- ২১১ রানে এগিয়ে শ্রীলঙ্কা
- কারুনারাত্নেকে থামালেন শরিফুল
- প্রথম বলেই চান্দিমালকে ফেরালেন মিরাজ
- বোলিংয়ে এসেই তাইজুলের আঘাত
- মেন্ডিসকেও ফেরালেন রানা
- মাদুশকাকে ফিরিয়ে চা বিরতিতে বাংলাদেশ
- ২১ বলে ২ রিভিউ শেষ বাংলাদেশের
- বাংলাদেশের ব্যর্থ রিভিউ
- প্রথম বলেই হাতছাড়া সুযোগ
- দক্ষিণ আফ্রিকার ১৬ বছর পর শ্রীলঙ্কা
- ১৮৮ রানে অলআউট বাংলাদেশ
- শরিফুলকে ফিরিয়ে জুটি ভাঙলেন ভিশ্ব
- ৩ ছক্কায় ১৯ রানের ওভার
- মিরাজকেও ফেরালেন রাজিথা
- তাইজুলের প্রতিরোধ ভাঙলেন রাজিথা
- প্রথম সেশনে আরও ৩ উইকেট হারাল বাংলাদেশ
- কুমারার তৃতীয় শিকার লিটন
- অল্পের জন্য বাঁচলেন তাইজুল
- ৫ উইকেটে বাংলাদেশের একশ
- শ্রীলঙ্কার ব্যর্থ রিভিউ
- শাহাদাতকেও ফেরালেন কুমারা
- বোলিংয়ে এসেই জয়কে ফেরালেন কুমারা
- বড় হচ্ছে পিচের ফাটল
- সংক্ষিপ্ত স্কোর
- জয়-লিটনদের সামনে কঠিন চ্যালেঞ্জ
23 Mar 2024, 05:40 PM
২১১ রানে এগিয়ে শ্রীলঙ্কা
দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে কিছুটা চাপে রেখেছে বাংলাদেশ। তবে প্রথম ইনিংসে পাওয়া ৯২ রানের লিডের সৌজন্যে ২১১ রানে এগিয়ে গেছে সফরকারীরা।
দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ১১৯ রান। ধানাঞ্জায়া ডি সিলভা ৪১ বলে ২৩ ও ভিশ্ব ফার্নান্দো ১৯ বলে ২ রানে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।
এর আগে ম্যাচের প্রথম ইনিংসে ২৮০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশের ইনিংস থামে ১৮৮ রানে।
৩ উইকেটে ৩২ রান নিয়ে খেলতে নেমে শনিবার আর ১৫৬ রান করতে পেরেছে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে নামা তাইজুল ইসলাম।
আর কেউ ত্রিশ রানও করতে পারেননি।
পরে শ্রীলঙ্কা দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামলে প্রথম বলেই দিমুথ কারুনারাত্নেকে রান আউটের সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। পরে কারুনারাত্নেই খেলেন ৫২ রানের ইনিংস। দিনের শেষ দিকে আউট হন তিনি।
এছাড়া বেশিক্ষণ টিকতে পারেননি নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুসাল মেন্ডিস, দিনেশ চান্দিমালরা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৮০
বাংলাদেশ ১ম ইনিংস: ১৮৮
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৩৬ ওভারে ১১৯/৫ (মাদুশকা ১০, কারুনারাত্নে ৫২, কুসাল ৩, ম্যাথিউস ২২, চান্দিমাল ০, ধানাঞ্জয়া ২৩*, ভিশ্ব ২*; শরিফুল ১১-১-২৭-১, খালেদ ৭-১-২৭-০, নাহিদ ১০-০-৪২-২, তাইজুল ৬-২-১২-১, মিরাজ ২-১-৫-১)
23 Mar 2024, 05:17 PM
কারুনারাত্নেকে থামালেন শরিফুল
গোছানো ব্যাটিংয়ে ধীরে ধীরে দলকে এগিয়ে নিচ্ছিলেন দিমুথ কারুনারাত্নে। পঞ্চাশ ছুঁতেই তাকে ফেরালেন শরিফুল ইসলাম।
শরীর বরাবর আসা বাউন্সার পুল করতে গিয়ে নিয়ন্ত্রণ রাখতে পারেননি কারুনারাত্নে। ডিপ ফাইন লেগে ক্যাচ নেন নাহিদ রানা।
৭ চার ও ১ ছক্কায় ১০১ বলে ৫২ রান করে ফিরেছেন কারুনারাত্নে। তার বিদায়ে ভেঙেছে ধানাঞ্জয়া ডি সিলভার সঙ্গে গড়া ৪৯ রানের পঞ্চম উইকেট জুটি। এই জুটিতে দুইশ ছাড়িয়েছে শ্রীলঙ্কার লিড।
