২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াই করে হারল বাংলাদেশ

13 Oct 2022, 07:38 AM

সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ১৯.৫ ওভারে ১৭৭/৩ (বাংলাদেশ ১৭৩/৬)

13 Oct 2022, 07:38 AM

পরীক্ষা-নিরীক্ষার শেষের মঞ্চে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সঠিক কম্বিনেশন পেতে ত্রিদেশীয় সিরিজে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে বাংলাদেশের দল থেকে। সেই পথচলায় শেষ সুযোগ পাচ্ছে তারা।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে সাকিব আল হাসানের দল। ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু ম্যাচ।

প্রথম তিন ম্যাচের সবকটি হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ২১ রানে হারার পর নিউ জিল্যান্ডের সঙ্গে দুই দফায় হেরেছে তারা ৮ উইকেট ও ৪৮ রানে।

13 Oct 2022, 07:38 AM

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

কয়েন উপরের দিকে ছুড়লেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টেইলস ডাকলেন সাকিব আল হাসান। টস ভাগ্য সঙ্গী হলো বাংলাদেশের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন সাকিব।

আগের ম্যাচে টস জিতে বাংলাদেশ নিয়েছিল বোলিং। এবার ব্যাটিং নেওয়ার ব্যাখ্যায় অধিনায়ক বললেন, ব্যবহৃত উইকেটে পরে উইকেট থেকে কিছুটা সহায়তা আশা করছেন তিনি। একটা পুঁজি গড়তে পারলে পাঁচ বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলায় জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী সাকিব।

13 Oct 2022, 07:44 AM

চার পেসার নিয়ে বাংলাদেশ

পরীক্ষা-নিরীক্ষার শেষ মঞ্চে নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বিশ্বকাপে যাওয়ার আগে সবশেষ আন্তর্জাতিক ম্যাচে চার পেসার নিয়ে খেলছে তারা।

দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। আগে থেকেই আছেন মোহাম্মদ সাইফ উদ্দিন ও শরিফুল ইসলাম।

বাদ পড়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ও গতিময় পেসার ইবাদত হোসেন।

ত্রিদেশীয় সিরিজে প্রথম তিন ম্যাচ খেলে একেবারেই ব্যর্থ ছিলেন মোসাদ্দেক। ব্যাট হাতে একবারও দুই অঙ্কে যেতে পারেননি তিনি। রান করেছেন যথাক্রমে ০, ২ ও ৯*। বোলিংয়েও পাননি কোনো উইকেট।

সিরিজে ইবাদত খেলার সুযোগ পেয়েছেন স্রেফ এক ম্যাচে, নিউ জিল্যান্ডের বিপক্ষে। বুধবারের ওই ম্যাচে খরুচে বোলিং করলেও উইকেট নিতে পেরেছেন এই পেসার। ৪০ রানে তার শিকার ছিল দুটি।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরি, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার।

13 Oct 2022, 07:49 AM

পাকিস্তান একাদশে এক পরিবর্তন

সিরিজে পাকিস্তানও সবশেষ খেলেছে নিউ জিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে তারা।

বাদ পড়েছেন পেসার শাহনাওয়াজ দাহানি। তার জায়গায় দলে এসেছেন আরেক পেসার মোহাম্মদ হাসনাইন।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলি, আসিফ আলি, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন।

13 Oct 2022, 08:04 AM

ওপেনিংয়ে সৌম্য-শান্ত

উদ্বোধনী জুটিতে আরও একবার পরিবর্তন আনল বাংলাদেশ। বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ম্যাচে তারা ইনিংস শুরু করতে পাঠিয়েছে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তকে।

সিরিজের চার ম্যাচেই চারটি ভিন্ন ওপেনিং জুটি নামিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ওপেন করেন মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমান। নিউ জিল্যান্ডের সঙ্গে প্রথম দেখায় মিরাজের সঙ্গে নামেন শান্ত এবং দ্বিতীয় দফায় বাহাতি এই ব্যাটসম্যান সঙ্গে ওপেন করেন লিটন দাস।

