২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদউল্লাহর সেঞ্চুরির পরও বাংলাদেশের বড় হার

24 Oct 2023, 02:40 PM

সংক্ষিপ্ত স্কোর

24 Oct 2023, 01:55 PM

দ. আফ্রিকার অগ্নিপরীক্ষার সামনে বাংলাদেশ

নানা দিক থেকেই বিপরীত প্রান্তে থাকা দুই দলের লড়াই। বাংলাদেশ বিশ্বকাপে চার ম‍্যাচে জিতেছে কেবল একটি। সমান ম‍্যাচে দক্ষিণ আফ্রিকার জয় তিনটি।

বিপরীত অবস্থান শুধু এখানেই নয়। খেলার ধরনেও। বাংলাদেশ যেখানে ভুগছে আড়াইশ ছুঁতেই সেখানে সবশেষ ৭ ম‍্যাচে ছয়বার তিনশ ছাড়ানো সংগ্রহ গড়েছে দক্ষিণ আফ্রিকা। এর দুটিতে দিয়েছে অন্তত চারশ রানের লক্ষ‍্য।

টুর্নামেন্টে খুনে চেহারায় দেখা যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ব‍্যাটসম‍্যানদের। উপহার দিচ্ছে একের পর এক সেঞ্চুরি আর বিস্ফোরক ইনিংস। এবারের আসরে দলটির রান রেট ৬.৯৭! বেশ পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা ইংল‍্যান্ডের রান রেট ৬.৩৪। রান রেটের দিক থেকে এবার সবচেয়ে পেছনে বাংলাদেশ- মোটে ৪.৮৪।

অনেক দিক থেকেই বেশ পিছিয়ে থাকলেও একটা জায়গায় এগিয়ে বাংলাদেশ। দুই দলের সবশেষ চার ম‍্যাচের তিনটিতেই জিতেছে তারা। বিশ্বকাপেও সবশেষ লড়াইয়ে জিতেছিল বাংলাদেশ।

জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর টানা তিন হারে ক্রমেই পিছিয়ে পড়া দলটির জন‍্য টনিক হতে পারে সেই সব জয়। দলও তাকিয়ে সেদিকেই। সেমি-ফাইনালের ফিকে হয়ে যাওয়া স্বপ্নটা উজ্জ্বল করতে জয়ে ফেরার খুব বেশি বিকল্প তাদের নেই।

24 Oct 2023, 02:53 PM

দ. আফ্রিকার অগ্নিপরীক্ষার সামনে বাংলাদেশ

নানা দিক থেকেই বিপরীত প্রান্তে থাকা দুই দলের লড়াই। বাংলাদেশ বিশ্বকাপে চার ম‍্যাচে জিতেছে কেবল একটি। সমান ম‍্যাচে দক্ষিণ আফ্রিকার জয় তিনটি।

বিপরীত অবস্থান শুধু এখানেই নয়। খেলার ধরনেও। বাংলাদেশ যেখানে ভুগছে আড়াইশ ছুঁতেই সেখানে সবশেষ ৭ ম‍্যাচে ছয়বার তিনশ ছাড়ানো সংগ্রহ গড়েছে দক্ষিণ আফ্রিকা। এর দুটিতে দিয়েছে অন্তত চারশ রানের লক্ষ‍্য।

টুর্নামেন্টে খুনে চেহারায় দেখা যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ব‍্যাটসম‍্যানদের। উপহার দিচ্ছে একের পর এক সেঞ্চুরি আর বিস্ফোরক ইনিংস। এবারের আসরে দলটির রান রেট ৬.৯৭! বেশ পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা ইংল‍্যান্ডের রান রেট ৬.৩৪। রান রেটের দিক থেকে এবার সবচেয়ে পেছনে বাংলাদেশ- মোটে ৪.৮৪।

অনেক দিক থেকেই বেশ পিছিয়ে থাকলেও একটা জায়গায় এগিয়ে বাংলাদেশ। দুই দলের সবশেষ চার ম‍্যাচের তিনটিতেই জিতেছে তারা। বিশ্বকাপেও সবশেষ লড়াইয়ে জিতেছিল বাংলাদেশ।

জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর টানা তিন হারে ক্রমেই পিছিয়ে পড়া দলটির জন‍্য টনিক হতে পারে সেই সব জয়। দলও তাকিয়ে সেদিকেই। সেমি-ফাইনালের ফিকে হয়ে যাওয়া স্বপ্নটা উজ্জ্বল করতে জয়ে ফেরার খুব বেশি বিকল্প তাদের নেই।

24 Oct 2023, 02:08 PM

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Image

টসের জন‍্য কয়েন ছুড়ছেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম।

আরও একবার কয়েনভাগ্য পাশে পেলেন না বাংলাদেশ অধিনায়ক। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম।

একই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৩৯৯ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের সঙ্গেও একই ছন্দে খেলার চেষ্টা করবে দল, জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক।

সাকিব আল হাসান বলেছেন, টস জিতলে তিনিও আগে ব্যাটিং নিতেন। তবে ফিল্ডিংয়েও আপত্তি নেই তার। দক্ষিণ আফ্রিকাকে 'রিজনেবল' স্কোরের মধ্যে আটকে রেখে সেটি তাড়া করতে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক।

24 Oct 2023, 02:11 PM

ফিরলেন সাকিব, বাইরে হৃদয়

ঊরুর চোট সেরে একাদশে ফিরলেন সাকিব আল হাসান। তাকে জায়গা করে দিতে বাদ পড়লেন তাওহিদ হৃদয়।

