২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

24 Oct 2022, 10:00 AM

সংক্ষিপ্ত স্কোর: নেদারল্যান্ডস ২০ ওভারে ১৩৫ (বাংলাদেশ ১৪৪/৮)

24 Oct 2022, 09:38 AM

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতলেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। নিলেন বোলিং, পরে ব্যাখ্যা করলেন কারণ।

"(আগে বোলিং নেওয়ার কারণ) আমরা দেখছি রান তাড়ায় দলগুলো ভালো করছে এবং আবহাওয়াও আমাদের সাহায্য করতে পারে। আমাদের প্রথম লক্ষ্য ছিল সুপার টুয়েলভে আসা। এখন বিষয়টি হলো লড়াই করা এবং কিছু ম্যাচ জিতে নেওয়া।"

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানালেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

"আমরা এখানে, হোবার্টে এসেছি বেশি দিন হয়নি। তবে নিউজিল্যান্ডের আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। আমাদের এটিই দরকার ছিল। আমার মতে, আমরা ভালোভাবে প্রস্তুত। শুধু নির্দিষ্ট দিনে আমাদের ভালো করতে হবে।"

সাধারণত স্পিন নির্ভর দল হিসেবে বিবেচিত হয় বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার মাটিতে পেসাররাও দলকে জেতানোর সামর্থ্য রাখে বললেন বাংলাদেশ অধিনায়ক।

"হ্যাঁ! অবশ্যই (পেসাররাও ম্যাচ জেতাতে পারে)। আমি মনে করি, আমাদের দলে সবচেয়ে বেশি উন্নতি করেছে ফাস্ট বোলাররা। আমি মনে করি গত ৩-৪ বছর ধরে তারা বাংলাদেশের হয়ে অনেক ভালো করছে। আমি আশাবাদী তারা ভালো করবে।"

১৫ বছরের অপেক্ষার অবসানের অভিযান

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জিতেছিল বাংলাদেশ। এখন পর্যন্ত সেটিই হয়ে আছে মূল পর্বে তাদের একমাত্র জয়। দেড় দশকের দীর্ঘ অপেক্ষার অবসানের লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়া আসর শুরু করছে সাকিব আল হাসানের দল।

এবার বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস। হোবার্টের বেলেরিভ ওভালে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

অতীতের বিবর্ণ পরিসংখ্যানের জন্য স্রেফ দুটি ম্যাচ জিতলেই বিশ্বকাপে সেরা সাফল্য পেয়ে যাবে বাংলাদেশ। সাকিবদের লক্ষ্যও রেকর্ড একটু উজ্জ্বল করা। তবে এতে বাগড়া দিতে পারে বৃষ্টি।

সহজ প্রতিপক্ষ নয় নেদারল্যান্ডস

দুই দলের প্রথম ওয়ানডে জিতেছিল নেদারল্যান্ডস। জিতেছে একটি টি-টোয়েন্টিতেও। ২০১৬ সালে সবশেষ দেখায় টি-টোয়েন্টি বিশ্বকাপে হেরেছিল দারুণ লড়াই করে।

সুপার টুয়েলভে আসার পথে নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে নেদারল্যান্ডস।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ডাচদের অভিজ্ঞ ব্যাটসম্যান টম কুপার বলছিলেন, প্রথম পর্বে খেলার এই অভিজ্ঞতা কাজে লাগবে বাংলাদেশের বিপক্ষে। খেলার মধ্যে থাকায় নেদারল্যান্ডস একটু এগিয়ে থাকবে সাকিবদের চেয়ে।

বাংলাদেশের একটি প্রস্তুতি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। পরেও অনুশীলন ব্যহত হয়েছে। সব মিলিয়ে সাকিবদের হারাতে না পারার কোনো কারণ দেখেন না কুপার।

24 Oct 2022, 09:42 AM

ফিরলেন মুস্তাফিজ, নেই ইবাদত

ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচের পর আর মাঠে না নামা মুস্তাফিজুর রহমান ফিরেছেন একাদশে। নেই ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। অন্য দুই জন হলে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

মেহেদী হাসান মিরাজও নেই একাদশে। জায়গা পেয়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। ব্যাটিংয়ে শক্তি বাড়াতে সাকিব আল হাসান সহ চার বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলছে বাংলাদেশ। পঞ্চম বোলারের কাজ সারতে হবে মোসাদ্দেকের।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরি, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত।

