সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ২৫৫/৫
নিউ জিল্যান্ড: ১৯ ওভারে ১৫৯
08 Mar 2026, 11:19 PM
৯৬ রানের জয়ে শিরোপা ভারতের
পুরো ২০ ওভার ব্যাট করতে পারল না নিউ জিল্যান্ড। আভিশেক শার্মার করা ১৯তম ওভারে শেষ বলে ছক্কার চেষ্টায় সীমানায় ধরা পড়লেন জ্যাকব ডাফি। ৫ বলে তিনি করলেন ৫ রান।
২৫৫ রান তাড়ায় নিউ জিল্যান্ড অলআউট হলো ১৫৯ রানে। ৯৬ রানে জিতে শিরোপা ধরে রাখল ভারত। ফাইনালে কোনো দলের এটাই সর্বোচ্চ রান ও সবচেয়ে বড় জয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে এই প্রথম জিতল ভারত। প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখল তারা। সব মিলিয়ে জিতল তৃতীয় শিরোপা। ছাড়িয়ে গেল দুটি করে শিরোপা জেতা ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে।
আরও একবার ফাইনালে হারল নিউ জিল্যান্ড। সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেওয়া দলটি ফাইনালে একেবারেই লড়াই জমাতে পারল না।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ২৫৫/৫ (স্যামসন ৮৯, আভিশেক ৫২, ইশান ৫৪, পান্ডিয়া ১৮, সুরিয়াকুমার ০, তিলাক ৮*, দুবে ২৬*; হেনরি ৪-০-৪৯-১, ফিলিপস ১-০-৫-০, ডাফি ৩-০-৪২-০, ফার্গুসন ২-০-৪৮-০, স্যান্টনার ৪-০-৩৩-০, রাভিন্দ্রা ২-০-৩২-১, নিশাম ৪-০-৪৬-৩)
নিউ জিল্যান্ড: ১৯ ওভারে ১৫৯ (সাইফার্ট ৫২, অ্যালেন ৯, রাভিন্দ্রা ১, ফিলিপস ৫, চ্যাপম্যান ৩, মিচেল ১৭, স্যান্টনার ৪৩, নিশাম ৮, হেনরি ০, ফার্গুসন ৬*, ডাফি ৩; আর্শদিপ ৪-০-৩২-০, পান্ডিয়া ৪-০-৩৬-১, আকসার ৩-০-২৭-৩, বুমরাহ ৪-০-১৫-৪, ভারুন ৩-০-৩৯-১, আভিশেক ১-০-৫-১)
08 Mar 2026, 11:12 PM
বুমরাহর আরেকটি
দুর্দান্ত বোলিং করা জাসপ্রিত বুমরাহ নিজের শেষ ওভারে পেলেন আরেকটি উইকেট। তার চমৎকার ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন মিচেল স্যান্টনার।
বলের লাইনে যেতে পারেননি বাঁহাতি ব্যাটসম্যান। এলোমেলো হয়ে যায় স্টাম্প। ৩৫ বলে দুই ছক্কা ও তিন চারে ৩৫ রান করেন স্যান্টনা।
১৮ ওভারে নিউ জিল্যান্ডের রান ৯ উইকেটে ১৫৪। ক্রিজে তাদের শেষ জুটি।
৪ ওভারে ১৫ রানে ৪ উইকেট নিয়েছেন বুমরাহ।
08 Mar 2026, 11:03 PM
বুমরাহর জোড়া আঘাত
আক্রমণে ফিরে ভারতকে শিরোপার আরও কাছে নিয়ে গেলেন জাসপ্রিত বুমরাহ। পরপর দুই বলে জেমস নিশাম ও ম্যাট হেনরিকে বোল্ড করে দিলেন অভিজ্ঞ পেসার।
স্লোয়ারের লাইনে যেতে পারেননি নিশাম। ৭ বলে এক চারে তিনি করেন ৮ রান।
আরেকটি স্লোয়ারে স্টাম্পে ছেড়ে খেলতে গিয়ে বোল্ড হন হেনরি। তিনি পান গোল্ডেন ডাকের তেতো স্বাদ। বুমরাহর হ্যাটট্রিক ঠেকিয়ে দেন লকি ফার্গুসন।
