২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ওভারে হেরে বাদ বাংলাদেশ

01 Sep 2022, 07:18 PM

নক আউট ম্যাচ

লড়াইটা গ্রুপ পর্বের। তবে বাস্তবতা নক আউটের। যে দল জিতবে, তারা পৌঁছে যাবে সুপার ফোর পর্বে। এশিয়া কাপের তাদের অভিযান দীর্ঘায়িত হবে অন্তত আরও তিন ম্যাচ। হেরে যাওয়া দলকে ফিরতে হবে দেশে। কঠিন সেই লড়াইয়ে দুবাই স্পোর্টস ক্লাবে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

গ্রপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৮ উইকেটে বিধ্বস্ত হয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ অনেকটা লড়াই করলেও শেষ পর্যন্ত আফগানদের কাছে হারতে হয়েছে ৭ উইকেটে।

01 Sep 2022, 07:18 PM

মাঠের লড়াইয়ের আগে কথার লড়াই

২০১৮ সালে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার লড়াইয়ে যোগ হয়েছে ভিন্ন মাত্রা। সেবার কলম্বোয় শ্রীলঙ্কাকে হারানোর পর মাঠে বাংলাদেশের ক্রিকেটারদের ‘নাগিন ড্যান্স’, গ্যালারিতে লঙ্কান দর্শকদের উন্মাদনা, একটি ‘নো’ বলের সূত্রে মাঠে উত্তেজনাময় পরিস্থিতি আর দুই দলের বেশ কজন ক্রিকেটারের মুখোমুখি হয়ে যাওয়া, সবকিছু মিলিয়ে এই দুই দলের লড়াই মানেই মাঠের বাইরে উত্তপ্ত অবস্থা। এবারও ব্যতিক্রম নয়।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেন, আফগানদের চেয়ে বাংলাদেশকে খেলা তার কাছে সহজ মনে হয়। বাংলাদেশের বোলিং লাইন আপে মুস্তাফিজ ভালো বোলার, আর সাকিব আল হাসান বিশ্বমানের, এছাড়া আর তেমন হুমকি তিনি দেখেন না।

লঙ্কান অধিনায়কের কথার জবাবে বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ বুধবার সংবাদ সম্মেলনে বলেন, “আমি জানি না, দাসুন এটা কেন বলেছে। অবশ্যই টি-টোয়েন্টিতে আফগানিস্তান ভালো স্কোয়াড। সে (শানাকা) বলেছে, আমাদের শুধু দুজন (বিশ্বমানের) বোলার আছে, তাই না? আমি তো শ্রীলঙ্কার বোলারই দেখি না।”

খালেদ মাহমুদের সেই কথার অংশটুকুর ভিডিও শেয়ার করে লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে টুইট করেন, “মনে হচ্ছে, শ্রীলঙ্কার এখনই সময় দেখিয়ে দেওয়ার যে তাদের বোলারদের মান কেমন এবং ব্যাটারদেরও দেখানোর সময় যে মাঠে তারা কেমন…”

পরে বাংলাদেশের কিপার-ব্যাটসম্যান ও চোটের কারণে ছিটকে যাওয়া ক্রিকেটার নুরুল হাসান সোহান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, “আজকে রাতে আমরা পরিষ্কার ফেভারিট। বোলিং, ব্যাটিং ও ফিল্ডিংয়ে আমাদের সেরাটা দেওয়া কেবলমাত্র সময়ের ব্যাপার। মাঠেই দেখিয়ে দাও, কোন দল সেরা…।”

01 Sep 2022, 07:18 PM

মুখোমুখি লড়াই

টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে অনেক এগিয়ে শ্রীলঙ্কা। এই সংস্করণে ১২ বার পরস্পরের সঙ্গে খেলেছে দুই দল। তাতে বাংলাদেশের জয় ৪টি, শ্রীলঙ্কার ৮টি।

সবশেষ লড়াইয়ে গত বিশ্বকাপে শারজাহতে জিতেছিল শ্রীলঙ্কা।

01 Sep 2022, 07:23 PM

দুঃসময়ে দুই দল

এশিয়া কাপের শুরুটা যেমন ভালো হয়নি, তেমনি দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো নয়। সবশেষ ১৬ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার জয় স্রেফ চারটিতে। এই ফলাফল যদি বাজে হয়, বাংলাদেশের অবস্থা তাহলে যাচ্ছেতাই। সবশেষ ১৭ টি-টোয়েন্টিতে তাদের জয় স্রেফ ২টি!

