16 Jul 2023, 05:43 PM
সংক্ষিপ্ত স্কোর: (লক্ষ্য ১৭ ওভারে ১১৯) বাংলাদেশ ১৬.১ ওভারে ১১৯/৪ (আফগানিস্তান ১১৬/৭)
16 Jul 2023, 05:38 PM
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতলেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচের মতো এবারও আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক।
উইকেট দেখে ভালো মনে হয়েছে সাকিবের। তাই আগে বোলিং করে রান তাড়া করার পথ বেছে নেওয়ার কথা বলেছেন তিনি।
আফগানিস্তান অধিনায়ক রশিদ খান জানিয়েছেন, টস জিতলে তিনিও আগে ফিল্ডিং করতেই পছন্দ করতেন।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের হাতছানি
তাওহিদ হৃদয়, শামীম হোসেনের দারুণ জুটিতে প্রথম ম্যাচে বাংলাদেশ পেয়েছে নাটকীয় এক জয়। স্বাগতিকদের আকাশে এবার উঁকি দিচ্ছে প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সম্ভাবনা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার জয় পেলে সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ। ভয়ডরহীন ও আগ্রাসী ক্রিকেটে টি-টোয়েন্টিতে নতুন দিনের যে বার্তা দিচ্ছে দল, তা ধরে রাখতে পারলে সিরিজ জয় খুব কঠিন হবে না। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
আফগানদের বিপক্ষে আগের দুই সিরিজে সাফল্য নেই বাংলাদেশের। দেরাদুনে ২০১৮ সালে ৩-০তে জেতে আফগানিস্তান। মিরপুরে গত বছরের দুই ম্যাচের সিরিজ ড্র হয় দুই দলের একটি করে জয়ে।
এবারও প্রথম ম্যাচে শুরুর ব্যাটসম্যানদের ব্যর্থতায় দেখা দেয় পরাজয়ের শঙ্কা। সেখান থেকে ৭৩ রানের জুটিতে দলকে জয়ের কাছে নেন হৃদয়, শামীম। শেষ ওভারে করিম জানাতের হ্যাটট্রিক নাটকীয়তা ছাপিয়ে জয়সূচক বাউন্ডারি মারেন শরিফুল ইসলাম।
16 Jul 2023, 05:45 PM
কাঁধের চোটে বাইরে রনি, বিশ্রামে শরিফুল
প্রথম ম্যাচের একাদশে দুইটি পরিবর্তন করেছে বাংলাদেশ। কাঁধের চোটে দলে নেই রনি তালুকদার। বিশ্রাম দেওয়া হয়েছে শরিফুল ইসলামকে। দুজনের জায়গায় সুযোগ পেয়েছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ।
পাঁচ ম্যাচ পর একাদশে ফিরলেন আফিফ। গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের পর জায়গা হারান তিনি। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে স্কোয়াড থেকেই বাদ পড়েন বাঁহাতি ব্যাটসম্যান।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ।
16 Jul 2023, 05:53 PM
আফগানিস্তান দলে মোমান্দের অভিষেক
প্রথম ম্যাচের একাদশে একটি পরিবর্তন করেছে আফগানিস্তান। বাদ দেওয়া হয়েছে ফরিদ মালিককে।
তার জায়গায় টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে ওয়াফাদার মোমান্দের। এই সংস্করণে আফগানিস্তানের ৫১তম ক্রিকেটার ২৩ বছর বয়সী এই পেসার।
