২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিদারুণ ব্যর্থতায় বাংলাদেশের সবচেয়ে বড় হার

27 Oct 2022, 08:19 AM

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৬.৩ ওভারে ১০১ (দক্ষিণ আফ্রিকা ২০৫/৫)

27 Oct 2022, 08:19 AM

দ. আফ্রিকার বিপক্ষে প্রথম জয়ের আশা

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের যে উল্টো পথে হাঁটা, এর শুরুটা হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়েই। ২০০৭ আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের মুখোমুখি হয় বাংলাদেশ। সেই যে ব্যর্থতার শুরু, দেড় দশক পর এর সমাপ্তি তারা টানতে পেরেছে চলতি আসরে নেদারল্যান্ডসকে দিয়ে।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।

জয়খরা কাটানোর পর বাংলাদেশের নজর এখন টানা সাফল্যে। আর টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম জয়ের।

প্রোটিয়াদের বিপক্ষে দেশে ও তাদের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। কিন্তু এখন পর্যন্ত খেলা সাত টি-টোয়েন্টিতেই হারতে হয়েছে তাদের।

27 Oct 2022, 08:34 AM

বাংলাদেশের উপভোগের মন্ত্র

জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার অগ্নিপরীক্ষাও খুব একটা ভাবাতে পারছে না তাদের।

নেদারল্যান্ডসের চেয়ে শক্তি-সামর্থ্যে অনেক এগিয়ে দক্ষিণ আফ্রিকা। অনেকেরে চোখে এই গ্রুপ থেকে সেমি-ফাইনালের সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে টেম্বা বাভুমার দল। কেউ কেউ তাদের দেখেন শিরোপার দাবিদার হিসেবেও।

এমন দলের বিপক্ষে খেলার আগে স্নায়ুচাপ অনুভব করা অস্বাভাবিক কিছু নয়। তবে এর ছিটেফোঁটাও দেখা যায়নি বাংলাদেশের সবশেষ অনুশীলনে। বরং ফুটে ওঠে সুখী এক পরিবারের ছবি।

এখন শেষ চারের স্বপ্নও উঁকি দিচ্ছে তাদের মনে। নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে সেই কাজটা বাংলাদেশ করতে চায় চনমনে থেকে, নিজেদের স্বাভাবিক ক্রিকেট খেলে।

27 Oct 2022, 08:36 AM

আগুনের জবাব আগুন দিয়েই

আগুনের জবাব আগুন দিয়েই দেওয়ার জন্য তৈরি বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান জানালেন, মূল চ্যালেঞ্জ কি হবে ভালো করেই তাদের জানা।

“দক্ষিণ আফ্রিকার পেস বোলারদের সঙ্গে আমরা সম্প্রতি খেলেছি, ওয়ানডে যদিও। আইসিসি ইভেন্টেও যখনই খেলেছি... আমরা জানি যে ওরা কী আক্রমণ করতে পারে আমাদের। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সফল ছিলাম। এবারও ভিন্ন কিছু আশা করছি না।

“আমি আশা করব, ওই পরিকল্পনাগুলোর পাল্টা জবাব দিতে পারব এবং ব্যাটসম্যান যারা আছি, সবাই জানি যে আসলে কী (হতে পারে)। আমরা যদি ওদের পরিকল্পনার পাল্টা জবাব দিতে পারি, তাহলে আমি আশাবাদী যে আমরা এগিয়ে থাকব।”

27 Oct 2022, 08:37 AM

পেস নিয়ে নাড়িয়ে দেওয়ার হুঙ্কার দ. আফ্রিকার

বাংলাদেশের বিপক্ষে কীভাবে পরিকল্পনা সাজাচ্ছে দক্ষিণ আফ্রিকা, এর একটা আভাস দিলেন লুঙ্গি এনগিডি। বললেন, নিজেদের শক্তির জায়গা পেস দিয়েই গুঁড়িয়ে দিতে চান বাংলাদেশের টপ অর্ডার।

“আমরা নিজেদের শক্তির জায়গা নিয়ে ভাবছি। যে কয়টা ম্যাচ দেখেছি, পেসাররাই বেশি সফল ছিল। আমরাও আমাদের শক্তির জায়গা ধরে এগোব। বাংলাদেশের কথা বললে অবশ্যই আমরা আমাদের শক্তি জায়গা দিয়েই আক্রমণ করব। যেটি হলো পেস।”

“শেষবার যখন আমরা বাংলাদেশের বিপক্ষে খেলেছি, তাদের ব্যাটসম্যানরা বেশ আগ্রাসী ভঙ্গিতে খেলেছে। তো অবশ্যই ওদের টপ অর্ডার আমাদের লক্ষ্য থাকবে। বোলিং ইউনিট হিসেবে আমরা ওদের ‘মাথা কেটে ফেলার’ চেষ্টা করব। যেটা হতে পারে তাদের টপ অর্ডারকে দ্রুত ফেরানোর মাধ্যমে। তাদেরকে যত কমে সম্ভব থামানোর চেষ্টা করব।”

27 Oct 2022, 08:37 AM

১৭৪ বছর পুরনো মাঠে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি খেলার সুযোগ মিলেছে এই প্রথম। স্বাভাবিকভাবেই প্রতিটি মাঠই এক রকম প্রথমের অভিজ্ঞতা হবে সাকিব আল হাসানদের। অস্ট্রেলিয়ায় অন্য সংস্করণে কিছু কিছু মাঠে আগেও খেলার সুযোগ হয়েছে। তবে ১৭৪ বছরের পুরনো সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ খেলবে এই প্রথম!