01 Sep 2022, 07:37 PM

Image

ছবি: এশিয়া কাপ

টসে হাসি শ্রীলঙ্কার

মুদ্রা নিক্ষেপে সাকিব আল হাসান ডেকেছিলেন 'টেইলস', কিন্তু পড়েছে হেড। টস জিতে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা নিয়েছেন বোলিং।

নিজের সিদ্ধান্তের পক্ষে লঙ্কান অধিনায়কের যুুক্তি, "যদিও ব্যবহৃত উইকেট খেলা, তার পরও আমার মনে হয় ভালোই থাকবে উইকেট। আমরা আশা করি রান তাড়া করতে পারব ভালোভাবে। গত কিছুদিনে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। বিশেষ করি ব্যাটিংয়ে।"

01 Sep 2022, 07:43 PM

বোলিং চেয়েছিলেন সাকিবও

টস হেরে সাকিব আল হাসান বললেন, তারও চাওয়া ছিল আগে বোলিং। তবে বাংলাদেশ অধিনায়কের মূল ভাবনা ব্যাটসম্যানদের নিয়ে, "টস আমাদের কন্ট্রোলে নেই। যা পেয়েছি, তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। প্রথম ১০ ওভারের ব্যাটিং আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। যদি উইকেট হাতে রাখতে পারি আমরা, তাহলে পরের ১০ ওভারে আমরা তা কাজে লাগাতে পারব আশা করি।

01 Sep 2022, 07:44 PM

৩ পরিবর্তন বাংলাদেশের

ম্যাচের আগে যা ছিল গুঞ্জন, সেটিই সত্যি হলো শেষ পর্যন্ত। সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজকে ওপেন করানো হবে বলে আলোচনা চলছিল। এই দুইজনকেই রাখা হয়েছে একাদশে। বাদ পড়েছেন আগের ম্যাচের দুই ওপেনার এনামুল হক বিজয় ও মোহাম্মদ নাঈম শেখ।

সাব্বির বাংলাদেশের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৯ সালের সেপ্টেম্বরে, মিরাজ খেলেছেন ২০১৮ সালের ডিসেম্বরে।

বাংলাদেশের একাদশে পরিবর্তন আছে আরও একটি। আগের ম্যাচে খরুচে বোলিং করা মোহাম্মদ সাইফ উদ্দিন বাদ পড়েছেন। তার বদলে অভিষেক হচ্ছে ফাস্ট বোলার ইবাদত হোসেনের।

বাংলাদেশের ৭৭তম টি-টোয়েন্টি ক্রিকেটার ইবাদত।

বাংলাদেশ একাদশ: সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।

01 Sep 2022, 07:50 PM

এক পরিবর্তন শ্রীলঙ্কার

আগের ম্যাচ থেকে ব্যাটিংয়ে বিধ্বস্ত হলেও ব্যাটিং লাইন আপে কোনো বদল আনেনি শ্রীলঙ্কা। তাদের একাদশে পরিবর্তন আছে কেবল একটিই। পেসার মাথিসা পাথিরানার বদলে অভিষেক হচ্ছে আরেক পেসার আসিথা ফার্নান্দোর।

শ্রীলঙ্কার ৯৭তম টি-টোয়েন্টি ক্রিকেটার আসিথা। গত মে মাসে বাংলাদেশ সফরে মিরপুর টেস্টে ১০ উইকেট নিয়েছিলেন এই পেসার।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসানকা, কুসল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসা, ভানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, মাহিশ থিকসানা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা।

01 Sep 2022, 08:06 PM

ওপেনিংয়ে সাব্বির-মিরাজ

অনুমিতভাবেই সাব্বির রহমান ও মেহেদি হাসান মিরাজের জুটিতে ইনিংস শুরু করেছে বাংলাদেশ। সাব্বির আন্তর্জাতিক ক্রিকেটেই আগে কখনও ব্যাটিং ওপেন করেননি। মিরাজ একবারই শুরুতে ব্যাট করেছেন, গত এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে। তবে সেটি ছিল ওয়ানডে সংস্করণে। লিটন দাসের সঙ্গে সেবার ১২০ রানের জুটি গড়েছিলেন মিরাজ। তিনি নিজে করেছিলেন ৩২।

গত চার টি-টোয়েন্টিতে বাংলাদেশের চতুর্থ উদ্বোধনী জুটি এটি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ১৩ টি-টোয়েন্টিতে বাংলাদেশের নবম উদ্বোধনী জুটি এটি।

01 Sep 2022, 08:09 PM

প্রথম ওভারে আগ্রাসনের ছোঁয়া

ম্যাচের প্রথম বলেই লেগ বাই থেকে চারটি রান পায় বাংলাদেশ। বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কার করা ওভারের পঞ্চম বলে দারুণ শটে তিন রান নেন মেহেদী হাসান মিরাজ। ষষ্ঠ বলে প্রথমবার খেলার সুযোগ পান সাব্বির। প্রথম বলেই প্যাডল-স্কুপ করে ফাইন লেগ দিয়ে চার মারেন সাব্বির।

প্রথম ওভার থেকে রান আসে ১১।

01 Sep 2022, 08:20 PM

সুখকর হলো না সাব্বিরে ফেরা

শুরু থেকেই বাংলাদেশের ব্যাটিংয়ে আগ্রাসী শটের চেষ্টা দেখা যাচ্ছে। সেই চেষ্টারই বলি হলেন সাব্বির রহমান। টি-টোয়েন্টি অভিষেকে প্রথম ওভারেই উইকেটের স্বাদ পেলেন আসিথা ফার্নান্দো।

তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে প্রথম বলেই প্যাডল-স্কুপ করে চার মেরেছিলেন সাব্বির। এরপর আর ইনিংস এগোতে পারেননি তিনি। পুল শট খেলার জন্য তিনি বেছে নেন ভুল বল। অফ স্টাম্পের বাইরে ১৪০ কিলোমিটার গতির বলে চেষ্টা করেন পুল করার। বল তার ব্যাটের কানা ছুঁয়ে আশ্রয় নেয় কিপারের গ্লাভসে।

৬ বলে ৫ রান করে আউট হলেন সাব্বির। বাংলাদেশের রান ২.৫ ওভারে ১ উইকেটে ১৯।

নতুন ব্যাটসম্যান সাকিব আল হাসান প্রথম বলেই চেষ্টা করেন স্টাম্পের বাইরের বল গায়ের জোরে হাঁকাতে। তবে পারেননি ব্যাটে-বলে করতে।

01 Sep 2022, 08:22 PM

প্রথম ছক্কা

উইকেট হারালেও বাংলাদেশের মনোভাব পাল্টাচ্ছে না। চতুর্থ ওভারে স্পিনার মাহিস থিকসানার বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে দুর্দান্ত শটে বোলারের মাথার ওপর দিয়ে ছক্কায় ওড়ান মেহেদী হাসান মিরাজ।

ম্যাচের প্রথম ছক্কা এটি।

01 Sep 2022, 08:29 PM

Image

আগ্রাসী মিরাজ

চোখ একটু সয়ে যাওয়ার পর দারুণ খেলছেন মেহেদী হাসান মিরাজ। আসিথা ফার্নান্দোর লেংথ বলকে দারুণ একটুর‌্যাম্প শটে ছক্কায় ওড়ান তিনি কিপারের মাথার ওপর দিয়ে। পরের বলেই জায়গা বানিয়ে গুলির বেগে ড্রাইভ করে চার মারেন সোজা ব্যাটে। ওভারের শেষ বলে লফটেড শট থেকে পারন আরও ৩ রান। সঙ্গে একটি বাই চারসহ পঞ্চম ওভার থেকে আসে ১৮ রান।

01 Sep 2022, 08:42 PM

ব্যর্থ রিভিউ

পাওয়ার প্লে শেষে আক্রমণে এসেই শ্রীলঙ্কাকে আশা দেখিেয়ছিলেন ভানিন্দু হাসারাঙ্গা। তবে শেষ পর্যন্ত কোনো বিপদ হলো না বাংলাদেশের।

হাসারাঙ্গার গুগলি ঠিকমতো পড়তে পারেননি মিরাজ। বল লাগে তার প্যাডে। আম্পায়ার আউট দেননি। শ্রীলঙ্কা নেয় রিভিউ। কিন্তু রিভিউয়ে দেখা যায়, ইম্প্যাক্ট ছিল অফ স্টাম্পের বাইরে। শ্রীলঙ্কা হারায় একটি রিভিউ।

01 Sep 2022, 08:42 PM

মিরাজের ক্যামিওর সমাপ্তি

প্রথম ওভারে বোলিংয়ে এসেই শ্রীলঙ্কাকে কাঙ্ক্ষিত উইকেট এনে দিলেন ভানিন্দু হাসারাঙ্গা। স্লগ করতে গিয়ে বোল্ড হলেন মেহেদী হাসান মিরাজ।

হাসারাঙ্গার ঝুলিয়ে দেওয়া গুগলিতে ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টা করেন মিরাজ। কিন্তু সোজা ব্যাটে না খেলে তিনি চেষ্টা করেন ক্রস ব্যাটে সুইপের মতো কিছু একটা করার। ব্যাটে-বলে হয়নি। বল চোবল দেয় স্টাম্পে।

২৬ বলে ৩৮ রানের ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস খেলে আউট মিরাজ। বাংলাদেশ ৬.৫ ওভারে ২ উইকেটে ৫৮।

নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

01 Sep 2022, 08:49 PM

একটুর জন্য রক্ষা

অষ্টম ওভারে চামিকা করুনারত্নের শর্ট বলে পুল করতে গিয়ে টাইমিং করতে পারেননি সাকিব। বল উঠে যায় ওপরে। তবে শর্ট ফাইন লেগের ফিল্ডার ছুটে গিয়ে সময়মতো পৌঁছতে পারেননি বলের নিচে।

সাকিবের রান তখন ৬।

01 Sep 2022, 08:50 PM

বাজে শটে মুশফিকের বিদায়

অভিজ্ঞ মুশফিকুর রহিম পারলেন না বাংলাদেশের ইনিংস এগিয়ে নিতে। আউট হলেন তিনি দায়িত্বজ্ঞানহীন শটে।