আফগানিস্তান একাদশ: রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, ওয়াফাদার মোমান্দ।
16 Jul 2023, 06:10 PM
প্রথম ওভারেই তাসকিনের আঘাত
শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দিলেন তাসকিন আহমেদ। বড় শট খেলতে গিয়ে ফিরতি ক্যাচ দিলেন রহমানউল্লাহ গুরবাজ।
তাসকিনের অফ স্টাম্পের বাইরে শর্ট লেংথের ডেলিভারি পুল খেলার চেষ্টা করেন গুরবাজ। কিন্তু টাইমিং হয়নি। বল উঠে যায় আকাশে। নিজের বলে নিজেই ক্যাচ নেন তাসকিন।
আউট হওয়ার আগের বলে ব্যাটের কানায় লেগে ফাইন লেগ দিয়ে সৌভাগ্যজনক ছক্কা পেয়ে যান গুরবাজ। পরের বলেই তাসকিন নেন প্রতিশোধ।
৫৪ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে তাসকিনের ৫০তম উইকেট এটি। বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পর এই কীর্তি গড়লেন তিনি।
প্রথম ওভারে আফগানিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৯ রান। হজরতউল্লাহ জাজাইকে সঙ্গ দিতে তিন নম্বরে নেমেছেন ইব্রাহিম জাদরান।
16 Jul 2023, 06:24 PM
জাজাইকেও ফেরালেন তাসকিন
আফগানিস্তানের ওপেনারদের টিকতে দিলেন না তাসকিন আহমেদ। পরপর দুই ওভারে তিনি আউট করলেন দুজনকে। রহমানউল্লাহ গুরবাজের পর ড্রেসিংরুমের পথ ধরলেন হজরতউল্লাহ জাজাইও।
তাসকিনের চতুর্থ স্টাম্প বরাবর গুড লেংথের ডেলিভারিতে ছিল বাড়তি বাউন্স। স্লিপ কর্ডনের পাশ দিয়ে আলতো করে খেলার চেষ্টায় ব্যর্থ হন জাজাই। বাইরের কানা ছুঁয়ে বল জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।
এক চারে ৫ বলে ৪ রান করেছেন জাজাই।
৩ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৬ রান। ক্রিজে দুই ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান ও এক ধাপ প্রমোশন পেয়ে চারে নামা মোহাম্মদ নবি।
16 Jul 2023, 06:37 PM
পাওয়ার প্লেতে বাংলাদেশের দুই সাফল্য
তাসকিন আহমেদের দুই উইকেটের সৌজন্যে পাওয়ার প্লে নিজেদের করতে পেরেছে বাংলাদেশ। তবে শেষ ওভারে ১৪ রান নিয়ে কিছুটা গুছিয়ে নিয়েছে আফগানিস্তানও।
৬ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৩৪ রান। ইব্রাহিম জাদরান ১৬ বলে ৯ ও মোহাম্মদ নবি ১০ বলে ৮ রানে অপরাজিত।
রহমানউল্লাহ গুরবাজ ৫ বলে ৮ ও হজরতউল্লাহ জাজাই ৫ বলে ৪ রান করে আউট হয়েছে।
দ্বিতীয় ম্যাচের গতিময় ও বাউন্সি উইকেটে নতুন বলের পূর্ণ ফায়দা নিয়েছেন তাসকিন। দুই ওপেনারকেই ফিরিয়েছেন তিনি। সাফল্য না পেলেও ২ ওভারে স্রেফ ৪ রান দিয়েছেন হাসান মাহমুদ।
তবে পাওয়ার প্লের শেষ ওভার করতে এসে জোড়া বাউন্ডারি হজম করে ১৪ রান খরচ করলেন মুস্তাফিজুর রহমান।
16 Jul 2023, 06:42 PM
বৃষ্টিতে খেলা বন্ধ
প্রথম ম্যাচের মতো দ্বিতীয়টিতেও বাগড়া বাধাল বৃষ্টি। আফগানিস্তানের ইনিংসের অষ্টম ওভারে বন্ধ হয়ে গেল খেলা।
