২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

11 Jul 2023, 02:04 PM

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ২৩.৩ ওভারে ১৩০/৩ (আফগানিস্তান ১২৬)

11 Jul 2023, 01:39 PM

হোয়াইটওয়াশ করা ও এড়ানোর অভিযান

আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার সিরিজ হারের পর বাংলাদেশের সামনে এখন চ্যালেঞ্জ আরেকটি তেতো স্বাদ এড়ানোর। গত ৯ বছরে দেশের মাঠে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হয়নি বাংলাদেশ। লিটন দাস, সাকিব আল হাসানদের এখন সেই ধারাবাহিকতা ধরে রাখার লড়াই। 

সবশেষ ২০১৪ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। 

বাংলাদেশের জন্য যা শঙ্কার, আফগানিস্তানের জন্য সেটিই সম্ভাবনার। প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ের পর এখন ৩-০তে জয়ের সিরিজ জয়ের হাতছানি তাদের সামনে। 

এই ম্যাচ জিততে পারলে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের বাইরে প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে আফগানিস্তান।

11 Jul 2023, 01:37 PM

শঙ্কার নাম আফগান স্পিন

সিরিজ শুরুর আগে যা ছিল শঙ্কা, প্রথম দুই ম্যাচে সেটিই ছিল বাস্তবতা। আফগান স্পিনত্রয়ীর সামনে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ছিল অসহায়। রশিদ খান ও মুজিব উর রহমানকে হাত থেকে পড়তে পারেনি বেশির ভাগ ব্যাটসম্যান। তাদের ডেলিভারি ‘অফ দা পিচ’ বোঝাও অনেক ব্যাটসম্যানের জন্য হয়ে উঠেছে দুঃসাধ্য। এমনকি মোহাম্মদ নবির অফ স্পিনও সমস্যায় ফেলেছে বাংলাদেশকে। 

বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস অবশ্য এতে বিচলিত নন। তার মতে, বিশ্বের সব দেশের ব্যাটসম্যানকেই সমস্যায় পড়তে হয় আফগান স্পিন সামলাতে। সহসা কোনো সমাধানও দেখছেন না পোথাস। তাই তৃতীয় ম্যাচকে ঘিরেও আশার জোর কম।

11 Jul 2023, 01:40 PM

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

Image

কয়েন ছুড়লেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। 

আগের ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছিল আফগানিস্তান। এবার টস জিতে তারা বেছে নিলেন ব্যাটিং।

এই ম্যাচের উইকেট অবশ্য ভিন্ন। আগে ব্যাটিংয়ের কারণ ব্যাখ্যা করলেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি।

“উইকেট আগের চেয়ে শুষ্ক  মনে হচ্ছে। ব্যাটিংয়ের জন্য ভালো হবে। এছাড়াও এখানে উইকেটের আচরণ দ্বিতীয় ইনিংসে অনেকটা বদলে যায়। এজন্যই আমরা আগে ব্যাট করছি।”

বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস জানালেন, আগে ব্যাটিং করত চেয়েছিলেন তারাও। তবে বোলিংয়েও তাদের আপত্তি নেই।

11 Jul 2023, 01:47 PM

দুই পেসার, তিন স্পিনারের বাংলাদেশের

বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন অবধারিতই ছিল। আগের ম্যাচে চোটের কারণে বোলিং শেষ করতে না পারা পেসার ছিটকে গেছেন অন্তত দুই সপ্তাহের জন্য। তার জায়গায় একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ।

আগের ম্যাচের অন্য দুই পেসার মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদকেও এই ম্যাচে বাইরে রেখেছে দল। একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম। দুজনেরই সবশেষ ওয়ানডে ছিল গত মে মাসে ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে।

বাংলাদেশের বোলিং আক্রমণে এই ম্যাচে তাই পেসার দুইজন, স্পিনার তিনজন।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম।

11 Jul 2023, 01:47 PM

দুই অভিষিক্তকে নিয়ে আফগানিস্তান

আফগানিস্তান বিশ্রামে রেখেছে দলের সেরা বোলার রশিদ খানকে। এছাড়াও বাদ পড়েছেন এই সিরিজেই অভিষিক্ত পেসার মোহাম্মদ সালিম সাফি। তাদের পরিবর্তে অভিষেক হচ্ছে জিয়া-উর-রহমানও আব্দুল রহমান রাহমানির।

