২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

06 Mar 2024, 06:04 PM

সংক্ষিপ্ত স্কোর:

এক নজরে

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৫/৫

বাংলাদেশ: ১৮.১ ওভারে ১৭০/২

06 Mar 2024, 05:22 PM

ঘুরে দাঁড়ানোর অভিযানে বাংলাদেশ

দারুণ এক জয়ের সম্ভাবনা জাগিয়েও ৩ রানের আক্ষেপে সিরিজ শুরু হয়েছে বাংলাদেশের। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখার অভিযানে বুধবার সন্ধ্যায় শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।

এই সংস্করণে ২০২২ সালের জুলাইয়ের পর কোনো দ্বিপাক্ষিক সিরিজে হারেনি বাংলাদেশ। এই সময়ের মধ্যে পাঁচ সিরিজের চারটি জিতেছে তারা। ড্র করেছে নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষটি। ওই চার সিরিজের একটি আবার বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে, ৩-০ ব্যবধানে।

তিন ম্যাচের সিরিজে প্রথমটি হারের পর বাংলাদেশের সিরিজ জয়ের ঘটনা আছে স্রেফ একটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালে প্রথম ম্যাচ ৭ উইকেটে হারলেও পরের দুটি ১২ ও ১৯ রানে জিতেছিল বাংলাদেশ। প্রায় দেড় বছর ধরে সিরিজ না হারার ধারা বজায় রাখতে এবার ফিরিয়ে আনতে হবে ছয় বছর আগেই ওই স্মৃতি।

06 Mar 2024, 05:35 PM

Image

ফের টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আরও একবার টস জিতলেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচের মতো এবারও আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত জানালেন বাংলাদেশ অধিনায়ক।

বোলিংয়ে প্রথম ম্যাচের ভুল শুধরে রান তাড়া করে ঘুরে দাঁড়ানোর চাওয়ার কথা বলেছেন শান্ত।

শ্রীলঙ্কা অধিনায়ক বললেন, টস জিতলে তিনিও আগে ফিল্ডিং নিতেন।

06 Mar 2024, 05:39 PM

বাংলাদেশের অপরিবর্তিত একাদশ

প্রথম ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। আগের মতোই তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলতে নামছে স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

06 Mar 2024, 05:43 PM

স্পিনার কমিয়ে পেস শক্তি বাড়াল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার একাদশে পরিবর্তন একটি। স্পিনার আকিলা দানাঞ্জয়াকে বসিয়ে বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কাকে দলে নিয়েছে তারা।

এছাড়া আগে থেকেই আছেন দুই বিশেষজ্ঞ পেসার মাথিশা পাথিরানা, বিনুরা ফার্নান্দো ও দুই পেস অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা।

একাদশে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার মাহিশ থিকশানা। দলের প্রয়োজনে হাত ঘোরাতে দেখা যেতে পারে কামিন্দু মেন্ডিসকে।

শ্রীলঙ্কা একাদশ: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কুসাল মেন্ডিস (উইকেটরক্ষক), আভিশকা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, সাদিরা সামারাউইক্রামা, কামিন্দু মেন্ডিস, মাহিশ থিকশানা, দিলশান মাদুশাঙ্কা, মাথিশা পাথিরানা, বিনুরা ফার্নান্দো।

06 Mar 2024, 06:07 PM

মেডেনে শুরু শরিফুলের

নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ওভারে কোনো রান দিলেন না শরিফুল ইসলাম। পুরো ওভার একাই খেললেন আভিশকা ফার্নান্দো।

শরিফুলের ৩৬ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটিই প্রথম মেডেন ওভার।

06 Mar 2024, 06:11 PM

Image

প্রথম ওভারেই তাসকিনের আঘাত

দ্বিতীয় ওভারে আক্রমণে এসে দলকে প্রথম সাফল্য এনে দিলেন তাসকিন আহমেদ। ড্রেসিং রুমের পথ ধরলেন আভিশকা ফার্নান্দো।

শরিফুল ইসলামের করা ইনিংসের প্রথম ওভার মেডেন খেলা আভিশকা ৭ বলে কোনো রান করতে পারেননি। তাসকিনের লেংথ বল অন সাইডে খেলার চেষ্টায় আভিশকার ব্যাটের কানায় লেগে উঠে যায় ওপরে। ফিরতি ক্যাচ নেন তাসকিন।

