30 Nov 2023, 10:48 AM
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৩১০
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৩১৭
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৬৮ ওভারে ২১২/৩
30 Nov 2023, 09:24 AM
দ্বিতীয় দিন শেষে ম্যাচ যেখানে দাঁড়িয়ে
কেন উইলিয়ামসনের সেঞ্চুরির পরও তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসে লিড নেওয়ার সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে স্বাগতিকদের ৩১০ রানে থামিয়ে দেওয়া নিউ জিল্যান্ড দ্বিতীয় দিন শেষে করেছে ৮ উইকেটে ২৬৬ রানে।
এখনও ৪৪ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। লিড নিতে কাইল জেমিসন ও টিম সাউদির দিকে তাকিয়ে নিউ জিল্যান্ড। তাদের যত দ্রুত সম্ভব ফিরিয়ে দিতে বাংলাদেশ তাকিয়ে স্পিন ত্রয়ীর দিকে।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):
বাংলাদেশ ১ম ইনিংস: ৩১০/৯
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৮৪ ওভারে ২৬৬/৮ (ল্যাথাম ২১, কনওয়ে ১২, উইলিয়ামসন ১০৪, নিকোলস ১৯, মিচেল ৪১, ব্লান্ডেল ৬, ফিলিপস ৪২, জেমিসন ৭*, সোধি ০, সাউদি ১*; শরিফুল ১১-২-৪৪-১, মিরাজ ১৯-৩-৫৭-১, তাইজুল ৩০-৭-৮৯-৪, নাঈম ২২-৩-৬১-১, মুমিনুল ২-১-২-১)উজিউ
30 Nov 2023, 10:10 AM
নিউ জিল্যান্ডের তিনশ
বাংলাদেশকে হতাশ করে লিডের পথে দলকে এগিয়ে নিচ্ছেন টিম সাউদি ও কাইল জেমিসন। দুজনের জুটিতে এরই মধ্যে তিনশ ছুঁয়েছে নিউ জিল্যান্ড।
৯৫ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৩০১ রান। আর ৯ রানে পিছিয়ে আছে তারা। জেমিসন ২২ ও সাউদি ২১ রানে অপরাজিত। অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ৩৭ রান।
৪৪ রান পিছিয়ে থেকে দিন শুরু করে আস্থার সঙ্গেই ব্যাটিং করছেন সফরকারীদের নিচের দিকের দুই ব্যাটসম্যান। তাদের কাজ সহজ করেছে বাংলাদেশের রক্ষণাত্মক মানসিকতা।
রান আটকানোর পরিকল্পনায়ই হয়তো দিনের শুরু থেকে ছড়ানো ফিল্ড সাজিয়ে বোলিং করতে থাকে বাংলাদেশ। এর সুযোগ কাজে লাগিয়ে অনাসায়ে এক-দুই রান বের করেন সাউদি ও জেমিসন।
আগের দিন শেষ দিকের তুলনায় বৃহস্পতিবার সকালে টার্ন কমেছে কিছুটা। কিছু ডেলিভারি বড় বড় টার্ন করলেও তাতে ভয়ের কিছু হয়নি নিউ জিল্যান্ডের জন্য।
30 Nov 2023, 10:26 AM
লিড নিল নিউ জিল্যান্ড
আগের দিনই নিউ জিল্যান্ডের প্রধান কোচ লুক রনকি বলেছিলেন, কাইল জেমিসন ও টিম সাউদির ব্যাটিংয়ে ভরসা আছে তাদের। দলের এই আস্থার পূর্ণ প্রতিদান দিচ্ছেন নিচের সারির দুই ব্যাটসম্যান।