নাইটওয়াচম্যান হিসেবে নামানো হয়েছে ভিশ্ব ফার্নান্দোকে। ৩৪ বলে ১৯ রানে খেলছেন ধানাঞ্জয়া।
৩২ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ১১৩ রান। লিড ২০৫ রান।
23 Mar 2024, 04:18 PM
প্রথম বলেই চান্দিমালকে ফেরালেন মিরাজ
আক্রমণে এসে প্রথম বলেই সাফল্য পেলেন মেহেদী হাসান মিরাজ। রিভিউয়ের দারুণ ব্যবহারে দিনেশ চান্দিমালকে এলবিডব্লিউ করলেন অফ স্পিনার।
মিরাজের অফ স্পিনে অন সাইডে খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি চান্দিমাল। বল প্যাডে লাগতেই জোরাল আবেদন। তবে সাড়া দেননি আম্পায়ার।
রিভিউ নেওয়ার ব্যাপারে খুব একটা আত্মবিশ্বাসী ছিলেন না নাজমুল হোসেন শান্ত। উইকেটরক্ষক লিটন কুমার দাসও তেমন উৎসাহী ছিলেন না। তবু একদম শেষ মুহূর্তে রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক।
রিপ্লেতে দেখা যায়, লেগ স্টাম্পে আঘাত করত বল। ফলে রানের খাতা খোলার আগেই বিদায়ঘণ্টা বাজে চান্দিমালের।
১৯.১ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৬৪ রান। তাদের লিড এখন ১৫৬ রানের।
ক্রিজে নতুন ব্যাটসম্যান ধানাঞ্জয়া ডি সিলভা। ৬০ বলে ২৮ রানে খেলছেন দিমুথ কারুনারাত্নে।
23 Mar 2024, 04:15 PM
বোলিংয়ে এসেই তাইজুলের আঘাত
টানা ১৭ ওভার পেসার ব্যবহার করার পর স্পিনার আনলেন নাজমুল হোসেন শান্ত। চতুর্থ বলে সুযোগ তৈরি করলেন তাইজুল ইসলাম। তবে মিড অনে সেটি নিতে পারলেন না নাঈম হাসান। উল্টো ৪ পেলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
পরের বলে আর বাঁচতে পারেননি শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটসম্যান। অফ স্টাম্পের বাইরে টার্ন ও বাউন্স করা ডেলিভারিতে কট বিহাইন্ড হলেন ম্যাথিউস। দ্বিতীয়বারের চেষ্টায় ক্যাচ নিলেন লিটন কুমার দাস।
২৪ বলে ২২ রান করে ফিরলেন ম্যাথিউস। তার বিদায়ে ভাঙল ২৮ রানের জুটি। ক্রিজে নতুন ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল। ৫৪ বলে ২৪ রানে খেলছেন দিমুথ কারুনারাত্নে।
১৮ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৬০ রান। তাদের লিড এখন ১৫২ রান।
23 Mar 2024, 03:36 PM
মেন্ডিসকেও ফেরালেন রানা
গতি ও বাউন্সের মিশেলে বোলিংয়ের শুরু থেকেই দিমুথ কারুনারাত্নে ও কুসাল মেন্ডিসকে অস্বস্তিতে রেখেছিলেন নাহিদ রানা। উইকেট পেতেও সময় লাগল না তার। বাউন্সারে ধরা পড়লেন কুসাল।
নাহিদের লেগ স্টাম্পের ওপর করা বাউন্সার পুল করতে গিয়েও শেষ মুহূর্তে ছেড়ে দেওয়ার কথা ভাবেন কুসাল। কিন্তু সময়মতো ব্যাট নামাতে পারেননি। ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় লিটন কুমার দাসের গ্লাভসে।
১০ বলে ৩ রান করে ফিরেছেন মেন্ডিস। চার নম্বরে নেমেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৪২ বলে ১৮ রানে খেলছেন কারুনারাত্নে।
১২ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৩৩ রান। তাদের লিড এখন ১২৫ রানের।
23 Mar 2024, 02:51 PM
মাদুশকাকে ফিরিয়ে চা বিরতিতে বাংলাদেশ
