২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে গুঁড়িয়ে আফগানিস্তানের সিরিজ জয়

08 Jul 2023, 01:29 PM

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৪৩.২ ওভারে ১৮৯ (আফগানিস্তান ৩৩১/৯)

08 Jul 2023, 01:27 PM

এবার মাঠের ক্রিকেটে মনোযোগ

প্রথম ম্যাচের পর আর দ্বিতীয় ম্যাচের আগের দুটি দিন সিরিজের উত্তেজনাই যেন হারিয়ে গিয়েছিল। তামিম ইকবালের অবসরের ঘোষণা এবং সেটি প্রত্যাহারকে ঘিরে নানা ঘটনার আড়ালে চাপা পড়ে গিয়েছিল সিরিজের সব আলোচনা। এখন আবার সবার চোখ মাঠের ক্রিকেটে। প্রথম ম্যাচে জয়ী আফগানিস্তান মাঠে নামবে সিরিজ জয়ের অভিযানে, বাংলাদেশের লড়াই সিরিজে টিকে থাকার।

08 Jul 2023, 01:27 PM

না থেকেও ছিলেন তামিম

সিরিজ শুরুর আগের দিন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাসের সংবাদ সম্মেলনে বারবার ঘুরে ফিরে আসতে থাকে তামিম ইকবালের অবসরের প্রসঙ্গ। এক পর্যায়ে কিছুটা বিরক্তই হয়ে যান তিনি। সরাসরিই জানিয়ে দেন, কোনো একজনের না থাকা সেভাবে দলকে প্রভাবিত করে না। ম্যাচ জয়ের দলীয় লক্ষ্যে মনোযোগ দেওয়ার কথাই জানান তিনি।

হাশমতউল্লাহ শাহিদির সংবাদ সম্মেলনেও আসে তামিমের কথা। আফগান অধিনায়ক সরাসরিই জানিয়ে দেন, তামিম না থাকায় বাড়তি সুবিধা তারা পাবেন।

08 Jul 2023, 01:27 PM

‘সিলি মিসটেক’ সরানোর চেষ্টা

প্রথম ম্যাচের পর অধিনায়ক তামিম ইকবাল দায় দিয়েছিলেন নিজেদের ব্যাটিং ব্যর্থতাকে। দ্বিতীয় ম্যাচের আগে লিটন কুমার দাসও বলেন একই কথা। প্রথম ম্যাচের ‘সিলি মিসটেক’ গুলো দ্বিতীয় ম্যাচে শোধরানের তাগিদ জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক।

08 Jul 2023, 01:39 PM

আগে বোলিংয়ে বাংলাদেশ

টস জয়ের পর লিটন কুমার দাসের ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি। ভারপ্রাপ্ত অধিনায়ক বললেন, আগে বোলিং করবেন তারা।

কারণটাও তিনি ব্যাখ্যা করলেন, “প্রথম ম্যাচে দেখেছি শুরুতে উইকেটে সহায়তা ছিল বোলারদের জন্য। উইকেটের গতি ছিল দুই রকম। আমরা আজকে তা কাজে লাগাতে চাই। বোলারদের উইকেটের কথা না ভেবে সঠিক জায়গায় বল রাখতে হবে।”

08 Jul 2023, 01:40 PM

আগে ব্যাটিংয়ে খুশি শাহিদি

টস হেরে আগ ব্যাটিং পেলেও আফগান অধিনায়কের মুখে দেখা গেল হাসি। আগে ব্যাটিংয়ের চ্যালেঞ্জটাকে তিনি আলিঙ্গন করছেন আগ্রহ নিয়েই, “আগে ব্যাটিংয়ে কোনো আপত্তি নেই। কারণ, উইকেটে আজকে ভালো মনে হচ্ছে, আগের ম্যাচের চেয়ে ভালো মনে হচ্ছে। আগের দিনের চেয়ে এটি শুষ্কও, আমাদের জন্য তাই আগে ব্যাট করাই ভালো।”

08 Jul 2023, 01:45 PM

দুই পরিবর্তন বাংলাদেশের

একটি পরিবর্তন বাংলাদেশের একাদশে অবধারিতই ছিল। তামিম ইকবাল আর এই সিরিজের অংশ নন। তার জায়গায় ফিরেছেন মোহাম্মদ নাঈম শেখ। ক্যারিয়ারে আগে দুটি ওয়ানডে খেলেছেন তিনি। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকে ব্যাটিং পাননি। ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে আউট হয়েছিলেন ১ রানে। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি।

আরেকটি পরিবর্তন এসেছে পেস বোলিংয়ে। তাসকিন আহমেদকে বাইরে রেখে ফেরানো হয়েছে ইবাদত হোসেন চৌধুরিকে। সদ্য চোট কাটিয়ে ফেরা তাসকিনকে হয়তো সতর্কতা হিসেবেই বিশ্রাম দেওয়া হয়েছে। সিরিজ শুরুর আগেই অবশ্য দল থেকে জানানো হয়েছিল, তিন ম্যাচে ভিন্ন তিন পেস কম্বিনেশন খেলবে।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন।

08 Jul 2023, 01:45 PM

ফারুকিকে নিয়েই আফগানিস্তান

প্রথম ম্যাচে নিজের শেষ ওভারটি পুরো করতে পারেননি ফজলহক ফারুকি। তবে এই ম্যাচে টসের সময় আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি জানালেন, “ফারুকি স্রেফ ক্র্যাম্প করেছিল সেদিন। সে শতভাগ ফিট।"

প্রথম ম্যাচে জয়ী একাদশ থেকে কোনো পরিবর্ত আনেনি আফগানিস্তান। অভিষেকে ভালো বোলিং করতে না পারলেও টিকে গেছেন পেসার মোহাম্মদ সালিম সাফি।

আফগানিস্তানের একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হামশতউল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমারজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, মোহাম্মদ সালিম সাফি।

08 Jul 2023, 02:02 PM

‘লিটনের সিদ্ধান্ত ঠিক’