সাকিব ফেরায় বাংলাদেশের বোলিং বিভাগে তিন পেসারের সঙ্গে থাকছে তিন স্পিনার। অন্য দুই স্পিনার নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ। পেস বিভাগের দায়িত্বে হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

24 Oct 2023, 02:18 PM

দক্ষিণ আফ্রিকা একাদশে এক পরিবর্তন

ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে জেতা একাদশে একটি পরিবর্তন করেছে দক্ষিণ আফ্রিকা। হাঁটুতে কিছুটা অস্বস্তি থাকায় খেলতে পারছেন না লুঙ্গি এনগিডি। তার জায়গায় নেওয়া হয়েছে লিজাড উইলিয়ামসকে।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রিজা হেন্ডরিকস। রাসি ফন ডার ডাসেন, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কুটসিয়া, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, লিজাড উইলিয়ামস।

24 Oct 2023, 02:51 PM

শুরুতেই সুযোগ হাতছাড়া

মুম্বাইয়ের ব‍্যাটিং স্বর্গে দ্বিতীয় ওভারেই মিলতে পারত উইকেট। কিন্তু মেহেদী হাসান মিরাজের বলে ক‍্যাচ নিতে পারলেন না তানজিদ হাসান।

প্রথম ওভারটি করেন মুস্তাফিজুর রহমান। কুইন্টন ডি ককের চারে দক্ষিণ আফ্রিকা করে ৬ রান। পরের ওভারে মিরাজকে আক্রমণে আনেন অধিনায়ক সাকিব আল হাসান। সুযোগ তৈরিও করেছিলেন অফ স্পিনার কিন্তু ফিল্ডারের ব‍্যর্থতায় হাতছাড়া হয়ে গেল।

মিরাজের প্রথম চারটি বল ডট খেলেন হেনড্রিকস। পঞ্চম বলে সজোরে কাট করেন ডানহাতি এই ব‍্যাটসম‍্যান। ঠিক মতো পারেননি, ক‍্যাচ যায় স্লিপে। দ্রুত আসা বলে প্রতিক্রিয়া দেখাতে দেরি করে ফেলেন তানজিদ, আঙুল ছুঁয়ে সীমানার দিকে চলে যায় বল। 

সে সময় শূন‍্য রানে ছিলেন হেনড্রিকস।

২ ওভারে দক্ষিণ আফ্রিকার রান বিনা উইকেটে ৯।

24 Oct 2023, 03:03 PM

দ্রুতই ফিরলেন হেনড্রিকস

Image

স্বপ্নের মতো এক ডেলিভারিতে রিজা হেনড্রিকসকে বোল্ড করে দিলেন শরিফুল ইসলাম।

জীবন পেয়েও বেশিদূর যেতে পারলেন না রিজা হেনড্রিকস। শরিফুল ইসলামের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন এই ওপেনার।

পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন হেনড্রিকস। বাঁহাতি পেসারের দুর্দান্ত ইন সুইঙ্গারের লাইনে যেতে পারেননি তিনি। শরিফুলের স্বপ্নের মতো ডেলিভারি ব‍্যাট-প‍্যাডের ফাঁক গলে আঘাত হানে স্টাম্পে। ভাঙে ৩৭ বল স্থায়ী ৩৩ রানের জুটি।

শূন‍্য রানে বেঁচে যাওয়া হেনড্রিকস ১৯ বলে ১ চারে করেন ১২ রান।

৭ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ৩৫ রান। ক্রিজে কুইন্টন ডি ককের সঙ্গী রাসি ফন ডার ডাসেন।

24 Oct 2023, 03:14 PM

ফন ডার ডাসেনকে টিকতে দিলেন না মিরাজ

Image

বিপজ্জনক রাসি ফন ডার ডাসেনকে টিকতে দিলেন না মেহেদী হাসান মিরাজ।

শুরু থেকে দারুণ বোলিং করা মেহেদী হাসান মিরাজ পেলেন সাফল‍্য। চমৎকার এক ডেলিভারিতে এলবিডব্লিউ করে দিলেন রাসি ফন ডার ডাসেনকে।

ব‍্যাট ফুটে গিয়ে লেগে বল ঘুরাতে চেয়েছিলেন বিস্ফোরক এই টপ অর্ডার ব‍্যাটসম‍্যান। অফ স্পিনারের স্টাম্প তাক করে করা ডেলিভারির লাইন মিস করে বিপদ ডেকে আনেন। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া দেওয়ার পর রিভিউ না নিয়েই ফিরে যান তিনি।

৭ বলে ফন ডার ডাসেন করেন ১ রান।

৮ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ৩৬।

ক্রিজে কুইন্টন ডি ককের সঙ্গী ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম।

24 Oct 2023, 03:24 PM

পাওয়ার প্লেতে বাংলাদেশের ২ উইকেট

Image

উইকেট নেওয়ার উচ্ছ্বাস মেহেদী হাসান মিরাজের।খুশিতে ভাসছেন মুশফিকুর রহিমও।

বল হাতে চলতি বিশ্বকাপে নিজেদের সেরা পাওয়ার প্লে কাটাল বাংলাদেশ। পাঁচ ম্যাচে প্রথমবার দশ ওভারের মধ্যে তারা নিল একের বেশি উইকেট।

দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ৪৪ রান।

সপ্তম ওভারে রিজা হেনড্রিকসকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু দেন শরিফুল ইসলাম। দারুণ ইন সুইং ডেলিভারির লাইনে যেতে পারেননি ১২ রান করা হেনড্রিকস। তিনি অবশ্য শূন্য রানেই ফিরতে পারতেন। দ্বিতীয় ওভারে মেহেদী হাসান মিরাজের বলে স্লিপে ক্যাচ ছাড়েন তানজিদ হাসান।

শুরুতে হতাশায় পড়া মিরাজ আঘাত হানেন অষ্টম ওভারে। রাসি ফন ডার ডাসেন ব্যাক ফুটে খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন। বল তার ব্যাট ফাঁকি দিয়ে আঘাত করে প্যাডে। এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত দিতে দেরি করেননি আম্পায়ার।

তৃতীয় উইকেটে জুটি বেঁধেছেন কুইন্টন ডি কক ও এইডেন মার্করাম। ডি কক ২৪ ও মার্করাম ৬ রানে অপরাজিত।

24 Oct 2023, 03:44 PM

৪৭ বলে ডি ককের ফিফটি

হাসান মাহমুদের বলে স্কয়ার লেগ ফিল্ডারের মিস ফিল্ডিংয়ে বাউন্ডারি পেলেন কুইন্টন ডি কক। ৪৭ বলে এই বাঁহাতি ওপেনার স্পর্শ করলেন পঞ্চাশ। একই সঙ্গে এইডেন মার্করামের সঙ্গে তার জুটির পঞ্চাশ হলো ৫৮ বলে।

টানা দুটি খরুচে ওভার করলেন হাসান। প্রথম ওভারে এক ছক্কায় দেন ১০ রান। পরের ওভারে দুটি চারে ১২।

১৮ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ৯২। ৩২ বলে ২৪ তিন চারে ২৪ রানে খেলছেন মার্করাম। ৩০ বলে তিনটি করে ছক্কা ও চারে ডি ককের রান ৫৪।

24 Oct 2023, 03:57 PM

২১ ওভারে দক্ষিণ আফ্রিকার একশ

Image

আক্রমণাত্মক ব‍্যাটিংয়ে পঞ্চাশ স্পর্শ করলেন কুইন্টন ডি কক।

এই মাঠেই আগের ম‍্যাচে ঝড় তোলে ৩৯৯ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে শুরুতে দ্রুত রান তুলতে পারছে না তারা। 

২১তম ওভারে একশ স্পর্শ করেছে দক্ষিণ আফ্রিকার রান। 

নাসুম আহমেদের বলে এই ওভারে একটুর জন‍্য বেঁচে গেছেন এইডেন মার্করাম। শর্ট মিডঅফে অল্পের জন‍্য বলের নাগাল পাননি অধিনায়ক সাকিব আল হাসান।

২১ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ১০৪। ৫৯ বলে ৬১ রানে খেলছেন কুইন্টন ডি কক। ৪১ বলে মার্করামের রান ২৯।

24 Oct 2023, 04:19 PM

৫৭ বলে মার্করামের পঞ্চাশ

মেহেদী হাসান মিরাজের বলে পয়েন্ট দিয়ে চার মারলেন এইডেন মার্করাম। ৫৭ বলে এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান স্পর্শ করলেন পঞ্চাশ।

এই ওভারেই তার একটি সিঙ্গেল সঙ্গে কুইন্টন ডি ককের সঙ্গে তৃতীয় উইকেট জুটির রান স্পর্শ করে একশ, ১০৭ বলে।

জুটির পঞ্চাশ হয়েছিল ৫৮ বলে, পরের পঞ্চাশ এলো ৪৯ বলে।

২৬ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ১৪১। ৭৩ বলে ৭৫ রানে খেলছেন ডি কক। ৫৭ বলে মার্করামের রান ৫১।

24 Oct 2023, 04:39 PM

জুটি ভাঙলেন সাকিব

Image

এইডেন মার্করামকে বিদায় করে বিপজ্জনক জুটি ভাঙলেন সাকিব আল হাসান।

সাকিব আল হাসানের অফ স্টাম্পের ওপর হালকা ঝুলিয়ে দেওয়া ডেলিভারি এক হাতে ইনসাইড আউট শট খেললেন এইডেন মার্করাম। এক হাতের এসব শটে নিয়মিতই তিনি ছক্কা মারলেও এবার পেলেন না দূরত্ব।

ডিপ এক্সট্রা কভার থেকে কিছুটা ভেতরে এসে সহজেই ক্যাচ নিলেন লিটন দাস। ৭ চারে ৬৯ বলে ৬৯ রান করে ফিরলেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক।

মার্করামের বিদায়ে ভাঙল কুইন্টন ডি ককের সঙ্গে তার ১৩৭ বল স্থায়ী ১৩১ রানের তৃতীয় উইকেট জুটি। ক্রিজে নতুন ব্যাটসম্যান হাইনরিখ ক্লসেন।

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯২ রানে অপরাজিত ডি কক।

24 Oct 2023, 04:59 PM

তিন সেঞ্চুরিতে দ. আফ্রিকার প্রথম ডি কক

Image

দারুণ সেঞ্চুরিতে বাংলাদেশকে ভোগাচ্ছেন কুইন্টন ডি কক।

সাকিব আল হাসানের বলে সিঙ্গেল নিলেন কুইন্টন ডি কক। দারুণ ব‍্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ওপেনার স্পর্শ করলেন নতুন উচ্চতা। দক্ষিণ আফ্রিকার প্রথম ব‍্যাটসম‍্যান হিসেবে বিশ্বকাপের এক আসরে তিন সেঞ্চুরি করলেন তিনি।

২০১১ বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করেছিলেন এবি ডি ভিলিয়ার্স। এক আসরে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ সেঞ্চুরি ছিল সেটিই। ডি কক তাকে ছাড়িয়ে গেলেন স্রেফ ৫ ম‍্যাচেই!

