২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একপেশে ম‍্যাচে বাংলাদেশের বড় হার

হোয়াইটওয়াশের লক্ষ‍্যে মাঠে নেমে পাকিস্তানের বিপক্ষে পাত্তাই পেল না লিটন দাসের দল।

24 Jul 2025, 09:45 PM

৭৪ রানের হার

প্রথম ওভার থেকে নিয়মিত উইকেট হারিয়ে এক সময়ে নিজেদের সর্বনিম্ন ৭০ রানের নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। চোখ রাঙাচ্ছিল শতরানের পরাজয়ের শঙ্কা। মোহাম্মদ সাইফ উদ্দিনের অপরাজিত ৩৫ রানের ইনিংসে সেই শঙ্কা এড়াতে পারলেও বড় ব‍্যবধানেই হেরেছে বাংলাদেশ।

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ‍্যে মাঠে নেমে ৭৪ রানে হেরেছে লিটন দাসের দল।

৩৪ বলে দুটি করে ছক্কা ও চারে সাইফ ৩৫ রান না করলে পরাজয়ের ব‍্যবধান হতে পারত আরও বড়।

ছক্কার চেষ্টায় মোহাম্মদ নাওয়াজের বলে শরিফুল ইসলাম সীমানায় আব্বাস আফ্রিদির হাতে ধরা পড়লে ১০৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।

প্রথম দুই ম‍্যাচে জয় পাওয়া বাংলাদেশ সিরিজ জিতেছে ২-১ ব‍্যবধানে। 

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ১৭৮/৭ (ফারহান ৬৩, সাইম ২১, হারিস ৫, হাসান নাওয়াজ ৩৩, সালমান ১২*, তালাত ১, মোহাম্মদ নাওয়াজ ২৭, আশরাফ ৪, আফ্রিদি ১*; মেহেদি ৩-০-৩৬-০, শরিফুল ৪-০-৩৯-১, তাসকিন ৪-০-৩৮-৩, নাসুম ৪-০-২২-২, সাইফ ৪-০-২৮-১, মিরাজ ১-০-১৪-০)

বাংলাদেশ: ১৬.৪ ওভারে ১০৪ (তানজিদ ০, নাঈম ১০, লিটন ৮, মিরাজ ৯, জাকের ১, মেহেদি ০, শামীম ৫, সাইফ ৩৫*, নাসুম ৯, তাসকিন ৭, শরিফুল ৭; সালমান মির্জা ৪-০-১৯-৩, আশরাফ ২-০-১৩-২, দানিয়াল ৩-০-১৬-১, সালমান আগা ২-০-১২-১, সাইম ১-০-২-০, তালাত ৩-০-৩২-১, মোহাম্মদ নাওয়াজ ১.৪-০-৪-২)

24 Jul 2025, 09:39 PM

ছক্কার চেষ্টায় ফিরলেন তাসকিন

মোহাম্মদ নাওয়াজকে স্লগ সুইপ করে ছক্কার চেষ্টায় হুসাইন তালাতের দারুণ ক‍্যাচে ফিরলেন তাসকিন আহমেদ। স্কয়ার লেগ থেকে অনেকটা দৌড়ে ঝাঁপিয়ে বল মুঠোয় নেন তালাত।

৬ বলে এক চারে ৭ রান করেন তাসকিন।

১৫ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ৮১। ক্রিজে মোহাম্মদ সাইফ উদ্দিনের সঙ্গী শরিফুল ইসলাম।

24 Jul 2025, 09:16 PM

ছক্কার চেষ্টায় অক্কা নাসুম

মোহাম্মদ সাইফ উদ্দিনের সঙ্গে জুটি গড়ার আভাস দিলেও বেশি দূর যেতে পারলেন না নাসুম আহমেদ। হুসাইন তালাতের বলে বড় শট খেলার চেষ্টায় ফিরে গেলেন বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান।

লং অন দিয়ে ছক্কার চেষ্টায় আহমাদ দানিয়ালের হাতে ধরা পড়েন নাসুম। ভাঙে ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড়- ২৪ রানের জুটি। আর কোনো জুটি ১২ রানের বেশি করতে পারেনি।