চামিকা করুনারত্নে শরীর তাক করে লেংথ বল করেন। একটু স্কিড করা বলটিকে কিপারের পাশ দিয়ে থার্ড ম্যান দিয়ে খেলার চেষ্টা করেন মুশফিক। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে যায় কিপারের গ্লাভসে।

৫ বলে ৪ রান করে আউট মুশফিক। ৮ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৬৩।

নতুন ব্যাটসম্যান আফিফ হোসেন।

01 Sep 2022, 08:55 PM

সাকিবের ডাবল

মাহিস থিকশানার বলে স্কুপ করে বাউন্ডারিতে সাকিব পা রাখলেন টি-টোয়েন্টি ক্রিকেটে ৬ হাজার রানে। সঙ্গে পূর্ণ করলেন একটি ডাবলও। এই রানের পাশাপাশি টি-টোয়েন্টিতে ৪১৯ উইকেটও আছে তার।

টি-টোয়েন্টি ক্রিকেটে (ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে) ৬ হাজার রান ও ৪০০ উইকেটের ডাবল আছে আর কেবল ডোয়াইন ব্রাভোর।

01 Sep 2022, 09:00 PM

মাঝপথে বাংলাদেশ

মিরাজ ও মুশফিকের পরপর বিদায়ে একটু কমে গিয়েছিল বাংলাদেশের রানের গতি। তবে চামিকা করুনারত্নের এক ওভারে তিনটি বাউন্ডারিতে আবার রানের গতি বাড়ান সাকিব আল হাসান ও আফিফ হোসেন।

১০ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৮৪।

সাকিব খেলছেন ২০ বলে ২৩ রান করে, আফিফ ৩ বলে ৬।

01 Sep 2022, 09:03 PM

Image

সাকিবের বিদায়

সাকিবের ব্যাটে যখন ভালো কিছুর ইঙ্গিত, তখনই বিদায় নিলেন তিনি। পানি পানের বিরতির পর প্রথম ওভারেই উইকেটের দেখা পেল শ্রীলঙ্কা।

রাউন্ড দা উইকেটে একটু জোরের ওপর অফ স্পিন করেন মাহিস থিকশানা। সাকিব চেষ্টা করেন একটু জায়গা বানিয়ে কাভারের ওপর দিয়ে খেলতে। কিন্তু বল টার্ন করে ব্যাটকে ফাঁকি দিয়ে আঘাত করে স্টাম্পে।

২২ বলে ২৪ রান করে আউট সাকিব। বাংলাদেশের রান ১০.৩ উইকেটে ৪ ওভারে ৮৭।

নতুন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ।

এই ওভার দিয়ে শেষ হলো থিকশানার দারুণ স্পেল, ৪-০-২৩-১।

01 Sep 2022, 09:13 PM

বাংলাদেশের একশ

ভানিন্দু হাসারাঙ্গার বলে আফিফ হোসেন দারুণ দুই শটে চার ও ছক্কায় বাংলাদেশের রান পেরিয়ে গেল একশ। ঝুলিয়ে দেওয়া বলে স্ট্রেট ড্রাইভে দারুণ টাইমিংয়ে চার মারেন আফিফ, পরের বলে স্লগ সুইপে ছক্কা মারেন ডিপ মিড উইকেট দিয়ে।

১২.৪ ওভারে বাংলাদেশের রান পেরিয়ে গেল একশ।

01 Sep 2022, 09:28 PM

ফিফটি জুটি

আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ দারুণ ব্যাটিংয়ে পঞ্চম উইকেট জুটির ফিফটি এলো ৩৩ বলে।

শুরু থেকেই দারুণ খেলছেন আফিফ। ৩ চার ও ২ ছক্কায় ১৯ বলে ৩৪ রান করে খেলছেন তিনি।

মাহমুদউল্লাহ শুরুটা করেছিলেন মন্থর। প্রথম ১২ বলে তার রান ছিল ৮। পরে হাসারাঙ্গার বলে টানা দুই বলে ছক্কা চার মেরে তিনিও যোগ দেন দ্রুত রান বাড়ানোর অভিযানে। তার রান ১৮ বলে ২৪।

01 Sep 2022, 09:35 PM

থামলেন আফিফ

রান বাড়ানোর চেষ্টায় আউট হলেন আফিফ হোসেন। থামল তার দুর্দান্ত ইনিংস।

বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কার করা সপ্তদশ ওভার বাউন্ডারি দিয়ে শুরু করেন আফিফ। চতুর্থ বলটি মাদুশাঙ্কা করেন একটু ধীরগতির। আফিফ চেষ্টা করেন মিড উইকেট দিয়ে ওড়াতে। কিন্তু স্লোয়ার বলে টাইমিং হয়নি ঠিকমতো। ধরা পড়েন তিনি মিড উইকেটে।

