২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাইজুলের ৫ উইকেটের পর শান্ত-তামিমকে হারিয়ে চাপে বাংলাদেশ

04 Apr 2023, 02:20 PM

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১০ ওভারে ৩৪/২ (আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২১৪)

04 Apr 2023, 09:49 AM

আইরিশদের সঙ্গে দাপট দেখানোর চ্যালেঞ্জ

শক্তি-সামর্থ্য ও অভিজ্ঞতায় দুই দলের পার্থক্য এমনিতেই বিশাল। টেস্ট ক্রিকেটে তো সেটা আকাশ-পাতাল। প্রথমবারের মতো সাদা পোশাকে আয়ারল্যান্ডের মুখোমুখি হতে যাওয়া বাংলাদেশ মাঠের ক্রিকেটেও রাখতে চাইবে সেই ছাপ। নিজ আঙিনায় দাপুটে ক্রিকেটের প্রদর্শনীতে আইরিশদের গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যে নামবে সাকিব আল হাসানের দল। 

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ মঙ্গলবার সকাল ১০টায় শুরু হবে দুই দলের একমাত্র টেস্ট। 

২০১৭ সালে টেস্ট মর্যাদা পাওয়া আয়ারল্যান্ডের এটি মাত্র চতুর্থ টেস্ট। এই সংস্করণে সবশেষ ম্যাচটি খেলেছিল তারা চার বছর আগে, ২০১৯ সালের জুলাইয়ে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে। আর এই টেস্টে বাংলাদেশের পথচলা ২০০০ সালে। আসছে ম্যাচটি হবে তাদের ১৩৭তম টেস্ট। 

এই ম্যাচে তাসকিন আহমেদ ছাড়া অভিজ্ঞদের প্রায় সবাইকেই পাচ্ছে বাংলাদেশ। আর আয়ারল্যান্ড নামবে ‘আনকোরা’ একটি দল নিয়ে। এই ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হতে পারে তাদের অন্তত পাঁচ জনের। 

তুলনামূলক দুর্বল আয়ারল্যান্ড দিয়ে তাই দেশের মাঠে টেস্ট জয়ের খরা ঘোচানোর বড় সুযোগ বাংলাদেশের সামনে। সেই ২০২০ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়েকে মিরপুরে হারানোর পর দেশে আর জয় ধরা দেয়নি। এই সময়ে ৮ টেস্টেই ৭টিতেই হারতে হয়েছে, একটি হয়েছে ড্র। হোয়াইটওয়াশ হতে হয়েছে এমনকি খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার কাছেও। তাই আইরিশদের দাপটের সঙ্গে হারাতে মরিয়া হয়ে আছে বাংলাদেশ।

04 Apr 2023, 09:49 AM

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

কয়েন ভাগ্যকে আবার পাশে পেল আয়ারল্যান্ড। টস জিতে ব্যাটিং নিলেন অ্যান্ড্রু বালবার্নি। সবুজ ঘাসের ছোঁয়া থাকা উইকেটে ফিল্ডিং করতে আপত্তি নেই বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের।

04 Apr 2023, 10:03 AM

তিন পেসার, তিন স্পিনার নিয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট খেলা একাদশে পরিবর্তন তিনটি। চোটের জন্য নেই জাকির হাসান ও তাসকিন আহমেদ। বাদ পড়েছেন নুরুল হাসান সোহান।

প্রত্যাশিতভাবেই ফিরেছেন প্রথম পছন্দের ওপেনার তামিম ইকবাল ও গতিময় পেসার ইবাদত হোসেন। তাসকিনের চোটে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।

অলরাউন্ডার মিলিয়ে ছয় বোলার নিয়ে খেলছে বাংলাদেশ। পেস আক্রমণে ইবাদত ও শরিফুলের সঙ্গী সৈয়দ খালেদ আহমেদ। ২০১৪ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর এই প্রথম মিরপুরে কোনো টেস্টে তিন বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলছে বাংলাদেশ।

স্পিন আক্রমণে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে আছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।

