২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানদের ১৪৬ রানে থামিয়ে চালকের আসনে বাংলাদেশ

15 Jun 2023, 10:06 AM

এক নজরে

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৮২

আফগানিস্তান ১ম ইনিংস: ১৪৬

বাংলাদেশ ২য় ইনিংস: ২২ ওভারে ১৩২/১

15 Jun 2023, 10:04 AM

মুশফিক-মিরাজের ব্যাটে তাকিয়ে বাংলাদেশ

শুরুর ধাক্কা সামলে ভিত গড়েছেন নাজমুল হোসেন শান্ত (১৪৬) ও মাহমুদুল হাসান জয় (৭৬)। মাঝে বিপদের শঙ্কা দেখা দিলেও পরিস্থিতি সামলেছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। দুজনের ব্যাটে এখন বড় সংগ্রহের আশায় বাংলাদেশ। 

মিরপুরে প্রথম দিন স্বাগতিকরা করেছে এই মাঠের রেকর্ড ৩৬২ রান। ষষ্ঠ উইকেটে ৭২ রান যোগ করে অবিচ্ছিন্ন মুশফিক ও মিরাজ। দুজনই আছেন ফিফটির দুয়ারে। পরে নামলেও মুশফিকের (৪১) চেয়ে এগিয়ে গেছেন মিরাজ (৪৩)।  

টসের আগে বুধবার সকালে আকাশে ছিল গুমোটভাব। তবে দিনের খেলায় এর কোনো প্রভাব পড়েনি। দ্বিতীয় দিন সকালেও অভিন্ন অবস্থা। আকাশে জমে আছে কালো মেঘ। দুপুরে রয়েছে বৃষ্টির জোর আশঙ্কা। 

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে): 

বাংলাদেশ ১ম ইনিংস: ৭৯ ওভারে ৩৬২/৫ (জয় ৭৬, জাকির ১, শান্ত ১৪৬, মুমিনুল ১৫, মুশফিক ৪১*, লিটন ৯*, মিরাজ ৪৩*; আহমাদজাই ৭-১-৩২-০, মাসুদ ১৩-২-৬৭-২, করিম ১০-৩-৩২-০, জাহির ১৬-০-৯৮-১, হামজা ২৪-১-৮৫-১, শাহিদি ৩-০-৯-০, রহমত ৬-১-৩০-১) 

15 Jun 2023, 10:08 AM

এক সেশনেই বাংলাদেশকে থামাতে চায় আফগানিস্তান 

প্রথম দিনের বোলিংয়ে প্রধান কোচের প্রত্যাশা পূরণ করতে পারেনি আফগানিস্তান। দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়িয়ে লাঞ্চের আগেই বাংলাদেশকে গুটিয়ে দিতে চায় সফরকারীরা। 

এরই মধ্যে খেলা হয়েছে ৭৯ ওভার। এক ওভার পরই দ্বিতীয় নতুন বল পাবে আফগানরা। নতুন বলে পেসারদের কাছে আগের দিনের চেয়ে ভালো বোলিং দেখতে চান জোনাথন ট্রট।

15 Jun 2023, 10:19 AM

দুই বল দেখে নতুন বল নিলো আফগানিস্তান

দিনের শুরুতেই দ্বিতীয় নতুন বল পেলো আফগানিস্তান। তবে ৮০ ওভার শেষ হওয়ার পরপরই এটি নেয়নি তারা। ৮১তম ওভারের প্রথম বলে চার মারেন মেহেদী হাসান মিরাজ। পরেরটি যেতে দেন উইকেটরক্ষকের গ্লাভসে।

এরপর নতুন বল নেয় সফরকারীরা। ওই ওভারের বাকি চার বল থেকে কোনো রান পায়নি বাংলাদেশ।

15 Jun 2023, 10:24 AM

দ্বিতীয় নতুন বলে টিকলেন না মিরাজ

নতুন বলে শুরুতেই সাফল্য পেল আফগানিস্তান। ফিফটির সম্ভাবনা জাগিয়েও ৪৮ রানে থামলেন মেহেদী হাসান মিরাজ। ৮০ বলের ইনিংসে ৮টি চার।

ইয়ামিন আহমাদজাইয়ের অফ স্টাম্পের বাইরের বল দূর থেকে ড্রাইভ খেলতে গিয়েছিলেন মিরাজ। ব্যাটের বাইরের অংশে লেগে বল চলে যায় পয়েন্টে দাঁড়ানো আমির হামজা হোতাকের হাতে৷

মিরাজের বিদায়ে ভাঙল মুশফিকুর রহিমের সঙ্গে ৮৩ রানের ষষ্ঠ উইকেট জুটি৷ নতুন ব্যাটসম্যান তাসকিন আহমেদ। মুশফিক খেলছেন ৪৭ রানে।

15 Jun 2023, 10:40 AM

মুশফিক-তাইজুলকে হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

Image

মেহেদী হাসান মিরাজকে ফিরিয়ে আফগানিস্তানকে দিনের প্রথম সাফল‍্য এনে দিলেন ইয়ামিন আহমেদজাই।

দ্বিতীয় দিনের শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। আট বলের মধ্যে ড্রেসিং রুমে ফিরে গেলেন মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম। মিরাজকে ফেরান ইয়ামিন আহমাদজাই। পরের ওভারে জোড়া আঘাত নিজাত মাসুদের।

মাসুদের লেংথে পিচ করে হঠাৎ লাফিয়ে ওঠা ডেলিভারিতে অপ্রস্তুত হয়ে যান মুশফিক। বল তার ব্যাটের কাঁধে লেগে যায় চলে যায় তৃতীয় স্লিপে দাঁড়ানো নাসির জামালের হাতে। ৭৬ বলে ৪ চারে ৪৭ রান করেন মুশফিক।