১৬ ওভারে নিউ জিল্যান্ডের রান ৮ উইকেটে ১৪৩।
08 Mar 2026, 10:44 PM
ফুলটসে ক্যাচ দিলেন মিচেল
আকসার প্যাটেলের নতুন ওভারের প্রথম বলে ক্যাচ দিয়েও বেঁচে গেলেন মিচেল স্যান্টনার। কাভারে সহজ ক্যাচ নিতে পারেননি হার্দিক পান্ডিয়া। সে সময় ২৬ রানে ছিলেন নিউ জিল্যান্ড ওপেনার।
ওভারের পঞ্চম বলে সীমানায় ক্যাচ নেন ড্যারিল মিচেল। ফুলটস বলে টাইমিং করতে পারেননি তিনি। বল যায় সোজা ইশান কিষানের হাতে। ১১ বলে ২ ছক্কায় ১৭ রান করেন মিচেল।
১৩ ওভারে নিউ জিল্যান্ডের রান ৬ উইকেটে ১২৮। ক্রিজে স্যান্টনারের সঙ্গী জেমস নিশাম।
08 Mar 2026, 10:33 PM
সাইফার্টের বিদায়ে মহাবিপদে নিউ জিল্যান্ড
এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেওয়া টিম সাইফার্ট ফিরলেন পঞ্চাশ ছুঁয়েই। মহাবিপদে পড়ে গেল নিউ জিল্যান্ড।
ভারুন চক্রবর্তির বলে ছক্কার চেষ্টায় ইশান কিষানের হাতে ধরা পড়েন সাইফার্ট। ২৬ বলে দুই চার ও পাঁচ ছক্কায় তিনি করেন ৫২ রান।
৮.১ ওভারে নিউ জিল্যান্ডের রাান ৫ উইকেটে ৭২। ক্রিজে ড্যারিল মিচেলের সঙ্গী মিচেল স্যান্টনার।
08 Mar 2026, 10:18 PM
দ্রুত ফিরলেন চ্যাপম্যান
টিম সাইফার্টকে খুব একটা সঙ্গ দিতে পারলেন না মার্ক চ্যাপম্যান। হার্দিক পান্ডিয়ার বলে বোল্ড হলেন তিনি।
অফ স্টাম্পের বাইরের বলে গায়ের জোরে শট খেলেন চ্যাপম্যান। ব্যাটের কানায় লেগে বল আঘাত হানে স্টাম্পে।
৮ ওভারে নিউ জিল্যান্ডের রান ৪ উইকেটে ৭২। ক্রিজে সাইফার্টের সঙ্গী ড্যারিল মিচেল।
08 Mar 2026, 10:15 PM
২৩ বলে সাইফার্টের পঞ্চাশ
সতীর্থদের আসা-যাওয়ার মধ্যেও চমৎকার ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিচ্ছেন টিম সাইফার্ট। ছক্কায় ২৩ বলে নিউ জিল্যান্ডের এই ওপেনার ছুঁয়েছেন পঞ্চাশ।
সপ্তম ওভারে আক্রমণে আসেন ভারুন চক্রবর্তি। তার শেষ তিন বলে দুটি ছক্কায় পঞ্চাশে যান সাইফার্ট।
৭ ওভারে নিউ জিল্যান্ডের রান ৩ উইকেটে ৬৮।
08 Mar 2026, 10:04 PM
ফিলিপসের স্টাম্প ভাঙলেন আকসার
পাহাড় টপকানোর চ্যালেঞ্জ দিয়ে, একের পর এক উইকেট তুলে নিয়ে নিউ জিল্যান্ডকে চেপে ধরেছেন ভারত। পাওয়ার প্লেতেই প্রতিপক্ষের তিন উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা।
পঞ্চম ওভারের পঞ্চম বলে গ্লেন ফিলিপসকে বোল্ড করে ভারতকে উদযাপনের আরেকটি উপলক্ষ এনে দেন আকসার প্যাটেল। আর্ম ডেলিভারিটি একটু জায়গা বানিয়ে খেলতে চেয়েছিলেন ফিলিপস। কিন্তু ব্যাটেই লাগাতে পারেননি তিনি। বল ভেঙে দেয় তার লেগ স্টাম্প।
