২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাজিবউল্লাহর ব্যাটিং ঝড়ে হেরে গেল বাংলাদেশ

30 Aug 2022, 07:18 PM

সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ১৮.৩ ওভারে ১৩১/৩ (বাংলাদেশ ২০ ওভারে ১২৭/৭)

30 Aug 2022, 07:18 PM

শ্রীরাম-সাকিব জমানার শুরু

বাংলাদেশ ক্রিকেটে ‘নতুন শুরু’ কথাটি ব্যবহৃত হয়েছে অসংখ্যবার। এবার আরও একটি নতুন শুরুর পালা। বরাবরের মতো এবারও আছে কৌতূহলের মেলা। সেই আগ্রহের কেন্দ্রে এবার নেতৃত্বে ফেরা সাকিব আল হাসান ও টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।

তাদের যুগলবন্দির শুরুহচ্ছে কঠিন এক চ্যালেঞ্জ দিয়ে। এবারের এশিয়া কাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান, টি-টোয়েন্টিতে যারা বিশ্ব ক্রিকেটে এখন সমীহ জাগানিয়া শক্তি। এই আসরেই উদ্বোধনী ম্যাচে তারা ব্যাটে-বলে স্রেফ বিধ্বস্ত করেছে শ্রীলঙ্কাকে।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব থেকে এখনও পর্যন্ত ১৬টি টি-টোয়েন্টিতে স্রেফ দুটি জয় বাংলাদেশের। সাকিব-শ্রীরামের চ্যালেঞ্জ এই দলকে নতুন পথের দিশা দেওয়া।

30 Aug 2022, 07:18 PM

নতুন উদ্যমে আফগানিস্তান

শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দেওয়ার পর আত্মবিশ্বাসে টগবগ করে ফোটার কথা আফগানিস্তানের। তবে অতিআত্মবিশ্বাসী হয়ে বিপদ ডেকে আনতে চায় না তারা। ম্যাচের আগের দিন তারকা লেগ স্পিনার রশিদ খান বলেন, আগের ম্যাচ তাদের কাছে এখন অতীত। নতুন দিনে নতুন প্রয়াস নিয়ে তারা মাঠে নামতে চান বাংলাদেশের বিপক্ষে, উজাড় করে দিতে চান নিজেদের সেরাটা।

30 Aug 2022, 07:18 PM

সাকিবের একশ

২০১৭ সালের এই দিনে সাকিব আল হাসানের ৫০তম টেস্ট শেষ হয়েছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় এক জয়ে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা হয়েছিলেন এই অলরাউন্ডার। ৫ বছর পর ঠিক এই দিনে সাকিব খেলতে নামছেন তার শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি।

বাংলাদেশের হয়ে এই মাইলফলকে পা রাখতে পেরেছেন কেবল আর দুজন। এই ম্যাচের আগে মাহমুদউল্লাহ খেলেছেন ১১৯ ম্যাচ, মুশফিকুর রহিম ১০০টি। বিশ্ব ক্রিকেটে সাকিবের আগে টি-টোয়েন্টি ম্যাচ খেলার সেঞ্চুরি হয়েছে আর ১৪ জনের।

30 Aug 2022, 07:29 PM

ন্যাড়া উইকেট

শারজাহতে এবারের আসরের প্রথম ম্যাচ এটিই। উইকেটে ঘাসের লেশ মাত্র নেই। পিচ রিপোর্টে ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড বললেন, উইকেট মন্থর থাকবে বলেই তার ধারণা, কিছু বল থেমে আসতে পারে। সাবেক এই লঙ্কান ক্রিকেটারের মতে, এই পিচে সময় যত গড়াবে, বোলারদের জন্য গুরুত্বপূর্ণ হবে গতির বৈচিত্র আনা।

30 Aug 2022, 07:36 PM

টসের সিদ্ধান্তে চমক

টসজয়ী দল আগে বোলিং নেবে বলেই ধারণা করা হচ্ছিল। পিচ রিপোর্টে ধারাভাষ্যকার রাসে আর্নল্ডও বলছিলেন, টস জিতলে আগে বোলিং করা উচিত। কিন্তু বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে আগে নিলেন ব্যাটিং।

