২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তর সেঞ্চুরির পর বাংলাদেশের রেকর্ড

14 Jun 2023, 09:43 AM

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১ম ইনিংস ৭৯ ওভারে ৩৬২/৫

14 Jun 2023, 09:40 AM

আফগান পরীক্ষার সামনে বাংলাদেশ

টেস্ট ক্রিকেটের নবীনতম সদস্য আফগানিস্তান। আর এই সংস্করণে দুই দশকের বেশি সময় পেরিয়ে এসেছে বাংলাদেশ। অভিজ্ঞতার বিচারে পরিষ্কার এগিয়ে তারা। ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসও এদিক থেকে নিজেদেরই ওপরে রাখছেন।

তবে অভিজ্ঞতা তেমন না থাকলেও এই সংস্করণে দুই দলের মুখোমুখি লড়াইয়ের ফল রয়েছে আফগানিস্তানের পক্ষে। ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রাম টেস্টে ২২৪ রানের বিব্রতকর পরাজয় সঙ্গী হয় স্বাগতিকদের।

চার বছর পর এবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের এটি ৭০০তম ম্যাচ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বুধবার সকাল ১০টায়।

এই ম্যাচ দিয়ে প্রথমবার টেস্টে অধিনায়কত্ব করবেন লিটন দাস৷ তবে চোটের কারণে এই ম্যাচে দুই অভিজ্ঞ তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালকে পাচ্ছেন না বাংলাদেশের দ্বাদশ টেস্ট অধিনায়ক।

আবহাওয়ার পূর্বাভাসে ম্যাচের পাঁচ দিনই রয়েছে হালকা থেকে বৃষ্টিপাতের আশঙ্কা। তবে মাঠের খেলায় এর প্রভাব পড়ার তেমন শঙ্কা নেই।

14 Jun 2023, 09:40 AM

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Image

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হলো লিটন দাসের।

টেস্ট অধিনায়কত্বের অভিষেকে কয়েন ভাগ্য পাশে পেলেন না লিটন দাস। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। অধিনায়ক হিসেবে তারও এটি প্রথম টেস্ট।   

সবুজ উইকেটে শুরুর দিকের সুবিধা কাজে লাগাতে চায় আফগানরা। লিটন জানালেন, টস জিতলে তিনিও আগে ফিল্ডিং বেছে নিতেন

14 Jun 2023, 09:47 AM

ওপেনিংয়ে জয়-জাকির, একাদশে ফিরলেন তাসকিন

সব অনিশ্চয়তা দূর করে মিরপুর টেস্টের একাদশে জায়গা করে নিয়েছেন তাসকিন আহমেদ। এছাড়া একাদশে ফিরেছেন দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। 

চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্টে খেলতে পারেননি তাসকিন ও জাকির। সুস্থ হয়ে ওঠায় স্বাভাবিকভাবেই একাদশে ফিরেছেন দুজন।

গত বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে সবশেষ টেস্ট খেলেন জয়। এরপর ছন্দ হারিয়ে একাদশ থেকে বাদ পড়েন জয়। তামিম ইকবালের চোটে কপাল খুলল তার। 

জাকিরের সঙ্গে ইনিংস সূচনা করবেন জয়। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ৪১তম উদ্বোধনী জুটি হতে চলেছেন তারা।

এছাড়া সবশেষ টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন সৈয়দ খালেদ আহমেদ। আঙুলের চোটে নেই সাকিব আল হাসান। 

চার পেসার খেলানোর সম্ভাবনা নিয়ে কথা হলেও সেই পথে হাঁটেনি বাংলাদেশ। একাদশ সাজিয়েছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরি।

14 Jun 2023, 10:09 AM

আফগান দলে করিম-মাসুদের অভিষেক

প্রায় ২৭ মাস পর টেস্ট খেলতে নেমে জোড়া অভিষেক করাল আফগানিস্তান। প্রথমবার টেস্ট খেলতে নামছেন ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে আসা পেস বোলিং অলরাউন্ডার করিম জানাত ও ডানহাতি পেসার নিজাতউল্লাহ মাসুদ। 

তরুণ লেগ স্পিনার ইজহারুলহক নাভিদকে নিয়ে আলোচনা হলেও তাকে শেষ পর্যন্ত একাদশে রাখেনি সফরকারীরা। বাঁহাতি স্পিনার আমির হামজা হোতাক ও বাঁহাতি লেগ স্পিনার জাহির খানকে নেওয়া হয়েছে দলে।