আপাতত বৃষ্টির মাত্রা তেমন বেশি নয়। এরই মধ্যে কাভার দিয়ে ঢেকে ফেলা হয়েছে উইকেট ও এর চারপাশের জায়গা।
খেলা বন্ধ হওয়ার আগে ৭.২ ওভারে ২ উইকেটে ৩৯ রান। ইব্রাহিম জাদরান ২০ বলে ১১ ও মোহাম্মদ নবি ১৪ বলে ১১ রানে অপরাজিত।
16 Jul 2023, 07:18 PM
মাঠ শুকানোর কাজ শুরু
বৃষ্টি থেমেছে সিলেটে। শুরু হয়েছে মাঠ শুকানোর কাজ। এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে উইকেট ও এর আশপাশের সব কভার। আপাতত মাঠ থেকে পানি সরানোর কাজে ব্যস্ত মাঠকর্মীরা।
তবে সিলেটের মাঠের আউটফিল্ড মিরপুর-চট্টগ্রামের মতো অত ভালো নয়। তাই খেলা শুরু হতে অপেক্ষা করতে হবে আরও।
16 Jul 2023, 08:16 PM
১৭ ওভারে নেমে এলো ম্যাচ
দীর্ঘ অপেক্ষার পর অবশেষ জানা গেল খেলা শুরুর সময়। ৮টা ১৫ মিনিটে আবার মাঠে গড়াবে বল।
প্রায় ১০০ মিনিটের বিরতিতে ম্যাচ থেকে হারিয়ে গেছে ৬ ওভার। ইনিংসপ্রতি এখন খেলা হবে ১৭ ওভার করে। অর্থাৎ আফগানিস্তানের ইনিংসের বাকি রয়েছে আর ৯.৪ ওভার।
16 Jul 2023, 08:24 PM
পরপর ক্যাচ ছাড়লেন সাকিব-লিটন
বিরতি শেষে খেলা শুরুর পরপরই জোড়া সুযোগ তৈরি করলেন নাসুম আহমেদ। কিন্তু সাকিব আল হাসান ও লিটন দাসের ক্যাচিং ব্যর্থতায় সাফল্য পেলেন না বাঁহাতি স্পিনার।
নবম ওভারে নাসুম আহমেদের অফ স্টাম্পের বাইরের শর্ট ডেলিভারি বেশ জোরেই অফ সাইডে ড্রাইভ করেন মোহাম্মদ নবি। কিন্তু বল চলে যায় সোজা কভারে দাঁড়ানো সাকিব বরাবর। তবে সেটি হাতে রাখতে পারেননি বাংলাদেশ অধিনায়ক।
পরের বলে লেংথ ডেলিভারি জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টা করেন নবি। এবার ব্যাটের কানা ছুঁয়ে যাওয়া বল গ্লাভসে জমাতে পারেননি লিটন। ফলে ১৫ রানে দুইবার বেঁচে গেলেন আফগান অভিজ্ঞ ব্যাটসম্যান।
16 Jul 2023, 08:27 PM
নবিকে ফেরালেন মুস্তাফিজ
দুইবার জীবন পেয়েও কিছু করতে পারলেন না মোহাম্মদ নবি। পরের ওভারেই তাকে ড্রেসিং রুমে ফেরত পাঠালেন মুস্তাফিজুর রহমান।
প্রথম ওভারে ১২ রান খরচ করা মুস্তাফিজের দ্বিতীয় ওভার শুরু হয় ওয়াইড দিয়ে। তবে পরের বলেই তিনি পান প্রথম সাফল্য।
ফুল লেংথ ডেলিভারি লং অনের দিকে বড় শটের চেষ্টা করেন নবি। ব্যাটের ভেতরের কানায় লেগে বল জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। এক চারে ১৬ রান করতে ২২ বল খেলেছেন নবি। ইব্রাহিম জাদরানের সঙ্গে ক্রিজে নতুন ব্যাটসম্যান নাজিবউল্লাহ জাদরান।
16 Jul 2023, 08:38 PM
সাকিবের জোড়া শিকার
আফগানিস্তানের ব্যাটসম্যানদের উইকেটে টিকতে দিচ্ছেন না বাংলাদেশের বোলাররা। মুস্তাফিজুর রহমানের পর এবার উইকেট শিকারের উৎসবে নাম লেখালেন সাকিব আল হাসান।
বাংলাদেশ অধিনায়কের একই ওভারে ড্রেসিং রুমের পথ ধরেছেন ইব্রাহিম জাদরান ও নাজিবউল্লাহ জাদরান। ১১ ওভারে ৬৭ রান করতে ৫ উইকেট হারিয়ে বিপদে আফগানরা।