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের উইকেটে সবুজের ছোঁয়া আছে এ দিনও। তবে এবার প্রথম ম্যাচের চেয়ে একটু কম। পিচ রিপোর্টে আতহার আলি খান বললেন, সবুজ ঘাসের ফাঁকে বাদামি জায়গাও উঁকি দিচ্ছে। শুরুতে ব্যাটসম্যানদের জন্য কাজটা কিছুটা কঠিন হবে বলে মনে করেন তিনি। লিটনের আগে বোলিং নেওয়ার সিদ্ধান্তও তার মতে সঠিক।

08 Jul 2023, 02:15 PM

দুই প্রান্তে মুস্তাফিজ-হাসান

নতুন বল হাতে এক প্রান্তে বাংলাদেশের বোলিং শুরু করেছেন মুস্তাফিজুর রহমান। তার প্রথম ওভারে দারুণ এক ড্রাইভে বাউন্ডারি মেরেছেন রহমানউল্লাহ গুরবাজ। ওভার থেকে রান এসেছে ওই চারই। আরেক প্রান্তে নতুন কুকাবুরা নিয়ে ছুটেছেন হাসান মাহমুদ। তার ওভার থেকে এসেছে একটি ‘নো বলসহ ৩ রান।

08 Jul 2023, 02:27 PM

উইকেটবিহীন ৫ ওভার

প্রথম ৫ ওভারের চ্যালেঞ্জ বেশ ভালোভাবেই পার করে দিলেন দুই আফগান ওপেনার। বাংলাদেশের পেসাররা শুরুতে জায়গায় বল রাখতে পারলেও পরে আলগা বল দিতে শুরু করেন কিছু। প্রথম ৪ ওভারে মুস্তাফিজ ও হাসানের বোলিংয়ের পর পঞ্চম ওভারে ইবাদত আক্রমণে এসে দুই বাউন্ডারিসহ রান দিয়েছেন ওভারে ১২।

আফগানদের রান ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩১। ১৭ রানে খেলছেন রহমানউল্লাহ গুরবাজ, ৮ রানে ইব্রাহিম জাদরান।

08 Jul 2023, 02:48 PM

আফগানিস্তানের পঞ্চাশ

শুরুর শৃঙ্খলা অনেকটাই হারিয়ে ফেলেছেন বাংলাদেশের পেসাররা। আলগা বোলিং করছেন তারা নিয়মিতই। তা কাজে লাগিয়ে দারুণ ব্যাটিংয়ে দ্রুতগতিতে রান বাড়াচ্ছেন রহমানউল্লাহ গুরবাজ।

মুস্তাফিজের এক ওভারে গুরবাজের দুটি ছক্কায় ৮ ওভারে আফগানদের রান পেরিয়ে গেছে পঞ্চাশ। ৩১ রানে খেলছেন গুরবাজ, ১০ রানে ইব্রাহিম।

08 Jul 2023, 02:56 PM

একটুর জন্য

জুটি ভাঙতে ৭ ওভারের মধ্যেই ৪ বোলার ব্যবহার করেছেন লিটন দাস। সপ্তম ওভারে আক্রমণে আনেন তিনি সাকিব আল হাসানকে। অভিজ্ঞ এই স্পিনারের দ্বিতীয় ওভারে খানিকটা সুযোগমতো এসেছিল।

লেগ সাইডে সরে জায়গা বানিয়ে খেলার চেষ্টা করেন ইব্রাহিম। তা দেখে সাকিবও বল করেন তার শরীরের দিকে। ইব্রাহিমের শটে বল উঠে যায় লং অফে। তাওহিদ হৃদয় সীমানা থেকে অনেকটা ছুটে এসে চেষ্টা করেন সামনে লাফিয়ে বল ধরার। কিন্তু সামান্য একটুর জন্য পাননি নাগাল, বল পড়ে ঠিক তার সামনে।

তখন ইব্রাহিম ছিলেন ১০ রানে।

08 Jul 2023, 02:56 PM

আফগানদের ‘পাওয়ার প্লে’

Image

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে আফগানিস্তানকে এগিয়ে নিচ্ছেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।

সিরিজের দুই ম্যাচেই অর্ধশত রানের উদ্বোধনী জুটি গড়ল আফগানিস্তান। আগের ম্যাচে জুটি ৫৪ রানে থামলেও এ দিন ১০ ওভারে ৬৬ রান তুলে ফেলেছেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।

৩১ রানে খেলছেন গুরবাজ, ২০ রানে ইব্রাহিম।

বাংলাদেশের পেসাররা সুইং ও সিম মুভমেন্ট পাননি খুব একটা। টানা ভালো জায়গায় বলও রাখতে পারেননি। স্পিনে সাকিব ২ ওভারে দিয়েছেন ১৪ রান।

08 Jul 2023, 03:09 PM

ছক্কায় পঞ্চাশে গুরবাজ

Image

সাকিব আল হাসানকে পরপর দুই বলে চার-ছক্কা মেরে পঞ্চাশ স্পর্শ করলেন রহমানউল্লাহ গুরবাজ। 

পেস বোলাদের ওপর দাপট দেখানোর পর এখন সাকিব আল হাসানকেও পার পেতে দিচ্ছেন না রহমানউল্লাহ গুরবাজ। ৪০ রান থেকে গুলির বেগে সুইপ করে মেরেছেন বাউন্ডারি, এরপর লেংথ বলে পুল করে ছক্কায় উড়িয়ে এই ওপেনার পৌঁছে গেছেন পঞ্চাশে।

৪৮ বলে এসেছে তার ফিফটি। ২০ ওয়ানডেতে তার সেঞ্চুরি ও ফিফটি এখন তিনটি করে।

08 Jul 2023, 03:13 PM

শতরানের জুটি

ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে প্রথমবার শুরুর জুটিতে শতরানে পা রাখতে পারল আফগানিস্তান। আগের সেরা ছিল গত বছর এই মাঠেই রহমানউল্লাহ গুরবাজ ও রিয়াজ হাসানের ৭৯।