১০১ বলে চার ছক্কা ও ছয় চারে তিন অঙ্ক স্পর্শ করেন ডি কক। শ্রীলঙ্কার বিপক্ষে ১০০ রান দিয়ে টুর্নামেন্ট শুরু করেন এই কিপার-ব‍্যাটসম‍্যান। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম‍্যাচে করেন ১০৯।

নেদারল‍্যান্ডস ও ইংল‍্যান্ডের বিপক্ষে সুবিধা করতে পারেননি ডি কক। এবার পেলেন ক‍্যারিয়ারের ২০তম সেঞ্চুরির উষ্ণ ছোঁয়া।

৩৫ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৩ উইকেটে ১৯৬। ১২ বলে দুই ছক্কায় ১৯ রানে খেলছেন হাইনরিখ ক্লসেন। ১০৩ বলে ডি ককের রান ১০১।

24 Oct 2023, 05:10 PM

৩৬ ওভারে দ. আফ্রিকার দুইশ

কুইন্টন ডি ককের সেঞ্চুরিতে বড় সংগ্রহের ভিত গড়েছে দক্ষিণ আফ্রিকা। ৩৬ ওভারে তারা করে ফেলেছে ২০০ রান। ৩ উইকেটে তাদের সংগ্রহ ২০৩ রান। 

২১তম ওভারে একশ রান করেছিল তারা। পরের একশ করতে তাদের লাগল ১৫ ওভারের কম। 

চলতি আসরে তৃতীয়, সব মিলিয়ে ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি ছুঁয়ে ১০৫ রানে অপরাজিত ডি কক। হাইনরিখ ক্লসেন ১৪ বলে ২১ রানে খেলছেন।

24 Oct 2023, 05:26 PM

ডি কক-ক্লসেনের জুটিতে পঞ্চাশ

সেঞ্চুরি করে অপরাজিত কুইন্টন ডি কক। ক্রিজে যাওয়ার পর থেকে দ্রুত রানের চেষ্টায় ব‍্যস্ত হাইনরিখ ক্লসেন। তাদের জুটিতে পঞ্চাশ এসেছে ৪৫ বলে।

ধীরে ধীরে রানের গতি বাড়াচ্ছে দক্ষিণ আফ্রিকা। এই আসরে শেষ ১০ ওভারে দুটি ম‍্যাচে একশর বেশি রান সংগ্রহ করা দলটি নিশ্চিতভাবেই চোখ রাখছে সাড়ে তিনশর আশেপাশে।

৩৮ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৩ উইকেটে ২১৭। ২১ বলে ২৬ রানে খেলছেন ক্লসেন। ১১২ বলে ডি ককের রান ১১১।

24 Oct 2023, 05:42 PM

৭১ বলে শত রানের জুটি

ইনিংসের শেষ পর্যায়ে এসে ঝড়ের গতিতে রান তুলছে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক ও হাইনরিখ ক্লসেনের ব‍্যাটে অনেক বড় সংগ্রহের পথে ছুটছে তারা।

মাত্র ৭১ বলে ডি কক ও ক্লসেনের জুটি স্পর্শ করেছে তিন অঙ্ক। তাদের জুটিতে পঞ্চাশ এসেছিল ৪৩ বলে।

৪৩তম ওভারে আক্রমণে ফিরে ডি ককের তোপের মুখে পড়েন সাকিব আল হাসান। দুটি করে ছক্কা ও চারে বাংলাদেশ অধিনায়ক দেন ২২ রান।

24 Oct 2023, 05:51 PM

ক্লসেনের ঝড়ো ফিফটি, দ. আফ্রিকার তিনশ

আগের ম্যাচে খুনে সেঞ্চুরি করা হাইনরিখ ক্লসেন এবার বাংলাদেশের বিপক্ষে ৩৪ বলে করলেন ফিফটি। ১ চারের সঙ্গে তিনি মারলেন ৪টি ছক্কা। 

কুইন্টন ডি ককের সঙ্গে ক্লসেনের ঝড়ো জুটিতে স্রেফ ৪৪ ওভারেই ৩০০ ছুঁয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। ৩৬তম ওভারে দুইশ করার পর স্রেফ ৮ ওভারেই পরের একশ করেছে তারা।

শেষ ৩ ওভার থেকেই এসেছে ৫২ রান!