১৩ বলে এক চারে ৯ রান করেন নাসুম।

১২ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৬৫। ক্রিজে সাইফের সঙ্গী তাসকিন আহমেদ।

24 Jul 2025, 08:56 PM

নাঈমের প্রতিরোধও ভাঙল

অনেকটা সময় এক প্রান্ত আগলে রাখা মোহাম্মদ নাঈম শেখের প্রতিরোধও ভাঙল।

আহমেদ দানিয়েলকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় মিড অফে ক‍্যাচ দেন নাঈম। বাঁহাতি এই ওপেনার ১৭ বলে করেন ১০ রান। মন্থর ইনিংসে নেই কোনো বাউন্ডারি।

৮ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৪৫। টি-টোয়েন্টিতে তাদের সর্বনিম্ন ৭০ এখনও অনেক দূরের পথ।

24 Jul 2025, 08:46 PM

দ্রুত ফিরলেন শামীম

সালমান আলি আগার দ্বিতীয় বল রিভার্স সুইপ করে চার মারলেন শামীম হোসেন। পরের বল জায়গা করে গিয়ে বোল্ড হয়ে গেলেন বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান।

শরীরের এতো কাছের বল কাট করার কোনো সুযোগই ছিল না। তবুও সেই শট খেলতে গেলেন শামীম। এর মাশুল দিলেন উইকেট বিলিয়ে।

৭ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৩৬। ক্রিজে মোহাম্মদ নাঈম শেখের সঙ্গী মোহাম্মদ সাইফ উদ্দিন।

24 Jul 2025, 08:37 PM

ব‍্যর্থ জাকের-মেহেদি

তিন বলের মধ‍্যে ফিরে গেলেন জাকের আলি ও শেখ মেহেদি হাসান। সালমান মির্জার ডেলিভারির লাইন মিস করে বোল্ড হয়ে গেলেন দুই জনেই।

আগের ম‍্যাচে ফিফটি করা জাকের এবার ২ বল খেলে করতে পারলেন কেবল ১ রান। ২ বল খেলে মেহেদি ফেরেন শূন‍্য রানে।

৫ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ২৮। ক্রিজে মোহাম্মদ নাঈম শেখের সঙ্গী শামীম হোসেন।

24 Jul 2025, 08:31 PM

চারে নেমে ব‍্যর্থ মিরাজ

একাদশে ফেরার ম‍্যাচে বোলিংয়ে তেমন কিছু করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। এবার ব‍্যাটিংয়েও ব‍্যর্থ হলেন তিনি।

ফাহিম আশরাফের অফ স্টাম্পের বেশ বাইরের বল টেনে লেগে খেলার চেষ্টায় সফল হননি মিরাজ। ব‍্যাটের কানায় লেগে উঠে যায় উপরে। মিড অনে অনায়াসে ক‍্যাচ নেন আব্বাস আফ্রিদি।

৮ বলে দুই চারে ৯ রান করেন মিরাজ।

৪ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৪। ক্রিজে মোহাম্মদ নাঈম শেখের সঙ্গী জাকের আলি।

24 Jul 2025, 08:16 PM

টিকলেন না লিটন

বড় রান তাড়ায় শুরুটা ভালো হল না বাংলাদেশের। প্রথম দুই ওভারে স্বাগতিকরা হারাল দুই উইকেট। তানজিদ হাসানের পর ফিরে গেলেন লিটন দাস।

ফাহিম আশরাফের অফ স্টাম্পের একটু বাইরে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারিতে বোল্ড হয়ে যান বাংলাদেশ অধিনায়ক। ফ্লিক করতে গিয়ে বলের লাইনে যেতে পারেননি তিনি। উপড়ে যায় মিডল স্টাম্প।

৮ বলে এক চারে ৮ রান করেন লিটন।

২ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১০। ক্রিজে মোহাম্মদ নাঈম শেখের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।