করিম ও মাসুদের সঙ্গে পেস আক্রমণে আছেন আফগানিস্তানের আগের ছয় টেস্টের পাঁচটিতে খেলা ইয়ামিন আহমেদজাই।

আফগানিস্তান একাদশ: ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), নাসির জামাল, করিম জানাত, আফসার জাজাই (উইকেটরক্ষক), আমির হামজা হোতাক, জাহির খান, নিজাতউল্লাহ মাসুদ, ইয়ামিন আহমেদজাই।

14 Jun 2023, 10:20 AM

অভিষেকে প্রথম বলেই মাসুদের আঘাত, ফিরলেন জাকির

Image

কট বিহাইন্ড হয়ে শুরুতেই ফিরে গেলেন জাকির হাসান। 

প্রথমবার টেস্ট খেলতে নেমে প্রথম বলেই সাফল্য পেলেন নিজাতউল্লাহ মাসুদ। তার অফ স্টাম্পে পিচ করে বেরিয়ে যাওয়া ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়ে পুরোপুরি পরাস্ত হন জাকির হাসান। 

আফগানিস্তানের ফিল্ডারদের জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিতে একদমই সময় নেননি আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। টিভি রিপ্লেতে দেখা যায়, উইকেটরক্ষকের গ্লাভসে জমা পড়ার আগে ছুঁয়েছে জাকিরের ব্যাটের কানা।

দ্বিতীয় ওভারেই উদ্বোধনী জুটি ভেঙে উল্লাসে মাতে আফগানিস্তান। ২ বল খেলে স্রেফ ১ রান করে ফিরলেন জাকির। 

আফগানিস্তানের প্রথম ও বিশ্বের ২২তম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে প্রথম বলেই উইকেট নিলেন মাসুদ। বাংলাদেশের বিপক্ষে আগে ছিল একজনেরই, ২০০২ সালে শ্রীলঙ্কার চামিলা গামাগে আউট করেছিলেন মোহাম্মদ আশরাফুলকে।

14 Jun 2023, 10:51 AM

জুটি গড়ার চেষ্টায় জয়-শান্ত

Image

শুরুতেই জাকির হোসেনের বিদায়ের পর জুটি গড়ার চেষ্টা করছেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়।

শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার অভিযানে লড়ছেন মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। এরই মধ্যে দ্বিতীয় উইকেট জুটিতে দুজন মিলে যোগ করেছেন ২৭ রান। ৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৩ রান। 

সবুজ ঘাসের উইকেটের সুবিধা কাজে লাগিয়ে প্রতি ওভারেই সুইং আদায় করে নিচ্ছেন আফগানিস্তানের দুই পেসার ইয়ামিন আহমেদজাই ও নিজাতউল্লাহ মাসুদ। তবে নিয়ন্ত্রণ রাখতে পারছেন না তেমন।

দ্বিতীয় ওভারেই জাকির হাসানের উইকেট হারানোর পর ব্যাটিংয়ে গিয়ে শুরুতেই ইয়ামিনের ওভারে জোড়া চার মারেন নাজমুল হোসেন শান্ত। পরে ম্যাথু হেইডেনের মতো অনেকটা হেঁটে হেঁটে মাসুদের বলে বাউন্ডারি মারেন লং অন দিয়ে। 

অন্য প্রান্তে জয় খেলছেন রয়েসয়ে। দুই পেসারের সুইং-মুভমেন্টের সামনে দৃঢ়তার দেখাচ্ছেন প্রায় ১১ মাস পর টেস্ট খেলতে নামা ওপেনার।

জয় ৩১ বলে ১০ এবং শান্ত ১৬ বলে ১৪ রানে খেলছেন।

14 Jun 2023, 11:09 AM

জাকিরকে হারিয়ে প্রথম ঘণ্টায় বাংলাদেশের ৪৫

সবুজ উইকেটে প্রথম ঘণ্টার চ্যালেঞ্জ ভালোভাবেই সামাল দিলেন মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। শুরুতেই জাকির হাসানের বিদায়ের পর দুজন মিলে এরই মধ্যে যোগ করেছেন ৩৯ রান। 

প্রথম ঘণ্টার পানি পানের বিরতি পর্যন্ত ১১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪৫ রান। জয় খেলছেন ৪১ বলে ১১ রান করে। তুলনামূলক আগ্রাসী খেলতে থাকা শান্তর নামের পাশে ২৫ বলে ২৪ রান। 