এক বল পর লেগ স্টাম্পের ওপর প্রায় একই লেংথের ডেলিভারি শর্ট লেগে ক্যাচ দেন তাইজুল। বাম দিকে দারুণ ক্যাচ নেন আব্দুল মালিক। সকালে নেমে ১৩ রানে ৩ উইকেট হারিয়ে এখন চারশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় বাংলাদেশ।

15 Jun 2023, 10:47 AM

ইয়ামিনের বলে এলবিডব্লিউ তাসকিন

দ্বিতীয় দিন সকালে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। ছয় ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে দ্রুতই অলআউট হওয়ার শঙ্কায় স্বাগতিকরা। সবশেষ ড্রেসিং রুমে ফিরলেন তাসকিন আহমেদ।

ইয়ামিন আহমাদজাইয়ের মিডল স্টাম্পে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারি অন সাইডে খেলতে গিয়ে ব্যাটে লাগাতে পারেননি তাসকিন। বল তার প্যাডে লাগলে আউট দিতে সময় নেননি আম্পায়ার।

হয়তো অলৌকিক কিছুর আশায়ই রিভিউ নিয়েছিলেন তাসকিন। তবে তেমন কিছু ঘটেনি। রিপ্লে দেখে বড় পর্দায়ও আউটের সিদ্ধান্ত জানান তৃতীয় আম্পায়ার। 

৩৭৭ রানে ৯ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। দ্বিতীয় দিন ১৫ রানে পড়েছে ৪টি।

15 Jun 2023, 10:49 AM

৪৫ মিনিট, ৪৩ বল, ২০ রান

১ সেশনের মধ‍্যে বাংলাদেশের শেষ ৫ উইকেট নিতে চেয়েছিল আফগানিস্তান। প্রত‍্যাশার চেয়েও ভালো করে মাত্র ৪৫ মিনিটে স্বাগতিকদের প্রথম ইনিংস গুটিয়ে দিয়েছে তারা।

পঞ্চাশের দুয়ারে থাকা মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ পারেননি মাইলফলক স্পর্শ করতে। এক সময়ে অনেক বড় সংগ্রহে চোখ রাখা বাংলাদেশও পারেনি চারশ রানে যেতে। ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দিন শুরু করে থমকে গেছে কেবল ৩৮২ রানে।

দ্বিতীয় নতুন বলে নিদারুণ ব‍্যর্থতায় দ্বিতীয় সকালে বাংলাদেশের ইনিংস স্থায়ী হয়েছে কেবল ৪৩ বল। এর মধ‍্যে তারা যোগ করতে পেরেছে কেবল ২০ রান। আগের দিন বিকালে মজা করেই আফগান কোচ জোনাথন ট্রট বলেছিলেন, বৃহস্পতিবার ১০ রানের মধ‍্যে স্বাগতিকদের শেষ ৫ উইকেট নিতে চান তিনি।

সংক্ষিপ্ত স্কোর: 

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৬ ওভারে ৩৮২ (আগের দিন ৩৬২/৫) (মুশফিক ৪৭, মিরাজ ৪৮, তাসকিন ২, তাইজুল ০, শরিফুল ৬, ইবাদত ০*; ইয়ামিন ১০-১-৩৯-২, মাসুদ ১৬-২-৭৯-৫, করিম ১১-৩-৩৩-০, জাহির ১৬-০-৯৮-১, হামজা ২৪-১-৮৫-১, শাহিদি ৩-০-৯-০, রহমত ৬-১-৩০-১)

15 Jun 2023, 10:59 AM

অভিষেকে মাসুদের ৫ উইকেট

Image

অভিষেকে ৫ উইকেট নিয়ে আলো ছড়ালেন নিজাত মাসুদ।

দ্বিতীয় নতুন বলে আলো ছড়ালেন নিজাত মাসুদ। তাকে দারুণ সঙ্গ দিলেন আরেক পেসার ইয়ামিন আহমাদজাই। তাদের দুর্দান্ত বোলিংয়ে ৩৮২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস।

আগের দিনের অবিচ্ছিন্ন ৭২ রানের জুটিতে এদিন সকালে আর ১১ রান যোগ করতে পেরেছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। দিনের চতুর্থ ওভারে মিরাজের বিদায়ের পর আর ৯ রান করতে পেরেছে বাংলাদেশ।

ফিফটির সম্ভাবনা জাগালেও মুশফিক ও মিরাজের কেউই তা পারেননি। মুশফিক ৪৭ ও মিরাজ ৪৮ রানে থেমেছেন। নিচের সারির চার ব্যাটসম্যানের কেউই তেমন কিছু করতে পারেননি।

অভিষেকে প্রথম বলেই জাকির হাসানের উইকেট পাওয়া মাসুদ দ্বিতীয় দিন আরও ভালো বোলিং করলেন। এদিন তার শিকার ৩ ওভারে ১১ রানে ৩ উইকেট।

সব মিলিয়ে ১৬ ওভারে ৭৯ রানে পেলেন ৫ উইকেট। আমির হামজা হোতাকের পর আফগানিস্তানের প্রথম বোলার হিসেবে অভিষেকে ৫ উইকেটের কৃতিত্ব তার।

আরেক পেসার আহমেদজাই ধরেছেন দুই শিকার। তিন স্পিনার জাহির খান, আমির হামজা ও রহমত শাহ পেয়েছেন একটি করে।

