15 Feb 2026, 10:56 PM
৬১ রানের জয়ে সুপার এইটে ভারত
দুটি ক্যাচ ছুটলেও ১৮তম ওভারেই শেষ হলো পাকিস্তানের ইনিংস। ৬১ রানের জয়ে সুপার এইটে জায়গা করে নিল ভারত।
হার্দিক পান্ডিয়ার বলে শাহিন শাহ আফ্রিদির একট ক্যাচ ছাড়েন উইকেটরক্ষক ইশান কিষাণ। অন্য ক্যাচটি ছাড়েন কুলদিপ ইয়াদাভ, উল্টো ছক্কা বানিয়ে দেন তিনি।
ওভারের শেষ বলে উসমান তারিককে বোল্ড করে ম্যাচের ইতি টানেন পান্ডিয়া।
১৭৫ রান তাড়ায় ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৭৫/৭ (ইশান ৭৭, আভিশেক ০, তিলাক ২৫, সুরিয়াকুমার ৩২, পান্ডিয়া ০, শিভাম ২৭, রিঙ্কু ১১*, আকসার ০; সালমান ২-০-১০-১, আফ্রিদি ২-০-৩১-১, সাইম ৪-০-২৫-৩, আবরার ৩-০-৩৮-০, শাদাব ১-০-১৭-০, নাওয়াজ ৪-০-২৮-০, তারিক ৪-০-২৪-১)
পাকিস্তান: ১৮ ওভারে ১১৪ (সাহিবজাদা ০, সাইম ৬, সালমান ৪, বাবর ৫, উসমান ৪৪, শাদাব ১৪, নাওয়াজ ৪, ফাহিম ১০, আফ্রিদি ২৩*, আবরার ০, তারিক ০; পান্ডিয়া ৩-১-১৬-২, বুমরাহ ২-০-১৭-২, আকসার ৪-০-২৯-২, ভারুন ৩-০-১৭-২, কুলদিপ ৩-০-১৪-১, তিলাক ২-০-১১-১, রিঙ্কু ১-০-৯-০)
15 Feb 2026, 10:49 PM
ভারুনের জোড়া আঘাতে জয়ের দুয়ারে ভারত
ষোড়শ ওভারে আক্রমণে এসে পরপর দুই বলে ফাহিম আশরাফ ও আবরার আাহমেদকে বিদায় করলেন ভারুন চক্রবর্তী।
রহস্য স্পিনারকে ছক্কা মারতে গিয়ে রিঙ্কু সিংয়ের হাতে ধরা পড়েন ফাহিম। তিনি ১৪ বলে করেন ১০ রান।
গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান আবরার। স্টাম্পে থাকা ডেলিভারির লাইন মিস করে এলবিডব্লিউ হন তিনি।
পরের বলে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হয় ভারত। বল যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে। তাতে হ্যাটট্রিক হয়নি ভারুনের।
15 Feb 2026, 10:29 PM
ছক্কার চেষ্টায় অক্কা শাদাব
বোলিংয়ে এসে সাফল্য পেলেন তিলাক ভার্মা। তাকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় সীমানায় শিভাম দুবের হাতে ধরা পড়লেন শাদাব খান।
অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ বলে টাইমিং করতে পারেননি শাদাব। সীমানায় আরেকটি ক্যাচ নেন শিভাম।
১৫ বলে এক চারে ১৪ রান নেন শাদাব।
১৩ ওভারে পাকিস্তানের রান ৭ উইকেটে ৮৪। ক্রিজে ফাহিম আশরাফের সঙ্গী শাহিন শাহ আফ্রিদি।
15 Feb 2026, 10:24 PM
ফুলটসে ক্যাচ দিলেন নাওয়াজ
কুলদিপ ইয়াদাভের বলে ছক্কা মারতেই পারতেন মোহাম্মদ নাওয়াজ। কিন্তু টাইমিংয়ে গড়বড় করে তিনি দিলেন ক্যাচ। আরেকটি উইকেট হারাল পাকিস্তান।
অফ স্টাম্পের একটু বাইরের বলে ছক্কার চেষ্টায় ব্যাট চালিয়ে দেন নাওয়াজ। কিন্তু খুব একটা জোর ছিল না শটে। সহজেই মুঠোয় নেন শিভাম দুবে।
৫ বলে নাওয়াজ করেন ৪ রান।
১২ ওভারে পাকিস্তানের রান ৬ উইকেটে ৭৮। ক্রিজে শাদাব খানের সঙ্গী ফাহিম আশরাফ।
15 Feb 2026, 10:16 PM
উসমানকে থামালেন আকসার
দ্রুত রান তোলার চেষ্টায় থাকা উসমান খানকে বিদায় করলেন আকসার প্যাটেল। চার ওভারে দুটি উইকেট পেলেন বাঁহাতি এই স্পিনার।