টানা দশ ওভার বোলিং করেন দুই ওপেনার ইয়ামিন আহমেদজাই ও নিজাতউল্লাহ মাসুদ। একাদশ ওভারে আক্রমণে আনা হয় করিম জানাতকে। মেডেন দিয়ে শুরু করেন অভিষিক্ত অলরাউন্ডার।

14 Jun 2023, 11:31 AM

শান্ত-জয়ের জুটিতে পঞ্চাশ

জাহির খানের ফুল লেংথ ডেলিভারি সোজা ব্যাটে ড্রাইভ করলেন নাজমুল হোসেন শান্ত। আম্পায়ারের পাশ ঘেঁষে বল চলে গেল বাউন্ডারিতে। এই চারের সৌজন্যে দ্বিতীয় উইকেট জুটিতে পূর্ণ হলো পঞ্চাশ রান।

পরের বলে একই ধরনের শটে আরেকটি বাউন্ডারি মেরে চল্লিশ রানে পৌঁছে যান শান্ত। ৫৩ বলে ৮টি চারে ৪২ রানে অপরাজিত বাঁহাতি এই টপ-অর্ডার ব্যাটসম্যান। মাহমুদুল হাসান জয় খেলছেন ৪৪ বলে ১১ রান নিয়ে। 

১৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৬৫ রান। শান্ত-জয়ের জুটির সংগ্রহ ৯২ বলে ৫৯ রান।

14 Jun 2023, 11:52 AM

দারুণ ব্যাটিংয়ে শান্তর ফিফটি

Image

আক্রমণাত্মক ব‍্যাটিংয়ে ৫৮ বলে ফিফটি করলেন নাজমুল হোসেন শান্ত।

দ্বিতীয় ওভারে জাকির হাসানের বিদায়ের পর ব্যাটিংয়ে নেমে চতুর্থ বলেই অফ ড্রাইভে বাউন্ডারি মারেন নাজমুল হোসেন শান্ত। পরের বলে মারেন আরও একটি চার। 

দারুণ এই শুরু ধরে রেখে স্রেফ ৫৮ বলে ৯ চারে ফিফটি করলেন বাঁহাতি টপ-অর্ডার ব্যাটসম্যান। জাহির খানের হাফ ট্র্যাকার ডেলিভারি পুল করে বাউন্ডারি মেরে পঞ্চাশে পৌঁছান তিনি।

২৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে শান্তর চতুর্থ ফিফটি এটি। এর সঙ্গে দুটি সেঞ্চুরিও আছে তার। 

২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৯৭ রান। মাহমুদুল হাসান জয় খেলছেন ৬২ বলে ৩১ রানে। শান্ত-জয়ের দ্বিতীয় উইকেট জুটির সংগ্রহ ৯১ রান।

14 Jun 2023, 11:52 AM

শের-ই-বাংলা স্টেডিয়ামের অনন্য কীর্তি

বিশ্বের প্রথম মাঠ হিসেবে টেস্ট খেলুড়ে ১২টি দেশকেই এই সংস্করণে স্বাগত জানাল মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। গত মার্চে এই মাঠে খেলে গেছে আয়ারল্যান্ড। এবার ১২তম দেশ হিসেবে নামল আফগানিস্তান।

14 Jun 2023, 12:02 PM

শান্ত-জয়ের দ্বিতীয় শতরানের জুটি

ইতিবাচক ব্যাটিংয়ে দ্বিতীয় উইকেটে শতরানের জুটি গড়লেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়। প্রায় ওয়ানডে ঘরানার ব্যাটিং করে ১২৬ বলে ১০০ রান পূরণ করলেন এই দুজন।

টেস্ট ক্রিকেটে সাত ইনিংসে একসঙ্গে ব্যাটিং করে শান্ত-জয়ের দ্বিতীয় শতরানের জুটি এটি। এছাড়া একটি পঞ্চাশ ছোঁয়া জুটিও আছে তাদের। 

এরই মধ্যে ব্যক্তিগত ফিফটি করে ফেলেছেন শান্ত। ১১ বলে ৭১ বলে ৬৩ রানে অপরাজিত তিনি। জয় খেলছেন ৬ চারে ৬৯ বলে ৩৭ রান নিয়ে।

২৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১১৪ রান। দ্বিতীয় উইকেট জুটির সংগ্রহ ১০৮ রান।

