- ডারউইনে বাংলাদেশের স্বপ্নের দিন
- ৭৫ বলে জুটির পঞ্চাশ
- তামিমকে ছাড়িয়ে মুমিনুল
- থিতু হয়ে ফিরলেন সাদমান
- বেঁচে গেলেন তানজিদ
- বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন
- দুর্দান্ত বোলিংয়ে হাসানের ছয় উইকেট
- স্মিথের প্রতিরোধ ভেঙে হাসানের পাঁচ
- বাংলাদেশের আরেকটি ভালো সেশন
- স্টার্ককে ফিরিয়ে হাসানের চার
- কামিন্সকে টিকতে দিলেন না হাসান
- ৭৬ বলে স্মিথের পঞ্চাশ
- তাসকিনের দুর্দান্ত ডেলিভারিতে ভাঙল জুটি
- জুটি ভাঙলেন ইবাদত
- স্মিথ-কেয়ারির জুটিতে অস্ট্রেলিয়ার প্রতিরোধ
- ৩০তম ওভারে স্পিন
- চার উইকেট ও একটি আক্ষেপ
- গ্রিনকে টিকতে দিলেন না তাসকিন
- আরেকটি রিভিউ হারাল বাংলাদেশ
- দ্রুত ফিরলেন লাবুশেন
- ২ রানে জীবন পেলেন স্মিথ
- হেডকেও ফেরালেন হাসান
- শুরুর জুটি ভাঙলেন হাসান
- রিভিউয়ে ব্যর্থ বাংলাদেশ
- তাসকিন-হাসানের আঁটসাঁট বোলিং
- বাংলাদেশ একাদশে মিরাজ-তাইজুল
- টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
- লম্বা সময় পর একাদশে কামিন্স-স্টার্ক-হেইজেলউড
- বাংলাদেশের দীর্ঘ অপেক্ষার অবসান
- লাইভ ব্লগে স্বাগত
13 Aug 2026, 02:12 PM
ডারউইনে বাংলাদেশের স্বপ্নের দিন
২৩ বছরে কতটা এগিয়েছে বাংলাদেশ? প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে প্রথম দিন সেটা দেখাতে পেরেছে তারা।
ডারউইন টেস্টের প্রথম দিন ব্যাটে-বলে নিজেদের মেলে ধরে সফরকারীরা। হাসান মাহমুদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে দিয়েছে কেবল ১৯৮ রানে। পরে ব্যাটিংয়ে নেমে দিন শেষ করেছে ১ উইকেটে ৯৬ রানে।
এখনও ১০২ রানে পিছিয়ে নাজমুল হোসেন শান্তর দল।
শূন্য রানে একবার জীবন পাওয়া তানজিদ ৬৭ বলে চার চারে খেলছেন ৩২ রানে। ৪৯ বলে ছয় চারে ৩৫ রানে খেলছেন মুমিনুল হক।
দুই বাঁহাতি ব্যাটসম্যান অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ৯৬ বলে যোগ করেছেন ৬০ রান।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৯৮
বাংলাদেশ ১ম ইনিংস: ২৪ ওভারে ৯৬/১ (সাদমান ২০, তানজিদ ৩২*, মুমিনুল ৩৫*; স্টার্ক ৭-১-২৮-১, হেইজলেউড ৭-২-১৯-০, গ্রিন ৩-১-১২-০, কামিন্স ৪-০-১৪-০, লায়ান ৩-০-১৬-০)
13 Aug 2026, 01:49 PM
৭৫ বলে জুটির পঞ্চাশ
দ্বিতীয় উইকেটে বাংলাদেশকে টানছেন তানজিদ হাসান ও মুমিনুল হক। তাদের চমৎকার জুটিতে পঞ্চাশ এসেছে ৭৫ বলে।
জশ হেইজেলউডের বলে কাভার দিয়ে মুমিনুলের দারুণ বাউন্ডারিতে জুটির রান স্পর্শ করে পঞ্চাশ।
২১ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৮৮। ৫৬ বলে তিন চারে ২৭ রানে খেলছেন তানজিদ। ৪১ বলে ছয় চারে ৩৩ রানে ব্যাট করছেন অভিজ্ঞ মুমিনুল হক।
13 Aug 2026, 01:27 PM
তামিমকে ছাড়িয়ে মুমিনুল
টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের তালিকায় তামিম ইকবালকে ছাড়িয়ে দুই নম্বরে উঠে এলেন মুমিনুল হক।
৭০ টেস্টে বাঁহাতি ওপেনার তামিম ১০ সেঞ্চুরি আর ৩১ ফিফটিতে করেছিলেন ৫ হাজার ১৩৪ রান।
৭৮ টেস্টে ৫ হাজার ১৩১ রান নিয়ে এই ম্যাচ শুরু করেন মুমিনুল। ইনিংসের শুরুতেই এক সময়ের সতীর্থকে ছাপিয়ে যান তিনি।
৬ হাজার ৮০৬ রান করে চূড়ায় মুশফিকুর রহিম।
১৬ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৫৮। ২৩ বলে ১২ রানে খেলছেন মুমিনুল। ৪৩ বলে ১৯ রানে ব্যাট করছেন তানজিদ।
13 Aug 2026, 12:58 PM
থিতু হয়ে ফিরলেন সাদমান
নবম ওভারে ভাঙল বাংলাদেশের উদ্বোধনী জুটি। থিতু হয়ে ফিরলেন বাঁহাতি ওপেনারের সাদমান ইসলাম।
প্যাডে থাকা মিচেল স্টার্কের ডেলিভারি লেগে খেলতে চেয়েছিলেন সাদমান। ব্যাটের মুখ আগেভাগেই ক্লোজ করে ফেলেন তিনি। তাতে কানায় লেগে ক্যাচ যায় কাভারে। সেখানে বল মুঠোয় নেন ন্যাথান লায়ন। ভাঙে ৫০ বল স্থায়ী ৩৬ রানের জুটি।
৩০ বলে দুই চারে ২০ রান করেন সাদমান।
টেস্টে তিনি স্টার্কের ৪৩৪তম শিকার। এই সংস্করণে বাঁহাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট এখন অভিজ্ঞ অস্ট্রেলিয়ান পেসারের। ৪৩৩ উইকেট নিয়ে দুই নম্বরে নেমে গেলেন শ্রীলঙ্কা সাবেক বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ।
৯ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৩৬। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী মুমিনুল হক।
13 Aug 2026, 12:24 PM
বেঁচে গেলেন তানজিদ
দ্বিতীয় ওভারেই ভাঙতে পারত বাংলাদেশের উদ্বোধনী জুটি। তবে জশ হেইজেলউডের বলে ক্যাচ দিয়েও বেঁচে গেলেন তানজিদ হাসান।
টি-টোয়েন্টি ঘরানার শট খেলতে গিয়ে টাইমিং করতে পারেননি বাঁহাতি এই ওপেনার। পয়েন্ট থেকে পিছিয়ে গিয়ে ক্যাচ নেওয়ার চেষ্টায় সফল হননি ন্যাথান লায়ন। শেষ মুহূর্তে ডাইভ দিলেও মুঠোয় নিতে পারেননি তিনি।
সে সময় শূন্য রানে ছিলেন তানজিদ।
২ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৮। তানজিদ ২ রানে ব্যাট করছেন। সাদমান এখনও রানের দেখা পাননি।
13 Aug 2026, 12:15 PM
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন
বাংলাদেশের বিপক্ষে এই প্রথম টেস্টে কোনো ইনিংসে দুইশ রানের নিচে অলআউট হলো অস্ট্রেলিয়া। ২০১৭ সালে মিরপুরের স্পিন মঞ্চে ২১৭ রান করে তারা। এতো টেস্টে বাংলাদেশের বিপক্ষে সেটাই ছিল তাদের সর্বনিম্ন।
ডারউইনে ১৯৮ রানে থামে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ২ রানে বেঁচে যাওয়া স্টিভেন স্মিথ ছাড়া স্বাগতিকদের আর কেউ বিশের কোটা পার হতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৫৩ ওভারে ১৯৮ (হেড ২২, ওয়েদেরল্ড ২৩, লাবুশেন ১, স্মিথ ৭১, গ্রিন ১৩, কেয়ারি ১৯, ওয়েবস্টার ১২, কামিন্স ৯, স্টার্ক ১, লায়ন ৭, হেইজেলউড ৪*; তাসকিন ১৬-২-৫৫-২, মাহমুদ ১৭-৩-৫৫-৬, ইবাদত ১১-২-৩৯-২, মিরাজ ৪-০-১২-০, তাইজুল ৫-০-২৪-০)
13 Aug 2026, 12:06 PM
দুর্দান্ত বোলিংয়ে হাসানের ছয় উইকেট
তৃতীয় সেশনে বেশিক্ষণ টিকল না অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। হাসান মাহমুদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে স্বাগতিকদের দুইশ রানের নিচে থামাল বাংলাদেশ।
৬৩ ওভারে ১৯৮ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া।
হাসানের শর্ট ডেলিভারিতে ঠিকঠাক পুল করতে পারেননি ন্যাথান লায়ন। ব্যাটের কানায় লেগে সহজ ক্যাচ যায় মিডউইকেটে, তানজিদ হাসানের হাতে।
১৩ বলে এক চারে ৭ রান করেন লায়ন। ৪ রানে অপরাজিত থাকেন হেইজেলউড।
৫৫ রানে ৬ উইকেট নেন হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে এটা বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং।
এই প্রথম কোনো ইনিংসে পাঁচটির বেশি উইকেট পেলেন হাসান। টেস্টে এটা বাংলাদেশের পেসারদের মধ্যে তৃতীয় সেরা বোলিং।
দ্বিতীয়বারের মতো টেস্টে কোনো ইনিংসে ১০ উইকেট নিলেন বাংলাদেশের পেসাররা। প্রথম পেয়েছিলেন ২০২৪ সালের অগাস্টে, পাকিস্তানের বিপক্ষে। সেবার পাঁচ উইকেট নিয়েছিলেন হাসান।
13 Aug 2026, 11:54 AM
স্মিথের প্রতিরোধ ভেঙে হাসানের পাঁচ
চমৎকার বোলিং করে যাওয়া মাহমুদুল হাসান ভাঙলেন স্টিভেন স্মিথের প্রতিরোধ। অস্ট্রেলিয়া হারাল নবম উইকেট।
বড় শটের চেষ্টায় সফল হননি স্মিথ। টাইমিং করতে পারেননি তিনি একেবারেই। ব্যাটের কানায় লেগে অনেক উপরে উঠে যাওয়া ক্যাচ নেন লিটন দাস। হাসান ক্যারিয়ারে তৃতীয়বার পান পাঁচ উইকেট।
১০৯ বলে এক ছয় ও সাত চারে ৭১ রান করেন স্মিথ।
এর আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট পেয়েছিলেন হাসান। এবার পেলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে।
৫১ ওভারে অস্ট্রেলিয়ার রান ৯ উইকেটে ১৮৯। ক্রিজে স্বাগতিকদের শেষ জুটি।
13 Aug 2026, 11:23 AM
বাংলাদেশের আরেকটি ভালো সেশন
এক প্রান্তে পঞ্চাশ ছুঁয়ে অপরাজিত স্টিভেন স্মিথ। আরেক প্রান্তে নিয়িমত উইকেট নিচ্ছেন বাংলাদেশের পেসাররা। প্রথম সেশনের মতো এবারও চার ব্যাটসম্যানকে ফেরত পাঠিয়েছেন তারা।
চা-বিরতিতে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার রান ৮ উইকেটে ১৮৩। ৯৬ বলে সাত চার ও এক ছয়ে ৬৭ রানে ব্যাট করছেন স্মিথ। ৩ বল খেলে এখনও রান করতে পারেননি ন্যাথান লায়ন।
প্রথম সেশনে ২২ ওভারে ৭৪ রানে চার উইকেট নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ২৬ ওভারে ১০৯ রানে নিয়ে আরও চার উইকেট।
প্রথম সেশনের মতোই দুটি উইকেট নিয়েছেন হাসান, একটি করে ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ।
অস্ট্রেলিয়াকে দুইশ রানের নিচে থামানোর সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশ। ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যানকে নিয়ে সংগ্রহ যতটা সম্ভব বাড়িয়ে নিতে চাইবেন স্মিথ। প্রথম সেশনে ২ রানে জীবন পেয়েছিলেন তিনি।
13 Aug 2026, 11:14 AM
স্টার্ককে ফিরিয়ে হাসানের চার
দুই ওপেনারকে বিদায় করার পর লোয়ার অর্ডারে ছোবল দিয়েছেন হাসান মাহমুদ। চমৎকার বোলিংয়ে এই পেসার নিয়েছেন চার উইকেট।
হাসানের চতুর্থ শিকার মিচেল স্টার্ক। অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ড্রাইভ করতে চেয়েছিলেন তিনি। মাঝ ব্যাটে নিতে পারেননি তিনি। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।
১১ বলে ১ রান করেন স্টার্ক।
৪৭ ওভারে অস্ট্রেলিয়ার রান ৮ উইকেটে ১৭৬। ক্রিজে স্টিভেন স্মিথের সঙ্গী ন্যাথান স্মিথ।
13 Aug 2026, 11:00 AM
কামিন্সকে টিকতে দিলেন না হাসান
বোলিং পরিবর্তন কাজে লাগল আরও একবার। ইবাদত হোসেনের জায়গায় আক্রমণে ফিরে নিজের প্রথম ওভারে উইকেটে পেয়েছিলেন তাসকিন আহমেদ। তার জায়গায় বোলিংয়ে এসে উইকেট পেলেন হাসান মাহমুদও।
হাসানের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে ব্যাট চালিয়ে দিয়ে লিটন দাসের গ্লাভসে ধরা পড়েন প্যাট কামিন্স। তিনি হাসানের তৃতীয় শিকার।
১৯ বলে এক চারে ৯ রান করেন কামিন্স।
৪৫ ওভারে অস্ট্রেলিয়ার রান ৭ উইকেটে ১৭২। ক্রিজে স্টিভেন স্মিথের সঙ্গী মিচেল স্টার্ক।
13 Aug 2026, 10:43 AM
৭৬ বলে স্মিথের পঞ্চাশ
২ রানে ফিরতে পারতেন স্টিভেন স্মিথ। স্লিপে তানজিদ হাসান ক্যাচ নিতে না পারায় বেঁচে যান তিনি। নড়বড়ে শুরুর পর ধীরে ধীরে ক্রিজে জমে গেছেন অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান। এক প্রান্ত আগলে রেখে তিনিই টানছেন অস্ট্রেলিয়াকে।
তাইজুল ইসলামের ওভারে দুটি সিঙ্গেল নিয়ে ৭৬ বলে পঞ্চাশ স্পর্শ করেন স্মিথ।
টেস্টে এটি তার ৪৫তম পঞ্চাশ, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়। আগের পঞ্চাশে তিনি থেমেছিলেন ৫৮ রানে।
৪০ ওভারে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ১৫৭। ৭৬ বলে এক ছয় ও ছয় চারে ৫০ রানে ব্যাট করছেন স্মিথ। ৫ বলে ২ রানে খেলছেন অধিনায়ক প্যাট কামিন্স।
13 Aug 2026, 10:37 AM
তাসকিনের দুর্দান্ত ডেলিভারিতে ভাঙল জুটি
আক্রমণে ফিরেই সাফল্য পেলেন তাসকিন আহমেদ। দুর্দান্ত এক ডেলিভারিতে অভিজ্ঞ পেসার পেলেন বাউ ওয়েবস্টারের উইকেট।
ক্রিজে যাওয়ার পর থেকে দ্রুত রানের চেষ্টায় ছিলেন ওয়েবস্টার। তাকে বেশি দূর এগোতে দিলেন না তাসকিন।
অফ স্টাম্পের একটু বাইরে পড়ে ভেতরে ঢোকা বলের লাইনে যেতে পারেননি ওয়েবস্টার। ব্যাটের কানা এড়িয়ে আঘাত হানে অফ স্টাম্পের চূড়ায়! ভাঙে ১৫ বল স্থায়ী ২৩ রানের জুটি।
দুই চারে ১০ বলে ১২ রান করেন ওয়েবস্টার।
৩৯ ওভারে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ১৫৪। ক্রিজে স্টিভ স্মিথের সঙ্গী অধিনায়ক প্যাট কামিন্স।
13 Aug 2026, 10:25 AM
জুটি ভাঙলেন ইবাদত
পানি বিরতির পর প্রথম বলেই উইকেট হারাল অস্ট্রেলিয়া। ইবাদত হোসেনের চমৎকার ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন অ্যালেক্স কেয়ারি।
স্টাম্পে থাকা ডেলিভারি পা খুব একটা না সরিয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার কিপার-ব্যাটসম্যান। মাঝ ব্যাটে নিতে পারেননি তিনি। ব্যাটের কানায় লেগে আঘাত হানে লেগ স্টাম্পে। ভাঙে ৮৫ বল স্থায়ী ৫৫ রানের জুটি।
৪৩ বলে দুই চারে কেয়ারি করেন ১৯ রান।
৩৭ ওভারে অস্ট্রেলিয়ার রান ৫ উইকেটে ১৩৮। ক্রিজে স্টিভেন স্মিথের সঙ্গী বাউ ওয়েবস্টার।
13 Aug 2026, 10:10 AM
স্মিথ-কেয়ারির জুটিতে অস্ট্রেলিয়ার প্রতিরোধ
পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়েছেন দুই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও অ্যালেক্স কেয়ারি। তাদের জুটি পঞ্চাশ ছুঁয়েছে ৭১ বলে।
নড়বড়ে শুরুর পর উইকেটে থিতু হয়ে গেছেন স্মিথ। রানের গতি বাড়ানোর চেষ্টা করছেন ২ রানে বেঁচে যাওয়া এই ব্যাটসম্যান।
লাঞ্চের পর ব্যাটিংয়ে আসা কেয়ারিও চেষ্টা করছেন রানের চাকা সচল রাখার জন্য। তাদের জুটিতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া।
৩৪ ওভারে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ১২৬। ৬৪ বলে ছয় চারে ৩৬ রানে ব্যাট করছেন স্মিথ। ৩৩ বলে দুই চারে ১৭ রানে খেলছেন কেয়ারি।
13 Aug 2026, 09:52 AM
৩০তম ওভারে স্পিন
ধীরে ধীরে জমে যাচ্ছে স্টিভেন স্মিথ ও অ্যালেক্স কেয়ারির জুটি। তাদের বিচ্ছিন্ন করতে বোলিংয়ে পরিবর্তন এনেছেন নাজমুল হোসেন শান্ত। ৩০তম ওভারে প্রথমবারের মতো আক্রমণে এসেছেন কোনো স্পিনার।
তাইজুল ইসলামের আগে আক্রমণে এসেছেন মেহেদী হাসান মিরাজ। অফ স্পিনারের প্রথম পাঁচ বল ডট খেলে শেষটায় সিঙ্গেল নেন স্মিথ।
৩০ ওভারে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ৯৮। ২৬ বলে কেয়ারির রান ১৩। ৪৭ বলে স্মিথের রান ১৮।
13 Aug 2026, 08:48 AM
চার উইকেট ও একটি আক্ষেপ
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট খেলতে নেমে প্রথম সেশন দারুণ কেটেছে বাংলাদেশের। তানজিদ হাসান স্লিপে স্টিভেন স্মিথের ক্যাচ নিতে পারলে সেশন হতে পারত আরও ভালো।
প্রথম দুই ঘণ্টায় কেবল ২২ ওভার বোলিং করতে পেরেছে বাংলাদেশ। এই সময়ে নিতে পেরেছে চারটি উইকেট। ২২ বছরের মধ্যে ডারউইনে প্রথম টেস্টের প্রথম সেশনে অস্ট্রেলিয়া করতে পেরেছে ৭৪ রান।
২ রানে তানজিদের হাতে জীবন পান স্মিথ। ৭ রানে কটবিহাইন্ডের জোরাল আবেদন থেকে বাঁচেন তিনি। বল যে ব্যাট স্পর্শ করেনি, তা যেন বিশ্বাসই হচ্ছিল না বাংলাদেশের ফিল্ডারদের।
দুই ওপেনারকে বিদায় করেন হাসান মাহমুদ। ২০ বলে ১ রান করা মার্নাস লাবুশেনের ভোগান্তির ইতি টানেন ইবাদত হোসেন। লাঞ্চের আগে শেষ বলে ক্যামেরন গ্রিনকে বিদায় করেন তাসকিন আহেমদ।
ম্যাচের আগে ভাবা হচ্ছিল টস জয়ী অধিনায়ক ফিল্ডিং নেবেন। কিন্তু প্যাট কামিন্স নেন ব্যাটিং। সে সময় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, টস হেরে ভালোই হয়েছে। প্রথম সেশনে বোলাররা অন্তত সেটা প্রমাণ করতে পেরেছেন।
গতিময় পেসার নাহিদ রানা ও বাঁহাতি পেসার শরিফুল ইসলামের অনুপস্থিতির পরও পেস বোলিংয়ে উন্নতির ছাপ রাখতে পেরেছে বাংলাদেশ।
13 Aug 2026, 08:40 AM
গ্রিনকে টিকতে দিলেন না তাসকিন
আরেকটি উইকেট নিয়ে প্রথম সেশন শেষ করল বাংলাদেশ। লাঞ্চের আগে শেষ বলে ক্যামেরন গ্রিনকে বিদায় করলেন তাসকিন আহমেদ।
ওভারের প্রথম বল ছিল শর্ট, ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা পান গ্রিন। শেষ বলে শর্ট মিডউইকেটে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন তিনি।
শরীরের চেয়ে বেশ দূরের বল ঠিকঠাক খেলতে পারেননি গ্রিন। এমন কিছুর অপেক্ষায় থাকা অভিজ্ঞ মুশফিকুর রহিম কাজে লাগান সুযোগ।
১৩ বলে এক ছয়ে ১৩ রান করেন গ্রিন।
২২ ওভারে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ৭৪। ২৫ বলে এক চারে ৭ রানে খেলছেন স্মিথ।
13 Aug 2026, 08:31 AM
আরেকটি রিভিউ হারাল বাংলাদেশ
কিপার লিটন দাস এবং স্লিপ ফিল্ডাররা নিশ্চিত ছিলেন, স্টিভেন স্মিথের ব্যাটের কানা নিয়েছে বল। আম্পায়ার কট বিহাইন্ডের জোরাল আবেদনে সাড়া না দিলে দ্রুতই রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত।
কিন্তু তাতে কাজ হয়নি। ব্যাটে খেলতে পারেননি স্মিথ। কানা ঘেঁষে বেরিয়ে যায় বল। বাংলাদেশ হারায় দ্বিতীয় রিভিউ।
সে সময় ৭ রানে ছিলেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান।
এর আগে ২ রানে তৃতীয় স্লিপে তানজিদ হাসানের হাতে জীবন পান তিনি।
২০ ওভারে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ৬৮।
13 Aug 2026, 08:19 AM
দ্রুত ফিরলেন লাবুশেন
প্রবল চাপে থাকা মার্নাস লাবুশেন ফিরলেন দ্রুত। ইবাদত হোসেন চৌধুরির চমৎকার ডেলিভারিতে স্লিপে ধরা পড়লেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
ইবাদতের অফ স্টাম্পের বাইরের বল দ্বিধা নিয়ে খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন লাবুশেন। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে দ্বিতীয় স্লিপে, নাজমুল হোসেন শান্তর হাতে।
বেশ অস্বস্তিতে ছিলেন লাবুশেন। ১৪তম বলে প্রথম রানের দেখা পান তিনি। শেষ পর্যন্ত ফেরেন ২০ বলে ১ রান করে।
১৯ ওভারে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ৬৪। ক্রিজে স্টিভেন স্মিথের সঙ্গী ক্যামেরন গ্রিন।
13 Aug 2026, 08:08 AM
২ রানে জীবন পেলেন স্মিথ
স্টিভেন স্মিথকে শুরুতেই ফেরানোর একটা বড় সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। ইবাদত হোসেনের বলে অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যানের ক্যাচ ছাড়লেন তানজিদ হাসান।
অফ স্টাম্পের বাইরের বল ঠিকঠাক খেলতে পারেননি স্মিথ। ব্যাটের কানা ছুঁয়ে ক্যাচ যায় তৃতীয় স্লিপে। সামনে হাত বড়িয়ে বলে হাত ছোঁয়ালেও মুঠোয় নিতে পারেননি তানজিদ! ফিল্ডারদের হাত উঠে যায় মাথায়।
সে সময় ২ রানে ছিলেন স্মিথ।
১৭ ওভারে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ৫৬। ১০ বলে ৩ রানে খেলছেন স্মিথ। ১৭ বলে মার্নাস লাবুশেনের রান ১।
13 Aug 2026, 07:52 AM
হেডকেও ফেরালেন হাসান
পরপর দুই ওভারে দুটি উইকেট নিলেন হাসান মাহমুদ। প্রথম সেশনে দুই ওপেনারকে হারাল অস্ট্রেলিয়া।
আগের বলে বাউন্ডারি পান ট্রাভিস হেড। পরের বলে তিনি হয়ে যান বোল্ড।
একটু বাড়তি বাউন্স ঠিকঠাক সামলাতে পারেননি হেড। ব্যাটের কানা ছুঁয়ে প্যাডে লেগে আঘাত হানে স্টাম্পে! একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়েন তিনি।
৩৯ বলে তিন চারে ২২ রান করেন হেড।
১৪ ওভারে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ৫২। ক্রিজে মার্নাস লাবুশেনের সঙ্গী স্টিভেন স্মিথ।
13 Aug 2026, 07:40 AM
শুরুর জুটি ভাঙলেন হাসান
চমৎকার বোলিং করে যাওয়া হাসান মাহমুদের হাত ধরে এলো প্রথম সাফল্য। কট বিহাইন্ড হয়ে ফিরলেন জেইক ওয়েদেরল্ড। একদমই স্বস্তিতে ছিলেন না বাঁহাতি ওপেনার। তার ভোগান্তি শেষ হয় অফ স্টাম্পের বাইরের বল তাড়ার চেষ্টায়।
আগের ওভারে ইবাদত হোসেন চৌধুরির বলে একটুর জন্য বেঁচে যান ওয়েদেরল্ড। ব্যাটের কানায় লেগে স্টাম্পের পাশ দিয়ে পান বাউন্ডারি।
হাসানের অফ স্টাম্পের বেশ বাইরের বলে বাউন্ডারিতে সরিয়ে দিতে চেয়েছিলেন চাপ। কিন্তু পুরোপুরি বলের লাইনে যেতে পারেননি ওয়েদেরল্ড। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। ভাঙে ৭১ বল স্থায়ী ৪৫ রানের উদ্বোধনী জুটি।
৩৭ বলে চার চারে ২৩ রান করেন ওয়েদেরল্ড।
১২ ওভারে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৪৫। ক্রিজে ট্রাভিস হেডের সঙ্গী মার্নাস লাবুশেন।
13 Aug 2026, 07:25 AM
রিভিউয়ে ব্যর্থ বাংলাদেশ
নবম ওভারে বোলিংয়ে পরিবর্তন আনলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আক্রমণে এসে ট্রাভিস হেডকে বেশ ভোগালেন ইবাদত হোসেন চৌধুরি।
তার পঞ্চম বলে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হলো বাংলাদেশ।
ইম্প্যাক্ট ছিল আম্পায়ার্স কল, বল বেরিয়ে যেত অফ স্টাম্পের বাইরে দিয়ে।
ওভারটি মেডেন নেন ইবাদত।
৯ ওভারে অস্ট্রেলিয়ার রান বিনা উইকেটে ৩১।
13 Aug 2026, 07:11 AM
তাসকিন-হাসানের আঁটসাঁট বোলিং
আঁটসাঁট বোলিং করছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। নতুন বলে বেশ পরীক্ষা নিচ্ছেন দুই ওপেনার, বিশেষ করে জেইক ওয়েদেরল্ডের।
৬ ওভারে অস্ট্রেলিয়ার রান বিনা উইকেটে ১৯। ১৫ বলে ৪ রান ব্যাট করছেন ওয়েদেরল্ড। ২২ বলে এক চারে ৮ রানে খেলছেন ট্রাভিস হেড।
৩ ওভারে ৬ রান দিয়েছেন তাসকিন। চমৎকার কিছু ডেলিভারিতে ওয়েদেরল্ডকে ভোগানো হাসান ৩ ওভারে দিয়েছেন ৭ রান।
ঠিক স্বস্তিতে নেই ওয়েদেরল্ড। টাইমিং করতে পারছেন না তিনি। একটুর জন্য ব্যাটের কানা নিচ্ছে না বল। একবার বল গেছে স্টাম্পের একটু উপর দিয়ে।
13 Aug 2026, 06:15 AM
বাংলাদেশ একাদশে মিরাজ-তাইজুল
তিন পেসার ও দুই স্পিনার নিয়ে ডারউইন টেস্টে খেলতে নামছে বাংলাদেশ। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সঙ্গে আছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ।
জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টেস্টে খেলেননি মিরাজ। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করা অলরাউন্ডার ফিরলেন একাদশে।
প্রস্তুতি ম্যাচে ভালো করা পেসার হাসান মাহমুদের সঙ্গে আছেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। জায়গা হয়নি সৈয়দ খালেদ আহমেদের।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি।
13 Aug 2026, 06:15 AM
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সিরিজের প্রথম ম্যাচে টস জিতলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়া অধিনায়ক নিলেন ব্যাটিং।
অভিজ্ঞ এই পেসার বললেন, তারা দারুণ রোমাঞ্চিত এবং দীর্ঘ সময় ধরে এটার অপেক্ষায় ছিলেন।
ম্যাচের আগে ধারণা করা হচ্ছিল, টস জয়ী দল ফিল্ডিং নেবেন। তবে সেই ভাবনার বিপরীতে গেলেন কামিন্স।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, এখানে থাকতে পেরে তিনি গর্বিত ও রোমাঞ্চিত।
13 Aug 2026, 05:54 AM
লম্বা সময় পর একাদশে কামিন্স-স্টার্ক-হেইজেলউড
বরাবরের রীতি অনুসরণ করে টেস্টের আগের দিনই একাদশ ঘোষণা করে দেয় অস্ট্রেলিয়া। অনুমিতভাবেই দুই পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বাউ ওয়েবস্টারকে রেখে একাদশ সাজায় তারা।
ওনিংয়ে ট্রাভিস হেডের সঙ্গে আছেন ডারউইনের ঘরের ছেলে জেইক ওয়েদেরল্ড। ডারউইন তথা নর্দান টেরিটরিতে জন্ম ও এখানেই বেড়ে ওঠা একমাত্র টেস্ট ক্রিকেটার তিনি। গত অ্যাশেজে পাঁচ টেস্ট খেলে স্রেফ একটি ফিফটি করলেও দলে টিকে গেছেন বাঁহাতি ওপেনার। বাংলাদেশের বিপক্ষে ভালো করতে না পারলে নিশ্চিতভাবেই জায়গা হারাবেন।
দলে জায়গা টিকিয়ে রাখার লড়াইয়ে আছেন মার্নাস লাবুশেনও, তিনি নামবেন তিন নম্বরে। সবশেষ সাত ইনিংসে তার ফিফটি নেই, শতরান নেই ৪০ ইনিংস ধরে। ৩০ টেস্ট শেষের তার গড় ছিল ষাটের বেশি, ৫০ টেস্ট শেষে গড় ছিল পঞ্চাশ ছুঁইছুঁই, এখন তা নেমে হয়েছে ৪৪.৭০। এই সিরিজেও বড় রান না পেলে সামনের দক্ষিণ আফ্রিকা সফরে তাকে দেখতে পাওয়ার সম্ভাবনা সামান্যই।
বিখ্যাত পেস ত্রয়ী প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হেইজেলউড আবার একসঙ্গে নামছেন এক বছরেরও বেশি সময় পর। চোটের কারণে গত অ্যাশেজে একটি টেস্ট মাত্র খেলতে পেরেছিলেন কামিন্স, হেইজেলউড খেলতে পারেননি একটিও। সব ঝামেলা কাটিয়ে তারা ফিরেছে। অ্যাশেজের মাঝপথে ছিটকে পড়া অফ স্পিনার ন্যাথান লায়নও ফিরেছেন ফিট ও চনমনে হয়ে।
অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, জেইক ওয়েদেরল্ড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেয়ারি, বাউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, ন্যাথান লায়ন, জশ হেইজেলউড।
13 Aug 2026, 05:48 AM
বাংলাদেশের দীর্ঘ অপেক্ষার অবসান
২০০৩ সালের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। অবসান হচ্ছে তাদের ২৩ বছরের দীর্ঘ অপেক্ষার। অন্য দিকে, এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার ব্যস্ত এক সময়ের। আগামী ১২ মাসে ২০ কিংবা ২১টি টেস্ট খেলবে তারা।
ডারউইনে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সাড়ে ৬টায় (এএম)।
পরেরবার কবে অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ মিলবে তা নিশ্চিত নয় এখনও। এবার দুই ম্যাচে ভালো করলে হয়তো পরের সফরের জন্য প্রায় দুই যুগের মতো দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।
তবে কাজটা মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য। প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে অলআউট হওয়া এবং ইনিংস ব্যবধানে হেরে যাওয়ার ধাক্কা সামাল দিয়ে পূর্ণ শক্তির অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মেলে ধরা বেশ কঠিনই হবে নাজমুল হোসেন শান্তর দলের জন্য।
একটা জায়গায় অস্ট্রেলিয়ার সঙ্গে সমতায় আছে বাংলাদেশ। দুই দলই জিতেছে নিজেদের শেষ পাঁচ টেস্টের চারটিতে।
13 Aug 2026, 05:43 AM
লাইভ ব্লগে স্বাগত
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ডারউইন টেস্টের প্রথম দিনের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।