20 Dec 2023, 03:31 AM
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৯.৫ ওভারে ২৯১
নিউ জিল্যান্ড: (লক্ষ্য ২৯২) ৪৬.২ ওভারে ২৯৬/৩
20 Dec 2023, 03:31 AM
সিরিজ বাঁচিয়ে রাখার লক্ষ্য নামছে বাংলাদেশ
প্রায় নতুন চেহারার নিউ জিল্যান্ড দলের বিপক্ষেও সিরিজের প্রথম ম্যাচে লড়াই করতে পারেনি বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে দিক হারানোর শুরু শেষের এলোমেলো বোলিংয়ে। পরে ব্যাটিংও হয়নি ভালো। তাতে সহজ জয়েই সিরিজে এগিয়ে গেছে নিউ জিল্যান্ড। সিরিজ বাঁচিয়ে রাখার কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।
নেলসনে বাংলাদেশ সময় রাত চারটায় শুরু হবে দ্বিতীয় ওয়ানডের মাঠের লড়াই। বাংলাদেশ দল নামবে নিউ জিল্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে টানা অষ্টাদশ হার এড়ানোর লক্ষ্যে।
সৌম্য সরকার ও মুশফিকুর রহিম ছাড়া বাংলাদেশের বাকি সব ব্যাটসম্যান ভালো শুরু পেয়েছিলেন। তবে কেউই বড় করতে পারেননি নিজের ইনিংস। দায়িত্ব নিয়ে টানতে পারেননি দলকে। বোলিংয়ে একদমই ভালো করতে পারেননি সৌম্য ও মেহেদী হাসান মিরাজ। নিজের ছায়া হয়েছিলেন মুস্তাফিজুর রহমান।
ডানেডিনে আকাশ ছিল মেঘে ঢাকা। তিন দফা বাগড়া দিয়েছিল বৃষ্টি। নেলসনে দেখা মিলেছে রোদের। দল প্রস্তুতি নিতে পেরেছে ভালোভাবে। এবার মাঠে এর প্রতিফলন দেখানোর পালা।
20 Dec 2023, 03:38 AM
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
এবার টস জিতলেন টম ল্যাথাম। নিউ জিল্যান্ড অধিনায়ক নিলেন ব্যাটিং। নেলসনের মাঠ স্যাক্সটন ওভালে ওয়ানডে হচ্ছে চার বছর পর। এই মাঠে ১০ ম্যাচের সাতটিতেই জিতেছে পরে ব্যাট করা দল।
নেলসনে এটি বাংলাদেশের চতুর্থ ওয়ানডে। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে জিতেছিল তারা। পরের বছর স্বাগতিকদের বিপক্ষে হেরেছিল দুটি ম্যাচে।
20 Dec 2023, 03:45 AM
বাংলাদেশ দলে ২ পরিবর্তন
দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। খরুচে বোলিংয়ে বাদ পড়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। খুব একটা খারাপ না করলেও বোলিংয়ে শক্তি বাড়াতে গিয়ে জায়গা হারিয়েছেন আফিফ হোসেন।
দলে ফিরেছেন পেসার তানজিম হোসেন। অভিষেক হচ্ছে লেগ স্পিনার রিশাদ হোসেনের। তিনি ওয়ানডেতে বাংলাদেশের ১৪৮তম ক্রিকেটার।
প্রত্যাবর্তনের ম্যাচে তিন বিভাগেই নিদারুণ ব্যর্থতার পরও টিকে গেছেন সৌম্য সরকার।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সৌম্য সরকার, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।
20 Dec 2023, 03:56 AM
সোধির জায়গায় অশোকের অভিষেক
এক লেগ স্পিনারের জায়গায় আরেক লেগ স্পিনার খেলাচ্ছে নিউ জিল্যান্ড। প্রথম ম্যাচের জন্যই কেবল স্কোয়াডে ছিলেন ইশ সোধি। তার জায়গায় প্রথমবার ওয়ানডেতে খেলছেন আদিত্য অশোক।
২১ বছর বয়সী এই লেগ স্পিনার দেশের হয়ে খেলছেন কেবল দ্বিতীয় ম্যাচ। এর আগে খেলেছিলেন একটি টি-টোয়েন্টি।