24 Oct 2022, 09:49 AM

ফন ডার মেরওয়াকে পাচ্ছে না নেদারল্যান্ড

প্রথম পর্বের শেষ ম্যাচে চোট পাওয়া রুলফ ফন ডার মেরওয়া এখনও সেরে ওঠেননি। অভিজ্ঞ এই স্পিনারকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে খেলতে নামছে নেদারল্যান্ডস। তার জায়গায় এসেছেন শারিজ আহমাদ। টিম ফন ডার গুগটেন দলে নেই, ফিরেছেন লোগান ফন বিক।

নেদারল্যান্ডস একাদশ: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন আকারম্যান, শারিজ আহমাদ, লোগান ফন বিক, টম কুপার, ফ্রেড ক্লাসেন, বাস ডে লেডে, পল ফন মেকেরেন, মাক্স ও’ডাওড, বিক্রম সিং ও টিম প্রিঙ্গল।

24 Oct 2022, 10:05 AM

ওপেনিংয়ে শান্ত-সৌম্য

ওপেনিংয়ে নেই লিটন কুমার দাস। বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে ইনিংস সূচনা করতে নামলেন দুই বাঁহাতি সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। এ নিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টিতে ইনিংস সূচনা করলেন এ দুজন ব্যাটসম্যান।

ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ৭ রানে ভেঙেছিল তাদের উদ্বোধনী জুটি।

24 Oct 2022, 10:30 AM

সৌম্যর বিদায়ে ভাঙল জুটি

পাওয়ার প্লের শেষ ওভারে ভাঙল বাংলাদেশের উদ্বোধনী জুটি। গত বছরের ৩ সেপ্টম্বরের পর প্রথম পঞ্চাশ রানের জুটির সম্ভাবনা জাগিয়ে বিচ্ছিন্ন হলেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার।

পল ফন মিকেরেনের শর্ট বলে গতি ছিল প্রত্যাশার চেয়ে বেশি। তাই পুল করে টাইমিং করতে পারেননি সৌম্য। মিডউইকেটে সহজ ক্যাচ নেন বাস ডে লেডে। ভাঙে ৪৩ রানের জুটি।

৩০ ইনিংস পর ৪০ ছাড়াল উদ্বোধনী জুটি।

১৪ বলে দুই চারে ১৪ রান করেন সৌম্য।

৬ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৪৭। ১৯ বলে ২৫ রানে খেলছেন শান্ত, ৩ বলে লিটন দাসের রান ৩।

24 Oct 2022, 10:35 AM

ছক্কার চেষ্টায় অক্কা শান্ত

পরপর দুই ওভারে দুই ওপেনারকে হারাল বাংলাদেশ। সৌম্য সরকারের পর ফিরে গেলেন নাজমুল হোসেন শান্ত।

পল ফন মিকেরেনের মতো নিজের প্রথম বলে উইকেট পেলেন টিম প্রিঙ্গল। বাঁহাতি এই স্পিনার আক্রমণে আসতেই তাকে সুইপ করে ছক্কায় ওড়াতে চেয়েছিলেন শান্ত। স্পিনের বিপক্ষে খেলা শটে টাইমিং করতে পারেননি, ক্যাচ ওঠে যায় মিডউইকেটে।

২০ বলে চারটি চারে ২৫ রান করেন শান্ত।

৭ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৫১। ক্রিজে লিটন দাসের সঙ্গী সাকিব আল হাসান।

24 Oct 2022, 10:49 AM

লিটনের বিদায়

টানা দুই ওভারে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া বাংলাদেশের হাল ধরতে পারলেন না লিটন দাস। দলকে আরও বিপদে ফেলে ফিরলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

দলে ফেরা লোগান ফন বিকের শর্ট অব লেংথ বল ঠিক মতো খেলতে পারেননি লিটন। ব্যাটের উপরের দিকে বল উঠে যায় উপরে। মিড-অফে সহজ ক্যাচ নেন টম কুপার।

১১ বলে ৯ রান করে বিদায় নিলেন লিটন।

৯ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ৬৩। ক্রিজে সাকিব আল হাসানের সঙ্গী আফিফ হোসেন।

