22 Dec 2022, 09:19 AM
ভারতের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনের চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ।
22 Dec 2022, 09:15 AM
জয় দিয়ে বছর শেষের আশায় বাংলাদেশ
দারুণ প্রাপ্তি দিয়ে শুরুর পর বছর কেটেছে আশায়-হতাশায়। সব হিসেব মেলানোর সময় এখনও আসেনি। বাকি রয়ে গেছে শেষ ম্যাচ। সেটাই বছর রাঙিয়ে রাখার আশা দেখাচ্ছে সাকিব আল হাসানের দলকে।
মাউন্ট মঙ্গানুই টেস্টে দারুণ জয় দিয়ে বছর শুরু করেছিল বাংলাদেশ। এরপর বিভিন্ন সংস্করণে ব্যর্থতা যেমন সঙ্গী হয়েছে, তেমনি সাফল্যও এসেছে। তবে টেস্টে অর্জন বলতে নেই আর কিছুই। একটা জয় হয়তো বদলে দিতে পারে সব।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে সেই লক্ষ্য নিয়ে নামবেন লিটন দাস-মুশফিকুর রহিমরা। খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়।
চট্টগ্রামে প্রথম টেস্ট ১৮৮ রানে হেরে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। তিন বিভাগের কোনোটিতেই সেখানে ভালো করতে পারেনি দল। প্রথম ইনিংসে গুটিয়ে যায় কেবল ১৫০ রানে। ফিল্ডিংয়ে নিদারুণ ব্যর্থতার দিতে হয়েছে চড়া মাশুল। দ্বিতীয় ইনিংসে সাকিব ও ইবাদত হোসেন চৌধুরি বোলিং করতে না পারায় পরিস্থিতি হয় আরও সঙ্গীন।
কাজটা তাই সহজ নয় সাকিবদের জন্য। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোখ রাখা ভারতের জন্য জয় খুব জরুরি। সেদকি থেকে বাড়তি ঝুঁকি নিতেই পারে সফরকারীরা। সেটা কাজে লাগিয়ে জয় দিয়েই শেষের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
22 Dec 2022, 09:15 AM
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
চট্টগ্রামে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন লোকেশ রাহুল। মিরপুরে টস জিতে অনুমিতভাবে ব্যাটিং নিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
উইকেটে হালকা সবুজের ছোঁয়া আছে। পিচ রিপোর্ট সুনিল গাভাস্কার বলেছেন, টস জিতলে আগে ব্যাট করাই উচিত হবে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আর হাসানের মতে, প্রথম দুই ঘণ্টা সামলাতে পারলে পরের সময়টা সহজ হওয়ার কথা। ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল অবশ্য পিচের সম্ভাব্য আচরণ নিয়ে সংশয়ে আছেন।
22 Dec 2022, 09:22 AM
একাদশে ফিরলেন মুমিনুল-তাসকিন
১৮৮ রানে হেরে যাওয়া প্রথম টেস্টের দল থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে ফিরেছেন মুমিনুল হক ও তাসকিন আহমেদ।
তিন নম্বরে ইয়াসির আলি চৌধুরিকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়ে গেছে এক ম্যাচেই। চট্টগ্রাম টেস্টে ব্যর্থতায় একাদশে জায়গা হারিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। তার জায়গায় ফিরেছেন বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল। শেষ নয় ইনিংসে দুই অঙ্ক ছুঁতে না পারা সাবেক এই অধিনায়ক পেয়েছেন আরেকটি সুযোগ।