জিয়াকে নিয়ে সিরিজ শুরুর আগেই বেশ আশার কথা বলেছিলেন আফগান অধিনায়ক শাহিদি। ২৫ বছর বয়সী বাঁহাতি স্পিনার ৩৭টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে শিকার করেছেন ৬৮ উইকেট। বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলেও ছিলেন তিনি।

২১ বছর বয়সী পেসার রহমান ১১ লিস্ট ‘এ’ ম্যাচ খেলে নিয়েছেন ১১ উইকেট।

আফগানিস্তানের একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হামশতউল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমারজাই, জিয়া-উর-রহমান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আব্দুল রহমান রহমানি।

11 Jul 2023, 01:53 PM

আফগানদের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ’

প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজ জয়ের কাজ সেরে ফেলেছে আফগানিস্তান। তবে এতেই তৃপ্ত নন তারা। অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি টসের সময় বললেন, “আমি দলকে বলেছি, তিন ম্যাচের মধ্যে এই ম্যাচটিই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। নিজেদের সেরাটা দিতে হবে আমাদের এবং জিতে শেষ করতে হবে সিরিজ।”

বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসের চাওয়া, আগের হতাশা পেছনে ফেলে নতুনভাবে শুরু করুক তার দল।

“নতুন দিন, নতুন চ্যালেঞ্জ। আমাদেরকে অবশ্যই সঠিক জায়গায় বল রাখতে হবে। ব্যাটিংয়েও শুরুটা ভালো করতে হবে। কারণ, পাওয়ার প্লেতে উইকেট হারিয়ে ফেললে ওদের স্পিনার সামনে কাজটা কঠিন হয়ে পড়ে।

11 Jul 2023, 02:00 PM

প্রথম ম্যাচের উইকেটে খেলা

পিচ রিপোর্টে ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার আতহার আলি খান জানালেন, প্রথম ম্যাচের উইকেটেই হচ্ছে তৃতীয় ম্যাচটি। উইকেটে ঘাস থাকলেও তাতে সবুজ ও বাদামী ঘাসের মিশ্রণ আছে। তার মতে, আগে ব্যাটিং করাই উপযুক্ত সিদ্ধান্ত।

11 Jul 2023, 02:17 PM

নতুন বলে শরিফুল-তাসকিন

বাংলাদেশের হয়ে বোলিং শুরু করেছেন শরিফুল ইসলাম। বেশ আঁটসাঁট বোলিং করেছেন তিনি প্রথম ওভারে। স্রেফ ওয়াইড থেকে এসেছে একটি রান। আরেক প্রান্তে নতুন বল হাতে নিয়েছেন তাসকিন আহমেদ। বিশ্রাম কাটিয়ে একাদশে ফেরা অভিজ্ঞ পেসার শুরু করেন ওয়াইড দিয়ে। ওভারের পঞ্চম বলে ইব্রাহিম জাদরানের পুল শটে স্কয়ার লেগ সীমানায় দুর্দান্ত ডাইভে বাউন্ডারি থামান সাকিব আল হাসান।

11 Jul 2023, 02:20 PM

শুরুতেই সাফল্য

Image

শুরুতেই সাফল‍্য এনে দিলেন শরিফুল ইসলাম। 

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইব্রাহিম জাদরান এবার ফিরে গেলেন ৬ বলে ১ রান করে। সেই ম্যাচে ২৫৬ রান যোগ করা গড়া উদ্বোধনী জুটি এবার ভেঙে গেল ৩ রানেই।

বোলারের কৃতিত্বের চেয়ে এখানে অবশ্য ব্যাটসম্যানের ভুলই বেশি। অফ স্টাম্পের বাইরে পিচ করা বল আরও বেরিয়ে যাচ্ছিল। ছেড়ে দেওয়া যেত অনায়াসেই। কিন্তু ইব্রাহিম পা বাড়িয়ে বলের কাছে যেতে না পারলেও ব্যাট পেতে দেন আলতো করে। কানা ছুঁয়ে বল যায় কিপার মুশফিকুর রহিমের গ্লাভসে।

২.১ ওভারে আফগানিস্তানের রান ১ উইকেটে ৩। সিরিজে প্রথমবার নতুন বলে দ্রুত সাফল্য পেল বাংলাদেশ।

গত মাসে মিরপুর টেস্টে ইব্রাহিমকে দুই ইনিংসেই আউট করার পর এখানও তাকে ফেরালেন শরিফুল।

