার দিয়েছেন তিনি, ৫৪ বলে।
২৭ ওভারে ইংল্যান্ডের রান ১ উইকেটে ১৬৫। ২৭ বলে একটি করে ছক্কা ও চারে ২৭ রানে খেলছেন রুট। ৭৬ বলে ১১ চার ও দুই ছক্কায় মালানের রান ৮৪।
10 Oct 2023, 01:31 PM
দারুণ ব্যাটিংয়ে মালানের সেঞ্চুরি
দাভিদ মালানকে ফেরানোর পথ যেন খুঁজে পাচ্ছে না বাংলাদেশ। ৩৯ বলে পঞ্চাশ স্পর্শ করা বাঁহাতি ওপেনার তিন অঙ্ক ছুঁয়েছেন ৯১ বলে।
ওয়ানডেতে ২৩ ম্যাচে এটি মালানের পঞ্চম সেঞ্চুরি। বাংলাদেশের বিপক্ষে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি, চলতি বছর মিরপুরে অপরাজিত ১১৪ রানের ইনিংস।
তিন অঙ্ক ছোঁয়ার পথে মালানের ব্যাট থেকে এসেছে ১২টি চার ও দুটি ছক্কা।
৩২ ওভারে ইংল্যান্ডের রান ১ উইকেটে ১৯৯। ৯২ বলে মালান খেলছেন ১০১ রানে, ৪১ বলে জো রুটের রান ৪৪।
10 Oct 2023, 01:39 PM
মালানের সেঞ্চুরির পর মিরাজের ২২ রানের ওভার
জাদুকরী তিন অঙ্ক স্পর্শ করার পরপর মেহেদী হাসান মিরাজের ওপর ঝড় তুললেন দাভিদ মালান। মিরাজের করা ৩৩ ওভারের প্রথম দুই বলে আসে স্রেফ ২ রান। পরের চার বলে যথাক্রমে ৪, ৬, ৬ ও ৪ মারলেন মালান।
স্লগ সুইপে প্রথম বাউন্ডারির পর খাট লেংথের বল পুল করে মারেন ছক্কা। পঞ্চম বলটি সোজা বোলারের মাথার ওপর দিয়ে ফের ছক্কা। শেষ বলে জায়গা বানিয়ে কভার দিয়ে সীমানায় পাঠান ইংল্যান্ডের বাঁহাতি ওপেনার।
৩৩তম ওভারেই দুইশ স্পর্শ করেছে ইংল্যান্ডের রান। ৯০ বলে এসেছে মালান ও জো রুটির জুটির শতরান।
10 Oct 2023, 01:42 PM
রুটেরও ফিফটি
ফিফটি করে ফিরে গেছেন জনি বেয়ারস্টো, সেঞ্চুরি ছুঁয়ে এগিয়ে যাচ্ছেন দাভিদ মালান। তাদের পথ ধরে ফিফটি এসেছে জো রুটের ব্যাট থেকেও।
শরিফুল ইসলামকে চার মেরে ৪৪ বলে পঞ্চাশ স্পর্শ করেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেও ফিফটি করেছিলেন তিনি।
৩৪ ওভারে ইংল্যান্ডের রান ১ উইকেটে ২৩২ রান।
এ নিয়ে তৃতীয় বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে প্রতিপক্ষের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন। ২০১৫ আসরে প্রথম এই কীর্তি গড়েছিল শ্রীলঙ্কা। ২০১৯ আসরে করে অস্ট্রেলিয়া।
বিশ্বকাপে প্রায় ৪৮ বছর পর ইংল্যান্ডের প্রথম তিন ব্যাটসম্যানের সবাই খেললেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস। ১৯৭৫ সালে বিশ্বকাপের প্রথম আসরে পূর্ব আফ্রিকার বিপক্ষে এই কীর্তি গড়েন ব্যারি উড, ডেনিস অ্যামিস, ফ্র্যাঙ্ক হেইস।
10 Oct 2023, 01:47 PM
কঠিন সুযোগ কাজে লাগাতে পারলেন না হৃদয়
আক্রমণে ফিরেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। তবে গতিময় এই পেসারের বলে মিডউইকেটে কঠিন ক্যাচ নিতে পারেননি তাওহিদ হৃদয়।
বেরিয়ে এসে লেগে খেলেন রুট। ঠিক মতো টাইমিং হয়নি, ক্যাচের মতো উঠে যায়। ডাইভ দিয়ে ঝাঁপিয়ে আঙুল ছোঁয়ালেও মুঠোয় রাখতে পারেননি হৃদয়। সে সময় ৫১ রানে ছিলেন রুট।