অফ স্টাম্পের ওপর সাকিবের হালকা ঝুলিয়ে দেওয়া ডেলিভারি ছক্কা মারার চেষ্টা করেন ইব্রাহিম জাদরান, লং অনে নিরাপদে ক্যাচ নেন আফিফ হোসেন।
১ চার ও ১ ছক্কায় ২২ রান করতে ২৭ বল খেলেছেন ইব্রাহিম।
ওভারের শেষ বলে কিছুটা পেছনে সরে এসে পুল করার চেষ্টা করেন নাজিবউল্লাহ। কিন্তু ব্যাটে লাগাতে পারেননি। বল আঘাত হানে স্টাম্পে।
ব্যাটসম্যানের সংশয় থাকায় থার্ড আম্পায়ারের কাছে পাঠানো হয় সিদ্ধান্ত। রিপ্লে দেখে বোল্ড আউটের সিদ্ধান্ত জানান টিভি আম্পায়ার।
ক্রিজে এখন দুই ব্যাটসম্যান আজমতউল্লাহ ওমরজাই ও করিম জানাত।
16 Jul 2023, 08:50 PM
পাল্টা আক্রমণে চতুর্দশ ওভারে আফগানিস্তানের একশ
দ্রুত ৫ উইকেট হারিয়ে ফেলার পর পাল্টা আক্রমণের পথ ধরলেন আজমতউল্লাহ ওমরজাই ও করিম জানাত। দুজনের ঝড়ো জুটিতে চতুর্দশ ওভারে একশ রান পূর্ণ করল আফগানিস্তান।
স্রেফ ১৮ বলে ৩৩ রান যোগ করেছেন ওমরজাই ও জানাত। ১টি করে চার-ছক্কায় ৮ বলে ১৬ রান করেছেন জানাত। ওমরজাই খেলছেন ২ চার ও ১ ছক্কায় ১৪ বলে ২১ রানে।
১৪ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১০০ রান।
16 Jul 2023, 09:00 PM
মুস্তাফিজের দ্বিতীয় উইকেট
স্লগ ওভারে দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন মুস্তাফিজুর রহমান। তার দ্বিতীয় শিকার হলেন আজমতউল্লাহ ওমরজাই।
প্রথম দুই ওভারে ২৭ রান দেওয়া মুস্তাফিজের তৃতীয় ওভারের শুরুটা হয় ওয়াইড দিয়ে। তবে পরের চার বলে স্রেফ ২ রান দেন তিনি।
ওভারের পঞ্চম বলে এক্সট্রা কভারের ওপর দিয়ে খেলার চেষ্টা করেন ওমরজাই। ব্যাটের বাইরের কানায় লেগে বল উড়ে যায় ডিপ থার্ড ম্যানে। সহজ ক্যাচ নেন শামীম হোসেন।
২ চার ও ১ ছক্কায় ২১ বলে ২৫ রান করেছেন ওমরজাই। ১৬ ওভারে আফগানিস্তানের স্কোর ৬ উইকেটে ১০৯ রান।
৩ ওভারে ৩০ রানে ২ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।
16 Jul 2023, 09:09 PM
আফগানিস্তানকে ১১৬ রানে থামাল বাংলাদেশ
তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, নাসুম আহমেদদের দারুণ বোলিংয়ে বেশি দূর যেতে পারল না আফগানিস্তান। বৃষ্টিতে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে ৭ উইকেটে ১১৬ রানে থামল তারা।
তবে ডাক-ওয়ার্থ লুইস স্টার্ন মেথড অনুযায়ী জয়ের জন্য ১৭ ওভারে ১১৯ রান করতে হবে বাংলাদেশকে। যার মানে ওভারপ্রতি প্রয়োজন ৭ রান।
নতুন বলে দারুণ শুরু করা তাসকিন শেষেও করেছেন নিয়ন্ত্রিত বোলিং। শেষ ওভারে একটি ছক্কা হজম করলেও ৭ রানের বেশি দেননি গতিময় পেসার। ৪ ওভারে ৩৩ রানে তার শিকার ৩টি উইকেট।
এছাড়া সাকিব ও মুস্তাফিজুর রহমান ধরেছেন ২টি করে শিকার। ফিল্ডারদের ব্যর্থতায় কোনো উইকেট না পাওয়া নাসুম ৪ ওভারে খরচ করেছেন স্রেফ ১৫ রান।
আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেছেন আজমতউল্লাহ ওমরজাই। এছাড়া ইব্রাহিম জাদরান ২২ ও করিম জানাত খেলেছেন ২০ রানের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ১৭ ওভারে ১১৬/৭ (গুরবাজ ৮, জাজাই ৪, ইব্রাহিম ২২, নবি ১৬, ওমরজাই ২৫, জানাত ২০, রশিদ ৬*, মুজিব ১*; তাসকিন ৪-০-৩৩-৩, হাসান ৩-০-২০-০, নাসুম ৪-০-১৫-০, মুস্তাফিজ ৩-০-৩০-২, সাকিব ৩-০-১৫-২)
16 Jul 2023, 09:17 PM
প্রথমবার ওপেনিংয়ে আফিফ
কাঁধের চোটে এই ম্যাচে নেই রনি তালুকদার। তার জায়গায় একাদশে ঢুকে লিটন দাসের সঙ্গে ইনিংসের সূচনা করলেন আফিফ হোসেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬৩ ম্যাচের ক্যারিয়ারে এবারই প্রথম ওপেনিংয়ের নামলেন আফিফ। সব মিলিয়ে এই সংস্করণে বাংলাদেশের ২৭তম ওপেনার তিনি।
16 Jul 2023, 09:27 PM
লিটনের আগ্রাসী ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা
রান তাড়ায় তৃতীয় বলেই চার মারলেন লিটন দাস। ফজলহক ফারুকির পরের বলে মারলেন আরও একটি। অভিষিক্ত ওয়াফাদার মোমান্দকে তো স্বাগত জানালেন চারের হ্যাটট্রিক দিয়ে।
দুই ওভারে লিটনের ৫ চারে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে জমা হয়েছে ২৬ রান।
১০ বলে ২২ রান করে ফেলেছেন লিটন। ২ বল থেকে ৪ রান নিয়েছেন প্রথমবার ওপেনিংয়ে নামা আফিফ হোসেন।
16 Jul 2023, 09:43 PM
পাওয়ার প্লেতে বাংলাদেশের ৫০
লিটন দাস ও আফিফ হোসেনের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পেল বাংলাদেশ। পাওয়ার প্লের ৫ ওভারে স্কোর বোর্ডে যোগ হলো ৫০ রান।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ওপেনিংয়ে নেমে প্রথমবারই পঞ্চাশ ছোঁয়া উদ্বোধনী জুটির সঙ্গী হলেন আফিফ। যেখানে তার অবদান অবশ্য ১৩ রান। লিটন ২৯।
এর আগে ২০১৯-২০ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগের রাজশাহী রয়্যালসের হয়ে নিয়মিতই ইনিংস সূচনা করেন আফিফ ও লিটন। যেখানে ছয়টি পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েন তারা।
পাওয়ার প্লের শেষ ওভারে মুজিব উর রহমানের বলে দারুণ লফটেড ড্রাইভে লং অফ দিয়ে ছক্কা মারেন আফিফ হোসেন। ইনিংসের প্রথম ছক্কা এটি।
লিটন নিজের ইনিংস এগিয়ে নিচ্ছেন চারের ওপর ভর করে। ২১ বলে ২৯ রান করার পথে ৬টি চার মেরেছেন স্টাইলিশ ওপেনার।
বাকি ১২ ওভারে বাংলাদেশের প্রয়োজন আর ৬৯ রান।
16 Jul 2023, 10:06 PM
তিন বলের মধ্যে ড্রেসিং রুমে লিটন-আফিফ
পাওয়ার প্লে শেষ হওয়ার পর থেমে আসে রানের চাকা। টানা কয়েক ওভারে তেমন রান না আসার চাপটাই হয়তো অনুভব করতে থাকেন লিটন দাস, আফিফ হোসেন। যার মাশুল গুনতে হলো নিজেদের উইকেট হারিয়ে।