24 Jul 2025, 08:11 PM

শুরুতেই ফিরলেন তানজিদ

ফেরার ম‍্যাচে মাত্র দুই বল টিকলেন তানজিদ হাসান। সালমান মির্জাকে বেরিয়ে এসে মারতে গিয়ে কট বিহাইন্ড হলেন বাঁহাতি ওপেনার।

দ্বিতীয় বলে বেরিয়ে এসে চড়াও হতে চেয়েছিলেন তানজিদ। ঠিকঠাক খেলতে পারেননি, ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে।

জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। তাতে পাল্টায় সিদ্ধান্ত, ফিরে যান তানজিদ।

১ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৫। ক্রিজে মোহাম্মদ নাঈম শেখের সঙ্গী অধিনায়ক লিটন দাস।

24 Jul 2025, 07:55 PM

১৭৯ রানের লক্ষ‍্য পেল বাংলাদেশ

৮২ রানের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পাওয়া পাকিস্তান গড়ল বড় সংগ্রহ। তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে দিল বড় লক্ষ‍্য।

সফরকারীদের হোয়াইটওয়াশ করতে ১৭৯ রান চাই বাংলাদেশের।

৪১ বলে ৬৩ রানের বিস্ফোরক ইনিংসে সফরকারীদের পথ দেখান সিরিজে প্রথমবার খেলতে নামা সাহিবজাদা ফারহান।

১৫ বলে ২১ রান করেন আরেক ওপেনার সাইম আয়ুব। ১৭ বরে ৩৩ রানের আগ্রাসী ইনিংস খেলেন হাসান নাওয়াজ। ১৬ বলে ২৭ রানের ক‍্যামিও ইনিংস খেলেন মোহাম্মদ নাওয়াজ।

২০ ওভার ব‍্যাট করে ৭ উইকেটে পাকিস্তান করে ১৭৮ রান।

৩৮ রানে ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। ২২ রানে ২ উইকেট নেন নাসুম আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ১৭৮/৭ (ফারহান ৬৩, সাইম ২১, হারিস ৫, হাসান নাওয়াজ ৩৩, সালমান ১২*, তালাত ১, মোহাম্মদ নাওয়াজ ২৭, আশরাফ ৪, আফ্রিদি ১*; মেহেদি ৩-০-৩৬-০, শরিফুল ৪-০-৩৯-১, তাসকিন ৪-০-৩৮-৩, নাসুম ৪-০-২২-২, সাইফ ৪-০-২৮-১, মিরাজ ১-০-১৪-০)

24 Jul 2025, 07:51 PM

শেষ ওভারে তাসকিনের ২ উইকেট

ক্রিজে গিয়েই বোলারদের উপর চড়াও হওয়া মোহাম্মদ নাওয়াজকে থামালেন তাসকিন আহমেদ। পরে বিদায় করলেন আগের ম‍্যাচে ঝড় তোলা ফাহিম আশরাফকে।

বড় শটের আশায় তুলে মেরে মোহাম্মদ নাঈম শেখের হাতে ধরা পড়েন নাওয়াজ। ভাঙে ২৩ বল স্থায়ী ৪১ রানের জুটি।

১৬ বলে দুটি করে ছক্কা ও চারে ২৭ রান করেন নাওয়াজ।

প্রথম বলে চার মেরে পরের বলেই বিদায় নেন ফাহিম আশরাফ।ভ মিডউইকেটে তার ক‍্যাচ নেন তানজিদ হাসান।

২ বলে আশরাফ করেন ৪ রান।

শেষ তিন বলে কেবল একটি সিঙ্গেল নিতে পারেন আব্বাস আফ্রিদি।

24 Jul 2025, 07:32 PM

তালাতকে দ্রুত ফেরালেন সাইফ

একাদশে ফেরা হুসাইন তালাতকে বেশিক্ষণ টিকতে দিলেন না মোহাম্মদ সাইফ উদ্দিন।

পেস বোলিং অলরাউন্ডারের বল কাভার দিয়ে খেলতে চেয়েছিলেন ব‍্যাটসম‍্যান। কিন্তু মাঝ ব‍্যাটে নিতে পারেননি। ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।