15 Jun 2023, 11:18 AM

শুরুতেই ক্যাচ ফেললেন লিটন

ইব্রাহিম জাদরানকে দ্রুত ফেরানোর একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল উইকেটরক্ষক লিটন দাসের ব‍্যর্থতায়। ঝাঁপিয়ে প্রথম স্লিপের ক‍্যাচ গ্লাভসে নেওয়ার চেষ্টায় সফল হননি বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক।

বাঁহাতি পেসার শরিফুল ইসলামের বেরিয়ে যাওয়া ডেলিভারি ড্রাইভ করেন ইব্রাহিম। ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় প্রথম স্লিপের দিকে, যেখানে অপেক্ষায় ছিলেন নাজমুল হোসেন শান্ত। তার জন‍্য ছিল একদম সহজ ক‍্যাচ। তার হাতে যাওয়ার আগেই ডান দিকে ঝাঁপ দেন লিটন, এক হাতে চেষ্টা করলেও গ্লাভসে নিতে পারেননি তিনি।

১ রানে জীবন পান ইব্রাহিম।

পরের ওভারে হাতছাড়া হয় আরেক ওপেনার আব্দুল মালিককে রান আউট করার সুযোগ। কাছ থেকেও স্টাম্পে লাগাতে পারেননি তাসকিন আহমেদ। সে সময় ৪ রানে ছিলেন মালিক।

15 Jun 2023, 11:34 AM

ইব্রাহিমকে ফিরিয়ে শরিফুলের ব্রেক থ্রু

Image

ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে দিলেন শরিফুল ইসলাম।

জীবন পেয়ে বেশিক্ষণ টিকতে পারলেন না ইব্রাহিম জাদরান। তাকে ড্রেসিং রুমে ফেরত পাঠালেন শরিফুল ইসলাম। বাঁহাতি পেসারের মিডল স্টাম্পে পিচ করে বেরিয়ে যেতে থাকা ডেলিভারি খোঁচা মেরে কট বিহাইন্ড আফগান ওপেনার।

১৭ বলে ১ চারে ইব্রাহিম করেছেন ৬ রান। তাকে ফিরিয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর মতো করে 'সিউউ' উদযাপন করেন শরিফুল। 

এক বল পর শর্ট লেগে দারুণ ফিল্ডিংয়ে রান আউটের সম্ভাবনা জাগান মুমিনুল হক। তবে দ্রুততার সঙ্গে পপিং ক্রিজে ব্যাট রাখায় বেঁচে যান রহমত শাহ।

15 Jun 2023, 11:45 AM

বোলিংয়ে এসেই ইবাদতের আঘাত

সপ্তম ওভারে আক্রমণে এসে প্রথম বলে ২ রান দেন ইবাদত হোসেন চৌধুরি। দ্বিতীয়টিতে স্ট্রেইট ড্রাইভে হজম করেন বাউন্ডারি। তবে ঘুরে দাঁড়াতে একদমই সময় নেননি তিনি। এক বল পরই ফেরান আব্দুল মালিককে।

ইবাদতের লাফিয়ে ওঠা ডেলিভারিতে পরাস্ত হন মালিক। বল তার ব্যাটের কাঁধে লেগে চলে যায় তৃতীয় স্লিপে। খানিক সামনে ঝুঁকে নিখুঁতভাবে সেটি মুঠোয় নেন জাকির হাসান।

তবে আম্পায়ারদের সংশয় থাকায় টিভি আম্পায়ারের কাছে পাঠানো হয় সিদ্ধান্ত। প্রায় ৪ মিনিটের বেশি সময় ধরে রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত জানান টিভি আম্পায়ার। 

২১ বলে ২ চারে ১৭ রান করেন মালিক। উইকেটে দুই ব্যাটসম্যান এখন রহমত শাহ ও হাশমতউল্লাহ শাহিদি।

15 Jun 2023, 11:51 AM

আবারও রান আউটের সুযোগ হাতছাড়া 

ফিল্ডিংয়ে রান আউটের সুযোগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। তৃতীয় ওভারে তাসকিন আহমেদের পর অষ্টম ওভারে সহজ সুযোগ পেয়েও স্টাম্পে লাগাতে পারলেন না মুশফিকুর রহিম।

শরিফুলের মিডল স্টাম্পের ওপর করা খাটো লেংথের ডেলিভারি ঠুকে দিয়েই রানের জন্য ছোটেন রহমত শাহ। শর্ট কভার থেকে ডান দিকে দৌড়ে বল থামান মুশফিক। থ্রো করার জন্য বেশ ভালো সময়ই ছিল তার হাতে। কিন্তু কাছ থেকেও লাগাতে পারেননি অভিজ্ঞ ক্রিকেটার।

বোলার শরিফুল ইসলাম ছিলেন না স্টাম্পের পেছনে। দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারলে তিনিও রান আউট করার একটা সুযোগ পেতে পারতেন।

15 Jun 2023, 12:02 PM

রহমতকেও ফেরালেন ইবাদত

আগের ওভারে পরপর দুই বলে ব্যাটের বাইরের কানায় লেগে দুটি বাউন্ডারি পান রহমত শাহ। পরীক্ষায় ফেললেও ওই ওভারে আর সাফল্য পাননি ইবাদত হোসেন চৌধুরি। তবে পরের ওভারেই তিনি ফেরালেন রহমতকে।

ইবাদতের খাটো লেংথের বলে পুল করতে গিয়ে টাইমিংয়ের গড়বড় করেন রহমত। বল উঠে যায় আকাশে। শর্ট মিড অনে সহজ ক্যাচ নেন তাসকিন আহমেদ। ১৮ বলে ২ চারে রহমত করেন ৯ রান। 