১৪ চার ও ৭ ছক্কায় ১৩৫ বলে ১৬৮ রানে অপরাজিত ডি কক। স্রেফ ৮০ বলে ১৩৩ রানের জুটি ডি কক ও ক্লসেনের।

24 Oct 2023, 05:58 PM

১৭৪ রানে ফিরলেন ডি কক

Image

খরুচে বোলিং করা হাসান মাহমুদ অবশেষে পেলেন সাফল‍্য। আক্রমণে ফিরে কুইন্টন ডি কককে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন তিনি।

নিচু ফুল টস বলে ছক্কাই আশা করেছিলেন ডি কক। কিন্তু পার করতে পারেননি ডিপ ব‍্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডারকে। সীমানায় ঠাণ্ডা মাথায় ক‍্যাচ নেন নাসুম আহমেদ। ভাঙে ৮৭ বলে স্থায়ী ১৪২ রানের ঝড়ো জুটি।

১৪০ বলে সাত ছক্কা ও ১৫ চারে ১৭৪ রান করেন ডি কক। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০১১ সালে মিরপুরে ভারতের ভিরেন্দার শেবাগের ১৭৫ সর্বোচ্চ।

৪৬ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৪ উইকেটে ৩১৭। ক্রিজে হাইনরিখ ক্লসেনের সঙ্গী ডেভিড মিলার।

24 Oct 2023, 06:14 PM

২১ বলে পঞ্চাশ রানের জুটি

বল ফেলার যেন জায়গা পাচ্ছেন না বাংলাদেশের বোলাররা। প্রতি ওভারে হজম করতে হচ্ছে বাউন্ডারি। বানের জলের মতো বাড়ছে রান।

মাত্র ২১ বলে পঞ্চাশ রানের জুটি গড়েছেন হাইনরিখ ক্লসেন ও ডেভিড মিলার। তাদের থামানোর কোনো পথই যেন পাচ্ছেন না বোলাররা।

৪৯ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৪ উইকেটে ৩৬৮। ১২ বলে ২৮ রানে খেলছেন মিলার। ৪৭ বলে ক্লসেনের রান ৮৪।

24 Oct 2023, 06:19 PM

৯০ রানে থামলেন ক্লসেন

হাসান মাহমুদের স্লোয়ার বাউন্সারে ছক্কার চেষ্টায় ব‍্যর্থ হলেন হাইনরিখ ক্লসেন। তাতে সেঞ্চুরির কাছাকাছি গিয়ে থামলেন বিস্ফোরক এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান।

৫০তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে ৯০ রানে যান ক্লসেন। পরের বলে এর পুনরাবৃত্তির চেষ্টায় সীমানায় মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েন তিনি। ভাঙে ২৫ বল স্থায়ী ৬৫ রানের জুটি।

৪৯ বলে আট ছক্কা ও দুই চারে ৯০ রান করেন ক্লসেন।

24 Oct 2023, 06:24 PM

শেষ ১০ ওভারে ১৪৪!

শেষ ১০ ওভারে একশর বেশি রান করাকে যেন অভ‍্যাসে পরিণত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষেও শেষের তাণ্ডবে বড় সংগ্রহ গড়েছে তারা।

শেষ ১০ ওভারে ১৪৪ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ইংল‍্যান্ডের বিপক্ষে আগের ম‍্যাচে করেছিল ১৪৩ রান।

৫ উইকেটে ৩৮২ রান করেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৯ বিশ্বকাপে ইংল‍্যান্ডের ৩৮৬ সর্বোচ্চ।

দক্ষিণ আফ্রিকার ইনিংসে ছক্কা ১৯টি। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ, ওয়ানডেতে যৌথ সর্বোচ্চ। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ১৯ ছক্কা মেরেছিল ওয়েস্ট ইন্ডিজ।

৭ ছক্কা এসেছে কুইন্টন ডি ককের ব‍্যাট থেকে। এই ওপেনার ১৪০ বলে খেলেছেন ১৭৪ রানের দারুণ ইনিংস।

সর্বোচ্চ ৮ ছক্কা মেরেছেন হাইনরিখ ক্লসেন। ৪৯ বলে তিনি খেলেছেন ৯০ রানের খুনে ইনিংস। শেষ দিকে চার ছক্কায় ১৫ বলে অপরাজিত ৩৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন ডেভিড মিলার।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৮৩/৫ (ডি কক ১৭৪, হেনড্রিকস ১২, ফন ডার ডাসেন ১, মার্করাম ৬০, ক্লসেন ৯০, মিলার ৩৪*, ইয়ানসেন ১*; মুস্তাফিজ ৯-০-৭৬-০, মিরাজ ৯-০-৪৪-১, শরিফুল ৯-০-৭৬-১, সাকিব ৯-০-৬৯-১, হাসান ৬-০-৬৭-২, নাসুম ৫-০-২৭-০, মাহমুদউল্লাহ ৩-০-২০-০)

24 Oct 2023, 07:16 PM

শুরুতে সাবধানী বাংলাদেশ

প্রায় চারশ রানের লক্ষ‍্য তাড়ায় শুরুতে মন্থর গতিতে এগোচ্ছে বাংলাদেশ। প্রথম ৫ ওভারে ব‍্যাট থেকে এসেছে কেবল দুটি চার।

৫ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ১৯। ১৩ বলে তানজিদ হাসানের রান ৭। দুটি চারে ১৭ বলে ৮ রানে খেলছেন লিটন দাস।

24 Oct 2023, 07:35 PM

পরপর ২ বলে তানজিদ-শান্তর বিদায়

সাবধানী শুরুর পর টানা দুই বলে দুটি উইকেট হারাল বাংলাদেশ। লেগ স্টাম্পের বল কিপারের পাশ দিয়ে ঘুরানোর চেষ্টায় কিপার হাইনরিখ ক্লসেনের গ্লাভসে ধরা পড়লেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত।

মার্কো ইয়ানসেনের বল লেগে ঘুরাতে চেয়েছিলেন তানজিদ। কিন্তু ঠিক মতো পারেননি, গ্লাভস ছুঁয়ে জমা পড়ে ক্লসেনের গ্লাভসে। পরের বলেই ফেরেন নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি এই টপ অর্ডার ব‍্যাটসম‍্যান ঠিক মতো ফ্লিক করতে পারেননি। ব‍্যাটে কানা ছুঁয়ে ক‍্যাচ যায় কিপারের কাছে।