২২ বলে ৩৯ করে আউট হলেন আফিফ। বাংলাদেশ ১৬.৪ ওভারে ৫ উইকেটে ১৪৪।

নতুন ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন।

01 Sep 2022, 09:38 PM

এবার গেলেন মাহমুদউল্লাহ

আফিফ হোসেনের পর বেশিক্ষণ থাকলেন না মাহমুদউল্লাহও। হাসারাঙ্গার বলে তিনি একটু জায়গা বানিয়ে ফেলেন আগেই। হাসারাঙ্গা বল করেন একটু টেনে ও ধীরগতিতে। বলের পিচে না যেতে পেরে টেনে স্লগ করার চেষ্টা করেন মাহমুদউল্লাহ। সহজ ক্যাচ যায় মিড উইকেটে।

২২ বলে ২৭ করে আউট হলেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের রান ৬ উইকেটে ১৪৭।

01 Sep 2022, 09:43 PM

পারলেন না মেহেদি

শেষ দিকে ঝড় তোলার সামর্থ্য থাকলেও তা দেখাতে পারলেন না শেখ মেহেদি হাসান। চামিকা করুনারত্নের স্লোয়ারে আউট হলেন তিনি ২ বলে ১ রান করে।

বাংলাদেশের ১৮.১ ওভারে ৭ উইকেটে ১৫৯।

01 Sep 2022, 09:59 PM

মোসাদ্দেকের ক্যামিওতে বাংলাদেশের ১৮৩

আগের ম্যাচে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন এবার খেললেন দারুণ এক ক্যামিও। শেষ ওভারে গুরুত্বপূর্ণ এক ছক্কা মারলেন তাসকিন আহমেদ। তাতে বাংলাদেশের শেষটা হলো দারুণ।

টস হেরে ব্যাটিংয়ে নামা দল ২০ ওভারে করেছে ৭ উইকেটে ১৮৩।

৯ বলে ২৪ রানে অপরাজিত মোসাদ্দেক, তাসকিন ৬ বলে অপরাজিত ১১।

দুজনের জুটিতে রান আসে ১১ বলে ২৪।

অভিষেকে প্রথম ওভারে উইকেট দিলেও আসিথা ফার্নান্দো ৪ ওভারে গুনেছেন ৫১ রান। অভিষেকে কোনো লঙ্কান বোলার রান দেওয়ার ফিফটি করলেন এই প্রথম। শ্রীলঙ্কার ট্রাম্পকার্ড বলে বিবেচিত হাসারাঙ্গার ৪ ওভারে এসেছে ৪১ রান।

বাংলাদেশ: ২০ ওভারে ১৮৩/৭ (মিরাজ ৩৮, সাব্বির ৫, সাকিব ২৪, মুশফিক ৪, আফিফ ৩৯, মাহমুদউল্লাহ ২৭, মোসাদ্দেক ২৪*, মেহেদি ১, তাসকিন ১১*; মাদুশাঙ্কা ৪-০-২৬-১, থিকশানা ৪-০-২৩-১, আসিথা ৪-০-৫১-১, হাসারাঙ্গা ৪-০-৪১-২, , করুনারত্নে ৪-০-৩২-২)।

01 Sep 2022, 10:00 PM

জিততে হলে গড়তে হবে রেকর্ড

এই রান তাড়ায় জিততে হলে শ্রীলঙ্কাকে গড়তে হবে এই মাঠের রেকর্ড। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৮০ রান তাড়া করে জয়ের কীর্তি নেই একটিও।

২০১৬ সালে সংযুক্ত আরব আমিরাতের ১৭৯ রান তাড়ায় আফগানিস্তানের ৫উইকেটের জয় এই মাঠের রেকর্ড।

01 Sep 2022, 10:12 PM

সুযোগ হারাল বাংলাদেশ

দ্বিতীয় ওভারেই উইকেট নেওয়ার একটি বড় সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু উইকেটের পেছনে ক্যাচ ছাড়লেন মুশফিকুর রহিম।

অফ স্টাম্পের বাইরে তাসকিন আহমেদের লেংথ বলে কাট করেন কুসল মেন্ডিস। তার ব্যাটের কানায় লেগে বল যায় উইকেটের পেছনে। মুশফিক চেষ্টা করেন ডাইভ ক্যাচ নেওয়ার। বল ছিল তার নাগালেই। কিন্তু গ্লাভস থেকে ফসকে যায় বল। পড়ার আগে আরেকবার ধরার চেষ্টা করেন মুশফিক। কিন্তু ব্যর্থ এবারও।

মেন্ডিস জীবন পেলেন ২ রানে।

01 Sep 2022, 10:27 PM

উইকেট নিয়ে শুরু ইবাদতের

শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দোর মতো বাংলাদেশের ইবাদত হোসেনও অভিষেকে প্রথম ওভারে স্বাদ পেলেন উইকেটের। ডেলিভারিও সেই একই, শর্ট বল।

ইবাদতের গতিময় ডেলিভারি আরও স্কিড করে যায় ব্যাটসম্যানের দিকে। নিসানকা পুল করলেও পাননি টাইমিং। সহজ ক্যাচ ক্যাচ মিড উইকেটে।