জুটি ভাঙতে ছয় টেস্টের ক্যারিয়ারে প্রথমবার বল হাতে নেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। তবে প্রথম ওভারে ৫ রান দিয়ে সফল হননি তিনি।

14 Jun 2023, 12:22 PM

শান্ত-জয়ের ব্যাটে বাংলাদেশের সেশন

সবুজ উইকেটের সুবিধা নেওয়ার লক্ষ্যে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। অভিষেক টেস্টে প্রথম বলেই জাকির হাসানকে ফিরিয়ে দলকে সাফল্য এনে দেন নিজাতউল্লাহ মাসুদ। 

তবে এরপর তাদের আর কোনো আনন্দের উপলক্ষ্য পেতে দেননি নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান।

৬ রানে জাকিরকে হারানোর পর প্রথম সেশনের বাকিটা নির্বিঘ্নে কাটিয়েছেন জয় ও শান্ত। অবিচ্ছিন্ন জুটিতে ১৪১ বলে ১১০ রান যোগ করেছেন দুজন।

লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১১৬ রান। 

ক্যারিয়ারের চতুর্থ ফিফটি ছুঁয়ে ৬৪ রানে অপরাজিত শান্ত। ৭৬ বলে ১১টি চার মেরেছেন তিনি। জয় খেলছেন ৬ চারে ৭০ বলে ৩৮ রানে। 

শুরু থেকেই ওয়ানডে মেজাজে ব্যাটিং করেন শান্ত। চতুর্থ বলে মারেন প্রথম বাউন্ডারি। পরের বলে মারেন আরেকটি। তিন পেসার মাসুদ, ইয়ামিন আহমেদজাই, করিম জানাতের পর দুই স্পিনার জাহির খান, আমির হামজা হোতাকের বিপক্ষেও দারুণ ব্যাটিং করেন বাঁহাতি টপ-অর্ডার ব্যাটসম্যান। স্রেফ ৫৮ বলে ফিফটি স্পর্শ করেন তিনি।

শান্তর দ্যুতিময় ব্যাটিংয়ের সেশনে শুরুতে কিছুটা রয়েসয়ে খেলেন জয়। প্রথম পঞ্চাশ বলে স্রেফ ১৭ রান করেন তিনি। জুটির পঞ্চাশ পূরণ হওয়ার পর তিনিও খোলস ছেড়ে কিছুটা আগ্রাসী ব্যাটিং করেন। 

প্রথম ঘণ্টায় ১১ ওভারে ৪৫ রান করার পর দ্বিতীয়টিতে ১৩ ওভারে ৭১ রান নেয় বাংলাদেশ।

14 Jun 2023, 01:35 PM

এক বছর পর টেস্ট খেলতে নেমে জয়ের ফিফটি

Image

দায়িত্বশীল ব‍্যাটিংয়ে ফিফটি করলেন মাহমুদুল হাসান জয়।

গত বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেইন্ট লুসিয়া টেস্টের পর দল থেকে বাদ পড়ে যান মাহমুদুল হাসান জয়। প্রায় এক বছর পর পাওয়া সুযোগ দারুণভাবে কাজে লাগালেন তরুণ ওপেনার।

ওপেনিংয়ে নেমে দায়িত্বশীল ব‍্যাটিংয়ে ফিফটি করেছেন তিনি। ৯ ম্যাচের ক্যারিয়ারে তৃতীয় ফিফটি ছুঁতে খেলেছেন ১০২ বল। ৭টি চার মেরেছেন তিনি।

জয়ের সঙ্গে দারুণ জুটি গড়েছেন নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরির দুয়ারে দাঁড়িয়ে ৯৮ রানে অপরাজিত তিনি। দ্বিতীয় উইকেট জুটির সংগ্রহ ১৬৩ রান।

৩৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৬৯ রান।

14 Jun 2023, 01:42 PM

দৌড়ে ৫ রান নিলেন জয়-শান্ত

অদ্ভুত ঘটনার দেখা মিলল মিরপুর টেস্টে। আফগানিস্তানের ফিল্ডারদের এলোমেলো কাণ্ডে দৌড়েই ৫ রান নিলেন মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত।

জাহির খানের করা ৩৫তম ওভারের শেষ বলটি ডিপ পয়েন্টে খেলে ২ রান নেন জয়। পয়েন্টের ফিল্ডার জোরের সঙ্গে থ্রো করেন নন স্ট্রাইক প্রান্তে। কোনো ব্যাক-আপ না থাকায় বল চলে যায় মিড অনের দিকে। 

