13 Oct 2023, 02:23 PM
13 Oct 2023, 02:18 PM
নিউ জিল্যান্ড-পরীক্ষার সামনে বাংলাদেশ
সবশেষ ম্যাচ একদমই ভালো যায়নি বাংলাদেশের। ইংল্যান্ডের বিপক্ষে লড়াইও করতে পারেনি সাকিব আল হাসানের দল। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষে নিউ জিল্যান্ড। গত আসরের ফাইনালিস্টরা এবারও দারুণ শুরু পেয়েছে। অনায়াসে জিতেছে প্রথম দুই ম্যাচ।
চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। বিশ্বকাপে এ নিয়ে ষষ্ঠবার দেখা হচ্ছে দল দুটির। আগের পাঁচ ম্যাচেই জিতেছে নিউ জিল্যান্ড।
চেন্নাইয়ের এই মাঠে স্পিনারদের জন্য বরাবরই থাকে প্রবল সহায়তা। কদিন আগে ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচেও দেখা গেছে এর ছাপ। মিচেল স্যান্টনার, ইশ সোধি, রাচিন রবীন্দ্ররা এই উইকেটে কঠিন পরীক্ষায় ফেলতে পারেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমদের। সহায়ক উইকেটে নিউ জিল্যান্ডের ব্যাটিংকে গুঁড়িয়ে দেওয়ার সামর্থ্য আছে বাংলাদেশের স্পিনারদেরও।
এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন কেন উইলিয়ামসন। স্পিনের বিপক্ষে দুর্দান্ত এই টপ অর্ডার ব্যাটসম্যানকে ফিরে পেয়ে হয়তো একটু এগিয়েই থাকবে নিউ জিল্যান্ড।
13 Oct 2023, 02:30 PM
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
পরপর দুই ম্যাচে টস জেতার পর বিশ্বকাপে তৃতীয় ম্যাচে কয়েনভাগ্য পাশে পেলেন না সাকিব আল হাসান। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত জানালেন কেন উইলিয়ামসন।
বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, টসের সিদ্ধান্ত নিয়ে কিছুটা সংশয়ে ছিলেন তিনি। তবে আগে ব্যাটিং করা নিয়ে কোনো সমস্যা নেই তার দলের। ব্যাটিং-বোলিংয়ে আগের দুই ম্যাচের শুরুর হতাশা কেটে ওঠানোর আশা সাকিবের।
13 Oct 2023, 02:20 PM
শেখ মেহেদির জায়গায় ফিরলেন মাহমুদউল্লাহ
আফগানিস্তানের বিপক্ষে জেতা ম্যাচের একাদশে ফিরে গেল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নেওয়া শেখ মেহেদি হাসানকে বাইরে রেখে একাদশে ফেরানো হলো মাহমুদউল্লাহকে। প্রথম দুই ম্যাচে ব্যর্থ তরুণ ওপেনার তানজিদ হাসান পেলেন আরেকটি সুযোগ।
প্রথম ম্যাচের মতোই তিন পেসার, দুই স্পিনারের দল নিয়ে খেলতে নামছেন সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্তরা। সাকিব ছাড়া স্পিন বিভাগে থাকছেন মেহেদী হাসান মিরাজ।
পেস বিভাগে আগের দুই ম্যাচের মতোই তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম। প্রয়োজনে হাত ঘোরাতে দেখা যেতে পারে মাহমুদউল্লাহকেও।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান, মাহমুদউল্লাহ।
13 Oct 2023, 02:21 PM
সাত মাস পর নিউ জিল্যান্ড একাদশে উইলিয়ামসন
সবশেষ আইপিএলে পাওয়া লিগামেন্টের চোট কাটিয়ে প্রায় সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন কেন উইলিয়ামসন। তাকে একাদশে ফেরাতে উইল ইয়াংকে বাইরে রেখেছে নিউ জিল্যান্ড।
কিউই একাদশে পরিবর্তন এই একটিই।