13 Oct 2022, 08:18 AM

সৌম্যর বিদায়ে শুরুতেই ভাঙল উদ্বোধনী জুটি

সুযোগ ছিল ওপেনিংয়ে নিজেকে প্রমাণ করার। কিন্তু এই পজিশনে ফিরে দলকে ভালো শুরু এনে দিতে পারলেন না সৌম্য সরকার।

তৃতীয় ওভারে নাসিম শাহর লেগ স্টাম্পের ওপর লেংথ বলটি মিড-অন ফিল্ডারের মাথার ওপর দিয়ে খেলার চেষ্টা করেন সৌম্য। কিন্তু ব্যাটে-বলে খেলতে পারেননি তিনি। মিড-অনে সহজ ক্যাচ নেন শাদাব খান।

সৌম্য ফিরলেন ৪ বলে ৪ রান করে।

২.১ ওভার শেষে বাংলাদেশের রান ৭ রানে ১ উইকেট। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গে লিটন দাস।

13 Oct 2022, 08:36 AM

বেঁচে গেলেন লিটন

দারুণ সব শটে ভালো কিছুর আভাস দেওয়া লিটন দাস বেঁচে গেলেন অল্পের জন্য। সহজ ক্যাচ ছেড়ে দিয়ে তাকে জীবন দিলেন শান মাসুদ

পঞ্চম ওভারে মোহাম্মদ হাসনাইনের শেষ বলটি পয়েন্ট দিয়ে খেলতে চান লিটন। বল সরাসরি যায় ফিল্ডার মাসুদের হাতে। কিন্তু সহজ ক্যাচটি হাতে জমাতে পারেননি তিনি।

লিটন বেঁচে যান ২২ রানে।

৫ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ৩৫ রান।

13 Oct 2022, 08:43 AM

সৌম্যর পর শান্তকেও হারাল বাংলাদেশ

শুরুতে ধুঁকতে থাকা নাজমুল হোসেন শান্ত মাত্রই নিজেকে খুঁজে পাওয়ার পথে ছিলেন। কিন্তু যখন পুষিয়ে দেওয়ার সময় এলো তখনই বিদায় নিলেন বাঁহাতি এই ওপেনার।

পাওয়ার প্লেতে দুই ওপেনারকেই হারাল বাংলাদেশ। প্রথম ৬ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেট হারিয়ে ৪১।

১৫ বলে ২৩ রানে খেলছেন লিটন দাস। উইকেটে তার সঙ্গী অধিনায়ক সাকিব আল হাসান।

ষষ্ঠ ওভারে আগের বলেই ফাইন লেগ দিয়ে চার মারেন শান্ত। মোহাম্মদ ওয়াসিমের পরের বলটিও সেভাবেই খেলতে যান তিনি। কিন্তু ব্যাটে খেলতে পারেননি। গ্লাভসে লাগা বল সহজে মুঠোয় জমা করেন কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।

শান্ত ফেরেন ২ চারে ১৫ বলে ১২ রান করে।

পাওয়ার প্লেতে বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো হয়নি। নাসিম শাহর করা প্রথম ওভার থেকে আসে স্রেফ ১ রান, ওয়াইড থেকে। প্রথম ৩ ওভারের মধ্যে সৌম্য সরকারকে হারিয়ে বাংলাদেশ রান তোলে মাত্র ১০ রান।

তাদের ইনিংসে প্রথম বাউন্ডারি আসে চতুর্থ ওভারে, লিটন দাসের ব্যাট থেকে। মোহাম্মদ ওয়াসিমকে স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি মারতে গিয়ে পায়ে টানও লাগে তার। মাঠেই প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও খেলে শুরু করেন লিটন।