এবার ১৪.২ ওভারে এলো শতরান। এখনও পর্যন্ত ১০৩ রানের জুটিতে গুরবাজের অবদান ৬১, ইব্রাহিম জাদরানের ২৩। অতিরিক্ত থেকে এসেছে ১৯ রান।

08 Jul 2023, 03:37 PM

জুটি ছুটছে

২০ ওভারেও জুটি ভাঙতে ব্যর্থ বাংলাদেশ। উইকেট নেওয়ার মতো তেমন কোনো সুযোগও গড়তে পারেনি বাংলাদেশ। আফগানিস্তানের রান কোনো উইকেট না হারিয়ে ১৩২। ৭৭ রানে খেলছেন রহমানউল্লাহ গুরবাজ, ৩৩ রানে ইব্রাহিম জাদরান।

08 Jul 2023, 03:43 PM

জুটির আরেকটি রেকর্ড

বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী জুটির রেকর্ডের পর এবার সব দল মিলিয়েই নিজেদের সেরা উদ্বোধনী জুটির কীর্তি গড়ে ফেললেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ওয়ানডেতে প্রথমবার শুরুর জুটিতেই দেড়শ স্পর্শ করল আফগানিস্তান।

১৩৫ বলে এলো জুটির দেড়শ। তাতে গুরবাজের অবদান ৮৬, ইব্রাহিমের ৪০।

আগের রেকর্ড ছিল জাভেদ আহমাদি ও করিম সাদিকের। ২০১২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে শারজাহতে তাদের জুটি ছিল ১৪২ রানের।

08 Jul 2023, 03:58 PM

মাঝপথে দুই দলের দুই চিত্র

শেষ হলো প্রথম ইনিংসের প্রথম ২৫ ওভার। বাংলাদেশ পারেনি একবারও উইকেটে আনন্দে মেতে উঠতে। আফগানদেরর একবারও হয়নি উইকেট হারানোর অস্বস্তি।

২৫ ওভারে আফগানদের রান কোনো উইকেট না হারিয়ে ১৬২।

08 Jul 2023, 04:15 PM

গুরবাজের সেঞ্চুরি

সাকিবের বলে সিঙ্গেল নিয়ে রহমানউল্লাহ গুরবাজ পৌঁছে গেলেন শতরানের কাঙ্ক্ষিত ঠিকানায়। স্রেফ ২০ ম্যাচেই এই ওপেনারের সেঞ্চুরি হয়ে গেল চারটি।

ঠিক ১০০ বলে এলো তার ১০০। ইনিংসে ৮ চারের সঙ্গে ছক্কা ৬টি। সঙ্গী ওপেনার ইব্রাহিম জাদরানের ফিফটিও হয়নি!

সেঞ্চুরি ছুঁয়ে গুরবাজ উদযাপন করলেন বেশ কিছুটা সময় নিয়ে।

বাংলাদেশর বিপক্ষে আফগানিস্তানের সেঞ্চুরি এখন দুটি। দুটিই এলো গুরবাজের ব্যাট থেকে। গত বছর চট্টগ্রামেই সিরিজের শেষ ম্যাচে ম্যাচ জেতানো অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

08 Jul 2023, 04:33 PM

ইব্রাহিমের ফিফটি

রহমানউল্লাহ গুরবাজের দুর্দান্ত স্ট্রোকপ্লের পাশে অনেকটাই যেন আড়ালে ইব্রাহিম জাদরান। তবে নিজের কাজ তিনি করে চলেছেন। পঞ্চাশে পা রাখলেন তিনি ৭৫ বলে।

ওয়ানডেতে স্রেফ ১৩ ম্যাচেই তার ফিফটি ৩টি, সেঞ্চুরি ৩টি।

08 Jul 2023, 04:50 PM

জুটির দুইশ

দুর্দান্ত পথচলায় জুটির ডাবল সেঞ্চুরিও করে ফেললেন দুই আফগান ওপেনার। প্রথমবার ওয়ানডেতে দুইশ রানের উদ্বোধনী জুটি দেখল আফগানিস্তান।

১৯৩ বলে এলো জুটির দুইশ। তাতে গুরবাজের অবদান ১০৩, ইব্রাহিমের ৬৭।

বাংলাদেশের বিপক্ষে এই নিয়ে উদ্বোধনী জুটিতে ডাবল সেঞ্চুরি হলো ৫টি। সর্বোচ্চ ২০১৭ সালে কিম্বার্লিতে হাশিম আমলা ও কুইন্টন ডি ককের ২৮২ রান।

দেশের মাটিতে শুরুর জুটিতে এই নিয়ে দুইবার প্রতিপক্ষের দুইশ রান দেখল বাংলাদেশ। আগেরটি ছিল মিরপুরে মাহেলা জয়াবর্ধনে ও উপুল থারাঙ্গার ২১৫।

চট্টগ্রামের এই জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে উদ্বোধনী জুটিতে আগের সর্বোচ্ছ ছিল ২০১৪ সালে জিম্বাবুয়ে বিপক্ষে তামিম ইকবাল ও এনামুল হকের ১৫৮।

08 Jul 2023, 04:50 PM

সবার ওপরে গুরবাজ-ইব্রাহিম

উদ্বোধনী জুটির সীমানা ছাড়িয়ে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের এই জুটি এখন ওয়ানডেতে যে কোনো জুটিতেই আফগানিস্তানের সেরা।

আগের সর্বোচ্চ ছিল সেই ২০১০ সালে স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেটে মোহাম্মদ শাহজাদ ও করিম সাদিকের অবিচ্ছিন্ন ২১৮।

দেশের মাঠে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বড় জুটিও এটি। আগেরটি ছিল মিরপুরে মাহেলা জয়াবর্ধনে ও উপুল থারাঙ্গার ২১৫।