৪ বলে ১ রান করেন তালাত।

১৬ ওভারে পাকিস্তানের রান ৫ উইকেটে ১৩৩। ক্রিজে সালমান আলি আগার সঙ্গী মোহাম্মদ নাওয়াজ।

24 Jul 2025, 07:26 PM

মেহেদির দারুণ ক‍্যাচে থামলেন হাসান নাওয়াজ

আগের দুই ম‍্যাচে শূন‍্য রানে ফেরা হাসান নাওয়াজ এবার চড়াও হয়েছিলেন বোলারদের উপর। দ্রুত রান তোলা মিডল অর্ডার ব‍্যাটসম‍্যানকে থামালেন শরিফুল ইসলাম, দারুণ ক‍্যাচ নিয়ে এতে বড় ভূমিকা রাখলেন শেখ মেহেদি হাসান।

বাঁহাতি পেসারের স্লোয়ার বুঝতে পারেননি হাসান নাওয়াজ। মিড অফের উপর দিয়ে তুলে দিতে গিয়ে টাইমিং করতে পারেননি তিনি। কিছুটা পিছিয়ে গিয়ে বলে চোখ রেখে ক‍্যাচ মুঠোয় জমান মেহেদি।

১৭ বলে এক চার ও তিন ছক্কায় ৩৩ রান করেন হাসান নাওয়াজ।

১৫ ওভারে পাকিস্তানের রান৪ উইকেটে ৩২। ক্রিজে সালমান আলি আগার সঙ্গী হুসাইন তালাত।

24 Jul 2025, 07:18 PM

শেষ হল হারিসের ভোগান্তি

একবার জীবন পেলেও কিছু করতে পারলেন না মোহাম্মদ হারিস। তার ভোগান্তি শেষ হল তাসকিন আহমেদের বলে ক‍্যাচ দিয়ে।

অফ স্টাম্পের বাইরের ডেলিভারি মিডউইকেট দিয়ে খেলতে চেয়েছিলেন হারিস। ব‍্যাটের কানায় লেগে ক‍্যাচ যায় থার্ড ম‍্যানে। সেখানে কোনো ভুল করেননি নাসুম আহমেদ।

১৪ বলে কেবল ৫ রান করেন হারিস।

১৪ ওভারে পাকিস্তানের রান ৩ উইকেটে ১২৩। ক্রিজে হাসান নাওয়াজের সঙ্গী সালমান আলি আগা।

24 Jul 2025, 07:07 PM

ফারহান-ঝড় থামালেন নাসুম

ফেরার ম‍্যাচে বিস্ফোরক ব‍্যাটিং করা সাহিবজাদা ফারহানকে ফেরালেন নাসুম আহমেদ। কিছুটা স্বস্তি ফিরল বাংলাদেশ দলে।

দ্বাদশ ওভারের প্রথম বল গায়ের জোরে স্লগ সুইপ করেন ফারহান। টাইমিং করতে পারেননি তিনি। এগিয়ে এসে ক‍্যাচ নেন শেখ মেহেদি হাসান।

৪১ বলে পাঁচ ছয় ও ছয় চারে ৬৩ রান করেন ফারহান।

১২ ওভারে পাকিস্তানের রান ২ উইকেটে ৯৭। ক্রিজে মোহাম্মদ হারিসের সঙ্গী হাসান নাওয়াজ।

24 Jul 2025, 07:03 PM

হারিসের ক‍্যাচ ছাড়লেন নাসুম

আক্রমণে ফিরে উইকেট পেতে পারতেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসারের বলে ডিপ ফাইন লেগে মোহাম্মদ হারিসের ক‍্যাচ ছাড়লেন নাসুম আহমেদ।

ঠিকঠাক পুল করতে পারেননি পাকিস্তানের কিপার-ব‍্যাটসম‍্যান। ক‍্যাচ যায় ডিপ ফাইন লেগে। কিছুটা দৌড়ে এসে বলের নাগাল পেলেও মুঠোয় রাখতে পারেননি নাসুম। দৌড়ে গিয়েছিলেন উইকেটরক্ষক লিটন দাস কিন্তু নাগালে পাননি তিনি।

