28 Nov 2023, 09:35 AM
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩১০/৯
28 Nov 2023, 09:20 AM
টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে বাংলাদেশ
বিশ্বকাপে ভরাডুবির পর এবার ভিন্ন সংস্করণে মাঠে নামছে বাংলাদেশ। নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রও শুরু হচ্ছে তাদের।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শুরু প্রথম ম্যাচ।
চোট ও ছুটির কারণে নিয়মিত দলের পাঁচ ক্রিকেটারকে পাচ্ছে না স্বাগতিকরা। ফলে একরকম অনভিজ্ঞ দল নিয়েই খেলতে নামছে তারা। বিপরীতে নিউ জিল্যান্ড এসেছে পূর্ণশক্তির দল নিয়ে।
গত বছর নিউ জিল্যান্ড সফরে গিয়ে টেস্ট সিরিজ ১-১ ড্র করে ফিরেছিল বাংলাদেশ। এবার সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
28 Nov 2023, 09:21 AM
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টেস্ট অধিনায়কত্বের প্রথম ম্যাচে কয়েনভাগ্য পাশে পেলেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি।
শুষ্ক উইকেটে আগে ব্যাটিং করে ভালো স্কোর দাঁড় করানোর লক্ষ্য বাংলাদেশ অধিনায়কের। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ১৩তম অধিনায়ক তিনি।
নিউ জিল্যান্ড অধিনায়ক টিম সাউদি জানিয়েছেন, টস জিতলে তিনিও আগে ব্যাটিং করতেন। তবে বোলিংয়ে নেমে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর লক্ষ্য তার দলের।
28 Nov 2023, 09:21 AM
শাহাদাতের অভিষেক, এক পেসারের বাংলাদেশ
প্রথম ম্যাচে টেস্ট ক্যাপ পেলেন শাহাদাত হোসেন। এই সংস্করণে বাংলাদেশের ১০২তম ক্রিকেটার তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে ২২ ম্যাচে দুই সেঞ্চুরিতে ৩৬.৩৯ গড়ে ১ হাজার ৩৮৩ রান করেছেন ২১ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যান।
শাহাদাতের অভিষেকের ম্যাচে তিন স্পিনারের সঙ্গে এক পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসানের সঙ্গে বোলিং আক্রমণে আছেন শরিফুল ইসলাম।
এই ম্যাচ দিয়ে প্রায় দেড় বছর পর টেস্ট খেলতে নামছেন নাঈম। গত বছরের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ জাতীয় দলে খেলেছেন ২৩ বছর বয়সী অফ স্পিনার।
বাংলাদেশ একাদশ: জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরিফুল ইসলাম।
28 Nov 2023, 09:21 AM
দুই পেসার, দুই স্পিনার নিয়ে নামছে নিউ জিল্যান্ড
বোলিং আক্রমণে পেস ও স্পিনে সমতা রেখেছে নিউ জিল্যান্ড। দুই পেসার টিম সাউদি, কাইল জেমিসনের সঙ্গে স্পিনে আছেন লেগ স্পিনার ইশ সোধি ও বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল।
এছাড়া দলের প্রয়োজনে হাত ঘোরাতে পারেন অফ স্পিনার গ্লেন ফিলিপস ও মিডিয়াম পেসার ড্যারেল মিচেল।
নিউ জিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারেল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, টিম সাউদি, এজাজ প্যাটেল।
28 Nov 2023, 09:44 AM
শুরুতেই নিউ জিল্যান্ডের ব্যর্থ রিভিউ