08 Jul 2023, 04:57 PM

জুটির আড়াইশ

একের পর এক মাইলফলক পেরিয়েই চলেছে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের জুটি। অনিয়মিত বোলার নাজমুল হোসেন শান্তর বলে ছক্কা ও চারে ৩৬তম ওভারে দলের রান পেরিয়ে গেল আড়াইশ।

জুটির আড়াইশ এসেছে ২১৮ বলে। জুটিতে গুরবাজের রান ১৪২, ইব্রাহিমের ৭৯।

08 Jul 2023, 05:10 PM

সুযোগ হাতছাড়া

ম্যারাথন জুটি ভাঙার পরের বলেই আরেকটি উইকেটের দেখা পেতে পারত বাংলাদেশ। রান আউটের হাত থেকে বেঁচে গেলেন রহমত শাহ।

মিড উইকেট থেকে ফিল্ডার থ্রো করতে পারেননি ঠিকঠাক। মুশফিককে বল ধরতে হয় স্টাম্পের সামনে থেকে। তবে সেই চেষ্টা করতে গিয়ে তার শরীরে লেগে বেলস পড়ে যায়! রহমত ক্রিজে ফেরার আগেই তিনি বল গ্লাভসে নিয়ে স্টাম্পে লাগান। কিন্তু বেলস তো ভূপাতিত আগেই! রক্ষা পান রহমত

08 Jul 2023, 05:10 PM

আরেকটি উইকেট

দ্বিতীয় উইকেটের দেখা পেতে অবশ্য খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না বাংলাদেশকে। ইবাদত হোসেনের শর্ট বলে পুল করে ফাইন লেগ সীমানায় মুস্তাফিজুর রহমানের ধরা পড়লেন রহমত শাহ।

৫ বল খেলে ২ রানে আউট হলেন তিনি। আফগানিস্তানের রান ৩৭.১ ওভারে ২ উইকেটে ২৫৯।

নতুন ব্যাটসম্যান হাশমতউল্লাহ শাহিদি।

08 Jul 2023, 05:15 PM

মিরাজের শিকার শাহিদি

উদ্বোধনী জুটি ভাঙার পর আরও দুটি উইকেট দ্রুতই নিতে পারল বাংলাদেশ। এবার মেহেদী হাসান মিরাজের বলে আউট হলেন হাশমতউল্লাহ শাহিদি।

মিরাজের ঝুলিয়ে দেওয়া বলে সজোরে সুইপ করার চেষ্টায় পুরোপুরি মিস করেন শাহিদি। বল ছোবল দেয় তার অফ স্টাম্পে।

আফগান অধিনায়ক ফিরলেন ৭ বলে ২ রান করে। দলের রান ৩৯ ওভারে ৩ উইকেটে ২৬৬।

নতুন ব্যাটসম্যান নাজিবউল্লাহ জাদরান।

08 Jul 2023, 05:33 PM

মাঠ ছাড়লেন ইবাদত

নিজের শেষ ওভারের তৃতীয় বলটি করতে গিয়ে বিপত্তিতে পড়লেন ইবাদত হোসেন চৌধুরি। রান আপে ছুটে যাওয়া সময় আম্পায়ারের সঙ্গে লেগে যায় তার ডান কনুই। থমকে যান তিনি এবং এতে পড়ে যান খেই হারিয়ে। পরে তাকে দেখা যায় হাঁটুতে হাত দিয়ে রাখতে। মাঠে আসেন ফিজিও। কিছুক্ষণ পর ফিজিওর পাশে একটু খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে মাঠ ছাড়েন ইবাদত।

ওভারের বাকি চার বল শেষ করেন নাজমুল হোসেন শান্ত।

08 Jul 2023, 05:33 PM

জীবন পেলেন নাজিবউল্লাহ

ইবাদতের ওভার শেষ করতে এসে উইকেট নেওয়ার সুযোগ পেয়েছিলেন শান্ত। হাতছাড়া করলেন নিজেই।

লেংথ বলটি আলতো করে ড্রাইভ করেন বাঁহাতি নাজিবউল্লাহ জাদরান। বল যায় সোজা বোলারের কাছেই। বেশ সহজ ক্যাচ। কিন্তু এটিই হাতে জমাতে ব্যর্থ শান্ত। ৭ রানে রক্ষা পেলেন বিপজ্জনক নাজিবউল্লাহ।

08 Jul 2023, 05:38 PM

পারলেন না নাজিবউল্লাহ

জীবন পেয়েও আফগানদের প্রত্যাশিত ঝড় তুলতে পারলেন না নাজিবউল্লাহ জাদরান। ৭ রানে বেঁচে যাওয়া ব্যাটসম্যান আউট হলেন ১০ রানে।

অফ স্টাম্পের সামান্য বাইরে পিচ করা লেংথ বলটি গায়ের জোরে উড়িয়ে মারতে চান নাজিবউল্লাহ। কিন্তু টাইমিং কতে পারেননি। লং অনে সহজ ক্যাচ নেন লিটন কুমার দাস।

৪৩.১ ওভারে ৪ উইকেটে রান ২৮৬।

08 Jul 2023, 05:55 PM

আফগানিস্তানের ৩০০

বাংলাদেশের বিপক্ষে ১৩ ওয়ানডেতে প্রথমবার তিনশ রানের সীমানা স্পর্শ করল আফগানিস্তান। ৪৬তম ওভারে তারা পূরণ করল এই মাইলফলক।

বাংলাদেশের বিপক্ষে তাদের আগের সর্বোচ্চ ছিল ২০১৬ সালে মিরপুরে ২৫৮। আগে ব্যাট করে সর্বোচ্চ ছিল আবুধাবিতে ২০১৮ এশিয়া কাপে ২৫৫।

08 Jul 2023, 05:55 PM

সাকিবের শিকার রশিদ

প্রথম বলেই মুস্তাফিজকে দারুণ শটে চার মেরে শুরু করেছিলেন রশিদ খান। তবে তাকে বিপজ্জনক হয়ে উঠতে দেননি সাকিব আল হাসান। ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টায় স্টাম্পড হয়ে যান রশিদ।