পরের বলেই আবারও স্কয়ার লেগ দিয়ে লিটনের ব্যাট থেকে আসে চার। লিটন পরে মোহাম্মদ হাসনাইনকে টানা দুই চার মারেন লিটন, শান্ত মারেন একটি। তাতে চল্লিশের ঘরে যায় বাংলাদেশের রান।

13 Oct 2022, 09:04 AM

পাকিস্তানের বিপক্ষে লিটনের প্রথম ফিফটি

শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে যাচ্ছেন লিটন দাস। খেলেছেন দারুণ কিছু শট। এই পথচলায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজের প্রথম ফিফটি করলেন ডানহাতি এই ব্যাটসম্যান।

শাদাব খানের বল পয়েন্টে ঠেলেই সিঙ্গেল নিলেন লিটন। তাতে ৪৯ রান থেকে পঞ্চাশে পা রাখলেন তিনি। ইনিংসে ৫ চারের সঙ্গে ছক্কা ১টি।

২৮তম জন্মদিনে ক্যারিয়ারের সপ্তম ফিফটি উপহার দিলেন লিটন, ৩১ বলে।

এই রানের মধ্য দিয়ে সাকিব আল হাসানের সঙ্গে তার জুটির রানও পৌঁছে গেছে পঞ্চাশে, ৩৪। যেখানে সাকিবের অবদান ২৩, লিটনের ২৭।

তাদের জুটিতে মাঝপথে ভালো অবস্থায় আছে বাংলাদেশ। ১২ ওভার শেষে রান ২ উইকেটে ৯৬। লিটন খেলছেন ৫৩ রানে, সাকিবের রান ২৫।

13 Oct 2022, 09:06 AM

বাংলাদেশের একশ

ত্রয়োদশ ওভারে মোহাম্মদ হাসনাইনের বল স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারিতে পাঠালেন সাকিব আল হাসান। তাতে বাংলাদেশের রান স্পর্শ করল ১০০। বল লেগেছে ৭৩টি।

13 Oct 2022, 09:22 AM

ক্যারিয়ার সেরা ইনিংস লিটনের

শুরুতেই পায়ে লেগেছিল টান। কিন্তু সেই সমস্যা থামাতে পারেনি লিটন দাসকে। দুর্দান্ত ব্যাটিংয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির ক্যারিয়ার সেরা ইনিংস উপহার দিলেন টপ অর্ডার এই ব্যাটসম্যান।

চতুর্দশ ওভারে নাসিম শাহর ফুল লেংথ বল স্লগ করেন লিটন। ডিপ স্কয়ার লেগ বাউন্ডারিতে দারুণ প্রচেষ্টার পরও ছক্কা থামাতে পারেননি হায়দার আলি। তাতে ৫৮ থেকে ৬৪ রানে পৌঁছে যান লিটন।

টি-টোয়েন্টিতে তার আগের সেরা ছিল ৬১, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন ২০১৮ সালে।

দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন লিটন ও সাকিব আল হাসান। ১৪ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ১১৮। সাকিব খেলেছেন ৩৫ রানে। লিটনের রান ৬৫।

13 Oct 2022, 09:22 AM

ভাঙল লিটন-সাকিবের দারুণ জুটি

পাওয়ার প্লেতে দুই ওপেনারকে হারানো বাংলাদেশকে দারুণ ব্যাটিংয়ে টানলেন লিটন দাস। পাকিস্তানের বিপক্ষে প্রথম ফিফটিতে উপহার দিলেন টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ইনিংস। সুযোগ ছিল আরও এগিয়ে যাওয়ার, কিন্তু পারলেন না তিনি।

পঞ্চদশ ওভারে মোহাম্মদ নাওয়াজের বলে স্লগ সুইপ করেন লিটন। কিন্তু ব্যাটের কানায় লেগে বল উঠে যায় আকাশে। ডিপ স্কয়ার লেগে সহজ ক্যাচ নেন মোহাম্মদ ওয়াসিম।