নিজের সিদ্ধান্তের পক্ষে সাকিবের যুক্তি, "উইকেট শুরুতে ব্যাটিংয়ের জন্য একটু ভালো থাকবে বলে মনে হচ্ছে। আমরা চাই ভালো একটি স্কোর গড়ে আফগানদের চ্যালেঞ্জ জানাতে।"

আফগান অধিনায়ক মোহাম্মদ নবিকে খুব একটা অখুশি মনে হলো না টস হেরে, "এটা একদম ফ্রেশ উইকেট, অনেক দিন এখানে খেলা হয়নি। একটু নিচু বাউন্সের হতে পারে। আমাদের চেষ্টা থাকবে ওদেরকে যত কম রানে সম্ভব আটকে রাখা।"

30 Aug 2022, 07:42 PM

ওপেনিংয়ে নাঈম, একাদশে নেই সাব্বির

টসের সময়ই অধিনায়ক সাকিব আল হাসান জানান, তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছেন তারা। সেই তিন পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফ উদ্দিন। স্পিনে অধিনায়ক সাকিবের সঙ্গী শেখ মেহেদি হাসান। এছাড়াও স্পিনে হাত ঘোড়ানোর জন্য আছেন মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেনরা।

একাদশে আরেকটি বড় কৌতূহলের জায়গা ছিল উদ্বোধনী জুটিতে। এনামুল হকের সঙ্গী এখানে মোহাম্মদ নাঈম শেখ। দীর্ঘদিন পর স্কোয়াডে ফেরা সাব্বির রহমান সুযোগ পাননি একাদশে।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর প্রথমবার বাংলাদেশের হয়ে খেলতে নেমেছেন সাইফ উদ্দিন। গত ২৪ অক্টোবর সবশেষ ম্যাচটি খেলেছিলেন তিনি শ্রীলঙ্কার বিপক্ষে। নাঈম শেখ সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন আফগারদের বিপক্ষেই, গত মার্চে।

বাংলাদেশ একাদশ: এনামুল হক, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

30 Aug 2022, 07:44 PM

একই দল নিয়ে আফগানিস্তান

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ী একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি আফগানিস্তান। তিন স্পিনারের সঙ্গে তাদের একাদশে বিশেষজ্ঞ পেসার দুই জন- ফজলহক ফারুকি ও নাভিন-উল-হক। তবে পেস বোলিং অলরাউন্ডার করিম জানাত ও আজমতউল্লাহ ওমরজাই আছে পেসে সঙ্গ দেওয়ার জন্য।

আফগানিস্তান একাদশ: হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন-উল-হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।

30 Aug 2022, 08:13 PM

শুরুতেই শেষ নাঈম

এনামুল হক ও মোহাম্মদ নাঈম শেখের নতুন উদ্বোধনী জুটির শুরুটা ভালো হলো না। মুজিব উর রহমানের দারুণ এক ডেলিভারিতে পুরোপুরি বিভ্রান্ত হয়ে নাঈম বোল্ড হলেন দ্বিতীয় ওভারেই।

ওভারের প্রথম চার বলে কোনো রান দেননি মুজিব। পঞ্চম বলে একটি রান নিতে পারেন এনামুল। পরের বলেই উইকেট। বাঁহাতি নাঈমকে রাউন্ড দা উইকেটে বলটি করেন মুজিব। তার আঙুলের জাদুকরি টোকায় বল অফ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরে ঢোকে হালকা। নাঈম বলের কাছাকাছি না গিয়েই ড্রাইভ করার চেষ্টা করেন। ব্যাটকে ফাঁকি দিয়ে বল ছোবল দেয় স্টাম্পে।

২ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৭। নাঈম আউট হলেন ৮ বলে ৬ রানে।