৩৫ ওভারে ইংল্যান্ডের রান ১ উইকেটে ২৩৯। ১০১ বলে ১২৮ রানে ব্যাট করছেন দাভিদ মালান। ৫০ বলে ৫৫ রানে খেলছেন রুট।
10 Oct 2023, 02:01 PM
মালানকে বোল্ড করে থামলেন মেহেদি
আগের সেরা ১৩৪ ছাড়ানোর পর বেশিদূর যেতে পারলেন দাভিদ মালান। শেখ মেহেদি হাসানের বলে তেড়েফুড়ে মারতে গিয়ে বোল্ড হলেন বাঁহাতি এই ওপেনার।
অফ স্পিনারের বলের লাইনে যেতে পারেননি মালান। অফ স্টাম্পের বাইরে থেকে ভেতরে ঢোকা বল উপড়ে ফেলে তার অফ স্টাম্প। ভাঙে ১১৭ বল স্থায়ী ১৫১ রানের জুটি।
১০৭ বলে ১৬ চার ও পাঁচ ছক্কায় ১৪০ রান করেন মালান।
৩৮ ওভারে ইংল্যান্ডের রান ২ উইকেটে ২৭৯। ক্রিজে জো রুটের সঙ্গী জস বাটলার।
10 Oct 2023, 02:13 PM
বাটলারকে ফেরালেন শরিফুল
মঞ্চ প্রস্তুত পেয়েছিলেন জস বাটলার। ক্রিজেই চড়াও হয়েছিলেন বোলারদের উপর। তবে ইংলিশ অধিনায়ককে বেশিক্ষণ টিকতে দিলেন না শরিফুল ইসলাম।
বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বেশ বাইরের নাকল বল লেগে খেলতে গিয়ে স্টাম্পে টেনে আনেন বাটলার। ভাঙে ১৪ বল স্থায়ী ৩০ রানের জুটি।
বাটলার একটি করে ছক্কা ও চারে ১০ বলে করেন ২০ রান।
৪০ ওভারে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ২৯৮ রান। ৬৩ বলে ৮০ রানে খেলছেন জো রুট। ক্রিজে তার সঙ্গী হ্যারি ব্রুক।
10 Oct 2023, 02:28 PM
শরিফুলের জোড়া আঘাত
আগের ওভারে জস বাটলারকে বিদায় করা শরিফুল ইসলাম পরপর দুই বলে ফেরালেন জো রুট ও লিয়াম লিভিংস্টোনকে।
বাঁহাতি পেসারের স্লোয়ার বুঝতে পারেননি রুট। ব্যাটের কানায় লেগে বেশ উপরে উঠে যাওয়া ক্যাচ গ্লাভসে নেন মুশফিকুর রহিম।
৬৮ বলে এক ছক্কা ও আট চারে ৮২ রান করেন রুট।
পরের বলেই লিভিংস্টোনের অফ স্টাম্প উপড়ে ফেলেন শরিফুল। অফ কাটার বুঝতে পারেননি ইংলিশ অলরাউন্ডার। যেতে পারেননি বলের লাইনে। ফিরে যান মুখোমুখি প্রথম বলে বোল্ড হয়ে।
৪২ ওভারে ইংল্যান্ডের রান ৫ উইকেটে ৩০৭। ক্রিজে হ্যারি ব্রুকের সঙ্গী স্যাম কারান।
10 Oct 2023, 02:37 PM
ঝড় তোলার আগেই ব্রুককে ফেরালেন মেহেদি
আক্রমণে ফিরে আঘাত হানলেন শেখ মেহেদি হাসান। বুদ্ধিদীপ্ত বোলিংয়ে নিলেন হ্যারি ব্রুকের উইকেট।
অফ স্পিনারের প্রথম দুটি বল ছিল জোরের উপর। এর একটিতে বাউন্ডারি পেয়ে যান ব্রুক। পরের বল ছিল বেশ মন্থর। গতি কম থাকায় টাইমিং করতে পারেননি ব্যাটসম্যান। লং অফে ক্যাচ নেন লিটন দাস।
১৫ বলে তিন চারে ২০ রান করেন ব্রুক।
৪৫ ওভারে ইংল্যান্ডের রান ৬ উইকেটে ৩২৯। ক্রিজে স্যাম কারানের সঙ্গী ক্রিস ওকস।
10 Oct 2023, 02:47 PM
শান্তর দারুণ ক্যাচে ফিরলেন কারান
পরপর দুই ওভারে উইকেট পেলেন শেখ মেহেদি হাসান। তার বলে সীমানায় স্যাম কারানের দারুণ এক ক্যাচ নিলেন নাজমুল হোসেন শান্ত।
