- পারল না ইংল্যান্ড, ৭ রানে জিতল ভারত
- কারানের বিদায়ে ভাঙল জুটি
- বুমরাহর দারুণ ওভার
- আরেকটি দুর্দান্ত ক্যাচ
- বেথেল-জ্যাকসের জুটিতে পঞ্চাশ
- ১৯ বলে বেথেলের পঞ্চাশ
- ব্যান্টনকেও হারাল ইল্যান্ড
- আবারও ব্যর্থ বাটলার
- আকসারের দুর্দান্ত ক্যাচ
- শুরুতে ফিরলেন সল্ট
- আগ্রাসী ব্যাটিংয়ে ভারতের ২৫৩
- তিন ছক্কা মেরে আউট তিলাক
- রান আউট দুবে
- ছক্কার পর অক্কা সুরিয়াকুমার
- স্যামসন ঝড় থামালেন জ্যাকস
- ইশানের বিদায়ে ভাঙল জুটি
- ২৬ বলে স্যামসনের পঞ্চাশ
- স্যামসন-ইশানের জুটিতে পঞ্চাশ
- পাওয়ার প্লেতে স্যামসন-ইশানের ঝড়
- স্যামসনের ক্যাচ ছাড়লেন ব্রুক
- শুরুতেই ফিরলেন আভিশেক
- ইংল্যান্ড একাদশে ফিরলেন ওভারটন
- অপরিবর্তিত ভারত একাদশ
- টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
- ফাইনালে যাওয়ার লড়াইয়ে ভারত-ইংল্যান্ড
05 Mar 2026, 11:26 PM
পারল না ইংল্যান্ড, ৭ রানে জিতল ভারত
রোমাঞ্চকর লড়াইয়ে ভারতের সঙ্গে পারল না ইংল্যান্ড। জ্যাকব বেথেলের প্রথম সেঞ্চুরির পরও ৭ রানে হারাল সাবেক চ্যাম্পিয়নরা।
টানা দুই আসরে সেমি-ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল ভারত। শিরোপা ধরে রাখার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড।
২৫৩ রান তাড়ায় ৭ উইকেটে ২৪৬ রান করেছে ইংল্যান্ড।
শেষ ওভারে প্রয়োজন ছিল ৩০ রান। শিভাম দুবের করা ওভারের প্রথম বলে দুই রান নিতে গিয়ে রান আউট হয়ে যান বেথেল। ৪৮ বলে সাত ছক্কা ও আট চারে তিনি করেন ১০৫ রান।
পরের দুই বলে আসে দুটি সিঙ্গেল।
জফ্রা আর্চার ছক্কা হাঁকানোর পর ওয়াইড বল করেন দুবে। শেষ দুই বলে তিনি হজম করেন দুটি ছক্কা। তবে এগুলো ব্যবধানই কমিয়েছে কেবল।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ২৫৩/৭ (স্যামসন ৮৯, আভিশেক ৯, ইশান ৩৯, দুবে ৪৩, সুরিয়াকুমার ১১, পান্ডিয়া ২৭, তিলাক ২১, আকসার ২*, ভারুন ০*; আর্চার ৪-০-৬১-১, জ্যাকস ৪-০-৪০-২, ওভারটন ৩-০-৩৬-০, কারান ৪-০-৫৩-০, রাশিদ ৪-০-৪১-২, ডসন ১-০-১৯-০)
ইংল্যান্ড: ২০ ওভারে ২৪৬/৭ (সল্ট ৫, বাটলার ২৫, ব্রুক ৭, বেথেল ১০৫, ব্যান্টন ১৭, জ্যাকস ৩৫, কারান ১৮, ওভারটন ২*, আর্চার ১৯*; আর্শদিপ ৪-০-৫১-১, পান্ডিয়া ৪-০-৩৮-২, বুমরাহ ৪-০-৩৩-১, ভারুন ৪-০-৬৪-১, আকসার ৩-০-৩৫-১, দুবে ১-০-২২-০)
05 Mar 2026, 11:13 PM
কারানের বিদায়ে ভাঙল জুটি
হার্দিক পান্ডিয়ার নিচু ফুলটসে ছক্কার চেষ্টায় সীমানায় ধরা পড়লেন স্যাম কারান। ভাঙল ২৭ বল স্থায়ী ৫০ রানের জুটি।
১৪ বলে দুই চারে কারান করেন ১৮ রান।