তিন পেসার ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, ম্যাট হেনরির সঙ্গে দুই স্পিনার রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনারকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামছে নিউ জিল্যান্ড।
নিউ জিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
13 Oct 2023, 02:30 PM
তুলনামূলক ব্যাটিং সহায়ক উইকেট
এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে ছড়ি ঘুরিয়েছেন স্বাগতিক দলের স্পিনাররা। শুরু থেকেই দেখা গেছে বড় বড় টার্ন। এছাড়া মন্থর গতির সঙ্গে অসম বাউন্স ছিল নিয়মিত চিত্র।
তবে বাংলাদেশ-নিউ জিল্যান্ড ম্যাচের আগে পিচ রিপোর্টে সাঞ্জায় মাঞ্জরেকার জানিয়েছেন, আগের ম্যাচের তুলনায় উইকেট ব্যাটিং সহায়ক। শক্ত উইকেটে ঘাসের পরিমাণও তুলনামূলক বেশি। শুরুর সময় কাটিয়ে ভালো রানের সম্ভাবনা রয়েছে এই উইকেটে।
13 Oct 2023, 02:40 PM
প্রথম বলেই ড্রেসিং রুমে লিটন
ট্রেন্ট বোল্টের সুইং কমাতেই হয়তো পপিং ক্রিজের বাইরে দাঁড়ান লিটন দাস। ইনিংসের প্রথম ডেলিভারিও পান লেগ স্ট্যাম্পের বাইরে যুতসই জায়গায়। কিন্তু শটটি ঠিকঠাক খেলতে পারেননি লিটন।
তার উড়িয়ে মারা ফ্লিক শটে ডিপ ফাইন লেগে লাফিয়ে উঠে দারুণ ক্যাচ নেন ম্যাট হেনরি। প্রথম বলে বিদায় ঘণ্টা বাজে বাংলাদেশের ওপেনারের।
লিটনের ক্যারিয়ারের দ্বাদশ শূন্য এটি। এ নিয়ে পঞ্চমবার তিনি আউট হলেন প্রথম বলে।
হান্নান সরকারের পর প্রথম বাংলাদেশি ওপেনার হিসেবে বিশ্বকাপে প্রথম বলে আউট হলেন তিনি। ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসের প্রথম বলে আউট হন হান্নান।
লিটনের বিদায়ে তিন নম্বরে নামানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে।
১ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৫।
13 Oct 2023, 03:03 PM
মিরাজ-তানজিদের পাল্টা আক্রমণ
প্রথম দুই ম্যাচের ব্যর্থতা ঝেড়ে দারুণ শুরু পেয়েছেন তানজিদ হাসান। তিনে নেমে আস্থার সঙ্গে খেলছেন মেহেদী হাসান মিরাজ। তাদের পাল্টা আক্রমণে দ্রুত এগোচ্ছে বাংলাদেশ।
৫ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৩০। ১৮ বলে তিন চারে ১৭ রানে খেলছেন মিরাজ। ১১ বলে তিন চারে ১২ রানে ব্যাট করছেন বেশ চাপে থাকা তানজিদ।
13 Oct 2023, 03:14 PM
ফিরে গেলেন তানজিদও
পাওয়ার প্লের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে ফেলল বাংলাদেশ। লিটন দাসের পর ফিরে গেলেন তানজিদ হাসানও।
ভালো শুরু পেয়েছিলেন তরুণ এই বাঁহাতি ওপেনার। কিন্তু বড় করতে পারলেন না ইনিংস। লকি ফার্গুসনের বলে সহজ ক্যাচ দিলেন স্কয়ার লেগে। ভাঙল ৪৮ বল স্থায়ী ৪০ রানের জুটি।
১৭ বলে ১৬ রান করেন তানজিদ। ছোট্ট এই ইনিংসে মেরেছেন চারটি চার।
৮ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৪০। ক্রিজে মেহেদী হাসান মিরাজের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।
13 Oct 2023, 03:24 PM
পাওয়ার প্লেতে লিটন-তানজিদের বিদায়