বেরিয়ে এসে চড়াও হওয়ার চেষ্টায় বলের নাগাল পাননি উসমান। সহজ সুযোগ লাগিয়ে বেলস ফেলে দেন উইকেটরক্ষক ইশান কিষান। ৩৪ বলে এক ছক্কা ও ছয়টি চারে ৪৪ রান করেন উসমান।
১১ ওভারে পাকিস্তানের রান ৫ উইকেটে ৭৩। ক্রিজে শাদান খানের সঙ্গী মোহাম্মদ নাওয়াজ।
15 Feb 2026, 09:51 PM
পারলেন না বাবর, বাড়ল বিপদ
দলকে টানতে পারলেন না বাবর আজম। আকসার প্যাটেলের বলের লাইন মিস করে বোল্ড হয়ে গেলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
পাওয়ার প্লেতে চতুর্থ উইকেট হারাল পাকিস্তান।
৭ বলে ৫ রান করতে পারলেন বাবর।
৫ ওভারে পাকিস্তানের রান ৪ উইকেটে ৩৪ রান। ক্রিজে উসমান খানের সঙ্গী শাদাব খান।
15 Feb 2026, 09:38 PM
টিকলেন না সালমান
আগের বলে চমৎকার শটে বাউন্ডারি পেলেন সালমান আলি আগা। পরের বলে বড় শটের আশায় ক্যাচ দিলেন পাকিস্তান অধিনায়ক।
নিজের প্রথম ওভারে ১৩ রান দিলেও দুটি উইকেট পেলেন জাসপ্রিত বুমরাহ।
অফ স্টাম্পের বাইরের বলে মিড অনের উপর দিয়ে খেলেত চেয়েছিলেন সালমান। টাইমিং করতে পারেননি তিনি। সহজ ক্যাচ নেন হার্দিক পান্ডিয়া।
২ ওভারে পাকিস্তানের রান ৩ উইকেটে ১৩। ক্রিজে বাবর আজমের সঙ্গী উসমান খান।
15 Feb 2026, 09:35 PM
বুমরাহর দারুণ ইয়র্কারে এলবিডব্লিউ সাইম
জাসপ্রিত বুমরাহর প্রথম বলে ব্যাটের কানায় লেগে ছয় রান পেলেন সাইম আইয়ুব। পরের বল সামলাতে না পেরে এলবিডব্লিউ হয়ে বিদায় নিলেন এই ওপেনার।
প্রথম দুই ওভারে দুই ওপেনারকে হারাল পাকিস্তান।
বুমরাহর ইয়র্কারের লাইনে যেতে পারেননি সাইম। আম্পায়আর আউট দেওয়ার পর রিভিউ নেন তিনি। তাতে অবশ্য কোনো কাজ হয়নি। বল আঘাত হান লেগ-মিডল স্টাম্পে।
15 Feb 2026, 09:31 PM
শূন্যতেই শেষ সাহিবজাদা
ভারতের মতো পাকিস্তানও প্রথম ওভারে হারাল প্রথম উইকেট। হার্তিক পান্ডিয়াকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় সহজ ক্যাচ দিলেন সাহিবজাদা ফারহান।
প্রথম তিনটি বল ডট খেলেন সাহিবজাদা। পটরে অফ স্টাম্পের বাইরের বল টেনে লেগে খেলতে গিয়ে গড়বড় করে ফেলেন তিনি। মিড অনে ক্যাচ দেন পাকিস্তানের ওপেনার।
প্রথম ওভার মেডেন নেন পান্ডিয়া।
ক্রিজে সাইম আইয়ুবের সঙ্গী সালমান আলি আগা।
15 Feb 2026, 09:19 PM
শেষ ওভারেও খরুচে আফ্রিদি
দ্বিতীয় ওভারে এসে খরুচে বোলিং করেছিলেন শাহিন শাহ আফ্রিদি, শেষ ওভারেও রান বিলিয়ে গেলেন বাঁহাতি এই পেসার।
দুটি উইকেট হারালেও শেষ ওভার থেকে ১৬ রান নেয় ভারত।
২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান করে সুরিয়াকুমার ইয়াদাভের দল। ৪ বলে একটি করে ছক্কা ও চারে ১১ রানে অপরাজিত থাকেন রিঙ্কু সিং।
২ রান নেওয়ার চেষ্টায় দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝিতে রান রান আউট হয়ে যান শিভাম দুবে। ১৭ বলে এক ছক্কা ও তিন চারে ২৭ রান করেন তিনি।
ইনিংসের শেষ বল ছক্কায় ওড়ানোর চেষ্টায় সাইম আইয়ুবের হাতে ধরা পড়েন আকসার প্যাটেল।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৭৫/৭ (ইশান ৭৭, আভিশেক ০, তিলাক ২৫, সুরিয়াকুমার ৩২, পান্ডিয়া ০, শিভাম ২৭, রিঙ্কু ১১*, আকসার ০; সালমান ২-০-১০-১, আফ্রিদি ২-০-৩১-১, সাইম ৪-০-২৫-৩, আবরার ৩-০-৩৮-০, শাদাব ১-০-১৭-০, নাওয়াজ ৪-০-২৮-০, তারিক ৪-০-২৪-১)