11 Jul 2023, 02:24 PM

একটুর জন্য

রহমত শাহ আউট হতে হতেও বেঁচে গেলেন অল্পের জন্য। শরিফুল ইসলামের শর্ট বল পুল করতে গিয়ে ঠিক পজিশনে যেতে পারেননি তিনি। বল তার ব্যাটের ওপরের কানায় লেগে উড়ে যায় পয়েন্ট ও গালির মাঝামাঝি। পয়েন্ট থেকে ছুটে যান মিরাজ। শেষ মুহূর্তে ফুল লেংথ ডাইভ দিয়ে চেষ্টা করেন বাঁহাতে ক্যাচ নিতে। কিন্তু একটুর জন্য পাননি বলের নাগাল।

11 Jul 2023, 02:24 PM

শরিফুলের আরেকটি

Image

রহমত শাহকে বেশিক্ষণ টিকতে দিলেন না শরিফুল ইসলাম। 

অল্পের জন্য রক্ষা পাওয়ার পরের বলেই বিদায় নিলেন রহমত শাহ। শরিফুল ইসলাম দেখা পেলেন ওভারের দ্বিতীয় শিকারের।

শুরু থেকেই অস্বস্তিতে থাকা রহমত শাহ এই বলটিও ঠিকঠাক খেলতে পারেননি। শর্ট অব লেংথ বলটি পিচ করে বাড়তি একটু লাফিয়ে বেরিয়ে যাচ্ছিল অফ স্টাম্পের বাইরে দিয়ে। রহমত একদম পজিশনেই যেতে পারেননি। ব্যাটের কানায় লেগে বল আবার কিপার মুশফিকের গ্লাভসে।

৪ বলে রান না করে ফিরলেন রহমত। আফগানিস্তানের রান ২ উইকেটে ৩।

নতুন ব্যাটসম্যান আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি।

11 Jul 2023, 02:32 PM

আরেকটি সুযোগ

শরিফুল ইসলামের তৃতীয় ওভারের প্রথম বলে আবার একটি সুযোগ আসে। শর্ট বলে পুল করতে গিয়ে ঠিকভাবে খেলতে পারেননি রহমানউল্লাহ গুরবাজ। ব্যাটের ওপরের দিকে লেগে বলও বেশ কিছুক্ষণ ভেসে থাকে থাকে ওপরে। কিন্তু মিড অন থেকে লিটন কুমার দাস ও শর্ট মিড উইকেট থেকে মোহাম্মদ নাঈম শেক ছুটে গেলেও কেউই সময়মতো বলের কাছে যেতে পারেননি।

৫ ওভার শেষে আফগানদের রান ২ উইকেটে ১৪। এখনও পর্যন্ত একমাত্র বাউন্ডারি এসেছে চতুর্থ ওভারে তাসকিনের বলে গুরবাজের পুল শটে।

11 Jul 2023, 02:41 PM

এবার বিদায় গুরবাজের

Image

আগের ম‍্যাচের সেঞ্চুরিয়ান রহমানউল্লাহ গুরবাজকে দ্রুত ফিরিয়ে দিলেন তাসকিন আহমেদ।

ইব্রাহিম জাদরানের পর আগের ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান রহমানউল্লাহ গুরবাজকেও দ্রুত ফেরাতে পারল বাংলাদেশ। সেদিন ১৪৫ রান করে ম্যাচ সেরা হওয়া ওপেনার এবার ফিরলেন ২২ বলে স্রেফ ৬ রান করে।

শুরু থেকেই এ দিন লেংথ বল ও ফুল লেংথের সঙ্গে শর্ট বলে মিশিয়ে দেওয়ার কৌশল নিয়েছে বাংলাদেশ। তাতেই ধরা দিল সাফল্য। তাসকিনের বাউন্সারে পুল করার চেষ্টা করেন গুরবাজ, কিন্তু অফ স্টাম্পের বাইরের বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি একটুও। ব্যাটের কানায় লেগে বল যায় পেছনে। কিপার মুশফিক অনেকটা লাফিয়ে দুর্দান্ত ক্যাচ নেন।

তিন উইকেটের প্রতিটিতেই ক্যাচ নিলেন মুশফিক। ৫.৫ ওভারে আফগানদের রান ৩ উইকেটে ১৪।

হাশমতউল্লাহ শাহিদির সঙ্গে উইকেটে যোগ দিলেন অভিজ্ঞ মোহাম্মদ নবি।

11 Jul 2023, 02:56 PM

শরিফুলের তৃতীয়

এবার মোহাম্মদ নবিকেও টিকতে দিলেন না শরিফুল ইসলাম। দুর্দান্ত স্পেল করতে থাকা বাঁহাতি পেসার পেলেন তৃতীয় শিকারের দেখা।