04 Apr 2023, 10:10 AM

আয়ারল্যান্ডের হয়ে ৭ জনের অভিষেক

আয়ারল্যান্ড একাদশে অন্তত ছয়টি অভিষেক ছিল অনিবার্য। কারণ তাদের স্কোয়াডে দেশটির হয়ে টেস্ট খেলার অভিজ্ঞতা ছিল স্রেফ পাঁচ জনের। এর মধ্যে জর্জ ডকরেলকে নেওয়া হয়নি এই ম্যাচে। ফলে আয়ারল্যান্ডের হয়ে অভিষেক হচ্ছে ৭ জনের।

প্রায় ৪ বছর টেস্ট ক্রিকেটে ফেরার দিন এই সংস্করণে অভিষেক হলো মারে কমিন্স, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, লরকান টাকার, গ্রাহাম হিউম ও বেন হোয়াইটের। লেগ স্পিনার হোয়াইটের আবার প্রথম শ্রেণির ক্রিকেটেও অভিষেক এটি।

আয়ারল্যান্ডের হয়ে অভিষেক হচ্ছে পিটার মুরের। জিম্বাবুয়ের হয়ে ৮টি টেস্ট খেলেছেন ৩২ বছর বয়সী এই কিপার-ব্যাটসম্যান।

আয়ারল্যান্ড একাদশ: মারে কমিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ড্রু বালবার্নি, হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্পার, লরকান টাকার, মার্ক অ্যাডায়ার, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।

04 Apr 2023, 10:34 AM

প্রথম আঘাত শরিফুলের

তাসকিন আহমেদের চোটে একাদশে সুযোগ পাওয়া শরিফুল ইসলামের হাত ধরে এলো প্রথম সাফল্য। পঞ্চম ওভারে বিচ্ছিন্ন হলো আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি।

সৈয়দ খালেদ আহমেদের করা আগের ওভারে বাউন্ডারি মেরে রানের খাতা খুলেছিলেন মারে কমিন্স। পরের ওভারে চমৎকার এক ডেলিভারিতে অভিষিক্ত এই ওপেনারকে এলবিডব্লিউ করে দিলেন শরিফুল।

বাঁহাতি পেসারের স্টাম্প তাক করে করা ফুল লেংথ ডেলিভারির লাইনে যেতে পারেননি আইরিশ ওপেনার। ব্যাটের কানা ফাঁকি দিয়ে বল প্যাডে লাগলে জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। উদ্বোধনী জুটিতে সঙ্গী জেমস ম্যাককলামের সঙ্গে কথা বলে রিভিউ না নিয়ে ফিরে যান কমিন্স। ভাঙে ১১ রানের জুটি।

১০ বলে এক চারে ৫ রান করেন কমিন্স।

৫ ওভারে আয়ারল্যান্ডের রান ১ উইকেটে ১৩। ক্রিজে ম্যাককলামের সঙ্গী অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।

04 Apr 2023, 10:56 AM

ম্যাককলামকে ফেরালেন ইবাদত

নিজের দ্বিতীয় ওভারেই সাফল্য পেলেন ইবাদত হোসেন। গতিময় পেসারের বলে স্লিপে ধরা পড়লেন জেমস ম্যাককলাম।

ইবাদতের অফ স্টাম্পের বাইরের একটু বাড়তি বাউন্স করা বল ঠিক মতো খেলতে পারেননি আইরিশ ওপেনার। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় দ্বিতীয় স্লিপে, নাজমুল হোসেন শান্তর কাছে। দ্বিতীয় চেষ্টায় বল মুঠোয় জমান তিনি।

এক চারে ৩৪ বলে ১৫ রান করেন ম্যাককলাম।

১০ ওভারে আয়ারল্যান্ডের রান ২ উইকেটে ২৭। ক্রিজে অ্যান্ড্রু বালবার্নির সঙ্গী হ্যারি টেক্টর।

04 Apr 2023, 11:04 AM

বাংলাদেশের ব্যর্থ রিভিউ

একাদশ ওভারে প্রথমবারের মতো কোনো স্পিনারকে আক্রমণে আনলেন সাকিব আল হাসান। তাইজুল ইসলামের প্রথম বলে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে ব্যর্থ হলেন অধিনায়ক।