ওভার থ্রো থেকে ১ রান নেন জয়-শান্ত। পরে মিড অন থেকে স্ট্রাইক প্রান্তে করা থ্রো ধরতে পারেননি কিপার আফসার জাজাই। এবার পুনরায় দৌড়ে ২ রান দুই ব্যাটসম্যান।

14 Jun 2023, 01:54 PM

২৩ মাস পর শান্তর সেঞ্চুরি

Image

১১৮ বলে সেঞ্চুরি ছুঁয়ে নাজমুল হোসেন শান্তর উদযাপন।

আমির হামজা হোতাকের অফ স্টাম্পের বাইরের বল আলতো করে ঠুকে দিয়েই দ্রুত রানের জন্য ছুটলেন নাজমুল হোসেন শান্ত। পৌঁছে গেলেন জাদুকরী তিন অঙ্কে। নন স্ট্রাইক প্রান্তের পপিং ক্রিজ ছুঁয়েই দৌড়ে ড্রেসিং রুমের কাছে গিয়ে হেলমেট খুলে বাতাসে হাত ছুঁড়ে সারলেন উদযাপন। পরে ব্যাটে চুমুও আঁকলেন দারুণ ছন্দে থাকা বাঁহাতি ব্যাটসম্যান।

টেস্ট ক‍্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি করতে শান্ত খেলেছেন ১১৮ বল, মেরেছেন ১৮টি চার। স্বীকৃত ক্রিকেটে পাঁচ ইনিংসে তার তৃতীয় একশ ছোঁয়া ইনিংস এটি।

সবশেষ ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে ১১৭ রান করেছিলেন শান্ত। এরপর ১৩ ম্যাচের ২৫ ইনিংসে দুইবার পঞ্চাশ পেরোলেও তিন অঙ্ক ছুঁতে পারেননি তিনি। 

প্রায় ২৩ মাস পর ফের তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন তিনি। দেশের মাটিতে এটিই তার প্রথম সেঞ্চুরি। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি তিনি করেন শ্রীলঙ্কায়, পাল্লেকেলেতে ১৬৩ রান।

14 Jun 2023, 02:15 PM

দুইশ রানের জুটিতে শান্ত-জয়ের রেকর্ড

Image

রেকর্ড গড়া জুটি উপহার দিলেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়।

ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে দুইশ রানের জুটি গড়লেন মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। ওভারপ্রতি প্রায় ৫ রান করে নিচ্ছেন দুজন। 

৪২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২০৮ রান। দুজনের দ্বিতীয় উইকেটে জুটিতে এসেছে ২০২ রান। 

টেস্ট ক্রিকেটে দ্বিতীয় উইকেটে বাংলাদেশের তৃতীয় দুইশ ছোঁয়া জুটি এটি। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।

২০১০ সালে ভারতের বিপক্ষে ২০০ রান যোগ করেছিলেন তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিক। তাদের ছাড়িয়ে গেলেন জয় ও শান্ত। 

সব মিলিয়ে দ্বিতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি ২৩২ রানের। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে করেন শামসুর রহমান ও ইমরুল কায়েস।

14 Jun 2023, 02:25 PM

জয়ের বিদায়ে ভাঙল জুটি

নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়ের দাপুটে ব্যাটিংয়ের বিপরীতে কোনো পথ না পেয়ে অনিয়মিত স্পিনার রহমত শাহকে আক্রমণে আনেন হাশমতউল্লাহ শাহিদি। নিজের তৃতীয় ওভারেই অধিনায়কের মুখে হাসি ফোঁটালেন আফগান সহ-অধিনায়ক। 

অফ স্টাম্পের অনেক বাইরের খাটো লেংথের ডেলিভারি লেট কাট করেন জয়। ঠিকঠাক খেলতে না পারায় ধরা পড়েন স্লিপে থাকা ইব্রাহিম জাদরানের হাতে। ১৩৭ বলের ইনিংসে ৯ চারে ৭৬ রান করেছেন তরুণ ওপেনার।

তার বিদায়ে ভাঙল শান্তর সঙ্গে ২১২ রানের দ্বিতীয় উইকেট জুটি। সেঞ্চুরি ছুঁয়ে ১২১ রানে অপরাজিত শান্ত। নতুন ব্যাটসম্যান মুমিনুল হক।