উপলক্ষটা জয় দিয়ে রাঙাতে উন্মুখ বাংলাদেশ। অধিনায়ক সাকিব জানালেন, আইকনিক মাঠে খেলতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষার কথা।

“খুবই ভালো মাঠ। স্বাভাবিকভাবেই অনেক প্রেস্টিজিয়াস একটা জায়গা। যেখানে আমিসহ পুরো দলই প্রথমবার খেলব। আমাদের জন্য অবশ্যই একটু রোমাঞ্চটা কাজ করবে যে এরকম একটা ভেন্যুতে আমরা শেষ পর্যন্ত খেলতে পারছি। যদিও আগেই আরও ম্যাচ খেলা উচিত ছিল। তবে সেটা হয়নি। এখন যেহেতু হচ্ছে, সবার জন্যই একটা সুযোগ এরকম একটা জায়গায় এরকম একটা উপলক্ষে দেশের জন্য ভালো কিছু করার।”

27 Oct 2022, 08:38 AM

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

টস জিতলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। তিনি নিলেন ব্যাটিং।

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান জানান টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন।

"হ্যাঁ আমরাও ব্যাটিং নিতাম। তবে আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা আছে। তো রান তাড়া করতেও সমস্যা নেই আমাদের।"

27 Oct 2022, 08:43 AM

ইয়াসিরের জায়গায় মিরাজ

উইকেট ও প্রতিপক্ষের কথা চিন্তা করে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মিডল অর্ডার ব্যাটসম্যান ই্য়াসির আলি চৌধুরির জায়গায় ফিরিয়েছে অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।

এই ম্যাচের উইকেটে স্পিন বেশি ধরবে বলে মনে করেন সাকিব। তাই একাদশে বাড়তি স্পিনার নেওয়ার কথা জানালেন অধিনায়ক।

"এখানে হোবার্টের চেয়ে ভিন্ন হবে। স্পিনের জন্য বেশি সাহায্য থাকতে পারে। তাই আমরা একাদশে একজন স্পিনার নিয়েছি। তাদের দলে বাঁহাতি ব্যাটসম্যানের আধিক্য মাথায় রেখে অফ স্পিনার হয়তো সুবিধা করতে পারে। ইয়াসির রাব্বির জায়গায় মেহেদী মিরাজ খেলছে।"

নিজেদের মেলে ধরে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী সাকিব।

"আমি মনে করি সব বিভাগেই উন্নতির জায়গা আছে আমাদের। হ্যাঁ, আমরা ভালো ম্যাচ খেলেছি। কিছুটা চাপও ছিল। তবে আজকের ম্যাচে নিজেদের পুরোপুরি মেলে ধরার সুযোগ। আমাদের যেমন প্রস্তুতি আছে, আমরা আশাবাদী শেষ পর্যন্ত লড়াই করতে পারব।"

"আমি আশা করি (জিততে পারব)। আমরা জেতার চেষ্টা করব। তবে দক্ষিণ আফ্রিকার মতো ভালো দলের বিপক্ষে জেতার জন্য আমাদের পুরো ৪০ ওভার ভালো ক্রিকেট খেলতে হবে।"

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত।

27 Oct 2022, 08:43 AM

স্পিনে শক্তি বাড়াল দ. আফ্রিকাও

বাংলাদেশের মতো একটি পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকাও। তবে সাকিবদের মতো তারা ব্যাটসম্যানের জায়গায় অলরাউন্ডার আনেনি। পেসার লুঙ্গি এনগিডির জায়গায় খেলাচ্ছে বাঁহাতি রিস্ট স্পিনার তাবরাইজ শামসিকে।

টসের সময় অধিনায়ক টেম্বা বাভুমা জানালেন এর কারণ।

"কন্ডিশন ও উইকেট বিবেচনায় এটি আমাদের জন্য সেরা প্রক্রিয়া। উইকেট কিছুটা শুষ্ক মনে হচ্ছে। সেই সুবিধা কাজে লাগাতে আমাদের দলে একজন বাড়তি স্পিনার নেওয়া হয়েছে।"

আবহাওয়ার সম্ভাবনায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেসব নিয়ে ভাবছেন না বাভুমা।

"আমরা নিজেদের সেরা খেলাটিই খেলার চেষ্টা করবো। যে বিষয়গুলো আমাদের নিয়ন্ত্রণে নেই সেসব নিয়ে ভাবতে চাচ্ছি না। মাঠে গিয়ে নিজেদের খেলা খেলতে চাই।"

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুশো, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, ওয়েইন পার্নেল, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, আনরিক নরকিয়া, তাবরাইজ শামসি।