নতুন ব্যাটসম্যান সাকিব আল হাসান।

30 Aug 2022, 08:17 PM

ব্যর্থ প্রত্যাবর্তন

শুরুতে এশিয়া কাপের দলে না থাকলেও পরে চোট পাওয়া নুরুল হাসান সোহানের জায়গায় দলে ফেরানো হয় মোহাম্মদ নাঈম শেখকে। তার স্ট্রাইক রেট, খেলার ধরন, মানসিকতা, এসব নিয়ে অনেক প্রশ্ন ও সমালোচনা ছিল আগে থেকেই। তবে এবার ম্যাচের আগে টেকনিক্যাল কনসালটেস্ট শ্রীধরন শ্রীরাম বলেন, নাঈমকে তার সহজাত স্ট্রোক প্লেয়ার বলে মনে হয়েছে এবং তাকে আগ্রাসী ক্রিকেট খেলতে বলা হয়েছে।

ম্যাচে সেসবের প্রতিফলন তেমন কিছুই পড়ল না। প্রায় ৬ মাস পর টি-টোয়েন্টি খেলতে নেমে নাঈম ফিরলেন ৮ বলে ৬ রানে।

30 Aug 2022, 08:23 PM

এবার বিদায় এনামুলের

মুজির উর রহমানের বলে শুরু থেকেই যেন চোখে অন্ধকার দেখছিলেন এনামুল হক। ঠিকমতো খেলতেই পারছিলেন না তিনি। শেষ পর্যন্ত এই ওপেনার কাটা পড়লেন মুজিবের বলেই।

বলটি যদিও শর্ট ছিল বেশ। তবে অফ স্টাম্পের বাইরে পিচ করে একটু নিচু হয়ে বল ভেতরে ঢোকে তীক্ষ্ণভাবে। পুল করতে গিয়ে পুরোপুরিভাবে মিস করেন এনামুল। জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। আফগানরা সফল হয় রিভিউ নিয়ে।

ম্যাচের আগে আগ্রাসী খেলার বার্তা দিলেও শেষ পর্যন্ত এনামুলের রান ১৪ বলে ৫। বাংলাদেশের রান ৪ ওভারে ২ উইকেটে ১৩।

নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

Image

ছবি: এসিসি

30 Aug 2022, 08:34 PM

মুজিবের ২০০

এনামুলের উইকেট নিয়ে আন্তর্জাতিক ও ঘরোয়া মিলিয়ে টি-টোয়েন্টিতে ক্রিকেটে ২০০ উইকেট পূর্ণ হলো মুজিব উর রহমানের। ২১ বছর ২৫৫ দিন বয়সে এই মাইলফলক ছুঁয়ে তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ। ২০ বছর ১৫ দিনে ২০০ ছুঁয়ে সর্বকনিষ্ঠ রশিদ খান।

30 Aug 2022, 08:35 PM

মুজিবের শিকার এবার সাকিব

মিইয়ে থাকা দলে পাল্টা আক্রমণে একটু প্রাণের সঞ্চার করেছিলেন সাকিব আল হাসান। কিন্তু তাকেও ফিরিয়ে বাংলাদেশকে আরও একটি বড় ধাক্কা দিলেন মুজিব উর রহমান। গত বিপিএলে বরিশাল দলে সাকিবের নেতৃত্বেই খেলেছিলেন মুজিব।

৪ ওভারে ১৩ রান ওঠার পর পঞ্চম ওভারে নাভিন উল হককে দারুণ দুটি শটে বাউন্ডারি মারেন সাকিব। লেগ স্টাম্পের একটু বাইরে সআন্স নিয়ে ব্যাট করছিলেন, হয়তো তিনি জায়গা বানিয়ে অফ সাইডে শট খেলার জন্য। মুজিবের বলেও একই চেষ্টা করেন সাকিব। রাউন্ড দা উইকেটে করা ডেলিভারি অ্যাঙ্গেলে ভেতরে ঢোকে বেশ গতিতে। সাকিব ব্যাট চালিয়ে দেন দৃষ্টিকটূ ভাবে। বল আঘাত করে স্টাম্পে।