দিনের দ্বিতীয় ওভারে কাইল জেমিসনের মিডল স্ট্যাম্পের ওপর করা ডেলিভারি ক্রস ব্যাটে অন সাইডে খেলার চেষ্টা করলেন জাকির হাসান। ব্যাট ঘেঁষে বল আঘাত হানল প্যাডে। নিউ জিল্যান্ডের জোরাল আবেদনে সাড়া দিলেন না আম্পায়ার।
বেশ কিছুক্ষণ ভেবে রিভিউ নিলেন নিউ জিল্যান্ড অধিনায়ক টিম সাউদি। টিভি রিপ্লেতে দেখা যায়, প্যাডে আঘাত করার আগে জাকিরের ব্যাটের ভেতরের কানা ছুঁয়েছে। ফলে ব্যর্থ হয় নিউ জিল্যান্ডের রিভিউ।
তখনও রানের খাতা খুলতে পারেননি জাকির।
২ ওভারে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫ রান। জাকির ১, মাহমুদুল হাসান জয় ৪ রানে খেলছেন।
28 Nov 2023, 10:17 AM
সপ্তম ওভারেই আক্রমণে স্পিন
বাংলাদেশের একাদশে এক পেসারের সঙ্গে তিন স্পিনার দেখেই ধারণা পাওয়া যাচ্ছিল, সিলেটের উইকেটে থাকতে পারে স্পিনের বাড়তি সুবিধা। ম্যাচের শুরুতেই আরও পরিষ্কার হয়েছে এই বার্তা।
প্রথম দিনের আধঘণ্টা পেরোতেই সপ্তম ওভারে একপ্রান্ত থেকে পেসার সরিয়ে বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলকে বোলিংয়ে এনেছে নিউ জিল্যান্ড। নিজের প্রথম ওভারেই টার্ন পেয়েছেন এজাজ। পরের ওভারে টার্নের সঙ্গে খানিক নিচুও হয়েছে একাধিক ডেলিভারি।
এক পাশে স্পিন, আরেক পাশে পেস আক্রমণ সামলে এখন পর্যন্ত উইকেট অক্ষত রেখেছেন বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান জয়, জাকির হাসান।
৯ ওভারে স্বাগতিকদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২৩ রান। জয় ১০, জাকির ৯ রানে অপরাজিত।
28 Nov 2023, 10:37 AM
এজাজের ঘূর্ণিতে বোল্ড জাকির
ত্রয়োদশ ওভারে এজাজ প্যাটেলের নিখুঁত টার্নিং ডেলিভারিতে সমাপ্তি ঘটল জাকির হাসানের অস্বস্তিকর ইনিংসের। ১ চারে ৪১ বলে ১২ রান করেছেন বাঁহাতি ওপেনার। তার বিদায়ে ভাঙল ৩৯ রানের উদ্বোধনী জুটি।
অফ স্ট্যাম্পে পিচ করা ডেলিভারি পেছনের পায়ে কাট মারতে চেয়েছিলেন জাকির। কিন্তু টার্ন করে ভেতরে ঢুকে যাওয়া বলে জায়গাই পাননি তিনি। বল আঘাত করে অফ স্টাম্পে। বিদায় ঘণ্টা বাজে জাকিরের।
ইনিংসের শুরু থেকেই নড়বড়ে ছিলেন জাকির। কাইল জেমিসনের করা দ্বিতীয় ওভারেই তিনি ফিরতে পারতেন এলবিডব্লিউ হয়ে। অল্পের জন্য বেঁচে যান ব্যাটের কানা ছুঁয়ে যাওয়ার কারণে। পরে টিম সাউদির বলেও স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি জাকির।
তিন নম্বরে নেমেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৯ রানে খেলছেন মাহমুদুল হাসান জয়।
জাকিরের বিদায়েই শেষ হয় দিনের প্রথম ঘণ্টা। দিনের প্রথম ওভারে জয়ের দারুণ কভার ড্রাইভে যাত্রা শুরু করে বাংলাদেশ। এরপর জাকির নড়বড়ে ব্যাটিং করলেও দেখেশুনে আস্থার সঙ্গে ব্যাটিং করেন জয়।
১৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৯ রান।
28 Nov 2023, 10:53 AM
শান্তর ছক্কা-চারে বাংলাদেশের পঞ্চাশ
এজাজ প্যাটেলের অফ স্ট্যাম্পের বাইরের বল ক্রিজ ছেড়ে বেরিয়ে লং অন দিয়ে উড়িয়ে মারলেন নাজমুল হোসেন শান্ত। বল আছড়ে পড়ল সোজা সীমানার ওপারে। এক বল পর আবার এগিয়ে মারলেন শান্ত। এবার গন্তব্য এক্সট্রা কভার দিয়ে বাউন্ডারি।