24 Oct 2022, 10:54 AM

ফিরে গেলেন সাকিবও

দুই্ ওপেনার ফিরে যাওয়ার পর কমেছে রানের গতি, তাই একটু ঝুঁকি নিলেন সাকিব আল হাসান। সেটা কাজে এলো না সীমানায় বাস ডে লেডের দুর্দান্ত ফিল্ডিংয়ে। চমৎকার এক ক্যাচে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।

১৯ বছর বয়সী লেগ স্পিনার শারিজকে স্লগ সুইপে ছক্কা মারতে চেয়েছিলেন সাকিব। পার করতে পারেননি বাস ডে লেডেকে। বেশ কিছুটা দৌড়ে গিয়ে লাফিয়ে মুঠোয় জমান তিনি।

৯ বলে ৭ রান করেন দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের সব আসরে খেলা সাকিব।

এক বল পর স্লগ সুইপ করে শারিজকে ছক্কায় ওড়ান আফিফ হোসেন। এরপর খেলা বন্ধ হয়ে যায় বৃষ্টিতে। ৯.৩ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৭০। ক্রিজে আফিফের সঙ্গী ইয়াসির আলি চৌধুরি।

24 Oct 2022, 11:11 AM

মাঝপথে চাপে বাংলাদেশ

দুই ওপেনারের এনে দেওয়া ভালো শুরু হারিয়ে যেতে বসেছে পরের দিকের ব্যর্থতায়। ভালো শুরুটা কাজে লাগাতে পারেননি নাজমুল হাসান শান্ত ও সৌম্য সরকার। পরে দুই অঙ্কে যেতে পারেননি লিটন দাস ও সাকিব আল হাসান। মাঝপথে তাই বেশ চাপে বাংলাদেশ।

১০ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৭২। ৪ বলে ৭ রানে খেলছেন আফিফ হোসেন, ইয়াসির আলি ২ বলে ২ রানে।

24 Oct 2022, 11:14 AM

দারুণ ডেলিভারিতে বোল্ড ইয়াসির

আক্রমণে ফিরে আবার সাফল্য পেলেন পল ফন মিকারেন। চমৎকার এক ডেলিভারিতে বোল্ড করে দিলেন ইয়াসির আলি চৌধুরিকে।

শর্ট বলের পর গতিময় এক ইয়র্কারে এই মিডল অর্ডার ব্যাটসম্যানের জন্য ফাঁদ পাতেন ফন মিকারেন। তা এড়াতে পারেননি ইয়াসির। যেতে পারেননি বলের লাইনে, ছোঁয়াতে পারেননি ব্যাট। এলোমেলো হয়ে যায় স্টাম্প।

৫ বলে ৩ রান করেন ইয়াসির।

১১ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৭৬। ক্রিজে আফিফ হোসেনের সঙ্গী নুরুল হাসান সোহান।

24 Oct 2022, 11:23 AM

বাংলাদেশের একশ

আগের বলেই সুইপ করে শারিজ আহমাদকে চার মারলেন আফিফ হোসেন। এবার উইকেট ছেড়ে বেরিয়ে এসে ডিপ মিডউইকেট দিয়ে ওড়ালেন ছক্কায়। বাংলাদেশের রান পৌঁছে গেল একশতে।

পঞ্চদশ ওভারে এসে ১০০ স্পর্শ করল বাংলাদেশের রান, ৮৭ বলে।

১৫ ওভার শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ১০৬।

২ ছক্কা ও ১ চারে ১৯ বলে ২৮ রানে খেলছেন আফিফ। তার সঙ্গী নুরুল হাসান সোহানের রান ১২ বলে ৯।

24 Oct 2022, 11:29 AM

জীবন পেলেন আফিফ

শেষ দিকে দ্রুত রান তোলার চাহিদা মেটাতে লোগান ফন বিকের ওপর চড়াও হতে গেলেন আফিফ হোসেন। কিন্তু ব্যাট-বলে ঠিকমতো করতে না পেরে ক্যাচ তুলে দিয়ে বেঁচে গেলেন সহজ ক্যাচ দিয়ে।

ষোড়শ ওভারের তৃতীয় বলটি স্লগ করেন আফিফ। বল উড়ে যায় ডিপ মিডউইকেটে থাকা ফিল্ডার টিম প্রিঙ্গলের হাতে। কিন্তু শেষ পর্যন্ত বল হাতে জমাতে পারেননি ফিল্ডার।