শরিফুল ইসলামের ওভারে বেশ কয়েকবার ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করলেন নিশান মাদুশকা। যেন ওই ওভারের পরই চা বিরতি ডাকেন আম্পায়াররা। কিন্তু তার ইচ্ছা পূরণ হয়নি। আরও এক ওভার করালেন আম্পায়াররা। তাতেই ঘটল মাদুশকার সর্বনাশ।
চা বিরতির ঠিক আগে আক্রমণে এসেই উদ্বোধনী জুটি ভাঙলেন নাহিদ রানা। অফ স্টাম্পের বাইরের ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টায় ব্যাটের বাইরের কানায় লেগে কট বিহাইন্ড হলেন মাদুশকা। ২০ বলে ১০ রান করে ফিরলেন লঙ্কান ওপেনার।
এই উইকেটের সঙ্গেই ডাকা হয় চা বিরতি।
দ্বিতীয় সেশন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ১৯ রান। প্রথম ইনিংসের লিডের সুবাদে ১১১ রানে এগিয়ে তারা। দিমুথ কারুনারাত্নে ৯ রানে অপরাজিত।
মধ্যাহ্ন বিরতির পর ১৫.৩ ওভারে ৫৬ রান যোগ করতে ৪ উইকেট হারিয়ে ১৮৮ রানে অলআউট হয় বাংলাদেশ। সব মিলিয়ে এই সেশনে ২১.১ ওভারে ৭৫ রানে পড়ল ৫ উইকেট।
23 Mar 2024, 02:37 PM
২১ বলে ২ রিভিউ শেষ বাংলাদেশের
সৈয়দ খালেদ আহমেদের পরপর দুই ওভারে দুই রিভিউ হারাল বাংলাদেশ। সব মিলিয়ে ইনিংসে খেলা হয়েছে মোটে ২১ বল। পুরো ইনিংসের জন্য আর মাত্র একটি রিভিউ বাকি স্বাগতিকদের।
অফ স্টাম্পের বাইরে থেকে ভেতরে ঢোকা ডেলিভারি আবারও রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টায় পরাস্ত হন নিশান মাদুশকা। বল আঘাত করে তার পেছনের পায়ে। জোরাল আবেদনে এবারও সাড়া দেননি আম্পায়ার।
খালেদের সঙ্গে উইকেটরক্ষক লিটন কুমার দাসও উৎসাহী ছিলেন এবার। কিছুক্ষণ আলোচনার পর তাই রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। রিপ্লেতে দেখা যায়, অল্পের জন্য লেগ স্টাম্পের ওপর দিয়ে চলে যেত বল।
৪ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৪ রান। তাদের লিড এখন ১০৬ রানের।
23 Mar 2024, 02:28 PM
বাংলাদেশের ব্যর্থ রিভিউ
সৈয়দ খালেদ আহমেদের অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারি ভুল লাইনে খেললেন নিশান মাদুশকা। বল প্যাডে লাগতেই বাংলাদেশের ফিল্ডারদের জোরাল আবেদন। তাতে সাড়া দিলেন না আম্পায়ার।
বেশ কিছুক্ষণ আলোচনার পর একদম শেষ মুহূর্তে রিভিউ নিলেন নাজমুল হোসেন শান্ত। রিপ্লেতে দেখা যায়, লেগ স্টাম্পের ওপর দিয়ে চলে যেত ওই বল। ফলে বৃথা যায় বাংলাদেশের রিভিউ।
২ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫ রান। তাদের লিড ৯৭ রানের।
23 Mar 2024, 02:23 PM
প্রথম বলেই হাতছাড়া সুযোগ
দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই উদ্বোধনী জুটি ভাঙার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। অল্পের জন্য কাজে লাগানো যায়নি সেটি। শুরুতেই বেঁচে গেলেন দিমুথ কারুনারাত্নে।
শরিফুল ইসলামের পায়ের ওপর করা ডেলিভারি মিড উইকেটে খেলে রানের জন্য ছোটেন নিশান মাদুশকা। সুযোগ দেখে দ্রুত দ্বিতীয় রানের সিদ্ধান্ত নেন তিনি। সাড়া দেন কারুনারাত্নেও।
বাঁহাতি ওপেনার নন স্ট্রাইক প্রান্তে ফেরার আগেই থ্রো করেন তাইজুল ইসলাম। অল্পের জন্য স্টাম্প ঘেঁষে চলে যায় সেটি। কাছাকাছি কেউ না থাকায় ওই থ্রো ধরেও স্টাম্প ভাঙা যায়নি। উল্টো ওভারথ্রো হয়ে বল চলে যায় সীমানায়।