15 Feb 2026, 09:08 PM
সুরিয়াকুমারকে ফেরালেন তারিক
অপেক্ষা করতে লাগলেন সুরিয়াকুমার ইয়াদাভ, কখন বল ছুঁড়বেন উসমান তারিক। অপ্রথাগত স্পিনার অনেক সময় নিয়ে বোলিং করলেন। গায়ের জোরে সেটিকে ছক্কায় পরিণত করতে গিয়ে সীমানায় ধরা পড়লেন সুরিয়াকুমার।
২৯ বলে তিন চারে ৩২ রান করে ফিরলেন ভারত অধিনায়ক। ভাঙল ২৬ বল স্থায়ী ৩৩ রানের জুটি।
১৯ ওভারে ভারতের রান ৫ উইকেটে ১৫৯। ক্রিজে শিভাম দুবের সঙ্গী রিঙ্কু সিং।
15 Feb 2026, 08:54 PM
সাইমের জোড়া আঘাত
পরপর দুই বলে তিলাক ভার্মা ও হার্দিক পান্ডিয়াকে বিদায় করলেন সাইম আইয়ুব।
স্টাম্পে থাকা বলে স্লগ সুইপ করতে গিয়ে সফল হননি তিলাক। আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ না নিয়েই ফেরে যান তিনি। ভাঙে ৩৪ বল স্থায়ী ৩৮ রানের জুটি।
তিলাক ২৪ বলে এক ছক্কা ও দুই চারে করেন ২৫ রান।
পরের বলে ছক্কার চেষ্টায় বাবর আজমের হাতে ধরা পড়েন পান্ডিয়া। শরীর থেকে অনেক দূরের বলে টাইমিং করতে পারেননি তিনি।
বলের বলে একটুর জন্য শিভাম দুবের উইকেট পাননি সাইম। হয়নি হ্যাটট্রিক।
১৫ ওভারে ভারতের রান ৪ উইকেটে ১২৭।
15 Feb 2026, 08:34 PM
আম্পায়ার্স কলে বাঁচলেন সুরিয়াকুমার
মোহাম্মদ নাওয়াজের বলে আম্পায়ার এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। আম্পায়ার্স কলে বেঁচে গেলেন ভারত অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ।
নাওয়াজের বল ছুঁয়ে যেত লেগ স্টাম্পের বাইরের অংশ। তাতে টিকে যান সুরিয়াকুমার। সে সময় ৯ রানে ছিলেন তিনি।
১২ ওভারে ভারতের রান ২ উইকেটে ১০৮।
15 Feb 2026, 08:18 PM
ইশান-ঝড় থামালেন সাইম
দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়ে ফিরলেন ইশান কিষান। সাইম আইয়ুবের চমৎকার ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন বাঁহাতি এই ওপেনার।
অফ স্পিনারের বলে স্টাম্প ছেড়ে মারতে চেয়েছিলেন ইশান। বলের লাইনে যেতে পারেননি, শটও খেলেন আগেভাগেই। বেল ছুঁয়ে যায় বল। ভাঙে ৪৬ বল স্থায়ী ৮৭ রানের জুটি।
৪০ বলে তিন ছক্কা ও ১০ চারে ৭৭ রান করেন ইশান।
৯ ওভারে ভারতের রান ২ উইকেটে ৮৯। ক্রিজে তিলাক ভার্মার সঙ্গী অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ।
15 Feb 2026, 08:05 PM
২৭ বলে ইশানের পঞ্চাশ
শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করা ইশান কিষান পঞ্চাশ স্পর্শ করেছেন ২৭ বলে।
সপ্তম ওভারে আবরার আহমেদকে টানা তিনটি চার মারেন ইশান। এর দ্বিতীয়টিতে রান যায় পঞ্চাশে।
পাকিস্তানের স্পিনারদের লাইন, লেংথ এলোমেলো করে দিচ্ছেন বাঁহাতি এই ওপেনার। যেন অন্য কোনো উইকেটে ব্যাটিং করছেন তিনি। বল ফেলার জন্য যেন জায়গা পাচ্ছেন না পাকিস্তানের স্পিনাররা। কখনও শর্ট বল করছেন, কখনও হাফ ভলি। সেগুলো কাজে লাগিয়ে নিয়মিতই বাউন্ডারি পাচ্ছেন ইশান।
৭ ওভারে ভারতের রান ১ উইকেটে ৬৫। ৩১ বলে ইশানের রান ৫৫। ৭ বলে তিলাক ভার্মার রান ১০।