আকসারকে এক বল আগেই চার মারা ফিলিপস বিদায় নেন ৫ বলে ৫ রান করে।
৫ ওভারে শেষে নিউ জিল্যান্ডের রান ৩ উইকেটে ৪৭। টিম সাইফার্টের সঙ্গে ক্রিজে নতুন ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান।
08 Mar 2026, 09:58 PM
বুমরাহর প্রথম বলে রাভিন্দ্রার বিদায়
ম্যাচে নিজের প্রথম ওভার করতে এসেই দলকে সাফল্য এনে দিলেন জাসপ্রিত বুমরাহ। ফাইনালে নিজের প্রথম বলেই রাচিন রাভিন্দ্রাকে বিদায় করলেন ভারতের তারকা পেসার।
পায়ের ওপর করা লেংথ ডেলিভারিটি লেগ সাইডে ওড়ান রাভিন্দ্রা। ডিপ স্কয়ার লেগ থেকে অনেকটা সামনে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে বল মুঠোয় জমান ইশান কিষান। পড়ে যাওয়ায় বল তার হাত থেকে ফসকে যাওয়ার অবস্থা হয়। কোনোমতে বল হাতে রাখেন কিষান।
২ বলে ১ রান করে ফিরলেন রাভিন্দ্রা। ক্রিজে নতুন ব্যাটসম্যান গ্লেন ফিলিপস। তার সঙ্গী টিম সাইফার্ট।
চার ওভার শেষে ভারতের রান ২ উইকেটে ৩৬।
08 Mar 2026, 09:53 PM
অ্যালেনকে ফেরালেন আকসার
ফাইনালে এসে জ্বলে উঠতে পারলেন না ফিন অ্যালেন। প্রথম ওভারে জীবন পাওয়া নিউ জিল্যান্ড ওপেনার বিদায় নিলেন তৃতীয় ওভারেই।
আকসার প্যাটেলের জোরের ওপর করা বল লং-অন দিয়ে ওড়াতে চেয়েছিলেন অ্যালেন। কিন্তু শটে জোর পাননি। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা তিলাক ভার্মা বল মুঠোয় জমিয়ে দিলেন হুঙ্কার।
এক চারে ৭ বলে ৯ রান করে ফিরলেন অ্যালেন।
তিন ওভার শেষে নিউ জিল্যান্ডের রান ১ উইকেটে ৩২। ক্রিজে টিম সাইফার্টের সঙ্গী রাচিন রাভিন্দ্রা।
08 Mar 2026, 09:45 PM
অ্যালেনের ক্যাচ ছাড়লেন দুবে
ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে রেকর্ড গড়া সেঞ্চুরি করা ফিন অ্যালেনকে ফেরানোর সুযোগ হাতছাড়া করল ভারত। নিউ জিল্যান্ড ওপেনারের সহজ ক্যাচ ছাড়লেন শিভাম দুবে।
প্রথম ওভারের পঞ্চম বলটি উড়িয়ে মারলেন অ্যালেন। টাইমিং হলো না ঠিকঠাক। বল উঠে গেল উপরে। মিড-অফ থেকে পিছনের দিকে কিছুটা গিয়ে বলের নিচেও গেলেন দুবে।
কিন্তু শেষ পর্যন্ত বল মুঠোয় জমাতে পারেননি তিনি। শূন্য রানে জীবন পেলেন অ্যালেন।
১ ওভারে নিউ জিল্যান্ডের রান বিনা উইকেটে ৪।
08 Mar 2026, 09:19 PM
শেষ ওভারে খরুচে নিশাম
ইনিংসের শেষ ওভারে জেমস নিশামের উপর চড়াও হলেন শিভাম দুবে। আড়াইশ ছাড়ানো সংগ্রহ পেল ভারত।
২০ ওভারে ভারত করেছে ৫ উইকেটে ২৫৫ রান।
শেষ ওভারে দুই ছক্কা ও তিন চারে ২৪ রান দিয়েছেন অলরাউন্ডার নিশাম। ৮ বলে ২৬ রানের দুর্দান্ত ক্যামিও ইনিংস খেলেছেন দুবে।
টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের আগ্রাসী ফিফটিতে এক সময় আরও বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েছিল ভারত। তবে এক ওভারে ৩ উইকেট নিয়ে রানের গতিতে কিছুটা রাশ টানেন নিশাম। তার ওভারেই ২৪ রান নিয়ে দলক বড় সংগ্রহ এনে দিয়েছেন দুবে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ২৫৫/৫ (স্যামসন ৮৯, আভিশেক ৫২, ইশান ৫৪, পান্ডিয়া ১৮, সুরিয়াকুমার ০, তিলাক ৮*, দুবে ২৬*; হেনরি ৪-০-৪৯-১, ফিলিপস ১-০-৫-০, ডাফি ৩-০-৪২-০, ফার্গুসন ২-০-৪৮-০, স্যান্টনার ৪-০-৩৩-০, রাভিন্দ্রা ২-০-৩২-১, নিশাম ৪-০-৪৬-৩)
08 Mar 2026, 09:08 PM
পান্ডিয়া পারলেন না ঝড় তুলতে
ঝড় তোলার মঞ্চ পেয়েও কাজে লাগাতে পারলেন না হার্দিক পান্ডিয়া। ম্যাট হেনরির শর্ট বলে ক্যাচ দিয়ে বিদায় নেন এই পেস বোলিং অলরাউন্ডার।
১৯তম ওভারের প্রথম বলে ফুলটস করেন হেনরি। সেটিকে মিডউইকেট দিয়ে ছক্কায় ওড়ান পান্ডিয়া। পরের বলটি স্লোয়ার বাউন্ডার করেন হেনরি অফ স্টাম্পের বাইরে। লং-অন দিয়ে ওড়ানোর চেষ্টায় উপরে তুলে দেন পান্ডিয়া। মিড-অফে সহজ ক্যাচ নেন মিচেল স্যান্টনার।
১৩ বলে একটি করে ছক্কা-চারে ১৮ রান করে ফিরলেন পান্ডিয়া। ম্যাচে প্রথম উইকেট পেলেন হেনরি।
১৯ ওভার শেষে ভারতের রান ৫ উইকেটে ২৩১। ক্রিজে তিলাক ভার্মার সঙ্গে নতুন ব্যাটসম্যান শিভাম দুবে।
08 Mar 2026, 08:59 PM
নিশামের দুর্দান্ত ওভার
ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি উপহার দেওয়ার পর ইনিংস আর বড় করতে পারলেন না ইশান কিষান। তাকে ফেরানোর পরের বলেই ভারত অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভকে বিদায় করেন জিমি নিশাম।
ওভারের প্রথম বলে সাঞ্জু স্যামসনকে ড্রেসিং রুমে ফেরান নিশাম। পঞ্চম ডেলিভারিতে লো ফুলটসে তাকে ছক্কার চেষ্টায় ওড়ান কিষান। কিন্তু শটে জোর ছিল না তেমন। লং-অনে বল মুঠোয় জমান মার্ক চ্যাপম্যান। চারটি করে ছক্কা-চারে ২৫ বলে ৫৪ রান করেন কিষান।
পরের বলেই লেগ সাইডে টেনে মারেন সুরিয়াকুমার। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ বাউন্ডারিতে নিচু বল চমৎকারভাবে মুঠোয় জমান রাচিন রাভিন্দ্রা। গোল্ডেন ডাকের তেতো শ্বাস পান সুরিয়াকুমার। আউট হয়ে কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকেন তিনি অবাক হয়ে।
১৬ ওভারে ভারতের রান ৪ উইকেটে ২০৪। ক্রিজে নতুন দুই ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া ও তিলাক ভার্মা।
08 Mar 2026, 08:53 PM
৮৯ রানে থামলেন স্যামসন