৯ বলে ১১ রানে আউট সাকিব। বাংলাদেরশর রান ৫.২ ওভারে ৩ উইকেটে ২৪।

নতুন ব্যাটসম্যান আফিফ হোসেন।

30 Aug 2022, 08:36 PM

মন্থর পাওয়ার প্লে

নতুন শুরু, আগ্রাসী মানসিকতা, ইতিবাচক ভাবনা, অনেক কিছুর আলোচনা ছিল ম্যাচের আগে। কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ে সেসবের ছাপ দেখা গেল না একটুও। পাওয়ার প্লের ৬ ওভারে রান ৩ উইকেটে স্রেফ ২৮।

প্রথম ওভারে ফুল টসে মোহাম্মদ নাঈম শেখের একটি বাউন্ডারি পর পঞ্চম ওভারে সাকিবের দুটি, পাওয়ার প্লেতে বাউন্ডারি এই তিনটিই।

30 Aug 2022, 08:41 PM

পারলেন না মুশফিকও

বিপর্যয়ে হাল ধরতে পারলেন না মুশফিকুর রহিমও। সবশেষ দুই সিরিজে না থাকা অভিজ্ঞ ব্যাটসম্যান ফেরার ম্যাচে ফিরে গেলেন অল্পতেই। রশিদ খান উইকেটের দেখা পেলেন নিজের প্রথম ওভারেই।

রশিদের সেটি ছিল দ্বিতীয় ডেলিভারি। দারুণ এক গুগলি করেন তিনি, মুশফিক যা বুঝতেই পারেননি। তার ডিফেন্সকে ফাঁকি দিয়ে বল ভেতরে ঢুকে ছোবল দেয় প্যাডে। জোরাল আবেদনে আম্পায়ার আঙুল তোলেননি এবারও। আরও একবার রিভিউ নিয়ে সফল হয় আফগানরা।

৪ বলে ১ রানেই শেষ মুশফিক। বাংলাদেশের রান ৬.২ ওভারে ৪ উইকেটে ২৮।

নতুন ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন।

30 Aug 2022, 08:50 PM

অনেক ভোগান্তিতে মাঝপথে ইনিংস

দশম ওভারে আলগা একটি বল পেয়ে বাউন্ডারি আদায় করলেন মাহমুদউল্লাহ। এরপর আরেকটি সিঙ্গেলে বাংলাদেশের রান ৫০ স্পর্শ করল ১০ ওভারে।

প্রথম ১০ ওভারে এই প্রথমবার রান রেট স্পর্শ করল ৫!

এই ১০ ওভারে বাউন্ডারি এসেছে স্রেফ ৪টি

30 Aug 2022, 09:00 PM

এবার বিদায় আফিফের

পানি পানের বিরতির পর প্রথম ওভারেই আবার উইকেট হারাল বাংলাদেশ। নিজের দ্বিতীয় ওভার বোলিং করতে এসে রশিদ দেখা পেলেন দ্বিতীয় শিকারের।

আগেরটির মতো রশিদের এই উইকেটও গুগলিতে। আফিফ অবশ্য বিভ্রান্ত হন রশিদের ফ্লাইটেই। বল বাতাসে থাকতেই তার পা আটকে যায় ক্রিজে। বল পিচ করার পর অস্বস্তিকর অবস্থান থেকে ডিফেন্স করার চেষ্টা করেন আফিফ। কিন্তু বল লাগে প্যাডে। আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার।

আফিফ রিভিউ নিয়েও টিকতে পারেননি। উল্টো হারাতে হয় রিভিউ।

১৫বলে১২রানেআউটআফিফ।বাংলাদেশেররান১০.৩ওভারে৫উইকেটে৫৩।

Image

ছবি: এসিসি

30 Aug 2022, 09:13 PM

ক্ষুরধার স্পেল মুজিবের

বাংলাদেশকে ভুগিয়ে অবশেষে ৪ ওভারের স্পেল শেষ হলো মুজিব উর রহমানের। প্রথম তিন ওভারে তিন উইকেটের পর নিজের চতুর্থ ওভারে আর উইকেট নিতে পারেননি এই স্পিনার। তার বোলিং ফিগার ৪-০-১৬-৩।