চোটের জন্য ছিটকে গেছেন ইবাদত হোসেন চৌধুরি। তার জায়গায় ফিরেছেন আরেক গতিময় পেসার তাসকিন।
বাংলাদেশ খেলছে তিন দুই পেসার ও তিন স্পিনার নিয়ে।
22 Dec 2022, 09:42 AM
ভারত দলে কুলদিপের জায়গায় উনাদকাট
স্পিনার কমিয়ে পেসার বাড়িয়েছে ভারত। মিরপুর টেস্টে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলছে সফরকারীরা।
এক যুগের বেশি সময় পর ভারতের হয়ে টেস্ট খেলতে নামছেন জয়দেব উনাদকাট। এই পেসারকে জায়গা দিতে গিয়ে একাদশে জায়গা হারিয়েছেন কুলদিপ যাদব। আগের টেস্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন এই বাঁহাতি রিস্ট স্পিনার।
সিরিজে এগিয়ে থাকা ভারত দলে পরিবর্তন এই একটিই।
১২ বছর ৬ দিন পর টেস্ট খেলতে নামছেন উনাদকাট। ২০১০ সালের ১৬ ডিসেম্বর টেস্টে অভিষেক হয়েছিল এই পেসারের। সেটিই এত দিন হয়েছিল তার একমাত্র ম্যাচ। এর মধ্যে ১১৮ টেস্ট খেলেছে ভারত।
ম্যাচর দিক থেকে দুই টেস্টের মধ্যে সবচেয়ে দীর্ঘ বিরতিতে উনাদকাট আছেন দুই নম্বরে। ১৪২ ম্যাচের বিরতি নিয়ে চূড়ায় ইংল্যান্ডের গ্যারেথ ব্যাটি। তিনিও এই সংস্করণে ফেরার ম্যাচ খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে।
ভারত একাদশ: লোকেশ রাহুল, শুবমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, আকসার প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, জয়দেব উনাদকাট, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।
22 Dec 2022, 09:52 AM
গোল্ডেন ডাকের হাত থেকে বাঁচলেন জাকির
অভিষেকে সেঞ্চুরির কীর্তি গড়া জাকির হাসান পরের ম্যাচেই দেখে ফেলছিলেন মুদ্রার উল্টো পিঠ। পেতে যাচ্ছিলেন গোল্ডেন ডাকের তেতো স্বাদ। বেঁচে গেলেন মোহাম্মদ সিরাজের ব্যর্থতায়।
ম্যাচের প্রথম ওভারের ছয় বলই খেলেন নাজমুল হোসেন শান্ত। পঞ্চম বলে বাউন্ডারিতে রানের খাতা খোলেন তিনি।
উমেশ যাদবের করা পরের ওভারের প্রথম বলেই আউট হতে যাচ্ছিলেন জাকির। লেগ স্টাম্পের ওপর হাফ ভলি পেয়ে অন সাইডে ফ্লিক করেন বাঁহাতি এই ওপেনার। কিন্তু বল সীমানা পার হয়নি। ডিপ ফাইন লেগে বেশ খানিকটা দৌড়ে বলের কাছে যান সিরাজ। তবে হাতে রাখতে পারেননি ক্যাচ। উল্টো কাঁধে ব্যথা পান ভারতের পেসার। তার শুশ্রূষার জন্য কিছুক্ষণ বন্ধ থাকে খেলা।
২ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৭।
22 Dec 2022, 10:13 AM
কঠিন সময়ে চোয়ালবদ্ধ দৃঢ়তা
কঠিন সময়ে চোয়ালবদ্ধ দৃঢ়তা দেখাচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। দুই বাঁহাতি ওপেনার খেলছেন বাড়তি সতর্কতার সঙ্গে।