বাঁহাতি স্পিনারের অফ স্টাম্পের বাইরে পড়ে বেরিয়ে যাওয়া বল ব্যাটে খেলতে পারেননি অ্যান্ড্রু বালবার্নি। বাংলাদেশের ফিল্ডাররা নিশ্চিত ছিলেন, ব্যাটের কানা ছুঁয়েই জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। পরে রিপ্লেতে অবশ্য দেখা যায়, কোনো স্পর্শ ছিল না ব্যাটে। নষ্ট হয় একটি রিভিউ।

সে সময় ৭ রানে ছিলেন আয়ারল্যান্ড অধিনায়ক।

১১ ওভারে আয়ারল্যান্ডের রান ২ উইকেটে ২৮।

04 Apr 2023, 11:11 AM

প্রথম ঘণ্টায় দুই উইকেট

মিরপুর টেস্টের প্রথম ঘণ্টায় চমৎকার বোলিংয়ে আয়ারল্যান্ডের দুই ওপেনারকে বিদায় করেছে বাংলাদেশ।

সবুজ ঘাসের ছোঁয়া থাকা উইকেটে শুরুতে থাকা সুবিধা কাজে লাগিয়েছেন স্বাগতিক পেসাররা। দুটি উইকেটই পেয়েছেন তারা। এছাড়া অসংখ্যবার একটুর জন্য ব্যাটের কানা নেয়নি বল।

প্রথম পানি পানের বিরতির সময় আয়ারল্যান্ডের রান ১৩ ওভারে ২ উইকেটে ২৯।

২৬ বলে ৯ রানে খেলছেন অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। অভিষিক্ত হ্যারি টেক্টর ৮ বল খেলেও খুলতে পারেননি রানের খাতা।

পঞ্চম ওভারে মারে কমিন্সকে এলবিডব্লিউ করে প্রথম আঘাত হানেন শরিফুল ইসলাম। দশম ওভারে জেমস ম্যাককলামকে বিদায় করেন ইবাদত হোসেন।

04 Apr 2023, 11:20 AM

আরেকটি রিভিউ হারাল বাংলাদেশ

১৪ ওভারের মধ্যে দুটি রিভিউ নষ্ট করল বাংলাদেশ। তাইজুল ইসলামের পর মেহেদী হাসান মিরাজের প্রথম ওভারে রিভিউ নিয়ে ব্যর্থ হলেন সাকিব আল হাসান।

অফ স্পিনারের স্টাম্পে থাকা ডেলিভারি ব্যাটে খেলতে পারেননি হ্যারি টেক্টর। এলবিডব্লিউর জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক।

বল ট্র্যাকিংয়ে দেখা যায়, স্পিন করে বল বেরিয়ে যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে। সে সময় শূন্য রানে ছিলেন টেক্টর।

পরে তাইজুলকে চার মেরে রানের খাতা খুলেন তিনি। বেরিয়ে এসে ছক্কায় ওড়ান মিরাজকে।

১৬ ওভারে আয়ারল্যান্ডের রান ২ উইকেটে ৪৩।

04 Apr 2023, 11:56 AM

বালবার্নির প্রতিরোধ ভাঙলেন তাইজুল

দ্রুত দুই ওপেনাকে হারানোর পর অ্যান্ড্রু বালবার্নি ও হ্যারি টেক্টরের ব্যাটে প্রতিরোধ গড়েছিল আয়ারল্যান্ড। চমৎকার এক ডেলিভারিতে তাদের জমে যাওয়া জুটি ভেঙে দিলেন তাইজুল ইসলাম।

উইকেটে এখনও স্পিনারদের জন্য খুব বেশি সহায়তা নেই। তবে গতি ও লেংথ পরিবর্তন করে তাইজুল পরীক্ষা নিচ্ছেন ব্যাটসম্যানদের। খেলাচ্ছেন একের পর এক ডট বল। অনেকটা সময় ক্রিজে থাকলেও সহজে রান পাচ্ছিলেন না বালবার্নি। সুইপ করে চাপ কিছুটা সরিয়ে দিতে চেয়েছিলেন আয়ারল্যান্ড অধিনায়ক। সেই শটই কাল হলো তার জন্য।