নিউ জিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, অ্যাডাম মিল্ন, হেনরি নিকোলস, উইল ও’রোক, রাচিন রবীন্দ্র, আদিত্য অশোক, উইল ইয়াং।
20 Dec 2023, 04:23 AM
টিকলেন না এনামুল
অতি সাবধানী ব্যাটিং করা এনামুল হক টিকলেন না বেশিক্ষণ। অ্যাডাম মিল্নের বলে খোঁচা মেরে ধরা পড়লেন স্লিপে।
অফ স্টাম্পের বাইরের বল একটু পা বাড়িয়ে খেলার চেষ্টা করেন এনামুল। ঠিক মতো পারেননি, ব্যাটের কানা ছুঁয়ে দ্বিতীয় স্লিপে জমা পড়ে টম ল্যাথামের হাতে।
১২ বলে কেবল ২ রান করেন এনামুল।
৪.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১১। ক্রিজে সৌম্য সরকারের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।
20 Dec 2023, 04:40 AM
দ্রুত ফিরলেন শান্ত
বেশিক্ষণ টিকতে পারলেন না নাজমুল হোসেন শান্ত। জ্যাকব ডাফির বল লেগে ঘুরানোর চেষ্টায় সহজ ক্যাচ দিয়ে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক।
এক প্রান্তে বেশ দ্রুত রান তুলছেন সৌম্য সরকার। আগের ওভারেই উইলিয়াম ও’রোককে বাঁহাতি এই ওপনার মেরেছেন তিনটি চার। কিন্তু তাকে খুব একটা সঙ্গ দিতে পারলেন না শান্ত।
স্টাম্পে থাকা বল ফ্লিক করতে চেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তার প্রত্যাশার চেয়ে দেরিতে আসা বল ব্যাটের কানায় লেগে সহজ ক্যাচ যায় কাভারে। সেখানে বাকিটা অনায়াসে সারেন হেনরি নিকোলস। ৯ বলে এক চারে শান্ত করেন ৬ রান।
৭.২ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৩৬। ক্রিজে সৌম্যর সঙ্গী লিটন দাস।
20 Dec 2023, 04:49 AM
টিকলেন না লিটনও
আগের বলে দারুণ এক শটে চার মারলেন লিটন দাস। পরের বলে ফিরলেন ক্যাচ দিয়ে। আরও একবার হতাশা নিয়ে মাঠ ছাড়লেন ডানহাতি এই ব্যাটসম্যান।
জ্যাকব ডাফির অফ স্টাম্পের বাইরের বল অনায়াসেই হতে পারত বাউন্ডারি। কিন্তু লিটন তুলে দিলেন কাভার-পয়েন্টে, উইল ইয়াংয়ের হাতে। ১১ বলে ১ চারে ৬ রান করেন লিটন।
১০ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। ৯.৪ ওভারে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৪৪। ক্রিজে সৌম্য সরকারের সঙ্গী তাওহিদ হৃদয়।
20 Dec 2023, 05:45 AM
দুর্ভাগ্যজনক রান আউট হৃদয়
জশ ক্লার্কসনের বলে জোরাল স্ট্রেট ড্রাইভ করলেন সৌম্য সরকার, বল লাগল স্টাম্পে। মাঝে কোনোমতে পা ছোঁয়াতে পারলেন বোলার, সেটাই কাল হলো তাওহিদ হৃদয়ের জন্য। একটু যে এগিয়ে ছিলেন তিনি। একরাশ হতাশা নিয়ে ফিরলেন রান আউট হয়ে।
জমে গিয়েছিল সৌম্য ও হৃদয়ের জুটি।দুই জনে ৩৬ রান তুলেছিলেন ৪৩ বলে। হৃদয়ের বিদায়ে ভাঙল জুটি।
১৬ বলে এই মিডল অর্ডার ব্যাটসম্যান করেন ১২ রান। ইনিংসে নেই কোনো বাউন্ডারি।
১৬.৫ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৮০। ইনিংস মেরামত করতে সৌম্যর সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।
20 Dec 2023, 05:45 AM
৫৮ বলে সৌম্যর পঞ্চাশ
এক প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও আরেক প্রান্তে সাবলীল সৌম্য সরকার। দায়িত্বশীল ব্যাটিংয়ে ২০১৯ সালের পর ওয়ানডেতে প্রথম ফিফটির দেখা পেয়েছেন বাঁহাতি এই ওপেনার।