অফ স্পিনারকে ছক্কায় ওড়াতে চেয়েছিলেন কারান। ঠিক মতো খেলতে পারেননি, তবুও বাউন্ডারিই পেয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু বেশ কিছুটা দৌড়ে ডাইভ দিয়ে দারুণ এক ক্যাচে তাকে হতাশ করেন শান্ত।
১৫ বলে এক চারে ১১ রান করেন কারান।
৪৭ ওভারে ইংল্যান্ডের রান ৭ উইকেটে ৩৩৭। ক্রিজে ক্রিস ওকসের সঙ্গী আদিল রশিদ।
10 Oct 2023, 02:56 PM
রশিদকে ফিরিয়ে মেহেদির ৪
টানা তৃতীয় ওভারে উইকেট পেলেন শেখ মেহেদি হাসান। আদিল রশিদকে ফিরিয়ে তিনি নিলেন নিজের চতুর্থ উইকেট।
ছক্কার চেষ্টায় সফল হননি রশিদ। ক্যাচ নিয়ে বাইরে চলে যাচ্ছিলেন তাওহিদ হৃদয়। তরে এর আগেই কাছেই থাকা নাজমুল হোসেন শান্তকে বল ছুঁড়ে দেন তিনি। বাকিটা অনায়াসেই সারেন শান্ত।
৭ বলে এক চারে রশিদ করেন ১১ রান।
৪৯ ওভারে ইংল্যান্ডের রান ৮ উইকেটে ৩৫৮।
10 Oct 2023, 03:01 PM
ওকসকে ফেরালেন তাসকিন
শেষ ওভারে আক্রমণে ফিরে সাফল্য পেলেন তাসকিন আহমেদ। গতিময় এই পেসারের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে শেখ মেহেদি হাসানের হাতে ধরা পড়েন ক্রিস ওকস।
১১ বলে দুই চারে ১৪ রান করেন এই পেস বোলিং অলরাউন্ডার।
10 Oct 2023, 03:35 PM
বাংলাদেশের সামনে ইংল্যান্ডের রান পাহাড়
শেষ ১০ ওভারে দারুণ বোলিংয়ে ৬৬ রানে ৬ উইকেট নিলেও অনেক বড় লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।
দাভিদ মালানের সেঞ্চুরি এবং জো রুট ও জনি বেয়ারস্টোর ফিফটিতে ইংল্যান্ড ৯ উইকেটে করেছে ৩৬৪ রান। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে এর চেয়ে বড় রান আছে কেবল তিনটি।
শেষ দিকে চমৎকার বোলিংয়ে ৭১ রানে ৪ উইকেট নিয়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ৭৫ রানে নিয়েছেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩৬৪/৯ (বেয়ারস্টো ৫২, মালান ১৪০, রুট ৮২, বাটলার ২০, ব্রুক ২০, লিভিংস্টোন ০, কারান ১১, ওকস ১৪, রশিদ ১১, উড ৬*, টপলি ১*; মুস্তাফিজ ১০-০-৭০-০, তাসকিন ৬-০-৩৮-১, শরিফুল ১০-০-৭৫-৩, শেখ মেহেদি ৮-০-৭১-৪, সাকিব ১০-০-৫২-১, মিরাজ ৬-০-৫৫-০)
10 Oct 2023, 03:35 PM
সাকিবদের সামনে রেকর্ড গড়ার চ্যালেঞ্জ
হার দিয়ে বিশ্বকাপ শুরু করা ইংল্যান্ড টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের দৃঢ়তা, বাংলাদেশের হতাশার বোলিং, ফিল্ডিংয়ে গড়েছে রান পাহাড়। বাংলাদেশ পেয়েছে রেকর্ড গড়ার চ্যালেঞ্জ।
বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করেছে ৩২২, গত আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর সব মিলিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড আয়ারল্যান্ডের। ইংল্যান্ডের বিপক্ষে ২০১১ আসরে তারা জিতেছিল ৩২৮ রান তাড়া করে।
10 Oct 2023, 03:43 PM
শুরুতেই ফিরলেন তানজিদ-শান্ত
