২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শঙ্কা ছাপিয়ে বাংলাদেশের নাটকীয় জয়

14 Jul 2023, 05:29 PM

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৯.৫ ওভারে ১৫৭/৮ (আফগানিস্তান ১৫৪/৭)

14 Jul 2023, 05:29 PM

এবার টি-টোয়েন্টিতে আফগান চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারের পর আফগানিস্তানের বিপক্ষে এবার টি-টোয়েন্টির লড়াইয়ে নামছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথমটি।

তুলনামূলক পছন্দের সংস্করণে আফগানদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে কাজটি আরও চ্যালেঞ্জিং। দুই দলের অতীত রেকর্ডও কথা বলে সফরকারীদের পক্ষে।

এখন পর্যন্ত নয়বারের দেখায় ছয়টিতেই জিতেছে আফগানিস্তান। দুই দলের সবশেষ তিন ম্যাচের দুইটিতে জয়ী তারাই। দুই দল দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে দুইটি। ২০১৮ সালে দেরাদুনে ৩-০তে জেতে আফগানরা। গত বছর মিরপুরে ১-১ ড্র হয় সিরিজ।

এবারও যে কঠিন পথ পাড়ি দিতে হবে, তা জানেন সাকিব আল হাসান। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “আমাদের লক্ষ্য অবশ্যই যেন আমরা দুটি ম্যাচই জিততে পারি। যদিও কাজটি খুব একটা সহজ হবে না।”

14 Jul 2023, 05:35 PM

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কয়েন ভাগ্য পাশে পেলেন সাকিব আল হাসান। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক। 

আবহাওয়া ও কন্ডিশনের কথা মাথায় রেখে আফগানিস্তানকে আগে ব্যাট করতে পাঠানোর কথা জানিয়েছেন সাকিব। 

আফগান অধিনায়ক রশিদ খান জানালেন, টস জিতলে তিনিও আগে ফিল্ডিং নিতেন। তবে ব্যাটিং পাওয়ায় এখন দেড়শ রানের বেশি করার লক্ষ্য তার দলের।

14 Jul 2023, 05:42 PM

বাংলাদেশ একাদশে তিন পেসার, তিন স্পিনার

তিন জন করে পেসার ও স্পিনার নিয়ে নিজেদের একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দুই বাঁহাতি সাকিব আল হাসান ও নাসুম আহমেদের সঙ্গে থাকছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। 

পেস বোলিং বিভাগে তাসকিন আহমেদের সঙ্গে নেওয়া হয়েছে দুই বাঁহাতি মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামকে। 

আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচের একাদশ থেকে পরিবর্তন করা হয়েছে দুইটি। ওই ম্যাচের অভিষিক্ত লেগ স্পিনার রিশাদ হোসেনের জায়গায় ফেরানো হয়েছে মিরাজকে। মুস্তাফিজ ফিরেছেন হাসান মাহমুদের জায়গায়। 

ব্যাটিং লাইনআপে কোনো পরিবর্তন আনা হয়নি।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, শামিম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

14 Jul 2023, 05:56 PM

একাদশে জাজাইকে ফেরাল আফগানিস্তান

এক সিরিজ পর স্কোয়াডে ফিরে একাদশেও জায়গা পেলেন হজরতউল্লাহ জাজাই। রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে তাকে দেখা যাবে ইনিংস সূচনা করতে। পাকিস্তান সফরের টি-টোয়েন্টি দলে ছিলেন না বাঁহাতি ওপেনার।

সবশেষ ম্যাচের একাদশ থেকে আফগানিস্তানও এনেছে দুইটি পরিবর্তন। সেদিকুল্লাহ অতলের জায়গায় ফিরেছেন জাজাই। উসমান গনির বদলে নেওয়া হয়েছে আজমতউল্লাহ ওমরজাইকে।   

আফগানিস্তান একাদশ: রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক।

14 Jul 2023, 06:19 PM

অল্পের জন্য পারলেন না রনি

দ্বিতীয় ওভারেই সাফল্যের সম্ভাবনা জাগাল বাংলাদেশ। কিন্তু অল্পের জন্য সেটি রনি তালুকদারের হাত ফসকে বেরিয়ে গেল। শুরুতেই বেঁচে গেলেন রহমানউল্লাহ গুরবাজ।