১৪ ওভার শেষে বাংলাদেশর রান ৫ উইকেটে ৭৯।

30 Aug 2022, 09:24 PM

রশিদের আরেকটি

অনেকক্ষণ ধরে এক প্রান্ত আগলে রাখা মাহমুদউল্লাহ বড় শট খেলার জন্য বেছে নিলেন রশিদ খানকে। কিন্তু সফল হলেন না তাতে। স্টাম্পে থাকা বল স্লগ করলেও মারে জোর হলো না যথেষ্ট। মিড উইকেট ফিল্ডার ইব্রাহিম জাদরান অনেকটা ছুটে এসে সামনে ঝাঁপিয়ে বল মুঠোবন্দি করলেন দারুণ দক্ষতায়।

২৭ বলে ২৫ রান করে আউট মাহমুদইল্লাহ। তার বিদায়ে থামল ইনিংসের সেরা জুটি। মোসাদ্দেক হোসেনের সঙ্গে যে জুটিতে রান ৩১ বলে ৩৬।

নতুন ব্যাটসম্যান শেখ মেহেদি হাসান।

30 Aug 2022, 09:26 PM

Image

বাংলাদেশের একশ

মোসাদ্দেক হোসেন উইকেটে যাওয়ার পর একটু গতি পেয়েছে বাংলাদেশের ইনিংস। দারুণ কিছু শট খেলে এগিয়ে চলেছেন তিনি। ফজলহক ফারুকির বলে তার বাউন্ডারিতে দলের রান ১০০ স্পর্শ করল ১৬.২ ওভারে।

30 Aug 2022, 09:49 PM

কিছুটা স্বস্তিতে শেষ

বিপর্যয়ের মধ্যে মোসাদ্দেক হোসেনের দুর্দান্ত ইনিংস আর শেখ মেহেদি হাসানের সঙ্গে তার জুটিতে শেষ পর্যন্ত লড়ার মতো স্কোর গড়তে পারল বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নামা দলের রান ২০ ওভারে রান ৭ উইকেটে ১২৭।

একাদশ ওভারে যখন উইকেটে যান মোসাদ্দেক, দলের রান তখন ৫ উইকেটে ৫৩। সেখান থেকে শেষ পর্যন্ত উইকেটে থেকে তার রান ৪টি চার ও ১ ছক্কায় ৩১ বলে ৪৮। টি-টোয়েন্টিতে তার আগের সর্বোচ্চ ছিল ৩৪।

১২ বলে ১৪ রান করে মেহেদি রান আউট হন শেষের আগের বলে। শেষ বলে স্ট্রাইক পেয়ে ফিফটির সুযোগ পেয়েছিলেন মোসাদ্দেক। কিন্তু আজমতউল্লাহ ওমরজাইয়ের বল ওয়াইড হবে ভেবে তিনি ব্যাট চালাননি। বল ওয়াইড হয়নি। টি-টোয়েন্টিতে প্রথম ফিফটির স্বাদও তাই পাওয়া হয়নি তার।

30 Aug 2022, 09:53 PM

আফগানদের লক্ষ্য ১২৮

টস জিতে ব্যাটিং নেওয়ার সময় সাকিব বলেছিলেন, ভালো স্কোর গড়ে আফগানদের চ্যালেঞ্জ জানাতে চান। তিনি ও তার দলের ব্যাটসম্যানরা তা পারেনি একটুও। স্রোতের বিপরীতে দারুণ খেলে রান কিছু বাড়ালেন কেবল মোসাদ্দেক হোসেন। শেষ দিকে তাকে কিছুটা সঙ্গ দেন শেখ মেহেদি হাসান।