মুজিব উর রহমানের বলে বাউন্ডারির খোঁজে ইনসাইড আউট ড্রাইভ করেন লিটন। মনে হচ্ছিল বাউন্ডারি পেয়েই যাবেন। কিন্তু কাভারে দাঁড়ানো রশিদ খান ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে নেন দুর্দান্ত ক্যাচ।
৬ চারে ৩৬ বলে ৩৫ রান করে আউট হয়েছেন লিটন। তার বিদায়ে ভেঙেছে ৫৭ রানের উদ্বোধনী জুটি। এক বল পরই তাকে অনুসরণ করেছেন আফিফ।
অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারি স্লগ সুইপ করেন বাঁহাতি ওপেনার। কিন্তু ধরা পড়ে যান ডিপ মিড উইকেটে থাকা করিম জানাতের হাতে।
ক্যারিয়ারে প্রথমবার ইনিংস সূচনা করে ২ ছক্কায় ২০ বলে ২৪ রান করেছেন আফিফ।
১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭০ রান। শেষ ৭ ওভারে প্রয়োজন আর ৪৯ রান।
ক্রিজে দুই ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়।
16 Jul 2023, 10:15 PM
টিকলেন না শান্ত
হঠাৎ চাপে পড়ে গেল বাংলাদেশ। দুই ওভারের মধ্যে ফিরে গেলেন টপ-অর্ডারের তিন ব্যাটসম্যান।
আজমতউল্লাহ ওমরজাইয়ের ইয়র্কার ধরনের ডেলিভারি ক্রস ব্যাটে খেলতে গিয়ে পায়ে লেগে বোল্ড হলেন নাজমুল হোসেন শান্ত।
৬ বলে ৪ রান করেছেন বাঁহাতি ব্যাটসম্যান।
১১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৭৬ রান। শেষ ৬ ওভারে প্রয়োজন ৪৩ রান। ক্রিজে দুই ব্যাটসম্যান তাওহিদ হৃদয় ও সাকিব আল হাসান।
16 Jul 2023, 10:20 PM
৭ ওভারে ২৯ রান, ৩ উইকেট
পাওয়ার প্লের পর থেমে গেছে বাংলাদেশের রানের চাকা। প্রথম ৫ ওভারে ৫০ পূর্ণ হওয়ার পর ৭ ওভার থেকে এসেছে মোটে ২৯ রান। বিপরীতে ড্রেসিং রুমে ফিরে গেছেন লিটন দাস, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত।
শেষ ৫ ওভার থেকে এখন প্রয়োজন ৪০ রান।
16 Jul 2023, 10:29 PM
জয়ের দুয়ারে গিয়ে ফিরলেন হৃদয়
আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে ছক্কা মেরে পরের বলেই ড্রেসিং রুমের পথ ধরলেন তাওহিদ হৃদয়।
তবে এতে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। ৬ উইকেট হাতে রেখে ১৫ বলে ১২ রান প্রয়োজন বাংলাদেশের। নতুন ব্যাটসম্যান শামীম হোসেন। তিনি সঙ্গ দেবেন সাকিব আল হাসানকে।
মুজিব উর রহমান ও রশিদ খানের শেষ দুই ওভার থেকে ২০ রান নিয়ে সমীকরণ সহজ করেন সাকিব ও হৃদয়।
পরে ওমরজাইয়ের ওভারের দ্বিতীয় বলে ছক্কা মারেন হৃদয়। প্রয়োজন নেমে আসে ১৬ বলে ১২ রানে। কিন্তু থামতে চাননি হৃদয়। ক্রিজ ছেড়ে বেরিয়ে আক্রমণাত্মক শটের চেষ্টায় মিড অফে ধরা পড়েন তিনি।
ফেরার আগে একটি করে চার-ছক্কায় ১৭ বলে ১৯ রান করেন হৃদয়।
16 Jul 2023, 10:49 PM
আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার সিরিজ জিতল বাংলাদেশ
দারুণ বোলিংয়ে আফগানিস্তানকে নাগালের মধ্যে রাখলেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসানরা। রান তাড়ায় ঝড়ো শুরু করলেন লিটন দাস, আফিফ হোসেন। মাঝে পা হড়কালেও দায়িত্ব নিয়ে ব্যাট হাতে বাকি কাজ সারলেন সাকিব। তাকে সঙ্গ দিলেন তাওহিদ হৃদয়, শামীম হোসেন।