আরও একবার ব্যর্থ বাংলাদেশের উদ্বোধনী জুটি। লিটন দাসের বিদায়ে ম্যাচের প্রথম বলেই ভাঙল শুরুর জুটি। পাল্টা আক্রমণে দারুণ কয়েকটি বাউন্ডারি মারলেও ইনিংস বড় করতে পারলেন না তানজিদ হাসান। বিদায় নিলেন ১৬ রান করে।
প্রথম পাওয়ার প্লেতে ২ ওপেনারকে হারিয়ে ৪৬ রান করেছে বাংলাদেশ। ৪০ বলে চারটি চারে ২৮ রানে খেলছেন মেহেদী হাসান মিরাজ। ৩ বল খেলে রানের খাতা খুলতে পারেননি নাজমুল হোসেন শান্ত।
চেন্নাইয়ের চির চেনা স্পিন মঞ্চ নয় উইকেট। শুরুতে কিছুটা সহায়তা পাচ্ছে পেসাররা। নবম ওভারে আক্রমণে এসেছেন মিচেল স্যান্টনার। প্রথম ওভারে কেবল ১ রান দিয়েছেন বাঁহাতি এই স্পিনার।
13 Oct 2023, 03:31 PM
ছক্কার চেষ্টায় অক্কা মিরাজ
১২ ওভারের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারাল বাংলাদেশ। লকি ফার্গুসনকে ছক্কার চেষ্টায় সীমানায় ক্যাচ দিয়ে ফিরলেন মেহেদী হাসান মিরাজ।
নিয়মিত শর্ট বল দিচ্ছিলেন ফার্গুসন। গতিময় পেসারকে ভালোভাবেই সামাল দিচ্ছিলেন মিরাজ। কিন্তু শেষ পর্যন্ত পা দিলেন ফাঁদেই। ঠিক মতো পুল করতে পারলেন না, ফাইন লেগ সীমানায় ক্যাচ নিলেন ম্যাট হেনরি। ঠিক এমন শটের জন্যই সেখানে রাখা হয়েছিল তাকে।
৪৬ বলে চারটি চারে ৩০ রান করলেন মিরাজ।
১২ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৫৬। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী সাকিব আল হাসান।
13 Oct 2023, 03:39 PM
দ্রুত ফিরলেন শান্ত
ক্রিজে দুই বাঁহাতি ব্যাটসম্যান দেখেই অফ স্পিনার গ্লেন ফিলিপসকে আক্রমণে আনলেন কেন উইলিয়ামসন। প্রথম বলেই উইকেট নিয়ে অধিনায়কের আস্থার প্রতিদান দিলেন নিউ জিল্যান্ডের ‘গোল্ডেন আর্ম।’
বোলিংয়ে এসেই নাজমুল হোসেন শান্তকে বিদায় করেন ফিলিপস। এমন আহামরী কোনো ডেলিভারি ছিল না। একটু আগেভাগেই শট খেলে বিপদ ডেকে আনেন বাঁহাতি ব্যাটসম্যান। মিডউইকেটে সামনের দিকে ঝাঁপিয়ে ক্যাচ নেন ডেভন কনওয়ে।
৮ বলে ১ চারে ৭ রান করে ফেরেন শান্ত।
১৩ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৫৭। সবশেষ ১১ ম্যাচে এ নিয়ে নবমবার ১০০ রানের নিচে প্রথম ৪ উইকেট হারাল তারা।
ক্রিজে সাকিব আল হাসানের সঙ্গী মুশফিকুর রহিম। অসংখ্যবার এমন পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করা দুই ক্রিকেটারের দিকে তাকিয়ে দল।
13 Oct 2023, 04:13 PM
২১ ওভারে বাংলাদেশের ১০০
দ্রুত ৪ উইকেট হারানোর বাংলাদেশকে টানছেন দুই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তাদের ব্যাটে ২১ ওভারে বাংলাদেশের রান গেছে তিন অঙ্ক।
২১ ওভারে তাদের সংগ্রহ ৪ উইকেটে ১০০। ৩০ বলে ২৮ রানে খেলছেন মুশফিক। ক্রিজে গিয়েই গ্লেন ফিলিপসকে ছক্কা ও চার মারা এই কিপার-ব্যাটসম্যান খেলছেন অনায়াসেই।
আরেক প্রান্তে সময় নিচ্ছেন সাকিব আল হাসান। প্রথম ২৩ বলে কেবল ৬ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক। এরপর থেকে বাড়াচ্ছেন রানের গতি। ২৬ বলে তিনি খেলছেন ১৫ রানে।
13 Oct 2023, 04:17 PM
সাকিব-মুশফিকের জুটিতে পঞ্চাশ
৫৬ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারানো বাংলাদেশকে টানছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তাদের ব্যাটে ৫৯ বলে এসেছে ৫০ রান।