ফুল লেংথ বল ব্যাটের কানা এড়িয়ে আঘাত হানে প্যাডে। আম্পায়ার এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দিলে একটু সময় নিয়ে রিভিউ নেন বালবার্নি। বল আঘাত হানতো অফ স্টাম্পে। তবে ইম্প্যাক্ট ‘আম্পায়ার্স কল’ ছিল বলে নষ্ট হয়নি আইরিশদের রিভিউ।

বালবার্নির বিদায়ে ভাঙে ৭১ বল স্থায়ী ২১ রানের জুটি। আইরিশ অধিনায়ক ৫০ বলে করেন ১৬ রান। ইনিংসে নেই কোনো বাউন্ডারি।

04 Apr 2023, 12:16 PM

তিন উইকেটের প্রথম সেশন

পঞ্চম ওভারে প্রথম আঘাত হানেন শরিফুল ইসলাম। দশ ওভারের ভেতরে আরেক ওপেনারকে ফেরান ইবাদত হোসেন। প্রথম ঘণ্টায় দুই উইকেট হারালেও পরের ঘণ্টায় নিজেদের অনেকটাই সামলে নেয় আয়ারল্যান্ড। তবে শেষ দিকে অ্যান্ড্রু বালবার্নির বিদায়ে ফের চাপে পড়ে গেছে তারা। 

মিরপুর টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ৩ উইকেটে ৬৫ রান করেছে সফরকারীরা। সবুজের ছোঁয়া থাকা পিচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে তারা। 

ঘরের মাঠে প্রায় ৯ বছর পর তিন পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। শুরুর দুই সাফল্যও আসে দুই পেসারের হাতে। তৃতীয় উইকেট নিয়েছে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। 

মারে কমিন্সকে (৫) এলবিডব্লিউ করে প্রথম ব্রেকথ্রু দেন শরিফুল। পরে ইবাদতের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে ব্যাটের বাইরের কানায় লেগে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন আরেক ওপেনার জেমস ম্যাককলাম (১৫)। দুইবারের চেষ্টায় তা নেন নাজমুল হোসেন শান্ত।

তৃতীয় উইকেট জুটিতে চাপ সামাল দেওয়ার অভিযানে নামেন অধিনায়ক বালবার্নি ও হ্যারি টেক্টর। তাইজুলকে চার মেরে রানের খাতা খোলেন অভিষিক্ত টেক্টর। পরে মেহেদী হাসান মিরাজের বলে মারেন ছক্কা। 

বালবার্নি ছিলেন সতর্ক-সাবধানী। তবে তিনিই পা দেন বাংলাদেশের সাজানো ফাঁদে। অন সাইডের ফিল্ডার সব ভেতরে এনে তাকে সুইপ করার আমন্ত্রণ জানান তাইজুল। কিন্তু সুইপ খেলতে গিয়ে ব্যাটে-বলে হয়নি আইরিশ অধিনায়কের। 

সামনের প্যাডে লাগলে জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার আলিম দার। রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি বালবার্নি। ১২ রানে ফেরেন তিনি।

অধিনায়কের বিদায়ের পর আর বিপদ ঘটতে দেননি টেক্টর ও কার্টিস ক্যাম্পার। সেশনের বাকি ২৫ বলে ১৭ রান যোগ করেন দুজন। টেক্টর ১৮ ও ক্যাম্পার ৯ রান নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নামবেন।

04 Apr 2023, 01:40 PM

দায়িত্বশীল ব্যাটিংয়ে টেক্টরের ফিফটি

চাপের সময় নেমে আয়ারল্যান্ডকে টানছেন হ্যারি টেক্টর। দায়িত্বশীল ব্যাটিংয়ে অভিষেকে ফিফটি করেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

সৈয়দ খালেদ আহমেদের বলে সিঙ্গেল নিয়ে পঞ্চাশ স্পর্শ করেন টেক্টর। সঙ্গে গড়েন দারুণ এক কীর্তি, আয়ারল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকে ফিফটি!