কুসাল মেন্ডিসের সঙ্গে জুটি বাঁধতে তিন নম্বরে নেমেছেন কামিন্দু মেন্ডিস। প্রথম বলে বাউন্ডারি মেরে যাত্রা শুরু করেছেন বাঁহাতি ব্যাটসম্যান।

06 Mar 2024, 06:34 PM

পাওয়ার প্লেতে শ্রীলঙ্কার ১ উইকেটে ৪৯

পাওয়ার প্লের শেষ তিন ওভারে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা। প্রথম তিন ওভারে স্রেফ ৮ রানের পরের তিন ওভারে তারা নিল ৪১ রান।

চতুর্থ ওভারে তাসকিনের বলে আক্রমণের শুরু। ২ ছক্কা ও ১ চারে ওই ওভার থেকে ১৭ রান নেন কামিন্দু মেন্ডিস ও কুসাল মেন্ডিস। পরে শেখ মেহেদি হাসানের ওভারের শেষ বলে চার মারেন কুসাল।

ষষ্ঠ ওভারে আক্রমণে আসা মুস্তাফিজুর রহমানের প্রথম বলে চার মারেন কামিন্দু। কুসালের ব্যাট থেকে আসে ১টি করে চার ও ছক্কা। মুস্তাফিজ খরচ করেন ১৫ রান।

এরই মধ্যে কুসাল ও কামিন্দুর জুটির সংগ্রহ ২৬ বলে ৪৮ রান। কুসাল ১৫ বলে ২৫ ও কামিন্দু ১৪ বলে ২৩ রানে অপরাজিত।

06 Mar 2024, 06:41 PM

কুসাল ও কামিন্দুর জুটির পঞ্চাশ

শুরুতেই আভিশকা ফার্নান্দোর বিদায়ের পর হাল ধরেছেন কুসাল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। রয়েসয়ে শুরুর পর ক্রমেই রানের গতি বাড়াচ্ছেন দুজন। এরই মধ্যে পূর্ণ হয়েছে তাদের জুটির পঞ্চাশ রান।

৭ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ৫৩ রান। এর মধ্যে দ্বিতীয় উইকেট জুটিতে এসেছে ৩২ বলে ৫২ রান। কুসাল ১৭ বলে ২৭ ও কামিন্দু ১৮ বলে  ২৫ রানে খেলছেন।

06 Mar 2024, 06:46 PM

জুটি ভাঙলেন সৌম্য

বোলিংয়ে এসেই বিপজ্জনক হওয়ার আভাস দেওয়া জুটি ভাঙলেন সৌম্য সরকার। কট বিহাইন্ড হয়ে ড্রেসিং রুমের পথ ধরলেন কুসাল মেন্ডিস। তার বিদায়ে ভাঙল ৪২ বলে ৬৬ রানের দ্বিতীয় উইকেট জুটি।

নবম ওভারের চতুর্থ বলে ব্যাক অব লেংথ ডেলিভারি অফ সাইডে খেলার চেষ্টায় কুসালের ব্যাটের বাইরের কানায় লাগে। সহজ ক্যাচ নেন লিটন কুমার দাস। ২ চার ও ৩ ছক্কায় ২২ বলে ৩৬ রান করে ফিরলেন লঙ্কান কিপার-ব্যাটসম্যান।

ক্রিজে নতুন ব্যাটসম্যান সাদিরা সামারাউইক্রামা। ৯ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৬৯ রান। কামিন্দু মেন্ডিস অপরাজিত ২৪ বলে ৩০ রানে।

06 Mar 2024, 06:55 PM

রান আউটে কাটা কামিন্দু

পরপর দুই ওভারে দুই সেট ব্যাটসম্যানকে ফেরাল বাংলাদেশ। সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হলেন কামিন্দু মেন্ডিস।

দশম ওভারে রিশাদ হোসেনের তৃতীয় বলে বিশাল ছক্কা হাঁকান কামিন্দু। পরে গুগলিতে ব্যাটের কানায় লেগে বল পয়েন্টের দিকে যেতেই রানের জন্য ডাকেন তিনি। পরক্ষণেই থমকে দাঁড়ান। তবে ততক্ষণে অনেকটা পথ চলে আসেন সাদিরা সামারাউইক্রামা।