14 Jun 2023, 02:35 PM

নড়বড়ে মুমিনুলের বিরুদ্ধে আফগানদের ব‍্যর্থ রিভিউ

হঠাৎ করেই যেন প্রাণ ফিরল মিরপুর টেস্টে। মাহমুদুল হাসান জয়কে ফেরানোর পর মুমিনুল হকের কঠিন পরীক্ষা নিলেন অনিয়মিত লেগ স্পিনার রহমত শাহ। বাঁহাতি টপ অর্ডার ব‍্যাটসম‍্যানের বিরুদ্ধে এলবিডব্লিউর রিভিউ নিয়ে একটুর জন‍্য ব‍্যর্থ হলো আফগানিস্তান।

অফ স্টাম্পের ওপর হালকা ঝুলিয়ে করা ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়ে ব্যাটে লাগাতে পারেননি মুমিনুল। বল তার প্যাডে আঘাত করলে জোরাল আবেদন করে আফগানিস্তান। তাতে সাড়া দেননি আম্পায়ার।

সফরকারীরা রিভিউ নিলে রিপ্লেতে দেখা যায়, বলের পিচিং ও ইমপ্যাক্ট ঠিক থাকলেও বাউন্সের কারণে স্টাম্পের ওপর দিয়ে চলে যেত। তাই বেঁচে যান মুমিনুল। ব্যর্থ হয় আফগানিস্তানের রিভিউ।

ওই ওভারের শেষ বলে মিডল স্টাম্পে পড়ে টার্নের সঙ্গে বেরিয়ে যেতে থাকা ডেলিভারি ড্রাইভ করতে গিয়ে পারেননি মুমিনুল। বল তার প্যাডে লাগলে আবারও জোরাল আবেদন হয়। এবারও সাড়া দেননি আম্পায়ার। আফগানরাও আর রিভিউ নেয়নি। পরে রিপ্লেতে দেখা গেছে, বল আঘাত হানতো লেগ স্টাম্পে কিন্তু মুমিনুল বেঁচে যেতেন আম্পায়ার্স কলের জন‍্য।

14 Jun 2023, 02:52 PM

জয় ফিরলেও শান্তর ব্যাটে আরেকটি সেশন বাংলাদেশের

দারুণ খেলতে খেলতে হুট করেই আলগা শটে উইকেট বিলিয়ে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। তবে নাজমুল হোসেন শান্তর ব্যাটে মিরপুর টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনও নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে বাংলাদেশ। 

চা বিরতিতে স্বাগতিকদের সংগ্রহ ৪৯ ওভারে ২ উইকেটে ২৩৫ রান। দ্বিতীয় সেশনে ২৫ ওভারে ১ উইকেটে ১১৯ রান করেছে বাংলাদেশ। প্রথমটিতে ২৪ ওভারে তারা করেছিল ১ উইকেটে ১১৬ রান।

টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি ছুঁয়ে ৭৬ রানে আউট হয়েছেন জয়। 

তৃতীয় সেঞ্চুরি করা শান্ত এগিয়ে চলেছেন আরও বড় কিছুর পথে। ২১ চার ও ১ ছয়ে ১৫১ বলে এরই মধ্যে তিনি করেছেন ১২১ রান। 

চার নম্বরে নামা মুমিনুল হকের শুরুটা ছিল নড়বড়ে। তবে বিরতির আগে শেষ ওভারে ফুল টসে মারা ছক্কায় হয়তো কিছুটা আত্মবিশ্বাস ফিরে পাবেন তিনি।

14 Jun 2023, 03:24 PM

রিভিউ নিয়ে মুমিনুলকে ফেরাল আফগানিস্তান

নড়বড়ে শুরুর পর বেশিক্ষণ টিকতে পারলেন না মুমিনুল হক। নিজাত মাসুদের আপাত সাদামাটা এক ডেলিভারিতে কট বিহাইন্ড হলেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান। জাকির হাসানের পর মুমিনুলকেও রিভিউ নিয়ে ফেরাল আফগানিস্তান।

অভিষিক্ত পেসারের লেগ স্টাম্পের বাইরে খাটো লেংথে করা ডেলিভারি আলতো করে খেলার চেষ্টায় শেষ মুহূর্তে ব্যাট সরিয়ে নেওয়ার চেষ্টা করেন মুমিনুল। বল জমা পড়ে আফসার জাজাইয়ের গ্লাভসে।