৮০ বলে ফিফটি করার পথে টেক্টর মেরেছেন এক ছক্কা ও ছয় চার।

৩৯ ওভারে আয়ারল্যান্ডের রান ৩ উইকেটে ১২১। ৮৩ বলে ৫০ রানে খেলছেন টেক্টর। ৬০ বলে কার্টিস ক্যাম্পারের রান ৩২। তাদের জুটিতে এসেছে ৭৩ রান।

04 Apr 2023, 02:20 PM

টেক্টরকে বোল্ড করে জুটি ভাঙলেন মিরাজ

দায়িত্বশীল ব্যাটিংয়ে অভিষেকেই ফিফটি করেছিলেন হ্যারি টেক্টর। ৮০ বল পঞ্চাশ ছোঁয়ার পর আর কোনো রান যোগ করতে পারেননি তিনি। তাকে বোল্ড করে আয়ারল্যান্ডের প্রতিরোধ ভাঙলেন মেহেদী হাসান মিরাজ।

এই অফ স্পিনিং অলরাউন্ডারের অফ স্টাম্পের বাইরের বল বেশ দূর থেকে অন সাইডে খেলার চেষ্টা করেন টেক্টর। বল তার ব্যাটের ভেতরের কানায় লেগে আঘাত হানে স্টাম্পে। ভাঙে ১২২ বল স্থায়ী ৭৪ রানের জুটি।

৯২ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫০ রান করেন টেক্টর।  

ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্যারিয়ারের দ্বিতীয় শুরু করা পিটার মুর। কার্টিস ক্যাম্পার খেলছেন ৩৩ রানে।

04 Apr 2023, 02:13 PM

১ রানেই শেষ মুরের নতুন শুরু

জিম্বাবুয়ের জার্সিতে মিরপুরেই নিজের সবশেষ টেস্ট খেলেছিলেন পিটার মুর। প্রায় ৫ বছর পর এবার একই মাঠে আয়ারল্যান্ডের হয়ে ক্যারিয়ারের নতুন শুরু করেছেন ৩২ বছর বয়সী ব্যাটসম্যান। তবে শুরুটা ভালো হলো না। 

তাইজুল ইসলামের ফুল লেংথ ডেলিভারি ক্রস ব্যাটে খেলার চেষ্টা করেন মুর। ব্যাটের কানায় লেগে বল উঠে যায় আকাশে। মিড অফে দাঁড়িয়ে সহজ ক্যাচ নেন তামিম ইকবাল। ৮ বলে স্রেফ ১ রান করেন মুর। 

৪৩ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১২৩ রান। নতুন ব্যাটসম্যান লরকান টাকার। কার্টিস ক্যাম্পার খেলছেন ৩৩ রানে।

04 Apr 2023, 02:20 PM

২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে আয়ারল্যান্ড

হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্পারের জুটিতে শুরুর চাপ কাটিয়ে ওঠার পথে ছিল আয়ারল্যান্ড। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে স্রেফ ২ রানে ৩ উইকেট হারিয়ে ফের বিপদে পড়ে গেছে তারা।

টেক্টর ও পিটার মুরের পর ড্রেসিং রুমের পথ ধরেছেন ক্যাম্পার। তাইজুলের আর্ম বল সামনের পায়ে ভর করে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছিলেন আইরিশ অলরাউন্ডার। ব্যাট ফাঁকি দিয়ে বল আঘাত হানে সামনের প্যাডে।

বাংলাদেশের জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি ক্যাম্পার। আম্পায়ার্স কলের কারণে প্যাভিলিয়নের পথ ধরতে হয় তাকে। ৭৩ বলে ৬ চারে ৩৪ রান।

04 Apr 2023, 03:09 PM

আরেকটি ৩ উইকেটের সেশন

ধীরে ধীরে বাড়ছিল আয়ারল্যান্ডের রান। হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্পারের জুটিতে রান রেট এক সময় স্পর্শ করেছিল তিন। মনে হচ্ছিল ব্যাটিং সহজ হয়ে এসেছে, কঠিন সময় পেরিয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যাবে আয়ারল্যান্ড। কিন্তু মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের স্পিনে ২ রানে ৩ উইকেট নিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