১৭ বলে এক চারে ১২ রান করেন তানজিদ। শান্ত পান গোল্ডেন ডাকের তেতো স্বাদ।

৭ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৩১। ক্রিজে লিটন দাসের সঙ্গী সাকিব আল হাসান।

24 Oct 2023, 07:58 PM

ফের গোল্ডেন ডাক, গাপটিল-বেয়ারস্টোর পাশে শান্ত

ইংল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও প্রথম বলেই ড্রেসিং রুমে ফিরলেন নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের এক আসরে তিন নম্বরের ভেতরে নেমে অন্তত দুইবার 'গোল্ডেন ডাক' পাওয়া চতুর্থ ব্যাটসম্যান শান্ত।

১৯৯৬ বিশ্বকাপে শ্রীলঙ্কার রমেশ কালুউইদরানা ও ২০১৯ বিশ্বকাপে নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিল, ইংল্যান্ডের জনি বেয়ারস্টো দুইবার আউট হন প্রথম বলে।

24 Oct 2023, 07:35 PM

সাকিবের বিদায়ে বিপদে বাংলাদেশ

চোট কাটিয়ে দলে ফেরা সাকিব আল হাসান ব‍্যাট হাতে করতে পারলেন না তেমন কিছু। লিডাজ উইলিয়ামসের বলে খোঁচা মেরে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক।

অফ স্টাম্পের বাইরের বলে তেমন কোনো বিপদ ছিল না। জায়গায় দাঁড়িয়ে আলগা শটে কিপার হাইনরিখ ক্লসেনের গ্লাভসে ধরা পড়েন সাকিব।

৪ বলে বাঁহাতি এই অলরাউন্ডার করেন ১ রান।

ব‍্যাট হাতে ১৭৪ রানের দারুণ ইনিংস খেলা কুইন্টন ডি কক নামেননি ফিল্ডিংয়ে। ৯০ রানের বিস্ফোরক ইনিংস খেলা ক্লসেন দাঁড়িয়েছেন উইকেটের পেছনে।

24 Oct 2023, 07:50 PM

পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

বড় রান তাড়ায় শুরুতেই বিপদে পড়ে গেছে বাংলাদেশ। পাওয়ার প্লেতে ফিরে গেছেন তিন বাঁহাতি ব‍্যাটসম‍্যান তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান।

১০ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৩৫। ২৬ বলে তিন চারে ১২ রানে খেলছেন লিটন দাস। ১২ বলে মুশফিকুর রহিমের রান ৩।

24 Oct 2023, 07:58 PM

ছক্কার চেষ্টায় অক্কা মুশফিক 

ফাঁদ পেতে যেন মুশফিকুর রহিমকে আউট করলেন জেরাল্ড কুটসিয়া। তার অফ স্টাম্পের বাইরে তার শর্ট লেংথ ডেলিভারি কাট করে ছক্কা মারতে গিয়ে সোজা থার্ড ম্যান ফিল্ডারের হাতে ক্যাচ দিলেন মুশফিক।

পঞ্চাশের আগেই চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফিরেছেন মুশফিক। ১ চারে ১৭ বলে করেছেন ৮ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ।

১২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৬ রান। লিটন দাস ৩২ বলে ১৪ রানে অপরাজিত।

24 Oct 2023, 08:16 PM

লম্বা সময় কাটিয়ে ফিরলেন লিটন

উইকেটে বেশ লম্বা সময় কাটিয়ে ড্রেসিং রুমের পথ ধরলেন লিটন দাসও। কাগিসো রাবাদার মিডল স্টাম্পের ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি লিটন। বল প্যাডে লাগতেই আঙুল তুলে দেন আম্পায়ার।

কিছুক্ষণ ভেবে রিভিউ নেন লিটন। তাতে কোনো কাজ হয়নি। সমাপ্তি ঘটে তার ৩ চার ও ১ ছক্কায় ৪৪ বলে ২২ রানের ইনিংসে। 

১৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৫৮ রান। উইকেটে দুই ব্যাটসম্যান মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ।

24 Oct 2023, 08:37 PM

রিভিউ নিয়ে বাঁচলেন মিরাজ

কেশভ মহারাজের লেগ স্টাম্পের বাইরে পিচ করা ডেলিভারি মেহেদী হাসান মিরাজের প্যাডে আঘাত করতেই জোরালো আবেদনে আঙুল তুলে দিলেন আম্পায়ার আহসান রাজা। বেশি না ভেবে দ্রুতই রিভিউ নিলেন মিরাজ।

টিভি রিপ্লেতে দেখা যায়, বল তার ব্যাটে না লাগলেও পিচ করে লেগ স্টাম্পের বাইরে। তাই সিদ্ধান্ত বদলান আম্পায়ার। ৫ রানে বেঁচে যান মিরাজ।

২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৭২ রান। মাহমুদউল্লাহ অপরাজিত ২৪ বলে ১৫ রানে।

24 Oct 2023, 08:45 PM

ছক্কার চেষ্টায় অক্কা মিরাজ

কেশভ মহারাজের পরের ওভারেই ড্রেসিং রুমের পথ ধরলেন আগের ওভারে রিভিউ নিয়ে উইকেট বাঁচানো মেহেদী হাসান মিরাজ। হালকা ঝুলিয়ে দেওয়া বলে স্লগ সুইপে ছক্কা মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিলেন তিনি।