৬ বলে ৬ রান করে বিদায় নেন তিনি। ৪৬.৪ ওভারে আফগানদের রান ৬ উইকেটে ৩০৬।

08 Jul 2023, 06:04 PM

মুস্তাফিজের আরেকটি

শেষ দিকে ঝড় তুলতে পারলেন না আজমতউল্লাহ ওমারজাই। বরং ৭ বল খেলে করতে পারলেন তিনি কেবল ২ রান।

মুস্তাফিজুর রহমানের স্লোয়ার বল গায়ের জোরে উড়িয়ে মারতে গিয়ে আকাশে তুলে দেন তিনি। কিছুটা দৌড়ে ভালো ক্যাচ নেন সাকিব আল হাসান।

৪৮.৫ ওভারে আফগানদের রান ৭ উইকেটে ৩১৮।

08 Jul 2023, 06:05 PM

হাসানের প্রথম

ইনিংসের শেষ ওভারে প্রথম উইকেটের দেখা পেলেন হাসান মাহমুদ। প্রথম বলে দারুণ শটে বাউন্ডারি মারেন মুজিব উর রহমান। পরের বলে উড়িয়ে মেরে সহজ ক্যাচ দেন স্কয়ার লেগ সীমানায়।

মুজিব ফিরলেন ৩ বলে ৫ রান করে।

08 Jul 2023, 06:10 PM

আফগানিস্তানের ৩৩১

শেষ ওভারে আরও একটি উইকেটের দেখা পেলেন হাসান মাহমুদ। শেষ বলে আউট করলেন ফজলহক ফারুকিকে। তবে মুজিবের বাউন্ডারি পর মোহাম্মদ নবির ছক্কায় আফগানিস্তানের স্কোর থামল ৯ উইকেটে ৩৩১ রানে।

08 Jul 2023, 06:17 PM

আফগানদের রেকর্ড জুটির পর বাংলাদেশের লড়াই

টস হেরে হাশমতউল্লাহ শাহিদি বলেছিলেন, আগে ব্যাটিং করতে আপত্তি নেই তাদের। আফগান অধিনায়কের কথাকেই সত্যি প্রমাণ করেন পরে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ২৫৬ রানের উদ্বোধনী জুটিতে বেশ কিছু রেকর্ড গড়েন তারা।

ক্যারিয়ার সেরা ১৪৫ রানে আউট হন গুরবাজ, ইব্রাহিম করেন ১০০। আফগানদের লক্ষ্য তখন ৩৫০-৩৬০ রানের দিকে।

তব গুরবাজ ১৪৫ রানে আউট হওয়ার পর বড় শটের চেষ্টায় একের পর এক আফগান ব্যাটসম্যান উইকেট হারাতে থাকেন। ৫০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। রানের গতি কমে আসে। বাংলাদেশের বোলাররাও লড়াই করে চেষ্টা করেন লক্ষ্য যতটা সম্ভব নাগালে রাখতে।

উদ্বোধনী জুটিতে ৩৬ ওভারে ২৫৬ রান তোলা দল পরে ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে যোগ করতে পারে আর ৭৫ রান।

বাংলাদেশের হয়ে সাকিব শুরুতে খরুচে থাকলেও পরে নিয়ন্ত্রিত বোলিংয়ে দলের সেরা তিনিই। ২ উইকেট নেন তিনি ৫০ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ৫০ওভারে ৩৩১/৯ (গুরবাজ ১৪৫, ইব্রাহিম ১০০, রহমত ২, শাহিদি ২, নাজিবউল্লাহ ১০, নবি ২৫*, রশিদ ৬, ওমারজাই ২, মুজিব ৫, ফারুকি ১; মুস্তাফিজ ১০-০-৬০-২, হাসান ১০-০-৭০-২, ইবাদত ৯.২-০-৬১-১, সাকিব ১০-২-৫০-২, মিরাজ ৯-০-৬০-২, শান্ত ১.৪-০-১৭-০)।

08 Jul 2023, 06:40 PM

রেকর্ড গড়ার চ্যালেঞ্জ বাংলাদেশের

ম্যাচ জিতে সিরিজ জিইয়ে রাখতে হলে বাংলাদেশকে গড়তে হবে রান তাড়ার রেকর্ড। ওয়ানডেতে এখনও পর্যন্ত সর্বোচ্চ ৩২২ রান তাড়া করে জিতেছে বাংলাদেশ, ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টন্টনে।

দেশের মাঠে সবচেয়ে বড় রান তাড়ার রেকর্ড নিউ জিল্যান্ডের বিপক্ষে ২০১৩ সালে ৩০৮ রান তাড়ায় জয়।

৩০০ রান তাড়ায় জয় কখনোই দেখেনি এই জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২৮৭ রান তাড়ায় বাংলাদেশের জয়ই এই মাঠের রেকর্ড।

08 Jul 2023, 07:05 PM

এবার লিটনের বিদায়

মুজিবের বলে রিভিউয়ে টেকার পর ফজলহক ফারুকির দারুণ একটি ডেলিভারিতে জোরাল একটি আবেদনে পার পেয়ে যান লিটন। তবে আউট হলেন শেষ পর্যন্ত সেই ফারুকির বলেই।

সুনির্দিষ্টি পরিকল্পনা থেকেই লিটনকে রাউন্ড দা উইকেটে বল করছিলেন ফারুকি। ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলটিতে স্টাস্পের বাইরে থেকে লিটনের শরীর তাক করে শর্ট বল করেন তিনি। অ্যাঙ্গেলের কারণে পুল করতে গিয়ে জায়গা পাননি ব্যাটসম্যান। সহজ ক্যাচ যায় মোহাম্মদ নবির কাঠে শর্ট মিউ উইকেটে।

বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক আউট হলেন ১৫ বলে ১৩ রান করে। ৪.১ ওভারে রান ১ উইকেটে ১৫।

নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।

08 Jul 2023, 07:10 PM

শুরুতেই শেষ শান্ত

লিটন দাসের বিদায়ের পরের ওভারে ড্রেসিং রুমের পথ ধরলেন নাজমুল হোসেন শান্তও। দারুণ ডেলিভারিতে তাকে বোল্ড করে দিলেন মুজিব উর রহমান।

আঙুলের টোকায় মুজিবের চেনা ডেলিভারি সেটি। ১০০ কিলোমিটার গতির ডেলিভারি পিচ করে হালকা টার্ন করে বেরিয়ে যায় বাঁহাতি শান্তর জন্য। কিন্তু লেংথ ও লাইন পড়তে ভুল করেন শান্ত, চেষ্টা করেন অন সাইডে ঘুরিয়ে খেলতে। তার ব্যাটের পাশ দিয়ে বল ছোবল দেয় স্টাম্পে।

৫ বলে ১ রান করে বিদায় শান্তর। ৫.৫ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ২০।

নতুন ব্যাটসম্যান তাওহিদ হৃদয়।

08 Jul 2023, 07:20 PM

এবার বিদায় নাঈমের

দুই বছর পর ওয়ানডে খেলতে নেমে ভালো কিছু করতে পারলেন না মোহাম্মদ নাঈম শেখ। ফজলহক ফারুকির বল স্টাম্পে টেনে তিনি আউট হলেন ২১ বলে ৯ রান করে।

অফ স্টাম্পের বাইরে ফারুকির শর্ট অফ লেংথ বলটি লাফিয়ে ওঠে কিছুটা। নাঈম ক্রিজ ছেড়ে একটু বেরিয়ে গেলেও বলের কাছে পা নেননি। স্রেফ ব্যাট পেতে দেন বলের দিকে। ব্যাটের কানায় লেগে বল চলে আসে স্টাম্পে।

ফারুকি নিলেন দ্বিতীয় উইকেটে। ৩৩২ রান তাড়ায় বাংলাদেশ ধুঁকছে ৮.১ ওভারে ৩ উইকেটে ২৫ রান নিয়ে।

নতুন ব্যাটসম্যান সাকিব আল হাসান।

08 Jul 2023, 07:27 PM

রিভিউ হারাল আফগানিস্তান

আম্পায়ার ‘নট আউট’ দেওয়ার পর একটুও দেরি করেননি মুজিব উর রহমান। কারও সঙ্গে কথা বলে নিজেই রিভিউ নেন সঙ্গে সঙ্গে। কিন্তু অতি দ্রুততার ফল ভালো হলো না। তার টার্নিং ডেলিভারিতে তাওহিদ হৃদয় পরাস্ত হলেও রিভিউয়ে দেখা গেল বল চলে যাচ্ছিল লেগ স্টাম্পের বাইরে দিয়ে। ইনিংসের দশম ওভারে একটি রিভিউ হারাল আফগানিস্তান।

08 Jul 2023, 07:29 PM

১০ ওভারে ধুঁকছে বাংলাদেশ

আফগানিস্তানের সেরা বোলার রশিদ খান বল হাতে নেওয়ার আগেই রান তাড়া থেকে অনেকটা দূরে সরে গেছে বাংলাদেশ। ১০ ওভার শেষে রান ৩ উইকেটে ২৮।

১২ বলে ১ রান নিয়ে খেলছেন হৃদয়, ৭ বলে ২ রানে সাকিব।

08 Jul 2023, 07:48 PM

বাংলাদেশের পঞ্চাশ

মোহাম্মদ সালিম সাফির বলে সাকিব আল হাসানের টানা দুটি বাউন্ডারি বাংলাদেশের রান স্পর্শ করল পঞ্চাশ। প্রথম বাউন্ডারিটি পুল শটে, পরেরটি দারুণ কাভার ড্রাইভে। পঞ্চদশ ওভারের দলের রান পা রাখল ফিফটিতে।

১৫ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ৫৬। সাকিব খেলছেন ২২ বলে ২০ রান করে, হৃদয় ধুঁকছেন ২৭ বলে ৯ রান করে।

লক্ষ্য ৩৩২।

08 Jul 2023, 08:03 PM

গুগলিতে বিভ্রান্ত হৃদয়

১৬ ওভার শেষে রশিদ খানের হাতে বল তুলে দিলেন আফগান অধিনায়ক। নিজের ছাপ রাখতে লেগ স্পিনারারের সময় লাগল না তার এক ওভারও। প্রথম ওভারেই গুগলিতে বোল্ড করে দিলেন তাওহিদ হৃদয়কে।

রশিদের ডেলিভারিটিতে ড্রিফটও ছিল বেশ। হৃদয় তাই লাইন পড়তে ভুল করেন। গুগলি তো বুঝতেই পারেননি। ব্যাট চালান তিনি বল বাইরে যাবে ভেবে। বল ভেতরে ঢুকে আঘাত করে স্টাম্পে।

৩৪ বলে ১৬ রান করে শেষ হলো হৃদয়ের ভোগান্তি। ৩৩২ রানের লক্ষ্যে ছুটে বাংলাদেশের রান ৪ উইকেটে ৬৫।

উইকেটে সাকিবের সঙ্গী এখন মুশফিকুর রহিম।

08 Jul 2023, 08:08 PM

পারলেন না সাকিবও

ব্যাটিং বিপর্যয়ের মধ্যে ভালো কিছু করতে পারলেন না সাকিব আল হাসানও। হৃদয়ের আউটের রেশ থাকতেই আউট হয়ে গেলেন তিনিও।

রাউন্ড দা উইকেটে করা মোহাম্মদ নবির ডেলিভারি পিচ করে ভেতরে ঢুকে অ্যাঙ্গেলে। পেছনের পায়ে খেলতে গিয়ে ভুলটা করে বসেন সাকিব। ফ্লিক করার চেষ্টায় ব্যাটে-বলে করতে পারেননি। বল লাগে পায়ে। এলবিডব্লিউ দেন আম্পায়ার।