এই উইকেটও দারুণ পরিকল্পনার ফসল। অ্যাঙ্গেল পরিবর্তন করে রাউন্ড দা উইকেটে এসে প্রথম বলেই শরিফুল পান সাফল্য। অফ স্টাম্পের বাইরে পিচ করা ডেলিভারি অনেকটা ভেতরে ঢোকে অ্যাঙ্গেলে। ফ্লিক করতে গিয়ে লাইন মিস করেন নবি। বল ছোবল দেয় প্যাডে।

আম্পায়ার আঙুল তুলে দেন সরাসরি। উইকেটে সঙ্গীর সঙ্গে আলোচনা করে রিভিউ নেন নবি। কিন্তু রক্ষা পাননি। উল্টো হারাতে হয় রিভিউ।

৯ বলে ১ রান করে আউট নবি। আফগানদের রান ৮.৪ ওভারে ৪ উইকেটে ১৫।

নতুন ব্যাটসম্যান নাজিবউল্লাহ জাদরান।

ওভার শেষে শরিফুলের বোলিং বিশ্লেষণ : ৫-১-৮-৩।

11 Jul 2023, 03:06 PM

বাংলাদেশের পাওয়ার প্লে

সিরিজে প্রথমবার পাওয়ার প্লেতে বোলিংয়ে দাপট দেখাতে পারল বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানিস্তানের রান ৪ উইকেটে ২১।

১০ ওভারে বাউন্ডারি এসেছে কেবল ২টি। কোনো ব্যাটসম্যান এখনও দুঅঙ্ক ছুঁতে পারেননি।

দুই পেসারই করেছেন ১০ ওভার। বোলিং ফিগার: শরিফুল ৫-১-৮-৩, তাসকিন ৫-১-১৩-১।

প্রথম রানের দেখা পেতে ১৫ বল লেগেছে শাহিদির। তিনি খেলছেন ১৭ বলে ৪ রান নিয়ে। নাজিবউল্লাহর রান ২ বলে ২।

11 Jul 2023, 03:28 PM

এবারের শিকারি সাকিব

দুই পেসারের পর বাংলাদেশ স্পিন দিয়েও বেশ চেপে ধরেছে আফগানিস্তানকে। সেই পথ ধরেই ধরা দিয়েছে পঞ্চম উইকেট।

সাকিব আল হাসানকে বারবার সুইপ করার চেষ্টা করছিলেন নাজিবউল্লাহ জাদরান। অ্যাঙ্গেল বদলে রাউন্ড দা উইকেটে এসে বাঁহাতি ব‍্যাটসম‍্যানকে পরাস্ত করেন সাকিব। বলটি একটু টেনে করেন অভিজ্ঞ স্পিনার, ড্রিফটের সঙ্গে বল ঢোকে একটু ভেতরে। সুইপ করতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি নাজিবউল্লাহ। এলবিডব্লিউর আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার।

নাজিবউল্লাহ রিভিউ নেন। কিন্তু বল লাগছিল অফ-মিডল স্টাম্পে। আফগানিস্তান হারাল দুটি রিভিউই।

বিপজ্জনক নাজিবউল্লাহ ফিরলেন ২২ বলে ১০ করে। আফগানিস্তান ১৫.৫ ওভারে ৫ উইকেটে ৩২।

নতুন ব্যাটসম্যান আজমতউল্লাহ ওমারজাই।

11 Jul 2023, 03:49 PM

আত্মঘাতী শাহিদি

চরম বিপর্যয়ের মধ্যে একটা প্রান্ত আগলে লড়াই করার চেষ্টা করছিলেন হাশমতউল্লাহ শাহিদি। কিন্তু আফগান অধিনায়ক শেষ পর্যন্ত উইকেট ছুড়ে দিলেন দায়িত্বজ্ঞানহীন শটে।

তাইজুল ইসলামের বলে আগে থেকেই রিভার্স সুইপ করবেন বলে হয়তো ঠিক করেছিলেন শাহিদি। পজিশনেও চলে যান আগেই। কিন্তু বল পাননি নাগালে। শেষ মুহূর্তে বদলাতেও পারেননি পজিশন, রিভার্স সুইপই করার চেষ্টা করেন। বল আঘাত করে স্টাম্পে।

৫৪ বলে ২২ রানে আউট শাহিদি। আফগানদের রান ২১.৩ ওভারে ৬ উইকেটে ৫৩।

আজমতউল্লাহ ওমারজাইয়ের সঙ্গে ক্রিজে যোগ দিলেন অভিষিক্ত আব্দূর রহমান রহমানি। মূলত পেসার হলেও ঘরোয়া ক্রিকেটে রহমানের ব্যাট হাতেও দক্ষতা দেখিয়েছেন আগ্রাসী ব্যাটিংয়ে।