প্রথম ওভারে ক্রিস ওকসকে টানা তিনটি চার মেরে দারুণ শুরু এনে দিলেন লিটন দাস। কিন্তু পরের ওভারেই বাংলাদেশকে নাড়িয়ে দিলেন রিস টপলি।
মইন আলির জায়গায় একাদশে ফেরা বাঁহাতি এই পেসার পরপর দুই বলে ফিরিয়ে দিলেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তকে।
বাঁহাতি ওপেনার তানজিদ জায়গায় দাঁড়িয়ে ঠিক মতো খেলতে পারেননি। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে দ্বিতীয় স্লিপে, জনি বেয়ারস্টোর হাতে।
২ বলে ১ রান করেন তানজিদ।
পরের বলে মেলে বড় উইকেট। ডাইভ করার চেষ্টায় গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান শান্ত। ব্যাকওয়ার্ড পয়েন্টে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়েন তিনি।
২ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৪।
ক্রিজে লিটন দাসের সঙ্গী অধিনায়ক সাকিব আল হাসান।
10 Oct 2023, 03:52 PM
ইংল্যান্ডের ব্যর্থ রিভিউ
শুরুতে একটি রিভিউ হারাল ইংল্যান্ড। লিটন দাসের বিরুদ্ধে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হলেন জস বাটলার।
ফ্লিক করার চেষ্টায় ব্যাটে খেলতে পারেননি লিটন। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন বাটলার। বল লেগ স্টাম্পের বাইরে পিচ করায় ইংল্যান্ড হারায় রিভিউ।
সে সময় ১৯ রানে ছিলেন লিটন।
৪ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ২২।
10 Oct 2023, 04:02 PM
টপলির দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড সাকিব
দ্রুত ২ উইকেট হারানো বাংলাদেশকে টানতে পারলেন না সাকিব আল হাসান। রিস টপলির দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন বাঁহাতি এই অলরাউন্ডার।
অফ স্টাম্পে পিচ করে সোজা যাওয়া বলের লাইনে যেতে পারেননি সাকিব। ব্যাটের কানা এড়িয়ে উড়িয়ে দেয় স্টাম্প।
৯ বলে সাকিব করেন ১ রান।
৬ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৬।
ক্রিজে লিটন দাসের সঙ্গী মেহেদী হাসান মিরাজ। আগের ম্যাচে তিনে দারুণ এক ইনিংস খেলা এই অলরাউন্ডার এবার নামলেন পাঁচে।
10 Oct 2023, 04:15 PM
টিকলেন না মিরাজও
ভালো করতে পারছিলেন না ক্রিস ওকস। এক প্রান্ত রান বিলিয়ে যাচ্ছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার। তবুও তার উপর আস্থা রাখেন জস বাটলার। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে ওকস ফিরিয়ে দিলেন দারুণ ছন্দে থাকা মেহেদী হাসান মিরাজকে।
অফ স্টাম্পের বাইরের বলে ডাইভের চেষ্টায় কিপারের গ্লাভসে ধরা পড়েন মিরাজ। পাঁচে নেমে এক চারে ৭ বলে তিনি করেন ৮।
৯ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৪৯। ক্রিজে লিটন দাসের সঙ্গী মুশফিকুর রহিম।
10 Oct 2023, 04:26 PM
পাওয়ার প্লেতে বাংলাদেশের ৪ উইকেটে ৫৭