একটি কঠিন সুযোগ দিয়েছিলেন জাকির, সেটি কাজে লাগাতে পারেননি মোহাম্মদ সিরাজ।
এর বাইরে দুয়েকবার একটুর জন্য ব্যাটের কানা নেয়নি বল। কানায় লেগে একবার একটুর জন্য স্টাম্পে যায়নি বল। তবে লড়াই চালিয়ে যাচ্ছেন দুই ওপেনার।
সকালে খেলা শুরুর সময় চারপাশ একটু ঘোলাটে ছিল। আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। বাংলাদেশের ইনিংসও যেন এগোচ্ছে সেভাবেই।
৯ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ২১। ২২ বলে ১১ রানে খেলছেন জাকির। শান্তর রান ৩২ বলে ১০।
22 Dec 2022, 10:47 AM
উইকেটশূন্য প্রথম ঘণ্টা
মিরপুর টেস্টের প্রথম ঘণ্টা নিরাপদে কাটিয়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। ১৩ ওভারে দুই বাঁহাতি ওপেনার করেছেন ৩৭ রান।
চার বোলার ব্যবহার করে শুরুর জুটি ভাঙতে পারেননি ভারত অধিনায়ক লোকেশ রাহুল।
৪৭ বলে তিন চারে ২২ রানে খেলছেন শান্ত। ১ চারে ৩১ বলে জাকিরের রান ১৫।
কোনো বল বাড়তি বাউন্স করছে, কোনোটা কম। কোনটা আবার বেশ নিচে থাকছে। কোনো বল টার্ন করছে, বাউন্স করছে, কোনোটা যাচ্ছে সোজা। সব মিলিয়ে ব্যাটসম্যানদের জন্য কাজটা বেশ চ্যালেঞ্জিং।
শান্ত খেলছেন বেশ দায়িত্ব নিয়ে। অফ স্টাম্পের বাইরের বলে কঠিন পরীক্ষায় পড়লেও মাটি কামড়ে পড়ে আছেন তিনি।
প্রথম বলেই জীবন পাওয়ার থেকে শান্তকে সঙ্গ দিয়ে যাচ্ছেন জাকির।
22 Dec 2022, 10:51 AM
জাকিরকে ফেরালেন উনাদকাট
এক যুগ পর টেস্ট ক্রিকেটে ফেরা জয়দেব উনাদকাট ভাঙলেন বাংলাদেশের উদ্বোধনী জুটি। জাকির হাসানকে ফিরিয়ে দিলেন বাঁহাতি এই পেসার।
কাট করতে চেয়েছিলেন জাকির। তবে বাড়তি বাউন্সের জন্য ঠিক মতো খেলতে পারেননি তিনি। গ্লাভস ছুঁয়ে সহজ ক্যাচ যায় স্লিপে। ভাঙে ৩৯ রানের উদ্বোধনী জুটি।
৩৪ বলে এক চারে ১৫ রান করেন জাকির।
১৫ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৩৯। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী মুমিনুল হক।
22 Dec 2022, 10:57 AM
শান্তকে ফেরালেন অশ্বিন
রবিচন্দ্রন অশ্বিনের অফ স্টাম্পের বাইরের আপাত সাদামাটা এক ডেলিভারিতে বিপদ ডেকে আনলেন নাজমুল হোসেন শান্ত। কোনো শট না খেলে ফিরে গেলেন এলবিডব্লিউ হয়ে।
অফ স্টাম্পের বাইরের বল খেলা যেত অনায়াসেই। তবে শান্ত হয়তো ভেবেছিলেন বল স্পিন করে বেরিয়ে যাবে। এর আগে দুয়েকটি বল বেরিয়ে গিয়েছিলেও। তবে সেই ডেলিভারি বেরিয়ে যায়নি, বরং ব্যাটসম্যানকে হতভম্ব করে দিয়ে অ্যাঙ্গেলে একটু ভেতরে ঢুকে ছোবল দেয় প্যাডে।
জোরাল আবেদনে আম্পায়ার সাড়া দেওয়ার পর রিভিউ নেন শান্ত। কাজ হয়নি, অফ স্টাম্প ছুঁয়ে যেত বল। স্টাম্পে বলের স্পর্শ আম্পায়ার্স কল ছিল বলে টিকে যায় রিভিউ।