এতে অগ্রণী মুশফিক, ৩৩ বলে তার ব্যাট থেকে এসেছে ৩৩ রান। ১৬ রান করেছেন অধিনায়ক সাকিব।
13 Oct 2023, 04:30 PM
মাঝপথে বাংলাদেশ ১১৮/৪
দ্রুত ৪ উইকেট হারানোর পর ইনিংস মেরামতের কাজ করছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ধীরে হলেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
২৫ ওভারে দলের রান ৪ উইকেটে ১১৮। ৪৪ বলে এক ছক্কা ও চারটি চারে ৪০ রানে খেলছেন কিপার-ব্যাটসম্যান মুশফিক। দুই চারে ৩৬ বলে সাকিবের রান ২১।
13 Oct 2023, 04:49 PM
৫২ বলে মুশফিকের ফিফটি
এক প্রান্ত রানের জন্য সংগ্রাম করছেন সাকিব আল হাসান। কিন্তু আরেক প্রান্তে দ্রুত রান তুলছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান পঞ্চাশ ছুঁয়েছেন ৫২ বলে। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে পাঁচটি চার ও দুটি ছক্কা।
২৮ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৩২। ৫৪ বলে ৫২ রানে খেলছেন মুশফিক। অধিনায়ক সাকিবের রান ৪৪ বলে ২৩।
13 Oct 2023, 04:56 PM
ছক্কা পর অক্কা সাকিব
ক্র্যাম্পের জন্য দৌড়াতে সমস্যা হচ্ছিল সাকিব আল হাসানের। তাই বড় শট খেলে রানের গতি বাড়ানোর চেষ্টায় ছিলেন বাংলাদেশ অধিনায়ক। সেই চেষ্টায় খুব একটা সফল হলেন না বাঁহাতি এই ব্যাটসম্যান।
আগের ওভারে রাচিন রবীন্দ্রকে মারেন ছক্কা ও চার। পরের ওভারে লকি ফার্গুসনের বলেও পান ছক্কা। কিন্তু শেষ এর পরেই। গতিময় পেসারের বাউন্সার আকাশে তুলে দিয়ে ধরা পড়েন কিপার টম ল্যাথামের গ্লাভসে। ভাঙে ১০৮ বল স্থায়ী ৯৬ রানের জুটি।
৫১ বলে তিন চার ও দুই ছক্কায় ৪০ রান করেন সাকিব।
৩০ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৫২। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী তাওহিদ হৃদয়।
13 Oct 2023, 05:20 PM
মুশফিকের প্রতিরোধ ভাঙলেন হেনরি
শর্ট বল বেশ নিচু হয়ে গেল। ব্যাটে-বলে করতে পারলেন না মুশফিকুর রহিম। বোল্ড হয়ে শেষ হলো তার দারুণ লড়াকু ইনিংস।
ম্যাট হেনরির স্লোয়ার বুঝতে পারেননি মুশফিক। তাই গতি আর নিচু বাউন্সে বেশ চমকে যান তিনি। সে কারণেই হয়তো লাইনে যেতে পারেননি। তার বিদায়ে ভাঙল ৩৬ বল স্থায়ী ২৩ রানের জুটি।
৭৫ বলে দুই ছক্কা ও ছয় চারে ৬৬ রান করেন মুশফিক।
৩৬ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৭৫। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী মাহমুদউল্লাহ।
13 Oct 2023, 05:28 PM
টিকলেন না হৃদয়
মুশফিকুর রহিমের পর তাওহিদ হৃদয়ের বিদায়ে আবার চাপে পড়ে গেছে বাংলাদেশ। দুইশ করা নিয়েই জেগেছে শঙ্কা।
ট্রেন্ট বোল্টের নাকল বলে আগেভাগে ড্রাইভ করে ফেলেন হৃদয়। এক্সট্রা কাভারে সহজ ক্যাচ ধরেন মিচেল স্যান্টনার। ২৫ বলে ১৩ রান করেন হৃদয়। ইনিংসে নেই কোনো বাউন্ডারি।
হৃদয় ওয়ানডেতে বোল্টের দুইশতম শিকার।
৩৮ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১৮০। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে দলকে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ অভিজ্ঞ মাহমুদউল্লাহর কাঁধে।