তাসকিন আহমেদের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি দূর থেকেই অন সাইডে খেলার চেষ্টা করেন গুরবাজ। কিন্তু মুভমেন্টের কারণে টাইমিং করতে পারেননি। বল উঠে যায় এক্সট্রা কভারের দিকে।

কভার পয়েন্ট থেকে পেছন দিকে দৌড়ে দারুণ এক ডাইভে বল দুই হাতে নেন রনি। কিন্তু কনুই মাটিতে লাগার সময় ঝাঁকুনিতে বেরিয়ে যায় হাত থেকে। ফলে বেঁচে যান গুরবাজ। ওভারের শেষ বলে ইনিংসের প্রথম ছক্কা মারেন বিস্ফোরক এই ওপেনার।

14 Jul 2023, 06:19 PM

জাজাইকে ফিরিয়ে নাসুমের ব্রেকথ্রু

ওভারের প্রথম বলে অফ স্টাম্পের বাইরে কিছুটা ঝুলিয়ে দেওয়া ডেলিভারি লং অনে ছক্কা মারলেন হজরতউল্লাহ জাজাই। পরের বলে তাকে ফিরিয়ে প্রতিশোধ নিয়ে নিলেন নাসুম আহমেদ।

প্রথম ডেলিভারির মতোই কিছুটা ঝুলিয়ে স্টাম্পের ওপর করেন নাসুম। এবার মিড উইকেটের দিকে খেলার চেষ্টা করেন জাজাই। কিন্তু ব্যাটের ভেতরের কানায় লেগে বল চলে যায় সোজা স্কয়ার লেগে দাঁড়ানো তাওহিদ হৃদয়ের হাতে। 

১ ছক্কায় ১০ বলে ৮ রান করেছেন জাজাই।

14 Jul 2023, 06:23 PM

গুরবাজকে ফেরালেন তাসকিন

পাওয়ার প্লের ভেতরেই আফগানিস্তানের দুই ওপেনারকে ফেরাল বাংলাদেশ। নাসুম আহমেদের পর ছোবল দিলেন তাসকিন আহমেদ।

চতুর্থ ওভারে তাসকিনের লেগ স্টাম্পের ওপর করা স্লোয়ার ডেলিভারি অন সাইডে বড় শটের চেষ্টা করেন রহমানউল্লাহ গুরবাজ। কিন্তু গতি কম থাকায় যতটা দূরে পাঠাতে চেয়েছিলেন সেটা পারেননি তিনি। ডিপ স্কয়ার লেগে ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ। 

২ চার ও ১ ছক্কায় ১১ বলে ১৬ রান করে ফিরলেন গুরবাজ। উইকেটে দুই ব্যাটসম্যান এখন ইব্রাহিম জাদরান ও করিম জানাত। 

৪ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ২৬ রান।

14 Jul 2023, 06:29 PM

আক্রমণে এসেই শরিফুলের আঘাত

পঞ্চম ওভারে প্রথমবার বল হাতে নিয়েই উইকেট শিকারে যোগ দিলেন শরিফুল ইসলাম। চতুর্থ বলে কট বিহাইন্ড হলেন ইব্রাহিম জাদরান।

পাঁচ ওভারের মধ্যে টপ অর্ডারের ৩ ব‍্যাটসম‍্যানকে ফিরিয়ে উড়ছে বাংলাদেশ।

ওভারের তৃতীয় বলে ব্যাটের বাইরের কানায় লেগে ছক্কা পেয়ে যান ইব্রাহিম। অফ স্টাম্প দিয়ে বেরিয়ে যেতে থাকা পরের ডেলিভারি জায়গায় দাঁড়িয়ে কাট করার চেষ্টা করেন তিনি। বাইরের কানায় লেগে বল জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।

এক ছক্কায় ইব্রাহিম করেছেন ৬ বলে ৮ রান। উইকেটে করিম জানাতের সঙ্গী মোহাম্মদ নবি। 

৫ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৩৭ রান।

14 Jul 2023, 06:32 PM

ইব্রাহিমের বিপক্ষে শরিফুলের পাঁচে পাঁচ

ইব্রাহিম জাদরানকে আউট করার বিশেষ কৌশল হয়তো জানেন শরিফুল ইসলাম। এ নিয়ে পাঁচ বারের দেখায় প্রতিবারই আফগান ব্যাটসম্যানকে ফেরালেন বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসার।