২৮ রানে বেঁচে যান আফিফ।

১৬ ওভার শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ১১০।

24 Oct 2022, 11:37 AM

একই ওভারে ফিরলেন সোহান, আফিফ

ক্রিজে বেশ কিছুটা সময় কাটালেও সেভাবে টাইমিং করতে পারছিলেন না নুরুল হাসান সোহান। শেষে মরিয়ে হয়েই খেললেন শট। ধরা পড়লেন সীমানায়।

১৮ বলে ১৩ রান করেন সোহান। ইনিংসে নেই কোনো বাউন্ডারি। তার বিদায়ে ভাঙল ৩৭ বলে স্থায়ী ৪৪ রানের জুটি।

ওভারের প্রথম বলের মতো শেষ বলেও উইকেট পেলেন বাস ডে লেডে। তাকে হুক করার চেষ্টায় কিপারের গ্লাভস বন্দি হলেন আফিফ হোসেন।

২৭ বলে দুটি করে ছক্কা ও চারে তিনি করেন ৩৮।

১৮ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১২৯। ক্রিজে মোসাদ্দেক হোসেনের সঙ্গী তাসকিন আহমেদ।

24 Oct 2022, 11:43 AM

তাসকিন ‘গোল্ডেন ডাক’

১৯তম ওভারের খেলা চলছে, আক্রমণ করতেই হবে। তাসকিন আহমেদও বেছে নিলেন সেই পথ। কিন্তু টাইমিংয়ে গড়বড় করে ফিরলেন গোল্ডেন ডাকের তেতো স্বাদ নিয়ে।

ফ্রেড ক্লাসেনের অফ স্টাম্পের ওপর ফুল লেংথ বল প্রত্যাশা মতো উঠাতে পারেননি তাসকিন। মিড-অফে ধরা পড়েন লোগান ফন বিকের হাতে।

১৯ ওভার শেষে বাংলাদেশের রান ৮ উইকেটে ১৩৪।

২ চারে ১০ রানে খেলছেন মোসাদ্দেক হোসেন। ক্রিজে তার সঙ্গী হাসান মাহমুদ।

24 Oct 2022, 11:55 AM

১৪৪ রানের পুঁজি

প্রথম ৫ ওভারে এলো ৪৩ রান। ৮ উইকেট হারিয়ে পরের ১৫ ওভারে বাংলাদেশ যোগ করতে পারল আর কেবল ১০১ রান।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান করতে পারল বাংলাদেশ।

ভালো শুরু বড় করতে পারেননি নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন। দুই অঙ্কেই যেতে পারেননি দুই ব্যাটিং ভরসা লিটন দাস ও সাকিব আল হাসান।

ইয়াসির আলি চৌধুরি ব্যর্থ, পরিস্থিতির দাবি মেটাতে পারেননি নুরুল হাসান সোহান।

চাপের মধ্যে ২৭ বলে ৩৮ রানের ইনিংস খেলেছেন আফিফ। শেষ দিকে ১২ বলে অপরাজিত ২০ রানের ইনিংসে দলকে দেড়শ রানের কাছে নিয়ে গেছেন মোসাদ্দেক হোসেন।

নেদারল্যান্ডসের ফিল্ডাররা কিছু ক্যাচ হাতছাড়া না করলে পরিস্থিতি হতে পারত আরও খারাাপ।

পল ফন মেকেরেন ও বাস ডে লেডে নেন দুটি করে উইকেট। ডাচ পেসারদের মতো স্পিনাররাও বেশ ভোগান বাংলাদেশের ব্যাটসম্যানদের।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৪৪/৮ (শান্ত ২৫, সৌম্য ১৪, লিটন ৯, সাকিব ৭, আফিফ ৩৮, ইয়াসির ৩, সোহান ১৩, মোসাদ্দেক ২০*, তাসকিন ০, হাসান ০*; ক্লাসেন ৪-০-৩৩-১, আকারম্যান ১-০-৪-০, ফন মেকেরেন ৪-০-২১-২, ডে লেডে ৩-০-২৯-২, প্রিঙ্গল ২-০-১০-১, শারিজ ৩-০-২৭-১, ফন বিক ৩-০-১২-১)