13 Oct 2023, 05:41 PM
৪২ ওভারে বাংলাদেশের দুইশ
২১ ওভারে একশ ছুয়েছিল বাংলাদেশের রান। দুইশ হলো ৪২ ওভারে। দলকে মোটামুটি একটা জায়গায় নিয়ে যেতে লড়াই করেছেন মাহমুদউল্লাহ ও তাসকিন আহমেদ। এরই মধ্যে তাদের জুটিতে এসেছে ২০ রান।
৪২ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ২০০। ১০ বলে তাসকিনের রান ৭। ২২ বলে ১৪ রানে খেলছেন মাহমুদউল্লাহ।
13 Oct 2023, 05:53 PM
শেষ বলে স্যান্টনারের উইকেট
দারুণ বোলিংয়ের পুরস্কার একেবারে শেষে এসে পেলেন মিচেল স্যান্টনার। কোটার শেষ বলে উইকেট পেলেন বাঁহাতি এই স্পিনার।
ওভারের প্রথম তিন বল ডট খেলে সিঙ্গেল নেন মাহমুদউল্লাহ। রানের আশায় সুইপ করেন তাসকিন আহমেদ। কিন্তু পার করতে পারেননি ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ারের ফিল্ডারকে। ভাঙে ৪৩ বল স্থায়ী ৩৪ রানের জুটি।
১৯ বলে দুই ছক্কায় ১৭ রান করেন তাসকিন।
৪৫ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ২১৪। ক্রিজে মাহমুদউল্লাহর সঙ্গী মুস্তাফিজুর রহমান।
13 Oct 2023, 06:07 PM
ছক্কার চেষ্টায় আউট মুস্তাফিজ
সময়ের দাবি বড় শট খেলা। সেই দাবি মেটানোর চেষ্টাতে ফিরলেন মুস্তাফিজুর রহমান। তার বিদায়ে শেষের কাছে বাংলাদেশের ইনিংস।
ম্যাট হেনরির বলে শর্ট বলে ছক্কার চেষ্টায় আকাশে তুলে দেন মুস্তাফিজ। কিছুটা সরে গিয়ে ক্যাচ নেন কিপার টম ল্যাথাম। ১০ বলে মুস্তাফিজ করেন ৪ রান।
৪৮ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ২২৫। ক্রিজে মাহমুদউল্লাহর সঙ্গী শরিফুল ইসলাম।
13 Oct 2023, 06:20 PM
মাহমুদউল্লাহর দৃঢ়তায় আড়াইশর কাছে বাংলাদেশ
বারবার দিক পাল্টানো ম্যাচে বাংলাদেশকে আড়াইশ রানের কাছে নিয়ে গেলেন মাহমুদউল্লাহ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৪৫ রান করেছে সাকিব আল হাসানের দল।
৪৯ বলে দুটি করে ছক্কা ও চারে ৪১ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। তার শেষ ছক্কা ম্যাচে বাংলাদেশের অষ্টম ছক্কা। বিশ্বকাপে এক ম্যাচে যা তাদের সর্বোচ্চ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৪৫/৯ (লিটন ০, তানজিদ ১৬, মিরাজ ৩০, শান্ত ৭, সাকিব ৪০, মুশফিক ৬৬, হৃদয় ১৩, মাহমুদউল্লাহ ৪১*, তাসকিন ১৭, মুস্তাফিজ ৪, তাসকিন ২*; বোল্ট ১০-০-৪৫-২, হেনরি ১০-০-৫৮-২, ফার্গুসন ১০-০-৪৯-৩, স্যান্টনার ১০-১-৩১-১, ফিলিপস ২-০-১৩-১, রবীন্দ্র ৭-০-৩৭-০, মিচেল ১-০-১১-০)
13 Oct 2023, 07:02 PM
তৃতীয় ওভারে ভাঙল শুরুর জুটি
প্রথম ওভারে মুস্তাফিজুর রহমানের পাঁচটি বল ডট খেলেছিলেন রাচিন রবীন্দ্র। পরের ওভারে তিন বলের মধ্যে মারলেন দুটি চার। সব বল খেলার চেষ্টাই কাল হলো তার। বাঁহাতি পেসারের দারুণ এক ডেলিভারিতে ধরা পড়লেন মুশফিকুর রহিমের গ্লাভসে।
অফ স্টাম্পের একটু বাইরে পরে অ্যাঙ্গেলে ভেতরে ঢুকছিল বল। ছাড়বেন না খেলবেন- এ নিয়ে দ্বিধায় খোঁচা মেরে বসেন রবীন্দ্র। সহজ ক্যাচ নিতে কোনো ভুল হয়নি মুশফিকের।