গত বছরের ওয়ানডে সিরিজে প্রথমবার ইব্রাহিমকে আউট করেন শরিফুল। এরপর চলতি সফরের একমাত্র টেস্টের দুই ইনিংসেই তার শিকার ইব্রাহিম। পরে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও দেখা যায় এই ঘটনার পুনরাবৃত্তি। 

এবার টি-টোয়েন্টিতেও অব্যাহত রইল এই ধারা। ইব্রাহিমের ৪৭ ইনিংসের আন্তর্জাতিক ক্যারিয়ারে আর কোনো বোলার তাকে এত বার আউট করতে পারেনি।

14 Jul 2023, 06:36 PM

পাওয়ার প্লেতে ৩ উইকেট পেল বাংলাদেশ

দারুণ বোলিংয়ে পাওয়ার প্লের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে বাংলাদেশ। টপ-অর্ডারের তিন ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ৪০ রান করতে পেরেছে আফগানিস্তান। 

বাঁহাতি স্পিনে প্রথম ওভারে স্রেফ ২ রান দেন নাসুম আহমেদ। তাসকিন আহমেদের করার পরের ওভারের শেষ বলে ইনিংসের প্রথম ছক্কা মারেন রহমানউল্লাহ গুরবাজ।

এরপর বাংলাদেশের বোলারদের ঘুরে দাঁড়ানোর শুরু। হজরতউল্লাহ জাজাইকে ফিরিয়ে প্রথম ব্রেকথ্রু দেন নাসুম। পরের ওভারে তাসকিনের শিকার ঝড়ের আভাস দেওয়া গুরবাজ। 

পঞ্চম ওভারে প্রথমবার আক্রমণে এসেই ইব্রাহিম জাদরানের উইকেট নেন শরিফুল ইসলাম। 

পাওয়ার প্লেতে নিজের ৩ ওভার করে ফেলেছেন তাসকিন। ১ উইকেটের বিনিময়ে তার খরচ ১৬ রান। দুই ওভারে নাসুম দিয়েছেন ১৩ রান।

14 Jul 2023, 06:45 PM

এবার বোলিংয়ে এসেই সাকিবের উইকেট

আফগানিস্তানের ব্যাটসম্যানদের দাঁড়াতেই দিচ্ছে না বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে একের পর এক উইকেট তুলে নিচ্ছে স্বাগতিকরা। পঞ্চাশ পেরোনোর পরপরই চতুর্থ উইকেট হারিয়েছে আফগানরা।

অষ্টম ওভারে প্রথমবার আক্রমণে এসেই সাফল্যের দেখা পেলেন সাকিব আল হাসান। গতি কমিয়ে ঝুলিয়ে দেওয়া ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে অন সাইডে খেলার চেষ্টা করেন করিম জানাত। 

কিন্তু ঠিকঠাক শট করতে পারেননি। ব‍্যাটের কানায় লেগে হাওয়ায় ভেসে বল উঠে যায় মিড অফের দিকে। লং অন থেকে দৌড়ে এসে দারুণ ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত। ৯ বলে ৩ রান করে ফেরেন করিম জানাত।

৮ ওভারে ৪ উইকেটে আফগানিস্তানের স্কোর ৫৩। উইকেটে দুই ব্যাটসম্যান মোহাম্মদ নবি ও নাজিবউল্লাহ জাদরান।

14 Jul 2023, 07:12 PM

লিটনের দারুণ ক্যাচে ভাঙল জুটি

জমে ওঠা জুটি ভাঙলেন মেহেদী হাসান মিরাজ। দারুণ ক্যাচে উইকেটের সিংহভাগ কৃতিত্ব অবশ্য লিটন দাসই পাবেন। 

প্যাডল সুইপ করে আগের বলে চার মারেন নাজিবউল্লাহ জাদরান। আবারও একই শট খেলার কথা ভাবেন তিনি। কিন্তু মিরাজ করেন শর্ট ডেলিভারি। সিদ্ধান্ত পাল্টে কাট করার চেষ্টায় সফল হননি।

ব্যাটের নিচের কানা ছুঁয়ে ঊরুর সামনের অংশে লেগে বল যায় পেছনে। দারুণ রিফ্লেক্সে সামনে ঝাঁপিয়ে সেটি গ্লাভসে নেন লিটন। 