জশ ক্লার্কসনকে চার মেরে পঞ্চাশ স্পর্শ করেন সৌম্য, ৫৮ বলে। এক বল পর বেঁচে যান কাভারে রাচিন রবীন্দ্রকে কঠিন ক্যাচ দিয়ে।
পঞ্চম বলে আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর বাঁচেন রিভিউ নিয়ে। ব্যাটের কানা ছুঁয়ে গিয়েছিল বল।
সবশেষ ৬ ইনিংসে মাত্র একবার দুই অঙ্ক ছুঁতে পেরেছিলেন সৌম্য, এর মধ্যে তিনবার আউট হয়েছিলেন শূন্য রানে। বেশ বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া বাঁহাতি ব্যাটসম্যান দিলেন ছন্দে ফেরা আভাস।
20 Dec 2023, 05:49 AM
২৩ ওভারে বাংলাদেশের একশ
নিয়িমত উইকেট হারানোয় বারবারই খেই হারাচ্ছে বাংলাদেশ। একটু পর পর ফের শুরু করতে হচ্ছে ইনিংস মেরামতের লড়াই। এর প্রভাব পড়ছে রান রেটে। ২৩তম ওভারে তিন অঙ্ক ছুঁয়েছে সফরকারীদের রান।
২৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০৩।
20 Dec 2023, 06:10 AM
সৌম্য-মুশফিকের জুটিতে পঞ্চাশ
পঞ্চম উইকেটে এসে প্রথম পঞ্চাশ ছোঁয়া জুটির দেখা পেয়েছে বাংলাদেশ। সৌম্য সরকার ও মুশফিকুর রহিম পঞ্চাশ রানের জুটি গড়েছেন ৬৪ বলে।
তিন বলের মধ্য আদি অশোককে দুট চার মেরে জুটির রান পঞ্চাশে নিয়ে যান সৌম্য। জুটিতে অগ্রণী তিনিই। আরেক প্রান্তে একটু সময় নিচ্ছেন অভিজ্ঞ মুশফিক।
২৮ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৩৫। ৮৬ বলে ৭৭ রানে খেলছেন সৌম্য। ৩৪ বলে মুশফিকের রান ২১।
20 Dec 2023, 06:40 AM
মুশফিকের বিদায়ে ভাঙল জুটি
অফ স্টাম্পের বাইরের বল কিপারের পাশ দিয়ে বাউন্ডারিতে পাঠাতে চেয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু সফল হলেন না তিনি, কানা ছুঁয়ে জমা পড়ল টম ব্লান্ডেলের গ্লাভসে।
৫৭ বলে পাঁচ চারে ৪৫ রান করে ফিরলেন মুশফিক। অভিজ্ঞ এই কিপার-ব্যাটসম্যানের বিদায়ে ভাঙল ১০৮ বল স্থায়ী ৯১ রানের জুটি।
৩৪.৫ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৭১। ক্রিজে সৌম্য সরকারের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।
20 Dec 2023, 06:58 AM
৫ বছর পর সৌম্যর সেঞ্চুরি
আদি অশোকের বলে সিঙ্গেল নিয়ে সৌম্য সরকার পৌঁছে গেলেন কাঙ্ক্ষিত ঠিকানায়। ৫ বছর পর পেলেন সেঞ্চুরির উষ্ণ ছোঁয়া।
ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে সৌম্য পৌঁছালেন ১১৬ বলে। ২০১৮ সালের পর ওয়ানডেতে এটাই তার প্রথম তিন অঙ্ক ছোঁয়া ইনিংস।
নিউ জিল্যান্ডের বিপক্ষে কিংবা দেশটিতে রেকর্ড মোটেও ভালো নয় সৌম্যর। সেটা কিছুটা ভালো করতে পারলেন এবার। প্রথম ম্যাচে শূন্যতে ফেরার পর করলে দারুণ সেঞ্চুরি।
নিউ জিল্যান্ডে বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন সৌম্য।
৪০ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৯৪। ১১৮ বলে ১৩ চারে ১০২ রানে খেলছেন সৌম্য। ১৭ বলে মেহেদী হাসান মিরাজের রান ১০।
20 Dec 2023, 07:03 AM
৪১ ওভারে দুইশ