১৩ বলে দুই চারে রবীন্দ্র করেন ৯ রান।
৩ ওভারে নিউ জিল্যান্ডের রান ১ উইকেটে ১২। ক্রিজে ডেভন কনওয়ের সঙ্গী কেন উইলিয়ামসন।
13 Oct 2023, 07:16 PM
মুস্তাফিজ-শরিফুলের আঁটসাঁট বোলিং
রানের জন্য সংগ্রাম করতে হচ্ছে নিউ জিল্যান্ডের দুই ব্যাটসম্যান ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসনকে। মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের নিখুঁত লাইন-লেংথ তাদের কোনো সুযোগই দিচ্ছে না।
৬ ওভারে নিউ জিল্যান্ডের রান ১ উইকেটে ১৫।
13 Oct 2023, 07:20 PM
কনওয়ের কঠিন ক্যাচ ছাড়লেন মিরাজ
দারুণ বোলিংয়ে আরেকটি উইকেট প্রায় পেয়েই যাচ্ছিলেন মুস্তাফিজুর রহমান। পয়েন্ট একটুর জন্য ডেভন কনওয়ের ক্যাচ নিতে পারেননি মেহেদী হাসান মিরাজ।
কম রানের ম্যাচে এমন সুযোগ কাজে লাগাতেই হয়। তৎপর মিরাজের চেষ্টার কমতি ছিল না। ডাইভ দিয়ে হাত ছোঁয়ালেও বল মুঠোয় নিতে পারেননি। সে সময় ৪ রানে ছিলেন কনওয়ে।
৭ ওভারে নিউ জিল্যান্ডের রান ১ উইকেটে ১৮। ১৮ বলে ৭ রানে খেলছেন কনওয়ে। ১১ বলে উইলিয়ামসনের রান ১।
13 Oct 2023, 07:34 PM
পাওয়ার প্লেতে কেবল ১ উইকেট
তৃতীয় ওভারে শুরু জুটি ভেঙেছেন মুস্তাফিজুর রহমান। এরপর প্রথম পাওয়ার প্লেতে আর কোনো সাফল্য পায়নি বাংলাদেশ।
১০ ওভারে নিউ জিল্যান্ডের রান ১ উইকেটে ৩৭। ২৪ বলে ১৫ রানে খেলছেন ডেভন কনওয়ে। মুস্তাফিজুর রহমানের বলে তার একটি কঠিন ক্যাচ হাতছাড়া করেছেন মেহেদী হাসান মিরাজ।
সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা কেন উইলিয়ামসন খেলছেন ২৩ বলে ১০ রানে।
প্রথম ১০ ওভারে স্পিনারদের দিয়ে বোলিং করাননি অধিনায়ক সাকিব আল হাসান। ৫ ওভার করেছেন শরিফুল ইসলাম। চারটি মুস্তাফিজ, একটি তাসকিন আহেমদ।
13 Oct 2023, 07:53 PM
ব্যর্থ রিভিউ
আম্পায়ার কট বিহাইন্ডের জোরাল আবেদন খারিজ করে দিলে সতীর্থদের কথায় অন্তিম সময়ে রিভিউ নেন সাকিব আল হাসান। রিপ্লেতে দেখা যায় বলে ডেভন কনওয়ের গ্লাভসের কোনো স্পর্শ ছিল না। নষ্ট হয় বাংলাদেশের একটি রিভিউ।
১৩তম ওভারে দুটি ওয়াইডসহ ১৫ রান দেন তাসকিন আহমেদ।
13 Oct 2023, 07:56 PM
কনওয়ে-উইলিয়ামসনের জুটিতে পঞ্চাশ
রাচিন রবীন্দ্রর দ্রুত বিদায়ের পর নিউ জিল্যান্ডকে এগিয়ে নিচ্ছেন ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন। ৬৪ বলে তাদের জুটিতে এসে পঞ্চাশ।
একেবারেই ঝুঁকি নিচ্ছেন না তারা। বল অনুযায়ী খেলে বাড়াচ্ছেন রান।
এখনও স্পিনারদের আক্রমণে আনেননি অধিনায়ক সাকিব আল হাসান। পেসারদের দিয়েই বল করিয়ে যাচ্ছেন তিনি।
১৪ ওভারে নিউ জিল্যান্ডের রান ১ উইকেটে ৬৫।
13 Oct 2023, 08:20 PM
উইলিয়ামসনকে 'জীবন' দিলেন তাসকিন
জুটি ভাঙার আরেকটি সুযোগ হারাল বাংলাদেশ। সাকিব আল হাসানের বলে কেন উইলিয়ামসনের ক্যাচ ধরতে পারলেন না তাসকিন আহমেদ। ২৭ রানের মাথায় বেঁচে গেলেন কিউই অধিনায়ক।
উনিশতম ওভারের দ্বিতীয় বলে সাকিবের পায়ের ওপর করা ডেলিভারি অন সাইডে খেলেন উইলিয়ামসন। বল হাওয়ায় ভেসে যায় মিড উইকেটের দিকে। শর্ট মিড উইকেট থেকে বাম দিকে ঝাঁপিয়ে বলে হাত লাগালেও সেটি তালুতে নিতে পারেননি তাসকিন।