তবে দ্বিতীয় রানের জন্য দুই ব্যাটসম্যান নিজেদের অতিক্রম করার আগেই তাইজুল থ্রো করে ফেলায় আর দ্বিতীয় রানটি যোগ হয়নি শ্রীলঙ্কার স্কোরে। এর বদলে ১ রানের সঙ্গে ওভার থ্রোয়ের ৪ রান পায় তারা।
23 Mar 2024, 02:17 PM
দক্ষিণ আফ্রিকার ১৬ বছর পর শ্রীলঙ্কা
টেস্ট ক্রিকেটে প্রায় ১৬ বছর পর বাংলাদেশের মাঠে এক ইনিংসে সবকটি উইকেট নিলেন পেসাররা। এর আগে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে মিরপুর টেস্টে সবশেষ ১০ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার তিন পেসার ডেল স্টেইন, মাখায়া এনটিনি ও জ্যাক ক্যালিস।
ওই টেস্টের ৫১ ম্যাচ পর এবার ১০ উইকেট ভাগাভাগি করলেন ভিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।
23 Mar 2024, 02:13 PM
১৮৮ রানে অলআউট বাংলাদেশ
ভিশ্ব ফার্নান্দোর অফ স্টাম্পের বাইরের শর্ট ডেলিভারি বড় শটের চেষ্টায় ঠিকঠাক খেলতে পারলেন না সৈয়দ খালেদ আহমেদ। ব্যাটের বাইরের কানায় লেগে গেল উইকেটের পেছনে। লাফিয়ে উঠে দারুণ ক্যাচ নিলেন কুসাল মেন্ডিস। ১৮৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ।
৯২ রানে এগিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাট করতে নামবে শ্রীলঙ্কা।
বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের ব্যর্থতার ইনিংসে বাংলাদেশকে দুইশর কাছাকাছি নেওয়ার কারিগর দুই বোলার তাইজুল ইসলাম ও সৈয়দ খালেদ।
প্রথম দিনের শেষ দিকে নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে ক্যারিয়ার সেরা ইনিংসে ৪৭ রান করেন তাইজুল। দশ নম্বরে নামা খালেদ নিজের আগের সেরা অপরাজিত ৪ ছাড়িয়ে করেন ২২ রান।
এছাড়া ২০ ছুঁতে পেরেছেন শুধু লিটন কুমার দাস (২৫)। তাইজুলের সঙ্গে তার ষষ্ঠ উইকেট জুটিতে এসেছে ইনিংসের সর্বোচ্চ ৪১ রান। শেষ দিকে নবম উইকেটে ৪০ রান যোগ করেছেন খালেদ ও শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ভিশ্ব ফার্নান্দো। অন্য দুই পেসার কাসুন রাজিথা ও লাহিরু কামারা ধরেছেন ৩টি করে শিকার।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৮০
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ৩২/৩) ৫১.৩ ওভারে ১৮৮ (জয় ১২, তাইজুল ৪৭, শাহাদাত ১৮, লিটন ২৫, মিরাজ ১১, শরিফুল ১৫, খালেদ ২২, নাহিদ ০*; ভিশ্ব ১৫.৩-২-৪৮-৪, রাজিথা ১৬-৩-৫৬-৩, কুমারা ১২-১-৩১-৩, জয়াসুরিয়া ৭-১-৩৩-০, ধানাঞ্জয়া ১-০-৪-০)
23 Mar 2024, 01:56 PM
শরিফুলকে ফিরিয়ে জুটি ভাঙলেন ভিশ্ব
কাসুন রাজিথা ও ভিশ্ব ফার্নান্দোর শর্ট বলে বারবার অস্বস্তিতে পড়ছিলেন শরিফুল ইসলাম। শেষ পর্যন্ত বাউন্সারেই আউট হলেন তিনি। ভিশ্ব শর্ট ডেলিভারি পুল করতে গিয়ে হাওয়ায় ভাসিয়ে দেন বাঁহাতি ব্যাটসম্যান। পপিং ক্রিজ থেকে মিড অফের দিকে দৌড়ে ভিশ্ব নিজেই নেন ক্যাচ।
২ ছক্কায় ২১ বলে ১৫ রান করে ফিরলেন শরিফুল। তার বিদায়ে ভাঙল ৪০ রানের নবম উইকেট জুটি। ক্রিজে এখন শেষ দুই ব্যাটসম্যান সৈয়দ খালেদ আহমেদ ও অভিষিক্ত নাহিদ রানা।
৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১৮৭ রান। এখনও ৯৩ রানে পিছিয়ে তারা। খালেদ ২৩ বলে ২১ রানে অপরাজিত।
23 Mar 2024, 01:47 PM
৩ ছক্কায় ১৯ রানের ওভার
আগের ওভারে কাসুন রাজিথার বলে লং অফ দিয়ে ইনিংসের প্রথম ছক্কা মারেন সৈয়দ খালেদ আহমেদ। পরে প্রাবাথ জয়াসুরিয়ার ওপর ঝড় বইয়ে দেন খালেদ ও শরিফুল। দুজন মিলে ৩ ছক্কায় নিলেন ১৯ রান।
ওভারের দ্বিতীয় বলে স্লগ করে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মারেন খালেদ। দুই বল পর স্ট্রাইক পান শরিফুল। প্রথম বলেই স্লগ সুইপে মারেন ছক্কা। মিড উইকেট সীমানায় অবশ্য ক্যাচ ধরা সুযোগ ছিল লাহিরু কুমারার। কিন্তু কোনো চেষ্টাই করেননি তিনি।
পরে শেষ বলে প্রাবাথের মাথার ওপর দিয়ে বড় ছক্কা মারেন শরিফুল।
৪৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১৭৯ রান। খালেদ ও শরিফুলের জুটিতে এরই মধ্যে এসেছে ২০ বলে ৩২ রান। স্বাগতিকরা পিছিয়ে ১০১ রানে।
নিজের আগের সেরা অপরাজিত ৪ ছাড়িয়ে ১৬ বলে ১৮ রানে খেলছেন খালেদ। শরিফুল ১৩ বলে ১২ রানে অপরাজিত।
23 Mar 2024, 01:28 PM
মিরাজকেও ফেরালেন রাজিথা
আগের বলে এক রানের সুযোগ ছিল। কিন্তু ওভারের তৃতীয় বল হওয়ায় সিঙ্গেল নিলেন না মেহেদী হাসান মিরাজ। তাতে লাভ হলো না কোনো। পরের বলে তিনি নিজেই ধরলেন ড্রেসিং রুমের পথ।
কাসুন রাজিথার লেগ স্টাম্পের ওপর করা ডেলিভারি ফ্লিক করতে গিয়ে আগেই ব্যাট চালিয়ে ফেলেন মিরাজ। ব্যাটের সামনের কানায় লেগে বল উঠে যায় আকাশে। পয়েন্টে নিরাপদে ক্যাচ নেন নিশান মাদুশকা।
৩৪ বলে ১১ রান করে ফিরলেন মিরাজ। ক্রিজে এখন লেজের সারির দুই ব্যাটসম্যান শরিফুল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদ।
৪৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১৪৮ রান। এখনও ১৩২ রানে পিছিয়ে তারা।
23 Mar 2024, 01:03 PM
তাইজুলের প্রতিরোধ ভাঙলেন রাজিথা
দ্বিতীয় সেশনে বেশিক্ষণ টিকতে পারলেন না তাইজুল ইসলাম। তাকে থামালেন কাসুন রাজিথা। অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ড্রাইভ করতে গিয়ে ব্যাটের বাইরের কানায় লেগে কট বিহাইন্ড হলেন বাঁহাতি ব্যাটসম্যান।
অল্পের জন্য ক্যারিয়ারের প্রথম পঞ্চাশ ছুঁতে ব্যর্থ হলেন তাইজুল। আগের সর্বোচ্চ ৩৯ ছাড়িয়ে তিনি থামলেন ৪৭ রানে। ৮০ বলের ইনিংসে ৬টি চার।
তাইজুলের বিদায়ে উন্মুক্ত হয়ে গেল বাংলাদেশের ব্যাটিং অর্ডারের লেজ। নয় নম্বরে নেমেছেন শরিফুল ইসলাম। ১৭ বলে ৪ রানে খেলছেন শেষ স্বীকৃত ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ।
৪০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৪০ রান। এখনও ১৪০ রানে পিছিয়ে তারা।
23 Mar 2024, 12:13 PM
প্রথম সেশনে আরও ৩ উইকেট হারাল বাংলাদেশ
প্রথম দিনের শেষ দিকে বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের 'পাহাড়া' দেওয়ার দায়িত্ব নিয়ে নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমেছিলেন তাইজুল ইসলাম। সেদিন অবশ্য খেলতে পারেন কেবল ১ বল। পরদিন তিনি যেন হয়ে উঠলেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান! অন্য প্রান্তে স্বীকৃত ব্যাটসম্যানদের বিদায়ের মধ্যে তার ইনিংস হয়ে উঠল আরও বিশেষ।
মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, লিটন কুমার দাসরা হতাশ করলে দ্বিতীয় দিনের প্রথম সেশনেও ৩ উইকেট হারাল বাংলাদেশ। বিপরীতে ২৬ ওভারে স্কোরবোর্ডে জমা পড়ল ১০০ রান।
মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৬ ওভারে ৬ উইকেটে ১৩২ রান। শ্রীলঙ্কার চেয়ে এখনও ১৪৮ রানে পিছিয়ে তারা।
এরই মধ্যে নিজের আগের সর্বোচ্চ ৩৯ ছাড়িয়ে গেছেন তাইজুল। ৫ চারে ৭১ বলে ৪১ রানে অপরাজিত বাঁহাতি ব্যাটসম্যান। সদ্যই ব্যাটিংয়ে নেমে নামা মেহেদী হাসান মিরাজ ৬ বলে ২ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করবেন।
দিনের শুরুর অংশে জয় ও তাইজুল খুব একটা খারাপ করেননি। প্রথম ৫ ওভারে তারা নেন ২১ রান। ষোড়শ ওভারে লাহিরু কুমারা আক্রমণে এসে প্রথম বলেই ফেরান ১২ রান করা জয়কে। অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মেরে স্লিপে ক্যাচ দেন জয়।
পরে শাহাদাতের শুরুটাও ছিল আশা জাগানিয়া। বেশ কিছু ইতিবাচক শটে তাইজুলের সঙ্গে জুটি এগিয়ে নেন তিনি। ২৬ বলে ১৮ রান করা তরুণ ব্যাটসম্যানকেও স্লিপে ক্যাচ বানান কুমারা।
ষষ্ঠ উইকেটে তাইজুলের সঙ্গে প্রতিরোধের আভাস দেন লিটন। জুটি ভাঙতে মরিয়া ধানাঞ্জয়া ডি সিলভা একপর্যায়ে পাঁচ ওভারে ব্যবহার করেন ভিন্ন পাঁচ বোলার। এর মধ্যে সবশেষ পরিবর্তনে পান সাফল্য।
দারুণ ডেলিভারিতে ২৫ রান করা লিটনকে বোল্ড করেন কুমারা। ভাঙে ৪১ রানের ষষ্ঠ উইকেট জুটি।
তাইজুল-মিরাজদের সামনে এখন চ্যালেঞ্জ ব্যবধান যত সম্ভব কমিয়ে আনার। বল পুরোনো হওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা সহজ হয়ে এসেছে ব্যাটিং। তবে ধীরে হলেও বাড়ছে অসমান বাউন্স। ম্যাচে বড় প্রভাব ফেলতে পারে দুই দলের প্রথম ইনিংসের ব্যবধান।
দ্বিতীয় সকালে কুমারা ছাড়া আর কেউ খুব একটা ভোগাতে পারেননি ব্যাটসম্যানদের। পিঠে অস্বস্তি নিয়ে একবার বাইরে যাওয়ার পর ফিরে খুব একটা স্বচ্ছন্দে নেই কাসুন রাজিথা। আগের দিনের মতো অতোটা ভয়ঙ্কর মনে হচ্ছে না ভিশ্ব ফার্নান্দোকে।
একপ্রান্তে আঁটসাঁট বোলিং করছেন বাঁহাতি স্পিনার প্রাবাথ জয়াসুরিয়া।
23 Mar 2024, 12:02 PM
কুমারার তৃতীয় শিকার লিটন
লাঞ্চের আগে জুটি ভাঙতে মরিয়া ছিলেন ধানাঞ্জয়া ডি সিলভা। টানা ৫ ওভারে ব্যবহার করেছিলেন ৫ বোলার। সবশেষ পরিবর্তে এলো সাফল্য। লাহিরু কুমারার বলে বোল্ড হয়ে ফিরলেন লিটন দাস।
চাপ সামলে প্রতিরোধের আভাস মিলছিল তাইজুল ইসলাম ও লিটনের জুটিতে। কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না লিটন। প্রথম সেশন শেষ হওয়ার কয়েক মিনিট বাকি থাকতে ফিরলেন কিপার-ব্যাটসম্যান।
লাহিরু কুমারার অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারি তীক্ষ্ণভাবে ঢুকে যায় ভেতরে। ভুল লাইনে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন লিটন। বল তার ব্যাট ও প্যাডের ফাঁক গলে এলোমেলো করে দেয় স্টাম্প।
৪ চারে ৪৩ বলে ৪৩ বলে ২৫ রান করে ফিরলেন লিটন। তার বিদায়ে ভাঙল ৪১ রানের ষষ্ঠ উইকেট জুটি।