27 Oct 2022, 09:12 AM

শুরুতেই তাসকিনের আঘাত

প্রথম ওভারেই উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমাকে কট বিহাইন্ড করে ফেরালেন তাসকিন আহমেদ।

ওভার জুড়েই দারুণ বোলিং করেন গতিময় এই পেসার। ওভারের শেষ বলটি ছিল অফ স্টাম্পের বেশ বাইরে। কিছুটা এগিয়ে এসে চড়াও হতে চেয়েছিলেন বাভুমা। বেশ বাইরের বলে চড়াও হওয়া সম্ভব নয় দেখে, শেষ মুহূর্তে খোঁচা মেরে বসেন তিনি। সহজ ক্যাচ নেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।

৬ বলে ২ রান করেন বাভুমা।

ক্রিজে কুইন্টন ডি ককের সঙ্গী রাইলি রুশো।

27 Oct 2022, 09:25 AM

রিভিউ নষ্ট করল বাংলাদেশ

উইকেট নেওয়ার অতি আগ্রহ দেখিয়ে রিভিউ নষ্ট করল বাংলাদেশ। আগের ওভারেই টেম্বা বাভুমাকে কট বিহাইন্ড করা তাসকিন আহমেদের বলে এবার রাইলি রুশোকে ফেরাতে চেয়েছিল তারা।

সুইং করে বেরিয়ে যাওয়া বলে ব্যাট চালান রুশো। কিন্তু ব্যাট ছোঁয়াতে পারেননি তিনি। বল যায় কিপারের গ্লাভসে, আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় তারা।

রিপ্লিতে দেখা যায়, বল ব্যাট স্পর্শ করেনি। একটি রিভিউ হারায় বাংলাদেশ।

ওভারের শেষ দিকে গিয়ে খেই হারান তাসকিন আহমেদ। করেন টানা দুটি ‘নো’ বল। পরে হজম করেন বাউন্ডারি। তাতে খরুচে হয়ে যায় তার ওভার, দেন ২১ রান।

27 Oct 2022, 09:38 AM

রুশো-ডি ককের জুটিতে পঞ্চাশ

ক্রিজে গিয়েই বোলারদের উপর চড়াও হয়েছেন রাইলি রুশো। সহজাত আক্রমণাত্মক ব্যাটিং করছেন কুইন্টন ডি কক। তাদের জুটির রান পঞ্চাশ ছুঁয়েছে কেবল ২৫ বলে।

পঞ্চম ওভারে পঞ্চাশ স্পর্শ করেছে দল ও জুটির রান।

বাংলাদেশের বোলাররা যেন ভেবে পাচ্ছেন না বল ফেলবেন কোথায়। তাদের বোলিং এলোমেলো করে দিয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন রুশো ও ডি কক।

৫ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ১ উইকেটে ৫৮। ১৬ বলে তিন ছক্কা ও দুই চারে রুশোর রান ৩৪। ১০ বলে এক ছক্কা ও তিন চারে ডি ককের রান ২০।

27 Oct 2022, 09:38 AM

বৃষ্টিতে খেলা বন্ধ

রাইলি রুশো ও কুইন্টন ডি ককের বিস্ফোরক ব্যাটিং থামাল বৃষ্টি। ষষ্ঠ ওভারের মাঝপথে বন্ধ হলো খেলা।

৫.৩ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ১ উইকেটে ৬০।

27 Oct 2022, 09:59 AM

খেলা শুরু, কমেনি ওভার

কিছুক্ষণ বন্ধ থাকার পর শুরু হলো খেলা। কমেনি ওভার।

27 Oct 2022, 10:01 AM

ছন্দ হারিয়ে খরুচে বাংলাদেশ

উইকেট নিয়ে শুরুটা বেশ ভালোই ছিল। কিন্তু এরপর যেন ছন্দ হারিয়ে ফেললেন বাংলাদেশের বোলাররা। সুযোগ কাজে লাগিয়ে ঝড়ো ব্যাটিংয়ে দ্রুত রান তুলছেন রাইলি রুশো ও কুইন্টন ডি কক।

প্রথম ৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ১ উইকেটে ৬৩ । ৩ ছক্কা ও ২ চারে ১৮ বলে ৩৬ রানে খেলছেন রুশো। ১ ছক্কা ও ৩ চারে ডি ককের রান ১৪ বলে ২৩।

প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। ওভারের শেষ বলটি চড়াও হতে গিয়ে কট বিহাইন্ড হন টেম্বা বাভুমা।

দলে ফেরা মেহেদী হাসান মিরাজকে চার মেরে দলকে প্রথম বাউন্ডারি এনে দেন ডি কক। পরের ওভারে তাসকিন খেই হারিয়ে ফেলেন। দুইটি নো বল, তিনটি চার ও এক ছক্কা হজম করে ওভারে দেন ২১ রান।

প্রথমবার আক্রমণে আসা হাসান মাহমুদকে টানা দুই বলে ছক্কা-চার মারেন রুশো। পরে মিরাজকে দুই ছক্কায় ওড়ান বাঁহাতি এই ব্যাটসম্যান।