১৯ বলে ২০ রান করে আউট হলেন নিসানকা। শ্রীলঙ্কার রান ৫.৩ ওভারে ১ উইকেটে ৪৫।

নতুন ব্যাটসম্যান চারিথ আসালাঙ্কা।

01 Sep 2022, 10:34 PM

Image

ছবি: এসিসি

ইবাদতের আরেকটি

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইবাদতের প্রথম ওভার রূপ নিল স্বপ্নের ওভারে। নিসানকার পর ফেরালেন তিনি চারিথ আসালাঙ্কাকেও।

অফ স্টাম্পের বাইরে শর্ট বল করেন ইবাদত। আসালাঙ্গা ক্রিজ ছেড়ে বেরিয়ে চেষ্টা করেন উড়িয়ে মারার। টাইমিং হয়নি একটুও। মিড অফে সহজ ক্যাচ নেন মাহমুদউল্লাহ।

৩ বলে ১ রান করে আউট আসালাঙ্কা। শ্রীলঙ্কার রান ৬ ওভারে ২ উইকেটে ৪৮।

নতুন ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকা।

01 Sep 2022, 10:35 PM

পাওয়ার প্লেতে এগিয়ে বাংলাদেশ

পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলেছিল ১ উইবেটে ৫৫ রান। শ্রীলঙ্কার রান ৬ ওভারে ২ উইকেটে ৪৮।

প্রথম তিন ওভারে শ্রীলঙ্কার রানের গতি বেশ সামাল দিয়ে রাখতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু এরপরই পাথুম নিসানকা ও কুসল মেন্ডিসের ঝড়। মুস্তাফিজের এক ওভারে দারুণ ছক্কা ও চার মারেন নিসানকা। ওভার থেকে আসে ১৩ রান। পরের ওভারে সাকিবকে টানা দুটি বিশাল ছক্কায় ওড়ান মেন্ডিস, পরের বলে মারেন বাউন্ডারি। এই ওভার থেকে রান হয় ১৮।

ষষ্ঠ ওভারে দুই উইকেট নিয়ে ইবাদত রান দেন কেবল ৪।

01 Sep 2022, 10:37 PM

মেন্ডিস আউট কিন্তু আউট নন

শেখ মেহেদি হাসানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমের পথে হাঁটা দিয়েছিলেন কুসল মেন্ডিস। কিন্তু মাঝপথে তাকে থামালেন আম্পায়ার। রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার জানালেন, বলটি ছিল 'নো' বল!

২ রানে জীবন পাওয়া মেন্ডিস এবার ক্যাচ দিয়েও রক্ষা পেলেন ২৯ রানে।

01 Sep 2022, 10:44 PM

Image

ইবাদতের তৃতীয়

ইবাদত হোসেনের স্বপ্নের অভিষেক চলছেই। প্রথম ওভারে দুই উইকেটের পর দ্বিতীয় ওভারে আরেকটি উইকেট পেলেন তিনি। আরেকটি শর্ট বলে আউট হলেন দানুশকা গুনাথিলাকা। তাসকিন আহমেদ নিলেন অসাধারণ ক্যাচ।

অফ স্টাম্পের বাইরের শর্ট বলে পুল করেন গুনাথিলাকা। আবারও বল স্কিড করে লাগে ব্যাটের ওপরের দিকে। রাতের আকাশে বল উঠে যায় অনেক ওপরে। কিপিং থেকে ছুটে যান মুশফিক। সীমানা থেকে ছুটে আসেন তাসকিন। শেষ পর্যন্ত সামনে ঝাঁপিয়ে দারুণ দক্ষতায় বল হাতে জমান তাসকিন।

গুনাথিলাকা আউট হলেন ১১ রানে। শ্রীলঙ্কার রান ৭.৪ ওভারে ৩ উইকেটে ৬৭।

01 Sep 2022, 10:47 PM

মেন্ডিস আবার

কুসল মেন্ডিস বেঁচে গেলেন আরও একবার। রিভিউ না নেওয়ায় উইকেট বঞ্চিত হলেন ইবাদত ও বাংলাদেশ।

গুনাথিলাকা আউট হওয়ার পরের বলেই লেগ স্টাম্পে থাকা শর্ট বলে পুল করার চেষ্টা করেন মেন্ডিস। ঠিকমতো পারেননি খেলতে। উইকেটের পেছনে বল ধরে জোরাল আবেদন করেন মুশফিক। আম্পায়ার আউট দেননি। রিভিউ নেওয়ার আলোচনায় মুশফিক ইশারা দেন, তিনি নিশ্চিত নন। বাংলাদেশ নেয়নি রিভিউ।

টিভি রিপ্লেতে দেখা যায়, বল লেগেছিল মেন্ডিসের গ্লাভসে। তার রান তখন ৩১।

01 Sep 2022, 10:53 PM

এবার শিকার তাসকিনের

বিপজ্জনক ভানুকা রাজাপাকসাকে টিকতে দিলেন না তাসকিন আহমেদ। পরিকল্পিত বোলিং আর ফিল্ডিংয়ে বাংলাদেশ দেখা পেল বড় উইকেটের।

অফ স্টাম্পের একটু বাইরে করে শর্ট বলে র‌্যাম্প শট খেলেন রাজাপাকসা। এই শটের জন্যই থার্ডম্যান ফিল্ডার একটু চাপিয়ে রাখা হয়েছিল। ফিল্ডারকে নড়তেও হয়নি খুব একটা। সোজা ক্যাচ তার হাতে!