11 Jul 2023, 04:10 PM

শরিফুলের চতুর্থ

যে চাওয়া নিয়ে শরিফুল ইসলামকে দ্বিতীয় স্পেলে ফেরান অধিনায়ক, তা পূরণ করলেন বাঁহাতি এই স্পিনার। দলকে এনে দিলেন আরও একটি উইকেট।

এই উইকেটও শর্ট ডেলিভারিতে। শরীর তাক করে আসা বাউন্সারে পুল করেন আব্দুল রহমান রহমানি। কিন্তু টাইমিং করতে পারেননি তিনি, বল রাখতে পারেননি নিচেও। ডিপ ফাইন লেগে কিছুটা দৌড়ে ক্যাচ নেন তাইজুল ইসলাম।

১৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে শরিফুল ম্যাচে চার উইকেট নিলেন তৃতীয়বার।

রহমানের অভিষেক ইনিংস শেষ ২০  বলে ৪ রান করে। আফগানিস্তানের রান ২৬.৩ ওভারে ৭ উইকেটে ৬৮।

নতুন ব্যাটসম্যান আরেক অভিষিক্ত জিয়া-উর-রহমান আকবর।

11 Jul 2023, 04:49 PM

তাইজুলের আরেকটি

আফগানিস্তান ইনিংসে প্রথমবার একটি জুটি পঞ্চাশ বল খেলতে পারল। তবে এই জুটিও এরপর লম্বা হলো না খুব একটা। অভিষিক্ত জিয়া-উর-রেহমানকে ফিরিয়ে জুটি ভাঙলেন তাইজুল ইসলাম।

তাইজুলের ঝুলিয়ে দেওয়া ডেলিভারি পিচ করে সোজা এগোতে থাকে। টার্ন করবে ভেবে জায়গা বানিয়ে খেলার চেষ্টা করতে গিয়ে লাইন মিস করে জিয়া। বল লাগে অফ স্টাম্পে।

অভিষিক্ত জিয়া আউট হলেন ৩০ বলে ৫ রান করে। আজমতউল্লাহ ওমারজাইয়ের সঙ্গে তার জুটি ২১ রানের, যৌথভাবে ইনিংসের সর্বোচ্চ জুটি এটি।

আফগানিস্তানের রান ৩৫.২ ওভারে ৮ উইকেটে ৮৯।

৩২ রান করা ওমারজাইয়ের সঙ্গে উইকেটে এখন মুজিব উর রহমান।

11 Jul 2023, 04:50 PM

অবশেষে একশ

তাইজুল ইসলামের ওভারে আজমতউল্লাহ ওমারজাইয়ের ছক্কা ও মুজিব উর রহমানের বাউন্ডারিতে আফগানিস্তানের রান স্পর্শ করল শতরানের সীমানা।

৩৭.৪ ওভারে এলো আফগানদের একশ।

11 Jul 2023, 04:58 PM

আঁটসাঁট সাকিব

দুর্দান্ত এক স্পেল শেষ করলেন সাকিব আল হাসান। তার বোলিং ফিগার: ১০-১-১৩-১।

ওয়ানডেতে পুরো ১০ ওভার বল করে এর চেয়ে কম রান দেওয়ার নজির আছে কেবল একটিই এবং সেটিও সাকিবের। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে ১০ ওভারে দিয়েছিলেন তিনি ১১ রান।

১০ ওভারে ১৩ রান দিয়েছিলেন তিনি আগে আরেকবার, ২০০৬ সালে চট্টগ্রামে স্কটল্যান্ডের বিপক্ষে।

এই ম্যাচে ১ উইকেট নিয়ে সাকিব এখন যৌথভাবে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সফলতম বাঁহাতি স্পিনার। তার উইকেট এখন ড্যানিয়েল ভেটোরির সমনি, ৩০৫টি। ভেটোরির ক্যারিয়ার ২৯৫ ম্যাচের, সাকিব তাকে স্পর্শ করলেন ৬০ ম্যাচ কম খেলেই।

৩২৩ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনে সবার ওপরে সনাৎ জয়াসুরিয়া।

11 Jul 2023, 05:12 PM

ওমারজাইয়ের ফিফটি

যার হাত ধরে শতরান পেরিয়েছে আফগানিস্তান, সেই আজমতউল্লাহ ওমারজাই পেলে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ফিফটির স্বাদ। ৬৭ বলে এসেছে তার পঞ্চাশ।