২ ছক্কা ও ৬ চারে ৪২ বলে ৬৯ রান করে বিদায় নিলেন লিটন। তাতে সাকিবের সঙ্গে ভাঙল তার ৮৮ রানের দারুণ এক জুটি।

১৫ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ১২৯। ৪২ রানে খেলছেন সাকিব। ক্রিজে তার সঙ্গী আফিফ হোসেন।

13 Oct 2022, 09:26 AM

সাকিবের টানা দ্বিতীয় ফিফটি

উইকেটে নেমেই দ্রুত রান তোলায় মনোযোগ দেন সাকিব আল হাসান। খেলেন দারুণ কিছু শট। এই পথচলায় টানা দুই ম্যাচে বাংলাদেশ অধিনায়ক করলেন ফিফটি।

মোহাম্মদ ওয়াসিমের বল ডিপ মিডউইকেটে খেলে এক রান নিয়ে পঞ্চাশে পা রাখেন সাকিব, ৩৪ বলে। দুই ছক্কার সঙ্গে চার মারেন চারটি।

টি-টোয়েন্টিতে যা তার দ্বাদশ ফিফটি। পাকিস্তানের বিপক্ষে চতুর্থ। আগের ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৭০ রান করেছিলেন সাকিব।

13 Oct 2022, 09:40 AM

ছক্কার চেষ্টায় শেষ হলো সাকিবের দারুণ ইনিংস

শেষ দিকে দ্রুত রান তোলার চাহিদা পূরণ করার চেষ্টায় বিদায় নিলেন সাকিব হাসান। ছক্কার চেষ্টায় শেষ হলো বাংলাদেশ অধিনায়কের ঝকঝকে ইনিংসের।

১৯তম ওভারে নাসিম শাহকে লেগ সাইড দিয়ে ওড়ান সাকিব। স্লোয়ার বলটি ব্যাটে-বলে করতে পারেননি তিনি। ডিপ মিডউইকেটে সহজ ক্যাচ নেন শাদাব খান।

সাকিব ফিরলেন ৩ ছক্কা ও ৭ চারে ৪২ বলে ৬৮ রান করে। টানা দুই ম্যাচে ফিফটি করলেন তিনি। আগের ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছিল ৭০ রান।

১৯ ওভার শেষে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৭০। আফিফ খেলছেন ১১ রানে। ক্রিজে তার সঙ্গেঈ ইয়াসির আলি চৌধুরি।

13 Oct 2022, 09:46 AM

লিটন-সাকিবের ফিফটিতে ১৭৩ রানের পুঁজি

টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ইনিংস উপহার দিলেন লিটন দাস। সাকিব আল হাসান খেললেন ঝকঝকে এক ইনিংস। তাদের দুইজনের ফিফটিতে চলতি ত্রিদেশীয় সিরিজে প্রথমবার ১৭০ রান ছাড়াল বাংলাদেশ।

ক্রাইস্টচার্চে টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ১৭৩ রান। ত্রিদেশীয় সিরিজে নিউ জিল্যান্ডের বিপক্ষে বুধবার রান তাড়ায় করা ১৬০ রান আগের সর্বোচ্চ।

এই ম্যাচের আগে টি-টোয়েন্টিতে প্রথম ইনিংসে ১৭০ রানের বেশি করতে পেরেছে ১৩ ম্যাচে। যেখানে তাদের জয় ৯ ম্যাচে, হার আছে ৪টি; ওই চার ম্যাচের একটি পাকিস্তানের সঙ্গে। ২০১২ বিশ্বকাপে পাল্লেকেলেতে দলটির বিপক্ষে রেকর্ড ১৭৫ রানের পুঁজি গড়েও হেরেছিল বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়ার সুযোগ ছিল এদিন। কিন্তু মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের করা শেষ ওভারে ২ উইকেট হারিয়ে স্রেফ ৩ রান করতে পারে বাংলাদেশ।