৫৩ রানে ৫ উইকেট হারানো দল ১২৮ পর্যন্ত যেতে পারে মূলত মোসাদ্দেকের সৌজন্যেই। ষষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে ৩১ বলে ৩৬ রান যোগ করেন তিনি। সপ্তম উইকেটে মেহেদির সঙ্গে জুটি ২৪ বলে ৩৮ রানের।

১৭তম ওভারে বাংলাদেশের রান রেট প্রথমবার স্পর্শ করে ৬। শেষ পর্যন্ত লড়ার মতো একটি স্কোরে যেতে পারে তারা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১২৭/৭ (নাঈম ৬, এনামুল ৫, সাকিব ১১, মুশফিক ১, আফিফ ১২, মাহমুদউল্লাহ ২৫, মোসাদ্দেক ৪৮*, মেহেদি ১৪, সাইফ ০*; ফারুকি ৪-০-২৫-০, মুজিব ৪-০-১৬-৩, নাভিন ৪-০-৩১-০, রশিদ ৪-০-২২-৩, নবি ৩-০-২৩-০, ওমরজাই ১-০-৭-০)।

30 Aug 2022, 09:57 PM

সাকিবকে দিয়ে শুরু

একাদশে তিন পেসার থাকলেও আগ্রাসী দুই আফগান ওপেনারের সামনে পেস দিয়ে বোলিং শুরু করেনি বাংলাদেশ। মন্থর ও নিচু বাউন্সের উইকেটে বোলিং শুরু করেছেন সাকিব আল হাসানের স্পিন দিয়ে। নিয়ন্ত্রিত প্রথম ওভারে বাংলাদেশ অধিনায়ক রান দিয়েছেন কেবল ২।

30 Aug 2022, 10:04 PM

সুযোগ হারাল বাংলাদেশ

আগ্রাসী রহমানউল্লাহ গুরবাজকে ফেরানোর সুবর্ণ সুযোগ হারাল বাংলাদেশ। সাকিব আল হাসানের বলে সহজ ক্যাচ ছাড়লেন মাহমুদউল্লাহ।

ক্রিজ ছেড়ে বেরিয়ে উড়িয়ে মারেন গুরবাজ। সাকিব তা বুঝেই খাটো করে দেন লেংথ। তাতে ক্যাচ উঠে যায় লং অনে। ফিল্ডার মাহমুদউল্লাহ ছুটে এসে বলের নীচে গিয়ে বল হাতেও পান। কিন্তু নিচু হওয়া বল ফসকে যায় তার মুঠো থেকে।

৬ রানে জীবন পেলেন গুরবাজ।

30 Aug 2022, 10:10 PM

দারুণ বোলিংয়ে প্রথম উইকেট সাকিবের

প্রথম চার ওভারে আঁটসাঁট শুরুর পর পঞ্চম ওভারে প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ। জীবন পেয়ে কাজে লাগাতে পারলেন না রহমানউল্লাহ গুরবাজ। দলকে প্রথম উইকেট এনে দিলেন সাকিব আল হাসান।

পঞ্চম ওভারের প্রথম বলেই ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টা করেন গুরবাজ। সাকিব তা বুঝেই দারুণ বুদ্ধিমত্তায় বল করেন টেনে। গরিবাজ যেতে পারেননি বলের কাছাকাছিও। কিপার মুশফিক স্টাম্পিং করেন অনায়াসেই।

৬ রানে জীবন পেয়ে গুরবাজ ফিরলেন ১৮ বলে ১১ রান করে। আফগানিস্তানের রান ৪.১ ওভারে ১ উইকেটে ১৫।

30 Aug 2022, 10:14 PM

নিয়ন্ত্রিত পাওয়ার প্লে

আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়ার প্লেতে ৮৩ রান তুলেছিল আফগানিস্তান। সেই দলকে এবার ধীরগতির ও নিচু বাউন্সের উইকেটে ঝড় তুলতে দেয়নি বাংলাদেশ। ৬ ওভারে আফগানরা তুলেছে ১ উইকেটে ২৯।