১২ ওয়ানডে ও ২২ টি-টোয়েন্টি খেলে প্রথম পঞ্চাশের দেখা পেলেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার পঞ্চম ফিফটি।

11 Jul 2023, 05:15 PM

মাঠ ছাড়লেন শরিফুল

১০ ওভার শেষ না করতেই মাঠ ছাড়তে হলো শরিফুল ইসলামকে। আপাতদৃষ্টিতে পায়ে ক্র্যাম্প করেছে বলেই মনে হলো। মাঠ ছাড়লেন তিনি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে। আজকে বাংলাদেশের বোলিং নায়ক তিনি। বোলিং ফিগার এখনও পর্যন্ত ৯-১-২১-৪।

11 Jul 2023, 05:19 PM

মিরাজের প্রথম

আজমতউল্লাহ ওমারজাইয়ের ব্যাটে ছক্কা ও মুজিব উর রহমানের কাছে চার হজমের পর ওই ওভারেই মেহেদী হাসান মিরাজ পেলেন উইকেট। মুজিবকে ফিরিয়ে তিনি পেলেন ম্যাচে প্রথম উইকেট।

স্লগ করে একটি বাউন্ডারি মারার দুই বল পরে আরেকবার স্লগ করেন মুজিব। এবার টাইমিং ঠিকঠাক করতে পারেননি। মিড উইকেট সীমানায় ক্যাচ নেন আফিফ হোসেন।

৩৪ বলে ১১ রান করে আউট হলেন মুজিব। আফগানিস্তানের রান ৯ উইকেটে ১২৫।

11 Jul 2023, 05:24 PM

ইনিংসের সমাপ্তি

মূল বাধা হয়ে থাকা আজমতউল্লাহ ওমারজাইকে ফিরিয়েই শেষ পর্যন্ত আফগানিস্তানের ইনিংস শেষ করে দিলেন তাসকিন আহমেদ। টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানরা গুটিয়ে গেল ৪৫.২ ওভারে ১২৬ রান করে।

তাসকিনের স্লোয়ার উড়িয়ে মারার চেষ্টায় টাইমিং করতে পারেননি ওমারজাই। লং অফে ক্যাচ নেন মোহাম্মদ নাঈম শেখ।

ওমারইজাইয়ের প্রথম ফিফটির ইনিংস শেষ ৭১ বলে ৬৫ রানে।

11 Jul 2023, 05:31 PM

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য ১২৭

যে উইকেটে প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং, সেই উইকেটেই এবার আফগানিস্তানকে চেপে ধরল বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানদের ইনিংস শেষ ১২৬ রানেই।

এই ম্যাচে পেসার একজন কম নিয়ে একাদশ সাজালেও মূল কাজ করে দেন পেসাররাই। বিশেষ করে শরিফুল ইসলাম। নতুন বলে দারুণ স্পলে ৩ উইকেট নেন তিনি। পরে মাঠ ছাড়েন তিনি ২১ রানে ৪ উইকেট নিয়ে, তার ক্যারিয়ার সেরা বোলিং। আরেক পেসার তাসকিন আহমেদ নতুন বলে উইকেট নেন একটি, পুরোনো বলে একটি।

তাদের সঙ্গ দেন স্পিনাররা। সাকিব আল হাসান ছিলেন দুর্বোধ্য। ১০ ওভারের স্পেলে স্রেফ ১৩ রান দেন তিনি।

একসময় আফগানিস্তান শঙ্কায় ছিল একশর নিচে গুটিয়ে যাওয়ার। ৩২ রানে ৫ উইকেট পড়ার পর ক্রিজে গিয়ে ফিফটি করেন আজমতউল্লাহ ওমারজাই। ৬৮ রানে ৭ উইকেট হারানো দল ১২৬ পর্যন্ত যেতে পারে তার সৌজন্যেই।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ৪৫.২ ওভারে ১২৬ (গুরবাজ ৬, ইব্রাহিম ১, রহমত ০, শাহিদি ২২, নবি ১, নাজিবউল্লাহ ১০, ওমারজাই ৫৬, রহমান ৪, জিয়া ৫, মুজিব ১১, ফারুকি ০*; শরিফুল ৯-১-২১-৪, তাসকিন ৮.২-১-২৩-২, মিরাজ ৯-১-৩৫-১, সাকিব ১০-১-১৩-১, তাইজুল ৯-০-৩৩-২)।