24 Oct 2022, 12:07 PM

প্রথম দুই বলে তাসকিনের দুই উইকেট

ব্যাটিংয়ের মতো বোলিংয়েও শুরুটা ভালো হলো বাংলাদেশের। বলা যায়, দুর্দান্ত। ইনিংসের প্রথম দুই বলেই দলকে দুটি সাফল্য এনে দিলেন তাসকিন আহমেদ। জাগালেন হ্যাটট্রিকের সম্ভাবনা।

অ্যাঙ্গেলের কারণে বাঁহাতি ব্যাটসম্যান বিক্রমজিত সিংয়ের জন্য বলটি বেরিয়ে যাচ্ছিল। তাতে ব্যাট চালিয়ে দিলেন ব্যাটসম্যান। বল ব্যাটের কানা নিয়ে গেল প্রথম স্লিপে। সামনে নুইয়ে বলের নিচে গিয়ে দারুণ ক্যাচ নিলেন ইয়াসির আলি চৌধুরি। রিপ্লে দেখে নিশ্চিত হন আম্পায়াররা।

দারুণ ছন্দে থাকা বাস ডে লেডেকে ফেরান তাসকিন পরের বলেই। এবার ডানহাতি ব্যাটসম্যানকে আউট সুইঙ্গারে আউট করলেন এই পেসার। শরীর থেকে দূরের বল খেলতে গিয়ে কিপারের গ্লাভসে ধরা পড়েন ডে লেডে।

দুই ব্যাটসম্যানই পান গোল্ডেন ডাকের তেতো স্বাদ। তাসকিনের পরের বলে ৩ রান নেন চারে নামা কলিন আকারম্যান।

প্রথম ওভার শেষে নেদারল্যান্ডসের রান ২ উইকেটে ৩।

উইকেটে আকারম্যানের সঙ্গী মাক্স ও’ডাওড।

24 Oct 2022, 12:31 PM

রান আউট ও’ডাওড ও কুপার

দারুণ ফিল্ডিংয়ে তিন বলের মধ্যে রান আউট হয়ে বিদায় নিলেন নেদারল্যান্ডসের দুই ব্যাটিং ভরসা মাক্স ও’ডাওড ও তম কুপার।

চতুর্থ ওভারে আক্রমণে আসা সাকিব আল হাসানকে ছক্কায় স্বাগত জানান ও’ডাওড। পরের বলটি মিডউইকেটে ঠেলে ভালোভাবেই এক রান নেন তিনি। কিন্তু বিপত্তি বাঁধে আরেকটি রান নিতে গিয়ে। দৌড়ে ক্রিজের মাঝখানে চলে আসেন তিনি কিন্তু তাকে ফিরিয়ে দেন কলিন আকারম্যান।

এর মাঝে দারুণ ক্ষিপ্রতায় বাউন্ডারি লাইন থেকে ছুটে এসে নন-স্ট্রাইক প্রান্তে থ্রো করেন আফিফ হোসেন। বল ধরে স্টাম্প ভেঙে উল্লাসে মাতেন সাকিব।

১ ছক্কায় ৮ বলে ৮ রান করে ফেরেন ও’ডাওড।

এক বল পর রান আউট হন কুপার। তিন রান নেওয়ার চেষ্টায় ফেরেন তিনি 'ডায়মন্ড ডাকের' তেতো স্বাদ নিয়ে।

সাকিবের বলটি কাভারে পাঠান আকারম্যান। বলের পিছু ছুটেন নাজমুল হোসেন শান্ত। বাউন্ডারি থামিয়ে স্ট্রাইক প্রান্তে বল থ্রো করেন তিনি। তাতে বিদায় কুপারের।

৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩২ রান নেদারল্যান্ডসের। উইকেটে আকারম্যানের সঙ্গী অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

24 Oct 2022, 12:27 PM

পাওয়ার প্লেতে দারুণ বোলিং-ফিল্ডিং

তাসকিন আহমেদের করা প্রথম দুই বলেই দুই উইকেট। পরে সাকিব আল হাসানের ওভারে তিন বলের মধ্যে দুই রান আউট! বোলিং ও ফিল্ডিংয়ে বাংলাদেশের শুরুটা হলো দুর্দান্ত।