১৬ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৩৯। ক্রিজে মুমিনুল হকের সঙ্গী সাকিব আল হাসান।
চট্টগ্রাম টেস্টে চারে খেলেছিলেন লিটন দাস। এবার নামলেন সাকিব। ক্যারিয়ারে পঞ্চমবারের মতো চারে নামলে বাংলাদেশ অধিনায়ক। শেষ বার এই পজিশনে খেলেছিলেন ২০১৮ সালের জুলাইয়ে, ওয়েস্ট ইন্ডিজ সফরে।
22 Dec 2022, 11:02 AM
দুই অঙ্কে মুমিনুল
শুরু করেছিলেন তিন রান নিয়ে। পরে টানা দুই ওভারে মারলেন দুটি বাউন্ডারি। তাতে ৯ ইনিংস পর টেস্টে দুই অঙ্কের দেখা পেলেন মুমিনুল হক।
১৯ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৫১। ১৫ বলে ১১ রানে ব্যাট করছেন মুমিনুল হক। ৮ বলে সাকিব আল হাসানের রান ১।
22 Dec 2022, 11:55 AM
সাকিব-মুমিনুলের ব্যাটে লড়াই
পরপর দুই ওভারে জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তর বিদায়ে চাপে পড়া বাংলাদেশ লড়ছে ঘুরে দাঁড়াতে। এতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক সাকিব আল হাসান। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক।
মিরপুর টেস্টের প্রথম দিন লাঞ্চে যাওয়ার সময় বাংলাদেশের রান ২ উইকেটে ৮২। ৩৯ বলে চারটি চারে ২৩ রানে খেলছেন দলে ফেরা মুমিনুল। একটি করে ছক্কা ও চারে ১৬ রানে খেলছেন সাকিব।
শেষ ওভারে অবশ্য একটি সুযোগ দিয়েছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার। রবিচন্দ্রন অশ্বিনের বল বেরিয়ে এসে খেলার চেষ্টায় স্টাম্পড হতে পারতেন তিনি। তবে বেঁচে যান উইকেটরক্ষক রিশাভ পান্ত বল গ্লাভসে নিতে না পারায়।
এর আগে অশ্বিনের বলেই মুমিনুলের শট যায় কিপার পান্ত প্রথম স্লিপে থাকা বিরাট কোহলির মাঝ দিয়ে। সে সময় ১১ রানে ছিলেন মুমিনুল। আগের নয় ইনিংসে দুই অঙ্কে যেতে না পারা বাঁহাতি ব্যাটসম্যানের সামনে দুঃসময় পেছনে ফেলার সুযোগ।
প্রথম ঘণ্টায় ১৩ ওভারে ৩৭ রান তুলেছিলেন দুই ওপেনার শান্ত ও জাকির। অবশ্য উইকেট যেতে পারত দ্বিতীয় ওভারের প্রথম বলেই। মোহাম্মদ সিরাজকে সীমানায় ক্যাচ দিয়েও বেঁচে যান জাকির।
কঠিন সময় পার করে দিয়ে জয়দেব উনাদকাটের বাড়তি বাউন্সে ধরা পড়েন তিনি। পরের ওভারে শট না খেলে এলবিডব্লিউ হয়ে যান শান্ত।
প্রথম সেশনের বাকি সময়ে আর কোনো ক্ষতি হতে দেননি সাকিব ও মুমিনুল। ৭৮ বলে দুই জনে গড়েছেন ৪৩ রানের জুটি।
22 Dec 2022, 12:23 PM
লাঞ্চের পর প্রথম বলেই আউট সাকিব
লাঞ্চ বিরতির পর নেমে কোথায় একটু সময় নেবেন, তা নয় প্রথম বলেই চড়াও হতে গিয়ে উইকেট বিলিয়ে দিলেন সাকিব আল হাসান। ভাঙল ৪৩ রানের জুটি।
উমেশ যাদবের লেংথ বল মিড অফের উপর দিয়ে পাঠানোর চেষ্টায় ছিলেন বাংলাদেশ অধিনায়ক। টাইমিং করতে পারেননি, সহজ ক্যাচ নেন চেতেশ্বর পুজারা। যেন তাকে ক্যাচ অনুশীলন করাচ্ছিলেন ব্যাটসম্যান!