৩৫ রানে ৩ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে গেল আফগানিস্তান।

15 Jun 2023, 12:48 PM

পেসারদের হাত ধরে বাংলাদেশের প্রত্যাবর্তন

Image

দারুণ বোলিংয়ে আফগানিস্তানকে ভোগাচ্ছেন গতিময় পেসার ইবাদত হোসেন।

ব্যাটসম্যানদের ব্যর্থতায় দিনের শুরু যতটা হতাশাময়, পেসারদের দাপুটে বোলিংয়ে প্রথম সেশনের শেষ ভাগ যেন ততটাই আশা জাগানিয়া হলো বাংলাদেশের। পেসারদের দারুণ বোলিংয়ে ৩৫ রানের মধ্যেই আফগানিস্তানের টপ অর্ডারের তিন ব‍্যাটসম‍্যানকে ফিরিয়ে দিলে তারা।

৫ উইকেটে ৩৬২ রান নিয়ে খেলতে নেমে এদিন স্রেফ ৪৫ মিনিট টেকে স্বাগতিকদের প্রথম ইনিংস। ৪৩ বল থেকে ২০ রান নিয়ে অলআউট হয়ে যায় তারা। এরপর ব্যাটিংয়ে নেমে ১১ ওভারের মধ্যে প্রথম তিন ব‍্যাটসম‍্যানকে হারায় সফরকারীরা।

সবুজ উইকেটে নতুন বলে শুরু থেকেই আফগান ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন। ষষ্ঠ ওভারে ইব্রাহিম জাদরানকে (৬) ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু দেন শরিফুল।

পরে তিন ওভারের মধ‍্যে দুই উইকেট নেন ইবাদত। আব্দুল মালিককে (১৭) তৃতীয় স্লিপে ক্যাচ বানানোর পর আফগান সহ-অধিনায়ক রহমত শাহকে (২) খাটো লেংথের ডেলিভারিতে পরাস্ত করেন ইবাদত।

15 Jun 2023, 01:03 PM

শাহিদিকে ফেরালেন শরিফুল

লাঞ্চের পর দ্রুতই আরেকটি উইকেট নিল বাংলাদেশ। শরিফুল ইসলামের বলে হাশমতউল্লাহ শাহিদির চমৎকার ক‍্যাচ নিয়ে এতে বড় ভূমিকা রাখলেন মেহেদী হাসান মিরাজ।

বাঁহাতি পেসার শরিফুলের বাড়তি বাউন্স করা ডেলিভারি ঠিক মতো খেলতে পারেননি আফগানিস্তান অধিনায়ক। তার ব‍্যাটের শোল্ডার ছুঁয়ে ক‍্যাচ যায় গালিতে। মাথার উপর দিয়ে প্রায় চলেই যাচ্ছিল কিন্তু সঠিক সময়ে লাফিয়ে দারুণ দক্ষতায় মুঠোয় জমান মিরাজ।

এক চারে ১৬ বলে ৯ রান করেন শাহিদি।

এক বল পর একটুর জন‍্য গালিতে আফসার জাজাইয়ের আরেকটা দুর্দান্ত ক‍্যাচ নিতে পারেননি মিরাজ।

১৪ ওভারে আফগানিস্তানের রান ৪ উইকেটে ৫৬। ক্রিজে জাজাইয়ের সঙ্গী নাসির জামাল।

বাংলাদেশের চেয়ে এখনও ৩২৬ রানে পিছিয়ে আফগানিস্তান।

15 Jun 2023, 01:29 PM

তাসকিনের ৯ বল, ১৯ রানের ওভার 

প্রথম স্পেলে তিন ওভার করার পর তাসকিন আহমেদকে সরিয়ে নেন লিটন দাস। ১২ ওভার পর দ্বিতীয় স্পেলে ফিরে এলোমেলো বোলিং করলেন বাংলাদেশের তারকা পেসার।

তিনটি 'নো'সহ তিনি ওভার শেষ করেন ৯ বলে। চারটি চারে সেই ওভারে ১৯ রান নেন আফসার জাজাই। তাসকিনের খরুচে ওভারে আফগানিস্তানের রান রেট উঠে গেছে পাঁচে। আফসার ও নাসির জামালের জুটির সংগ্রহ ৩২ বলে ৪০ রান।

নিজের ওভারের প্রথম বলেই স্কয়ার ড্রাইভে বাউন্ডারি হজম করেন তাসকিন। সেটি আবার ছিল 'নো' বল। পরের ডেলিভারিও 'নো' করেন তাসকিন। পরে চতুর্থ বলটি ব্যাটের বাইরের কানায় লেগে অল্পের জন্য চলে যায় তৃতীয় স্লিপের ডান দিক দিয়ে।

পঞ্চম বলটি আবার 'নো' করেন তাসকিন। শেষ দুই বলে চার মারেন আফসার। 

খরুচে বোলিংয়ের পর ফিল্ডিংয়ে তালগোল পাকান এই পেসার। তাইজুল ইসলামের বলে সুইপ করেছিলেন জামাল। ব্যাটের ওপরের কানায় লেগে বল চলে যায় থার্ড ম্যানে। কিন্তু বলের ফ্লাইটই বুঝতে পারেননি তাসকিন। ক্যাচের মতো গেলেও সেটি নিতে পারেননি তিনি।

15 Jun 2023, 01:44 PM

জাজাই-জামালের জুটিতে পঞ্চাশ 

Image

দ্রুত ৪ উইকেট পতনের পর পাল্টা আক্রমণের পথ ধরলেন আফসার জাজাই ও নাসির জামাল। স্রেফ ৫৩ বলেই জুটির পঞ্চাশ রান পূরণ করলেন দুই মিডল-অর্ডার ব্যাটসম্যান। 