ওভারের শেষ বলে অল্পের জন্য বোল্ড হওয়া থেকে বেঁচে যান তাইজুল। উল্টো পান বাউন্ডারি। স্পর্শ করেন নিজের আগের সর্বোচ্চ ৩৯ রান।
৩৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১২৯ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ।
23 Mar 2024, 11:43 AM
অল্পের জন্য বাঁচলেন তাইজুল
টানা ওভার দা উইকেটে বোলিং করতে করতে হঠাৎ করেই রাউন্ড দা উইকেটে গেলেন প্রাবাথ জয়াসুরিয়া। প্রথম বলেই সুযোগ তৈরি করলেন বাঁহাতি স্পিনার। কিন্তু দ্বিতীয় স্লিপে যথেষ্ট তৎপরতা দেখাতে পারলেন না কামিন্দু মেন্ডিস।
অফ স্টাম্পের বাইরে করা লেংথ ডেলিভারি তাইজুল ইসলামের ব্যাটের বাইরের কানায় লেগে দ্রুত চলে যায় দ্বিতীয় স্লিপের দিকে। ক্যাচ নিতে পারেননি প্রতিক্রিয়া দেখাতে বেশ দেরি করে ফেলা কামিন্দু। বল চলে যায় সীমানায়। ২৮ রানে বেঁচে গিয়ে উল্টো বাউন্ডারি পান তাইজুল।
৩১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১০৯ রান। তাইজুল ৬২ বলে ৩২ ও লিটন কুমার দাস ২৮ বলে ১৩ রানে অপরাজিত।
23 Mar 2024, 11:33 AM
৫ উইকেটে বাংলাদেশের একশ
প্রাবাথ জয়াসুরিয়ার হালকা ঝুলিয়ে দেওয়া ডেলিভারি স্ট্রেইট ড্রাইভ করলেন তাইজুল ইসলাম। ঠিকঠাক ধরতে পারলেন না জয়াসুরিয়া। দ্রুত রান নিলেন তাইজুল ও লিটন কুমার দাস। একশ পূর্ণ করল বাংলাদেশ।
২৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১০০ রান। তাইজুল ৫৫ বলে ২৫ ও লিটন ২৩ বলে ১১ রানে খেলছেন। দুজনের জুটিতে ৪২ বলে এসেছে ১৭ রান।
23 Mar 2024, 11:28 AM
শ্রীলঙ্কার ব্যর্থ রিভিউ
অন্য প্রান্তের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মাঝে একরকম ঢাল হয়ে দাঁড়িয়েছেন তাইজুল ইসলাম। 'নাইটওয়াচম্যান'কে ফেরাতে মরিয়া শ্রীলঙ্কা হারিয়েছে নিজেদের প্রথম রিভিউ।
কাসুন রাজিথার রাউন্ড দা উইকেট থেকে করা ফুল লেংথ ডেলিভারি ভেতরে ঢোকার মুখে অন সাইডে খেলার চেষ্টা করেন তাইজুল। বল আঘাত করে প্যাডে। জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার।
কিছুক্ষণ আলোচনার পর রিভিউ নেন ধানাঞ্জয়া ডি সিলভা। রিপ্লেতে দেখা যায়, বল চলে যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে। ফলে বিপদ ঘটেনি তাইজুলের।
২৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৯৭ রান। তাইজুল ৫৩ বলে ২৩ ও লিটন কুমার দাস ১৯ বলে ১০ রানে অপরাজিত।
23 Mar 2024, 11:06 AM
শাহাদাতকেও ফেরালেন কুমারা
তাইজুল ইসলামের সঙ্গে ইতিবাচক ব্যাটিংয়ে চাপ সামালের চেষ্টা করছিলেন শাহাদাত হোসেন। কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না তরুণ ব্যাটসম্যান। লাহিরু কুমারার দ্বিতীয় শিকার হলেন তিনি।
কুমারার অফ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন শাহাদাত। বাড়তি বাউন্সের কারণে বল লাগে তার ব্যাটের কাঁধে। প্রথম স্লিপে সহজ ক্যাচ নেন ধানাঞ্জয়া ডি সিলভা।
৩ চারে ২৬ বলে ১৮ রান করে ফিরলেন শাহাদাত। তার বিদায়ে ভাঙলে এখন পর্যন্ত ইনিংসের সর্বোচ্চ ৩০ রানের জুটি।
ক্রিজে নতুন ব্যাটসম্যান লিটন কুমার দাস। তাইজুল অপরাজিত ৩৬ বলে ২০ রানে।