৪ বলে ২ রান করে আউট হলেন রাজাপাকসা। শ্রীলঙ্কার রান ৮.৫ ওভারে ৪ উইকেটে ৭৭।

01 Sep 2022, 10:54 PM

মাঝপথে এগিয়ে বাংলাদেশ

১০ ওভার শেষে শ্রীলঙ্কার রান ৪ উইকেটে ৮০। বাংলাদেশের রান ছিল এই সময় ৩ উইকেটে ৮৫।

শ্রীলঙ্কার আশা হয়ে উইকেটে টিকে আছেন কুসল মেন্ডিস, ব্যাট করছেন ২৪ বলে ৩৯ রান করে। তার সঙ্গী লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

01 Sep 2022, 11:00 PM

আবারও রক্ষা পেলেন মেন্ডিস

কুসল মেন্ডিসকে ফেরানোর আরও একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। এবার শানাকার সঙ্গে ভুল বোঝাবুঝিতে মাঝ উইকেটে চলে গিয়েছিলেন মেন্ডিস। পরে চেষ্টা করেন ফেরার। নন স্ট্রাইক প্রান্তে। খুব কাছ থেকে স্টাম্পে বল লাগানোর সুযোগ ছিল সাব্বির রহমানের সামনে। কিন্তু তিনি আন্ডার আর্ম থ্রো করে পারেননি স্টাম্পে লাগাতে। মেন্ডিসের রান তখন ৪৪।

জীবন পাওয়া ও নানাভাবে বেঁচে যাওয়া মিলিয়ে ৪ বার রক্ষা পেলেন মেন্ডিস।

01 Sep 2022, 11:07 PM

শ্রীলঙ্কার ১০০

ইবাদত হোসেনের ১৪১ কিলোমিটার গতির ডেলিভারিতে দাসুন শানাকার ৮৪ মিটার লম্বা ছক্কায় শ্রীলঙ্কার রান একশ স্পর্শ করল ১২.১ ওভারে। পরের বলেই আরেকটি দারুণ ছক্কা মারলেন লঙ্কান অধিনায়ক।

01 Sep 2022, 11:12 PM

মেন্ডিসের ফিফটি

ইবাদত হোসেনের ফ্রি হিট আকাশে উড়িয়ে দুটি রান নিয়ে কুসল মেন্ডিস ফিফটি স্পর্শ করলেন ৩২ বলে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৬ ম্যাচে মেন্ডিসের সপ্তম ফিফটি এটি। এর মধ্যে ৪টিই করলেন বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচ খেলে!

01 Sep 2022, 11:13 PM

এক ওভারে ২২

অভিষেকে প্রথম ২ ওভারে ৩ উইকেট শিকার করা ইবাদত হোসেন দেখলেন টি-টোয়েন্টি ক্রিকেটে মুদ্রার উল্টো পিঠ। তার তৃতীয় ও ইনিংসের ১৩তম ওভার থেকে রান এলো ২২।

01 Sep 2022, 11:23 PM

জুটির ফিফটি

মেহেদী হাসান মিরাজের বলে কুসল মেন্ডিসর ছক্কায় শ্রীলঙ্কার পঞ্চম উইকেট জুটির রান স্পর্শ ফিফটি স্পর্শ করল ৩২ বলে।

01 Sep 2022, 11:27 PM

Image

অবেশষে মেন্ডিসের বিদায়

জুটি ভাঙার জন্য মুস্তাফিজকে আক্রমণে আনেন সাকিব আল হাসান। তিনি দলকে উইকেট এনে দেন প্রথম ওভারেই। থার্ডম্যানে আরেকটি অসাধারণ ক্যাচ নেন তাসকিন আহমেদ।

মুস্তাফিজের স্লোয়ার শর্ট বলে র‌্যাম্প শর্ট খেলেন মেন্ডিস। বল উড়ে যায় থার্ডম্যানের দিকে। সীমানা থেকে অনেকটা সামনে ছুটে ফুল লেংথ ডাইভ দিয়ে বল মুঠোয় জমান তাসকিন।

চার দফায় নানাভাবে রক্ষা পেয়ে অবশেষে ৩৭ বলে ৬৬ রান করে আউট কুসল মেন্ডিস। ১৪.৩ ওভারে শ্রীলঙ্কা ৫ উইকেটে ১৩৭।