২৯ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৮৩। ক্রিজে মুমিনুল হকের সঙ্গী মুশফিকুর রহিম।
22 Dec 2022, 12:41 PM
ভারতের ব্যর্থ রিভিউ
মুশফিকুর রহিমের বিরুদ্ধে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হলো ভারত।
বোলার মোহাম্মদ সিরাজ ও কিপার রিশাভ পান্তের সঙ্গে কথা বলে শেষ মুহূর্তে রিভিউ নেন লোকেশ রাহুল। ইম্প্যাক্ট ছিল অফ স্টাম্পের বাইরে। তাই নষ্ট হয় ভারতের একটি রিভিউ।
৩৪ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৯৭। ৫৩ বলে পাঁচ চারে ২৭ রানে খেলছেন মুমিনুল হক। ২২ বলে এক চারে মুশফিকের রান ৭।
22 Dec 2022, 01:03 PM
অশ্বিনকে টানা তিন চার
প্রথম ৩৩ বলে করেছিলেন কেবল ৯ রান। এরপর যেন রানের গতি বাড়ানোর সিদ্ধান্ত নিলেন মুশফিকুর রহিম। রবিচন্দ্রন অশ্বিনকে মারলেন টানা তিন চার।
প্রথম চার মারেন কাভার দিয়ে। পরেরটি বেরিয়ে এসে বোলার ও নন স্ট্রাইকারের মাঝ দিয়ে। তৃতীয়টি পিছিয়ে গিয়ে কাট করে।
পরের ওভারে জয়দেব উনাদকাটের ওভারে টানা দুটি বাউন্ডারি মারেন মুমিনুল হক।
৩৯ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১২৫। ৭ চারে ৬৭ বলে ৪০ রানে ব্যাট করছেন মুমিনুল। চারটি চারে ৩৭ বলে মুশফিকের রান ২২।
22 Dec 2022, 01:20 PM
জুটি ভাঙলেন উনাদকাট
এক যুগ পর টেস্ট ক্রিকেটে ফেরার উপলক্ষ যেন রাঙিয়ে রাখছেন জয়দেব উনাদকাট। মুশফিকুর রহিমকে ফিরিয়ে নিয়েছেন ইনিংসে নিজের দ্বিতীয় উইকেট।
রাউন্ড দা উইকেটে করা বাঁহাতি পেসারের লেংথ বল পিচ করার পর সোজা যায়। ব্যাক ফুটে থাকা মুশফিক ব্যাটের মুখ কিছুটা ওপেন করে ডিফেন্ড করার চেষ্টা করেন। সফল হননি, কানা ছুঁয়ে জমা পড়ে রিশাভ পান্তের গ্লাভসে। ভাঙে ৭৭ বল স্থায়ী ৪৮ রানের জুটি।
৪৬ বলে পাঁচ চারে মুশফিক করেন ২৬ রান।
৪১ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৩০। ক্রিজে মুমিনুল হকের সঙ্গী লিটন দাস।
22 Dec 2022, 01:30 PM
মুমিনুলের দারুণ ফিফটি
জয়দেব উনাদকাটকে র্যাম্প শটে চার মারার এক বল পর কাট করে মারলেন আরেকটি। ৭৮ বলে মুমিনুল হক স্পর্শ করলেন ফিফটি।
সবশেষ নয় ইনিংসে ছুঁতে পারেননি দুই অঙ্ক। বাদ পড়েছিলেন চট্টগ্রাম টেস্ট। মিরপুরে আবার সুযোগ পেয়ে যেন দুই হাতে কাজে লাগাচ্ছেন মুমিনুল।
বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউ জিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৮৮। এরপর দশের ঘর ছাড়াতে পারেন কেবল একবার।
ভারতের বিপক্ষে এটাই মুমিনুলের প্রথম পঞ্চাশ। প্রতিবেশী দেশটির বিপক্ষে সবশেষ টেস্টে কলকাতায় দুই ইনিংসেই আউট হয়েছিলেন শূন্য রানে।
৪৩ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৩৯। ৭৮ বলে মুমিনুলের রান ৫০। এখনও রানের খাতা খুলতে পারেননি লিটন দাস।
22 Dec 2022, 01:54 PM
জুটি ভাঙলেন অশ্বিন
কী চমৎকার খেলছিলেন লিটন দাস। কী দুর্দান্ত টাইমিং করছিলেন। মুমিনুল হকের সঙ্গে কী দারুণভাবেই না জমে ওঠেছিল জুটি। কিন্তু পূর্ণতা দিতে পারলেন না লিটন। না নিজের ইনিংসের, না জুটির।
রবিচন্দ্রন অশ্বিনের স্টাম্পে থাকা বলে ফ্লিক করে শর্ট মিডউইকেটে লোকেশ রাহুলের হাতে ধরা পড়েন লিটন। ভাঙে ৪৭ বল স্থায়ী ৪২ রানের জুটি।
এক ছক্কা ও দুই চারে ২৬ বলে ২৫ রান করেন লিটন।