রিস টপলির লেগ স্টাম্পের বাইরের বাউন্সার চমৎকার পুল শটে ফাইন লেগ দিয়ে ছক্কা মারলেন লিটন দাস। দারুণভাবে শেষ হলো প্রথম পাওয়ার প্লে। কিন্তু শেষটার মতো পুরো পাওয়ার প্লে মোটেও ততটা ভালো ছিল না বাংলাদেশের।
৩৬৫ রানের বিশাল লক্ষ্যে দশ ওভারে ৫৭ রান করতে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। চাপ সামাল দেওয়ার অভিযানে লড়ছেন লিটন দাস, মুশফিকুর রহিম। স্রেফ ৩৫ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৪ রানে অপরাজিত লিটন। ৬ বলে ১ রানে মুশফিক।
রান তাড়ায় দ্বিতীয় ওভারে পরপর দুই বলে ড্রেসিং রুমে ফেরেন তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত। রিস টপলির বলে খোঁচা দিয়ে দ্বিতীয় স্লিপে ধরা পড়েন ১ রান করা তানজিদ। রানের খাতা খোলার আগেই হালকা সুইং করা ডেলিভারি দূর থেকে খেলতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন শান্ত।
পরে সাকিব আল হাসানকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন টপলি। অফ স্ট্যাম্প লাইনে দারুণ লেংথে পিচ করা ডেলিভারিতে পুরোপুরি পরাস্ত হন সাকিব। এরপর ক্রিস ওকসের বলে কট বিহাইন্ড হন পাঁচ নম্বরে নামা মেহেদী হাসান মিরাজ।
10 Oct 2023, 04:26 PM
৩৮ বলে লিটনের ফিফটি
নিজেকে খুঁজে ফেরা লিটন দাস এক প্রান্ত আগলে রেখে টানছেন বাংলাদেশকে। স্টাইলিশ এই ওপেনার ৩৮ বলে ছুঁয়েছেন পঞ্চাশ।
এক প্রান্ত নিয়মিত পড়ছে উইকেট। আরেক প্রান্ত দ্রুত রান তুলছেন লিটন। তার ব্যাট থেকে এরই মধ্যে এসেছে সাতটি চার ও একটি ছক্কা।
লিটনের সঙ্গে ক্রিজে আছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান শুরুতে কিছুটা সময় নিচ্ছেন।
১১ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৬৫।
10 Oct 2023, 05:02 PM
লিটন-মুশফিকের জুটিতে পঞ্চাশ
দ্রুত ৪ উইকেট হারানো বাংলাদেশকে টানছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। তাদের জুটিতে পঞ্চাশ রান এসেছে ৫৯ বলে।
স্যাম কারানের বলে মুশফিকের চারে জুটির পঞ্চাশ পূর্ণ হওয়ার সঙ্গে দলের রান স্পর্শ করে একশ।
১৯ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১০৬। ৫৯ বলে ৬৬ রানে খেলছেন লিটন। ৩৬ বলে মুশফিকের রান ২৭।
10 Oct 2023, 05:15 PM
লিটনকে ফিরিয়ে জুটি ভাঙলেন ওকস
আক্রমণে ফিরে সাফল্য পেলেন ক্রিস ওকস। তার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে বিদায় নিলেন লিটন দাস।
চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডেতে লিটনের রান ছিল কেবল ৭, ০ ও ০। সেই ব্যর্থতা ঝেরে দারুণ গতিতে এগিয়ে যাচ্ছিলেন তিনি। ওকসের স্লোয়ার বুঝতে পেরে পিছিয়ে গিয়েছিলেন। কিন্তু মাঝ ব্যাটে নিতে পারেননি। কানায় লেগে জমা পড়ে জস বাটলারের গ্লাভসে। ভাঙে ৭৫ বল স্থায়ী ৭২ রানের জুটি।
৬৬ বলে দুই ছক্কা ও্ সাত চারে ৭৬ রান করেন লিটন।