তাসকিন আহমেদের ওপর তুলনামূলক বেশি চড়াও হয়েছেন জাজাই। দুই ওভারে ৬টি চার মেরেছেন কিপার-ব্যাটার। অন্য প্রান্তে জামালও ইতিবাচক ব্যাটিংয়ে স্কোরবোর্ড সচল রেখেছেন।

৩৩ বলে ৩৩ রান করে ফেলেছেন জাজাই। জামাল অপরাজিত ৩১ বলে ২৬ রান। 

২২ ওভারে আফগানদের সংগ্রহ ৪ উইকেটে ১০৪ রান। তারা এখনও ২৭৮ রানে পিছিয়ে।

15 Jun 2023, 02:03 PM

জুটি ভেঙে স্বস্তি ফেরালেন মিরাজ

Image

নাসির জামালকে ফিরিয়ে দ্রুত এগোনো জুটি ভাঙলেন মেহেদী হাসান মিরাজ।

অফ স্টাম্পের বাইরে পিচ করে টার্নিং ডেলিভারি নাসির জামালের প্যাডে আঘাত করার পর আর আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা করলেন না মেহেদী হাসান মিরাজ। হাততালি দিয়ে শুরু করলেন উদযাপন। পরে আঙুল তুলে দিলেন আম্পায়ারও। 

খালি চোখে নিশ্চিত আউট মনে হলেও রিভিউ নেন জামাল। রিপ্লেতে দেখা যায় বলের পিচিং ও ইমপ্যাক্ট নিখুঁত ছিল। তবে বলের টার্ন এতোই বেশি ছিল যে, হালকা ছুঁয়ে যেত লেগ স্টাম্প। ফলে 'আম্পায়ার্স কল'-এ কাটা পড়েন জামাল। 

তার বিদায়ে ভাঙল ৬৫ রানের পঞ্চম উইকেট জুটি। ৬ চারে ৪৩ বলে ৩৫ রান করেছেন জামাল। ক্রিজে আফসার জাজাইয়ের সঙ্গী পেস বোলিং অলরাউন্ডার করিম জানাত।

15 Jun 2023, 02:07 PM

আফসারকে বিদায় করলেন ইবাদত

ক্রিকেট ধারাভাষ্যে প্রচলিত কথা, 'ওয়ান ব্রিংস টু'; অর্থাৎ একটি পড়লে আসবে আরেকটি উইকেট। তা-ই হলো মিরপুর টেস্টে। মেহেদী হাসান মিরাজের পরের ওভারে আঘাত হানলেন ইবাদত হোসেন চৌধুরি।

অফ স্টাম্পের ওপর করা খাটো লেংথের ডেলিভারি পুল করেন আফসার জাজাই। কিন্তু ঠিক জোর পাননি আফগান কিপার-ব্যাটার। ডিপ স্কয়ার লেগে দারুণ ক্যাচ নেন শরিফুল ইসলাম। 

৬ চারে ৪০ বলে ৩৬ রান করেছেন আফসার। 

১১৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছে আফগানিস্তান। তারা এখনও ২৬৬ রানে পিছিয়ে। ফলো-অন এড়াতে প্রয়োজন ৬৭ রান।

15 Jun 2023, 02:18 PM

শর্ট লেগে কঠিন ক্যাচ ছাড়লেন জাকির 

ভালো বোলিংয়ের সঙ্গে পাল্লা দিতে পারছেন না বাংলাদেশের ফিল্ডাররা। নষ্ট হয়েছে দুটি রান আউটের সুযোগ, হাতছাড়া হয়েছে ক‍্যাচ তিনটি। ব‍্যর্থতার পাল্লায় সবশেষ সংযোজন জাকির হাসান। 

ইবাদত হোসেনের লেগ স্টাম্পের ওপর করা লেংথ ডেলিভারি অন সাইডে খেলতে গিয়ে সোজা শর্ট লেগে দাঁড়ানো জাকিরের বরাবর মারেন করিম জানাত। ক্যাচ নেওয়ার মতো উচ্চতায় থাকলেও দ্রুত গতির জন‍্য সেটি তালুতে নিতে পারেননি জাকির। ১ রানে বেঁচে যান জানাত।

এর আগে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ ছাড়েন একটি করে ক্যাচ। ফ্লাইট বুঝতে না পারায় একবার ক‍্যাচের চেষ্টাই করতে পারেননি তাসকিন আহমেদ। এছাড়া স্লিপের আশপাশ দিয়ে বেরিয়ে যায় আরও কিছু বল।

15 Jun 2023, 02:25 PM

মুমিনুলের দারুণ ক্যাচে আমির হামজার বিদায়

আগের ওভারে কঠিন ক্যাচ নিতে পারেননি জাকির হাসান। ওই একই জায়গায় পরের ওভারে দারুণ ক্যাচ নিলেন মুমিনুল হক। 

ইবাদত হোসেন চৌধুরির বাউন্সার দূর থেকে ব্যাট এগিয়ে দেন হামজা। কানায় লেগে বল চলে যায় শর্ট লেগে। বাম দিকে ঝাঁপিয়ে এক হাতে লুফে নেন মুমিনুল।

হামজা ১ চারে ১৫ বলে করেছেন ৬ রান। 

১২৮ রানে ৭ উইকেট হারিয়ে ফলো-অনের শঙ্কায় আফগানিস্তান। বাংলাদেশকে আবার ব্যাটিংয়ে নামাতে ৩ উইকেটে তাদের করতে হবে আরও ৫৫ রান।