মুশফিকুর রহিমের বিদায়ের পর কিছুটা কমেছে রানের গতি। সেঞ্চুরি করার পর সেটা বাড়ানোর দিকে মনোযোগ দিলেন সৌম্য সরকার। অ্যাডাম মিল্নের বলে চমৎকার দুটি পুলে মারলেন টানা দুটি চার। দ্বিতীয় বাউন্ডারিতে দলের রান স্পর্শ করল দুইশর সীমানা।
৪১ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ২০৪।
20 Dec 2023, 07:17 AM
মাহমুদউল্লাহকে ছাড়িয়ে সৌম্য
আদি অশোককে পরপর দুই বলে দুটি চার মারলেন সৌম্য সরকার। তার সঙ্গে স্পর্শ করলেন নতুন উচ্চতা। ছাড়িয়ে গেলেন নিজের আগের সেরা অপরাজিত ১২৭। একই সঙ্গে গড়লেন নিউ জিল্যান্ডে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ।
আগের সেরা ছিল মাহমুদউল্লাহর। ২০১৫ বিশ্বকাপে হ্যামিল্টনে নিউ জিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১২৮ রানের দারুণ ইনিংস খেলেছিলেন তিনি। কিউইদের বিপক্ষে ওয়ানডেতে এটাই ছিল বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ।
সেই ওভারেই মেহেদী হাসান মিরাজকে ফিরিয়ে ওয়ানডেতে নিজের প্রথম উইকেট নেন অশোক। সজোরে মেরে ব্যকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েন তিনি। ভাঙে ৫৩ বল স্থায়ী ৬১ রানের জুটি।
২৬ বলে ১৯ রান করেন মিরাজ। ইনিংসে নেই কোনো বাউন্ডারি।
৪৩.৪ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ২৩২। ক্রিজে সৌম্যর সঙ্গী তানজিম হাসান।
20 Dec 2023, 07:29 AM
সৌম্যর দেড়শ
বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দেড়শ ছোঁয়া ইনিংস খেললেন সৌম্য সরকার। তামিম ইকবালের এই কীর্তি আছে দুইবার, লিটন দাসের একবার।
তিন বলের মধ্যে জ্যাকব ডাফিকে দুটি চার মেরে ক্যারিয়ারে প্রথমবার সৌম্য স্পর্শ করেন দেড়শ রানের সীমানা।
৪৭ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ২৬০। ১৪৪ বলে ২০ চার ও এক ছক্কায় ১৫৩ রানে খেলছেন সৌম্য। তানজিম হাসানের রান ৭ বলে ৬।
20 Dec 2023, 07:36 AM
সৌম্যর সামনে কেবল লিটন
জশ ক্লার্কসনকে চার মারার পর সিঙ্গেল নিলেন সৌম্য সরকার। বাঁহাতি এই ব্যাটসম্যান বসলেন তামিম ইকবালের পাশে। ওয়ানডেতে দুই জনেরই সর্বোচ্চ এখন ১৫৮।
সৌম্যর সামনে সুযোগ আছে তাকে ছাড়িয়ে যাওয়ার। সামনে আছেন কেবল লিটন দাস। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে করা তার ১৭৬ ওয়ানডেতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ।
সেই ওভারের শেষ বলে ছক্কার চেষ্টায় ক্যাচ দিয়ে ফেরেন তানজিম হাসান। ভাঙে ২৬ বল স্থায়ী ৪০ রানের জুটি। এক ছক্কায় তানজিম ১১ বলে করেন ১৩ রান।
20 Dec 2023, 07:40 AM
ছক্কায় রানের খাতা খুললেন রিশাদ
ব্যাট হাতে ওয়ানডেতে অভিষেক দারুণ হলো রিশাদ হোসেনের। মুখোমুখি হওয়া প্রথম বলেই অ্যাডাম মিল্নকে মারলেন ছক্কা!
ওভারের প্রথম চার বল খেলেন সৌম্য। প্রথম বলে চারের পর তৃতীয় বলে মারেন ছক্কা। ওভার থেকে আসে ১৭ রান।
৪৯ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ২৮৯।
20 Dec 2023, 07:48 AM
সৌম্য ১৬৯, বাংলাদেশ ২৯১
বিভীষিকার প্রত্যাবর্তনের পর স্বপ্নের মতো এক ইনিংস খেললেন সৌম্য সরকার। ১৫১ বলে ২২ চার ও দুই ছক্কায় করলেন ১৬৯ রান!