১৯ ওভারে ইংল্যান্ডের রান ৬ উইকেটে ২২৪। জয়ের জন্য শেষ ওভারে ৩০ রান চাই ইংল্যান্ডের।
05 Mar 2026, 11:08 PM
বুমরাহর দারুণ ওভার
শেষ ৩ ওভারে প্রয়োজন ৪৫ রান। ১৮তম ওভারে মাত্র ৬ রান দিলেন জাসপ্রিত বুমরাহ।
প্রথম তিন বলে তিনটি নিখুঁত ইয়র্কার করেন অভিজ্ঞ পেসার।
১৮ ওভারে ইংল্যান্ডের রান ৫ উইকেটে ২১৫। শেষ ২ ওভারে ৩৯ রান চাই তাদের।
05 Mar 2026, 10:49 PM
আরেকটি দুর্দান্ত ক্যাচ
টানা তিন ওয়াইডের পর সাফল্য পেলেন আর্শদিপ সিং। চমৎকার ক্যাচ নিয়ে এতে বড় ভূমিকা রাখলেন আকসার প্যাটেল ও শিভাম দুবে।
মূল কাজটা অবশ্য করেন আকসার। নিচু ফুলটস বলে জ্যাকস ব্যাট চালিয়ে দিলে বল যান ডিপ কাভারে। সেখানে বাম দিকে সরে গিয়ে বল মুঠোয় নিয়ে, বাউন্ডারিতে পা পড়ার আগেই ভেতরে ছুঁড়ে দেন আকসার। বাকিটা অনায়াসে সারেন দুবে। ভাঙে ৩৯ বল স্থায়ী ৭৭ রানের জুটি।
২০ বলে দুই ছক্কা ও চারটি চারে ৩৫ রান করেন জ্যাকস।
১৪ ওভারে ইংল্যান্ডের রান ৫ উইকেটে ১৭২। ক্রিজে জ্যাকব বেথেলের সঙ্গী স্যাম কারান।
05 Mar 2026, 10:36 PM
বেথেল-জ্যাকসের জুটিতে পঞ্চাশ
নিজের তৃতীয় ওভারেও খরুচে বোলিং করলেন ভারুন চক্রবর্তি। রিভার্স সুইপে তাকে চার মারলেন জ্যাকব বেথেল। ওভারের শেষ বল ছক্কায় ওড়ালেন উইল জ্যাকস।
জ্যাকসের ছক্কায় দুই জনের জুটির রান স্পর্শ করল পঞ্চাশ, ২৭ বলে। ইংলিশদের ইনিংসে এটাই প্রথম পঞ্চাশ ছোঁয়া জুটি।
১২ ওভারে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ১৪৫।
05 Mar 2026, 10:32 PM
১৯ বলে বেথেলের পঞ্চাশ
বড় রান তাড়ায় এক প্রান্ত আগলে রেখে ইংল্যান্ডকে টানছেন জ্যাকব বেথেল। জাসপ্রিত বুমরাহকে চার মেরে তিনি পঞ্চাশ ছুঁয়েছেন তিনি ১৯ বলে।
বুমরাহর সেই ওভারে পরে আরেকটি চার মেরেছেন বেথেল। মূলত তার ব্যাটেই জেগে আছে ইংল্যান্ডের অভাবনীয় জয়ের আশা।
১১ ওভারে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ১৩১। ২২ বলে পাঁচ ছক্কা ও চারটি চারে ৫৫ রানে খেলছেন বেথেল। ১৩ বলে ১৬ রানে খেলছেন উইল জ্যাকস।
05 Mar 2026, 10:15 PM
ব্যান্টনকেও হারাল ইল্যান্ড
নতুন বোলার আকসার প্যাটেলের প্রথম দুই বলে ছক্কা মারলেন টম ব্যান্টন। পরের বলে হলেন বোল্ড।
স্লগ সুইপ করে ব্যাটে-বলে করতে পারেননি ব্যান্টন। বল আঘাত হানে লেগ স্টাম্পে। ভাঙে ১০ বল স্থায়ী ৩১ রানের জুটি।
৫ বলে দুই ছক্কা ও এক চারে ব্যান্টন করেন ১৭ রান।
৮ ওভারে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ৯৯। জ্যাকব বেথেলের সঙ্গী উইল জ্যাকস।
05 Mar 2026, 10:04 PM
আবারও ব্যর্থ বাটলার
পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে এলেন ভারুন চক্রবর্তি। তার প্রথম তিন বলে তিনটি ছক্কা মারলেন জ্যাকব বেথেল। পরের তার সিঙ্গেলে স্ট্রাইক পেলেন জস বাটলার।
নিজেকে খুঁজে ফেরা ওপেনার শুরু থেকে গায়ের জোরে ব্যাট চালাচ্ছিলেন। চালিয়ে দিলেন এবারও। কিন্তু ব্যাটে-বলে করতে পারলেন না। হলেন বোল্ড।
১৭ বলে এক ছক্কা ও চারটি চারে ২৫ রান করেন বাটলার।
ক্রিজে গিয়ে চার মেরে শুরু করেন টম ব্যান্টন।
৬ ওভারে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ৬৮। ক্রিজে ব্যান্টনের সঙ্গী বেথেল।
05 Mar 2026, 09:56 PM
আকসারের দুর্দান্ত ক্যাচ
বোলিংয়ে এসেই উইকেট পেলেন জাসপ্রিত বুমরাহ। তার স্লোয়ারে হ্যারি ব্রুকের দুর্দান্ত ক্যাচ নিলেন আকসার প্যাটেল।
পয়েন্ট থেকে পেছন দিকে দৌড়ে সীমানার কাছে গিয়ে ডাইভ দিয়ে বল মুঠোয় জমান আকসার। সতীর্থদের সবাই ছুটে যান তার কাছে। ৬ বলে এক চারে ৭ রান করেন ব্রুক।
৫ ওভারে ইংল্যান্ডের রান ২ উইকেটে ৪৫। ক্রিজে জস বাটলারের সঙ্গী জ্যাকব বেথেল। এরই মধ্যে বুমরাহকে একটি ছক্কা মেরেছেন তিনি।
05 Mar 2026, 09:39 PM
শুরুতে ফিরলেন সল্ট
ইনিংসের প্রথম বলে চার মেরে শুরু করা ফিল সল্ট টিকলেন না বেশিক্ষণ। দ্বিতীয় ওভারে বড় শটের আশায় ফিরে গেলেন ইংলিশ ওপেনার।
হার্দিক পান্ডিয়ার প্রথম বলে একটু সুইং ছিল। সেটার জন্য শট ঠিকঠাক খেলতে পারেননি সল্ট। ব্যাটের কানায় লেগে সহজ ক্যাচ যায় আকসার প্যাটেলের হাতে।
৩ বলে এক চারে ৫ রান করেন সল্ট।
২ ওভারে ইংল্যান্ডের রান ১ উইকেটে ১৫। ক্রিজে জস বাটলারের সঙ্গী অধিনায়ক হ্যারি ব্রুক।
05 Mar 2026, 09:28 PM
আগ্রাসী ব্যাটিংয়ে ভারতের ২৫৩
শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় একই মেজাজে খেলে যাওয়া ভারত গড়েছে বড় সংগ্রহ।
টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৫৩ রান করেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে যা কোনো দলের সর্বোচ্চ।
উইল জ্যাকসের করা শেষ ওভারে দুই ছক্কায় দলকে আড়াইশ রানে নিয়ে যান হার্দিক পান্ডিয়া। পঞ্চম বলে অসম্ভব একটি দুই রানের চেষ্টায় রান আউট হয়ে যান পান্ডিয়া। ১২ বলে দুই ছক্কা ও তিন চারে তিনি করেন ২৭ রান।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ২৫৩/৭ (স্যামসন ৮৯, আভিশেক ৯, ইশান ৩৯, দুবে ৪৩, সুরিয়াকুমার ১১, পান্ডিয়া ২৭, তিলাক ২১, আকসার ২*, ভারুন ০*; আর্চার ৪-০-৬১-১, জ্যাকস ৪-০-৪০-২, ওভারটন ৩-০-৩৬-০, কারান ৪-০-৫৩-০, রাশিদ ৪-০-৪১-২, ডসন ১-০-১৯-০)
05 Mar 2026, 09:13 PM
তিন ছক্কা মেরে আউট তিলাক