15 Jun 2023, 02:38 PM

উইকেট শিকারে যোগ দিলেন তাইজুল

প্রথম স্পেলে দুই ওভারের বেশি করার সুযোগ পাননি তাইজুল ইসলাম। দ্বিতীয়টিতে ফিরে প্রথম ওভারেই তিনি নাম তুললেন উইকেট শিকারির তালিকায়। 

তাইজুলের মিডল স্টাম্পে পিচ করে বেরিয়ে যাওয়া ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন ইয়ামিন আহমাদজাই। বল তার ব্যাটের বাইরের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।

জোরাল আবেদনে সাড়া দিতে সময় নেননি আম্পায়ার। কিছুক্ষণ ভেবে রিভিউ না নিয়ে ফিরে যান রানের খাতা খুলতে না পারা ইয়ামিন।

১৪০ রানে ৮ উইকেট হারিয়ে কঠিন চাপে আফগানিস্তান। ফলো-অন এড়াতে তাদের এখনও প্রয়োজন ৪৩ রান। দলের আশা হয়ে টিকে আছেন অভিষিক্ত অলরাউন্ডার করিম জানাত।

15 Jun 2023, 02:56 PM

৫ উইকেটের সেশনে বাংলাদেশের দাপট

Image

দ্বিতীয় সেশনে ৫ উইকেট নিয়ে বড় লিডের পথে বাংলাদেশ। 

প্রথম সেশনে দারুণ বোলিংয়ের ধারা দ্বিতীয়টিতেও ধরে রাখল বাংলাদেশ। ২৫.২ ওভারে তারা তুলে নিল ৫টি উইকেট। বিপরীতে ১০৯ রান করলেও ফলো-অনে পড়ার শঙ্কায় আফগানিস্তান।

দ্বিতীয় দিনের চা বিরতি পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৮ উইকেটে ১৪৪ রান। এখনও পিছিয়ে ২৩৮ রানে। আর ফলো-অন এড়াতে তাদের করতে হবে আরও ৩৯ রান।

লাঞ্চ বিরতির পর দ্রুতই আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদিকে ফেরান শরিফুল ইসলাম। পরে স্রেফ ৭৬ বলে ৬৫ রানের জুটি গড়েন আফসার জাজাই ও নাসির জামাল।

জামালকে আউট করে জুটি ভেঙে স্বাগতিক দলে স্বস্তি ফেরান মেহেদী হাসান মিরাজ। এরপর আমির হামজা হোতাক ও জাজাইকে আউট করেন ইবাদত। বিরতির আগে তাইজুলের শিকার ইয়ামিন আহমাদজাই।

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেটের জন্য আর এক শিকার দরকার ইবাদতের। টেস্টে দেড়শ উইকেটের মাইলফলক ছুঁতে মিরাজেরও দরকার একটি।

15 Jun 2023, 03:17 PM

তাইজুলের আরেকটি, বড় লিডের পথে বাংলাদেশ

চা বিরতির পর ফিরে প্রথম ওভারেই নিজের দ্বিতীয় উইকেট নিলেন তাইজুল ইসলাম। সিলি মিড অফে দারুণ ক্যাচে নিলেন জাকির হাসান। ৯ উইকেট হারিয়ে ফলো-অনের দুয়ারে আফগানিস্তান।

অফ স্টাম্পের বাইরের লেংথ বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন নিজাত মাসুদ। কিন্তু বল চলে যায় সোজা সিলি মিড অফের ফিল্ডার বরাবর। রানের খাতা খোলার আগেই ড্রেসিং রুমের পথ ধরতে হয় মাসুদকে।

১৪৬ রানে ৯ উইকেট হারাল আফগানিস্তান। বাংলাদেশের সামনে বড় লিডের সম্ভাবনা।

15 Jun 2023, 03:20 PM

মিরাজের দেড়শ, ২৩৬ রানের লিড বাংলাদেশের

ক্রিজ ছেড়ে বেরিয়ে মেহেদী হাসান মিরাজকে বড় শট ওড়ানোর চেষ্টায় ব্যাটে-বলে করতে ব্যর্থ করিম জানাত। বল গ্লাভসে নিয়েই স্টাম্প ভেঙে দিলেন লিটন দাস। স্রেফ ১৪৬ রানে গুটিয়ে গেল আফগানিস্তান। 

অভিষিক্ত করিম জানাত করেছেন ২৩ রান। টেস্ট ক্যারিয়ারে মিরাজের দেড়শতম উইকেট এটি। বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের পর এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।

প্রথম ইনিংসে ৩৮২ রান করা বাংলাদেশ পেয়েছে ২৩৬ রানের লিড। তাদের সামনে ফলো-অন করানোর সুযোগ থাকলেও, নিজেরাই আবার ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে।

সংক্ষিপ্ত স্কোর: 

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৮২ 

আফগানিস্তান ১ম ইনিংস: ৩৯ ওভারে ১৪৬ (ইব্রাহিম ৬, মালিক ১৭, রহমত ৯, শাহিদি ৯, জামাল ৩৫, জাজাই ৩৬, জানাত ২৩, হামজা ৬, আহমাদজাই ০, মাসুদ ০, জাহির ০*; তাসকিন ৭-০-৪৮-০, শরিফুল ৮-২-২৮-২, ইবাদত ১০-১-৪৭-৪, তাইজুল ৫-০-৭-২, মিরাজ ৯-১-১৫-২)

15 Jun 2023, 03:43 PM

শুরুতেই জীবন পেলেন জয়

দ্বিতীয় ইনিংসের শুরুতে বেঁচে গেলেন মাহমুদুল হাসান জয়। ইয়ামিন আহমাদজাইয়ের প্রথম ওভারের শেষ বলে অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ড্রাইভ করার চেষ্টায় জয়ের ব্যাটের বাইরের কানায় লাগে। কিন্তু তৃতীয় স্লিপে ক্যাচ নিতে পারেননি নাসির জামাল।