15 Feb 2026, 07:59 PM
ইশানের পাল্টা আক্রমণ, জুটির পঞ্চাশ
আভিশেক শার্মার দ্রুত বিদায়ের পর পাল্টা আক্রমণে ভারতকে টানছেন ইশান কিষাণ। বাঁহাতি ব্যাটসম্যানের দৃঢ়তায় পাওয়ার প্লেতে দ্রুত রান করতে পেরেছে ভারত।
৬ ওভারে ভারতের রান ১ উইকেটে ৫২। তিলাক ভার্মার সঙ্গে ইশানের দ্বিতীয় উইকেটে এসেছে পঞ্চাশ রান, ৩০ বলে।
২৫ বলে দুই ছক্কা ও পাঁচ চারে ৪২ রানে খেলছেন ইশান। ৭ বলে দুই চারে ১০ রানে খেলছেন তিলাক।
15 Feb 2026, 07:39 PM
শূন্যতেই শেষ আভিশেক
টস জিতে বোলিং নেওয়ার পর নিজেই প্রথম ওভারে আক্রমণে এলেন সালমান আলি আগা। সাফল্যও পেলেন পাকিস্তান অধিনায়ক। বড় শট খেলতে গিয়ে শূন্য রানে ফিরলেন আভিশেক শার্মা।
দ্বিতীয় বলে সিঙ্গেল নেন ইশান কিষান। অসুস্থতা কাটিয়ে ফেরা আভিশেক তিনটি বল খেলেন ডট। ওভারের শেষ বলে ছক্কা মেরে চাপ সরিয়ে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু টাইমিং করতে পারেননি, সহজ ক্যাচ যায় শাহিন শাহ আফ্রিদির হাতে।
১ ওভারে ভারতের রান ১ উইকেটে ১। ক্রিজে ইশানের সঙ্গী তিলাক ভার্মা।
15 Feb 2026, 07:16 PM
ভারত একাদশে আভিশেক
পেটের সংক্রমণ কাটিয়ে উঠেছেন আভিশেক শার্মা। পাকিস্তানের বিপক্ষে তাকে একাদশে রেখেছে ভারত। নামিবিয়ার বিপক্ষে জেতা ম্যাচের একাদশ থেকে আরেকটি পরিবর্তন এনেছে তারা, ফিরেছেন কুলদিপ ইয়াদাভ।
বিস্ফোরক ওপেনার আভিশেক ও বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ইয়াদাভকে একাদশে জায়গা দিতে বাদ পড়েছেন সাঞ্জু স্যামসন ও আর্শদিপ সিং।
অর্থাৎ একাদশে স্পিনার বাড়িয়েছে ভারত। ভারুন চক্রবর্তী, কুলদিপের সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার আকসার প্যাটেল।
ভারত একাদশ: আভিশেক শার্মা, ইশান কিষান, তিলাক ভার্মা, সুরিয়াকুমার ইয়াদাভ (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, রিঙ্কু সিং, আকসার প্যাটেল, কুলদিপ ইয়াদাভ, ভারুন চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ।
15 Feb 2026, 07:12 PM
অপরিবর্তিত পাকিস্তান
যুক্তরাষ্ট্রের বিপক্ষে জেতা ম্যাচের একাদশ নিয়েই খেলতে নামছে পাকিস্তান। আলোচিত স্পিনার উসমান তারিক তাই টানা দ্বিতীয় ম্যাচ খেলছেন পাকিস্তানের জার্সিতে।
পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মাদ নাওয়াজ, শাদাব খান, ফাহিম আশরাফ, উসমান খান, শাহিন শাহ আফ্রিদি, আবরার আহমেদ, উসমান তারিক।
15 Feb 2026, 07:10 PM
টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান
টসের সময় কয়েন ছুঁড়লেন সুরিয়াকুমার ইয়াদাভ। হেডস ডাকলেন সালমান আলি আগা। উঠল হেডস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন পাকিস্তান অধিনায়ক।
বোলারদের শুরুতে কন্ডিশনের সুবিধা দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়ার ওঠা বললেন সালমান। তবে আগে ব্যাটিংয়ে সমস্যা নেই ভারতেরও, বলেছেন ভারত অধিনায়ক সুরিয়াকুমার।
টসের সময় হাত মেলাননি দুই অধিনায়ক।
15 Feb 2026, 06:58 PM
হাত মেলাবেন ক্রিকেটাররা?