এরই মধ্যে দুজনের জুটিতে লিড নিলো নিউ জিল্যান্ড। একটু একটু করে এখন এগিয়ে যাওয়ার পালা তাদের।
৯৯ ওভারে সফরকারীদের সংগ্রহ ৮ উইকেটে ৩১৩ রান। সাউদি ৩২, জেমিসন ২৩ রানে অপরাজিত।
30 Nov 2023, 10:38 AM
প্রথম ঘণ্টায় সাফল্যহীন বাংলাদেশ
আরও একটি পঞ্চাশ ছোঁয়া জুটি গড়ল নিউ জিল্যান্ড। তৃতীয় দিন সকালে প্রথম ঘণ্টায় আস্থার সঙ্গে ব্যাটিং করে জুটির পঞ্চাশ পূর্ণ করলেন কাইল জেমিসন, টিম সাউদি।
১০১ ওভারে সফরকারীদের সংগ্রহ ৮ উইকেটে ৩১৬ রান। লিড এখন ৬ রানের। সাউদ ও জেমিসনের অবিচ্ছিন্ন জুটি ৫২ রানের।
সাউদি ৩৪ ও জেমিসন খেলছেন ২৪ রানে।
30 Nov 2023, 10:41 AM
জুটি ভাঙলেন মুমিনুল
পানি বিরতির পর প্রথম বলেই আঘাত করলেন মুমিনুল হক। অফ স্টাম্পের বাইরে পিচ করে লাইন ধরে ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টায় ব্যর্থ হন কাইল জেমিসন। বল প্যাডে আঘাত করতেই জোরাল আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার।
খালি চোখে স্পষ্ট আউট মনে হলেও স্রেফ নেওয়ার জন্যই যেন রিভিউ নেন জেমিসন। রিপ্লে দেখে আবারও আউটের সিদ্ধান্ত জানান টিভি আম্পায়ার।
জেমিসনের বিদায়ে ভাঙল ৫২ রানের নবম উইকেট জুটি। ৭০ বলে ২৩ রান করে ফিরলেন জেমিসন।
নিউ জিল্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ৩১৬ রান।
30 Nov 2023, 10:43 AM
সাউদিকেও ফেরালেন মুমিনুল
নাজমুল হোসেন শান্তর জন্য 'গোল্ডেন আর্ম' নিয়ে এলেন মুমিনুল হক। পানি বিরতির পর প্রথম ওভারেই তিনি আউট করে দিলেন দুই অপরাজিত ব্যাটসম্যান কাইল জেমিসন ও টিম সাউদিকে।
ফুল লেংথ ডেলিভারি ক্রস ব্যাটে খেলতে গিয়ে পরাস্ত হন সাউদি। বল আঘাত করে স্টাম্পে। কিউই অধিনায়ক করেন ৩৫ রান। নিউ জিল্যান্ড অল আউট ৩১৭ রানে।
৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করবে বাংলাদেশ।
30 Nov 2023, 10:48 AM
নিউ জিল্যান্ডের ৭ রানের লিড
তৃতীয় দিন সকালে শেষ ২ উইকেটে ১৭.৫ ওভার ব্যাটিং করে ৫১ রান নিলো নিউ জিল্যান্ড, পেলো ৭ রানের লিড। নির্বিঘ্নে প্রথম ঘণ্টা কাটিয়ে দেওয়ার পর মুমিনুল হকের এক ওভারেই ২ উইকেট হারায় তারা।
আগের দিন গ্লেন ফিলিপসের উইকেট নেওয়া মুমিনুল সব মিলিয়ে ৪ রানে ধরলেন ৩ শিকার। টেস্ট ক্রিকেটে এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং।
এছাড়া তাইজুল ইসলাম ৪ এবং বাকি তিন বোলার শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসানের শিকার ১টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৩১০