৪৯ ওভারে ৫ উইকেটে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৭২। ক্রিজে মুমিনুল হকের সঙ্গী মেহেদী হাসান মিরাজ। প্রমোশন পেয়েছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। তিনি সাতে নামায় আটে খেলতে হবে উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের।
22 Dec 2022, 02:01 PM
আরেকটি রিভিউ হারাল ভারত
মুমিনুল হকের বিরুদ্ধে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হলো ভারত। তাদের বাকি থাকল কেবল একটি রিভিউ।
রবিচন্দ্রন অশ্বিনের বল বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানের কানা এড়িয়ে ছোবল দেয় প্যাডে। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে, উইকেটরক্ষক রিশাভ পান্ত পরামর্শ দেন, ‘চান্স নেওয়া যায়।’ তাই নেন লোকেশ রাহুল।
তবে বল লেগ স্টাম্পের বাইরে পিচ করায় তা কাজে আসেনি। নষ্ট হয় ভারতের দ্বিতীয় রিভিউ।
৫১ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৭৮। ১০২ বলে ১০ চারে ৬০ রানে খেলছেন মুমিনুল। ২ বলে মেহেদী হাসান মিরাজের রান ৪।
22 Dec 2022, 02:22 PM
হতাশার সেশন
প্রথম বলেই বাজে শটে আউট হলেন সাকিব আল হাসান। পরে থিতু হয়ে বিদায় নিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। তাই ২৯ ওভারে ১০২ রান যোগ করলেও দ্বিতীয় সেশন বাংলাদেশের জন্য হতাশারই।
আশার কথা এখনও উইকেটে টিকে আছেন মুমিনুল হক। তাকে সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।
চা-বিরতিতে যাওয়ার সময় ৫৭ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৮৪। ১১ চারে ১২১ বলে ৬৫ রানে খেলছেন মুমিনুল। এক চারে ১৯ বলে মিরাজের রান চার। দ্বিতীয় বলে চার মেরে রানের খাতা খোলা এই অফ স্পিনিং অলরাউন্ডার বাকি ১৮ বল খেলেছেন ডট।
বাংলাদেশের চারটি জুটি গেছে চল্লিশের আশেপাশে। তবে একটিও ছুঁতে পারেনি পঞ্চাশ।
প্রথম ছয় ব্যাটসম্যান সবাই গেছেন দুই অঙ্কে। কিন্তু মুমিনুল ছাড়া আর কেউ ছাড়াতে পারেননি বিশের ঘর।
22 Dec 2022, 03:09 PM
বাংলাদেশের দুইশ
জয়দেব উনাদকাটকে দারুণ এক কাভার ড্রাইভে বাউন্ডারি মারলেন মেহেদী হাসান মিরাজ। দুইশ স্পর্শ করল বাংলাদেশের রান।
৬৫ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ২০৩। ১৪১ বলে ১২ চারে ৭২ রানে খেলছেন মুমিনুল হক। ৪৭ বলে মিরাজের রান ১৫।
স্বাগতিকদের প্রথম সাত ব্যাটসম্যান সবাই গেলেন দুই অঙ্কে।
এক সেশনে তিন উইকেট হারানোর পর বেশ সাবধানী মুমিনুল ও মিরাজ। পরপর দুই ওভারে দুটি বাউন্ডারির পরও তাদের জুটিতে ৩১ রান এসেছে ৯৭ বলে।
22 Dec 2022, 03:23 PM
সম্ভাবনা জাগিয়েই শেষ আরেকটি জুটি
কোনো সমস্যা হচ্ছিল মেহেদী হাসান মিরাজের। তাই ট্যাবলেট নিয়ে এলেন ফিজিও। হয়তো মনসংযোগে একটু চিড় ধরেছিল অফ স্পিনিং অলরাউন্ডারের। উমেশ যাদবের বলে আলগা শটে কট বিহাইন্ড হয়ে ফিরে গেলেন তিনি। তাতে সম্ভাবনা জাগিয়েও পঞ্চাশের আগেই ভাঙল আরেকটি জুটি।
অফ স্টাম্পের বাইরের বলে কাট করার চেষ্টায় সফল হননি মিরাজ। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে কিপার রিশভ পান্তের গ্লাভসে। ভাঙে ১০৬ বল স্থায়ী ৪১ রানের জুটি।
মুখোমুখি প্রথম বলে রানের খাতা খোলেন নুরুল হাসান সোহান। তবে ফিল্ডারের থ্রো সরাসরি স্টাম্পে লাগলে দুই রান নেওয়ার পথে রান আউট হয়ে যেতেন তিনি!