01 Sep 2022, 11:38 PM

শানাকার বিদায়

বাংলাদেশ ও জয়ের মূল বাধা হয়ে থাকা দাসুন শানাকাকে বিদায় করলেন শেখ মেহেদি হাসান। একটু জোরের ওপর করা লেংথ বল লং অন দিয়ে উড়িয়ে মারার চেষ্টা করেন শানাকা। কিন্তু যথেষ্ট জোর পাননি মারে। লং অনে সহজ ক্যাচ নেন মোসাদ্দেক হোসেন।

৩৩ বলে ৪৫ রান করে আউট শানাকা। শ্রীলঙ্কার রান ১৭.৫ ওভারে ৭ উইকেটে ১৫৮।

01 Sep 2022, 11:47 PM

রান আউট করুনারত্নে

শ্রীলঙ্কার শেষ আশা চামিকা করুনারত্রে রান আউট হয়ে গেলেন শেষের আগের ওভারে। ইবাদতের লেংথ বল খেলেই রান নিতে ছোটেন থিকশানা। সেই ডাকে সাড়া দেন করুনারত্নেও। কিন্তু বল ছিল শর্ট কাভারে সাকিবের হাতে। অনেকটা সময় নিয়ে তিনি সরাসরি খ্রোয়ে বল লাগান স্টাম্পে।

১০ বলে ১৬ রান করে আউট করুনারত্নে।

01 Sep 2022, 11:48 PM

শেষের সমীকরণ

১৯তম ওভারের শেষ বলে ইবাদতের বলে বাউন্ডারি মেরে দিলেন আসিথা ফার্নান্দো। শেষ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ৮ রান। বল করবেন অফ স্পিনার মেহেদি। শ্রীলঙ্কার বাকি আছে ২ উইকেট।

01 Sep 2022, 11:54 PM

শ্রীলঙ্কার জয়

শেষ ওভারের সমীকরণে পেরে উঠল না বাংলাদেশ। রোমাঞ্চকর জয়ে সুপার ফোর পর্ব নিশ্চিত করল শ্রীলঙ্কা।

শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রান। মেহেদির প্রথম বলে আসে লেগ বাই থেকে এক রান। পরের বলে দারুণ শটে চার মেরে দেন আসিথা ফার্নান্দো। তৃতীয় বলে আসে আরও দুই রান। পরে তৃতীয় আম্পায়ার সঙ্কেত দেন 'নো' বলের। জিতে যায় শ্রীলঙ্কা।

02 Sep 2022, 12:00 AM

দারুণ ম্যাচ, রোমাঞ্চকর জয় শ্রীলঙ্কার

শানাকা ও করুনারত্নের বিদায়ের পর শ্রীলঙ্কার আশা ছিল সামান্যই। কিন্তু অভিষিক পেসার আসিথা ফার্নান্দো, বল হাতে ৪ ওভারে যিনি দিয়েছেন ৫১ রান, শেষ সময়ে নায়ক হয়ে উঠলেন ব্যাট হাতে। শেষ দুই ওভারে তার দুটি বাউন্ডারি গড়ে দিল ব্যবধান। ৩ বলে ১০ রান করে তিনিই শেষের নায়ক। ৩ বল বাকি থাকতে শ্রীলঙ্কা জিতল ২ উইকেটে।

এই মাঠে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড এটিই।

মন্থর ওভার রেটের কারণে শেষ ওভারে বাংলাদেশকে ফিল্ডিং করতে হয়ে বৃত্তের ভেতর ৫ ফিল্ডার নিয়ে।

বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শেষ হলো গ্রুপ পর্বের ২ ম্যাচেই।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৮৩/৭ (মিরাজ ৩৮, সাব্বির ৫, সাকিব ২৪, মুশফিক ৪, আফিফ ৩৯, মাহমুদউল্লাহ ২৭, মোসাদ্দেক ২৪*, মেহেদি ১, তাসকিন ১১*; মাদুশাঙ্কা ৪-০-২৬-১, থিকশানা ৪-০-২৩-১, আসিথা ৪-০-৫১-১, হাসারাঙ্গা ৪-০-৪১-২, করুনারত্নে ৪-০-৩২-২)।

শ্রীলঙ্কা: ১৯.৩ ওভারে ১৮৪/৮ (নিসানকা ২০, মেন্ডিস ৬০, আসালাঙ্কা ১, গুনাথিলাকা ১১, রাজাপাকসা ২, শানাকা ৪৫, হাসারাঙ্গা ২, করুনারত্নে ১৬, থিকশানা ০*, ফার্নান্দো ১০*; মুস্তাফিজ ৪-০-৩২-১, তাসকিন ৪-০-২৪-২, সাকিব ৪-০-৩১-০, ইবাদত ৪-০-৫১-৩, মেহেদি ৩.৩-০-৩০-১, মিরাজ ১-০-১১-০)।

01 Sep 2022, 08:06 PM

সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ১৯.২ ওভারে ১৮৪/৮ (বাংলাদেশ ২০ ওভারে ১৮৩/৭)