২২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৮৩ রান।
23 Mar 2024, 10:31 AM
বোলিংয়ে এসেই জয়কে ফেরালেন কুমারা
অস্বস্তি নিয়ে কাসুন রাজিথা মাঠ ছাড়ায় বোলিংয়ে পরিবর্তন অনিবার্য ছিল। সেই পরিবর্তনের হাত ধরেই এলো দিনের প্রথম উইকেট। ম্যাচে প্রথমবার আক্রমণে এসে প্রথম বলেই মাহমুদুল হাসান জয়ের প্রতিরোধ ভাঙলেন লাহিরু কুমারা। অফ স্টাম্পের বাইরের ডেলিভারি খোঁচা মেরে তৃতীয় স্লিপে ক্যাচ দিলেন তরুণ ওপেনার।
৪৬ বলে ১২ রান করে ফিরলেন জয়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শাহাদাত হোসেন। ২১ বলে ১২ রানে অপরাজিত তাইজুল ইসলাম।
জয়ের বিদায়ের আগে দিনের শুরুটা খুব একটা মন্দ ছিল না বাংলাদেশের। প্রথম পাঁচ ওভারে তারা করে ২১ রান। পঞ্চদশ ওভারে পূর্ণ হয় দলের পঞ্চাশ। ঠিক পরের ওভারেই ড্রেসিং রুমে ফিরলেন জয়।
১৫.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৫৩ রান।
23 Mar 2024, 10:07 AM
বড় হচ্ছে পিচের ফাটল
দিনের খেলা শুরুর আগে পিচ রিপোর্টে রাসেল আর্নল্ড বলেছেন, উইকেটে ঘাসের আড়ালে থাকা ফাটলগুলো উন্মুক্ত হতে শুরু করেছে৷ সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কঠিন হবে ব্যাটিং। তাই ধানাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের মতো আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরামর্শ দিয়েছেন আর্নল্ড।
23 Mar 2024, 10:06 AM
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৮০
বাংলাদেশ ১ম ইনিংস: ৫১.৩ ওভারে ১৮৮
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৩৬ ওভারে ১১৯/৫
23 Mar 2024, 10:04 AM
জয়-লিটনদের সামনে কঠিন চ্যালেঞ্জ
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ব্যাকফুটে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ২৮০ রানে অলআউট করে স্রেফ ৩২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকরা। ২৪৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে তারা।
সবুজ উইকেটে আগে বোলিং নিয়ে শ্রীলঙ্কাকে চেপে ধরেছিল বাংলাদেশ। স্রেফ ৫৭ রানে তারা নিয়েছিল ৫ উইকেট। এরপর ধানাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের প্রতিরোধ। দুজনই সেঞ্চুরি করে গড়েন ২০২ রানের রেকর্ড জুটি।
ধানাঞ্জয়া ও কামিন্দুর জুটি ভাঙার পর আবার ধস নামে শ্রীলঙ্কার ইনিংস। স্রেফ ২১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে গুটিয়ে যায় তারা। বাংলাদেশের পক্ষে সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানা নেন ৩টি করে উইকেট।
দিনের শেষ ঘণ্টায় ব্যাটিংয়ে নেমে জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের উইকেট হারায় বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ও তাইজুল ইসলাম ক্রিজে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে):
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৮০
বাংলাদেশ ১ম ইনিংস: ১০ ওভারে ৩২/৩ (জয় ৯*, জাকির ৯, শান্ত ৫, মুমিনুল ৫, তাইজুল ০*; ভিশ্ব ৫-১-৯-২, রাজিথা ৫-১-২০-১)