এই রানটুকুও হতে পেরেছে ষষ্ঠ ওভারে দুই বাউন্ডারিসহ ১০ রান আসায়।

সাকিব ৩ ওভার বোলিং করে ১০ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

30 Aug 2022, 10:30 PM

জাজাইকে থামালেন মোসাদ্দেক

ব্যাটিংয়ের পর বোলিংয়েও সাফল্য পেলেন মোসাদ্দেক হোসেন। ফিরিয়ে দিলেন তিনি বিপজ্জনক হজরতউল্লাহ জাজাইকে।

অনেকটা সময় দেখে খেলার পর মাত্র আগ্রাসী হতে শুরু করেছিলেন জাজাই। তবে ভুল করে বসেন তিনি ক্রস ব্যাটে খেলতে গিয়ে। মোসাদ্দেকের স্টাম্প সোজা বল সুইপ করার চেষ্টায় তিনি মিস করেন লাইন। বল লাগে প্যাডে। জোরাল আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। জাজাই রক্ষা পাননি রিভিউ নিয়েও।

২৬ বলে ২৩ করে আউট হলেন এই ওপেনার। ৯.২ ওভারে আফগানদের রান ২ উইকেটে ৪৫।

নতুন ব্যাটসম্যান মোহাম্মদ নবি।

30 Aug 2022, 10:35 PM

মাঝপথে কাছাকাছি দুই দল

প্রথম ১০ ওভারে বাংলাদেশের রান ছিল ৫০। আফগানিস্তানের রান দুটি কম। তবে উইকেট হারিয়েছে আফগানরা দুটি, বাংলাদেশের ছিল চারটি।

30 Aug 2022, 10:41 PM

দুর্দান্ত সাকিব

অসাধারণ এক বোলিং স্পেল শেষ করলেন সাকিব। বুদ্ধিদীপ্ত ও স্কিলফুল বোলিংয়ে বাংলাদেশ অধিনায়কের বোলিং ফিগার ৪-০-১৩-১।

দেশের বাইরে নিজের সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের আগে নজির স্পর্শ করলেন সাকিব। ২০০৯ সালে সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ ওভারে তিনি দিয়েছিলেন ১৩ রান।

30 Aug 2022, 10:46 PM

প্রথম ওভারেই সাইফের সাফল্য

১০ মাস বাংলাদেশের জার্সিতে মাঠে নেমে প্রথম ওভারেই উইকেটের স্বাদ পেলেন মোহাম্মদ সাইফ উদ্দিন। ফিরিয়ে দিলেন তিনি আফগান অধিনায়ক মোহাম্মদ নবিকে।

রানের জন্য পথ খুঁজতে থাকা নবি শাফল করে মিড উইকেটে খেলার চেষ্টা করেন। কিন্তু অফ কাটার ডেলিভারি ছোবল দেয় তার প্যাডে। আবেদনে আঙুল তুলে দিতে বেশি সময় নেননি আম্পায়ার।

১৩ ওভারে আফগানদের রান ৩ উইকেটে ৬২।

নতুন ব্যাটসম্যান বিপজ্জনক নাজিবউল্লাহ জাদরান।

30 Aug 2022, 10:52 PM

শেষ ৫ ওভারের রোমাঞ্চ

তাসকিন আহমেদের এক ওভারে ইব্রাহিম জাদরানের দুটি চারে আবার জমে উঠেছে লড়াই। অপেক্ষা এখন শেষ ৫ ওভারের উত্তেজনার। ১৫ ওভার শেষে আফগানদের রান ৩ উইকেটে ৭৫। শেষ ৫ ওভারে তাদের প্রয়োজন ৫২ রান।

30 Aug 2022, 11:01 PM

আফগানদের ১০০

শেষ দিকে যাকে নিয়ে ছিল সবচেয়ে বড় শঙ্কা, সেই নাজিবউল্লাহ জাদরানই ভোগাতে শুরু করেছেন বাংলাদেশকে। পেশির জোর আর টাইমিংয়ের দারুণ মিশেলে দ্রুত বাড়াচ্ছেন রান। সপ্তদশ ওভারে মুস্তাফিজের বলে তার দুটি ছক্কায় দলের রান স্পর্শ করেছে শতরান।