টানা তিন ম্যাচে দলকে পথ দেখালেন সাঞ্জু স্যামসন। তবে আরও একবার তিন অঙ্কের উষ্ণ ছোঁয়ার দেখা পেলেন না ভারতীয় ওপেনার।
জেমস নিশামের ফুলটসে ছক্কার চেষ্টায় বদলি ফিল্ডার কোল ম্যাকনকির হাতে ধরা পড়েন স্যামসন। ভাঙে ৪৮ বল স্থায়ী ১০৫ রানের জুটি।
৪৬ বলে আট ছক্কা ও পাঁচ চারে স্যামসনের রান ৮৯।
১৫.১ ভারতের রান ২ উইকেটে ২০৩। ক্রিজে ইশান কিষানের সঙ্গী হার্দিক পান্ডিয়া।
08 Mar 2026, 08:51 PM
জুটির সেঞ্চুরি, কিষানের ফিফটি
সাঞ্জু স্যামসন আর ইশান কিষানের ব্যাটে তাণ্ডব চলছেই। তাতে রানও আসছে দ্রুত গতিতে। ৪৫ বলেই দ্বিতীয় উইকেটে শত রানের জুটি উপহার দিলেন তারা দুইজন।
পঞ্চদশ ওভারের চতুর্থ বলে সিঙ্গল নিয়ে ফিফটি স্পর্শ করেন কিষান, ২৩ বলে। আসরে এটি তার তৃতীয় ফিফটি।
তার ওই সিঙ্গলে জুটির রানও স্পর্শ করেন সেঞ্চুরি।
পঞ্চাশ ছোঁয়ার পথে চারটি ছক্কা ও তিনটি চার মারেন কিষান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার দশম ফিফটি।
কিষানের আগে ফিফটি করেন আভিশেক শার্মা ও স্যামসনও। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এক ইনিংসে কোনো দলের প্রথম তিন ব্যাটসম্যানের ফিফটির নজির দেখা গেল প্রথমবার।
08 Mar 2026, 08:31 PM
দ্বিতীয় উইকেটেও পঞ্চাশ
দ্বাদশ ওভারের প্রথম দুই বলেই লকি ফার্গুসনকে ছক্কায় ওড়ালেন সাঞ্জু স্যামসন। তাতে ইশান কিষানের সঙ্গে তার জুটিও স্পর্শ করল পঞ্চাশ, ২৫বলে।
জুটিতে স্যামসনের অবদান ২৪ রান আর কিষানের ২৭।
ওই ওভারে একটি ছক্কায় ওড়ান কিষানও। পরে শেষ বলে চার মারেন স্যামসন।
দ্বাদশ ওভার শেষে ভারতের রান এক উইকেটে ১৬১। স্যামসন খেলছেন ৬৭ রানে। ৩৭ বলের ইনিংসে পাঁচটি করে ছক্কা-চার মেরেছেন তিনি। আর কিষান দুটি চক্কা ও তিনটি চারে ১৪ বলে করেছেন ৩৪।
08 Mar 2026, 08:29 PM
৩৩ বলে স্যামসনের পঞ্চাশ
ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের পর নিউ জিল্যান্ডের বিপক্ষেও পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন সাঞ্জু স্যামসন। ভারতীয় ওপেনারের পঞ্চাশ এবার এলো ৩৩ বলে।
আভিশেক শার্মার ঝড়ের সময় যেন ‘শান্ত’ ছিলেন স্যামসনের। সতীর্থ ওপেনারের বিদায়ের পর রানের গতি ধরে রেখেছেন তিনি।
১১ ওভারে ভারতের রান ১ উইকেটে ১৩৭। ৩৩ বলে তিন ছক্কা ও চারটি চারে ৫০ রানে ব্যাট করছেন স্যামসন। ১২ বলে ইশান কিষান খেলছেন ২৭ রানে।
08 Mar 2026, 08:24 PM
প্রথম ১০ ওভারে ভারতের দাপট
প্রথম দুই ওভারে বোলারদের সম্মান দেখালেন সাঞ্জু স্যামসন ও আভিশেক শার্মা। পিচের আচরণ বুঝে ঝড় তুললেন তারা দুইজন। পাওয়ার প্লেতেই তুলে ফেললেন ৯২ রান!