সে সময় ২ রানে ছিলেন হারিস।

১১ ওভারে পাকিস্তানের রান ১ উইকেটে ৯৩।

24 Jul 2025, 06:54 PM

রিভিউ নিয়ে বাঁচলেন হারিস

আরেকটি উইকেট পেয়েই যাচ্ছিলেন নাসুম আহেমদ। কিন্তু তাকে হতাশ করে রিভিউ নিয়ে বেঁচে গেলেন মোহাম্মদ হারিস।

নাসুমকে সুইপ করেন হারিস। কিন্তু ব্যাটে খেলতে পারেননি। বল আঘাত করে তার পায়ে। এলবিডব্লিউর আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার।

সঙ্গে সঙ্গে রিভিউ নেন হারিস। পরে রিপ্লেতে দেখা যায়, তার ব্যাট ও গ্লাভসে হালকা ছুঁয়ে গেছে বল। ১ রানে বেঁচে যান হারিস।

১০ ওভারে পাকিস্তানের রান ১ উইকেটে ৮৬। শুরুর জুটি ভাঙার পর সফরকারীদের রানের গতি একটু কমেছে। 

24 Jul 2025, 06:45 PM

সাইমকে ফিরিয়ে দ্রুত এগোনো জুটি ভাঙলেন নাসুম

নিজের দ্বিতীয় ওভারের শুরুটা ভালো হয়নি নাসুম আহমেদের। সাহিবজাদা ফারহান চার মারার পর বাঁহাতি স্পিনারকে ছক্কায় ওড়ান সাইম আইয়ুব। তবে শোধ নিতে দেরি করেননি নাসুম। ছক্কা হজমের পরের বলেই সাইমকে ফিরিয়ে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন তিনি।

ইনিংসের অষ্টম ওভারে এসে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। আগের বলে নাসুমকে ছক্কা মারা সাইম পরের ডেলিভারিতেও চেয়েছিলেন আরেকটি মারতে। কিন্তু এবার শটে প্রয়োজনীয় জোর দিতে পারেনি ব্যাটসম্যান। ফল ডিপ স্কয়ার লেগে শামিম হোসেনের হাতে ক্যাচ।

একটি ছক্কা ও ২ চারে ১৫ বলে ২১ রান করে ফেরেন সাইম। ভাঙে ফারহানের সঙ্গে তার ৮২ রানের শুরুর জুটি।

৮ ওভারে পাকিস্তানের রান ১ উইকেটে ৮২। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে গেছে মোহাম্মদ হারিস। ফিফটি করে খেলছেন ফারহান।

24 Jul 2025, 06:42 PM

২৯ বলে ফারহানের পঞ্চাশ

ফাখার জামানের জায়গায় সুযোগ পেয়ে ঝড় তুলেছেন সাহিবজাদা ফারহান। বিস্ফোরক ব‍্যাটিংয়ে এই ওপেনার করেছেন পঞ্চাশ, ২৯ বলে।

একাদশে ফেরা মেহেদী হাসান মিরাজকে পরপর দুই বলে ছক্কা মারার পর সিঙ্গেল নিয়ে পঞ্চাশ স্পর্শ করেন ফারহান।

৭ ওভারে পাকিস্তানের রান বিনা উইকেটে ৭১। ২৯ ভরে পাঁচ ছক্কা ও চারটি চারে ৫০ রানে ব‍্যাট করছেন ফারহান। ১৩ বলে দুই চারে ১৫ রানে ব‍্যাট করছেন সাইম।

24 Jul 2025, 06:33 PM

শুরুর জুটিতে পাকিস্তানের পঞ্চাশ

পাওয়ার প্লেতে আগের দুই ম‍্যাচে দারুণ ভোগান্তিতে পড়া পাকিস্তান এবার এগিয়ে গেছে ঝড়ের গতিতে।