একটুর জন্য লিটন দাসকে (১৭৬) ছাড়াতে পারলেন না সৌম্য। উইলিয়াম ও’রোকের বলে বাউন্ডারির চেষ্টায় ধরা পড়লেন তিনি হেনরি নিকোলসের হাতে।
সৌম্যর বিদায়ের পর আর এক রান যোগ করেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। অফ স্টাম্পের বাইরের লেংথ বলে তেড়েফুড়ে মারতে গিয়ে কিপার টম ব্লান্ডেলকে ক্যাচ দেন রিশাদ হোসেন (৪ বলে ৬)।
পরের বলে বোল্ড হয়ে যান হাসান মাহমুদ। শেষ ওভারে ২ রানে শেষ ৩ উইকেট হারিয়ে পুরো ৫০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ। গুটিয়ে যায় ১ বল বাকি থাকতেই।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৯.৫ ওভারে ২৯১ (সৌম্য ১৬৯, এনামুল ২, শান্ত ৬, লিটন ৬, হৃদয় ১২, মুশফিক ৪৫, মিরাজ ১৯, তানজিম ১৩, রিশাদ ৬, শরিফুল ১*, হাসান ০; মিল্ন ১০-০-৭৪-১, ডাফি ১০-০-৫১-৩, ও’রোক ৯.৫-০-৪৭-৩, ক্লার্কসন ৬-০-৩০-১, অশোক ১০-১-৬৩-১, রাচিন ৪-০-১৯-০)
20 Dec 2023, 08:57 AM
শুরুর জুটিতে নিউ জিল্যান্ডের পঞ্চাশ
রাচিন রবীন্দ্র ও উইল ইয়াংয়ের ব্যাটে ভালো শুরু পেয়েছে নিউ জিল্যান্ড। ৫২ বলে এসেছে উদ্বোধনী জুটি ও দলের পঞ্চাশ।
শুরুতে একটু সময় নিচ্ছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইয়াং। সেই ম্যাচে শূন্যতে ফেরা রাচিন চড়াও হয়েছেন বোলারদের উপর।
প্রথম ৯ ওভারে বাউন্ডারি এসেছে সাতটি, এর পাঁচটি মেরেছে রাচিন। ২৫ বলে তিনি খেলছেন ৩১ রানে। ২৯ বলে ইয়াংয়ের রান ২০।
৯ ওভারে নিউ জিল্যান্ডের রান বিনা উইকেটে ৫২।
20 Dec 2023, 09:10 AM
রাচিনকে ফিরিয়ে জুটি ভাঙলেন হাসান
খরুচে ওভারের শেষটায় সাফল্য পেলেন হাসান মাহমুদ। তাকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় ক্যাচ দিয়ে ফিরলেন রাচিন রবীন্দ্র।
ওভারের প্রথম দুই বলে হাসানকে দুটি বাউন্ডারি মারেন উইল ইয়াং। স্ট্রাইক পেয়ে রাচিন ওড়ান ছক্কায়। এক বল পর এর পুনরাবৃত্তির চেষ্টায় তিনি ধরা পড়েন ডিপ মিডউইকেটে।
বেশ কিছুটা এগিয়ে ছিলেন রিশাদ হোসেন। মনে হচ্ছিল বল তার মাথার উপর দিয়ে চলে যাবে। কিন্তু ঠিক সময়ে লাফ দিয়ে মুঠোয় জমান তিনি। ভাঙে ৬৬ বল স্থায়ী ৭৬ রানের জুটি।
আগ্রাসী ব্যাটিংয়ে ৩৩ বলে এক ছক্কা ও সাত চারে ৪৫ রান করেন রাচিন।
১১ ওভারে নিউ জিল্যান্ডের রান ১ উইকেটে ৭৬। ক্রিজে ইয়াংয়ের সঙ্গী হেনরি নিকোলস।
20 Dec 2023, 09:32 AM
নিউ জিল্যান্ডের একশ, ইয়াংয়ের পঞ্চাশ
রাচিন রবীন্দ্রর বিদায়ের পরও রানে রেট খুব একটা কমেনি। রানের গতি বাড়িয়ে ৫১ বলে পঞ্চাশ স্পর্শ করেছেন উইল ইয়াং। সপ্তদশ ওভারেই এর আগে একশ স্পর্শ করেছে নিউ জিল্যান্ডের রান।