সাকিব রিভিউ নেন। তবে রক্ষা পাননি। বল লাগছিল লেগ স্টাম্পের বাইরের দিকে।

২৯ বলে ২৫ রান করে আউট হলেন সাকিব। বাংলাদেশের রান ৫ উইকেটে ৭১।

08 Jul 2023, 08:15 PM

আফিফ এলেন ও গেলেন

রশিদ খানের ডেলিভারির কোনো জবাবই পেলেন না আফিফ হোসেন। হাত থেকে যেমন পারলেন না পড়তে, তেমনি অফ দা পিচও তিনি বুঝতে পারলেন না কিছুই।

শুরুতে লেগ ব্রেক ভেবে সুইপ করার কথা ভাবেন আফিফ। পরে দেখেন বল সেখানে নেই, শেষ মুহূর্তে ব্যাট পেতে দেন। কিন্তু গুগলির মতো বলটি ব্যাটের কানা ছুঁয়ে আশ্রয় নেয় স্লিপে মোহাম্মদ নবির হাতে।

‘গোল্ডেন ডাক’ সঙ্গী করে ফিরলেন আফিফ। ২৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয়বার ফিরলেন তিনি শূন্যতে।

বাংলাদেশ ধুঁকছে ৭২ রানে ৬ উইকেট হারিয়ে।

উইকেটে মুশফিকের সঙ্গী এখন মেহেদী হাসান মিরাজ।

08 Jul 2023, 08:17 PM

রিভিউ শেষ আফগানিস্তানের

রশিদ খানের বলে সুইপ করতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি মুশফিকুর রহিম। বল লাগে পায়ে। আফগানদের আবেদনে আম্পায়ার দেন ‘নট আউট।’ আবেদন খুব জোরাল ছিল না আফগানদের। কিন্তু রিভিউ নেয় তারা। রিভিউয়ে দেখা যায়, ইম্প্যাক্ট ছিল লেগ স্টাম্পের বাইরে।

আফগানিস্তান হারিয়ে ফেলল তাদের দুটি রিভিউয়ের দুটিই।

ম্যাচে অবশ্য দাপট আফগানদেরই। ২১ ওভার শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ৮৪।

08 Jul 2023, 08:32 PM

খুঁড়িয়ে খুঁড়িয়ে একশ

ম্যাচের উত্তেজনা একরকম শেষই। এখন চলছে কেবল দলীয় ব্যবধান কমানো আর ব্যক্তিগত কিছু রানের লড়াই। সেই পথ বাংলাদেশ একশ স্পর্শ করল ২৫তম ওভারে।

২৫ ওভার শেষে রান ৬ উইকেটে ১০৪।

08 Jul 2023, 08:46 PM

রিভিউয়ে টিকলেন মিরাজ

মুজিব উর রহমানের টার্নিং ডেলিভারিতে ফ্লিক করতে চেয়ে ব্যাটে-বলে করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। বল লাগে পায়ে। আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। মিরাজ নিশ্চিত ছিলেন না, একটু ইতস্তত করে রিভিউ নেন। রিভিউয়ে দেখা যায়, অনেকটা টার্ন করে বল চলে যাচ্ছিল লেগ স্টাম্পের বাইরে দিয়ে।

08 Jul 2023, 09:19 PM

জুটির ফিফটি

ইনিংসের প্রথম ফিফটি রাতের জুটি গড়লেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেটে দুজনের জুটির পঞ্চাশ আসে ৬৫ বলে।

08 Jul 2023, 09:19 PM

মুশফিকের ফিফটি

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২৫০ ওয়ানডে খেলার মাইলফলক ছোঁয়ার ম্যাচে ফিফটির দেখা পেলেন মুশফিকুর রহিম। রশিদ খানের বলে সিঙ্গেল নিয়ে পঞ্চাশ করলেন তিনি ৬২ বলে। ইনিংসে ৪টি আছে চার।

৯ সেঞ্চুরির পাশে মুশফিকের ওয়ানডে ক্যারিয়ারের ৪৫তম ফিফটি এটি। আফগানিস্তানের বিপক্ষে ১২ ম্যাচে এটি তার চতুর্থ ফিফটি।

08 Jul 2023, 09:20 PM

মুজিব ভাঙলেন জুটি

সপ্তম উইকেট জুটির এগিয়ে চলা শেষ হয়ে গেল মেহেদী হাসান মিরাজের বিদায়ে। অফ স্পিনিং অলরাউন্ডারকে ফিরিয়ে জুটি ভাঙলেন মুজিব উর রহমান।

ওভারের প্রথম বলটিতে সুইপ করে চার মারেন মুশফিক। তৃতীয় বলে স্লগ করে ছক্কায় ওড়ানোর চেষ্টা করেন মিরাজ। কিন্তু টাইমিং ঠিকমতো করতে পারেননি। লং অন সীমানায় ক্যাচ নেন রহমত শাহ।

৪৮ বলে ২৫ রান করে আউট হলেন মিরাজ। জুটি থামল ১০৮ বলে ৮৭ রান যোগ করে।

মুশফিক খেলছেন ৫৭ রানে।

08 Jul 2023, 09:39 PM

মুজিবের তৃতীয়

মুজিব উর রহমান ডেলিভারিটি করলেন অনেকটা লেগ স্পিনারের অ্যাকশনে। কিন্তু বল অফ স্টাম্পের বাইরে পিচ করে টার্ন করে ঢুবল ভেতরে। অনেক ভালো ব্যাটসম্যানও এই ডেলিভারিতে বিভ্রান্ত হতে পারে, লোয়ার অর্ডার হাসান মাহমুদের জন্য তো খুবই কঠিন। বল লাগল তার পায়ে। এলবিডব্লিউর আবেদনে আঙুল তুললেন আম্পায়ার। হাসান টিকতে পারলেন না রিভিউ নিয়ে।

১২ বলে ৪ রান করে ফিরলেন তিনি। শেষের আরেকটু কাছে বাংলাদেশ, ৩৯ ওভার শেষে রান ৮ উইকেটে ১৬৯।