খরুচে বোলিং করা জফ্রা আর্চারের শেষ ওভারে তিন ছক্কা মেরে থামলেন তিলাক ভার্মা। গতিময় পেসারের ইয়র্কারে হলেন বোল্ড।
৭ বলে তিন ছক্কায় ২১ রান করেন তিলাক।
১৯ ওভারে ভারতের রান ৬ উইকেটে ২৩৭। ক্রিজে হার্দিক পান্ডিয়ার সঙ্গী আকসার প্যাটেল।
05 Mar 2026, 09:11 PM
রান আউট দুবে
প্রমোশন পেয়ে চারে নেমে আগ্রাসী ব্যাটিং করা শিভাম দুবে রান আউট হয়ে গেলেন।
স্যাম কারানের বল শর্ট মিডউইকেটে পাঠিয়ে রানের জন্য কল করেন হার্দিক পান্ডিয়া। রান সম্ভব নয় বুঝে ফিরিয়ে দেন এই অলরাউন্ডার। ততক্ষণে বেশ এগিয়ে আসা দুবের ফেরার উপায় ছিল না। হ্যারি ব্রুকের সরাসরি থ্রো ফেলে দেয় বেলস। ভাঙে ১১ বল স্থায়ী ২২ রানের জুটি।
২৫ বলে চার ছক্কা ও এক চারে ৪৩ রান করেন দুবে।
১৮ ওভারে ভারতের রান ৫ উইকেটে ২১৭। ক্রিজে পান্ডিয়ার সঙ্গী তিলাক ভার্মা।
05 Mar 2026, 09:03 PM
ছক্কার পর অক্কা সুরিয়াকুমার
ষোড়শ ওভারে আক্রমণে এসে সুরিয়াকুমার ইয়াদাভকে ফেরালেন আদিল রাশিদ। ভারত হারাল চতুর্থ উইকেট।
ওভারের প্রথম বল ছক্কায় ওড়ান শিবাভ দুবে। স্ট্রাইক পেয়ে ছক্কা মারেন সুরিয়াকুমারও। পরের বলে বেরিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পড হয়ে যান তিনি। ভাঙে ১৫ বল স্থায়ী ৩০ রানের জুটি।
৬ বলে এব ছক্কায় ১১ রান করেন ভারত অধিনায়ক।
১৬ ওভারে ভারতের রান ৪ উইকেটে ১৯০। ক্রিজে শিভাম দুবের সঙ্গী হার্দিক পান্ডিয়া।
05 Mar 2026, 08:42 PM
স্যামসন ঝড় থামালেন জ্যাকস
ঝড় তোলা সাঞ্জু স্যামসনকে ফেরালেন উইল জ্যাকস। অফ স্পিনারকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় ক্যাচ দিলেন ভারতীয় ওপেনার।
টাইমিং করতে পারেননি স্যামসন। একটু এগিয়ে এসে ক্যাচ নেন ফিল সল্ট। ভাঙে ২২ বল স্থায়ী ৪৩ রানের জুটি।
৪২ বলে সাত ছক্কা ও আট চারে ৮৯ রান করেন স্যামসন।
১৪ ওভারে ভারতের রান ৩ উইকেটে ১৬৭। ক্রিজে শিভাম দুবের সঙ্গী সুরিয়াকুমার ইয়াদাভ।
05 Mar 2026, 08:22 PM
ইশানের বিদায়ে ভাঙল জুটি
দশম ওভারে ফিরে দ্রুত এগোনো জুটি ভাঙলেন আদিল রাশিদ। ছক্কায় ওড়ানোর চেষ্টায় ক্যাচ দিয়ে ফিরলেন ইশান কিষান।
আগের বলে চার মারেন ইশান। পরের বল ছক্কায় ওড়ানোর চেষ্টায় তিনি ধরা পড়েন উইল জ্যাকসের হাতে। ভাঙে ৪৫ বল স্থায়ী ৯৭ রানের জুটি।
১৮ বলে দুই ছক্কা ও চারটি চারে ৩৯ রান করেন ইশান।
১০ ওভারে ভারতের রান ২ উইকেটে ১১৯। ক্রিজে সাঞ্জু স্যামসনের সঙ্গে প্রমোশন পাওয়া শিভাম দুবে।
05 Mar 2026, 08:11 PM
২৬ বলে স্যামসনের পঞ্চাশ