ম্যাচ নিয়ে অনিশ্চয়তা কেটে যাওয়ার পর শুরু হয় করমর্দন নিয়ে চর্চা। গত সেপ্টেম্বরে এশিয়া কাপে তিনবারের দেখায় একবারও পাকিস্তানের অধিনায়ক ও খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি ভারতের কেউ। যা নিয়ে জল গড়িয়েছিল অনেক দূর। পাকিস্তানকে ফাইনালে হারালেও ট্রফি নিয়ে ফিরতে পারেনি ভারত।
পরে উইমেন’স বিশ্বকাপে ও যুব বিশ্বকাপেও হাত মেলায়নি ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা। সাবেকদের টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করে ভারত।
এশিয়া কাপের ওই ফাইনালের পর আবার মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ক্রিকেটাররা এবার হাত মেলাবেন কি না, সেটি নিয়ে চলছে নানা চর্চা। পাকিস্তান অধিনায়ক এ বিষয়ে বলতে গিয়ে টেনেছেন ক্রিকেটের চিরন্তন চেতনার কথা। ভারত অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ সরাসরি উত্তর না দিয়ে রহস্য রেখে দিয়েছেন।
15 Feb 2026, 06:58 PM
ইতিহাস পাকিস্তানের বিপক্ষে
বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াইয়ে দাপট চলে ভারতেরই। এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে আটবারের দেখায় একবারও প্রতিবেশিদের কাছে হারেনি ভারত। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে আটবারের সাক্ষাতে পরাজয় কেবল একটি।
সব মিলিয়ে, টি-টোয়েন্টিতে দুই দলের ১৬ ম্যাচের ১৩টিতেই জয়ের স্বাদ পেয়েছে ভারত। গত সেপ্টেম্বরের এশিয়া কাপে ফাইনালসহ তিনবারের দেখায় প্রতিবারই পাকিস্তানকে হারায় তারা।
15 Feb 2026, 06:52 PM
শঙ্কার প্রহর পেরিয়ে ম্যাচ শুরুর দুয়ারে
শঙ্কা জেগেছিল ভারত ও পাকিস্তানের এই ম্যাচ নিয়ে। নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে যেতে রাজি না হওয়ায় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় আইসিসি। এর প্রতিবাদে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার।
লাহোরে আইসিসি, বিসিসি ও পিসিবির আলোচনায় সমস্যার সমাধান হয়। পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান বিসিবি প্রধান আমিনুল ইসলাম। পাকিস্তান সরকারের প্রতি একই অনুরোধ করে শ্রীলঙ্কা সরকার।
এরপর পাকিস্তান সরকার রোববারের ম্যাচে খেলার অনুমতি দেয়।
15 Feb 2026, 06:40 PM
বিশ্বকাপের মহারণে মুখোমুখি ভারত-পাকিস্তান
অনেক নাটকীয়তার প্রহর পেরিয়ে ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইয়ের একটিতে মুখোমুখি হতে যাচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান।
কলম্বোয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতেছে ভারত। রান রেটে এগিয়ে থেকে চূড়ায় আছে সুরিয়াকুমার ইয়াদাভের দল।
টানা দুই জয় পেয়েছে পাকিস্তান। রান রেটে পিছিয়ে সালমান আলি আগার দল আছে দুই নম্বরে।
এই ম্যাচের জয়ী দল জায়গা করে নেবে সুপার এইটে। হেরে যাওয়া দলের সামনেও সুযোগ থাকবে তাদের সঙ্গী হওয়ার।