আফগানিস্তানের ফিল্ডারদের জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। মাসুদের আত্মবিশ্বাস দেখে কিছুক্ষণ ভেবে রিভিউ নেন হাশমতউল্লাহ শাহিদি। রিপ্লেতে দেখা যায়, উইকেটরক্ষকের গ্লাভসে যাওয়ার আগে মুমিনুলের ব্যাটে হালকা ছুঁয়েছে বল।

মুমিনুলের বিদায়ের ভাঙল ৩৮ রানের তৃতীয় উইকেট জুটি। ১ চার ও ১ ছয়ে ২৫ বলে ১৫ রান করেছেন মুমিনুল। নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

দেড়শর দুয়ারে দাঁড়িয়েছে ১৪২ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত।

14 Jun 2023, 03:37 PM

বোল্ড হয়েও 'নো' বলে বাঁচলেন শান্ত

নিজাত মাসুদের বাউন্সার পুল করতে গিয়ে স্টাম্পে টেনে আনলেন নাজমুল হোসেন শান্ত। দারুণ খেলতে থেকে এমনভাবে বোল্ড হয়ে হতাশা নিয়ে ড্রেসিং রুমের পথ ধরার মুখেই ছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। 

তবে তাকে থামান আম্পায়ার, জানান চেক করা হচ্ছে 'নো' বল। কয়েক মুহূর্ত পরই টিভি আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টকের কাছ থেকে নিশ্চয়তা পেয়ে 'নো' বল ডাকেন পল রাইফেল। ফলে ১৪৩ রানে বোল্ড হয়েও বেঁচে যান শান্ত।  

চলতি ইনিংসে অভিষিক্ত মাসুদের তৃতীয় 'নো' বল এটি। এছাড়া তার দুই সতীর্থ স্পিনার আমির হামজা হোতাক ৩টি ও জাহির করেছেন ৫টি নো বল।

14 Jun 2023, 03:53 PM

ছক্কার চেষ্টায় অক্কা শান্ত

কিছুক্ষণ আগে বোল্ড হয়েও 'নো' বলের জন্য বেঁচে যান নাজমুল হোসেন শান্ত। তবু যেন নিজেকে সংযত করলেন না বাঁহাতি ব্যাটসম্যান। আর মাত্র ৩ রান যোগ করেই ফিরলেন ড্রেসিং রুমে। 

আমির হামজা হোতাকের অফ স্টাম্পের বাইরের বল ক্রিজ ছেড়ে বেরিয়ে ছক্কা মারার চেষ্টা করেন শান্ত। ধরা পড়ে যান মিড উইকেটে দাঁড়ানো নাসির জামালের হাতে। 

ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে ১৪৬ রান করেছেন তিনি। ১৭৫ বলের ইনিংসে ২৩ চারের সঙ্গে ২টি ছক্কা মেরেছেন তিনি। 

ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমেছেন অধিনায়ক লিটন দাস। ১০ রানে খেলছেন মুশফিকুর রহিম।

14 Jun 2023, 04:24 PM

আলগা শটে লিটনের বিদায়

বেশিক্ষণ টিকতে পারলেন না লিটন দাস। জাহির খানের অফ স্টাম্পের বাইরের বল জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে গিয়ে কট বিহাইন্ড হলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক।

করিম জানাতের বলে মারা ছক্কাসহ ১৫ বলে ৯ রান করেছেন লিটন। তিনশর আগেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ।

নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ। মুশফিকুর রহিম খেলছেন ১৮ রানে।

14 Jun 2023, 04:57 PM

আফগানিস্তানের ব্যর্থ রিভিউ

আমির হামজা হোতাকের আর্ম ডেলিভারি ব্যাট-প্যাড কাছাকাছি রেখে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছিলেন মুশফিকুর রহিম। আগে ব্যাটে লেগেছে ভেবেই হয়তো আফগানিস্তানের জোরাল আবেদনের পরও সাড়া দেননি আম্পায়ার।

রিভিউ নেয় সফরকারীরা। রিপ্লেতে দেখা যায়, আগে প্যাডেই লেগেছিল বল। তবে ইমপ্যাক্ট ছিল অফ স্টাম্প লাইনের বাইরে। তাই আরও একটি রিভিউ ব্যর্থ হয় আফগানিস্তানের। 