৬৭ ওভারে বাংলাদেশের রান রান ৬ উইকেটে ২১৬। ১৪৬ বলে ১২ চার ও এক ছক্কায় ৮১ রানে খেলছেন মুমিনুল হক। সোহানের রান ৩ বলে ৩।
22 Dec 2022, 03:32 PM
আটে নেমে ব্যর্থ সোহান
আটে নেমে দ্রুতই ফিরলেন নুরুল হাসান সোহান। এই কিপার-ব্যাটসম্যান টিকলেন কেবল ১৩ বল। করতে পারলেন ৬ রান।
উমেশ যাদবের ভেতরে ঢোকা বল ব্যাটে খেলতে পারেননি সোহান। আম্পায়ার জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নিতে বলেন কিপার রিশাভ পান্ত।
বল ট্র্যাকিংয়ে দেখা গেছে, একটু ভেতরে ঢোকা বল আঘাত হানতো মিডল স্টাম্পে। ফিরে যান সোহান। চলতি ইনিংসে প্রথম ব্যাটসম্যান হিসেবে দুই অঙ্কে যেতে ব্যর্থ হলেন তিনি।
৬৯ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ২১৯। ১৪৬ বলে ১২ চার ও এক ছক্কায় ৮১ রানে খেলছেন মুমিনুল হক। ক্রিজে তার সঙ্গী তাসকিন আহমেদ।
22 Dec 2022, 03:54 PM
টিকলেন না তাসকিন
আরেকটি উইকেট পেলেন উমেশ যাদব। শেষের আরও কাছে চলে এলো বাংলাদেশের ইনিংস।
অফ স্টাম্প ঘেঁষা বলে ড্রাইভ করে পয়েন্ট ধরা পড়েন তাসকিন আহমেদ। কয়েকবারের চেষ্টায় ক্যাচ নেন মোহাম্মদ সিরাজ।
১৬ বলে ১ রান করেন তাসকিন।
৭৩ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ২২৭। ক্রিজে মুমিনুল হকের সঙ্গী তাইজুল ইসলাম।
22 Dec 2022, 04:01 PM
২২৭ রানে শেষ বাংলাদেশ
হুট করেই যেন শেষ হয়ে গেল বাংলাদেশের ইনিংস। ৩ বলের মধ্যে শেষ দুটি উইকেট নিয়ে স্বাগতিকদের ২২৭ রানে থামিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন।
অফ স্পিনারের ক্যারম বলে কাট করবেন নাকি ছাড়বেন দ্বিধায় ছিলেন মুমিনুল হক। তার গ্লাভস ছুঁয়ে ক্যাচ যায় কিপার রিশাভ পান্তের কাছে।
লম্বা সময় এক প্রান্ত আগলে রাখা মুমিনুল ১২ চার ও এক ছক্কায় ১৫৭ বলে করেন ৮৪ রান।
এক বল পরেই নিচু ফুলটস ছক্কায় ওড়ানোর চেষ্টায় জয়দেব উনাদকাটের হাতে ধরা পড়েন সৈয়দ খালেদ আহমেদ। রানের খাতা খুলতে পারেননি তিনি।
১৪ রানে শেষ ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ বাংলাদেশ থমকে যায় ২২৭ রানে।
22 Dec 2022, 04:11 PM
হতাশার ব্যাটিং
প্রথম সাত ব্যাটসম্যানের সবাই গেলে দুই অঙ্কে। মুমিনুল ছাড়া আর কেউ ছাড়াতে পারলেন না বিশের ঘর। প্রথম ছয় জুটির পাঁচটি গেল চল্লিশের আশেপাশে। কোনো জুটি ছুঁতে পারল না পঞ্চাশ। শেষ দিকে মাত্র ১৪ রানে বাংলাদেশ হারাল শেষ ৫ উইকেট।