১ চারে ১৯ বলে ১১ রান করেছেন মিরাজ। ২২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৮২ রান। মাহমুদউল্লাহর সঙ্গী হতে এসেছেন নাসুম আহমেদ। ১৭ রানে খেলছেন মাহমুদউল্লাহ।

24 Oct 2023, 09:04 PM

২৭ ওভারে বাংলাদেশের একশ

অপর প্রান্তে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার ভিড়ে একাই দলের সংগ্রহ বাড়িয়ে চলেছেন মাহমুদউল্লাহ। জেরাল্ড কুটসিয়ার বাউন্সারে মাথায় আঘাত পাওয়ার পরের বলেই দারুণ চারে দলের একশ রান পূর্ণ করেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান। 

অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে কভার ড্রাইভে চার মেরেছেন মাহমুদউল্লাহ। এই বাউন্ডারিতে ২৭তম ওভারে একশ পেরিয়েছে বাংলাদেশ। ৬ উইকেটে দলের সংগ্রহ ১০৩ রান।

মাহমুদউল্লাহ ৪৮ বলে ৩৪, নাসুম আহমেদ ১১ বলে ৪ রানে খেলছেন।

24 Oct 2023, 09:13 PM

দুই চারের পর নাসুমের বিদায়

জেরাল্ড কুটসিয়ার পরপর দুই বলে দুই চার মেরে ড্রেসিং রুমের পথ ধরলেন নাসুম আহমেদ। বাউন্সারে পুল করতে গিয়ে ব্যাটের ওপরের কানায় লেগে বোলারের হাতে ফিরতি ক্যাচ দেন নাসুম।

৩ চারে ১৯ বলে ১৯ রান করেছেন নাসুম। তার বিদায়ে ভেঙেছে মাহমুদউল্লাহর সঙ্গে গড়া ৪১ রানের জুটি। 

একপ্রান্ত আগলে রাখা মাহমুদউল্লাহ অপরাজিত ৩৯ রানে। নবম ব্যাটসম্যান হিসেবে নেমেছেন হাসান মাহমুদ। 

২৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১২৩ রান।

24 Oct 2023, 09:21 PM

দক্ষিণ আফ্রিকার ব‍্যর্থ রিভিউ

বাংলাদেশের ইনিংস দ্রুত থামিয়ে দেওয়ার আশায় রিভিউ নিলেন এইডেন মার্করাম। তবে কাজ হলো না। ৩০ ওভারের মধ‍্যে দুটি রিভিউ-ই হারাল দক্ষিণ আফ্রিকা।

কেশভ মহারাজের বল পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন হাসান মাহমুদ। ব‍্যাটে খেলতে পারেননি, বল লাগে প‍্যাডে। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে অনেক ভেবে রিভিউ নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক।

বাঁহাতি স্পিনারের বল পিচ করেছিলেন লেগ স্টাম্পের বাইরে। তাই ব‍্যর্থ হয় দক্ষিণ আফ্রিকার রিভিউ। সে সময় ২ রানে ছিলেন হাসান।

৩০ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১২৫।

24 Oct 2023, 09:38 PM

৬৭ বলে মাহমুদউল্লাহর ফিফটি

Image

সতীর্থদের আসা-যাওয়ার মধ‍্যে এক প্রান্ত আগলে রেখেছেন মাহমুদউল্লাহ। এক-দুই করে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন তিনি। যতটা সম্ভব কমাচ্ছেন ব‍্যবধান।

৬৭ বলে পঞ্চাশ স্পর্শ করেছেন মাহমুদউল্লাহ। তার দৃঢ়তায় ওয়ানডেতে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের শঙ্কা অনেকটাই কাটিয়ে উঠেছে বাংলাদেশ। তবে বড় হার চোখ রাঙাচ্ছে ঠিকই।

৩৫ ওভারে  বাংলাদেশের রান ৭ উইকেটে ১৪৮। ৬৭ বলে ছয় চারে ৫০ রানে খেলছেন মাহমুদউল্লাহ। ২২ বলে দুই চারে হাসানের রান ১৫।

জয়ের জন‍্য শেষ ১৫ ওভারে ২৩৫ রান চাই বাংলাদেশের।

24 Oct 2023, 09:49 PM

ছক্কার চেষ্টায় ফিরলেন হাসান

ওয়ানডেতে নিজেদের সবচেয়ে বড় পরাজয়ের চোখ রাঙানি এড়ানোর পরপরই উইকেট হারাল বাংলাদেশ। কাগিসো রাবাদাকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় ফিরলেন হাসান মাহমুদ।

রাবাদার স্লোয়ার বুঝতে পারেননি হাসান। হুক করে ছক্কা মারার চেষ্টায় সফল হননি। অনেক উঁচুতে উঠে যাওয়া ক‍্যাচ নেন জেরাল্ড কুটসিয়া। ভাঙে ৪৯ বল স্থায়ী ৩৭ রানের জুটি।

৩৭ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ১৫৯। ক্রিজে মাহমুদউল্লাহর সঙ্গী মুস্তাফিজুর রহমান।

24 Oct 2023, 10:04 PM

জীবন পেলেন মাহমুদউল্লাহ

যতটা সম্ভব রান বাড়িয়ে নেওয়ার চেষ্টায় বড় শট খেলার চেষ্টা করছেন মাহমুদউল্লাহ। এতে সুযোগও দিয়েছিলেন তিনি। কিন্তু ক‍্যাচ নিতে পারেননি লিজাড উইলিয়ামস।