সম্মিলিত পারফরম্যান্সে বাংলাদেশ পেল ৬ উইকেটের দারুণ জয়। আগেই প্রথম ম্যাচ জিতে রেখে এবার সিরিজটি নিজেদের করে নিলো তারা। টি-টোয়েন্টি সংস্করণে আফগানিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয় এটি।
বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে ৭ উইকেটে ১১৬ রান করে আফগানিস্তান। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন মেথডে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১১৯ রানের। পাঁচ বল হাতে রেখেই তা ছুঁয়ে ফেলে বাংলাদেশ।
রান তাড়ায় পাঁচ ওভারের পাওয়ার প্লেতেই ৫০ রান করে ফেলেন লিটন, আফিফ। এরপর রানের চাকা কিছুটা স্লথ হয়ে আসে। দুই ওভারের মধ্যে ড্রেসিং রুমে ফেরেন লিটন, আফিফ, নাজমুল হোসেন শান্ত।
লিটন ৩৬ বলে ৩৫ ও প্রথমবার ওপেনিংয়ে নামা আফিফ করেন ২০ বলে ২৪ রান।
দ্রুত ৩ উইকেট হারানোকে বড় বিপদ হতে দেননি সাকিব, হৃদয়। দুজনের ২১ বলে ৩১ রানের জুটিতে সহজ হয়ে আসে লক্ষ্য। শেষ দিকে ১৯ রান করা হৃদয় ফিরে গেলেও শামীমের সঙ্গে মিলে ম্যাচ জেতান সাকিব।
বাংলাদেশ অধিনায়ক অপরাজিত থাকেন ১৮ রানে। জয়সূচক বাউন্ডারি মারা শামীম করেন ৭ রান।
আফগানিস্তানকে অল্পেই আটকে রাখার পথে ৪ ওভারে ৩৩ রানে ৩ উইকেট নেন তাসকিন। এছাড়া সাকিব ও মুস্তাফিজুর রহমান ধরেন ২টি করে শিকার। ফিল্ডারদের ব্যর্থতায় কোনো উইকেট না পাওয়া নাসুম ৪ ওভারে খরচ করেন স্রেফ ১৫ রান।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ১৭ ওভারে ১১৬/৭ (গুরবাজ ৮, জাজাই ৪, ইব্রাহিম ২২, নবি ১৬, ওমরজাই ২৫, জানাত ২০, রশিদ ৬*, মুজিব ১*; তাসকিন ৪-০-৩৩-৩, হাসান ৩-০-২০-০, নাসুম ৪-০-১৫-০, মুস্তাফিজ ৩-০-৩০-২, সাকিব ৩-০-১৫-২)
বাংলাদেশ: (লক্ষ্য ১৭ ওভারে ১১৯) ১৬.১ ওভারে ১১৯/৪ (লিটন ৩৫, আফিফ ২৪, শান্ত ৪, হৃদয় ১৯, সাকিব ১৮*, শামীম ৭*; ফারুকি ৩-০-১৯-০, মোমান্দ ২.১-০-৩০-০, মুজিব ৪-০-২৮-২, রশিদ ৪-০-১৯-০, ওমরজাই ৩-০-১৭-২)
ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী
সিরিজ: বাংলাদেশ ২-০তে জয়ী
16 Jul 2023, 11:01 PM
সাকিবের সামনে শুধুই কোহলি
দুই ম্যাচে ৪ উইকেট ও ৩৭ রানের সৌজন্যে ম্যান অব দা সিরিজ পুরস্কার জিতলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি সংস্করণে এটি তার পঞ্চম সিরিজ সেরার স্বীকৃতি। যেখানে তার সামনে এখন শুধুই বিরাট কোহলি।
১১৫ ম্যাচের ক্যারিয়ারে ৬ বার ম্যান অব সিরিজ নির্বাচিত হয়েছেন কোহলি।
এছাড়া তিন সংস্করণ মিলিয়ে সাকিবের ১৭তম ম্যান অব দা সিরিজ স্বীকৃতি এটি। এই তালিকায় তার সামনে স্রেফ দুজন- শচিন টেন্ডুলকার (২০), বিরাট কোহলি (২০)।