মুস্তাফিজের এই ওভার থেকে রান এসেছে ১৭।

শেষ ৩ ওভারে আফগানদের প্রয়োজন ২৬ রান।

30 Aug 2022, 11:15 PM

নাজিবউল্লাহর তাণ্ডবে পিষ্ট বাংলাদেশ

শেষ ৫ ওভারে আফগানদের প্রয়োজন ছিল ৫২, ম্যাচ এগোচ্ছিল রোমাঞ্চকর শেষের পথে। কিন্তু নাজিবউল্লাহ জাদরানের দুই ওভারের ব্যাটিং তাণ্ডবে সেই ম্যাচই হয়ে গেল এক তরফা! ৯ বল বাকি রেখেই জিতে গেল তারা। ৭ উইকেটের জয়ে তারা নিশ্চিত করে ফেলল 'সুপার ফোর।'

নাজিবউল্লাহ যখন উইকেটে যান, শেষ ৭ ওভারে ৬২ রান প্রয়োজন ছিল আফগানদের। মন্থর উইকেটে কাজটা সহজ ছিল না। তখনও পর্যন্ত বাংলাদেশের উজ্জীবিত বোলিংয়ে চাপে ছিল আফগানরাই। কিন্তু শেষ দিকে চিত্র বদলে দিলেন নাজিবউল্লাহ।

সপ্তদশ ওভারে মুস্তাফিজের বোলিংয়ে ১৭, অষ্টাদশ ওভারে সাইফ উদ্দিনের বোলিংয়ে ২২, এই দুই ওভারেই শেষ খেলার সব উত্তেজনা।

৬ ছক্কায় ১৭ বলে ৪৩ রানের বিস্ফোরক ইনিংস খেলে অপরাজিত নাজিবউল্লাহ। এক প্রান্ত আগলে রেখে ৪১ বলে ৪২ রানে অপরাজিত ইব্রাহিম জাদরান।

দুজনের ম্যাচ জেতানো জুটি ৩৩ বলে ৬৯ রানের!

বাংলাদেশের আশার সমাপ্তি এখানেই।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১২৭/৭ (নাঈম ৬, এনামুল ৫, সাকিব ১১, মুশফিক ১, আফিফ ১২, মাহমুদউল্লাহ ২৫, মোসাদ্দেক ৪৮*, মেহেদি ১৪, সাইফ ০*; ফারুকি ৪-০-২৫-০, মুজিব ৪-০-১৬-৩, নাভিন ৪-০-৩১-০, রশিদ ৪-০-২২-৩, নবি ৩-০-২৩-০, ওমরজাই ১-০-৭-০)।

আফগানিস্তান: ১৮.৩ ওভারে ১৩১/৩ (জাজাই ২৩, গুরবাজ ১১, ইব্রাহিম ৪২*, নবি ৮, নাজিবউল্লাহ ৪৩*; সাকিব ৪-০-১৩-১, মুস্তাফিজ ৩-০-৩০-০, মেহেদি ৪-০-২৬-০, তাসকিন ৩-০-২২-০, মোসাদ্দেক ২.৩-০-১২-১, সাইফ ২-০-২৭-১)

30 Aug 2022, 11:17 PM

টিকে থাকার লড়াই

দুই ম্যাচে দুই জয়ে 'বি' গ্রুপ থেকে সুপার ফোর-এ খেলা নিশ্চিত আফগানিস্তানের।আফগানদের কাছে হেরে যাওয়া শ্রীলঙ্কা ও বাংলাদেশ মঙ্গলবার মুখোমুখি হবে টিকে থাকার লড়াইয়ে। দুবাইয়ে বৃহস্পতিবার সেই ম্যাচে যে দল জিতবে, তারা যাবে পরের ধাপে। হেরে যাওয়া দল পথ ধরবে বাড়ির।