৩ চারে ২৩ বলে ২৩ রান করে আউট হলেন নাজিবউল্লাহ। তার বিদায়ের ভাঙল মোহাম্মদ নবির সঙ্গে ৩৫ রানের পঞ্চম উইকেট জুটি। 

১৪ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৮৮ রান। নতুন ব্যাটসম্যান আজমতউল্লাহ ওমরজাই। নবি অপরাজিত ২৭ রানে।

14 Jul 2023, 07:22 PM

১৬ ওভারে আফগানিস্তানের একশ

সাত ওভারে পঞ্চাশ রান করার পর ষোড়শ ওভারে একশ রান করল আফগানিস্তান। পঞ্চাশ থেকে একশতে পৌঁছতে লেগেছে ৫২ বল। ১৬ ওভারে তাদের সংগ্রহ ৫ উইকেটে ১০১ রান। 

ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝে একপ্রান্ত আগলে রেখেছেন মোহাম্মদ নবি। ৪ চারে ৩১ বলে ৩৮ রানে অপরাজিত অভিজ্ঞ তারকা। ষষ্ঠ উইকেট জুটিতে তার সঙ্গী আজমতউল্লাহ ওমরজাই।

14 Jul 2023, 07:42 PM

তাসকিনের দারুণ ক্যাচে ওমরজাইয়ের বিদায়

ঝড় তোলা আজমতউল্লাহ ওমরজাইকে থামালেন সাকিব আল হাসান। দুর্দান্ত ক্যাচ নিলেন তাসকিন আহমেদ।

রাউন্ড দা উইকেট থেকে সাকিবের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি স্লগ করেন ওমরজাই। ব্যাটের বাইরের কানায় লেগে বল উঠে যায় আকাশে।

শর্ট থার্ড ম্যান থেকে পেছনের দিকে দৌড়ে উল্টো ঘুরেই দারুণ ক্যাচ নেন তাসকিন। ৪টি ছক্কায় স্রেফ ১৮ বলে ৩৩ রান করে ফেরেন ওমরজাই। 

১৯ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ১৪৩ রান। মোহাম্মদ নবি অপরাজিত ৪৮ রানে। নতুন ব্যাটসম্যান রশিদ খান।

14 Jul 2023, 07:49 PM

নবির ফিফটি, শেষের ঝড়ে আফগানিস্তানের ১৫৪

শুরুর ধাক্কা সামলে একপ্রান্তে নির্ভরতা দিলেন মোহাম্মদ নবি। শেষ দিকে ঝড় তুললেন আজমতউল্লাহ ওমরজাই। দুজনের ব্যাটে প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তান পেল ১৫৪ রানের সংগ্রহ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দশ ওভারে ৪ উইকেটে স্রেফ ৬২ রান করে আফগানরা। একশ ছুঁতে খেলতে হয় ষোড়শ ওভার পর্যন্ত। সেখান থেকে শেষের ৪ ওভারে তারা যোগ করে ৫৩ রান। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চম ফিফটিতে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন নবি। ৪০ বলের ইনিংসে ৬টি চারের সঙ্গে একটি ছক্কা মেরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান।

সাত নম্বরে নেমে ওমরজাই খেলেছেন ৩৩ রানের ক্যামিও। ১৮ বলে তিনি মেরেছেন ৪টি ছক্কা। 

বল হাতে বাংলাদেশের পক্ষে ২ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। এছাড়া বাকি পাঁচ বোলার তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজের শিকার ১টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ২০ ওভারে ১৫৪/৭ (জাজাই ৮, গুরবাজ ১৬, ইব্রাহিম ৮, করিম ৩, নবি ৫৪*, নাজিবউল্লাহ ২৩, ওমরজাই ৩৩, রশিদ ৩, মুজিব ০*; নাসুম ৩-০-২০-১, তাসকিন ৪-০-২৯-১, শরিফুল ৩-০-৩০-১, সাকিব ৪-০-২৭-২, মুস্তাফিজুর ৪-০-৩১-১, মিরাজ ২-০-১৩-১)

14 Jul 2023, 08:04 PM

প্রথম ওভারেই ড্রেসিং রুমে রনি

ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও নতুন বলে বাংলাদেশকে ধাক্কা দিলেন ফজলহক ফারুকি। বাঁহাতি পেসারের প্রথম ওভারেই ড্রেসিং রুমের পথ ধরলেন রনি তালুকদার। 