ওই ওভারের চতুর্থ বলে ফাইন লেগ দিয়ে চার মেরে রানের খাতা খোলেন জয়। পরের ওভারের প্রথম বলে স্কয়ার কাটে দ্বিতীয় চার মারেন তিনি। এক বল পর আবার বাউন্ডারির দেখা পান তরুণ ওপেনার।

২৩৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। জয়ের উদ্বোধনী সঙ্গী জাকির হাসান।

15 Jun 2023, 03:43 PM

জীবন পেয়েও টিকতে পারলেন না জয়

প্রথম ওভারের শেষ বলে ক্যাচ দিয়েও বেঁচে যান মাহমুদুল হাসান জয়। কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না তরুণ ওপেনার। পরের ওভারের শেষ বলে ধরলেন ড্রেসিং রুমের পথ। 

দ্বিতীয় ওভারটি শুরু করেন নিজাত মাসুদ। পাঁচ বলে ৩টি চারসহ ১৩ রান দেওয়ার পর ডান হাতের আঙুলের সমস্যায় বেরিয়ে যান তিনি। ওভারের শেষ বলটি করতে আসেন আমির হামজা হোতাক। 

অফ স্টাম্পের বাইরের ডেলিভারি শরীরের অনেক দূর থেকে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন জয়। ব্যাটের বাইরের কানায় লেগে কিপারের পা ছুঁয়ে বল জমা পড়ে স্লিপে দাঁড়ানো ইব্রাহিম জাদরানের হাতে!

৪ চারে ১৩ বলে ১৭ রান করেছেন জয়। ক্রিজে জাকির হাসানের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।

15 Jun 2023, 04:10 PM

খরুচে বোলিংয়ের পর শান্তকে জীবন দিলেন মাসুদ

অফ স্টাম্পের ওপর ফুল লেংথ ডেলিভারি কিছুটা তুলে ড্রাইভ করলেন নাজমুল হোসেন শান্ত। ফলো থ্রুতে ক্যাচের সুযোগ পেলেন নিজাত মাসুদ। কিছুটা নিচু হয়ে ধরার চেষ্টা করলেও হাতে রাখতে পারেননি আফগান পেসার। ৯ রানে বেঁচে যান শান্ত।

ওই ওভারের আগের পাঁচ বলে ৩টি চারসহ মোট ১৩ রান খরচ করেন মাসুদ। এর আগে নিজের প্রথম ওভারে পাঁচ বল করে হাতের তালুর সমস্যায় বেরিয়ে যান তিনি। ওই ওভারেও তিন চারে দেন ১৩ রান। 

৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪৩ রান। লিড বেড়ে দাঁড়িয়েছে ২৭৯ রান। শান্ত ৯ ও জাকির হাসান ১৫ রানে খেলছেন।

15 Jun 2023, 04:15 PM

৮ ওভারে বাংলাদেশের পঞ্চাশ

বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুতগতিতে রান তুলছে বাংলাদেশ। ৮ ওভারের মধ্যে পূরণ হয়েছে তাদের দলীয় পঞ্চাশ। 

৮ ওভারে তাদের সংগ্রহ ১ উইকেটে ৫১ রান। লিড বেড়ে দাঁড়িয়েছে ২৮৭। 

১৩ বলে ১৭ রান করে আউট হয়েছেন মাহমুদুল হাসান জয়। আরেক ওপেনার জাকির হাসান খেলছেন ২০ বলে ২২ রানে। তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত অপরাজিত ১০ রানে।

15 Jun 2023, 04:37 PM

শান্ত-জাকিরের জুটির পঞ্চাশ, তিনশ ছাড়াল লিড

Image

শুরুতেই মাহমুদুল হাসান জয়ের বিদায়ের পর দলকে এগিয়ে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। দ্বিতীয় উইকেটে এরই মধ্যে ৫০ ছোঁয়া জুটি গড়েছেন দুই বাঁহাতি ব্যাটসম্যান। 

১২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৭৩ রান। তিনশ পেরিয়ে লিড এখন ৩০৯। শান্ত-জাকিরের জুটি ৫৫ রানের।

প্রথম ইনিংসে অল্পে ফেরা জাকির খেলছেন ৩১ বলে ৩১ রানে। শান্ত ৩০ বলে করেছেন ২২ রান।

15 Jun 2023, 05:12 PM

শান্তর টানা চারটি চার

কিছুটা ঝিমিয়ে আসছিল বাংলাদেশের রানের গতি। ইয়ামিন আহমাদজাইয়ের ওভারে টানা ৪টি চার মেরে রানের পালে হাওয়া দিলেন নাজমুল হোসেন শান্ত।

মিড উইকেট দিয়ে প্রথম চারের পর মিড অন দিয়ে পরেরটি মারেন শান্ত। শেষ দুইটি চার আসে এক্সট্রা কভার ও ডিপ ফাইন লেগ দিয়ে।

এই ৪ চারের সৌজন্যে পূরণ হয়েছে দলীয় শত রান। ১৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১১২ রান। ওভারপ্রতি রান তোলার হার ৬.২২! 