বিস্ফোরক ফিফটি করে পাওয়ার প্লের পর আভিশেক ফিরে গেলেও দলের রানের চাকায় দম দিয়ে যাচ্ছেন স্যামসন। সঙ্গে দ্রুত রান তুলছেন ইশান কিষানও। তাদের নৈপুণ্যে ১০ ওভার শেষে ১২৭ রান করল ভারত।
ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে ইনিংসের মাঝপথে ভারতের রান ছিল ২ উইকেটে ১১৯।
ফিফটির দুয়ারে দাঁড়িয়ে আছেন ছন্দে থাকা স্যামসন। তিনটি ছক্কা ও চারটি চারে ৩০ বলে ৪৮ রানে খেলছেন তিনি। তিনটি চারে ৯ বলে ১৯ রান করে ক্রিজে কিষান।
08 Mar 2026, 08:17 PM
আভিশেক-ঝড় থামালেন রাভিন্দ্রা
অষ্টম ওভারে আক্রমণে এসেই সাফল্য পেলেন রাচিন রাভিন্দ্রা। বাঁহাতি স্পিনারের বলে কট বিহাইন্ড হয়ে গেলেন আভিশেক শার্মা।
পঞ্চাশ ছুঁয়ে বেশি দূর যেতে পারলেন না আভিশেক। অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে ঠিকঠাক খেলতে পারেননি বাঁহাতি ওপেনার। ব্যাটের কানায় লেগে ধরা পড়েন কিপারের গ্লাভসে।
২১ বলে তিন ছক্কা ও ছয় চারে ৫২ রান করেন আভিশেক। ভাঙে ৪৩ বল স্থায়ী ৯৮ রানের জুটি।
৮ ওভারে ভারতের রান ১ উইকেটে ১১০। ক্রিজে সাঞ্জু স্যামসনের সঙ্গী ইশান কিষান।
08 Mar 2026, 08:13 PM
পাওয়ার প্লেতে রেকর্ড
নিউ জিল্যান্ডের বোলারদের কচুকাটা করে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৯২ রান করেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনিংসের প্রথম ছয় ওভারে এর চেয়ে বেশি রান করতে পারেনি কোনো দল।
গত আসরে ব্রিজটাউনে আফগানিস্তানের বিপক্ষে এক উইকেট হারিয়ে ঠিক ৯২ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ আসরে আয়ারল্যান্ডের বিপক্ষে এক উইকেটে ৯১ রান করেছিল নেদারল্যান্ডস।
কিউইদের বোলার তুলাধুনা করার দিন প্রথম দুই ওভারে স্রেফ ১২ রান তোলেন সাঞ্জু স্যামসন ও আভিশেক শার্মা। পরের চার ওভারে তাণ্ডব চালিয়ে ৮০ রান তোলেন তারা।
08 Mar 2026, 08:09 PM
আভিশেকের ১৮ বলের ফিফটি
আসর জুড়ে ভুগতে থাকা আভিশেক শার্মা ফাইনালে এসে জ্বলে উঠলেন। নিউ জিল্যান্ড বোলারদের তুলাধুনা করে স্রেফ ১৮ বলে ফিফটি স্পর্শ করেন ভারতীয় বিস্ফোরক ওপেনার।
বিশ্বকাপে নক আউট পর্বের কোনো ম্যাচে এটি দ্রুততম পঞ্চাশ। ভারতের বিপক্ষে চলতি আসরে সেমি-ফাইনালে ইংল্যান্ডের জ্যাকব বেথেলের ১৯ বলের পঞ্চাশ ছিল দ্রুততম।
বিশ্বকাপে এটি আভিশেকের দ্বিতীয় ফিফটি। জিম্বাবুয়ের বিপক্ষে সুপার এইটের ম্যাচে প্রথম ফিফটি পেয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। চলতি আসরে এটাই দ্রুততম পঞ্চাশ।
তৃতীয় ওভারে জ্যাকব ডাফিকে দুটি চার মেরে ডান মেলে দেন আভিশেক। পরের ওভারে লকি ফার্গুসনকে মারেন একটি করে চার ও ছক্কা। পঞ্চম ওভারে ম্যাট হেনরিকে ওড়ান ছক্কায়।
পাওয়ার প্লের শেষ ম্যাচে ডাফির উপর ঝড় বইয়ে দেন আভিশেক। প্রথম তিন বলে দুটি চার ও একটি ছক্কা মারেন তিনি। পঞ্চম বলে চার মেরে পা রাখেন ফিফটিতে।
পঞ্চাশ ছোঁয়ার পথে তিনটি ছক্কা ও ছয়টি চার হাঁকান আভিশেক।