মিডল স্টাম্পের ওপর লেংথ ডেলিভারি সোজা ব্যাটে খেলার চেষ্টা করেন রনি। কিন্তু ব্যাট নামাতে কিছুটা দেরি হয় তার। আর এতেই সর্বনাশ। চোখের পলকে বলের আঘাতে উড়তে থাকে অফ স্টাম্প। 

এক চারে ৫ বলে ৪ রান করেছেন রনি। লিটন দাসকে সঙ্গ দিতে তিন নম্বরে নেমেছেন নাজমুল হোসেন শান্ত।

14 Jul 2023, 08:24 PM

অদ্ভুতভাবে বোল্ড শান্ত

পাওয়ার প্লের শেষ ওভারে আবারও ধাক্কা খেল বাংলাদেশ। মুজিব উর রহমানের বলে অদ্ভুতুড়ে বোল্ড হলেন নাজমুল হোসেন শান্ত।

বল ছাড়ার আগেই লেগ স্টাম্পের দিকে সরে যান শান্ত। তা দেখে লেগ স্টাম্পের বাইরেই বল করেন মুজিব উর রহমান। হাঁটু গেড়ে সুইপ করেন শান্ত। কিন্তু বলে গতি কম থাকায় আগেই ব্যাট চালিয়ে ফেলেন তিনি।

পরে বল তার পেছনের হাতের কনুইয়ের ওপরের লেগে আঘাত হানে অফ স্টাম্পে!

এক ছক্কায় ১২ বলে ১৪ রান করেছেন শান্ত। চার নম্বরে নেমেছেন সাকিব আল হাসান।

14 Jul 2023, 08:30 PM

পাওয়ার প্লেতে বাংলাদেশের ২ উইকেটে ৩৭ 

চার ম্যাচ পর পাওয়ার প্লেতে চল্লিশ ছুঁতে পারল না বাংলাদেশ। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথম ৬ ওভারে আসে ২ উইকেটে ৩২ রান। পরের চার ম্যাচের প্রতিটিতেই চল্লিশোর্ধ্ব রান করে তারা।

14 Jul 2023, 08:33 PM

টিকতে পারলেন না লিটনও 

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেরই যেন পুনরাবৃত্তি করলেন লিটন দাস। বাউন্সারে পুল করতে গিয়ে দিলেন সহজ ক্যাচ। 

সেদিন ফজলহক ফারুকির বলে মিড উইকেটে ক্যাচ দেওয়ার পর এবার শর্ট মিড অফে ধরা পড়লেন আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে। 

২ চারে ১৮ রান করতে ১৯ বল খেলেছেন লিটন। 

৭ ওভারে ৩ উইকেটে ৪১ রান নিয়ে চাপে বাংলাদেশ। ক্রিজে দুই ব্যাটসম্যান তাওহিদ হৃদয় ও সাকিব আল হাসান।

14 Jul 2023, 08:52 PM

বৃষ্টিতে বন্ধ খেলা

গুড়িগুড়ি বৃষ্টিতে বন্ধ হয়ে গেল খেলা। বাংলাদেশের ইনিংসের অষ্টম ওভারে খেলা থামালেন আম্পায়াররা। বৃষ্টির মাত্রা তেমন বেশি নয়। তবে এরই মধ্যে উইকেট ও এর চারপাশ ঢেকে দেওয়া হয়েছে কভার দিয়ে।

বৃষ্টি নামার আগপর্যন্ত ৭.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪১ রান। বাকি ৭৬ বলে প্রয়োজন আরও ১১৪। 

খেলা যত সময় বন্ধ থাকবে, তত কঠিন হবে বাংলাদেশের কাজ। কারণ লম্বা সময় খেলা বন্ধ থাকলে বিবেচনায় আসতে পারে ডাক-ওয়ার্থ লুইস মেথড।

14 Jul 2023, 08:57 PM

১৫ মিনিট বিরতির পর শুরু খেলা

বৃষ্টির কারণে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৫ মিনিট পর আবার শুরু হলো খেলা। কোনো ওভার কাটা যায়নি। ৭ উইকেট হাতে নিয়ে বাকি ৭৬ বলে ১১৪ রানের জন্য খেলতে নামল বাংলাদেশ।