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন ২৬৬/৮) ১০১.৫ ওভারে ৩১৭ (জেমিসন ২৩, সাউদি ৩৫, এজাজ ০*; শরিফুল ১৩-২-৫৪-১, মিরাজ ২২-৩-৬৪-১, তাইজুল ৩৯-৯-১০৯-৪, নাঈম ২৪-৩-৭৩-১, মুমিনুল ৩.৫-১-৪-৩)
30 Nov 2023, 11:06 AM
দ্বিতীয় ওভারেই বাংলাদেশের লিড
ইনিংসের শুরুতেই লিড নিলো বাংলাদেশ। কাইল জেমিসনের করা দ্বিতীয় ওভারে প্রথম তিন বলে জোড়া বাউন্ডারি মেরে নিউ জিল্যান্ডের ৭ রান টপকে গেল স্বাগতিকরা।
২ ওভারে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১০ রান। জাকির হাসান ৮, মাহমুদুল হাসান জয় ২ রানে খেলছেন।
30 Nov 2023, 11:44 AM
নির্বিঘ্নে প্রথম সেশন পার বাংলাদেশের
নিউ জিল্যান্ডকে অল আউট করার পর প্রথম সেশনের বাকি অংশে কোনো বিপদ ঘটতে দেননি জাকির হাসান, মাহমুদুল হাসান জয়। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশের লিড ১২ রানের।
১০ ওভারে দুই ওপেনার যোগ করেছেন ১৯ রান। জাকির ১৪ ও জয় ৫ রানে অপরাজিত।
ইনিংসের দ্বিতীয় ওভারেই কাইল জেমিসনকে জোড়া বাউন্ডারি মারেন জাকির হাসান। এরপর দুই ওপেনারই রয়েসয়ে পার করেন বাকি ৮ ওভার।
জুটি ভাঙতে মরিয়া কিউই অধিনায়ক পঞ্চম ওভারেই আক্রমণে আনেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলকে। কোনো লাভ হয়নি তাতে। দেখেশুনে তার ওভার কাটিয়ে দেন জয়, জাকির।
নিউ জিল্যান্ডের পেসাররা পেয়েছেন বাড়তি বাউন্স, তীক্ষ্ন বাঁক নিয়েছে প্যাটেলের বল। কিন্তু সব চ্যালেঞ্জ দারুণ দৃঢ়তায় সামাল দিয়েছেন দুই তরুণ ওপেনার।
30 Nov 2023, 12:20 PM
লাঞ্চের পর খেলা শুরু
বিরতির পরও প্রথম সেশনের শেষ দিকের মতোই দুই প্রান্তে পেস-স্পিনের মিশেলে বোলিং শুরু করেছে নিউ জিল্যান্ড। এক প্রান্তে বোলিং করছে এজাজ প্যাটেল, আরেকপ্রান্তে টিম সাউদি।
30 Nov 2023, 12:29 PM
আবারও এজাজের শিকার জাকির
প্রথম ইনিংসের পুনরাবৃত্তিই যেন করলেন এজাজ প্যাটেল। অফ স্টাম্পের বাইরে থেকে নিখুঁত টার্নে ভেতরে ঢোকা বলে ফেরালেন জাকির হাসানকে। প্রথম ইনিংসে কাট মারতে গিয়ে বোল্ড হন জাকির। এবার পেছনের পায়ে খেলতে গিয়ে হলেন এলবিডব্লিউ।
জাকিরের বিদায়ে ২৩ রানে ভাঙল উদ্বোধনী জুটি। ২ চারে বাঁহাতি ওপেনার করলেন ১৭ রান।
তিন নম্বরে নেমেছেন নাজমুল হোসেন শান্ত। মাহমুদুল হাসান জয় খেলছেন ৮ রানে।
১৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৬ রান।
30 Nov 2023, 12:45 PM
রান আউটে কাটা জয়
দুর্ভাগ্যজনক রান আউট হলেন মাহমুদুল হাসান জয়। নাজমুল হোসেন শান্তর স্ট্রেইট ড্রাইভ ফলো থ্রুতে হাত ছোঁয়ান টিম সাউদি। বল আঘাত করে নন স্ট্রাইক প্রান্তের স্টাম্পে। তখন ক্রিজের বাইরে দাঁড়িয়ে জয়!