পরে কামিন্দুও চেষ্টা করেন অপর প্রান্তে পৌঁছতে। তার আগেই শেখ মেহেদি হাসানের থ্রো ধরে স্টাম্প ভেঙে দেন রিশাদ। সমাপ্তি ঘটে কামিন্দুর ৩ চার ও ২ ছক্কায় খেলা ২৭ বলে ৩৭ রানের ইনিংসের।

ক্রিজে নতুন ব্যাটসম্যান চারিথ আসালাঙ্কা। ১০ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৭৮ রান।

06 Mar 2024, 07:08 PM

সামারাউইক্রামাকে ফেরালেন মুস্তাফিজ

প্রথম ওভারে খরুচে বোলিংয়ের পর মুস্তাফিজুর রহমানকে আক্রমণ থেকে সরিয়ে নেন নাজমুল হোসেন শান্ত। ত্রয়োদশ ওভারে দ্বিতীয়বার বোলিংয়ে এসেই সাফল্য পেলেন অভিজ্ঞ বাঁহাতি পেসার।

দ্বিতীয় বলে মুস্তাফিজের লেংথ ডেলিভারিতে আগেই ব্যাট চালিয়ে ফেলেন সাদিরা সামারাউইক্রামা। ব্যাটে সামনের দিকে লেগে আসা বল সহজেই ফিরতি ক্যাচ নেন মুস্তাফিজ। ৭ রান করতে ১১ বল খেলেন সামারাউইক্রামা।

ক্রিজে নতুন ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৭ বলে ১০ রানে খেলছেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

06 Mar 2024, 07:14 PM

মেহেদির বলে বোল্ড আসালাঙ্কা

শেখ মেহেদি হাসানের হালকা ঝুলিয়ে দেওয়া ডেলিভারি উড়িয়ে মারলেন চারিথ আসালাঙ্কা। লং অনে ক্যাচের মতো উঠলেও তাওহিদ হৃদয়ের মাথার ওপর দিয়ে বল চলে যায় সীমানায়। দুই বল পর ওয়াইড লং অন দিয়ে আরেকটি ছক্কা মারেন লঙ্কান অধিনায়ক।

তবে প্রতিশোধ নিতে সময় লাগেনি মেহেদির। ওভারের পঞ্চম বলে পিচ করে লাইন ধরে রাখা ডেলিভারি জায়গা বানিয়ে খেলার চেষ্টায় বোল্ড আসালাঙ্কা। ১ চার ও ৩ ছক্কায় স্রেফ ১৪ বলে ২৮ রান করে ফিরলেন তিনি।

১৪ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ১১৪ রান। ক্রিজে দুই ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দাসুন শানাকা।

06 Mar 2024, 07:47 PM

Image

১৬৬ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে বেশি দূর যেতে দিল না বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিংয়ে সফরকারীদের ১৬৫ রানে থামাল তারা।

টি-টোয়েন্টিতে ১৬০ বা এর বেশি রান তাড়ায় বাংলাদেশের জয় পাঁচটি। এর দুটিই শ্রীলঙ্কার বিপক্ষে।

আগের ম্যাচের মতো এবারও টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কার পাঁচ ব্যাটসম্যান ২০ বা তার বেশি করলেও চল্লিশের আগেই থামেন সবাই।

শুরুতে আভিশকা ফার্নান্দোকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। এরপর চাপ সামলে ঝড় তোলেন কুসাল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস।

তবে দুজনের কেউই ইনিংস বড় করতে পারেননি। কুসাল ২২ বলে ৩৬ ও কামিন্দু ২৭ বলে ৩৭ রান করে ফেরেন। এরপর ভালো শুরু পান চারিথ আসালাঙ্কাও। স্রেফ ১৪ বলে ২৮ রান করে ফেরেন তিনি।

শেষ দিকে চেষ্টা করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। দাসুন শানাকার সঙ্গে অবিচ্ছিন্ন জুটিতে ৩৭ বলে যোগ করেন ৫৩ রান। ২১ বলে ৩২ রান করেন ম্যাথিউস। শানাকা ২০ রান করতে খেলেন ১৮ বল।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৫/৫ (আভিশকা ০, কুসাল ৩৬, কামিন্দু ৩৭, সামারাউইক্রামা ৭, আসালাঙ্কা ২৮, ম্যাথিউস ৩২*, শানাকা ২০*; শরিফুল ৪-১-২০-০, তাসকিন ৪-০-৩৮-১, মেহেদি ৪-০-৩৯-১, মুস্তাফিজ ৪-০-৪২-১*, রিশাদ ৩-০-২১-০, সৌম্য ১-০-৫-১)