বোলারের মাথার উপর দিয়ে ছক্কা মারতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু টাইমিং করতে পারেননি।  মিড অফ থেকে অনেকটা পিছিয়ে গিলে দুই হাতে ক‍্যাচ নেওয়ার চেষ্টা করেন উইলিয়ামস। কিন্তু মুঠোয় রাখতে পারেননি। সে সময় ৭৩ রানে ছিলেন মাহমুদউল্লাহ।

৪০ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ১৮৪। ৮৫ বলে ৭৪ রানে খেলছেন মাহমুদউল্লাহ। ৯ বলে ৯ রানে ব‍্যাট করছেন মুস্তাফিজুর রহমান।

24 Oct 2023, 10:15 PM

শেষ ৪ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ

বিশ্বকাপে ৬ উইকেট পড়ার পর নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল বাংলাদেশ। ৮১ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর ৪২ ওভার পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২০০ রান। 

অর্থাৎ শেষের ৪ উইকেটের সংগ্রহ এখন পর্যন্ত ১১৯ রান।

গত আসরে ভারতের বিপক্ষে শেষ ৪ উইকেটে বাংলাদেশ করেছিল ১০৭ রান।

24 Oct 2023, 10:30 PM

মাহমুদউল্লাহর ইতিহাস গড়া সেঞ্চুরি

অপর প্রান্তে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার ভিড়ে একাই লড়লেন মাহমুদউল্লাহ। একপ্রান্ত ধরে রেখে করলেন সেঞ্চুরি। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনটি সেঞ্চুরির মালিক হলেন তিনি।

একাধিক আসরে সেঞ্চুরি করা প্রথম ব‍্যাটসম‍্যানও তিনিই।

১০ চার ও ৩ ছক্কায় ১০৪ বলে তিন অঙ্ক স্পর্শ করেছেন মাহমুদউল্লাহ। ওয়ানডে ক্যারিয়ারে তার চতুর্থ সেঞ্চুরি এটি। অন্যটি তিনি করেছেন ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, নিউ জিল্যান্ডের বিপক্ষে।

৪৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২২৩ রান। নবম উইকেটে মাহমুদউল্লাহ ও মুস্তাফিজুর রহমানের জুটিতে এরই মধ্যে এসেছে ৬৪ রান।

24 Oct 2023, 10:33 PM

জুটির রেকর্ড গড়ে মাহমুদউল্লাহর বিদায় 

জেরাল্ড কুটসিয়ার অফ স্টাম্পের অনেক বাইরের বল দূর থেকে এক্সট্রা কভারের ওপর দিয়ে মারলেন মাহমুদউল্লাহ। তবে দূরত্ব পেলেন না। সীমানায় সহজ ক্যাচ নিলেন মার্কো ইয়ানসেন।

১১ চার ও ৪ ছক্কায় ১১১ বলে ১১১ রান করেছেন মাহমুদউল্লাহ। তার বিদায়ে ভেঙেছে মুস্তাফিজুর রহমানের সঙ্গে গড়া ৬৯ রানের নবম উইকেট জুটি। বিশ্বকাপে নবম উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ জুটি।

২০১১ বিশ্বকাপে শফিউল ইসলামকে নিয়ে নবম উইকেটে ৫৮ রান যোগ করেছিলেন মাহমুদউল্লাহ।

24 Oct 2023, 10:40 PM

১৪৯ রানের হারে তলানিতে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৯ রানে হারে পয়েন্ট তালিকার তলানিতে নেমে গেছে বাংলাদেশ। রান রেটে তাদের উপরে নয় নম্বরে উঠে এসেছে শিরোপাধারী ইংল‍্যান্ড।

২৩৫ পর্যন্ত যেতে পারলে পয়েন্ট তালিকার নয় নম্বরে থাকত বাংলাদেশ। কিন্তু ততদূর তাদের যেতে দিলেন না লিজা উইলিয়ামস। মুস্তাফিজুর রহমানকে ফিরিয়ে বাংলাদেশকে ২৩৩ রানে থামিয়ে দিলেন তিনি।

২১ বলে দুই চারে ১১ রান করেছেন মুস্তাফিজ। ৬ রানে অপরাজিত শরিফুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৮২/৫ (ডি কক ১৭৪, হেনড্রিকস ১২, ফন ডার ডাসেন ১, মার্করাম ৬০, ক্লসেন ৯০, মিলার ৩৪*, ইয়ানসেন ১*; মুস্তাফিজ ৯-০-৭৬-০, মিরাজ ৯-০-৪৪-১, শরিফুল ৯-০-৭৬-১, সাকিব ৯-০-৬৯-১, হাসান ৬-০-৬৭-২, নাসুম ৫-০-২৭-০, মাহমুদউল্লাহ ৩-০-২০-০)

বাংলাদেশ: ৪৬.৪ ওভারে ২৩৩ (তানজিদ ১২, লিটন ২২, শান্ত ০, সাকিব ১, মুশফিক ৮, মাহমুদউল্লাহ ১১১, মিরাজ ১১, নাসুম ১৯, হাসান ১৫, মুস্তাফিজ ১১, শরিফুল ৬*; ইয়ানসেন ৮-০-৩৯-২, উইলিয়ামস ৮.৪-১-৫৬-২, কুটসিয়া ১০-০-৬২-৩, রাবাদা ১০-১-৪২-২, মহারাজ ১০-০-৩২-০)