১৭ ওভারে নিউ জিল্যান্ডের রান ১ উইকেটে ১০৮। ৫১ বলে আট চারে ৫০ রানে খেলছেন ইয়াং। ১৮ বলে হেনরি নিকোলসের রান ১১।
20 Dec 2023, 09:51 AM
ইয়াং-নিকোলসের জুটিতে পঞ্চাশ
দ্বিতীয় উইকেটেও পঞ্চাশ রানের জুটি পেয়েছে নিউ জিল্যান্ড। উইল ইয়াং ও হেনরি নিকোলসের জুটিতে পঞ্চাশ এসেছে ৫৮ বলে।
কোনো বোলারই সেভাবে ভাবাতে পারছেন না ব্যাটসম্যানদের। অনায়াসেই সবাইকে খেলছেন ইয়াং ও নিকোলস। রান রেটও রেখেছেন ছয়ের উপরে।
২১ ওভারে নিউ জিল্যান্ডের রান ১ উইকেটে ১৩২।
20 Dec 2023, 10:13 AM
জীবন পেলেন ইয়াং
জুটি ভাঙার কঠিন একটি সুযোগ হাতছাড়া হয়ে গেল বাংলাদেশের। একস্ট্রা কাভারে দারুণ চেষ্টা করেও একটুর জন্য সফল হলেন না তাওহিদ হৃদয়।
আক্রমণে ফিরেই উইকেট পেতে পারতেন শরিফুল ইসলাম। তার অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভের চেষ্টায় ক্যাচ দিয়েছিলেন ইয়াং। ডাইভ দিয়ে বল হাতে নিয়েছিলেন হৃদয়। তবে কনুই মাটি স্পর্শ করার সময় ছুটে যায় বল। ৭৭ রানে বেঁচে যান ইয়াং।
২৭ ওভারে নিউ জিল্যান্ডের রান ১ উইকেটে ১৬৫। ৮০ বলে ৮০ রানে খেলছেন ইয়াং। ৪৯ বলে হেনরি নিকোলসের রান ৩৮।
20 Dec 2023, 10:30 AM
ইয়াং-নিকোলসের জুটিতে একশ
আম্পায়ার কট বিহাইন্ড দেওয়ার পর রিভিউ নিয়ে বেঁচে গেলেন উইল ইয়াং। মেহেদী হাসান মিরাজের বলে স্পর্শ ছিল না তার ব্যাটের।
সেই ওভারেই ইয়াংয়ের সঙ্গে হেনিরো নিকোলসের জুটির রান স্পর্শ করে একশ, ১১০ বলে।
৩০ ওভারে নিউ জিল্যান্ডের রান ১ উইকেটে ১৭৯। ৮৭ বলে ৮৬ রানে খেলছেন ইয়াং। ৬০ বলে নিকোলসের রান ৪৪।
20 Dec 2023, 10:30 AM
৬৪ বলে নিকোলসের পঞ্চাশ
সাবধানী ব্যাটিংয়ে পঞ্চাশ স্পর্শ করেছেন হেনরি নিকোলস, ৬৪ বলে। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে কেবল তিনটি চার।
এরই মধ্যে উইল ইয়াংয়ের সঙ্গে তিনি গড়েছেন শতরানের জুটি। তাদের দৃঢ়তায় ম্যাচে পুরোপুরি চালকের আসনে বসেছে নিউ জিল্যান্ড।
৩১ ওভারে নিউ জিল্যান্ডের রান ১ উইকেটে ১৮৭।
20 Dec 2023, 10:38 AM
ইয়াংকে ফেরালেন হাসান
আরও একটি খরুচে ওভারের শেষটায় উইকেট পেলেন হাসান মাহমুদ। প্রথম তিন বলে হেনরি নিকোলসের ব্যাটে তিনটি বাউন্ডারি হজম করেন তিনি। পঞ্চম বলে সহজ ফিরতি ক্যাচ নিয়ে বিদায় করে উইল ইয়াংকে।
অফ-মিডল স্টাম্পে থাকা ডেলিভারি লেগে ঘুরাতে চেয়েছিলেন ইয়াং। বল তার প্রত্যাশার চেয়ে ধীরে আসায় টাইমিং হয়নি। ব্যাটের কানায় লেগে ফিরে যায় হাসানের হাতে। ভাঙে ১৩১ বল স্থায়ী ১২৮ রানের জুটি।
৯৪ বলে দুই ছক্কা ও আট চারে ৮৯ রান করেন ইয়াং।