ষষ্ঠ ওভারের মাঝে বৃষ্টি নামে। কিছুক্ষণ অপেক্ষার পর শুরু হয় আবার খেলা।

27 Oct 2022, 10:06 AM

শেষ রিভিউও হারাল বাংলাদেশ

পাওয়ার প্লে শেষ হতেই আক্রমণে এলেন মোসাদ্দেক হোসেন। নুরুল হাসান সোহান নিশ্চিত ছিলেন, তার বলে রাইলি রুশোর ক্যাচ নিয়েছেন তিনি।

কিপারের আত্মবিশ্বাস দেখে রিভিউ নেন সাকিব আল হাসান। রিপ্লেতে দেখা গেছে, ব্যাট স্পর্শ করেনি বল। পায়ে লেগে গিয়েছিল সোহানের গ্লাভসে। সপ্তম ওভারে শেষ হলো বাংলাদেশের দুটি রিভিউ।

27 Oct 2022, 10:18 AM

৩০ বলে রুশোর ফিফটি

বিস্ফোরক ব্যাটিংয়ে ফিফটি করলেন রাইলি রুশো, ৩০ বলে। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে চারটি ছক্কা ও দুটি চার।

তার ঝড়ো ব্যাটিংয়ে মাঝপথে খুব ভালো অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকা। ১০ ওভারে ১ উইকেটে করেছে ৯১ রান।

৩০ বলে পঞ্চাশ রানে খেলছেন রুশো। ২৬ বলে কুইন্টন ডি ককের রান ২৬ বলে ৩৭।

৮৯ রানের জুটিতে বড় রানের মঞ্চ গড়ে দিয়েছেন রুশো ও ডি কক। এখানে থেকে ২০০ রান অসম্ভব কিছু নয়।

27 Oct 2022, 10:29 AM

সাকিবের ওভার থেকে ২১

একাদশ ওভারে বোলিংয়ে এলেন সাকিব আল হাসান। প্রথম চার বলে দিয়েছিলেন ৭। পরের দুই বলে একটি ‘নো’ করলেন। হজম করলেন দুটি ছক্কা। ওভার থেকে এলো ২১ রান।

১১তম ওভারে একশ স্পর্শ করল দক্ষিণ আফ্রিকার রান। ১ উইকেটে তাদের সংগ্রহ ১১২।

বাংলাদেশের জন্য আরও দুর্ভাগ্য, ফ্রি হিটের সময় নুরুল হাসান সোহান জায়গা থেকে নড়ায় ৫ রান পেনাল্টি করা হয় তাদের।

জুটির রান ১১০। টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় উইকেটে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ জুটি এটাই। আগের সেরা ছিল জ্যাক ক্যালিস ও গ্রায়েম স্মিথের ৯৭। ২০১০ সালের আসরে, ভারতের বিপক্ষে করেছিলেন তারা।

27 Oct 2022, 10:51 AM

৩৪ বলে ডি ককের ফিফটি

রাইলি রুশোর পর ফিফটি করলেন কুইন্টন ডি কক। বাঁহাতি এই ওপেনারের পঞ্চাশ এলো ৩৪ বলে।

হাসান মাহমুদকে ছক্কায় ওড়িয়ে পঞ্চাশ স্পর্শ করেন ডি কক। ৩৫ বলে তার রান ৫৮। ইনিংসে তিন ছক্কার পাশে চার ছয়টি।

অন্য প্রান্তে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছেন রুশো। ৪১ বলে তার রান ৮০, সাত ছক্কার সঙ্গে তার ইনিংসে চার চারটি।

১৩ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ১ উইকেটে ১৩৭। জুটির রান ১৩৫। বিশ্বকাপে যেকোনো উইকেটে দক্ষিণ আফ্রিকার যা সর্বোচ্চ।

আগের সেরা জুটি ছিল ১২০ রানের। ২০০৭ আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন জাস্টিন কেম্প ও হার্শেল গিবস।

27 Oct 2022, 10:50 AM

রুশোকে জীবন দিলেন হাসান

এমনিতেই রাইলি রুশো ও কুইন্টন ডি ককের বিস্ফোরক ব্যাটিংয়ে দিশা পাচ্ছে না বাংলাদেশ। এর মধ্যে ক্যাজ ছাড়লেন হাসান মাহমুদ।

তাসকিন আহমেদের বলে থার্ড ম্যানে ক্যাচ দেন রুশো। খুব কঠিন ছিল না ক্যাচ তবে কিছুটা এগিয়ে এসে জমাতে পারেননি হাসান। ৮৮ রানে বেঁচে যান রুশো।

তাসকিনের ওভার থেকে আসে ২৩ রান। এই ওভারেও একটি 'নো’ বল করেন তাসকিন।

27 Oct 2022, 10:48 AM

জুটির রেকর্ড গড়ে ফিরলেন ডি কক

রাইলি রুশোর সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ জুটি উপহার দিয়ে ফিরলেন কুইন্টন ডি কক। আফিফ হোসেনের অফ স্পিনি উড়িয়ে মেরে ধরা পড়লেন লং অফে।