২১ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১২১। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী তাওহিদ হৃদয়।
10 Oct 2023, 05:38 PM
রিভিউ নিয়ে বাঁচলেন হৃদয়
এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার আঙুল তোলার সঙ্গে সঙ্গেই রিভিউ নিয়ে নিলেন তাওহিদ হৃদয়। ইশারায় মুশফিকুর রহিমকে বুঝিয়ে দিলেন, ব্যাট ছুঁয়ে গেছে বল।
রিপ্লেতে সেটাই দেখা গেল, আদিল রশিদের বল ব্যাটেই খেলেছিলেন হৃদয়। সে সময় ১২ রানে ছিলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
২৮ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৪৮। ২৬ বলে ১৩ রানে খেলছেন হৃদয়। ৫৭ বলে মুশফিকের রান ৪৬।
10 Oct 2023, 05:52 PM
উইকেট বিলিয়ে এলেন মুশফিক
জয় দৃষ্টি সীমানার ধারেকাছে নেই। চোখ রাঙাচ্ছে অনেক বড় পরাজয়। ব্যবধান যতটা সম্ভব কমানো হতে পারে সবচেয়ে বাস্তব সম্মত লক্ষ্য। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বড় শট খেলার চেষ্টায় উইকেট বিলিয়ে এলেন মুশফিকুর রহিম।
রিস টপলিকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় ডিপ থার্ড ম্যানে আদিল রশিদের হাতে ধরা পড়েন মুশফিক। ভাঙে ৬০ বল স্থায়ী ৪৩ রানের জুটি।
৬৪ বলে চারটি চারে ৫১ রান করেন মুশফিক।
৩১ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৬৪। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী শেখ মেহেদি হাসান।
10 Oct 2023, 06:15 PM
জীবন পেলেন শেখ মেহেদি
বোলিংয়ে ফিরেই উইকেট পেতে পারতেন আদিল রশিদ। লেগ স্পিনারের বলে মিড অনে ক্যাচ দিয়েও রিস টপলির ব্যর্থতায় বেঁচে গেলেন শেখ মেহেদি হাসান।
সে সময় ৬ রানে খেলছিলেন তিনি।
৩৭ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৮০। ৫৫ বলে ৩৩ রানে ব্যাট করছেন তাওহিদ হৃদয়। ১৮ বলে ৭ রানে খেলছেন মেহেদি।
10 Oct 2023, 06:27 PM
হৃদয়ের প্রতিরোধ ভাঙলেন লিভিংস্টোন
লম্বা সময় এক প্রান্ত আগলে রাখা তাওহিদ হৃদয়ের প্রতিরোধ ভাঙলেন লিয়াম লিভিংস্টোন। বোলিংয়ে এসে প্রথম বলেই উইকেট পেলেন তিনি।
টার্ন ও বাউন্স ঠিক মতো সামলাতে পারেননি হৃদয়। ডিফেন্স করার চেষ্টায় সফল হননি। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে জস বাটলারের গ্লাভসে। ভাঙে ৪৯ বল স্থায়ী ২৫ রানের জুটি।
৬১ বলে দুই চারে ৩৯ রান করেন হৃদয়।
৪০ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১৯১। ক্রিজে মেহেদি হাসানের সঙ্গী তাসকিন আহমেদ।
10 Oct 2023, 06:33 PM
ফিরে গেলেন শেখ মেহেদিও
দারুণ বোলিং করলেও উইকেট পাচ্ছিলেন না আদিল রশিদ। শেষ পর্যন্ত গুগলিতে মিলল সাফল্য। চমৎকার এক ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন শেখ মেহেদি হাসান।
৩২ বলে ১ চারে ১৪ রান করেন মেহেদি।
৪১ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ১৯৫। ক্রিজে তাসকিন আহমেদের সঙ্গী শরিফুল ইসলাম।