11 Jul 2023, 06:06 PM

শুরুতেই শেষ নাঈম

রান তাড়ায় কোনো চাপ নেই, মোহাম্মদ নাঈম শেখ তবু চেনা চেহারায়ই। বরাবরের মতোই আউট হলেন শরীর থেকে দূরে শট খেলে।

ফজলহক ফারুকির বলটি অফ স্টাম্পের বাইরে পিচ করে আরেকটু বেরিয়ে যাচ্ছিল বাঁহাতি ওপেনারের জন্য। বলের পিছে যাওয়া বহুদূর, নাঈমের পা এগোয়টি একটুও। জায়গায় দাঁড়িয়েই ব্যাট চালিয়ে দেন তিনি। ব্যাটের কানায় লেগে বল আসে স্টাম্পে।

আগের ম্যাচেও ফারুকির বল অনেকটা একইভাবে স্টাম্পে টেনে এনেছিলেন নাঈম। সেদিন ৯ রান করতে পেরেছিলেন তিনি, এবার রানের দেখাই পাননি ৮ বল খেলে।

বাংলাদেশে রান ২.২ ওভারে ১ উইকেটে ২।

লিটন দাসের সঙ্গে নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।

11 Jul 2023, 06:28 PM

টিকলেন না শান্ত

মন্থর শুরুর পর রান বাড়ানোর একটু তাড়া দেখা গিয়েছিল লিটন দাস ও নাজমুল হোমেন শান্তর। কিন্তু সেই চেষ্টা থমকে গেল উইকেটের পতনে। শান্তর সঙ্গে মনস্তাত্ত্বিক লড়াইয়েও জিতলেন ফজলহক ফারুকি।

প্রথম ৬ ওভারে স্রেফ ১৫ রান তোলার পর ফারুকি এই ওভারে পুল শটে ছক্কা মারেন লিটন। এক বল পর পুল শটেই চার মারেন শান্ত। কিন্তু শেষ হাসি ফারুকিরই। অফ-মিডল স্টাম্পে পিচ করা বলটিতে একটু এগিয়ে জায়গা বানিয়ে ড্রাইভ করার চেষ্টা করেন শান্ত। ব্যাটে-বলে করতে পারেননি। এলোমেলো হয়ে যায় স্টাম্প।

একটু আগেই একটি চার মারার পর ফারুকির সঙ্গে খানিকটা কথার লড়াইও হয়ে যায় শান্তর। ফারুকির উদযাপনটাও তাই হয়তো হলো একটু বেশি।

১৫ বলে ১১ রান করে ফিরলেন শান্ত। আগের দুই ম্যাচে করেছিলেন ১২ ও ১।

১২৭ রান তাড়ায় বাংলাদেশের রান ৭ ওভারে ২ উইকেটে ২৮।

11 Jul 2023, 06:40 PM

বাংলাদেশের ফিফটি

দুই উইকেট হারানোর পর কিছুটা গতি ফিরেছে বাংলাদেশের ব্যাটিংয়ে। একাদশ ওভারে দলের রান স্পর্শ করেছে পঞ্চাশ।

১১ ওভার শেষে রান ২ উইকেটে ৫১। লিটন কুমার দাস খেলছেন ২৮ বলে ২২ রান করে, সাকিব আল হাসান ১৫ বলে ১৫।

11 Jul 2023, 06:58 PM

জুটির পঞ্চাশ

Image

দ্রুত ২ উইকেট হারানো বাংলাদেশকে জয়ের কাছে নিয়ে গেলেন সাকিব আল হাসান ও লিটন দাস। 

শুরুর জড়তা কাটিয়ে সাবলীলভাবেই বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন লিটন কুমার দাস ও সাকিব আল হাসান। কেটে গেছে চাপ। তৃতীয় উইকেটের দুজনের জুটির পঞ্চাশ এসেছে বলে।

মূলত সাকিব ক্রিজে যাওয়ার পর ও আফগানদের নতুন বলের দুই বোলার সরে যাওয়ার পর বাড়তে থাকে রানের গতি। জুটিতে সাকিবের অবদান ৩১, লিটনের ১৮।

11 Jul 2023, 07:12 PM

সাকিবের বিদায়

মোহাম্মদ নবির শর্ট ডেলিভারিটি দেখেই বুঝি চকচক করে উঠল সাকিব আল হাসানের চোখ। পুল করার পজিশনে চলে গেলেন দ্রুতই। তবে বলটি ছিল একটু ধীরগতির, বাউন্সও করল না খুব একটা। গায়ের জোরে উড়িয়ে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করলেন সাকিব। বৃত্তের ভেতরই ক্যাচ নিলেন হাশমতউল্লাহ শাহিদি।