ছক্কার চেষ্টায় সীমানায় ক্যাচ দেন ইয়াসির আলি। অসম্ভব একটি রানের জন্য ছুটে কিপার মোহাম্মদ রিজওয়ানের থ্রোয়ে রান আউট হয়ে যান আফিফ হোসেন।

এবার বাংলাদেশকে এই সংগ্রহ এনে দেওয়ার কারিগর লিটন ও সাকিব। ২ ছক্কা ও ৬ চারে ৬৯ রান করেন তিনে নামা লিটন। চারে নেমে সাকিব করেন ৩ ছক্কা ও ৭ চারে ৬৮।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। ওপেনিংয়ে ব্যর্থ ছিলেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। পাওয়ার প্লেতে দুই ওপেনার হারানো দলকে টানেন লিটন ও সাকিব। তৃতীয় উইকেটে দুইজনের জুটিতে আসে ৮৮ রান।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৭৩/৬ (শান্ত ১২, সৌম্য ৪, লিটন ৬৯, সাকিব ৬৮, আফিফ ১১, ইয়াসির ১, নুরুল ২*, সাইফ ১*; নাসিম ৪-০-২৭-২, হাসনাইন ৪-০-৩৮-০, ওয়াসিম ৪-০-৩৩-২, শাদাব ৪-০-৩১-০, নাওয়াজ ৩-০-৩৭-১, ইফতিখার ১-০-৭-০)

13 Oct 2022, 10:25 AM

উইকেটশূন্য পাওয়ার প্লে

শুরুর আঁটসাঁট বোলিংয়ের পর বেশ কিছু বাউন্ডারি হজম করেন বাংলাদেশের বোলাররা। পাওয়ার প্লেতে খুব বেশি রান অবশ্য করতে পারেনি পাকিস্তান। এই সময়ে কোনো সুযোগও তৈরি করতে পারেনি বাংলাদেশ।

প্রথম ৬ ওভার শেষে পাকিস্তানের রান কোনো উইকেট না হারিয়ে ৪৬। ২ চারে ১৪ বলে ১৭ রানে খেলছেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান অধিনায়ক বাবর আজম অপরাজিত আছেন ৫ চারে ২২ বলে ২৮ রান করে।

দারুণ বোলিংয়ে প্রথম দুই ওভারে ৩ রান করে দেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। তৃতীয় ওভারে এসে প্রথম বাউন্ডারি পায় পাকিস্তান। শরিফুল ইসলামকে চার মারেন রিজওয়ান।

পরের দুই ওভারে তাসকিন ও হাসানকে টানা দুটি করে চার মারেন বাবর। পাওয়ার প্লের শেষ ওভারে বাবর ও রিজওয়ান মিলে মোহাম্মদ সাইফউদ্দিনকে মারেন একটি করে চার।

13 Oct 2022, 10:35 AM

উদ্বোধনী জুটিতে ফিফটি

পাকিস্তানকে ভালো শুরু এনে দিলেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। দুজনের উদ্বোধনী জুটিতে দলীয় পঞ্চাশ রান পূর্ণ করল দলটি।

সপ্তম ওভারের শেষ বলে শরিফুল ইসলামকে কাট শটে চার মারেন বাবর। তাতে পঞ্চাশের ঘরে যায় পাকিস্তানের রান, ৪২ বলে। জুটিতে বাবরের অবদান ২৫ বলে ৩৩ রান, রিজওয়ানের ১৭ বলে ১৯।

13 Oct 2022, 10:50 AM

রিজওয়ানকে জীবন দিলেন সাইফ

মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের জমে যাওয়া উদ্বোধনী জুটি ভাঙার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু মোহাম্মদ সাইফ উদ্দিনের ব্যর্থতায় তা কাজে লাগাতে যায়নি।

একাদশ ওভারের চতুর্থ বলটি রিজওয়ানের পায়ের ওপর করেন শরিফুল ইসলাম। ফ্লিক শটে তা ফাইন লেগে পাঠান ব্যাটসম্যান। যেখানে ছিলেন সাইফ। কিন্তু সহজ ক্যাচটি জমাতে পারেননি তিনি।