অসংখ্য সুযোগ হাতছাড়ার আক্ষেপ নিয়ে ৭৩.৫ ওভারে ২২৭ রানে শেষ হলো বাংলাদেশের প্রথম ইনিংস।
২৫ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার উমেশ যাদব। ৭১ রানে ৪ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। এক যুগ পর টেস্ট ক্রিকেটে ফেরা জয়েদব উনাদকাট ২ উইকেট নেন ৫০ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৩.৫ ওভারে ২২৭ (শান্ত ২৪, জাকির ১৫, মুমিনুল ৮৪, সাকিব ১৬, মুশফিক ২৬, লিটন ২৫, মিরাজ ১৫, সোহান ৬, তাসকিন ১, তাইজুল ৪*, খালেদ ০; সিরাজ ৯-১-৩৯-০, উমেশ ১৫-৪-২৫-৪, উনাদকাট ১৬-২-৫০-২, অশ্বিন ২১.৫-৩-৭১-৪, আকসার ১২-৩-৩২-০)
22 Dec 2022, 04:41 PM
বাংলাদেশের ব্যর্থ রিভিউ
আমি একটা আওয়াজ পাইসি, নেন, নেন- উইকেটের পেছন থেকে বলছিলেন নুরুল হাসান সোহান। অনেকটা নিমরাজী হয়েই যেন রিভিউ নেন সাকিব আল হাসান।
বল ট্র্যাকিংয়ে অবশ্য হতাশই হতে হয়েছে স্বাগতিকদের। তাসকিন আহমেদের বল স্পর্শ করেনি লোকেশ রাহুলের ব্যাট। সপ্তম ওভারে প্রথম রিভিউ হারাল বাংলাদেশ।
৭ ওভারে ভারতের রান বিনা উইকেটে ১৯। ২০ বলে ১৪ রানে খেলছেন শুবমান গিল। ২৪ বলে রাহুলের রান ৩।
22 Dec 2022, 04:41 PM
রিভিউ নিয়ে বাঁচলেন রাহুল
আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নিয়ে বাঁচলেন লোকেশ রাহুল। বাঁহাতি স্পিনারের অ্যাঙ্গেলে ভেতরে ঢোকা বল ব্যাটে খেলতে পারেননি ভারত অধিনায়ক। প্যাডে লাগলে জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার।
শুবমান গিলের সঙ্গে কথা বলে রিভিউ নেন রাহুল। বল ট্র্যাকিংয়ে দেখা যায়, একটুর জন্য লেগ স্টাম্পের বাইরে দিয়ে যেত বল। বেঁচে যান রাহুল। সে সময় ৩ রানে ছিলেন এই ওপেনার।
22 Dec 2022, 04:53 PM
রাহুল-গিলের দৃঢ়তা
২২৭ রানে অলআউট হওয়ার পর প্রথম দিনের শেষ বেলায় ৭ ওভার বোলিং করার পর ভারতের উদ্বোধনী জুটি ভাঙতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।
আলোকস্বল্পতায় আগেভাগেই খেলা শেষ হওয়ার আগে ৮ ওভারে বিনা উইকেটে ১৯ রান করেছে ভারত। ৩০ বলে ৩ রানে খেলছেন লোকেশ রাহুল। শুবমান গিল ২০ বলে একটি করে ছক্কা ও চারে করেছেন ১৪ রান।
এখনও ২০৮ রানে পিছিয়ে ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২২৭
ভারত ১ম ইনিংস: ৮ ওভারে ১৯/০ (রাহুল ৩*, গিল ১৪*; তাসকিন ৪-২-৮-০, সাকিব ৪-২-১১-০)