মিরপুর টেস্টের প্রথম দিনের চা-বিরতিতে যাওয়ার সময় আয়ারল্যান্ডের সংগ্রহ ৫৫ ওভারে ৬ উইকেটে ১৪৫। দ্বিতীয় সেশনে ২৯ ওভারে ৭৯ রান যোগ করতে দুই থিতু ব্যাটসম্যান টেক্টর ও ক্যাম্পারের সঙ্গে পিটার মুরের উইকেট হারিয়েছে সফরকারীরা।

৩১ বলে এক চারে ১১ রানে খেলছেন লরকান টাকার। ৩৫ বলে এক চারে অ্যান্ড্রু ম্যাকব্রাইনের রান ১০।

১৮ ওভারে ৩৫ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার বাঁহাতি স্পিনার তাইজুল।

এখন পর্যন্ত পাঁচ বোলার ব্যবহার করেছেন সাকিব আল হাসান। তবে বাংলাদেশ অধিনায়ক নিজে এখনও আক্রমণে আসেননি।

04 Apr 2023, 03:32 PM

ম্যাকব্রাইনকে থামালেন ইবাদত

ইবাদত হোসেনের শর্ট বলে এলো সাফল্য। তৃতীয় সেশনের শুরুতে সপ্তম উইকেট হারাল আয়ারল্যান্ড।

আগের ওভারে তাইজুল ইসলামকে ছক্কায় ওড়ান অ্যান্ড্রু ম্যাকব্রাইন। ক্যাচ ধরার চেষ্টায় কনুইয়ে চোট পান তামিম ইকবাল। সেখান থেকে সরাসরি চিকিৎসকের কক্ষে নিয়ে যাওয়া হয় বাঁহাতি এই ওপেনারকে।

পরের ওভারে ইবাদতের শর্ট বলে পুল করে ছক্কা মারতে চেয়েছিলেন ম্যাকব্রাইন। টাইমিং করতে পারেননি, স্কয়ার লেগে একটু পিছিয়ে গিয়ে ক্যাচ নেন মুমনিল হক ভাঙে ৯১ বল স্থায়ী ৩৫ রানের জুটি।

একটি করে চার ও ছক্কায় ৫৫ বলে ১৯ রান করেন ম্যাকব্রাইন।

৬০ ওভারে আয়ারল্যান্ডের রান ৭ উইকেটে ১৬৩। ক্রিজে লরকান টাকারের সঙ্গী মার্ক অ্যাডায়ার।

04 Apr 2023, 03:46 PM

রিভিউ শেষ বাংলাদেশের

দিনের প্রথম ঘণ্টায় দুইটি ব্যর্থ রিভিউ নিয়েছিল বাংলাদেশ। এরপর লম্বা সময় ধরে আর আসেনি রিভিউ নেওয়ার সুযোগ। তৃতীয় সেশনের প্রথম ঘণ্টায় তৃতীয় ও শেষ রিভিউ নিলেন সাকিব আল হাসান। সেটিও ব্যর্থ হলো। 

খালেদ আহমেদের লেগ স্টাম্পের বাইরের বল ক্রিজ ছেড়ে বেরিয়ে অন সাইডে খেলার চেষ্টা করেছিলেন লরকান টাকার। কিন্তু ঠিকঠাক খেলতে পারেননি। বল জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।

কিপার ও স্লিপ কর্ডনের জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। কিছুক্ষণ আলোচনার পর রিভিউ নেয় বাংলাদেশ। টিভি রিপ্লেতে দেখা যায়, টাকার প্যাড ঘেঁষে গেছে বল। তাই নিজেদের শেষ রিভিউও হারায় বাংলাদেশ। 

৬৪ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ১৮৩ রান। টাকার ৩১ ও মার্ক অ্যাডায়ার ৯ রানে খেলছেন। অষ্টম উইকেট জুটির সংগ্রহ ২৬ বলে ২৪ রান।

04 Apr 2023, 03:54 PM

অবশেষে বোলিংয়ে সাকিব

প্রথম দুই সেশনে বোলিং করেননি সাকিব আল হাসান। অবশেষে তৃতীয় সেশনের মাঝামাঝি এসে হাত ঘোরালেন বাংলাদেশ অধিনায়ক। আয়ারল্যান্ড ইনিংসের ৬৬তম ওভারটি মেডেন নেন তিনি। 