এর আগে ৪ রানের মাথায় পয়েন্টে দাঁড়িয়ে ডেভন কনওয়ের কঠিন ক্যাচ নিতে পারেননি মেহেদী হাসান মিরাজ।
জীবন পাওয়া দুজন এরই মধ্যে গড়েছেন ৮০ রানের জুটি। ২০ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৯২ রান। কনওয়ে ৫৮ বলে ৪৫, উইলিয়ামসন ৪৯ বলে ৩০ রানে খেলছেন।
13 Oct 2023, 08:27 PM
কনওয়েকে ফিরিয়ে জুটি ভাঙলেন সাকিব
আক্রমণে আসার পর থেকে ব্যাটসম্যানদের বেশ চাপে রাখা সাকিব আল হাসান পেলেন সাফল্য। চমৎকার এক ডেলিভারিতে এলবিডব্লিউ করে দিলেন ডেভন কনওয়েকে।
বাঁহাতি স্পিনারকে রিভার্স সুইপের চেষ্টায় সফল হননি নিউ জিল্যান্ড ওপেনার। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ নেন কনওয়ে। তাতে কাজ হয়নি, বল আঘাত হানত অফ স্টাম্পে। ভাঙে ১০৫ বল স্থায়ী ৮০ রানের জুটি।
নতুন ব্যাটসম্যান ড্যারেল মিচেল এসেই মারেন ছক্কা। সীমানায় মাহমুদউল্লাহ তৎপর হলে হয়তো ক্যাচও হতে পারত। পরের বলে দ্রুত সিঙ্গেল নেওয়ার চেষ্টায় একটুর জন্য রান আউট হননি মিচেল।
২১ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১০০। বাংলাদেশও একশ ছুঁয়েছিল ২১তম ওভারে।
13 Oct 2023, 08:48 PM
২৫ ওভারে ২ উইকেট, ৩ আক্ষেপ
রান তাড়ায় ইনিংসের মাঝপথে ঠিক অর্ধেক রান করেছে নিউ জিল্যান্ড। ২ উইকেট নেওয়া বাংলাদেশের সঙ্গী হয়েছে ৩ আক্ষেপ।
২৫ ওভারে কিউইদের সংগ্রহ ১২৩ রান। ৮ উইকেট হাতে রেখে আর ১২৩ রান করতে হবে তাদের। কেন উইলিয়ামসন ৬৪ বলে ৪১, ড্যারেল মিচেল ৮ বলে ১২ রানে খেলছেন।
শুরুতে রাচিন রবীন্দ্রকে ফেরান মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়ে, উইলিয়ামসন মিলে যোগ করেন ৮০ রান। অথচ শুরুতেই ফিরতে পারতেন কনওয়ে। পয়েন্টে কঠিন তবে ধরার মতো ক্যাচ নিতে পারেননি মেহেদী হাসান মিরাজ।
৪ রানে বেঁচে যাওয়া কনওয়ে আউট হন ৪৫ রান করে। সাকিব আল হাসানের বলে রিভার্স সুইপের ব্যর্থ প্রয়াসে এলবিডব্লিউ হন বাঁহাতি ওপেনার।
কনওয়ের আগে ফিরতে পারতেন উইলিয়ামসন। সাকিবের বলে শর্ট মিড উইকেটে ঝাঁপিয়ে বলে হাত লাগালেও ক্যাচ নিতে পারেননি তাসকিন আহমেদ। ২৭ রানে বেঁচে যান কিউই অধিনায়ক।
পরে সুযোগ আসে নতুন ব্যাটসম্যান মিচেলকেও আউট করার। প্রথম বলেই ছক্কা মারেন মিচেল। সীমানায় মাহমুদউল্লাহ তৎপর হলে হয়তো ক্যাচও হতে পারত। পরের বলে দ্রুত সিঙ্গেল নেওয়ার চেষ্টায় একটুর জন্য রান আউট হননি মিচেল।
13 Oct 2023, 09:02 PM
ফেরার ম্যাচে উইলিয়ামসনের ফিফটি
জীবন পেয়ে বাংলাদেশকে ভোগাচ্ছেন কেন উইলিয়ামসন। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৮১ বলে ফিফটি করেছেন নিউ জিল্যান্ড অধিনায়ক।
এই সময়ে তার ব্যাট থেকে এসেছে পাঁচটি চার ও একটি ছক্কা।
২৯ ওভারে নিউ জিল্যান্ডের রান ২ উইকেটে ১৪১। জয়ের জন্য শেষ ২১ ওভারে আর ১০৫ রান চাই গত দুই আসরের রানার্সআপদের।
13 Oct 2023, 09:46 PM
মিচেলের ফিফটি, জুটির সেঞ্চুরি