টিভি রিপ্লে দেখে রান আউটের সিদ্ধান্ত জানান টিভি আম্পায়ার। সমাপ্তি ঘটে জয়ের ৪৬ বলে ৮ রানের ইনিংসের।
ক্রিজে নতুন ব্যাটসম্যান মুমিনুল হক। নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটি বাধবেন তিনি।
১৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৩ রান।
30 Nov 2023, 01:04 PM
নিউ জিল্যান্ডের ব্যর্থ রিভিউ
এজাজ প্যাটেলের অফ স্টাম্পের বাইরে পিচ করে টার্নের সঙ্গে ভেতরে ঢোকা ডেলিভারি শট না খেলে প্যাড-আপ করলেন মুমিনুল হক। খালি চোখেই দেখা গেল, ইমপ্যাক্ট হবে অফ স্টাম্প লাইনের বাইরে। কিন্তু শট না খেলায় ইমপ্যাক্ট আর ধর্তব্য নয়। তাই এলবিডব্লিউর আশায় রিভিউ নিলো নিউ জিল্যান্ড।
রিপ্লেতে দেখা যায়, ওই ডেলিভারির 'উইকেট' ছিল মিসিং। ফলে বিপদ ঘটেনি মুমিনুলের। বৃথা যায় সফরকারীদের রিভিউ।
২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪৮ রান। মুমিনুল ৯, নাজমুল হোসেন শান্ত ১৪ রানে খেলছেন।
30 Nov 2023, 01:13 PM
৩ চারে এজাজের ওভারে ১৫
দ্রুত রান তোলার দিকে যেন মনোযোগ দিলেন নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক। বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলের ওভারে দুজন মিলে ৩ চারে নিলেন ১৫ রান। এর সৌজন্যে দলীয় পঞ্চাশ পূর্ণ করল বাংলাদেশ। একইসঙ্গে লিডও ছাড়াল পঞ্চাশ।
প্রথম বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে মিড অফের ওপর দিয়ে বাউন্ডারি মারেন মুমিনুল। পরেরটি আসে পুল শটে স্কয়ার লেগ দিয়ে। তিনি সিঙ্গেল নিয়ে স্ট্রাইক ছাড়েন শান্তকে। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক চার মারেন রিভার্স সুইপ করে।
দুই বাঁহাতির এমন আগ্রাসী ব্যাটিংয়ের পরের ওভারেই 'ম্যাচ-আপ' ভাবনায় অফ স্পিনার গ্লেন ফিলিপসকে আক্রমণে আনেন টিম সাউদি। দেখে শুনে ওই ২২তম ওভার থেকে ৩ রান নেন শান্ত, মুমিনুল।
২২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৫ রান। দুই ব্যাটসম্যানই অপরাজিত ২০ রানে।
30 Nov 2023, 01:31 PM
শান্ত-মুমিনুলের জুটির পঞ্চাশ
দুই ওভারে দুই ওপেনারের বিদায়ের পর প্রতিরোধ গড়ছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।পাল্টা আক্রমণে এরই মধ্যে পূর্ণ হয়েছে এই জুটির পঞ্চাশ রান।
স্রেফ ৬২ বলে এই মাইলফলক স্পর্শ করেছেন শান্ত ও মুমিনুল।
২৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৯ রান। শান্ত ৪৪ বলে ৩৬ ও মুমিনুল ৩৪ বলে ২৭ রানে খেলছেন।
30 Nov 2023, 02:03 PM
৩২ ওভারে বাংলাদেশের একশ
মুমিনুল হক, নাজমুল হোসেন শান্তর জুটিতে ভালোভাবে এগোচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে তারা পূর্ণ করেছে স্বাগতিকরা।
৩২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০০ রান। শান্ত ৪৩, মুমিনুল ৩২ রানে খেলছেন। দুজনের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ৭৪ রান।
30 Nov 2023, 02:33 PM
লিড একশ পেরিয়ে চা বিরতিতে বাংলাদেশ
দুই ওপেনারের উইকেট হারালেও মুমিনুল হক, নাজমুল হোসেন শান্তর দারুণ ব্যাটিংয়ে দ্বিতীয় সেশন নিজেদের করে নিলো বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির পর ২৮ ওভারে ২ উইকেটে তারা করল ৯২ রান।