অধিনায়কের ছক্কা ও চারে পঞ্চদশ ওভারে পঞ্চাশ পূর্ণ করেছে বাংলাদেশ। বিপরীতে হারিয়েছে জাকির হাসানের উইকেট।
১৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫১ রান। শান্ত ১১, মাহমুদুল হাসান জয় ১৯ রানে অপরাজিত।
28 Nov 2023, 11:23 AM
জয়-শান্তর জুটিতে পঞ্চাশ
নিউ জিল্যান্ডের স্পিনের বিপক্ষে পাল্টা আক্রমণের পথ ধরেছেন নাজমুল হোসেন শান্ত। অন্য প্রান্তে আস্থার সঙ্গে ব্যাটিং করছেন মাহমুদুল হাসান জয়। দুজনের ইতিবাচক ব্যাটিংয়ে পূর্ণ হয়েছে জুটির পঞ্চাশ রান।
৬৬ বলের জুটিতে শান্তর অবদান ৩৭ রান, স্রেফ ৩৩ বলে। আর জয় ৩৩ বলে করেছেন ১৩ রান।
২৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৯২ রান। শান্ত ৩৭ ও জয় ৩৪ রানে খেলছেন।
28 Nov 2023, 11:28 AM
ছক্কার চেষ্টায় শান্তর অক্কা
এজাজ প্যাটেলের বলে ছক্কা মেরে রানের খাতা খোলেন নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি স্পিনারের বলে পরে তিনি মারেন আরও দুটি ছক্কা। শেষ পর্যন্ত এই ছক্কা মারতে গিয়েই উইকেট বিলিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক।
গ্লেন ফিলিপসের ফুল টস ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে উড়িয়ে মারার চেষ্টা করেন শান্ত। কিন্তু বল লাগে তার ব্যাটের নিচের দিকের কানায়। লম্বা সময় হাওয়ায় ভেসে থাকা বল মিড-অনে নিরাপদে তালুবন্দী করেন কেন উইলিয়ামসন।
ফেরার আগে ২ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে ৩৭ রান করেন শান্ত। তার বিদায়ে ভাঙল ৫৩ রানের দ্বিতীয় উইকেট জুটি। চার নম্বরে নেমেছেন মুমিনুল হক।
২৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৯ রান। মাহমুদুল হাসান জয় অপরাজিত ৩৮ রানে।
28 Nov 2023, 11:44 AM
প্রথম সেশনে বাংলাদেশের ২ উইকেটে ১০৪
অতি-আক্রমণাত্মক খেলতে গিয়ে নাজমুল হোসেন শান্ত উইকেট ছুড়ে না এলে প্রথম সেশন পুরোপুরিই হতে পারত বাংলাদেশের। প্রথম দিনের প্রথম সেশনে শতরান এলেও বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানের বিদায়ের জন্য একটু আক্ষেপ থাকছেই স্বাগতিকদের।
টস জিতে ব্যাটিংয়ে নেমে লাঞ্চ-বিরতির আগে ২৭ ওভারে ১০৪ রান করেছে বাংলাদেশ। শান্তর আগে ফিরে গেছেন জাকির হাসান। ফিফটির সম্ভাবনা জাগিয়ে ক্রিজে টিকে আছেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়।
দিনের প্রথম ওভারেই দারুণ কভার ড্রাইভে চার মারেন জয়। অন্য প্রান্তে জাকিরের ব্যাটিং ছিল নড়বড়ে। দ্বিতীয় বলেই এলবিডব্লিউর জোরাল আবেদন থেকে বেঁচে যান তিনি। এরপরও গুছিয়ে উঠতে পারেননি বাঁহাতি ওপেনার।
উইকেটে স্পিনের আশায় সপ্তম ওভারেই এজাজ প্যাটেলকে আক্রমণে আনে নিউ জিল্যান্ড। তার নিখুঁত টার্ন করা ডেলিভারি কাট করতে গিয়ে বোল্ড হলে শেষ হয় তার ১২ রানের অস্বস্তিকর ইনিংস।
জাকির ফেরার পর ক্রিজে গিয়েই পাল্টা আক্রমণের পথ ধরেন শান্ত। এজাজকে ছক্কা মেরে তিনি খোলেন রানের খাতা। পরে বাঁহাতি স্পিনারকে ক্রিজ ছেড়ে বেরিয়ে মারেন আরও দুটি ছক্কা।