১৫ রানে বেঁচে যাওয়া সাঞ্জু স্যামসন ভোগাচ্ছেন ইংল্যান্ডকে। টানা দ্বিতীয় ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন ভারতীয় ওপেনার।
অষ্টম ওভারে লিয়াম ডসনকে ছক্কায় মেরে পঞ্চাশ স্পর্শ করেন স্যামসন, ২৬ বলে। স্ট্রাইক পেয়ে ছক্কা মারেন ইশানও।
৮ ওভারে ভারতের রান ১ উইকেটে ৯২। ২৭ বলে তিন ছক্কা ও সাত চারে ৫৩ রানে ব্যাট করছেন স্যামসন। ১৪ বলে এক ছক্কা ও তিন চারে ২৮ রানে খেলছেন ইশান।
05 Mar 2026, 08:07 PM
স্যামসন-ইশানের জুটিতে পঞ্চাশ
পাওয়ার প্লের পর আক্রমণে এলেন আদিল রাশিদ। তার প্রথম বলে বাউন্ডারি মেরে জুটির রান পঞ্চাশে নিয়ে গেলেন সাঞ্জু স্যামসন।
দ্বিতীয় উইকেটে ২৫ বলে এসেছে স্যামসন ও ইশান কিষানের দ্রুত এগোনো জুটির পঞ্চাশ।
৭ ওভারে ভারতের রান ১ উইকেটে ৭৩।
05 Mar 2026, 07:59 PM
পাওয়ার প্লেতে স্যামসন-ইশানের ঝড়
আভিষেক শার্মাকে হারালেও পাওয়ার প্লেতে দ্রুত রান তুলেছে ভারত। শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করা সাঞ্জু স্যামসনকে দারুণ সঙ্গ দিচ্ছেন ইশান কিষান।
৬ ওভারে ভারতের রান ১ উইকেটে ৬৭। ২০ বলে দুই ছক্কা ও ছয় চারে ৪১ রানে ব্যাট করছেন স্যামসন। ৯ বলে তিন চারে ১৬ রানে খেলছেন ইশান।
দুই জনের জুটিতে ৪৭ রান এসেছে কেবল ২৪ বলে।
05 Mar 2026, 07:48 PM
স্যামসনের ক্যাচ ছাড়লেন ব্রুক
তৃতীয় ওভারে ফিরে যেতে পারতেন সাঞ্জু স্যামসন। জফ্রা আর্চারের বলে তার সহজ ক্যাচ ছাড়লেন হ্যারি ব্রুক।
আর্চারের প্রথম ওভারে একটি করে ছক্কা চার মারেন স্যামসন। পরের ওভারের প্রথম বলেও মারেন আরেকটি চার।
দ্বিতীয় বলে টাইমিংয়ে গড়বড় করে মিড অনে দেন সহজ ক্যাচ। কিন্তু বিস্ময়ে ভাসিয়ে সেটি ফস্কে যায় ব্রুকের হাত থেকে। সে সময় ১৫ রানে ছিলেন স্যামসন।
সেই ওভারে আরও একটি করে চার ও ছক্কা মারেন।
৩ ওভারে ভারতের রান ১ উইকেটে ৩৪।
05 Mar 2026, 07:44 PM
শুরুতেই ফিরলেন আভিশেক
দ্বিতীয় ওভারেই ভাঙল ভারতের উদ্বোধনী জুটি। দুটি চার মেরেই বিদায় নিলেন আভিশেক শার্মা।
উইল জ্যাকসের ওভারে প্রথম ও পঞ্চম বলে দুটি বাউন্ডারি পান আভিশেক। শেষ বল ছক্কায় ওড়ানোর চেষ্টায় সীমানায় ধরা পড়লেন বাঁহাতি ওপেনার।
৭ বলে দুই চার আভিশেক করেন ৯ রান।
২ ওভারে ভারতের রান ১ উইকেটে ২০। ক্রিজে সাঞ্জু স্যামসনের সঙ্গী ইশান কিষান।
05 Mar 2026, 07:13 PM
ইংল্যান্ড একাদশে ফিরলেন ওভারটন
নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলা সবশেষ ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। পেসার জেমি ওভারটনকে ফিরিয়েছে তারা।
ওভারটনকে জায়গা দিতে বাদ পড়েছেন লেগ স্পিনিং অলরাউন্ডার রেহান আহমেদ।
ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার, হ্যারি ব্রুক (অধিনায়ক), জেকব বেথেল, টম ব্যান্টন, স্যাম কারান, উইল জ্যাকস, জেমি ওভারটন, লিয়াম ডসন, জফ্রা আর্চার, আদিল রাশিদ।
05 Mar 2026, 07:13 PM
অপরিবর্তিত ভারত একাদশ
গত দুই ম্যাচের একাদশের ওপরই ভরসা রেখেছে ভারত। কোনো পরিবর্তন না এনেই ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছে তারা। তাতে একাদশে ফেরা হল না ইংল্যান্ডের বিপক্ষে বেশ সফল বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ইয়াদাভের।
ভারত একাদশ: আভিশেক শার্মা, সাঞ্জু স্যামসন, ইশান কিষান, সুরিয়াকুমার ইয়াদাভ (অধিনায়ক), তিলাক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, আকসার প্যাটেল, আর্শদিপ সিং, ভারুন চক্রবর্তি, জাসপ্রিত বুমরাহ।
05 Mar 2026, 07:08 PM
টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
ফাইনালে ওঠার লড়াইয়ে টস ভাগ্যকে পাশে পেলেন হ্যারি ব্রুক। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ড অধিনায়ক।
কয়েন নিক্ষেপ করলেন সুরিয়াকুমার ইয়াদাভ। টেলস ডাকলেন ব্রুক। উঠলও তাই। সিদ্ধান্ত জানাতে একদমই দেরি করলেন না ব্রুক।
ভারত অধিনায়ক সুরিয়াকুমার বললেন, আগে ব্যাটিং করতে চেয়েছিলেন তারাও। সেমি-ফাইনালের মতো ম্যাচে আগে ব্যাটিং করে বড় সংগ্রহ গড়ে প্রতিপক্ষকে চাপে রাখতে চান তারা।
05 Mar 2026, 06:52 PM
ফাইনালে যাওয়ার লড়াইয়ে ভারত-ইংল্যান্ড
সেমি-ফাইনালে যেন নিয়মিত হয়ে গেছে ভারত ও ইংল্যান্ডের লড়াই। টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের দুই আসরে শেষ চারে মুখোমুখি হয়েছে দল দুটি। দুই ক্ষেত্রেই জয়ী দল শেষ পর্যন্ত জিতেছে শিরোপা!
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার মাঠের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায়।
২০২২ আসরের সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে জিতে ফাইনালে যায় ইংল্যান্ড। পরে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে তারা।
পরের আসরে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে যায় ভারত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জেতে তারা।
চলতি আসরে এখনও নিজেদের পুরোপুরি মেলে ধরতে পারেনি ইংল্যান্ড। ভারতও দেখাতে পারেনি তাদের সেরাটা। নট আউট পর্বে দুই দলই উন্মুখ, নিজেদের সেরাটা মেলে ধরে ফাইনালে যেতে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেখানে অপেক্ষায় আছে নিউ জিল্যান্ড।