14 Jul 2023, 09:04 PM

মাঝপথে বাংলাদেশের ৩ উইকেটে ৬৪

১৫৫ রানের লক্ষ্যে শুরুটা তেমন ভালো করতে পারল না বাংলাদেশ। ইনিংসের অর্ধেক পেরিয়ে দলের সংগ্রহ ৩ উইকেটে ৬৪ রান। শেষের ১০ ওভার থেকে প্রয়োজন আরও ৯১ রান। 

হতাশ করেছেন টপ-অর্ডারের তিন ব্যাটসম্যান। প্রথম ওভারেই ড্রেসিংরুমের পথ ধরেন রনি তালুকদার (৪)। মুজিব উর রহমানের বলে অদ্ভুতভাবে বোল্ড হন নাজমুল হোসেন শান্ত (১৪)। 

রয়েসয়ে পাওয়ার প্লে কাটিয়ে দিলেও সপ্তম ওভারে পুল করতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন লিটন দাস। ১৮ রান করতে তিনি খেলেন ১৯ বল। 

স্রেফ ৩৯ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়ার চেষ্টায় আছেন সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়। ফরিদ মালিকের ওভারে দুই চার মেরে রান রেট ছয়ে তুলেছেন সাকিব। পরে রশিদ খানকেও মারেন একটি চার। 

সাকিব ১৬ বলে ১৯ ও হৃদয় ৮ বলে ৭ রানে খেলছেন।

14 Jul 2023, 09:09 PM

বিরতির পর ড্রেসিং রুমে সাকিব

পানি পানের বিরতি যেন আশীর্বাদ হয়ে এলো আফগানিস্তানের জন্য। বিরতির পর প্রথম বলেই ড্রেসিং রুমের পথ ধরলেন সাকিব আল হাসান। 

ফরিদ মালিকের অফ স্টাম্পের বেশ বাইরের ডেলিভারি জায়গায় দাঁড়িয়ে দূর থেকেই স্ল্যাশ করার মতো খেলেন। অনেকটা সময় হাওয়ায় ভেসে বল চলে যায় ডিপ পয়েন্টে থাকা করিম জানাতের হাতে। 

৩ চারে ১৭ বলে ১৯ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক। ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে কঠিন চাপে স্বাগতিকরা। ক্রিজে দুই ব্যাটসম্যান তাওহিদ হৃদয় ও শামীম হোসেন।

14 Jul 2023, 09:27 PM

২১ রানের ওভারে বাংলাদেশের একশ

প্রথম দুই ওভারে স্রেফ ১৩ রান দেন আজমতউল্লাহ ওমরজাই। তার শেষ ওভার থেকে ২১ রান নিলেন তাওহিদ হৃদয় ও শামীম হোসেন। 

ম্যাচের সবচেয়ে খরুচে এই ওভারের সৌজন্যে ১৩ ওভারে একশ ছুঁয়েছে বাংলাদেশ। শেষ ৭ ওভারে জয়ের জন্য প্রয়োজন আরও ৫৫ রান। 

ওমরজাইয়ের প্রথম বলে মিড অফের ওপর দিয়ে চার মারেন হৃদয়। পরের বলে পুল শটে আসে বাউন্ডারি। সিঙ্গেল নিয়ে শামীমকে স্ট্রাইক দেন হৃদয়। পরের ডেলিভারি ওয়াইডসহ চার দেন ওমরজাই।

চতুর্থ ডেলিভারিতে ফাইন লেগ দিয়ে চার মারেন শামীম। শেষ দুই বল থেকে আসে আরও ৩ রান।  

হৃদয় ১৬ বলে ২৪ ও শামীম ৯ বলে ১৪ রানে খেলছেন।

14 Jul 2023, 09:38 PM

হৃদয়-শামীমের জুটির ঝড়ো পঞ্চাশ

পাল্টা আক্রমণে বাংলাদেশের জয়ের আশা জাগিয়েছেন তাওহিদ হৃদয় ও শামীম হোসেন। এরই মধ্যে দুজন মিলে পঞ্চম উইকেটে গড়েছেন ৫০ রানের জুটি। তাও স্রেফ ২৯ বলে। 

দুজনের ঝড়ো জুটিতে ১৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১১৪ রান। জয়ের জন্য শেষ ৩০ বলে করতে হবে আরও ৪২ রান। 