এই অতি আগ্রাসী হওয়াই শেষ পর্যন্ত বিপদ ডেকে আনে তার। গ্লেন ফিলিপসের ফুল টসে ছক্কা মারতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। ২ চার ও ৩ ছক্কায় তিনি করেন ৩৭ রান।
এরপর বিরতির আগে আর বিপদ ঘটতে দেননি জয় ও মুমিনুল। ৭ চারে ৭৮ বলে ৪২ রানে খেলছেন জয়। মুমিনুল করেছেন ৮ বলে ৩ রান।
28 Nov 2023, 12:12 PM
উইকেটে বাউন্স সমান, আছে টার্নও
প্রথম সেশনে টার্নের দেখা মিললেও তেমন ভয়ের কারণ হয়নি সিলেটের উইকেট। বরং বাউন্স সমান থাকায় আস্থার সঙ্গে ব্যাটিং করতে পেরেছেন মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্তরা।
কাইল জেমিসন, টিম সাউদির নতুন বলের স্পেলে বলের ক্যারি ছিল দারুণ। মাঝেমধ্যে এক-দুটি ডেলিভারি নিচু হয়েছে বটে। তবে মাথাব্যথার কারণ হয়নি সেগুলো।
সপ্তম ওভারে এজাজ প্যাটেল আক্রমণে আসার পর শুরু থেকেই দারুণ টার্নের দেখা পান। তবে অন্য দুই স্পিনার ইশ সোধি, গ্লেন ফিলিপসের ওভারে তেমন টার্ন দেখা যায়নি।
সব মিলিয়ে প্রথম সেশনে ব্যাটিংয়ের জন্য তেমন কঠিন ছিল না উইকেট। ওভারপ্রতি প্রায় ৪ ছুঁইছুঁই রান তুলে এর সুবিধা অনেকটাই কাজে লাগিয়েছে বাংলাদেশ।
28 Nov 2023, 12:30 PM
লাঞ্চের পর খেলা শুরু
বিরতির পর দুই প্রান্তে পেস-স্পিনের মিশেলে বোলিং শুরু করেছে নিউ জিল্যান্ড। এক প্রান্তে বোলিং করছেন কাইল জেমিসন, আরেকপ্রান্তে এজাজ প্যাটেল।
28 Nov 2023, 12:30 PM
জয়ের পঞ্চাশ
এজাজ প্যাটেলের বলে দারুণ কাভার ড্রাইভে বাউন্ডারি মেরে পঞ্চাশে পা রাখলেন মাহমুদুল হাসান জয়। ৯৩ বলে তিনি ছুঁয়েছেন এই মাইলফলক।
দশম টেস্টে তার চতুর্থ ফিফটি এটি, সঙ্গে সেঞ্চুরি আছে একটি।
সবশেষ টেস্টেও গত জুনে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান।
নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই ইনিংস খেলে ফিফটি পেলেন তিনি দুটিতেই। গত বছরের জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুই টেস্টে স্মরণীয় জয়ের পথে খেলেছিলেন ২২৮ বলে ৭৮ রানের ইনিংস।
28 Nov 2023, 01:26 PM
জয়-মুমিনুলের জুটিতে পঞ্চাশ
নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর কিছুটা কমেছে রানের গতি। ধীরে কিন্তু দৃঢ়ভাবে দলকে এগিয়ে নিচ্ছেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। তৃতীয় উইকেটে দুই জনে গড়েছেন পঞ্চাশ রানের জুটি, ১০৪ বলে।
জুটিতে অগ্রণী ওপেনার জয়, তার ব্যাট থেকে এসেছে ৩০ রান। মুমিনুলের অবদান ২০ রান, অতিরিক্ত থেকে এসেছে ১।
৪২ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৪৩। ১৩০ বলে ৬৪ রানে খেলছেন জয়। ৪৬ বলে মুমিনুলের রান ২০।
28 Nov 2023, 01:36 PM
একটুর জন্য বাঁচলেন মুমিনুল
আগেও একবার ব্যাটের কানা ছুঁয়ে উইকেটের পেছনে গিয়েছিল বল। তবে সেবার স্লিপ আর কিপারের মাঝ দিয়ে যাওয়ায় তেমন কোনো বিপদে পড়তে হয়নি মুমিনুল হককে। এবার বেঁচে গেলেন একটুর জন্য! টিম সাউদির বলে দারুণ চেষ্টার পরও সফল হননি ড্যারিল মিচেল।
অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে দিয়েছিলেন মুমিনুল। মাঝ ব্যাটে খেলতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। ব্যাটের কানা ছুঁয়ে দ্রুত গতিতে চলে যায় স্লিপে। সেখানে লাফ দিয়ে হাত ছোঁয়ালেও ক্যাচ নিতে পারেননি মিচেল। বল চলে যায় বাউন্ডারি।
সেই ওভারে পরে চমৎকার পুল থেকে আরেকটা বাউন্ডারি পান মুমিনুল।
৪৬ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৫৫। ১৪১ বলে ৬৬ রানে ব্যাট করছেন মাহমুদুল হাসান জয়। ৫৯ বলে ৩০ রানে খেলছেন মুমিনুল।
28 Nov 2023, 02:14 PM
শান্তর রানেই বিদায় মুমিনুলের
নাজমুল হোসেন শান্তর মতোই ঠিক ৩৭ রানে আউট হলেন মুমিনুল হক। বোলারও সেই একই, গ্লেন ফিলিপস।
শান্তর মতো দৃষ্টিকটূ শট অবশ্য খেলেননি মুমিনুল। তবে আলগা শটের দায় দেওয়া যায় তাকেও। প্রিয় কাট শট খেলতে গিয়েই নিজের বিপদ ডেকে আনেন তিনি। তবে বলটি কাট করার মতো যথেষ্ট শর্ট ছিল না, কাট খেলার মতো জায়গাও ছিল না। বল পিচ করে একটু স্কিডও করে। মুমিনুলের ব্যাটের কানায় লেগে বল আশ্রয় নেয় কিপারের গ্লাভসে।
ফিলিপস পেলেন দ্বিতীয় উইকেটের দেখা। জয়ের সঙ্গে মুমিনুলের জুটি শেষ হলো ৮৮ রানে।
নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
28 Nov 2023, 02:14 PM
এবার গেলেন জয়
মুমিনুলের আউটের রেশ কাটতে না কাটতেই বিদায় নিলেন মাহমুদুল হাসান জয়। শক্ত অবস্থান থেকেই হঠাৎ আবার নড়বড়ে বাংলাদেশ।
ইশ সোধি এই স্পেলে বেশ অস্বস্তিতে ফেলেছিলেন জয়কে। শেষ পর্যন্ত সফলও হলেন উইকেট নিতে। ঝুলিয়ে দেওয়া বলে সামনে পা বাড়িয়ে ডিফেন্স করার চেষ্টা করেন জয়। তবে আলতো হাতে না খেলে একটু জোরের সঙ্গে ব্যাট পেতে দেন তিনি। বল টার্ন করে ব্যাটের কানা নিয়ে চলে যায় স্লিপ ফিল্ডারের হাতে। মাটিতে পড়ার ঠিক আগে মুঠোয় বল জমান ড্যারিল মিচেল।
দারুণ খেলেও শেষ পর্যন্ত শতরানের দেখা পেলেন না জয়। তার ইনিংস শেষ হলো ১৬৬ বলে ৮৬ রান করে।
বাংলাদেশের রান ৪ উইকেটে ১৮৪।
নতুন ব্যাটসম্যান অভিষিক্ত শাহাদাত হোসেন।
28 Nov 2023, 02:20 PM
অস্বস্তি নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
সেশনটি হতে পারত পুরোপুরিই বাংলাদেশের। কিন্তু হতে হতেও হলো না শেষ সময়ে দুটি উইকেট হারিয়ে ফেলায়। ৩৭ রানে মুমিনুল হকের বিদায়ের পরের ওভারেই মাহমুদুল হাসান জয় আউট হন ৮৬ রানে। এর এক ওভার পরই চা বিরতির ঘোষণা দেন আম্পায়াররা। বাংলাদেশের রান ৪ উইকেটে ১৮৫।
প্রথম সেশনের মতো এই সেশনেও উইকেট পড়েছে দুটি। রান প্রথম সেশনে ২৭ ওভারে ছিল ১০৪। দ্বিতীয় সেশনে ২৮ ওভারে এসেছে ৮১ রান।
১ রান নিয়ে খেলছেন মুশফিকুর রহিম, টেস্ট ক্রিকেটে প্রথম রানের অপেক্ষায় শাহাদাত হোসেন।
28 Nov 2023, 02:40 PM
বাউন্ডারিতে শুরু শেষ সেশন
নতুন সেশনের প্রথম ওভারেই ইশ সোধির কাছ থেকে দুটি 'উপহার' সানন্দে লুফে নিলেন মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন। প্রথম বলটিই শর্ট পেয়ে বাউন্ডারি মারলেন তিনি পুল শটে। ওভারের পঞ্চম বলে একটি গুগলিতে পরাস্ত হয়ে শাহাদাত রক্ষা পেলেন একটুর জন্য। শেষ বলে আরেকটি শর্ট বল পেয়ে পুল করে বাউন্ডারি মারলেন শাহাদাত। টেস্ট ক্রিকেটে তার প্রথম বাউন্ডারি।