সাকিবের ওভারে কোনো রকমের ঝুঁকি নেননি মার্ক অ্যাডায়ার। দেখেশুনে খেলে পুরো ওভার কাটিয়ে দেন আইরিশ লোয়ার অর্ডার ব্যাটসম্যান। 

৬৬ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ১৮৩ রান। টাকার ৩১ ও মার্ক অ্যাডায়ার ৯ রানে খেলছেন। অষ্টম উইকেট জুটির সংগ্রহ ২৪ রান।

04 Apr 2023, 03:58 PM

অ্যাডায়ারকে জীবন দিলেন মুমিনুল

পেতে পেতেও মার্ক অ্যাডায়ারের উইকেট পেলেন না তাইজুল ইসলাম। শর্ট লেগে ক্যাচ নিতে পারলেন না মুমিনুল হক।

বাঁহাতি স্পিনারকে বেরিয়ে এসে খেলার চেষ্টা করেন অ্যাডায়ার। ঠিক মতো পারেননি, ক্যাচ যায় সোজা মুমিনুলের কাছে। মুঠোয় নিতে পারেননি তিনি, এরপরও চেষ্টা করেছিলেন কোনোভাবে ক্যাচটা নেওয়ার। কিন্তু পারেননি।

সে সময় ৯ রানে ছিলেন অ্যাডায়ার। পরের বলে মারেন চমৎকার এক বাউন্ডারি।

৬৭ ওভারে আয়ারল্যান্ডের রান ৭ উইকেটে ১৮৮।

04 Apr 2023, 04:11 PM

লিটনের ক্ষিপ্রতায় ভাঙল টাকারের প্রতিরোধ 

এক প্রান্ত আগলে রেখে আয়ারল্যান্ডকে এগিয়ে নিচ্ছিলেন লরকান টাকার। তাকে বেশি দূর যেতে দিলেন না তাইজুল ইসলাম ও লিটন দাস। দুজনের যুগলবন্দীতে ৩৭ রানে স্টাম্পড আইরিশ কিপার-ব্যাটসম্যান।

তাইজুলের ফুল লেংথের ডেলিভারি সুইপ খেলার চেষ্টা করেছিলেন টাকার। কিন্তু ব্যাটে লাগাতে পারেননি। বল গ্লাভসে নিয়েই দ্রুততার সঙ্গে স্টাম্প ভেঙে দেন লিটন। সে সময় বেশ কিছুটা দূরে ছিলেন ব্যাটসম্যান।

ইনিংসে তাইজুলের চতুর্থ উইকেট এটি। 

১৯৯ রানে অষ্টম উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। ৯ রানে জীবন পাওয়া মার্ক অ্যাডায়ার খেলছেন ১৯ রানে।

04 Apr 2023, 04:37 PM

অ্যাডায়ারকে ফিরিয়ে তাইজুলের ৫

মার্ক অ্যাডায়ারকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করলেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের বলে এলবিডব্লিউ হয়ে গেলেন আইরিশ লোয়ার অর্ডার ব্যাটসম্যান।

অ্যাঙ্গেলে ভেতরে ঢোকা বলের লাইনে যেতে পারেননি অ্যাডায়ার। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ নেন তিনি। কোনো কাজ হয়নি, বল আঘাত হানতো স্টাম্পে।

তাইজুলের বলেই ৯ রানে জীবন পাওয়া অ্যাডায়ার ফেরেন ৩২ রান করে। তার ৫২ বলের ইনিংসে এক ছক্কার পাশে চার পাঁচটি।

৭৭ ওভারে আয়ারল্যান্ডের রান ৯ উইকেটে ২১৪।

04 Apr 2023, 04:47 PM

২১৪ রানে শেষ আয়ারল্যান্ড

মার্ক অ্যাডয়ারের বিদায়ের পর কোনো রান যোগ করতে পারল না আয়ারল্যান্ড। গ্রাহাম হিউমকে বোল্ড করে সফরকারীদের প্রথম ইনিংস গুটিয়ে দিলেন মেহেদী হাসান মিরাজ।

এক সময়ে ৩ উইকেটে ১২২ রানের দৃঢ় অবস্থানে থাকা আয়ারল্যান্ড করতে পারল কেবল ২১৪ রান।