08 Mar 2026, 08:03 PM
ফাইনালে ‘প্রথম’
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এই প্রথম পঞ্চাশ ছোঁয়া উদ্বোধনী জুটি দেখা গেল। শিরোপা নির্ধারণী ম্যাচে শুরু জুটিতে আগের সেরা ছিল ৪৮। ২০০৯ আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৮ রানের বন্ধন গড়েছিলেন পাকিস্তানের কামরান আকমল ও শাহজাইব হাসান।
08 Mar 2026, 07:57 PM
উদ্বোধনী জুটিতে পঞ্চাশ
শুরুটা ছিল কিছুটা মন্থর। এরপর একের পর এক বাউন্ডারি মারতে লাগলেন আভিশেক শার্মা ও সাঞ্জু স্যামসন। তাতে চার ওভারেই পঞ্চাশ হয়ে গেল ভারতের।
ম্যাট হেনরির করা প্রথম ওভারের প্রথম চার বলে আসেনি কোনো রান। পঞ্চম ডেলিভারিতে একটি ছক্কা মারেন স্যামসন। শেষ বলে আসে সিঙ্গল। দ্বিতীয় ওভার স্পিন আক্রমণে আনে নিউ জিল্যান্ড। প্রথমবার পাওয়ার প্লেতে বোলিং করতে এসে স্রেফ ৫ রান দেন গ্লেন ফিলিপস।
তৃতীয় ওভারে একাদশে ফেরা জ্যাকব ডাফিকে টানা দুই চার মারেন আভিশেক। শেষ বলে বাউন্ডারি হাঁকান স্যামসন। পরের ওভারের প্রথম দুটি বলে লকি ফার্গুসনকে চার ও ছক্কায় ওড়ান আভিশেক। ওই ওভারে স্যামসনও মারেন একটি করে চার ও ছক্কা। সঙ্গে তিনটি ওয়াইড দেন ফার্গুসন।
দুটি করে ছক্কা-চারে ১৪ বলে ২৪ রানে খেলছেন স্যামসন। ১০ বলে ২৩ রান করতে একটি ছক্কা ও তিনটি চার মেরেছেন আভিশেক।
08 Mar 2026, 07:45 PM
পাওয়ার প্লেতে প্রথমবার ফিলিপস
কোল ম্যাকনকি না থাকায় হয়তো সুযোগটা পেলেন গ্লেন ফিলিপস। ক্যারিয়ারে প্রথমবার পাওয়ার প্লেতে কোনো ওভার করলেন এই অফ স্পিনার।
ক্রিজে আভিশেক শার্মা থাকাতেই হয়তো অফ স্পিনারকে ম্যাচের দ্বিতীয় ওভারে আক্রমণে আনেন নিউ জিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।
সাবধানেই ফিলিপসের ওভারে ব্যাটিং করেন আভিশেক। ওভার থেকে আসে ৫ রান।
এর আগে ম্যাট হেনরির করা ম্যাচের প্রথম ওভারে ছক্কা মারেন সাঞ্জু স্যামসন।
২ ওভারে ভারতের রান বিনা উইকেটে ১২।
08 Mar 2026, 07:17 PM
এক বদল নিয়ে ফাইনালে কিউইরা
সেমি-ফাইনালের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে নিউ জিল্যান্ড। ডানহাতি পেসার জ্যাকব ডাফিকে ফিরিয়েছে কিউইরা।
আসরে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলেছিলেন ডাফি। ওই চার ম্যাচে স্রেফ তিনটি উইকেট নিতে পেরেছিলেন তিনি। সুপার এইট ও সেমি-ফাইনালে বাইরে থাকা এই বোলারকে ফাইনালের জন্য ডাকল নিউ জিল্যান্ড।
ডাফিকে জায়গা দিতে বাদ পড়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার কোল ম্যাকনকি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমি-ফাইনালে একটি ওভার করে কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটনকে ফিরিয়েছিলেন তিনি।
নিউ জিল্যান্ড একাদশ: টিম সাইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রাভিন্দ্রা, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জেমস নিশাম, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন।