৬৯.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩২৫ রান। ষষ্ঠ উইকেটে ৩৫ রান যোগ করেছেন মুশফিক ও মেহেদী হাসান মিরাজ। যেখানে মিরাজের অবদান ২৫ রান, মুশফিক খেলছেন ২৭ রানে।

দুটি রিভিউ হারাল আফগানিস্তান, সফরকারীদের বাকি আছে কেবল আর একটি।

14 Jun 2023, 05:14 PM

মুশফিক-মিরাজের জুটিতে পঞ্চাশ

Image

শেষ সেশনে দ্রুত ৩ উইকেট হারানোর পর বাংলাদেশকে টানছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। 

তিনশর আগে ৫ উইকেট হারিয়ে খানিক চাপে পড়া বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। এরই মধ্যে ষষ্ঠ উইকেট জুটিতে পঞ্চাশ রান যোগ করেছেন দুজন।

ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে জুটির ফিফটি ছুঁতে স্রেফ ৫৮ বল লেগেছে তাদের। যেখানে মিরাজের অবদান ৩১, মুশফিক করেছেন ১৪ রান।  

৭৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৪৫ রান। মুশফিক ৩৫ ও মিরাজ ৩৩ রানে অপরাজিত। 

নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৫টায় শেষ হওয়ার কথা ছিল প্রথম দিনের খেলা। তবে ৯০ ওভার শেষ না হওয়ায় ত্রিশ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মাঠের আম্পায়াররা।

14 Jun 2023, 05:59 PM

শান্তর সেঞ্চুরির পর মিরপুরে বাংলাদেশের রেকর্ড

দিনের শুরুতে জাকির হাসানকে হারিয়ে বিপদে পড়া বাংলাদেশ দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়। দুজনের বিদায়ের পর মিডল অর্ডারে আসে এক ধাক্কা। শেষ ভাগে তা সামাল দিয়ে দিনটি বাংলাদেশেরই করে রাখলেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ।

প্রথম দিনে খেলা হয়েছে ৭৯ ওভার। ৫ উইকেটে ৩৬২ রান করেছে বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে শান্ত খেলেছেন ১৪৬ রানের ইনিংস। জয় করেছেন ৭৮ রান। দিন শেষে মিরাজ ৪৩ ও মুশফিক ৪১ রানে অপরাজিত রয়েছেন।

মিরপুরে প্রথম দিনে এটিই সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড। ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের করা ৩৬১ রান এত দিন ছিল সবার ওপরে। এই মাঠে স্বাগতিকদের আগের সর্বোচ্চ ৮ উইকেটে ৩৩০ রান, ২০১০ সালে করেছিল ইংল্যান্ডের বিপক্ষে।

সব মিলিয়ে টেস্টের প্রথম দিনে বাংলাদেশের সর্বোচ্চ ৩৭৪ রান, শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৮ সালের চট্টগ্রাম টেস্টে।

সবুজ উইকেটের সুবিধা কাজে লাগাতে টস হেরে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। দ্বিতীয় ওভারেই জাকিরকে কট বিহাইন্ড করেন অভিষিক্ত নিজাত মাসুদ।

শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ২১২ রানের জুটি গড়েন জয় ও শান্ত। রহমত শাহর বলে লেট কাট করে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন জয়। ১৩৭ বলের ইনিংসে ৯টি চার মারেন তরুণ ওপেনার।

জয় ফেরার আগেই নিজের সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। আমির হামজার বলে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন তিনি। ২৩ চার ও ২ ছয়ে সাজান ১৭৫ বলের ইনিংস।

মুমিনুল হক ও লিটন দাস পারেননি বড় কিছু করতে। তিনশর আগে ৫ উইকেট হারিয়ে খানিক বিপদে পড়ে বাংলাদেশ। তবে শেষ দিকে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে চাপ সামাল দেন মুশফিক ও মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে): 

বাংলাদেশ ১ম ইনিংস: ৭৯ ওভারে ৩৬২/৫ (জয় ৭৬, জাকির ১, শান্ত ১৪৬, মুমিনুল ১৫, মুশফিক ৪১*, লিটন ৯*, মিরাজ ৪৩*; ইয়ামিন ৭-১-৩২-০, মাসুদ ১৩-২-৬৭-২, করিম ১০-৩-৩২-০, জাহির ১৬-০-৯৮-১, হামজা ২৪-১-৮৫-১, শাহিদি ৩-০-৯-০, রহমত ৬-১-৩০-১)