৩৩ ওভারে নিউ জিল্যান্ডের রান ২ উইকেটে ২০৪।
20 Dec 2023, 11:02 AM
নিকোলস-ল্যাথামের জুটিতে পঞ্চাশ
টানা তৃতীয় উইকেটে পঞ্চাশ ছোঁয়া জুটি পেল নিউ জিল্যান্ড। হেনরি নিকোলস ও টম ল্যাথামের জুটিতে পঞ্চাশ এসেছে কেবল ৪২ বলে।
এতে অগ্রণী নিকোলস। ৯৬ বলে এক ছক্কা ও সাত চারে তিনি খেলছেন ৯১ রানে। ১৭ বলে তিন চারে ল্যাথামের রান ২১।
৪০ ওভারে নিউ জিল্যান্ডের রান ২ উইকেটে ২৫৪। জয়ের জন্য শেষ ১০ ওভারে স্বাগতিকদের চাই ৩৮ রান।
20 Dec 2023, 11:18 AM
৯৫ রানে থামলেন নিকোলস
ছক্কায় সেঞ্চুরির চেষ্টায় থামলেন হেনরি নিকোলস। শরিফুল ইসলামের শর্ট বলে পুল করে ডিপ মিডউইকেটে রিশাদ হোসেনের হাতে ধরা পড়লেন তিনি।
নিকোলসের বিদায়ে ভাঙল ৪৭ বল স্থায়ী ৫৬ রানের জুটি। নিকোলস ৯৯ বলে এক ছক্কা ও আট চারে করেন ৯৫ রান।
৪১ ওভারে নিউ জিল্যান্ডের রান ৩ উইকেটে ২৬২। ক্রিজে টম ল্যাথামের সঙ্গী টম ব্লান্ডেল।
20 Dec 2023, 11:42 AM
৭ উইকেটের হার
সৌম্য সরকারের চমৎকার ইনিংসে ২৯১ রানের পুঁজি পেলেও লড়াই-ই করতে পারল না বাংলাদেশ। টপ অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় ৭ উইকেটে বড় জয়ে সিরিজ জিতে নিল নিউ জিল্যান্ড।
২৯২ রানের লক্ষ্য ২২ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। নেলসনে এ নিয়ে ১১ ম্যাচের আটটিতেই জিতল পরে ব্যাট করা দল।
৯৯ বলে ৯৫ রানের দারুণ ইনিংস খেলেন হেনরি নিকোলস। ৯৪ বলে ৮৯ রান করেন উইল ইয়াং। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ৩৬ রানের জুটিতে দলের জয়কে সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন টম ল্যাথাম ও টম ব্লান্ডেল।
৩২ বলে চারটি চারে ৩৪ রান করেন ল্যাথাম। ২০ বলে একটি করে চার ও ছক্কায় ২৪ রান করেন ব্লান্ডেল।
খরুচে বোলিংয়ে দুটি উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। একটি উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম। অভিষেকে ৬২ রান দিয়ে উইকেটশূন্য লেগ স্পিনার রিশাদ হোসেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৯.৫ ওভারে ২৯১ (সৌম্য ১৬৯, এনামুল ২, শান্ত ৬, লিটন ৬, হৃদয় ১২, মুশফিক ৪৫, মিরাজ ১৯, তানজিম ১৩, রিশাদ ৬, শরিফুল ১*, হাসান ০; মিল্ন ১০-০-৭৪-১, ডাফি ১০-০-৫১-৩, ও’রোক ৯.৫-০-৪৭-৩, ক্লার্কসন ৬-০-৩০-১, অশোক ১০-১-৬৩-১, রাচিন ৪-০-১৯-০)
নিউ জিল্যান্ড: ৪৬.২ ওভারে ২৯৬/৩ (ইয়াং ৮৯, রাচিন ৪৫, নিকোলস ৯৫, ল্যাথাম ৩৪*, ব্লান্ডেল ২৪*; শরিফুল ৯-১-৪৯-১, হাসান ৭-০-৫৭-২, তানজিম ৬-০-৫১-০, মিরাজ ১০-১-৪৫-০, রিশাদ ৯.২-০-৬২-০, শান্ত ৫-০-৩০-০)