৬ ওভারে সফরকারীদের রান বিনা উইকেটে ৫৭।

সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবের জুটিতে পঞ্চাশ এসেছে কেবল ৩৩ বলে।

শুরু থেকে আগ্রাসী ব‍্যাটিং করছেন দলে ফেরা ফারহান। ষষ্ঠ ওভারে তাসকিন আহমেদকে তিন বলের মধ‍্যে দুটি চার মেরে গা ঝাড়া দিয়েছেন সাইমও।

২৫ বরে ৩৭ রানে ব‍্যাট করছেন সিরিজে প্রথমবারের খেলা ফারহান। ১১ বলে সাইমের রান ১৪।

24 Jul 2025, 06:21 PM

পাকিস্তানের উড়ন্ত সূচনা

উদ্বোধনী জুটিতে পরিবর্তন আনার পর যেন বদলে গেল পাকিস্তান। সিরিজে প্রথমবারের মতো খেলতে নেমে সফরকারীদের উড়ন্ত সূচনা এনে দিয়েছেন সাহিবজাদা ফারহান। আরেক প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন সাইম আইয়ুব।

শেখ মেহেদি হাসানের প্রথম ওভারে ছক্কা ও চার মেরে ডানা মেলেন ফারহান। শরিফুল ইসলামের পরের ওভারে মারেন ছক্কা।

ফাখার জামানের জায়গায় খেলতে নামা ফারহানের ব‍্যাটে চার হজম করেন তাসকিন আহমেদ।

৩ ওভারে পাকিস্তানের রান বিনা উইকেটে ৩১।

১৪ বলে দুটি করে ছক্কা ও চারে ২৩ রান করেছেন ফারহান। ৪ বলে সাইমের রান ৩।

24 Jul 2025, 05:54 PM

পাকিস্তান দলে ২ পরিবর্তন

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ‍্যে একাদশে দুটি পরিবর্তন এনেছে পাকিস্তান। বাদ পড়েছেন ওপেনার ফাখার জামান ও খুশদিল শাহ। দলে এসেছেন সাহিদজাদা ফারহান ও হুসাইন তালাত।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নাওয়াজ, সালমান আলি আগা (অধিনায়ক), হুসাইন তালাত, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আহমেদ দানিয়াল।

24 Jul 2025, 05:47 PM

বাংলাদেশ দলে ৫ পরিবর্তন

সিরিজ জিতে নেওয়া বাংলাদেশ শেষ ম‍্যাচের জন‍্য একাদশে এনেছে পাঁচটি পরিবর্তন। স্পিনে শক্তি কিছুটা বাড়িয়েছে লিটন দাসের দল।

এক ম‍্যাচ পর দলে ফিরেছেন তানজিদ হাসান ও তাসকিন আহমেদ। সিরিজে প্রথমবার খেলছেন মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ ও মোহাম্মদ সাইফ উদ্দিন।  

বাদ পড়েছেন পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, তানজিদ হাসান, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, জাকের আলি, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।

24 Jul 2025, 05:47 PM

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম ম‍্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস, তৃতীয় ম‍্যাচেও সেই সিদ্ধান্তই নিলেন তিনি। মাঝে দ্বিতীয় ম‍্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আ্রলি আগা।

24 Jul 2025, 05:12 PM

পাকিস্তানের বিপক্ষে আরেকটি প্রথমের সন্ধানে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্মৃতি টাটকা থাকতেই আরেকটি বড় অর্জনের সম্ভাবনা বাংলাদেশের সামনে। এই সংস্করণে পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের লক্ষ‍্য পূরণের পর দেশটিকে হোয়াইওয়াশ করার হাতছানি লিটন দাসদের সামনে। 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি শুরু হবে সন্ধ‍্যা ৬টায়। 

তিন ম‍্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন পর্যন্ত কেবল দুটি পূর্ণ সদস‍্য দেশকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ২০২৩ সালে দেশের মাটিতে ইংল‍্যান্ডের বিপক্ষে প্রথম এই স্বাদ পায় তারা, তখন অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। গত বছর লিটনের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।