মিরাজের অফ স্পিন প্যাডেল করতে চেয়েছিলেন হিউম। ব্যাটে খেলতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। আঘাত হানে অফ স্টাম্পে।

১৬ বলে হিউম করেন ২ রান।

আয়ারল্যান্ডের প্রথম ইনিংস টেকে ৭৭ ওভার ২ বল।

সফরকারীদের প্রথম দিনেই গুটিয়ে দেওয়ায় সবচেয়ে বড় অবদান তাইজুল ইসলামের। বাঁহাতি এই স্পিনার ২৮ ওভারে ৫৮ রান দিয়ে নেন ৫ উইকেট।

দুটি করে উইকেট নেন মিরাজ ও ইবাদত হোসেন। অধিনায়ক সাকিব আল হাসান বোলিং করেন মোটে ৩ ওভার।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৭৭.২ ওভারে ২১৪ (ম্যাককলাম ১৫, কমিন্স ৫, বালবার্নি ১৬, টেক্টর ৫০, ক্যাম্পার ৩৪, মুর ১, টাকার ৩৭, ম্যাকব্রাইন ১৯, অ্যাডায়ার ৩২, হিউম ২, হোয়াইট ০*; শরিফুল ৮-১-২২-১, খালেদ ৯-১-২৯-০, ইবাদত ১২-০-৫৪-২, তাইজুল ২৮-১০-৫৮-৫, মিরাজ ১৭.২-৪-৪৩-২, সাকিব ৩-১-৮-০)

04 Apr 2023, 04:55 PM

শুরুতেই শেষ শান্ত

প্রথম ওভারেই ভাঙল বাংলাদেশের উদ্বোধনী জুটি। মার্ক অ্যাডায়ারের বলে বোল্ড হয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত। শরীরের খুব কাছের বল কাট করতে চাওয়ার মাশুল দিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

লেংথ বলে একটু মুভমেন্ট ছিল। খুব বিপজ্জনক কিছু ছিল না কিন্তু ভুল শট খেলতে গিয়ে বিপদ ডেকে আনের শান্ত। ব্যাটের কানায় লেগে এলোমেলো হয়ে যায় স্টাম্প।

শান্ত পান গোল্ডেন ডাকের তেতো স্বাদ।

১ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ২। ফিল্ডিংয়ে চোট পেয়ে অনেকটা সময় বাইরে থাকা তামিম ইকবালই ইনিংস শুরু করেন। ক্রিজে এখন তার সঙ্গী মুমিনুল হক।

04 Apr 2023, 05:06 PM

আয়ারল্যান্ডের ব্যর্থ রিভিউ

মার্ক অ্যাডায়ারের বল তামিম ইকবালের ব্যাটের কানা এড়িয়ে প্যাডে লাগতেই জোরাল আবেদন করেন আইরিশ ফিল্ডাররা। তাতে অবশ্য সাড়া দেননি আম্পায়ার। শেষ মুহূর্ত এলবিডব্লিউর রিভিউ নেন অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।

বল পিচ করেছিল লেগ স্টাম্পের বাইরে। তাই তৃতীয় ওভারেই নষ্ট হয় আইরিশদের প্রথম রিভিউ।

৩ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৭।

04 Apr 2023, 05:32 PM

শেষ বলে তামিমকে হারাল বাংলাদেশ

প্রথম ওভারে নাজমুল হোসেন শান্তকে হারানোর পর তামিম ইকবাল ও মুমিনুল হকের ব্যাটে নিজেদের গুছিয়ে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু দিনের শেষ বলে তামিমকে বিদায় করে স্বাগতিকদের বড় একটা ধাক্কা দিলেন অ্যান্ড্রু ম্যাকব্রাইন।

অফ স্পিনারের বল পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন বাঁহাতি ওপেনার। টার্ন ও বাউন্সের জন্য ঠিক মতো পারেননি। ব্যাটের শোল্ডারে লেগে ক্যাচ চলে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে সহজ ক্যাচ নেন মার্ক অ্যাডায়ার। ভাঙে ৫৫ বল স্থায়ী ৩২ রানের জুটি।

৩৬ বলে এক ছক্কা ও দুই চারে ২১ রান করেন তামিম।