ডি কক ৩৮ বলে তিন ছক্কা ও সাত চারে ৬৩ রান করেন ডি কক।

তার বিদায়ে ভাঙে ১৬৮ রানের রেকর্ড জুটি। বিশ্বকাপে আগের সর্বোচ্চ জুটিতে রান ছিল ১৬৬। ২০১০ আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা। সেটিও ছিল দ্বিতীয় জুটিতেই।

27 Oct 2022, 11:01 AM

রুশোর টানা দ্বিতীয় সেঞ্চুরি

ভারত সফরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির স্বাদ পান রাইলো রুশো। বিশ্বকাপে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটসম্যান উপহার দিলেন আরেকটি বিধ্বংসী শতক।

বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে পরিত্যক্ত হওয়া বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাননি ব্যাটিং। তাতে টানা দ্বিতীয় ইনিংসে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন রুশো।

সাকিব আল হাসানকে আলতো হাতে অফ সাইডে খেলেই সিঙ্গেল নেন রুশো এবং মাতেন সেঞ্চুরির উল্লাসে। ৫২ বলে ৭টি করে ছক্কা-চারে তিন অঙ্কে পা রাখেন তিনি।

ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন রুশো ৪৮ বলে। ইনিংসে ৮ ছক্কার সঙ্গে ছিল ৭ চার।

বিশ্বকাপের চলতি আসরে এটাই প্রথম সেঞ্চুরি।

27 Oct 2022, 11:05 AM

রুশোকে ফেরালেন সাকিব

শেষ দিকে ঠিকঠাক টাইমিং হচ্ছিল না রাইলি রুশোর। যেখানে বল পাঠাতে চাচ্ছিলেন সেখানে পারছিলেন না। দুর্দান্ত সেঞ্চুরির পর সাকিব আল হাসানকে উড়িয়ে মারার চেষ্টায় ফিরলেন ক্যাচ দিয়ে।

বেশ উঁচুতে ওঠে যাওয়া ক্যাচ নেন লিটন দাস। ৫৬ বলে আট চার ও সাত চারে ১০৯ রান করেন রুশো।

27 Oct 2022, 11:05 AM

ছক্কার চেষ্টায় অক্কা মারক্রাম

ইনিংসের শেষ ওভার। এই সময়ে তো মারতেই হবে। সেই চেষ্টাই করলেন এইডেন মারক্রাম। তবে যতটা উপর উঠল বল, গেল না ততটা দূরে। সহজ ক্যাচ নিলেন সৌম্য সরকার।

হাসান মাহমুদ পেলেন উইকেট। ১১ বলে ১০ রান করে ফিরলেন মারক্রাম।

27 Oct 2022, 11:21 AM

২০৬ রানের লক্ষ্য

প্রথম ওভারেই উইকেট হারানোর ধাক্কা সামালে দলকে দারুণভাবে এগিয়ে নিলেন রাইলো রুশো ও কুইন্টন ডি কক। দুইজনেই তুললেন ঝড়। ডি কক ফিফটি করে থামলেও রুশো তুলে নিলেন সেঞ্চুরি। তাতে বাংলাদেশকে বিশাল লক্ষ্য ছুঁড়ে দিল দক্ষিণ আফ্রিকা।

টস জিতে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেটে ২০৫ রান। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়বার দুইশ ছাড়ানো পুঁজি গড়ল দলটি। ২০১৭ সালে ৪ উইকেটে ২২৪ রান করেছিল তারা।

টানা দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি ছুঁয়ে রুশো খেলেন ক্যারিয়ার সেরা ১০৯ রানের ইনিংস। তার ৫৬ বলের ইনিংসটি গড়া ৮ ছক্কা ও ৭ চারে। ৩ ছক্কা ও ৭ চারে ৩৮ বলে ৬৩ রান করেন ডি কক।

দুইজনে গড়েন ১৬৮ রানে জুটি। টি-টোয়েন্টি বিশ্বকাপ যেকোনো উইকেটে যা রেকর্ড। ২০১০ আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতেই শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা করেছিলেন আগের সেরা ১৬৬ রান।

ইনিংসের প্রথম ওভারেই টেম্বা বাভুমাকে কট বিহাইন্ড করে দেন তাসকিন আহমেদ। কিন্তু এরপর ছন্দ হারিয়ে ফেলেন তিনি। ৩ ওভার করে দেন ৪৬ রান।

উইকেট না পেলেও ৪ ওভারে স্রেফ ২৫ রান দেন মুস্তাফিজুর রহমান। খুব একটা ভালো করতে পারেননি আর কেউই। হাসান মাহমুদ ১ উইকেট নেন ৩৬ রান খরচায়। সর্বোচ্চ ২ উইকেট নেওয়া সাকিব আল হাসান ৩ ওভারে দেন ৩৩ রান।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ২০৫/৫ (বাভুমা ২, ডি কক ৬৩, রুশো ১০৯, স্টাবস ৭, মারক্রাম ১০, মিলার ২*, পার্নেল ০*; তাসকিন ৩-০-৪৬-১, মিরাজ ৩-০-৩২-০, হাসান ৪-০-৩৬-১, মুস্তাফিজ ৪-০-২৫-০, মোসাদ্দেক ২-০-১৬-০, সাকিব ৩-০-৩৩-২, আফিফ ১-০-১১-১)