৩২ রানে বেঁচে যান রিজওয়ান।

১১ ওভার শেষে পাকিস্তানের রান বিনা উইকেটে ৮১। ৪৬ রানে খেলছেন রিজওয়ান, ৩৪ রানে রিজওয়ান।

13 Oct 2022, 10:54 AM

বাবরের পঞ্চাশ, জুটির একশ

ব্যাট হাতে সামনে থেকে দলকে পথ দেখাচ্ছেন বাবর আজম। দায়িত্বশীল ব্যাটিংয়ে দারুণ এক ফিফটি উপহার দিয়েছেন পাকিস্তান অধিনায়ক।

দ্বাদশ ওভারে মোহাম্মদ সাইফ উদ্দিনকে পয়েন্ট ও শর্ট থার্ডম্যান ফিন্ডারের মাঝ দিয়ে চার মারেন বাবর। তাতে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২৯তম ফিফটিতে পা রাখেন তিনি, ৩৭ বলে।

বাংলাদেশের বিপক্ষে এটি বাবরের দ্বিতীয় পঞ্চাশ। যেখানে ৮ চার মারেন টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর ব্যাটসম্যান।

পরের বলেই ডিপ মিডউইকেট দিয়ে সাইফকে চার মেরে দলের রান একশতে নিয়ে যান তিনি।

কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সমান ৭৩ বলে ১০০ রানে পা রাখে পাকিস্তান। ৫৫ রানে খেলছেন বাবর, রিজওয়ানের রান ৪২।

13 Oct 2022, 11:03 AM

হাসানের জোড়া শিকার

ফিফটির পর আর বেশিক্ষণ টিকতে পারলেন না বাবর আজম। তাকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙলেন হাসান মাহমুদ। এক বল পর এই পেসার বোল্ড করে দিলেন হায়দার আলিকেও।

ত্রয়োদশ ওভারে হাসানের স্লোয়ার শর্ট বলে অফ সাইডে খেলেন বাবর। কিন্তু বল লাগে ব্যাটের উপরের অংশে, তাতে বল উঠে যায় আকাশে। ডিপ কাভারে দৌড়ের মধ্যেই ক্যাচ নেন বদলি ফিল্ডার মোসাদ্দেক হোসেন।

৯ চারে ৪০ বলে ৫৫ করে ফেরেন বাবর। এক বল আবার হাসানের ছোবল। গতিময় এক ইয়র্কারে এলোমেলো করে দেন হায়দারের স্টাম্প।

২ বল খেলা হায়দার খুলতে পারেননি রানের খাতা।

১৩ ওভার শেষে পাকিস্তানের রান ২ উইকেটে ১০২। মোহাম্মদ রিজওয়ান খেলছেন ৪৩ রানে। ক্রিজে তার সঙ্গী মোহাম্মদ নাওয়াজ।

13 Oct 2022, 11:13 AM

রিজওয়ানের ফিফটি

শুরুতে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলা। এরপর রানের গতিতে দম দেওয়া। নিজের সেই সহজাত ব্যাটিংয়ে টি-টোয়েন্টিতে আরেকটি ফিফটি করলেন মোহাম্মদ রিজওয়ান।

শরিফুল ইসলামের বল অফ সাইডে ঠেলেই সিঙ্গেল নিয়ে ৪২ বলে পঞ্চাশে পা রাখলেন রিজওয়ান। তার ইনিংসে চার ৩টি।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যানের এটি ২২তম ফিফটি। বাংলাদেশের বিপক্ষে করলেন দ্বিতীয়বার। দুটিই চলতি ত্রিদেশীয় সিরিজে। আগের ম্যাচে খেলেছিলেন অপরাজিত ৭৮ রানের ইনিংস।