শামীম ১৮ বলে ২৩ ও হৃদয় ১৯ বলে ২৭ রানে অপরাজিত।

14 Jul 2023, 09:46 PM

জীবন পেলেন শামীম

ডিপ স্কয়ার লেগে শামীম হোসেনের সহজ ক্যাচ ছেড়ে দিলেন নাজিবউল্লাহ জাদরান। ২৪ রানের মাথায় সুযোগ দিয়েও বেঁচে গেলেন বাংলাদেশের তরুণ বাঁহাতি ব্যাটসম্যান।

লেগ স্টাম্পের ওপর ফুল লেংথ ডেলিভারি ফ্লিক করেন শামীম। ওপরের দিকে লেগে হাওয়ায় ভেসে বল চলে যায় সীমানার কাছাকাছি। কিন্তু লোপ্পা ক্যাচ হাতে রাখতে পারেননি নাজিবউল্লাহ। 

১৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১২০ রান। শেষ ২৪ বলে প্রয়োজন ৩৫ রান।

14 Jul 2023, 10:11 PM

শেষের নাটকীয়তা ছাপিয়ে বাংলাদেশের জয়

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ৬ রান। প্রথম বলেই বাউন্ডারি মারলেন মেহেদী হাসান মিরাজ। হাতের মুঠোয় এলো সমীকরণ। 

এরপর হঠাৎই নাটকীয়তা। পরপর তিন বলে ড্রেসিং রুমের পথ ধরলেন মিরাজ, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। হ্যাটট্রিক করলেন করিম জানাত! 

২ উইকেট হাতে নিয়ে শেষ দুই বলে ২ রানের সমীকরণের সামনে পড়ে বাংলাদেশ। করিমের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি কাট শটে চার মেরে ম্যাচ শেষ করেন শরিফুল ইসলাম। 

এর আগে শুরুর ব্যাটসম্যানদের ব্যর্থতা ছাপিয়ে দলকে জয়ের কাছে নিয়ে যান তাওহিদ হৃদয় ও শামীম হোসেন। একাদশ ওভারে ৬৪ রানে ৪ উইকেট হারানোর পর স্রেফ ৪৩ বলে ৭৩ রানের জুটি গড়েন দুই তরুণ ব্যাটসম্যান।

শামীম ২৫ বলে ৩৩ রান করে আউট হন। তবে শেষ পর্যন্ত থেকে যান হৃদয়। সাত ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংসে ৪৭ রান করেন তিনি। ৩২ বলের ইনিংসে ৩ চারের সঙ্গে মারেন দুইটি ছক্কা। 

সংক্ষিপ্ত স্কোর: 

আফগানিস্তান: ২০ ওভারে ১৫৪/৭ (জাজাই ৮, গুরবাজ ১৬, ইব্রাহিম ৮, করিম ৩, নবি ৫৪*, নাজিবউল্লাহ ২৩, ওমরজাই ৩৩, রশিদ ৩, মুজিব ০*; নাসুম ৩-০-২০-১, তাসকিন ৪-০-২৯-১, শরিফুল ৩-০-৩০-১, সাকিব ৪-০-২৭-২, মুস্তাফিজুর ৪-০-৩১-১, মিরাজ ২-০-১৩-১)

বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৫৭/৮ (লিটন ১৮, রনি ৪, শান্ত ১৪, সাকিব ১৯, হৃদয় ৪৭*, শামীম ৩৩, মিরাজ ৮, তাসকিন ০, নাসুম ০, শরিফুল ৪*; ফারুকি ৪-০-৩৬-১, মুজিব ৪-০-২২-১, ওমরজাই ৩-০-৩৪-১, রশিদ ৪-০-২৪-১, ফরিদ ২-০-১৭-১, নবি ১-০-৮-০, করিম ১.৫-০-১৫-৩))

ফল: বাংলাদেশ ২ উইকেটে জয়ী

14 Jul 2023, 10:14 PM

রশিদ খানের পর করিম জানাত 

আফগানিস্তানের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন করিম জানাত। বাংলাদেশের বিপক্ষে এই কীর্তি গড়া পঞ্চম বোলার তিনি।

২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে চার বলে চার উইকেট নিয়েছিলেন রশিদ খান। প্রায় চার বছর পর এবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচের শেষ ওভারে তিন বলে তিন উইকেট পেলেন ২৪ বছর বয়সী পেসার করিম। 

বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করা আগের চার জন- ব্রেট লি (২০০৭), লাসিথ মালিঙ্গা (২০১৭), দিপক চাহার (২০১৯), ন‍্যাথান এলিস (২০২১)।