27 Oct 2022, 11:27 AM

প্রথম ওভারে বাংলাদেশের ১৭

বড় লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হলো বাংলাদেশের। কাগিসো রাবাদার করা প্রথম ওভারে তারা তুলল ১৭ রান।

ওভারের প্রথম বল ডট খেলা নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় বলটি মিড-অনের মাথার ওপর দিয়ে চার মারেন। এরপর ওভারের শেষ দুই দলে দারুণ দুটি ফ্লিক শটে রাবাদাকে ছক্কায় ওড়ান সৌম্য সরকার। মাঝে লেগ বাই থেকে আসে ১ রান।

27 Oct 2022, 11:39 AM

সৌম্য-শান্তকে ফেরালেন নরকিয়া

ঝড়ের আভাস দিয়ে বেশিক্ষণ টিকতে পারলেন না সৌম্য সরকার। সেই ধাক্কা সামাল দেওয়ার আগেই ফিরলেন নাজমুল হোসেন শান্ত। একই ওভারে বাংলাদেশের দুই ওপেনারের বিদায় করলেন আনরিক নরকিয়া

সৌম্য-শান্ত উদ্বোধনী জুটিতে রান তাড়ার শুরুটা ভালোই হয় বাংলাদেশের। প্রথম দুই ওভারে আসে ২৬ রান। কিন্তু দলকে টানতে পারলেন না দুই জনই।

তৃতীয় ওভারের প্রথম বলটি ফুল লেংথ করেন নরকিয়া। ক্রস ব্যাটে খেলতে গিয়ে টাইমিং করতে পারেননি সৌম্য। হালকা ভেতরে ঢোকা বল তার ব্যাটের কানা নিয়ে জমা পড়ে কিপারের গ্লাভসে।

কাগিসো রাবাদাকে টানা দুই ছক্কা মারা সৌম্য ৬ বলে ১৫ রান করে ফেরেন।

দুই বলই সাজঘরের পথ ধরেন শান্ত। নরকিয়ার ১৪৮ কিমি গতির বলের লাইন মিস করে স্টাম্প হারান তিনি। ১ চারে ৯ বলে ৯ রান করেন শান্ত।

৩ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ২৭। উইকেটে নতুন দুই ব্যাটসম্যান লিটন দাস ও সাকিব আল হাসান।

27 Oct 2022, 11:49 AM

টিকলেন না সাকিব

জোড়া ধাক্কা খাওয়া বাংলাদেশের হাল ধরতে পারলেন না অধিনায়ক। দলকে আরও বিপদে ফেলে বিদায় নিলেন সাকিব আল হাসান।

নিজের প্রথম ওভার জোড়া শিকার ধরা আনরিক নরকিয়া দ্বিতীয় ওভারে এসে ফেরান সাকিবকে। তার স্টাম্প সোজা বলটি শাফল করে লেগ সাইডে খেলতে যান সাকিব।

কিন্তু ব্যাটে খেলতে পারেননি তিনি। বল আঘাত হানে প্যাডে। এলবিডব্লিউর আবেদন করে দক্ষিণ আফ্রিকা। তাতে সাড়া দিয়ে আঙুল তুলে দেন আম্পায়ার।

৪ বলে ১ রান করে ফিরলেন সাকিব।

৫ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেট হারিয়ে ৪৩। লিটন দাসের সঙ্গে উইকেটে নতুন ব্যাটসম্যান আফিফ হোসেন।

27 Oct 2022, 11:55 AM

আফিফের বিদায়ে আরও বিপদে বাংলাদেশ

দ্রুত তিন উইকেট হারানো দলকে টানতে ব্যর্থ হলেন আফিফ হোসেন। কাগিসো রাবাদার গতিতে পরাস্ত হয়ে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।

প্রথম ওভারে ১৭ রান দেওয়ার পর পাওয়ার প্লের শেষ ওভারে রাবাদাকে আনে দক্ষিণ আফ্রিকা। এবার তিনি দলকে করলেন না হতাশ।

ওভারের পঞ্চম বলে বাড়তি বাউন্স ও গতির কারণে পুল করে টাইমিং করতে পারেননি আফিফ। মিড-অফে সহজ ক্যাচ নেন ওয়েইন পার্নেল।

৫ বলে ১ রান করে ফেরেন আফিফ।

৬ ওভার শেষে বাংলাদেশ করেছে ৪ উইকেটে ৪৭ রান। লিটন দাসের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।

27 Oct 2022, 12:12 PM

তেড়েফুঁড়ে মারতে গিয়ে মিরাজের বিদায়

আসা-যাওয়ার মধ্যে আছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। একের পর এক উইকেট হারিয়ে বড় হারের শঙ্কায় দল। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরলেন মেহেদী হাসান মিরাজ।

দশম ওভারে তাবরাইজ শামসিকে তেড়েফুঁড়ে উইকেট ছেড়ে বেরিয়ে এসে মারতে চাইলেন মিরাজ। ব্যাটের নিচেই পেয়েছিলেন বল। কিন্তু বল উঠে যায় বেশি উপরে। লং-অফে ক্যাচ নেন এইডেন মারক্রাম।

১৩ বলে ১১ রান করে ফিরলেন মিরাজ।

ইনিংসের মাঝপথে ভীষণ বিপদে বাংলাদেশ। ৫ উইকেট হারিয়ে ১০ ওভারে ৬৬ রান করেছে তারা। শেষ ৬০ বলে ১৪০ রান চাই তাদের।

২১ রান খেলছেন লিটন। উইকেটে তার সঙ্গী মোসাদ্দেক হোসেন।

27 Oct 2022, 12:16 PM

শূন্যতে শেষ মোসাদ্দেক

নেদারল্যান্ডসের বিপক্ষে বড় না হলেও শেষ দিকে কার্যকর একটি ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার সঙ্গে এসে রানের খাতাই খুলতে পারলেন না তিনি।

কেশভ মহারাজকে উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলতে চান মোসাদ্দেক। কিন্তু ব্যাটেই বল লাগাতে পারেননি তিনি। বল গ্লাভসে জমিয়ে স্টাম্প ভেঙে দেন কুইন্টন ডি কক। তখন ক্রিজ থেকে বেশ দূরে ছিলেন মোসাদ্দেক।

৩ বলে শূন্য রান করে ফিরলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

১১ ওভার শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ৭৪। লিটন দাস খেলছেন ২৮ রানে। উইকেটে তার সঙ্গী নুরুল হাসান সোহান।

27 Oct 2022, 12:23 PM

এবার সোহানের বিদায়

উইকেট বিলিয়ে আসার মিছিলে যেন নেমেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে সাজঘরে ফিরছেন এক জনের পর একজন। সেই পথ ধরেই বিদায় নিয়েছেন নুরুল হাসান সোহান।

বাঁহাতি রিস্ট স্পিনার তাবরাইজ শামসির করা ওভারের শেষ বলটি স্লগ করেন সোহান। কিন্তু বাউন্ডারি পার করতে পারেননি তিনি। ফাইন লেগে সহজ ক্যাচ নেন আনরিক নরকিয়া।

৬ বলে ২ রান করে ফিরলেন সোহান।

বড় হারের দুয়ারে থাকা বাংলাদেশের রান ৭ উইকেটে ৭৬। এক প্রান্তে সতীর্থদের আসা-যাওয়া দেখছেন লিটন দাস। তার রান ২৯। তার সঙ্গী তাসকিন আহমেদ।

27 Oct 2022, 12:32 PM

লিটনের প্রতিরোধ ভাঙলেন শামসি

একবার জীবন পেয়ে সতীর্থদের আসা-যাওয়া দেখছিলেন লিটন কুমার দাস। কিন্তু অনেকটা সময় টিকে থেকেও তেমন কিছু করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ফিরলেন তিনিও।

তাবরাইজ শামসিকে পা বাড়িয়ে স্লগ করেন লিটন। শটে তেমন জোর ছিল না। ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন তিনি ত্রিস্টান স্টাবসের হাতে। এই ফিল্ডারই ১৭ রানে ছেড়েছিলেন লিটনের ক্যাচ।

একটি করে ছক্কা-চারে ৩১ বলে ৩৪ রান করে সাজঘরে ফিরলেন লিটন।

১৪ ওভার শেষে বাংলাদেশের রান ৮ উইকেটে ৮৫। তাসকিন আহমেদের সঙ্গে নতুন ব্যাটসম্যান হাসান মাহমুদ।

27 Oct 2022, 12:36 PM

রান আউট হাসান

আরেকটি উইকেট হারাল বাংলাদেশ। রান আউট হয়ে ফিরলেন হাসান মাহমুদ।

আনরিক নরকিয়ার বলটি তাসকিন আহমেদ কাভারে খেলে রানের জন্য দৌড় দেন। বল কুঁড়িয়ে স্ট্রাইক প্রান্তে সরাসরি থ্রোয়ে স্টাম্প ভেঙে দেন কাগিসো রাবাদা।

২ বলে শূন্য রান করে ফেরেন হাসান।

১৫ ওভার শেষে বাংলাদেশের রান ৯ উইকেটে ৯১। উইকেটে তাসকিনের সঙ্গী মুস্তাফিজুর রহমান।

27 Oct 2022, 12:44 PM

সবচেয়ে বড় হার

দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে করেছিল ২০৫ রান। বাংলাদেশ করতে পারল না এর অর্ধেকও। নিদারুণ ব্যর্থতার ম্যাচে থামল ১০১ রানে।

এক সময়ে অবশ্য শতরান পর্যন্ত যাওয়া নিয়েই জেগেছিল শঙ্কা! শেষ পর্যন্ত ১৬.৩ ওভারে ১০১ রান পর্যন্ত যায় সাকিব আল হাসানের দল।