13 Oct 2022, 11:36 AM

রিজওয়ানকে ফেরালেন সৌম্য

ওভারের প্রথম দুই বলে দুটি ডাবল নিলেন মোহাম্মদ রিজওয়ান। পরের দুই বলে ওয়াইড ফুলটস ও ইয়র্কারে তাকে কোনো রান নিতে দিলেন না সৌম্য সরকার। চাপে পড়ে তেড়েফুঁড়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরলেন রিজওয়ান।

৪ চারে ৫৬ বলে ৬৯ রান করে ফেরেন পাকিস্তানের এই কিপার-ব্যাটসম্যান।

শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের চাই ৮ রান। উইকেটে মোহাম্মদ নাওয়াজের সঙ্গী আসিফ আলি।

13 Oct 2022, 11:39 AM

হার দিয়েই ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

লিটন দাস ও সাকিব আল হাসানের দারুণ দুটি ইনিংস লড়ার মতো পুঁজি গড়েছিল বাংলাদেশ। কিন্তু আরও একবার ব্যাট হাতে জ্বলে উঠলেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। তাদের ফিফটির পর মোহাম্মদ রিজওয়ানের ঝড়ে জয় তুলে নিল পাকিস্তান।

ক্রাইস্টচার্চে কোনো ম্যাচ জয় ছাড়াই ত্রিদেশীয় সিরিজ শেষ করল বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে তারা পাকিস্তানের বিপক্ষে হারল ৭ উইকেটে।

হ্যাগলি ওভালে টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ১৭৩ রান। তাদের সেই রান পাকিস্তান পেরিয়ে যায় ১ বল বাকি থাকতে।

বাংলাদেশকে এই পুঁজি এনে দেওয়ার পথে ২ ছক্কা ও ৬ চারে ৬৯ রান করেন টপ অর্ডার ব্যাটসম্যান লিটন। চারে নেমে সাকিব করেন ৩ ছক্কা ও ৭ চারে ৬৮।

পাকিস্তানকে জয়ের ভিত গড়ে দেন রিজওয়ান ও বাবর। দুজনের উদ্বোধনী জুটিতে ১০১ রান তোলে তারা।

মাঝে ওভারে জোড়া শিকার ধরে বাংলাদেশকে ম্যাচে ফেরান হাসান মাহমুদ। তিন বলের তরুণ এই পেসার ফেরান ৯ চারে ৫৫ রান করা বাবর ও হায়দার আলিকে।

পরে পাকিস্তানকে টানেন রিজওয়ান ও নাওয়াজ। ৪ চারে ৬৯ রান করেন রিজওয়ান। বিধ্বংসী ব্যাটিংয়ে ১ ছক্কা ও ৫ চারে ২০ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের ভাগ্য গড়ে দেন নাওয়াজ।

বাংলাদেশের হয়ে দারুণ বোলিংয়ে ২৭ রান দিয়ে ২ উইকেট নেন হাসান। সৌম্য সরকার ১ ওভার করে নেন ১ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৭৩/৬ (শান্ত ১২, সৌম্য ৪, লিটন ৬৯, সাকিব ৬৮, আফিফ ১১, ইয়াসির ১, নুরুল ২*, সাইফ ১*; নাসিম ৪-০-২৭-২, হাসনাইন ৪-০-৩৮-০, ওয়াসিম ৪-০-৩৩-২, শাদাব ৪-০-৩১-০, নাওয়াজ ৩-০-৩৭-১, ইফতিখার ১-০-৭-০)

পাকিস্তান: ১৯.৫ ওভারে ১৭৭/৩ (রিজওয়ান ৬৯, বাবর ৫৫, হায়দার ০, নাওয়াজ ৪৫*, আসিফ ২*; হাসান ৪-০-২৭-২, তাসকিন ৪-০-৩২-০, শরিফুল ৪-০-৩০-০, সাইফ ৩.৫-০-৫৩-০, সাকিব ৩-০-২৮-০, সৌম্য ১-০-৬-১)