দারুণ জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নিচ্ছেন কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেল। অধিনায়কের পর মিচেলও করেছেন ফিফটি, দুজনের জুটিতে পূর্ণ হয়েছে একশ রান।
সাকিব আল হাসানকে প্রথম বলেই ছক্কা মারা মিচেল নিজের পঞ্চাশও পূর্ণ করেছেন ছক্কা দিয়ে। সেটিও সাকিবের বলেই। বিশ্বকাপে নিজের প্রথম ও ক্যারিয়ারের চতুর্থ পঞ্চাশ করতে স্রেফ ৪৩ বল খেলেছেন তিনি।
তৃতীয় উইকেটে দুজনের জুটির শতরান এসেছে ১০৩ বলে।
৩৮ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৯৮ রান। জয়ের জন্য ৭২ বলে প্রয়োজন আর ৪৮ রান। মিচেল ৪৯ বলে ৫৭ ও উইলিয়ামসন ১০৭ বলে ৭৮ রানে খেলছেন।
13 Oct 2023, 09:50 PM
মাঠ ছাড়লেন উইলিয়ামসন
আগের ওভারে একটি থ্রো এসে লেগেছিল কেন উইলিয়ামসনের আঙুলে। এরপর কিছুক্ষণ ফিজিও চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে গিয়েছিলেন নিউ জিল্যান্ড অধিনায়ক। পরে সমস্যা অনুভব করায়ই হতো মাঠ ছাড়লেন তিনি।
ফেরার ম্যাচে দায়িত্বশীল ব্যাটিংয়ে ১০৭ বলে আট চার ও এক ছক্কায় ৭৮ রান করেছেন উইলিয়ামসন।
৩৯ ওভারে নিউ জিল্যান্ডের রান ২ উইকেটে ২০৬। ক্রিজে ড্যারিল মিচেলের সঙ্গী গ্লেন ফিলিপস।
13 Oct 2023, 10:14 PM
৮ উইকেটের হার
ইংল্যান্ডের পর নিউ জিল্যান্ডের বিপক্ষেও বড় ব্যবধানে হারল বাংলাদেশ। ৫৬ রানে প্রথম চার ব্যাটসম্যান বিদায় নেওয়ার পর ৯৬ রানের জুটিতে দলকে টানেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। অধিনায়কের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি মুশফিকও। শেষ দিকে দলকে আড়াইশর কাছে নিয়ে যান মাহমুদউল্লাহ।
এই রান নিয়ে লড়াই করতে যে বোলিং প্রয়োজন ছিল, শুরুতে সেটাই করেছিল বাংলাদেশ। কিন্তু ফিল্ডারা নিতে পারেননি সুযোগগুলো। রান রেটের চাপ খুব একটা না থাকায় যথেষ্ট সময় নেওয়ার সুযোগ পান ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন। জীবন পেয়ে দুই জনে গড়ে দেন দৃঢ় ভিত।
প্রথম বলে ছক্কা পাওয়া ড্যারিল মিচেল পেতে পারতেন গোল্ডেন ডাকের স্বাদ। সুযোগ দুই হাতে কাজে লাগিয়ে ম্যাচ শেষ করে আসেন তিনি। তার বিস্ফোরক ব্যাটিংয়ে ৪৩ বল বাকি থাকতে লক্ষ্য ছুঁয়ে ফেলে নিউ জিল্যান্ড।
তিন ম্যাচে তৃতীয় জয় পেয়েছে দলটি, বাংলাদেশ হেরেছে টানা দ্বিতীয় ম্যাচে।
৬৭ বলে ৮৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন মিচেল। চোট পেয়ে মাঠ ছাড়ার আগে ফেরার ম্যাচে উইলিয়ামসন খেলেছেন ৭৮ রানের অধিনায়কোচিত ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৪৫/৯ (লিটন ০, তানজিদ ১৬, মিরাজ ৩০, শান্ত ৭, সাকিব ৪০, মুশফিক ৬৬, হৃদয় ১৩, মাহমুদউল্লাহ ৪১*, তাসকিন ১৭, মুস্তাফিজ ৪, তাসকিন ২*; বোল্ট ১০-০-৪৫-২, হেনরি ১০-০-৫৮-২, ফার্গুসন ১০-০-৪৯-৩, স্যান্টনার ১০-১-৩১-১, ফিলিপস ২-০-১৩-১, রবীন্দ্র ৭-০-৩৭-০, মিচেল ১-০-১১-০)
নিউ জিল্যান্ড: ৪২.৫ ওভারে ২৪৮/২ (কনওয়ে ৪৫, রবীন্দ্র ৯, উইলিয়ামসন আহত অবসর ৭৮, মিচেল ৮৯*, ফিলিপস ১৬*; মুস্তাফিজ ৮-০-৩৬-১, শরিফুল ৭.৫-১-৪৩-০, তাসকিন ৮-০-৫৬-০, সাকিব ১০-০-৫৪-১, মিরাজ ৯-০-৫৮-০)