28 Nov 2023, 02:47 PM
ব্যর্থ রিভিউ নিউ জিল্যান্ডের
এজাজ প্যাটেলের বলে সুইপ করতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি মুশফিকুর রহিম। বল লাগে পায়ে। জোরাল আবেদনে আউট দেননি আম্পায়ারা। অনেক আলোচনা করে একদম শেষ সেকেন্ডে রিভিউ নেন কিউই অধিনায়ক টিম সাউদি। রিভিউতে দেখা যায়, ইম্প্যাক্ট আম্পায়ার্স কল, মানে অফ স্টাম্পের বাইরে।
নিউ জিল্যান্ড হারাল তিন রিভিউয়ের দুটিই।
28 Nov 2023, 02:51 PM
৫৮ ওভারে বাংলাদেশের দুইশ
দ্রুত দুই উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ার অভিযানে খেলছেন মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন। দুজনের জুটি গড়ার প্রয়াসে দুইশ পূর্ণ হয়েছে বাংলাদেশের।
৫৮ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ২০২ রান। মুশফিক ১১, শাহাদাত ৭ রানে অপরাজিত।
28 Nov 2023, 03:03 PM
উইকেট ছুড়ে এলেন মুশফিক
এজাজ প্যাটেলের অফ স্টাম্পের বাইরের বল ক্রিজ ছেড়ে বেরিয়ে মারলেন মুশফিকুর রহিম। কিন্তু দূরত্ব পেলেন না। ধরা পড়ে গেলেন মিড অফে দাঁড়ানো কেন উইলিয়ামসনের হাতে। তার বিদায়ে ৩০ রানের মধ্যে ৩ উইকেট হারাল বাংলাদেশ।
১ চারে ১২ বলে রান করেছেন মুশফিক। নুরুল হাসান সোহানের আগে সাত নম্বরে নেমেছেন মেহেদী হাসান মিরাজ। শাহাদাত হোসেন খেলছেন ১৫ রানে।
৬১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২১০ রান।
28 Nov 2023, 03:32 PM
মিরাজকে ফেরালেন জেমিসন
কাইল জেমিসনের শর্ট বলে বেশ কিছুক্ষণ ধরেই ভুগছিলেন মেহেদী হাসান মিরাজ। শেষ পর্যন্ত খাটো লেংথেরই এক ডেলিভারিতে ড্রেসিং রুমের পথ ধরেছেন তিনি।
অফ স্ট্যাম্পের বাইরে শর্ট অব লেংথ ডেলিভারি পুল খেলার চেষ্টায় অদ্ভুত অবস্থায় পড়ে যান মিরাজ। যতটা আশা করেছিলেন ততটা বাউন্স না করায় পুলও করতে পারেননি তিনি। শট থামিয়ে দেওয়ায় তার ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে।
২ চারে ৩০ বলে ২০ রান করেছেন মিরাজ। আট নম্বরে নেমেছেন নুরুল হাসান সোহান। শাহাদাত হোসেন খেলছেন ১৭ রানে।
৬৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৩৩ রান।
28 Nov 2023, 03:59 PM
ফিলিপসের তৃতীয় শিকার শাহাদাত
অভিষিক্ত শাহাদাত হোসেনকেও ফেরালেন গ্লেন ফিলিপস। ক্রিজ ছেড়ে বেরিয়ে অন সাইডে খেলার চেষ্টা করেন শাহাদাত। কিন্তু ঠিকভাবে খেলতে পারেননি। শর্ট মিড-উইকেটে সহজ ক্যাচ নেন হেনরি নিকোলস।
ইনিংসে ফিলিপসের তৃতীয় শিকার এটি। ৩ চারে ৫৪ বলে ২৪ রান করে ফিরেছেন শাহাদাত।
৭৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৬২ রান। নুরুল হাসান সোহান খেলছেন ২২ রানে। নতুন ব্যাটসম্যান নাঈম হাসান।
28 Nov 2023, 04:27 PM
সোহানকেও ফেরালেন ফিলিপস
বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে যেন যমদূত হয়ে উঠলেন গ্লেন ফিলিপস। নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, শাহাদাত হোসেনের পর নুরুল হাসান সোহানকেও ফেরালেন কিউই অফ স্পিনার।
ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে প্রথমবার বল হাতে নিয়েই ৪ উইকেট পেলেন ফিলিপস। তার লেগ স্টাম্পের বাইরের ডেলিভারিতে খোঁচা মেরে উইকেটরক্ষক গ্লাভসে ক্যাচ দিলেন ৫ চারে ২৮ বলে ২৯ রান করা সোহান।
৮০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৮১ রান। শেষ স্বীকৃত ব্যাটসম্যানের বিদায়ের পর এখন ক্রিজে নাঈম হাসান, তাইজুল ইসলাম।
28 Nov 2023, 04:47 PM
নতুন বলে জেমিসনের শিকার নাঈম
দ্বিতীয় নতুন বল নিতেই সাফল্য পেলেন কাইল জেমিসন। তার অফ স্ট্যাম্পের বাইরের বল তাড়া করে স্লিপে ক্যাচ দিলেন নাঈম হাসান। ফেরার আগে ৩ চারে তার সংগ্রহ ২৭ বলে ১৬ রান।
৮২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২৯০ রান। উইকেটে এখন শেষ জুটি তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম।
28 Nov 2023, 04:47 PM
তিনশ পেরোলো বাংলাদেশ
তাইজুল ইসলাম, শরিফুল ইসলামের শেষ জুটিতে ৮৪তম ওভারে তিনশ স্পর্শ করল বাংলাদেশ। কাইল জেমিসনের বলে শরিফুলের ব্যাটের ভেতরের কানায় লেগে পাওয়া বাউন্ডারিতে পূর্ণ হয় ৩০০ রান।
পরের বলে দারুণ কভার ড্রাইভে চার মারেন শরিফুল। ওভারের শেষ বলে ফ্লিক শটে মারেন ওভারের তৃতীয় বাউন্ডারি।
৮৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৩০৮ রান। শরিফুল ১২, তাইজুল ৭ রানে অপরাজিত।
28 Nov 2023, 04:55 PM
শেষ উইকেট বাঁচিয়ে রেখে দিন শেষ বাংলাদেশের
দিনের শেষভাগটা পার করে দিলেন তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম। দুজনের ১৬ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৯ উইকেটে ৩১০ রানে দিন শেষ করল বাংলাদেশ।
দিনের ৯০ ওভারের পুরোটা খেলা সম্ভব হয়নি। নির্ধারিত ৬ ঘণ্টার পর আরও ১৫ মিনিট খেলা হলেও বাকি থেকে যায় ৫ ওভার।
টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ১০ জন দুই অঙ্ক স্পর্শ করলেও পঞ্চাশ করতে পেরেছেন শুধু মাহমুদুল হাসান জয়। তিনিও বড় কিছুর সম্ভাবনা জাগিয়ে আউট হয়েছেন ৮৬ রানে।
এছাড়া নাজমুল হোসেন শান্ত (৩৭), মুমিনুল হকদের (৩৭) ত্রিশ ছোঁয়া ইনিংস শুধু বাড়িয়েছে আক্ষেপ। আর উইকেট ছুড়ে আসার মিছিলেন যোগ দিয়েছেন মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজরা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩১০/৯ (জয় ৮৬, জাকির ১২, শান্ত ৩৭, মুমিনুল ৩৭, মুশফিক ১২, শাহাদাত ২৪, মিরাজ ২০, সোহান ২৯, নাঈম ১২, তাইজুল ৮*, শরিফুল ১৩*; সাউদি ১৪-২-৪৩-০, জেমিসন ১৭-৫-৫২-২, প্যাটেল ২৪-১-৭৬-২, সোধি ১৪-১-৭১-১, ফিলিপস ১৬-১-৫৩-৪)
28 Nov 2023, 04:56 PM
পাঁচ বছর পর দুই অঙ্কে দশ ব্যাটসম্যান
কাইল জেমিসনের ওভারে তিন বাউন্ডারি মেরে ১২ রানে পৌঁছে যান শরিফুল ইসলাম। ইনিংসে দুই অঙ্ক ছোঁয়া দশম ব্যাটসম্যান তিনি।
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১ ব্যাটসম্যানের সবাই খেলেন ১০ বা তার বেশি রানের ইনিংস। এবারও রয়েছে সেটি ছোঁয়ার সুযোগ। দিন শেষে ৮ রানে অপরাজিত তাইজুল ইসলাম।
এর বাইরে ইনিংসে ১৫ বার দুই অঙ্ক ছুঁয়েছেন বাংলাদেশের ৯ ব্যাটসম্যান।