08 Mar 2026, 07:17 PM
ফের অপরিবর্তিত ভারত
বিশ্বকাপে পরপর টানা চার ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনল না ভারত। গত তিন ম্যাচ জেতা একাদশের ওপর ফাইনালের লড়াইয়েও আস্থা রাখল তারা।
ছন্দহীন আভিশেক শার্মা ও ভারুন চক্রবর্তিকে ফাইনাল থেকে বাদ দেওয়ার আলোচনা চলছিল ভারতীয় ক্রিকেটে। কিন্তু টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান ও বোলারদের ওপরই আস্থা রাখল স্বাগতিকরা।
ভারত একাদশ: সাঞ্জু স্যামসন, আভিশেক শার্মা, ইশান কিষান, শিভাম দুবে, সুরিয়াকুমার ইয়াদাভ (অধিনায়ক)। হার্দিক পান্ডিয়া, তিলাক ভার্মা, আকসার প্যাটেল, ভারুন চক্রবর্তি, আর্শদিপ সিং, জাসপ্রিত বুমরাহ।
08 Mar 2026, 07:09 PM
টস জিতে ফিল্ডিংয়ে নিউ জিল্যান্ড
কয়েন ছুঁড়লেন সুরিয়াকুমার ইয়াদাভ। টেলস ডাকলেন মিচেল স্যান্টনার। উঠলও তাই। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন নিউ জিল্যান্ড অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমি-ফাইনালেও টস জিতেছিল কিউইরা। সেদিন রান তাড়ায় প্রোটিয়াদের উড়িয়ে দিয়েছিল তারা।
আগে ব্যাটিংয়ে আপত্তি নেই সুরিয়াকুমারেরও। ভারত অধিনায়ক বললেন, তারা আগে ব্যাটিংই করতে চেয়েছিলেন।
২০১৬ আসরের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনাল ও ফাইনাল মিলিয়ে ১৪ ম্যাচে ১১বার জিতেছে পরে ব্যাট করা দল। আগে ব্যাট করে তিনবার জিতেছে ভারত।
08 Mar 2026, 06:48 PM
ভারতের তৃতীয় নাকি নিউ জিল্যান্ডের প্রথম?
দারুণ অর্জনের হাতছানি ভারতের সামনে। প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে টানা দুবার শিরোপা জয়ের সুযোগ। অন্য দিকে নিউ জিল্যান্ডের সামনে হাতছানি এই সংস্করণে নিজেদের প্রথম প্রথম শিরোপা জয়ের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউ জিল্যান্ড। আহমেদাবাদে মাঠের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায়।
‘এ’ গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে যায় ভারত। সেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে শঙ্কায় পড়ে যায় দলটি। পরে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জায়গা করে নেয় সেমি-ফাইনালে। রান উৎসবের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে যায় ভারত।
ভারতের সামনে হাতছানি ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে যাওয়ার। এই তিন দলই শিরোপা জিতেছে দুইবার করে।
গত আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া নিউ জিল্যান্ড ‘ডি’ গ্রুপ রানার্সআপ হয়ে সুপার এইট নিশ্চিত করে। এই পর্বে রান রেটে পাকিস্তানকে পেছনে ফেলে জায়গা পায় সেমি-ফাইনালে। গ্রুপ পর্বে যাদের বিপক্ষে হেরেছিল সেই দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে ফাইনাল জায়গা পায় নিউ জিল্যান্ড। ২০২১ আসরের রানার্সআপদের সামনে এবার ইতিহাস গড়ার হাতছানি।