10 Oct 2023, 06:51 PM
উডের গতিময় ডেলিভারিতে বোল্ড শরিফুল
স্যাম কারানকে দুটি বাউন্ডারি মারার পর স্টাম্প ছেড়ে মার্ক উডকে খেলতে যাওয়ার মাশুল দিলেন শরিফুল ইসলাম। ঘণ্টা প্রতি ৯০ মাইল গতির ডেলিভারিতে এলোমেলো হয়ে গেল স্টাম্প।
শরিফুলের বিদায়ে ভাঙল ২৯ বল স্থায়ী ২৬ রানের জুটি।
দুটি চারে ১৪ বলে ১২ রান করেন শরিফুল।
৪৬ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ২২১। ক্রিজে তাসকিন আহমেদের সঙ্গী মুস্তাফিজুর রহমান।
10 Oct 2023, 07:03 PM
২২৭ রানে শেষ বাংলাদেশ
আগের বল স্টাম্প ছুঁয়ে গেলেও অবিশ্বাস্যভাবে পড়েনি বেলস। পরের বলে তেমন কোনো সুযোগ রাখলেন না স্যাম কারান। এলোমেলো করে দিলেন তাসকিন আহমেদের স্টাম্প।
৪৮.২ ওভারে ২২৯ রানে গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস।
২৫ বলে এক ছক্কায় ১৫ রান করেন তাসকিন আহমেদ। ৯ বলে ৩ রানে অপরাজিত থাকেন মুস্তাফিজুর রহমান।
10 Oct 2023, 07:11 PM
১৩৭ রানের হার
বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে তেমন একটা লড়াই করতে পারল না বাংলাদেশ। হারল ১৩৭ রানে। বিশ্বকাপে তাদের এরচেয়ে বড় হার আছে কেবল দুটি।
বোলাররা পারেননি লক্ষ্যটা নাগালে রাখতে। ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন দাভিদ মালান। তার সঙ্গে দুটি শতরানের জুটি উপহার দেওয়া জো রুট ও জনি বেয়ারস্টো করেন ফিফটি।
বোলিংয়ে শেষ দিকে বাংলাদেশ কিছুটা লড়াই করলেও ততক্ষণ দেরিয়ে হয়ে গিয়েছিল অনেক। পরে ব্যাটিংয়ে মেলে সেটারই প্রমাণ।
রিস টপলির ছোবলে ষষ্ঠ ওভারে ২৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি তারা।
ছন্দে ফেরার আভাস দিয়ে ৭৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন লিটন দাস। মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে লড়াকু ৫১ রান। তাদের বাইরে ১৫ ছাড়াতে পারেন কেবল তাওহিদ হৃদয়।
চেন্নাইয়ে আগামী শুক্রবার নিউ জিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের সামনে আছে ভুল-ত্রুটি ঠিক করে নেওয়া কঠিন পথ।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩৬৪/৯ (বেয়ারস্টো ৫২, মালান ১৪০, রুট ৮২, বাটলার ২০, ব্রুক ২০, লিভিংস্টোন ০, কারান ১১, ওকস ১৪, রশিদ ১১, উড ৬*, টপলি ১*; মুস্তাফিজ ১০-০-৭০-০, তাসকিন ৬-০-৩৮-১, শরিফুল ১০-০-৭৫-৩, শেখ মেহেদি ৮-০-৭১-৪, সাকিব ১০-০-৫২-১, মিরাজ ৬-০-৫৫-০)
বাংলাদেশ: ৪৮.২ ওভারে ২২৭ (লিটন ৭৬, তানজিদ ১, শান্ত ০, সাকিব ১, মিরাজ ৮, মিরাজ ৮, মুশফিক ৫১, হৃদয় ৩৯, মেহেদি ১৪, তাসকিন ১৫, শরিফুল ১২, মুস্তাফিজ ৩*; ওকস ৮-০-৪৯-২, টপলি ১০-১-৪৩-৪, কারান ৭.২-০-৪৭-১, উড ১০-০-২৯-১, রশিদ ১০-০-৪২-১, লিভিংস্টোন ৩-০-১৩-১)
ফল: ইংল্যান্ড ১৩৭ রানে জয়ী