৩৯ বলে ৩৯ করে ফিরলেন সাকিব। বাংলাদেশের রান ৩ উইকেটে ৮৯।

নতুন ব্যাটসম্যান তাওহিদ হৃদয়

11 Jul 2023, 07:20 PM

বাংলাদেশের একশ

একটু একটু করে জয়ের পথে এগোচ্ছে বাংলাদেশ। ২০তম ওভারে দলের রান স্পর্শ করেছে ১০০।

11 Jul 2023, 07:32 PM

লিটনের ফিফটি

Image

দায়িত্বশীল ব‍্যাটিংয়ে ফিফটি করলেন লিটন দাস।

মুজিব উর রহমানের বলে পুল শটে বাউন্ডারি মেরে লিটন দাস পা রাখলেন পঞ্চাশে। ৩ চার ও ২ ছক্কায় ৫৭ বলে করলেন তিনি ফিফটি।

সাম্প্রতিক সময়টায় এই সংস্করণে খুব একটা ভালো করতে পারছিলেন না তিনি। এই ইনিংস তাই স্বস্তি হয়েই এলো তার জন্য।

৭২ ওয়ানডেতে তার দশম ফিফটি এটি, শতরান আছে আরও ৫টি।

11 Jul 2023, 07:38 PM

বাংলাদেশের জয়

জিয়া-উর-রেহমানের বলে দুর্দান্ত কাট শটে তাওহিদ হৃদয়ের বাউন্ডারিতে নিশ্চিত হলো বাংলাদেশের জয়। ৭ উইকেটের এই জয়ে হোয়াইটওয়াশ এড়াতে পারল তারা।

সাকিব আল হাসান আউট হওয়ার পর লিটন দাস ও তাওহিদ হৃদয়ের অবিচ্ছিন্ন জুটি দলকে নিয়ে গেল জয়ের ঠিকানায়। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ৪০ রান এলো ৩৮ বলে। বাংলাদেশ জিতে গেল ২৩.৩ ওভারে।

৬০ বলে ৫৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন লিটন, ১৯ বলে ২২ হৃদয়।

11 Jul 2023, 07:41 PM

স্বস্তির জয় বাংলাদেশের

প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ হেরে গেলেও শেষের জয়ে অন্তত হোয়াইটওয়াশ এড়াতে পারল বাংলাদেশ। ৯ বছর ধরে ওয়ানডেতে দেশের মাঠে হোয়াইটওয়াশড না হওয়ার ধারাও অব্যাহত থাকল।

দুর্দান্ত পারফরম্যান্সে বোলাররা গড়ে দেন জয়ের ভিত। নতুন বলে অসাধারণ স্পেল করেন শরিফুল ইসলাম। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২১ রানে শিকার করেন তিনি ৪ উইকেট। আরেক পেসার তাসকিন আহমেদ নেন ২ উইকেট। সঙ্গে তিন স্পিনারের সংযোগে আফগানরা গুটিয়ে যায় ১২৬ রানেই।

রান তাড়ায় শুরুতে মোহাম্মদ নাঈম শেখ ও নাজমুল হোসেন শান্তকে হারালেও জিততে খুব একটা বেগ পেতে হয়নি। সাকিব আল হাসান ও লিটন কুমার দাসের জুটি দলকে এগিয়ে নেয় অনেকটা। সাকিব জয়ের কাছে গিয়ে আউট হলেও জয় সঙ্গে নিয়ে ফেরেন অধিনায়ক লিটন।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ৪৫.২ ওভারে ১২৬ (গুরবাজ ৬, ইব্রাহিম ১, রহমত ০, শাহিদি ২২, নবি ১, নাজিবউল্লাহ ১০, ওমারজাই ৫৬, রহমান ৪, জিয়া ৫, মুজিব ১১, ফারুকি ০*; শরিফুল ৯-১-২১-৪, তাসকিন ৮.২-১-২৩-২, মিরাজ ৯-১-৩৫-১, সাকিব ১০-১-১৩-১, তাইজুল ৯-০-৩৩-২)।

বাংলাদেশ:  ২৩.৩ ওভারে ১২৯/৩ (নাঈম ০, লিটন ৫৩*, শান্ত ১১, সাকিব ৩৯, হৃদয় ২২*,; ফারুকি ৫-১-২৬-২, মুজিব ৭-১-৩৪-০, জিয়া ৩.৩-০-২২-০, ওমারজাই ২-০-১১-০, রহমান ৪-০-২৭-০, নবি ২-০-৭-১)।