06 Mar 2024, 08:05 PM

লিটন-সৌম্যর ইতিবাচক শুরু

রান তাড়ায় আত্মবিশ্বাসী শুরু করলেন লিটন কুমার দাস ও সৌম্য সরকার। প্রথম তিন ওভারের প্রতিটিতেই দুটি করে বাউন্ডারি মেরেছেন তারা দুজন।

৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২৮ রান। দুই ওপেনারই অপরাজিত ৯ বলে ১৪ রানে৷ দুজনই মেরেছেন ৩টি করে চার।

06 Mar 2024, 08:16 PM

রিভিউ নিয়ে বাঁচলেন সৌম্য

বিনুরা ফার্নান্দোর শর্ট অব লেংথ ডেলিভারি পুল করার চেষ্টায় ব্যর্থ সৌম্য সরকার। বল কুসাল মেন্ডিসের গ্লাভসে যেতেই জোরাল আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। অনিশ্চয়তা থেকে রিভিউ নেয় সৌম্য।

রিপ্লেতে দেখা যায়, বল যখন ব্যাটের পাশ দিয়ে যাচ্ছে তখন স্পাইক আছে আল্ট্রাএজে। কিন্তু থার্ড আম্পায়ার মুকুল বলেন, স্পাইক আসার সময় ব্যাট ও বলের মধ্যে স্পষ্ট দূরত্ব রয়েছে। তাই মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেন তিনি।

থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত মানতে পারছিল না শ্রীলঙ্কা। মাঠের দুই আম্পায়ারের কাছে গিয়ে প্রশ্ন করতে দেখা যায় তাদের। বড় পর্দায় স্পাইক দেখে ড্রেসিং রুমের পথে হাঁটা ধরেছিলেন সৌম্যও৷ পরে সিদ্ধান্ত বদলে যাওয়ায় থামেন তিনি।

৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৩৭ রান। সৌম্য ১৫ বলে ২২ ও লিটন ৯ বলে ১৪ রানে অপরাজিত।

06 Mar 2024, 08:29 PM

Image

উদ্বোধনী জুটির পঞ্চাশ, পাওয়ার প্লেতে ৬৩

লিটন দাস ও সৌম্য সরকারের জুটিতে উড়ন্ত সূচনা পেল বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্যে পাওয়ার প্লের ৬ ওভারে স্বাগতিকরা কোনো উইকেট না হারিয়ে করল ৬৩ রান।

ষষ্ঠ ওভারে দিলশান মাদুশাঙ্কার বলে পুল শটে ইনিংসের প্রথম ছক্কা মারেন লিটন দাস। পরের বলে মারেন বাউন্ডারি। ওই ওভার থেকে আসে ১৭ রান।

ওভারের শেষ বলে লেগ বিফোরের আবেদনে রিভিউ নেয় শ্রীলঙ্কা। কিন্তু কাজ হয়নি। উল্টো লেগ বাই থেকে ৪ রান পায় বাংলাদেশ।

লিটন ১৭ বলে ৩১ ও সৌম্য ১৯ বলে ২৫ রানে অপরাজিত।

06 Mar 2024, 08:34 PM

সৌম্যকে ফেরালেন পাথিরানা

বিতর্কিত রিভিউয়ে বেঁচে যাওয়ার পর বেশিক্ষণ টিকতে পারলেন না সৌম্য সরকার। বোলিংয়ে এসেই তাকে ফেরালেন মাথিশানা পাথিরানা।

শর্ট ডেলিভারি পুল করার চেষ্টায় টাইমিং করতে পারেননি সৌম্য। মিড উইকেটে সহজ ক্যাচ নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৫ চারে ২২ বলে ২৬ করে ফিরলেন সৌম্য।

ক্রিজে নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। লিটন কুমার দাস অপরাজিত ১৯ বলে ৩৩ রানে। ৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৭০ রান।

06 Mar 2024, 08:45 PM

পাথিরানার বাউন্সারে লিটনেরও বিদায়

পরপর দুই ওভারে বাংলাদেশের দুই ওপেনারকে ফেরালেন মাথিশা পাথিরানা। শর্ট ডেলিভারি পুল করার চেষ্টায় ঠিকঠাক খেলতে পারেননি লিটন কুমার দাস। ব্যাটের ওপরের দিকে লেগে তিনি স্কয়ার লেগে ধরা পড়েন।