পাওয়ার প্লেতে ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে নেদারল্যান্ডস করতে পেরেছে কেবল ৩২ রান।

২২ বলে তিন চারে ২১ রানে ব্যাট করছেন কলিন আকারম্যান। ৪ বলে স্কট এডওয়ার্ডসের রান ৩।

24 Oct 2022, 12:45 PM

মাঝপথে নিয়ন্ত্রণে বাংলাদেশ

ইনিংসের প্রথম দুই বলে দলকে সাফল্য এনে দিলেন তাসকিন আহমেদ। দারুণ ফিল্ডিংয়ে চতুর্থ ওভারে নেদারল্যান্ডসের আরও দুই ব্যাটসম্যানকে রান আউট করে ফেরাল বাংলাদেশ। ইনিংসের মাঝপথে ম্যাচের নিয়ন্ত্রণ তাদেরই হাতে।

১৪৫ রানের লক্ষপ তাড়ায় ১০ ওভার শেষে নেদারল্যান্ডসের রান ৪ উইকেটে ৫১ রান। শেষ ১০ ওভারের তাদের চাই ৯৪ রান।

কলিন আকারম্যান ৪ চারে ৩০ বলে খেলছেন ৩১ রানে। ১ চারে স্কট এডওয়ার্ডস ক্রিজে আছেন ২০ বলে ১২ রান করে।

24 Oct 2022, 12:57 PM

সাকিবকে রিভার্স করে বিদায় এডওয়ার্ডসের

১৫ রানে ৪ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়া নেদারল্যান্ডসের হয়ে প্রতিরোধ গড়েছিলেন কলিন আকারম্যান ও স্কট এডওয়ার্ডস। জমে যাওয়া এই জুটি ভাঙলেন সাকিব আল হাসান।

দ্বাদশ ওভারে বাঁহাতি এই স্পিনারের বল রিভার্স সুইপ করেন এডওয়ার্ডস। ব্যাট-বলে ঠিকমতো করতে পারেননি ব্যাটসম্যান। সহজ ক্যাচ মুঠোয় জমান ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা হাসান মাহমুদ।

১ চারে ২৪ বলে ১৬ রান দিয়ে বিদায় নেন নেদারল্যান্ডস অধিনায়ক। ওভারের শেষ বলে সাকিবকে ছক্কায় ওড়ান আকারম্যান।

১২ ওভার শেষে ৫ উইকেটে ডাচদের রান ৬৬। ৪১ রানে খেলছেন আকারম্যান। ক্রিজে তার সঙ্গী টিম প্রিঙ্গল।

24 Oct 2022, 12:58 PM

প্রিঙ্গলকে ফেরালেন হাসান

দারুণ এক ডেলিভারিতে টিম প্রিঙ্গেলর স্টাম্প এলোমেলো করে দিলেন হাসান মাহমুদ। এই উইকেট তিনি পেতে পারতেন এক বল আগেই। যদি পয়েন্ট সাদামাটা ক্যাচ না ছাড়তেন নাজমুল হোসেন শান্ত।

৬ বল খেলে প্রিঙ্গল করেন ১ রান।

১৩ ওভারে নেদারল্যান্ডসের রান ৬ উইকেটে ৬৬। ক্রিজে কলিন আকারম্যানের সঙ্গী লোগান ফন বিক।

24 Oct 2022, 01:01 PM

বৃষ্টিতে খেলা বন্ধ

ত্রয়োদশ ওভারে হানা দিল বৃষ্টি। আপাতত বন্ধ আছে খেলা। তাতে অবশ্য দুর্ভাবনার কিছু নেই বাংলাদেশের। ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন পদ্ধতিতে এগিয়ে আছে সাকিব আল হাসানের দল।

বৃষ্টির আগ পর্যন্ত ১২.৫ ওভারে নেদারল্যান্ডসের রান ৬ উইকেটে ৬৬। ডিএলএস-এ তাদের এই সময়ে প্রয়োজন ছিল ৯৮ রান। ৩২ রানে এগিয়ে বাংলাদেশ।

কলিন আকারম্যান খেলছেন ১ ছক্কা ও ৪ চারে ৩৬ বলে ৪১ রানে। উইকেটে তার সঙ্গী লোগান ফন বিক।

24 Oct 2022, 01:07 PM

আবার খেলা শুরু

বেশিক্ষণ বন্ধ থাকল না খেলা। ওভারের শেষ বলে কোনো রান দিলেন না হাসান মাহমুদ। আক্রমণের ফেরার ওভারটি উইকেটের সঙ্গে নিলেন মেডেন।

24 Oct 2022, 01:17 PM

প্রথম ফিফটি আকারম্যানের

মোসাদ্দেক হোসেনের প্রথম বল স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে বাউন্ডারির বাইরে ফেললেন কলিন আকারম্যান। সিঙ্গেলের পর একটি ডাবল নিয়ে ফিফটি স্পর্শ করলেন এই ব্যাটসম্যান, ৩৯ বলে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার পঞ্চাশের স্বাদ পেলেন এখন পর্যন্ত এই সংস্করণে ১৮ ম্যাচ খেলা আকারম্যান। ১৫৬ ম্যাচের স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে অবশ্য ১৯টি ফিফটি আছে তার।

24 Oct 2022, 01:19 PM

হাসানের আরেকটি

উইকেটের আশায় হাসানের মাহমুদের শেষ ওভার আগেভাগেই করিয়ে ফেললেন সাকিব আল হাসান। কাজেও লাগল তার ভাবনা। লোগান ফন বিককে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট নিলেন হাসান।

তরুণ পেসারের বাউন্সারে পুল করেন ফন বিক। সীমানায় আস্থার সঙ্গে ক্যাচ নেন তাসকিন আহমেদ। ৫ বলে ফন বিক করেন ২।

১৫ ওভারে নেদারল্যান্ডসের রান ৭ উইকেটে ৮৬। ক্রিজে কলিন আকারম্যানের সঙ্গী শারিজ আহমাদ।

24 Oct 2022, 01:28 PM

তাসকিনের জোড়া আঘাত

পঞ্চম বোলারের দুই ওভার বাকি। তাদের শেষ না করিয়ে উইকেটের জন্য মূল বোলারদেরই ব্যবহার করছেন সাকিব আল হাসান। নিজের শেষ দুটি ওভারে উইকেট এনে দিয়েছেন তাসকিন আহমেদ।

শুরুতে ডাচদের নাড়িয়ে দেওয়া তাসকিন বোলিংয়ে আসেন ১৭তম ওভারে। প্রথম বলে হজম করেন বাউন্ডারি। পরের বলেই থার্ডম্যানে শারিজ আহমাদের ক্যাচ নেন হাসান মাহমুদ।

পঞ্চম বলে ফিরিয়ে দেন এক প্রান্ত আগলে রাখা কলিন আকারম্যানকেও। পুল করে ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন তিনি। ৪৮ বলে দুই ছক্কা ও ছয় চারে ৬২ রান করেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

পরের বলে উইকেট মিলতেও পারত। ব্যাটসম্যানের ব্যাটের কানা ছুঁয়ে স্টাম্প ঘেঁষে বল চলে যায় সীমানায়।

১৭ ওভারে নেদারল্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ১০৫।

24 Oct 2022, 01:42 PM

সুপার টুয়েলভে বাংলাদেশের প্রথম জয়

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে আরেকটি জয় পেল বাংলাদেশ। সুপার টুয়েলভ পর্ব পেল নিজেদের প্রথম জয়।

নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানে জিতল বাংলাদেশ। ১৪৪ রানের পুঁজি নিয়ে ডাচদের ১৩৫ রানে থামাল সাকিব আল হাসানের দল।

ব্যাটিং খুব একটা ভালো হয়নি। তবে মূল কাজটা করেছেন বোলাররা, দুয়েকটা ভুল বাদ দিলে ফিল্ডিংও ছিল ভালো।

ইনিংসের প্রথম দুই বলে দুই উইকেট নিয়ে সুর বেঁধে দেন তাসকিন আহমেদ। ক্যারিয়ার সেরা বোলিংয়ে তিনি নেন ৪ উইকেট। দারুণ বোলিংয়ে হাসান মাহমুদ নেন দুই উইকেট। খারাপ করেননি অন্য বোলাররাও।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৪৪/৮ (শান্ত ২৫, সৌম্য ১৪, লিটন ৯, সাকিব ৭, আফিফ ৩৮, ইয়াসির ৩, সোহান ১৩, মোসাদ্দেক ২০*, তাসকিন ০, হাসান ০*; ক্লাসেন ৪-০-৩৩-১, আকারম্যান ১-০-৪-০, ফন মেকেরেন ৪-০-২১-২, ডে লেডে ৩-০-২৯-২, প্রিঙ্গল ২-০-১০-১, শারিজ ৩-০-২৭-১, ফন বিক ৩-০-১২-১)