চা বিরতি পর্যন্ত ৩৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১১১ রান। এরই মধ্যে একশ ছাড়িয়েছে স্বাগতিকদের লিড। ১০৪ রানে এগিয়ে থেকে শেষ সেশনের খেলা শুরু করবেন শান্ত, মুমিনুল।
পরপর দুই ওভারে জাকির হাসান, মাহমুদুল হাসান জয় আউট হওয়ার পর পাল্টা আক্রমণ শুরু করেন শান্ত। অন্য প্রান্তে মুমিনুলও করেন ইতিবাচক ব্যাটিং। স্রেফ ৬২ বলে পূর্ণ হয় তাদের জুটির পঞ্চাশ রান।
বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলের ওপর বেশি চড়াও হন দুজনেই। তার করা ২২তম ওভার থেকে ৩ চারে আসে ১৫ রান। অফ স্পিনার গ্লেন ফিলিপসের ওভারেও জোড়া চার মারেন দুই বাঁহাতি ব্যাটসম্যান।
ফিফটির দুয়ারে দাঁড়িয়ে ৪৮ রানে অপরাজিত শান্ত। মুমিনুল নামবেন ৩৮ রানে। দুজনের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ৮৫ রান।
30 Nov 2023, 02:43 PM
অধিনায়ক শান্তর 'প্রথম' ফিফটি
অধিনায়কত্বের প্রথম ম্যাচে পঞ্চাশের দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত। ইতিবাচক ব্যাটিংয়ে ৯৫ বলে মাইলফলক স্পর্শ করলেন বাঁহাতি টপ-অর্ডার ব্যাটসম্যান।
শুরুতে পাল্টা আক্রমণের পথ বেছে নেওয়া শান্ত পঞ্চাশে পৌঁছান ৫ চারে।
বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে নেতৃত্বের প্রথম ম্যাচে ফিফটি করলেন শান্ত। আগের চার জন- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস।
৪০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১১৪ রান। লিড এখন ১০৭ রানে। মুমিনুল হক ৩৯ রানে অপরাজিত।
30 Nov 2023, 02:54 PM
মুমিনুলের অহেতুক রান আউট
এজাজ প্যাটেলের হালকা ঝুলিয়ে দেওয়া ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে অন ড্রাইভ করলেন মুমিনুল হক। বল গেল সোজা মিড অনে থাকা হেনরি নিকোলসের হাতে। তার আগেই রানের জন্য ছুটে পিচের মাঝামাঝি চলে যান মুমিনুল।
অন্য প্রান্তে নাজমুল হোসেন শান্ত তখন নিজের ক্রিজে দাঁড়িয়ে। সোজা ফিল্ডার বরাবর যাওয়া বলে রান নেওয়ার সুযোগও ছিল না। বিপদ বুঝতে পেরে মুমিনুল নিজের ক্রিজে ফেরার চেষ্টা করলেও সফল হননি। নিকোলসের থ্রো ধরে স্টাম্প ভেঙে দেন টম ব্লান্ডেল।
৬৮ বলে ৪০ রান করে ফিরেছেন মুমিনুল। তার বিদায়ে ভেঙেছে ৯০ রানের তৃতীয় উইকেট জুটি। ক্রিজে নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
৪১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১৬ রান। শান্ত অপরাজিত ৫১ রানে।
30 Nov 2023, 04:03 PM
শান্ত-মুশফিক জুটির পঞ্চাশ
মিডল অর্ডারে আরেকটি পঞ্চাশ ছোঁয়া জুটি পেল বাংলাদেশ। জুটি বেধে এই মাইলফলক স্পর্শ করলেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম। লিডও ছাড়াল দেড়শ রানের ঘর।
জুটির পঞ্চাশ রান পূর্ণ করতে দুজন মিলে খেলেছেন ৯৭ বল।
৫৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৭১ রান। লিড এখন ১৬৪ রানের। শান্ত ৭৫, মুশফিক ৩১ রানে অপরাজিত।
30 Nov 2023, 04:48 PM
দারুণ ব্যাটিংয়ে শান্তর সেঞ্চুরি
এজাজ প্যাটেলের অফ স্টাম্পের বল কভারের দিকে ঠেলেই ছুটলেন নাজমুল হোসেন শান্ত। মাঝ পিচে থাকতেই খুলে নিলেন হেলমেট। অন্য প্রান্তের পপিং ক্রিজে ঢুকতেই পূর্ণ হলো তার সেঞ্চুরি। চিরচেনা লাফ দিয়ে সারলেন প্রাথমিক উদযাপন। পরে সবসময়ের মতোই ব্যাটে আঁকলেন চুমু।
জাদুকরী এই তিন অঙ্ক ছুঁতে শান্ত খেলেন ১৯২ বল। ৯ চারে পৌঁছান তিন অঙ্কে।