নিজের শেষ ওভারে মুজিব পেলেন তৃতীয় শিকারের দেখা।

08 Jul 2023, 09:39 PM

রিভিউয়ে টিকলেন মুশফিক

রশিদ খানের বলে মুশফিকুর রহিমকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। মুশফিককে খুব একটা নিশ্চিত মনে হলো না। শেষ সময় বলেই হয়তো রিভিউ নিলেন। দেখা গেল, বল পায়ে লাগার আগে স্পর্শ করেছিল তার ব্যাট।

তার রান তখন ৬৫।

08 Jul 2023, 09:59 PM

মুশফিকের লড়াইয়ের সমাপ্তি

ফজলহক ফারুকির শর্ট বলে পুল করতে গিয়ে ঠিকমতো টাইমিং করতে পারলেন না মুশফিকুর রহিম। সহজ ক্যাচ নিলেন মুজিব। শেষ হলো মুশফিকুর রহিমের ইনিংস। শেষ হলো ম্যাচও!

৮৫ বলে ৬৯ রান করে আউট হলেন মুশফিক।

বোলিংয়ের সময় চোট পাওয়া ইবাদত হোসেন নামেননি ব্যাটিংয়ে। ৯ উইকেট হারিয়েই তাই শেষ বাংলাদেশের ইনিংস।

08 Jul 2023, 09:59 PM

বড় জয় আফগানদের

৩৩১ রানের পুঁজি গড়ে যে সুযোগ গড়ে দিয়েছিল আফগান ব্যাটসম্যানরা, তা কাজে লাগিয়ে বোলাররা দলকে এনে দিলেন বিশাল জয়। শেষ পর্যন্ত ব্যবধানটি ১৪২ রানের।

রানের ব্যবধানে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের সবচেয়ে বড় জয়টি। ২০১৮ এশিয়া কাপে আবু ধাবিতে ১৩৬ রানের জয় ছিল আগের রেকর্ড।

সব প্রতিপক্ষ মিলিয়ে রানের দিক থেকে আফগানদের তৃতীয় সবচেয়ে বড় জয় এটি। জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪ ও ১৪৬ রানের জয় আছে তাদের।

08 Jul 2023, 10:01 PM

পাত্তাই পেল না বাংলাদেশ

সবুজ উইকেটে টস হেরে আগে ব্যাটিং পেলেও আফগান অধিনায়ক ছিলেন ইতিবাচক। দুই ওপেনারের ব্যাটেও পড়ে সেটির প্রতিফলন। বাংলাদেশের বাজে বোলিংকে কাজে লাগিয়ে তারা গড়ে তুলতে থাকেন জুটি। শেষ পর্যন্ত ৩৬ ওভারে তারা যোগ করেন ২৫৬ রান!

১৪৫ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন রহমানউল্লাহ গুরবাজ, ১০০ রান করে ইব্রাহিম জাদরান।

পরের সময়টায় কিছুটা লড়াই করে আফগানদের স্কোর ৩৩১ রানে রাখতে পারেন বাংলাদেশের বোলাররা। জিততে হলে রান তাড়ার নতুন রেকর্ড গড়তে হতো বাংলাদেশকে। কিন্তু সেই সম্ভাবনাও জাগাতে পারেনি ব্যাটসম্যানরা। বরং একের পর এক উইকেট হারিয়ে দ্রুতই লড়াই থেকে তারা ছিটকে পড়ে। ৭২ রানে ৬ উইকেট হারানোর পর মুশফিকুর রহিমের ফিফটিতে কিছুটা কমে ব্যবধান। তার পরও সেই পরাজয় রেকর্ড ব্যবধানের।

প্রথম ম্যাচের মতো ফজলহক ফারুকি নেন ৩ উইকেট। যথারীতি মুজিব উর রহমান ও রশিদ খান ছিলেন ক্ষুরধার।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ৫০ওভারে ৩৩১/৯ (গুরবাজ ১৪৫, ইব্রাহিম ১০০, রহমত ২, শাহিদি ২, নাজিবউল্লাহ ১০, নবি ২৫*, রশিদ ৬, ওমারজাই ২, মুজিব ৫, ফারুকি ১; মুস্তাফিজ ১০-০-৬০-২, হাসান ১০-০-৭০-২, ইবাদত ৯.২-০-৬১-১, সাকিব ১০-২-৫০-২, মিরাজ ৯-০-৬০-২, শান্ত ১.৪-০-১৭-০)।

বাংলাদেশ:  ৪৩.২ ওভারে ১৮৯ (নাঈম ৯, লিটন ১৩, শান্ত ১, হৃদয় ১৩, সাকিব ২৫, মুশফিক ৬৯*, আফিফ ০, মিরাজ ২৫, হাসান ৪, মুস্তাফিজ ৭, ইবাদত (আহত অনুপস্থিত) ; ফারুকি ৭.১-২-২২-৩, মুজিব ১০-০-৪০-৩, সালিম ৬-০-৩৪-০, নবি ৬-০-২৯-১, রশিদ ৯-০-২৮-১, ওমারজাই ৫-০-৩০-২)।

08 Jul 2023, 10:21 PM

আফগানদের সিরিজ জয়

বাংলাদেশের বিপক্ষে আগে দুটি ওয়ানডে সিরিজ খেলে দুবারই ২-১ ব্যবধানে হারে আফগানিস্তান। এবারের গল্পটা ভিন্ন। প্রথম দুই ম্যাচ জিতেই তারা নিশ্চিত করে ফেলল সিরিজ জয়। মঙ্গলবার শেষ ম্যাচে তারা মাঠে নামবেন বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার হাতছানিতে।

প্রথমবার বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি ওয়ানডেও জিতল তারা। এই সিরিজের দুই ম্যাচের আগে সবশেষ সিরিজের শেষ ম্যাচটিও জিতেছিল তারা গতবছর।

মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের জয় এখন ৭টি, আফগানদের ৬টি।