১০৪ রানের এই হার বিশ্বকাপে তো বটেই টি-টোয়েন্টিতেই বাংলাদেশের সবচেয়ে বড় হার। বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় হার ৭৫ রানে, নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালের আসরে।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় হার ছিল পাকিস্তানের বিপক্ষে, ২০০৮ সালে হেরেছিল ১০২ রানে।

27 Oct 2022, 12:50 PM

১০১ রানে শেষ বাংলাদেশের ইনিংস

শেষ ব্যাটসম্যান হিসেবে তাসকিন আহমেদকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দিলেন আনরিক নরকিয়া।

নরকিয়ার বলটি জায়গা বানিয়ে লেগ সাইডে খেলতে চেয়েছিলেন তাসকিন। কিন্তু ব্যাটেই বল লাগাতে পারেননি তিনি। বল ছোবল দেয় তার স্টাম্পে।

১ চারে ১০ রান করে ফিরলেন তাসকিন। স্রেফ ১০১ রান থামল বাংলাদেশের ইনিংস। হারল তারা ১০৪ রানে।

১০ রান দিয়ে চতুর্থ শিকার ধরলেন নরকিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা এই পেসারের সেরা বোলিং। তার আগের সেরা ছিল ৮ রানে ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ২০৫/৫ (বাভুমা ২, ডি কক ৬৩, রুশো ১০৯, স্টাবস ৭, মারক্রাম ১০, মিলার ২*, পার্নেল ০*; তাসকিন ৩-০-৪৬-১, মিরাজ ৩-০-৩২-০, হাসান ৪-০-৩৬-১, মুস্তাফিজ ৪-০-২৫-০, মোসাদ্দেক ২-০-১৬-০, সাকিব ৩-০-৩৩-২, আফিফ ১-০-১১-১)

বাংলাদেশ: ১৬.৩ ওভারে ১০১ (শান্ত ৯, সৌম্য ১৫, লিটন ৩৪, সাকিব ১, আফিফ ১, মিরাজ ১১, মোসাদ্দেক ০, সোহান ২, তাসকিন ১০, হাসান ০, মুস্তাফিজ ৯*; রাবাদা ৩-০-২৪-১, পার্নেল ২-০-১৮-০, নরকিয়া ৩.৩-০-১০-৪, মহারাজ ৪-০-২৪-১, শামসি ৪-০-২০-৩)

27 Oct 2022, 01:11 PM

রুশো-ডি ককের জুটিতে হার

সাকিব আল হাসান মনে করেন, প্রথমভাগেই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছিলেন রাইলি রুশো ও কুইন্টন ডি কক।

"প্রথম ওভারের পর আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। উইকেটটা ভালো ছিল। রাইলি রুশো দারুণভাবে মানিয়ে নিয়েছে। কুইন্টনও ভালো খেলেছে। ওদের দুজনের জুটিটাই আমাদের হারিয়ে দিয়েছে।"

27 Oct 2022, 01:14 PM

ব্যাটিংয়ে উন্নতির তাগিদ সাকিবের

কোনোমতে করা গেছে একশ। তারপরও করা যায়নি দক্ষিণ আফ্রিকার রানের অর্ধেক। পেতে হয়েছে টি-টোয়েন্টিতে নিজেদের সবচেয়ে বড় হারের তেতো স্বাদ। হারের পর ব্যাটসম্যানদের ঘুরে দাঁড়ানোর তাগিদ দিলেন অধিনায়ক সাকিব আল হাসান।

"ব্যাটিংয়ে আমাদের অনেক উন্নতি করতে হবে, বাউন্স ও পেসের সঙ্গে মানিয়ে নিতে হবে। প্রথম ১০ ওভারে যদি ভালো ব্যাটিং করি, উইকেট হাতে রাখি, তাহলে শেষের দিকে ব্যাটিং সহজ হয়। আমি এখন পর্যন্ত বিশ্বকাপে তাই দেখছি। যে দলগুলো শেষ দশ ওভারে উইকেট হাতে রাখছে, তারাই বড় রান করছে। এই একটা জায়গায় আমরা ভালো করতে পারি।"

27 Oct 2022, 01:26 PM

নিখুঁত ম্যাচ খেলার তৃপ্তি বাভুমার কণ্ঠে

প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর এবার মিলল জয়ের দেখা। রাইলি রুশো করলেন সেঞ্চুরি, কুইন্টন ডি কক ফিফটি। দল পেল দুইশ ছাড়ানো সংগ্রহ। পরে বোলাররা স্রেফ ১০১ রানে থামিয়ে দিলেন বাংলাদেশকে। সব মিলিয়ে দারুণ এক দিন কাটানোর তৃপ্তি শোনা গেল অধিনায়ক টেম্বা বাভুমার কণ্ঠে।

"পারফরম্যান্সের দিক থেকে আমাদের জন্য নিখুঁত একটি দিন। দলগতভাবে ভালো খেলেছি আমরা। দুর্ভাগ্যবশত যেভাবে (বিশ্বকাপ) শুরু করতে চেয়েছিলাম তা পাইনি আমরা। আজকে জিতেছি।"