এক পর্যায়ে ৪৮ বলে ৪০ রান ছিল শান্তর। সেখান থেকে নিজেকে গুটিয়ে নিয়ে লম্বা সময় খেলার পথে হাঁটেন বাংলাদেশ অধিনায়ক। ৪০ থেকে ৫০ রানে যেতে তিনি খেলেন আরও ৪৭ বল।
পরের পঞ্চাশ রান করতে তিনি খেললেন ৯৭ বল।
টেস্ট ক্যারিয়ারে এটি তার পঞ্চম সেঞ্চুরি। সবশেষ চার ইনিংসে তৃতীয়। তিন সংস্করণ মিলিয়ে চলতি বছর পাঁচটি তিন অঙ্ক ছোঁয়া ইনিংস খেললেন তিনি।
30 Nov 2023, 04:48 PM
বাংলাদেশের 'প্রথম' অধিনায়ক শান্ত
অধিনায়কত্বের অভিষেকেই সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত।
আগের ১২ অধিনায়কের মধ্যে ৪ জন পঞ্চাশ পেরোলেও তিন অঙ্ক ছুঁতে পারেননি। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বোচ্চ অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান।
এছাড়া ফিফটি করা অন্য তিন জন- মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও লিটন কুমার দাস।
30 Nov 2023, 04:59 PM
দুইশ ছাড়িয়ে লিড, চালকের আসনে বাংলাদেশ
সিলেট টেস্টে আরও একটি দারুণ দিন পার করল বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ঝলমলে সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে দুইশ ছাড়াল লিড।
ম্যাচের তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬৮ ওভারে ৩ উইকেটে ২১২ রান। এরই মধ্যে স্বাগতিকরা পেয়েছে ২০৫ রানের লিড।
ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করে শান্ত অপরাজিত ১০৪ রানে। ফিফটির সম্ভাবনা জাগিয়ে ৪৩ রানে চতুর্থ দিনে খেলতে নামবেন মুশফিকুর রহিম।
চতুর্থ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ৯৬ রান।
দিনের শুরুটা কিছুটা হতাশাব্যঞ্জক ছিল বাংলাদেশের। শেষ ২ উইকেটে ৫১ রান যোগ করেছিল নিউ জিল্যান্ড। যার সৌজন্যে তারা পেয়েছিল ৭ রানের লিড।
পরে ব্যাটিংয়ে নেমে ত্রিশের আগেই দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। এজাজ প্যাটেলের নিখুঁত টার্নে এলবিডব্লিউ হন জাকির হাসান। শান্তর স্ট্রেইট ড্রাইভে টিম সাউদি হাত ছুঁয়ে স্টাম্পে লাগলে রান আউট হন মাহমুদুল হাসান জয়।
দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়ে চাপ সামাল দেন শান্ত ও মুমিনুল হক। অহেতুক রান আউটে ৪০ রানে থামে মুমিনুলের চমৎকার ইনিংস।
এরপর দিনের বাকি থাকা ২৭ ওভারে আর কোনো বিপদ ঘটতে দেননি শান্ত ও মুশফিক। দুজনের আস্থাপূর্ণ ব্যাটিংয়ে বড় লিডের ভিত গড়েই দিন শেষ করে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৩১০
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৩১৭
বাংলাদেশ ২য় ইনিংস: ৬৮ ওভারে ২১২/৩ (জয় ৮, জাকির ১৭, শান্ত ১০৪*, মুমিনুল ৪০, মুশফিক ৪৩*; সাউদি ১২-৩-২২-০, জেমিসন ৯-৩-১৯-০, এজাজ ২৩-১-৯৪-১, ফিলিপস ১২-৩৬-০-, সোধি ১২-১-৪১-০)
30 Nov 2023, 05:08 PM
দুর্দান্ত শান্তর আরেকটি রেকর্ড
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন নাজমুল হোসেন শান্ত। চলতি বছর ওয়ানডেতে দুটি ও টেস্টে তিনটি সেঞ্চুরি করেছেন তরুণ বাঁহাতি ব্যাটসম্যান।
এত দিন ধরে এক পঞ্জিকাবর্ষে সমান ৪টি করে সেঞ্চুরির রেকর্ড ছিল শাহরিয়ার নাফীস (২০০৬), তামিম ইকবাল (২০১০) ও মুমিনুল হকের (২০১৮)। এদের মধ্যে মুমিনুলের ৪টি সেঞ্চুরিই ছিল টেস্টে।