নেদারল্যান্ডস: ২০ ওভারে ১৩৫ (বিক্রমজিত ০, ও’ডাওড ৮, ডে লেডে ০, আকারম্যান ৬২, কুপার ০, এডওয়ার্ডস ১৬, প্রিঙ্গল ১, ফন বিক ২, শারিজ ৯, ক্লাসেন ৭*, মেকেরেন ২৪; তাসকিন ৪-০-২৫-৪, হাসান ৪-১-১৫-২, সাকিব ৪-০-৩২-১, মুস্তাফিজ ৪-০-২০-০, সৌম্য ৩-০-২৯-১, মোসাদ্দেক ১-০-১৪-০)

24 Oct 2022, 01:49 PM

১৭তম বারে সাফল্য

সুপার এইট, টেন বা টুয়েলভ পর্বে মিলিয়ে আগের ১৬ ম্যাচে হেরেছিল বাংলাদেশ। ১৭তম ম্যাচে এসে জয়ের দেখা পেল তারা।

24 Oct 2022, 01:49 PM

ম্যাচের সেরা তাসকিন

ইনিংসের প্রথম ২ বলে নিয়েছিলেন দুটি উইকেট। নিজের শেষ ওভারে নেন আরও দুটি উইকেট। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২৫ রানে নেন ৪ উইকেট। টি-টোয়েন্টি দেশের হয়ে কোনো ম্যাচে দুই উইকেটের বেশি পেলেন এই প্রথম। দারুণ বোলিংয়ে তিনিই জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।

24 Oct 2022, 01:57 PM

দুই অধিনায়কই একমত

৯ রানে হারের পর নেদারল্যান্ডস অধিনায়ত স্কট এডওয়ার্ডস দুষলেন ব্যাটিংকে। দায় দিলেন তিন বলের মধ্যে মাক্স ও'ডাওড ও টম কুপারের রান আউটকে।

"আমরা বোলিংয়ে ভালো করেছিলাম। ওরা (পারের চেয়ে) ১০-১৫ রান করেছিল। রান আউট দুইটা ছিল বাজে। আমরা ভারত ম্যাচের দিকে তাকিয়ে আছি।"

সাকিব আল হাসানও মনে করেন, ১০-১৫ রান কম করেছিলেন তারা।

24 Oct 2022, 02:08 PM

শীর্ষে বাংলাদেশ

রান রেটে ভারতকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। সাকিব আল হাসানদের রান রেট +০.৪৫০। আগের দিন রোমাঞ্চকর ম্যাচে শেষ বলে পাকিস্তানকে হারানো ভারতের রান রেট +০.০৫০। '২' নম্বর গ্রুপে দিনের অন্য ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা।

24 Oct 2022, 02:19 PM

ব্যাটিংয়ে নার্ভাস, বোলিংয়ে দ্যুতিময় বাংলাদেশ

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান স্বীকার করলেন, ব্যাটিংয়ের সময় কিছুটা স্নায়ু চাপে ভুগছিলেন তারা। সেটা কাটিয়ে পরে দারুণ বোলিং করে বাংলাদেশ। এর জন্য পেসারদের কৃতিত্ব দিলেন সাকিব।

"আমরা এখন ফাস্ট বোলিংয়ের গুরুত্ব বুঝতে পারছি। আমি মনে করি, এখন সব সংস্করণেই আমরা দারুণ একটা ফাস্ট বোলিং গ্রুপ পেয়েছি। ফাস্ট বোলাররা সত্যিই অনেক ভালো করছে। আমরা কয়েকজন তরুণ পেসার পেয়েছি। হাসান মাহমুদ তাদের মধ্যে একজন। তাসকিন গত ২-৩ বছর ধরে আমাদের সেরা বোলার। তো সব মিলিয়ে আমাদের খুব ভালো ফাস্ট বোলিং আক্রমণ রয়েছে।"