পঞ্চাশের দুয়ারে দাঁড়িয়ে ৪২ রানে খেলছেন শান্ত। তার সঙ্গী জাকির হাসান অপরাজিত ৪৪ রানে। দুজনের জুটির সংগ্রহ ৯৪ রান।

15 Jun 2023, 05:29 PM

আম্পায়ার্স কলে বাঁচার পর শান্তর ফিফটি, সঙ্গী জাকিরও

আমির হামজা হোতাকের মিডল স্টাম্পের ওপর করা লেংথ ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারলেন না নাজমুল হোসেন শান্ত। প্যাডে আঘাত করতেই জোরাল আবেদন আফগানিস্তানের ফিল্ডারদের। 

আত্মবিশ্বাসের সঙ্গে রিভিউ নেয় সফরকারীরা। রিপ্লেতে দেখা যায় পিচিং ও ইমপ্যাক্ট ঠিক জায়গায়ই ছিল। তবে স্রেফ অল্পের জন্য ছুঁয়ে যেত স্টাম্প। যা আম্পায়ার্স কল হিসেবে বিবেচনা করা হয়। ফলে বেঁচে যান শান্ত। 

ওই ওভারের প্রথম বলে এক রান নিয়ে জাকির হাসানের সঙ্গে জুটির শতরান পূরণ করেন শান্ত। আর ওভারের শেষ বলে কাট শটে চার মেরে নিজের পঞ্চাশ স্পর্শ করেন জাকির হাসান।

৫৬ বলে ৬ চারে পঞ্চাশে পৌঁছান তিনি। তিন টেস্টের ক্যারিয়ারে জাকিরের তৃতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংস এটি। এর মধ্যে অভিষেকেই ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেন বাঁহাতি এই ওপেনার।

পরের ওভারে চার মেরে নিজের চতুর্থ ফিফটি করেন শান্ত। ৬১ বলে ৮ চার মারেন তিনি। ক্যারিয়ারে প্রথমবার এক ম্যাচের দুই ইনিংসে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন বাঁহাতি টপ-অর্ডার ব্যাটসম্যান। 

বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৩১ রান। লিড বেড়ে দাঁড়িয়েছে ৩৬৭।

15 Jun 2023, 05:33 PM

১৬ উইকেটের দিনে বাংলাদেশের বড় লিড

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের দিনের শুরুটা ছিল হতাশাময়। তবে দারুণ বোলিংয়ে ঘুরে আফগানিস্তানকে অল্পেই অলআউট করে তারা। পরে জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ স্বাগতিকদের হাতেই।

দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৩৪ রান। প্রথম বারে ২৩৬ রানে এগিয়ে থাকার সৌজন্যে তাদের লিড এখন ৩৭০ রান। ফিফটি ছুঁয়ে জাকির-শান্ত দুজনই অপরাজিত ৫৪ রানে।

আলোকস্বল্পতা বা বৃষ্টির কোনো বাগড়া দেখা না দিলেও দ্বিতীয় খেলা হলো স্রেফ ৬৯ ওভার। সারা দিনে পড়েছে ১৬টি উইকেট।

৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। প্রথম সেশনে স্রেফ ৪৫ মিনিটে ৪৩ বলের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। স্কোরবোর্ডে যোগ হয় মোটে ২০ রান।

ব্যাটসম্যানরা হতাশ করলেও বোলাররা ম্যাচে রাখেন স্বাগতিকদের। ৩৯ ওভারের বেশি খেলতে পারেনি আফগানরা। তাদের ১৪৬ রানে গুটিয়ে দিয়ে ২৩৬ রানের লিড পায় বাংলাদেশ।

ইবাদত হোসেন চৌধুরি নেন ৪ উইকেট। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ ধরেন ২টি করে শিকার।

সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন আফসার জাজাই। নাসির জামালের ব্যাট থেকে আসে ৩৫ রান।

২০০ রানের বেশি লিড পাওয়ায় ফলো-অনের সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে ম্যাচের এখনও অনেক সময় থাকায় হয়তো সে পথে হাঁটেনি তারা।

পুনরায় ব্যাটিংয়ে নেমে শুরুতেই ড্রেসিংরুমের পথ ধরেন মাহমুদুল হাসান জয়৷ পরে আর বিপদ ঘটতে দেননি শান্ত ও জাকির। অবিচ্ছিন্ন জুটিতে ১১৬ রান যোগ করেছেন তারা।

সংক্ষিপ্ত স্কোর: 

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৬ ওভারে ৩৮২ (আগের দিন ৩৬২/৫) (মুশফিক ৪৭, মিরাজ ৪৮, তাসকিন ২, তাইজুল ০, শরিফুল ৬, ইবাদত ০*; ইয়ামিন ১০-১-৩৯-২, মাসুদ ১৬-২-৭৯-৫, করিম ১১-৩-৩৩-০, জাহির ১৬-০-৯৮-১, হামজা ২৪-১-৮৫-১, শাহিদি ৩-০-৯-০, রহমত ৬-১-৩০-১)

আফগানিস্তান ১ম ইনিংস: ৩৯ ওভারে ১৪৬ (ইব্রাহিম ৬, মালিক ১৭, রহমত ৯, শাহিদি ৯, জামাল ৩৫, জাজাই ৩৬, জানাত ২৩, হামজা ৬, আহমাদজাই ০, মাসুদ ০, জাহির ০*; তাসকিন ৭-০-৪৮-০, শরিফুল ৮-২-২৮-২, ইবাদত ১০-১-৪৭-৪, তাইজুল ৫-০-৭-২, মিরাজ ৯-১-১৫-২) 

বাংলাদেশ ২য় ইনিংস: ২৩ ওভারে ১৩৪/১ (জয় ১৭, জাকির ৫৪*, শান্ত ৫৪*; আহমাদজাই ৫-০-৩৪-০, মাসুদ ৩.৫-০-৩০-০, হামজা ৬.১-০-২৭-১, জানাত ৪-০-২৪-০, জাহির ৪-০-১৯-০)