৫ চার ও ১ ছক্কায় ২৪ বলে ৩৬ রান করে ফিরেছেন লিটন। চার নম্বরে নেমেছেন তাওহিদ হৃদয়। ৮ বলে ১০ রানে খেলছেন নাজমুল হোসেন শান্ত।

৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৩ রান। ১১ ওভারে করতে হবে আরও ৮৩ রান।

06 Mar 2024, 08:56 PM

দ্বাদশ ওভারে বাংলাদেশের একশ

ধীরে ধীরে জয়ের সঙ্গে সঙ্গে ব্যবধান কমাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে তারা পূর্ণ করেছে দলীয় একশ রান।

১২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৫ রান। বাকি থাকা ৮ ওভারে জয়ের জন্য প্রয়োজন ৬১ রান।

নাজমুল হোসেন শান্ত ১৯ বলে ২০ ও তাওহিদ হৃদয় ৭ বলে ৮ রানে খেলছেন।

06 Mar 2024, 09:18 PM

শান্ত-হৃদয়ের জুটির পঞ্চাশ

দলকে জয়ের পথে এগিয়ে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। রানের চাহিদা খুব বেশি না থাকায় রয়েসয়ে খেলছেন দুজন। এরই মধ্যে পূর্ণ হয়েছে তাদের তৃতীয় উইকেট জুটির পঞ্চাশ রান।

ভালো শুরুর পর তিন ওভারের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর পঞ্চাশ রানের জুটি গড়তে ৩৬ বল খেলেছেন শান্ত ও হৃদয়।

১৫.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৩৭ রান। ২৬ বলে করতে হবে আরও ২৯ রান।

শান্ত ২৯ বলে ৩২ ও হৃদয় ১৯ বলে ২২ রানে খেলছেন।

06 Mar 2024, 09:36 PM

শান্তর ফিফটিতে সমতা ফেরাল বাংলাদেশ 

দাসুন শানাকার পায়ের ওপর করা ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কায় ওড়ালেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ পৌঁছে গেল জয়ের বন্দরে আর অধিনায়ক পেলেন ক্যারিয়ারের চতুর্থ পঞ্চাশের দেখা।

১৬৬ রানের লক্ষ্য তাড়ায় স্রেফ ২ উইকেট হারিয়ে ১১ বল আগেই ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে পরে ব্যাটিং করে এটিই সবচেয়ে বড় জয়।

অনায়াস এই জয়ে তিন ম্যাচ সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ। আগামী শনিবার সিরিজ নির্ধারণী ম্যাচে লড়বে দুই দল।

রান তাড়ায় দলকে দারুণ শুরু এনে দেন সৌম্য সরকার ও লিটন কুমার দাস। পাওয়ার প্লেতে বাংলাদেশ করে ৬৩ রান। সৌম্য ২২ বলে ২৬ ও লিটন ২৪ বলে ৩৬ রান করে ড্রেসিং রুমে ফেরেন।

এরপর আর উইকেট পড়তে দেননি শান্ত ও তাওহিদ হৃদয়। অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটিতে দলকে জেতান তারা। ১০ ইনিংস পর পঞ্চাশ করা শান্ত অপরাজিত থাকেন ৩৮ বলে ৫৩ রান। হৃদয়ের ব্যাট থেকে আসে ২৫ বলে ৩২ রান।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৫/৫ (আভিশকা ০, কুসাল ৩৬, কামিন্দু ৩৭, সামারাউইক্রামা ৭, আসালাঙ্কা ২৮, ম্যাথিউস ৩২*, শানাকা ২০*; শরিফুল ৪-১-২০-০, তাসকিন ৪-০-৩৮-১, মেহেদি ৪-০-৩৯-১, মুস্তাফিজ ৪-০-৪২-১*, রিশাদ ৩-০-২১-০, সৌম্য ১-০-৫-১)

বাংলাদেশ: ১৮.১ ওভারে ১৭০/২ (লিটন ৩৬, সৌম্য ২৬, শান্ত ৫৩*, হৃদয় ৩২*; ম্যাথিউস ২.২-০-২২-০, মাদুশাঙ্কা ৪-০-৩৪-০, ফার্নান্দো ৩-০-২২-০, থিকশানা ৪-০-৩৫-০, পাথিরানা ৩.৪-০-২৮-২, শানাকা ১.১-০-১৯-০)

ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী