21 Sep 2025, 12:20 AM
জয়ে সুপার ফোর পর্ব শুরু বাংলাদেশের
তিনটি চল্লিল ছোঁয়া জুটি, দুই ব্যাটসম্যানের পঞ্চাশে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর পর্ব শুরু করল বাংলাদেশ।
শেষ দিকে জমে ওঠা লড়াইয়ে ৪ উইকেটে জিতল লিটন দাসের দল। শ্রীলঙ্কার ১৬৮ তারা ছাড়িয়ে গেল ১ বল বাকি থাকতে।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৮/৭ (নিসাঙ্কা ২২, কুসাল মেন্ডিস ৩৪, মিশারা ৫, কুসাল পেরেরা ১৬, শানাকা ৬৪*, আসালাঙ্কা ২১, কামিন্দু ১, হাসারাঙ্গা ২, ওয়েল্লালাগে ০*; শরিফুল ৪-০-৪৯-০, নাসুম ৪-০-৩৬-০, তাসকিন ৪-০-৩৭-১, মেহেদি ৪-০-২৫-২, মুস্তাফিজ ৪-০-২০-৩)
বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৬৯/৬ (সাইফ ৬১, তানজিদ ০, লিটন ২৩, হৃদয় ৫৮, শামীম ১৪*, জাকের ৯, মেহেদি ০, নাসুম ১*; থুসারা ৪-০-৪২-১, চামিরা ৪-০-৩২-১, ওয়েল্লালাগে ৪-০-৩৬-০, হাসারাঙ্গা ৪-০-২২-২, শানাকা ২.৫-০-২১-২, কামিন্দু ১-০-১৬-০)
ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী
21 Sep 2025, 12:15 AM
৪ উইকেটের জয়
দাসুন শানাকার করা শেষ ওভারে প্রয়োজন ছিল ৫ রান। প্রথম বলে বাউন্ডারি মেরে দুই দলের স্কোর সমান করেন জাকের আলি। পরের বলে বড় শট খেলতে গিয়ে হন বোল্ড।
চার বলে দুই চারে জাকের করেন ৯ রান।
ক্রিজে গিয়ে প্রথম বল ডট খেলেন শেখ মেহেদি হাসান। পরের বলে হন কট বিহাইন্ড!
আম্পায়ার আউট না দিলে রিভিউয়ে সফল হয় শ্রীলঙ্কা। বেরিয়ে আসা মেহেদির ব্যাটের কানা ছুঁয়ে গিয়েছিল বল।
নাসুম আহমেদ ক্রিজে যাওয়ার সময় ২ বলে প্রয়োজন ছিল ১ রান। ব্যাকওয়ার্ড পয়েন্টে বল পাঠিয়েই শামীম হোসেনের ডাকে দৌড় শুরু করেন তিনি। দ্রুতই ছুটছিলেন শামীম, এরপরও ফিল্ডারের থ্রো স্টাম্পে লাগলে রান আউট হয়ে যেতেন তিনি। সেটি হয়নি, শেষের নাটকীয় পেরিয়ে জয়ে সুপার ফোর পর্ব শুরু করল বাংলাদেশ।
21 Sep 2025, 12:06 AM
জয়ের কাছে গিয়ে ফিরলেন হৃদয়
দুশমন্থা চামিরার ফুলটসের লাইন মিস করে এলবিডব্লিউ হয়ে গেলেন তাওহিদ হৃদয়। ভাঙল ২৭ বল স্থায়ী ৪৫ রানের জুটি।
রিভিউ নিয়েও লাভ হয়নি, বল আঘাত হানত লেগ স্টাম্পে। ৩৭ বলে দুই ছক্কা ও চারটি চারে ৫৮ রান করেন হৃদয়।
ক্রিজে গিয়েই ফুলটসে বাউন্ডারিতে শুরু করেন জাকের আলি।
১৯ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৬৪। আর ৫ রান চাই বাংলাদেশের।
20 Sep 2025, 11:52 PM
৩১ বলে হৃদয়ের পঞ্চাশ
কামিন্দু মেন্ডিসের ওভারে দুই চার ও এক ছক্কায় ১৬ রান নিলেন তাওহিদ হৃদয়। পরে দুশমন্থা চামিরাকে মারলেন চার। আক্রমণে ফেরা ওয়ানিন্দু হাসারাঙ্গার ডেলিভারিতে সিঙ্গেল নিয়ে স্পর্শ করলেন পঞ্চাশ, ৩১ বলে।
শ্রীলঙ্কার বিপক্ষে দলকে টানছেন তরুণ এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তাকে এখন সঙ্গ দিচ্ছেন শামীম হোসেন। তাদের জুটিতে রান আসছে দ্রুত।
১৭ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৪৫। ৫৫ রানে খেলছেন হৃদয়। ৬ বলে ৩ রানে ব্যাট করছেন শামীম।
20 Sep 2025, 11:42 PM
সাইফের বিদায়ে ভাঙল জুটি
আক্রমণে ফিরে আবার সাফল্য পেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সাইফ হাসানকে বিদায় করে বাংলাদেশের আরেকটি পঞ্চাশ ছোঁয়া জুটি ভাঙলেন এই লেগ স্পিনার।
ঠিকঠাক বলের লাইনে যেতে পারেননি সাইফ। ব্যাটের কানায় লেগে শর্ট থার্ড ম্যানে ধরা পড়েন তিনি, দুনিথ ওয়েল্লালাগের হাতে। ভাঙে ৪৫ বল স্থায়ী ৫৪ রানের জুটি।
৪৫ বলে চার ছক্কা ও দুই চারে ৬১ রান করেন সাইফ।
১৪ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১১৪। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী শামীম হোসেন।
20 Sep 2025, 11:28 PM
৩৬ বলে সাইফের পঞ্চাশ
এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন সাইফ হাসান। ৩৬ বলে এই ওপেনার ছুঁয়েছেন তার ক্যারিয়ারের দ্বিতীয় পঞ্চাশ।
বাজে বল পেলে ছক্কা, চার মারছেন সাইফ। এর বাইরে এক-দুই নিয়ে সচল রাখছেন রানের চাকা। তাকে ঘিরেই খেলছে বাংলাদেশ।
১১ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৮৮। ৩৭ বলে সাইফের রান ৫১। ১১ বলে তাওহিদ হৃদয় খেলছেন ১২ রানে।
20 Sep 2025, 11:24 PM
মাঝপথে লড়াই সমানে-সমান
প্রথম ১০ ওভারে লড়াই হয়েছে প্রায় সমানে-সমান। কোনো দলকে এগিয়ে রাখা বেশ কঠিন।
১০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৮২। ৩৪ বলে ৪৯ রানে ব্যাট করছেন ওপেনার সাইফ হাসান। ৮ বলে ৮ রানে খেলছেন তাওহিদ হৃদয়।
শেষ ১০ ওভারে ৮৭ রান চাই বাংলাদেশের।
লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ছাড়া অন্য কেউ খুব একটা ভাবাাতে পারছেন না বোলারদের। লিটন দাসকে বিদায় করা হাসারাঙ্গা ২ ওভারে দিয়েছেন কেবল ৬ রান।
20 Sep 2025, 11:14 PM
লিটনের বিদায়ে ভাঙল দ্রুত এগোনো জুটি
পাওয়ার প্লের পর আক্রমণে এসেই সাফল্য পেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এই লেগ স্পিনারের বলে সীমানায় ক্যাচ দিয়ে ফিরলেন লিটন দাস।
টার্নের বিপক্ষে শট খেলে টাইমিং করতে পারেননি লিটন। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ নেন পাথুম নিসাঙ্কা। ভাঙে ৩৪ বল স্থায়ী ৫৯ রানের জুটি।
১৬ বলে তিন চারে লিটন করেন ২১ রান।
৭ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৬২। ক্রিজে সাইফ হাসানের সঙ্গী তাওহিদ হৃদয়।
20 Sep 2025, 11:07 PM
সাইফ-লিটনের জুটিতে পঞ্চাশ
শুরুতেই তানজিদ হাসান ফিরে গেলেও এর কোনো প্রভাব দলের উপর পড়তে দেননি সাইফ হাসান ও লিটন দাস। দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন তারা।
ষষ্ঠ ওভারে তাদের জুটির রান ছুঁয়েছে পঞ্চাশ, ২৮ বলে।
৬ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৫৯। ১৯ বলে তিন ছক্কা ও এক চারে ৩৪ রানে খেলছেন সাইফ। ১৫ বলে তিন চারে লিটনের রান ২৩।
পাওয়ার প্লেতে নুয়ান থুসারার ৩ ওভারে ৩০ রান নিয়েছে বাংলাদেশ। প্রথম ওভারে এই পেসার দিয়েছিলেন কেবল ২ রান। পরের দুই ওভার থেকে এসেছে ২৮।
জয়ের জন্য শেষ ১৪ ওভারে ১১০ রান চাই বাংলাদেশের।
20 Sep 2025, 10:45 PM
শুরুতেই ফিরলেন তানজিদ
শ্রীলঙ্কার বিপক্ষে আরও একবার ব্যর্থ তানজিদ হাসান। আবারও শূন্য রানে ফিরলেন বাঁহাতি এই ওপেনার।
নুয়ান থুসারার বল বেরিয়ে এসে খেলার চেষ্টায় লাইনেই যেতে পারেননি তানজিদ। বল আঘাত হানে অফ স্টাম্পে। গ্রুপ পর্বেও শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য রানে আউট হয়েছিলেন তানজিদ।
১ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ২। ক্রিজে সাইফ হাসানের সঙ্গী লিটন দাস।
20 Sep 2025, 10:38 PM
১৬৯ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
পাথুম নিসাঙ্কা ও কুসাল মেন্ডিসের ব্যাটে দারুণ সূচনা পাওয়া শ্রীলঙ্কা জাগিয়েছিল অনেক বড় সংগ্রহের সম্ভাবনা। তবে মুস্তাফিজুর রহমান ও শেষ মেহেদি হাসান তাদের থামিয়েছে কমেই।
২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান করেছে শ্রীলঙ্কা। এতে সবচেয়ে বড় অবদান দাসুন শানাকার। ৩৭ বলে ছয় ছক্কা ও তিন চারে এই পেস বোলিং অলরাউন্ডার অপরাজিত ৬৪ রানে।
১৯ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার মুস্তাফিজ। মেহেদি ২ উইকেট নেন ২৫ রানে।
এদিনও ফিল্ডিংয়ে তিনটি ক্যাচ ছেড়েছে বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে ভুগিয়েছেন শানাদা। ৩৮ রানে জীবন পেয়ে দলকে এনে দিয়েছেন লড়াইয়ের পুঁজি।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৮/৭ (নিসাঙ্কা ২২, কুসাল মেন্ডিস ৩৪, মিশারা ৫, কুসাল পেরেরা ১৬, শানাকা ৬৪*, আসালাঙ্কা ২১, কামিন্দু ১, হাসারাঙ্গা ২, ওয়েল্লালাগে ০*; শরিফুল ৪-০-৪৯-০, নাসুম ৪-০-৩৬-০, তাসকিন ৪-০-৩৭-১, মেহেদি ৪-০-২৫-২, মুস্তাফিজ ৪-০-২০-৩)
20 Sep 2025, 10:22 PM
মুস্তাফিজের জোড়া আঘাত
নিজের শেষ বলে আরও দুটি উইকেট নিলেন মুস্তাফিজুর রহমান। স্লোয়ার অফকাটারে ছক্কার চেষ্টায় লিটন দাসের গ্লাভসে ধরা পড়লেন কামিন্দু মেন্ডিস। ২ বলে তিনি করেন ১ রান।
পরের বলে ২ রান নেন নতুন ব্যাটসম্যান ওয়ানিন্দু হাসারাঙ্গা। কিন্তু ওভারের শেষ বলে ছক্কার চেষ্টায় লং অফে তানজিদ হাসানের হাতে ধরা পড়েন তিনিও। ২ বলে হাসারাঙ্গা করেন ২ রান।
৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নিলেন মুস্তাফিজ। তার ওভারে দুটি ক্যাচ হাতছাড়া না হলে বোলিং ফিগার হতে পারত আরও ভালো।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের তালিকায় সাকিব আল হাসানকে স্পর্শ করলেন মুস্তাফিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই দুই জনের উইকেট ১৪৯টি।
20 Sep 2025, 10:16 PM
আসালাঙ্কার রান আউটে ভাঙল জুটি
টানা তিন ওভারে তিনটি ক্যাচ ছাড়ল বাংলাদেশ। আগের ওভারে চারিথ আসালাঙ্কাকে জীবন দেওয়া তাওহিদ হৃদয় ব্যর্থ হলেন এবারও ক্যাচ মুঠোয় রাখতে। তবে তার থ্রোয়ে রান আউট হয়ে গেলেন লঙ্কা অধিনায়ক।
মুস্তাফিজুর রহমানের অফ স্টাম্পের বাইরের বল পুল করে ক্যাচ দেন আসালাঙ্কা। কিন্তু এগিয়ে এসে ক্যাচ নিতে পারেননি তিনি। ভাঙে ২৭ বল স্থায়ী ৫৭ রানের জুটি।
১২ বলে একটি করে ছক্কা ও চারে ২১ রান করেন আসালাঙ্কা।
১৮.১ ওভারে শ্রীলঙ্কার রান ১৫৩/৫।
20 Sep 2025, 10:06 PM
জীবন পেয়ে শানাকার পঞ্চাশ
প্রমোশন পেয়ে চারে পাঁচে ঝড় তুলেছেন দাসুন শানাকা। শরিফুল ইসলামের ওভারের শেষ দুই বলে মেরেছেন দুই ছক্কা। এতে ৩০ বলে ছুঁয়েছেন পঞ্চাশ।
প্রথম ছক্কায় জুটির রান স্পর্শ করে পঞ্চাশ।
এই ওভারেই ডিপ পয়েন্টে চারিথ আসালাঙ্কার ক্যাচ ছাড়েন তাওহিদ হৃদয়। সে সময় ১৭ রানে ছিলেন শ্রীলঙ্কা অধিনায়ক।
১৮ ওভারে শ্রীলঙ্কার রান ৪ উইকেটে ১৫৩।
20 Sep 2025, 10:01 PM
শানাকার ক্যাচ ছাড়লেন শামীম
আগ্রাসী ব্যাটিং করা দাসুন শানাকাকে ফেরানোর একটা সুযোগ হাতছাড়া করলেন শামীম হোসেন। মুস্তাফিজুর রহমানের স্লোয়ারে গায়ের জোরে মারতে গিয়ে পয়েন্টের দিকে ক্যাচ দেন শানাকা। অনেকটা দৌড়ে বলে হাত ছোঁয়ালেও মুঠোয় রাখতে পারেননি শামীম।
সে সময় ৩৮ রানে ছিলেন শানাকা।
১৭ ওভারে শ্রীলঙ্কার রান ৪ উইকেটে ১৩৫।
20 Sep 2025, 09:49 PM
শেষ ওভারে খরুচে নাসুম
১৫তম ওভারে ফিরে খরুচে বোলিং করলেন নাসুম আহমেদ। নিজের ওভারে দুই ছক্কা ও এক চারে দিলেন ১৭ রান।
দ্বিতীয় বলে সুইপ করে চার মেরে দলের একশ পূর্ণ করেন দাসুন শানাকা। পরের বল ওড়ান ছক্কায়। দুটি বল ডট খেলে সুইপে আরেকটি ছক্কা মারেন তিনি।
আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করা নাসুম এবার ৪ ওভারে ৩৬ রান দিয়ে উইকেটশূন্য।
20 Sep 2025, 09:47 PM
কুসাল পেরেরাকে ফেরালেন মুস্তাফিজই
আগের ওভারে যার ক্যাচ ধরার চেষ্টাই করেননি মুস্তাফিজুর রহমান, আক্রমণে ফিরে বিদায় করলেন সেই কুসাল পেরেরাকে।
আগের বলে চার হজম করেন মুস্তাফিজ। পরের বল ছিল অফ স্টাম্পের বেশ বাইরে, সেটা ঠিকঠাক খেলতে পারেননি কুসাল পেরেরা। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।
একটু সময় নিয়ে কট বিহাইন্ডের আবেদনে সাড়া দেন আম্পায়ার।
বলে ব্যাটের স্পর্শ টের পাননি ব্যাটসম্যান। রিভিউ নিয়ে ব্যর্থ হন তিনি। ১৬ বলে এক চারে কুসাল পেরেরা করেন ১৬ রান।
১৪ ওভারে শ্রীলঙ্কার রান ৪ উইকেটে ৯৮। ক্রিজে দাসুন শানাকার সঙ্গী চারিথ আসালাঙ্কা।
20 Sep 2025, 09:40 PM
ক্যাচের চেষ্টাই করলেন না মুস্তাফিজ
শরিফুল ইসলামের বলে একটা সুযোগ দিলেন কুসাল পেরেরা। কিন্তু ডিপ ফাইন লেগে ক্যাচের চেষ্টাই করলেন না মুস্তাফিজুর রহমান। একটু সামনে এগিয়ে ডাইভ দিলে হয়তো নাগালেই পেতেন তিনি। মিস করলে হয়তো বাউন্ডারি হতো। সেই ঝুঁকি নিলেন না মুস্তাফিজ, সহজ একটি রান নিতে দিলেন তিনি।
১৩ ওভারে শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ৯২।
20 Sep 2025, 09:25 PM
মিশারাকেও ফেরালেন মেহেদি
পরপর দুই ওভারে দুটি উইকেট পেলেন শেখ মেহেদি হাসান। এই অফ স্পিনারের বলে রিভার্স স্কুপের চেষ্টায় ফিরে গেলেন কামিল মিশারা।
ক্রিজে যাওয়ার পর থেকে স্বস্তিতে ছিলেন না মিশারা। ভুগছিলেন টাইমিং করতে। একবার অল্পের জন্য বেঁচে যান রান আউট থেকে।
অস্বস্তিময় উপস্থিতি শেষ হয় স্টাম্পে থাকা ডেলিভারিতে রিভার্স স্কুপের চেষ্টায়। ১১ বলে মিশারা করেন ৫ রান।
ক্রিজে গিয়েই বাউন্ডারিতে শুরু করেন দাসুন শানাকা। ২২ বলের মধ্যে লঙ্কানদের সেটাই প্রথম বাউন্ডারি।
১০ ওভারে শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ৭২।
20 Sep 2025, 09:19 PM
কুসাল মেন্ডিস-ঝড় থামালেন মেহেদি
আগের ওভারে ছক্কা হজমের মধুর প্রতিশোধ নিলেন শেখ মেহেদি হাসান। ঝড়ের আভাস দেওয়া কুসাল মেন্ডিসকে ফিরিয়ে দিলেন এই অফ স্পিনিং অলরাউন্ডার।
মিডল স্টাম্পে থাকা ডেলিভারিতে সুইপ করে ছক্কার চেষ্টায় সফল হননি মেন্ডিস। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ নেন সাইফ হাসান। ২৫ বলে তিন ছক্কা ও এক চারে ৩৪ রান করেন লঙ্কান ওপেনার।
৮ ওভারে শ্রীলঙ্কার রান ২ উইকেটে ৬০। ক্রিজে কামিল মিশারার সঙ্গী কুসাল পেরেরা।
20 Sep 2025, 09:06 PM
পাওয়ার প্লেতে শ্রীলঙ্কার ঝড়
একটি উইকেট হারালেও পাওয়ার প্লেতে দ্রুত রান তুলেছে শ্রীলঙ্কা।
৬ ওভারে লঙ্কানদের সংগ্রহ ১ উইকেটে ৫৩। ১৯ বলে ৩১ রানে ব্যাট করছেন কুসাল মেন্ডিস। ২ বল খেলেছেন কামিল মিশারা। ১৫ বলে ২২ রান করে ফিরে গেছেন পাথুম নিসাঙ্কা।
একদিকে বাউন্ডারি ছোট থাকায় বেশ ভুগতে হচ্ছে বোলারদের। সেদিক থেকে বাউন্ডারিও আসছে নিয়মিত।
20 Sep 2025, 09:03 PM
নিসাঙ্কাকে ফিরিয়ে জুটি ভাঙলেন তাসকিন
পঞ্চম ওভারে আক্রমণে এসে প্রথম বলে পাথুম নিসাঙ্কার ব্যাটে ছক্কা হজম করেছিলেন তাসকিন আহমেদ। ওভারের শেষ করলেন তিনি হাসি মুখে। শেষ বলে পেলেন নিসাঙ্কার উইকেট।
মিডল-লেগ স্টাম্পে পিচ করা ডেলিভারি ফ্লিক করেন নিসাঙ্কা। টাইমিং করতে পারেননি লঙ্কান ওপেনার। সীমানা থেকে অনেকটা এগিয়ে এসে ক্যাচ নেন সাইফ হাসান। ভাঙে ৩০ বল স্থায়ী ৪৪ রানের উদ্বোধনী জুটি।
১৫ বলে তিন চার ও এক ছক্কায় নিসাঙ্কা করেন ২২ রান।
৫ ওভারে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ৪৪। ক্রিজে কুসাল মেন্ডিসের সঙ্গী কামিল মিশারা।
20 Sep 2025, 08:52 PM
শ্রীলঙ্কার ভালো শুরু
টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছে শ্রীলঙ্কা। প্রথম ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে তারা করেছে ২৮ রান।
একাদশে ফেরা শরিফুল ইসলামের দুই ওভার থেকে এসেছে ২৩ রান। ম্যাচের প্রথম ওভারে কুসাল মেন্ডিসের ব্যাটে হজম করেছিলেন ছক্কা। পরের ওভারের শেষ তিন বলে পাথুম নিসাঙ্কার ব্যাটে হজম করেন টানা তিনটি চার।
মাঝের ওভারে এক চারে ৫ রান দেন নাসুম আহমেদ।
20 Sep 2025, 08:16 PM
একই একাদশ নিয়ে শ্রীলঙ্কা
আফগানিস্তানকে হারানো একাদশে কোনো পরিবর্তন আনেনি শ্রীলঙ্কা। বাবার মৃত্যুতে দেশে গিয়ে ফের দলে যোগ দেওয়া দুনিথ ওয়াল্লালাগে টিকে গেছেন দলে। আফগানিস্তানের বিপক্ষে খরুচে শেষ ওভারের পরও তার উপর আস্থা রেখেছে গত আসরের রানার্সআপরা।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কামিল মিশারা, কুসাল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েল্লালাগে, দুশমান্থা চামিরা, নুয়ান থুসারা।
20 Sep 2025, 08:12 PM
বাংলাদেশ দলে দুই পরিবর্তন
আফগানিস্তানকে হারানো একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পাঁচ বিশেষজ্ঞ বোলার নিয়ে নামছে লিটন দাসের দল।
একাদশে জায়গা হারিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও মিডল অর্ডার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। একাদশে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম ও অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
20 Sep 2025, 08:09 PM
উইকেট নিয়ে দ্বিধায় আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ
উইকেট নিয়ে দ্বিধায় আছেন, টসের সময় স্বীকার করে নিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সে কারণেই টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি।
“এখানে প্রথম পর্বের খেলায় দেখেছি, পরে ব্যাট করা দল জিতেছে। আমরা খুবই রোমাঞ্চিত। দলের সবাই খুব ভালো করছে। আমরা দুটি পরিবর্তন এনেছি।”
শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কা বললেন, টস জিতে তিনিও ফিল্ডিংই নিতেন।
“দেখে উইকেট শুষ্ক মনে হচ্ছে। এটা ব্যবহৃত পিচ। তাই আমরা আগে ব্যাট করছি, এটা কোনো ব্যাপার নয়। দলে অনেক তরুণ খেলোয়াড় এসেছে এবং তারা পারফরম করছে।”
20 Sep 2025, 07:33 PM
সুপার ফোরে নতুন শুরুর লক্ষ্যে নামছে বাংলাদেশ
কঠিন গ্রুপ থেকে সুপার ফোরে জায়গা করে নেওয়ার পর এশিয়া কাপে নতুন শুরুর দিকে তাকিয়ে বাংলাদেশ। এই পর্বে লিটন দাসদের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
দুবাইয়ে সুপার ফোরের প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। গ্রুপ পর্বে লিটনরা সব ম্যাচ খেলেছেন আবু ধাবিতে। চলতি আসরে এই প্রথম দুবাইয়ে খেলছেন তারা।
একই গ্রুপে ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেখানে ব্যাটিংয়ে বাজে শুরু করা বাংলাদেশ শেষ পর্যন্ত হেরেছিল। সেই হারেই গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা জেগেছিল। তবে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে টিকে যায় লিটনের দল।
এখনও সঠিক একাদশ বেছে নিতে ভুগছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে স্রেফ চার বিশেষজ্ঞ বোলার নিয়ে নামায় দিতে হচ্ছিল চড়া মাশুল। শ্রীলঙ্কার বিপক্ষে বোলিংয়ে শক্তি বাড়াতে একাদশে পরিবর্তন আনতেই হবে বাংলাদেশের।
সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে দুই দলের লড়াই চলছে সমানে-সমানে। কখনও শ্রীলঙ্কা জেতে তো কখনও বাংলাদেশ। প্রথম লড়াইয়ে শ্রীলঙ্কার জয়ের পর এবার লিটনদের জবাব দেওয়ার পালা।